সরকার উৎখাতের ষড়যন্ত্র ও প্রাণঘাতী বিক্ষোভের দায়ে অঙ্গোলায় দুই রুশ নাগরিকের জেল
অঙ্গোলায় সরকার উৎখাতের ষড়যন্ত্র এবং প্রাণঘাতী বিক্ষোভ উসকে দেওয়ার দায়ে দুই রুশ নাগরিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সন্ত্রাসবাদ ও গুপ্তচরবৃত্তির সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের এই সাজা ঘোষণা করেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, দণ্ডিত দুই রুশ নাগরিক হলেন—লেভ লাকশটানভ ও ইগর রাতচিন। আদালত তাঁদের যথাক্রমে আট ও ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন। তবে শুরু থেকেই তারা এই অভিযোগ অস্বীকার করে দাবি করে আসছেন যে, তারা মূলত ব্যবসায়িক ও সাংস্কৃতিক কাজের উদ্দেশ্যেই দেশটিতে অবস্থান করছিলেন।
অঙ্গোলার কৌঁসুলিদের অভিযোগ, গত বছর জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মিনিবাস ট্যাক্সি চালকদের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে তীব্র সহিংসতা ও লুটপাটের ঘটনা ঘটেছিল, যাতে সরকারি হিসাব অনুযায়ী অন্তত ২২ জন নিহত এবং ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ গ্রেপ্তার হন। সেই বিক্ষোভ ও সহিংসতার পেছনে এই দুই রুশ নাগরিকের হাত ছিল বলে অভিযোগ রয়েছে। প্রসিকিউটরদের দাবি, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তার এবং অঙ্গোলার রাজনীতিতে নিজেদের আধিপত্য বাড়াতেই তারা এই ষড়যন্ত্র করেছিলেন। এছাড়া ওই দুই ব্যক্তি রুশ গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত একটি প্রোপাগান্ডা নেটওয়ার্কের সঙ্গেও যুক্ত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এই মামলায় অভিযুক্ত দুই স্থানীয় নাগরিকের মধ্যে স্পোর্টস সাংবাদিক কার্লোস তোমেকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হলেও বিরোধী দলের যুবনেতা ফ্রান্সিসকো ডি অলিভিরা আদালত থেকে খালাস পেয়েছেন। এদিকে রায়ের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত দুই রুশ নাগরিক ও প্রসিকিউশন পক্ষ উভয়েই আপিল করেছেন। আপিল প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা কারাগারেই থাকবেন। তবে এ বিষয়ে অঙ্গোলায় অবস্থিত রুশ দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreসোনা কেনার সময় ক্রেতারা সাধারণত ওজন ও ক্যারেট দেখে আশ্বস্ত হন। তবে সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে সোনার অলঙ্কারে ‘রেনিয়াম’ নামের উচ্চ ঘনত্বের ধাতুর গুঁড়ো মিশিয়ে ওজন বাড়ানোর এক নতুন কৌশলের তথ্য সামনে এসেছে। অভিযোগ উঠেছে, এই কৌশলে প্রচলিত অনেক পরীক্ষা ও হলমার্কিং প্রক্রিয়াকেও ফাঁকি দেওয়া সম্ভব হচ্ছে, ফলে ২২ ক্যারেটের দাম দিয়ে ক্রেতাদের হাতে কম বিশুদ্ধতার সোনা তুলে দেওয়া হতে পারে। ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, রেনিয়াম একটি অত্যন্ত দুষ্প্রাপ্য ও ভারী ধাতু। এর ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে প্রায় ২১ গ্রাম, যেখানে বিশুদ্ধ সোনার ঘনত্ব প্রায় ১৯ দশমিক ৩ গ্রাম। সোনার সঙ্গে রেনিয়ামের মতো ভারী ধাতুর গুঁড়ো মেশালে অলঙ্কারের ওজন বেড়ে যায়, কিন্তু প্রকৃত সোনার পরিমাণ সে অনুপাতে থাকে না। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীনের শেনজেনের একটি সূত্র ও মধ্যস্থতাকারীর মাধ্যমে এই ধাতুর সরবরাহ নিয়ে অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। জয়পুরে পরিচালিত একটি অনুসন্ধানী পরীক্ষায় দেখা গেছে, রেনিয়াম ও অন্যান্য সংকর ধাতু মেশানো একটি গহনাও পরীক্ষায় ২২ ক্যারেট হিসেবে চিহ্নিত হয়েছে, অথচ এতে প্রকৃত সোনার পরিমাণ ছিল অনেক কম। বিশেষজ্ঞদের মতে, রেনিয়ামের গলনাঙ্ক ৩ হাজার ১০০ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। সাধারণ গহনা তৈরিতে যে তাপমাত্রা (প্রায় ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ ডিগ্রি সেলসিয়াস) ব্যবহার করা হয়, তাতে এটি পুরোপুরি গলে বা মিশে যায় না। পাশাপাশি অনেক ক্ষেত্রে এক্সআরএফ (এক্স-রে ফ্লুরোসেন্স) মেশিন বা সাধারণ কষ্টিপাথর ও অ্যাসিড পরীক্ষায় এই ভেজাল সহজে ধরা না-ও পড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (আইবিজেএ) রেনিয়াম পাউডার ব্যবহার করে ভেজাল এবং কিছু ক্ষেত্রে হলমার্কিং প্রক্রিয়ার দুর্বলতা ও যোগসাজশের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, পুরো বাজারে এর ব্যাপকতা কতটুকু তা আরও যাচাইয়ের বিষয় এবং সন্দেহ তৈরি হলে ফায়ার অ্যাসে বা উন্নত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে প্রকৃত বিশুদ্ধতা যাচাই করা জরুরি। সোনা কেনার ঝুঁকি কমাতে ক্রেতাদের কয়েকটি বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ও আইনজীবীরা। এর মধ্যে রয়েছে বিশ্বস্ত ও স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করা, হলমার্ক ও ইউনিক আইডি (এইচইউআইডি) যাচাই করা, চলতি বাজারদরের সঙ্গে উদ্ধৃত দরের তুলনা করা এবং কেনার পর ওজন, ক্যারেট ও মেকিং চার্জের বিস্তারিত উল্লেখসহ পাকা রসিদ সংগ্রহ করা। সূত্র: নিউজ১৮। 873 ডিএন
‘তোমার গায়ে বাজে গন্ধ!’ অক্সফোর্ডে ভারতীয় শিক্ষার্থীকে কটাক্ষ
নিজের বাবাকে মাসে ২ লাখ রুপি বেতন দেন রাউল, এবার পুতিনের সঙ্গে সেলফিতে ভাইরাল
কানাডায় স্বাস্থ্যসেবা পেতে ১ বছরেই চিকিৎসার অপেক্ষায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ হাজার রোগী
সাইবার হামলার শিকার হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক সংবাদ সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)। হামলার পর নিরাপত্তার স্বার্থে সংবাদ, ছবি ও ভিডিও সরবরাহের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ফ্রান্সের প্যারিসভিত্তিক সংস্থাটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্যারিসের স্থানীয় সময় রাত দেড়টার দিকে এই সাইবার হামলা শুরু হয়। এএফপির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অভ্যন্তরীণ ইমেইলে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, অননুমোদিত প্রবেশের বিষয়টি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রযুক্তি বিভাগ হামলা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এএফপি ফোরাম বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্ল্যাটফর্মটি বন্ধ থাকবে। বিশ্বের বিভিন্ন সংবাদমাধ্যম এএফপি ফোরাম ব্যবহার করে সংস্থাটির সংবাদ, ছবি ও ভিডিও সংগ্রহ করে থাকে। প্ল্যাটফর্মটি বন্ধ থাকায় গ্রাহকদের কনটেন্ট সরবরাহ অব্যাহত রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। বাইরের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তায় হামলার ঘটনা তদন্ত করছে এএফপি। তবে হামলার পেছনে কারা জড়িত, কী ধরনের তথ্যের ক্ষতি হয়েছে কিংবা গ্রাহকদের কোনো তথ্য ফাঁস হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে সরকারি প্রতিষ্ঠান ও বেসরকারি কোম্পানিকে লক্ষ্য করে একাধিক সাইবার হামলার ঘটনা ঘটেছে। ফ্রান্সের সাইবার নিরাপত্তা সংস্থার প্রধান ভিনসেন্ট স্ট্রুবেল বৃহস্পতিবার জানিয়েছেন, দেশটি নজিরবিহীন মাত্রার সাইবার নিরাপত্তা হুমকির মুখোমুখি হচ্ছে। এসব হামলা মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি। এএফপির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের ২১০টি ব্যুরোতে ১৩৫টি দেশের ১ হাজার ৮৪০ জন সাংবাদিক কাজ করছেন। ছয়টি ভাষায় সংবাদ সরবরাহ করে সংস্থাটি। প্রতিদিন গড়ে ২ হাজার ৩০০টি লিখিত সংবাদ, ৩ হাজার ছবি এবং ৩০০টি ভিডিও তৈরি করে এএফপি। এএফপি ফোরাম কবে আবার চালু হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি সংস্থাটির কর্তৃপক্ষ। সূত্র: এএফপি 871 এসএ
মেয়ের বিয়েতে নাচতে নাচতেই বাবার মৃত্যু! বোনের বিয়ে ও বিদায় সম্পন্ন না হওয়া পর্যন্ত গোপন রাখলেন ২ ভাই
ইতিহাস গড়া জিশানের জন্য মহাকাশে ১০০ হালাল খাবার রাখল চীন
‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে’, অক্সফোর্ডের ভারতীয় শিক্ষার্থীর তিক্ত অভিজ্ঞতা
ফিনল্যান্ডের উদ্ভাবক ও নাবিক লুকাস শ্যোমান (Lukas Sjöman) প্রায় ২০০ দিনের পরিশ্রমে নিজ হাতে তৈরি সৌরবিদ্যুৎচালিত নৌযান ‘হেলিওস ১১’ নিয়ে ফিনল্যান্ড থেকে যাত্রা শুরু করে স্পেনের ইবিজা পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন—তাও এক ফোঁটা পেট্রোল বা ডিজেল ব্যবহার না করেই। বিভিন্ন প্রতিবেদনে এই ভ্রমণের দূরত্ব প্রায় ৩ হাজার ১০৬ মাইল থেকে ৫ হাজার ৭০০ কিলোমিটারের কাছাকাছি উল্লেখ করা হয়েছে। বড় কোনো শিপইয়ার্ড বা পেশাদার কর্মী ছাড়াই ফিনল্যান্ডের একটি সাধারণ শেডে নির্মিত এই নৌযানটি প্রমাণ করেছে যে হালকা কাঠামো ও সৌরশক্তির সঠিক সমন্বয়ে দীর্ঘ সমুদ্রযাত্রা সম্ভব। মেরিন প্লাইউড ও ফাইবারগ্লাস দিয়ে তৈরি প্রায় ১১ মিটার (প্রায় ৩৫–৩৬ ফুট) দীর্ঘ এই নৌযানটির ওজন মাত্র ১.৫ টন বা তার আশপাশে, যা এই আকারের বসবাসযোগ্য নৌযানের জন্য বেশ হালকা। ছাদে বসানো ১০টি সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ৪৮ ভোল্টের ব্যাটারি সিস্টেমে জমা হয় এবং তা দিয়ে সাধারণত ৬ কিলোওয়াট ক্ষমতার বৈদ্যুতিক মোটর চালানো হয়। অনুকূল বাতাসে ব্যাটারির সাশ্রয়ে সহায়ক পালও ব্যবহার করা হয়, আর সাশ্রয়ী গতিতে (প্রায় ৫ থেকে ৫.৫ নট বা অনুকূল আবহাওয়ায় আরও কিছুটা বেশি) চললে শক্তি খরচ বেশ নিয়ন্ত্রণে থাকে। রৌদ্রোজ্জ্বল দিনে দৈনিক দূরত্ব অনেক বাড়লেও মেঘলা আকাশ বা উত্তাল সাগরে গতি কমিয়ে ব্যাটারির সঞ্চিত শক্তির ওপর নির্ভর করতে হয়। শ্যোমানের নিজস্ব হিসাব ও নথি অনুযায়ী, পরিকল্পনার ঘাটতির কারণে শুরুর দিকে নির্মাণ ব্যয় কিছুটা বেশি হলেও সুপরিকল্পিতভাবে একটি আদর্শ ‘হেলিওস ১১’ তৈরি করতে উপকরণ ও যন্ত্রাংশ মিলিয়ে প্রায় ১৮ হাজার থেকে ২০ হাজার ইউরো বা সমপরিমাণ অর্থের মধ্যেই কাজটি করা সম্ভব। নৌযানটির ভেতরে বিলাসিতার বদলে কার্যকারিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে; এতে বৈদ্যুতিক চুলা, ছোট রেফ্রিজারেটর, টয়লেট ও ঘুমানোর ব্যবস্থা রয়েছে। দীর্ঘ যাত্রায় শ্যোমানকে বাস্তব চ্যালেঞ্জও মোকাবিলা করতে হয়েছে—স্পেনের লা রাপিতায় নোঙর করা অবস্থায় তার ছোট ডিঙি নৌকা চুরি হয়ে যাওয়ায় ফোম ও কাঠ দিয়ে বিকল্প ভেলা তৈরি করতে হয়, আবার এক সেতু থেকে ছোড়া পাথর সৌর প্যানেলে আঘাত হানলেও বিদ্যুৎ উৎপাদনে বড় কোনো ক্ষতি হয়নি। এছাড়া এয়ার কন্ডিশনিং না থাকায় গরম আবহাওয়ায় কেবিনের ভেতর তাপ ও আর্দ্রতা এবং হালকা কাঠামোর কারণে নোঙর অবস্থায় দুলুনি—এসব বিষয়কে তিনি আরও উন্নতির সুযোগ হিসেবে দেখছেন। নিজের ইউটিউব চ্যানেল ‘ট্রু নর্থ ইয়াক্টস’-এ পুরো প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি শ্যোমান এই নৌযানের নকশা ও নির্মাণ নির্দেশিকাও প্রকাশ করেছেন, যা ভবিষ্যতে কম খরচে সবুজ ও স্বয়ংসম্পূর্ণ নৌযান তৈরিতে আগ্রহী উদ্ভাবকদের জন্য একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।
নির্যাতনে আদায় করা স্বীকারোক্তিই মৃ ত্যুদণ্ডের ভিত্তি, ফাঁসির ঝুঁকিতে শত শত ফিলিস্তিনি
রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

