সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
তথ্যপ্রযুক্তি

সম্পূর্ণ রিসার্চ নিজে লিখেও, নিখুঁত হওয়ায় এআই ব্যবহারের অভিযোগ শিক্ষার্থীর বিরুদ্ধে

বায়জিদ হাসান প্রকাশ: আগস্ট ১২, ২০২৬ ৬:৫৯
সেন্ট অ্যান্ডরুজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছবি:সংগৃহীত
সেন্ট অ্যান্ডরুজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ছবি:সংগৃহীত

নিজের হাতে পুরো ডিসার্টেশন লেখার পরও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের অভিযোগ উঠেছিল যুক্তরাজ্যের এক মেডিকেল শিক্ষার্থীর বিরুদ্ধে। নিখুঁত ব্যাকরণ, লেখার একই ধরনের ছন্দ এবং কিছু বিরামচিহ্নের ব্যবহার দেখে তার কাজ নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন একজন পরীক্ষক।

 

অভিযোগ প্রমাণিত ধরে প্রথমে তার নম্বর সীমিত করে দেওয়া হয় এবং বিষয়টি ভবিষ্যৎ চিকিৎসক হিসেবে তার পেশাগত রেকর্ডেও প্রভাব ফেলতে পারত। তবে দীর্ঘ আপিল প্রক্রিয়ার পর অভিযোগ থেকে মুক্তি পান তিনি এবং শেষ পর্যন্ত ডিসার্টেশনে পূর্ণ নম্বর পান।

 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজের মেডিকেল শিক্ষার্থী হ্যারিসন শার্পলসের সঙ্গে ঘটনাটি ঘটে। গত বছরের আগস্টে ২০ বছর বয়সী এই শিক্ষার্থী জানতে পারেন, তার ডিসার্টেশনে এআই ব্যবহারের সম্ভাবনা নিয়ে একাডেমিক অসদাচরণের অভিযোগ তোলা হয়েছে।

 

শার্পলসের ডিসার্টেশনের বিষয় ছিল হাসপাতালে ভর্তি শিশুদের উদ্বেগ কমাতে প্লে থেরাপির প্রভাব। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, তার কাজ দুজন মানব পরীক্ষক মূল্যায়ন করেন। তাদের একজন লেখাটিতে সম্ভাব্য এআই ব্যবহারের বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।

 

বিবিসির দেখা পরীক্ষকের নোটে শার্পলসের লেখার অত্যন্ত পরিশীলিত ও একই ধরনের ভাষাশৈলী নিয়ে প্রশ্ন তোলা হয়। বিশেষভাবে উল্লেখ করা হয় ধারাবাহিকভাবে প্রায় নিখুঁত ব্যাকরণ, বাক্য ও অনুচ্ছেদের গঠনে মিল এবং লেখার কিছু বৈশিষ্ট্যের কথা। একই সঙ্গে তার লেখায় এম ড্যাশের ব্যবহারও সন্দেহের কারণগুলোর একটি হিসেবে উঠে আসে।

 

শার্পলস অবশ্য শুরু থেকেই দাবি করেন, পুরো ডিসার্টেশন তিনি নিজেই লিখেছেন। তার ভাষ্য অনুযায়ী, কাজটি শেষ করার জন্য তার হাতে পর্যাপ্ত সময় ছিল এবং বিষয়টি নিয়ে লিখতেও তিনি আগ্রহী ছিলেন। ফলে এআই ব্যবহার করার প্রয়োজনই তিনি অনুভব করেননি।

 

অভিযোগ ওঠার পর তাকে ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের একটি প্যানেলের সামনে অনলাইন শুনানিতে অংশ নিতে হয়। সেখানে ডিসার্টেশনে ব্যবহৃত বিভিন্ন শব্দ ও মেডিকেল টার্মের অর্থ জানতে চাওয়া হয়। শার্পলস পরে জানান, এমন ধরনের প্রশ্নের জন্য তিনি প্রস্তুত ছিলেন না এবং শুনানিতে নিজের অবস্থান প্রত্যাশামতো তুলে ধরতে পারেননি।

 

প্রথম শুনানির এক সপ্তাহ পর তাকে জানানো হয়, এআই ব্যবহারের অভিযোগ বহাল রাখা হয়েছে। এর ফলে তার ডিসার্টেশনের গ্রেড সীমিত করে দেওয়া হয়। বিষয়টি তার ভবিষ্যৎ চিকিৎসা পেশার রেকর্ডেও প্রভাব ফেলতে পারে বলে জানতে পেরে তিনি সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করেন।

 

শার্পলসের আপিলের অন্যতম ভিত্তি ছিল প্রথম শুনানির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন। আপিল গৃহীত হওয়ার পর দ্বিতীয়বার তার বিষয়টি পর্যালোচনা করা হয়। নতুন শুনানিতে তার লেখার প্রক্রিয়া ও কীভাবে তিনি ডিসার্টেশন তৈরি করেছেন, সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়।

 

দ্বিতীয় শুনানিতে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে এআই ব্যবহারের অভিযোগ বহাল থাকেনি। পরে ডিসার্টেশনের জন্য তাকে পূর্ণ নম্বর দেওয়া হয়। তবে পুরো প্রক্রিয়ার কারণে তার পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং গ্র্যাজুয়েশনও পিছিয়ে যায়।

 

ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ বিবিসিকে জানিয়েছে, তারা কোনো শিক্ষার্থীর ব্যক্তিগত মামলার বিস্তারিত নিয়ে মন্তব্য করে না। তবে বিশ্ববিদ্যালয় নিশ্চিত করেছে, ওই শিক্ষার্থীর আপিল গ্রহণের সিদ্ধান্তটি প্রথম শুনানির আয়োজনসংক্রান্ত একটি প্রক্রিয়াগত সমস্যার ভিত্তিতে নেওয়া হয়েছিল।

 

বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, উচ্চশিক্ষায় এআইয়ের দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে তারা নিজেদের প্রতিষ্ঠানের ভেতরে এবং বৃহত্তর শিক্ষা খাতের সঙ্গে কাজ করছে।

 

ঘটনাটি এমন এক সময়ে সামনে এসেছে, যখন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখায় এআই ব্যবহার শনাক্ত করা নিয়ে বিশ্বজুড়ে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। শার্পলসের ঘটনা দেখিয়েছে, শুধু লেখার ধরন, নিখুঁত ব্যাকরণ বা নির্দিষ্ট বিরামচিহ্নের মতো বৈশিষ্ট্যকে সন্দেহের ভিত্তি হিসেবে ব্যবহার করলে মানুষের নিজের লেখা নিয়েও প্রশ্ন উঠতে পারে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

তথ্যপ্রযুক্তি

View more
গাড়ি পার্কিং অবস্থায় স্টিয়ারিং হুইল অদৃশ্য হয়ে যাওয়ায় চালকের সামনে বিশ্রাম ও কাজের বাড়তি জায়গা তৈরি হয়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চীনের বিওয়াইডির গাড়ি পার্ক করলেই অদৃশ্য হবে স্টিয়ারিং, ভেতরে মিলবে বিশ্রাম ও কাজের বাড়তি জায়গা

চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি এমন একটি নতুন প্রযুক্তির গাড়ি বাজারে এনেছে, যেখানে গাড়ি পার্ক করার পর মাত্র ১০ সেকেন্ডে স্টিয়ারিং হুইল বা নিয়ন্ত্রণচক্র ড্যাশবোর্ডের ভেতরে অদৃশ্য হয়ে যাবে। এতে চালকের সামনের অংশে তৈরি হবে বাড়তি জায়গা। সেখানে বসে বিশ্রাম নেওয়া, আসন হেলিয়ে ঘুমানো কিংবা ছোট টেবিল খুলে কাজ করার সুবিধাও থাকছে। প্রযুক্তিটি যুক্ত করা হয়েছে প্রতিষ্ঠানটির নতুন ছয় আসনের প্লাগ-ইন হাইব্রিড এসইউভি ‘তাই ৯’-এ।   গত ১৯ নভেম্বর চীনে গাড়িটি বাজারে আনে বিওয়াইডির সহযোগী ব্র্যান্ড ফাং চেং বাও। গাড়িটির সবচেয়ে দামি সংস্করণ ‘ফোল্ডেবল স্মার্ট কেবিন’-এ রয়েছে এই ভাঁজ হয়ে ড্যাশবোর্ডের ভেতরে ঢুকে যাওয়ার স্টিয়ারিং ব্যবস্থা। চালকের আসনের সামনে থাকা স্টিয়ারিংটি সর্বোচ্চ ১৮০ ডিগ্রি ঘুরে বিশেষ একটি জায়গায় ঢুকে যায়। এরপর ড্যাশবোর্ডের একটি প্যানেল বন্ধ হয়ে যায় এবং সেখানে ছোট একটি টেবিল ব্যবহারের সুযোগ তৈরি হয়।   প্রযুক্তিটির বিশেষত্ব হলো, এটি প্রচলিত যান্ত্রিক স্টিয়ারিং ব্যবস্থার পরিবর্তে ইলেকট্রনিক সংকেতনির্ভর প্রযুক্তিতে কাজ করে। সাধারণ গাড়িতে স্টিয়ারিংয়ের সঙ্গে সামনের চাকার যান্ত্রিক সংযোগ থাকে। কিন্তু তাই ৯-এ চালক স্টিয়ারিং ঘোরালে সেন্সর সেই নির্দেশ বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে চাকার নিয়ন্ত্রণব্যবস্থায় পাঠায়। ফলে স্টিয়ারিংয়ের সঙ্গে সামনের চাকার সরাসরি যান্ত্রিক সংযোগের প্রয়োজন হয় না। এই প্রযুক্তির কারণেই স্টিয়ারিংটি ভাঁজ করে ড্যাশবোর্ডের ভেতরে রাখা সম্ভব হয়েছে।   তবে গাড়ি চলার সময় স্টিয়ারিং গুটিয়ে ফেলার কোনো সুযোগ নেই। গাড়ি সম্পূর্ণ থামিয়ে পার্কিং অবস্থায় রাখলেই কেবল এটি ভাঁজ করা যাবে। আবার গাড়ি চালানোর আগে স্টিয়ারিংকে আগের অবস্থানে ফিরিয়ে যথাযথভাবে স্থাপন করতে হবে। স্টিয়ারিং সরিয়ে নেওয়ার পর চালকের আসন সর্বোচ্চ ১৬৫ ডিগ্রি পর্যন্ত হেলিয়ে দেওয়া যায়। ফলে গাড়ি চার্জ দেওয়া কিংবা অপেক্ষার সময় চালক নিজের আসনেই অনেকটা শুয়ে বিশ্রাম নিতে পারবেন।   চীনে গাড়িটির তিনটি সংস্করণ বাজারে এসেছে। প্রাথমিক সংস্করণের দাম ২ লাখ ৭৯ হাজার ৯০০ ইউয়ান, যা প্রায় ৪১ হাজার ৭০০ মার্কিন ডলার। মাঝের সংস্করণের দাম ২ লাখ ৯৯ হাজার ৯০০ ইউয়ান। আর স্টিয়ারিং ভাঁজ করে রাখার সুবিধাসহ সর্বোচ্চ সংস্করণটির দাম ৩ লাখ ২৯ হাজার ৯০০ ইউয়ান বা প্রায় ৪৯ হাজার মার্কিন ডলার। অর্থাৎ, বিশেষ এই প্রযুক্তি পেতে ক্রেতাদের সবচেয়ে দামি সংস্করণটি কিনতে হবে।   বিওয়াইডির দাবি, গণউৎপাদিত গাড়িতে এভাবে ড্যাশবোর্ডের ভেতরে স্টিয়ারিং গুটিয়ে রাখার প্রযুক্তি প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে। গাড়ি নির্মাতারা দীর্ঘদিন ধরে ধারণাগত নকশায় এমন প্রযুক্তি দেখালেও এবার তা বাজারে বিক্রির উপযোগী গাড়িতে যুক্ত হয়েছে। তবে আপাতত প্রযুক্তিটির মূল উদ্দেশ্য গাড়ি চালানোর সময় স্বয়ংক্রিয়ভাবে স্টিয়ারিং সরিয়ে নেওয়া নয়, বরং গাড়ি পার্ক করা অবস্থায় যাত্রীদের জন্য আরও আরামদায়ক ও ব্যবহারযোগ্য জায়গা তৈরি করা।   সূত্র: বিওয়াইডির ফাং চেং বাওর আনুষ্ঠানিক ওয়েবসাইট, ইলেকট্রেক ও সিএনইভিপোস্ট। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ২০:২৫
গাড়ি তৈরি করে বিশ্বকে তাক লাগালেন শিক্ষার্থীরা

পেট্রলের এক লিটারেই ৯১২ কিলোমিটার! এমন গাড়ি তৈরি করে বিশ্বকে তাক লাগালেন শিক্ষার্থীরা

‘সুপারইন্টেলিজেন্স আসছে’, বিশ্বজুড়ে বড় বিপর্যয়ের হুঁশিয়ারি মেটার শীর্ষ কর্মকর্তার

‘সুপারইন্টেলিজেন্স আসছে’, বিশ্বজুড়ে বড় বিপর্যয়ের হুঁশিয়ারি মেটার শীর্ষ কর্মকর্তার

কারখানা থেকে দোকান, মানুষের কাজ করছে রোবট

কারখানা থেকে দোকান, মানুষের কাজ করছে রোবট; বদলে যাচ্ছে ভবিষ্যতের কর্মজগৎ

২৩ বছরেই হাজার কোটি ডলারের এআই স্টার্টআপ, মেসেজ দিলেই বাজার করে
২৩ বছরেই হাজার কোটি ডলারের এআই স্টার্টআপ, মেসেজ দিলেই বাজার করে

দৈনন্দিন কেনাকাটা ও টিকিট বুকিংয়ের মতো কাজ করে দেওয়ার সেবা তৈরি করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি স্টার্টআপ ইনস্টিংক্টের মূল্যায়ন দাঁড়িয়েছে ১ হাজার কোটি ডলার। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি নতুন দফায় ১০০ কোটি ডলার বিনিয়োগ পাওয়ার কথা জানায়। এতে এক মাসের ব্যবধানে এর মূল্যায়ন চার গুণ হয়। বিনিয়োগ ঘোষণার সময় প্রতিষ্ঠানটিতে কর্মী ছিলেন ১৪ জন বলে জানিয়েছে মার্কেটওয়াচ।    প্রতিষ্ঠাতা নোয়া শিন ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির পড়াশোনা ছেড়ে দেন। পরে গ্রাহকসেবার প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সিয়েরায় গবেষক হিসেবে কাজ করেন। ২০২৫ সালে তিনি ইনস্টিংক্ট প্রতিষ্ঠা করেন। সেপ্টেম্বরে বিনিয়োগ ঘোষণার সময় তাঁর বয়স ছিল ২৩ বছর।    ইনস্টিংক্ট ব্যবহার করতে আলাদা অ্যাপ ডাউনলোডের প্রয়োজন হয় না। টেক্সট মেসেজ পাঠিয়ে বা ফোন করে ব্যবহারকারীরা ভ্রমণের বুকিং, মুদি পণ্য কেনা, টিকিট কাটা কিংবা সাবস্ক্রিপশন বাতিলের অনুরোধ করতে পারেন। প্রয়োজনে ব্যবহারকারীর হয়ে কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে ফোন করেও বুকিং দিতে পারে সেবাটি। পরীক্ষামূলক পর্যায়ে সেবাটি ব্যবহারের জন্য আমন্ত্রণ বা অপেক্ষমাণ তালিকা থেকে অনুমোদন প্রয়োজন।    এর আগে আগস্টে ২৫ কোটি ডলার বিনিয়োগ পেয়ে ইনস্টিংক্টের মূল্যায়ন দাঁড়িয়েছিল ২৫০ কোটি ডলারে। রয়টার্স জানিয়েছে, সেপ্টেম্বরের বিনিয়োগে অংশ নেয় সিকোয়া ক্যাপিটাল, বেঞ্চমার্ক ও কোয়াটু।    সেপ্টেম্বরের শেষ দিকে ‘ইনভেস্ট লাইক দ্য বেস্ট’ পডকাস্টে শিন বলেন, ইনস্টিংক্টের মাধ্যমে হওয়া লেনদেনের বার্ষিক হার ১০০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে। এই হিসাবে সেবাটির মাধ্যমে ব্যবহারকারীদের করা লেনদেনের মোট অঙ্ক ধরা হয়েছে। ওই সাক্ষাৎকারে শিন আরও বলেন, তখন পর্যন্ত বিপণনে কোনো অর্থ ব্যয় করেনি প্রতিষ্ঠানটি।   সংবাদসূত্র:  Reuters

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ২:৫৫
নিজের অংশ নিজেই তৈরি করল রোবট

মহাকাশে এই প্রথম নভোচারীর সাহায্য ছাড়াই নিজের অংশ নিজেই তৈরি করল রোবট

আইপিওর মাধ্যমে ইতিহাসের সবচেয়ে বড় ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার বিনিয়োগ সংগ্রহ করেছে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। ছবি: সংগৃহীত

১.৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য, এআই দুনিয়ায় নতুন ইতিহাস গড়লো অ্যানথ্রপিক

দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার পর অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। ছবি: সংগৃহীত

১৩ বছরের অপেক্ষার অবসান: রেকর্ড গড়া ‘জিটিএ ৬’ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়

চুলের গোড়ায় বৈদ্যুতিক উদ্দীপনা ও বিশেষ উপাদান পৌঁছে দিতে তৈরি হয়েছে পরীক্ষামূলক চিরুনি ডিট্যাঙ্গল। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চুল পড়া রোধে চীনের বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, বৈদ্যুতিক চিরুনিতে ফিরবে হারানো চুল

চুল পড়া ও টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা সামনে এনেছেন চীনের একদল বিজ্ঞানী। তাঁরা তৈরি করেছেন বিশেষ ধরনের বৈদ্যুতিক চিরুনি, যার নাম ‘ডিট্যাঙ্গল’। পরীক্ষাগারে ইঁদুরের ওপর এটি ব্যবহার করে প্রায় ১০০ শতাংশ পর্যন্ত চুল ফিরে পাওয়ার ফল পেয়েছেন গবেষকেরা। প্রচলিত চুল গজানোর ওষুধ মিনোক্সিডিলের তুলনায়ও ভালো ফল দেখিয়েছে নতুন এই প্রযুক্তি। তবে এখনো মানুষের ওপর এর কার্যকারিতা পরীক্ষা করা হয়নি।   বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে তৈরি এই প্রযুক্তি নিয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী ‘নেচার কমিউনিকেশনস’-এ। গত ৩ নভেম্বর প্রকাশিত গবেষণাটিতে বলা হয়েছে, চিরুনিটির দাঁতের মধ্যে বিশেষ ইলেকট্রোড ও ওষুধ বহনের ব্যবস্থা রয়েছে। মাথার ত্বকে চিরুনিটি চালালে অল্পমাত্রার বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি হয়। একই সঙ্গে এর বিশেষ দাঁত ত্বককে সামান্য উত্তোলন করে, ফলে বিদ্যুৎক্ষেত্র চুলের গোড়ার গভীর পর্যন্ত পৌঁছাতে পারে। গবেষকদের দাবি, প্রচলিত বাহ্যিক প্রয়োগের তুলনায় এই পদ্ধতিতে চুলের ফলিকলে প্রায় নয় গুণ গভীর পর্যন্ত প্রভাব পৌঁছানো সম্ভব।   ডিট্যাঙ্গল প্রযুক্তিতে দুটি বিশেষ জৈব উপাদান ব্যবহার করা হয়েছে। এর একটি চুলের গোড়ার আশপাশে নতুন রক্তনালি তৈরিতে সহায়তা করে, যাতে ফলিকলে রক্ত ও পুষ্টি সরবরাহ বাড়ে। অন্য উপাদানটি চুলের গোড়া সংকুচিত করে এমন একটি হরমোনের উৎপাদন কমাতে কাজ করে। পুরুষদের বংশগত টাক পড়ার ক্ষেত্রে ডাইহাইড্রোটেস্টোস্টেরন নামের এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৈদ্যুতিক উদ্দীপনা ও এই দুই উপাদানের সম্মিলিত প্রয়োগের মাধ্যমে চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়েছেন গবেষকেরা।   পরীক্ষার জন্য ইঁদুরের শরীরে কৃত্রিমভাবে বংশগত টাক পড়ার মতো অবস্থা তৈরি করা হয়েছিল। এরপর তাদের শরীরের কামানো অংশে প্রতি তিন দিন পরপর ডিট্যাঙ্গল ব্যবহার করা হয়। এভাবে টানা ২৮ দিন পরীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা যায়, নতুন প্রযুক্তি ব্যবহার করা ইঁদুরের কামানো ত্বকের প্রায় ১০০ শতাংশ এলাকায় চুল ফিরে এসেছে। অন্যদিকে, প্রচলিত মিনোক্সিডিল ব্যবহার করা ইঁদুরের ক্ষেত্রে চুল ফিরে আসার হার ছিল প্রায় ৭০ শতাংশ। ফিনাস্টেরাইডের তুলনায়ও ভালো ফল পাওয়া গেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।   বর্তমানে চুল পড়া ও বংশগত টাকের চিকিৎসায় মিনোক্সিডিল, ফিনাস্টেরাইড এবং চুল প্রতিস্থাপনের মতো পদ্ধতি ব্যবহার করা হয়। তবে এসব চিকিৎসার কার্যকারিতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া, দীর্ঘদিন ওষুধ ব্যবহারের প্রয়োজন কিংবা চিকিৎসার উচ্চ ব্যয়ও বিবেচনায় নিতে হয়। এ অবস্থায় নতুন প্রযুক্তিটি গবেষকদের সামনে বিকল্প চিকিৎসাপদ্ধতি তৈরির সম্ভাবনা তৈরি করেছে।   তবে গবেষণার ফলাফলকে এখনই মানুষের টাক দূর করার নিশ্চিত সমাধান হিসেবে দেখার সুযোগ নেই। ডিট্যাঙ্গল এখন পর্যন্ত শুধু ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে। মানুষের ক্ষেত্রে এটি কতটা কার্যকর ও নিরাপদ হবে, তা জানতে আরও গবেষণা এবং পরবর্তী সময়ে নিয়ন্ত্রিত চিকিৎসা পরীক্ষা প্রয়োজন। ফলে বাজারে ব্যবহারের উপযোগী চিকিৎসা হিসেবে প্রযুক্তিটি আসতে আরও সময় লাগতে পারে।   সূত্র: নেচার কমিউনিকেশনস, মেডিকেল এক্সপ্রেস, দ্য ইন্ডিপেনডেন্ট।

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ২০:৬
উবার ইটসের নতুন চমক

ডেলিভারিম্যান নয়, আকাশপথে খাবার নিয়ে আসবে ড্রোন, উবার ইটসের নতুন চমক

জনপ্রিয় ভিডিও গেম জিটিএর একটি দৃশ্য। ছবি সংগৃহীত

বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জিটিএ-৬’, মুক্তির আগেই প্রি-অর্ডার থেকে আয় ১.১৮ বিলিয়ন ডলার

জড়িয়ে ধরলেন ইলন মাস্ক!

২২ ঘণ্টা মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরল স্টারশিপ, যান্ত্রিক বাহুতে ধরল রকেটকে; জড়িয়ে ধরলেন ইলন মাস্ক!

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...