- প্রচ্ছদ
- অপরাধ
অপরাধ
নিউইয়র্ক সিটির ম্যানহাটনে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির ছুরিকাঘাতে আহত হওয়ার অভিযোগ করা ২৬ বছর বয়সী এক নারী নিজেই নিজেকে আহত করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। তদন্তে ওই নারীর দেওয়া হামলার বিবরণ মিথ্যা প্রমাণিত হওয়ার পর তিনি নিজের বক্তব্য পরিবর্তন করেন। ২৫ নভেম্বর এনবিসি নিউইয়র্ক, নিউইয়র্ক ডেইলি নিউজ ও এএমনিউইয়র্কের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ২৩ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের রিভারসাইড পার্কে ঘটনাটি ঘটে। ওয়েস্ট ৯৬তম স্ট্রিটের কাছাকাছি এলাকায় এক অপরিচিত ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করেছেন বলে ৯১১ নম্বরে ফোন করে জানান ওই নারী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, কালো পোশাক ও কালো মাস্ক পরা এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি বিনা উসকানিতে তাঁর ওপর হামলা চালিয়েছেন। পরে জরুরি সেবাকর্মীরা তাঁকে মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়। তদন্তের একপর্যায়ে গোয়েন্দারা ওই নারীর বক্তব্যে অসংগতি খুঁজে পান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার আগে ওই নারী নিজেই ছুরি কিনেছিলেন বলে প্রমাণ পায় পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে তিনি নিজেকে আহত করার কথা স্বীকার করেন। তবে ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে দাবি করেছেন তিনি। প্রথমদিকে অপরিচিত ব্যক্তির হামলার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য গেইল ব্রুয়ারও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। এনওয়াইপিডি জানিয়েছে, কথিত হামলাকারীর সন্ধানে আর কোনো অভিযান চালানো হচ্ছে না। ওই নারী কেন মিথ্যা অভিযোগ করেছিলেন, তা এখনো স্পষ্ট নয়। তাঁর পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ। মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত জানানো হয়নি। সংবাদ সূত্র NBC New York 871-এসএ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে চার সন্তানের বড়দিনের উপহার কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধের পর স্ত্রীকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় ৩৩ বছর বয়সী জিন ম্যাককল অ্যালেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারীর নাম বনি লাশিয়া অ্যালেন। তাঁর বয়স ছিল ৩২ বছর। গত ১৪ নভেম্বর রসভিল শহরে নিজেদের বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি। ঘটনার ছয় দিন পর ২০ নভেম্বর তাঁর স্বামীকে গ্রেপ্তার করে ওয়াকার কাউন্টি শেরিফের দপ্তর। ওয়াকার কাউন্টি শেরিফের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টা ৫২ মিনিটের দিকে কার্ডিনাল লেনের ওই বাড়িতে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যান ডেপুটিরা। সেখানে পৌঁছানোর পর এক শিশু তাঁদের বাড়ির একটি শোবার ঘরে নিয়ে যায়। ঘরটিতে জিন অ্যালেন তাঁর স্ত্রীকে বাঁচানোর জন্য সিপিআর দিচ্ছিলেন। বনির মাথায় গুলির ক্ষত ছিল। পরে এক ডেপুটি তাঁর শুশ্রূষার দায়িত্ব নেন। তবে তাঁর শ্বাসপ্রশ্বাস ও হৃদস্পন্দন পাওয়া যাচ্ছিল না। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্তে জিন অ্যালেনের দেওয়া বক্তব্যে বড়দিনের উপহার নিয়ে বিরোধের বিষয়টি উঠে এসেছে। তদন্তকারীদের কাছে তিনি দাবি করেন, ঘটনার দিন তাঁদের চার সন্তানের ক্রিসমাস উপহার কেনা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তর্ক হয়েছিল। তবে ওই বিরোধই গুলির ঘটনার কারণ কি না, সে বিষয়ে তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশি প্রতিবেদনের বরাত দিয়ে চ্যাটানুগা টাইমস ফ্রি প্রেস জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় বাড়িতে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনার ছয় দিন পর ২০ নভেম্বর জিন অ্যালেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ওয়াকার কাউন্টি কারাগারে পাঠানো হয়। ২৫ নভেম্বর পর্যন্ত তিনি জামিন ছাড়াই কারাগারে ছিলেন। শেরিফের দপ্তর জানিয়েছে, পরবর্তী সময়ে তাঁর জামিন শুনানির তারিখ নির্ধারণ করা হবে। তবে আদালতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এখনো বিচারাধীন। মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি। বনি অ্যালেনের মৃত্যুর পর প্রকাশিত শোকবার্তায় তাঁকে একজন নিবেদিতপ্রাণ মা ও পরিবারের প্রতি যত্নশীল সদস্য হিসেবে স্মরণ করা হয়েছে। সেখানে বলা হয়, সন্তানদের পাশে থাকা এবং তাদের সঙ্গে সময় কাটানোই ছিল তাঁর সবচেয়ে বড় আনন্দ। সন্তানদের উৎসাহ দেওয়া ও তাদের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোর জন্য পরিবারের কাছে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। অবসর সময়ে ক্যাম্পিং, লেকের পাশে সময় কাটানো এবং সমুদ্রসৈকতে পরিবারের সঙ্গে স্মৃতি তৈরি করতে ভালোবাসতেন বনি। তথ্যসূত্র: ওয়াকার কাউন্টি শেরিফের দপ্তর, চ্যাটানুগা টাইমস ফ্রি প্রেস ও গ্রে নিউজ। 872 আইজেট
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের অ্যালবেমার্ল কাউন্টি পাবলিক স্কুলস (এসিপিএস)-এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন শিক্ষা দপ্তর। শিক্ষার্থীদের ওপর ব্যাপক যৌন অসদাচরণের অভিযোগ এবং ৫০০-এর বেশি কর্মীর প্রয়োজনীয় পটভূমি বা ব্যাকগ্রাউন্ড যাচাই করতে ব্যর্থ হওয়ার ঘটনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার শঙ্কায় স্কুল বিভাগটি সম্প্রতি তাদের ২৯টি স্কুল এক সপ্তাহেরও বেশি সময় ধরে বন্ধ রাখার ঘোষণা দেয়। মার্কিন শিক্ষামন্ত্রী লিন্ডা ম্যাকমাহন এ বিষয়ে বেশ কয়েকটি পদক্ষেপ ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনকে (ভিডিওই) ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ (হাই-রিস্ক) তালিকায় অন্তর্ভুক্ত করা, অ্যালবেমার্ল কাউন্টি পাবলিক স্কুলসে বরাদ্দকৃত কেন্দ্রীয় তহবিল আটকে রাখার নির্দেশ দেওয়া এবং অন্তত পাঁচজন সাবেক স্কুল কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত ও স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করার উদ্যোগ নেওয়া। শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, বেশ কয়েকজন স্কুল কর্মী বর্তমানে যৌন নির্যাতন, যৌন নিপীড়ন, শিশু পর্নোগ্রাফি এবং সন্দেহভাজন নির্যাতনের বিষয়ে তথ্য গোপন করার মতো অভিযোগে তদন্তের মুখে বা ফৌজদারি মামলার আসামি হিসেবে রয়েছেন। এই ব্যর্থতার তীব্র নিন্দা জানিয়ে লিন্ডা ম্যাকমাহন বলেন, অভিভাবকদের কখনোই এই প্রশ্নের মুখে পড়তে উচিত নয় যে তাদের সন্তানদের স্কুল শিশু নিপীড়কদের হাত থেকে সুরক্ষা দিচ্ছে কি না। তিনি আরও বলেন, “শিক্ষার্থীরা যেন যৌন নিপীড়কদের সংস্পর্শে না আসে তা নিশ্চিত করতে কোনো স্কুল বিভাগকে স্কুলের দরজা বন্ধ করে দিতে হওয়া—এটি স্কুল বিভাগ ও অঙ্গরাজ্যের নেতৃত্বের এক অকল্পনীয় ব্যর্থতা। অভিভাবকদের কখনোই এমন সন্দেহ করার কারণ থাকা উচিত নয় যে তাদের সন্তানের স্কুল শিশু নিপীড়কদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে এবং ভার্জিনিয়ার স্কুলগুলোকে শিশুদের পড়াশোনার নিরাপদ স্থানে পরিণত করতে ট্রাম্প প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে।” নির্দেশিত পদক্ষেপগুলোর অংশ হিসেবে ভার্জিনিয়া ডিপার্টমেন্ট অব এডুকেশনকে আগামী ৩০ দিনের মধ্যে একটি সংশোধিত কর্মপরিকল্পনা জমা দিতে হবে। পাশাপাশি নিয়োগ ও ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের নিয়মকানুন যথাযথভাবে মানা হচ্ছে কি না তা নিশ্চিত করতে পুরো অঙ্গরাজ্যজুড়ে স্কুল বিভাগগুলোতে নিরীক্ষা বা অডিট চালাতে হবে। সূত্র: আনাদোলু এজেন্সি। 873 ডিএন
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তরের (ওডিএনআই) ব্যবহৃত গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ব্যবস্থায় সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে কিছু অশ্রেণিবদ্ধ তথ্য ফাঁস হয়েছে। তবে কোনো গোপনীয় বা অতি গোপনীয় তথ্য আক্রান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম রয়টার্সের ২৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এ সাইবার নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি শনাক্ত করে সংশ্লিষ্ট সংস্থাগুলো। নিউ ইয়র্ক টাইমস প্রথম এ ঘটনা প্রকাশ করে। হ্যাকাররা কীভাবে সংশ্লিষ্ট নেটওয়ার্কে প্রবেশ করেছে এবং ঠিক কী ধরনের তথ্য হাতিয়ে নিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তু ছিল এমন একটি নেটওয়ার্ক, যেখানে ইন্টারনেটসহ বিভিন্ন উন্মুক্ত ও অশ্রেণিবদ্ধ উৎস থেকে তথ্য সংগ্রহ করে গোয়েন্দা বিশ্লেষণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও বিভিন্ন উন্মুক্ত তথ্যভান্ডার থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের মাধ্যমে সম্ভাব্য গোয়েন্দা তৎপরতা ও গুরুত্বপূর্ণ বিষয় শনাক্ত করা হয়। এ পদ্ধতিকে ওপেন সোর্স ইন্টেলিজেন্স বা ওএসআইএনটি বলা হয়। জাতীয় গোয়েন্দা পরিচালকের দপ্তর জানিয়েছে, এ ঘটনায় তাদের গুরুত্বপূর্ণ কার্যক্রম কিংবা শ্রেণিবদ্ধ তথ্য ব্যবস্থায় কোনো বিঘ্ন ঘটেনি। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্ত ব্যবস্থার সমস্যা সমাধান করা হয়েছে। তবে কী পরিমাণ তথ্য অননুমোদিতভাবে প্রবেশের আওতায় এসেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। এখন পর্যন্ত কোনো দেশ, ব্যক্তি বা হ্যাকার গোষ্ঠীকে এ ঘটনার জন্য দায়ী করা হয়নি। হামলার পেছনে কারা রয়েছে, কীভাবে তারা নিরাপত্তাব্যবস্থা অতিক্রম করেছে এবং অন্য কোনো সরকারি সংস্থার তথ্যও আক্রান্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি সংস্থা সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় পড়েছে। এর মধ্যে এফবিআই, কৃষি বিভাগ, পেন্টাগন ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সংশ্লিষ্ট সিস্টেমে নিরাপত্তা ঝুঁকির খবরও প্রকাশিত হয়েছে। তবে এসব ঘটনার সঙ্গে সিআইএ ও ওডিএনআইয়ের নেটওয়ার্কে হামলার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সংবাদসূত্র রয়টার্স 871-এসএ
যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ২০০৯ সালে গুলি চালিয়ে ১৩ জনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক সেনা কর্মকর্তা নিডাল হাসান তাঁর মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করতে ফেডারেল আদালতে আবেদন করার প্রস্তুতি নিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) আদালতে জমা দেওয়া নথিতে তিনি দাবি করেছেন, তাঁর বিচার ও মৃত্যুদণ্ডের রায় যুক্তরাষ্ট্রের সংবিধান এবং প্রচলিত আইনের অধীনে তাঁর অধিকার লঙ্ঘন করে দেওয়া হয়েছে। আগামী ৩ ডিসেম্বর ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তাঁর মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারিত রয়েছে। নথিতে হাসান আরও দাবি করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কথিত অবৈধ প্রভাবের কারণে তাঁর বিচারপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের মধ্যে জাতিগত ও ধর্মীয় বিদ্বেষ কাজ করেছে বলেও অভিযোগ করেছেন তিনি। তবে এগুলো হাসানের আদালতে উত্থাপিত দাবি, প্রমাণিত কোনো বিচারিক সিদ্ধান্ত নয়। মামলাটি কানসাস অঙ্গরাজ্যের ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে পাঠানো হয়েছে। সেখানে বিচারক হিসেবে দায়িত্ব পেয়েছেন টনি ম্যাটিভি। বুধবার সকালে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। হাসান বর্তমানে কানসাসের ফোর্ট লিভেনওর্থ সামরিক কারাগারে বন্দি রয়েছেন। হাসান হেবিয়াস করপাস নামে একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাঁর মৃত্যুদণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করতে চান। এই প্রক্রিয়ায় কোনো ব্যক্তির আটক বা দণ্ড কার্যকরের আইনগত ভিত্তি ফেডারেল আদালতে পর্যালোচনার সুযোগ থাকে। এ ধরনের আবেদনের কারণে মৃত্যুদণ্ড কার্যকরের সময়সূচি কয়েক মাস, এমনকি কয়েক বছর পিছিয়ে যেতে পারে। তবে আবেদন করলেই মৃত্যুদণ্ড স্বয়ংক্রিয়ভাবে স্থগিত হয় না। হাসান নিজেই আদালতে নিজের পক্ষে বক্তব্য উপস্থাপন করতে চান। এ ক্ষেত্রে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) আইনজীবীরাও তাঁকে সহায়তা করছেন। ২০০৯ সালের ৫ নভেম্বর টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটির একটি রেডিনেস সেন্টারে হামলা চালান তৎকালীন সেনা মনোরোগ বিশেষজ্ঞ হাসান। সেখানে মোতায়েনের প্রস্তুতি নেওয়া এবং দায়িত্ব শেষে ফেরা নিরস্ত্র সেনাসদস্যরা উপস্থিত ছিলেন। হাসান ১৪৬ রাউন্ড গুলি চালান। এতে ১৩ জন নিহত এবং ৩২ জন আহত হন। ২০১৩ সালে সামরিক আদালতে ৪২টি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয় এবং মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে তাঁর আপিলও প্রত্যাখ্যাত হয়। ২০২৫ সালের ৩১ মার্চ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট তাঁর মামলার পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করেনি। চলতি বছরের ২ অক্টোবর প্রেসিডেন্ট ট্রাম্প হাসানের মৃত্যুদণ্ড অনুমোদন করেন। এর পরদিন ৩ ডিসেম্বর মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করে সেনাবাহিনী। ফোর্ট হুড ঘাঁটিতেই স্থানীয় সময় দুপুর ১টায় ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে এই দণ্ড কার্যকরের পরিকল্পনা রয়েছে। এটি কার্যকর হলে ১৯৬১ সালের পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম কোনো মৃত্যুদণ্ড কার্যকর হবে। পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন সামরিক বাহিনীতে প্রথমবারের মতো ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। এদিকে, হামলায় বেঁচে যাওয়া তিনজনকে হাসানের মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করার অনুমতি দেয়নি সেনাবাহিনী। সামরিক কর্তৃপক্ষের বক্তব্য, সংশ্লিষ্ট অভিযোগে তাঁরা সরাসরি গুলিবিদ্ধ ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত নন। পাশাপাশি নিরাপত্তা ও স্থানসংকটের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। পুনর্বিবেচনার আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে। তবে ওই তিনজনের দাবি, শারীরিকভাবে গুলিবিদ্ধ না হলেও হামলার কারণে তাঁরা গুরুতর মানসিক ক্ষতির শিকার হয়েছেন। তাঁদের মতে, এ ধরনের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদেরও ভুক্তভোগী হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। এর আগে হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তবে ব্যাপক সমালোচনা এবং রাজনৈতিক মহলের বিরোধিতার পর গত মাসে ট্রাম্প সেই পরিকল্পনা বাতিল করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুদণ্ড প্রত্যক্ষ করার সুযোগ কারা পাবেন, তা সামরিক বিধিমালা অনুযায়ী নির্ধারিত হবে। তথ্যসূত্র: CBS News/AP 871-এসএ
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি, কংগ্রেসওম্যান ইলহান ওমর এবং মিশিগানের নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদসহ একাধিক মুসলিম জনপ্রতিনিধিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে ফেডারেল মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম প্যাট্রিক হারলান ডাইরুড (৫২)। তিনি নর্থ ডাকোটার হিলসবোরোর বাসিন্দা। মঙ্গলবার (২৪ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম গ্রে নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মুসলিমবিদ্বেষী মন্তব্য ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।এফবিআইয়ের হলফনামা অনুযায়ী, নভেম্বরের মাঝামাঝি সময়ে একটি অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান সন্দেহজনক পোস্টগুলোর বিষয়ে এফবিআইয়ের ন্যাশনাল থ্রেট অপারেশনস সেন্টারকে অবহিত করে। এরপর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেন ফেডারেল কর্মকর্তারা। আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তি একাধিক পোস্টে মুসলিম জনপ্রতিনিধিদের উদ্দেশে বিদ্বেষমূলক ভাষা ব্যবহার করেন এবং তাঁদের হত্যার হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থান অব্যাহত রাখলে তাঁদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও হুমকি দেওয়া হয়।তদন্তকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টের তথ্য, ফোনের রেকর্ড ও ইন্টারনেট ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে ডাইরুডের সঙ্গে ওই অ্যাকাউন্টের সংশ্লিষ্টতা খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন। তবে গত ১৮ নভেম্বর স্থানীয় শেরিফের কার্যালয় তাঁর সঙ্গে যোগাযোগ করলে মামদানির ক্ষতি করার কোনো পরিকল্পনা থাকার কথা অস্বীকার করেন তিনি। গত শুক্রবার (২০ নভেম্বর) ডাইরুডকে নর্থ ডাকোটার ফেডারেল আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে আন্তঃরাজ্য যোগাযোগব্যবস্থার মাধ্যমে হুমকি প্রদান এবং হুমকির মাধ্যমে একজন ফেডারেল কর্মকর্তাকে প্রভাবিত করার অভিযোগ আনা হয়েছে।অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। মামলার পরবর্তী কার্যক্রমের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংবাদসূত্র গ্রে নিউজ, ভ্যালি নিউজ লাইভ, এজেড ফ্যামিলি 876TR
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ব্লুমফিল্ড টাউনশিপে ছুটির মৌসুমের কেনাকাটা শুরু হতেই বেড়েছে দোকানে চুরির ঘটনা। গত এক সপ্তাহে পাঁচটি পৃথক ঘটনায় ৯ হাজার ২০০ ডলারের বেশি মূল্যের পণ্য চুরি হয়েছে। এর মধ্যে দুটি ঘটনায় জড়িত সন্দেহে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যম সেভেন নিউজ ডেট্রয়েটের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ব্লুমফিল্ড টাউনশিপে দোকানে চুরির ৮৪টি ঘটনা নথিভুক্ত হয়েছিল। চলতি বছর শেষ হওয়ার এক মাসেরও বেশি সময় বাকি থাকতেই সেই সংখ্যা ৮৪-তে পৌঁছেছে। ব্লুমফিল্ড টাউনশিপের পুলিশ প্রধান জেমস গ্যালাঘার জানিয়েছেন, গত বুধবার থেকে চুরির ঘটনাগুলো বিশেষভাবে নজরে আসতে শুরু করে। ঘটনার সংখ্যার পাশাপাশি চুরি হওয়া পণ্যের উচ্চমূল্য নিয়েও উদ্বিগ্ন পুলিশ। টেলিগ্রাফ রোডে অবস্থিত ডিকস স্পোর্টিং গুডসের একটি দোকান থেকে ১ হাজার ৮৫৫ ডলার মূল্যের পোশাক চুরির অভিযোগ উঠেছে। দোকানের নিরাপত্তা ক্যামেরায় এক ব্যক্তিকে সাতটি নাইকি জ্যাকেট ও সাতটি ট্রাউজার নিয়ে বেরিয়ে যেতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। একই দিনে কাছাকাছি অবস্থিত টার্গেটের একটি দোকান থেকে এক নারী ও এক পুরুষের বিরুদ্ধে ২ হাজার ৬১৬ ডলারের পণ্য চুরির অভিযোগ ওঠে। পুলিশের দাবি, দুই দিন পর একই দুজন আবার ওই দোকানে ফিরে প্রায় ৩ হাজার ৫৬১ ডলারের পণ্য নিয়ে যান। এর মধ্যে ছিল স্মার্ট চশমা, লোশন, মদের বোতল, বরফ তৈরির যন্ত্র ও ঘড়ি। পরে ওই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি রিটেইল ফ্রডের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। এ ছাড়া উলটা নামের একটি দোকান থেকে ১ হাজার ৭১৬ ডলারের প্রসাধনী চুরির অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। ডলার ট্রির একটি দোকান থেকেও কয়েকজন শিশুর বিরুদ্ধে প্রায় ৩০ ডলারের ক্যান্ডি চুরির অভিযোগ পাওয়া গেছে। তবে টার্গেটের দুটি ঘটনা ছাড়া অন্য ঘটনাগুলোর মধ্যে কোনো যোগসূত্র রয়েছে বলে মনে করছে না পুলিশ। থ্যাংকসগিভিং, ব্ল্যাক ফ্রাইডে ও বড়দিন উপলক্ষে দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বাড়ছে। এমন পরিস্থিতিতে কোনো সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন পুলিশ প্রধান গ্যালাঘার। সংবাদসূত্র: সেভেন নিউজ ডেট্রয়েট 871-এসএ
নিউইয়র্কের বাফলোতে মহাসড়কের তিনটি লেন আটকে বেপরোয়াভাবে গাড়ি চালানোর ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর মামলায় চার তরুণের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) এরি কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল জে কিন এ তথ্য জানিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। অভিযুক্তরা হলেন বাফলো এলাকার বাসিন্দা শাফি আহমেদ (২৩), সাইফ জুনাব আলী (২১), কেনমোরের বাসিন্দা আবু সালেহ (২১) এবং ১৮ বছর বয়সী এক তরুণ। ঘটনার সময় চতুর্থ অভিযুক্তের বয়স ১৭ বছর থাকায় তার নাম প্রকাশ করেনি কর্তৃপক্ষ। স্থানীয় কমিউনিটি সূত্রে অভিযুক্তদের অন্তত দুজন বাংলাদেশি বংশোদ্ভূত বলে দাবি করা হলেও সরকারি সূত্রে তাদের বংশোদ্ভূত পরিচয় নিশ্চিত করা হয়নি। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর জানায়, গত ১৯ মার্চ রাত ১১টার দিকে বাফলো সিটির কেনসিংটন এক্সপ্রেসওয়েতে কয়েকটি গাড়ির বেপরোয়া চলাচল নিয়ে জরুরি সেবা নম্বর ৯১১-এ একাধিক ফোন আসে। গাড়িগুলো দিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি, দ্রুত লেন পরিবর্তন ও আতশবাজি ফোটানোর অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা। প্রসিকিউটরদের অভিযোগ, তিন অভিযুক্ত মহাসড়কের তিনটি লেন আটকে রাখায় সেখানে অন্য গাড়িগুলো থেমে যায়। রাত ১১টা ৪০ মিনিটের দিকে চতুর্থ অভিযুক্তের দ্রুতগতির গাড়ি পেছন থেকে ৩০ বছর বয়সী ‘জনলুক জুবার্ট’ এর গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে তার গাড়িটি সামনে থাকা আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গুরুতর আহত ‘জনলুক জুবার্ট’ কে এরি কাউন্টি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তির সঙ্গে অভিযুক্তদের পূর্বপরিচয় ছিল না। চার অভিযুক্তের বিরুদ্ধেই সেকেন্ড ডিগ্রি ম্যানস্লটারের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া প্রাপ্তবয়স্ক তিন অভিযুক্তের বিরুদ্ধে পুলিশকে না জানিয়ে দুর্ঘটনাস্থল ত্যাগের অতিরিক্ত অভিযোগ রয়েছে। বিচারক ব্রেন্ডা ফ্রিডম্যান প্রাপ্তবয়স্ক তিন অভিযুক্তের প্রত্যেকের জন্য ৭৫ হাজার ডলারের নগদ জামিন বা বন্ড নির্ধারণ করেছেন। অন্যদিকে ১৮ বছর বয়সী অভিযুক্তকে জামিন ছাড়াই আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর তার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আগামী ২৩ ডিসেম্বর চার অভিযুক্তকেই আবার আদালতে হাজির হতে হবে। এদিকে দুর্ঘটনার পর কেনসিংটন এক্সপ্রেসওয়ে ও রুট ১৯৮-এ পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। বাফলো পুলিশের তথ্য অনুযায়ী, গত মে মাস থেকে এই দুটি মহাসড়কে গতিসীমা লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৭০০টির বেশি ট্রাফিক টিকিট দেওয়া হয়েছে। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত চার অভিযুক্তই আইন অনুযায়ী নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। সংবাদসূত্র: এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর 871-এসএ
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে নিজের ৩৫তম জন্মদিনে গুলিতে নিহত হয়েছেন চার সন্তানের মা স্টেফানি গনজালেজ। ঘটনার এক সপ্তাহ পর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামীর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ওই ব্যক্তির ছেলেকে সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশি নথি অনুযায়ী, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে স্বামীর কাছে বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন স্টেফানি। এ নিয়ে তাঁদের মধ্যে তর্কও হয়েছিল বলে তদন্তকারীদের জানিয়েছেন তাঁর বন্ধুরা। গত ১৫ নভেম্বর রাত ৯টা ১৫ মিনিটের দিকে ডালাসের সিএফ হাউন ফ্রিওয়েতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহাসড়কে একটি ছোটখাটো সড়ক দুর্ঘটনার পর গাড়ি থামিয়ে ৯১১ নম্বরে ফোন করেন স্টেফানি। দুর্ঘটনার বিবরণ দেওয়ার সময়ই ফোনের অপর প্রান্তে তাঁর চিৎকার শোনা যায়। এরপর কয়েকটি গুলির শব্দ পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। ওই দিনই ছিল তাঁর ৩৫তম জন্মদিন। ডালাস পুলিশের তথ্য অনুযায়ী, ২২ নভেম্বর ২৯ বছর বয়সী হুয়ান আন্তোনিও গনজালেজ-অরদুনাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি নিহত স্টেফানির স্বামীর ভাই। তাঁর ছেলে হোসে আন্তোনিও সামুদিও গনজালেসকে এই হত্যাকাণ্ডের সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে তিনি এখনো গ্রেপ্তার হননি। পুলিশি নথি অনুযায়ী, হুয়ানকে ডালাস কাউন্টির লিউ স্টারেট কারাগারে রাখা হয়েছে। তদন্তকারীরা ৯১১ নম্বরে করা ফোনকল, আশপাশের সড়কের ক্যামেরা এবং ফ্লক নজরদারি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্ত করেন। পুলিশি হলফনামা অনুযায়ী, ঘটনার সময় একটি কালো ফোর্ড মুস্তাং গাড়িকে স্টেফানির গাড়ির কাছ থেকে দ্রুত চলে যেতে দেখা যায়। গাড়িটির নম্বরপ্লেট ছিল না। পরে গাড়িটির বিশেষ রং, চাকার নকশা ও গায়ে থাকা স্টিকার দেখে সেটিকে শনাক্ত করা হয়। নজরদারি ক্যামেরার সূত্র ধরে অ্যালেন শহরের একটি আবাসিক ভবন এলাকায় গাড়িটির সন্ধান পান তদন্তকারীরা। সেখানে এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান, গাড়িটি তাঁর এক আত্মীয়ের। ঘটনার দিন রাতে হুয়ান ও তাঁর ছেলে গাড়িটি ধার নিয়েছিলেন। পরে গাড়ি ফেরত দেওয়ার সময় তাঁরা জানান, একটি খুঁটির সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তদন্তকারীদের ধারণা, স্টেফানিকে থামাতে পরিকল্পিতভাবে তাঁর গাড়িতে ধাক্কা দেওয়া হয়েছিল। এরপর মহাসড়কের পাশে গাড়ি থামালে কালো মুস্তাংটি সামনে গিয়ে তাঁর পথ আটকে দেয়। পুলিশের অভিযোগ, হোসে তাঁর ফুফুকে একাধিকবার গুলি করেন এবং তাঁর বাবা হুয়ান গাড়ি চালিয়ে সহযোগিতা করেন। পুলিশি হলফনামায় স্টেফানির ব্যক্তিগত জীবন নিয়েও কিছু তথ্য উঠে এসেছে। তাঁর কয়েকজন বন্ধুর বক্তব্য অনুযায়ী, এক সহকর্মীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল এবং তিনি স্বামীর কাছ থেকে আলাদা হয়ে সন্তানদের নিয়ে চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন। ঘটনার দিন বিকেলে স্বামীকে বিবাহবিচ্ছেদের কথা জানানোর পর তাঁদের মধ্যে তর্ক হয় বলেও বন্ধুরা তদন্তকারীদের জানিয়েছেন। তবে এসব তথ্য এখনো বন্ধুদের বক্তব্য হিসেবে পুলিশি নথিতে রয়েছে। হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। স্টেফানির স্বামীকে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে না। স্টেফানি চার সন্তানের মা ছিলেন। তাঁর সবচেয়ে ছোট সন্তানের বয়স এক বছরেরও কম। তিনি ওয়েস্ট ডালাসের কোয়ালিটি সসেজ কোম্পানিতে তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন কর্মস্থল থেকে সন্তানদের কাছে বাড়ি ফেরার পথেই তাঁকে গুলি করা হয়। স্বজন ও বন্ধুরা তাঁকে পরিশ্রমী ও সন্তানদের প্রতি নিবেদিত মা হিসেবে স্মরণ করছেন। এদিকে পলাতক হোসেকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে ডালাস পুলিশ। সংবাদসূত্র: ফক্স ৪ নিউজ, ডালাস পুলিশ বিভাগ, পিপল ম্যাগাজিন।
যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে অনাগত সন্তানের আগমন উপলক্ষে আয়োজিত বেবি শাওয়ার অনুষ্ঠানে গুলিবর্ষণে তিনজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন অন্তঃসত্ত্বা নারীর বাবা, অনাগত শিশুর বাবা বলে ধারণা করা এক তরুণ এবং ১৭ বছর বয়সী এক কিশোরী। পারিবারিক বিরোধের জেরে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে অন্তঃসত্ত্বা নারী অক্ষত রয়েছেন। শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে ওহাইওর ক্লিভল্যান্ড শহর থেকে প্রায় ১০ মাইল দক্ষিণে পারমা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের তথ্য অনুযায়ী, পারমা শহরের প্যান্ডোরাস ম্যাজিক্যাল ইভেন্টস ভেন্যুতে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনাগত শিশুর আগমন উদ্যাপন করতে সেখানে পরিবারের সদস্য ও পরিচিতজনেরা জড়ো হয়েছিলেন। অনুষ্ঠান চলাকালে কয়েকজনের মধ্যে বিরোধের একপর্যায়ে গুলিবর্ষণ শুরু হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ও জরুরি চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। গুলিবিদ্ধ ব্যক্তিদের মধ্যে তিনজনের মৃত্যু হয় এবং একজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তাঁরা হলেন ৪৫ বছর বয়সী জেসন টাউনসেন্ড এবং ১৭ বছর বয়সী লেসিয়া ইংল্যান্ড। জেসন টাউনসেন্ড ছিলেন অনুষ্ঠানের আয়োজক অন্তঃসত্ত্বা নারীর বাবা। অর্থাৎ অনাগত শিশুর নানা। নিহত আরেকজন ১৯ বছর বয়সী তরুণ। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি অনাগত শিশুর বাবা ছিলেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যম ক্লিভল্যান্ড নাইনটিন নিউজ জানিয়েছে, নিহত ওই তরুণের নাম ডেভিয়নটে ডি পেট। তিনি ক্লিভল্যান্ডের বাসিন্দা ছিলেন। তবে অ্যাসোসিয়েটেড প্রেসের প্রাথমিক প্রতিবেদনে পুলিশ তাঁর পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি। এ ঘটনায় আহত হয়েছেন ৩৯ বছর বয়সী এক নারী। তাঁর পায়ে গুলি লেগেছে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর আঘাত প্রাণঘাতী নয়। পারমা পুলিশ বিভাগের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ১৯ বছর বয়সী ওই তরুণকে বেবি শাওয়ার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, আমন্ত্রণ না থাকা সত্ত্বেও তিনি অনুষ্ঠানে উপস্থিত হন। এরপর পারিবারিক বিরোধের একপর্যায়ে গুলিবর্ষণ শুরু হয়। তবে ওই তরুণ কেন অনুষ্ঠানে গিয়েছিলেন এবং ঠিক কী নিয়ে বিরোধ তৈরি হয়েছিল, তা এখনো নিশ্চিত করতে পারেননি তদন্তকারীরা। পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় অন্তত দুজন অস্ত্র ব্যবহার করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁদের একজন ছিলেন নিহত ১৯ বছর বয়সী তরুণ। অন্যজন ২৯ বছর বয়সী এক ব্যক্তি, যাঁকে ঘটনার পর পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তকারীদের ধারণা, হেফাজতে থাকা ব্যক্তি অন্তঃসত্ত্বা নারীর পরিবারের একজন সদস্য। তবে ওই ব্যক্তি প্রথমে গুলি চালিয়েছিলেন, নাকি আত্মরক্ষার্থে অস্ত্র ব্যবহার করেছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের মুখপাত্র স্কট ট্র্যাক্সলার জানিয়েছেন, তদন্তকারীরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পর্যালোচনা করছেন। বিশেষ করে কে প্রথম গুলি চালিয়েছিলেন এবং কোন অস্ত্র থেকে ছোড়া গুলিতে কার মৃত্যু হয়েছে, তা নির্ধারণের চেষ্টা চলছে। এ জন্য উদ্ধার করা দুটি আগ্নেয়াস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষা করার প্রয়োজন হতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে গোলাগুলিতে ব্যবহৃত বলে ধারণা করা দুটি অস্ত্র উদ্ধার করেছে। এদিকে ঘটনার পর অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের মধ্যে নতুন করে হাতাহাতি শুরু হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ২০ থেকে ২৫ জনের মধ্যে মারামারির পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পর নিরাপত্তার কারণে পারমা শহরের রিজ রোডের একটি অংশ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, গুলিবর্ষণের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। তবে ২৯ বছর বয়সী হেফাজতে থাকা ব্যক্তির বিরুদ্ধে এখনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি। তদন্তের ফল পর্যালোচনা করে তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রসিকিউটররা। পুলিশের মতে, ঘটনার পেছনে পারিবারিক বিরোধের সম্ভাবনা থাকলেও গুলিবর্ষণের সুনির্দিষ্ট কারণ এখনো তদন্তাধীন। স্থানীয় প্রশাসন নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে প্রত্যক্ষদর্শীদের তদন্তে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। অন্তঃসত্ত্বা নারী নিজে গুলিবিদ্ধ না হলেও তাঁর বাবা এবং অনাগত সন্তানের সম্ভাব্য বাবার মৃত্যুতে পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে বন্দুক সহিংসতার ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে পারমার সর্বশেষ ঘটনায় কে প্রথম অস্ত্র ব্যবহার করেছিলেন, গুলিবর্ষণ আত্মরক্ষার্থে হয়েছিল কি না এবং নিহত ব্যক্তিদের প্রত্যেকের মৃত্যুর জন্য কার গুলি দায়ী, তা তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। সংবাদসূত্র পারমা পুলিশ বিভাগ, এবিসি নিউজ, ক্লিভল্যান্ড নাইনটিন নিউজ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হাসপাতালের নিরাপত্তা মূল্যায়নে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে একটি জাতীয় অলাভজনক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে অঙ্গরাজ্য সরকার। অভিযোগ উঠেছে, যেসব হাসপাতাল প্রতিষ্ঠানের স্বেচ্ছামূলক জরিপে অংশ নেয়নি, তাদের প্রকৃত নিরাপত্তাসংক্রান্ত তথ্য ছাড়াই কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে সর্বনিম্ন নম্বর দেওয়া হয়েছে। এসব রেটিং দেখে কিছু রোগী চিকিৎসা ও অস্ত্রোপচারের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল জেমস উথমেয়ার দ্য লিপফ্রগ গ্রুপ এবং প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা লিয়া বাইন্ডারের বিরুদ্ধে মামলাটি করেন। সেমিনোল কাউন্টির অঙ্গরাজ্য আদালতে দায়ের করা মামলার বিস্তারিত সোমবার (২৩ নভেম্বর) প্রকাশ করেছে ফক্স থার্টিন নিউজ ও ফ্লোরিডার স্থানীয় সংবাদমাধ্যমগুলো। দ্য লিপফ্রগ গ্রুপ যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালের নিরাপত্তা মূল্যায়ন করে বছরে দুবার গ্রেড প্রকাশ করে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল বেছে নিতে সহায়তা করাই এই মূল্যায়নের ঘোষিত উদ্দেশ্য। হাসপাতালগুলোকে নিরাপত্তা পরিস্থিতির ভিত্তিতে এ, বি, সি, ডি ও এফ গ্রেড দেওয়া হয়। ফ্লোরিডায় প্রায় ১৯০টি হাসপাতালের নিরাপত্তা রেটিং প্রকাশ করে প্রতিষ্ঠানটি। মামলায় অভিযোগ করা হয়েছে, লিপফ্রগ রোগীদের জানিয়েছিল তাদের রেটিং বিশেষজ্ঞদের পর্যালোচনা এবং নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে তৈরি। কিন্তু ২০২৪ সালে মূল্যায়নপদ্ধতি পরিবর্তনের পর জরিপে অংশ না নেওয়া হাসপাতালগুলোকে চারটি নিরাপত্তা সূচকে সর্বনিম্ন নম্বর দেওয়া হয়। অ্যাটর্নি জেনারেলের অভিযোগ, সংশ্লিষ্ট হাসপাতালগুলোর প্রকৃত নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য না থাকা সত্ত্বেও এমন নম্বর দেওয়া হয়েছিল। মামলার নথি অনুযায়ী, পরিবর্তিত পদ্ধতিতে চারটি সূচকের সম্মিলিত গুরুত্ব মোট রেটিংয়ের ২৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩১ শতাংশ করা হয়। এর ফলে জরিপে অংশ না নেওয়া হাসপাতালগুলোর সামগ্রিক গ্রেড উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সুযোগ তৈরি হয়। একটি হাসপাতাল আগে হাত পরিষ্কার রাখার নিরাপত্তাসংক্রান্ত সূচকে ১০০-এর মধ্যে ১০০ নম্বর পেয়েছিল। কিন্তু পরিবর্তিত পদ্ধতিতে সেই সূচকে হাসপাতালটির নম্বর নেমে আসে ১৫-তে বলে মামলায় দাবি করা হয়েছে। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানিয়েছে, ফ্লোরিডার অন্তত সাতটি হাসপাতালের ক্ষেত্রে এমন মূল্যায়নপদ্ধতি ব্যবহার করা হয়েছিল। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালে লিপফ্রগের জরিপে হাসপাতালগুলোর অংশগ্রহণ কমছিল। একই সময়ে প্রতিষ্ঠানটির প্রায় ৫ লাখ ৪০ হাজার ডলার রাজস্ব ঘাটতির পূর্বাভাস ছিল। এই পরিস্থিতিতে নতুন মূল্যায়নপদ্ধতি চালু করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, জরিপে অংশগ্রহণ বাড়ানো এবং প্রতিষ্ঠানটির আয় বৃদ্ধির সঙ্গে এই পরিবর্তনের সম্পর্ক ছিল। নতুন পদ্ধতি চালুর পর জরিপে অংশগ্রহণের হার ২০২৩ সালের ৬৪ শতাংশ থেকে বেড়ে ৭৯ শতাংশে পৌঁছায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালগুলোকে নিজেদের রেটিং প্রচারের অনুমতি দেওয়ার বিনিময়ে প্রতিষ্ঠানটির আয়ও বেড়ে যায়। মামলার নথি অনুযায়ী, লিপফ্রগ হাসপাতালগুলোর কাছে বছরে ৬ হাজার ৭০০ থেকে ২৯ হাজার ৯০০ ডলারে বিশেষ লাইসেন্স বিক্রি করে। এসব লাইসেন্স ব্যবহার করে হাসপাতালগুলো নিজেদের নিরাপত্তা গ্রেড বিজ্ঞাপন ও প্রচারসামগ্রীতে তুলে ধরতে পারে। ২০২৫ অর্থবছরে এই ধরনের লাইসেন্স বিক্রি থেকে প্রতিষ্ঠানটির আয় ৪০ লাখ ডলার ছাড়িয়ে যায় বলে মামলায় দাবি করা হয়েছে। তবে লাইসেন্স বিক্রির বিষয়টি নিজে অবৈধ, এমন সিদ্ধান্ত আদালত দেয়নি। ফ্লোরিডা সরকারের অভিযোগ মূলত মূল্যায়নপদ্ধতির স্বচ্ছতা, রেটিংয়ের যথার্থতা এবং সংশ্লিষ্ট আর্থিক স্বার্থ নিয়ে। এদিকে মামলায় কয়েকজন রোগীর চিকিৎসাসংক্রান্ত সিদ্ধান্তের উদাহরণ তুলে ধরা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওয়েস্ট বোকা মেডিক্যাল সেন্টারে আঙুলের গুরুতর আঘাত নিয়ে ভর্তি হওয়া এক রোগী অস্ত্রোপচার না করিয়ে হাসপাতাল ছেড়ে যান। তাঁর মেয়ে অনলাইনে হাসপাতালটির লিপফ্রগ রেটিং দেখে সেখানে অস্ত্রোপচার করাতে আপত্তি জানিয়েছিলেন। চিকিৎসকেরা সংক্রমণের ঝুঁকি সম্পর্কে সতর্ক করলেও রোগী হাসপাতাল ছাড়েন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আরেক ঘটনায় পাম বিচ গার্ডেনস মেডিক্যাল সেন্টারের এক রোগী হাসপাতালের খারাপ নিরাপত্তা গ্রেড দেখে হৃদ্যন্ত্রের অস্ত্রোপচার করাতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ রয়েছে। ডেলরে মেডিক্যাল সেন্টারের এক রোগীও হাসপাতালের নিরাপত্তা নিয়ে ভয় প্রকাশ করেছিলেন। অথচ হাসপাতালটির প্রকাশিত চিকিৎসাসংক্রান্ত ফলাফল জাতীয় গড়ের তুলনায় ১৬ শতাংশ ভালো ছিল বলে মামলায় দাবি করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল উথমেয়ারের বক্তব্য, হাসপাতালের নিরাপত্তা রেটিং রোগীদের চিকিৎসাসংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে প্রভাব ফেলে। তাই রেটিং তৈরির পদ্ধতি সম্পর্কে সঠিক তথ্য প্রকাশ করা জরুরি। মামলায় আরও অভিযোগ করা হয়েছে, লিপফ্রগ প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই ফ্লোরিডার বাসিন্দাদের কাছ থেকে প্রায় ১৯ মাস অনুদান সংগ্রহ করেছে। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২ জানুয়ারি প্রতিষ্ঠানটির অনুদান সংগ্রহের নিবন্ধন বাতিল হওয়ার পরও ওয়েবসাইটের মাধ্যমে অর্থ গ্রহণ অব্যাহত ছিল। পরে ২০২৬ সালের ১২ আগস্ট নিবন্ধন পুনরুদ্ধার করা হয়। ফ্লোরিডা সরকার আদালতের কাছে প্রতিষ্ঠানটির বিভ্রান্তিকর মূল্যায়নপদ্ধতি বন্ধ, সংশোধিত তথ্য প্রকাশ এবং ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ ফেরতের নির্দেশ চেয়েছে। পাশাপাশি প্রতিটি ইচ্ছাকৃত আইন লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার এবং প্রবীণ নাগরিক ক্ষতিগ্রস্ত হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার দেওয়ানি জরিমানার আবেদন করা হয়েছে। তবে এসব দাবি আদালতে বিচারাধীন। নতুন মামলায় লিপফ্রগ বা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীকে এখনো দায়ী সাব্যস্ত করা হয়নি। এর আগে ফ্লোরিডার পাঁচটি হাসপাতাল লিপফ্রগের মূল্যায়নপদ্ধতির বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা করেছিল। চলতি বছরের মার্চে সেই মামলায় ফেডারেল বিচারক ডোনাল্ড মিডলব্রুকস সিদ্ধান্ত দেন, জরিপে অংশ না নেওয়ার কারণে হাসপাতালগুলোকে নির্দিষ্ট নিরাপত্তা সূচকে সর্বনিম্ন নম্বর দেওয়ার পদ্ধতি বিভ্রান্তিকর ও অন্যায্য ছিল। তবে ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছে লিপফ্রগ। মামলাটি বর্তমানে যুক্তরাষ্ট্রের একাদশ সার্কিট আপিল আদালতে বিচারাধীন রয়েছে। অন্যদিকে ফ্লোরিডা সরকারের নতুন মামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দ্য লিপফ্রগ গ্রুপ। প্রতিষ্ঠানটির বক্তব্য, হাসপাতালের নিরাপত্তা নিয়ে স্বাধীন মূল্যায়ন প্রকাশ করা তাদের সাংবিধানিক মতপ্রকাশের অধিকারের অংশ। সরকারের মামলা সেই অধিকারকে বাধাগ্রস্ত করার চেষ্টা। লিপফ্রগ জানিয়েছে, রোগীদের নিরাপত্তা এবং হাসপাতালের কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের কাজ তারা চালিয়ে যাবে। প্রতিষ্ঠানটি ১৮ নভেম্বর প্রকাশিত সর্বশেষ হাসপাতাল নিরাপত্তা গ্রেডে জানিয়েছে, ফেডারেল আদালতের রায়ের কারণে নির্দিষ্ট কিছু হাসপাতালকে আপাতত গ্রেড দেওয়া হচ্ছে না। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিসহ সাধারণ রোগীদের জন্য হাসপাতালের নিরাপত্তা রেটিং গুরুত্বপূর্ণ হলেও চিকিৎসার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু একটি প্রতিষ্ঠানের গ্রেডের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া যায়। হাসপাতালের চিকিৎসাসেবার ধরন, সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ, সরকারি মানসংক্রান্ত তথ্য এবং স্বাস্থ্যবিমার আওতাভুক্ত সুবিধাও বিবেচনা করা প্রয়োজন। সংবাদসূত্র ফ্লোরিডা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, ফক্স থার্টিন নিউজ, দ্য লিপফ্রগ গ্রুপ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি কনসার্টে বন্দুকধারীদের গুলিতে অন্তত নয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অস্ত্রোপচার প্রয়োজন হয়েছে এবং একজনের অবস্থা আশঙ্কাজনক। প্রায় দেড় শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠান চলার সময় এক বা একাধিক বন্দুকধারী ভিড় লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে বলে সন্দেহ করছেন তদন্তকারীরা। শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ক্যালিফোর্নিয়ার টুলারি কাউন্টির স্ট্র্যাথমোর এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (২২ নভেম্বর) টুলারি কাউন্টি শেরিফের কার্যালয় বিস্তারিত তথ্য প্রকাশ করে। পুলিশের তথ্য অনুযায়ী, স্ট্র্যাথমোরের রোড ২৫৬-এর ২০০০০ ব্লকে একটি ব্যক্তিগত কনসার্টের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অন্য অঙ্গরাজ্য থেকে আসা কয়েকজন র্যাপ সংগীতশিল্পীও অংশ নিয়েছিলেন। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের কিছু আগে জরুরি সেবা নম্বরে গুলিবর্ষণের খবর পান শেরিফের কার্যালয়ের কর্মকর্তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা একাধিক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। প্রাথমিক তদন্তে জানা গেছে, অনুষ্ঠান চলাকালে সন্দেহভাজন বন্দুকধারীরা উপস্থিত মানুষের দিকে গুলি চালায়। তবে ঠিক কতজন গুলি চালিয়েছিলেন এবং তাঁদের উদ্দেশ্য কী ছিল, তা নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কর্মকর্তারা আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন। পরে অ্যাম্বুলেন্সে করে কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। অন্য আহত ব্যক্তিরা ব্যক্তিগত গাড়িতে হাসপাতালে পৌঁছান। শেরিফের কার্যালয় জানিয়েছে, আহতদের মধ্যে ২৬ বছর বয়সী এক ব্যক্তির বুকে গুলি লাগে। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, তাঁর অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ১৯ বছর বয়সী এক ব্যক্তির পেটে এবং ২২ বছর বয়সী আরেকজনের শরীরের নিচের অংশে গুলি লাগে। তাঁদেরও অস্ত্রোপচারের প্রয়োজন হয়েছে। অন্য ছয়জনের শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে। তবে তাঁদের আঘাত তুলনামূলক কম গুরুতর এবং অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি বলে জানিয়েছে পুলিশ। টুলারি কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রাথমিক তদন্তে অনুষ্ঠানটির সঙ্গে নর্টেনো নামে পরিচিত একটি অপরাধী চক্রের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, কনসার্টটি আয়োজনের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারপত্র ছড়ানো হয়েছিল। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন শিল্পী ক্যালিফোর্নিয়ার বাইরের অঙ্গরাজ্য থেকেও এসেছিলেন। তদন্তকারীদের ধারণা, গুলিবর্ষণের ঘটনার সঙ্গে গ্যাং-সংশ্লিষ্ট বিরোধের সম্পর্ক থাকতে পারে। তবে এই সম্ভাবনা এখনো তদন্তাধীন। গুলিবর্ষণের কারণ নিশ্চিত করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্ট্র্যাথমোর একটি ছোট জনপদ। সেখানে প্রায় তিন হাজার মানুষের বসবাস। সাধারণত শান্ত এই এলাকায় এতজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে টুলারি কাউন্টির শেরিফ মাইক বোদ্রো জানিয়েছেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি নেই। তিনি আরও জানিয়েছেন, এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পুলিশ এখনো সন্দেহভাজন বন্দুকধারীদের পরিচয় প্রকাশ করেনি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের ঘোষণাও দেওয়া হয়নি। তদন্তকারীরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া এবং গুলিবর্ষণের আগে কোনো বিরোধ তৈরি হয়েছিল কি না, তা যাচাই করছেন। কনসার্টে উপস্থিত ব্যক্তিদের মধ্যে কেউ ঘটনার ভিডিও ধারণ করেছিলেন কি না, সেটিও তদন্তে গুরুত্বপূর্ণ হতে পারে। এর আগে ২০২৩ সালে টুলারি কাউন্টির গোশেন এলাকায় আরেকটি গুলিবর্ষণের ঘটনায় একই পরিবারের ছয়জন নিহত হন। ওই ঘটনায় স্থানীয় অপরাধী চক্রের বিরোধের বিষয়টি তদন্তে উঠে এসেছিল। তবে শনিবারের কনসার্টে গুলিবর্ষণের সঙ্গে আগের কোনো ঘটনার সম্পর্ক রয়েছে, এমন তথ্য পাওয়া যায়নি। টুলারি কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে তথ্য থাকলে স্থানীয় বাসিন্দাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। সংবাদসূত্র টুলারি কাউন্টি শেরিফের কার্যালয়, এবিসি নিউজ, এনবিসি বে এরিয়া
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে চলন্ত এসইউভি থেকে এক শিশু পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। তবে শিশুটির বয়স, আঘাতের ধরন এবং বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম কেপিআরসি টু বা ক্লিক টু হিউস্টনের প্রকাশিত একটি প্রতিবেদনের এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিশৃঙ্খল পরিস্থিতির সময় চলন্ত এসইউভি থেকে শিশুটি পড়ে যায়। তবে কী ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, গাড়িটি কত গতিতে চলছিল এবং শিশুটি কীভাবে বাইরে পড়ে যায়, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর গাড়ির চালকের বিরুদ্ধে ড্রাইভিং হোয়াইল ইনটক্সিকেটেড বা ডিডব্লিউআই অভিযোগ আনা হয়েছে। টেক্সাসের আইনে অ্যালকোহল বা অন্য নেশাজাতীয় পদার্থের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগকে ডিডব্লিউআই বলা হয়। এদিকে শিশুটি গাড়ির সিটবেল্ট বা চাইল্ড সেফটি সিটে নিরাপদে বসেছিল কি না, সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে শিশুদের গাড়িতে পরিবহনের সময় বয়স, উচ্চতা ও ওজন অনুযায়ী উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা ব্যবহারের নিয়ম রয়েছে। চলন্ত গাড়িতে শিশুর নিরাপত্তা নিশ্চিত করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সংবাদসূত্র কেপিআরসি টু নিউজ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে রোগীদের গোপন চিকিৎসাসংক্রান্ত তথ্য সংগ্রহ করে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি মেডিকেয়ার থেকে প্রায় ১৬ লাখ ৫২ হাজার ডলার প্রতারণার দায়ে এক নার্সকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন ফেডারেল আদালত। তদন্তে প্রমাণিত হয়েছে, তিনি হাসপাতালের আরেক নার্সকে ১ লাখ ৩০ হাজার ডলারের বেশি ঘুষ দিয়ে রোগীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিলেন। পরে এসব তথ্য ব্যবহার করে চিকিৎসাসেবা না দিয়েও মেডিকেয়ার থেকে অর্থ আদায় করেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মার্কিন বিচার বিভাগ এক বিবৃতিতে সাজা ঘোষণার তথ্য জানায়। দণ্ডপ্রাপ্ত নার্সের নাম রুবি স্কট (৫৫)। তিনি মিশিগানের ফার্মিংটন হিলস এলাকার বাসিন্দা এবং ডেল্টা হোম হেলথ কেয়ার এলএলসি নামের একটি প্রতিষ্ঠানের মালিক। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে ডেট্রয়েটের একটি হাসপাতালের রোগীদের গোপন তথ্য সংগ্রহ করতে সেখানকার একজন ডিসচার্জ নার্সকে নিয়মিত ঘুষ দিতেন স্কট। ওই নার্স হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া মেডিকেয়ার সুবিধাভোগীদের শনাক্ত করে তাঁদের চিকিৎসার নথি স্কটের প্রতিষ্ঠানে পাঠাতেন। রোগীদের অজান্তেই এসব তথ্য সংগ্রহ ও ব্যবহার করা হতো। প্রতিটি রোগীর তথ্যের বিনিময়ে ২৭০ থেকে ৩০০ ডলার পর্যন্ত দেওয়া হতো। ক্যাশ অ্যাপ, পেপ্যাল, চেক ও নগদ অর্থের মাধ্যমে সব মিলিয়ে ১ লাখ ৩০ হাজার ডলারের বেশি ঘুষ দেওয়া হয়েছিল। তদন্তকারীরা জানান, স্কট এসব তথ্য ব্যবহার করে রোগীদের বাড়িতে স্বাস্থ্যসেবা দেওয়ার নামে মেডিকেয়ারের কাছে বিল জমা দিতেন। অথচ অনেক রোগী তাঁর প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো সেবাই পাননি। এমনকি কিছু রোগী জানতেনও না যে তাঁদের ব্যক্তিগত ও চিকিৎসাসংক্রান্ত তথ্য ব্যবহার করে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচি থেকে অর্থ আদায় করা হচ্ছে। আদালতে উপস্থাপিত প্রমাণ অনুযায়ী, ২০১৮ থেকে ২০২৪ সালের মধ্যে স্কট রোগী সংগ্রহের বিনিময়ে অবৈধ অর্থ প্রদান এবং মিথ্যা চিকিৎসাসংক্রান্ত তথ্য ব্যবহার করে মেডিকেয়ার থেকে অর্থ আদায়ের কার্যক্রম চালান। মেডিকেয়ারের নিয়ম অনুযায়ী, বাড়িতে নির্দিষ্ট স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য রোগীর চিকিৎসাগত প্রয়োজনীয়তা চিকিৎসককে যাচাই ও প্রত্যয়ন করতে হয়। কিন্তু স্কট বিভিন্ন রোগীর ক্ষেত্রে মিথ্যাভাবে দাবি করেছিলেন, চিকিৎসকেরা তাঁদের পরীক্ষা করে বাড়িতে স্বাস্থ্যসেবা পাওয়ার যোগ্য বলে অনুমোদন দিয়েছেন। তদন্তে দেখা যায়, যেসব চিকিৎসকের নাম ব্যবহার করা হয়েছিল, তাঁদের অনেকেই সংশ্লিষ্ট রোগীদের কখনো পরীক্ষা করেননি। এমনকি নিজেদের পরিচয় ব্যবহার করে মেডিকেয়ারে বিল জমা দেওয়ার বিষয়টিও তাঁরা জানতেন না। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, স্কটের প্রতিষ্ঠান যেসব রোগীর নামে মেডিকেয়ারে বিল জমা দিয়েছিল, তাঁদের এক-তৃতীয়াংশের বেশি রোগীর প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত নথি প্রতিষ্ঠানটির কাছে ছিল না। এ ধরনের রোগীদের নামে জমা দেওয়া বিলের বিপরীতে মেডিকেয়ার ১২ লাখ ডলারের বেশি পরিশোধ করেছিল। সব মিলিয়ে স্কটের প্রতারণামূলক কার্যক্রমের কারণে মেডিকেয়ার কর্মসূচির প্রায় ১৬ লাখ ৫২ হাজার ডলার আর্থিক ক্ষতি হয়েছে বলে আদালতে প্রমাণিত হয়। চলতি বছরের মে মাসে ফেডারেল জুরি রুবি স্কটকে স্বাস্থ্যসেবা প্রতারণার পাঁচটি অভিযোগ, যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে প্রতারণা ও অবৈধ অর্থ প্রদানের ষড়যন্ত্র এবং অবৈধ অর্থ প্রদানের আরও চারটি অভিযোগে দোষী সাব্যস্ত করে। এরপর বৃহস্পতিবার আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে মেডিকেয়ার কর্মসূচিকে ১৬ লাখ ৫২ হাজার ১৩০ ডলার ৬৭ সেন্ট ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া সমপরিমাণ অর্থ বাজেয়াপ্ত করার আদেশও দিয়েছেন আদালত। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এফবিআইয়ের ডেট্রয়েট কার্যালয় এবং স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় যৌথভাবে মামলাটির তদন্ত করেছে। সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচির অর্থ আত্মসাৎ এবং রোগীদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার প্রতিরোধে তদন্ত ও আইনগত ব্যবস্থা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিচার বিভাগ। মেডিকেয়ার মূলত যুক্তরাষ্ট্রে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষ এবং নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন কম বয়সী ব্যক্তিদের জন্য পরিচালিত একটি ফেডারেল স্বাস্থ্যবিমা কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে হাসপাতাল, চিকিৎসক এবং অনুমোদিত হোম হেলথ কেয়ার প্রতিষ্ঠানগুলো নির্ধারিত চিকিৎসাসেবার বিপরীতে অর্থ পেয়ে থাকে। তবে রুবি স্কটের ঘটনায় দেখা গেছে, রোগীদের ব্যক্তিগত তথ্য এবং চিকিৎসকদের পরিচয় অপব্যবহার করে প্রকৃত সেবা না দিয়েও সরকারি কর্মসূচি থেকে অর্থ আদায় করা হয়েছিল। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, স্বাস্থ্যসেবা প্রতারণার বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত ও মামলা পরিচালনার জন্য বিশেষ কর্মসূচি রয়েছে। এসব কার্যক্রমের মাধ্যমে সরকারি স্বাস্থ্যবিমার অর্থের অপব্যবহার ঠেকানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। সংবাদসূত্র মার্কিন বিচার বিভাগ, ফক্স টু ডেট্রয়েট, এফবিআই
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় অন্তত ৩৬টি মালবাহী ট্রেন থেকে ২ কোটি ২৫ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য চুরির অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, ১৯ নভেম্বর তাঁদের মধ্যে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। চুরি হওয়া পণ্যের মধ্যে ছিল হাজার হাজার জোড়া নাইকি জুতা, মিলওয়াকির যন্ত্রপাতি ও ইলেকট্রনিক পণ্য। ফেডারেল কৌঁসুলিদের ভাষ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত পিকো রিভেরা, ফুলারটনসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় এসব চুরির ঘটনা ঘটে। অভিযোগপত্রে বলা হয়েছে, অভিযুক্তরা মালবাহী ট্রেন থামিয়ে কনটেইনার থেকে পণ্য সরিয়ে নিতেন। পরে সেগুলো দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন বাড়িতে মজুত করে বিক্রি করা হতো। কৌঁসুলিদের অভিযোগ, ইস্ট লস অ্যাঞ্জেলেসের ২১ বছর বয়সী নাথান ড্যানিয়েল অ্যাঞ্জেল এই দলের নেতৃত্ব দিতেন। তাঁর বাবা ও দুই চাচার নামও অভিযোগপত্রে রয়েছে। লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, অভিযুক্তরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য ইনস্টাগ্রামে ‘লোস ত্রেনেস’ নামে একটি গ্রুপ চ্যাট ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। বিচার বিভাগের হিসাবে, ২০২৫ সালের মে থেকে অক্টোবরের মধ্যে দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসের একটি জুতা ও পোশাকের ব্যবসাপ্রতিষ্ঠানের কাছে হাজার হাজার জোড়া চুরি করা নাইকি জুতা ও অন্যান্য পণ্য বিক্রি করে প্রায় ১০ লাখ ৮১ হাজার ডলার পেয়েছিলেন। অভিযোগপত্রে ওই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়নি। লস অ্যাঞ্জেলেস কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নির বরাতে লস অ্যাঞ্জেলেস টাইমস জানিয়েছে, ১৪ মাসের তদন্তের পর মামলার তথ্য প্রকাশ করা হয়। মোট ১৭টি অভিযোগের মধ্যে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে ১৪ জনের বিরুদ্ধেই। বিচার বিভাগ জানিয়েছে, দোষী সাব্যস্ত হলে ষড়যন্ত্রের অভিযোগে সর্বোচ্চ পাঁচ বছর এবং পণ্য চুরির প্রতিটি অভিযোগে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে। রেল পরিবহনের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন। অভিযোগগুলো আদালতে এখনো প্রমাণিত হয়নি। সংবাদসূত্র যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে পারডু বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকা ও তাঁর দুই কিশোরী মেয়েকে গুলি করে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে কর্তৃপক্ষ। ওয়েস্ট লাফায়েত শহরের একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার আগে পরিবারের এক মেয়ে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে বাবার বিরুদ্ধে অস্ত্র দিয়ে হুমকি দেওয়ার কথা জানিয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। শুক্রবার (২০ নভেম্বর) টিপেকানো কাউন্টি করোনারের কার্যালয় প্রাথমিক ময়নাতদন্তের ফল প্রকাশ করে। এতে তিনজনের মৃত্যুকে হত্যাকাণ্ড এবং একজনের মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করা হয়। ইন্ডিয়ানা অঙ্গরাজ্য পুলিশ ঘটনার তদন্ত করছে। নিহত ব্যক্তিরা হলেন পারডু বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জুলি টকাচ (৫৩), তাঁর স্বামী থমাস টকাচ (৫১) এবং তাঁদের দুই মেয়ে ক্যাথারিন টকাচ (১৭) ও লরেন টকাচ (১৬)। কেটিভিইউ ফক্স টু ও স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে আটটার দিকে ওয়েস্ট লাফায়েতের শাইনিং আর্মার লেনের একটি বাড়ি থেকে জরুরি ফোন পান পুলিশ কর্মকর্তারা। জরুরি কলের রেকর্ডিংয়ের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরিবারের এক মেয়ে ফোন করে বাবার কাছে আগ্নেয়াস্ত্র থাকার এবং পরিবারের সদস্যদের গুলি করার হুমকি দেওয়ার কথা জানায়। এরপর ফোনের অপর প্রান্ত থেকে একাধিক গুলির শব্দ শোনা যায় এবং যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। খবর পেয়ে টিপেকানো কাউন্টি শেরিফের কার্যালয় এবং ওয়েস্ট লাফায়েত পুলিশ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। বাড়ির ভেতরে প্রবেশ করে চারজনকে মৃত অবস্থায় পান তাঁরা। শুক্রবার প্রকাশিত প্রাথমিক ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে, জুলি টকাচ ও তাঁর দুই মেয়ের শরীরে একাধিক গুলির আঘাত পাওয়া গেছে। তাঁদের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে থমাস টকাচের মাথায় গুলির আঘাত পাওয়া যায়। করোনারের কার্যালয় তাঁর মৃত্যুকে আত্মহত্যা হিসেবে চিহ্নিত করেছে। স্থানীয় কর্তৃপক্ষের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, থমাস পরিবারের অন্য তিন সদস্যকে গুলি করার পর নিজের জীবন শেষ করেছেন। তবে ঘটনার পেছনে কী কারণ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত অব্যাহত রয়েছে। ময়নাতদন্তের অংশ হিসেবে সংগৃহীত নমুনার টক্সিকোলজি পরীক্ষার ফলও এখনো পাওয়া যায়নি। নিহত জুলি টকাচ ২০২৪ সাল থেকে পারডু বিশ্ববিদ্যালয়ের হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি সাউথ ডাকোটা স্টেট ইউনিভার্সিটিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীদের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে। পারডু বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জুলি ও তাঁর পরিবারের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত সহকর্মী ও শিক্ষার্থীদের পাশে থাকার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে থমাস টকাচ টিপেকানো কাউন্টি শেরিফের কার্যালয়ে কর্মরত ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে তিনি জেল ডেপুটি হিসেবে যোগ দেন। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আদালতের নিরাপত্তা বিভাগে দায়িত্ব পান। টিপেকানো কাউন্টির শেরিফ রবার্ট গোল্ডস্মিথ জানিয়েছেন, থমাসের চাকরির রেকর্ডে কোনো শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল না। নিহত দুই মেয়ে ক্যাথারিন ও লরেন স্থানীয় উইলিয়াম হেনরি হ্যারিসন হাইস্কুলের শিক্ষার্থী ছিলেন। তাঁদের মৃত্যুতে বিদ্যালয় কর্তৃপক্ষ শোক প্রকাশ করেছে এবং শিক্ষার্থী ও কর্মীদের জন্য কাউন্সেলিং সহায়তার ব্যবস্থা করেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্য পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ এবং ঘটনার আগে পরিবারের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক ময়নাতদন্তের ফল প্রকাশিত হলেও পূর্ণাঙ্গ ফরেনসিক পরীক্ষা ও তদন্ত এখনো শেষ হয়নি। ফলে ঘটনার পেছনের কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। সংবাদসূত্র টিপেকানো কাউন্টি করোনারের কার্যালয়, ইন্ডিয়ানা অঙ্গরাজ্য পুলিশ, কেটিভিইউ ফক্স টু
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইতিহাসে অন্যতম ধ্বংসাত্মক দাবানল—প্যালিসেডস ফায়ার (Palisades Fire) লাগানোর দায়ে ৩০ বছর বয়সী এক যুবককে দোষী সাব্যস্ত করেছে লস অ্যাঞ্জেলেসের একটি ফেডারেল জুরি বোর্ড। জোনাথন রিন্ডারনেখট নামের ওই যুবকের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও অগ্নি ব্যবহারের মাধ্যমে সম্পত্তি ধ্বংসের দুটি ফেডারেল অভিযোগ প্রমাণিত হয়েছে। গত বছরের (২০২৫ সালের) জানুয়ারিতে প্যাসিফিক প্যালিসেডস এবং ম্যালিবুর কিছু অংশে ছড়িয়ে পড়া এই ভয়াবহ দাবানলে ১২ জনের মৃত্যু হয় এবং ৬ হাজার ৮০০টির বেশি স্থাপনা ধ্বংস হয়ে যায়। প্রসিকিউটরদের তথ্যমতে, রিন্ডারনেখট ১ জানুয়ারি একটি আগুন ধরিয়েছিলেন, যা মাটির গভীরে গাছের শিকড়ের ভেতর লুকিয়ে ধিকিধিকি জ্বলতে থাকে এবং ছয় দিন পর প্রবল বাতাসে ভয়াবহ রূপ নিয়ে উপরে উঠে আসে। প্রথম অভিযোগটি ছিল জানুয়ারির ১ তারিখের প্রাথমিক ঝোপঝাড়ের আগুন বা ল্যাকম্যান ফায়ার (Lachman Fire) কেন্দ্রিক এবং দ্বিতীয়টি ছিল ছয় দিন পর ওই আগুন পুনরায় ছড়িয়ে পড়ে প্যালিসেডস দাবানলে রূপ নেওয়ার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির সঙ্গে সম্পর্কিত। অভিযুক্ত রিন্ডারনেখট নিজেকে নির্দোষ দাবি করলেও উভয় অভিযোগেই তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এর আগে জুরি বোর্ড সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় বিচারক মিস্ট্রায়াল (বিচার প্রক্রিয়া বাতিল) ঘোষণা করেছিলেন। তার প্রায় পাঁচ মাস পর পুনর্বিচারে এই রায় এল। আগামী বছরের ১৭ মার্চ তার সাজা ঘোষণা করা হবে; প্রতিটি অভিযোগে তার ৫ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি কার্যালয়ের প্রধান বিল এসাইলি রায় প্রসঙ্গে বলেন, “আমরা তাকে জবাবদিহির আওতায় আনতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম এবং আজকের এই দোষী সাব্যস্ত করার রায়টি প্রিয়জন হারানো পরিবার ও জীবন বদলে যাওয়া হাজারো মানুষের জন্য ন্যায়বিচারের একটি ধাপ।” লস অ্যাঞ্জেলেসের বাসিন্দা এবং রাইড-শেয়ার ডেলিভারি চালক হিসেবে কাজ করা রিন্ডারনেখটের বিরুদ্ধে প্রসিকিউটরদের অভিযোগ ছিল—ছুটির দিনে কোথাও যাওয়ার জায়গা না থাকায় ক্ষোভ, প্রতিশোধস্পৃহা ও একাকীত্ব থেকে তিনি এই কাণ্ড ঘটান। প্রসিকিউশন দাবি করে, ধনীরা পৃথিবী ধ্বংস করছে—এমন বদ্ধমূল ধারণা থেকে তিনি বিত্তবান ওই এলাকায় আগুন ধরিয়েছিলেন। প্রমাণ হিসেবে আইফোনের জিওলোকেশন ডেটা, সিসিটিভি ফুটেজে তার গাড়ির অবস্থান এবং যাত্রীদের সাক্ষ্য উপস্থাপন করা হয়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী স্টিভ হ্যানি আদালতে যুক্তি দেন যে মামলা প্রমাণে পর্যাপ্ত ভৌত প্রমাণ বা নথিপত্র নেই। রায়ের পর আসামিপক্ষের আইনজীবীরা রায়ে ‘হতাশা’ প্রকাশ করলেও জুরি বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানানোর কথা বলেন। দাবানল মোকাবিলায় ভূমিকা নিয়ে সমালোচিত লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস এক বিবৃতিতে বলেন, “কোনো রায়ই হারানো জীবন ফিরিয়ে আনতে পারবে না বা পরিবারগুলোর সহ্য করা যন্ত্রণা মুছে দিতে পারবে না।” তিনি আরও বলেন, “এখনও অনেকে পুনর্গঠনের জন্য সংগ্রাম করছেন। যারা এখনও বাস্তুচ্যুত, তাদের কাছে এই ধ্বংসযজ্ঞ প্রতিদিনের বাস্তবতা।” উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে লস অ্যাঞ্জেলেস অঞ্চলে একের পর এক যে কয়েকটি দাবানল ছড়িয়ে পড়েছিল, প্যালিসেডস ফায়ার ছিল তার অন্যতম। ওই ধারাবাহিক দাবানলে সব মিলিয়ে ৩১ জনের মৃত্যু হয় এবং প্রায় ১৬ হাজার স্থাপনা ধ্বংস হয়। সূত্র: বিবিসি।
যুক্তরাষ্ট্রে লটারির প্রতারণার শিকার ব্যক্তিদের পাঠানো ডাকের পার্সেল থেকে অর্থ চুরির দায়ে সাবেক ডাক পরিদর্শক স্কট কেলিকে ৪০ মাসের কারাদণ্ড দিয়েছেন ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালত। ৫২ বছর বয়সী কেলি ডাক বিভাগের প্রতারণা তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন। আদালত তাঁকে কারাদণ্ডের পর তিন বছর নজরদারিতে থাকার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ২০ হাজার ডলার জরিমানা ও ১ লাখ ৬ হাজার ৯৮৬ ডলার ক্ষতিপূরণ দিতে বলেছেন। ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্য জানায়। লটারিতে পুরস্কার জেতার মিথ্যা খবর দিয়ে প্রতারকেরা মূলত প্রবীণদের কাছ থেকে ‘ফি’ বা ‘কর’ বাবদ নগদ অর্থ আদায় করত। এ ধরনের প্রতারণা ঠেকাতে সন্দেহজনক পার্সেল শনাক্ত করত যুক্তরাষ্ট্রের ডাক পরিদর্শন সংস্থা। বিচার বিভাগের তথ্য অনুযায়ী, কেলি তদন্তের কাজে লাগবে বলে সহকর্মীদের মাধ্যমে সেসব পার্সেল নিজের কাছে আনাতেন। এরপর নগদ অর্থ থাকতে পারে মনে হলে পার্সেল খুলে টাকা সরিয়ে নিতেন। অর্থাৎ তিনি লটারির প্রতারণাটি পরিচালনার দায়ে দণ্ডিত হননি; প্রতারণার শিকার ব্যক্তিদের পাঠানো অর্থ চুরির দায়ে দণ্ডিত হয়েছেন। বিচার বিভাগ জানিয়েছে, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের আগস্ট পর্যন্ত অন্তত ১ হাজার ৯৫০টি সন্দেহজনক পার্সেল নিজের কাছে পাঠানোর ব্যবস্থা করেছিলেন কেলি। এর মধ্যে কয়েক শ পার্সেল তাঁর হাতে পৌঁছায়। তাঁর পুরো কর্মকাণ্ডে ঠিক কত অর্থ চুরি হয়েছে, তা নির্ধারণ করা যায়নি। তবে তদন্তে গত সাড়ে চার বছরে তাঁর কাছে প্রায় ৩ লাখ ৪০ হাজার ডলার নগদ অর্থের হিসাব পাওয়া গেছে। ভুক্তভোগীদের মধ্যে ছিলেন কানসাসের ৭৬ বছর বয়সী এক সাবেক সেনাসদস্য, যিনি ১৯ হাজার ১০০ ডলার পাঠিয়েছিলেন। ম্যাসাচুসেটসের ডিমেনশিয়ায় আক্রান্ত ৭৬ বছর বয়সী আরেক ব্যক্তি পাঠিয়েছিলেন ২৪ হাজার ৫০০ ডলার। বিচার বিভাগের হিসাবে, কেলি চুরি করা অর্থের একটি অংশ বিভিন্ন ব্যাংক হিসাবে জমা দেন, একটি অংশ দিয়ে পোস্টাল মানি অর্ডার কেনেন এবং বাড়ির সুইমিং পুলসংলগ্ন নির্মাণকাজসহ ব্যক্তিগত খরচ মেটান। কেলি গত জুলাইয়ে ডাক ও অনলাইন যোগাযোগের মাধ্যমে প্রতারণা, ডাকের অর্থ চুরি, অর্থপাচার এবং মিথ্যা ট্যাক্স রিটার্ন দাখিলসহ একাধিক অভিযোগে দোষ স্বীকার করেন। সেই মামলাতেই ১৮ নভেম্বর তাঁর সাজা ঘোষণা করা হয়। প্রতারণার হাত থেকে মানুষকে রক্ষার দায়িত্বে থাকা একজন কর্মকর্তার বিরুদ্ধে এই রায়কে জনবিশ্বাস ভঙ্গের গুরুতর ঘটনা হিসেবে বর্ণনা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ
জর্জিয়া অঙ্গরাজ্যে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও গোষ্ঠীগুলোকে ২৬ হাজার ডলারের বেশি পাঠানোর অভিযোগে ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অর্থপাচার এবং তদন্তসংশ্লিষ্ট আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। তদন্তকারীদের দাবি, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে পরিচয় গোপন করে এসব অর্থ পাঠানোর পাশাপাশি গ্রেপ্তারের আগে নিজের অ্যাপার্টমেন্টে থাকা ফোন ও গুরুত্বপূর্ণ নথি নষ্ট করার চেষ্টা করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) ১৯ নভেম্বরের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম ইউনেস মোস্তফা ইউনেস। তিনি জর্জিয়ার লাভোনিয়া এলাকার বাসিন্দা। ১৮ নভেম্বর এফবিআই আটলান্টার এজেন্টরা তাঁকে গ্রেপ্তার করেন। ফেডারেল অপরাধের অভিযোগপত্র অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ইউনেস একাধিক ফোন নম্বর ও অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ১৬ হাজার ৮০৭ ডলার পাঠান। নিজের পরিচয় গোপন রাখতেই তিনি এসব অ্যাকাউন্ট ও নম্বর ব্যবহার করেছিলেন বলে অভিযোগ তদন্তকারীদের। পাঠানো অর্থের অন্তত একটি অংশ সিরিয়ায় আইএসের কর্মকাণ্ডে সহায়তার জন্য ব্যবহারের উদ্দেশ্য ছিল বলে দাবি করা হয়েছে। এর আগেও অর্থ পাঠানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত ১১টি পৃথক লেনদেনে প্রায় ৯ হাজার ২০৬ ডলার ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়েছিলেন তিনি। এসব লেনদেনে নিজের পরিচয় আড়াল করতে ছদ্মনাম ব্যবহার করেছিলেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এফবিআইয়ের তদন্তে আরও উঠে এসেছে, ২০২০ সালে অনলাইনে আইএসের প্রচারণামূলক উপকরণ দেখার পর প্রথম ইউনেসের বিষয়ে নজর দেয় সংস্থাটি। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জিজ্ঞাসাবাদে তিনি এসব উপকরণ দেখার কথা স্বীকার করলেও উগ্রবাদী মতাদর্শে সমর্থনের বিষয়টি অস্বীকার করেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে। তদন্তকারীদের দাবি, পরবর্তী সময়ে এনক্রিপ্টেড যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিদের সঙ্গে কথোপকথনে তিনি আইএসের প্রতি সমর্থন প্রকাশ করেন। পাশাপাশি উগ্রবাদী প্রচারণামূলক উপকরণ শেয়ার এবং সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশংসা করেন। ২০২২ সালের সেপ্টেম্বরে একমুখী টিকিটে তুরস্কে যাওয়ার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সেখানে প্রায় দুই বছর অবস্থান করেন তিনি। যুক্তরাষ্ট্রে নিজের গাড়ি বিক্রি, অবসরকালীন সঞ্চয়ের অর্থ তুলে নেওয়া এবং চাকরি ছেড়ে দেশটিতে যাওয়ার বিষয়টিও তদন্তকারীদের অভিযোগে উঠে এসেছে। পরে তুরস্কে গ্রেপ্তার হওয়ার পর তাঁকে যুক্তরাষ্ট্রে ফেরত পাঠানো হয়। দেশে ফেরার পরও তিনি উগ্রবাদী কর্মকাণ্ডে সমর্থন অব্যাহত রেখেছিলেন এবং সন্ত্রাসবাদসংক্রান্ত মামলায় আগে দণ্ডিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখতেন বলে অভিযোগ করেছে তদন্তকারী সংস্থা। ১৮ নভেম্বর ইউনেসের লাভোনিয়ার অ্যাপার্টমেন্ট, গাড়ি, ইলেকট্রনিক ডিভাইস ও কর্মস্থলে তল্লাশি চালান এফবিআইয়ের সদস্যরা। এ সময় তাঁর অ্যাপার্টমেন্টে অজ্ঞাত একটি তরলে ডুবিয়ে রাখা তিনটি মোবাইল ফোন পাওয়া যায়। এর মধ্যে একটি ফোন ভাঙা ছিল এবং অন্য একটি ফোনের শনাক্তকরণ নম্বর মুছে ফেলা হয়েছিল বলে জানিয়েছে তদন্তকারীরা। এ ছাড়া বাথটাবে একই ধরনের তরলে ভেজানো অবস্থায় ছেঁড়া কাগজপত্রও পাওয়া যায়। এ ঘটনায় ইউনেসের বিরুদ্ধে একটি আন্তর্জাতিক অর্থপাচার এবং একটি আলামত নষ্ট করার অভিযোগ আনা হয়েছে। ১৯ নভেম্বর ম্যাকনের ফেডারেল আদালতে বিচারকের সামনে প্রাথমিক হাজিরা দেন তিনি। আগামী ২৩ নভেম্বর তাঁর প্রাথমিক শুনানি ও জামিনসংক্রান্ত শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। তত দিন তাঁকে ফেডারেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অর্থপাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড, তিন বছরের তত্ত্বাবধানে মুক্তি এবং পাঁচ লাখ ডলার জরিমানা হতে পারে। অন্যদিকে, আলামত নষ্টের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার জরিমানার বিধান রয়েছে। মামলাটি তদন্ত করছে এফবিআইয়ের আটলান্টা কার্যালয়। এতে সহায়তা করছে এফবিআইয়ের নিউয়ার্ক কার্যালয় এবং ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টার। তবে আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত ইউনেস নির্দোষ বলে বিবেচিত হবেন। তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ
যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে দুই বছর বয়সী সুস্থ ছেলেকে গুরুতর অসুস্থ বলে চিকিৎসকদের ভুল তথ্য দিয়ে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার করানোর অভিযোগে এক মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, শিশুটিকে দুই বছরের কিছু বেশি সময়ে প্রায় ১৭৫ বার চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তার পেটে অস্ত্রোপচার করে খাবার দেওয়ার বিশেষ নল বসানো হয়। অথচ পরবর্তী সময়ে শিশুটি স্বাভাবিকভাবেই খাবার খেতে পারছিল বলে জানিয়েছেন তার তত্ত্বাবধানকারীরা। বুধবার (১৮ নভেম্বর) ওয়েস্ট ভার্জিনিয়ার মরগানটাউন শহরে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিশুটির মা ২৯ বছর বয়সী এমিলি গুজম্যান, তাঁর স্বামী ৪৭ বছর বয়সী মিল্টন গুজম্যান সিসনেরোস এবং তাঁদের সঙ্গে একই বাড়িতে বসবাসকারী ৩২ বছর বয়সী কেইটলিন মেরেডিথ। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, গত ৮ অক্টোবর শিশুটির চিকিৎসার ইতিহাসে অসংগতি এবং পরিবারের দুই শিশুর নিরাপত্তা নিয়ে উদ্বেগের তথ্য পাওয়ার পর তদন্ত শুরু করে মনোনগালিয়া কাউন্টি শেরিফের কার্যালয়। তদন্তকারীদের অভিযোগ, এমিলি গুজম্যান চিকিৎসকদের বারবার জানিয়েছিলেন, তাঁর দুই বছর বয়সী ছেলে স্বাভাবিকভাবে খাবার খেতে পারে না। তিনি দাবি করেছিলেন, শিশুটি অ্যাভয়ড্যান্ট রেস্ট্রিকটিভ ফুড ইনটেক ডিসঅর্ডার বা এআরএফআইডি নামের একটি খাদ্যগ্রহণসংক্রান্ত সমস্যায় আক্রান্ত। এ ছাড়া আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে শিশুটির মাইক্রোগ্যাস্ট্রিয়া নামে বিরল একটি জন্মগত রোগ রয়েছে বলেও দাবি করেন তিনি। এই অবস্থায় পাকস্থলী স্বাভাবিকের তুলনায় ছোট হয়। আদালতের নথি অনুযায়ী, শিশুটির খাবার গ্রহণের সমস্যা নিয়ে চিকিৎসকেরা দীর্ঘদিন চিকিৎসা চালিয়ে যান। গত ১ অক্টোবর তার পেটে অস্ত্রোপচার করে গ্যাস্ট্রোস্টমি টিউব বা জি-টিউব বসানো হয়। এই নলের মাধ্যমে সরাসরি পাকস্থলীতে খাবার পৌঁছানো যায়। কিন্তু পরে শিশুটিকে পরিবারের হেফাজত থেকে সরিয়ে অন্য তত্ত্বাবধানে নেওয়া হলে ভিন্ন চিত্র সামনে আসে। তত্ত্বাবধানকারীরা জানান, শিশুটি বিভিন্ন ধরনের খাবার স্বাভাবিকভাবে খেতে পারছিল। খাবার দেওয়ার জন্য তার পেটে বসানো নল ব্যবহারের প্রয়োজন হচ্ছিল না। এমনকি নলটির কারণে শিশুটি অস্বস্তি অনুভব করছিল এবং নলের আশপাশ পরিষ্কার করতে গেলে বাধা দিচ্ছিল বলেও তদন্তকারীদের জানানো হয়। গত ২৭ অক্টোবর অস্ত্রোপচারকারী চিকিৎসকের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা। আদালতের নথি অনুযায়ী, চিকিৎসক জানান, শিশুটির প্রকৃত খাদ্যাভ্যাস সম্পর্কে সঠিক তথ্য পেলে তিনি অস্ত্রোপচারের পরিবর্তে কম ঝুঁকিপূর্ণ চিকিৎসাপদ্ধতি বিবেচনা করতেন। চিকিৎসক আরও জানান, এ ধরনের নল বসানো ও অপসারণের প্রক্রিয়া শিশুর জন্য যন্ত্রণাদায়ক হতে পারে। এতে গুরুতর শারীরিক জটিলতার ঝুঁকিও রয়েছে। তদন্তকারীদের কাছে দেওয়া বক্তব্যে এমিলি গুজম্যান শিশুটির প্রকৃত খাদ্যাভ্যাস সম্পর্কে চিকিৎসকদের কিছু তথ্য গোপন করার কথা স্বীকার করেছেন বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। তাঁর দাবি, চিকিৎসকেরা শিশুটির যত্ন নিয়ে সন্দেহ করে চাইল্ড প্রটেকটিভ সার্ভিসেসকে জানাতে পারেন, এমন আশঙ্কা থেকেই তিনি তথ্য গোপন করেছিলেন। ওয়েস্ট ভার্জিনিয়া ইউনিভার্সিটি মেডিসিন চিলড্রেনস হাসপাতালের শিশু নির্যাতনবিষয়ক একজন বিশেষজ্ঞ ঘটনাটিকে মেডিক্যাল চাইল্ড অ্যাবিউজ হিসেবে শনাক্ত করেছেন। এটি মুনচাউসেন সিনড্রোম বাই প্রক্সি নামে পরিচিত এক ধরনের নির্যাতনের সঙ্গে সম্পর্কিত। এই অবস্থায় কোনো অভিভাবক বা তত্ত্বাবধায়ক তাঁর অধীনে থাকা ব্যক্তির অসুস্থতার লক্ষণ সম্পর্কে মিথ্যা তথ্য দিতে পারেন অথবা ইচ্ছাকৃতভাবে অসুস্থতার লক্ষণ তৈরি করতে পারেন। এর ফলে ভুক্তভোগী অপ্রয়োজনীয় চিকিৎসা বা পরীক্ষার শিকার হতে পারেন। তবে এ ধরনের চিকিৎসাগত মূল্যায়ন এবং আদালতে অপরাধ প্রমাণিত হওয়া আলাদা বিষয়। এদিকে তদন্তের সময় পরিবারের বাড়িতেও গুরুতর অবহেলার প্রমাণ পাওয়ার দাবি করেছে পুলিশ। তদন্তকারীরা জানান, বাড়িতে পচা আবর্জনা, ছড়িয়ে থাকা খাবার, তেলাপোকা, মাছি এবং প্রাণী বা মানুষের মল বলে সন্দেহ করা কিছু পদার্থ পাওয়া গেছে। বিশেষ করে পেটে অস্ত্রোপচার হওয়া শিশুটির জন্য এমন পরিবেশে সংক্রমণের ঝুঁকি ছিল বলে উদ্বেগ প্রকাশ করেছেন তদন্তকারীরা। পুলিশের তদন্তে পরিবারের নয় বছর বয়সী আরেক শিশুর প্রতি দুর্ব্যবহারের অভিযোগও উঠে এসেছে। এমিলি গুজম্যান ও রুমমেট কেইটলিন মেরেডিথের মধ্যে আদান-প্রদান করা কিছু বার্তায় শিশুটিকে অপমান করা এবং শারীরিক শাস্তি দেওয়ার বিষয়ে আলোচনা পাওয়া গেছে বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে এমিলি গুজম্যানের বিরুদ্ধে গুরুতর শারীরিক ক্ষতির কারণ হওয়া শিশু অবহেলার অপরাধমূলক অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তাঁর স্বামী মিল্টন গুজম্যান সিসনেরোস এবং রুমমেট কেইটলিন মেরেডিথের প্রত্যেকের বিরুদ্ধে শিশুদের শারীরিক ক্ষতির ঝুঁকিতে ফেলার অভিযোগে দুটি করে লঘু অপরাধের অভিযোগ আনা হয়েছে। আদালতের নথি অনুযায়ী, তিনজনই নিজেদের নির্দোষ দাবি করেছেন। এমিলির জন্য ৭৫ হাজার ডলার এবং অন্য দুজনের প্রত্যেকের জন্য ২৫ হাজার ডলারের বন্ড নির্ধারণ করা হয়েছে। এমিলি গুজম্যানের প্রাথমিক শুনানির দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর। মনোনগালিয়া কাউন্টির শেরিফ টড ফোর্বস বলেছেন, চিকিৎসার মাধ্যমে শিশু নির্যাতনের ঘটনা শনাক্ত করতে আরও সচেতনতা, প্রশিক্ষণ এবং কার্যকর আইনি সুরক্ষা প্রয়োজন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। শিশুদের গোপনীয়তা রক্ষার স্বার্থে তাঁদের পরিচয় ও বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাঁরা নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। সংবাদসূত্র নিউ ইয়র্ক পোস্ট, মনোনগালিয়া কাউন্টি শেরিফের কার্যালয়
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে অপ্রাপ্তবয়স্ক এক শিশুকে একাধিকবার যৌন নির্যাতনের অভিযোগে একটি গির্জার যাজককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে নির্যাতনের ঘটনা সম্পর্কে জানার পরও শিশুটিকে রক্ষা করতে ব্যবস্থা না নেওয়ার অভিযোগে তাঁর স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সেন্ট ক্লাউড শহরে তদন্তের পর তাঁদের গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ৪১ বছর বয়সী মাইকেল চ্যান্ডলার এবং তাঁর স্ত্রী ৪৩ বছর বয়সী মেলানি চ্যান্ডলার। মাইকেল সেন্ট ক্লাউডের গ্রেস পয়েন্ট চার্চের যাজক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেন্ট ক্লাউড পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, গত রোববার (১৫ নভেম্বর) এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ সম্পর্কে জানতে পারেন তদন্তকারীরা। অভিযোগ ছিল, মাইকেল চ্যান্ডলার একাধিকবার ওই শিশুকে যৌন নির্যাতন করেছেন। এরপর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে, মাইকেলের স্ত্রী মেলানি চ্যান্ডলারও কথিত নির্যাতনের ঘটনা সম্পর্কে অবগত ছিলেন। কিন্তু শিশুটিকে রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেননি এবং বিষয়টি কর্তৃপক্ষকে জানাননি বলে অভিযোগ তদন্তকারীদের। পুলিশ জানিয়েছে, মাইকেল চ্যান্ডলারের বিরুদ্ধে ১২ থেকে ১৮ বছর বয়সী কোনো অপ্রাপ্তবয়স্কের ওপর অভিভাবকত্ব বা তত্ত্বাবধানের অবস্থানে থেকে যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে মেলানি চ্যান্ডলারের বিরুদ্ধে গুরুতর শারীরিক ক্ষতি ছাড়াই শিশু অবহেলার অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউইএসএইচ টু নিউজ পুলিশের বক্তব্যের ভিত্তিতে গ্রেপ্তারের খবর প্রকাশ করে। পরবর্তী সময়ে ফক্স নিউজের স্থানীয় সংবাদমাধ্যমগুলোও বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সেন্ট ক্লাউডের পুলিশপ্রধান ডগলাস গোয়েরকে অভিযোগগুলোকে অত্যন্ত গুরুতর ও নিন্দনীয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, নির্যাতনের অভিযোগ সামনে আনার ক্ষেত্রে ভুক্তভোগী সাহসিকতার পরিচয় দিয়েছে। পুলিশপ্রধান আরও জানান, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁর বিভাগ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ বিচারিক প্রক্রিয়ার জন্য আদালতে উপস্থাপন করা হবে। এদিকে তদন্তের পর চ্যান্ডলার দম্পতির সন্তানদের ফ্লোরিডার ডিপার্টমেন্ট অব চিলড্রেন অ্যান্ড ফ্যামিলিজের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে ভুক্তভোগী শিশুর সঙ্গে অভিযুক্ত দম্পতির পারিবারিক সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত এখনো চলমান রয়েছে। নতুন তথ্য বা প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে অতিরিক্ত অভিযোগ আনা হতে পারে। এ ঘটনায় আরও কোনো ভুক্তভোগী রয়েছেন কি না, সে বিষয়েও তদন্তকারীদের চূড়ান্ত বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে তথ্য জানা থাকলে সেন্ট ক্লাউড পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। তবে মাইকেল ও মেলানি চ্যান্ডলারের বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাঁরা নির্দোষ হিসেবে বিবেচিত হবেন। সংবাদসূত্র সেন্ট ক্লাউড পুলিশ বিভাগ, ডব্লিউইএসএইচ টু নিউজ