সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

শিক্ষা

বিদেশি শিক্ষার্থীদের চার বছরের ভিসা সীমা বাতিল
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের চার বছরের ভিসা সীমা বাতিল, স্বস্তিতে বাংলাদেশিরাও

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে।   প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতের বিচারক এফ ডেনিস সেলর ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নিয়ম বাতিল করেন। আদালতের সিদ্ধান্তের ফলে বিদেশি শিক্ষার্থীদের জন্য আগে থেকে চালু থাকা অবস্থানের মেয়াদসংক্রান্ত নিয়ম বহাল রয়েছে।   ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী, এফ-১ শিক্ষার্থী এবং জে-১ বিনিময় কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিদের অবস্থানের মেয়াদ সাধারণত সর্বোচ্চ চার বছর নির্ধারণ করার পরিকল্পনা ছিল। চার বছরের বেশি সময় ধরে পড়াশোনা বা গবেষণা চালাতে হলে তাঁদের নতুন করে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতো।   এতে বিশেষ করে পিএইচডি শিক্ষার্থী, গবেষক এবং দীর্ঘমেয়াদি উচ্চশিক্ষা কর্মসূচিতে অংশ নেওয়া বিদেশিদের অতিরিক্ত প্রশাসনিক জটিলতায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। প্রস্তাবিত নিয়মে পড়াশোনা শেষ করার পর এফ-১ শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য প্রচলিত ৬০ দিনের সময় কমিয়ে ৩০ দিন করার পরিকল্পনাও ছিল।   তবে আদালতের রায়ে ওই নিয়ম বাতিল হওয়ায় আগের ডিউরেশন অব স্ট্যাটাস ব্যবস্থা বহাল রয়েছে। অর্থাৎ এফ-১ শিক্ষার্থীরা তাঁদের অনুমোদিত শিক্ষাক্রমে নিবন্ধিত থাকা এবং ভিসার অন্যান্য শর্ত মেনে চলার ভিত্তিতে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। শুধু চার বছর পূর্ণ হওয়ার কারণে তাঁদের অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে না।   আদালতের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীরাও উপকৃত হতে পারেন। বিশেষ করে যাঁরা স্নাতকোত্তর, পিএইচডি কিংবা দীর্ঘমেয়াদি গবেষণায় যুক্ত রয়েছেন, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তির খবর।   এদিকে ১৭ নভেম্বর একই আদালত আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাঠ্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ করার সুযোগ বা কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) নিয়ে শিক্ষা ও শ্রমিক সংগঠনগুলোর করা মামলায় ফেডারেল সরকারের নতুন বিধিনিষেধসংক্রান্ত নির্দেশনা সাময়িকভাবে আটকে দেন। ফলে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ নিয়েও কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। তবে এই সিদ্ধান্তকে সব ধরনের সিপিটি অনুমোদনের স্বয়ংক্রিয় নিশ্চয়তা হিসেবে দেখা যাবে না।   আদালতের নথিতে বলা হয়েছে, সরকার নতুন নিয়ম চালুর পক্ষে যথেষ্ট আইনি যুক্তি উপস্থাপন করতে পারেনি। বিচারক বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনে প্রশাসনের যুক্তি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে, আদালতের এই রায় ভিসার মেয়াদ, পড়াশোনার অনুমতি কিংবা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় না। শিক্ষার্থীদের অবশ্যই বৈধ এফ-১ বা জে-১ অবস্থান বজায় রাখতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। সরকারের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করা হতে পারে।   যুক্তরাষ্ট্রে পড়াশোনার পরিকল্পনা করছেন এমন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। কারণ নতুন নিয়ম কার্যকর হলে দীর্ঘমেয়াদি শিক্ষাক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত আবেদন, সময় ও অর্থ ব্যয়ের আশঙ্কা ছিল। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি আদালতের নথি। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:১১
ঝুঁকিতে ১৮ লাখ শিক্ষার্থী
জিপিএ কমলেই বন্ধ হতে পারে সরকারি শিক্ষা সহায়তা, ঝুঁকিতে ১৮ লাখ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে প্রায় ১৮ লাখ কলেজ শিক্ষার্থী ফেডারেল সরকারের শিক্ষা সহায়তা হারানোর ঝুঁকিতে রয়েছেন। পড়াশোনায় নির্ধারিত অগ্রগতি বজায় রাখতে না পারায় তাঁদের অনেকেই ভবিষ্যতে সরকারি অনুদান ও শিক্ষাঋণের সুবিধা হারাতে পারেন।   ওয়াশিংটন পোস্টের ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, লুমিনা ফাউন্ডেশন ও ম্যাথমেটিকা পরিচালিত এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।গবেষণায় দেখা গেছে, স্নাতক পর্যায়ের প্রতি ১০ জন শিক্ষার্থীর একজনের বেশি সন্তোষজনক শিক্ষাগত অগ্রগতির নির্ধারিত শর্ত পূরণ করতে পারছেন না।   সাধারণত এসব শর্তের মধ্যে রয়েছে কমপক্ষে ২.০ জিপিএ বজায় রাখা, নেওয়া মোট ক্রেডিটের অন্তত ৬৭ শতাংশ সম্পন্ন করা এবং নির্ধারিত সময়ের মধ্যে ডিগ্রি শেষ করার অগ্রগতি দেখানো। এই শর্তগুলো পূরণ করতে না পারলে শিক্ষার্থীদের ফেডারেল আর্থিক সহায়তা স্থগিত বা বন্ধ হতে পারে। এর মধ্যে পেল গ্র্যান্ট এবং ফেডারেল শিক্ষাঋণের মতো সুবিধাও রয়েছে।   গবেষণায় আরও দেখা গেছে, কম আয়ের পরিবারের শিক্ষার্থী এবং পরিবারের প্রথম কলেজপড়ুয়া সদস্যরা তুলনামূলক বেশি সমস্যায় রয়েছেন। শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ কমিউনিটি কলেজে পড়াশোনা করছেন। তবে সহায়তা হারানোর অর্থ সব ক্ষেত্রে স্থায়ীভাবে সুবিধা বন্ধ হয়ে যাওয়া নয়। শিক্ষার্থীরা তাঁদের পরিস্থিতি ব্যাখ্যা করে কলেজের আর্থিক সহায়তা বিভাগে আপিল করতে পারেন। অসুস্থতা, পারিবারিক সমস্যা কিংবা অন্য কোনো গ্রহণযোগ্য কারণ থাকলে বিশেষ বিবেচনায় সহায়তা পুনর্বহালের সুযোগ থাকতে পারে।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারের সন্তানদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়মিত জিপিএ, কোর্স সম্পন্ন করার অগ্রগতি এবং আর্থিক সহায়তার শর্ত যাচাই করা প্রয়োজন। সূত্র: ওয়াশিংটন পোস্ট, লুমিনা ফাউন্ডেশন ও ম্যাথমেটিকার গবেষণা। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১৭:৫৪
উচ্চশিক্ষায় পুরুষদের ছাড়িয়ে গেলেন নারীরা, বৈশ্বিক হার ৪৭ বনাম ৪১ শতাংশ
উচ্চশিক্ষায় পুরুষদের ছাড়িয়ে গেলেন নারীরা, বৈশ্বিক হার ৪৭ বনাম ৪১ শতাংশ

গত ৫৩ বছরে বৈশ্বিক উচ্চশিক্ষার চিত্র আমূল বদলে গেছে। ইউনেস্কো ইনস্টিটিউট ফর স্ট্যাটিসটিক্স (ইউআইএস)-এর ২০২৬ সালের তথ্য এবং ‘আওয়ার ওয়ার্ল্ড ইন ডাটা’-এর ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি পরিসংখ্যানে দেখা গেছে, উচ্চশিক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নারীরা এখন পুরুষদের চেয়ে এগিয়ে আছেন। ২০২৪ সাল নাগাদ বিশ্বজুড়ে নারীদের মোট উচ্চশিক্ষা ভর্তির হার দাঁড়িয়েছে ৪৭ শতাংশে, যেখানে পুরুষদের হার ৪১ শতাংশ।   ১৯৭০-এর দশকের শুরুতে বিশ্বের বেশিরভাগ দেশেই উচ্চশিক্ষা ছিল একটি ক্ষুদ্র অভিজাত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ এবং তা ছিল পুরুষকেন্দ্রিক। ১৯৭১ সালে বৈশ্বিক পর্যায়ে উচ্চশিক্ষায় পুরুষদের মোট ভর্তির হার ছিল ১০ শতাংশ এবং নারীদের হার ছিল মাত্র ৭ শতাংশ। তখন ভর্তির হারে পুরুষরা নারীদের চেয়ে ৩ শতাংশ পয়েন্ট এগিয়ে ছিলেন।   ১৯৭১ পরবর্তী প্রায় ৩০ বছর ধরে উভয় লিঙ্গের মানুষের মধ্যেই উচ্চশিক্ষায় ভর্তির হার বাড়লেও পুরুষরা সামান্য এগিয়ে ছিলেন। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে শিল্পায়ন ও নগরায়ণের প্রসার এবং মাধ্যমিক শিক্ষা সম্পন্নকারীর সংখ্যা বাড়ায় উচ্চশিক্ষার চাহিদা তৈরি হয়। তবে নব্বইয়ের দশকের শেষভাগ পর্যন্তও পুরুষদের ভর্তির হার নারীদের তুলনায় প্রায় ২ থেকে ৩ শতাংশ পয়েন্ট বেশি ছিল।   এই দীর্ঘমেয়াদি ধারার বড় মোড় পরিবর্তন ঘটে ২০০১ সালে। নতুন শতাব্দীর শুরুতেই উচ্চশিক্ষায় নারীদের ভর্তির হার দ্রুত বেড়ে পুরুষদের হারকে অতিক্রম করে। এরপর গত দুই দশকে উভয় ক্ষেত্রেই অগ্রগতি হলেও নারীদের বৃদ্ধির গতি ছিল অনেক বেশি। সব মিলিয়ে ১৯৭১ থেকে ২০২৪ সালের মধ্যে নারীদের উচ্চশিক্ষায় ভর্তির হার ৪০ শতাংশ পয়েন্ট বেড়ে প্রায় ৬ দশমিক ৭ গুণ হয়েছে, আর পুরুষদের হার ৩১ শতাংশ পয়েন্ট বেড়ে প্রায় ৪ দশমিক ১ গুণ হয়েছে। এর ফলে লিঙ্গবৈষম্যের ব্যবধানে ৯ পয়েন্টের বড় উল্টে যাওয়া দেখা গেছে—যেখানে আগে পুরুষরা ৩ পয়েন্ট এগিয়ে ছিলেন, ২০২৪ সালে সেখানে নারীরা ৬ পয়েন্ট এগিয়ে আছেন।   উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপ, পূর্ব এশিয়ার উদীয়মান শিল্প অর্থনীতি, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মতো অঞ্চলগুলোতে নারীদের উচ্চশিক্ষায় ভর্তির হার এখন পুরুষদের সমান বা তার চেয়ে বেশি। অর্থনীতিবিদদের মতে, আধুনিক অর্থনীতিতে কায়িক শ্রমের তুলনায় জ্ঞান ও সেবানির্ভর খাত বাড়ায় অনেক ক্ষেত্রে পুরুষরা মাধ্যমিকের পরপরই নির্মাণ, উৎপাদন বা পরিবহনের মতো খাতে কাজে যুক্ত হন। অন্যদিকে, শ্রমবাজারের বাধা পেরিয়ে স্থিতিশীল পেশায় যেতে নারীদের কাছে উচ্চশিক্ষার সনদ বাড়তি গুরুত্ব পায়। পাশাপাশি জন্মহার কমে আসা, প্রথম বিয়ের বয়স বৃদ্ধি এবং পরিবারে শিক্ষায় সমান ব্যয়ের মানসিকতাও এ পরিবর্তনে ভূমিকা রেখেছে।   তবে এই বৈশ্বিক প্রবণতার বাইরে ব্যতিক্রম হিসেবে রয়ে গেছে সাব-সাহারা আফ্রিকা। ওই অঞ্চলে এখনো উচ্চশিক্ষায় ভর্তির হারে পুরুষরা নারীদের চেয়ে এগিয়ে আছেন। চরম দারিদ্র্যের কারণে সীমিত শিক্ষা ব্যয়ে প্রথমে ছেলেদের প্রাধান্য দেওয়া, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মেয়েদের ঝরে পড়া, বাল্যবিবাহ এবং নিরাপদ যাতায়াত ও স্যানিটেশন ব্যবস্থার ঘাটতি সেখানে বড় বাধা হিসেবে কাজ করছে।   বিশেষজ্ঞদের মতে, বিপুলসংখ্যক উচ্চশিক্ষিত নারীর শ্রমবাজারে যুক্ত হওয়া জ্ঞানভিত্তিক অর্থনীতিতে মানবসম্পদের মান বাড়াতে পারে। তবে মাতৃত্ব ও সন্তান লালনপালনের কারণে ক্যারিয়ারে বিরতি, বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) খাতে কম প্রতিনিধিত্ব এবং শীর্ষ নেতৃত্বে পৌঁছানোর ক্ষেত্রে ‘গ্লাস সিলিং’-এর মতো চ্যালেঞ্জ রয়ে গেছে। এসব বাধা দূর করতে শিশু পরিচর্যা সুবিধা ও নমনীয় কর্মপরিবেশ নিশ্চিত করাকে ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: জাস্ট ইকোনমিক্স।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৬:১০
পড়াশোনার নতুন বিল আনলেন মার্কিন আইনপ্রণেতারা
পড়াশোনার জন্য ঋণ নিচ্ছেন যারা, তাদের জন্য নতুন বিল আনলেন মার্কিন আইনপ্রণেতারা

যুক্তরাষ্ট্রে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ঋণ নেওয়া শিক্ষার্থীদের ঋণের হিসাব আরও সহজ ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশটির কংগ্রেসে নতুন একটি বিল আবারও উত্থাপন করেছেন দুই দলের দুই আইনপ্রণেতা। গত ২০ নভেম্বর রিপাবলিকান দলের প্রতিনিধি বব ওন্ডার এবং ডেমোক্র্যাট দলের প্রতিনিধি ইউজিন ভিন্ডম্যান যৌথভাবে ‘শিক্ষাঋণের তথ্য প্রকাশে স্বচ্ছতা আইন, ২০২৬’ নামের বিলটি পুনরায় উত্থাপন করেন।   প্রস্তাবিত আইনে শিক্ষার্থীদের ঋণ দেওয়ার আগে ঋণের সুদের হার, বিভিন্ন খরচ এবং সম্ভাব্য মাসিক কিস্তির পরিমাণ স্পষ্টভাবে জানানোর কথা বলা হয়েছে। পাশাপাশি ঋণগ্রহীতাদের প্রতি মাসে ঋণের বিস্তারিত হিসাব দেওয়ার প্রস্তাব রয়েছে। আইনপ্রণেতাদের মতে, অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার খরচ মেটাতে ঋণ নিলেও ঋণের প্রকৃত ব্যয়, সুদের পরিমাণ এবং ভবিষ্যতে কত টাকা পরিশোধ করতে হবে, সে বিষয়ে পরিষ্কার ধারণা পান না। ফলে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রবেশের পর অনেকেই আর্থিক চাপে পড়েন।   নতুন বিলটি কার্যকর হলে শিক্ষার্থীরা ঋণ নেওয়ার আগেই সম্ভাব্য মাসিক কিস্তি সম্পর্কে জানতে পারবেন। ঋণের সুদ, ফি এবং অন্যান্য খরচের তথ্যও নিয়মিত হাতে পাবেন। এতে শিক্ষার্থী ও অভিভাবকেরা ঋণ নেওয়ার আগে নিজেদের আর্থিক সামর্থ্য বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন। রিপাবলিকান আইনপ্রণেতা বব ওন্ডার বলেছেন, শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের কলেজে পড়াশোনার প্রকৃত খরচ এবং ঋণ নেওয়ার আর্থিক দায় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন।   অন্যদিকে ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইউজিন ভিন্ডম্যানের মতে, ঋণের জটিল শর্ত ও অস্পষ্ট হিসাবের কারণে শিক্ষার্থীদের সমস্যায় পড়া উচিত নয়। ঋণগ্রহীতাদের সহজ ভাষায় প্রয়োজনীয় তথ্য দেওয়া জরুরি। প্রস্তাবিত বিলে ঋণ দেওয়ার আগে প্রয়োজনীয় তথ্য প্রকাশের পাশাপাশি প্রতি মাসে ঋণের হিসাব দেওয়ার বিধান রাখার কথা বলা হয়েছে। আইনটি পাস হলে অনুমোদনের পর অন্তত ১২ মাস পার হওয়া পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এর কার্যকারিতা শুরু করার প্রস্তাব রয়েছে।   তবে বিলটি এখনো আইন হিসেবে পাস হয়নি। তাই শিক্ষার্থীদের জন্য মাসিক হিসাব দেওয়ার নতুন বাধ্যবাধকতাও এখনো কার্যকর হয়নি। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। উচ্চশিক্ষার জন্য ঋণ নেওয়ার আগে সুদের হার, পরিশোধের সময়সীমা এবং অতিরিক্ত খরচ সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া প্রয়োজন। নতুন প্রস্তাবটি পাস হলে ঋণসংক্রান্ত তথ্য পাওয়া আরও সহজ হতে পারে। সংবাদ সূত্র: মার্কিন কংগ্রেসের আইনপ্রণেতাদের প্রকাশিত বিজ্ঞপ্তি।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৭:২৭
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী
ভিসা জটিলতা ও ব্যয় বাড়ায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর ভর্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। ভিসা প্রক্রিয়ার জটিলতা, ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ, পড়াশোনার বাড়তি ব্যয় এবং অভিবাসন নীতির অনিশ্চয়তার কারণে অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের পরিবর্তে অন্য দেশে উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন। ২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।   ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ২০২৬ সালের শরৎকালীন প্রাথমিক জরিপ অনুযায়ী, ২০২৬ সালের শরৎ সেমিস্টারে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমবার ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কমেছে। এর আগের বছরও নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছিল ১৮ শতাংশ।   জরিপে অংশ নেওয়া ৮০৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৯ শতাংশ। স্নাতক পর্যায়ে শিক্ষার্থী কমেছে ৩ শতাংশ এবং স্নাতকোত্তর পর্যায়ে কমেছে ১৫ শতাংশ। পড়াশোনা শেষে ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ বা ওপিটি কর্মসূচিতে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৬ শতাংশ।   শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে শিক্ষার্থী কমে যাওয়ার কারণ জানতে চাইলে ৮৮ শতাংশ প্রতিষ্ঠান ভিসা আবেদন প্রক্রিয়াকে একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেছে। ৭০ শতাংশ প্রতিষ্ঠান ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ এবং ৬০ শতাংশ প্রতিষ্ঠান অন্য দেশে পড়াশোনার সুযোগ বেছে নেওয়ার বিষয়টি উল্লেখ করেছে। এ ছাড়া ৪৫ শতাংশ প্রতিষ্ঠান শিক্ষার ব্যয়কে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে।   এর প্রভাব বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থার ওপরও পড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তাদের হিসাবে, এতে প্রতিষ্ঠানটির প্রায় ২০ লাখ থেকে ৪০ লাখ ডলারের আর্থিক প্রভাব পড়তে পারে।   বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, শিক্ষার্থী ভিসা, টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ—সবকিছু বিবেচনা করতে হয়। বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীদের জন্য নতুন পরিসংখ্যানটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে।   তবে এই জরিপে বাংলাদেশি শিক্ষার্থীদের আলাদা ভর্তি-পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। তাই ১৫ শতাংশ হ্রাসকে শুধু বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়া হিসেবে দেখার সুযোগ নেই।   যুক্তরাষ্ট্র এখনো আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম প্রধান গন্তব্য। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে উচ্চশিক্ষার জন্য দেশ নির্বাচন, ভিসা প্রস্তুতি এবং পড়াশোনা শেষে কাজের পরিকল্পনা করার ক্ষেত্রে শিক্ষার্থীদের আরও সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১২:৪৩
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। নার্সিং শিক্ষক ও তরুণ কৃষকদের শিক্ষাঋণ মওকুফে দুটি কর্মসূচি চালু করেছে অঙ্গরাজ্য সরকার। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
নিউ ইয়র্কে ৫০ হাজার ডলার পর্যন্ত শিক্ষাঋণ মওকুফের ঘোষণা, আবেদন চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নার্সিং শিক্ষক ও তরুণ কৃষকদের শিক্ষাঋণ মওকুফের জন্য দুটি বিশেষ কর্মসূচিতে আবেদন নেওয়া শুরু হয়েছে। যোগ্য নার্সিং শিক্ষক সর্বোচ্চ ৪০ হাজার ডলার এবং তরুণ কৃষকেরা সর্বোচ্চ ৫০ হাজার ডলার পর্যন্ত শিক্ষাঋণ মওকুফের সুযোগ পাবেন। দুই কর্মসূচির আওতায় মোট ২১ লাখ ডলার বরাদ্দ করেছে অঙ্গরাজ্য সরকার। আগ্রহীদের আগামী ১৬ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে।   শুক্রবার (২০ নভেম্বর) নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এ ঘোষণা দেন। কর্মসূচি দুটি পরিচালনা করছে নিউইয়র্ক স্টেট হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশন (এইচইএসসি)। স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে দক্ষ কর্মী ধরে রাখা এবং এসব পেশায় নতুন কর্মী আকৃষ্ট করাই এর উদ্দেশ্য। কর্তৃপক্ষের মতে, শিক্ষাঋণের আর্থিক চাপ কমাতে পারলে নার্সিং শিক্ষকেরা ভবিষ্যৎ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে এবং তরুণেরা কৃষিকাজে দীর্ঘমেয়াদি পেশা গড়তে উৎসাহিত হবেন।   প্রথম কর্মসূচির নাম ‘নার্সিং ফ্যাকাল্টি লোন ফরগিভনেস ইনসেনটিভ প্রোগ্রাম’। এর আওতায় যোগ্য নার্সিং শিক্ষক বছরে সর্বোচ্চ ৮ হাজার ডলার করে পাঁচ বছর পর্যন্ত শিক্ষাঋণ মওকুফের সুবিধা পাবেন। সব মিলিয়ে একজনের সর্বোচ্চ সুবিধার পরিমাণ ৪০ হাজার ডলার। নিউইয়র্কের নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করা এবং শ্রেণিকক্ষ বা ক্লিনিক্যাল প্রশিক্ষণে বছরে অন্তত ১২ ক্রেডিট ঘণ্টার সমপরিমাণ দায়িত্ব পালন করতে হবে।   এই কর্মসূচিতে আবেদন করতে হলে নিউইয়র্কে নিবন্ধিত ও পেশাগতভাবে লাইসেন্সপ্রাপ্ত নার্স হতে হবে। পাশাপাশি নার্সিংয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট শিক্ষকতার যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। লাইসেন্সপ্রাপ্ত নার্স হিসেবে আগে ক্লিনিক্যাল অভিজ্ঞতাও থাকতে হবে। নার্সিং বিষয়ে ডিগ্রি অর্জনের সময় নেওয়া যোগ্য শিক্ষাঋণের বকেয়া থাকতে হবে আবেদনকারীর। এ ছাড়া অঙ্গরাজ্যের আবাসিক ও অন্যান্য আর্থিক যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।   দ্বিতীয় কর্মসূচিটি তরুণ কৃষকদের জন্য। ‘ইয়ং ফার্মার্স লোন ফরগিভনেস ইনসেনটিভ প্রোগ্রাম’-এর আওতায় যোগ্য কৃষকেরা বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার করে পাঁচ বছর পর্যন্ত শিক্ষাঋণ মওকুফ পেতে পারেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধার পরিমাণ ৫০ হাজার ডলার। আবেদনকারীকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অনুমোদিত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং কৃষিকাজে যুক্ত হওয়ার প্রথম ১০ বছরের মধ্যে থাকতে হবে।   এ ছাড়া নিউইয়র্কে পূর্ণকালীন কৃষিকাজ পরিচালনা করতে হবে এবং আগামী অন্তত পাঁচ বছর এই কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করতে হবে। কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত খামার হতে হবে এবং স্নাতক ডিগ্রি অর্জনের সময় নেওয়া যোগ্য শিক্ষাঋণের বকেয়া থাকতে হবে। শুধু কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেই এই সুবিধা পাওয়া যাবে না, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তও পূরণ করতে হবে।   দুটি কর্মসূচির ক্ষেত্রেই সব ধরনের শিক্ষাঋণ মওকুফের আওতায় পড়বে না। ঋণটি সংশ্লিষ্ট ডিগ্রি অর্জনের জন্য নেওয়া হতে হবে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী যোগ্য ঋণ হিসেবে বিবেচিত হতে হবে। মওকুফের পরিমাণও নির্ভর করবে আবেদনকারীর প্রকৃত বকেয়া ঋণের ওপর। অর্থাৎ একজন নার্সিং শিক্ষক বা কৃষক সর্বোচ্চ ৪০ হাজার বা ৫০ হাজার ডলারের যোগ্য হলেও তাঁর বকেয়া ঋণ কম হলে সেই পরিমাণের বেশি মওকুফ পাবেন না।   আবেদনকারীদের নিউইয়র্কে টানা ১২ মাস বসবাসসহ নাগরিকত্ব ও অভিবাসনসংক্রান্ত যোগ্যতার শর্তও যাচাই করতে হবে। তবে নির্দিষ্ট ক্ষেত্রে নিউইয়র্কের ড্রিম অ্যাক্টের আওতায় বিকল্প যোগ্যতার সুযোগ রয়েছে। আবেদন করার আগে এইচইএসসির ওয়েবসাইটে সংশ্লিষ্ট কর্মসূচির শর্ত, গ্রহণযোগ্য ঋণের ধরন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।   নিউইয়র্কের উচ্চশিক্ষা সেবা করপোরেশনের তথ্য অনুযায়ী, নার্সিং শিক্ষক ও তরুণ কৃষকদের জন্য পৃথক আবেদনপত্র চালু রয়েছে। দুই কর্মসূচির আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ডিসেম্বর ২০২৬। যোগ্য ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে পাঁচ বছর পর্যন্ত বার্ষিক কিস্তিতে শিক্ষাঋণ মওকুফের সুযোগ পেতে পারেন।   সংবাদসূত্র: নিউইয়র্ক স্টেট হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশন (এইচইএসসি), গভর্নর ক্যাথি হোকুলের কার্যালয়।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ২০:৩৪
ইইউ-যুক্তরাজ্য চুক্তি সম্পন্ন, টিউশন ফি নিয়ে মতবিরোধ
ইইউ-যুক্তরাজ্য চুক্তি সম্পন্ন, টিউশন ফি নিয়ে মতবিরোধের জেরে থেকে যাচ্ছে আশঙ্কা

খাদ্য ও পানীয় বাণিজ্য, কার্বন নিঃসরণ বাণিজ্য এবং তরুণদের অবাধ যাতায়াত বা ‘ইয়ুথ মোবিলিটি’ প্রকল্প নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে একটি নতুন ও গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে যুক্তরাজ্য। তবে ইইউ শিক্ষার্থীদের টিউশন ফির হার কী হবে—তা নিয়ে দুই পক্ষের আলোচনা এখনো অমীমাংসিত রয়ে গেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, টিউশন ফি নিয়ে কোনো চূড়ান্ত চুক্তি না হলেও এই তিনটি প্রধান চুক্তির বাস্তবায়নে কোনো বাধা আসবে না।   শুক্রবার (২০ নভেম্বর) ব্রাসেলসে শীর্ষ সম্মেলনস্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম পৌঁছানোর এক ঘণ্টারও কম সময়ের মধ্যে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র জানান, “চুক্তি সম্পন্ন হয়েছে—আলোচনা শেষ।” এর আগে সম্মেলনস্থলে বার্নহ্যামকে স্বাগত জানান ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।   চুক্তির ঘোষণা আসার পর ব্রিটিশ কর্মকর্তারা জোর দিয়ে বলেন, টিউশন ফি ইস্যুতে মতৈক্য না হলে এই তিনটি পরিকল্পনা ঝুঁকিতে পড়তে পারে—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের মতে, এই বিষয়গুলো একেবারেই আলাদা। যদিও এর আগে ইইউ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে, মূল চুক্তিগুলোর অগ্রগতি টিউশন ফি সংক্রান্ত সমঝোতার ওপর নির্ভরশীল হতে পারে।   ব্রিটিশ কর্মকর্তাদের মতে, টিউশন ফি নিয়ে আলোচনা আরও ছয় মাস চলার কথা রয়েছে। তবে ২০২৮ সালের মার্চ মাসে যখন খাদ্য ও কৃষি সংক্রান্ত নতুন নিয়মগুলো কার্যকর হবে, তার মধ্যেও যদি টিউশন ফি নিয়ে কোনো চুক্তি না হয়, তবুও নির্ধারিত সময়েই ওই চুক্তিগুলো বাস্তবায়িত হবে।   এ ছাড়া ইউরোপীয় শিল্পে চীনের ক্রমবর্ধমান প্রভাব সীমিত করার লক্ষ্যে ইইউর প্রস্তাবিত ‘মেড ইন ইউরোপ’ নীতিতে যুক্ত হওয়ার বিষয়েও যুক্তরাজ্য নীতিগত সম্মতি আদায় করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নীতিটি এখনো চূড়ান্ত না হলেও, টিউশন ফি নিয়ে চুক্তির আগেই এই সম্মতি অর্জনকে ব্রিটিশ এক কর্মকর্তা ‘একটি বড় জয়’ হিসেবে অভিহিত করেছেন। সূত্র: দ্য গার্ডিয়ান।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ৬:৪৯
বিদেশি শিক্ষার্থীদের পক্ষে আদালতের রায়
পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত থাকার সুযোগ, বিদেশি শিক্ষার্থীদের পক্ষে আদালতের রায়

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের থাকার মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। গত ১৬ নভেম্বর ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের জেলা আদালতের বিচারক এফ ডেনিস সেইলর কেন্দ্রীয় সরকারের নতুন নিয়মটি সম্পূর্ণ বাতিলের নির্দেশ দেন। এতে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করা বিদেশি শিক্ষার্থী, বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য আগের নিয়ম বহাল থাকছে।   যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ গত ১৭ জুলাই নতুন একটি বিধিমালা প্রকাশ করেছিল। এর মাধ্যমে বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা নির্দিষ্ট করার পরিকল্পনা নেওয়া হয়। প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, অধিকাংশ বিদেশি শিক্ষার্থীকে সর্বোচ্চ চার বছরের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়ার কথা ছিল। কোনো শিক্ষার্থীর পড়াশোনা বা গবেষণা শেষ করতে এর চেয়ে বেশি সময় প্রয়োজন হলে তাকে অবস্থানের মেয়াদ বাড়ানোর জন্য নতুন করে আবেদন করতে হতো।   আগের নিয়মে শিক্ষার্থীরা নির্ধারিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং অভিবাসনসংক্রান্ত শর্ত মেনে চলার মাধ্যমে অনুমোদিত শিক্ষাক্রমের সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকতে পারতেন। নতুন নিয়ম কার্যকর হলে এই ব্যবস্থায় বড় পরিবর্তন আসত। তবে আদালত মনে করেছে, নতুন বিধিমালা তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় যুক্তি ও প্রমাণ যথাযথভাবে উপস্থাপন করতে পারেনি। পাশাপাশি শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার স্বাধীনতার ওপর নতুন বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের আইনগত ক্ষমতার সীমাও যথাযথভাবে বিবেচনা করা হয়নি।   মামলায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানের সংগঠন এবং শ্রমিক সংগঠন নতুন বিধিমালার বিরোধিতা করে। তাদের যুক্তি ছিল, এ ধরনের পরিবর্তন বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রমে জটিলতা তৈরি করবে। আদালতের ১৬ নভেম্বরের চূড়ান্ত আদেশে কেন্দ্রীয় সরকারের নতুন বিধিমালাটি বাতিল করা হয়েছে। ফলে আগের অবস্থানকালীন নিয়ম আবার কার্যকর থাকছে, যদি উচ্চতর আদালত পরবর্তী সময়ে এই সিদ্ধান্ত স্থগিত বা পরিবর্তন না করে।   এ সিদ্ধান্তের ফলে এফ-১ শিক্ষার্থী ভিসাধারীরা আগের নিয়ম অনুযায়ী অনুমোদিত শিক্ষাক্রমে ভর্তি থাকা এবং অভিবাসনসংক্রান্ত শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। তবে শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, থাকার অনুমোদিত মেয়াদ এবং ভিসার মেয়াদ এক বিষয় নয়। ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও কেউ যুক্তরাষ্ট্রের ভেতরে বৈধ শিক্ষার্থী হিসেবে অবস্থান করতে পারেন, যদি তার অভিবাসনসংক্রান্ত অনুমোদন ও প্রয়োজনীয় শর্ত ঠিক থাকে।   অন্যদিকে, পড়াশোনা শেষ করা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তন, কর্মসংস্থানের অনুমতি এবং অন্যান্য অভিবাসনসংক্রান্ত নিয়ম আগের মতোই মেনে চলতে হবে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য এই রায় গুরুত্বপূর্ণ। বিশেষ করে দীর্ঘমেয়াদি গবেষণা, স্নাতকোত্তর ও উচ্চতর ডিগ্রি অর্জনের পরিকল্পনা করছেন এমন শিক্ষার্থীদের জন্য বিষয়টি স্বস্তিদায়ক হতে পারে।   তবে আদালতের এই সিদ্ধান্তকে সব ধরনের শিক্ষার্থী ভিসার নিয়ম বাতিল হিসেবে দেখার সুযোগ নেই। এটি মূলত বিদেশি শিক্ষার্থীদের থাকার মেয়াদ নির্দিষ্ট করার নতুন বিধিমালার বিরুদ্ধে দেওয়া রায়। সংবাদ সূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি আদালতের নথি।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ৪:৩৫
বিশ্ববিদ্যালয় ছাড়ছেন বিদেশি শিক্ষার্থীরা
ভিসা জটিলতা ও ব্যয় বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ছাড়ছেন বিদেশি শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬ সালের শরৎকালীন শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কমেছে। একই সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পড়তে আসা নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৫ শতাংশ।   ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) প্রকাশিত নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের ১৬ নভেম্বর প্রকাশিত জরিপে যুক্তরাষ্ট্রের ৮০৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক চিত্র তুলে ধরেছে।   জরিপ অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সবচেয়ে বড় পতন দেখা গেছে স্নাতকোত্তর পর্যায়ে। এ পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৫ শতাংশ। স্নাতক পর্যায়ে কমেছে ৩ শতাংশ। পাশাপাশি পড়াশোনা শেষে ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ বা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচিতে অংশ নেওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৬ শতাংশ।   শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই পতনের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছে। জরিপে অংশ নেওয়া ৮৮ শতাংশ প্রতিষ্ঠান ভিসা আবেদন প্রক্রিয়াকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে। ৭০ শতাংশ প্রতিষ্ঠান ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কথা জানিয়েছে। এ ছাড়া অন্যান্য দেশে পড়াশোনার সুযোগ বেছে নেওয়া এবং যুক্তরাষ্ট্রে শিক্ষার বাড়তি খরচও শিক্ষার্থী কমার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।   যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বরাবরই বড় বিষয়। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, বাসাভাড়া, খাবার, স্বাস্থ্যবিমা, যাতায়াত এবং অন্যান্য জীবনযাত্রার ব্যয় মিলিয়ে একজন শিক্ষার্থীর জন্য উল্লেখযোগ্য অর্থের প্রয়োজন হয়। এর সঙ্গে ভিসা প্রক্রিয়ার অনিশ্চয়তা যুক্ত হলে অনেক শিক্ষার্থী বিকল্প দেশ বিবেচনা করছেন।   বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এই পরিস্থিতি গুরুত্বপূর্ণ। তবে জরিপে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি ৯ শতাংশ কমেছে—এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ৯ শতাংশের পরিসংখ্যানটি যুক্তরাষ্ট্রের সামগ্রিক আন্তর্জাতিক শিক্ষার্থীসংখ্যার পতন নির্দেশ করে। তাই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহীদের ক্ষেত্রে সরাসরি একই হারে ভর্তি কমেছে বলে ধরে নেওয়া ঠিক হবে না।   অন্যদিকে, যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে কাজ করার সুযোগ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। ওপিটি কর্মসূচির মাধ্যমে যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনার সঙ্গে সম্পর্কিত কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। প্রযুক্তি, প্রকৌশল ও বিজ্ঞানের নির্দিষ্ট বিষয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় কাজের সুযোগও রয়েছে।   আইআইইর জরিপে দেখা গেছে, ৯৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ধারণা, ওপিটি কর্মসূচির সুযোগ সীমিত করা হলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অন্য দেশে পড়াশোনার কথা বিবেচনা করতে পারেন। ফলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোও বিদেশি শিক্ষার্থী ধরে রাখা নিয়ে চিন্তিত।   আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ার অর্থনৈতিক প্রভাবও রয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার্সের (এনএএফএসএ) হিসাব অনুযায়ী, ২০২৬ সালের শরৎকালে আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রায় ২৪০ কোটি ডলারের সম্ভাব্য ক্ষতি এবং ৩১ হাজারের বেশি চাকরির সমপরিমাণ কর্মসংস্থান কমার প্রভাব পড়তে পারে।   তবে যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের অন্যতম প্রধান উচ্চশিক্ষার গন্তব্য। দেশটির অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণে নতুন উদ্যোগ চালিয়ে যাচ্ছে। জরিপে ৮১ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, বিদেশি শিক্ষার্থী নিয়োগ তাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে শিক্ষার্থী আকর্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে।   যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় নির্বাচন, বৃত্তির সুযোগ, টিউশন ফি, ভিসার নিয়ম এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ সম্পর্কে আবেদন করার আগে হালনাগাদ তথ্য যাচাই করা প্রয়োজন। কারণ ভর্তি পেলেই ভিসা নিশ্চিত হয় না এবং পড়াশোনা শেষে চাকরিও নিশ্চিত নয়।সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ৫:৫৭
এসিটি ও স্যাট পরীক্ষায় প্রথমবারেই সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন মিসৌরির শিক্ষার্থী লুকা আর্টোমভ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
প্রথম চেষ্টাতেই এসিটি ও স্যাট পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে চমক দেখালেন মার্কিন শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এক স্কুলশিক্ষার্থী প্রথমবার পরীক্ষা দিয়েই দেশটির কলেজে ভর্তির জন্য গুরুত্বপূর্ণ দুটি মানসম্মত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন। কার্কউড হাইস্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী লুকা আর্টোমভ আমেরিকান কলেজ টেস্টিং (এসিটি) পরীক্ষায় ৩৬-এর মধ্যে ৩৬ এবং স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট (স্যাট) পরীক্ষায় ১ হাজার ৬০০-এর মধ্যে ১ হাজার ৬০০ পেয়েছেন। দুই পরীক্ষাতেই প্রথমবার অংশ নিয়ে এমন ফল অর্জন করায় তাঁর সাফল্য নিয়ে স্থানীয় শিক্ষাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।   লুকা ২০২৫ সালে প্রথমবার এসিটি পরীক্ষায় অংশ নেন। সেখানে সর্বোচ্চ ৩৬ নম্বর পাওয়ার পর ২০২৬ সালে স্যাট পরীক্ষায় বসেন তিনি। সেখানেও প্রথম প্রচেষ্টাতেই পূর্ণ নম্বর অর্জন করেন। নিজের ফলাফল সম্পর্কে লুকা বলেন, এমন সাফল্য পাওয়ার পর তিনি নিজেও বেশ অবাক ও আনন্দিত হয়েছিলেন। কারণ, দুই পরীক্ষায় একইভাবে সর্বোচ্চ নম্বর পাওয়া খুবই বিরল ঘটনা।   দুটি পরীক্ষায় অংশ নেওয়ার পেছনে তাঁর একটি বাস্তব উদ্দেশ্যও ছিল। লুকা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বৃত্তির সুযোগ বাড়ানোর জন্য তিনি এসিটি ও স্যাট দুটিই দিয়েছেন। পাশাপাশি নিজের সামর্থ্য যাচাই করা এবং নিজেকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলাও ছিল তাঁর লক্ষ্য। প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিয়মিত অনুশীলনী পরীক্ষা দিয়েছেন। শ্রেণিকক্ষে শেখা বিষয়গুলো আরও ভালোভাবে আয়ত্ত করা এবং শিক্ষক ও পরিবারের সহযোগিতাকেও নিজের সাফল্যের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।   পড়াশোনার বাইরেও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় লুকা। তিনি স্কুলের গণিত দল এবং অনুশীলনী আদালত প্রতিযোগিতায় অংশ নেন। ইতিহাসের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। নতুন বিষয় শেখা এবং নিজের জ্ঞান বাড়ানোর প্রতিও আগ্রহী তিনি। স্কুলের প্রধান শিক্ষক শেথ হ্যারেল বলেন, লুকা শুধু পড়াশোনাতেই ভালো নন, তাঁর ব্যক্তিত্বও প্রশংসনীয়। তিনি সব সময় হাসিখুশি থাকেন এবং অন্যদের সঙ্গে ইতিবাচকভাবে যোগাযোগ করেন। এমনকি নিয়মিত অন্যদের খোঁজখবর নেওয়ার অভ্যাসও তাঁর রয়েছে।   ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লুকা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে পড়ার ইচ্ছা রয়েছে তাঁর। পরবর্তী সময়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার কথাও বিবেচনা করছেন। একই পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর পরামর্শ, পরীক্ষার চাপ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো আগে থেকেই ভালোভাবে প্রস্তুতি নেওয়া। নিয়মিত পড়াশোনা, আগের ভুলগুলো পর্যালোচনা এবং নিজের ওপর আস্থা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।   যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এসিটি ও স্যাট গুরুত্বপূর্ণ দুটি মানসম্মত পরীক্ষা। এসিটির সর্বোচ্চ যৌগিক নম্বর ৩৬ এবং স্যাটের সর্বোচ্চ নম্বর ১ হাজার ৬০০। বিশ্ববিদ্যালয়ভেদে এসব পরীক্ষার ফল ভর্তি ও বৃত্তি বিবেচনায় ভূমিকা রাখতে পারে। লুকা আর্টোমভের মতো একজন একাদশ শ্রেণির শিক্ষার্থীর দুই পরীক্ষাতেই প্রথমবারে সর্বোচ্চ নম্বর অর্জন তাই তাঁর ভবিষ্যৎ উচ্চশিক্ষার পথকে আরও সম্ভাবনাময় করে তুলেছে।   সূত্র: কেএমওভি, ফার্স্ট অ্যালার্ট ৪

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ২১:৪০
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাস অ্যাট পাইন ব্লাফে পিএইচডি গবেষণার চূড়ান্ত ধাপ সম্পন্ন করা দিনাজপুরের সন্তান মো. আসাদুর রহমান রামিন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
দিনাজপুর থেকে যুক্তরাষ্ট্রে, পিএইচডি গবেষণার চূড়ান্ত ধাপ সম্পন্ন করলেন আসাদুর রহমান রামিন

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আরকানসাস অ্যাট পাইন ব্লাফ থেকে পিএইচডি গবেষণার চূড়ান্ত অভিসন্দর্ভ প্রতিরক্ষা সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশের দিনাজপুরের সন্তান মো. আসাদুর রহমান রামিন। জলাভূমির উদ্ভিদ পরিবেশবিদ্যা ও পুনরুদ্ধার নিয়ে তাঁর গবেষণায় উঠে এসেছে পরিবেশ সংরক্ষণ, উদ্ভিদের বৈচিত্র্য এবং প্রাকৃতিক জলাভূমি পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ নানা দিক। আমেরিকা বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের গবেষণা, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার যাত্রা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন এই বাংলাদেশি গবেষক।   ৩৬ বছর বয়সী আসাদুর রহমান ২০২৬ সালের ২৬ অক্টোবর যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অব আরকানসাস অ্যাট পাইন ব্লাফের অ্যাকুয়াকালচার অ্যান্ড ফিশারিজ বিভাগে তাঁর পিএইচডি গবেষণার চূড়ান্ত অভিসন্দর্ভ প্রতিরক্ষা সম্পন্ন করেন। তাঁর গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. উত্তম দেব।   জলাভূমির পরিবেশ ও উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে গবেষণা: আমেরিকা বাংলাকে রামিন জানান, তাঁর পিএইচডি গবেষণার মূল বিষয় ছিল জলাভূমির উদ্ভিদ পরিবেশবিদ্যা ও পুনরুদ্ধার। গবেষণার আওতায় যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যের মিসিসিপি অ্যালুভিয়াল প্লেইন অঞ্চলের পুনরুদ্ধারকৃত জলাভূমিগুলোকে অন্তর্ভুক্ত করা হয়। এসব জলাভূমির উদ্ভিদ বৈচিত্র্য, উদ্ভিদ সম্প্রদায়ের গঠন এবং পরিবেশগত পুনরুদ্ধারের অগ্রগতি মূল্যায়ন করাই ছিল গবেষণার প্রধান উদ্দেশ্য।   তিনি জানান, তাঁর গবেষণায় মোট ৩১টি জলাভূমি অন্তর্ভুক্ত ছিল। এসব জলাভূমিতে সময়ের সঙ্গে উদ্ভিদের বৈচিত্র্য কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং পুনরুদ্ধার কার্যক্রমের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশ কতটা ফিরে আসছে, তা বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে জলাভূমির উদ্ভিদ সম্প্রদায়ের বৈশিষ্ট্য এবং পরিবেশগত অবস্থার মধ্যে সম্পর্ক নিরূপণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।   গবেষণার গুরুত্ব তুলে ধরে রামিন বলেন, জলাভূমি পরিবেশের ভারসাম্য রক্ষা, পানি সংরক্ষণ, বন্যা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জলাভূমির পরিবেশগত অবস্থা ও পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পর্কে বৈজ্ঞানিক ধারণা অর্জন ভবিষ্যতে সংরক্ষণ কার্যক্রম এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক হতে পারে।   দিনাজপুর থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার যাত্রা: দিনাজপুর থেকে যুক্তরাষ্ট্রে এসে উচ্চশিক্ষা ও গবেষণার এই পর্যায়ে পৌঁছানো তাঁর দীর্ঘ শিক্ষাজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন বলে জানান আসাদুর রহমান। আমেরিকা বাংলাকে তিনি বলেন, দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং গবেষণার প্রতি গভীর আগ্রহ ও নিষ্ঠার ফলেই তিনি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছেন। এ যাত্রায় তাঁর পরিবারের সদস্য, শিক্ষক এবং গবেষণাসংশ্লিষ্ট ব্যক্তিদের সহযোগিতা ও অনুপ্রেরণাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।   রামিনের মতে, আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ অর্জনের জন্য শুধু ভালো ফলাফল নয়, বরং নির্দিষ্ট লক্ষ্য, ধারাবাহিক প্রস্তুতি এবং গবেষণার প্রতি আন্তরিক আগ্রহ থাকা জরুরি। তিনি মনে করেন, বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের মধ্যেও আন্তর্জাতিক মানের গবেষণায় অবদান রাখার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।   ভবিষ্যৎ পরিকল্পনা ও গবেষণার লক্ষ্য: ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আসাদুর রহমান জানান, জলাভূমি সংরক্ষণ, পরিবেশগত পুনরুদ্ধার, জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা নিয়ে গবেষণা ও পেশাগত কার্যক্রম চালিয়ে যেতে চান তিনি। বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে কার্যকর অবদান রাখাই তাঁর অন্যতম লক্ষ্য।   তিনি মনে করেন, পরিবেশগত সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানে গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং কার্যকর ব্যবস্থাপনার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তরুণ গবেষকদের আরও বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন।   যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি গবেষণার চূড়ান্ত প্রতিরক্ষা সম্পন্ন করার এই অর্জনকে নিজের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন রামিন। তাঁর এই যাত্রা বাংলাদেশের তরুণ শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা এবং গবেষণার জগতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে আশা করা যায়।

প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ২১:৪০
এআই দিয়ে অঙ্ক করছে শিক্ষার্থীরা, হোমওয়ার্কের নম্বর দেওয়ার নিয়ম বদলালেন ক্যালটেকের অধ্যাপক
এআই দিয়ে অঙ্ক করছে শিক্ষার্থীরা, হোমওয়ার্কের নম্বর দেওয়ার নিয়ম বদলালেন ক্যালটেকের অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজিতে (ক্যালটেক) শিক্ষার্থীদের হোমওয়ার্ক মূল্যায়নের নিয়ম বদলে দিয়েছেন এক গণিতের অধ্যাপক। শিক্ষার্থীরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে অঙ্কের সমাধান করায় এখন আর উত্তরের সঠিকতা দেখে নম্বর দিচ্ছেন না তিনি। বরং নির্ধারিত হোমওয়ার্ক জমা দিলেই নম্বর দেওয়া হচ্ছে। শিক্ষায় এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার এবং শিক্ষার্থীদের প্রকৃত দক্ষতা যাচাইয়ের চ্যালেঞ্জ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক।   সোমবার (১৬ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ক্যালিফোর্নিয়ার প্যাসাডেনায় অবস্থিত ক্যালটেকের একটি গণিত ক্লাস সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রতিবেদনটি তৈরি করেছেন সাংবাদিক ট্রুম্যান ডিকারসন।   প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালটেকের গণিতের অধ্যাপক ই নি গত ১৭ বছর ধরে প্রতিষ্ঠানটিতে শিক্ষকতা করছেন। তাঁর ক্লাসে আধুনিক প্রযুক্তির পরিবর্তে এখনো প্রচলিত পদ্ধতিতে পাঠদান করা হয়। ল্যাপটপ কিংবা প্রজেক্টর ব্যবহার না করে চক দিয়ে ব্ল্যাকবোর্ডে গাণিতিক সূত্র ও সমস্যার সমাধান বুঝিয়ে দেন তিনি।   সম্প্রতি একটি ক্লাসে তিনি একের পর এক আটটি ব্ল্যাকবোর্ডে গাণিতিক সমীকরণ লিখে শিক্ষার্থীদের পড়ান। তবে ক্লাসরুমে প্রযুক্তির ব্যবহার সীমিত থাকলেও শিক্ষার্থীদের হোমওয়ার্কে এআইয়ের প্রভাব এড়ানো যাচ্ছে না।   অধ্যাপক ই নি বিজনেস ইনসাইডারকে বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় সব ধরনের গণিতের হোমওয়ার্ক এআই ব্যবহার করে সমাধান করা সম্ভব। ফলে কোনো শিক্ষার্থী নিজে অঙ্ক করেছে, নাকি এআইয়ের সাহায্যে উত্তর তৈরি করেছে, তা নির্ভরযোগ্যভাবে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।   এ কারণেই তিনি হোমওয়ার্কের সঠিক বা ভুল উত্তরের ভিত্তিতে নম্বর দেওয়ার পরিবর্তে কাজ সম্পন্ন করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন। তবে এর অর্থ এই নয় যে শিক্ষার্থীদের আর হোমওয়ার্ক করতে হচ্ছে না। নির্ধারিত কাজ জমা দেওয়ার বাধ্যবাধকতা আগের মতোই রয়েছে।   অধ্যাপক মনে করেন, এআইয়ের ব্যাপক ব্যবহার শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি করেছে। বিশেষ করে গণিতের মতো বিষয়ে শুধু সঠিক উত্তর পাওয়া যথেষ্ট নয়। শিক্ষার্থীরা সমস্যার সমাধান করার পদ্ধতি কতটা বুঝেছে, সেটিও গুরুত্বপূর্ণ।   প্রতিবেদনে ক্যালটেকের দ্বিতীয় বর্ষের গণিতের শিক্ষার্থী সাত্বিক রেডরাউথুর অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে। তিনি জানিয়েছেন, গণিতের ধারণাগুলো ভালোভাবে বোঝার জন্য তিনি হোমওয়ার্কে এআই ব্যবহার করেন না।   তাঁর মতে, এআই দিয়ে সহজে হোমওয়ার্ক শেষ করা সম্ভব হলেও এতে শিক্ষার্থীদের নিজেদের সমস্যা সমাধানের দক্ষতা গড়ে ওঠার সুযোগ কমে যেতে পারে। বিশেষ করে সরাসরি পরীক্ষার হলে যখন এআই ব্যবহারের সুযোগ থাকবে না, তখন প্রকৃত প্রস্তুতির ঘাটতি প্রকাশ পেতে পারে।   তবে সব শিক্ষার্থী একইভাবে বিষয়টি দেখেন না। যাঁদের গণিতের প্রতি বিশেষ আগ্রহ নেই, তাঁদের কেউ কেউ হোমওয়ার্ক শেষ করতে এআইয়ের ওপর নির্ভর করতে পারেন বলে মনে করেন রেডরাউথু।   বিজনেস ইনসাইডারের প্রতিবেদক জানিয়েছেন, ক্লাস পর্যবেক্ষণের সময় তিনি কোনো শিক্ষার্থীকে সরাসরি এআই চ্যাটবট ব্যবহার করতে দেখেননি। শিক্ষার্থীদের অনেকেই ট্যাবলেটে নোট নিচ্ছিলেন এবং অধ্যাপকের দেওয়া গাণিতিক সমস্যাগুলো অনুসরণ করছিলেন।   এদিকে ক্যালটেকে গণিতের হোমওয়ার্কে এআই ব্যবহার মোকাবিলায় সব অধ্যাপকের জন্য এখনো অভিন্ন কোনো নীতিমালা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কিছু কোর্সের সিলেবাসে পরিবর্তন আসতে শুরু করেছে। কয়েকটি কোর্সে শিক্ষার্থীদের এআই ব্যবহারের অনুমতিও দেওয়া হচ্ছে।   এ ধরনের সমস্যা শুধু ক্যালটেকেই সীমাবদ্ধ নয়। গত অক্টোবরে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের গণিতের অধ্যাপক রিচার্ড বোরচার্ডসও একই কারণে হোমওয়ার্কের সঠিকতা অনুযায়ী নম্বর দেওয়া বন্ধ করার কথা জানিয়েছিলেন। তাঁর ক্ষেত্রেও শিক্ষার্থীদের মূল্যায়নে সরাসরি পরীক্ষার গুরুত্ব বেড়েছে।   শিক্ষায় এআইয়ের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সামনে এখন নতুন প্রশ্ন তৈরি হয়েছে। প্রযুক্তির সহায়তায় দ্রুত উত্তর বের করার দক্ষতা এবং শিক্ষার্থীর নিজের অর্জিত জ্ঞানকে কীভাবে আলাদা করে মূল্যায়ন করা হবে, তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে শিক্ষকদের।   ক্যালটেকের এই ঘটনা দেখিয়ে দিচ্ছে, এআই শুধু শিক্ষার্থীদের পড়াশোনার পদ্ধতিই বদলে দিচ্ছে না, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত পরীক্ষা ও মূল্যায়নব্যবস্থাকেও নতুন বাস্তবতার মুখে দাঁড় করাচ্ছে।   সংবাদসূত্র: বিজনেস ইনসাইডার, দ্য কলেজ ফিক্স   ওয়েব ট্যাগ: ক্যালটেক বিশ্ববিদ্যালয়, কৃত্রিম বুদ্ধিমত্তা, যুক্তরাষ্ট্রের শিক্ষা, গণিতের হোমওয়ার্ক

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ৭:৩২
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে সরকারি বৃত্তিতে উচ্চশিক্ষার সুযোগ; গ্রাফিক্স: আমেরিকা বাংলা
বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ, দেওয়া হবে বিমানভাড়াও

চীনে উচ্চশিক্ষার জন্য সরকারি বৃত্তির সুযোগ পাচ্ছেন আন্তর্জাতিক শিক্ষার্থীরা। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের চীনা সরকারি বৃত্তি কর্মসূচির আবেদন কয়েকটি দেশে শুরু হয়েছে। তবে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনা দূতাবাসের মাধ্যমে পরিচালিত টাইপ ‘এ’ (Type A) বৃত্তির নতুন বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ ও নির্দিষ্ট সুবিধাগুলো এখনো দূতাবাসের সরকারি ওয়েবসাইটে নিশ্চিত করা যায়নি।   চীনা সরকারের এই বৃত্তি কর্মসূচির আওতায় সাধারণত স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি এবং সাধারণ ও উচ্চতর গবেষণার সুযোগ থাকে। আগের শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্বাচিতদের সম্পূর্ণ টিউশন ফি, বিশ্ববিদ্যালয়ের আবাসন, চিকিৎসাবিমা, মাসিক জীবনযাত্রার ভাতা এবং আন্তর্জাতিক যাতায়াতের বিমানভাড়া দেওয়ার কথা উল্লেখ ছিল। তবে ২০২৭-২৮ শিক্ষাবর্ষেও একই সুবিধা বহাল থাকবে কি না, তা নতুন বাংলাদেশি বিজ্ঞপ্তি প্রকাশের পর নিশ্চিত হওয়া যাবে।   শিক্ষার স্তর অনুযায়ী বয়স ও শিক্ষাগত যোগ্যতার শর্ত নির্ধারণ করা হয়। চীনের ২০২৭-২৮ শিক্ষাবর্ষের অন্যান্য দেশের সরকারি বিজ্ঞপ্তিতে স্নাতকে আবেদনের জন্য ২৫ বছরের কম, স্নাতকোত্তরে ৩৫ বছরের কম এবং পিএইচডিতে ৪০ বছরের কম বয়সের শর্ত রয়েছে। সাধারণ গবেষক কর্মসূচিতে বয়স ৪৫ বছরের কম এবং উচ্চতর গবেষক কর্মসূচিতে ৫০ বছরের কম হতে হয়। তবে বাংলাদেশি আবেদনকারীদের জন্য চূড়ান্ত বয়সসীমা দূতাবাসের নিজস্ব বিজ্ঞপ্তি অনুযায়ী যাচাই করতে হবে।   স্নাতক পর্যায়ে আবেদনের ক্ষেত্রে চায়না স্কলাস্টিক কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট (CSCA) পরীক্ষায় অংশ নিয়ে বৈধ ফলাফল জমা দেওয়ার শর্ত যুক্ত হয়েছে। চীনা ভাষায় পরিচালিত স্নাতকোত্তর ও পিএইচডি কর্মসূচিতে সাধারণত HSK পরীক্ষার নির্ধারিত মান প্রয়োজন হয়। ইংরেজি মাধ্যমে পড়াশোনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চাহিদা অনুযায়ী IELTS, TOEFL অথবা বিকল্প ভাষাগত দক্ষতার সনদ জমা দিতে হতে পারে।   আবেদনের জন্য সাধারণত বৈধ পাসপোর্ট, শিক্ষাগত সনদ, নম্বরপত্র, ভাষাগত দক্ষতার প্রমাণ এবং অধ্যয়ন বা গবেষণা পরিকল্পনা প্রস্তুত রাখতে হয়। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে সাধারণত দুটি সুপারিশপত্র প্রয়োজন হয়। বিশ্ববিদ্যালয়ভেদে প্রাক্‌ভর্তির চিঠি বা শিক্ষকের সম্মতিপত্রও চাওয়া হতে পারে। ছয় মাসের বেশি সময় চীনে অবস্থানের ক্ষেত্রে নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার শর্ত রয়েছে।   বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য টাইপ ‘এ’ বৃত্তিতে আবেদনের প্রচলিত পদ্ধতি হলো চীনা সরকারের Campus China ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে আবেদন করা। আগের বাংলাদেশি নির্দেশনায় প্রোগ্রাম ক্যাটাগরি হিসেবে ‘Type A’ এবং এজেন্সি নম্বর হিসেবে ‘0501’ ব্যবহারের কথা বলা হয়েছিল। তবে নতুন শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত এই নম্বর ও আবেদনের শেষ তারিখ অপরিবর্তিত ধরে নেওয়া ঠিক হবে না।   চায়না স্কলারশিপ কাউন্সিল (CSC) জানিয়েছে, বৃত্তির আবেদন পরিচালনার জন্য কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয় না। তাই কোনো এজেন্টকে অর্থ না দিয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। নতুন বিজ্ঞপ্তি ও আবেদনের সময়সীমা জানতে বাংলাদেশে চীনা দূতাবাসের সরকারি ওয়েবসাইট এবং Campus China নিয়মিত অনুসরণ করা প্রয়োজন।   সংবাদসূত্র: Embassy of China in Bangladesh, China Scholarship Council

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ২২:১৬
স্কুলবাস দুর্ঘটনার পর অচেনা নারী নিজের গরম পোশাক দিয়ে সান্ত্বনা দিলেন শিশুকে
স্কুলবাস দুর্ঘটনার পর অচেনা নারী নিজের গরম পোশাক দিয়ে সান্ত্বনা দিলেন শিশুকে

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের শেরবোর্ন শহরে স্কুলবাস দুর্ঘটনার পর এক শিশুর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত তৈরি করেছেন অ্যামি নামের এক অচেনা নারী। দুর্ঘটনার পর শিশুটি জরুরি সহায়তার অপেক্ষায় ছিল। এ সময় ওই নারী তার পাশে বসে থাকেন এবং ঠান্ডা থেকে রক্ষা করতে নিজের গায়ের পোশাক খুলে শিশুটিকে দেন।   বস্টন ডটকমের ১২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ১০ নভেম্বর মঙ্গলবার সকালে। ওই শিশুর স্কুলবাস দুর্ঘটনায় পড়ার পর অ্যামি নামের এক নারী সেখানে থামেন। তিনি একটি সাদা রঙের জিপ গাড়ি চালাচ্ছিলেন।   দুর্ঘটনার পর শিশুটি যখন একা জরুরি সহায়তার অপেক্ষা করছিল, তখন অ্যামি তার পাশে বসে থাকেন। শিশুটি যেন ঠান্ডায় কষ্ট না পায়, সে জন্য নিজের গায়ের উষ্ণ পোশাকটি খুলে তাকে দেন। শিশুটির পরিবারের সদস্যরা তখন ঘটনাস্থলে ছিলেন না।   পরে শিশুটির মা-বাবা সন্তানের কাছে পৌঁছালে জানতে পারেন, একজন অপরিচিত নারী বিপদের সময় তার পাশে ছিলেন। শুধু পাশে বসে অপেক্ষা করাই নয়, নিজের পোশাক দিয়ে শিশুটিকে উষ্ণ রাখার ব্যবস্থাও করেছিলেন তিনি।   এরপর শিশুটির অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ওই নারীকে খুঁজে পাওয়ার আশায় একটি আবেদন প্রকাশ করেন। সেখানে তিনি জানান, তাঁদের ছেলের অবস্থা ভালো এবং অ্যামির দেখানো আন্তরিকতায় পরিবারটি গভীরভাবে কৃতজ্ঞ।   শিশুটির মা-বাবার কাছে ওই পোশাকটি এখন শুধু একটি সাধারণ পোশাক নয়; বরং সন্তানের বিপদের মুহূর্তে একজন অপরিচিত মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও নিরাপত্তার স্মৃতি।   পরিবারটি পোশাকটি ফেরত দিতে এবং অ্যামিকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চায়। তাঁদের আশা, সাদা জিপ গাড়ি চালানো ওই নারী তাঁদের আবেদনটি দেখতে পাবেন।   পরিবারের পোস্টে একটি সুন্দর বার্তাও উঠে এসেছে—কখনো আমাদের জীবনে একজন অ্যামির প্রয়োজন হয়, আবার কখনো অন্য কারও জীবনে আমাদেরই অ্যামি হয়ে উঠতে হয়।   ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মধ্যে মানবিকতা নিয়ে আলোচনা তৈরি করেছে। অনেকেই অপরিচিত মানুষের বিপদে পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেছেন।   তবে উল্লেখ্য, ঘটনাটির বিবরণ মূলত শিশুটির অভিভাবকের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট থেকে নেওয়া। সংবাদমাধ্যমটি প্রকাশের সময় পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনাটি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। তাই পরিবারের বক্তব্যের ভিত্তিতেই ঘটনাটি উপস্থাপন করা হয়েছে। তথ্যসূত্র: বস্টন ডটকম।

প্রকাশ: নভেম্বর ১৩, ২০২৬ ৫:৩৪
নর্থ কুইন্সি হাইস্কুলের শিক্ষার্থী মাইসারাহ রহমানের বৈজ্ঞানিক গবেষণার প্রশংসা করেছেন সিনেটর জন কিনান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
বাংলাদেশি বংশোদ্ভূত মাইসারাহ রহমানের বৈজ্ঞানিক গবেষণায় মুগ্ধ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের সিনেটর

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নর্থ কুইন্সি হাইস্কুলের শিক্ষার্থী মাইসারাহ রহমানের বৈজ্ঞানিক গবেষণার প্রশংসা করেছেন অঙ্গরাজ্যটির সিনেটর জন এফ কিনান। বোস্টনের স্টেট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের গবেষণা উপস্থাপন করেন তিনি। তাঁর কাজের মান দেখে মুগ্ধ সিনেটর বলেন, গবেষণাটি এমন উচ্চমানের যে তা একজন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীর কাজের সঙ্গে তুলনা করা যায়। তরুণ প্রজন্মের এমন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের হাতেই ভবিষ্যৎ নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি।   সম্প্রতি নিজের অক্টোবর মাসের কার্যক্রমের বিবরণ দিতে গিয়ে এ অভিজ্ঞতার কথা তুলে ধরেন সিনেটর কিনান। ৩ নভেম্বর প্রকাশিত তাঁর মাসিক সংবাদপত্রে বলা হয়, অক্টোবর মাসে অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকা থেকে তিনজন কৃতী ব্যক্তি তাঁদের অর্জনের স্বীকৃতি নিতে স্টেট হাউসে এসেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন নর্থ কুইন্সি হাইস্কুলের শিক্ষার্থী মাইসারাহ রহমান। তিনি ম্যাসাচুসেটস বিজ্ঞান ও প্রকৌশল মেলার অংশ হিসেবে নিজের বৈজ্ঞানিক গবেষণা উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনা ও গবেষণার মান সিনেটরকে বিশেষভাবে মুগ্ধ করেছে।   ম্যাসাচুসেটসের বিজ্ঞান ও প্রকৌশল মেলার আঞ্চলিক পর্যায়ের প্রকাশিত নথিতে মাইসারাহর একটি গবেষণা প্রকল্পের তথ্যও পাওয়া গেছে। প্রকল্পটির নাম ‘ইন্ট্রোডিউসিং ভালস্যাল’। এতে মহাকাশে অবস্থানরত নারী নভোচারীদের ঋতুস্রাব নিয়ন্ত্রণ এবং দীর্ঘ সময় মহাকাশে থাকার কারণে হাড়ের খনিজ ঘনত্ব কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ ধরনের হরমোনভিত্তিক জরায়ু-অভ্যন্তরীণ গর্ভনিরোধক ব্যবস্থা বা আইইউডির ধারণা উপস্থাপন করা হয়েছে। এটি একটি গবেষণা ও নকশাভিত্তিক প্রস্তাব, প্রতিষ্ঠিত চিকিৎসাপদ্ধতি নয়।   এ ছাড়া ২০২৬ সালের ম্যাসাচুসেটস হাইস্কুল বিজ্ঞান মেলার আনুষ্ঠানিক পুরস্কার তালিকায়ও মাইসারাহ রহমানের নাম রয়েছে। সেখানে তাঁকে ওয়েন্টওর্থ ইনস্টিটিউট অব টেকনোলজির ‘মোমেন্টাম ল্যাব’ গ্রীষ্মকালীন শিক্ষাকর্মসূচির বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে এ ধরনের কর্মসূচিতে হাতে-কলমে শেখার সুযোগ দেওয়া হয়। ফলে গবেষণার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক শিক্ষায় তাঁর অগ্রগতির বিষয়টিও সামনে এসেছে।   সিনেটর জন কিনান তাঁর বক্তব্যে বলেন, মাইসারাহর মতো মেধাবী, আগ্রহী ও পরিশ্রমী শিক্ষার্থীদের দেখে ভবিষ্যৎ প্রজন্মের ওপর তাঁর আস্থা আরও বেড়েছে। তিনি মনে করেন, তরুণদের মধ্যে গবেষণা, উদ্ভাবন ও নতুন কিছু জানার আগ্রহ ভবিষ্যতের জন্য ইতিবাচক সম্ভাবনা তৈরি করছে। একজন হাইস্কুল শিক্ষার্থীর গবেষণা এভাবে অঙ্গরাজ্যের একজন নির্বাচিত জনপ্রতিনিধির প্রশংসা পাওয়ায় নর্থ কুইন্সি হাইস্কুলের শিক্ষার্থী ও শিক্ষাঙ্গনের জন্যও এটি উল্লেখযোগ্য অর্জন।   সংবাদসূত্র: ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সিনেটর জন এফ কিনানের কার্যালয়, ম্যাসাচুসেটস বিজ্ঞান ও প্রকৌশল মেলা।

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ২১:৪৫
ওয়াশিংটন ডিসির শিক্ষার্থীদের জন্য বছরে অন্তত ১৫ হাজার ডলারের বৃত্তি ঘোষণা করেছে জর্জ মেসন ইউনিভার্সিটি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ওয়াশিংটন ডিসির হাইস্কুল শিক্ষার্থীদের জন্য জর্জ মেসন ইউনিভার্সিটির ১৫ হাজার ডলারের বৃত্তি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি কর্মসূচি ঘোষণা করেছে জর্জ মেসন ইউনিভার্সিটি। ২০২৭ সালের ফল সেমিস্টারে ভর্তি হওয়া যোগ্য শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির কাছ থেকে বছরে অন্তত ১৫ হাজার ডলারের বৃত্তি পাবেন। শিক্ষার্থীদের একাডেমিক ফলাফলের ভিত্তিতে এই বৃত্তির পরিমাণ আরও বাড়তে পারে। গত ৪ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্মসূচির ঘোষণা দিয়ে জানায়, ডিসির শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় প্রবেশাধিকার বাড়ানো এবং পড়াশোনার আর্থিক চাপ কমানোই এ উদ্যোগের উদ্দেশ্য।   নতুন বৃত্তিটি ডিসি টিউশন অ্যাসিস্ট্যান্স গ্র্যান্ট বা DCTAG-এর সঙ্গে সমন্বয় করা যাবে। ডিসি সরকারের এই অনুদান কর্মসূচিতে যোগ্য শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাজ্যের ভেতরের ও বাইরের টিউশন ফির পার্থক্য মেটাতে বছরে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত সহায়তা পেতে পারেন। জর্জ মেসনের বৃত্তির সঙ্গে DCTAG-এর সর্বোচ্চ অনুদান যুক্ত হলে বার্ষিক আর্থিক সহায়তা ৩০ হাজার ডলারে পৌঁছাতে পারে। তবে পুরো অনুদান পেতে হলে DCTAG-এর আলাদা যোগ্যতা ও অর্থ বরাদ্দের শর্ত পূরণ করতে হবে। প্রকৃত সহায়তার পরিমাণও টিউশন ফির ব্যবধানের ওপর নির্ভর করবে।   জর্জ মেসন ইউনিভার্সিটির বৃত্তিটি সর্বোচ্চ চার বছর বা টানা আট সেমিস্টার পর্যন্ত নবায়ন করা যাবে। এ জন্য শিক্ষার্থীকে প্রতি সেমিস্টারে অন্তত ১২ ক্রেডিট নিয়ে পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করতে হবে এবং ন্যূনতম ২.৭৫ জিপিএ বজায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীর একাডেমিক কৃতিত্বের ভিত্তিতে বৃত্তির পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে DCTAG-এর অর্থ শিক্ষার্থীর হাতে দেওয়া হয় না; যোগ্যতা যাচাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তা সরাসরি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়।   বিশ্ববিদ্যালয়টির ভর্তি ও শিক্ষার্থী অর্জনবিষয়ক জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এবং অন্তর্বর্তীকালীন ভর্তি বিভাগের ডিন ডেভিড বার্জ বলেন, জর্জ মেসনে পড়াশোনা শেষে অনেক শিক্ষার্থী ওয়াশিংটন ডিসির বিভিন্ন শিল্প ও উদ্ভাবন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নতুন বৃত্তি শহরের উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদেরও এ ধরনের শিক্ষা ও পেশাগত সুযোগের নাগাল পেতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।   জর্জ মেসন ইউনিভার্সিটি ডিসির শিক্ষার্থীদের সঙ্গে কাজ বাড়াতে আগে থেকেই বিভিন্ন উদ্যোগ চালাচ্ছে। কলেজ আবেদন ও অনুসন্ধান মাসে স্থানীয় উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেদন ফি মওকুফ এবং কলেজে ভর্তির প্রস্তুতিমূলক কর্মশালার সুযোগ দেওয়া হয়। ২০২০ সালের শরৎকাল থেকে ডিসি কলেজ অ্যাকসেস প্রোগ্রামের অংশীদার হিসেবে বিশ্ববিদ্যালয়টি ১২০ জন শিক্ষার্থীকে পড়াশোনা অব্যাহত রাখতে এবং জাতীয় মানদণ্ডের সমপর্যায়ে বা তার চেয়ে ভালো ফল নিয়ে স্নাতক সম্পন্ন করতে সহায়তা করেছে বলে জানিয়েছে।   উচ্চশিক্ষায় সুযোগ সম্প্রসারণ ও শিক্ষার্থীদের আর্থসামাজিক অগ্রগতিতে ভূমিকার জন্যও জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে বিশ্ববিদ্যালয়টি। কার্নেগি ফাউন্ডেশন ও আমেরিকান কাউন্সিল অন এডুকেশনের মূল্যায়নে উচ্চশিক্ষায় প্রবেশাধিকার ও স্নাতকদের আয় বৃদ্ধির সুযোগ তৈরিতে দেশটির ২১টি শীর্ষ প্রতিষ্ঠানের সর্বোচ্চ স্তরে জায়গা পেয়েছে জর্জ মেসন। এ ছাড়া শিক্ষার্থীদের আর্থসামাজিক অগ্রগতির সুযোগের বিচারে ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টের তালিকায় যুক্তরাষ্ট্রের শীর্ষ ২০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পেয়েছে প্রতিষ্ঠানটি।   সংবাদসূত্র: জর্জ মেসন ইউনিভার্সিটি, ডিসি অফিস অব দ্য স্টেট সুপারিনটেনডেন্ট অব এডুকেশন (OSSE)।

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ১৯:৪২
প্রাতিষ্ঠানিক ইমেইল না থাকলেও বিশেষ প্রক্রিয়ায় রিসার্চগেটে অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত
প্রাতিষ্ঠানিক ইমেইল ছাড়াই রিসার্চগেটে অ্যাকাউন্ট খোলার সুযোগ, জেনে নিন বিস্তারিত

বিশ্বের বিভিন্ন দেশের গবেষকদের সঙ্গে যোগাযোগ, গবেষণাপত্র পড়া, নিজেদের প্রকাশনা তুলে ধরা এবং আন্তর্জাতিক একাডেমিক নেটওয়ার্ক গড়ে তোলার জন্য জনপ্রিয় প্ল্যাটফর্ম রিসার্চগেট। তবে এখানে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা গবেষণা প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ইমেইল ঠিকানাকে অগ্রাধিকার দেওয়া হয়। ফলে যেসব শিক্ষার্থী ও গবেষকের প্রাতিষ্ঠানিক ইমেইল নেই, তাঁদের অনেকেই মনে করেন রিসার্চগেটে অ্যাকাউন্ট খোলার সুযোগ নেই।   তবে বিষয়টি পুরোপুরি এমন নয়। রিসার্চগেটের নিজস্ব সহায়তা কেন্দ্রের তথ্য অনুযায়ী, প্রাতিষ্ঠানিক ইমেইল না থাকলেও বিশেষ পরিস্থিতিতে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্টের জন্য আবেদন করা যায়। তবে আবেদনকারীকে কোনো নির্দিষ্ট গবেষণাক্ষেত্রে সক্রিয়ভাবে যুক্ত থাকার নির্ভরযোগ্য প্রমাণ দিতে হবে। আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যানের চূড়ান্ত সিদ্ধান্ত রিসার্চগেট কর্তৃপক্ষের।   সাধারণত বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান কিংবা স্বীকৃত বাণিজ্যিক গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ইমেইল ঠিকানা দিয়ে গবেষণার সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা সহজ হয়। অন্যদিকে জিমেইল, আউটলুক বা ইয়াহুর মতো ব্যক্তিগত ইমেইল ঠিকানা প্রাতিষ্ঠানিক ইমেইল হিসেবে বিবেচিত হয় না। তবে এসব ইমেইল ব্যবহারকারীরাও নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে বিশেষ প্রক্রিয়ায় আবেদন করতে পারেন।   যাঁদের এখনো কোনো গবেষণাপত্র প্রকাশিত হয়নি, তাঁদের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়াটি তুলনামূলক কঠিন। এ ক্ষেত্রে আবেদনকারীকে নিজের পূর্ণ নাম, বর্তমানে কোন প্রতিষ্ঠান বা গবেষণা দলের সঙ্গে যুক্ত রয়েছেন এবং কোন বিষয়ে গবেষণা করছেন, তার বিস্তারিত বিবরণ দিতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভাগ, গবেষণা দল অথবা স্বীকৃত বাণিজ্যিক গবেষণা প্রতিষ্ঠানের ওয়েবপেজের মতো প্রাসঙ্গিক প্রমাণ দিতে হবে।   এ ছাড়া নিজের গবেষণাক্ষেত্রে সাম্প্রতিক ও প্রাসঙ্গিক সমকক্ষ-পর্যালোচিত বৈজ্ঞানিক বা একাডেমিক প্রকাশনার প্রমাণ দিতে হবে। বিকল্প হিসেবে নিজের পেশাগত গবেষণাক্ষেত্রে কোনো বাণিজ্যিক গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠানের সাম্প্রতিক গবেষণা কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত থাকার প্রমাণও দেওয়া যাবে। আবেদনকারীর বর্তমান শিক্ষার্থী পরিচয়পত্র, একাডেমিক পরিচয়পত্র অথবা পিএইচডিতে ভর্তির সনদের স্ক্যান কপিও জমা দিতে হবে।   তবে শুধু জীবনবৃত্তান্ত, দীর্ঘ কোনো নথি কিংবা শিক্ষার্থী পরিচয়পত্র জমা দিলেই অ্যাকাউন্ট অনুমোদিত হবে না। শখের বশে গবেষণা করা ব্যক্তি, অবসরপ্রাপ্ত গবেষক কিংবা নিজের প্রতিষ্ঠিত পেশাগত দক্ষতার বাইরের বিষয়ে গবেষণার ভিত্তিতে করা আবেদন রিসার্চগেট গ্রহণ করে না। আবেদন জমা দেওয়ার অর্থও অ্যাকাউন্ট অনুমোদন নিশ্চিত হওয়া নয়।   অন্যদিকে, যাঁদের আগে থেকেই গবেষণাপত্র প্রকাশিত হয়েছে, তাঁদের জন্য সহলেখকের মাধ্যমে রিসার্চগেটে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে। কোনো গবেষণাপত্রের সহলেখক আগে থেকেই রিসার্চগেট ব্যবহার করলে তিনি সংশ্লিষ্ট প্রকাশনার লেখক তালিকা থেকে নতুন সহলেখককে আমন্ত্রণ জানাতে পারেন। এ ছাড়া নিজের প্রোফাইলে থাকা ‘Invite your co-authors’ অপশন ব্যবহার করেও সহলেখকের ইমেইল ঠিকানায় আমন্ত্রণ পাঠানো যায়।   আমন্ত্রণ পাওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি ইমেইলে পাঠানো নির্দেশনা অনুসরণ করে রিসার্চগেটে যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করতে পারেন। তবে শুধু আমন্ত্রণ পেলেই অ্যাকাউন্ট অনুমোদন নিশ্চিত হয় না। প্রাতিষ্ঠানিক ইমেইল না থাকলে গবেষণার সঙ্গে সক্রিয় সম্পৃক্ততার প্রমাণ দেওয়ার প্রয়োজন হতে পারে।   আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, রিসার্চগেটে কোনো গবেষণাপত্রে নিজের নাম সহলেখক হিসেবে থাকলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে নিজের প্রোফাইলে যুক্ত হয়ে যাবে, এমন নিশ্চয়তা নেই। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পর সংশ্লিষ্ট গবেষণাপত্রের পেজে গিয়ে ‘Claim authorship’ অপশন ব্যবহার করে নিজের লেখকত্ব নিশ্চিত করার আবেদন করা যায়। এ ধরনের আবেদন রিসার্চগেট কর্তৃপক্ষ যাচাই করে অনুমোদন দেয়।   তাই প্রাতিষ্ঠানিক ইমেইল না থাকলেও রিসার্চগেটে অ্যাকাউন্ট খোলার সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য প্রকৃত গবেষণার সঙ্গে সম্পৃক্ততা, প্রাসঙ্গিক প্রকাশনা কিংবা গবেষণা কার্যক্রমের নির্ভরযোগ্য প্রমাণ থাকা জরুরি। আবেদন করার আগে রিসার্চগেটের সর্বশেষ নির্দেশনা দেখে প্রয়োজনীয় তথ্য ও নথি প্রস্তুত করা উচিত।   সূত্র: রিসার্চগেট সহায়তা কেন্দ্র

প্রকাশ: নভেম্বর ১১, ২০২৬ ৯:৯
যুক্তরাজ্যে সম্পূর্ণ ফ্রি মাস্টার্সের সুযোগ, আবেদন শুরু ১০ নভেম্বর
যুক্তরাজ্যে সম্পূর্ণ ফ্রি মাস্টার্সের সুযোগ, আবেদন শুরু ১০ নভেম্বর

যুক্তরাজ্যে সম্পূর্ণ বিনা টিউশন ফিতে মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দেশটির সরকারি অর্থায়নে পরিচালিত কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপের আওতায় ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হচ্ছে মঙ্গলবার (১০ নভেম্বর)। আবেদন করা যাবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের টিউশন ফি, বিমানভাড়া ও মাসিক জীবনযাত্রার খরচ বহন করা হবে।   যুক্তরাজ্যের কমনওয়েলথ স্কলারশিপ কমিশন (সিএসসি) জানিয়েছে, এই বৃত্তির আওতায় দেশটির অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি মাস্টার্স করার সুযোগ রয়েছে। ২০২৭ সালের সেপ্টেম্বর বা অক্টোবরে শিক্ষার্থীদের ক্লাস শুরু হওয়ার কথা। এই স্কলারশিপ মূলত কমনওয়েলথভুক্ত উন্নয়নশীল দেশগুলোর মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য, যাঁরা নিজেদের খরচে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা গ্রহণ করতে সক্ষম নন। বাংলাদেশ এই বৃত্তির জন্য যোগ্য দেশের তালিকায় রয়েছে।   বৃত্তিতে কী কী সুবিধা পাওয়া যাবে কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি বহন করা হবে। পাশাপাশি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে যাওয়া এবং পড়াশোনা শেষে দেশে ফেরার অনুমোদিত বিমানভাড়াও দেওয়া হবে। এ ছাড়া মাসিক জীবনযাত্রার ভাতা, প্রযোজ্য ক্ষেত্রে শীতের পোশাক কেনার ভাতা, গবেষণার খরচ এবং শিক্ষা-সংক্রান্ত ভ্রমণের জন্য আর্থিক সহায়তা পাওয়া যাবে। ভিসার জন্য যক্ষ্মা পরীক্ষা প্রয়োজন হলে নির্ধারিত শর্তে সেই খরচেও সহায়তা দেওয়া হবে।   বর্তমান নির্ধারিত হার অনুযায়ী, লন্ডনের বাইরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে শিক্ষার্থীরা প্রতি মাসে ১ হাজার ৭১২ পাউন্ড ভাতা পাবেন। লন্ডনের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করলে মাসিক ভাতা হবে ২ হাজার পাউন্ড। তবে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে এই হার পরিবর্তিত হতে পারে। কারা আবেদন করতে পারবেন বাংলাদেশি নাগরিকদের এই বৃত্তিতে আবেদনের সুযোগ রয়েছে। আবেদনকারীকে বাংলাদেশসহ যোগ্য কমনওয়েলথভুক্ত কোনো দেশে স্থায়ীভাবে বসবাস করতে হবে। ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাজ্যের আপার সেকেন্ড ক্লাস বা ২:১ সমমানের স্নাতক ডিগ্রি থাকতে হবে। তুলনামূলক কম ফলাফল থাকলেও প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে আবেদনের সুযোগ পাওয়া যেতে পারে।   আবেদনকারীকে দেখাতে হবে যে বৃত্তি ছাড়া যুক্তরাজ্যে পড়াশোনার খরচ বহন করার সামর্থ্য তাঁর নেই। এ ছাড়া উচ্চ আয়ের দেশে আগে এক বছর বা তার বেশি সময় পড়াশোনা কিংবা কাজ করার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে। এই স্কলারশিপে আবেদনের জন্য নির্দিষ্ট কোনো বয়সসীমা নেই। আইইএলটিএস ছাড়াও আবেদনের সুযোগ কমনওয়েলথ স্কলারশিপ কমিশন নিজস্ব আবেদনের জন্য আইইএলটিএস বাধ্যতামূলক করেনি। তবে বিশ্ববিদ্যালয়ভেদে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ চাওয়া হতে পারে। কোনো বিশ্ববিদ্যালয় আইইএলটিএস, অন্য কোনো ইংরেজি ভাষার পরীক্ষা কিংবা বিকল্প সনদ গ্রহণ করবে কি না, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতির ওপর নির্ভর করবে। তাই আবেদন করার আগে পছন্দের বিশ্ববিদ্যালয় ও মাস্টার্স কোর্সের শর্ত যাচাই করতে হবে।   যেভাবে আবেদন করবেন আগ্রহী শিক্ষার্থীদের সিএসসির অনলাইন আবেদনব্যবস্থা সিএসসি সেন্ট্রালের মাধ্যমে আবেদন করতে হবে। একই সঙ্গে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত মাস্টার্স কোর্সে ভর্তির জন্যও আবেদন করতে হবে। একাধিক বিশ্ববিদ্যালয় ও কোর্সে আবেদন করার সুযোগ রয়েছে। তবে একজন শিক্ষার্থী একটি কমনওয়েলথ শেয়ার্ড স্কলারশিপই গ্রহণ করতে পারবেন। আবেদনের সময় বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার পূর্ণাঙ্গ ট্রান্সক্রিপ্ট এবং অন্তত দুজনের স্বাক্ষরিত সুপারিশপত্র জমা দিতে হবে। আবেদনপত্রে তিনজন সুপারিশকারীর তথ্যও উল্লেখ করতে হবে। পাশাপাশি নিজের শিক্ষাগত ও পেশাগত অভিজ্ঞতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং যুক্তরাজ্যে অর্জিত জ্ঞান বাংলাদেশের উন্নয়নে কীভাবে কাজে লাগাবেন, তা বিস্তারিতভাবে তুলে ধরতে হবে।   শিক্ষার্থী নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা, গবেষণা বা অধ্যয়ন পরিকল্পনার মান এবং নিজ দেশের উন্নয়নে সম্ভাব্য অবদান গুরুত্ব পাবে। পড়াশোনা শেষে দেশে ফিরতে হবে এই বৃত্তির অন্যতম শর্ত হলো, মাস্টার্স শেষ করার পর শিক্ষার্থীকে নিজ দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার করতে হবে। কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের লক্ষ্য হলো এমন দক্ষ পেশাজীবী ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করা, যাঁরা উচ্চশিক্ষা শেষে নিজ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।   আবেদনের শেষ সময় ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আবেদন শুরু হবে ১০ নভেম্বর ২০২৬। আবেদনের শেষ সময় ৮ ডিসেম্বর ২০২৬, মঙ্গলবার, যুক্তরাজ্যের সময় বিকেল ৪টা। বাংলাদেশ সময় রাত ১০টার মধ্যে আবেদন জমা দিতে হবে। সিএসসির অনলাইন আবেদনব্যবস্থায় আবেদন করতে কোনো ফি দিতে হবে না।   আগ্রহী শিক্ষার্থীরা কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়, অনুমোদিত কোর্স, যোগ্যতা ও আবেদনের বিস্তারিত নির্দেশনা জানতে পারবেন। তথ্য যাচাই: কমনওয়েলথ স্কলারশিপ কমিশনের ২০২৭-২৮ শিক্ষাবর্ষের অফিশিয়াল নির্দেশনা। Commonwealth Scholarship Commission in the UK    

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ১:৭
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীসহ অন্যান্যরা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী পাবে যুক্তরাষ্ট্রের ডব্লিউইউএসটি'র ফুল-ফান্ডেড বৃত্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য সম্পূর্ণ অর্থায়নে (ফুল-ফান্ডেড) বৃত্তি পাবেন। শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পর এ বৃত্তির ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও চেয়ারম্যান আবুবকর হানিপ।   গত ৬ নভেম্বর (শুক্রবার) যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ডব্লিউইউএসটি ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।সমঝোতা স্মারকের আওতায় উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করবে ডব্লিউইউএসটি।   যার অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে ডব্লিউইউএসটিতে অধ্যায়নের সুযোগ দেওয়া হবে। এ উদ্যোগের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ এবং আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।   জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ডব্লিউইউএসটি ক্যাম্পাস সফর করে এবং অংশীদারত্বকে আনুষ্ঠানিক রূপ দেয়। প্রতিনিধিদলকে স্বাগত জানান ডব্লিউইউএসটির চেয়ারম্যান ও চ্যান্সেলর আবুবকর হানিপ, প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক, সিএফও ফারহানা হানিপসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রায় আড়াই হাজার কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করেন। এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর মূল বিষয়ভিত্তিক শিক্ষাকে বৈশ্বিক মান ও শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন উপাচার্য।   অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, “যৌথ জ্ঞান বিনিময়, ‘ট্রেইন দ্য ট্রেইনার’ শিক্ষক উন্নয়ন কর্মসূচি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সমন্বয়ের মাধ্যমে এই সহযোগিতা আমাদের শিক্ষকদের উৎকর্ষ নিশ্চিত করতে এবং শিক্ষার্থীদের বিশ্বের যেকোনো প্রান্তে সফল হওয়ার মতো প্রতিযোগিতামূলক সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”   ডব্লিউইউএসটির চ্যান্সেলর আবুবকর হানিপ জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গড়ে ১৮ বছরের বাস্তব শিল্প-অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, “আমরা সক্রিয় ল্যাব, উন্নত আইটি অবকাঠামো ও প্রযুক্তিগত কাঠামো গড়ে তুলছি, যেখানে শিক্ষার্থীরা শুধু তত্ত্ব পড়ে না; হাতে-কলমে অভিজ্ঞতার মাধ্যমে দ্রুত দক্ষতা অর্জন করে এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারের জন্য প্রস্তুত হয়।” তিনি আরও জানান, এখানে শিক্ষার্থীরা বৈশ্বিক মানের ক্যাপস্টোন প্রকল্প তৈরি, পরীক্ষা ও বাণিজ্যিকীকরণের সুযোগ পায়।   ডব্লিউইউএসটির প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এই অংশীদারত্ব শুরু করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। ডব্লিউইউএসটিতে মানসম্মত শিক্ষা কোনো একটি শ্রেণিকক্ষ বা একটি দেশে সীমাবদ্ধ নয়। আমাদের গ্লোবাল ক্যাম্পাসের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীর কাছে একই মানের, শিল্পের চাহিদানির্ভর শিক্ষা পৌঁছে দিতে আমরা প্রস্তুত।”   সিএফও ফারহানা হানিপ বলেন, “এই সহযোগিতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিপুল সম্ভাবনা তৈরি করতে পারে। আমরা চাই, এ অংশীদারত্বের সুফলভোগী প্রত্যেক শিক্ষার্থী সফল ক্যারিয়ার গড়ার দক্ষতা ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাক।” প্রতিনিধি দলের অপর সদস্য অধ্যাপক মুহম্মদ বিন কাশেম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থায় বৈশ্বিক শিক্ষণ পদ্ধতি অন্তর্ভুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “আমরা প্রচলিত পুরোনো শিক্ষণ পদ্ধতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষণ মডেল চালু করতে চাই। বর্তমান নেতৃত্বের অধীনে এ লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি।”   এ অংশীদারত্বের ফলে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ডব্লিউইউএসটির স্বীকৃত (অ্যাক্রেডিটেড) মার্কিন ডিগ্রি প্রোগ্রামে পড়ার পথ খুলবে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়। বিশ্ববিদ্যালয়টির উল্লেখযোগ্য প্রোগ্রামের মধ্যে রয়েছে সাইবার সিকিউরিটি, ইনফরমেশন টেকনোলজি, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, স্টেম এমবিএ, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও হেলথকেয়ার। সফরকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল ডব্লিউইউএসটির বিভিন্ন স্থাপনা, শ্রেণিকক্ষ, গবেষণাগার ও ইনোভেশন সেন্টার ঘুরে দেখে।

প্রকাশ: নভেম্বর ৯, ২০২৬ ১৩:১০
আন্তর্জাতিক বিজ্ঞান অঙ্গনে বড় স্বীকৃতি পেয়ে টিডব্লিউএএসের ফেলো হয়েছেন বাংলাদেশের সাত বিজ্ঞানী। ছবি: সংগৃহীত
বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো হলেন বাংলাদেশের ৭ বিজ্ঞানী, কামরুন নাহারের বিশেষ পুরস্কার

আন্তর্জাতিক বিজ্ঞান অঙ্গনে বড় স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের সাত বিজ্ঞানী। উন্নয়নশীল দেশগুলোর বিজ্ঞান ও গবেষণার অগ্রগতিতে কাজ করা আন্তর্জাতিক সংস্থা দ্য ওয়ার্ল্ড একাডেমি অব সায়েন্সেসের (টিডব্লিউএএস) ২০২৭ সালের নতুন ফেলো হিসেবে নির্বাচিত হয়েছেন তাঁরা। একই সঙ্গে কৃষিবিজ্ঞান ও পরিবেশবিষয়ক গবেষণায় অবদানের জন্য বিশেষ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন অধ্যাপক কামরুন নাহার। ৫ নভেম্বর সংস্থাটির বার্ষিক সাধারণ সভায় নতুন ফেলোদের নাম ঘোষণা করা হয়।   নির্বাচিত সাত বিজ্ঞানী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুন নাহার, বিজ্ঞানী মোহাম্মদ আবদুল লতিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোহাম্মদ আবদুর রশীদ, বিজ্ঞানী মোবারক আহমদ খান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক মোহাম্মদ সোহেল রহমান ও অধ্যাপক এ কে এম আখতার হোসেন।   বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচিত সাতজনই এই একাডেমির ফেলো। তাঁদের গবেষণার স্বীকৃতি দেওয়া হয়েছে ভূতত্ত্ব, ভূগর্ভস্থ পানির সুরক্ষা, কৃষিবিজ্ঞান, ওষুধ রসায়ন, পরিবেশবান্ধব পাটপ্রযুক্তি, কম্পিউটার বিজ্ঞান এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে অবদানের জন্য।   বিজ্ঞানীদের গবেষণার ক্ষেত্রও বেশ বৈচিত্র্যময়। অধ্যাপক কাজী মতিন উদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে ভূগর্ভস্থ পানির আর্সেনিক দূষণ ও লবণাক্ততা নিয়ে গবেষণা করছেন। অধ্যাপক কামরুন নাহার কাজ করছেন প্রতিকূল পরিবেশে ফসলের টিকে থাকার সক্ষমতা বাড়ানো নিয়ে। অন্যদিকে মোহাম্মদ আবদুল লতিফের গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্র রোগ প্রতিরোধী ও উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবন।   অধ্যাপক মোহাম্মদ আবদুর রশীদ উদ্ভিদ ও সামুদ্রিক প্রাণীসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে নতুন জৈব সক্রিয় যৌগ শনাক্ত এবং ওষুধ তৈরির সম্ভাবনা নিয়ে কাজ করেছেন। মোবারক আহমদ খান পাটের আঁশ থেকে পরিবেশবান্ধব উপাদান তৈরির গবেষণায় পরিচিত, বিশেষ করে তাঁর উদ্ভাবিত সোনালি ব্যাগের জন্য। অধ্যাপক মোহাম্মদ সোহেল রহমানের গবেষণার ক্ষেত্র অ্যালগরিদম, কম্পিউটার বিজ্ঞান ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। আর অধ্যাপক এ কে এম আখতার হোসেন কাজ করছেন আধুনিক পদার্থবিজ্ঞান, নতুন উপাদান, সৌরকোষ ও হাইড্রোজেন সংরক্ষণ প্রযুক্তি নিয়ে।   অধ্যাপক কামরুন নাহারের জন্য এবারের স্বীকৃতি আরও বিশেষ। ফেলো নির্বাচিত হওয়ার পাশাপাশি তিনি পেয়েছেন ‘টিডব্লিউএএস-ফায়জাহ এম. আল-খারাফি অ্যাওয়ার্ড’। উন্নয়নশীল বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা দেশগুলোর নারী বিজ্ঞানীদের গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। ২০২৬ সালে কৃষিবিজ্ঞান ও জীববিজ্ঞান ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কারটি দেওয়া হচ্ছে। এর অর্থমূল্য ৪ হাজার মার্কিন ডলার।   এদিকে বাংলাদেশের আরেক বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ফিরদৌসী কাদরী টিডব্লিউএএসের নতুন কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন। সংস্থাটির প্রকাশিত তালিকায় তাঁকে মধ্য ও দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রতিনিধি হিসেবে রাখা হয়েছে। সংক্রামক রোগ, কলেরা ও টাইফয়েডের টিকা এবং জনস্বাস্থ্যবিষয়ক গবেষণায় দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন তিনি।   টিডব্লিউএএসের তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৮৭ জন নতুন ফেলো নির্বাচিত হয়েছেন। তাঁদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ২৯ জন নারী। নির্বাচিতদের ৭৭ জন উন্নয়নশীল বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী। বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকা হিসেবে চিহ্নিত ৬৬টি দেশের মধ্য থেকে নির্বাচিত ১৫ জনের মধ্যে সাতজনই বাংলাদেশের। নতুন ফেলোদের আনুষ্ঠানিকভাবে ২০২৭ সালের ১ জানুয়ারি একাডেমির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।   একসঙ্গে সাতজন বিজ্ঞানীর ফেলো নির্বাচন, কামরুন নাহারের আন্তর্জাতিক পুরস্কার এবং ফিরদৌসী কাদরীর কাউন্সিলে স্থান পাওয়া আন্তর্জাতিক বিজ্ঞান অঙ্গনে বাংলাদেশের গবেষকদের অবস্থান ও অবদানের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

প্রকাশ: নভেম্বর ৯, ২০২৬ ১১:১
ছাত্র ধরে রাখতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো
প্রতি পাঁচজন শিক্ষার্থীর একজন ঝরে পড়ছেন, ছাত্র ধরে রাখতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো

যুক্তরাষ্ট্রে কলেজে ভর্তি হওয়ার পর প্রথম বছর শেষ করতেই প্রায় প্রতি পাঁচজন শিক্ষার্থীর একজন আর উচ্চশিক্ষায় ফিরছেন না। বাড়তি টিউশন ফি, জীবনযাত্রার ব্যয়, আর্থিক অনিশ্চয়তা এবং মানসিক চাপের কারণে পড়াশোনা মাঝপথে ছেড়ে দেওয়ার প্রবণতা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন উদ্বেগ তৈরি করছে। শিক্ষার্থীদের ভর্তি করানোর পাশাপাশি তাদের ডিগ্রি সম্পন্ন করা পর্যন্ত ধরে রাখা এখন বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।   ন্যাশনাল স্টুডেন্ট ক্লিয়ারিংহাউস রিসার্চ সেন্টারের ২০২৬ সালের ২৫ জুন প্রকাশিত ‘পারসিস্টেন্স অ্যান্ড রিটেনশন রিপোর্ট’ অনুযায়ী, ২০২৪ সালের শরৎকালে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হওয়া প্রায় ২৬ লাখ ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে ৭৭ দশমিক ১ শতাংশ পরবর্তী বছরের শরৎকালেও কোনো না কোনো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ছিলেন। অর্থাৎ প্রায় ২২ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী এক বছর পর আর উচ্চশিক্ষায় যুক্ত ছিলেন না। তবে এই পরিসংখ্যানের অর্থ এই নয় যে সবাই স্থায়ীভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। কেউ কেউ বিরতি নিয়েছেন বা অন্য কোনো কারণে শিক্ষা কার্যক্রম থেকে সাময়িকভাবে সরে গেছেন।   প্রতিবেদনে আরও দেখা গেছে, এক বছর পর ৬৯ দশমিক ১ শতাংশ শিক্ষার্থী তাঁদের আগের কলেজ বা বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। অন্যদিকে ৮ শতাংশ শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়েছেন। অর্থাৎ শিক্ষার্থীদের একটি অংশ প্রতিষ্ঠান পরিবর্তন করলেও উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে যারা আর কোনো প্রতিষ্ঠানে ফিরে আসছেন না, তাঁদের সংখ্যা বিশ্ববিদ্যালয়গুলোর জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়।   শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ করার পেছনে আর্থিক সংকট বড় ভূমিকা রাখছে। টিউশন ফি, আবাসন, বইপত্র, যাতায়াত এবং দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় সামাল দিতে গিয়ে অনেক শিক্ষার্থীকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বিশেষ করে যারা পড়াশোনার পাশাপাশি চাকরি করেন কিংবা পরিবারের আর্থিক দায়িত্ব পালন করেন, তাঁদের জন্য নিয়মিত ক্লাস ও পড়াশোনা চালিয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়ে।   গ্যালাপ ও লুমিনা ফাউন্ডেশনের ২০২৫ সালের ‘স্টেট অব হায়ার এডুকেশন’ গবেষণায় দেখা গেছে, কলেজ বা ডিগ্রি প্রোগ্রাম মাঝপথে ছেড়ে দেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৩২ শতাংশ খরচকে, ৩১ শতাংশ মানসিক চাপকে এবং ২৯ শতাংশ মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যাকে পড়াশোনা বন্ধের কারণ হিসেবে উল্লেখ করেছেন। একই গবেষণায় বর্তমানে পড়াশোনা করছেন এমন শিক্ষার্থীদের ৩২ শতাংশ জানিয়েছেন, গত ছয় মাসে তাঁরা পড়াশোনা ছেড়ে দেওয়ার কথা বিবেচনা করেছেন। গবেষণাটি ইঙ্গিত দিচ্ছে, আর্থিক চাপের পাশাপাশি মানসিক সুস্থতাও শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।   পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী সহায়তা কার্যক্রমকে আরও গুরুত্ব দিচ্ছে। আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য জরুরি অনুদান, বৃত্তি ও আর্থিক সহায়তার সুযোগ বাড়ানো, একাডেমিক পরামর্শ এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মজীবী শিক্ষার্থীদের সুবিধার জন্য অনলাইন ক্লাস, সন্ধ্যাকালীন ক্লাস এবং নমনীয় সময়সূচির ব্যবস্থাও গুরুত্ব পাচ্ছে। কোনো শিক্ষার্থী ক্লাসে অনিয়মিত হলে কিংবা পড়াশোনায় পিছিয়ে পড়লে দ্রুত সহায়তা দেওয়ার ব্যবস্থার ওপরও জোর দেওয়া হচ্ছে।   শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে শুধু ভর্তি ফি বা টিউশন ফি কমানোই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের আর্থিক অবস্থা, মানসিক স্বাস্থ্য, পারিবারিক দায়িত্ব এবং পড়াশোনার পরিবেশ বিবেচনায় নিয়ে সমন্বিত সহায়তা নিশ্চিত করা জরুরি। কোনো শিক্ষার্থী আর্থিক সংকটে পড়লে পড়াশোনা বন্ধ করার আগে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্সিয়াল এইড অফিসে যোগাযোগ করে জরুরি অনুদান, বৃত্তি কিংবা কিস্তিতে ফি পরিশোধের সুযোগ সম্পর্কে জানতে পারেন। একইভাবে একাডেমিক সমস্যায় পড়লে টিউটরিং ও পরামর্শক সেবা নেওয়ার সুযোগও রয়েছে।   যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা এখনো ভালো কর্মসংস্থান ও ক্যারিয়ার গঠনের গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত। তবে উচ্চশিক্ষার ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে সেই শিক্ষা সম্পন্ন করার সুযোগ কতটা সহজলভ্য থাকছে, তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। শিক্ষার্থীদের ভর্তি করানোর পর তাঁদের ডিগ্রি শেষ করা পর্যন্ত পাশে থাকতে বিশ্ববিদ্যালয়গুলো কতটা কার্যকর ভূমিকা রাখতে পারছে, সেটিই এখন উচ্চশিক্ষা খাতের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়।

প্রকাশ: নভেম্বর ৮, ২০২৬ ১৯:৭

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

নভেম্বর ২১, ২০২৬ ১৩:০