সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

আমেরিকা

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ‘কিং টাইডস’ নামে পরিচিত বছরের সর্বোচ্চ জোয়ারের প্রভাবে ক্যালিফোর্নিয়ার কয়েকটি উপকূলীয় এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ফ্লোরিডাসহ পূর্ব উপকূলের কয়েকটি এলাকাতেও পানি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। কিছু এলাকায় কয়েক দশকের পুরোনো জোয়ারের রেকর্ড ভাঙারও আশঙ্কা রয়েছে।   মার্কিন সংবাদমাধ্যম ফক্স লোকালের  প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকসগিভিং সপ্তাহে দুই উপকূলেই জোয়ারের উচ্চতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। বিশেষ করে সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অন্তত ২ দশমিক ৮ ফুট বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।   সান ফ্রান্সিসকোতে সর্বোচ্চ জোয়ারের আগের রেকর্ড ছিল ১৯৮৩ সালের ২৭ জানুয়ারি, যখন পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৯ ফুট বেশি উঠেছিল। নতুন পূর্বাভাস সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা তৈরি করেছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টি ও কোর্টে মাদেরার কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। হুমবোল্ট কাউন্টিতে বন্যার কারণে কয়েকটি উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   পশ্চিম উপকূলের পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন ও ওরেগনের উপকূলীয় এলাকায় থ্যাংকসগিভিং পর্যন্ত উচ্চ জোয়ার, শক্তিশালী বাতাস ও বড় ঢেউয়ের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার ২০ থেকে ৩০ ফুট উঁচু ঢেউয়ের সতর্কতাও দেওয়া হয়েছিল। উচ্চ জোয়ারের কারণে ওয়াশিংটন স্টেট ফেরির কয়েকটি যাত্রাও বাতিল করা হয়েছে।   অন্যদিকে, ফ্লোরিডার পাম বিচ থেকে মায়ামি পর্যন্ত আটলান্টিক উপকূলে বুধবার ও বৃহস্পতিবার সকালে জোয়ারের কারণে বন্যার আশঙ্কা রয়েছে। কয়েক দিন আগে দক্ষিণ ও মধ্য ফ্লোরিডার কিছু এলাকায় ধীরগতির ঝড়ের কারণে ১৭ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছিল। ফলে নতুন করে জোয়ারের পানি বাড়লে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি আরও জটিল হতে পারে।   এ ছাড়া ফ্লোরিডার সেন্ট জনস নদী গত সপ্তাহে ১৯৫৩ সালের বন্যার রেকর্ড ভেঙেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নদীটির পানি বন্যাসীমার অন্তত ২ ফুট ওপরে থাকতে পারে।   কেন হয় কিং টাইডস?   কিং টাইডস বলতে বছরের কোনো নির্দিষ্ট এলাকায় দেখা দেওয়া অস্বাভাবিক উচ্চ জোয়ারকে বোঝায়। এটি কোনো বৈজ্ঞানিক পরিভাষা নয়। সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় একই সরলরেখায় এলে তাদের সম্মিলিত মহাকর্ষীয় আকর্ষণে সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় ওঠে। পূর্ণিমা ও অমাবস্যার সময় এ ধরনের জোয়ারের প্রভাব আরও বেশি দেখা যেতে পারে।   বিশেষজ্ঞদের মতে, এ বছর চলমান সুপার এল নিনোর কারণে সমুদ্রের পানির স্বাভাবিক উচ্চতা বেড়ে যাওয়ায় কিং টাইডসের প্রভাব আরও তীব্র হয়েছে। দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও উপকূলীয় বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। উচ্চ জোয়ারের সময় ঝড়, শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাত একসঙ্গে হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।আবহাওয়া দপ্তর উপকূলীয় বাসিন্দাদের স্থানীয় সতর্কতা অনুসরণ, উঁচু ঢেউয়ের সময় সমুদ্রসৈকত, পিয়ার ও পাথুরে এলাকায় যাওয়া থেকে বিরত থাকা এবং প্লাবিত সড়কে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে।   সংবাদ সূত্র LiveNOW from FOX 876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:৮
মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ক্যালিফোর্নিয়ায় ৬১৭ জন আক্রান্ত, দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত এক নারী। ছবি: সংগৃহীত
ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৬ সালে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন ম্যান্ডি বুড নামে এক নারী। গত দুই মাস ধরে তিনি পা নাড়াতে পারছেন না। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া এই নারীর ঘটনা ভাইরাসটির ভয়াবহতা নতুন করে সামনে এনেছে।   ফরাসি বার্তা সংস্থা এএফপির ২৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এক দশকেরও বেশি সময়ের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৪৫ জনের মৃত্যু নিয়ে ২০২৬ সাল অঙ্গরাজ্যটির ইতিহাসে এ ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর হয়ে উঠেছে।    মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক বুডের অসুস্থতার শুরু হয় গত সেপ্টেম্বরে। প্রথমে তাঁর নিতম্বে ব্যথা শুরু হয়। তিনি ভেবেছিলেন, এটি হয়তো সায়াটিকার সমস্যা। কিন্তু একপর্যায়ে তাঁর পা শরীরের ভার বহন করতে না পারায় তিনি পড়ে যান। পরে তাঁকে লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে চিকিৎসা চালিয়ে যান।   হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার সময় আবার দাঁড়ানোর চেষ্টা করছেন বুড। এএফপিকে তিনি বলেন, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’ নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’   বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকায় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এ বছর মে মাসেই প্রথম সংক্রমিত মশা শনাক্ত হয়, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দুই মাস আগের ঘটনা। জলবায়ু পরিবর্তন এবং উষ্ণ আবহাওয়ার কারণে মশাবাহিত রোগের বিস্তারও বাড়ছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের এক গবেষক।   ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সাধারণত ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।   যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। প্রায় ২০ শতাংশের ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, বমি বা ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এক শতাংশেরও কম আক্রান্তের ক্ষেত্রে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গুরুতর সংক্রমণ হতে পারে। এতে মস্তিষ্কের প্রদাহ, পেশির দুর্বলতা এমনকি পক্ষাঘাতও দেখা দিতে পারে।    এ ভাইরাস প্রতিরোধে মানুষের ব্যবহারের জন্য এখনো কোনো অনুমোদিত টিকা নেই। নির্দিষ্ট কোনো ওষুধও নেই। গুরুতর আক্রান্তদের হাসপাতালে রেখে উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। মশার কামড় এড়াতে রিপেলেন্ট ব্যবহার, বিশেষ করে ভোর ও সন্ধ্যায় সতর্ক থাকা এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।   জীবনের অধিকাংশ সময় ফ্লোরিডায় কাটিয়েছেন বুড। সেখানকার গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় মশার উপদ্রব তাঁর কাছে পরিচিত ছিল। তবে ক্যালিফোর্নিয়ার মনোরম আবহাওয়ায় এসে এমন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হবেন, তা কখনো ভাবেননি বলে জানান তিনি।   সূত্র: এএফপি   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:৯
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা,  বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন
যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন

যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ।   যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়।   প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ।   অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ।   টেক্সাসে মুনাফা কম কেন?   স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে।   হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে।   তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে।   যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা   অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ।   দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে।   তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে।   সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:২৬
নিউইয়র্কে সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ছবি: সংগৃহীত
আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। জাতিসংঘের হিসাব তুলে ধরে তিনি বলেন, ওই আন্দোলনে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। তাঁদের অনেকেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন।   স্থানীয় সময় ২৪ নভেম্বর মঙ্গলবার নিউইয়র্কে আয়োজিত ওই সেমিনারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বক্তব্য দেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   বক্তব্যে রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে সংঘর্ষের সময় নিহত ছয় বছর বয়সী এক শিশুর কথা বিশেষভাবে স্মরণ করেন হ্যারি টমাস। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বর্তমান গণতান্ত্রিক অবস্থানে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আন্দোলনের সময় সহিংসতায় নিহত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও স্মরণ করার আহ্বান জানান।   বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে হ্যারি টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র কোনো দেশের ওপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। দেশের জনগণকেই নিজেদের গণতান্ত্রিক ভবিষ্যৎ বেছে নিতে হয়। গত ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণ সেই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি।   প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রদূত। পাশাপাশি গণতন্ত্রকে শক্তিশালী করতে কার্যকর বিরোধী দল, বাকস্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দেন তিনি।   বর্তমান সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হ্যারি টমাস। রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটকের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান অনুযায়ী প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করতে হবে।   সেমিনার শেষে নিজের লিংকডইন অ্যাকাউন্টেও বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন হ্যারি টমাস। সেখানে অতীতের অন্যায়ের বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজন থেকে বেরিয়ে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।   সূত্র: দৈনিক ইনকিলাব   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:২৭
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

থ্যাংকসগিভিং উৎসবের আগে শিকাগোর একটি খাদ্য সহায়তা প্রতিষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। সেখানে তাঁরা শুধু অতিথি হিসেবে যাননি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিজেরাই পরিবারের জন্য খাবারের বাক্স প্রস্তুত করেছেন।   বুধবার (২৫ নভেম্বর) শিকাগোর এনগলউড এলাকার ‘ডিওনস শিকাগো ড্রিম’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানে যান ওবামা দম্পতি। সেখানে তাঁরা প্রতিষ্ঠানের কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাজা ফল ও সবজি প্যাকেট করার কাজে অংশ নেন। এসব খাবার থ্যাংকসগিভিংয়ের আগে শিকাগোর বিভিন্ন পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা।   প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে শিকাগোর প্রায় ৫ হাজার ৪০০ মানুষের কাছে তাজা ফল ও সবজি পৌঁছে দেয়। খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০২০ সালে একটি কমিউনিটি ফ্রিজের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন ডিওন ডসন। বর্তমানে এটি একটি বড় খাদ্য সহায়তা কার্যক্রমে পরিণত হয়েছে।   প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডিওন ডসন জানান, ওবামা দম্পতির আসার খবর তিনি মাত্র এক ঘণ্টা আগে পেয়েছিলেন। তাঁদের আকস্মিক উপস্থিতিতে কর্মী ও স্বেচ্ছাসেবকেরা আনন্দিত ও বিস্মিত হন। খাবার প্যাকেট করার সময় বারাক ওবামা ও মিশেল ওবামা নিজেদের জীবনের অভিজ্ঞতা নিয়েও মজার কথাবার্তা বলেন। তাঁদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।   থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে খাদ্য সহায়তা কার্যক্রম চলছে। এমন সময়ে সাবেক প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর সরাসরি স্বেচ্ছাসেবায় অংশ নেওয়াকে স্থানীয় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংবাদসূত্র: এবিসি৭ শিকাগো।874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:২
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দারা ছুটির মৌসুমে নিজেদের মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৭ শতাংশ ব্যয় করেন। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর মধ্যে এ হার সবচেয়ে বেশি। দেশজুড়ে ছুটির মৌসুমের গড় ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের প্রায় ২১ শতাংশ।   সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান মানিলায়ন (MoneyLion) প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ছুটির মৌসুমের কেনাকাটা, ভ্রমণ ব্যয়, আয় ও ঋণের পরিস্থিতি বিশ্লেষণ করে গবেষণাটি তৈরি করা হয়েছে।    গবেষণা অনুযায়ী, মধ্যপশ্চিমাঞ্চলে মিশিগানের পরেই রয়েছে ইন্ডিয়ানা। অঙ্গরাজ্যটির বাসিন্দারা মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৫ শতাংশ ছুটির মৌসুমে ব্যয় করেন। অন্যদিকে মিনেসোটায় এ হার ১৮ দশমিক ১ শতাংশ, যা অঞ্চলটির মধ্যে সবচেয়ে কম।   কোন অঙ্গরাজ্যে ছুটির ব্যয়ের চাপ বেশি?   যুক্তরাষ্ট্রজুড়ে সবচেয়ে বেশি ব্যয়ের চাপ দেখা গেছে দক্ষিণাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে। এ তালিকায় শীর্ষে রয়েছে মিসিসিপি। অঙ্গরাজ্যটির বাসিন্দাদের ছুটির মৌসুমের ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের ২৬ দশমিক ৬ শতাংশ। এরপর রয়েছে কেনটাকি ২৫ দশমিক ৮ শতাংশ, ওয়েস্ট ভার্জিনিয়া ২৫ দশমিক ৬ শতাংশ এবং লুইজিয়ানা ২৫ দশমিক ২ শতাংশ।   অন্যদিকে সবচেয়ে কম ব্যয়ের হার নিউ হ্যাম্পশায়ারে, ১৭ শতাংশ। নিউ জার্সিতে এ হার ১৭ দশমিক ১ শতাংশ।   ছুটির খরচ নিয়ে উদ্বিগ্ন অধিকাংশ মার্কিন   মানিলায়নের আরেকটি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ মানুষ ছুটির মৌসুমের ব্যয় নিয়ে উদ্বিগ্ন। তরুণ প্রজন্মের মধ্যে এ উদ্বেগ আরও বেশি। জেনারেশন জেডের ৮২ শতাংশ এবং মিলেনিয়ালদের ৭৭ শতাংশ ছুটির খরচ নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন। বেবি বুমারদের মধ্যে এ হার ৫১ শতাংশ।   জরিপে অংশ নেওয়া ১৮ শতাংশ মার্কিন জানিয়েছেন, ছুটির মৌসুমের কেনাকাটার খরচ মেটাতে তাঁরা ক্রেডিট কার্ডের ঋণ নিতে প্রস্তুত। ফলে উৎসব ও ছুটির আনন্দের পাশাপাশি আর্থিক চাপও বাড়ছে অনেক পরিবারের।   কীভাবে তৈরি হয়েছে এই গবেষণা?   মানিলায়ন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক, শ্রম পরিসংখ্যান ব্যুরো, পিডব্লিউসি এবং ট্যাক্স ফাউন্ডেশনের তথ্য ব্যবহার করেছে। অঙ্গরাজ্যভিত্তিক জীবনযাত্রার ব্যয়, ভ্রমণ ও উপহার কেনার খরচ এবং মাসিক হাতে পাওয়া আয়ের সঙ্গে ছুটির ব্যয়ের তুলনা করা হয়েছে।   গবেষণার তথ্য ২০২৬ সালের ৫ অক্টোবর পর্যন্ত হালনাগাদ করা হয়েছে। এখানে ছুটির ব্যয়ের পরিমাণ প্রকৃত কেনাকাটার হিসাব নয়; বিভিন্ন অর্থনৈতিক উপাত্তের ভিত্তিতে তৈরি অনুমান।   গবেষণাটি বলছে, ছুটির মৌসুমে উপহার কেনা ও ভ্রমণের খরচ অনেক মার্কিন পরিবারের মাসিক বাজেটের বড় অংশ নিয়ে নিচ্ছে। বিশেষ করে যেসব অঙ্গরাজ্যে আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে ব্যবধান বেশি, সেখানে আর্থিক চাপ আরও প্রকট।   876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:৪৭
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক
যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক

যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। জাতীয় ছুটির কারণে দেশজুড়ে অধিকাংশ বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, সুপারমার্কেট, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেশ কিছু মুদি দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ সীমিত সময়ের জন্য খোলা থাকছে।   মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের  প্রতিবেদন অনুযায়ী, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যালডি, পাবলিক্স ও ট্রেডার জোসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান থ্যাংকসগিভিং উপলক্ষে তাদের সব স্টোর বন্ধ রেখেছে। অন্যদিকে কিছু সুপারমার্কেট ও ওষুধের দোকান পরিবর্তিত সময়সূচিতে কার্যক্রম চালাচ্ছে।   যেসব দোকান খোলা থাকছে   থ্যাংকসগিভিংয়ে সীমিত সময়ের জন্য খোলা থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:   - ক্রোগার: বিকেল ৫টা পর্যন্ত খোলা; ফার্মেসি ও ক্লিনিক বন্ধ। - জায়ান্ট ইগল: বিকেল ৩টা পর্যন্ত। - হ্যারিস টিটার: দুপুর ২টা পর্যন্ত। - ওয়েগম্যানস: অধিকাংশ স্টোর বিকেল ৪টা পর্যন্ত। - হোল ফুডস: অধিকাংশ স্টোর পরিবর্তিত সময়সূচিতে খোলা। - স্প্রাউটস ফার্মার্স মার্কেট: সকাল ৭টা থেকে দুপুর ২টা। - অ্যালবার্টসনস ও সেফওয়ে: অধিকাংশ স্টোর সীমিত সময়ের জন্য খোলা। - ওয়ালগ্রিনস: সব স্টোর খোলা; অধিকাংশ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। - সিভিএস: অধিকাংশ স্টোর খোলা থাকলেও সময়সূচি ও ফার্মেসির কার্যক্রমে পরিবর্তন রয়েছে। - ডলার জেনারেল: সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত।   এ ছাড়া ডানকিনের দোকান এবং ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের অধিকাংশ শাখা খোলা থাকছে। তবে ফ্র্যাঞ্চাইজিভেদে সময়সূচি আলাদা হতে পারে।   যেসব দোকান বন্ধ   থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:   - ওয়ালমার্ট - টার্গেট - কস্টকো - অ্যালডি - পাবলিক্স - ট্রেডার জো - লিডল - বেস্ট বাই - হোম ডিপো - লোওস - ম্যাসিস - কোহলস - অ্যাপল স্টোর - জেসি পেনি   এ ছাড়া টিজে ম্যাক্স, মার্শালস, আইকিয়া ও পেটকোর স্টোরও বন্ধ রয়েছে।   ব্যাংক, ডাকঘর ও শেয়ারবাজারের কার্যক্রম   থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। চেজ, ওয়েলস ফার্গো ও ব্যাংক অব আমেরিকার শাখাও বন্ধ। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে।   ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) ডাকঘরগুলোও বন্ধ রয়েছে। নিয়মিত ডাক ও চিঠি বিতরণ শুক্রবার থেকে আবার শুরু হবে। ইউপিএস ও ফেডেক্সের সাধারণ প্যাকেজ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও আজ বন্ধ।   এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাক বন্ধ রয়েছে। শুক্রবার উভয় শেয়ারবাজার আবার চালু হবে, তবে ওই দিন লেনদেন শেষ হবে দুপুর ১টায় (ইস্টার্ন টাইম)।   ব্ল্যাক ফ্রাইডেতে আবার খুলবে বড় স্টোরগুলো   থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আবার খুলবে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওয়ালমার্ট ও টার্গেটের স্টোর সকাল ৬টায় খুলবে। বেস্ট বাইও সকাল ৬টায় কার্যক্রম শুরু করবে। কস্টকোর এক্সিকিউটিভ সদস্যরা সকাল ৯টা থেকে এবং অন্য সদস্যরা সকাল ১০টা থেকে কেনাকাটা করতে পারবেন। কোহলস খুলবে সকাল ৫টায়।   তবে প্রতিষ্ঠান ও অঞ্চলভেদে সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট স্টোরের ওয়েবসাইট কিংবা স্থানীয় শাখার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসূত্র  ওয়েশ ২ নিউজ 876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:৩৬
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী অবস্থানের শীর্ষ অঙ্গরাজ্যের তালিকায় ক্যালিফোর্নিয়াকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে নিউইয়র্ক। সাম্প্রতিক 'ওপেন ডোরস ২০২৬' প্রতিবেদনে দেখা গেছে, সামগ্রিক বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমলেও বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর রেকর্ড গড়েছে।   নিউইয়র্কের শীর্ষস্থান ও অঙ্গরাজ্যগুলোর চিত্র 'ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন ' (আইআইই)-এর তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ১৬৩ জনে, যা আগের বছরের তুলনায় ২.৭ শতাংশ কম। ২০২০–২১ শিক্ষাবর্ষের পর এটিই প্রথম বার্ষিক পতন।   নতুন পরিসংখ্যানে ১ লাখ ৩৩ হাজার ৭১৫ জন শিক্ষার্থী নিয়ে নিউইয়র্ক শীর্ষে রয়েছে (বার্ষিক পরিবর্তন -৩.০ শতাংশ)। ১ লাখ ৩১ হাজার ২৭৬ জন শিক্ষার্থী নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ক্যালিফোর্নিয়া (-৫.৮ শতাংশ)। দুই অঙ্গরাজ্যের ব্যবধান মাত্র ২ হাজার ৪৩৯ জন। শীর্ষ দশ অঙ্গরাজ্যের মধ্যে কেবল টেক্সাস (৯৮ হাজার ৯০২ জন, +১.৯ শতাংশ) এবং ইলিনয় (৬৭ হাজার ৩৮৯ জন, +১.১ শতাংশ) ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে। ক্যাম্পাসের দিক থেকে ২৬ হাজার ৫৯৫ জন বিদেশি শিক্ষার্থী নিয়ে শীর্ষে রয়েছে নিউইয়র্ক ইউনিভার্সিটি (এনওয়াইইউ)।   বাংলাদেশের রেকর্ডসহ দেশের ভিত্তিতে প্রবণতা সামগ্রিক সংখ্যা কিছুটা কমলেও আটটি দেশ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে সর্বকালের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাঠিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর মধ্যে—   বাংলাদেশ: ১১.৮ শতাংশ প্রবৃদ্ধিতে ২২ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী নিয়ে নতুন রেকর্ড গড়েছে। নেপাল: ১৭ শতাংশ বেড়ে ২৯ হাজার ৫৮ জনে পৌঁছেছে, যা শীর্ষ উৎস দেশগুলোর তালিকায় নেপালকে পঞ্চম অবস্থানে নিয়ে এসেছে। পাকিস্তান: ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে।   এছাড়া ভিয়েতনাম (+৭ শতাংশ), কলম্বিয়া (+৫ শতাংশ), কানাডা (+৪ শতাংশ), ঘানা (+৩ শতাংশ) এবং ইতালি (+১ শতাংশ) রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পাঠিয়েছে। অন্যদিকে, ৩ লাখ ৩৯ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী নিয়ে ভারত শীর্ষ অবস্থানে থাকলেও সংখ্যা কমেছে ৬.৫ শতাংশ এবং চীনের শিক্ষার্থীর সংখ্যা ৪.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫৮ জনে। এই দুই দেশ মিলেই মোট বিদেশি শিক্ষার্থীর ৫১.৮ শতাংশ দখল করে আছে।   ওপিটি ও নতুন ভর্তির বদলে যাওয়া হিসাব ওপেন ডোরস প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং পড়াশোনা শেষে 'অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ' (ওপিটি)-এ থাকা স্নাতকদের হিসাব একসঙ্গে ধরা হয়। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে নিয়মিত ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ৮.৩ শতাংশ কমে ৮ লাখ ১০ হাজার ৩৭৮ জনে দাঁড়ালেও ওপিটিতে থাকা শিক্ষার্থীর সংখ্যা ১৪.১ শতাংশ বেড়ে হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৭৮৫ জন।   একই সময়ে যুক্তরাষ্ট্রে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তি ১৭.৭ শতাংশ কমে ২ লাখ ৭৭ হাজার ১১৮ জন থেকে ২ লাখ ২৮ হাজার ১২৩ জনে নেমে এসেছে। স্নাতকোত্তর পর্যায়ে নতুন ভর্তি কমেছে ২৫.৬ শতাংশ এবং মাস্টার্স পর্যায়ে মোট শিক্ষার্থী কমেছে ২২.৪ শতাংশ। তবে ডক্টরাল পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ৩.১ শতাংশ বেড়ে ১ লাখ ৫৮ হাজার ১৫২ জনে পৌঁছেছে এবং স্নাতক পর্যায় প্রায় স্থিতিশীল (-০.৩ শতাংশ) রয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:২৬
নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল
নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

নিউইয়র্কে বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে বড় ধরনের আইনি লড়াইয়ে স্বস্তি পেয়েছেন লাখো ভাড়াটিয়া। শহরের ভাড়ানিয়ন্ত্রিত বাসার ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে বাড়ির মালিকদের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ফলে মেয়র জোহরান মামদানির প্রশাসনের নেওয়া ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল থাকছে।   বুধবার (২৫ নভেম্বর) ম্যানহাটনের সুপ্রিম কোর্টের বিচারক ব্রেন্ডন ল্যানট্রি এ রায় দেন। বাড়ির মালিকদের একটি পক্ষ আদালতে অভিযোগ করেছিল, ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শহরের ভাড়া নির্দেশিকা বোর্ড স্বাধীনভাবে কাজ করেনি। তাদের দাবি ছিল, বাড়ির রক্ষণাবেক্ষণ, বীমা, কর ও অন্যান্য পরিচালন ব্যয় বাড়লেও সেগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি।   তবে আদালত বাড়ির মালিকদের আবেদন খারিজ করে দেন। বিচারকের মতে, ভাড়া নির্দেশিকা বোর্ডের সিদ্ধান্তকে বেআইনি, অযৌক্তিক বা স্বেচ্ছাচারী প্রমাণ করতে পারেননি মামলাকারীরা। এই সিদ্ধান্তের ফলে নিউইয়র্ক শহরের প্রায় ১০ লাখ ভাড়ানিয়ন্ত্রিত বাসার ভাড়া স্থগিত রাখার ব্যবস্থা বহাল থাকছে। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শুরু হওয়া এক বছর ও দুই বছরের নতুন চুক্তি নবায়নের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির হার শূন্য শতাংশ নির্ধারিত রয়েছে।   নিউইয়র্কে প্রায় ২৩ লাখ ভাড়ার বাসার মধ্যে প্রায় ১০ লাখ বাসা এই ভাড়ানিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় রয়েছে। এসব বাসায় বসবাসকারী দুই মিলিয়নের বেশি মানুষ এই সিদ্ধান্তের আওতায় সুবিধা পেতে পারেন। মেয়র মামদানি আদালতের রায়কে ভাড়াটিয়াদের জন্য স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, আবাসন মানুষের মৌলিক প্রয়োজন এবং সাধারণ কর্মজীবী মানুষের জন্য নিউইয়র্কে বসবাসের সামর্থ্য বজায় রাখা জরুরি।   অন্যদিকে, বাড়ির মালিকদের প্রতিনিধিরা জানিয়েছেন, বাড়ির পরিচালন ব্যয় বাড়তে থাকলেও ভাড়া না বাড়ায় ছোট বাড়ির মালিকদের ওপর আর্থিক চাপ তৈরি হতে পারে। তাঁরা আদালতের রায়ের পরবর্তী আইনি পদক্ষেপ বিবেচনা করছেন। তবে এই সিদ্ধান্ত নিউইয়র্কের সব বাড়ির ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি মূলত ভাড়ানিয়ন্ত্রিত বাসার নির্দিষ্ট চুক্তি নবায়নের ক্ষেত্রে কার্যকর। সাধারণ বাজারদরের ভাড়া বা ভাড়ানিয়ন্ত্রণের বাইরে থাকা বাসার ক্ষেত্রে একই নিয়ম স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে না।   নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি ভাড়াটিয়াদেরও নিজেদের বাসার ভাড়ার ধরন ও চুক্তির শর্ত যাচাই করা প্রয়োজন। তাঁদের বাসা ভাড়ানিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় থাকলে নতুন চুক্তি নবায়নের সময় এই সিদ্ধান্ত প্রাসঙ্গিক হতে পারে। তথ্যসূত্র: রয়টার্স, নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয় এবং নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম সিক্সস্কয়ারফুট। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:১
ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট
ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য, অবসরপ্রাপ্ত সৈনিক ও তাঁদের পরিবারের জন্য পরিচালিত স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘ট্রাইকেয়ার’ (TRICARE)-এর বিরুদ্ধে দেশজুড়ে গুরুতর অব্যবস্থাপনা ও আমলাতান্ত্রিক জটিলতার অভিযোগ উঠেছে। ৯০ লাখেরও বেশি সুবিধাভোগীর এই স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বিলের জট, দাবি প্রত্যাখ্যান এবং চিকিৎসাসেবা পেতে দীর্ঘসূত্রতায় ক্ষুব্ধ হয়ে উঠছেন রোগী ও তাঁদের স্বজনরা।   একটি অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে, ক্যান্সারের মতো জটিল রোগে আক্রান্ত রোগী এবং তাঁর পরিবারও চিকিৎসা ও বীমা কভারেজ নিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সক্রিয় দায়িত্ব পালনরত এক সামরিক সদস্যের স্ত্রী অ্যাম্বার ফেইকের ক্ষেত্রেও সামরিক স্বাস্থ্যসেবা থেকে প্রত্যাশিত সহায়তা পাওয়ার বিষয়টি সামনে এসেছে। পাশাপাশি, প্রশাসনিক ত্রুটির কারণে অনেক সুবিধাভোগীর অ্যাকাউন্টে ভুলভাবে ‘অন্য স্বাস্থ্য বীমা’ (OHI) যুক্ত থাকা, চিকিৎসা বিল পরিশোধে বিলম্ব এবং অনুমোদিত দাবি আটকে যাওয়ার মতো ঘটনাও ঘটছে।   সামরিক স্বাস্থ্যসেবা চুক্তির আওতায় ঠিকাদার প্রতিষ্ঠানের কার্যক্রমে ত্রুটি ও সমন্বয়হীনতা নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে তদন্ত ও ক্ষোভ বাড়ছে। চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষা, প্রয়োজনীয় অনুমোদন পেতে জটিলতা এবং বকেয়া বিলের চাপ সামরিক পরিবারগুলোর ওপর বাড়তি মানসিক ও আর্থিক বোঝা তৈরি করেছে। দীর্ঘদিনের প্রতিশ্রুত সামরিক স্বাস্থ্যসেবা নিয়ে এমন সংকট দেশটির সামরিক মহল ও জনপরিসরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: এনবিসি নিউজ।   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৫:২৭
থ্যাংকসগিভিংয়ে যাত্রীর ঢল, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা ও ফ্লাইট বিলম্ব
থ্যাংকসগিভিংয়ে যাত্রীর ঢল, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা ও ফ্লাইট বিলম্ব

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিকে কেন্দ্র করে বিমানবন্দর ও মহাসড়কে যাত্রীদের ব্যাপক চাপ তৈরি হয়েছে। পরিবারের সঙ্গে উৎসব উদ্‌যাপন করতে লাখ লাখ মানুষ নিজ শহর ছেড়ে অন্য এলাকায় যাচ্ছেন। তবে অতিরিক্ত যাত্রীর চাপের পাশাপাশি ভারী বৃষ্টি, ঝড়, তুষারপাত ও উপকূলীয় বন্যার আশঙ্কায় ভ্রমণ পরিকল্পনায় বিঘ্ন ঘটছে।   বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে দীর্ঘ নিরাপত্তা তল্লাশির লাইন ও ফ্লাইট বিলম্ব দেখা গেছে। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির অপেক্ষা একপর্যায়ে ১০০ মিনিট ছাড়িয়ে যায়। মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষার সময় ৮১ মিনিটে পৌঁছেছিল। নিউ জার্সির নিউয়ার্ক বিমানবন্দরেও দীর্ঘ লাইন দেখা যায়।   যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা প্রশাসন জানিয়েছে, ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রায় ১ কোটি ৭৬ লাখ যাত্রীকে নিরাপত্তা তল্লাশির আওতায় আনার প্রস্তুতি রয়েছে। অন্যদিকে, আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের পূর্বাভাস অনুযায়ী, এবারের থ্যাংকসগিভিং ছুটিতে অন্তত ৫০ মাইল বা প্রায় ৮০ কিলোমিটার দূরত্বে ভ্রমণ করতে পারেন ৮ কোটি ১৫ লাখ মানুষ।   এর মধ্যে প্রায় ৭ কোটি ২৯ লাখ মানুষ গাড়িতে এবং প্রায় ৫৯ লাখ ৬০ হাজার মানুষ অভ্যন্তরীণ ফ্লাইটে ভ্রমণ করবেন বলে ধারণা করা হচ্ছে। বাস, ট্রেন ও প্রমোদতরীতেও উল্লেখযোগ্যসংখ্যক যাত্রী চলাচল করবেন। ফ্লাইট পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বুধবার যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৭০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয় এবং ৬০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়। আবহাওয়াজনিত পরিস্থিতি এবং বিমান চলাচলের বিভিন্ন সীমাবদ্ধতা এর অন্যতম কারণ।   আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের কারণে ভারী বৃষ্টি, দমকা বাতাস ও উপকূলীয় বন্যার ঝুঁকি রয়েছে। নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বিমান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। অন্যদিকে, মিসৌরি ও ইলিনয়ের কিছু এলাকায় তুষারপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেন্ট লুইস অঞ্চলে ভারী তুষারপাতের আশঙ্কাও রয়েছে। পশ্চিম উপকূলের ক্যালিফোর্নিয়া থেকে ওরেগন ও ওয়াশিংটন পর্যন্ত কিছু এলাকায় উচ্চ জোয়ার ও উপকূলীয় বন্যার সতর্কতা রয়েছে। ফলে সড়ক ও বিমানপথে ভ্রমণকারীদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।   এবারের ছুটিতে যাত্রীদের জন্য বিমানভাড়াও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। এএএ জানিয়েছে, তাদের মাধ্যমে বুক করা থ্যাংকসগিভিং সময়ের অভ্যন্তরীণ রুটের ফিরতি টিকিটের গড় মূল্য প্রায় ৮০০ ডলার, যা গত বছরের তুলনায় ১৭ শতাংশ বেশি। নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস ও বোস্টনের মতো বড় শহরে মহাসড়কে যানজটের আশঙ্কাও রয়েছে। বিশেষ করে ছুটির পর রোববার ও সোমবার বাড়ি ফেরার সময় যানবাহনের চাপ বাড়তে পারে।   যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর অনেকেই এই ছুটিতে আত্মীয়স্বজনের বাড়িতে যাচ্ছেন কিংবা সন্তানদের নিয়ে ভ্রমণের পরিকল্পনা করছেন। তাই যাত্রার আগে ফ্লাইটের অবস্থা, বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশির সময় এবং স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস দেখে বের হওয়া জরুরি।   বিমানযাত্রীদের নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছানো, সংশ্লিষ্ট এয়ারলাইনসের বার্তা ও ফ্লাইটের অবস্থা নিয়মিত পরীক্ষা করা এবং সড়কপথে বের হওয়ার আগে গাড়ির টায়ার, ব্যাটারি ও প্রয়োজনীয় যন্ত্রাংশ পরীক্ষা করার পরামর্শ দিয়েছে এএএ। থ্যাংকসগিভিং যুক্তরাষ্ট্রের অন্যতম বড় পারিবারিক উৎসব। তবে এবারের ছুটিতে আবহাওয়া ও যাত্রীচাপের কারণে নিরাপদে গন্তব্যে পৌঁছানোই ভ্রমণকারীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৪:৩৬
যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশু পাচ্ছে স্পেসএক্সের শেয়ার, আগামী মাসেই শুরু হস্তান্তর!
যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশু পাচ্ছে স্পেসএক্সের শেয়ার, আগামী মাসেই শুরু হস্তান্তর!

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশু তাঁর প্রতিষ্ঠান স্পেসএক্সের দুটি করে শেয়ার পাবে। এর মধ্যে একটি শেয়ার দেবে স্পেসএক্স নিজে এবং অপরটি তিনি ব্যক্তিগতভাবে দেবেন। এই উদ্যোগের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার।   বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে স্পেসএক্স ও টেসলার প্রধান নির্বাহী মাস্ক এ ঘোষণা দেন। তিনি জানান, স্পেসএক্সের পক্ষ থেকে দেওয়া শেয়ার আগামী মাসেই হস্তান্তর করা হবে। আর তাঁর ব্যক্তিগত শেয়ারগুলো আগামী বছরের জুনে লক-আপ পিরিয়ড শেষ হওয়ার পর হস্তান্তর করা হবে।   এর আগে বুধবারই স্পেসএক্স জানায়, সক্রিয় প্রতিটি 'ট্রাম্প অ্যাকাউন্ট'-এ প্রতিষ্ঠানটি ক্লাস এ কমন স্টকের একটি করে নতুন শেয়ার দেবে এবং মাস্ক ব্যক্তিগতভাবে সমপরিমাণ শেয়ার দিয়ে এ উদ্যোগের সাথে যুক্ত হবেন। ১৮ বছরের কম বয়সী মার্কিন নাগরিকদের শৈশব থেকেই শেয়ারবাজারে অংশীদারত্ব ও দীর্ঘমেয়াদি সঞ্চয়ে উৎসাহিত করতে ট্রাম্প প্রশাসন এই 'ট্রাম্প অ্যাকাউন্ট' কর্মসূচি চালু করে। হোয়াইট হাউজের তথ্য অনুযায়ী, গত অক্টোবর নাগাদ প্রায় ৭ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।   যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর হিসাব অনুযায়ী দেশে প্রায় ৭ কোটি ২০ লাখ শিশু রয়েছে। বুধবার স্পেসএক্সের শেয়ার ১২৭ দশমিক ৪৪ ডলারে বন্ধ হওয়ার ভিত্তিতে প্রতি শিশুর দুটি করে শেয়ারের মোট মূল্য দাঁড়ায় প্রায় ১ হাজার ৮০০ কোটি ডলার। এর আগে গত অক্টোবরে মাস্ক প্রতিটি মার্কিন শিশুকে নিজের একটি করে স্পেসএক্স শেয়ার দেওয়ার কথা জানিয়েছিলেন। নতুন এই ঘোষণার মাধ্যমে তাঁর আগের প্রতিশ্রুতি দ্বিগুণ হলো।   চলতি বছরের জুনে নাসডাকে তালিকাভুক্ত হওয়ার পর স্পেসএক্স শেয়ারবাজারে যাত্রা শুরু করে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুযায়ী, মাস্কের প্রায় ৮২ হাজার কোটি ডলারের মোট সম্পদের বড় অংশই স্পেসএক্সের শেয়ারে রয়েছে।   এর আগে গত অক্টোবরে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তাঁর স্বামী ট্রাম্প অ্যাকাউন্টের আওতায় ২০ লাখের বেশি শিশুকে নিজেদের স্পেসএক্স শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দেন। অন্যদিকে, সম্প্রতি পুঁজিবাজারে আসা এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক তাদের শেয়ারের ৫ শতাংশ জনকল্যাণ তহবিলে দেওয়ার ঘোষণা দিয়েছে। সূত্র: রয়টার্স।   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৪:১
ঢাকা থেকে হার্ভার্ড, ক্যানসার গবেষণায় ফোর্বসের  ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় বাংলাদেশি রাকিন
ঢাকা থেকে হার্ভার্ড, ক্যানসার গবেষণায় ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় বাংলাদেশি রাকিন

ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশি গবেষক সৈয়দ রাকিন আহমেদ জায়গা করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের ২০২৬ সালের ‘৩০ আন্ডার ৩০’ তালিকায়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসাপদ্ধতি উন্নয়নে গবেষণার স্বীকৃতি হিসেবে হেলথকেয়ার বিভাগে স্থান পেয়েছেন তিনি।   ২০২৫ সালের ডিসেম্বরে ফোর্বসের এই তালিকা প্রকাশিত হয়। চলতি বছরের ২ মার্চ ডার্টমাউথ ইঞ্জিনিয়ারিংয়ের প্রকাশনায়ও রাকিনের এই অর্জন তুলে ধরা হয়েছে।   হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, পূর্ণ বৃত্তি নিয়ে ডার্টমাউথ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন রাকিন। সেখানে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ফলিত গণিত ও অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। ২০১৮ সালে কৃতিত্বের সঙ্গে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। শিক্ষাজীবনে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও একটি শিক্ষা বিনিময় কর্মসূচিতে অংশ নেন।   পরবর্তী সময়ে হার্ভার্ড, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) ও ডার্টমাউথের সমন্বয়ে পরিচালিত বিশেষ এমডি-পিএইচডি প্রোগ্রামে যুক্ত হন রাকিন। ২০২৪ সালের মে মাসে হার্ভার্ড মেডিকেল স্কুল থেকে বায়োফিজিক্সে পিএইচডি সম্পন্ন করেন। তাঁর ব্যক্তিগত ওয়েবসাইটের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে ডার্টমাউথ থেকে চিকিৎসাবিজ্ঞানে এমডি ডিগ্রিও অর্জন করেছেন তিনি।   ফোর্বস ও ডার্টমাউথ ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুযায়ী, জরায়ুমুখের ক্যানসার শনাক্তকরণ ও চিকিৎসাপদ্ধতি উন্নয়নে কাজ করা একটি আন্তর্জাতিক গবেষক দলের এআই কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন রাকিন। পাশাপাশি এমআরআই ছবি বিশ্লেষণের মাধ্যমে মস্তিষ্কের টিউমারে চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ জিনগত পরিবর্তন শনাক্তের পূর্বাভাস দিতে এআই মডেল তৈরি করেছেন তিনি।   ক্যানসার শনাক্তকরণে এআই মডেলের নির্ভরযোগ্যতা এবং বিভিন্ন হাসপাতালে এসব প্রযুক্তি ব্যবহারের উপযোগিতা নিয়েও গবেষণা করেছেন এই বাংলাদেশি। তাঁর দীর্ঘমেয়াদি লক্ষ্য চিকিৎসকদের দৈনন্দিন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়িয়ে ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ পরীক্ষার প্রয়োজনীয়তা কমানো।   আন্তর্জাতিক গবেষণা সাময়িকী নেচার সায়েন্টিফিক রিপোর্টস ও প্লস ডিজিটাল হেলথসহ বিভিন্ন প্রকাশনায় তাঁর গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণায় অবদানের জন্য হার্ভার্ডের মাইন্ড ব্রেইন বিহেভিয়ার অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননাও পেয়েছেন রাকিন।   ২০১১ সাল থেকে প্রতিবছর বিভিন্ন খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ৩০ বছরের কম বয়সী তরুণদের নিয়ে এই তালিকা প্রকাশ করে আসছে ফোর্বস। চিকিৎসাবিজ্ঞানে প্রযুক্তির ব্যবহার নিয়ে গবেষণার মাধ্যমে সেই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই তরুণ গবেষক।   সূত্র : LinkedIn   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৩:৪
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে তিন পদে চাকরির সুযোগ, বেতন বছরে ৭৪ হাজার ডলার পর্যন্ত
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে তিন পদে চাকরির সুযোগ, বেতন বছরে ৭৪ হাজার ডলার পর্যন্ত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে (এনওয়াইপিএল) তিনটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সদস্যসেবা ব্যবস্থাপনা, গাড়ি চালনা ও নিরাপত্তা তদারকি বিভাগে কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রকাশিত বেতন অনুযায়ী, একটি পদে বছরে সর্বোচ্চ ৭৪ হাজার ডলার আয়ের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।   এনওয়াইপিএলের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি পদেই ফুলটাইম কর্মী নিয়োগ দেওয়া হবে।   অ্যাসোসিয়েট ম্যানেজার, মেম্বারশিপ (Associate Manager, Membership)   বার্ষিক বেতন: ৭০,০০০ থেকে ৭৪,০০০ ডলার। কর্মস্থল: ২৭০ ম্যাডিসন অ্যাভিনিউ, ম্যানহাটন। কাজের ধরন: ফুলটাইম, হাইব্রিড। আবেদনের শেষ তারিখ: ২৯ নভেম্বর ২০২৬।   এই পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে লাইব্রেরির সদস্যসেবা পরিচালনা, সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করা, তহবিল সংগ্রহসংক্রান্ত কার্যক্রম এবং সদস্যদের সঙ্গে যোগাযোগের দায়িত্ব পালন করতে হবে।   মোটর ভেহিকেল অপারেটর (Motor Vehicle Operator)   বার্ষিক বেতন: ৫৩,৪০৯ ডলার। কর্মস্থল: লাইব্রেরি সার্ভিসেস সেন্টার, লং আইল্যান্ড সিটি, কুইন্স। কাজের ধরন: ফুলটাইম।   এই পদে লাইব্রেরির বিভিন্ন শাখায় বই ও অন্যান্য সামগ্রী সংগ্রহ এবং সরবরাহের দায়িত্ব পালন করতে হবে। সরবরাহ করা নিয়োগসংক্রান্ত তথ্য অনুযায়ী, প্রার্থীদের হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি, নিউইয়র্ক, নিউ জার্সি অথবা কানেকটিকাটের বৈধ ড্রাইভার লাইসেন্স এবং ভালো ড্রাইভিং রেকর্ড থাকতে হবে। ক্লাস বি কমার্শিয়াল ড্রাইভার লাইসেন্স (সিডিএল) থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।   অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার, সিকিউরিটি (Assistant Supervisor, Security)   বার্ষিক বেতন: ৭০,০০০ থেকে ৭২,০০০ ডলার। কর্মস্থল: ব্রঙ্কস লাইব্রেরি সেন্টার। কাজের ধরন: ফুলটাইম।   এই পদে লাইব্রেরির সার্বিক নিরাপত্তা তদারকি, জরুরি পরিস্থিতি মোকাবিলা, অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবেদন তৈরি এবং নিরাপত্তা সুপারভাইজারের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব পালন করতে হবে।   নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির ম্যানহাটন, ব্রঙ্কস ও স্ট্যাটেন আইল্যান্ডে চারটি গবেষণা গ্রন্থাগারসহ মোট ৯২টি লাইব্রেরি রয়েছে। প্রতিষ্ঠানটি প্রতিবছর লাখ লাখ মানুষকে বিনা মূল্যে বই, কম্পিউটার, শিক্ষা ও তথ্যসেবা প্রদান করে।   আগ্রহী প্রার্থীরা নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির অফিসিয়াল ওয়েবসাইটের ক্যারিয়ার বিভাগে গিয়ে নির্ধারিত পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত দেখে অনলাইনে আবেদন করতে পারবেন। মোটর ভেহিকেল অপারেটর ও নিরাপত্তা সুপারভাইজার পদের আবেদনের শেষ তারিখ অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।   সূত্র: nypl.pinpointhq.com   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১:৪৬
নিউ ইয়র্কে কৃষ্ণাঙ্গ ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ নারীর, শেষে নিজেই নিজেকে ছুরিকাঘাতের কথা স্বীকার
নিউ ইয়র্কে কৃষ্ণাঙ্গ ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ নারীর, শেষে নিজেই নিজেকে ছুরিকাঘাতের কথা স্বীকার

নিউইয়র্ক সিটির ম্যানহাটনে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির ছুরিকাঘাতে আহত হওয়ার অভিযোগ করা ২৬ বছর বয়সী এক নারী নিজেই নিজেকে আহত করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। তদন্তে ওই নারীর দেওয়া হামলার বিবরণ মিথ্যা প্রমাণিত হওয়ার পর তিনি নিজের বক্তব্য পরিবর্তন করেন।   ২৫ নভেম্বর এনবিসি নিউইয়র্ক, নিউইয়র্ক ডেইলি নিউজ ও এএমনিউইয়র্কের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।   পুলিশ জানিয়েছে, গত ২৩ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইডের রিভারসাইড পার্কে ঘটনাটি ঘটে। ওয়েস্ট ৯৬তম স্ট্রিটের কাছাকাছি এলাকায় এক অপরিচিত ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করেছেন বলে ৯১১ নম্বরে ফোন করে জানান ওই নারী।   প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, কালো পোশাক ও কালো মাস্ক পরা এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি বিনা উসকানিতে তাঁর ওপর হামলা চালিয়েছেন। পরে জরুরি সেবাকর্মীরা তাঁকে মাউন্ট সিনাই মর্নিংসাইড হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়।   তদন্তের একপর্যায়ে গোয়েন্দারা ওই নারীর বক্তব্যে অসংগতি খুঁজে পান। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার আগে ওই নারী নিজেই ছুরি কিনেছিলেন বলে প্রমাণ পায় পুলিশ। জিজ্ঞাসাবাদের মুখে তিনি নিজেকে আহত করার কথা স্বীকার করেন। তবে ঘটনাটি দুর্ঘটনাবশত ঘটেছে বলে দাবি করেছেন তিনি।   প্রথমদিকে অপরিচিত ব্যক্তির হামলার খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য গেইল ব্রুয়ারও ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন।   এনওয়াইপিডি জানিয়েছে, কথিত হামলাকারীর সন্ধানে আর কোনো অভিযান চালানো হচ্ছে না। ওই নারী কেন মিথ্যা অভিযোগ করেছিলেন, তা এখনো স্পষ্ট নয়। তাঁর পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ। মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হবে কি না, সে বিষয়েও এখনো সিদ্ধান্ত জানানো হয়নি। সংবাদ সূত্র  NBC New York   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ০:৩৫
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ কমানোর পর ৩১ বছরের নারীর মৃত্যু,এআইয়ের বিরুদ্ধে  পরিবারের মামলা
চ্যাটজিপিটির পরামর্শে ওষুধ কমানোর পর ৩১ বছরের নারীর মৃত্যু,এআইয়ের বিরুদ্ধে পরিবারের মামলা

যুক্তরাষ্ট্রের সিয়াটলে মৃগীরোগের ওষুধের মাত্রা কমিয়ে শেষ পর্যন্ত বন্ধ করার পর ৩১ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। তাঁর পরিবারের অভিযোগ, ওষুধ কমানো ও বন্ধ করার বিষয়ে চ্যাটজিপিটি তাঁকে পরামর্শ দিয়েছিল। এমনকি চিকিৎসকের সঙ্গে আলোচনা না করে ওষুধের মাত্রা কমানোর পরিকল্পনাও তৈরি করে দিয়েছিল চ্যাটবটটি। এ ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের বিরুদ্ধে মামলা করেছেন ওই নারীর বাবা-মা।   নিহত নারীর নাম বোয়েন ওয়ান। তিনি চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা হলেও যুক্তরাষ্ট্রের সিয়াটলে বসবাস করতেন। পেশায় ছিলেন সফটওয়্যার প্রকৌশলী। দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত থাকায় চিকিৎসকের পরামর্শে ল্যামোট্রিজিন নামের একটি ওষুধ গ্রহণ করতেন তিনি। আদালতে দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তে মৃত্যুর কারণ হিসেবে মৃগীরোগের সঙ্গে সংশ্লিষ্ট আকস্মিক মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। ১৪ ফেব্রুয়ারি তাঁর মরদেহ উদ্ধার করা হয়।   পরিবারের দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় তাঁর স্মৃতিশক্তি, চিন্তাভাবনা এবং কথা বলার দক্ষতা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করতেন বোয়েন। চাকরির ইন্টারভিউতে ইংরেজিতে কথা বলার সক্ষমতা নিয়েও উদ্বিগ্ন ছিলেন তিনি। এ কারণে ওষুধের মাত্রা কমানোর বিষয়ে চ্যাটজিপিটির কাছে পরামর্শ চান।   অভিযোগপত্রে বলা হয়েছে, চিকিৎসকের নির্ধারিত দৈনিক ৪০০ মিলিগ্রাম ল্যামোট্রিজিনের মাত্রা কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে কমিয়ে শূন্যে নামানোর একটি পরিকল্পনা তৈরি করে চ্যাটজিপিটি। শুরুতে চিকিৎসকের সঙ্গে আলোচনা করার পরামর্শ দিলেও পরে চ্যাটবটটি তাঁকে নিজেই ওষুধের মাত্রা কমাতে উৎসাহিত করে বলে অভিযোগ করেছে পরিবার। এমনকি চিকিৎসকের কাছে বিষয়টি গোপন রাখার পরামর্শও দিয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে।   পরিবারের অভিযোগ, ওষুধের মাত্রা কমানোর সময় বোয়েন একাধিকবার শারীরিক সমস্যার কথা চ্যাটজিপিটিকে জানান। এর মধ্যে খিঁচুনি, স্মৃতিভ্রংশের মতো সমস্যা এবং কথা বলতে অসুবিধার কথাও ছিল। অন্তত ১৫৮টি বার্তায় তিনি ওষুধ কমানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে যুক্তরাষ্ট্রের সিনেটর প্যাটি মারের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু অভিযোগ অনুযায়ী, চ্যাটবটটি এসব উপসর্গকে গুরুতর বিপদের সংকেত হিসেবে বিবেচনা না করে ওষুধ কমানোর পরিকল্পনা চালিয়ে যেতে উৎসাহিত করে।   মামলার নথিতে আরও বলা হয়েছে, মৃত্যুর কয়েক দিন আগে বোয়েন খিঁচুনি ও কথা বলতে অসুবিধার কথা জানান। এরপরও চ্যাটজিপিটি তাঁকে ওষুধ বন্ধের পরিকল্পনা চালিয়ে যাওয়ার বিষয়ে আশ্বস্ত করে। অভিযোগ অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি ওষুধের মাত্রা শূন্যে নামানোর পরিকল্পনা সম্পন্ন হওয়ার কথা ছিল। ওই দিনই তাঁর মৃত্যু হয়।   গত ২৭ অক্টোবর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সুপিরিয়র কোর্টে মামলাটি দায়ের করেন বোয়েনের বাবা কুন ওয়ান ও মা মেইকিন শু। তাঁদের অভিযোগ, চ্যাটজিপিটি চিকিৎসকের মতো আচরণ করে ভুল ও বিপজ্জনক চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দিয়েছে। এতে তাঁদের মেয়ের জীবন ঝুঁকির মুখে পড়েছিল। তবে মামলার অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি।   এ ঘটনায় ওপেনএআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বোয়েনের মৃত্যুর ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। প্রতিষ্ঠানটির মুখপাত্র জানিয়েছেন, চিকিৎসক ও অন্যান্য বিশেষজ্ঞের সঙ্গে কাজ করে সংবেদনশীল ও জরুরি পরিস্থিতিতে চ্যাটজিপিটির প্রতিক্রিয়া উন্নত করা হচ্ছে। চ্যাটজিপিটি চিকিৎসাসেবার বিকল্প নয় বলেও উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। বোয়েন যে জিপিটি-৪ও মডেল ব্যবহার করতেন, সেটি বর্তমানে সাধারণ ব্যবহারকারীদের জন্য আর চালু নেই।   এদিকে, ১২ নভেম্বর ওয়াশিংটনের সিনেটর প্যাটি মারে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানকে চিঠি দিয়ে এ ঘটনায় জবাবদিহি চেয়েছেন। চিকিৎসাসংক্রান্ত জরুরি পরিস্থিতিতে চ্যাটবট কীভাবে সাড়া দেয় এবং ব্যবহারকারীদের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিতে কী ধরনের নিরাপত্তাব্যবস্থা রয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন তিনি।   এপিলেপসি ফাউন্ডেশন জানিয়েছে, চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধান ছাড়া মৃগীরোগের ওষুধের মাত্রা পরিবর্তন বা বন্ধ করা বিপজ্জনক হতে পারে। এতে খিঁচুনি ফিরে আসা কিংবা আরও গুরুতর হওয়ার আশঙ্কা রয়েছে।   সূত্র TechCrunch ,The Guardian 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ২৩:৫০
আমাজনে কেনাকাটা করে রিফান্ড ভোগান্তির শিকার যোগ্য ক্রেতাদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে ক্ষতিপূরণের আবেদন করতে হবে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
পণ্য ফেরত দিয়ে অর্থ না পাওয়া গ্রাহকদের ক্ষতিপূরণ দিচ্ছে আমাজন, আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর

যুক্তরাষ্ট্রে অ্যামাজনের পণ্য ফেরত দিয়ে অর্থ ফেরত না পাওয়া বা ভুল পরিমাণ অর্থ পাওয়ার অভিযোগে করা মামলার নিষ্পত্তিতে ৩০ কোটি ৯৫ লাখ ডলারের তহবিল গঠনে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি। এই অর্থ থেকে যোগ্য গ্রাহকদের অর্থ দেওয়া হবে। তবে দাবি জানানোর জন্য হাতে সময় রয়েছে আর মাত্র কয়েক দিন। আগামী ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্দিষ্ট শ্রেণির গ্রাহকেরা ক্ষতিপূরণ পাওয়ার আবেদন করতে পারবেন। ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির মধ্যে অ্যামাজন থেকে পণ্য কিনে ফেরত দেওয়ার পর অর্থ ফেরত না পাওয়া, দেরিতে বা ভুল পরিমাণ অর্থ পাওয়া কিংবা ফেরতের পর আবার টাকা কেটে নেওয়ার ঘটনা ঘটলে তাঁরা এই নিষ্পত্তির আওতায় পড়তে পারেন।   নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, অ্যামাজনের রিটার্ন ও রিফান্ড নীতিমালা নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের ভোক্তা সুরক্ষা আইনসহ কয়েকটি আইন লঙ্ঘনের অভিযোগে মামলাটি করা হয়েছিল। অভিযোগে বলা হয়, গ্রাহকেরা পণ্য ফেরত দেওয়ার পরও কেউ কেউ নির্ধারিত অর্থ পাননি, কেউ কম অর্থ পেয়েছেন, আবার কারও অর্থ ফেরত দিতে অস্বাভাবিক দেরি হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার পরও গ্রাহকের অ্যাকাউন্ট থেকে আবার টাকা কেটে নেওয়া হয়েছে। অ্যামাজন অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে এবং কোনো অন্যায় করার কথা স্বীকার না করেই মামলা নিষ্পত্তিতে সম্মত হয়েছে।   এই নিষ্পত্তির আওতায় পড়তে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, পণ্যটি অ্যামাজন ডটকমের মাধ্যমে কিনতে হবে এবং অ্যামাজনের নথি অনুযায়ী সেটি যুক্তরাষ্ট্রের কোনো ঠিকানায় পৌঁছাতে হবে। দ্বিতীয়ত, পণ্য ফেরত দেওয়ার বা অর্থ ফেরতের আবেদন করার পর গ্রাহককে অন্তত একটি সমস্যার মুখোমুখি হতে হবে। যেমন, পণ্য ফেরত দেওয়ার পর কোনো অর্থ ফেরত না পাওয়া, নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে অর্থ পাওয়া, ভুল পরিমাণ অর্থ ফেরত পাওয়া অথবা অর্থ ফেরত পাওয়ার পর একই পণ্যের জন্য আবার টাকা কেটে নেওয়া। শুধু অ্যামাজন থেকে পণ্য কিনলেই এই অর্থ পাওয়ার যোগ্যতা তৈরি হবে না।   যোগ্য গ্রাহকদের দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে, সাবক্লাস এ এবং সাবক্লাস বি। সাবক্লাস এ-তে রয়েছেন এমন গ্রাহক, যাঁদের সংশ্লিষ্ট লেনদেন অ্যামাজনের নিজস্ব নথিতে শনাক্ত করা হয়েছে। তাঁদের অর্থ ফেরত পাওয়ার জন্য নতুন করে দাবি জমা দিতে হবে না। নিষ্পত্তি চূড়ান্ত অনুমোদন পেলে তাঁরা স্বয়ংক্রিয়ভাবে অর্থ পাবেন। তবে অর্থ গ্রহণের পদ্ধতি নির্বাচন করতে হবে। অন্যদিকে, সাবক্লাস বি-তে রয়েছেন এমন গ্রাহক, যাঁদের লেনদেন নিষ্পত্তির আওতায় পড়তে পারে, কিন্তু সাবক্লাস এ-এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। তাঁদের অর্থ পেতে নির্ধারিত আবেদনপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।   সাবক্লাস বি-এর গ্রাহকদের আগামী ১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ডাকযোগে আবেদন পাঠালেও একই তারিখের মধ্যে পোস্টমার্ক থাকতে হবে। অর্থাৎ, শুধু আবেদন তৈরি করে রাখলে হবে না, নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়ার প্রমাণ থাকতে হবে। আবেদনকারীদের পণ্য কেনার তথ্য, অর্ডার নম্বর, ফেরত দেওয়ার বিবরণ এবং অর্থ ফেরতসংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণ দিতে হতে পারে। কারও কাছে নিষ্পত্তির নোটিশ পৌঁছে থাকলে সেখানে উল্লেখ করা পরিচিতি নম্বর ও নিশ্চিতকরণ কোড ব্যবহার করে আবেদন করা যাবে।   তহবিলের অর্থও দুই শ্রেণির মধ্যে নির্দিষ্ট অনুপাতে ভাগ করা হবে। আইনজীবীদের ফি, প্রশাসনিক ব্যয় ও আদালত অনুমোদিত অন্যান্য খরচ বাদ দেওয়ার পর অবশিষ্ট অর্থের ৯২ দশমিক ৭ শতাংশ রাখা হয়েছে সাবক্লাস এ-এর গ্রাহকদের জন্য। বাকি ৭ দশমিক ৩ শতাংশ বরাদ্দ সাবক্লাস বি-এর জন্য। তবে প্রত্যেক গ্রাহক সমান পরিমাণ অর্থ পাবেন না। সংশ্লিষ্ট লেনদেনে কত টাকা ফেরত পাওয়ার কথা ছিল এবং সম্ভাব্য সুদের হিসাবের ভিত্তিতে অর্থ নির্ধারিত হবে। তাই প্রত্যেকের জন্য নির্দিষ্ট কোনো ক্ষতিপূরণের অঙ্ক এখনো ঘোষণা করা হয়নি।   তবে এখনই অর্থ হাতে পাওয়ার সুযোগ নেই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পশ্চিমাঞ্চলীয় জেলা আদালতে আগামী ১৬ মার্চ ২০২৭ সকাল ১০টায় নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালত নিষ্পত্তিটিকে ন্যায়সংগত ও গ্রহণযোগ্য মনে করে অনুমোদন দিলেই অর্থ বিতরণের প্রক্রিয়া শুরু হতে পারবে। এর আগে কোনো গ্রাহককে অর্থ দেওয়া হবে না। আদালতের অনুমোদন ও পরবর্তী আইনি প্রক্রিয়ার কারণে অর্থ বিতরণে আরও সময় লাগতে পারে।   নিজের যোগ্যতা বা আবেদনসংক্রান্ত তথ্য জানতে গ্রাহকেরা নিষ্পত্তির জন্য নির্ধারিত সরকারি ওয়েবসাইট ReturnSettlement.com দেখতে পারেন। এ ছাড়া ১-৮৮৮-৫৫৩-৪২৪৬ নম্বরে ফোন অথবা info@ReturnSettlement.com ঠিকানায় ই-মেইল করে জানতে পারবেন। আবেদন জমা দেওয়ার আগে কোন শ্রেণিতে অন্তর্ভুক্ত হয়েছেন, সেটি নিশ্চিত হওয়া জরুরি। কারণ, সাবক্লাস এ-এর গ্রাহকদের নতুন আবেদন প্রয়োজন নেই, কিন্তু সাবক্লাস বি-এর গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে এই নিষ্পত্তি থেকে অর্থ পাওয়ার সুযোগ থাকবে না।   তথ্যসূত্র: নিউইয়র্ক পোস্ট, অ্যামাজন রিটার্ন পলিসি মামলার সরকারি নিষ্পত্তি ওয়েবসাইট এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের পশ্চিমাঞ্চলীয় জেলা আদালতের অনুমোদিত নথি।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ২৩:১৫
কর্মসংস্থান ও সাশ্রয়ী আবাসনের সুবাদে যুক্তরাষ্ট্রের শীর্ষ বুমটাউনের স্বীকৃতি পেয়েছে টেক্সাসের ঐতিহাসিক শহর জর্জটাউন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
কর্মসংস্থান ও সাশ্রয়ী আবাসনের সুবাদে যুক্তরাষ্ট্রের শীর্ষ দ্রুত বর্ধনশীল শহর টেক্সাসের জর্জটাউন

কর্মসংস্থান, নতুন বাড়ি নির্মাণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বিচারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দ্রুতবর্ধনশীল শহর হিসেবে শীর্ষস্থান অর্জন করেছে টেক্সাস অঙ্গরাজ্যের জর্জটাউন। আর্থিক গবেষণা প্রতিষ্ঠান স্মার্টঅ্যাসেটের ‘আমেরিকাস নিউ বুমটাউনস’ শীর্ষক নতুন প্রতিবেদনে শহরটিকে দেশের এক নম্বর দ্রুতবর্ধনশীল শহর হিসেবে স্থান দেওয়া হয়েছে। অস্টিন শহর থেকে প্রায় ৩০ মাইল উত্তরে অবস্থিত জর্জটাউনে গত কয়েক বছরে নতুন বাসিন্দা, কর্মসংস্থান ও আবাসন নির্মাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ঐতিহাসিক স্থাপনা, পরিচ্ছন্ন পরিবেশ এবং তুলনামূলক কম বাড়ির দামও শহরটিকে নতুন বাসিন্দাদের কাছে আকর্ষণীয় করে তুলছে।   স্মার্টঅ্যাসেটের ১৪ অক্টোবর ২০২৬ হালনাগাদ করা প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ৪০০টির বেশি শহরের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। অন্তত ৬৫ হাজার জনসংখ্যার শহরগুলোকে বিবেচনায় নিয়ে ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে অর্থনৈতিক উৎপাদন, আবাসন ইউনিট এবং শ্রমশক্তির পরিবর্তন পর্যালোচনা করা হয়। এসব সূচকের ভিত্তিতে ৭৫টি শহরকে দ্রুতবর্ধনশীল শহরের তালিকায় স্থান দেওয়া হয়েছে। সেখানে জর্জটাউন প্রথম, টেক্সাসের নিউ ব্রাউনফেলস দ্বিতীয় এবং ইউটাহ অঙ্গরাজ্যের লেহি তৃতীয় অবস্থানে রয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে জর্জটাউনে আবাসন ইউনিটের সংখ্যা বেড়েছে ৩৪ শতাংশ। একই সময়ে শহরটির শ্রমশক্তির আকারও বেড়েছে ৩৪ শতাংশ। অর্থাৎ কর্মরত মানুষের পাশাপাশি সক্রিয়ভাবে কাজ খুঁজছেন এমন মানুষের সংখ্যাও বেড়েছে। শহরটি যে কাউন্টির অন্তর্ভুক্ত, সেই উইলিয়ামসন কাউন্টির প্রকৃত অর্থনৈতিক উৎপাদনও একই সময়ে বছরে গড়ে ৭ দশমিক ৭ শতাংশ হারে বেড়েছে। তবে শহরভিত্তিক অর্থনৈতিক উৎপাদনের তথ্য না থাকায় গবেষণায় কাউন্টির প্রবৃদ্ধিকে শহরের অর্থনীতির বিকল্প সূচক হিসেবে ব্যবহার করা হয়েছে।   জনসংখ্যা বৃদ্ধির সরকারি পরিসংখ্যানেও জর্জটাউনের দ্রুত সম্প্রসারণের চিত্র উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর হিসাবে, ২০২০ সালে শহরটির জনসংখ্যা ছিল প্রায় ৬৭ হাজার ৪৩৬। ২০২৫ সালের জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ১ লাখ ৬ হাজার ৯০৭ জনে। পাঁচ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ৫৮ দশমিক ৫ শতাংশ। অস্টিন মহানগর এলাকার সম্প্রসারণ, নতুন আবাসন প্রকল্প এবং কর্মসংস্থানের সুযোগ এই জনসংখ্যা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।   আবাসন বাজারেও জর্জটাউন অস্টিনের তুলনায় কিছুটা সাশ্রয়ী। রিয়েল এস্টেট তথ্যপ্রতিষ্ঠান জিলোর ২০২৬ সালের অক্টোবরের হিসাব অনুযায়ী, শহরটিতে একটি সাধারণ বাড়ির আনুমানিক মূল্য ৪ লাখ ১৪ হাজার ১৭৬ ডলার। একই সময়ে অস্টিনে এই মূল্য প্রায় ৪ লাখ ৮৮ হাজার ৮৮০ ডলার। অর্থাৎ অস্টিনের তুলনায় জর্জটাউনে বাড়ির মূল্য প্রায় ৭৫ হাজার ডলার কম। তবে জাতীয় গড়ের তুলনায় শহরটির বাড়ির দাম এখনো বেশি। ফলে তুলনামূলক সাশ্রয়ী হলেও একে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সস্তা আবাসন বাজার বলা যাবে না।   শুধু কর্মসংস্থান ও আবাসন নয়, ঐতিহাসিক সৌন্দর্য এবং বিনোদনের সুযোগও জর্জটাউনের পরিচিতি বাড়িয়েছে। ১৮৪৮ সালে প্রতিষ্ঠিত এই শহরের কেন্দ্রীয় চত্বরটি ঐতিহাসিক লাল ইটের ভবন ও ভিক্টোরীয় স্থাপত্যের জন্য পরিচিত। সেখানে রয়েছে বিভিন্ন ছোট দোকান, রেস্তোরাঁ ও সাংস্কৃতিক আয়োজনের জায়গা। বসন্তকালে অনুষ্ঠিত বার্ষিক রেড পপি উৎসবে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে। এ ছাড়া প্রায় ১ হাজার ২০০ একর আয়তনের লেক জর্জটাউনে নৌবিহার, সাঁতার, ক্যাম্পিং ও হাঁটার সুযোগ রয়েছে। এসব কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের কাছেও শহরটি জনপ্রিয়।   তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউ ব্রাউনফেলস শহরেও গত কয়েক বছরে উল্লেখযোগ্য অর্থনৈতিক ও আবাসন সম্প্রসারণ হয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে সেখানে নতুন আবাসন ইউনিট বেড়েছে ৪০ শতাংশ এবং শ্রমশক্তি বেড়েছে ৩২ শতাংশ। শহরটির অন্তর্ভুক্ত কোমাল কাউন্টির প্রকৃত অর্থনৈতিক উৎপাদন বছরে গড়ে ৬ দশমিক ৮ শতাংশ হারে বেড়েছে। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা ইউটাহর লেহি শহরে শ্রমশক্তি বেড়েছে ৬৭ শতাংশ এবং আবাসন ইউনিটের সংখ্যা বেড়েছে ৩৯ শতাংশ। অ্যাডোবি, মাইক্রোসফট ও টেক্সাস ইনস্ট্রুমেন্টসের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম সম্প্রসারণ শহরটির প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে।   অঙ্গরাজ্যভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দ্রুতবর্ধনশীল শহর রয়েছে ফ্লোরিডায়। স্মার্টঅ্যাসেটের তালিকায় অঙ্গরাজ্যটির মোট ১৯টি শহর স্থান পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা টেক্সাসের শহর রয়েছে ১৮টি। অর্থাৎ একটি শহর তালিকার শীর্ষে থাকলেও সামগ্রিকভাবে দ্রুতবর্ধনশীল শহরের সংখ্যায় ফ্লোরিডা এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে জনসংখ্যা স্থানান্তর, নতুন ব্যবসা, আবাসন নির্মাণ এবং কর্মসংস্থানের বিস্তারের কারণে এসব শহরের অর্থনৈতিক গুরুত্ব বাড়ছে।   তথ্যসূত্র: স্মার্টঅ্যাসেট, যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো ও জিলো। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ২২:৫৬
জর্জিয়ার নরক্রসে ১২ ও ১৩ ডিসেম্বর বিশেষ কনস্যুলার সেবা দেবে মায়ামির বাংলাদেশ কনস্যুলেট। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
জর্জিয়ায় ১২-১৩ ডিসেম্বর বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সেবা, মিলবে ই-পাসপোর্টসহ নানা সুবিধা

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের জন্য দুই দিনের বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করবে মায়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। আগামী ১২ ও ১৩ ডিসেম্বর (শনিবার ও রোববার) আটলান্টা এলাকার নরক্রসে এই সেবা দেওয়া হবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই দিনই কার্যক্রম চলবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার (বিএজি) সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে ই-পাসপোর্ট, ভিসা, নো ভিসা রিকোয়ার্ড (এনভিআর), পাওয়ার অব অ্যাটর্নি ও বিভিন্ন নথি সত্যায়নসহ একাধিক সেবা পাওয়া যাবে।   আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নরক্রসের ৩১৫০ হলকম ব্রিজ রোডের প্রথম তলায় এই কনস্যুলার ক্যাম্প বসবে। জর্জিয়া ও আশপাশের এলাকায় বসবাসরত বাংলাদেশিরা সরাসরি সেখানে গিয়ে প্রয়োজনীয় সেবার জন্য আবেদন করতে পারবেন। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি-সংক্রান্ত সেবা ছাড়া অন্যান্য নির্ধারিত কনস্যুলার সেবা পাওয়া যাবে। তবে প্রতিটি সেবার জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত করে নিয়ে যেতে হবে।   ই-পাসপোর্টের আবেদনকারীদের ক্যাম্পে যাওয়ার আগেই নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন শেষে বারকোডযুক্ত নিশ্চিতকরণ পৃষ্ঠা এবং আবেদনপত্রের সারসংক্ষেপ প্রিন্ট করে সঙ্গে নিতে হবে। পাশাপাশি আগের বাংলাদেশি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র অথবা ১৭ সংখ্যার অনলাইন জন্মনিবন্ধন সনদ এবং যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসের প্রমাণসহ প্রয়োজনীয় নথি রাখতে হবে। কনস্যুলেটের প্রকাশিত ফি তালিকা অনুযায়ী পাসপোর্টের ধরন ও মেয়াদভেদে ফি দিতে হবে। ডাকযোগে পাসপোর্ট পেতে চাইলে বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়মিত ডেলিভারির জন্য ১৫ ডলার এবং দ্রুত ডেলিভারির জন্য ৩৪ ডলারের ডাকমাশুলসহ ইউএসপিএসের আগাম পরিশোধ করা ফেরত খাম আনতে হবে।   এনভিআর সেবার জন্য নির্ধারিত ফি ৮৮ ডলার। আবেদনকারীকে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সহায়ক নথি জমা দিতে হবে। বাংলাদেশে জরুরি ভ্রমণের প্রয়োজন হলে এবং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করা যাবে। এ সেবার জরুরি ফি ২৭ ডলার ৫০ সেন্ট। আবেদনকারীর পূরণ করা ফরম, সাম্প্রতিক দুই কপি রঙিন পাসপোর্ট আকারের ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে। কনস্যুলেটের নিয়ম অনুযায়ী এ ধরনের আবেদনে আবেদনকারীকে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকতে হয়।   পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা সংক্রান্ত সেবার ক্ষেত্রে যিনি ক্ষমতা প্রদান করবেন, তাঁকে নিজে উপস্থিত হয়ে কনস্যুলার কর্মকর্তার সামনে নথিতে স্বাক্ষর করতে হবে। কনস্যুলেট এ ধরনের দলিল তৈরি করে দেয় না। তাই প্রয়োজনীয় দলিল আগে থেকেই প্রস্তুত করে আনতে হবে। অন্যদিকে, কোনো নথি সত্যায়নের জন্য মূল কপির পাশাপাশি ফটোকপিও জমা দিতে হবে। আবেদনকারীদের প্রয়োজনীয় ফরম, ফি ও কাগজপত্রের তালিকা আগে থেকে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে কনস্যুলেট।   যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া শিশুদের জন্মনিবন্ধনের আবেদন বাংলাদেশ সরকারের জন্ম ও মৃত্যুনিবন্ধন তথ্যব্যবস্থার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে শুরু করা যাবে। তবে আটলান্টার এই বিশেষ ক্যাম্পে সরাসরি জন্মনিবন্ধন সম্পন্ন করার বিষয়ে আলাদা কোনো নির্দেশনা প্রকাশ করা হয়নি। একইভাবে, জাতীয় পরিচয়পত্রসংক্রান্ত কোনো সেবা এই ক্যাম্পে দেওয়া হবে না। এ ধরনের সেবা প্রয়োজন হলে মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করতে হবে।   সেবার ফি ক্রেডিট কার্ড, মানি অর্ডার, পোস্টাল অর্ডার অথবা কনস্যুলেট জেনারেল অব বাংলাদেশ, মায়ামির নামে ক্যাশিয়ার্স চেকের মাধ্যমে পরিশোধ করা যাবে। ক্রেডিট কার্ডে অর্থ পরিশোধের ক্ষেত্রে অতিরিক্ত বণিক মাশুল প্রযোজ্য হবে। নগদ অর্থ গ্রহণ করা হবে না এবং একবার পরিশোধ করা কনস্যুলার ফি ফেরতযোগ্য নয়। আবেদনকারীদের প্রতিটি প্রয়োজনীয় নথির মূল কপি ও একটি ফটোকপি সঙ্গে রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।   বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া জানিয়েছে, জর্জিয়া ও আশপাশের অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিস্তারিত তথ্য, আবেদনপত্র ও সেবাভিত্তিক কাগজপত্রের তালিকা পাওয়া যাবে মায়ামি কনস্যুলেটের সরকারি ওয়েবসাইট florida.mofa.gov.bd-এ। প্রয়োজনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সঙ্গেও যোগাযোগ করা যাবে।   তথ্যসূত্র: বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মায়ামির সরকারি বিজ্ঞপ্তি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া (বিএজি)। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ২২:২৯
চার বছরে ১৯৫টি দেশ ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রের টাম্পায় ফিরেছেন সোফিয়া লি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চার বছরে বিশ্বের ১৯৫টি দেশ ভ্রমণ করে দেশে ফিরলেন মার্কিন তরুণী সোফিয়া লি

মাত্র ১৭ বছর বয়সে বিশ্বভ্রমণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলেন সোফিয়া লি। চার বছর পর সেই স্বপ্ন পূরণ করে পৃথিবীর ১৯৫টি দেশ ঘুরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় নিজের বাড়িতে ফিরেছেন ২১ বছর বয়সী এই তরুণী। তাঁর লক্ষ্য ছিল বিশ্বের সব স্বীকৃত দেশ ভ্রমণ করে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো। শেষ দেশ হিসেবে সুদানে পৌঁছানোর মধ্য দিয়ে গত চার বছরের অভিযান সম্পন্ন হয়েছে। তবে তাঁর এই অর্জন এখনো আনুষ্ঠানিকভাবে যাচাই করেনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ।   মার্কিন সংবাদমাধ্যম ফক্স ১৩ টাম্পা বে জানিয়েছে, সোফিয়ার বিশ্বভ্রমণের শেষ গন্তব্য ছিল সুদান। সেখানে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় ভিসা সংগ্রহ করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাঁকে। আগের রেকর্ডধারীর সময়সীমার কয়েক দিন আগে সুদানে পৌঁছাতে পেরেছিলেন তিনি। সোফিয়ার জন্য ভিসা পাওয়ার প্রক্রিয়াটি ছিল বেশ উদ্বেগের। শেষ পর্যন্ত প্রয়োজনীয় অনুমতি পাওয়ায় ১৯৫টি দেশ ভ্রমণের লক্ষ্য পূরণ হয়। এখন তাঁর ভ্রমণের প্রমাণপত্র ও অন্যান্য নথি যাচাইয়ের অপেক্ষা।   সোফিয়ার ভ্রমণের বেশির ভাগ সময় কেটেছে একা। প্রতিটি দেশে যাওয়ার আগে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতেন। ভ্রমণ ও ভাষা অনুবাদের বিভিন্ন অ্যাপ ব্যবহার করে অপরিচিত পরিবেশে চলাফেরা করেছেন তিনি। পাশাপাশি বিপণন ও ব্র্যান্ডিং প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে নিজের দীর্ঘ ভ্রমণের অর্থের সংস্থান করেছেন। গত তিন বছর কোনো একটি দেশে ১৪ দিনের বেশি অবস্থান না করার চেষ্টা করেছেন। প্রয়োজন অনুযায়ী কয়েকবার যুক্তরাষ্ট্রে ফিরলেও অধিকাংশ সময় ছোট একটি ব্যাগ নিয়েই দেশ থেকে দেশে ছুটেছেন।   দীর্ঘ এই যাত্রায় নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে সোফিয়াকে। কিছু দেশে অপহরণের আশঙ্কায় নিরাপত্তারক্ষী নিয়েও চলাফেরা করতে হয়েছে। সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতাগুলোর একটি ছিল ইথিওপিয়ায়। সেখানে শ্বাসতন্ত্রের ভাইরাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। ভাষাগত সমস্যাও ছিল নিয়মিত চ্যালেঞ্জ। প্রতিটি দেশে স্থানীয় ভাষায় অন্তত হ্যালো, দয়া করে ও ধন্যবাদ বলার মতো কয়েকটি শব্দ শেখার চেষ্টা করতেন তিনি। ইংরেজির পাশাপাশি ফরাসি ও স্প্যানিশ ভাষার প্রাথমিক জ্ঞান এবং গুগল ট্রান্সলেটের মতো অ্যাপ তাঁকে সহায়তা করেছে।   ভ্রমণের অভিজ্ঞতা থেকে সোফিয়া জানিয়েছেন, ভারত তাঁর সবচেয়ে পছন্দের দেশ। অন্যদিকে থাইল্যান্ড ও তানজানিয়ার খাবার তাঁর বিশেষ ভালো লেগেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্রমণের বিভিন্ন অভিজ্ঞতা নিয়মিত তুলে ধরেছেন তিনি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম @sophialeetravel। সেখানে বিভিন্ন দেশের মানুষের সঙ্গে পরিচয়, সংস্কৃতি, খাবার ও ভ্রমণের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন এই তরুণী।   সোফিয়ার বিশ্বভ্রমণের পেছনে রয়েছে পারিবারিক অনুপ্রেরণাও। তাঁর দাদা-দাদি টেড ও টপসি নিজেদের দাম্পত্য জীবনের শুরুর দিকে পিস কর্পসে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছিলেন। তাঁদের জীবনের বড় একটি সময় কেটেছে কেনিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে। দাদার কাছ থেকেই ভ্রমণের প্রতি বিশেষ আগ্রহ তৈরি হয় সোফিয়ার। নাতনির এই অভিযানে দাদাও সব সময় উৎসাহ দিয়েছেন। এমনকি উগান্ডায় গিয়ে দাদার দীর্ঘদিনের স্বপ্ন পূরণে তাঁর সঙ্গে গরিলা দেখার আয়োজন করেছিলেন সোফিয়া। স্মৃতিভ্রংশ রোগে আক্রান্ত দাদি টপসিও নাতনির বাড়ি ফেরার মুহূর্তে উপস্থিত ছিলেন।   গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের বর্তমান তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৫টি সার্বভৌম দেশ ভ্রমণের ক্ষেত্রে সর্বকনিষ্ঠ ব্যক্তির রেকর্ডটি রয়েছে যুক্তরাষ্ট্রের লেক্সি আলফোর্ডের দখলে। ২০১৯ সালের ৪ অক্টোবর মোজাম্বিকে পৌঁছানোর সময় তাঁর বয়স ছিল ২১ বছর ১৭৭ দিন। সোফিয়ার ভ্রমণের সময়কাল ও বয়সের হিসাব অনুযায়ী, তিনি প্রায় ছয় দিন কম বয়সে এই লক্ষ্য পূরণ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গিনেস কর্তৃপক্ষের আনুষ্ঠানিক যাচাই শেষ না হওয়া পর্যন্ত নতুন রেকর্ডধারী হিসেবে তাঁর নাম ঘোষণা করা যাচ্ছে না।   উল্লেখ্য, গিনেসের এই রেকর্ডে ১৯৫টি দেশের তালিকায় জাতিসংঘের ১৯৩টি সদস্যদেশের পাশাপাশি ভ্যাটিকান ও চাইনিজ তাইপেই অন্তর্ভুক্ত রয়েছে। শুধু দেশগুলোতে পৌঁছানো নয়, ভ্রমণের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথিপত্রও জমা দিতে হয় রেকর্ডের আবেদনকারীদের। ফলে সোফিয়ার চার বছরের অভিযান শেষ হলেও আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য এখনো একটি গুরুত্বপূর্ণ ধাপ বাকি।   তথ্যসূত্র: ফক্স ১৩ টাম্পা বে ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ২২:৪
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে নিকটাত্মীয় বা ফার্স্ট কাজিনদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করতে আইনসভায় নতুন বিল উত্থাপন করা হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
আপন চাচাতো-মামাতো ভাইবোনদের মধ্যে বিয়ে নিষিদ্ধ করতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বিল উত্থাপন

যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে চাচাতো, মামাতো, খালাতো ও ফুফাতো ভাইবোনের মধ্যে বিয়ে নিষিদ্ধ করতে নতুন একটি বিল উত্থাপন করেছেন রিপাবলিকান আইনপ্রণেতা পল কানিত্রা। প্রস্তাবটি আইনে পরিণত হলে প্রথম কাজিনের মধ্যে বিয়ে ও সিভিল ইউনিয়ন করা যাবে না। জিনগত স্বাস্থ্যঝুঁকি এবং এমন বিয়ের প্রচলন রয়েছে এমন দেশ থেকে অভিবাসনের বিষয়টি সামনে এনে বিলটি উত্থাপন করেছেন তিনি। তবে অভিবাসন অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন তাঁর উদ্যোগ ও মন্তব্যকে বর্ণবাদী বলে সমালোচনা করেছে।   নিউ জার্সি অঙ্গরাজ্যের আইনসভার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর A5818 নম্বরের বিলটি উত্থাপন করা হয়। এর প্রধান উদ্যোক্তা অ্যাসেম্বলিম্যান পল কানিত্রা। তাঁর সঙ্গে বিলটির সহ-উদ্যোক্তা হিসেবে রয়েছেন আরও পাঁচজন রিপাবলিকান আইনপ্রণেতা। তাঁদের মধ্যে আছেন এরিক পিটারসন, গেরি শারফেনবার্গার, ভিক্টোরিয়া ফ্লিন, এরিক সিমনসেন ও গ্রেগরি ম্যাকগাকিন। বিলটি বর্তমানে অ্যাসেম্বলি জুডিশিয়ারি কমিটিতে পর্যালোচনার অপেক্ষায় রয়েছে।   বর্তমানে নিউ জার্সির আইনে প্রথম কাজিনদের মধ্যে বিয়েতে নিষেধাজ্ঞা নেই। তবে মা-বাবা, দাদা-দাদি, নানা-নানি, সন্তান, ভাইবোন, চাচা, মামা, ফুফু, খালা, ভাতিজা-ভাতিজি ও ভাগনে-ভাগনিদের মতো নিকটাত্মীয়দের মধ্যে বিয়ে নিষিদ্ধ। নতুন বিলটি পাস হলে প্রথম কাজিনদেরও এই নিষিদ্ধ সম্পর্কের তালিকায় যুক্ত করা হবে। তবে আইনটি কার্যকর হওয়ার আগের বিয়ের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না। অর্থাৎ, নতুন আইন কার্যকর হওয়ার পর যেসব বিয়ে বা সিভিল ইউনিয়ন সম্পন্ন হবে, শুধু সেগুলোর ওপর নিষেধাজ্ঞা কার্যকর হবে।   বিলটির পক্ষে যুক্তি দিতে গিয়ে কানিত্রা বলেছেন, প্রথম কাজিনদের মধ্যে বিয়ের ফলে সন্তানদের জিনগত ও শারীরিক জটিলতার ঝুঁকি বাড়তে পারে। পাশাপাশি পাকিস্তান ও নাইজেরিয়ার মতো দেশে এ ধরনের বিয়ের প্রচলন বেশি বলে দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, এসব দেশ নিউ জার্সিতে অভিবাসীদের অন্যতম উৎস হওয়ায় বিষয়টি নিয়ে তাঁর উদ্বেগ রয়েছে। তবে তিনি জানিয়েছেন, ধর্মীয় স্বাধীনতা বা সাংস্কৃতিক চর্চা নিয়ে তাঁর আপত্তি নেই। তাঁর মূল যুক্তি স্বাস্থ্যঝুঁকি। তবে তিনি স্বীকার করেছেন, পাকিস্তান ও নাইজেরিয়ায় এ ধরনের বিয়ের হার সম্পর্কে তাঁর ব্যবহৃত পরিসংখ্যান পেয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটজিপিটি ও ক্লড থেকে।   পাকিস্তানের ক্ষেত্রে গবেষণায় তাঁর উল্লেখ করা পরিসংখ্যানের ভিত্তি পাওয়া যায়। ২০২৪ সালে Population and Development Review সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, পাকিস্তানে বিবাহিত নারীদের প্রায় ৪৯ দশমিক ৬ শতাংশের স্বামী তাঁদের প্রথম কাজিন। তবে নাইজেরিয়ার ক্ষেত্রে তথ্য তুলনামূলকভাবে সীমিত। ২০১১ সালের একটি গবেষণায় দেশটিতে এ ধরনের বিয়ের হার ১০ থেকে ১৯ শতাংশের মধ্যে বলে অনুমান করা হয়েছিল। ফলে দুটি দেশের পরিসংখ্যানকে একই মাত্রায় নির্ভরযোগ্য হিসেবে দেখার সুযোগ নেই।   জিনগত ঝুঁকির বিষয়ে চিকিৎসাবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, রক্তের সম্পর্কের মধ্যে বিয়ের ফলে কিছু বংশগত রোগের ঝুঁকি বাড়তে পারে। ব্রিটিশ সোসাইটি ফর জেনেটিক মেডিসিনের তথ্য অনুযায়ী, সম্পর্কহীন দম্পতির সন্তানদের জন্মগত বা জিনগত সমস্যার ঝুঁকি সাধারণত ২ থেকে ৩ শতাংশ। প্রথম কাজিনের মধ্যে বিয়ে হলে তা বেড়ে ৪ থেকে ৬ শতাংশ হতে পারে। তবে এর অর্থ এই নয় যে এ ধরনের দম্পতির সব সন্তান স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত হবে। সংস্থাটির হিসাবে, ৯৪ থেকে ৯৬ শতাংশ শিশুর ক্ষেত্রে এমন সমস্যা দেখা যায় না।   এদিকে প্রস্তাবিত বিলটির সমালোচনা করেছেন অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠন মেক দ্য রোড নিউ জার্সির পরিচালক নেদিয়া মোরসি। তিনি পলিটিকোকে দেওয়া বক্তব্যে বলেছেন, বিলটি এবং অভিবাসীদের নিয়ে কানিত্রার মন্তব্য বর্ণবাদী। তাঁর মতে, নির্দিষ্ট কিছু দেশের অভিবাসীদের কেন্দ্র করে এমন আইন প্রণয়নের উদ্যোগ বৈষম্যমূলক মনোভাবের প্রতিফলন। অন্যদিকে কানিত্রা তাঁর প্রস্তাবের পক্ষে জিনগত স্বাস্থ্যঝুঁকির বিষয়টি তুলে ধরেছেন।   যুক্তরাষ্ট্রে প্রথম কাজিনদের মধ্যে বিয়ের আইন অঙ্গরাজ্যভেদে ভিন্ন। নিউ জার্সি পিবিএসের ২৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, নিউ জার্সিসহ ১৬টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে এ ধরনের বিয়ে সম্পূর্ণ বৈধ। আবার কিছু অঙ্গরাজ্যে বয়স বা অন্যান্য নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে অনুমতি রয়েছে। প্রস্তাবিত বিলটি আইনে পরিণত হতে হলে নিউ জার্সির অ্যাসেম্বলি ও সিনেটে পাস হতে হবে। এরপর গভর্নরের স্বাক্ষর প্রয়োজন হবে। আপাতত এটি আইনসভায় প্রাথমিক পর্যালোচনার পর্যায়েই রয়েছে।   তথ্যসূত্র: NJ.com, নিউ জার্সি অঙ্গরাজ্যের আইনসভা, NJ PBS ও Population and Development Review।   872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ২১:৩৩

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

নভেম্বর ২১, ২০২৬ ১৩:০