চিরযৌবনের জন্য কোটি কোটি টাকা ব্যয় করা ব্রায়ান জনসন বললেন, 'আমার পাকস্থলী নিজেই নিজেকে খাচ্ছে'
দীর্ঘায়ু ও বার্ধক্য ঠেকানোর লক্ষ্যে প্রতিবছর কোটি কোটি টাকা ব্যয় করে বিশ্বজুড়ে আলোচনায় আসা মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও বায়োহ্যাকার ব্রায়ান জনসন জানিয়েছেন, তিনি বর্তমানে একটি বিরল ও নিরাময়হীন অটোইমিউন রোগে আক্রান্ত। ‘অটোইমিউন গ্যাস্ট্রাইটিস (এআইজি)’ নামে পরিচিত এই রোগে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা নিজেই পাকস্থলীর আস্তরণে আক্রমণ চালায়। নিজের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, "আমার পাকস্থলী নিজেই নিজেকে খেয়ে ফেলছে।"
৪৮ বছর বয়সী ব্রায়ান জনসন বিশ্বের সবচেয়ে পরিচিত বায়োহ্যাকারদের একজন। বার্ধক্যের গতি কমানো এবং যতদিন সম্ভব সুস্থভাবে বেঁচে থাকার লক্ষ্য নিয়ে তিনি প্রতিবছর প্রায় ২০ লাখ মার্কিন ডলার ব্যয় করেন। নিয়মিত রক্ত পরীক্ষা, এমআরআই, কোলনোস্কপি, কঠোর খাদ্যাভ্যাস, ঘুমের নির্দিষ্ট সময়সূচি এবং নানা পরীক্ষামূলক স্বাস্থ্যসেবা তার দৈনন্দিন জীবনের অংশ। ২০২৩ সালে প্রকাশিত তার নেটফ্লিক্স তথ্যচিত্র Don't Die: The Man Who Wants to Live Forever তাকে বিশ্বব্যাপী আরও পরিচিত করে তোলে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে জনসন জানান, গত মে মাসে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে অটোইমিউন গ্যাস্ট্রাইটিস ধরা পড়ে। তবে তিনি নিশ্চিত নন, ঠিক কত বছর ধরে তিনি এই রোগে ভুগছিলেন। চিকিৎসকেরা জানান, তার দীর্ঘদিনের অস্বাভাবিকভাবে কম ফেরিটিন বা আয়রন সঞ্চয়ের মাত্রার কারণ অনুসন্ধান করতেই রোগটি শনাক্ত হয়। রক্ত পরীক্ষা, এন্ডোস্কোপি এবং পাকস্থলীর বায়োপসির মাধ্যমে রোগটি নিশ্চিত করা হয়।
জনসনের ভাষ্য অনুযায়ী, গত ১১ বছর ধরে তার ফেরিটিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে কম ছিল। খাদ্যাভ্যাস পরিবর্তন, পুষ্টি গ্রহণ এবং বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরও অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়নি। পরে বিশেষায়িত পরীক্ষায় দেখা যায়, তার শরীরে অ্যান্টি-প্যারিয়েটাল সেল অ্যান্টিবডির মাত্রা বেড়ে গেছে, যা অটোইমিউন গ্যাস্ট্রাইটিসের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। পাকস্থলীর বায়োপসিতে রোগটির প্রাথমিক পর্যায়ের উপস্থিতি নিশ্চিত হয়।
তিনি আরও জানান, ২১ বছর বয়সেই তার হাইপোথাইরয়েডিজম ধরা পড়েছিল এবং প্রায় তিন দশক ধরে ওষুধের মাধ্যমে সেটি নিয়ন্ত্রণে রেখেছেন। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে, যাদের আগে থেকেই অন্য কোনো অটোইমিউন রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে অটোইমিউন গ্যাস্ট্রাইটিস হওয়ার ঝুঁকিও তুলনামূলক বেশি।
ব্রিটিশ স্বাস্থ্য সংস্থা গাটস ইউকের তথ্য অনুযায়ী, অটোইমিউন গ্যাস্ট্রাইটিসে শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা পাকস্থলীর অ্যাসিড উৎপাদনকারী কোষে আক্রমণ করে। ফলে আয়রন ও ভিটামিন বি-১২ শোষণে সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে এতে রক্তস্বল্পতা, পুষ্টির ঘাটতি এবং কিছু ক্ষেত্রে পাকস্থলীর ক্যানসারের ঝুঁকিও বেড়ে যেতে পারে। রোগটির সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে বদহজম, বমি বমি ভাব, অল্প খাওয়াতেই পেট ভরে যাওয়ার অনুভূতি, পেটে জ্বালাপোড়া বা ব্যথা এবং অকারণে ওজন কমে যাওয়া। তবে অনেক ক্ষেত্রেই দীর্ঘ সময় কোনো স্পষ্ট উপসর্গ দেখা যায় না, ফলে রোগটি শনাক্ত হতে দেরি হয়।
ব্রায়ান জনসন মনে করেন, শৈশবে অতিরিক্ত ফাস্টফুড, চিনিযুক্ত খাবার ও কোমল পানীয় গ্রহণ এবং পরবর্তী সময়ে ব্যবসায়িক চাপ ও মানসিক অবসাদ তার শরীরে অটোইমিউন সমস্যার সূচনা ঘটাতে পারে। যদিও এ বিষয়ে নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবু তিনি নিজের অভিজ্ঞতা থেকে এ সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।
বর্তমানে অটোইমিউন গ্যাস্ট্রাইটিসের কোনো অনুমোদিত স্থায়ী চিকিৎসা নেই। সাধারণত চিকিৎসকেরা রোগের উপসর্গ নিয়ন্ত্রণ, পুষ্টির ঘাটতি পূরণ এবং সম্ভাব্য জটিলতা পর্যবেক্ষণের পরামর্শ দেন। তবে জনসন জানিয়েছেন, তিনি এবং তার চিকিৎসক দল আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জিনভিত্তিক গবেষণা ও উন্নত জীববৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে রোগটির কার্যকর সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন।
তিনি বলেন, "আজ পর্যন্ত অটোইমিউন গ্যাস্ট্রাইটিসের কোনো অনুমোদিত নিরাময় নেই। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত জীববিজ্ঞান ও আধুনিক চিকিৎসা প্রযুক্তির এই যুগে শুধু অতীতে নিরাময় ছিল না বলেই কোনো রোগকে চিরস্থায়ীভাবে নিরাময় অযোগ্য ধরে নেওয়া উচিত নয়।" একই সঙ্গে তিনি জানান, তার লক্ষ্য এখনো অপরিবর্তিত, যতদিন সম্ভব সুস্থভাবে বেঁচে থাকা এবং নতুন চিকিৎসা উদ্ভাবনের সম্ভাবনা অনুসন্ধান করা।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
স্বাস্থ্য
View moreমস্তিষ্কে অস্ত্রোপচারের পর মানুষের মুখে বিড়ালের চোখ ও অন্যান্য বৈশিষ্ট্য দেখতে শুরু করেছেন যুক্তরাষ্ট্রের ২৮ বছর বয়সী এক তরুণ। শুধু মানুষের মুখেই নয়, কখনো নিজের পোষা বিড়ালের মুখেও পরিচিত মানুষের চোখ ও মুখের বৈশিষ্ট্য দেখতে পান তিনি। চিকিৎসাবিজ্ঞানে বিরল এই অভিজ্ঞতার কথা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের ডার্টমাউথ কলেজের গবেষকদের প্রকাশিত এক প্রতিবেদনে। গবেষকদের মতে, মস্তিষ্কের যে অংশ মুখের বৈশিষ্ট্য শনাক্ত ও বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, অস্ত্রোপচারের পর সেই অংশের কার্যক্রমে পরিবর্তনের সঙ্গে এই অভিজ্ঞতার সম্পর্ক থাকতে পারে। গবেষণায় ওই তরুণের নাম প্রকাশ না করে তাঁকে ‘কার্ল’ নামে উল্লেখ করা হয়েছে। তাঁর মস্তিষ্কের ডান পাশের পেছনের টেম্পোরাল লোব বা কানের পাশের অংশে অস্ত্রোপচার করা হয়েছিল। সেখানে ধমনি ও শিরার অস্বাভাবিক জট পাকানো সংযোগ বা আর্টেরিওভেনাস ম্যালফরমেশন (এভিএম) ছিল। এ ধরনের রক্তনালির অস্বাভাবিক সংযোগ থেকে মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হতে পারে। চিকিৎসার জন্য অস্ত্রোপচারের সময় ওই অংশের কিছু টিস্যু অপসারণ করা হয়। এরপর থেকেই তাঁর মুখ দেখার অভিজ্ঞতায় অস্বাভাবিক পরিবর্তন দেখা দেয়। কার্লের একটি ধূসর রঙের পোষা বিড়াল রয়েছে, নাম লুনা। সকালে ঘুম থেকে উঠে প্রথমে যদি তিনি বিড়ালটিকে দেখেন, তাহলে দিনের পরবর্তী সময়ে মানুষের মুখে বিড়ালের চোখের আকৃতি, বড় মণি কিংবা শরীরের ডোরাকাটা নকশার মতো বৈশিষ্ট্য দেখতে পান। আবার সকালে প্রথমে কোনো পরিচিত মানুষের মুখ দেখলে সেই ব্যক্তির চোখের আকৃতি ও মণির বৈশিষ্ট্য অন্য মানুষের মুখে এমনকি নিজের বিড়ালের মুখেও দেখতে পারেন। কখনো একজন মানুষের মুখের বৈশিষ্ট্য অন্য মানুষের মুখেও স্থানান্তরিত হচ্ছে বলে মনে হয় তাঁর। গবেষকদের ভাষ্য অনুযায়ী, এই অস্বাভাবিক অভিজ্ঞতা প্রায় দুই বছর ধরে চলছে। কখনো কয়েক ঘণ্টা, আবার কখনো পুরো দিনই এমন দৃষ্টিবিভ্রম স্থায়ী হয়। বিষয়টি নিয়ে গবেষণাকারী ডার্টমাউথ কলেজের অধ্যাপক ব্র্যাড ডুশেইন বলেন, মানুষের মস্তিষ্ক পরিচিত মুখের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত স্মৃতি সংরক্ষণ করে। কার্লের ক্ষেত্রে আগে দেখা মুখের সেই বৈশিষ্ট্যগুলো আবার সক্রিয় হয়ে ওঠে এবং তিনি যে মুখের দিকে তাকান, তার সঙ্গে মিশে যায়। ফলে মানুষ কিংবা বিড়ালের মুখেও অন্য কোনো পরিচিত মুখের বৈশিষ্ট্য দেখতে পান তিনি। চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের সমস্যাকে প্রোসোপোমেটামরফোপসিয়া বা পিএমও বলা হয়। এটি মুখের চেহারা ও বৈশিষ্ট্য বিকৃতভাবে দেখার একটি বিরল স্নায়ুবৈকল্য। আক্রান্ত ব্যক্তির কাছে মুখের চোখ, নাক কিংবা মুখের অন্যান্য অংশ অস্বাভাবিকভাবে বড়, ছোট, বাঁকা বা স্থানচ্যুত মনে হতে পারে। ত্বকের রং ও গঠনেও পরিবর্তন দেখা যেতে পারে। কার্লের ক্ষেত্রে বিশেষত্ব হলো, শুধু মুখের আকৃতি বিকৃত হচ্ছে না, বরং একটি মুখের বৈশিষ্ট্য অন্য মুখে স্থানান্তরিত হচ্ছে। গবেষকদের মতে, এ ধরনের সমস্যা সাধারণত মুখ শনাক্তকরণ ও বিশ্লেষণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশে আঘাত বা কার্যগত পরিবর্তনের পর দেখা দিতে পারে। স্ট্রোক, মস্তিষ্কের টিউমার, মৃগীরোগ, মাথায় আঘাত কিংবা অস্ত্রোপচারের পরও এমন সমস্যা তৈরি হতে পারে। তবে অনেক ক্ষেত্রে নির্দিষ্ট কারণ শনাক্ত করা সম্ভব হয় না। পিএমওর জন্য এখন পর্যন্ত প্রতিষ্ঠিত কোনো নির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি নেই। তবে এর পেছনে অন্য কোনো রোগ বা শারীরিক সমস্যা থাকলে সেটির চিকিৎসায় দৃষ্টিবিভ্রম কমতে পারে। কার্লের এই ঘটনা ১৯৮৬ সালে প্রকাশিত আরেকটি বিরল চিকিৎসা গবেষণার কথাও মনে করিয়ে দিয়েছে। ওই ঘটনায় স্ট্রোকে আক্রান্ত এক নারী বাসে বসে একটি যাত্রীর কোলে থাকা পুডল কুকুর দেখার পর অন্য যাত্রীদের মুখেও কুকুরটির বৈশিষ্ট্য দেখতে শুরু করেন। তাঁর ক্ষেত্রে এই অভিজ্ঞতা প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়েছিল। তবে কার্লের ক্ষেত্রে সমস্যাটি অনেক দীর্ঘস্থায়ী এবং মানুষ ও প্রাণীর মুখের বৈশিষ্ট্য দুই দিকেই স্থানান্তরিত হচ্ছে। গবেষণাটি ‘কোরটেক্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ব্র্যাড ডুশেইন ও তাঁর সহকর্মীরা কার্লের অভিজ্ঞতা আরও ভালোভাবে বোঝার জন্য তাঁর সঙ্গে কাজ করেছেন। এমনকি তিনি ঠিক কীভাবে মানুষের ও বিড়ালের মুখের বৈশিষ্ট্য পরিবর্তিত দেখতে পান, তা বোঝাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কিছু নমুনা ছবিও তৈরি করা হয়েছে। গবেষকদের আশা, এ ধরনের বিরল ঘটনা বিশ্লেষণের মাধ্যমে মানুষের মস্তিষ্ক কীভাবে মুখ চিনতে পারে এবং স্মৃতি কীভাবে দৃষ্টির অভিজ্ঞতাকে প্রভাবিত করে, সে সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সূত্র: ডার্টমাউথ কলেজ, কোরটেক্স সাময়িকী। 872 আইজেট
স্বাস্থ্যবিমার আবেদন চলছে, ১৫ তারিখের মধ্যে আবেদন করলে জানুয়ারিতেই মিলবে সুবিধা
শীতে দিনের আলো কম থাকায় বাড়ছে মানসিক অবসাদ, সুস্থ থাকতে যা বলছেন বিশেষজ্ঞরা
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী সাফল্য: নতুন ওষুধে অদৃশ্য হচ্ছে টিউমার
যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচির নতুন কর্মসংস্থানসংক্রান্ত নিয়ম কার্যকর হলেও তা পূরণ করতে না পারা নির্দিষ্ট সদস্যদের চিকিৎসা সুবিধা হারানোর সময় ছয় মাস পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন নিয়ম শুরু হলেও শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণে ৩০ জুনের আগে তাঁদের স্বাস্থ্যবিমা বাতিল করা হবে না। কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্ট এবং অঙ্গরাজ্যের সমাজসেবা বিভাগের কমিশনার আন্দ্রেয়া বার্টন রিভস ১৬ নভেম্বর এ সিদ্ধান্তের কথা জানান। ১৭ নভেম্বর কানেকটিকাট পাবলিক এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। নতুন নিয়মটি মূলত কানেকটিকাটের হুস্কি ডি নামের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতাভুক্ত সদস্যদের জন্য প্রযোজ্য। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই কর্মসূচির আওতায় থাকা যোগ্য সদস্যদের স্বাস্থ্যবিমা ধরে রাখতে মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ করতে হবে অথবা কমপক্ষে ৫৮০ ডলার আয় করতে হবে। তবে শুধু চাকরি করলেই শর্ত পূরণ হবে, এমন নয়। মাসে অন্তত ৮০ ঘণ্টা পড়াশোনা, স্বেচ্ছাসেবা অথবা অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ফেডারেল সরকারের দেওয়া ছয় মাসের বিশেষ ছাড় গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কানেকটিকাট। এর ফলে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নতুন কর্মসংস্থানসংক্রান্ত শর্ত পূরণ করতে না পারলেও অন্য যোগ্যতা বজায় রাখা সদস্যদের শুধু এ কারণে স্বাস্থ্যবিমা হারাতে হবে না। এই সিদ্ধান্ত নিম্ন আয়ের পরিবার, চাকরি খুঁজছেন এমন মানুষ এবং নিয়মিত কাজ করতে না পারা সদস্যদের জন্য সাময়িক স্বস্তি দিতে পারে। তবে এই ছাড় স্থায়ী নয়। ২০২৭ সালের ১ জুলাই থেকে কর্মসংস্থানসংক্রান্ত শর্ত পূরণ না করলে এবং কোনো বিশেষ ছাড়ের আওতায় না থাকলে সংশ্লিষ্ট সদস্যদের স্বাস্থ্যবিমা হারানোর ঝুঁকি তৈরি হতে পারে। কানেকটিকাটের বাসিন্দাদের তাই নিজেদের সরকারি স্বাস্থ্যবিমার সদস্যপদ, কাজ বা প্রশিক্ষণের যোগ্যতা এবং বিশেষ ছাড় পাওয়ার সুযোগ আগে থেকেই যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। সংবাদসূত্র: কানেকটিকাট পাবলিক, কানেকটিকাট মিরর এবং কানেকটিকাট অঙ্গরাজ্যের সরকারি ঘোষণা।
শরীর প্রদর্শনের ফিটনেস কনটেন্ট ছেড়ে পর্দাশীল পোশাকে বিশ্বজুড়ে পরিচিত ফিলিস্তিনি বংশোদ্ভূত লিয়ানা দীব
নিজের ‘প্লাসেন্টা’ দিয়ে স্মুদি বানিয়ে খেয়েছিলেন হলিউড তারকা হিলারি ডাফ!
এন্টিবায়োটিক কার্যকারিতা হ্রাস: ২৫ বছরে ৩ কোটি ৯০ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
প্রতিদিনের রান্নায় ব্যবহৃত সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামসমৃদ্ধ বিশেষ ধরনের লবণ ব্যবহার করলে বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ৩০ লাখ অকালমৃত্যু প্রতিরোধ করা সম্ভব হতে পারে। একই সঙ্গে হৃদ্রোগ ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের এক কোটির বেশি নতুন ঘটনা কমতে পারে। সম্প্রতি প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণায় এমন সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। তবে এই বিশেষ লবণ সবার জন্য নিরাপদ নয়। বিশেষ করে কিডনি রোগী এবং নির্দিষ্ট কিছু ওষুধ সেবনকারীদের ক্ষেত্রে এর ব্যবহার ঝুঁকিপূর্ণ হতে পারে। ৪ নভেম্বর আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকী নেচার হেলথে গবেষণাটি প্রকাশিত হয়। অস্ট্রেলিয়াভিত্তিক জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের গবেষকেরা বিশ্বের ১৯৩টি দেশের প্রায় ৪৬০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষের খাদ্যাভ্যাস, লবণ গ্রহণের পরিমাণ এবং বিভিন্ন রোগের ঝুঁকিসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করেন। গাণিতিক মডেলের সাহায্যে তাঁরা হিসাব করেন, সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামসমৃদ্ধ লবণ ব্যবহার করা হলে জনস্বাস্থ্যে কী ধরনের পরিবর্তন আসতে পারে। গবেষণার ফল অনুযায়ী, ব্যাপকভাবে এই পরিবর্তন আনা সম্ভব হলে বছরে আনুমানিক ২৯ লাখ ৬০ হাজার মৃত্যু এবং এক কোটি ১৭ হাজারের বেশি নতুন হৃদ্রোগ ও কিডনি রোগের ঘটনা প্রতিরোধ করা যেতে পারে। সাধারণ খাবার লবণের প্রধান উপাদান সোডিয়াম ক্লোরাইড। অতিরিক্ত সোডিয়াম গ্রহণের ফলে শরীরে পানি জমে রক্তচাপ বেড়ে যেতে পারে। দীর্ঘদিন উচ্চ রক্তচাপে ভুগলে স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বাড়ে। গবেষণায় ব্যবহৃত বিকল্প লবণে সোডিয়াম ক্লোরাইডের একটি অংশের পরিবর্তে পটাশিয়াম ক্লোরাইড রাখা হয়েছে। গবেষকদের মডেলে লবণের মিশ্রণে ৭৫ শতাংশ সোডিয়াম ক্লোরাইড ও ২৫ শতাংশ পটাশিয়াম ক্লোরাইড ধরা হয়। এর স্বাদ ও ব্যবহার অনেকটা সাধারণ লবণের মতো হলেও এতে সোডিয়ামের পরিমাণ তুলনামূলক কম থাকে। গবেষকেরা দেখেছেন, শুধু বাড়িতে রান্না ও খাবারের সঙ্গে ব্যবহৃত সাধারণ লবণ পরিবর্তন করলেও প্রতিবছর প্রায় ১৮ লাখ ৫০ হাজার মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হতে পারে। পাশাপাশি হৃদ্রোগ ও দীর্ঘস্থায়ী কিডনি রোগের প্রায় ৬১ লাখ ৯০ হাজার নতুন ঘটনা কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে শুধু রেস্তোরাঁ ও প্রক্রিয়াজাত খাবারে ব্যবহৃত লবণ পরিবর্তন করলে আনুমানিক ১৫ লাখ ৬০ হাজার মৃত্যু প্রতিরোধ করা যেতে পারে। তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এসব সংখ্যা বাস্তবে পরীক্ষার মাধ্যমে পাওয়া ফল নয়। নির্দিষ্ট কিছু অনুমান ও বিদ্যমান স্বাস্থ্যতথ্যের ভিত্তিতে তৈরি সম্ভাব্য হিসাব। দেশভেদে এই পরিবর্তনের সম্ভাব্য সুফলও আলাদা। গবেষণা অনুযায়ী, চীনে সবচেয়ে বেশি মানুষের জীবন রক্ষার সম্ভাবনা রয়েছে। দেশটিতে বছরে প্রায় ১০ লাখ ৮৩ হাজার মৃত্যু প্রতিরোধ করা সম্ভব হতে পারে। ভারতে এই সংখ্যা প্রায় চার লাখ। যুক্তরাষ্ট্রে আনুমানিক এক লাখ পাঁচ হাজার মৃত্যু এবং প্রায় চার লাখ ৯২ হাজার নতুন হৃদ্রোগ ও কিডনি রোগের ঘটনা কমার সম্ভাবনা দেখানো হয়েছে। গবেষকেরা জানান, এশিয়া ও আফ্রিকার অনেক দেশে বাড়িতে রান্নার সময় বেশি লবণ ব্যবহার করা হয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের অনেক দেশে প্রক্রিয়াজাত খাবার ও রেস্তোরাঁর খাবার থেকে সোডিয়ামের বড় অংশ শরীরে প্রবেশ করে। জর্জ ইনস্টিটিউটের অধ্যাপক ব্রুস নিলের মতে, অতিরিক্ত সোডিয়াম এবং পর্যাপ্ত পটাশিয়ামের অভাব উচ্চ রক্তচাপের গুরুত্বপূর্ণ কারণ। পটাশিয়ামসমৃদ্ধ বিকল্প লবণ ব্যবহার করলে একই সঙ্গে সোডিয়াম কমানো এবং পটাশিয়াম গ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও ২০২৫ সালের নির্দেশিকায় উপযুক্ত প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ লবণের পরিবর্তে পটাশিয়ামযুক্ত কম সোডিয়ামের লবণ ব্যবহারের পক্ষে শর্তসাপেক্ষ সুপারিশ করেছে। তবে সংস্থাটি সামগ্রিকভাবে লবণ গ্রহণ কমানোর ওপরই বেশি গুরুত্ব দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পটাশিয়ামসমৃদ্ধ লবণ সবার জন্য নিরাপদ নয়। যাদের কিডনির কার্যক্ষমতা কমে গেছে, তাদের শরীরে অতিরিক্ত পটাশিয়াম জমতে পারে। চিকিৎসাবিজ্ঞানে একে হাইপারক্যালেমিয়া বলা হয়। এ অবস্থায় হৃদ্স্পন্দনের স্বাভাবিক ছন্দে গুরুতর সমস্যা তৈরি হতে পারে। কিছু রক্তচাপ ও হৃদ্রোগের ওষুধও শরীরে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই কিডনি রোগী কিংবা এসব ওষুধ সেবনকারী ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ ছাড়া বিকল্প লবণ ব্যবহার করা উচিত নয়। শিশু ও গর্ভবতী নারীদের ক্ষেত্রেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই সুপারিশ প্রযোজ্য নয়। গবেষণায় সম্ভাব্য সুফলের পাশাপাশি কিছু সীমাবদ্ধতার কথাও উল্লেখ করা হয়েছে। পুরো বিশ্বের মানুষ একসঙ্গে লবণ পরিবর্তন করবে, এমন পরিস্থিতি বাস্তবে তৈরি করা কঠিন। এ ছাড়া বিকল্প লবণের দাম সাধারণ লবণের তুলনায় বেশি হতে পারে। উৎপাদনব্যবস্থা, বাজারে সরবরাহ এবং খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সহযোগিতাও প্রয়োজন। গবেষকদের মতে, শুধু লবণের ধরন পরিবর্তন করলেই সব সমস্যার সমাধান হবে না। খাবারে মোট লবণের পরিমাণ কমানো, সুষম খাদ্যাভ্যাস বজায় রাখা এবং নিয়মিত রক্তচাপ পরীক্ষা করাও হৃদ্রোগ ও কিডনি রোগের ঝুঁকি কমানোর গুরুত্বপূর্ণ উপায়। সংবাদসূত্র: Nature Health, The George Institute for Global Health
যুক্তরাষ্ট্রে হেলথ ইনস্যুরেন্স এনরোলমেন্ট চলছে: পরিবারের জন্য কোন প্যাকেজ সেরা, খরচ কমানোর উপায় কী?
রাশিয়ার পরীক্ষামূলক ক্যানসার ভ্যাকসিনে আশার আলো, সুস্থতার পথে প্রথম রোগী

