সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

অন্যান্য খেলা

পেশাদার রেসলিং ও সব ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা থেকে অবসর নিলেন ব্রক লেসনার। ছবি: সংগৃহীত
রেসলিংকে বিদায় বললেন ১০বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রক লেসনার

পেশাদার রেসলিংকে বিদায় জানালেন ডব্লিউডব্লিউইর ১০বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রক লেসনার। ৪৯ বছর বয়সী এই তারকা জানিয়েছেন, শুধু রেসলিং নয়, প্রতিযোগিতামূলক খেলাধুলার সব অধ্যায় থেকেই তিনি অবসর নিচ্ছেন।   মঙ্গলবার ‘দ্য প্যাট ম্যাকাফি শো’-তে লেসনার আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের ঘোষণা দেন। তিনি জানান, গত শনিবার অনুষ্ঠিত ডব্লিউডব্লিউই সামারস্ল্যামে খেলা ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। এর আগে রেসলম্যানিয়ার পরই অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, তবে শেষবারের মতো আরেকটি ম্যাচ খেলার ইচ্ছায় তিনি রিংয়ে ফিরেছিলেন।   লেসনার বলেন, রেসলম্যানিয়ার পরই তার মনে হয়েছিল আর খেলা সম্ভব নয়। তবু নিজের ভেতরে কিছুটা শক্তি বাকি আছে মনে হওয়ায় শেষবারের মতো রিংয়ে নামেন। সামারস্ল্যামের সেই ম্যাচের পরই তিনি নিশ্চিত হন, এবার সত্যিই বিদায় বলার সময় এসেছে।   দক্ষিণ ডাকোটার একটি খামারবাড়িতে বেড়ে ওঠা লেসনার ২০০০ সালে ইউনিভার্সিটি অব মিনেসোটার হয়ে এনসিএএ ডিভিশন-১ জাতীয় রেসলিং চ্যাম্পিয়ন হন। এরপর ডব্লিউডব্লিউইতে যোগ দিয়ে ২০০২ সালে ডোয়েন ‘দ্য রক’ জনসনকে হারিয়ে প্রথম বিশ্ব শিরোপা জেতেন। ক্যারিয়ারে তিনি মোট ১০টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এছাড়া দুটি রয়্যাল রাম্বল, কিং অব দ্য রিং এবং মানি ইন দ্য ব্যাংক জয়ের কৃতিত্বও রয়েছে তার। ২০১৪ সালে রেসলম্যানিয়ায় আন্ডারটেকারের টানা ২১ ম্যাচের অপরাজিত রেকর্ড ভেঙেও ইতিহাস গড়েন তিনি।   রেসলিংয়ের বাইরে তিনি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগে মিনেসোটা ভাইকিংসের হয়ে সংক্ষিপ্ত সময় খেলেছেন। পরে মিশ্র মার্শাল আর্টসে নাম লিখিয়ে ২০০৮ সালে মাত্র চতুর্থ লড়াইয়েই ইউএফসির হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। ২০১৫ সালে এমএমএ থেকে অবসর নিলেও ২০১৬ সালে শেষবারের মতো একটি লড়াইয়ে অংশ নেন।   অবসরের ঘোষণা দিয়ে লেসনার বলেন, একজন সাধারণ খামারবাড়ির ছেলে হয়েও বড় স্বপ্ন দেখেছিলেন তিনি। কঠোর পরিশ্রমই তাকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। নতুন প্রজন্মকে স্বপ্ন ধরে রেখে নিরলস পরিশ্রম করার আহ্বানও জানান এই কিংবদন্তি তারকা।

প্রকাশ: আগস্ট ৫, ২০২৬ ১:৫৬
অস্ট্রেলীয় স্প্রিন্টার গাউট গাউট
বিশ্ব রেকর্ড হারিয়ে তরুণ বিস্ময় গাউট গাউটকে যে বিশেষ পরামর্শ দিলেন উসাইন বোল্ট

অ্যাথলেটিক্সের দুনিয়ায় এখন সবথেকে আলোচিত নাম ১৮ বছর বয়সী অস্ট্রেলীয় স্প্রিন্টার গাউট গাউট। গতি আর দৌড়ানোর ধরনে কিংবদন্তি উসাইন বোল্টের সাথে তার মিল খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা। এমনকি সম্প্রতি ২০০ মিটার দৌড়ে বোল্টের গড়া অনূর্ধ্ব-২০ বিশ্ব রেকর্ডও ভেঙে দিয়েছেন এই তরুণ। নিজের ছায়া দেখতে পাওয়া সেই গাউট গাউটকে এবার বিশেষ পরামর্শ দিয়েছেন খোদ ‘গতিদানব’ উসাইন বোল্ট। সুইজারল্যান্ডের জেনেভায় আয়োজিত এক অনুষ্ঠানে সিএনএন স্পোর্টসের সাথে আলাপকালে বোল্ট জানান, গাউট গাউটের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, তবে এই বয়সে মনোযোগ ধরে রাখাটাই আসল চ্যালেঞ্জ। বোল্ট বলেন, "এত অল্প বয়সে চারপাশ থেকে অনেক মনোযোগ এবং প্রলোভন আসবে। ডানে-বামে হাজারো হাতছানি তোমাকে ট্র্যাক থেকে দূরে সরিয়ে নিতে চাইবে।" বোল্ট আরও যোগ করেন, "আমি আশা করি তার পাশে এমন কিছু সঠিক মানুষ থাকবে যারা তাকে সঠিক পথ দেখাবে এবং শুধুমাত্র অ্যাথলেটিক্সেই ফোকাস রাখতে সাহায্য করবে। কারণ সাফল্য এলে বাকি সব সুযোগ এমনিতেই আসবে। কিন্তু যদি মাঠের খেলায় ভুল হয়ে যায়, তবে অর্জিত সবকিছুই হারিয়ে যেতে পারে।" দক্ষিণ সুদান বংশোদ্ভূত গাউট গাউট এরই মধ্যে অ্যাথলেটিক্স বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছেন। চলতি মাসে অস্ট্রেলীয় সিনিয়র চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার দৌড়ে ১৯.৬৭ সেকেন্ড সময় নিয়ে তিনি নতুন অনূর্ধ্ব-২০ বিশ্ব রেকর্ড গড়েন, যা ২০০৪ সালে করা বোল্টের রেকর্ডকেও (১৯.৯৩ সেকেন্ড) ছাড়িয়ে গেছে। আগামী জুনে ডায়মন্ড লিগে অলিম্পিক চ্যাম্পিয়ন লেটসিলে তেবোগোর মুখোমুখি হতে যাচ্ছেন এই বিস্ময় বালক।

প্রকাশ: এপ্রিল ২০, ২০২৬ ১৮:৪৭
ওনস জাবেউর
গাজা ইস্যু ও টেনিস কোর্টে লিঙ্গবৈষম্য নিয়ে সোচ্চার তিউনিসিয়ান তারকা জাবেউর

বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ের সাবেক দুই নম্বর তারকা ও তিউনিসিয়ান গর্ব ওনস জাবেউর আবারও আলোচনার কেন্দ্রে। তবে এবার শুধু র‍্যাকেট হাতে নয়, বরং মানবতার পক্ষে তার বলিষ্ঠ কণ্ঠস্বর এবং ব্যক্তিগত জীবনের নতুন এক অধ্যায় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ফিলিস্তিনের গাজা পরিস্থিতি, টেনিসে লিঙ্গবৈষম্য এবং প্রথম সন্তান জন্মের পর কোর্টে ফেরার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন এই ‘মিনিস্টার অফ হ্যাপিনেস’। গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জাবেউর বলেন, "একজন অ্যাথলেট হিসেবে কথা বলাটা আমাদের নৈতিক দায়িত্ব। যখন শিশুদের ক্ষুধার্ত থাকতে দেখি বা নিরপরাধ মানুষদের প্রাণ হারাতে দেখি, তখন টেনিস কোর্টের জয়-পরাজয় গৌণ হয়ে যায়।" গাজা ইস্যুতে কথা বলতে গিয়ে আন্তর্জাতিক মহলে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হলেও, ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। পাশাপাশি টেনিস বিশ্বে নারীদের সমান অধিকার এবং লিঙ্গবৈষম্য নিয়েও মুখ খুলেছেন এই তিনবারের গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিস্ট। টেনিসের বড় আসরগুলোতে নারী ও পুরুষ খেলোয়াড়দের সুযোগ-সুবিধা এবং প্রচারের ক্ষেত্রে যে ব্যবধান রয়েছে, তা দূর করার আহ্বান জানান তিনি। ব্যক্তিগত জীবনে জাবেউর এখন এক নতুন রোমাঞ্চের অপেক্ষায়। তিনি প্রথমবারের মতো মা হতে চলেছেন। তবে মা হওয়া মানেই যে ক্যারিয়ারের ইতি, তা মানতে নারাজ এই তিউনিসিয়ান। কিম ক্লিইস্টার্সের মতো কিংবদন্তিদের উদাহরণ টেনে তিনি জানান, মা হওয়ার পর আরও শক্তিশালী হয়ে টেনিস কোর্টে ফেরার পরিকল্পনা রয়েছে তার। জাবেউর বলেন, "আমি নিজেকে সময় দিতে চাই, দেখতে চাই আমার শরীর কীভাবে সাড়া দেয়। তবে আমি নিশ্চিতভাবেই আবারও টেনিস র‍্যাকেট হাতে ফিরব এবং আগামী কয়েক বছর সর্বোচ্চ পর্যায়ে লড়াই চালিয়ে যেতে চাই।" তার এই ঘোষণা ভক্তদের মনে আশার আলো জাগিয়েছে। মাঠ ও মাঠের বাইরে সমানভাবে প্রভাবশালী এই অ্যাথলেট আবারও প্রমাণ করলেন, তিনি কেবল একজন খেলোয়াড় নন, বরং এক বৈশ্বিক পরিবর্তনের দূত।  

প্রকাশ: এপ্রিল ১৮, ২০২৬ ১:১১

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

নভেম্বর ২১, ২০২৬ ১৩:০