সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

জামায়াত

আসন্ন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: সংগৃহীত
ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম

আসন্ন ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঢাকা উত্তরে দলটির প্রার্থী হয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আর ঢাকা দক্ষিণে প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েমকে। সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘোষণা দেন।    ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে যোগ দিয়ে মিয়া গোলাম পরওয়ার ঢাকার দুই সিটির প্রার্থীদের নাম জানান। দলীয় ঘোষণায় উত্তর সিটিতে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ সিটিতে আবু সাদিক কায়েমের নাম উঠে আসে।    মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটবদ্ধভাবে অংশ নিলেও স্থানীয় সরকার নির্বাচনে তারা পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই নীতির অংশ হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনেও জামায়াতে ইসলামী নিজস্ব প্রার্থী নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে।   মোহাম্মদ সেলিম উদ্দিন বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর শাখার আমির। তিনি এর আগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে তাকে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় দেখা গেছে।    অন্যদিকে আবু সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি। তরুণ নেতৃত্বের প্রতিনিধি হিসেবে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে তার পরিচিতি বেড়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে তাকে প্রার্থী করার বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরেই রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছিল।    এর আগে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মিয়া গোলাম পরওয়ার জানিয়েছিলেন, স্থানীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোটের পরিবর্তে নিজ নিজ প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে। ফলে ঢাকার দুই সিটিতে জামায়াতের এই প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দলগুলোর পৃথক নির্বাচনী প্রস্তুতিরই ইঙ্গিত দিচ্ছে।    অনুষ্ঠানে ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের প্রসঙ্গও তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি এ ঘটনাকে রাজনৈতিক ও ঐতিহাসিক জ্ঞানসম্পর্কিত প্রশ্নের সঙ্গে যুক্ত করে মন্তব্য করেন।

প্রকাশ: সেপ্টেম্বর ১৪, ২০২৬ ১১:৪
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
‘আমরা ছাত্র হওয়ার জন্য সংসদে আসিনি’, স্বরাষ্ট্রমন্ত্রীকে জামায়াত আমির

স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে ‘শিক্ষকের ভূমিকা পালন’ করার বক্তব্যের সমালোচনা করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষকতা করতে হলে সংসদের বাইরে বিশ্ববিদ্যালয় খুলে সেখানে শিক্ষা দিতে হবে। সংসদ সদস্যরা কারও ছাত্র হওয়ার জন্য সংসদে আসেননি বলেও মন্তব্য করেন তিনি।   বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনের বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে এসব কথা বলেন ডা. শফিকুর রহমান।   তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন করে এসব শব্দ উচ্চারণ করেননি। সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকেই তিনি অন্যদের তুচ্ছতাচ্ছিল্য করে আসছেন। তিনি নিজেকে কী মনে করেন, তা বুঝতে পারছেন না বলেও মন্তব্য করেন জামায়াত আমির।   স্বরাষ্ট্রমন্ত্রীর ‘সংসদে শিক্ষকের ভূমিকা পালন করবেন’ বক্তব্যের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসিনি। শিক্ষকতা করতে হলে তিনি একটি ইউনিভার্সিটি খুলুন। সেখানে যার পছন্দ হয়, ভর্তি হবে এবং তার লেকচার শুনবে।’   ডা. শফিকুর রহমানের বক্তব্যের সময় স্বরাষ্ট্রমন্ত্রীকে হাসতে দেখা যায়।   জামায়াত আমির আরও বলেন, একই বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী দুইবার তাদের আক্রমণ করেছেন। তার ভাষায়, এটি ‘কালচারাল’ নয়, বরং ‘পার্লামেন্টারিয়ান ফ্যাসিজম’। এ ধরনের আচরণ সংসদে হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।   শফিকুর রহমান বলেন, ‘আমি আজ সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি, এই পার্লামেন্টের সৌন্দর্য বিধানের জন্য তাকে দুঃখপ্রকাশ করতে হবে এবং তার বক্তব্য সংসদের কার্যপ্রণালি থেকে এক্সপাঞ্জ করতে হবে।’   তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখপ্রকাশ করে বক্তব্যটি সংসদের কার্যপ্রণালি থেকে বাদ দিলে তারা সংসদে বসবেন। অন্যথায় ‘অপমান নিয়ে আমাদের এখানে বসার প্রশ্নই ওঠে না’ বলে মন্তব্য করেন জামায়াত আমির।

প্রকাশ: আগস্ট ২৭, ২০২৬ ১২:১২
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
ভারত সব রাজনৈতিক দলকে পকেটে পুরলেও জামায়াতকে পারেনি: ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দাবি করেছেন, দলটিকে অতীতে নিষিদ্ধ করার একমাত্র কারণ ছিল তারা "আধিপত্যবাদ মেনে নেয়নি"। তিনি অভিযোগ করেন, ভারতের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের পেছনেও জামায়াতকে দায়ী করার অপচেষ্টা চালানো হচ্ছে, কারণ এই দলটিকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায়নি।   বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর কাকরাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   বর্তমান সরকারের উদ্দেশে হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, "ধানাই-পানাই বাদ দিয়ে সোজা পথে চলুন। জাতি কঠিন সংকটে আছে।"   জুলাই গণআন্দোলনের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, জামায়াত শুরু থেকেই এই আন্দোলনের প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছিল, তবে কখনো এর একক কৃতিত্ব দাবি করেনি। তিনি আরও অভিযোগ করেন, বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ চলছে এবং সাধারণ মানুষ যে রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার পরিবর্তনের প্রত্যাশা করেছিল, তা এখনো বাস্তবায়িত হচ্ছে না।   সভায় তিনি স্পষ্ট ঘোষণা দেন, জুলাইয়ের শহীদদের নির্মম হত্যার বিচার এবং আহতদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে জামায়াত সবসময় অনড় থাকবে। পাশাপাশি জনগণের অধিকার রক্ষায় যেকোনো অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও কথা বলা অব্যাহত থাকবে।

প্রকাশ: জুলাই ৩০, ২০২৬ ১১:৪৩
ছাত্রশিবির থেকে বিদায়ের পরদিনই আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন সাবেক ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। ছবি: সংগৃহীত
ছাত্রশিবির ছাড়ার একদিন পরই জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নেওয়ার ঠিক একদিন পরই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।   বুধবার (১৫ জুলাই) জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে দেখা করে দলটির সহযোগী সদস্য ফরম পূরণ করেন তিনি। এই সময় সদ্যবিদায়ী শিবিরের অন্যান্য নেতারাও দলটির সহযোগী সদস্য ফরম সংগ্রহ করেন। জামায়াতে সাদিক কায়েমের যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন।   এর আগে গত সোমবার (১৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে ছাত্রশিবিরের রাজনীতি থেকে আনুষ্ঠানিক বিদায়ের ঘোষণা দেন সাদিক কায়েম। সর্বশেষ তিনি এই সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।   এদিকে জামায়াতে যোগদানের পরই সাদিক কায়েমের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে দলটির ভেতরে-বাইরে জোর গুঞ্জন শুরু হয়েছে। জামায়াতের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, গত জুনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের প্রার্থী হিসেবে ডাকসু ভিপি সাদিক কায়েমের নাম চূড়ান্ত করা হয়েছে।   অবশ্য বৈঠকে অংশ নেওয়া একাধিক জামায়াত নেতা জানিয়েছেন, দলের প্রার্থী হিসেবে তার নাম চূড়ান্ত হলেও তা এখনও অনানুষ্ঠানিক। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ তথা মজলিসে শূরার বৈঠকের পর কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। তবে দলটির অভ্যন্তরীণ সূত্রগুলোর দাবি, সাদিক কায়েমই যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী হচ্ছেন, তা এখন প্রায় নিশ্চিত।

প্রকাশ: জুলাই ১৫, ২০২৬ ১২:১০
চার সিটি করপোরেশনে ঘোষিত জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীরা । ছবি: আমেরিকা বাংলা
সিটি নির্বাচনে একক লড়াইয়ে জামায়াত, তারুণ্যে ভর করে ১২ প্রার্থী চূড়ান্ত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিটি করপোরেশনগুলোতে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামী। দলটি ইতোমধ্যে ১২টি সিটি করপোরেশনে মেয়র পদে সম্ভাব্য ১২ জন প্রার্থী চূড়ান্ত করেছে। দলীয় সূত্রে জানা গেছে, এ ক্ষেত্রে তরুণ নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।   গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১১–দলীয় ঐক্যের অংশ হিসেবে অংশ নেয় জামায়াত। তবে স্থানীয় সরকার নির্বাচন, বিশেষ করে সিটি করপোরেশনে দলটি এককভাবেই অংশ নিতে আগ্রহী বলে জানিয়েছেন নেতারা।   দলীয় সূত্রগুলো জানায়, একসময় কেবল রুকনদের মনোনয়ন দেওয়া হলেও এখন সেই নীতিতে পরিবর্তন এসেছে। সাম্প্রতিক সংসদ নির্বাচনে কর্মী-সমর্থক এমনকি ভিন্ন ধর্মাবলম্বীদেরও মনোনয়ন দেওয়া হয়েছিল। স্থানীয় সরকার নির্বাচনেও একই নীতি অনুসরণ করা হতে পারে।   এবারের নির্বাচনে তরুণ নেতৃত্বকে সামনে আনার পরিকল্পনা করেছে দলটি। ২০২৪ সালের ছাত্র গণ–অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের প্রার্থী হিসেবে বিবেচনায় রাখা হচ্ছে। পাশাপাশি ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে এই পরিকল্পনায়।   জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ১০ মে বলেন, “পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ে অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিছু ক্ষেত্রে জোটের শরিকদের সঙ্গে সমঝোতা হতে পারে, তবে সিটি করপোরেশনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে।”   দলটির আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, সিটি করপোরেশন নির্বাচনে জোটভুক্ত দলগুলো নিজ নিজ প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত বহাল রয়েছে।   ইতোমধ্যে চারটি সিটিতে প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি নিতে বলা হয়েছে। নারায়ণগঞ্জে দলের মহানগর আমির আবদুল জব্বারকে প্রার্থী করা হচ্ছে। গাজীপুরে প্রার্থী হচ্ছেন তুরস্কপ্রবাসী শিক্ষাবিদ ও ছাত্রশিবিরের সাবেক নেতা হাফিজুর রহমান। চট্টগ্রামে সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী এবং রংপুরে মহানগর আমির এ টি এম আজম খানকে প্রার্থী করা হচ্ছে।   ঢাকার দুই সিটিতেও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। ঢাকা উত্তরে মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন এবং দক্ষিণে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমের নাম আলোচনায় রয়েছে। দক্ষিণ সিটিতে আবু সাদিক কায়েমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হলেও দলীয় নেতারা বলছেন, নির্বাচনের সময় তাঁর ছাত্রত্ব শেষ হয়ে যাবে এবং প্রার্থী হতে সাংগঠনিক কোনো বাধা থাকবে না।   জামায়াত সূত্র জানায়, ঢাকা দক্ষিণে জোটের শরিক জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রার্থী করার প্রস্তাব ছিল। তবে দলটির শীর্ষ পর্যায়ে এ প্রস্তাবে আপত্তি ওঠে। এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “তাঁর কিছু কর্মকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। তাঁকে সমর্থন দিলে রাজনৈতিক দায়ভার আমাদের ওপর আসতে পারে।”   জামায়াত নেতাদের মতে, অতীতে চার–দলীয় জোটে থেকেও আলাদাভাবে নির্বাচন করে তুলনামূলক ভালো ফল পাওয়া গিয়েছিল। সেই অভিজ্ঞতা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় এবার এককভাবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী তারা। নিজেদের জনসমর্থন বেড়েছে বলেও মনে করছেন নেতারা।   এদিকে ১১–দলীয় ঐক্যের আরেক শরিক জাতীয় নাগরিক পার্টিও স্থানীয় সরকার নির্বাচনে একক প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ঢাকার দুই সিটিসহ পাঁচ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করেছে দলটি। পাশাপাশি শতাধিক উপজেলা ও পৌরসভায় সম্ভাব্য প্রার্থীর তালিকাও প্রকাশ করা হয়েছে। তবে জোটগতভাবে নির্বাচন হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির নেতারা।   স্থানীয় সরকার নির্বাচন ঘিরে জামায়াত সাংগঠনিক পুনর্বিন্যাসও জোরদার করেছে। সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে প্রার্থী যাচাইয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে।   দলটির নেতারা জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন পরিচালনা কমিটি গঠন এবং গণসংযোগ শুরু হবে। ইতোমধ্যে ৫০ শতাংশের বেশি ইউনিয়ন, উপজেলা, জেলা ও পৌরসভায় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।   জামায়াত দ্রুত স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে। তাদের মতে, বর্তমানে প্রশাসক দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করছে না। সংবিধানের ৫৯ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিত প্রতিনিধিদের হাতে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা।   স্থানীয় সরকার নির্বাচন কবে হবে, সে বিষয়ে এখনো স্পষ্টতা নেই। নির্বাচন কমিশন ও সরকারের বিভিন্ন পর্যায় থেকে ভিন্ন সময়সীমার ইঙ্গিত দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের এক সদস্য বলেছেন, ঈদের পর থেকে সারা বছর নির্বাচন চলতে পারে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে চলতি বছরের শেষ দিকে নির্বাচন শুরুর সম্ভাবনার কথা বলা হয়েছে।   রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে মাঠ গোছাতে শুরু করেছে। শেষ পর্যন্ত জোটগত সমঝোতা হবে কি না, তা নির্ভর করবে নির্বাচনের তফসিল ও রাজনৈতিক পরিস্থিতির ওপর।

প্রকাশ: মে ১৩, ২০২৬ ১৫:৫৬
ছবি: সংগৃহীত
২৫ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে ১১ দলের মহাসমাবেশ; নেতৃত্বে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রাজধানী ঢাকায় বিশাল সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২৫ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে দলটি জানিয়েছে, সমাবেশের মূল শিরোনাম নির্ধারণ করা হয়েছে ‘জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’।   এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ও বর্তমান সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় রাজনৈতিক জোটের শীর্ষ নেতারাও এতে অংশ নেবেন। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন সামাজিক দাবি-দাওয়া এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সমাবেশ থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হবে।   উল্লেখ্য, এর আগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এই ১১ দলীয় জোট রাজধানীতে বড় ধরনের কর্মসূচি পালন করেছিল। জুলাইয়ের স্মৃতি ও শহীদদের সম্মান জানিয়ে আয়োজিত এই জাতীয় সমাবেশকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। সমাবেশের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় স্বেচ্ছাসেবক দল বিশেষ প্রস্তুতি গ্রহণ করছে বলে জানা গেছে।

প্রকাশ: এপ্রিল ২২, ২০২৬ ১:১৪
ছবি: সংগৃহীত
গণভোটের রায় না মানলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় ঐক্য। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বিকেলে রাজধানীর বিজয়নগরে আয়োজিত এক গণমিছিল কর্মসূচিতে জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, গণভোটের রায় মেনে না নিলে ১১ দলীয় ঐক্য রাজপথে যে আন্দোলন গড়ে তুলবে, তা সরকারের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনবে না।   এই কর্মসূচি থেকে গণভোটের রায় বাস্তবায়ন ছাড়াও জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং জনদুর্ভোগ লাঘবের দাবি তোলা হয়। ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ তাঁর বক্তব্যে বলেন, সরকার চোখ রাঙিয়ে এই আন্দোলন দমন করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।   বিকেলে বিজয়নগরে সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি কাকরাইল হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে। কর্মসূচিতে জোটের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং সরকারের প্রতি জনগণের ম্যান্ডেটকে সম্মান জানানোর আহ্বান জানান।

প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৬ ২২:৩০
ছবি: সংগৃহীত
আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে রাজপথে নামার আহ্বান জামায়াত আমিরের

দেশের আর্থিক সম্পদ রক্ষা এবং নব্য ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে রাজপথে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকালে রাজধানীর মগবাজারে আয়োজিত জেলা আমির সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে জনগণের আকাঙ্ক্ষা ক্ষুণ্ণ হয়েছে দাবি করে তিনি বলেন, বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে।   ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, গত নির্বাচনে ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে জুলাইয়ের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। সরকারের মন্ত্রী ও সাবেক উপদেষ্টার বক্তব্যেও নির্বাচনের কারচুপির প্রমাণ স্পষ্ট হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জামায়াত আমির বলেন, বিএনপি সরকার সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চাইছে এবং সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করছে। এই পরিস্থিতিতে জনস্বার্থ রক্ষায় জামায়াতসহ ১১ দলীয় ঐক্য রাজপথে নামতে বাধ্য হচ্ছে।   বর্তমান শাসনব্যবস্থাকে অতীতের চেয়েও ভয়ংকর আখ্যা দিয়ে তিনি বলেন, প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানে দলীয়করণের মাধ্যমে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে। এ সময় তিনি গণমাধ্যমের টুটি চেপে ধরার অভিযোগ তুলে বলেন, সত্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে। গণমাধ্যমের প্রতি সত্য প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, "বক্তব্যের আংশিক বা ‘কাটপিস’ প্রচার না করে হয় পুরোটা প্রকাশ করুন, নতুবা কিছুই প্রকাশ করবেন না।"   পরিশেষে, সংসদ ও রাজপথে জনগণের এজেন্ডা নিয়ে জামায়াত সরব থাকবে এবং দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন ডা. শফিকুর রহমান।

প্রকাশ: এপ্রিল ১৭, ২০২৬ ২:১৫
ছবি: সংগৃহীত
‘একাত্তরে কার কী ভূমিকা ছিল তা আল্লাহ ভালো জানেন’: সংসদে জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ১৯৭১ সালের ওই চরম সময়ে কার কী ভূমিকা ছিল, তার নিখুঁত ও পূর্ণাঙ্গ সাক্ষী একমাত্র আল্লাহ তাআলা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে 'জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (সংশোধনী) বিল-২০২৬' পাসের আগে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।   শফিকুর রহমান মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তবে তিনি অভিযোগ করেন, যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, স্বাধীনতার পরপরই বাকশাল কায়েমের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র হত্যা করে তা ধূলিসাৎ করা হয়েছিল। তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে এবং আজকের পার্লামেন্ট সেই ধারাবাহিকতারই অংশ।”   মুক্তিযোদ্ধা কাউন্সিল বিলের সমালোচনা করে জামায়াত আমির বলেন, “বিলে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিকৃত চিন্তা থেকে আসা একটি বিষয়, যা অন্তর্বর্তীকালীন সরকারও সামান্য পরিবর্তনসহ বজায় রেখেছে। অথচ স্বাধীনতার পর কোনো শাসক কিংবা জিয়াউর রহমান বা খালেদা জিয়া—কেউই এমন সংজ্ঞা অন্তর্ভুক্ত করেননি।”   তিনি আরও বলেন, ১৯৭৯ সালে পলিটিক্যাল পার্টিজ রিভাইভাল অ্যাক্টের মাধ্যমে আওয়ামী লীগের মতো জামায়াতও পুনর্জন্ম লাভ করেছিল। জাতিকে আর বিভক্ত না করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা যেন একটি মাথা উঁচু করে দাঁড়ানো সম্মানের জাতি গঠন করতে পারি, সব দলের কাছে এটাই হোক আগামীর অঙ্গীকার।”

প্রকাশ: এপ্রিল ৮, ২০২৬ ২৩:৩৯
ছবি: সংগৃহীত
বিএনপির বিরুদ্ধে সংকট সৃষ্টির অভিযোগ জামায়াত সেক্রেটারি পরওয়ারের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, বিএনপি সরকার গঠন করেই দেশে নতুন রাজনৈতিক সংকট তৈরি করেছে। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেছেন, জুলাই আন্দোলনের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান সংসদ গঠিত হয়েছে, তাই দিল্লির প্রেসক্রিপশনে দেশের ভেতরে বিভেদ সৃষ্টি না করে ‘জুলাই সনদের’ ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলুন।   সোমবার (৬ এপ্রিল) বিকেলে বগুড়া সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক উপ-নির্বাচনী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া-৬ (সদর) আসনে জামায়াতসহ ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।   মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই আন্দোলনে ছাত্র-জনতা একটি বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ চেয়েছিল। প্রধানমন্ত্রী নিজে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিলেন, কিন্তু এখন সেই পাঁচ কোটি ভোটারের ম্যান্ডেট অস্বীকার করে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। অন্তর্বর্তী সরকারের গণভোট আদেশ বাতিল করা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।” তিনি আরও যোগ করেন, শেখ হাসিনা যেভাবে ক্ষমতা আঁকড়ে ধরতে চেয়েছিলেন, বিএনপিও সব প্রতিষ্ঠানে নিজেদের খবরদারি প্রতিষ্ঠার চেষ্টা করছে।   বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “বিএনপি তাদের নিজেদের দেওয়া ‘৩১ দফা’র সঙ্গেই প্রতারণা করছে। তারা মুখে সংবিধান সংস্কারের কথা বলে ক্ষমতায় এসে এখন গণভোটের রায় মানতে চাইছে না।” তিনি আরও অভিযোগ করেন, সরকার চাটুকারদের ভিসি নিয়োগ দিয়ে শিক্ষা ব্যবস্থা এবং ঋণখেলাপিকে গভর্নর বানিয়ে দেশের অর্থনীতি ধ্বংস করছে।   সমাবেশে উপস্থিত নেতারা আসন্ন উপ-নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান এবং ভোটারদের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়ে বৈষম্যমুক্ত রাষ্ট্র গড়ার লড়াইয়ে শামিল হওয়ার অনুরোধ করেন। বিকেলে শহরের শহীদ খোকন পার্কেও জামায়াতের আরেকটি বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

প্রকাশ: এপ্রিল ৬, ২০২৬ ০:৩৮
ছবি: সংগৃহীত
জ্বালানি সংকট নিয়ে সরকার ‘লুকোচুরি’ করছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশের চলমান জ্বালানি তেলের সংকট নিয়ে সরকার জনগণের সঙ্গে ‘লুকোচুরি’ খেলছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জের একটি কনভেনশন সেন্টারে ঢাকা জেলা জামায়াতে ইসলামী আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন। বর্তমান পরিস্থিতিতে জনমনে কোনো স্বস্তি নেই উল্লেখ করে তিনি সরকারের তীব্র সমালোচনা করেন।   সরকারের একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করে জামায়াত আমির বলেন, জ্বালানি সংকট নিরসনে বিরোধী দলগুলো সহযোগিতা করতে প্রস্তুত থাকলেও সরকার তা আমলে নিচ্ছে না। তিনি অভিযোগ করেন, সংসদে আলোচনা এড়িয়ে সময়ক্ষেপণ করা হচ্ছে এবং জনগণের ওপর একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারের বর্তমান আচরণে ‘ফ্যাসিবাদের সংক্রমণ’ দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।   এ সময় সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ‘ইস্পাত কঠিন আন্দোলনের’ হুঁশিয়ারি দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের মতামতকে যথাযথ গুরুত্ব না দিলে রাজপথে কঠোর কর্মসূচি পালন করা হবে।   ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আফজাল হোসেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মসিউল আলম, নায়েবে আমির অধ্যক্ষ শাহীনুর ইসলাম এবং নারায়ণগঞ্জ মহানগর আমির মাওলানা আব্দুর জব্বারসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

প্রকাশ: এপ্রিল ৩, ২০২৬ ১:২৩
জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি
নিজেকে ‘শহীদ পরিবারের সন্তান’ দাবি করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদে গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার শুরুতে নিজেকে ‘শহীদ পরিবারের সন্তান’ হিসেবে পরিচয় দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন।   সংসদ অধিবেশনে স্পিকারের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, "মাননীয় স্পিকার, আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা ও বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছিলেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে।"   তিনি আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও মানুষের আকাঙ্ক্ষা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। শফিকুর রহমানের ভাষ্যমতে, "বিপুল প্রত্যাশার জায়গায় দাঁড়িয়ে আজ আমাদের বলতে হচ্ছে যে, স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে।"   রাজনৈতিক মহলে ডা. শফিকুর রহমানের এই বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও এর আগে বিভিন্ন দলীয় ও সামাজিক অনুষ্ঠানে তিনি নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন, তবে দেশের সর্বোচ্চ আইনসভা অর্থাৎ জাতীয় সংসদে দাঁড়িয়ে এবারই প্রথমবার তিনি আনুষ্ঠানিকভাবে এই দাবি উত্থাপন করলেন।   উল্লেখ্য, ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াতে ইসলামী প্রধান বিরোধী দলের ভূমিকায় রয়েছে। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদানদের ত্যাগের সঙ্গে নিজেদের পরিবারের সম্পৃক্ততার এই দাবি রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করছে।

প্রকাশ: মার্চ ৩০, ২০২৬ ২১:১১
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
সংসদকে ইনসাফের কেন্দ্রবিন্দু করার আহ্বান বিরোধীদলীয় নেতার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদকে যদি ইনসাফ বা ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালনা করা যায়, তবেই সারাদেশে পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম করা সম্ভব হবে। আজ রোববার (২৯ মার্চ) বিকেলে নবনির্বাচিত ডেপুটি স্পিকারকে আনুষ্ঠানিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। সংসদে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, "আপনি ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজ আপনার বক্তব্যে যে মনোভাব প্রকাশ পেয়েছে, বাংলাদেশের সাধারণ মানুষ ঠিক সেটাই প্রত্যাশা করে। আমরা চাই, এই সংসদই হোক দেশের সকল কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু।" ডেপুটি স্পিকারের পদের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এই চেয়ারটি অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং ন্যায়বিচারের প্রতীক। আপনি ইনসাফের যে বার্তা দিয়েছেন, তা অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা আশা করি, আপনি প্রতিটি বিষয় নিরপেক্ষভাবে বিবেচনা করবেন এবং সংসদীয় কার্যক্রমে প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করবেন। বিরোধীদলীয় নেতা ডেপুটি স্পিকারকে আশ্বস্ত করে বলেন, দায়িত্ব পালনকালে সংসদীয় রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিরোধী দলের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা প্রদান করা হবে।

প্রকাশ: মার্চ ২৮, ২০২৬ ১৯:৩০
ছবি: সংগৃহীত
জামায়াতে আমির: জনগণের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ না করলে পরিণতি ভালো হবে না

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি সরকারের প্রতি সতর্কবার্তা দিয়েছেন। সোমবার (২৩ মার্চ) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে স্থানীয়দের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণের সঙ্গে ‘ধোঁকাবাজি’ চলতে থাকলে পরিণতি ভালো হবে না।   ডা. শফিকুর রহমান সরকারের যাতায়াতের অতিরিক্ত ভাড়া ফেরতের ঘোষণা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ঢাকা ছেড়ে যাওয়া লাখ লাখ মানুষকে খুঁজে বের করে টাকা ফেরত দেওয়া বাস্তবে খুব কঠিন। নির্বাচনে অনিয়ম থাকলেও দেশের অচল অবস্থা এড়াতে তা মেনে নেওয়া হয়েছে। তবে সরকার যদি সঠিক পথে না আসে, তবে দেশের মানুষ এবং ‘জুলাই যোদ্ধারা’ ক্ষমা করবে না।   বিরোধীদলীয় নেতার জন্য বরাদ্দকৃত সরকারি বাসভবনের ব্যবহার নিয়ে তিনি জানান, ব্যক্তিগত প্রয়োজনে তিনি সেখানে থাকবেন না। ভবনটি শুধুমাত্র রাষ্ট্রীয় কাজে ও বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকের জন্য ব্যবহৃত হবে। তিনি আরও বলেন, সরকারে থেকে চাঁদাবাজি করার প্রয়োজন নেই এবং জনগণের ওপর জুলুম চলবে না। ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, জনহিতকর পদক্ষেপে জামায়াতে ইসলামী সমর্থন দেবে, কিন্তু জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হলে তা রাজপথে প্রতিহত করা হবে।

প্রকাশ: মার্চ ২২, ২০২৬ ২০:২৪

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

নভেম্বর ২১, ২০২৬ ১৩:০