- প্রচ্ছদ
- অভিবাসন
অভিবাসন
কলোরাডোর ডেনভারে জন্মগ্রহণকারী এক তরুণকে মার্কিন নাগরিকত্ব থাকার পরও মেক্সিকোয় নির্বাসনের সাত মাস পর অবশেষে তাঁর নাগরিকত্বের বিষয়টি স্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নির্বাসনের জেরে ক্ষতিপূরণ চেয়ে দায়ের করা একটি মামলা খারিজের আবেদনে সরকারের পক্ষ থেকে এ স্বীকারোক্তি দেওয়া হয়েছে। ২৫ বছর বয়সী ব্রায়ান হোসে মোরালেস গার্সিয়া ডেনভারে জন্ম নিলেও বেড়ে উঠেছেন মেক্সিকোতে এবং পরবর্তী সময়ে টেক্সাসের অস্টিনে বসবাস শুরু করেন। গত ৩ এপ্রিল টেক্সাসের ফ্রেডেরিক্সবার্গের কাছে এয়ার কন্ডিশনিং ইনস্টলেশন টেকনিশিয়ান হিসেবে কর্মস্থলে যাওয়ার পথে তিনি স্থানীয় ও অঙ্গরাজ্য পুলিশের তল্লাশির মুখে পড়েন। ওই সময় তাঁর কাছে পরিচয়পত্র ছিল না। তিনি কর্মকর্তাদের জানান যে তাঁর জন্মসনদ ও সোশ্যাল সিকিউরিটি কার্ড বাসায় রয়েছে এবং তিনি মার্কিন নাগরিক। তবে কর্মকর্তারা তাঁর কথায় বিশ্বাস না করে অভিবাসন কর্তৃপক্ষকে খবর দেন এবং তাঁকে আটক করা হয়। মোরালেস গার্সিয়ার অভিবাসন আইনজীবী কেট লিংকন-গোল্ডফিঞ্চ জানান, নাগরিকত্বের দাবি বজায় রাখায় কর্মকর্তারা তাঁর মক্কেলকে মিথ্যা বলার অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডের হুমকি দেন। আইনজীবীর দাবি, ভয়ভীতি দেখিয়ে তাঁকে বাধ্য করা হয়েছিল এবং আটকের চার দিনের মাথায় তাঁকে মেক্সিকোয় নির্বাসিত করা হয়। এতে তিনি এয়ার কন্ডিশনিং বিভাগের চাকরি হারান এবং তাঁর পরিবার আয়হীন হয়ে পড়ে। গত ৩০ আগস্ট তিনি যুক্তরাষ্ট্রে ফিরে আসতে সক্ষম হন। অস্টিনের ফেডারেল আদালতে মামলা খারিজের আবেদনে মার্কিন অ্যাটর্নি জাস্টিন আর. সিমন্স উল্লেখ করেন যে মোরালেস গার্সিয়া যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দ্বৈত নাগরিক। সরকারের দাবি, সীমান্তরক্ষী কর্মকর্তারা মেক্সিকোর নথিতে তাঁর জন্মস্থান সেখানে দেখেন এবং অভিবাসন প্রয়োগের ক্ষেত্রে সরকারের দায়মুক্তি থাকায় মামলাটি খারিজ করা উচিত। তবে মোরালেস গার্সিয়া জোরপূর্বক কাগজপত্রে সই করিয়ে নির্বাসনের অভিযোগ এনে মামলা চালিয়ে যাচ্ছেন, যা সরকার অস্বীকার করেছে। এ বিষয়ে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ কোনো মন্তব্য করেনি। আইনজীবী লিংকন-গোল্ডফিঞ্চ বলেন, নাগরিকত্ব স্বীকার করাটা কেবল ন্যূনতম বিষয়, সাত মাস ধরে চলা ভোগান্তি ও ক্ষতির জন্য এটি যথেষ্ট নয়। শুরুতেই তাঁর কথা বিশ্বাস করা উচিত ছিল এবং তাঁকে কখনোই নির্বাসন দেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রে ফিরলেও নতুন করে পুলিশ বা অভিবাসন কর্মকর্তাদের মুখোমুখি হলে আবারও একই পরিস্থিতির শিকার হতে পারেন কি না—এমন শঙ্কায় ভুগছেন মোরালেস গার্সিয়া। সূত্র: এল পাইস 873 ডিএন
২০২৫ সালে ভুলবশত যুক্তরাষ্ট্র থেকে এল সালভাদরে নির্বাসিত হওয়া কিলমার আব্রেগো গার্সিয়া এবার যুক্তরাষ্ট্র ছেড়ে স্পেনে যাচ্ছেন। এর মধ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে অভিবাসন ও নির্বাসন নিয়ে তাঁর দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটতে যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইনজীবীদের সঙ্গে মার্কিন সরকারের সমঝোতার ভিত্তিতে মঙ্গলবার (২৪ নভেম্বর) ৩১ বছর বয়সী গার্সিয়া একটি বাণিজ্যিক ফ্লাইটে স্পেনের উদ্দেশে যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। এর আগে তাঁকে আফ্রিকার দেশ লাইবেরিয়ায় নির্বাসনের চেষ্টা করেছিল ট্রাম্প প্রশাসন। তবে শেষ পর্যন্ত নিজের পছন্দের দেশে যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি। কিশোর বয়সে বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন গার্সিয়া। দীর্ঘদিন ধরে মেরিল্যান্ডে বসবাস করছিলেন তিনি। তাঁর স্ত্রী ও সন্তান মার্কিন নাগরিক। ২০১৯ সালে এল সালভাদরে নিরাপত্তা ঝুঁকির কারণে তাঁকে সেখানে ফেরত না পাঠানোর নির্দেশ দিয়েছিলেন একজন ইমিগ্রেশন বিচারক। একই সঙ্গে আইসিইর তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল তাঁকে। আদালতের ওই নির্দেশ থাকা সত্ত্বেও ২০২৫ সালের মার্চে গার্সিয়াকে গ্রেপ্তার করে এল সালভাদরের একটি কারাগারে পাঠিয়ে দেয় ট্রাম্প প্রশাসন। পরে মার্কিন সরকার স্বীকার করে, প্রশাসনিক ভুলের কারণে তাঁকে সেখানে পাঠানো হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ওই বছরের জুনে তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনা হয়। যুক্তরাষ্ট্রে ফেরার পর গার্সিয়ার বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে মামলা করে বিচার বিভাগ। তবে চলতি বছরের মে মাসে একজন ফেডারেল বিচারক মামলাটি খারিজ করে দেন। বিচারকের মতে, নির্বাসনের বিরুদ্ধে আইনি লড়াই করার কারণে তাঁকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে ওই মামলা করা হয়েছিল। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে মার্কিন সরকার। গার্সিয়ার আইনজীবী জানিয়েছেন, স্পেনে যাওয়ার সিদ্ধান্ত আপাতত সাময়িক। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ফিরে মেরিল্যান্ডে পরিবারের সঙ্গে পুনরায় বসবাসের সুযোগ পাওয়ার আশা করছেন তিনি। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর যুক্তরাষ্ট্রে ফেরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। গার্সিয়ার ভুল নির্বাসন এবং পরবর্তী আইনি লড়াই ট্রাম্প প্রশাসনের গণনির্বাসন নীতি ও অভিবাসীদের আইনি সুরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। সংবাদসূত্র: রয়টার্স 871-এসএ
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো সিভিকস টেস্ট (Civics Test)। এই পরীক্ষায় যুক্তরাষ্ট্রের সরকারব্যবস্থা, সংবিধান, ইতিহাস, নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে আবেদনকারীর জ্ঞান যাচাই করা হয়। ২০২৫ সালের নতুন সিভিকস টেস্টের জন্য ১২৮টি প্রশ্ন নির্ধারণ করেছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)। পরীক্ষায় সর্বোচ্চ ২০টি প্রশ্ন করা হয় এবং উত্তীর্ণ হতে কমপক্ষে ১২টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়। বাংলাভাষী নাগরিকত্বপ্রত্যাশীদের প্রস্তুতি সহজ করতে আমেরিকা বাংলার ধারাবাহিক আয়োজনের চতুর্থ পর্বে থাকছে ৬১ থেকে ৮০ নম্বর প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সঙ্গে ইংরেজি, বাংলা অর্থ, বাংলা উচ্চারণ ও গ্রহণযোগ্য উত্তর তুলে ধরা হলো। আমেরিকান সরকারব্যবস্থা, নাগরিক অধিকার ও দায়িত্ব ৬১. Who is the governor of your state now? বাংলা: বর্তমানে আপনার অঙ্গরাজ্যের গভর্নর কে? উচ্চারণ: হু ইজ দ্য গভর্নর অভ ইয়োর স্টেট নাউ? উত্তর: Kathy Hochul. উচ্চারণ: ক্যাথি হোকুল। বাংলা: নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল। ৬২. What is the capital of your state? বাংলা: আপনার অঙ্গরাজ্যের রাজধানী কী? উচ্চারণ: হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অভ ইয়োর স্টেট? উত্তর: Albany. উচ্চারণ: অলবানি। বাংলা: নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানী অলবানি। ৬৩. There are four amendments to the U.S. Constitution about who can vote. Describe one of them. বাংলা: যুক্তরাষ্ট্রের সংবিধানে ভোটাধিকার সম্পর্কিত চারটি সংশোধনী রয়েছে। এর মধ্যে একটির বর্ণনা দিন। উচ্চারণ: দেয়ার আর ফোর অ্যামেন্ডমেন্টস টু দ্য ইউএস কনস্টিটিউশন অ্যাবাউট হু ক্যান ভোট। ডিসক্রাইব ওয়ান অভ দেম। গ্রহণযোগ্য উত্তর: Citizens eighteen (18) and older can vote. You don’t have to pay a poll tax to vote. Any citizen can vote. Women and men can vote. A male citizen of any race can vote. বাংলা: ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিক ভোট দিতে পারেন; ভোট দেওয়ার জন্য কর দিতে হয় না; নারী-পুরুষ উভয়েই ভোট দিতে পারেন; যেকোনো বর্ণের পুরুষ নাগরিক ভোট দিতে পারেন। ৬৪. Who can vote in federal elections, run for federal office, and serve on a jury in the United States? বাংলা: যুক্তরাষ্ট্রে কারা ফেডারেল নির্বাচনে ভোট দিতে, ফেডারেল পদে নির্বাচনে অংশ নিতে এবং জুরির সদস্য হিসেবে দায়িত্ব পালন করতে পারেন? উচ্চারণ: হু ক্যান ভোট ইন ফেডারেল ইলেকশনস, রান ফর ফেডারেল অফিস, অ্যান্ড সার্ভ অন আ জুরি ইন দ্য ইউনাইটেড স্টেটস? উত্তর: U.S. citizens. উচ্চারণ: ইউএস সিটিজেনস। বাংলা: যুক্তরাষ্ট্রের নাগরিকরা। ৬৫. What are three rights of everyone living in the United States? বাংলা: যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক মানুষের তিনটি অধিকার কী? উচ্চারণ: হোয়াট আর থ্রি রাইটস অভ এভরিওয়ান লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেটস? গ্রহণযোগ্য উত্তর: Freedom of expression. Freedom of speech. Freedom of assembly. Freedom to petition the government. Freedom of religion. The right to bear arms. বাংলা: মতপ্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, সরকারের কাছে আবেদন করার অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং অস্ত্র রাখার অধিকার। পরীক্ষায় যেকোনো তিনটি বলতে হবে। ৬৬. What do we show loyalty to when we say the Pledge of Allegiance? বাংলা: আনুগত্যের অঙ্গীকার পাঠ করার সময় আমরা কিসের প্রতি আনুগত্য প্রকাশ করি? উচ্চারণ: হোয়াট ডু উই শো লয়্যালটি টু হোয়েন উই সে দ্য প্লেজ অভ অ্যালিজিয়েন্স? উত্তর: The United States অথবা The flag. বাংলা: যুক্তরাষ্ট্র অথবা জাতীয় পতাকার প্রতি। ৬৭. Name two promises that new citizens make in the Oath of Allegiance. বাংলা: নাগরিকত্ব গ্রহণের শপথে নতুন নাগরিকরা যে প্রতিশ্রুতি দেন, তার মধ্যে দুটি বলুন। উচ্চারণ: নেম টু প্রমিসেস দ্যাট নিউ সিটিজেনস মেক ইন দ্য ওথ অভ অ্যালিজিয়েন্স। গ্রহণযোগ্য উত্তর: Give up loyalty to other countries. Defend the U.S. Constitution. Obey the laws of the United States. Serve in the military if needed. Serve the nation if needed. Be loyal to the United States. বাংলা: অন্য দেশের প্রতি আনুগত্য ত্যাগ করা, যুক্তরাষ্ট্রের সংবিধান রক্ষা করা, দেশের আইন মেনে চলা, প্রয়োজনে সামরিক বাহিনীতে কাজ করা, প্রয়োজনে দেশের সেবা করা এবং যুক্তরাষ্ট্রের প্রতি অনুগত থাকা। পরীক্ষায় যেকোনো দুটি বলতে হবে। ৬৮. How can people become United States citizens? বাংলা: মানুষ কীভাবে যুক্তরাষ্ট্রের নাগরিক হতে পারেন? উচ্চারণ: হাউ ক্যান পিপল বিকাম ইউনাইটেড স্টেটস সিটিজেনস? গ্রহণযোগ্য উত্তর: Be born in the United States, under the conditions set by the 14th Amendment. Naturalize. Derive citizenship under conditions set by Congress. বাংলা: সংবিধানের ১৪তম সংশোধনীর শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে, ন্যাচারালাইজেশনের মাধ্যমে অথবা কংগ্রেস নির্ধারিত শর্ত অনুযায়ী নাগরিকত্ব অর্জন করে। ৬৯. What are two examples of civic participation in the United States? বাংলা: যুক্তরাষ্ট্রে নাগরিক কার্যক্রমে অংশগ্রহণের দুটি উদাহরণ কী? উচ্চারণ: হোয়াট আর টু এগজ্যাম্পলস অভ সিভিক পার্টিসিপেশন ইন দ্য ইউনাইটেড স্টেটস? গ্রহণযোগ্য উত্তর: Vote. Run for office. Join a political party. Help with a campaign. Join a civic group. Join a community group. Give an elected official your opinion on an issue. Contact elected officials. Support or oppose an issue or policy. Write to a newspaper. বাংলা: ভোট দেওয়া, নির্বাচনে প্রার্থী হওয়া, রাজনৈতিক দলে যোগ দেওয়া, নির্বাচনী ক্যাম্পেইনে সাহায্য করা, নাগরিক বা কমিউনিটি সংগঠনে যোগ দেওয়া, নির্বাচিত প্রতিনিধিকে নিজের মতামত জানানো, নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করা, কোনো নীতির পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়া অথবা সংবাদপত্রে লেখা। পরীক্ষায় যেকোনো দুটি বলতে হবে। ৭০. What is one way Americans can serve their country? বাংলা: আমেরিকানরা কীভাবে দেশের সেবা করতে পারেন? একটি উপায় বলুন। উচ্চারণ: হোয়াট ইজ ওয়ান ওয়ে অ্যামেরিকানস ক্যান সার্ভ দেয়ার কান্ট্রি? গ্রহণযোগ্য উত্তর: Vote. Pay taxes. Obey the law. Serve in the military. Run for office. Work for local, state, or federal government. বাংলা: ভোট দেওয়া, ট্যাক্স প্রদান করা, আইন মেনে চলা, সামরিক বাহিনীতে কাজ করা, নির্বাচনে প্রার্থী হওয়া অথবা স্থানীয়, অঙ্গরাজ্য কিংবা ফেডারেল সরকারের অধীনে কাজ করা। ৭১. Why is it important to pay federal taxes? বাংলা: ফেডারেল ট্যাক্স প্রদান করা কেন গুরুত্বপূর্ণ? উচ্চারণ: হোয়াই ইজ ইট ইম্পর্ট্যান্ট টু পে ফেডারেল ট্যাক্সেস? গ্রহণযোগ্য উত্তর: Required by law. All people pay to fund the federal government. Required by the U.S. Constitution (16th Amendment). Civic duty. বাংলা: আইন অনুযায়ী বাধ্যতামূলক, ফেডারেল সরকারের ব্যয় নির্বাহের জন্য, সংবিধানের ১৬তম সংশোধনী অনুযায়ী বাধ্যতামূলক অথবা এটি নাগরিক দায়িত্ব। ৭২. It is important for all men age 18 through 25 to register for the Selective Service. Name one reason why. বাংলা: ১৮ থেকে ২৫ বছর বয়সী পুরুষদের সিলেক্টিভ সার্ভিসে নিবন্ধন করা গুরুত্বপূর্ণ। এর একটি কারণ বলুন। উচ্চারণ: ইট ইজ ইম্পর্ট্যান্ট ফর অল মেন এইজ এইটিন থ্রু টুয়েন্টি ফাইভ টু রেজিস্টার ফর দ্য সিলেক্টিভ সার্ভিস। নেম ওয়ান রিজন হোয়াই। গ্রহণযোগ্য উত্তর: Required by law. Civic duty. Makes the draft fair, if needed. বাংলা: আইন অনুযায়ী বাধ্যতামূলক, নাগরিক দায়িত্ব অথবা প্রয়োজনে বাধ্যতামূলক সামরিক নিয়োগের ক্ষেত্রে ন্যায্যতা নিশ্চিত করা। আমেরিকার ইতিহাস: ঔপনিবেশিক যুগ ও স্বাধীনতা ৭৩. The colonists came to America for many reasons. Name one. বাংলা: উপনিবেশ স্থাপনকারীরা বিভিন্ন কারণে আমেরিকায় এসেছিলেন। একটি কারণ বলুন। উচ্চারণ: দ্য কলোনিস্টস কেইম টু অ্যামেরিকা ফর মেনি রিজনস। নেম ওয়ান। গ্রহণযোগ্য উত্তর: Freedom. Political liberty. Religious freedom. Economic opportunity. Escape persecution. বাংলা: স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, অর্থনৈতিক সুযোগ অথবা নিপীড়ন থেকে রক্ষা পাওয়ার জন্য। ৭৪. Who lived in America before the Europeans arrived? বাংলা: ইউরোপীয়রা আসার আগে আমেরিকায় কারা বসবাস করতেন? উচ্চারণ: হু লিভড ইন অ্যামেরিকা বিফোর দ্য ইউরোপিয়ানস অ্যারাইভড? গ্রহণযোগ্য উত্তর: American Indians. Native Americans. বাংলা: আমেরিকার আদিবাসীরা। ৭৫. What group of people was taken and sold as slaves? বাংলা: কোন জনগোষ্ঠীর মানুষকে ধরে নিয়ে দাস হিসেবে বিক্রি করা হয়েছিল? উচ্চারণ: হোয়াট গ্রুপ অভ পিপল ওয়াজ টেকেন অ্যান্ড সোল্ড অ্যাজ স্লেভস? গ্রহণযোগ্য উত্তর: Africans. People from Africa. বাংলা: আফ্রিকান জনগোষ্ঠী বা আফ্রিকার মানুষ। ৭৬. What war did the Americans fight to win independence from Britain? বাংলা: ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের জন্য আমেরিকানরা কোন যুদ্ধে লড়াই করেছিলেন? উচ্চারণ: হোয়াট ওয়ার ডিড দ্য অ্যামেরিকানস ফাইট টু উইন ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন? গ্রহণযোগ্য উত্তর: American Revolution. The American Revolutionary War. War for American Independence. বাংলা: আমেরিকান বিপ্লব, আমেরিকার বিপ্লবী যুদ্ধ অথবা আমেরিকার স্বাধীনতাযুদ্ধ। ৭৭. Name one reason why the Americans declared independence from Britain. বাংলা: আমেরিকানরা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করার একটি কারণ বলুন। উচ্চারণ: নেম ওয়ান রিজন হোয়াই দ্য অ্যামেরিকানস ডিক্লেয়ার্ড ইন্ডিপেন্ডেন্স ফ্রম ব্রিটেন। গ্রহণযোগ্য উত্তর: High taxes. Taxation without representation. British soldiers stayed in Americans’ houses. They did not have self-government. Boston Massacre. Boston Tea Party. Stamp Act. Sugar Act. Townshend Acts. Intolerable Acts. বাংলা: অতিরিক্ত কর, প্রতিনিধিত্ব ছাড়া কর আদায়, আমেরিকানদের বাড়িতে ব্রিটিশ সেনাদের অবস্থান, স্বশাসনের অধিকার না থাকা, বোস্টন হত্যাকাণ্ড, বোস্টন টি পার্টি, স্ট্যাম্প অ্যাক্ট, সুগার অ্যাক্ট, টাউনশেন্ড অ্যাক্ট অথবা ইনটলারেবল অ্যাক্ট। ৭৮. Who wrote the Declaration of Independence? বাংলা: স্বাধীনতার ঘোষণাপত্র কে লিখেছিলেন? উচ্চারণ: হু রোট দ্য ডিক্লারেশন অভ ইন্ডিপেন্ডেন্স? উত্তর: Thomas Jefferson. উচ্চারণ: থমাস জেফারসন। ৭৯. When was the Declaration of Independence adopted? বাংলা: স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়েছিল? উচ্চারণ: হোয়েন ওয়াজ দ্য ডিক্লারেশন অভ ইন্ডিপেন্ডেন্স অ্যাডপ্টেড? উত্তর: July 4, 1776. উচ্চারণ: জুলাই ফোর, সেভেনটিন সেভেন্টি সিক্স। বাংলা: ৪ জুলাই, ১৭৭৬ সালে। ৮০. The American Revolution had many important events. Name one. বাংলা: আমেরিকান বিপ্লবে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। একটি ঘটনার নাম বলুন। উচ্চারণ: দ্য অ্যামেরিকান রেভলিউশন হ্যাড মেনি ইম্পর্ট্যান্ট ইভেন্টস। নেম ওয়ান। গ্রহণযোগ্য উত্তর: Battle of Bunker Hill. Declaration of Independence. Washington Crossing the Delaware (Battle of Trenton). Battle of Saratoga. Valley Forge. Battle of Yorktown. বাংলা: বাঙ্কার হিলের যুদ্ধ, স্বাধীনতার ঘোষণাপত্র, ওয়াশিংটনের ডেলাওয়্যার নদী অতিক্রম (ট্রেন্টনের যুদ্ধ), সারাটোগার যুদ্ধ, ভ্যালি ফোর্জ অথবা ইয়র্কটাউনের যুদ্ধ। পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা ২০২৫ সালের ২০ অক্টোবর বা তার পর নাগরিকত্বের জন্য ফরম এন-৪০০ জমা দেওয়া আবেদনকারীদের নতুন সিভিকস টেস্টে অংশ নিতে হবে। এর আগে আবেদনকারীদের জন্য ২০০৮ সালের পরীক্ষাপদ্ধতি প্রযোজ্য। নতুন সিভিকস টেস্টে মোট ১২৮টি নির্ধারিত প্রশ্ন রয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ ২০টি প্রশ্ন করা হয়। উত্তীর্ণ হতে কমপক্ষে ১২টি সঠিক উত্তর দিতে হবে। সাধারণ নিয়মে ইউএসসিআইএস অফিসার ইংরেজিতে প্রশ্ন করবেন এবং মৌখিকভাবে উত্তর দিতে হবে। প্রশ্নে যতটি উত্তর চাওয়া হবে, ততটি সঠিক উত্তর দিতে হবে। ৬১ ও ৬২ নম্বর প্রশ্নের উত্তর নিজ নিজ অঙ্গরাজ্য অনুযায়ী দিতে হবে। গভর্নরের নাম পরীক্ষার দিনের হালনাগাদ তথ্য অনুযায়ী বলতে হবে। বয়স, গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের মেয়াদ এবং নির্দিষ্ট শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার ভিত্তিতে যোগ্য আবেদনকারীদের জন্য পরীক্ষায় বিশেষ সুবিধা ও ছাড়ের বিধান রয়েছে। এই পর্বের প্রশ্নোত্তর ইউএসসিআইএসের ২০২৫ সালের অফিসিয়াল প্রশ্নপত্র অনুসারে সাজানো হয়েছে। মূল তালিকায় বাদ পড়া কয়েকটি গ্রহণযোগ্য উত্তরও সংযোজন করা হয়েছে। আমেরিকা বাংলার এই ধারাবাহিক আয়োজনের পরবর্তী পর্বে থাকছে ৮১ থেকে ১০০ নম্বর প্রশ্নের বাংলা অর্থ, উচ্চারণ ও উত্তর। সংবাদসূত্র: ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) 871/এসএ
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এক ব্যক্তিকে মেক্সিকোয় পাঠানোর পর তাঁর মার্কিন নাগরিকত্ব আদালতের নথিতে স্বীকার করেছে ট্রাম্প প্রশাসন। টেক্সাসের অস্টিনের বাসিন্দা ব্রায়ান হোসে মোরালেস গার্সিয়াকে গত এপ্রিলে সীমান্তের ওপারে পাঠানো হয়েছিল। নভেম্বরের আদালত-নথিতে সরকারের আইনজীবী তাঁকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দ্বৈত নাগরিক হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তাঁর দায়ের করা ক্ষতিপূরণের মামলা খারিজের আবেদন জানিয়েছে সরকার। বিচারক এখনো ওই আবেদনের নিষ্পত্তি করেননি। ২৫ বছর বয়সী মোরালেস গার্সিয়ার জন্ম কলোরাডোর ডেনভারে। শৈশবের বড় অংশ মেক্সিকোয় কাটিয়ে তিনি পরে টেক্সাসে বসবাস ও কাজ শুরু করেন। গত ৩ এপ্রিল এয়ার কন্ডিশনিং স্থাপনের কাজে যাওয়ার পথে সহকর্মীদের সঙ্গে থাকা একটি গাড়ি টেক্সাসের ফ্রেডেরিক্সবার্গের কাছে থামায় অঙ্গরাজ্যের পুলিশ। তিনি গাড়ির যাত্রী ছিলেন। তাঁর সঙ্গে পরিচয়পত্র না থাকলেও জন্মসনদ ও সোশ্যাল সিকিউরিটি কার্ড বাড়িতে আছে বলে পুলিশকে জানিয়েছিলেন। এরপর অভিবাসন কর্তৃপক্ষকে ডাকা হয়। মামলার বিবরণ অনুযায়ী, ৭ এপ্রিল তাঁকে মেক্সিকোয় পাঠানো হয়। তাঁর আইনজীবীদের অভিযোগ, মার্কিন নাগরিকত্বের প্রমাণ পৌঁছে দেওয়ার চেষ্টা সত্ত্বেও কর্মকর্তারা তা যথাযথভাবে বিবেচনা করেননি। মোরালেস গার্সিয়ার দাবি, কারাদণ্ডের ভয় দেখানোর পর তিনি অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন বলে স্বীকার করতে বাধ্য হন। সরকার এই চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছে এবং আদালতে বলেছে, তিনি স্বেচ্ছায় মেক্সিকোয় গিয়েছিলেন। এসব বিরোধপূর্ণ দাবি এখনো আদালতে নিষ্পত্তি হয়নি। ঘটনার পর যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন বা সিবিপি দাবি করেছিল, তারা কোনো মার্কিন নাগরিককে আটক করেনি; নথি যাচাইয়ে মোরালেস গার্সিয়াকে অবৈধভাবে অবস্থানরত বলে মনে হয়েছিল। তবে ২০ নভেম্বরের আদালত-নথিতে মার্কিন অ্যাটর্নি জাস্টিন সিমন্স তাঁকে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দ্বৈত নাগরিক বলে উল্লেখ করেন। সরকারের আগের অবস্থানের সঙ্গে এই স্বীকৃতির স্পষ্ট পার্থক্য রয়েছে। মোরালেস গার্সিয়া মে মাসে ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন। পরে আইনজীবীদের সঙ্গে সরকারের সমঝোতার ভিত্তিতে ৩০ আগস্ট তাঁকে যুক্তরাষ্ট্রে ফিরতে দেওয়া হয়। তিনি এখন অস্টিনে আছেন। তাঁর মামলায় ক্ষতিপূরণের পরিমাণ নির্দিষ্ট করা হয়নি। সরকার বলছে, অভিবাসন আইন প্রয়োগের ক্ষেত্রে দায়মুক্তিসহ বিভিন্ন কারণে ফেডারেল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাঁর দাবি খারিজ করা উচিত। তাঁর আইনজীবীরা সেই আবেদনের বিরোধিতা করবেন বলে জানিয়েছেন। এই ঘটনা অভিবাসন আইন প্রয়োগের সময় নাগরিকত্ব যাচাইয়ের প্রশ্নও সামনে এনেছে। যুক্তরাষ্ট্রের সরকারি জবাবদিহি দপ্তর জিএওর ২০২১ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৫ অর্থবছর থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত আইসিইর তথ্যেই সম্ভাব্য মার্কিন নাগরিক হিসেবে চিহ্নিত ৭০ জনকে দেশ থেকে অপসারণের রেকর্ড পাওয়া যায়। ওই হিসাব বর্তমান প্রশাসনের সময়ের নয়; নাগরিকত্ব-সংক্রান্ত সন্দেহ দেখা দিলে তা নথিবদ্ধ ও যাচাইয়ের ব্যবস্থায় ঘাটতি বোঝাতে প্রতিবেদনটি উল্লেখযোগ্য। মোরালেস গার্সিয়ার মামলায় সরকারের স্বীকারোক্তিতে তাঁর নাগরিকত্ব নিয়ে প্রশ্নের অবসান হলেও তাঁকে আটক ও মেক্সিকোয় পাঠানোর ঘটনায় কারও আইনি দায় আছে কি না, সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত বাকি। সংবাদসূত্র - দ্য টেক্সাস ট্রিবিউন
যুক্তরাষ্ট্রের সিয়াটল টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে ওঠার সময় দুই যাত্রীকে আটক করেছেন মুখোশ পরা আইসিই কর্মকর্তারা। শনিবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টার পর লস অ্যাঞ্জেলেসগামী আলাস্কা এয়ারলাইনসের ১৩০৬ নম্বর ফ্লাইটে যাত্রীরা ওঠার সময় এ ঘটনা ঘটে। টার্মিনাল থেকে উড়োজাহাজে ওঠার সংযোগপথে আটকের পর ফ্লাইটটি ছাড়তে দেরি হয়। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আইসিইর ভাষ্য অনুযায়ী মেক্সিকোর নাগরিক রিকার্দো লারোন্দো মেন্দোসাকে ধরতে কর্মকর্তারা ওই সংযোগপথে যান। সংস্থাটির দাবি, ভিসার অনুমোদিত মেয়াদ পেরিয়ে যাওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাঁকে আটকের সময় সোফিয়া এর্নান্দেস মেহিয়া নামে আরেক যাত্রী কর্মকর্তাদের দিকে গরম কফি ছুড়ে মারেন বলে অভিযোগ করেছে আইসিই। কর্মকর্তারা তাঁকেও আটক করেন। সংস্থাটির দাবি, মেহিয়াও ভিসার অনুমোদিত মেয়াদ পেরিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ঘটনার ভিডিওতে মুখোশ পরা কর্মকর্তাদের একজনকে টেনে নিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে এক নারীকে বলতে শোনা যায়, তাঁর মেয়েকে আটক করা হচ্ছে এবং মেয়ের ওয়ার্ক পারমিট আছে। ওই দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, অভিযানের বিষয়ে তাদের আগাম জানানো হয়নি। বিমানবন্দর পরিচালনাকারী পোর্ট অব সিয়াটলের সঙ্গে মিলে তারা খতিয়ে দেখছে, অভিযানের সময় নির্ধারিত নিয়ম মানা হয়েছিল কি না। পোর্ট অব সিয়াটলও এ বিষয়ে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে। ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন অভিযানের সমালোচনা করেছেন। সংবাদসূত্র: AP
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে আবেদনকারীদের সিভিকস বা নাগরিক জ্ঞান পরীক্ষায় ২০টি প্রশ্নের মধ্যে অন্তত ১২টির সঠিক উত্তর দিতে হবে। মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা ইউএসসিআইএসের ২০২৫ সালের সংশোধিত পরীক্ষাপদ্ধতিতে এই নিয়ম চালু হয়েছে। তবে সব আবেদনকারীর জন্য একই নিয়ম প্রযোজ্য নয়। নাগরিকত্বের আবেদন জমা দেওয়ার তারিখ, বয়স এবং গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের সময়ের ভিত্তিতে পরীক্ষার ধরন ও ছাড়ের সুযোগ আলাদা হতে পারে। ইউএসসিআইএসের সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৫ সালের ২০ অক্টোবর বা তার পরে এন-৪০০ ফরমের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করা ব্যক্তিদের সংশোধিত সিভিকস পরীক্ষায় অংশ নিতে হবে। এই পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংবিধান ও সরকারব্যবস্থা সম্পর্কে মোট ১২৮টি প্রশ্নের উত্তর প্রস্তুত করতে হবে। নাগরিকত্বের সাক্ষাৎকারের সময় ইউএসসিআইএস কর্মকর্তা এই ১২৮টি প্রশ্ন থেকে সর্বোচ্চ ২০টি প্রশ্ন করবেন। এর মধ্যে অন্তত ১২টির সঠিক উত্তর দিতে পারলে পরীক্ষার্থী উত্তীর্ণ হবেন। ১২টি সঠিক উত্তর পাওয়ার পর কর্মকর্তা পরীক্ষা শেষ করবেন। একইভাবে ৯টি ভুল উত্তর হলে পরীক্ষার্থী আর পাস করার সুযোগ পাবেন না। অন্যদিকে ২০২৫ সালের ২০ অক্টোবরের আগে আবেদন করা ব্যক্তিদের জন্য সাধারণত ২০০৮ সালের সিভিকস পরীক্ষার নিয়ম প্রযোজ্য। সেখানে মোট ১০০টি প্রশ্নের প্রস্তুতি নিতে হয় এবং সাক্ষাৎকারে সর্বোচ্চ ১০টি প্রশ্ন করা হয়। অন্তত ৬টির সঠিক উত্তর দিলে পরীক্ষার্থী উত্তীর্ণ হন। নাগরিকত্ব পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ইংরেজি ভাষার দক্ষতা যাচাই। এতে ইংরেজি বলা, পড়া ও লেখার সক্ষমতা পরীক্ষা করা হয়। ইংরেজি বলার দক্ষতা যাচাইয়ের জন্য আলাদা কোনো নির্দিষ্ট সংখ্যার প্রশ্নের পরীক্ষা নেই। নাগরিকত্বের আবেদন ও ব্যক্তিগত তথ্য নিয়ে সাক্ষাৎকারের সময় আবেদনকারীর ইংরেজি বোঝা এবং উত্তর দেওয়ার সক্ষমতা মূল্যায়ন করেন ইউএসসিআইএস কর্মকর্তা। ইংরেজি পড়ার পরীক্ষায় সর্বোচ্চ তিনটি বাক্যের মধ্যে অন্তত একটি বাক্য সঠিকভাবে পড়ে শোনাতে হয়। লেখার পরীক্ষায়ও সর্বোচ্চ তিনটি বাক্যের মধ্যে অন্তত একটি বাক্য গ্রহণযোগ্যভাবে লিখতে হয়। তবে বয়স ও দীর্ঘদিনের গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের ভিত্তিতে কিছু আবেদনকারী ইংরেজি পরীক্ষার শর্ত থেকে ছাড় পেতে পারেন। যাঁদের বয়স অন্তত ৫০ বছর এবং যাঁরা কমপক্ষে ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা, তাঁরা ইংরেজি পরীক্ষার শর্ত থেকে ছাড় পাওয়ার যোগ্য হতে পারেন। একইভাবে অন্তত ৫৫ বছর বয়সী এবং ১৫ বছর ধরে গ্রিন কার্ডধারী ব্যক্তিরাও এই সুবিধা পেতে পারেন। তবে ইংরেজি পরীক্ষায় ছাড় পেলেও সাধারণত সিভিকস পরীক্ষায় অংশ নিতে হয়। যোগ্য আবেদনকারীরা নিজ ভাষায় এই পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে পারেন। এ ছাড়া অন্তত ৬৫ বছর বয়সী এবং ২০ বছর ধরে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। তাঁদের ১২৮টি প্রশ্নের পরিবর্তে নির্ধারিত ২০টি প্রশ্নের প্রস্তুতি নিতে হয়। সাক্ষাৎকারে ১০টির মধ্যে অন্তত ৬টির সঠিক উত্তর দিলেই তাঁরা উত্তীর্ণ হন। নির্দিষ্ট শারীরিক, মানসিক বা বিকাশগত প্রতিবন্ধিতার কারণে পরীক্ষার শর্ত পূরণ করতে অক্ষম ব্যক্তিরা চিকিৎসাগত ছাড়ের আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে ইউএসসিআইএসের এন-৬৪৮ ফরমসহ প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত প্রমাণ জমা দিতে হয়। কোনো আবেদনকারী প্রথমবার ইংরেজি বা সিভিকস পরীক্ষার কোনো অংশে উত্তীর্ণ হতে না পারলে সাধারণত দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ পান। প্রথম পরীক্ষার ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হয়। শুধু যে অংশে উত্তীর্ণ হতে পারেননি, সেই অংশেই আবার পরীক্ষা দিতে হয়। তবে নাগরিকত্ব পরীক্ষায় পাস করলেই স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাওয়া যায় না। আবেদনকারীর অন্যান্য যোগ্যতা, বসবাসের ইতিহাস, প্রয়োজনীয় নথি এবং আইনগত শর্ত যাচাই করে ইউএসসিআইএস আবেদন অনুমোদন করে। এরপর নাগরিকত্বের শপথ গ্রহণের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিসহ অন্য অভিবাসীদের জন্য নাগরিকত্ব পরীক্ষার এই নিয়ম জানা গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁরা এন-৪০০ ফরম জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের আবেদন জমা দেওয়ার তারিখ অনুযায়ী সঠিক সংস্করণের প্রশ্নপত্র দিয়ে প্রস্তুতি নিতে হবে। সূত্র: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থা (ইউএসসিআইএস), মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আদালতের ওয়ারেন্ট এবং গ্রেপ্তারের প্রয়োজনীয় আইনি ভিত্তি ছাড়াই অভিবাসীদের আটক করার অভিযোগে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বিরুদ্ধে ফেডারেল আদালতে মামলা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, অভিবাসীদের বৈধ অবস্থান কিংবা পালিয়ে যাওয়ার আশঙ্কা যাচাই না করেই বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন আইসিই কর্মকর্তারা। এমনকি একজন মার্কিন নাগরিককেও আটকের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ নভেম্বর) ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় অবস্থিত ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে মামলাটি দায়ের করা হয়। ছয়জন বাসিন্দা ও অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সেন্টারভিল ইমিগ্রেশন ফোরামের পক্ষে মামলা করেছে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের ভার্জিনিয়া শাখাসহ কয়েকটি আইনি সহায়তা সংস্থা। মামলার অভিযোগ অনুযায়ী, আইসিই কর্মকর্তারা অনেক ক্ষেত্রে সাধারণ মানুষকে রাস্তায় থামিয়ে পরিচয় যাচাইয়ের আগেই আটক করছেন। কোথাও গাড়ি ঘিরে ফেলা, জানালা ভাঙা, পেপার স্প্রে ব্যবহার এবং জোর করে গাড়ি থেকে নামিয়ে হাতকড়া পরানোর অভিযোগও আনা হয়েছে। মামলাকারীদের দাবি, এসব অভিযানে ব্যক্তির অভিবাসন অবস্থান ও পালিয়ে যাওয়ার আশঙ্কা সম্পর্কে প্রয়োজনীয় আইনি যাচাই করা হচ্ছে না। মামলায় বিশেষভাবে উঠে এসেছে ১৮ বছর বয়সী মার্কিন নাগরিক ব্রিটনি রামিরেজ করোনার ঘটনা। অভিযোগ অনুযায়ী, ভার্জিনিয়ার নরফোকে একটি গাড়ি আনতে চার বছর বয়সী বোনকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। সেখানে আইসিই কর্মকর্তারা তাঁকে আটক করেন। মার্কিন নাগরিক পরিচয় দেওয়ার পরও তাঁকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হয়। এ সময় তাঁর ছোট বোনকে সড়কের পাশে অসহায় অবস্থায় রেখে দেওয়ার অভিযোগও রয়েছে। কয়েক ঘণ্টা পর ব্রিটনিকে ছেড়ে দেওয়া হয়। মামলাকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ২০২৬ সালের ৫ আগস্ট পর্যন্ত ভার্জিনিয়ায় আইসিই ৮ হাজার ৮৩৫টি নন-কাস্টোডিয়াল গ্রেপ্তার করেছে। অর্থাৎ কারাগার বা অন্য কোনো কর্তৃপক্ষের হেফাজত থেকে হস্তান্তরের পরিবর্তে সরাসরি পরিচালিত গ্রেপ্তার। তাদের হিসাবে, ২০২৪ সালে এ ধরনের গ্রেপ্তার সপ্তাহে গড়ে প্রায় ছয়টি হলেও পরবর্তী সময়ে তা বেড়ে দাঁড়ায় ১০৯টিতে। মামলায় বলা হয়েছে, মার্কিন অভিবাসন আইনের অধীনে ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তারের জন্য কর্মকর্তাদের কাছে যুক্তিসংগত আইনি ভিত্তি থাকতে হবে। সংশ্লিষ্ট ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন এবং ওয়ারেন্ট সংগ্রহের আগেই পালিয়ে যেতে পারেন, এমন আশঙ্কার যথাযথ ভিত্তি থাকতে হবে। মামলাকারীদের অভিযোগ, আইসিই কর্মকর্তারা অনেক ক্ষেত্রে এই দুটি শর্ত পূরণ না করেই গ্রেপ্তার করছেন। মামলাকারীদের আইনজীবীরা আদালতের কাছে এমন গ্রেপ্তার বন্ধে নির্দেশনা চেয়েছেন। তাঁদের দাবি, বর্তমান পদ্ধতি ফেডারেল অভিবাসন আইন ও সংশ্লিষ্ট বিধিমালার পরিপন্থী। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মামলায় উত্থাপিত অভিযোগ সম্পর্কে সংশ্লিষ্ট ফেডারেল সংস্থাগুলোর তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলোর বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তও এখনো হয়নি। এই মামলার ফলাফল ভার্জিনিয়ায় ভবিষ্যতে আইসিইর অভিবাসন অভিযান পরিচালনার নিয়মের ওপর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তারের ক্ষেত্রে কর্মকর্তাদের কী ধরনের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে, তা নিয়ে আদালতের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে দীর্ঘ ১২ বছর অপেক্ষা করেছেন ভেনেজুয়েলার নাগরিক দিয়েগো ভেটেনকোর্ট। এই সময়ে ফ্লোরিডার মায়ামিতে ব্যবসা গড়ে তুলেছেন, ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেছেন এবং নিজের দাবি অনুযায়ী ২০ লাখ ডলারের বেশি ট্যাক্স দিয়েছেন। কিন্তু এক যুগেও তাঁর অ্যাসাইলাম আবেদনের শুনানি হয়নি। শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির পরিবর্তন ও ডিপোর্টেশনের আশঙ্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন তিনি। মিয়ামি হেরাল্ডের ১৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উদ্দেশে রওনা দেন ভেটেনকোর্ট। তাঁর স্ত্রী তখন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পাসপোর্ট না থাকায় ভেনেজুয়েলা সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করে দেশে ফেরেন তিনি। ভেটেনকোর্ট জানান, ১২ বছর ধরে তাঁর অ্যাসাইলাম আবেদন পেন্ডিং ছিল। অথচ এই দীর্ঘ সময়ে একবারও তাঁকে ইমিগ্রেশন কোর্টে হাজির হওয়ার জন্য ডাকা হয়নি। বৈধ ওয়ার্ক পারমিট ও সোশ্যাল সিকিউরিটি নম্বর নিয়ে তিনি মায়ামিতে বসবাস করছিলেন। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ ও ডিজিটাল ক্লোনিং সেবার ব্যবসা গড়ে তোলেন। তাঁর দাবি, ব্যবসা পরিচালনার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে ২০ লাখ ডলারের বেশি ট্যাক্স দিয়েছেন। এত বছর কাজ ও ব্যবসা করার পরও অভিবাসনসংক্রান্ত অনিশ্চয়তা থেকে মুক্তি পাননি। প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে ভেনেজুয়েলার নাগরিকদের অ্যাসাইলাম আবেদন মূল্যায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। দেশটির রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনকে বিবেচনায় নিয়ে আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরার ঝুঁকি নতুনভাবে মূল্যায়নের বিষয়টি সামনে আসে। এতে ভেটেনকোর্টের মতো দীর্ঘদিন ধরে আবেদন পেন্ডিং থাকা ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। ভেটেনকোর্ট জানান, আদালতে হাজির হলে আটক হওয়ার আশঙ্কা করছিলেন তিনি। বিশেষ করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে ডিটেনশন সেন্টারে যেতে হতে পারে, এমন চিন্তা তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। তাঁর ভাষায়, স্ত্রীকে ছেড়ে কারাগারে থাকার সম্ভাবনাই ছিল সবচেয়ে কঠিন বিষয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্ত আবেগের বশে নেওয়া হয়নি। অনেক দিক বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ভেটেনকোর্টের ব্যবসা অনলাইনে পরিচালনা করা সম্ভব হওয়ায় বিশ্বের যেকোনো জায়গা থেকে কাজ করার সুযোগ রয়েছে তাঁর। সেই বাস্তবতা বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেন, অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রে থাকার পরিবর্তে নিজ দেশে ফিরে যাওয়াই তাঁর পরিবারের জন্য ভালো হবে। তবে যুক্তরাষ্ট্র ছাড়ার মুহূর্তেও তাঁকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে তিনজন আইসিই এজেন্ট তাঁকে ও তাঁর স্ত্রীকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন বলে অভিযোগ করেছেন ভেটেনকোর্ট। তিনি জানান, তাঁদের কয়েক মিটার দূরত্বে দাঁড় করিয়ে পরিচয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণ এবং কোথায় যাচ্ছেন, সে বিষয়ে প্রশ্ন করা হয়। পরে এজেন্টরা তাঁদের ছবি তোলেন এবং ট্রাভেল ডকুমেন্টে স্বাক্ষর করেন। এই প্রক্রিয়ায় তাঁদের ডিপোর্টেড হিসেবে গণনা করা হয়েছে কি না, তা তিনি জানেন না। মায়ামির ইমিগ্রেশন আইনজীবী ব্যারি লাইবারের মতে, ভেনেজুয়েলার অনেক অ্যাসাইলাম আবেদনকারী এখন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। তাঁর হিসাবে, আদালতে ভেনেজুয়েলার নাগরিকদের প্রায় ৯৫ শতাংশ অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে। তবে এটি আইনজীবীর নিজস্ব হিসাব, সরকারি পরিসংখ্যান নয়। লাইবার বলেন, ডিপোর্টেশন অর্ডার কার্যকর হলে অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের ওপর ১০ বছরের নিষেধাজ্ঞা আসতে পারে। তবে স্বেচ্ছায় দেশত্যাগ করলেই এমন নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে এড়ানো যায় না। বিষয়টি নির্ভর করে ব্যক্তির অভিবাসন ইতিহাস, যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ এবং প্রযোজ্য আইনের ওপর। ভেটেনকোর্ট জানান, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের একটি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু তাঁর দাবি অনুযায়ী, ভেনেজুয়েলার নাগরিক হওয়ার কারণে সেই প্রক্রিয়াও আটকে গেছে। যুক্তরাষ্ট্র ছাড়ার দিনই মায়ামির কন্ডোমিনিয়াম ছেড়ে দেন তিনি। পরে তাঁর মা ও খালা সেখানে অবশিষ্ট জিনিসপত্র সংগ্রহ করতে গিয়ে দেখেন, বাসাটি চোরেরা খালি করে ফেলেছে। ঘটনাটিকে অভিবাসী জীবনের আরেকটি তিক্ত অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন ভেটেনকোর্ট। তবে যুক্তরাষ্ট্রের প্রতি কোনো বিদ্বেষ নেই বলে জানিয়েছেন তিনি। দেশটিতে কাটানো সময়, অভিজ্ঞতা ও সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে বলেছেন, আবারও একই পরিস্থিতিতে পড়লে তিনি একই সিদ্ধান্ত নিতেন। ভেটেনকোর্ট স্বীকার করেন, ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার মতো আর্থিক সামর্থ্য অনেক অভিবাসীর নেই। তাঁর নিজের ব্যবসা যুক্তরাষ্ট্রভিত্তিক এবং অনলাইনে পরিচালিত হওয়ায় দেশে ফিরে আর্থিকভাবে টিকে থাকার সুযোগ রয়েছে। সাধারণ ভেনেজুয়েলানদের পরিস্থিতি তাঁর মতো নয়। এ কারণে অন্য অভিবাসীদের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের আর্থিক নিরাপত্তা, কাজের সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি। ভেটেনকোর্টের ভাষায়, যুক্তরাষ্ট্রে বসবাসের অভিজ্ঞতা তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। এখন তিনি নতুন করে জীবন শুরু করতে চান। দীর্ঘ ১২ বছরের অপেক্ষা শেষে তাঁর সিদ্ধান্ত, আর কখনো যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন না। সূত্র: মিয়ামি হেরাল্ড
যুক্তরাষ্ট্রে চাকরির মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগ দিতে মার্কিন কোম্পানিগুলোকে নতুন শর্ত পূরণের প্রস্তাব দিয়েছে দেশটির শ্রম বিভাগ। বিশেষ করে বিদেশি কর্মী নিয়োগের আগে যোগ্য মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে কি না, তা আরও কঠোরভাবে যাচাই করতে হবে। তবে প্রস্তাবিত নিয়মটি এখনো কার্যকর হয়নি। সোমবার (১৬ নভেম্বর) মার্কিন শ্রম বিভাগ এই প্রস্তাব ঘোষণা করে। পরদিন ১৭ নভেম্বর ফেডারেল রেজিস্টারে আনুষ্ঠানিকভাবে তা প্রকাশ করা হয়। প্রায় ২০ বছরের মধ্যে পার্ম লেবার সার্টিফিকেশন কর্মসূচিতে এটিই প্রথম বড় ধরনের সংস্কারের প্রস্তাব। যুক্তরাষ্ট্রে নিয়োগকর্তার মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার অনেক আবেদনের ক্ষেত্রে পার্ম লেবার সার্টিফিকেশন প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় নিয়োগকর্তাকে প্রমাণ করতে হয়, সংশ্লিষ্ট চাকরির জন্য পর্যাপ্ত যোগ্য ও আগ্রহী মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না। পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগের কারণে একই ধরনের কাজে নিয়োজিত মার্কিন কর্মীদের বেতন ও কর্মপরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না। নতুন প্রস্তাবে বিদেশি কর্মী নিয়োগের আগে চাকরির বিজ্ঞাপন দেওয়ার নিয়ম আরও কঠোর করার কথা বলা হয়েছে। বর্তমানে প্রচলিত পদ্ধতির পরিবর্তে অনলাইন চাকরির ওয়েবসাইট, নিয়োগকর্তার নিজস্ব ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগমাধ্যমসহ আধুনিক নিয়োগব্যবস্থা ব্যবহারের প্রস্তাব রয়েছে। প্রস্তাব অনুযায়ী, চাকরির বিজ্ঞাপন অন্তত ৯০ দিন প্রকাশিত রাখতে হবে। একই ধরনের পদে নিয়োগকর্তা সাধারণত আরও বেশি সময় বিজ্ঞাপন দিয়ে থাকলে সেই দীর্ঘ সময়ও প্রযোজ্য হতে পারে। এর উদ্দেশ্য যোগ্য মার্কিন কর্মীদের আবেদন করার পর্যাপ্ত সুযোগ দেওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলোর একটি হলো কর্মী ছাঁটাইসংক্রান্ত বিধান। কোনো প্রতিষ্ঠান একই বা কাছাকাছি ধরনের পদে মার্কিন কর্মী ছাঁটাই করলে নির্দিষ্ট পরিস্থিতিতে পরবর্তী দুই বছর বিদেশি কর্মীর জন্য পার্ম আবেদন করতে পারবে না। এ ছাড়া পার্ম আবেদন জমা দেওয়ার পরও সংশ্লিষ্ট পদে ছাঁটাই হওয়া যোগ্য মার্কিন কর্মীদের বিবেচনা করার বাধ্যবাধকতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগ এবং অন্য প্রতিষ্ঠানে কাজ করার ব্যবস্থার ক্ষেত্রেও অতিরিক্ত নজরদারির কথা বলা হয়েছে। নতুন প্রস্তাবে নার্স, ফিজিক্যাল থেরাপিস্ট এবং বিজ্ঞান ও শিল্পকলায় বিশেষ দক্ষতাসম্পন্ন কিছু বিদেশি কর্মীর জন্য প্রচলিত বিশেষ ছাড় বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এসব পেশার কিছু চাকরি শিডিউল এ ব্যবস্থার আওতায় সাধারণ শ্রমবাজার যাচাইয়ের শর্ত থেকে অব্যাহতি পায়। প্রস্তাব কার্যকর হলে এসব পেশাতেও নিয়োগকর্তাদের যোগ্য মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে কি না, তা যাচাই করতে হবে। ফলে বিদেশি নার্স ও অন্যান্য বিশেষ দক্ষতাসম্পন্ন কর্মীদের গ্রিন কার্ড স্পনসরশিপ প্রক্রিয়ায় অতিরিক্ত ধাপ যুক্ত হতে পারে। শ্রম বিভাগ জানিয়েছে, পার্ম আবেদন, প্রচলিত বেতন নির্ধারণ এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার প্রক্রিয়াও আধুনিক করা হবে। একটি কেন্দ্রীয় ইলেকট্রনিক ব্যবস্থার মাধ্যমে আবেদন গ্রহণ ও সিদ্ধান্ত জানানোর প্রস্তাব রয়েছে। ট্রাম্প প্রশাসনের বক্তব্য, নতুন নিয়মের উদ্দেশ্য মার্কিন কর্মীদের চাকরি ও বেতন সুরক্ষিত রাখা। একই সঙ্গে যেসব প্রতিষ্ঠানে প্রকৃত দক্ষ কর্মীর সংকট রয়েছে, তাদের বৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের সুযোগ বজায় রাখা। তবে প্রস্তাবটি কার্যকর হলে বিদেশি কর্মীদের গ্রিন কার্ড স্পনসর করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর ওপর অতিরিক্ত নিয়োগ যাচাই ও নথিপত্র সংরক্ষণের বাধ্যবাধকতা তৈরি হতে পারে। বিশেষ করে এইচ-১বি ভিসায় কর্মরত যেসব বিদেশি নাগরিক নিয়োগকর্তার মাধ্যমে গ্রিন কার্ডের প্রক্রিয়ায় যেতে চান, তাঁদের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে এইচ-১বি ভিসা এবং পার্ম লেবার সার্টিফিকেশন আলাদা প্রক্রিয়া। নতুন প্রস্তাব সরাসরি সব এইচ-১বি ভিসাধারীর বর্তমান ভিসা বাতিল বা পরিবর্তন করছে না। যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্যও প্রস্তাবটি গুরুত্বপূর্ণ। যাঁরা নিয়োগকর্তার স্পনসরশিপে গ্রিন কার্ড পাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের ভবিষ্যৎ আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন আসতে পারে। শ্রম বিভাগ জানিয়েছে, প্রস্তাবিত নিয়মের ওপর আগামী ১৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত জনমত গ্রহণ করা হবে। এরপর পাওয়া মতামত পর্যালোচনা করে চূড়ান্ত নিয়ম প্রকাশ করা হতে পারে। এখন পর্যন্ত নতুন নিয়ম কার্যকর হয়নি। ফলে বর্তমানে যাঁরা পার্ম প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের ক্ষেত্রে বিদ্যমান বিধানই প্রযোজ্য। ভবিষ্যতে চূড়ান্ত নিয়ম প্রকাশিত হলে সেটির কার্যকরের তারিখ ও পরিবর্তনকালীন বিধান অনুযায়ী আবেদনকারীদের ওপর প্রভাব নির্ধারিত হবে। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ, ফেডারেল রেজিস্টার, রয়টার্স
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতি ও নিজেদের কর্মস্থল নিয়ে প্রকাশ্যে কথা বলার ক্ষেত্রে সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দেশটির অভিবাসন বিচারকদের একটি সংগঠন। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেস (এনএআইজে) অভিযোগ করেছে, বিচার বিভাগের অধীনে কর্মরত বিচারকদের ব্যক্তিগত পরিচয়েও অভিবাসন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার নীতি নিয়ে প্রকাশ্যে মতামত দেওয়ার সুযোগ সীমিত করা হয়েছে। এই বিধিনিষেধের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করতে সরাসরি ফেডারেল আদালতে যাওয়ার সুযোগ চেয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টে আবেদন করেছে সংগঠনটি। বিচারকদের অভিযোগ, বিচার বিভাগের নির্বাহী দপ্তর (ইওআইআর) ২০১৭ সাল থেকে ধাপে ধাপে এমন নীতিমালা চালু করেছে, যা তাঁদের প্রকাশ্য বক্তব্য দেওয়ার স্বাধীনতা সংকুচিত করেছে। বর্তমানে সরকারি দায়িত্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত কোনো বিষয়, সংস্থার নীতি কিংবা কর্মসূচি নিয়ে ব্যক্তিগত পরিচয়েও বক্তব্য দিতে গেলে বিধিনিষেধের মুখে পড়তে হয়। আগে অভিবাসন বিচারকেরা বিভিন্ন সম্মেলনে বক্তব্য দিতেন, বিশ্ববিদ্যালয়ে অতিথি বক্তা হিসেবে অংশ নিতেন এবং অভিবাসন আইনবিষয়ক প্রশিক্ষণে যুক্ত থাকতেন। তবে নতুন বিধিনিষেধের কারণে আদালতের কার্যক্রম থেকে শুরু করে বিচারক হিসেবে নিজেদের অভিজ্ঞতা নিয়েও প্রকাশ্যে লেখা বা কথা বলার সুযোগ সীমিত হয়েছে বলে সংগঠনটির দাবি। এই আইনি বিরোধের শুরু ২০২০ সালে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নাইট ফার্স্ট অ্যামেন্ডমেন্ট ইনস্টিটিউটের সহায়তায় বিচারকদের সংগঠনটি বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করে। তাদের অভিযোগ ছিল, সরকারি কর্মচারীদের ব্যক্তিগত মতপ্রকাশের ওপর এ ধরনের আগাম নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে দেওয়া বাক্স্বাধীনতার অধিকারের পরিপন্থী। তবে ২০২৩ সালে ভার্জিনিয়ার একটি ফেডারেল আদালত মামলাটি খারিজ করে জানায়, এ ধরনের অভিযোগের নিষ্পত্তি সিভিল সার্ভিস রিফর্ম অ্যাক্ট অনুযায়ী প্রশাসনিক প্রক্রিয়ায় হওয়া উচিত। ফলে সরাসরি ফেডারেল আদালতে যাওয়ার সুযোগ নিয়ে আইনি বিরোধ তৈরি হয়। এরপর মামলাটি যুক্তরাষ্ট্রের চতুর্থ সার্কিট আপিল আদালতে যায়। ২০২৫ সালের জুনে আদালত মামলাটি পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠায়। পরে ২০২৬ সালের মে মাসে সুপ্রিম কোর্ট সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল আদালতের ওই সিদ্ধান্ত বাতিল করে। তবে বিচারকদের বাক্স্বাধীনতার ওপর বিধিনিষেধ সাংবিধানিক কি না, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি সর্বোচ্চ আদালত। এরপর ১৯ আগস্ট চতুর্থ সার্কিট আদালত আবারও নিম্ন আদালতের মামলা খারিজের সিদ্ধান্ত বহাল রাখে। ৪ নভেম্বর সংশোধিত মতামত প্রকাশের পর এবার নতুন করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে বিচারকদের সংগঠনটি। বিচারকদের আইনজীবীদের যুক্তি, প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে অভিযোগ জানালেও শেষ পর্যন্ত আদালতে যাওয়ার নিশ্চয়তা নেই। সরকারি কর্মচারীদের অভিযোগ প্রথমে অফিস অব স্পেশাল কাউন্সিলে জমা দিতে হয়। এরপর সংস্থাটি চাইলে বিষয়টি মেরিট সিস্টেমস প্রটেকশন বোর্ডে পাঠাতে পারে। কিন্তু এ সিদ্ধান্তের ওপর সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথেষ্ট নিয়ন্ত্রণ থাকায় বিচারকদের বাক্স্বাধীনতার সাংবিধানিক অধিকার কার্যকরভাবে চ্যালেঞ্জ করার সুযোগ সীমিত হয়ে পড়েছে বলে অভিযোগ করা হয়েছে। নাইট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ আইনজীবী রম্যা কৃষ্ণন বলেছেন, সরকারি কর্মচারীদের মতপ্রকাশের ওপর আগাম নিষেধাজ্ঞা আরোপ করা হলে সেটি চ্যালেঞ্জ করার জন্য তাঁদের সরাসরি আদালতে যাওয়ার সুযোগ থাকা উচিত। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইমিগ্রেশন জাজেসের সভাপতি হলি ডি’আন্দ্রেয়া বলেছেন, বিচারকের পোশাক পরলেই কেউ বাক্স্বাধীনতার অধিকার হারান না। তাঁর মতে, অভিবাসন বিচারকদের নীরব রাখা হলে আইনের শাসন ও সরকারি সিদ্ধান্ত সম্পর্কে জনগণের গুরুত্বপূর্ণ একটি দৃষ্টিভঙ্গি আড়ালে থেকে যায়। সংগঠনটি সুপ্রিম কোর্টের কাছে মূলত জানতে চেয়েছে, প্রশাসনিক ব্যবস্থায় কার্যকর বিচারিক পর্যালোচনার নিশ্চয়তা না থাকলেও সরকারি কর্মচারীদের বাক্স্বাধীনতার ওপর বিস্তৃত বিধিনিষেধ চ্যালেঞ্জ করার জন্য ফেডারেল আদালতের এখতিয়ার থাকবে কি না। তবে সুপ্রিম কোর্ট এখনো মামলাটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, সে সিদ্ধান্ত দেয়নি। সংবাদসূত্র: নিউজউইক
যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার প্রস্তাব দিয়েছে দেশটির শ্রম বিভাগ। নতুন প্রস্তাব কার্যকর হলে বিদেশি কর্মীকে স্থায়ীভাবে নিয়োগের আগে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ দেওয়ার জন্য নিয়োগকর্তাদের আরও কঠোর শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে অন্তত ৯০ দিন অনলাইনে চাকরির বিজ্ঞাপন প্রকাশ এবং যোগ্য মার্কিন কর্মীদের নিয়োগের জন্য আন্তরিক প্রচেষ্টার প্রমাণ দেওয়ার বিধান রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) শ্রম বিভাগ এ প্রস্তাব ঘোষণা করে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হয়েছে। নতুন প্রস্তাবটি মূলত পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বা পিইআরএম কর্মসূচির নিয়ম পরিবর্তন নিয়ে। এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগের জন্য শ্রম বিভাগের অনুমোদন নেন। সাধারণত কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ডের আবেদনে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রম বিভাগের প্রস্তাব অনুযায়ী, নিয়োগকর্তাদের নিজেদের ওয়েবসাইট, অনলাইন চাকরির পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম, চাকরির মেলা ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক নিয়োগ কার্যক্রমের মাধ্যমে মার্কিন কর্মীদের কাছে চাকরির সুযোগ পৌঁছাতে হবে। একই সঙ্গে বিজ্ঞাপনে চাকরির যোগ্যতা ও শর্ত এমনভাবে নির্ধারণ করা যাবে না, যাতে নির্দিষ্ট কোনো বিদেশি কর্মীকে সুবিধা দেওয়া হয়। প্রস্তাবে আরও বলা হয়েছে, বিদেশি কর্মী নিয়োগের আগে সংশ্লিষ্ট পদে যোগ্য ও আগ্রহী মার্কিন নাগরিক পাওয়া যাচ্ছে কি না, তা যথাযথভাবে যাচাই করতে হবে। শুধু বিজ্ঞাপন প্রকাশ করলেই চলবে না, নিয়োগের জন্য প্রকৃত প্রচেষ্টা চালানোর নথিও সংরক্ষণ করতে হবে। শ্রম বিভাগের মতে, অতীতে কিছু প্রশাসনিক ছাড়ের কারণে নির্দিষ্ট পেশায় নিয়োগকর্তারা পূর্ণাঙ্গ শ্রমবাজার যাচাই ছাড়াই বিদেশি কর্মীর জন্য আবেদন করতে পারতেন। নতুন নিয়মে এসব ছাড় বাতিলের প্রস্তাব করা হয়েছে। এর ফলে নার্স, ফিজিক্যাল থেরাপিস্ট এবং বিজ্ঞান ও শিল্পকলায় অসাধারণ দক্ষতাসম্পন্ন কর্মীদের ক্ষেত্রেও মার্কিন শ্রমিকদের প্রাপ্যতা যাচাইয়ের বাধ্যবাধকতা বাড়তে পারে। আগে এসব পেশার কিছু ক্ষেত্রে প্রশাসনিক ছাড় ছিল। নতুন প্রস্তাবে সেই সুবিধা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ বিদেশি কর্মীর যোগ্যতা বা দক্ষতা বেশি হলেও নিয়োগকর্তাকে আগে মার্কিন শ্রমবাজারে উপযুক্ত কর্মী খোঁজার প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মার্কিন কর্মীদের ছাঁটাইয়ের বিষয়টিও নতুন প্রস্তাবে গুরুত্ব পেয়েছে। কোনো প্রতিষ্ঠান গত দুই বছরের মধ্যে একই বা কাছাকাছি ধরনের পদে মার্কিন কর্মী ছাঁটাই করে থাকলে ওই পদে বিদেশি কর্মীর জন্য স্থায়ী শ্রমিক সনদের আবেদন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও ছাঁটাইসংক্রান্ত তথ্য ও নথি সংরক্ষণের নিয়ম আরও কঠোর করার কথা বলা হয়েছে। শ্রম বিভাগের দাবি, এর মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের অজুহাতে মার্কিন কর্মীদের চাকরির সুযোগ ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকানো সম্ভব হবে। শ্রম বিভাগের ভাষ্য অনুযায়ী, প্রায় ২০ বছর পর পিইআরএম কর্মসূচিতে এটি সবচেয়ে বড় সমন্বিত সংস্কারের উদ্যোগ। প্রস্তাবটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর ৬০ দিনের জনমত গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পক্ষগুলো লিখিত মতামত জমা দিতে পারবেন। এরপর এসব মতামত পর্যালোচনা করে শ্রম বিভাগ চূড়ান্ত নিয়ম নির্ধারণ করবে। ফলে প্রস্তাবটি এখনো কার্যকর আইন নয় এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে এতে পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ডের অপেক্ষায় থাকা বিদেশি কর্মী, বিশেষ করে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও গবেষণা খাতে কর্মরত অভিবাসীদের জন্য প্রস্তাবটি গুরুত্বপূর্ণ। তবে নতুন নিয়মে সরাসরি সব গ্রিনকার্ড আবেদন বন্ধ হচ্ছে না। এটি মূলত নিয়োগকর্তার মাধ্যমে স্থায়ী শ্রমিক সনদ পাওয়ার প্রক্রিয়াকে কঠোর করার প্রস্তাব। চূড়ান্ত নিয়ম কার্যকর হলে বিদেশি কর্মীদের স্পনসর করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ প্রক্রিয়ায় আরও বেশি সময়, অর্থ ও নথিপত্র প্রস্তুত করতে হতে পারে। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ, ফেডারেল রেজিস্টার, রয়টার্স
যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) হেফাজতে থাকা হাজার হাজার অভিবাসীর তথ্য সরকারি অনলাইন ডাটাবেস থেকে সরিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। ক্যালিফোর্নিয়ার একজন নার্স ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে আইসিই আটক করার পর কয়েক দিন তাঁর কোনো সন্ধান পাননি পরিবারের সদস্যরা। পরে জানা যায়, তাঁকে বাড়ি থেকে দুই হাজার মাইলের বেশি দূরে লুইজিয়ানার একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে মামলাও হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম স্ক্রিপস নিউজের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ সেপ্টেম্বর আইসিই তাদের অনলাইন ডিটেইনি লোকেটর থেকে ফাইনাল রিমুভাল অর্ডার থাকা অভিবাসীদের নাম সরিয়ে দেয়। অর্থাৎ যাঁদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের চূড়ান্ত আদেশ রয়েছে, তাঁদের অবস্থান আর সাধারণ মানুষ ওই ডাটাবেসে খুঁজে পাচ্ছেন না। আইসিইর তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই আটক করে ডিটেনশন সেন্টারে পাঠানো প্রায় ১৬ হাজার অভিবাসীর বিরুদ্ধে ফাইনাল রিমুভাল অর্ডার ছিল। নতুন নিয়মের কারণে এ ধরনের হাজার হাজার আটক ব্যক্তির অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এমন পরিস্থিতির শিকার হয়েছেন ৩৯ বছর বয়সী নার্স অ্যান লাওয়ানি। নার্সিংয়ে পিএইচডিধারী এই নারী ইউনিভার্সিটি অব সান ফ্রান্সিসকোতে শিক্ষকতা করেছেন। গত ১৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লোডি শহরে একটি নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযানে তাঁকে আটক করে আইসিই। আটকের পর কয়েক দিন তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাননি পরিবারের সদস্য ও সহকর্মীরা। সরকারি অনলাইন ডাটাবেসেও তাঁর নাম পাওয়া যাচ্ছিল না। পরে তাঁকে টেক্সাস হয়ে লুইজিয়ানার একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। সেখান থেকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম হন তিনি। ইউনিভার্সিটি অব সান ফ্রান্সিসকোর স্কুল অব নার্সিংয়ের ডিন ড. আইলিন ফ্রাই বাওয়ার্স জানিয়েছেন, লাওয়ানিকে হাতকড়া ও পায়ের শিকল পরিয়ে ক্যালিফোর্নিয়ার প্রচণ্ড গরমে একটি বাসে আটকে রাখা হয়েছিল বলে তাঁরা জানতে পেরেছেন। পরে তাঁকে একাধিক অঙ্গরাজ্য পেরিয়ে লুইজিয়ানায় পাঠানো হয়। পরিবারের আশঙ্কা ছিল, লাওয়ানিকে এমন কোনো তৃতীয় দেশে ডিপোর্ট করা হতে পারে, যেখানে তাঁর পরিচিত কেউ নেই কিংবা তিনি নিরাপদে থাকতে পারবেন না। তবে লাওয়ানিকে আটকের বিষয়ে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (ডিএইচএস) বক্তব্য ভিন্ন। সংস্থাটি জানিয়েছে, ২০০৭ সালে তাঁর ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। তাঁর বিরুদ্ধে আগে থেকেই ফাইনাল ডিপোর্টেশন অর্ডার রয়েছে। সেই আদেশ বাস্তবায়নের জন্য তাঁকে হেফাজতে রাখা হয়েছে। অন্যদিকে লাওয়ানির আইনজীবী নাটালিয়া ভিয়েরা সান্তান্না জানিয়েছেন, ২০১৩ সালে একজন ইমিগ্রেশন বিচারক তাঁর মক্কেলকে নাইজেরিয়ায় ফেরত পাঠানোর বিরুদ্ধে আইনি সুরক্ষা দিয়েছিলেন। এই সুরক্ষাকে বলা হয় উইথহোল্ডিং অব রিমুভাল। এর ফলে নির্দিষ্ট দেশে ডিপোর্টেশন বন্ধ থাকলেও আগের ফাইনাল রিমুভাল অর্ডার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। আইনজীবীর দাবি, ওই আইনি সুরক্ষার ভিত্তিতেই লাওয়ানি এক দশকের বেশি সময় যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করেছেন। তাঁর ওয়ার্ক পারমিটের মেয়াদ রয়েছে ২০২৯ সাল পর্যন্ত। তাঁর কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই বলে জানিয়েছেন আইনজীবী। এদিকে একজন ফেডারেল বিচারক মামলার কার্যক্রম চলাকালে লাওয়ানিকে ডিপোর্ট করার ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। তবে তাঁকে মুক্তি দেওয়ার আবেদন নিয়ে ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে আইনি প্রক্রিয়া চলছে। আইসিইর ডাটাবেস থেকে আটক ব্যক্তিদের তথ্য সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে চারটি আইনি সংগঠন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। সংগঠনগুলোর অভিযোগ, এর ফলে পরিবারের সদস্য ও আইনজীবীদের পক্ষে আটক ব্যক্তিদের খুঁজে পাওয়া এবং তাঁদের আইনি অধিকার রক্ষার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়ছে। ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান জশ হার্ডারও লাওয়ানির মুক্তির দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করা এবং অপরাধের ইতিহাস না থাকা একজন নার্সকে পরিবার থেকে হাজার হাজার মাইল দূরে আটকে রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। আমেরিকান নার্সেস অ্যাসোসিয়েশনও এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে। সংগঠনটি আটক নার্সের যথাযথ আইনি প্রক্রিয়া ও মানবিক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত লাওয়ানি আইসিইর হেফাজতেই ছিলেন। তাঁর পরিবার, সহকর্মী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নার্সদের সংগঠন তাঁর মুক্তির দাবি জানিয়ে আসছে। এই ঘটনা যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছে। ফাইনাল রিমুভাল অর্ডার থাকা কোনো ব্যক্তি আইসিইর হেফাজতে গেলে সরকারি ডাটাবেসে তাঁর নাম না পাওয়া মানেই তিনি মুক্তি পেয়েছেন বা নিখোঁজ হয়েছেন, এমন নয়। বর্তমান নিয়মে তাঁর তথ্য অনলাইন সার্চ থেকে বাদ পড়তে পারে। ফলে আটক ব্যক্তির অবস্থান জানতে পরিবার ও আইনজীবীদের বিকল্প আইনি এবং প্রশাসনিক প্রক্রিয়ার ওপর নির্ভর করতে হচ্ছে। অভিবাসন অধিকারকর্মীদের মতে, এই পরিবর্তন আটক ব্যক্তিদের আইনি সহায়তা পাওয়ার সুযোগ এবং পরিবারের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গুরুতর সমস্যা তৈরি করতে পারে। সংবাদসূত্র: স্ক্রিপস নিউজ, ফক্স ১৩ নিউজ, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউআর্ক বিমানবন্দরে অবতরণের পর দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (ICE) হাতে আটক হয়েছেন নেদারল্যান্ডসের জনপ্রিয় মডেল ও অনলাইন কনটেন্ট নির্মাতা ভেরা ডাইকমান্স। ২৯ বছর বয়সী এই মডেলকে গত ১১ নভেম্বর আটক করে ডেলানি হল ডিটেনশন সেন্টারে নেওয়া হয়। তাঁর পরিবারের দাবি, আটক হওয়ার পর থেকে সেখানে খাবার, পরিচ্ছন্নতা ও যোগাযোগের সুযোগসহ বিভিন্ন ক্ষেত্রে ভোগান্তিতে রয়েছেন তিনি। নিউইয়র্কে একটি আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (UFC) অনুষ্ঠানে যোগ দিতে মায়ামি থেকে নিউ জার্সি যাচ্ছিলেন ভেরা। তাঁর পরিবারের ভাষ্য অনুযায়ী, নিউআর্ক বিমানবন্দরে পৌঁছানোর পর ICE কর্মকর্তারা তাঁকে আটক করেন। পরে হাতকড়া পরিয়ে কালো রঙের একটি গাড়িতে করে ডেলানি হল ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে তাঁকে আটক করা হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি ICE। নেদারল্যান্ডসের সংবাদমাধ্যম NOS ও NL Times জানিয়েছে, এ বিষয়ে অভিবাসন কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলেও তারা বিস্তারিত জানায়নি। ভেরার মা মারিয়ানে শোল্টের ভাষ্য অনুযায়ী, তাঁর মেয়ে যুক্তরাষ্ট্রে বি-২ (B-2) ভিসায় অবস্থান করছিলেন এবং গ্রিন কার্ডের জন্য আবেদন করেছিলেন। এই ভিসা মূলত পর্যটন ও অস্থায়ী ভ্রমণের জন্য, এতে যুক্তরাষ্ট্রে চাকরি বা অনুমোদনহীনভাবে কাজ করার সুযোগ নেই। মায়ের দাবি, গ্রিন কার্ডের আবেদনসংক্রান্ত একটি শুনানিতে হাজির হওয়ার নোটিশ ভ্রমণের কারণে তাঁর মেয়ে পাননি বা সময়মতো জানতে পারেননি। বোন ইজা ডাইকমান্সের দাবি, পরিবারের আইনজীবী জানিয়েছেন, ভেরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ছাড়ার একটি আদেশও রয়েছে। তবে এসব তথ্যের বিষয়ে ICE-এর আনুষ্ঠানিক বক্তব্য কিংবা সংশ্লিষ্ট আদালতের নথি প্রকাশ্যে আসেনি। ফলে আটকের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। ডিটেনশন সেন্টারের পরিবেশ নিয়েও উদ্বেগ জানিয়েছেন ভেরার পরিবারের সদস্যরা। তাঁর মা ও বোনের অভিযোগ, ১২ জন নারীর সঙ্গে একই কক্ষে থাকতে হচ্ছে তাঁকে। খাবারের মান খারাপ, পরিচ্ছন্নতার অভাব এবং পর্যাপ্ত আলো-বাতাস না থাকার কথাও জানিয়েছেন তাঁরা। পরিবারের দাবি, প্রথম দিকে ৪৫ মিনিট পর্যন্ত ফোনে কথা বলার সুযোগ পেলেও পরে তা কমিয়ে পাঁচ মিনিট করা হয়েছে। প্রায় ৬০ জনের জন্য রয়েছে মাত্র চারটি ফোন। ভেরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং ঘুমাতেও সমস্যায় পড়ছেন বলে জানিয়েছেন তাঁর স্বজনেরা। ডেলানি হলের পরিবেশ নিয়ে উদ্বেগের পেছনে আরও কিছু তথ্য রয়েছে। Scripps News-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ICE-এর নিজস্ব তদারকি বিভাগের সাম্প্রতিক পরিদর্শনে এই কেন্দ্রে জাতীয় আটক-মানদণ্ডের ২২টি ঘাটতি চিহ্নিত হয়েছে। ২০২৫ সালের পরিদর্শনে এ ধরনের ঘাটতির সংখ্যা ছিল ১২। চিকিৎসাসেবায় অনিয়ম, নির্ধারিত ওষুধ দিতে ব্যর্থতা, নতুন বন্দিদের স্বাস্থ্য পরীক্ষা বিলম্বিত হওয়া এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যর্থতার বিষয়ও প্রতিবেদনে উঠে এসেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, চিহ্নিত সমস্যাগুলো সমাধানে কেন্দ্রটির সঙ্গে কাজ করা হচ্ছে। এদিকে ভেরার পরিস্থিতি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির দূতাবাস তাঁর জন্য কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তবে ব্যক্তিগত গোপনীয়তার কারণ দেখিয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ভেরার অনুসারীর সংখ্যা প্রায় ৫৭ লাখ। এর আগে প্রায় পাঁচ হাজার পুরুষ তাঁর সঙ্গে সম্পর্কে আগ্রহ প্রকাশ করে আবেদন করেছিলেন বলে প্রচার করে আলোচনায় এসেছিলেন তিনি। সংবাদসূত্র: NL Times, NOS, Scripps News
দীর্ঘ ২৭ বছর ধরে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত এক সার্জেন্টের স্ত্রীকে এখন তৃতীয় কোনো দেশে নির্বাসনের মুখে পড়তে হচ্ছে। টেক্সাসের এল পাসো শহরে অভিবাসন সংক্রান্ত একটি সাক্ষাৎকারে অংশ নিতে গিয়ে তিনি আকস্মিকভাবে আটক হন। ডেইজি ফিদেলিনা রিভেরা ওর্তেগা নামের ওই নারীকে গত ১৪ এপ্রিল হেফাজতে নেয় কর্তৃপক্ষ। তিনি মার্কিন সেনাবাহিনীর ফার্স্ট ক্লাস সার্জেন্ট হোসে সেরানোর স্ত্রী। এমন পরিস্থিতিতে মেক্সিকোতে তাকে নির্বাসিত করার আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে ওই পরিবারটি চরম দুশ্চিন্তায় দিন পার করছে। ডেইজি মূলত প্যারোল ইন প্লেস নামক একটি কর্মসূচির সাক্ষাৎকারে অংশ নিতে গিয়েছিলেন। এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের পরিবারের নথিপত্রহীন সদস্যদের বৈধ আইনি মর্যাদা পেতে সহায়তা করা। তার স্বামী হোসে সেরানো বর্তমানে ফোর্ট ব্লিস সেনা ঘাঁটিতে কর্মরত আছেন। তিনি কর্মজীবনে তিনবার আফগানিস্তানে সামরিক দায়িত্ব পালন করেছেন। দেশের জন্য এত ত্যাগ স্বীকার করার পরও স্ত্রীর এমন পরিণতিতে পুরো পরিবার গভীরভাবে হতাশ ও বিপর্যস্ত হয়ে পড়েছে। জানা গেছে, ডেইজি আইএইচজি আর্মি হোটেলে কাজ করেন এবং ২০৩০ সাল পর্যন্ত তার একটি বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র রয়েছে। এছাড়া ২০১৯ সালে একজন অভিবাসন বিচারক তাকে এল সালভাদরে নির্বাসনের হাত থেকে আইনি সুরক্ষা প্রদান করেছিলেন। তবে তার আইনজীবীর মতে, তাকে এখন মেক্সিকোতে পাঠানোর প্রস্তুতি চলছে। অথচ মেক্সিকোর সঙ্গে এই দম্পতির কোনো পারিবারিক বা ব্যক্তিগত সম্পর্ক নেই। তৃতীয় একটি দেশে তাকে পাঠানোর এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অযৌক্তিক বলে মনে করছেন তার আইনজীবী। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, ওই নারী অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং তার বিরুদ্ধে চূড়ান্ত অপসারণের নির্দেশ রয়েছে। তবে ডেইজির আইনজীবী এই দাবির তীব্র বিরোধিতা করেছেন। তিনি যুক্তি দেখিয়েছেন যে, পূর্বে পাওয়া আইনি সুরক্ষা তার তাৎক্ষণিক অপসারণকে বাধা দেয়। এই আইনি জটিলতার সমাধান খুঁজতে ডেইজির আইনজীবীদের দল ইতোমধ্যে ফেডারেল আদালতের দ্বারস্থ হয়েছে। তারা আশা করছেন, আদালতের মাধ্যমে এই অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে একটি যৌক্তিক সমাধান পাওয়া সম্ভব হবে। স্ত্রীর এমন আকস্মিক আটকের ঘটনায় মানসিকভাবে চরম বিপর্যস্ত হয়ে পড়েছেন সার্জেন্ট সেরানো। তিনি জানিয়েছেন, সামরিক বাহিনীর ভ্রমণ বিধিনিষেধের কারণে মেক্সিকোতে গিয়ে স্ত্রীর সঙ্গে দেখা করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। পরিবারের এই সংকটে তিনি এখন দিশেহারা বোধ করছেন। একজন দেশপ্রেমিক সেনাসদস্য হিসেবে স্ত্রীর প্রতি প্রশাসনের এমন আচরণ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। আইনি লড়াইয়ের মাধ্যমে দ্রুতই স্ত্রীর মুক্তি ও দেশে থাকার বৈধ অধিকার ফিরে পাবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্রে দীর্ঘ ১২ বছর অ্যাসাইলাম শুনানির অপেক্ষায় থেকেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় শেষ পর্যন্ত নিজ দেশে ফিরে গেছেন ভেনেজুয়েলার নাগরিক দিয়েগো ভেতেনকোর্ট। ফ্লোরিডার মিয়ামিতে দীর্ঘদিন বসবাস করে একটি সফল ব্যবসা গড়ে তুলেছিলেন তিনি। কিন্তু ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে পরিবর্তন এবং অ্যাসাইলাম আবেদনকারীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্ত নেন। গত ২৭ অক্টোবর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে সঙ্গে নিয়ে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ফিরে যান তিনি। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত মিয়ামি হেরাল্ডের প্রতিবেদনে তাঁর অভিজ্ঞতা উঠে এসেছে। এল নুয়েভো হেরাল্ডের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১২ বছর আগে যুক্তরাষ্ট্রে অ্যাসাইলামের আবেদন করেছিলেন দিয়েগো। সেই আবেদন বিচারাধীন থাকা অবস্থায় তিনি মিয়ামি-ডেড কাউন্টিতে ব্যবসা প্রতিষ্ঠা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রশিক্ষণ এবং ডিজিটাল ক্লোনিং সেবা নিয়ে কাজ করত তাঁর প্রতিষ্ঠান। দিয়েগোর দাবি, ব্যবসা পরিচালনার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে ২০ লাখ ডলারের বেশি কর পরিশোধ করেছেন। তবে কর দেওয়ার এই অঙ্ক স্বাধীনভাবে যাচাই করা যায়নি। দিয়েগো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে তাঁর ওয়ার্ক পারমিট ও সোশ্যাল সিকিউরিটি নম্বর ছিল। নিয়মিত কাজ ও ব্যবসা পরিচালনা করলেও দীর্ঘ ১২ বছরে অ্যাসাইলাম মামলার শুনানির জন্য তাঁকে কখনো আদালতে ডাকা হয়নি বলে দাবি করেছেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, আবেদন নিষ্পত্তির অপেক্ষায় থাকতে থাকতে যুক্তরাষ্ট্রেই নিজের জীবন ও ভবিষ্যৎ গড়ে তুলেছিলেন। তবে ওয়ার্ক পারমিট ও সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকা মানেই স্থায়ী বৈধ ইমিগ্রেশন স্ট্যাটাস পাওয়া নয়। পরিস্থিতি বদলে যায় চলতি বছরের সেপ্টেম্বরে। গত ৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বোর্ড অব ইমিগ্রেশন আপিলস এক সিদ্ধান্তে জানায়, জানুয়ারিতে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি ও পরবর্তী রাজনৈতিক পরিবর্তন দেশটির পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। ফলে ভেনেজুয়েলার অ্যাসাইলাম আবেদনকারীদের এখনকার পরিস্থিতিতে নিজ দেশে ফিরে গেলে নির্যাতনের আশঙ্কা কতটা রয়েছে, তা নতুন করে মূল্যায়নের প্রয়োজন হতে পারে। তবে এই সিদ্ধান্তে সব ভেনেজুয়েলানের অ্যাসাইলাম আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করার নির্দেশ দেওয়া হয়নি। মিয়ামি হেরাল্ডকে দিয়েগো জানান, দীর্ঘদিনের বিচারাধীন আবেদন নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হওয়ায় তিনি যুক্তরাষ্ট্র থেকে স্বেচ্ছায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর আশঙ্কা ছিল, ভবিষ্যতে জোরপূর্বক ডিপোর্টেশনের মুখে পড়তে হতে পারে। নিজের পাসপোর্ট না থাকায় ভেনেজুয়েলার কর্তৃপক্ষের দেওয়া বিশেষ ভ্রমণ নথি ব্যবহার করে স্ত্রীকে নিয়ে দেশে ফেরেন তিনি। দিয়েগোর মতে, নিজ দেশে নতুনভাবে জীবন শুরু করার মতো আর্থিক সামর্থ্য তাঁর রয়েছে। তবে একই পরিস্থিতিতে থাকা অনেক অভিবাসীর সেই সুযোগ নেই। এদিকে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভেনেজুয়েলার নাগরিকদের জন্য টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস এবং অন্যান্য অভিবাসন সুবিধার পরিবর্তন নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। এসব পরিবর্তন ও অ্যাসাইলাম মামলার দীর্ঘসূত্রতায় অনেক পরিবার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে প্রতিটি আবেদনকারীর আইনি অবস্থা, যুক্তরাষ্ট্রে প্রবেশের ধরন এবং পূর্ববর্তী আদালতের সিদ্ধান্ত আলাদা হওয়ায় সবার ক্ষেত্রে একই নিয়ম বা পরিণতি প্রযোজ্য নয়। দিয়েগোর ঘটনা দীর্ঘদিন বিচারাধীন অ্যাসাইলাম আবেদন নিয়ে অভিবাসীদের বাস্তব সংকটকে নতুন করে সামনে এনেছে। সূত্র: মিয়ামি হেরাল্ড
গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক তরুণীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (ICE) এক কর্মকর্তার বিরুদ্ধে। টেক্সাসের একটি অভিবাসন বন্দিশালায় আটক থাকার সময় ওই কর্মকর্তা তাঁকে অনৈতিক প্রস্তাব দেন এবং পরে তাঁর সম্মতি ছাড়াই যৌন নিপীড়ন করেন বলে অভিযোগ করেছেন ২১ বছর বয়সী এক লেবানিজ তরুণী। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের কাছে দেওয়া সাক্ষাৎকার এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তদন্ত কর্মকর্তাদের কাছে জমা দেওয়া শপথনামায় এসব অভিযোগ তুলে ধরেছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (DHS) অভিযোগগুলো অস্বীকার করেছে। নিউজউইকও জানিয়েছে, তারা স্বাধীনভাবে অভিযোগগুলোর সত্যতা নিশ্চিত করতে পারেনি। অভিযোগকারী তরুণীর নাম রাহাফ আলী আলমেরহিজ। তিনি লুসি ওয়াইজ নামেও পরিচিত। তাঁর অভিযোগ, টেক্সাসের রেমন্ডভিল শহরের এল ভালে ডিটেনশন ফ্যাসিলিটিতে আটক থাকার সময় ICE-এর ডিপোর্টেশন কর্মকর্তা মার্কেল ওয়ালেস তাঁকে একটি নির্জন কক্ষে নিয়ে যান। সেখানে তাঁর ইচ্ছার বিরুদ্ধে শারীরিক স্পর্শ ও যৌন নিপীড়ন করা হয়। রাহাফের দাবি, অভিযুক্ত কর্মকর্তা তাঁকে যুক্তরাষ্ট্রের স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিনিময়ে তিনি যৌন সম্পর্কের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হলে তাঁর স্বামীকে কারাগারে পাঠানো এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তরুণী। নিউজউইককে দেওয়া সাক্ষাৎকারে রাহাফ বলেন, ওই কর্মকর্তা তাঁকে বোঝানোর চেষ্টা করেছিলেন, তাঁর স্বামীর পক্ষে যা করা সম্ভব নয়, তিনি তা করে দিতে পারবেন। নিজের ব্যক্তিগত ফোন নম্বরও দিয়েছিলেন বলে দাবি করেন রাহাফ। শপথনামায় তিনি উল্লেখ করেন, ঘটনার সময় তিনি বাধা দিয়েছিলেন এবং কর্মকর্তাকে থামতে বলেছিলেন। কিন্তু বন্দি অবস্থায় থাকায় তিনি নিজেকে অসহায় মনে করছিলেন। তাঁর অভিবাসন মামলা, মুক্তি এবং চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রভাব থাকায় পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ভয় পাচ্ছিলেন। রাহাফের অভিযোগ, প্রথম ঘটনার পর আরও অন্তত দুইবার তাঁকে যৌন হয়রানি বা অনাকাঙ্ক্ষিত স্পর্শ করা হয়। অভিযুক্ত মার্কেল ওয়ালেস ICE-এর হারলিনজেন ফিল্ড অফিসের এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনস বিভাগের কর্মকর্তা হিসেবে কর্মরত বলে নিউজউইকের হাতে আসা নথিতে উল্লেখ রয়েছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, পৃথক দুটি সূত্র থেকেও তাঁর চাকরির পরিচয় নিশ্চিত করা হয়েছে। নিউজউইকের একজন প্রতিবেদক ফোনে যোগাযোগ করলে ওয়ালেস নিজের পরিচয় নিশ্চিত করেন। তবে অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা শুরু হলে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে ৫ নভেম্বর বিস্তারিত প্রশ্ন পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি। অন্যদিকে DHS বলেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তাদের পরিচয় প্রকাশের বিষয়ে তারা নিশ্চিত বা অস্বীকার করার অবস্থান নেয় না, কারণ এতে কর্মকর্তাদের ও তাঁদের পরিবারের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। DHS-এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি টেক্সাসের রিও গ্র্যান্ডে ভ্যালি এলাকা থেকে রাহাফকে আটক করে বর্ডার প্যাট্রোল। সংস্থাটির দাবি, তিনি ২০২৪ সালের আগস্টে মন্ট্রিয়ল থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। তবে তাঁর স্বামী স্যাম ওয়াইজ জানিয়েছেন, রাহাফ টেক্সাস এঅ্যান্ডএম ইউনিভার্সিটিতে নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন এবং তাঁর পরিচালিত একটি ডেন্টাল ক্লিনিকে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করতেন। গত ১ মে রাহাফকে স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়ার অনুমতি দেওয়া হয়। পরে তিনি প্রথমে ইস্তাম্বুল এবং সেখান থেকে মেক্সিকোতে যান। বর্তমানে তিনি মেক্সিকোতে অবস্থান করছেন। তাঁর স্বামী যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা এবং টেক্সাসে বসবাস করছেন। রাহাফের দাবি, বন্দিশালায় থাকা অবস্থায় প্রতিশোধমূলক আচরণের আশঙ্কায় তিনি যৌন নিপীড়নের বিস্তারিত অভিযোগ করতে পারেননি। তাঁর স্বামী স্যাম ওয়াইজ জানিয়েছেন, আগস্টের শেষ দিকে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে তিনি প্রথম ঘটনার কথা জানতে পারেন। এর আগে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে স্ত্রীর চিকিৎসাসেবা এবং বন্দিশালার পরিবেশ নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছিলেন তিনি। তবে সেসব অভিযোগে যৌন নিপীড়নের বিস্তারিত বিবরণ ছিল না। স্যামের ভাষ্য, রাহাফ সামাজিক লজ্জা এবং পরিবারের প্রতিক্রিয়ার আশঙ্কায় বিষয়টি গোপন রেখেছিলেন। তিনি জানিয়েছেন, স্ত্রীর অভিজ্ঞতার কথা জেনে তিনি গভীরভাবে মর্মাহত হলেও তাঁর পাশে রয়েছেন। গত ৯ অক্টোবর স্যাম ওয়াইজ DHS-এর ইন্সপেক্টর জেনারেলের দপ্তরসহ চারটি তদারকি সংস্থায় নির্দিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ জমা দেন। পরদিন রাহাফ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়ে শপথনামায় স্বাক্ষর করেন। ১৯ অক্টোবর সেই শপথনামা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়। এরপর ২৩ অক্টোবর টেক্সাসের মিশন শহরের আনজালদুয়াস সীমান্ত প্রবেশপথে DHS-এর তদন্ত কর্মকর্তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন রাহাফ। সেখানে তিনি বন্দি অবস্থায় হাতে লেখা ৫৯ পৃষ্ঠার ব্যক্তিগত ডায়েরি জমা দেন। পাশাপাশি ডায়েরির আরবি প্রতিলিপি ও ইংরেজি অনুবাদও তদন্তকারীদের কাছে হস্তান্তর করেন। তদন্ত কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎকারে রাহাফকে কথিত ঘটনার সময়, স্থান, সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে আগের যোগাযোগ এবং অভিযোগ জানাতে গিয়ে বাধার মুখে পড়ার বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয় বলে তিনি জানিয়েছেন। তাঁর স্বামীর বক্তব্য অনুযায়ী, ৫ নভেম্বর রাহাফের শপথনামা উইলাসি কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যানেট সি হিনোজোসার কাছে পাঠানো হয়। ৯ নভেম্বর প্রসিকিউটর অভিযোগটি স্থানীয় রেমন্ডভিল পুলিশ বিভাগের কাছে পাঠান বলে স্যাম জানিয়েছেন। একই সঙ্গে ভুক্তভোগী সহায়তা ইউনিট থেকে রাহাফের সঙ্গে যোগাযোগের কথা জানানো হয়। তবে অভিযোগের ভিত্তিতে কোনো ফৌজদারি মামলা হয়েছে কি না কিংবা তদন্তে কী পাওয়া গেছে, সে বিষয়ে নিউজউইকের প্রতিবেদনে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। যৌন নিপীড়নের অভিযোগের পাশাপাশি বন্দিশালায় পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগও করেছেন রাহাফ। ২০২৫ সালের জুনে নিউইয়র্কে চোখের রং পরিবর্তনের একটি প্রসাধনমূলক চিকিৎসা নেওয়ার পর তাঁর শারীরিক জটিলতা তৈরি হয়েছিল। তাঁর দাবি, বন্দি অবস্থায় চোখের বিশেষ ওষুধ ব্যবহার করতে দেওয়া হয়নি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেতেও বিলম্ব হয়েছে। গত ২০ মার্চ চক্ষুবিশেষজ্ঞ আলেকজান্ডার মোভশোভিচ তাঁর চোখের স্থায়ী ক্ষতির আশঙ্কা জানিয়ে জরুরি চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। তবে DHS বলেছে, বন্দিশালায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছিল। সংস্থাটির দাবি, রাহাফকে বাইরের চিকিৎসকের কাছে তিনবার নেওয়া হয়েছিল এবং চতুর্থবারের নির্ধারিত চিকিৎসা তিনি নিজেই গ্রহণ করেননি। চিকিৎসা ও আটক থাকার বৈধতা নিয়ে রাহাফ ফেডারেল আদালতের দ্বারস্থ হয়েছিলেন। গত ১৪ মে টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় ফেডারেল আদালতের বিচারক ফার্নান্দো রদ্রিগেজ জুনিয়র তাঁর হেবিয়াস করপাস আবেদন খারিজ করেন। আদালত জানান, বন্দিশালার চিকিৎসা ও পরিবেশসংক্রান্ত অভিযোগ এ ধরনের আবেদনের পরিবর্তে নাগরিক অধিকারসংক্রান্ত মামলার মাধ্যমে উত্থাপন করতে হবে। ফলে আদালতের ওই সিদ্ধান্তে রাহাফ পর্যাপ্ত চিকিৎসা পেয়েছিলেন কি না, তার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। একইভাবে ওই মামলায় পরবর্তীতে উত্থাপিত যৌন নিপীড়নের অভিযোগের বিচারও করা হয়নি। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের একজন মুখপাত্র নিউজউইককে বলেছেন, এল ভালে বন্দিশালায় অসদাচরণের যে অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা। তাঁর দাবি, কর্মকর্তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয় এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। DHS আরও জানিয়েছে, এপ্রিল মাসে আগের অভিযোগ পর্যালোচনা করে তাদের ইন্সপেক্টর জেনারেলের দপ্তর কোনো অনিয়ম পায়নি। তবে সেই পর্যালোচনায় রাহাফের পরবর্তীতে উত্থাপিত নির্দিষ্ট যৌন নিপীড়নের অভিযোগ অন্তর্ভুক্ত ছিল না। ওই অভিযোগ তিনি আনুষ্ঠানিকভাবে অক্টোবরে জানান। ফলে এপ্রিলের পর্যালোচনাকে যৌন নিপীড়নের অভিযোগ নিষ্পত্তির সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। নিউজউইক জানিয়েছে, নতুন অভিযোগের তদন্তের অগ্রগতি এবং ফলাফল জানতে DHS-এর ইন্সপেক্টর জেনারেলের দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগগুলো এখনো স্বাধীনভাবে প্রমাণিত হয়নি। অন্যদিকে রাহাফ ও তাঁর স্বামী ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ফলে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা ও স্থানীয় পুলিশের পরবর্তী পদক্ষেপের ওপরই নির্ভর করছে অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কী তথ্য সামনে আসবে। সংবাদসূত্র: নিউজউইক, যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালতের নথি
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের পর এবার মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে প্রায় ১ হাজার ৫০০ অভিবাসীর একটি নতুন কাভান (শোভাযাত্রা) যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। চিয়াপাস রাজ্য সরকারের সূত্র ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই কাভানে শিশু, নারীসহ বিভিন্ন বয়সী মানুষ পায়ে হেঁটে এবং ট্রাকে করে মেক্সিকো সিটির দিকে এগোচ্ছেন। মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা এসব অভিবাসীর মূল লক্ষ্য হলো মেক্সিকো সিটিতে পৌঁছে দেশটির সরকারের সহায়তা চাওয়া এবং আইনি সুরক্ষা নিশ্চিত করা। মধ্য আমেরিকার দেশগুলোর অভিবাসীরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির উল্লেখযোগ্য সাফল্য এবং অভিবাসন নীতির ক্ষেত্রে সম্ভাব্য নমনীয়তার খবর তাদের মনে নতুন আশার সঞ্চার করেছে। এর আগে মেক্সিকোর তাপাচুলা সীমান্তে হাজার হাজার অভিবাসী মাসের পর মাস আটকা পড়ে ছিলেন। কঠোর মার্কিন প্রবেশ নিষেধাজ্ঞা ও কর্মসংস্থানের অভাবে মানবেতর জীবনযাপন করা এসব মানুষ এখন নতুন রাজনৈতিক সমীকরণের ওপর ভরসা করে উত্তর দিকে পা বাড়িয়েছেন। এদিকে, মার্কিন সীমান্ত নীতি কঠোর করার পক্ষে সোচ্চার রাজনৈতিক মহল এবং মেক্সিকান কর্তৃপক্ষের পক্ষ থেকে এই কাভানগুলো প্রতিরোধের নানা পদক্ষেপ নেওয়া হলেও অভিবাসীদের এই দীর্ঘ পদযাত্রা থামানো যাচ্ছে না। হাজারো প্রতিকূলতা ও দীর্ঘ পথ পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ মাথায় নিয়ে অভিযাত্রীরা যুক্তরাষ্ট্রের সীমান্তে পৌঁছানোর স্বপ্ন দেখছেন।সূত্র: আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যে এক কলম্বিয়ান অভিবাসীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত আইসিই এজেন্টের অতীতের বর্ণবাদী মন্তব্য সামনে এসেছে। ডেভিড ব্রুইলেট নামের ওই এজেন্টের বিরুদ্ধে অভিবাসীবিদ্বেষের অভিযোগ তুলেছেন তাঁর নিজের বোন এলিজাবেথ এমেন। ভাইয়ের পাঠানো কয়েক বছর আগের একাধিক ইমেইল সংবাদমাধ্যমের কাছে প্রকাশ করেছেন তিনি। বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। পরে এবিসি নিউজও ইমেইলগুলোর কপি সংগ্রহ করে প্রতিবেদন প্রকাশ করে। গত ১৩ জুলাই মেইন অঙ্গরাজ্যের বিডেফোর্ড শহরে অভিবাসন আইন প্রয়োগের একটি অভিযানের সময় ২৫ বছর বয়সী কলম্বিয়ান নাগরিক ইয়োহান সেবাস্তিয়ান দুরান গুয়েরেরোকে গুলি করে হত্যা করেন ব্রুইলেট। নিহত যুবকের পরিবারের আইনজীবীদের তথ্য অনুযায়ী, তাঁর যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি ছিল এবং কোনো অপরাধের রেকর্ড ছিল না। এমনকি ওই দিনের অভিযানে তিনি আইসিইর মূল লক্ষ্যও ছিলেন না। নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে জানা যায়, ২০২১ সালে নিজের বোনের সঙ্গে ইমেইল আদানপ্রদানের সময় কলম্বিয়ান নাগরিকদের সম্পর্কে একাধিক অবমাননাকর মন্তব্য করেছিলেন ব্রুইলেট। তাঁর বোনের দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন কলম্বিয়ায় জন্ম নেওয়া এক ব্যক্তি, যিনি বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন এবং তখন পিএইচডি করছিলেন। তাঁদের দুই সন্তানও রয়েছে। কিন্তু ওই সম্পর্ক মেনে নিতে পারেননি ব্রুইলেট। প্রকাশিত ইমেইলে বোনের জীবনসঙ্গীকে নিজের দেশে ফিরে যাওয়ার কথা বলেন ব্রুইলেট। তাঁকে তৃতীয় বিশ্বের মানুষ হিসেবে অবজ্ঞা করার পাশাপাশি তাঁর বংশপরিচয় নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। এমনকি ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও সুযোগের মূল্য বোঝেন না বলেও দাবি করেন তিনি। বোনের সম্পর্কের কারণে তাঁর সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিন্ন করার কথাও জানান ব্রুইলেট। বোন এলিজাবেথ এমেন জানিয়েছেন, তাঁর জীবনসঙ্গীর অভিবাসনসংক্রান্ত বৈধতা নিয়ে প্রশ্ন তোলার কোনো ভিত্তি ছিল না। তাঁর অভিযোগ, ভাইয়ের আপত্তির মূল কারণ ছিল ওই ব্যক্তির জাতিগত পরিচয়। এমেনের ভাষ্য অনুযায়ী, এসব মন্তব্যের পর ভাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হয়ে যায়। পরবর্তী সময়ে সেই ভাই একজন ফেডারেল আইসিই এজেন্ট হিসেবে নিয়োগ পান এবং একজন কলম্বিয়ান নাগরিককে গুলি করে হত্যা করেন। ঘটনাটি তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। নিহত গুয়েরেরোর পরিবারের আইনজীবীদের দাবি, তাঁকে মুখ ও গলায় চারটি গুলি করা হয়েছিল। ঘটনার সময় তাঁর স্ত্রী ও তিন বছর বয়সী মেয়ে কাছেই ছিলেন। অন্যদিকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস জানিয়েছে, অভিযানের সময় গুয়েরেরো গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। জননিরাপত্তা নিয়ে আশঙ্কা থেকে এজেন্ট গুলি চালান বলে সংস্থাটির দাবি। তবে এই ব্যাখ্যার পক্ষে প্রকাশ্যে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করা হয়নি। শুরুতে গুয়েরেরো অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে দাবি করলেও পরে সেই বক্তব্য সংশোধন করে কর্তৃপক্ষ। এদিকে ব্রুইলেটকে আইসিইতে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। সংবাদমাধ্যমের অনুসন্ধানে দাবি করা হয়েছে, তাঁর ব্যাকগ্রাউন্ড চেক সম্পূর্ণভাবে পর্যালোচনা করার আগেই তাঁকে মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া হয়েছিল। এমনকি পূর্ণ নিরাপত্তা ছাড়পত্র না থাকায় সংস্থার কিছু কম্পিউটার সিস্টেমে তাঁর প্রবেশাধিকার সীমিত ছিল। প্রশিক্ষণ সম্পন্ন করার বিষয়েও অসংগতি পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে ডিএইচএস এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির দাবি, আইসিই এজেন্টদের নিয়োগ, প্রশিক্ষণ ও যাচাই প্রক্রিয়া নির্ধারিত নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। অপর্যাপ্ত প্রশিক্ষণ কিংবা দুর্বল যাচাই প্রক্রিয়ার অভিযোগ সঠিক নয় বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার পর ডেমোক্র্যাট আইনপ্রণেতারা ব্রুইলেটের নিয়োগ ও তাঁর অতীত সম্পর্কে কর্তৃপক্ষ কী জানত, তা তদন্তের দাবি জানিয়েছেন। মেইনের কংগ্রেস সদস্য চেলি পিংগ্রি বলেছেন, যথাযথ ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের আগেই একজন এজেন্টের হাতে অস্ত্র তুলে দেওয়া জনআস্থার গুরুতর লঙ্ঘন। নিহত গুয়েরেরোর পরিবারের আইনজীবীরাও এজেন্ট নিয়োগ ও তদারকি ব্যবস্থার জবাবদিহি দাবি করেছেন। মেইন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের অফিস গুলির ঘটনাটি তদন্ত করছে। ১১ নভেম্বর পর্যন্ত ব্রুইলেটের বিরুদ্ধে এ ঘটনায় কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি। তাঁর অতীতের বর্ণবাদী মন্তব্যের সঙ্গে গুলি চালানোর সিদ্ধান্তের সরাসরি সম্পর্ক ছিল কি না, সেটিও এখনো প্রতিষ্ঠিত হয়নি। সংবাদসূত্র The New York Times
যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদনকারীদের মধ্যে নির্দিষ্ট বয়স ও গ্রিন কার্ডের মেয়াদের শর্ত পূরণকারীরা ইংরেজি ভাষার পরীক্ষা থেকে ছাড় পেতে পারেন। মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর নিয়ম অনুযায়ী, ৫০ বছর বা তার বেশি বয়সী কিছু গ্রিন কার্ডধারীকে নাগরিকত্বের জন্য ইংরেজি পড়া, লেখা ও বলার দক্ষতার পরীক্ষা দিতে হয় না। একই সুবিধা রয়েছে ৫৫ বছর বা তার বেশি বয়সী নির্দিষ্ট আবেদনকারীদের জন্যও। তবে এই ছাড় পেতে শুধু বয়সের শর্ত পূরণ করলেই হবে না, নির্দিষ্ট সময় ধরে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের শর্তও পূরণ করতে হবে। ৫০ বছর বয়সে কারা ছাড় পাবেন? ইউএসসিআইএসের নিয়ম অনুযায়ী, নাগরিকত্বের জন্য এন-৪০০ আবেদন জমা দেওয়ার সময় কোনো ব্যক্তির বয়স কমপক্ষে ৫০ বছর হতে হবে এবং তাঁকে অন্তত ২০ বছর যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী হিসেবে বসবাস করতে হবে। এই শর্তকে বলা হয় '৫০/২০ এক্সেপশন'। শর্ত পূরণকারী আবেদনকারীকে ইংরেজি ভাষার পরীক্ষা দিতে হবে না। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সরকারব্যবস্থা সম্পর্কিত সিভিকস পরীক্ষা দিতে হবে। আবেদনকারী চাইলে এই পরীক্ষা নিজের পছন্দের ভাষায় দিতে পারবেন। ৫৫ বছর বয়সীদের জন্য কী সুবিধা? যেসব আবেদনকারীর বয়স ৫৫ বছর বা তার বেশি এবং অন্তত ১৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী হিসেবে বসবাস করছেন, তাঁরাও ইংরেজি পরীক্ষায় ছাড় পাবেন। এই নিয়মকে বলা হয় '৫৫/১৫ এক্সেপশন'। তাঁদের ইংরেজি পড়া, লেখা ও বলার পরীক্ষা দিতে হবে না। তবে সিভিকস পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক থাকবে। পরীক্ষাটি বাংলাসহ নিজের পছন্দের ভাষায় দেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য আবেদনকারীকে একজন যোগ্য দোভাষী সঙ্গে নিতে হবে, যিনি ইংরেজি ও আবেদনকারীর ভাষায় দক্ষ। ৬৫ বছর বয়সীদের জন্য আরও বিশেষ সুবিধা ইউএসসিআইএস জানিয়েছে, নাগরিকত্বের আবেদন জমা দেওয়ার সময় কোনো ব্যক্তির বয়স কমপক্ষে ৬৫ বছর এবং গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের মেয়াদ অন্তত ২০ বছর হলে তিনি অতিরিক্ত সুবিধা পাবেন। এটি '৬৫/২০ স্পেশাল কনসিডারেশন' নামে পরিচিত। এই আবেদনকারীদের ইংরেজি পরীক্ষার প্রয়োজন নেই। পাশাপাশি সিভিকস পরীক্ষার জন্য নির্ধারিত ২০টি বিশেষ প্রশ্নের মধ্য থেকে মাত্র ১০টি প্রশ্ন করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে অন্তত ছয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। চাইলে তাঁরা নিজের ভাষায় পরীক্ষাটি দিতে পারবেন। নতুন নাগরিকত্ব পরীক্ষায় কী পরিবর্তন হয়েছে? যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের ২০ অক্টোবর থেকে সংশোধিত সিভিকস পরীক্ষা কার্যকর হয়েছে। যাঁরা ওই তারিখে বা তার পরে এন-৪০০ আবেদন জমা দিয়েছেন, তাঁদের সাধারণ নিয়মে ১২৮টি প্রশ্নের তালিকা থেকে সর্বোচ্চ ২০টি প্রশ্ন করা হয়। এর মধ্যে অন্তত ১২টির সঠিক উত্তর দিতে হয়। অন্যদিকে ২০২৫ সালের ২০ অক্টোবরের আগে আবেদনকারীদের জন্য আগের পরীক্ষা বহাল রয়েছে, যেখানে ১০০টি প্রশ্নের তালিকা থেকে সর্বোচ্চ ১০টি প্রশ্ন করা হয় এবং ছয়টির সঠিক উত্তর দিতে হয়। তবে ৬৫/২০ শর্ত পূরণকারীদের জন্য উভয় পরীক্ষাব্যবস্থাতেই বিশেষ সংক্ষিপ্ত পরীক্ষার সুযোগ রয়েছে। অসুস্থতা বা প্রতিবন্ধিতার কারণেও ছাড়ের সুযোগ বয়স ছাড়াও নির্দিষ্ট শারীরিক, বিকাশগত বা মানসিক প্রতিবন্ধিতার কারণে ইংরেজি কিংবা সিভিকস পরীক্ষার শর্ত পূরণ করতে অক্ষম ব্যক্তিরা বিশেষ ছাড়ের আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে ইউএসসিআইএসের এন-৬৪৮ ফর্ম ব্যবহার করতে হয়। উপযুক্ত চিকিৎসকের মাধ্যমে প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেশন জমা দিতে হবে। পরিস্থিতি অনুযায়ী ইংরেজি পরীক্ষা, সিভিকস পরীক্ষা অথবা উভয়টি থেকে ছাড় দেওয়া হতে পারে। তবে শুধু অসুস্থতা বা প্রতিবন্ধিতা থাকলেই স্বয়ংক্রিয়ভাবে ছাড় পাওয়া যায় না। বিষয়টি ইউএসসিআইএস যাচাই করে সিদ্ধান্ত নেয়। নাগরিকত্বের আবেদনের সাধারণ শর্ত যুক্তরাষ্ট্রে সাধারণ প্রক্রিয়ায় ন্যাচারালাইজেশনের আবেদন করতে কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হয়। অধিকাংশ ক্ষেত্রে অন্তত পাঁচ বছর গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের শর্ত রয়েছে। তবে মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে তিন বছর পর আবেদন করার সুযোগ রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময় শারীরিকভাবে উপস্থিত থাকা, ধারাবাহিক বসবাস, ভালো নৈতিক চরিত্র এবং অন্যান্য আইনগত যোগ্যতা পূরণ করতে হয়। ১৮ বছরের কম বয়সী সন্তানদের ক্ষেত্রে নাগরিকত্ব অর্জনের আলাদা আইনি বিধানও রয়েছে। ইউএসসিআইএস আরও জানিয়েছে, বয়সভিত্তিক ইংরেজি পরীক্ষার ছাড় পাওয়ার অর্থ নাগরিকত্বের পুরো পরীক্ষা কিংবা ইন্টারভিউ থেকে অব্যাহতি নয়। আবেদনকারীর যোগ্যতা যাচাই, প্রয়োজনীয় সাক্ষাৎকার এবং নাগরিকত্ব গ্রহণের অন্যান্য নিয়ম বহাল থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বয়স ও গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের প্রয়োজনীয় মেয়াদ আবেদন জমা দেওয়ার সময় পূর্ণ থাকতে হবে। শুধু ২০ বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করলেই এই ছাড় পাওয়া যাবে না, সংশ্লিষ্ট সময় বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে কাটানো থাকতে হবে। যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসকারী অনেক বাংলাদেশি ইংরেজি ভাষায় দক্ষতার সীমাবদ্ধতার কারণে নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন থাকেন। তাঁদের জন্য ৫০/২০, ৫৫/১৫ এবং ৬৫/২০ নিয়মগুলো গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। তবে নিজের বয়স, গ্রিন কার্ডের মেয়াদ ও অন্যান্য যোগ্যতা যাচাই না করে আবেদন করা উচিত নয়। আবেদনকারীরা ইউএসসিআইএসের সরকারি ওয়েবসাইটে নাগরিকত্ব পরীক্ষার ছাড় ও যোগ্যতার বিস্তারিত নিয়ম দেখে নিতে পারবেন। সংবাদসূত্র: ইউএসসিআইএস, ইউএসএ ডট গভ, লেজিট ডট এনজি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ডিয়েগোতে আট বছর বয়সী এক হাইতিয়ান শিশুকে অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে নেওয়ার ঘটনায় স্থানীয়ভাবে প্রতিবাদ ও উদ্বেগ তৈরি হয়েছে। শিশুটির বাবা গত বছর যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হওয়ার পর সে তার চাচার সঙ্গে বসবাস করছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের ১১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ৪ নভেম্বর শিশুটিকে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইস) কার্যালয়ে নিয়ে যান তার চাচা। সেখানে নির্ধারিত সাক্ষাতে উপস্থিত হওয়ার পর শিশুটিকে হেফাজতে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির চাচা তার আইনগত অভিভাবক নন। এ ঘটনায় সান ডিয়েগো ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট ফাবি বাগুলা এবং স্কুল বোর্ডের সদস্যরা কেন্দ্রীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তাঁরা বলেছেন, শিশুটি তার পরিবার, স্থানীয় সমাজ এবং স্কুলের সহায়তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিশুদের পারিবারিক পরিস্থিতির কারণে শিক্ষা গ্রহণের সুযোগ হারানো উচিত নয় বলেও তাঁরা উল্লেখ করেছেন। শিশুটির আইনি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে স্থানীয় ফেয়ারমাউন্ট হাইতিয়ান কমিউনিটি চার্চ সহায়তা করেছে। গির্জার যাজক জনি অক্সেদা বলেছেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়াই শেষ পর্যন্ত শিশুটির জন্য উপকারী হতে পারে। অন্যদিকে, মানবাধিকারকর্মীরা ঘটনাটির সমালোচনা করেছেন। হাইতিয়ান ব্রিজ অ্যালায়েন্সের প্রতিনিধি গারলিন জোসেফ শিশুটির আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ ও অভিবাসন কর্তৃপক্ষের অবস্থানও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে শিশুটির বর্তমান অবস্থান, পরবর্তী আইনি শুনানি এবং পরিবারের কাছে ফিরে যাওয়ার বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের তথ্য ওই প্রতিবেদনে দেওয়া হয়নি। ঘটনাটি আবারও যুক্তরাষ্ট্রে অভিবাসী শিশুদের নিরাপত্তা, পারিবারিক অভিভাবকত্ব এবং শিক্ষার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন সামনে এনেছে। অভিবাসনসংক্রান্ত কোনো প্রক্রিয়ায় শিশু জড়িত থাকলে তার নিরাপত্তা, আইনি প্রতিনিধিত্ব ও শিক্ষা অব্যাহত রাখার বিষয়গুলো নিশ্চিত করা জরুরি—এমন দাবি জানিয়েছেন স্থানীয় শিক্ষা কর্মকর্তা ও মানবাধিকারকর্মীরা। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি),
নিউইয়র্কের ব্রঙ্কস এলাকার একটি সরকারি অভিবাসী আশ্রয়কেন্দ্রের নির্দিষ্ট কিছু বাসিন্দার ব্যক্তিগত তথ্য কেন্দ্রীয় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা—আইসের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল বিচারক। আদালতের এই আদেশের পর মেয়র জোহরান মামদানির প্রশাসন পরবর্তী আইনি পদক্ষেপ বিবেচনা করছে। গথামিস্টের ১০ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ম্যানহাটনের ফেডারেল জেলা আদালতের বিচারক লুইস কাপলান ৬ নভেম্বর এই নির্দেশ দেন। এতে ব্রঙ্কসের বুখনার বুলেভার্ড এলাকার একটি অভিবাসী আশ্রয়কেন্দ্রে থাকা নির্দিষ্ট কিছু পুরুষ বাসিন্দার নাম, জন্মতারিখ এবং তাঁদের শনাক্ত করতে সহায়ক প্রয়োজনীয় তথ্য দেওয়ার কথা বলা হয়েছে। তবে আদালতের নির্দেশে আশ্রয়কেন্দ্রের সব বাসিন্দার তথ্য দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। আইসের প্রাথমিক আবেদনে সব বাসিন্দার তথ্য চাওয়া হলেও বিচারক বিষয়টি সীমিত করেছেন। আদালত নিযুক্ত একজন বিশেষ তত্ত্বাবধায়ক বা স্পেশাল মাস্টার যাচাই করে কেবল নির্দিষ্ট গুরুতর অপরাধের ইতিহাস থাকা ব্যক্তিদের তথ্য হস্তান্তরের বিষয়টি তদারক করবেন। প্রতিবেদন অনুযায়ী, হত্যা, অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড, ধর্ষণ, ডাকাতি, হামলা, বড় অঙ্কের চুরি, বাড়িতে চুরি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার ওপর হামলার মতো আট ধরনের অপরাধের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা এই যাচাইয়ের আওতায় পড়তে পারেন। এখানে অভিযোগ থাকা এবং আদালতে দোষী সাব্যস্ত হওয়া এক বিষয় নয়। বিচারক কাপলান বলেছেন, তথ্য সরবরাহের অনুরোধটি অযৌক্তিকভাবে অতিরিক্ত বোঝা তৈরি করবে—এমন প্রমাণ শহর কর্তৃপক্ষ দিতে পারেনি। তাই সংশোধিত শর্তে আইসের সমন কার্যকর করার নির্দেশ দিয়েছেন তিনি। ব্রঙ্কসের এই আশ্রয়কেন্দ্রটি একসময় প্রায় দুই হাজার দুইশ অভিবাসী পুরুষের থাকার উপযোগী করে তৈরি করা হয়েছিল। চলতি বছরের জুনের শেষে সেখানে এক হাজার চারশর বেশি একক পুরুষ অভিবাসী ছিলেন বলে নগর প্রশাসনের তথ্য উল্লেখ করেছে গথামিস্ট। কেন্দ্রটি চলতি বছরের শেষ নাগাদ বন্ধ করার পরিকল্পনাও রয়েছে। মেয়র মামদানির মুখপাত্র ইভন রদ্রিগেজ জানিয়েছেন, প্রশাসন আদালতের সিদ্ধান্ত পর্যালোচনা করছে এবং পরবর্তী পদক্ষেপ বিবেচনা করছে। অন্যদিকে, নিউইয়র্ক ইমিগ্রেশন কোয়ালিশনসহ অভিবাসী অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো আদালতের আদেশের বিরুদ্ধে আপিলের আহ্বান জানিয়েছে। নিউইয়র্কের স্থানীয় আইনে নগর কর্তৃপক্ষের সঙ্গে কেন্দ্রীয় অভিবাসন সংস্থার সহযোগিতার ওপর কিছু সীমাবদ্ধতা রয়েছে। এ কারণে আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের তথ্য চাওয়া নিয়ে নগর প্রশাসন ও কেন্দ্রীয় কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে আইনি বিরোধ চলছে। এই রায় নিউইয়র্কের সব অভিবাসী বা আশ্রয়প্রার্থীর জন্য প্রযোজ্য নয়। এটি নির্দিষ্ট একটি আশ্রয়কেন্দ্রের নির্দিষ্ট কিছু বাসিন্দার তথ্য নিয়ে আদালতের নির্দেশ। তাই অন্য আশ্রয়কেন্দ্রে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত কার্যকর হয়েছে—এমন ধারণা করা ঠিক হবে না। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্য বিষয়টি জানা গুরুত্বপূর্ণ। বিশেষ করে আশ্রয়কেন্দ্রে থাকা ব্যক্তিদের নিজেদের আইনি অবস্থান, কোনো সমন বা আদালতের নোটিশ এবং ব্যক্তিগত পরিস্থিতি সম্পর্কে অভিবাসন আইনজীবী বা স্বীকৃত আইনি সহায়তা সংস্থার পরামর্শ নেওয়া উচিত।