সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে জেফরিস, ট্রাম্পকে দিলেন জবাবদিহির হুঁশিয়ারি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ৭:৫৪
প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে জেফরিস, ট্রাম্পকে দিলেন জবাবদিহির হুঁশিয়ারি
প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে জেফরিস, ট্রাম্পকে দিলেন জবাবদিহির হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে আরও এক ধাপ এগিয়েছেন ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস। বুধবার (১৮ নভেম্বর) দলীয় ভোটে তাঁকে পরবর্তী কংগ্রেসের স্পিকার পদে মনোনয়ন দিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। মনোনয়নের পর তিনি ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগের জবাবদিহি নিশ্চিত করবেন। চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর রিপাবলিকানদের নীতি পরিবর্তন এবং প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড তদন্তের প্রস্তুতি নিচ্ছে দলটি।

 

দলীয় গোপন ব্যালটের ভোটে জেফরিস পেয়েছেন ২৫১টি সমর্থন। তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন ১১ জন ডেমোক্র্যাট। ৫৬ বছর বয়সী নিউইয়র্কের এই আইনপ্রণেতার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কেউ প্রার্থী হননি। তবে দলের নতুন নির্বাচিত কয়েকজন প্রগতিশীল আইনপ্রণেতা তাঁর নেতৃত্ব নিয়ে কিছু শর্ত ও দাবি তুলেছেন। তাঁদের মধ্যে সাতজন এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, দলের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচি যেন সাধারণ ভোটারদের প্রত্যাশা ও নির্বাচনী প্রতিশ্রুতির প্রতিফলন ঘটায়, সে বিষয়ে তাঁরা জেফরিসের কাছ থেকে আরও অঙ্গীকার চান। ইসরায়েলকে সামরিক সহায়তা, স্বাস্থ্যসেবা এবং রাজনীতিতে অর্থের প্রভাব কমানোর মতো বিষয়গুলো নিয়ে তাঁদের উদ্বেগ রয়েছে।

 

মনোনয়ন পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেফরিস বলেন, যুক্তরাষ্ট্রের মানুষের ওপর নজিরবিহীন দুর্নীতি, বিশৃঙ্খলা ও নিষ্ঠুরতার অভিযোগের জবাবদিহি নিশ্চিত করতে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা কাজ করবেন। তাঁর ভাষায়, এটি কোনো দলীয় প্রতিহিংসার বিষয় নয়, বরং দেশের স্বার্থে জবাবদিহি প্রতিষ্ঠার উদ্যোগ। তিনি আরও বলেন, জীবনযাত্রার ব্যয় নিয়ে চাপে থাকা সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং যুক্তরাষ্ট্রকে আরও সাশ্রয়ী করে তোলা তাঁদের প্রধান লক্ষ্য হবে।

 

এদিকে প্রতিনিধি পরিষদের নজরদারি ও সরকারি জবাবদিহিবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য রবার্ট গার্সিয়া বুধবারই ট্রাম্প পরিবারের সদস্য এবং প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ১২টি চিঠি পাঠিয়েছেন। এসব চিঠিতে সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্ভাব্য তদন্তের বিষয় হিসেবে দুর্নীতির অভিযোগ, অভিবাসন আইন প্রয়োগে অনিয়ম এবং যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি ব্যবস্থাপনার কথা উল্লেখ করা হয়েছে। গার্সিয়া বলেছেন, এটি কেবল শুরু। জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পর আরও বিস্তৃত তদন্তের পরিকল্পনা রয়েছে ডেমোক্র্যাটদের।

 

২০২৬ সালের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় পেয়ে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা। এখন পর্যন্ত দলটির আসনসংখ্যা অন্তত ২৫৭ বলে জানিয়েছে রয়টার্স। প্রতিনিধি পরিষদে স্পিকার নির্বাচিত হতে প্রয়োজন ২১৮ ভোট। ফলে জানুয়ারিতে পূর্ণাঙ্গ পরিষদের ভোটে জেফরিসের নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রবল। তবে বুধবারের ভোট ছিল কেবল ডেমোক্র্যাটদের দলীয় মনোনয়ন। আগামী ৩ জানুয়ারি ২০২৭ নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে প্রতিনিধি পরিষদের সব সদস্যের ভোটে স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার। এই পদে থাকা ব্যক্তি ভাইস প্রেসিডেন্টের পর প্রেসিডেন্সির উত্তরাধিকার তালিকায় দ্বিতীয় স্থানে থাকেন।

 

ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকার শ্রমজীবী পরিবারে বেড়ে ওঠা জেফরিস আইন বিষয়ে পড়াশোনা শেষে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালে নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনসভায় নির্বাচিত হন এবং ২০১২ সালে কংগ্রেসে প্রবেশ করেন। ২০২২ সালে ন্যান্সি পেলোসির স্থলাভিষিক্ত হয়ে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের নেতা হন তিনি। এর আগে ২০২০ সালে ট্রাম্পের প্রথম অভিশংসন বিচারে প্রতিনিধি পরিষদের প্রসিকিউটর দলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

 

তবে স্পিকার নির্বাচিত হলেও জেফরিসের সামনে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ থাকবে। ডেমোক্র্যাটদের মধ্যে মধ্যপন্থী ও প্রগতিশীল আইনপ্রণেতাদের অবস্থানের পার্থক্য রয়েছে। স্বাস্থ্যসেবা, অভিবাসন, ইসরায়েলকে সামরিক সহায়তা এবং অর্থনৈতিক নীতি নিয়ে দলের ভেতরে মতপার্থক্য সামলাতে হবে তাঁকে। একই সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ভেটো ক্ষমতা এবং রিপাবলিকানদের রাজনৈতিক বিরোধিতার মধ্যেও আইন প্রণয়নের কর্মসূচি এগিয়ে নিতে হবে। ফলে জানুয়ারিতে স্পিকারের দায়িত্ব নেওয়ার পর জেফরিসের নেতৃত্বে প্রতিনিধি পরিষদ ও হোয়াইট হাউসের মধ্যে দুই বছরের রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

সংবাদসূত্র: রয়টার্স।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক জোয়ার, থ্যাংকসগিভিং সপ্তাহেই বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ‘কিং টাইডস’ নামে পরিচিত বছরের সর্বোচ্চ জোয়ারের প্রভাবে ক্যালিফোর্নিয়ার কয়েকটি উপকূলীয় এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ফ্লোরিডাসহ পূর্ব উপকূলের কয়েকটি এলাকাতেও পানি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। কিছু এলাকায় কয়েক দশকের পুরোনো জোয়ারের রেকর্ড ভাঙারও আশঙ্কা রয়েছে।   মার্কিন সংবাদমাধ্যম ফক্স লোকালের  প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকসগিভিং সপ্তাহে দুই উপকূলেই জোয়ারের উচ্চতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। বিশেষ করে সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অন্তত ২ দশমিক ৮ ফুট বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।   সান ফ্রান্সিসকোতে সর্বোচ্চ জোয়ারের আগের রেকর্ড ছিল ১৯৮৩ সালের ২৭ জানুয়ারি, যখন পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৯ ফুট বেশি উঠেছিল। নতুন পূর্বাভাস সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা তৈরি করেছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টি ও কোর্টে মাদেরার কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। হুমবোল্ট কাউন্টিতে বন্যার কারণে কয়েকটি উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   পশ্চিম উপকূলের পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন ও ওরেগনের উপকূলীয় এলাকায় থ্যাংকসগিভিং পর্যন্ত উচ্চ জোয়ার, শক্তিশালী বাতাস ও বড় ঢেউয়ের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার ২০ থেকে ৩০ ফুট উঁচু ঢেউয়ের সতর্কতাও দেওয়া হয়েছিল। উচ্চ জোয়ারের কারণে ওয়াশিংটন স্টেট ফেরির কয়েকটি যাত্রাও বাতিল করা হয়েছে।   অন্যদিকে, ফ্লোরিডার পাম বিচ থেকে মায়ামি পর্যন্ত আটলান্টিক উপকূলে বুধবার ও বৃহস্পতিবার সকালে জোয়ারের কারণে বন্যার আশঙ্কা রয়েছে। কয়েক দিন আগে দক্ষিণ ও মধ্য ফ্লোরিডার কিছু এলাকায় ধীরগতির ঝড়ের কারণে ১৭ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছিল। ফলে নতুন করে জোয়ারের পানি বাড়লে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি আরও জটিল হতে পারে।   এ ছাড়া ফ্লোরিডার সেন্ট জনস নদী গত সপ্তাহে ১৯৫৩ সালের বন্যার রেকর্ড ভেঙেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নদীটির পানি বন্যাসীমার অন্তত ২ ফুট ওপরে থাকতে পারে।   কেন হয় কিং টাইডস?   কিং টাইডস বলতে বছরের কোনো নির্দিষ্ট এলাকায় দেখা দেওয়া অস্বাভাবিক উচ্চ জোয়ারকে বোঝায়। এটি কোনো বৈজ্ঞানিক পরিভাষা নয়। সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় একই সরলরেখায় এলে তাদের সম্মিলিত মহাকর্ষীয় আকর্ষণে সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় ওঠে। পূর্ণিমা ও অমাবস্যার সময় এ ধরনের জোয়ারের প্রভাব আরও বেশি দেখা যেতে পারে।   বিশেষজ্ঞদের মতে, এ বছর চলমান সুপার এল নিনোর কারণে সমুদ্রের পানির স্বাভাবিক উচ্চতা বেড়ে যাওয়ায় কিং টাইডসের প্রভাব আরও তীব্র হয়েছে। দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও উপকূলীয় বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। উচ্চ জোয়ারের সময় ঝড়, শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাত একসঙ্গে হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।আবহাওয়া দপ্তর উপকূলীয় বাসিন্দাদের স্থানীয় সতর্কতা অনুসরণ, উঁচু ঢেউয়ের সময় সমুদ্রসৈকত, পিয়ার ও পাথুরে এলাকায় যাওয়া থেকে বিরত থাকা এবং প্লাবিত সড়কে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে।   সংবাদ সূত্র LiveNOW from FOX 876TR

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:৮
মশাবাহিত ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ক্যালিফোর্নিয়ায় ৬১৭ জন আক্রান্ত, দুই মাস ধরে পক্ষাঘাতগ্রস্ত এক নারী। ছবি: সংগৃহীত

ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ৪৫ জনের মৃত্যু, দুই মাস ধরে অচল নারীর পা

যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা,  বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন

যুক্তরাষ্ট্র জুড়ে কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা, বড় শহরগুলোর মধ্যে লাভের তলানিতে হিউস্টন

নিউইয়র্কে সেমিনারে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। ছবি: সংগৃহীত

আবু সাঈদ ও শিশুসহ ১,৪০০ জনকে হত্যা করেছে আওয়ামী লীগ: নিউইয়র্কে আ. লীগের সেমিনারে হ্যারি টমাস

হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি
হঠাৎ খাবার বিতরণকেন্দ্রে হাজির ওবামা দম্পতি, নিজেরাই প্যাকেট করলেন খাবার

থ্যাংকসগিভিং উৎসবের আগে শিকাগোর একটি খাদ্য সহায়তা প্রতিষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। সেখানে তাঁরা শুধু অতিথি হিসেবে যাননি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিজেরাই পরিবারের জন্য খাবারের বাক্স প্রস্তুত করেছেন।   বুধবার (২৫ নভেম্বর) শিকাগোর এনগলউড এলাকার ‘ডিওনস শিকাগো ড্রিম’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানে যান ওবামা দম্পতি। সেখানে তাঁরা প্রতিষ্ঠানের কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাজা ফল ও সবজি প্যাকেট করার কাজে অংশ নেন। এসব খাবার থ্যাংকসগিভিংয়ের আগে শিকাগোর বিভিন্ন পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা।   প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে শিকাগোর প্রায় ৫ হাজার ৪০০ মানুষের কাছে তাজা ফল ও সবজি পৌঁছে দেয়। খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০২০ সালে একটি কমিউনিটি ফ্রিজের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন ডিওন ডসন। বর্তমানে এটি একটি বড় খাদ্য সহায়তা কার্যক্রমে পরিণত হয়েছে।   প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডিওন ডসন জানান, ওবামা দম্পতির আসার খবর তিনি মাত্র এক ঘণ্টা আগে পেয়েছিলেন। তাঁদের আকস্মিক উপস্থিতিতে কর্মী ও স্বেচ্ছাসেবকেরা আনন্দিত ও বিস্মিত হন। খাবার প্যাকেট করার সময় বারাক ওবামা ও মিশেল ওবামা নিজেদের জীবনের অভিজ্ঞতা নিয়েও মজার কথাবার্তা বলেন। তাঁদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।   থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে খাদ্য সহায়তা কার্যক্রম চলছে। এমন সময়ে সাবেক প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর সরাসরি স্বেচ্ছাসেবায় অংশ নেওয়াকে স্থানীয় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংবাদসূত্র: এবিসি৭ শিকাগো।874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৮:২
যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্র জুড়ে ছুটির মৌসুমে গড় ব্যয় মাসিক আয়ের প্রায় ২১ শতাংশ, উদ্বিগ্ন ৭০ শতাংশ মার্কিনী

যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক

যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে: বন্ধ আছে অনেক সরকারি সেবা সহ সুপারমার্কেট,ব্যাংক

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তির শীর্ষে নিউইয়র্ক: বাংলাদেশীদের নতুন রেকর্ড

নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল
নিউইয়র্কে বাড়িভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আটকে গেল, স্বস্তি পেলেন লাখো ভাড়াটিয়া

নিউইয়র্কে বাড়িভাড়া বৃদ্ধি নিয়ে বড় ধরনের আইনি লড়াইয়ে স্বস্তি পেয়েছেন লাখো ভাড়াটিয়া। শহরের ভাড়ানিয়ন্ত্রিত বাসার ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে বাড়ির মালিকদের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। ফলে মেয়র জোহরান মামদানির প্রশাসনের নেওয়া ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল থাকছে।   বুধবার (২৫ নভেম্বর) ম্যানহাটনের সুপ্রিম কোর্টের বিচারক ব্রেন্ডন ল্যানট্রি এ রায় দেন। বাড়ির মালিকদের একটি পক্ষ আদালতে অভিযোগ করেছিল, ভাড়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শহরের ভাড়া নির্দেশিকা বোর্ড স্বাধীনভাবে কাজ করেনি। তাদের দাবি ছিল, বাড়ির রক্ষণাবেক্ষণ, বীমা, কর ও অন্যান্য পরিচালন ব্যয় বাড়লেও সেগুলো যথাযথভাবে বিবেচনা করা হয়নি।   তবে আদালত বাড়ির মালিকদের আবেদন খারিজ করে দেন। বিচারকের মতে, ভাড়া নির্দেশিকা বোর্ডের সিদ্ধান্তকে বেআইনি, অযৌক্তিক বা স্বেচ্ছাচারী প্রমাণ করতে পারেননি মামলাকারীরা। এই সিদ্ধান্তের ফলে নিউইয়র্ক শহরের প্রায় ১০ লাখ ভাড়ানিয়ন্ত্রিত বাসার ভাড়া স্থগিত রাখার ব্যবস্থা বহাল থাকছে। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শুরু হওয়া এক বছর ও দুই বছরের নতুন চুক্তি নবায়নের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির হার শূন্য শতাংশ নির্ধারিত রয়েছে।   নিউইয়র্কে প্রায় ২৩ লাখ ভাড়ার বাসার মধ্যে প্রায় ১০ লাখ বাসা এই ভাড়ানিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় রয়েছে। এসব বাসায় বসবাসকারী দুই মিলিয়নের বেশি মানুষ এই সিদ্ধান্তের আওতায় সুবিধা পেতে পারেন। মেয়র মামদানি আদালতের রায়কে ভাড়াটিয়াদের জন্য স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেছেন। তাঁর মতে, আবাসন মানুষের মৌলিক প্রয়োজন এবং সাধারণ কর্মজীবী মানুষের জন্য নিউইয়র্কে বসবাসের সামর্থ্য বজায় রাখা জরুরি।   অন্যদিকে, বাড়ির মালিকদের প্রতিনিধিরা জানিয়েছেন, বাড়ির পরিচালন ব্যয় বাড়তে থাকলেও ভাড়া না বাড়ায় ছোট বাড়ির মালিকদের ওপর আর্থিক চাপ তৈরি হতে পারে। তাঁরা আদালতের রায়ের পরবর্তী আইনি পদক্ষেপ বিবেচনা করছেন। তবে এই সিদ্ধান্ত নিউইয়র্কের সব বাড়ির ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এটি মূলত ভাড়ানিয়ন্ত্রিত বাসার নির্দিষ্ট চুক্তি নবায়নের ক্ষেত্রে কার্যকর। সাধারণ বাজারদরের ভাড়া বা ভাড়ানিয়ন্ত্রণের বাইরে থাকা বাসার ক্ষেত্রে একই নিয়ম স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হবে না।   নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি ভাড়াটিয়াদেরও নিজেদের বাসার ভাড়ার ধরন ও চুক্তির শর্ত যাচাই করা প্রয়োজন। তাঁদের বাসা ভাড়ানিয়ন্ত্রণ ব্যবস্থার আওতায় থাকলে নতুন চুক্তি নবায়নের সময় এই সিদ্ধান্ত প্রাসঙ্গিক হতে পারে। তথ্যসূত্র: রয়টার্স, নিউইয়র্ক সিটি মেয়রের কার্যালয় এবং নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম সিক্সস্কয়ারফুট। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:১
ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

ট্রাইকেয়ার কর্মসূচিতে চরম অব্যবস্থাপনা, যুক্তরাষ্ট্রজুড়ে স্বাস্থ্যসেবায় সংকট

থ্যাংকসগিভিংয়ে যাত্রীর ঢল, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা ও ফ্লাইট বিলম্ব

থ্যাংকসগিভিংয়ে যাত্রীর ঢল, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা ও ফ্লাইট বিলম্ব

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশু পাচ্ছে স্পেসএক্সের শেয়ার, আগামী মাসেই শুরু হস্তান্তর!

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশু পাচ্ছে স্পেসএক্সের শেয়ার, আগামী মাসেই শুরু হস্তান্তর!

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...