
আটলান্টা, জর্জিয়া: জর্জিয়া অঙ্গরাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাধারণ নির্বাচন স্থানীয় সময় রবিবার (৩০ নভেম্বর) গ্লোবাল মল অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে দুইটি প্যানেল— বাবুল–রউফ প্যানেল এবং শামিম–শান্ত প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। কোন প্যানেলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় উভয় প্যানেল থেকেই বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বাবুল–রউফ প্যানেলের আরেফিন বাবুল এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন শামিম–শান্ত প্যানেলের আহমেদ হাসান শান্ত।
এ ছাড়া সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শামিম–শান্ত প্যানেলের জাহিদ ইসলাম শ্যামল এবং বাবুল–রউফ প্যানেলের সঞ্জয় দাস রিপন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন মোহাম্মদ তুহিন খান (শামিম–শান্ত প্যানেল) এবং অর্থ সম্পাদক হয়েছেন নীপা দাস (শামিম–শান্ত প্যানেল)। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাবুল–রউফ প্যানেলের আহমেদ রউফ সাদি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সিন্ধা দত্ত মনি (বাবুল–রউফ প্যানেল), জনসংযোগ সম্পাদক হয়েছেন মেহজাবিন নাজ (শামিম–শান্ত প্যানেল) এবং ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রেদোওয়ান পলাশ (শামিম–শান্ত প্যানেল)।
নির্বাহী সদস্য হিসেবে মোট পাঁচজন নির্বাচিত হন। শামিম–শান্ত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আবু তালুকদার, নাজমিয়া মাহতাব জারা এবং বেলায়েত হোসেন রতন। অপরদিকে বাবুল–রউফ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হুমায়ূন কবীর ও সোহরাব উদ্দিন আহমেদ। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার রেজা করীম। তাঁর সঙ্গে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ খান রাসেল, ইলা চন্দ, মহিন উদ্দিন দুলাল এবং রাসেল ভূঁইয়া।
এ বছরের নির্বাচনকে ঘিরে কমিউনিটিতে ব্যাপক উৎসাহ দেখা যায় এবং দুই প্যানেল থেকেই প্রার্থী নির্বাচিত হওয়ায় অনেকেই মনে করছেন এটি জর্জিয়ার বাংলাদেশি সম্প্রদায়ের জন্য একটি ভারসাম্যপূর্ণ ও প্রতিনিধিত্বমূলক কমিটি গঠনে সহায়তা করবে।
আমেরিকা বাংলা | আমেরিকার বাংলা খবর, কমিউনিটি ও বিশ্ব সংবাদ আমেরিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্বশেষ বাংলা খবর, কমিউনিটি সংবাদ ও বিশ্ব আপডেট।