- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চেন ইয়ং (৪১) নামের ওই চীনা নাগরিক ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে নারীদের আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীর ক্ষেত্রে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন তাঁর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাঁর সন্ধানে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তাঁর বড় বোনকে ফোন করে জানান, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে চেন ইয়ংয়ের বিরুদ্ধে আরও একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠে আসে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, এসব ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ২৫ নভেম্বর বিকেলে চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর আদালতে জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, চেন ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি। সূত্র: যুগান্তর 871-এসএ
যুক্তরাষ্ট্রের পূর্ব ও পশ্চিম উপকূলে অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ‘কিং টাইডস’ নামে পরিচিত বছরের সর্বোচ্চ জোয়ারের প্রভাবে ক্যালিফোর্নিয়ার কয়েকটি উপকূলীয় এলাকা ইতিমধ্যে প্লাবিত হয়েছে। ফ্লোরিডাসহ পূর্ব উপকূলের কয়েকটি এলাকাতেও পানি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা। কিছু এলাকায় কয়েক দশকের পুরোনো জোয়ারের রেকর্ড ভাঙারও আশঙ্কা রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স লোকালের প্রতিবেদনে বলা হয়েছে, থ্যাংকসগিভিং সপ্তাহে দুই উপকূলেই জোয়ারের উচ্চতা বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। বিশেষ করে সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার জোয়ারের উচ্চতা স্বাভাবিকের চেয়ে অন্তত ২ দশমিক ৮ ফুট বেশি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। সান ফ্রান্সিসকোতে সর্বোচ্চ জোয়ারের আগের রেকর্ড ছিল ১৯৮৩ সালের ২৭ জানুয়ারি, যখন পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ২ দশমিক ৯ ফুট বেশি উঠেছিল। নতুন পূর্বাভাস সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছানোর আশঙ্কা তৈরি করেছে। এরই মধ্যে ক্যালিফোর্নিয়ার মারিন কাউন্টি ও কোর্টে মাদেরার কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। হুমবোল্ট কাউন্টিতে বন্যার কারণে কয়েকটি উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম উপকূলের পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ওয়াশিংটন ও ওরেগনের উপকূলীয় এলাকায় থ্যাংকসগিভিং পর্যন্ত উচ্চ জোয়ার, শক্তিশালী বাতাস ও বড় ঢেউয়ের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সান ফ্রান্সিসকো বে এলাকায় বুধবার ২০ থেকে ৩০ ফুট উঁচু ঢেউয়ের সতর্কতাও দেওয়া হয়েছিল। উচ্চ জোয়ারের কারণে ওয়াশিংটন স্টেট ফেরির কয়েকটি যাত্রাও বাতিল করা হয়েছে। অন্যদিকে, ফ্লোরিডার পাম বিচ থেকে মায়ামি পর্যন্ত আটলান্টিক উপকূলে বুধবার ও বৃহস্পতিবার সকালে জোয়ারের কারণে বন্যার আশঙ্কা রয়েছে। কয়েক দিন আগে দক্ষিণ ও মধ্য ফ্লোরিডার কিছু এলাকায় ধীরগতির ঝড়ের কারণে ১৭ ইঞ্চির বেশি বৃষ্টিপাত হয়েছিল। ফলে নতুন করে জোয়ারের পানি বাড়লে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতি আরও জটিল হতে পারে। এ ছাড়া ফ্লোরিডার সেন্ট জনস নদী গত সপ্তাহে ১৯৫৩ সালের বন্যার রেকর্ড ভেঙেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, নদীটির পানি বন্যাসীমার অন্তত ২ ফুট ওপরে থাকতে পারে। কেন হয় কিং টাইডস? কিং টাইডস বলতে বছরের কোনো নির্দিষ্ট এলাকায় দেখা দেওয়া অস্বাভাবিক উচ্চ জোয়ারকে বোঝায়। এটি কোনো বৈজ্ঞানিক পরিভাষা নয়। সূর্য, চাঁদ ও পৃথিবী প্রায় একই সরলরেখায় এলে তাদের সম্মিলিত মহাকর্ষীয় আকর্ষণে সমুদ্রের পানি স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতায় ওঠে। পূর্ণিমা ও অমাবস্যার সময় এ ধরনের জোয়ারের প্রভাব আরও বেশি দেখা যেতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ বছর চলমান সুপার এল নিনোর কারণে সমুদ্রের পানির স্বাভাবিক উচ্চতা বেড়ে যাওয়ায় কিং টাইডসের প্রভাব আরও তীব্র হয়েছে। দীর্ঘমেয়াদে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও উপকূলীয় বন্যার ঝুঁকি বাড়াচ্ছে। উচ্চ জোয়ারের সময় ঝড়, শক্তিশালী বাতাস ও ভারী বৃষ্টিপাত একসঙ্গে হলে পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে।আবহাওয়া দপ্তর উপকূলীয় বাসিন্দাদের স্থানীয় সতর্কতা অনুসরণ, উঁচু ঢেউয়ের সময় সমুদ্রসৈকত, পিয়ার ও পাথুরে এলাকায় যাওয়া থেকে বিরত থাকা এবং প্লাবিত সড়কে গাড়ি না চালানোর পরামর্শ দিয়েছে। সংবাদ সূত্র LiveNOW from FOX 876TR
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মশাবাহিত প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৬ সালে এখন পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৫ জন। এর মধ্যে ভাইরাসে আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়েছেন ম্যান্ডি বুড নামে এক নারী। গত দুই মাস ধরে তিনি পা নাড়াতে পারছেন না। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়া এই নারীর ঘটনা ভাইরাসটির ভয়াবহতা নতুন করে সামনে এনেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির ২৬ নভেম্বরের প্রতিবেদন অনুযায়ী, এক দশকেরও বেশি সময়ের মধ্যে ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এবার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ৪৫ জনের মৃত্যু নিয়ে ২০২৬ সাল অঙ্গরাজ্যটির ইতিহাসে এ ভাইরাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর হয়ে উঠেছে। মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক বুডের অসুস্থতার শুরু হয় গত সেপ্টেম্বরে। প্রথমে তাঁর নিতম্বে ব্যথা শুরু হয়। তিনি ভেবেছিলেন, এটি হয়তো সায়াটিকার সমস্যা। কিন্তু একপর্যায়ে তাঁর পা শরীরের ভার বহন করতে না পারায় তিনি পড়ে যান। পরে তাঁকে লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে চিকিৎসা চালিয়ে যান। হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার সময় আবার দাঁড়ানোর চেষ্টা করছেন বুড। এএফপিকে তিনি বলেন, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’ নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’ বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও আর্দ্রতা বেশি থাকায় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে এ বছর মে মাসেই প্রথম সংক্রমিত মশা শনাক্ত হয়, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দুই মাস আগের ঘটনা। জলবায়ু পরিবর্তন এবং উষ্ণ আবহাওয়ার কারণে মশাবাহিত রোগের বিস্তারও বাড়ছে বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের এক গবেষক। ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল আফ্রিকার উগান্ডায়। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। সাধারণত ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর পর মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ভাইরাসে আক্রান্ত প্রায় ৮০ শতাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। প্রায় ২০ শতাংশের ক্ষেত্রে জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, বমি বা ত্বকে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিতে পারে। তবে এক শতাংশেরও কম আক্রান্তের ক্ষেত্রে মস্তিষ্ক ও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গুরুতর সংক্রমণ হতে পারে। এতে মস্তিষ্কের প্রদাহ, পেশির দুর্বলতা এমনকি পক্ষাঘাতও দেখা দিতে পারে। এ ভাইরাস প্রতিরোধে মানুষের ব্যবহারের জন্য এখনো কোনো অনুমোদিত টিকা নেই। নির্দিষ্ট কোনো ওষুধও নেই। গুরুতর আক্রান্তদের হাসপাতালে রেখে উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। মশার কামড় এড়াতে রিপেলেন্ট ব্যবহার, বিশেষ করে ভোর ও সন্ধ্যায় সতর্ক থাকা এবং বাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। জীবনের অধিকাংশ সময় ফ্লোরিডায় কাটিয়েছেন বুড। সেখানকার গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ায় মশার উপদ্রব তাঁর কাছে পরিচিত ছিল। তবে ক্যালিফোর্নিয়ার মনোরম আবহাওয়ায় এসে এমন প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হবেন, তা কখনো ভাবেননি বলে জানান তিনি। সূত্র: এএফপি 871 এসএ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে কড়া সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। শেখ হাসিনার কোনো ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকেই এককভাবে দায়ী থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। নিউইয়র্কে আয়োজিত ‘বাংলাদেশ’স ফিউচার’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় মাইকেল রুবিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে দায়িত্ব পালন করা এই সাবেক কর্মকর্তা বলেন, আগেভাগেই প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া উচিত যে, শেখ হাসিনার চুলের একটি অংশেরও যদি কোনো ক্ষতি হয়, তবে কেবল তারাই দায়ী থাকবেন। একই সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং অন্যান্য দূতাবাসের কূটনীতিকদেরও এই বার্তা ঢাকার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি। সেমিনারে ভারতের বিষয়েও মন্তব্য করেন মাইকেল রুবিন। বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের আপস না করে ভারতকে দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানান তিনি। উল্লেখ্য, ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তবে ১৬ ডিসেম্বর তাঁর দেশে ফেরার পরিকল্পনা ঘিরে নানা অনিশ্চয়তা ও জটিলতা তৈরি হয়েছে। সূত্র: ইন্ডিয়া টুডে 873 ডিএন
বিশ্বজুড়ে জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার আইশোস্পিড ২০২৭ সালে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। ভারত, নেপাল ও কাজাখস্তানের পাশাপাশি বাংলাদেশকেও তাঁর আগামী বছরের ভ্রমণ পরিকল্পনায় রেখেছেন তিনি। সম্প্রতি লাইফ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিশ্বভ্রমণের পরিকল্পনা তুলে ধরতে গিয়ে এ কথা জানান তিনি। সাক্ষাৎকারে আইশোস্পিড বলেন, আগামী বছর মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ ভ্রমণের পরিকল্পনা রয়েছে তাঁর। এ তালিকায় রয়েছে ভারত, বাংলাদেশ, নেপাল ও কাজাখস্তান। তবে বাংলাদেশ সফরের নির্দিষ্ট তারিখ, সময়সূচি কিংবা ভ্রমণসূচি এখনো প্রকাশ করা হয়নি। পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার লক্ষ্য নিয়ে এগোচ্ছেন এই জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর। তাঁর ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশ ভ্রমণ করেছেন তিনি। বিশ্বের সব দেশ ঘুরে দেখার লক্ষ্য পূরণ করতে তাঁর আরও প্রায় দুই বছর সময় লাগতে পারে। ইতিমধ্যে ২০২৬ সালে আফ্রিকার ২০টি দেশ সফর করেছেন আইশোস্পিড। এ ছাড়া ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশেও ১৪ দিনের একটি ভ্রমণ করেছেন তিনি। এসব সফরে সরাসরি লাইভস্ট্রিমের মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরে আন্তর্জাতিক দর্শকদের মধ্যে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। বাংলাদেশ সফরের পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের দর্শকদের সামনে সরাসরি লাইভস্ট্রিমে বাংলাদেশের সংস্কৃতি, মানুষের জীবনযাপন ও বিভিন্ন দর্শনীয় স্থান তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি আইশোস্পিড। লাইফ ম্যাগাজিনের সাক্ষাৎকারে তিনি বাংলাদেশসহ চারটি দেশের নাম উল্লেখ করেছেন। তবে এখনো কোনো আনুষ্ঠানিক সফরসূচি ঘোষণা করা হয়নি। সূত্র: লাইফ ম্যাগাজিন, কমপ্লেক্স 871-এসএ
গাজার যুদ্ধে মানবিক বিপর্যয় ও বাস্তবচিত্র তুলে ধরতে গিয়ে প্রাণ হারানো ফিলিস্তিনি ফ্রিল্যান্স সাংবাদিক ও আলোকচিত্রী মরিয়ম দাগ্গা (মরিয়ম আবু দাগ্গা) মরণোত্তর মর্যাদাপূর্ণ ‘ররি পেক’ পুরস্কার অর্জন করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর হয়ে কাজ করা তার দুই সহকর্মীর সঙ্গে যৌথভাবে তিনি এ সম্মাননা পেয়েছেন। ররি পেক ট্রাস্টের বিবৃতি অনুযায়ী, গাজা যুদ্ধের মানবিক মূল্য ও দুর্ভোগের শক্তিশালী প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ মরিয়ম দাগ্গা এবং তার এপি সহকর্মী আবদেল করিম হানা ও জেহাদ আলশরাফিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকেই মরিয়ম এপির হয়ে কাজ করছিলেন এবং ব্যক্তিগত নানা শোক ও ঝুঁকি সত্ত্বেও নিরবচ্ছিন্নভাবে সংবাদ ও ছবি সংগ্রহ করে গেছেন। ৩৩ বছর বয়সী এই সাংবাদিক ২০২৫ সালের আগস্টে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। ওই হামলায় আরও চারজন সাংবাদিকসহ মোট ২২ জন প্রাণ হারান। পুরস্কার প্রদান অনুষ্ঠানে এপির নির্বাহী সম্পাদক জুলি পেস বলেন, সাংবাদিকরা চরম ব্যক্তিগত ঝুঁকি নিয়ে ঘটনা নথিবদ্ধ করে জনগণকে জানানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি মরিয়মসহ এই সংঘাত ও অন্যান্য সংঘাতে নিহত সব সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মৃত্যুর ঘটনার জবাবদিহি ও সত্য উদ্ঘাটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে মরিয়মের ঘনিষ্ঠ সহকর্মী ও সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে যুদ্ধক্ষেত্রে কাজ করার কঠিন বাস্তবতা। ক্ষুধার্ত থেকেও ক্ষুধার্ত মানুষের গল্প বলা, নিজের নিরাপদ আশ্রয় না থাকলেও বাস্তুচ্যুত পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেও কাজ চালিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারা। একটি সন্তানের জননী মরিয়ম একসময় ভাবতেন, তাদের পাঠানো ছবিগুলো আদৌ কারও কাছে পৌঁছাচ্ছে কি না বা কোনো পরিবর্তন আনছে কি না—আজকের এই স্বীকৃতি সেই প্রশ্নেরই উত্তর বলে মন্তব্য করেন এক সহকর্মী। উল্লেখ্য, ১৯৯৩ সালে মস্কোয় দায়িত্ব পালনকালে নিহত ভিডিও সাংবাদিক ররি পেকের স্মরণে ১৯৯৫ সাল থেকে বিশ্বজুড়ে ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের সাহসিকতা ও অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়ে আসছে। এ বছর ফটোসাংবাদিকতা বিভাগে প্রথমবারের মতো দেওয়া ররি পেক পুরস্কার পেয়েছেন ফরাসি আলোকচিত্রী রবিন তুতেঁজ। সুদানের দারফুর সংঘাত কাভার করা সুদানি ফ্রিল্যান্স আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিক আহমেদ মোহামেদ আবদাল্লা একই বিভাগে সংক্ষিপ্ত তালিকায় থাকলেও ভিসা না পাওয়ায় লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি; তবে ভিডিও বার্তায় তিনি অবরুদ্ধ মানুষের চরম দুর্দশার চিত্র তুলে ধরেন। সূত্র: দ্য গার্ডিয়ান 873 ডিএন
যুক্তরাষ্ট্রের আবাসন বাজারে বাড়ি কিনে সংস্কার করে বেশি দামে বিক্রির ব্যবসা বা ‘হোম ফ্লিপিং’-এ বড় শহরগুলোর মধ্যে প্রায় তলানিতে রয়েছে টেক্সাসের হিউস্টন। সম্পত্তি কেনা ও পুনরায় বিক্রির দামের ব্যবধান অনুযায়ী শহরটিতে গড় মুনাফার হার মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। বিপরীতে পেনসিলভানিয়ার পিটসবার্গে এ হার ৮১ দশমিক ৫ শতাংশ। যুক্তরাষ্ট্রের আবাসন তথ্য ও বিশ্লেষণ প্রতিষ্ঠান অ্যাটমের (ATTOM) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের হোম ফ্লিপিং প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। গত ১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে দেশটির ১৮৬টি মেট্রোপলিটন এলাকার আবাসন লেনদেন বিশ্লেষণ করা হয়েছে। ২৫ নভেম্বর এবিসি১৩ হিউস্টনের এক প্রতিবেদনে হিউস্টানের পরিস্থিতি তুলে ধরা হয়। প্রতিবেদন অনুযায়ী, ১০ লাখের বেশি জনসংখ্যার মেট্রোপলিটন এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফার হার পিটসবার্গে ৮১ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে ৭৬ দশমিক ৬ শতাংশ, লুইজিয়ানার নিউ অরলিন্সে ৭৫ শতাংশ, ভার্জিনিয়া বিচে ৬৩ দশমিক ৪ শতাংশ এবং ফিলাডেলফিয়ায় ৬২ দশমিক ৮ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম মুনাফার শহরগুলোর তালিকায় টেক্সাসের চারটি বড় শহর রয়েছে। সান অ্যান্টোনিওতে বাড়ি ফ্লিপিংয়ে গড় লোকসানের হার শূন্য দশমিক ৩ শতাংশ। ডালাসে মুনাফার হার ১ দশমিক ৮ শতাংশ, অস্টিনে ২ দশমিক ৮ শতাংশ এবং হিউস্টনে ৩ দশমিক ৭ শতাংশ। এ তালিকায় সল্টলেক সিটির হার ৪ দশমিক ৭ শতাংশ। টেক্সাসে মুনাফা কম কেন? স্থানীয় আবাসন ব্যবসায়ীদের মতে, টেক্সাসের বড় শহরগুলোতে বাড়ির ক্রয়মূল্য তুলনামূলক বেশি হওয়ায় সংস্কার করে পুনরায় বিক্রির পর লাভের সুযোগ কমে যাচ্ছে। অন্যদিকে, দেশের কিছু অঞ্চলে পুরোনো বাড়ির সংখ্যা বেশি থাকায় তুলনামূলক কম দামে সম্পত্তি কিনে সংস্কারের পর বেশি দামে বিক্রির সুযোগ রয়েছে। হিউস্টনের আবাসন ব্যবসায়ী ক্যাট রবিনসনের মতে, মুনাফা কমে যাওয়ায় আগের তুলনায় কম বিনিয়োগকারী বাড়ি কিনে সংস্কার করে বিক্রি করছেন। ফলে বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ছোট ব্যক্তিগত বিনিয়োগকারীদেরও এ ব্যবসায় আগ্রহ কমছে। তবে সাধারণ বাড়ি ক্রেতাদের জন্য পরিস্থিতিটি ইতিবাচক হতে পারে। কারণ বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো কম বাড়ি কিনলে প্রথমবারের মতো বাড়ি কিনতে চাওয়া পরিবারগুলোর সঙ্গে প্রতিযোগিতা কমবে। এতে সাধারণ ক্রেতাদের নিজেদের বসবাসের জন্য বাড়ি কেনার সুযোগ বাড়তে পারে। যুক্তরাষ্ট্রজুড়েও কমছে বাড়ি ফ্লিপিংয়ের মুনাফা অ্যাটমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে মোট ৭৭ হাজার ৯৯১টি একক পরিবারের বাড়ি ও কনডোমিনিয়াম ফ্লিপ করা হয়েছে। এ সময় মোট বাড়ি বিক্রির ৬ দশমিক ২ শতাংশ ছিল এ ধরনের লেনদেন। আগের প্রান্তিকে এ হার ছিল ৮ শতাংশ এবং ২০২৫ সালের একই সময়ে ৭ দশমিক ৩ শতাংশ। দেশজুড়ে বাড়ি ফ্লিপিংয়ের গড় মুনাফার হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৫ শতাংশে। আগের প্রান্তিকে এ হার ছিল ২৫ দশমিক ৭ শতাংশ এবং ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে ছিল ২৭ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ টানা দুই বছর ধরে এ ব্যবসায় মুনাফার হার কমছে। তবে প্রতিবেদনে উল্লেখিত মুনাফার হার মোট মুনাফার হিসাব। বাড়ি সংস্কার, শ্রমিকের মজুরি, ঋণের সুদ ও অন্যান্য পরিচালন ব্যয় এতে বাদ দেওয়া হয়নি। ফলে বিনিয়োগকারীদের প্রকৃত নিট মুনাফা প্রকাশিত হারের চেয়ে আরও কম হতে পারে। সংবাদ সূত্র ATTOM — Q2 2026 U.S. Home Flipping Report ৮৭৬ টিআর
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগ আয়োজিত এক সেমিনারে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস। জাতিসংঘের হিসাব তুলে ধরে তিনি বলেন, ওই আন্দোলনে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ পর্যন্ত হতে পারে। তাঁদের অনেকেই তৎকালীন আওয়ামী লীগ সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় ২৪ নভেম্বর মঙ্গলবার নিউইয়র্কে আয়োজিত ওই সেমিনারে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র, মানবাধিকার, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বক্তব্য দেন সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ভার্চুয়ালি যুক্ত ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ এবং নারায়ণগঞ্জে সংঘর্ষের সময় নিহত ছয় বছর বয়সী এক শিশুর কথা বিশেষভাবে স্মরণ করেন হ্যারি টমাস। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ বর্তমান গণতান্ত্রিক অবস্থানে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আন্দোলনের সময় সহিংসতায় নিহত পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও স্মরণ করার আহ্বান জানান। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন নিয়ে হ্যারি টমাস বলেন, বহুদলীয় গণতন্ত্র কোনো দেশের ওপর বাইরে থেকে চাপিয়ে দেওয়া যায় না। দেশের জনগণকেই নিজেদের গণতান্ত্রিক ভবিষ্যৎ বেছে নিতে হয়। গত ফেব্রুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগণ সেই সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়টিকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রদূত। পাশাপাশি গণতন্ত্রকে শক্তিশালী করতে কার্যকর বিরোধী দল, বাকস্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষার ওপর গুরুত্ব দেন তিনি। বর্তমান সরকারের মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন হ্যারি টমাস। রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বিচারে আটকের বিষয়ে হিউম্যান রাইটস ওয়াচের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংবিধান অনুযায়ী প্রমাণের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার করতে হবে। সেমিনার শেষে নিজের লিংকডইন অ্যাকাউন্টেও বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন হ্যারি টমাস। সেখানে অতীতের অন্যায়ের বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজন থেকে বেরিয়ে বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সূত্র: দৈনিক ইনকিলাব 871 এসএ
যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের এক গবেষণায় দেখা গেছে, যারা একক জীবনযাপন নিয়ে স্বস্তিতে আছেন এবং নিজেদের স্বাধীনতাকে ইতিবাচকভাবে দেখেন, তাঁদের সামগ্রিক জীবনসন্তুষ্টির মাত্রাও তুলনামূলক বেশি। ব্যক্তিগত লক্ষ্য পূরণ, নিজের পছন্দমতো জীবন পরিচালনা এবং অন্যের সঙ্গে সমন্বয় করার বাধ্যবাধকতা না থাকাকে ইতিবাচকভাবে দেখার সঙ্গে জীবনসন্তুষ্টির সম্পর্ক পাওয়া গেছে। ২০২৬ সালের ২৬ আগস্ট ‘ক্রস-কালচারাল রিসার্চ’ সাময়িকীতে প্রকাশিত গবেষণায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, মেক্সিকো ও স্পেনের ৩০ বছর বা তার বেশি বয়সী ৫ হাজার ১৭ জন একক জীবনযাপনকারী প্রাপ্তবয়স্কের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। গবেষণাটিতে যুক্তরাষ্ট্রের ২ হাজার ১৪৬ জন, যুক্তরাজ্যের ১ হাজার ৯৩ জন, জাপানের ৭১৯ জন, স্পেনের ৫৬৮ জন এবং মেক্সিকোর ৪৯১ জন অংশ নেন। গবেষণায় দেখা গেছে, যারা একা থাকার মধ্যে স্বাধীনতা ও ব্যক্তিগত লক্ষ্য পূরণের সুযোগ খুঁজে পান, তাঁদের জীবনসন্তুষ্টির সঙ্গে এ ইতিবাচক দৃষ্টিভঙ্গির উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে। পাঁচটি দেশের প্রতিটিতেই এ সম্পর্ক পাওয়া গেছে। গবেষকেরা দেখেছেন, নিজের পছন্দমতো সময় কাটানো, নতুন অভিজ্ঞতা অর্জন এবং ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাকে একক জীবনের ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করেন অনেকে। অন্যদিকে, একা থাকার কারণে সামাজিক বৈষম্য, পরিবার ও আশপাশের মানুষের কাছ থেকে বিয়ে বা সম্পর্কে জড়ানোর চাপ এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির অভিজ্ঞতা জীবনসন্তুষ্টির সঙ্গে নেতিবাচকভাবে সম্পর্কিত। গবেষণায় বিশেষ করে দেখা গেছে, এ ধরনের সামাজিক চাপ একক জীবন নিয়ে মানুষের সন্তুষ্টিকে আরও বেশি প্রভাবিত করে।যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও মেক্সিকোর অংশগ্রহণকারীদের ক্ষেত্রে সামাজিক বৈষম্য ও চাপের সঙ্গে সামগ্রিক জীবনসন্তুষ্টির নেতিবাচক সম্পর্ক পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য ছিল। স্পেন ও জাপানের ক্ষেত্রে একই সম্পর্কের দিক নেতিবাচক হলেও তা পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য পাওয়া যায়নি। গবেষণাটির লেখক এলিয়াকিম কিসলেভ একক জীবনযাপনের অভিজ্ঞতাকে শুধু সঙ্গী থাকা বা না থাকার ভিত্তিতে মূল্যায়ন না করে ব্যক্তির স্বাধীনতা, সামাজিক পরিবেশ এবং নিজের জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বোঝার ওপর গুরুত্ব দিয়েছেন। তবে গবেষণাটি থেকে এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই যে একা থাকা মানুষ বিবাহিত বা সম্পর্কে থাকা মানুষের চেয়ে বেশি সুখী। কারণ এতে শুধু একক জীবনযাপনকারী ব্যক্তিদের অভিজ্ঞতা বিশ্লেষণ করা হয়েছে; তাঁদের সঙ্গে সম্পর্কে থাকা ব্যক্তিদের সরাসরি তুলনা করা হয়নি। গবেষণাটি এককালীন জরিপভিত্তিক হওয়ায় ইতিবাচক দৃষ্টিভঙ্গিই জীবনসন্তুষ্টি বাড়ায়, নাকি জীবন নিয়ে সন্তুষ্ট ব্যক্তিরা একক জীবনকে বেশি ইতিবাচকভাবে দেখেন, সেটিও নিশ্চিত করা যায়নি। সংবাদ সূত্র Cross-Cultural Research,The Associations of Singlism and Positive Appraisals of Singlehood With Singles’ Subjective 876TR
থ্যাংকসগিভিং উৎসবের আগে শিকাগোর একটি খাদ্য সহায়তা প্রতিষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। সেখানে তাঁরা শুধু অতিথি হিসেবে যাননি, স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিজেরাই পরিবারের জন্য খাবারের বাক্স প্রস্তুত করেছেন। বুধবার (২৫ নভেম্বর) শিকাগোর এনগলউড এলাকার ‘ডিওনস শিকাগো ড্রিম’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানে যান ওবামা দম্পতি। সেখানে তাঁরা প্রতিষ্ঠানের কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাজা ফল ও সবজি প্যাকেট করার কাজে অংশ নেন। এসব খাবার থ্যাংকসগিভিংয়ের আগে শিকাগোর বিভিন্ন পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা। প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহে শিকাগোর প্রায় ৫ হাজার ৪০০ মানুষের কাছে তাজা ফল ও সবজি পৌঁছে দেয়। খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ২০২০ সালে একটি কমিউনিটি ফ্রিজের মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করেন ডিওন ডসন। বর্তমানে এটি একটি বড় খাদ্য সহায়তা কার্যক্রমে পরিণত হয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডিওন ডসন জানান, ওবামা দম্পতির আসার খবর তিনি মাত্র এক ঘণ্টা আগে পেয়েছিলেন। তাঁদের আকস্মিক উপস্থিতিতে কর্মী ও স্বেচ্ছাসেবকেরা আনন্দিত ও বিস্মিত হন। খাবার প্যাকেট করার সময় বারাক ওবামা ও মিশেল ওবামা নিজেদের জীবনের অভিজ্ঞতা নিয়েও মজার কথাবার্তা বলেন। তাঁদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় সংবাদমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে খাদ্য সহায়তা কার্যক্রম চলছে। এমন সময়ে সাবেক প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীর সরাসরি স্বেচ্ছাসেবায় অংশ নেওয়াকে স্থানীয় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। সংবাদসূত্র: এবিসি৭ শিকাগো।874 এসকিউ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দারা ছুটির মৌসুমে নিজেদের মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৭ শতাংশ ব্যয় করেন। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর মধ্যে এ হার সবচেয়ে বেশি। দেশজুড়ে ছুটির মৌসুমের গড় ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের প্রায় ২১ শতাংশ। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান মানিলায়ন (MoneyLion) প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ছুটির মৌসুমের কেনাকাটা, ভ্রমণ ব্যয়, আয় ও ঋণের পরিস্থিতি বিশ্লেষণ করে গবেষণাটি তৈরি করা হয়েছে। গবেষণা অনুযায়ী, মধ্যপশ্চিমাঞ্চলে মিশিগানের পরেই রয়েছে ইন্ডিয়ানা। অঙ্গরাজ্যটির বাসিন্দারা মাসিক হাতে পাওয়া আয়ের ২১ দশমিক ৫ শতাংশ ছুটির মৌসুমে ব্যয় করেন। অন্যদিকে মিনেসোটায় এ হার ১৮ দশমিক ১ শতাংশ, যা অঞ্চলটির মধ্যে সবচেয়ে কম। কোন অঙ্গরাজ্যে ছুটির ব্যয়ের চাপ বেশি? যুক্তরাষ্ট্রজুড়ে সবচেয়ে বেশি ব্যয়ের চাপ দেখা গেছে দক্ষিণাঞ্চলের কয়েকটি অঙ্গরাজ্যে। এ তালিকায় শীর্ষে রয়েছে মিসিসিপি। অঙ্গরাজ্যটির বাসিন্দাদের ছুটির মৌসুমের ব্যয় মাসিক হাতে পাওয়া আয়ের ২৬ দশমিক ৬ শতাংশ। এরপর রয়েছে কেনটাকি ২৫ দশমিক ৮ শতাংশ, ওয়েস্ট ভার্জিনিয়া ২৫ দশমিক ৬ শতাংশ এবং লুইজিয়ানা ২৫ দশমিক ২ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ব্যয়ের হার নিউ হ্যাম্পশায়ারে, ১৭ শতাংশ। নিউ জার্সিতে এ হার ১৭ দশমিক ১ শতাংশ। ছুটির খরচ নিয়ে উদ্বিগ্ন অধিকাংশ মার্কিন মানিলায়নের আরেকটি জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৭০ শতাংশ মানুষ ছুটির মৌসুমের ব্যয় নিয়ে উদ্বিগ্ন। তরুণ প্রজন্মের মধ্যে এ উদ্বেগ আরও বেশি। জেনারেশন জেডের ৮২ শতাংশ এবং মিলেনিয়ালদের ৭৭ শতাংশ ছুটির খরচ নিয়ে দুশ্চিন্তার কথা জানিয়েছেন। বেবি বুমারদের মধ্যে এ হার ৫১ শতাংশ। জরিপে অংশ নেওয়া ১৮ শতাংশ মার্কিন জানিয়েছেন, ছুটির মৌসুমের কেনাকাটার খরচ মেটাতে তাঁরা ক্রেডিট কার্ডের ঋণ নিতে প্রস্তুত। ফলে উৎসব ও ছুটির আনন্দের পাশাপাশি আর্থিক চাপও বাড়ছে অনেক পরিবারের। কীভাবে তৈরি হয়েছে এই গবেষণা? মানিলায়ন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো, নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক, শ্রম পরিসংখ্যান ব্যুরো, পিডব্লিউসি এবং ট্যাক্স ফাউন্ডেশনের তথ্য ব্যবহার করেছে। অঙ্গরাজ্যভিত্তিক জীবনযাত্রার ব্যয়, ভ্রমণ ও উপহার কেনার খরচ এবং মাসিক হাতে পাওয়া আয়ের সঙ্গে ছুটির ব্যয়ের তুলনা করা হয়েছে। গবেষণার তথ্য ২০২৬ সালের ৫ অক্টোবর পর্যন্ত হালনাগাদ করা হয়েছে। এখানে ছুটির ব্যয়ের পরিমাণ প্রকৃত কেনাকাটার হিসাব নয়; বিভিন্ন অর্থনৈতিক উপাত্তের ভিত্তিতে তৈরি অনুমান। গবেষণাটি বলছে, ছুটির মৌসুমে উপহার কেনা ও ভ্রমণের খরচ অনেক মার্কিন পরিবারের মাসিক বাজেটের বড় অংশ নিয়ে নিচ্ছে। বিশেষ করে যেসব অঙ্গরাজ্যে আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে ব্যবধান বেশি, সেখানে আর্থিক চাপ আরও প্রকট। 876TR
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব নিয়োগের বিষয়ে তিনি কোনো তাড়াহুড়ো করছেন না। সাংবাদিকদের সঙ্গে নিয়মিত কথা বলার কারণে আপাতত এই দায়িত্ব নিজেই সামলাতে পারছেন বলে মনে করেন তিনি। সম্প্রতি নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সংবাদমাধ্যমকে তিনি যথেষ্ট সুযোগ দেন। তাঁর দাবি, অতীতের যেকোনো মার্কিন প্রেসিডেন্টের তুলনায় তিনি সাংবাদিকদের সঙ্গে বেশি কথা বলেন। বিভিন্ন অনুষ্ঠানে কিংবা সফরের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। ট্রাম্পের ভাষ্য, নিজে সাংবাদিকদের সঙ্গে কথা বললে নিজের বক্তব্য সরাসরি তুলে ধরতে পারেন। কোনো বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হলে অন্য কাউকে দায়ী করার পরিবর্তে নিজের দায়িত্ব নিজেই নিতে পারবেন। হোয়াইট হাউসের প্রেস সচিবের পদটি গত অক্টোবর থেকে খালি রয়েছে। এর আগে ক্যারোলিন লেভিট দায়িত্ব ছাড়ার পর কেটি জাকারিয়া অল্প সময়ের জন্য এই পদে দায়িত্ব পালন করেন। তবে পাঁচ দিনের মধ্যেই তিনি পদটি ছেড়ে দেন। সাক্ষাৎকারে ট্রাম্প সাবেক প্রেস সচিব ক্যারোলিন লেভিটের প্রশংসা করেন। তাঁর মতে, লেভিটের মতো দক্ষ কাউকে খুঁজে পাওয়া সহজ নয়। তবে কয়েকজন সম্ভাব্য প্রার্থী তাঁর বিবেচনায় রয়েছেন বলেও জানান তিনি। এখনই নতুন কাউকে নিয়োগের প্রয়োজন দেখছেন না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে হোয়াইট হাউসের উপপ্রেস সচিব আনা কেলির কাজেরও প্রশংসা করেন ট্রাম্প। তবে নতুন প্রেস সচিব নিয়োগের বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি তিনি। সংবাদসূত্র: ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক (ওএএন)।874 এসকিউ
যুক্তরাষ্ট্রে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পালিত হচ্ছে থ্যাংকসগিভিং ডে। জাতীয় ছুটির কারণে দেশজুড়ে অধিকাংশ বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান, সুপারমার্কেট, ব্যাংক ও সরকারি অফিস বন্ধ রয়েছে। তবে শেষ মুহূর্তের কেনাকাটার জন্য বেশ কিছু মুদি দোকান, ফার্মেসি ও রেস্তোরাঁ সীমিত সময়ের জন্য খোলা থাকছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়েশ ২ নিউজের প্রতিবেদন অনুযায়ী, ওয়ালমার্ট, টার্গেট, কস্টকো, অ্যালডি, পাবলিক্স ও ট্রেডার জোসহ বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠান থ্যাংকসগিভিং উপলক্ষে তাদের সব স্টোর বন্ধ রেখেছে। অন্যদিকে কিছু সুপারমার্কেট ও ওষুধের দোকান পরিবর্তিত সময়সূচিতে কার্যক্রম চালাচ্ছে। যেসব দোকান খোলা থাকছে থ্যাংকসগিভিংয়ে সীমিত সময়ের জন্য খোলা থাকা উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ক্রোগার: বিকেল ৫টা পর্যন্ত খোলা; ফার্মেসি ও ক্লিনিক বন্ধ। - জায়ান্ট ইগল: বিকেল ৩টা পর্যন্ত। - হ্যারিস টিটার: দুপুর ২টা পর্যন্ত। - ওয়েগম্যানস: অধিকাংশ স্টোর বিকেল ৪টা পর্যন্ত। - হোল ফুডস: অধিকাংশ স্টোর পরিবর্তিত সময়সূচিতে খোলা। - স্প্রাউটস ফার্মার্স মার্কেট: সকাল ৭টা থেকে দুপুর ২টা। - অ্যালবার্টসনস ও সেফওয়ে: অধিকাংশ স্টোর সীমিত সময়ের জন্য খোলা। - ওয়ালগ্রিনস: সব স্টোর খোলা; অধিকাংশ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। - সিভিএস: অধিকাংশ স্টোর খোলা থাকলেও সময়সূচি ও ফার্মেসির কার্যক্রমে পরিবর্তন রয়েছে। - ডলার জেনারেল: সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ ছাড়া ডানকিনের দোকান এবং ম্যাকডোনাল্ডস ও স্টারবাকসের অধিকাংশ শাখা খোলা থাকছে। তবে ফ্র্যাঞ্চাইজিভেদে সময়সূচি আলাদা হতে পারে। যেসব দোকান বন্ধ থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: - ওয়ালমার্ট - টার্গেট - কস্টকো - অ্যালডি - পাবলিক্স - ট্রেডার জো - লিডল - বেস্ট বাই - হোম ডিপো - লোওস - ম্যাসিস - কোহলস - অ্যাপল স্টোর - জেসি পেনি এ ছাড়া টিজে ম্যাক্স, মার্শালস, আইকিয়া ও পেটকোর স্টোরও বন্ধ রয়েছে। ব্যাংক, ডাকঘর ও শেয়ারবাজারের কার্যক্রম থ্যাংকসগিভিং উপলক্ষে যুক্তরাষ্ট্রের অধিকাংশ ব্যাংকের শাখা বন্ধ রয়েছে। চেজ, ওয়েলস ফার্গো ও ব্যাংক অব আমেরিকার শাখাও বন্ধ। তবে এটিএম ও মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করা যাবে। ইউএস পোস্টাল সার্ভিসের (ইউএসপিএস) ডাকঘরগুলোও বন্ধ রয়েছে। নিয়মিত ডাক ও চিঠি বিতরণ শুক্রবার থেকে আবার শুরু হবে। ইউপিএস ও ফেডেক্সের সাধারণ প্যাকেজ সংগ্রহ ও বিতরণ কার্যক্রমও আজ বন্ধ। এদিকে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ (এনওয়াইএসই) ও নাসডাক বন্ধ রয়েছে। শুক্রবার উভয় শেয়ারবাজার আবার চালু হবে, তবে ওই দিন লেনদেন শেষ হবে দুপুর ১টায় (ইস্টার্ন টাইম)। ব্ল্যাক ফ্রাইডেতে আবার খুলবে বড় স্টোরগুলো থ্যাংকসগিভিংয়ের পরদিন শুক্রবার (২৭ নভেম্বর) ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে বড় বড় খুচরা বিক্রয় প্রতিষ্ঠান আবার খুলবে। অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ওয়ালমার্ট ও টার্গেটের স্টোর সকাল ৬টায় খুলবে। বেস্ট বাইও সকাল ৬টায় কার্যক্রম শুরু করবে। কস্টকোর এক্সিকিউটিভ সদস্যরা সকাল ৯টা থেকে এবং অন্য সদস্যরা সকাল ১০টা থেকে কেনাকাটা করতে পারবেন। কোহলস খুলবে সকাল ৫টায়। তবে প্রতিষ্ঠান ও অঞ্চলভেদে সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই কেনাকাটা বা জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে সংশ্লিষ্ট স্টোরের ওয়েবসাইট কিংবা স্থানীয় শাখার সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংবাদসূত্র ওয়েশ ২ নিউজ 876TR
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী অবস্থানের শীর্ষ অঙ্গরাজ্যের তালিকায় ক্যালিফোর্নিয়াকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে নিউইয়র্ক। সাম্প্রতিক 'ওপেন ডোরস ২০২৬' প্রতিবেদনে দেখা গেছে, সামগ্রিক বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমলেও বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থীর রেকর্ড গড়েছে। নিউইয়র্কের শীর্ষস্থান ও অঙ্গরাজ্যগুলোর চিত্র 'ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন ' (আইআইই)-এর তথ্য অনুযায়ী, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪৬ হাজার ১৬৩ জনে, যা আগের বছরের তুলনায় ২.৭ শতাংশ কম। ২০২০–২১ শিক্ষাবর্ষের পর এটিই প্রথম বার্ষিক পতন। নতুন পরিসংখ্যানে ১ লাখ ৩৩ হাজার ৭১৫ জন শিক্ষার্থী নিয়ে নিউইয়র্ক শীর্ষে রয়েছে (বার্ষিক পরিবর্তন -৩.০ শতাংশ)। ১ লাখ ৩১ হাজার ২৭৬ জন শিক্ষার্থী নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ক্যালিফোর্নিয়া (-৫.৮ শতাংশ)। দুই অঙ্গরাজ্যের ব্যবধান মাত্র ২ হাজার ৪৩৯ জন। শীর্ষ দশ অঙ্গরাজ্যের মধ্যে কেবল টেক্সাস (৯৮ হাজার ৯০২ জন, +১.৯ শতাংশ) এবং ইলিনয় (৬৭ হাজার ৩৮৯ জন, +১.১ শতাংশ) ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে। ক্যাম্পাসের দিক থেকে ২৬ হাজার ৫৯৫ জন বিদেশি শিক্ষার্থী নিয়ে শীর্ষে রয়েছে নিউইয়র্ক ইউনিভার্সিটি (এনওয়াইইউ)। বাংলাদেশের রেকর্ডসহ দেশের ভিত্তিতে প্রবণতা সামগ্রিক সংখ্যা কিছুটা কমলেও আটটি দেশ ২০২৫–২৬ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে সর্বকালের সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী পাঠিয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। এর মধ্যে— বাংলাদেশ: ১১.৮ শতাংশ প্রবৃদ্ধিতে ২২ হাজার ৫৩৪ জন শিক্ষার্থী নিয়ে নতুন রেকর্ড গড়েছে। নেপাল: ১৭ শতাংশ বেড়ে ২৯ হাজার ৫৮ জনে পৌঁছেছে, যা শীর্ষ উৎস দেশগুলোর তালিকায় নেপালকে পঞ্চম অবস্থানে নিয়ে এসেছে। পাকিস্তান: ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে। এছাড়া ভিয়েতনাম (+৭ শতাংশ), কলম্বিয়া (+৫ শতাংশ), কানাডা (+৪ শতাংশ), ঘানা (+৩ শতাংশ) এবং ইতালি (+১ শতাংশ) রেকর্ড সংখ্যক শিক্ষার্থী পাঠিয়েছে। অন্যদিকে, ৩ লাখ ৩৯ হাজার ৪৩৫ জন শিক্ষার্থী নিয়ে ভারত শীর্ষ অবস্থানে থাকলেও সংখ্যা কমেছে ৬.৫ শতাংশ এবং চীনের শিক্ষার্থীর সংখ্যা ৪.৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫৮ জনে। এই দুই দেশ মিলেই মোট বিদেশি শিক্ষার্থীর ৫১.৮ শতাংশ দখল করে আছে। ওপিটি ও নতুন ভর্তির বদলে যাওয়া হিসাব ওপেন ডোরস প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং পড়াশোনা শেষে 'অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং ' (ওপিটি)-এ থাকা স্নাতকদের হিসাব একসঙ্গে ধরা হয়। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে নিয়মিত ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা ৮.৩ শতাংশ কমে ৮ লাখ ১০ হাজার ৩৭৮ জনে দাঁড়ালেও ওপিটিতে থাকা শিক্ষার্থীর সংখ্যা ১৪.১ শতাংশ বেড়ে হয়েছে ৩ লাখ ৩৫ হাজার ৭৮৫ জন। একই সময়ে যুক্তরাষ্ট্রে নতুন বিদেশি শিক্ষার্থী ভর্তি ১৭.৭ শতাংশ কমে ২ লাখ ৭৭ হাজার ১১৮ জন থেকে ২ লাখ ২৮ হাজার ১২৩ জনে নেমে এসেছে। স্নাতকোত্তর পর্যায়ে নতুন ভর্তি কমেছে ২৫.৬ শতাংশ এবং মাস্টার্স পর্যায়ে মোট শিক্ষার্থী কমেছে ২২.৪ শতাংশ। তবে ডক্টরাল পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা ৩.১ শতাংশ বেড়ে ১ লাখ ৫৮ হাজার ১৫২ জনে পৌঁছেছে এবং স্নাতক পর্যায় প্রায় স্থিতিশীল (-০.৩ শতাংশ) রয়েছে। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া। 873 ডিএন
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতের বিচারক এফ ডেনিস সেলর ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নিয়ম বাতিল করেন। আদালতের সিদ্ধান্তের ফলে বিদেশি শিক্ষার্থীদের জন্য আগে থেকে চালু থাকা অবস্থানের মেয়াদসংক্রান্ত নিয়ম বহাল রয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী, এফ-১ শিক্ষার্থী এবং জে-১ বিনিময় কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিদের অবস্থানের মেয়াদ সাধারণত সর্বোচ্চ চার বছর নির্ধারণ করার পরিকল্পনা ছিল। চার বছরের বেশি সময় ধরে পড়াশোনা বা গবেষণা চালাতে হলে তাঁদের নতুন করে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতো। এতে বিশেষ করে পিএইচডি শিক্ষার্থী, গবেষক এবং দীর্ঘমেয়াদি উচ্চশিক্ষা কর্মসূচিতে অংশ নেওয়া বিদেশিদের অতিরিক্ত প্রশাসনিক জটিলতায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। প্রস্তাবিত নিয়মে পড়াশোনা শেষ করার পর এফ-১ শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য প্রচলিত ৬০ দিনের সময় কমিয়ে ৩০ দিন করার পরিকল্পনাও ছিল। তবে আদালতের রায়ে ওই নিয়ম বাতিল হওয়ায় আগের ডিউরেশন অব স্ট্যাটাস ব্যবস্থা বহাল রয়েছে। অর্থাৎ এফ-১ শিক্ষার্থীরা তাঁদের অনুমোদিত শিক্ষাক্রমে নিবন্ধিত থাকা এবং ভিসার অন্যান্য শর্ত মেনে চলার ভিত্তিতে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। শুধু চার বছর পূর্ণ হওয়ার কারণে তাঁদের অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে না। আদালতের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীরাও উপকৃত হতে পারেন। বিশেষ করে যাঁরা স্নাতকোত্তর, পিএইচডি কিংবা দীর্ঘমেয়াদি গবেষণায় যুক্ত রয়েছেন, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তির খবর। এদিকে ১৭ নভেম্বর একই আদালত আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাঠ্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ করার সুযোগ বা কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) নিয়ে শিক্ষা ও শ্রমিক সংগঠনগুলোর করা মামলায় ফেডারেল সরকারের নতুন বিধিনিষেধসংক্রান্ত নির্দেশনা সাময়িকভাবে আটকে দেন। ফলে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ নিয়েও কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। তবে এই সিদ্ধান্তকে সব ধরনের সিপিটি অনুমোদনের স্বয়ংক্রিয় নিশ্চয়তা হিসেবে দেখা যাবে না। আদালতের নথিতে বলা হয়েছে, সরকার নতুন নিয়ম চালুর পক্ষে যথেষ্ট আইনি যুক্তি উপস্থাপন করতে পারেনি। বিচারক বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনে প্রশাসনের যুক্তি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে, আদালতের এই রায় ভিসার মেয়াদ, পড়াশোনার অনুমতি কিংবা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় না। শিক্ষার্থীদের অবশ্যই বৈধ এফ-১ বা জে-১ অবস্থান বজায় রাখতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। সরকারের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করা হতে পারে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার পরিকল্পনা করছেন এমন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। কারণ নতুন নিয়ম কার্যকর হলে দীর্ঘমেয়াদি শিক্ষাক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত আবেদন, সময় ও অর্থ ব্যয়ের আশঙ্কা ছিল। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি আদালতের নথি। 874 এসকিউ
ভারতের বিহার রাজ্যের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়েতে লাখো মানুষের সমাগমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বুধবার (২৫ নভেম্বর) পাটনা জেলার নদওয়ান গ্রামে আয়োজিত এই বিয়েকে কেন্দ্র করে ১০ কিলোমিটারের বেশি সড়কে যানবাহন আটকে পড়ে। অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাঝুঁকির কারণে বিয়ের অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনালও স্থগিত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মেয়ের বিয়েতে সর্বসাধারণকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনন্ত সিং। স্থানীয় হিসাব অনুযায়ী, অনুষ্ঠানে পাঁচ লাখের বেশি মানুষের সমাগম ঘটে। তবে উপস্থিতির সঠিক সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিয়ের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। এতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে ঘোড়া ও ঘোড়সওয়াররা অংশ নেন। বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয় মাহিন্দ্রা থার গাড়ি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ছিল মোটরসাইকেল ও স্কুটার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘোড়দৌড় দেখতে জীবনের ঝুঁকি নিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের টাওয়ারে উঠেছেন বহু দর্শক। অনেকে আশপাশের গাছেও উঠে পড়েন। একপর্যায়ে দর্শকদের ভিড় প্রতিযোগিতার মাঠে ঢুকে পড়লে নিরাপত্তার স্বার্থে আয়োজকেরা খেলা বন্ধ করে দেন। ফাইনাল ২৬ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, তীব্র যানজটে আটকা পড়ে বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারের গাড়িবহরও। বরযাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই গাড়ি ছেড়ে হেঁটে অনুষ্ঠানস্থলের দিকে রওনা হন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে অতিথিদের জন্য দেড় শতাধিক পদের খাবারের ব্যবস্থা করা হয়। গুরুত্বপূর্ণ অতিথিদের যাতায়াতের জন্য তৈরি করা হয় পাঁচটি হেলিপ্যাড। অনুষ্ঠানে রাজনৈতিক ও বিনোদন জগতের বিভিন্ন ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছে ঋষিকেশ কুমারের। তিনি ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কমান্ড্যান্ট রণবিজয় কুমার সিংয়ের ছেলে। জমকালো আয়োজনের পাশাপাশি নজিরবিহীন জনসমাগম ও নিরাপত্তাঝুঁকির কারণে বিয়েটি ভারতজুড়ে আলোচনায় এসেছে। সূত্র: India News 871-এসএ
শ্রীলঙ্কার দীর্ঘ গৃহযুদ্ধের এক প্রায়-বিস্মৃত অধ্যায়ের দুই ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে ৩৬ বছর ধরে বেঁচে আছেন ফৌজুল হিনায়া (৬০)। ১৯৯০ সালের জুলাই মাসে কুরুক্কলমাদামের কাছে তামিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এলটিটিইর গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁর ভাই ফৌজুল আমির। সে সময় ৬০ থেকে প্রায় ১৫০ জন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। সম্প্রতি কুরুক্কলমাদামের একটি গণকবরে আদালত-নিযুক্ত প্রত্নতাত্ত্বিক দলের খননকাজ দীর্ঘদিনের সেই ক্ষতে নতুন করে আশার আলো জাগিয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর মতে, ১৯৯০ সালের কুরুক্কলমাদাম হত্যাকাণ্ড ছিল শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি বড় বাঁক বদলের মুহূর্ত। এর আগে পর্যন্ত এলটিটিই মূলত লড়াইয়ের তহবিল সংগ্রহের জন্য মুসলিমদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। কিন্তু এরপর তারা সরাসরি রক্তপাতের পথ বেছে নেয়। ঠিক এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে পূর্বাঞ্চলীয় শহর কাত্তানকুডি ও ইরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই সেই ভয়াবহ সময়ে নিখোঁজ হন হিনায়ার আরেক ভাইও। পরিবারের শোকের দিনে পাশে থাকতে বাড়ি ফেরার কয়েক দিনের মধ্যেই তিনি বাত্তিকালোয়া শহর থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনতে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু এলটিটিই তাঁকে অপহরণ করে এবং এরপর আর কোনো খোঁজ মেলেনি; তাঁকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। অন্যদিকে, ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি স্মরণ করেন উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে মুসলিমদের উচ্ছেদের মর্মান্তিক অভিজ্ঞতা। ভারতীয় সেনাবাহিনী চলে যাওয়ার পর ১৯৯০ সালের শুরুতে তামিল ও মুসলিমরা মিলেমিশে এক পরিবারের মতোই নিজ নিজ গ্রামে ফিরেছিলেন। কিন্তু ওই বছরের অক্টোবরে এলটিটিই উত্তরাঞ্চলের মুসলিম গ্রামবাসীদের জড়ো করে মাত্র দুই দিনের মধ্যে প্রদেশ ছাড়ার নির্দেশ দেয়। রিজনি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৫ শতাংশ, যেখানে তামিল ছিলেন ৯০ শতাংশেরও বেশি। ১৯৯০ সালের অক্টোবরে আনুমানিক ৭৫ হাজার থেকে ১ লাখ মুসলিমকে জোরপূর্বক ওই প্রদেশ থেকে বিতাড়িত করা হয়। তবে দীর্ঘ বঞ্চনা ও ট্রমা সত্ত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরার আশা ছাড়েননি রিজনি। তাঁর ভাষায়, তামিল ও মুসলিমদের মধ্যে বরাবরই সুসম্পর্ক থাকবে এবং মুসলিমরা উচ্ছেদের ঘটনা ভুলবে না, কিন্তু এলটিটিই যা করেছে সে জন্য সাধারণ তামিলদের দোষারোপ করা হবে না। কুরুক্কলমাদামের গণকবর খননকে সত্য উদ্ঘাটন ও মানসিক প্রশান্তির একটি পথ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফারুক নামের এক সংশ্লিষ্ট ব্যক্তি জানান, কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবি নিরীহ মানুষ হত্যা কিংবা পরিবারকে বাস্তুচ্যুত করার যুক্তি হতে পারে না। তিনি কর্তৃপক্ষের কাছে একটি যথাযথ ও স্বাধীন তদন্তের প্রত্যাশা করেছেন, যাতে নিহতদের পরিচয় শনাক্ত করা যায় এবং গণকবর থেকে উঠে আসা তথ্যগুলো প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি উত্তরাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া মুসলিম পরিবারগুলোর মর্যাদার সাথে ফেরা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। অন্যদিকে ফৌজের মতে, কুরুক্কলমাদামে কর্তৃপক্ষ কীভাবে পরবর্তী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করবে শ্রীলঙ্কার মুসলিমরা বহু প্রতীক্ষিত উত্তরগুলো শেষ পর্যন্ত পাবে কি না। সূত্র: আল জাজিরা। 873 ডিএন
ভারতের বিভিন্ন রাজ্যে সরকারি উচ্ছেদ অভিযান ও বুলডোজার ব্যবহারের ঘটনায় বাড়িঘর হারাচ্ছেন হাজারো মানুষ। বিশেষ করে আসাম রাজ্যে সাম্প্রতিক কয়েকটি অভিযানে বিপুলসংখ্যক বাঙালি মুসলিম পরিবারের বসতবাড়ি ভেঙে দেওয়া হয়েছে। এসব ঘটনায় শুধু বসতঘর নয়, মসজিদসহ বিভিন্ন স্থাপনাও ধ্বংস করা হয়েছে। উচ্ছেদের বৈধতা, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সর্বশেষ ১৩ নভেম্বর আসামের লখিমপুর জেলার বোগিনাদি এলাকায় ১৯৮৩ সালের সাম্প্রদায়িক সহিংসতায় বাস্তুচ্যুত হয়ে বসতি গড়া ১৩২টি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেয় প্রশাসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব পরিবারে প্রায় ৭০৪ জন সদস্য ছিলেন। অভিযানে একটি মসজিদসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয়। বাসিন্দাদের অভিযোগ, তাঁদের পাশের এলাকায় বসবাসকারী অন্য সম্প্রদায়ের কিছু পরিবারের বাড়িঘর অক্ষত রাখা হলেও মুসলিম পরিবারগুলোকে উচ্ছেদ করা হয়েছে। তাঁদের দাবি, ১৯৮৩ সালের সহিংসতার পর সরকার তাঁদের পরিবারগুলোকে ওই এলাকায় বসতি স্থাপনের সুযোগ দিয়েছিল। তবে প্রশাসনের বক্তব্য, জমিটি সরকারি এবং জনস্বার্থে ব্যবহারের জন্য খালি করা হচ্ছে। এর আগে ১ নভেম্বর আসামের ধুবড়ি জেলার আলমগঞ্জ পার্ট-নাইন গ্রামে বড় ধরনের উচ্ছেদ অভিযান চালানো হয়। সংবাদমাধ্যম স্ক্রলের প্রতিবেদন অনুযায়ী, সেখানে ৬৪০টির বেশি বাঙালি মুসলিম পরিবারের বাড়িঘর ভেঙে দেওয়া হয়। এতে চার হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হন। প্রায় ৬৫০ বিঘা সরকারি জমিতে এই অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের দাবি, সরকারি জমি দখলমুক্ত করে সেখানে শিল্প পার্ক নির্মাণের জন্য জমি হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। উচ্ছেদের আগে বাসিন্দাদের নোটিশ দেওয়া হয়েছিল বলেও জানিয়েছে প্রশাসন। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, তাঁদের অনেকেই কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করছেন। কেউ কেউ জমির রাজস্ব পরিশোধের পুরোনো রসিদও দেখিয়েছেন। উচ্ছেদের পর অনেক পরিবার আত্মীয়স্বজনের বাড়িতে, অস্থায়ী ঘরে কিংবা রাস্তার পাশে ত্রিপল টাঙিয়ে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এ ছাড়া অক্টোবর মাসে আসামের নগাঁও, হোজাই ও গোলাঘাট জেলায় দুই দিনের উচ্ছেদ অভিযানে এক হাজারের বেশি মুসলিম পরিবার বাস্তুচ্যুত হয় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি জমি দখলমুক্ত করার কথা বলে এসব অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের একটি অংশের দাবি, তাঁদের পরিবার কয়েক দশক ধরে ওই এলাকায় বসবাস করছে। সংবাদমাধ্যম স্ক্রলের সংকলিত সরকারি তথ্য অনুযায়ী, আসামে গত ১০ বছরে সরকারি জমি থেকে প্রায় ১৯ হাজার পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এসব পরিবারের অধিকাংশই মুসলিম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে মধ্যপ্রদেশের শাজাপুর জেলার ভোপাখেড়ি গ্রামে ১৪ নভেম্বর তিনটি বাড়ি ভেঙে দেয় প্রশাসন। বাড়িগুলোর মালিকদের মধ্যে দুটি মুসলিম পরিবার এবং একটি আদিবাসী পরিবারের সদস্য ছিলেন। অভিযানে ২৫০ জনের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়। প্রশাসনের দাবি, বাড়িগুলো সরকারি জমিতে অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল এবং নোটিশ দেওয়ার পর উচ্ছেদ করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একই এলাকায় প্রায় ২০০টি বাড়ি থাকলেও বেছে বেছে তিনটি বাড়ি ভাঙা হয়েছে। তাঁদের দাবি, ১৯৯৬-৯৭ সাল থেকে স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে সেখানে বসতি স্থাপনের অনুমতি দেওয়া হয়েছিল। এ ঘটনায় নির্বাচিতভাবে উচ্ছেদ পরিচালনার অভিযোগ উঠেছে। ভারতে বুলডোজার দিয়ে বাড়িঘর ভাঙার বিষয়টি নিয়ে আগেও দেশটির সর্বোচ্চ আদালত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। ২০২৪ সালের ১৩ নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট স্পষ্ট করেন, কোনো ব্যক্তি অপরাধে অভিযুক্ত বা দোষী হলেই তাঁর বাড়িঘর ভেঙে দেওয়া যায় না। উচ্ছেদের ক্ষেত্রে যথাযথ নোটিশ, জবাব দেওয়ার সুযোগ এবং আইনসম্মত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এদিকে ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর আসামের গোয়ালপাড়া জেলায় ৭৩টি বাঙালি মুসলিম পরিবারের বাড়ি ভাঙার ঘটনায় গৌহাটি হাইকোর্ট প্রশাসনের পদক্ষেপকে প্রাথমিকভাবে বেআইনি ও অননুমোদিত বলে পর্যবেক্ষণ করেন। আদালত বলেন, ব্যক্তিগত কৃষিজমিতে বাড়িঘর ভাঙার আগে বাসিন্দাদের বক্তব্য দেওয়ার সুযোগ না দেওয়া এবং জরুরি বিপদের যথাযথ কারণ দেখাতে না পারা গুরুতর আইনি প্রশ্ন তৈরি করে। আসাম সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, এসব অভিযান কোনো ধর্মীয় সম্প্রদায়কে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে না। সরকারি জমি, বনাঞ্চল ও সংরক্ষিত এলাকার অবৈধ দখল উচ্ছেদ করাই তাদের উদ্দেশ্য। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং উচ্ছেদের ক্ষেত্রে সমান আইনি অধিকার নিশ্চিত করার দাবি উঠেছে। বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীদের আলোচনায়ও প্রশ্ন উঠছে, সরকারি জমি উদ্ধার করতে গিয়ে সাধারণ মানুষের বসতবাড়ি ভাঙার আগে যথাযথ আইনি প্রক্রিয়া এবং মানবিক পুনর্বাসন নিশ্চিত করা হচ্ছে কি না। সংবাদসূত্র: ভারতের সুপ্রিম কোর্ট, দ্য ইন্ডিপেনডেন্ট।874 এসকিউ
দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ ধনী ও এসকে গ্রুপের চেয়ারম্যান চে তাই-ওন বিবাহবিচ্ছেদের সম্পত্তি ভাগাভাগির মামলায় সাবেক স্ত্রী রো সো-ইয়ংকে প্রায় ৭০ কোটি ডলার দিতে রাজি হয়েছেন। তবে তাঁর এই প্রস্তাবে সম্মতি দেননি সাবেক স্ত্রী। দ্রুত বিরোধ নিষ্পত্তি করতে হলে চে-কে সুপ্রিম কোর্টে করা আপিল প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ নভেম্বর চে তাই-ওনের আইনজীবীরা দেশটির সুপ্রিম কোর্টে দুই পক্ষের মধ্যে সমঝোতার সুপারিশ চেয়ে আবেদন করেন। এতে আদালত নির্ধারিত সম্পত্তি ভাগের পুরো অর্থ, প্রায় ৭০ কোটি ডলার, পরিশোধের আগ্রহ প্রকাশ করেন চে। দীর্ঘদিনের আইনি বিরোধের অবসান ঘটিয়ে ব্যবসায় মনোযোগ দেওয়ার লক্ষ্যেই তাঁর এই উদ্যোগ। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর শিল্পে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়তে থাকায় এসকে গ্রুপের ব্যবসায় আরও মনোযোগ দিতে চান তিনি। তবে ২৫ নভেম্বর রো সো-ইয়ংয়ের আইনজীবীরা আদালতে লিখিত বক্তব্য জমা দিয়ে এই সমঝোতার প্রস্তাবে আপত্তি জানান। তাঁদের বক্তব্য, চে যদি সত্যিই দ্রুত বিরোধের নিষ্পত্তি চান, তাহলে আদালতের কাছে সমঝোতার সুপারিশ চাওয়ার পরিবর্তে তাঁর আপিল প্রত্যাহার করা উচিত। এতে জুলাইয়ে সিউল হাইকোর্টের দেওয়া সম্পত্তি ভাগের রায় চূড়ান্ত হবে। সমঝোতার প্রস্তাবের শর্ত নিয়েও আপত্তি রয়েছে রোর পক্ষের। চে-র প্রস্তাবে সম্পত্তির অর্থ পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে একে অপরের বিরুদ্ধে আর কোনো দাবি বা আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। দক্ষিণ কোরিয়ার আইনে আদালতের সমঝোতার সুপারিশ পাওয়ার পর দুই পক্ষের কেউ দুই সপ্তাহের মধ্যে আপত্তি না জানালে সেটি চূড়ান্ত রায়ের সমান আইনি কার্যকারিতা পায়। তবে রোর পক্ষ আপত্তি জানানোয় এই প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। এর আগে গত জুলাইয়ে সিউল হাইকোর্ট চে তাই-ওনকে সাবেক স্ত্রীকে প্রায় ৬৪ কোটি ৪০ লাখ ডলার সম্পত্তি ভাগ করে দেওয়ার নির্দেশ দেন। আদালত তাঁদের সম্পত্তির এক-তৃতীয়াংশ রোর প্রাপ্য বলে নির্ধারণ করেন। এর আগে ২০২৪ সালে একই আদালত চে-কে প্রায় ৯৪ কোটি ডলার দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ার সুপ্রিম কোর্ট ওই রায়ের সম্পত্তি ভাগের অংশ পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতে ফেরত পাঠান। এরপর পুনর্বিবেচনায় অর্থের পরিমাণ কমে আসে। চে প্রথমে নতুন রায়ের একটি অংশ নিয়ে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। তবে পরবর্তী সময়ে পুরো অর্থ পরিশোধের আগ্রহ প্রকাশ করেন তিনি। চে-র আইনজীবীরা জানিয়েছেন, দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটাতে আন্তরিকভাবেই সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে রোর পক্ষের আপত্তির কারণে আইনি প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে। চে তাই-ওন ও রো সো-ইয়ং ১৯৮৮ সালে বিয়ে করেন। তাঁদের তিন সন্তান রয়েছে। ২০১৫ সালে চে অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক এবং ওই সম্পর্ক থেকে তাঁর একটি সন্তান থাকার কথা প্রকাশ্যে জানান। এর দুই বছর পর ২০১৭ সালে বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া শুরু হয়। বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হলেও সম্পত্তি ভাগাভাগি নিয়ে আইনি লড়াই এখনো চলছে। দক্ষিণ কোরিয়ার ব্যবসায়িক অঙ্গনেও মামলাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। কারণ, চে দেশটির অন্যতম প্রভাবশালী শিল্পগোষ্ঠী এসকে গ্রুপের চেয়ারম্যান। গ্রুপটির সেমিকন্ডাক্টর ব্যবসা ও এআই প্রযুক্তিতে বিনিয়োগের কারণে তাঁর ব্যক্তিগত আইনি বিরোধও আলোচনায় রয়েছে। সূত্র: moneycontrol 871-এসএ
মিসরের একটি গ্রামে বসবাসকারী ফিলিস্তিনি পরিবারগুলোর কাছে স্বাভাবিক জীবন এখনো অধরা। কয়েক দশক ধরে দেশটিতে বসবাস করলেও তাঁদের অনেকেই নাগরিকত্ব, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, এই অনিশ্চয়তা শুধু একটি প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নেই; পরিবারের পরবর্তী প্রজন্মও একই পরিস্থিতির মধ্য দিয়ে বড় হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের শারকিয়া প্রদেশের গেজিরেত ফাদেল গ্রামে প্রায় চার হাজার ফিলিস্তিনির বসবাস। তাঁদের অনেকের পূর্বপুরুষ ১৯৪৮ সালে ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হয়ে মিসরে আশ্রয় নিয়েছিলেন। গ্রামটির ৯০ বছর বয়সী শাম্মা আবু হুসেইন সেই সময়ের জীবিত প্রত্যক্ষদর্শীদের একজন। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘাতের সময় তাঁর পরিবার দক্ষিণ ফিলিস্তিনের বিরশেবা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। পালানোর সময় কয়েক দিন খাবার ও পানি ছাড়া পথ চলতে হয়েছিল তাঁদের। সেই যাত্রায় নিজের মাকেও হারান তিনি। ফিলিস্তিনিরা ১৯৪৮ সালের এই বাস্তুচ্যুতির ঘটনাকে ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করেন। প্রায় আট দশক পেরিয়ে গেলেও সেই বাস্তুচ্যুতির প্রভাব কাটেনি শাম্মার পরিবারের। তাঁর সন্তান, নাতি-নাতনি ও পরবর্তী প্রজন্মের অনেকেই মিসরেই জন্মেছেন। কিন্তু সরকারি কাগজপত্রের ক্ষেত্রে তাঁদের এখনো বিদেশি হিসেবে বিবেচনা করা হয়। গ্রামটির ৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক সেলমি সোলাইমান আল-নামুলি বলেন, তাঁর নিজের জন্ম মিসরে, তাঁর বাবার জন্মও মিসরে। এমনকি তাঁর সন্তানদেরও জন্ম এই দেশে। তারপরও সরকারি নথিপত্রে তাঁকে বিদেশি হিসেবে বিবেচনা করা হয়। তিনি জানান, বসবাসের অনুমতিপত্র নবায়নের জন্য ডলারে ফি পরিশোধ, সন্তানদের শিক্ষার খরচ এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় বহন করতে গিয়ে তাঁর পরিবারকে কঠিন আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। আর্থিক সংকটের কারণে মেধাবী মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্নও পূরণ করতে পারেননি তিনি। একই গ্রামের ২৫ বছর বয়সী ফারিদ খালেদ আল-নামুলির জীবনেও রয়েছে এমন অভিজ্ঞতা। পড়াশোনা চালিয়ে যাওয়ার আগ্রহ থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র ও প্রশাসনিক জটিলতার কারণে তাঁকে উচ্চশিক্ষার স্বপ্ন ছেড়ে দিতে হয়েছে। পরে গ্রামের একটি পোশাকের দোকানে কাজ শুরু করেন তিনি।ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাদিলের কর্মকর্তা লুবনা শোমালির মতে, এ ধরনের সমস্যার মুখোমুখি শুধু গেজিরেত ফাদেল গ্রামের বাসিন্দারাই নন। মিসরের বিভিন্ন এলাকায় বসবাসরত ফিলিস্তিনি পরিবারগুলোর মধ্যেও একই ধরনের সংকট রয়েছে। গবেষকদের ধারণা, সাম্প্রতিক গাজা যুদ্ধ শুরুর আগে বিভিন্ন সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিসরে বসবাস করছিলেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর আরও বহু ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন। মিসরের সাবেক প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের শাসনামলে দেশটিতে বসবাসরত ফিলিস্তিনিরা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে তুলনামূলক বেশি সুযোগ পেতেন। তবে ১৯৭৮ সালে ইসরায়েলের সঙ্গে মিসরের শান্তিচুক্তি এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের পর তাঁদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ কঠোর হতে থাকে। মিসরের পরবর্তী সরকারগুলো ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে এসেছে। তাদের যুক্তি, ফিলিস্তিনিদের মিসরের নাগরিকত্ব দেওয়া হলে নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে, মিসরীয় কর্মকর্তারা বিভিন্ন সময়ে জানিয়েছেন, দেশটি ফিলিস্তিনি শরণার্থীদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ দিয়ে আসছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে স্থায়ীভাবে উচ্ছেদের প্রচেষ্টার বিরোধিতা করে আসছে মিসর। তবে গেজিরেত ফাদেল গ্রামের বাসিন্দাদের কাছে এখন সবচেয়ে বড় চাওয়া হলো সন্তানদের ভালোভাবে পড়াশোনা করানো, সম্মানজনক কর্মসংস্থান পাওয়া এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। ৯০ বছর বয়সী শাম্মা আবু হুসেইন এখনো নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আশা ছাড়েননি। তাঁর কাছে ফিলিস্তিন শুধু পূর্বপুরুষের স্মৃতি নয়, হারিয়ে যাওয়া নিজের জীবনেরও একটি অংশ। সংবাদসূত্র: বার্তা সংস্থা এএফপি। 874 এসকিউ