সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

বাংলাদেশ

টিকটকের মাধ্যমে সম্পর্ক ও বিয়ের প্রলোভনে নারীদের আটকে রাখার অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার। ছবি: সংগৃহীত
ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে করলেন চীনা নাগরিক

ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।   পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চেন ইয়ং (৪১) নামের ওই চীনা নাগরিক ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে নারীদের আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে।   সর্বশেষ ঘটনাটি ঘটে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীর ক্ষেত্রে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন তাঁর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাঁর সন্ধানে তদন্ত শুরু করে।   তদন্তের একপর্যায়ে ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তাঁর বড় বোনকে ফোন করে জানান, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।   বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়।   পুলিশের প্রাথমিক অনুসন্ধানে চেন ইয়ংয়ের বিরুদ্ধে আরও একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠে আসে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন।   এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, এসব ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।   ২৫ নভেম্বর বিকেলে চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর আদালতে জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়।   পুলিশ জানিয়েছে, চেন ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।   সূত্র: যুগান্তর 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:২৪
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল

বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা ও স্কলারশিপের সুযোগ পেতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের সঙ্গে ইমেইলের মাধ্যমে যোগাযোগ করেন অনেক শিক্ষার্থী। তবে শুধু সুন্দর ইংরেজি কিংবা নির্দিষ্ট ফরম্যাট অনুসরণ করে ইমেইল লিখলেই অধ্যাপকদের আগ্রহ অর্জন করা যায় না। নিজের গবেষণার অভিজ্ঞতা, দক্ষতা ও আগ্রহের সঙ্গে সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণার যোগসূত্র তুলে ধরাও গুরুত্বপূর্ণ।   যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ফ্লোরিডার গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে পরিচয় দেওয়া মুন মোদক সামাজিক যোগাযোগমাধ্যমে এক লেখায় এ বিষয়ে নিজের অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেছেন। একটি গবেষণা সম্মেলনে কয়েকজন অধ্যাপকের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা থেকে তিনি উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন।   মুন মোদকের ভাষ্য অনুযায়ী, অধ্যাপকরা প্রতিদিন শিক্ষার্থীদের কাছ থেকে অসংখ্য ইমেইল পান। এর মধ্যে অনেক ইমেইল কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাটজিপিটির সাহায্যে একই কাঠামো অনুসরণ করে লেখা হয়। শুধু অধ্যাপকের নাম, গবেষণার বিষয় ও গবেষণাপত্রের নাম পরিবর্তন করে পাঠানো এসব ইমেইলে শিক্ষার্থীর নিজস্ব আগ্রহ অনেক সময় স্পষ্ট হয় না।   অধ্যাপকের গবেষণা সম্পর্কে জানুন   ইমেইল পাঠানোর আগে সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণার বিষয়, সাম্প্রতিক গবেষণাপত্র ও চলমান প্রকল্প সম্পর্কে ভালোভাবে জানতে হবে। গবেষণার কোন বিষয়টি নিজের আগ্রহ ও পূর্ববর্তী অভিজ্ঞতার সঙ্গে মেলে, তা সুনির্দিষ্টভাবে তুলে ধরতে হবে। শুধু গবেষণাপত্রের নাম উল্লেখ না করে এর বিশেষ কোনো ফলাফল, পদ্ধতি বা গবেষণার প্রশ্ন কেন আগ্রহ তৈরি করেছে, সেটিও ব্যাখ্যা করা উচিত।   নিজের গবেষণার অভিজ্ঞতা তুলে ধরুন   শিক্ষাগত যোগ্যতা, থিসিস, প্রকাশিত গবেষণাপত্র, গবেষণার পদ্ধতি ও অর্জিত দক্ষতা সংক্ষিপ্তভাবে উল্লেখ করতে হবে। এসব অভিজ্ঞতা সংশ্লিষ্ট অধ্যাপকের গবেষণায় কীভাবে কাজে লাগতে পারে, সেটিও তুলে ধরা গুরুত্বপূর্ণ।   নতুন কিছু শেখার আগ্রহ প্রকাশ করুন   নিজেকে সব বিষয়ে দক্ষ হিসেবে উপস্থাপন করার প্রয়োজন নেই। কোনো নির্দিষ্ট গবেষণাপদ্ধতিতে অভিজ্ঞতা না থাকলেও নতুন প্রযুক্তি ও পদ্ধতি শেখার আগ্রহ এবং গবেষণায় অবদান রাখার মানসিকতা প্রকাশ করা যেতে পারে। তবে নিজের যোগ্যতা সম্পর্কে অতিরঞ্জিত বা ভুল তথ্য দেওয়া উচিত নয়।   ইমেইলের বিষয় ও উদ্দেশ্য স্পষ্ট রাখুন   ইমেইলের সাবজেক্টে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে ভর্তির আগ্রহ, সম্ভাব্য সেমিস্টার এবং গবেষণার বিষয় উল্লেখ করা যেতে পারে। অধ্যাপক নতুন গবেষক বা শিক্ষার্থী নিয়োগ করবেন কি না এবং তাঁর গবেষণাগারে কাজের সুযোগ রয়েছে কি না, তা বিনয়ের সঙ্গে জানতে চাওয়া উচিত। অর্থায়নের সুযোগ থাকলে সে বিষয়েও জানতে পারেন শিক্ষার্থীরা।   সিভি সংযুক্ত করুন   ইমেইলের সঙ্গে হালনাগাদ একাডেমিক সিভি সংযুক্ত করা উচিত। এতে শিক্ষাগত যোগ্যতা, গবেষণার অভিজ্ঞতা, প্রকাশনা ও প্রাসঙ্গিক দক্ষতার তথ্য থাকতে হবে। ইমেইল পাঠানোর আগে অধ্যাপকের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম, বানান ও সংযুক্ত ফাইল ভালোভাবে যাচাই করে নিতে হবে।   কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর পুরোপুরি নির্ভর করবেন না   মুন মোদকের পরামর্শ, ইমেইলের ইংরেজি, ব্যাকরণ ও বাক্যগঠন উন্নত করতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া যেতে পারে। তবে গবেষণার প্রতি নিজের আগ্রহ, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিজের ভাষায় প্রকাশ করাই বেশি গুরুত্বপূর্ণ।   অধ্যাপককে পাঠানো একটি কার্যকর ইমেইলে তিনটি বিষয় স্পষ্ট থাকা প্রয়োজন। শিক্ষার্থী কে, কেন নির্দিষ্ট অধ্যাপকের সঙ্গে যোগাযোগ করছেন এবং কেন তাঁর অধীনে গবেষণা করতে চান। তবে অধ্যাপকের সঙ্গে যোগাযোগ কিংবা ইতিবাচক উত্তর পাওয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা স্কলারশিপ নিশ্চিত হওয়ার সমতুল্য নয়।   সূত্র : linkdin    871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৩:২৩
আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি
আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি

দীর্ঘ আড়াই বছর বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে প্রথম দফায় দেশটিতে যাচ্ছেন ১১২ জন বাংলাদেশি কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁদের বহনকারী ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা রয়েছে।   বৃহস্পতিবার সকালে রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক। বিকেল সাড়ে ৫টায় বিমানবন্দরে মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার বহুজাতিক প্রতিষ্ঠান ডিএইচএল সাপ্লাই চেইনে মাসিক ১ হাজার ৭০০ রিঙ্গিত মূল বেতনে কাজ করবেন। বেতনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে।   পাসপোর্ট, মেডিকেল পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ, বিমা, ভিসা ও বিমানভাড়াসহ অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। বোয়েসেলের হিসাবে, এ ব্যবস্থায় প্রত্যেক কর্মীর প্রায় দুই লাখ টাকা সাশ্রয় হবে।   নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে চার হাজারের বেশি অনলাইন আবেদনকারীর মধ্য থেকে ই-লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরবর্তী সময়ে নিয়োগকারী প্রতিষ্ঠানের পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে ১১২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।   প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সরকারের অনুরোধে প্রথম ধাপে ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনা অভিবাসন ব্যয়ে নিয়োগের বিষয়ে নীতিগত সম্মতি দিয়েছে মালয়েশিয়া সরকার। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের চাহিদা পাওয়ার কথা জানিয়েছে বোয়েসেল।   ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়েছিল মালয়েশিয়া। তবে নিয়োগে অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি ও শ্রমিক শোষণের অভিযোগের পর ২০২৪ সালের জুন থেকে নতুন কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।   এদিকে বিনা খরচে কর্মী পাঠানোর এই কর্মসূচিতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে বোয়েসেল। সংস্থাটির নামে কেউ টাকা দাবি করলে তা প্রতারণা হিসেবে গণ্য হবে বলেও সতর্ক করা হয়েছে। নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি বোয়েসেলের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে।    সূত্র : বিটিভি   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৩:১৪
নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী
নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী

নামের শেষে ‘ফকির’ পদবি থাকায় ছোটবেলা থেকেই নানা কটূক্তি শুনতে হয়েছে ফ্রান্সপ্রবাসী মো. শাহিন ফকিরকে। স্বপ্ন ছিল, একদিন ব্যতিক্রমী কিছু করে সবাইকে তাক লাগিয়ে দেবেন। সেই স্বপ্ন ও মা-বাবার ইচ্ছা পূরণে ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বুধবার (২৫ নভেম্বর) হেলিকপ্টারে নববধূকে নিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গ্রামের বাড়িতে ফিরেছেন তিনি।   শাহিন ফকির উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সর্দার বাড়ির মো. সিরাজ ফকিরের ছেলে। দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন তিনি। এলাকায় শাহিন সর্দার নামেও পরিচিত এই প্রবাসী।   নবদম্পতির আগমন ঘিরে প্রায় দুই সপ্তাহ ধরে চলছিল প্রস্তুতি। গ্রামের ধানক্ষেতের মাঝে তৈরি করা হয় অস্থায়ী হেলিপ্যাড। প্রশাসনিক অনুমতি নেওয়া, বাড়িঘর সাজানো, রাস্তাঘাট সংস্কার ও গ্রামবাসীকে আমন্ত্রণ জানানোসহ নানা আয়োজন করা হয়।   ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে গ্রামের উদ্দেশে রওনা হন নবদম্পতি। তাদের দেখতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ ভিড় করেন। পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।   নিজের অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’   দীর্ঘদিনের স্বপ্ন ও মা-বাবার ইচ্ছা পূরণ করতে পেরে আনন্দিত শাহিন। ব্যতিক্রমী এই আয়োজন নিয়ে বৃহস্পতিবারও এলাকায় চলছিল আলোচনা। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন স্থানীয়রা।   সংবাদসূত্র: আরটিভি   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ২:১২
ইতালির বারিতে সাইকেল চালিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় নিহত বাংলাদেশি যুবক জুনাইদ আহমেদ। ছবি: সংগৃহীত
ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছে ২ মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ইতালিতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় জুনাইদ আহমেদ (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দেশটির বারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মাত্র দুই মাস আগে ইতালিতে পৌঁছেছিলেন তিনি।   নিহত জুনাইদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।   পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেন। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন কলেজপড়ুয়া এই যুবক।   পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন জুনাইদ। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।   তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদের আরেক ভাই ইতালিতে এবং অন্য ভাই কুয়েতে বসবাস করছেন। নিহতের মামাতো ভাই নিশান মিয়া জানান, পরিবারের জন্য ভালো কিছু করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। বাবা-মা যেন শেষবারের মতো সন্তানকে দেখতে পারেন, সে জন্য দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা।   ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ জানিয়েছেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১১:৫২
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা,  ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি

ভিক্ষাবৃত্তিরও সময়সীমা নির্ধারণ করে ব্যতিক্রমী ঘোষণা দিয়েছেন ময়মনসিংহের ফুলপুর বাজারের স্থানীয় ‘ফকির কমিটি’র সভাপতি পরিচয় দেওয়া এক ব্যক্তি। তাঁর ঘোষণা অনুযায়ী, বিকেল ৫টার পর বাজার এলাকায় কেউ ভিক্ষা করতে পারবেন না। নির্ধারিত সময়ের পর ভিক্ষা করলে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং কারাদণ্ডের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।   বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ও ছবিতে বিষয়টি সামনে আসে। ভিডিওতে দেখা যায়, হুইলচেয়ারে বসে হাতে মাইক নিয়ে বাজারের মানুষের উদ্দেশে ঘোষণা দিচ্ছেন এক ব্যক্তি। তিনি নিজেকে স্থানীয় ফকির কমিটির সভাপতি হিসেবে পরিচয় দেন।   ঘোষণায় ওই ব্যক্তি জানান, কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৫টার পর ফুলপুর বাজার এলাকায় ভিক্ষাবৃত্তি করা যাবে না। কেউ এই নিয়ম অমান্য করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১ হাজার ৫০০ টাকা জরিমানা এবং কারাদণ্ডের কথাও উল্লেখ করেন তিনি।এমন ব্যতিক্রমী ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। কেউ বাজারের শৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ হিসেবে দেখছেন, আবার অনেকে প্রশ্ন তুলেছেন, স্থানীয় কোনো কমিটির জরিমানা বা কারাদণ্ড দেওয়ার আইনগত ক্ষমতা রয়েছে কি না।   এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন জানিয়েছেন, তিনি এ ধরনের কোনো ঘোষণার বিষয়ে অবগত নন।তবে স্থানীয় কমিটির পক্ষ থেকে জরিমানা ও কারাদণ্ডের হুঁশিয়ারি দেওয়া হলেও এসব শাস্তি কার্যকরের আইনগত ভিত্তি কী, তা এখনো স্পষ্ট নয়।   সংবাদসূত্র দ্য ডেইলি ক্যাম্পাস 876TR

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৯:৫০
বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে
বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। এর ফলে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি নির্ধারণ করা হয়। বুধবার ভোরে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ সিদ্ধান্তের কথা জানান।   সর্বনিম্ন মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিকপক্ষ সর্বশেষ ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৬ হাজার টাকা প্রস্তাব করে। দুই পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় গোপন ভোটের আয়োজন করা হয়। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শিরোনাম +2   নতুন মজুরি কাঠামোয় প্রথম গ্রেডের শ্রমিকদের মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার টাকা, তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা এবং চতুর্থ গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।   এ ছাড়া যেসব শ্রমিক বর্তমানে সংশ্লিষ্ট গ্রেডের নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাঁদের বেতনও অন্তত দুই হাজার টাকা বাড়িয়ে সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি ও বার্ষিক বেতন বৃদ্ধির বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় নির্ধারণ করা হবে।   বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারিতে বর্ধিত মজুরি পাবেন শ্রমিকেরা। তবে এর আগে সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে নতুন মজুরি কাঠামোর আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।   এর আগে ২০২৩ সালে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন করে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড গঠন করে। তিন বছরের ব্যবধানে আবারও বাড়ানো হলো দেশের প্রধান রপ্তানি খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি।    বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১:৩৩
ভুয়া ভিডিও ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নারীর ওপর হামলার দাবি।
ভুয়া ভিডিও ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নারীর ওপর হামলার দাবি, আসলে কি ঘটেছিল?

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশে মুসলিম যুবকেরা এক হিন্দু নারীর ওপর হামলা চালাচ্ছে। তবে ফ্যাক্টচেক বা তথ্য যাচাইয়ে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভাইরাল হওয়া ভিডিওটি কোনো সাম্প্রদায়িক হামলার নয়, বরং এটি সুনামগঞ্জে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত একটি ভাঙচুরের ঘটনার।   ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একদল উত্তেজিত জনতা একটি টিনের ঘর ঘেরাও করে ভাঙচুর চালাচ্ছে। এ সময় একজন নারী কোলে শিশু নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে হামলাকারীদের উদ্দেশে চিৎকার করছেন। একপর্যায়ে এক ব্যক্তি তার কোল থেকে শিশুটিকে সরিয়ে নেন এবং লাঠিসোঁটা ও বাঁশ হাতে কয়েকজন যুবক ঘরটির টিনের বেড়া ও কাঠের কাঠামো ভেঙে ফেলেন। ভিডিওটির ওপর হিন্দি ভাষায় লেখা ছিল, ‘দেখুন বাংলাদেশে কীভাবে হিন্দুদের টার্গেট করা হচ্ছে’। এক্স (সাবেক টুইটার) এবং ফেসবুকে একাধিক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে সাম্প্রদায়িক উসকানিমূলক ক্যাপশন দেওয়া হয়।   বিষয়টি নিয়ে অনুসন্ধান করে দেখা যায়, মূল ভিডিওটি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’-এর ইউটিউব চ্যানেলে গত ২৫ মার্চ প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘চুরির অভিযোগে সুনামগঞ্জে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট’।   এছাড়া দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ঘটনাটি সুনামগঞ্জ জেলার দক্ষিণ কুরশি গ্রামের। স্থানীয়দের অভিযোগ, ওই গ্রামের বাসিন্দা আলী হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরির সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার দিন পাশের এলাকায় আলী হোসেনের ছেলে সাইদুল হক ও তার এক সহযোগী গরু চুরির সময় হাতেনাতে ধরা পড়েন। এই খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী আলী হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়।   অনুসন্ধানে আরও নিশ্চিত হওয়া গেছে যে, ভিডিওতে কোলে শিশু নিয়ে যে নারীকে ঘর রক্ষার চেষ্টা করতে দেখা গেছে, তিনি কোনো হিন্দু নারী নন। তিনি অভিযুক্ত আলী হোসেনের মেয়ে এবং মামলার অন্যতম অভিযুক্ত তারেক মিয়ার স্ত্রী। হামলার সময় আলী হোসেন ও তার সহযোগীরা পলাতক ছিলেন।   সুতরাং, গরু চুরির অভিযোগে গ্রামবাসীর ক্ষোভ ও বাড়িঘর ভাঙচুরের একটি পুরোনো ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক রূপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। সূত্র: নিউজমিটার। 873 ডিএন  

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১৩:৪৩
বগুড়ায় শুটিং করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান
বগুড়ায় শুটিং করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান

নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত কয়েক দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।   পরিবারের বরাতে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।   শুটিং ইউনিটের সদস্যদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।   তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে চিকিৎসকদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।   দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সোহেল খান। ‘৪২০’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’ ও ‘জংলি’সহ বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।   তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার। অভিনয়জগতের সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।    সংবাদসূত্র: চ্যানেল আই   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১:৬
রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন সুনামগঞ্জের আমির উদ্দিন। ছবি: সংগৃহীত
ভাঙা ভাড়া ঘরে বসবাস, তবু পরের সম্পদে লোভ নেই! ৩ ভরি সোনা ফিরিয়ে সততার দৃষ্টান্ত চানাচুর বিক্রেতার

নিজের কোনো ঘরবাড়ি নেই। পরিবার নিয়ে থাকেন ভাঙাচোরা একটি ভাড়া ঘরে। ভ্যানগাড়িতে চানাচুর বিক্রি করেই চলে সংসার। অভাবের এই জীবনেও অন্যের সম্পদের প্রতি লোভ করেননি সুনামগঞ্জের আমির উদ্দিন (৩৫)। রাস্তায় কুড়িয়ে পাওয়া প্রায় তিন ভরি স্বর্ণালংকার প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।   রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ার এলাকায় ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো ভ্যানগাড়িতে চানাচুর বিক্রি করছিলেন আমির। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ভ্যানের চাকার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন তিনি। ব্যাগটি তুলে খুলে দেখেন, অন্যান্য জিনিসের সঙ্গে রয়েছে স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি। সব মিলিয়ে প্রায় তিন ভরি স্বর্ণালংকার।   মূল্যবান এসব অলংকার পাওয়ার পর নিজের কাছে রেখে দেওয়ার পরিবর্তে মালিকের সন্ধান করতে থাকেন আমির। প্রায় চার ঘণ্টা পর রাত ১১টার দিকে সুনামগঞ্জ সদর থানায় পুলিশের উপস্থিতিতে স্বর্ণালংকারসহ ব্যাগটি প্রকৃত মালিক সজল তালুকদারের হাতে তুলে দেন তিনি।   প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, সজল তালুকদার সুনামগঞ্জ শহরের আবুল হোসেন রোডে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন। রোববার বিকেলে তাঁর স্ত্রী স্বর্ণের এক জোড়া চুড়ি ও দুটি আংটি পরিষ্কার করাতে শহরের একটি স্বর্ণের দোকানে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্বামী সজল ও তাঁদের দুই শিশুসন্তান।   কাজ শেষে রিকশায় করে আলফাত স্কয়ার হয়ে বাসায় ফেরেন তাঁরা। কিন্তু বাসার সামনে নেমে দেখতে পান, স্বর্ণালংকার রাখা হাতব্যাগটি নেই। কোথায় বা কীভাবে ব্যাগটি পড়ে গেছে, তা বুঝতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।   এরপর দুই বন্ধুকে সঙ্গে নিয়ে সজল প্রথমে থানায় গিয়ে বিষয়টি জানান। পরে শহরের বিভিন্ন স্থানে হারানো ব্যাগের সন্ধান করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে বাসায় ফিরে যান তিনি।   তবে ব্যাগটি ফিরে পাওয়ার সূত্র তৈরি হয় এক রিকশাচালকের মাধ্যমে। সজলের দুই বন্ধু অন্য একটি রিকশায় বাড়ি ফেরার সময় হারানো স্বর্ণালংকার নিয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন। তাঁদের কথা শুনে রিকশাচালক আবু সাইদ জানান, এক চানাচুর বিক্রেতা একটি ব্যাগ কুড়িয়ে পেয়েছেন এবং সেটির মালিককে খুঁজছেন।   রিকশাচালকের কাছ থেকে খবর পেয়ে সজলকে বিষয়টি জানানো হয়। পরে আমির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করে হারানো ব্যাগের সন্ধান পান তাঁরা।   আমির উদ্দিন জানান, ব্যাগের ভেতর স্বর্ণালংকার দেখে তিনি প্রথমে ভয় পেয়ে যান। এত মূল্যবান জিনিস নিজের ভ্যানগাড়িতে রাখা নিরাপদ মনে হয়নি তাঁর। কারণ, এর আগে তিনবার তাঁর দোকানে চুরির ঘটনা ঘটেছে। তাই সতর্কতার সঙ্গে স্বর্ণালংকারগুলো ছেলের মাধ্যমে বাড়িতে পাঠিয়ে দেন।   সুনামগঞ্জ শহরের পশ্চিমবাজার এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন আমির উদ্দিন। তাঁর দাবি, সেখানে একটি ভাঙাচোরা ভাড়া ঘরেই তাঁদের সংসার। নিজের কোনো বাড়ি কিংবা জমিজমা নেই।   এত অভাবের মধ্যেও স্বর্ণালংকার নিজের কাছে রেখে দেওয়ার কথা কেন ভাবেননি, এমন প্রশ্নের জবাবে প্রথম আলোকে আমির উদ্দিন বলেন, ‘ছোটবেলা থাকি কষ্ট করি চলি। পরের জিনিসে লোভ নাই।’   আমির উদ্দিনের সততার প্রশংসা করেছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ। তিনি জানান, স্বর্ণালংকার হারানোর বিষয়টি থানায় জানানোর পর পুলিশও ব্যাগটির সন্ধানে সহযোগিতা করে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিরা আমির উদ্দিনকে সঙ্গে নিয়ে থানায় আসেন। তাঁর সততার কারণেই হারানো স্বর্ণালংকার ফিরে পাওয়া সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।   অন্যদিকে, হারানো স্বর্ণালংকার ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন সজল তালুকদার। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে আমির উদ্দিনকে পাঁচ হাজার টাকা উপহার দেন তিনি।   সজল জানান, আমির প্রথমে টাকা নিতে চাননি। পরে অনুরোধ করে তাঁকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়। দীর্ঘ চার ঘণ্টা খোঁজাখুঁজির পর হারানো ব্যাগ ফিরে পাওয়ায় তিনি আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।   অভাবের সংসারে প্রতিদিনের উপার্জন দিয়ে জীবন চালানো আমির উদ্দিনের এই ঘটনা মনে করিয়ে দিয়েছে, সততার জন্য অর্থবিত্তের প্রয়োজন হয় না। নিজের ঘর না থাকলেও অন্যের সম্পদের প্রতি লোভ না করে মালিকের হাতে তা ফিরিয়ে দেওয়ার মধ্য দিয়ে তিনি মানুষের বিশ্বাস ও আস্থার এক উজ্জ্বল উদাহরণ তৈরি করেছেন।   সূত্র: প্রথম আলো, সমকাল, ইত্তেফাক

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১০:০
১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়
১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়

বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও প্রভাবশালী রাজনীতিক মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নতুন করে আলোচনায় উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া তার একটি পুরোনো বক্তব্য। নিজের বিরুদ্ধে চলা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ চলাকালে ট্রাইব্যুনালকে উদ্দেশ করে তিনি বলেছিলেন, ‘জজ সাহেব! এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন চালু থাকে, এখানে একদিন হাসিনারও বিচার হবে।’   গতকাল রোববার (২২ নভেম্বর) তার মৃত্যুদণ্ড কার্যকরের ১১ বছর পূর্ণ হয়েছে। এ দিনটিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই বক্তব্যটি নতুন করে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে গত বছরের ১৭ নভেম্বর একই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকেই বক্তব্যটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। উল্লেখ্য, ওই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।   ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী তার বিচার চলাকালে ট্রাইব্যুনাল সচল রাখার আহ্বান জানিয়ে ওই মন্তব্য করেছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে নেটিজেনরা সেই ঐতিহাসিক উক্তিটি আবারও সামনে এনে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।   রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ড১৯৪৯ সালের ১৩ মার্চ চট্টগ্রামের রাউজানে জন্মগ্রহণ করেন সালাউদ্দিন কাদের চৌধুরী। তার বাবা ফজলুল কাদের চৌধুরী ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি চট্টগ্রাম-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের আমলে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদবিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।   বিচারপ্রক্রিয়া ও মৃত্যুদণ্ড কার্যকর১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১০ সালের ১৬ ডিসেম্বর সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেফতার করা হয়। এরপর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে হত্যা, গণহত্যা, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ মোট ২৩টি অভিযোগ গঠন করে ২০১২ সালের ৪ এপ্রিল বিচার শুরু হয়।   ২০১৩ সালের ১ অক্টোবর ট্রাইব্যুনাল তাকে ৯টি অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও সেই সাজা বহাল থাকে এবং ২০১৫ সালের ১৮ নভেম্বর রিভিউ আবেদন খারিজ হলে ফাঁসি কার্যকরের পথ প্রশস্ত হয়। ওই বছরেরই ২২ নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। একই রাতে জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদেরও ফাঁসি কার্যকর করা হয়েছিল।   বিচারপ্রক্রিয়া নিয়ে বিতর্ক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়াতৎকালীন সময়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছিল। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বিচারকাজে আসামিপক্ষের সাক্ষী উপস্থাপনের সুযোগ সীমিত করার বিষয়ে তীব্র সমালোচনা করেছিল। সংস্থাটির তথ্যমতে, রাষ্ট্রপক্ষকে ৪১ জন সাক্ষী হাজিরের সুযোগ দেওয়া হলেও আসামিপক্ষের জন্য তা মাত্র চারজনে সীমাবদ্ধ রাখা হয়েছিল। পাশাপাশি তার পক্ষে অ্যালিবাই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ না করার বিষয়টিও সমালোচিত হয়। অন্য আন্তর্জাতিক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সে সময় বিচারপ্রক্রিয়ার আন্তর্জাতিক মানদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল।   মৃত্যুবার্ষিকীর কর্মসূচি মৃত্যুর ১১ বছর পূর্তি উপলক্ষে গতকাল রোববার সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের পক্ষ থেকে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রামের রাউজানের গহিরায় পৈতৃক বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দোয়া মাহফিল শেষে পরিবারের সদস্যরা তার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ২:১৯
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
বিদেশে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

থাইল্যান্ডে যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন রাজধানীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম ওরফে সুইডেন আসলাম। রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাঁকে আটক করে পুলিশ। পরে তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।   সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুইডেন আসলামকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।   পুলিশ ও বিমানবন্দর সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান সুইডেন আসলাম। ইমিগ্রেশন কাউন্টারে গেলে তাঁকে আটক করা হয়।   দ্য ডেইলি স্টারের প্রতিবেদনে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে জানানো হয়েছে, প্রায় এক মাস ধরে আসলামকে গ্রেপ্তারের চেষ্টা করছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁকে বিদেশে যাওয়া থেকে বিরত রাখতে পাসপোর্টও ব্লক করা হয়েছিল বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।   তবে নতুন কোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে কি না কিংবা আগের কোন মামলার ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।   এর আগে ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। দীর্ঘ কারাবাসের পর ওই দিন রাত ৯টার দিকে তিনি কারাগার থেকে বের হন। সব মামলায় জামিন পাওয়ার পর তাঁর মুক্তির বিষয়টি নিশ্চিত করেছিল কারা কর্তৃপক্ষ।   বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) তথ্য অনুযায়ী, বিভিন্ন সময়ে সুইডেন আসলামের বিরুদ্ধে ২২টি মামলা হয়েছিল। এর মধ্যে ৯টি ছিল হত্যা মামলা। তবে এসব মামলার বর্তমান বিচারিক অবস্থা সম্পর্কে হালনাগাদ বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।   নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতে আলোচিত হয়ে ওঠেন শেখ মোহাম্মদ আসলাম। তেজগাঁওসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর নাম সামনে আসে। একসময় সরকারের প্রকাশিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায়ও ছিলেন তিনি।   দীর্ঘ সময় সুইডেনে অবস্থান করার কারণে তাঁর নামের সঙ্গে যুক্ত হয় ‘সুইডেন’ পরিচয়টি। দেশে ফেরার পর এই নামেই তিনি পরিচিত হয়ে ওঠেন।   ১৯৯৭ সালের ২৩ মার্চ তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যার ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় আসলামসহ ২০ জনকে আসামি করা হয়েছিল। পরের বছর পুলিশ অভিযোগপত্র জমা দেয়। ২০২৪ সালে জামিনে মুক্তির সময়ও মামলাটি বিচারাধীন থাকার তথ্য জানিয়েছিল সংবাদমাধ্যম।   অতীতে তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন অপরাধের অভিযোগ থাকলেও প্রতিটি মামলার বিচারিক ফলাফল আলাদাভাবে বিবেচনার বিষয়।   ২০১৪ সাল থেকে কাশিমপুর কারাগারে বন্দি ছিলেন সুইডেন আসলাম। ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তির পর প্রায় দুই বছর বাইরে থাকার সুযোগ পান তিনি। এবার দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আবার গ্রেপ্তার হলেন।   সর্বশেষ গ্রেপ্তারের পর তাঁকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে কোন মামলায় আদালতে হাজির করা হবে এবং পরবর্তী আইনি ব্যবস্থা কী হবে, তা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমে জানা যাবে।   সংবাদসূত্র   দ্য ডেইলি স্টার

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ০:১৩
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসকারী অধ্যাপক ফিরোজুল হক চৌধুরীর ব্যাংক হিসাব থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশি অধ্যাপক যুক্তরাজ্য প্রবাসী ফিরোজুল হক চৌধুরীর ব্যাংক থেকে সাড়ে ৭ কোটি টাকা উধাও

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক ফিরোজুল হক চৌধুরীর ব্যাংক হিসাব থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে। একুশে টেলিভিশন জানিয়েছে, ২০২৬ সালের ১ অক্টোবর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন তাঁর ছেলে রিচার্ড চৌধুরী। মামলার ১৩ আসামির মধ্যে ফিরোজুল হকের ছোট বোন, তাঁর পরিবারের কয়েকজন সদস্য এবং ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তারা রয়েছেন।    চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ফিরোজুল হক ২০১৫ সালে নোয়াখালীর চৌমুহনীতে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় সঞ্চয়ী হিসাব খোলেন। ওই হিসাবের নমিনি করেন ছোট বোন ফাতেমা বেগমকে। বাদীপক্ষের দাবি, বিভিন্ন সময়ে ওই হিসাবে প্রায় সাড়ে ১০ কোটি টাকা জমা হয়েছিল। রিচার্ডের আইনজীবীর অভিযোগ, ফিরোজুল হক যুক্তরাজ্যে থাকার সময় তাঁর স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকা তুলে নেওয়া হয়। ব্যাংকের বিভিন্ন শাখা হয়ে ওই অর্থ কয়েকজনের হিসাবে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।    দৈনিক মানবজমিনের প্রতিবেদনে চেকের নথি উদ্ধৃত করে বলা হয়, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ফিরোজুল হকের হিসাব থেকে ফাতেমার হিসাবে এক কোটি টাকা স্থানান্তর করা হয়। ২০২০ সালের জুনে একই হিসাবে যায় আরও সাত লাখ ৮০ হাজার টাকা। ২০২৩ সালের জানুয়ারিতে ফাতেমার ছেলে সাকিব ইমাম চৌধুরী ও তাঁর স্ত্রীর যৌথ হিসাবে ৩১ লাখ ২৫ হাজার টাকা স্থানান্তরের তথ্যও প্রতিবেদনে উঠে আসে। কয়েকটি চেক নিষ্পত্তির আগে হিসাব খোলার সময় দেওয়া নম্বরে যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ রিচার্ডের।    মানবজমিনকে সাকিব ইমাম চৌধুরী বলেন, ফিরোজুল হকের হিসাব থেকে তাঁর হিসাবে প্রায় ৩১ লাখ টাকা এসেছিল। তবে তিনি নিজে ফিরোজুল হকের হিসাব থেকে টাকা উত্তোলনের অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, ফাতেমা বেগমকে টাকা তোলার ক্ষমতা দিয়ে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছিলেন ফিরোজুল হক।    ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর মানবজমিনে প্রকাশিত প্রতিবাদে ইস্টার্ন ব্যাংক জানায়, ফিরোজুল হকের হিসাবে সাড়ে ১০ কোটি টাকা জমার দাবি সঠিক নয়। ব্যাংকটির দাবি, টাকা উত্তোলন, স্থানান্তর ও চেক নিষ্পত্তি ব্যাংকিং বিধি মেনেই করা হয়েছে। ব্যাংক সে সময় আরও জানায়, ফিরোজুল হকের দুটি স্থায়ী আমানত ও সঞ্চয়ী হিসাবের কিছু অর্থ স্থগিত ছিল। প্রয়োজনীয় দলিলপত্র পেলে সেগুলোর নিষ্পত্তি করা হবে।    পরিবারের ভাষ্য, ২০২৩ সালে বাংলাদেশে এসে ফিরোজুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার বিল মেটাতে গিয়ে তাঁরা হিসাবের টাকার গরমিল টের পান। পরে তিনি যুক্তরাজ্যে ফিরে যান এবং ওই বছরই ম্যানচেস্টারে মারা যান। তাঁর মৃত্যুর পর পটিয়ার জমি নিয়ে বিরোধের মধ্যে জাল মৃত্যুসনদ তৈরির অভিযোগেও চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছে একুশে টেলিভিশন।  সূত্র: মানবজমিন

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৩
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। ছবি: সংগৃহীত
রূপপুরের প্রথম পরীক্ষায় সাড়ে ৮ ঘণ্টায় জাতীয় গ্রিডে গেল প্রায় ২ কোটি টাকার বিদ্যুৎ

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে সাড়ে আট ঘণ্টায় প্রায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে শুরু হয় এই পরীক্ষামূলক সরবরাহ। এর মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় গ্রিডে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হলো।    প্রথম দফার পরীক্ষা শেষে রাত ১১টা ৫০ মিনিটে ইউনিটটির গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, পরীক্ষার শুরুতে উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। আগামীর সময়ের প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষার একপর্যায়ে উৎপাদন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে ওঠে। এ সময় টারবাইন, জেনারেটর ও গ্রিড সংযোগ ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রকৌশলীরা।    পরীক্ষায় উৎপাদিত বিদ্যুতের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। আগামীর সময়ের হিসাবে, প্রায় ২০ লাখ ইউনিটের প্রতিটির দাম ১০ টাকা ধরে এই অঙ্ক পাওয়া যায়। রূপপুরের বিদ্যুতের বিক্রয়মূল্য এখনো চূড়ান্ত হয়নি।    প্রকল্প পরিচালক কবীর হোসেন ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন, প্রথম দফার পরীক্ষা সফল হয়েছে। পরবর্তী পরীক্ষার ফল অনুযায়ী ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটের বাণিজ্যিক সরবরাহ শুরুর আগে আরও কয়েক ধাপে যন্ত্রপাতির কার্যকারিতা ও গ্রিডে সরবরাহের স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।    সূত্র: আগামীর সময়

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৮:৪৯
বাংলাদেশে শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহার নিয়ে নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
বাংলাদেশে শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহার নিয়ে নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

বাংলাদেশে ১৬ বছর বা তার কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ে নীতিমালা তৈরির জন্য স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ জনস্বার্থে করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন। আদালত শিশুদের ফেসবুক বা ইউটিউব ব্যবহার নিষিদ্ধ করেননি; নীতিমালা তৈরির প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন।    কমিটিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশুরোগ বিশেষজ্ঞ ও আইনজ্ঞ রাখার কথা বলেছেন আদালত। টেলিযোগাযোগ, নারী ও শিশুবিষয়ক, স্বাস্থ্য এবং আইন বিভাগের সংশ্লিষ্ট সচিবদের পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যানকে কমিটি গঠনে পদক্ষেপ নিতে বলা হয়েছে।    একই সঙ্গে আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, এ বিষয়ে নীতিমালা প্রণয়নে সরকারি কর্তৃপক্ষের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না। শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব মূল্যায়ন ও নীতিমালা তৈরিতে বিশেষজ্ঞ কমিটি গঠনের বিষয়ে বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফয়সাল দস্তগীর।    রিটে আইসিডিডিআরবির একটি গবেষণার তথ্য তুলে ধরা হয়। ঢাকার ছয়টি স্কুলের ৬ থেকে ১৪ বছর বয়সী ৪২০ শিক্ষার্থীর ওপর করা ওই গবেষণায় ৮৩ দশমিক ৩ শতাংশের দৈনিক স্ক্রিন ব্যবহারের সময় দুই ঘণ্টার বেশি পাওয়া যায়। বেশি সময় স্ক্রিন ব্যবহারকারী শিক্ষার্থীদের গড় ব্যবহার ছিল দিনে ৪ দশমিক ৬ ঘণ্টা। গবেষণাটি স্মার্টফোনের পাশাপাশি টেলিভিশন, কম্পিউটার, ট্যাবলেট ও গেমিং ডিভাইসের ব্যবহারও হিসাব করেছে; তাই এই পরিসংখ্যানকে শুধু ফেসবুক-ইউটিউব ব্যবহারের হার বলা যাবে না।    গবেষণায় বেশি স্ক্রিন ব্যবহার ও কম ঘুমসহ কয়েকটি স্বাস্থ্যগত সমস্যার মধ্যে সম্পর্ক পাওয়া গেছে। তবে এটি পর্যবেক্ষণমূলক গবেষণা; স্ক্রিন ব্যবহারই সমস্যাগুলোর একমাত্র কারণ, এমন সিদ্ধান্ত এতে প্রতিষ্ঠিত হয়নি। প্রস্তাবিত কমিটি শিশুদের অনলাইন ব্যবহারের প্রভাব মূল্যায়ন করে কী ধরনের নীতিমালা সুপারিশ করে, সেটিই এখন দেখার বিষয়।    সংবাদসূত্র   হাইকোর্টের আদেশ নিয়ে দ্য ডেইলি স্টার

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৭:২৪
বাংলাদেশে স্বর্ণের দর বদলেছে অন্তত ১১৬ বার, ভরিতে খরচ কমেছে ১ লাখ ৫ হাজার টাকা
বাংলাদেশে স্বর্ণের দর বদলেছে অন্তত ১১৬ বার, ভরিতে খরচ কমেছে ১ লাখ ৫ হাজার টাকা

বাংলাদেশে জানুয়ারির সর্বোচ্চ দরের তুলনায় ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি কিনতে ক্রেতার খরচ এখন প্রায় ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা কম। রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর নতুন দর ভরিপ্রতি ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। তবে কমার এই অঙ্কটি কেবল বাজুসের ঘোষিত দুই দরের ব্যবধান নয়। জানুয়ারিতে ক্রেতাকে আলাদা করে দিতে হওয়া ভ্যাট যোগ করে খরচের তুলনা করা হয়েছে।   বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) হিসাবে, ২৯ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের ঘোষিত দর সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল। বর্তমান ঘোষিত দরের সঙ্গে তার ব্যবধান ৯১ হাজার ৩৭ টাকা। কিন্তু জানুয়ারির দামের ওপর আরও ৫ শতাংশ ভ্যাট দিতে হতো। এতে তখন এক ভরি কিনতে ব্যয় দাঁড়াত প্রায় ৩ লাখ ৩০০ টাকা। বর্তমানে বাজুস ঘোষিত দামের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত। সেই হিসাবে ক্রেতার ব্যয় কমেছে প্রায় ১ লাখ ৫ হাজার ৩৩৭ টাকা। অলংকার তৈরির মজুরি দুই হিসাবের বাইরে।   শনিবার রাতে বাজুস সর্বশেষ দাম কমানোর ঘোষণা দেয়। এক দফায় ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে কমেছে ৬ হাজার ১৮২ টাকা। এর আগে ২০ নভেম্বরও ভরিতে ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়েছিল। ফলে চলতি মাসে একাধিক দফা দরপতনের পর ভালো মানের স্বর্ণের দাম আবার দুই লাখ টাকার নিচে নেমেছে। একই সময়ে বিশ্ববাজারেও স্বর্ণের দাম কমেছে। রয়টার্স জানিয়েছে, ২০ নভেম্বর প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম দিনের এক পর্যায়ে ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।   নতুন দরের পাশাপাশি পুরোনো অলংকার বিক্রি ও বদলের নিয়মও পরিবর্তন করেছে বাজুস। রোববার থেকে পুরোনো গয়না সরাসরি বিক্রি করলে দরের ১৮ শতাংশের বদলে ১৫ শতাংশ বাদ দেওয়া হবে। পুরোনো গয়না দিয়ে নতুন গয়না কিনলে বাদ যাবে ১২ শতাংশের বদলে ৯ শতাংশ। বর্তমান দর ধরে এক ভরি পুরোনো ২২ ক্যারেট স্বর্ণ সরাসরি বিক্রিতে আনুমানিক ১ লাখ ৬৫ হাজার ৭১৯ টাকা পাওয়া যেতে পারে। গয়নার মান, ওজন ও অন্যান্য উপাদান অনুযায়ী হাতে পাওয়া অর্থ ভিন্ন হতে পারে।   জানুয়ারিতে প্রায় ৩ লাখ ৩০০ টাকা ব্যয়ে এক ভরি স্বর্ণ কেনা কেউ বর্তমান দরে তা বিক্রি করলে এই উদাহরণ অনুযায়ী তাঁর ক্ষতি দাঁড়াবে প্রায় ১ লাখ ৩৪ হাজার ৫৮২ টাকা। অর্থাৎ নতুন ক্রেতার খরচ কমার হিসাব এবং পুরোনো গয়না বিক্রেতার লোকসানের হিসাব এক নয়। কেনার সময় দেওয়া মজুরি ফেরত পাওয়া না গেলে বিক্রেতার মোট ক্ষতি আরও বাড়বে।   দামের ওঠানামার মাত্রাও বেড়েছে। প্রকাশিত হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ১৯ সেপ্টেম্বরের মধ্যেই বাজুস ১১৬ বার স্বর্ণের দর সমন্বয় করেছিল; এর মধ্যে ৫৮ বার বেড়েছে এবং ৫৮ বার কমেছে। তাই ১১৬ বারকে পুরো বছরের চূড়ান্ত সংখ্যা বলা যাবে না। স্বর্ণ কেনা বা বিক্রির আগে সর্বশেষ বাজুস দর এবং দোকানে প্রযোজ্য মজুরি জেনে মোট খরচ হিসাব করা প্রয়োজন।   সংবাদসূত্র: ইত্তেফাক

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৩:৫৩
প্রায় ৫ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স— আগের সব রেকর্ড ছাপিয়ে গেল এবারের দান!
প্রায় ৫ মাস পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স— আগের সব রেকর্ড ছাপিয়ে গেল এবারের দান!

প্রায় পাঁচ মাস পর খোলা হলো কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। এবার দানবাক্সগুলো থেকে মোট ৫১ বস্তা টাকা পাওয়া গেছে, যা আগের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে।   শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় দানবাক্সগুলোর তালা খোলা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।   পরে সকাল সাড়ে ৯টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন দানবাক্স থেকে ৫১ বস্তা টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ব্রিফিংয়ে জেলা প্রশাসন ও মসজিদ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।   সাধারণত তিন থেকে চার মাস পরপর পাগলা মসজিদের দানবাক্স খোলা হয় এবং প্রতিবারই দানের পরিমাণ আগের রেকর্ড ছাড়িয়ে যায়। এবার দীর্ঘ প্রায় পাঁচ মাস পর সিন্দুক খোলায় দানের পরিমাণে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। সিন্দুক থেকে সংগৃহীত টাকা বস্তায় ভরে মোট ৫১ বস্তায় রূপ দেওয়া হয়েছে। টাকা গণনার কাজ শেষ হলে দানের প্রকৃত পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   গণনা কার্যক্রম নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।   এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সে সময় ১৩টি সিন্দুক থেকে ৪৩ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। দিনভর গণনা শেষে দেশি মুদ্রায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার এবং বিভিন্ন সামগ্রী দান হিসেবে সংগৃহীত হয়েছিল।   পাগলা মসজিদ শুধু মুসলিম সম্প্রদায়ের নয়, বিভিন্ন ধর্মাবলম্বীর কাছেও একটি পরিচিত ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের বিশ্বাস, আন্তরিক নিয়তে এখানে দান করলে মনের আশা পূরণ হয়। এই বিশ্বাস থেকেই রোগমুক্তি, উচ্চশিক্ষা ও সন্তান লাভসহ নানা মানতে মানুষ এখানে দান করেন। নগদ অর্থের পাশাপাশি স্বর্ণালংকার, হাঁস-মুরগি, গবাদিপশু ও নানা ধরনের সামগ্রীও দান করা হয়।   জনশ্রুতি রয়েছে, পাগলবেশী এক আধ্যাত্মিক সাধক নরসুন্দা নদীতে মাদুরে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকায় আস্তানা গড়েন। তাকে ঘিরে ধীরে ধীরে ভক্তদের সমাগম বাড়তে থাকে এবং মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মিত হয়। পরবর্তীতে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।   প্রায় আড়াইশ বছরের পুরোনো এই মসজিদটি কিশোরগঞ্জ সদর উপজেলার নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে মসজিদটি ওয়াক্‌ফ এস্টেটের অধীনে পরিচালিত হয়ে আসছে।     সংবাদসূত্র ঢাকা পোস্ট

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৩:৩৯
যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাসের সতর্কতা
যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা: মার্কিন দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ বা অনুমোদিত অবস্থানের সময়সীমা শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করলে কঠোর আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানোর (ডিপোর্টেশন) পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে।   শনিবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ সতর্কতার কথা জানানো হয়।   দূতাবাসের ওই সতর্কবার্তায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে।”   উল্লেখ্য, ভিসা নীতিমালা ও অভিবাসন আইন কঠোরভাবে অনুসরণের বিষয়ে সাম্প্রতিক সময়ে নিয়মিত সচেতনতামূলক বার্তা দিয়ে আসছে ঢাকার মার্কিন দূতাবাস। এর আগে গত ৯ নভেম্বর ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করা হয়েছিল।   ওই বার্তায় দূতাবাস জানিয়েছিল, আবেদনকারী যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলবেন—এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত হতে না পারলে ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ও আইনানুগ ব্যবহার নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব আবেদনকারীর নিজের বলেও তখন মনে করিয়ে দেওয়া হয়েছিল। সূত্র: মার্কিন দূতাবাস, ঢাকা।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৩:২৬
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন
জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীসহ আট জেলায় ৯০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি প্রয়োজনে আরও চার প্লাটুন বিজিবি সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।   শনিবার (২১ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   বিজ্ঞপ্তি অনুযায়ী, মোতায়েন করা প্লাটুনগুলোর মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ২৯ প্লাটুন এবং ঢাকা জেলায় ১৮ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। এ ছাড়া গাজীপুরে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ছয় প্লাটুন, কক্সবাজারে ছয় প্লাটুন, ঢাকা মহানগরীতে পাঁচ প্লাটুন, ফরিদপুরে পাঁচ প্লাটুন এবং ময়মনসিংহে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।   স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন হওয়া এসব সদস্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। তারা সংশ্লিষ্ট এলাকাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জনবহুল স্থানে নিরাপত্তা জোরদার করবেন এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর থাকবেন।   মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও চিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।   বিজিবি জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন সদস্যরা। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর। সূত্র: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সংবাদ বিজ্ঞপ্তি।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৩:১০
সিঙ্গাপুরে ১৪ বছর কাজের সঞ্চয়ে কুমিল্লায় তিনতলা বাড়ি তৈরি করেছেন প্রবাসী সুমন। বাড়িটির নাম রেখেছেন হোসেন ভিলা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
২ কোটি টাকার তিনতলা বাড়ি দেখাতে সিঙ্গাপুরের মালিককে বাংলাদেশে আনলেন প্রবাসী সুমন

সিঙ্গাপুরে টানা ১৪ বছর কাজ করে জমানো অর্থে কুমিল্লায় তিনতলা স্বপ্নের বাড়ি তৈরি করেছেন প্রবাসী বাংলাদেশি সুমন। নিজের দীর্ঘদিনের পরিশ্রমে গড়ে তোলা সেই বাড়ি দেখাতে এবার সিঙ্গাপুরের নিয়োগকর্তাকেই বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। কুমিল্লায় পৌঁছে সুমনের বাড়ি ঘুরে দেখেছেন নিয়োগকর্তা। কর্মীর এমন অর্জনে আনন্দ প্রকাশ করে তাঁকে অভিনন্দনও জানিয়েছেন তিনি। সুমনের এই গল্প এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে।   সিঙ্গাপুরে নির্মাণ ও অভ্যন্তরীণ সাজসজ্জার বিভিন্ন প্রকল্পে কাজ করেন সুমন। দীর্ঘ ১৪ বছরের প্রবাসজীবনে সঞ্চয় করা অর্থ দিয়ে কুমিল্লায় তৈরি করেছেন প্রায় ২ হাজার ৫০০ বর্গফুটের তিনতলা বাড়ি। বাড়িটির নাম রেখেছেন ‘হোসেন ভিলা’। বাড়িটি নির্মাণে তাঁর ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ৪২ লাখ টাকা। সিঙ্গাপুরে কাজের অভিজ্ঞতা থেকে পাওয়া আধুনিক নকশার ধারণা নিজের বাড়িতেও কাজে লাগিয়েছেন বলে জানিয়েছেন তিনি।   সম্প্রতি ‘আল আমিন গ্রামীণ ব্লগ’ নামের একটি ফেসবুক পেজে বাড়িটির ঘুরে দেখানোর ভিডিও প্রকাশ করা হয়। এতে সুমনকে নিজেই তাঁর সিঙ্গাপুরের নিয়োগকর্তাকে বাড়ির বিভিন্ন অংশ ঘুরিয়ে দেখাতে দেখা যায়। ভিডিওতে বাড়ির প্রবেশপথে বাংলাদেশের পাশাপাশি সিঙ্গাপুরের পতাকাও চোখে পড়ে। বাড়িটির নামফলকে দুই দেশের পতাকা রাখার মাধ্যমে নিজের জন্মভূমি এবং দীর্ঘদিনের কর্মস্থলের প্রতি ভালোবাসা তুলে ধরেছেন তিনি। এশিয়াওয়ানের প্রতিবেদন প্রকাশের সময় ভিডিওটি ৪৬ লাখের বেশি বার দেখা হয়েছিল এবং এতে ১ লাখ ৬০ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়েছিল।   তিনতলা বাড়িটিতে রয়েছে পাঁচটি শয়নকক্ষ, সাজানো বাগান এবং নান্দনিক নকশার প্যাঁচানো সিঁড়ি। বাড়ির বিভিন্ন অংশে আধুনিক নকশা ও কাচের ব্যবহারও দেখা যায়। সিঙ্গাপুরে বিভিন্ন অভ্যন্তরীণ নির্মাণ প্রকল্পে কাজ করার সময় সেখানকার বাড়িঘরের নকশা তাঁকে অনুপ্রাণিত করেছে বলে ভিডিওতে জানান সুমন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই নিজের বাড়িতে কিছুটা সিঙ্গাপুরের আবহ তৈরি করার চেষ্টা করেছেন তিনি।   বাড়িটি ঘুরে দেখার সময় সুমনের সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেন তাঁর সিঙ্গাপুরের নিয়োগকর্তা। দীর্ঘদিনের পরিশ্রমের পর কর্মী নিজের লক্ষ্য পূরণ করতে পেরেছেন দেখে তিনি আনন্দিত বলে জানান। পরিবারের সবাইকে একসঙ্গে রাখার মতো একটি বাড়ি তৈরি করায় সুমনের প্রশংসা করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে আর্থিকভাবে আরও স্বাবলম্বী হলে সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পরামর্শও দেন। তবে ভিডিওতে নিয়োগকর্তার নাম বা বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।   সুমনের অর্জনের বিশেষ দিক হলো, বাড়ি নির্মাণের পরও তিনি সিঙ্গাপুরে কাজ চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ নিজের স্বপ্নের বাড়ি তৈরি করলেও প্রবাসজীবনের কর্মযাত্রা এখনো শেষ হয়নি। দীর্ঘদিনের সঞ্চয় দিয়ে দেশে পরিবারের জন্য স্থায়ী ঠিকানা গড়ে তোলার পাশাপাশি নিজের কর্মস্থলের মানুষকেও সেই অর্জনের অংশীদার করেছেন তিনি। এশিয়াওয়ানের প্রতিবেদনে তাঁর এই উদ্যোগকে প্রবাসী শ্রমিকদের দীর্ঘদিনের পরিশ্রম ও পরিবারের ভবিষ্যৎ গড়ার প্রচেষ্টার একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকেই সুমনকে অভিনন্দন জানিয়েছেন। কেউ তাঁর বাড়ির নকশার প্রশংসা করেছেন, আবার কেউ প্রবাসে দীর্ঘদিন কাজ করে এমন একটি বাড়ি গড়ে তোলার জন্য তাঁর পরিশ্রমের কথা উল্লেখ করেছেন। অনেকের কাছে হোসেন ভিলা শুধু একটি বড় বাড়ি নয়, বরং বিদেশের মাটিতে বছরের পর বছর কাজ করে দেশে ফিরে নিজের ও পরিবারের জন্য একটি স্থায়ী ঠিকানা তৈরির স্বপ্নপূরণের গল্প।   সংবাদসূত্র: এশিয়াওয়ান, আরটিভি অনলাইন।

প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ২৩:১৫
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আতাউল হক দোলন বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার
নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি আতাউল হক দোলন বারিধারা ডিওএইচএস থেকে গ্রেপ্তার

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টা ২০ মিনিটে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে এসআরবি-১ (SRB-1) তাঁকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।   বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত এস এম আতাউল হক দোলনের বিরুদ্ধে সাতক্ষীরার শ্যামনগর থানায় হত্যা, বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মোট ৭টি মামলা রয়েছে। মামলাগুলোর সংক্ষিপ্ত বিবরণ নিচে তুলে ধরা হলো:   হত্যা মামলা (৫ সেপ্টেম্বর ২০২৪): শ্যামনগর থানায় দায়ের করা এই মামলায় (এফআইআর নং-৪, জিআর নং-২৬৭) দণ্ডবিধির ৩০২/৪২৭/৩৭৯/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলা (২ জুন ২০২৬): শ্যামনগর থানার এফআইআর নং-৫ (জিআর নং-১৮৫) অনুযায়ী দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৫০৬/১১৪/৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় মামলাটি দায়ের করা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন মামলা (১৯ জানুয়ারি ২০২৪): সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮-এর ১৮ ধারা এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৩ অনুচ্ছেদে শ্যামনগর থানায় এই মামলাটি (এফআইআর নং-১৪, জিআর নং-১৪) করা হয়। বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক মামলা (৫ জুন ২০২৫): শ্যামনগর থানায় দায়ের করা এই মামলায় (এফআইআর নং-৭, জিআর নং-১৬২) ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৪/৬ ধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫(ডি) ধারা যুক্ত রয়েছে। হামলা ও বিস্ফোরক মামলা (১৯ মার্চ ২০২৬): শ্যামনগর থানার এফআইআর নং-১৮ (জিআর নং-৬৭) মামলায় দণ্ডবিধির ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের ৩/৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। অপহরণ ও হত্যাচেষ্টা মামলা (৫ মে ২০০৬): শ্যামনগর থানায় দায়ের করা জিআর নং-১৪৮ মামলায় দণ্ডবিধির ৩০৭/১৪৩/৩২৩/৩৭৯/৩৫৪/৩৮৫/৩৬৩ ধারায় অভিযোগ রয়েছে। হত্যাচেষ্টা মামলা (৫ মে ২০০৬): শ্যামনগর থানার এফআইআর নং-০৯ (জিআর নং-১০৮) অনুযায়ী দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩০৭ ধারায় মামলাটি করা হয় এবং ২০০৬ সালের ২৬ অক্টোবর এতে ৭০৬ নম্বর চার্জশিট দাখিল করা হয়েছিল। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১৩:৪৪

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

নভেম্বর ৭, ২০২৬ ১৩:০

Top week

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

নভেম্বর ২১, ২০২৬ ১৩:০