নিষিদ্ধ বইয়ে প্রেমের শুরু, বহু বাধা পেরিয়ে বিয়ে চীনা মুসলিম দম্পতির
চীনের শিনচিয়াং অঞ্চলে নিষিদ্ধ একটি উপন্যাস হাতে পাওয়ার পর দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের শুরু হয়। সেই প্রেম নানা বাধা পেরিয়ে শেষ পর্যন্ত বিয়েতে গড়ায়। ২০০৯ সালে ১৬ বছর বয়সী ইয়ালকুন উলুইওল আত্মীয়ের বাড়িতে গিয়ে একটি সাত খণ্ডের নিষিদ্ধ উইঘুর উপন্যাস খুঁজে পান। পরে সেই বইটি সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু রাবিয়ার সঙ্গে ভাগ করে নেন তিনি। বই নিয়ে হাতে লেখা চিঠি আদান-প্রদানের মধ্য দিয়েই তাদের বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে রূপ নেয়।
ঘটনাটি ২০০৯ সালের এক গ্রীষ্মের সন্ধ্যার। চীনের শিনচিয়াং অঞ্চলের কুমুলে বাবার সঙ্গে এক দূরসম্পর্কের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন ইয়ালকুন। সেখানে বড়দের গল্প ও আড্ডার মধ্যে বসে থাকতে তার ভালো লাগছিল না। তাই বাড়ির একটি পড়ার ঘরে যাওয়ার অনুমতি নেন তিনি। ঘরটিতে শত শত বই ছিল। সেখানেই একটি কোণে রাখা সাত খণ্ডের একটি উইঘুর উপন্যাস তার নজরে আসে।
বইটির নাম ছিল ‘লেইঘান বুলাক’, যার অর্থ কর্দমাক্ত ঝরনা। বইটির লেখক ছিলেন পরিচিত উইঘুর ঔপন্যাসিক জালালিদিন বাহরাম। বাড়ির মালিক ইয়ালকুনকে জানান, বইটি সাংস্কৃতিক বিপ্লবের নৃশংসতা নিয়ে লেখা এবং সরকার এটি নিষিদ্ধ করেছে। তাকে বইটি কাউকে না দেখাতে, স্কুলে না নিতে এবং পড়া শেষ হলে ফেরত দিতে বলা হয়। কিন্তু কৌতূহলী ইয়ালকুন বাড়ি ফিরে মধ্যরাতের পর বইটির প্রথম খণ্ড পড়া শুরু করেন। এরপর তিনি বইটির চরিত্র ও কাহিনিতে গভীরভাবে আগ্রহী হয়ে ওঠেন।
উপন্যাসটিতে নিজ দেশের একটি গ্রামীণ এলাকার শিক্ষকদের জীবন, জোরপূর্বক শ্রম, আত্মীকরণ ও রাজনৈতিক মতাদর্শ চাপিয়ে দেওয়ার বিষয় উঠে এসেছিল। একই সঙ্গে তিন তরুণ দম্পতির গল্পের মধ্য দিয়ে বন্ধুত্ব, ভালোবাসা ও কঠিন পরিস্থিতিতে টিকে থাকার বিষয়ও তুলে ধরা হয়েছিল। বইটির এই বিষয়গুলো ইয়ালকুনকে গভীরভাবে প্রভাবিত করে। পরে তিনি বইটি তার সহপাঠী রাবিয়ার সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেন।
রাবিয়া ছিলেন ইয়ালকুনের পড়াশোনার প্রতিদ্বন্দ্বী এবং গোপন বন্ধু। রক্ষণশীল মুসলিম শহরে ছেলে ও মেয়ের বন্ধুত্বকে স্বাভাবিকভাবে দেখা হতো না। তাই তারা বই নিয়ে হাতে লেখা চিঠির মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলতেন। রাবিয়া স্কুলে ইয়ালকুনকে এড়িয়ে চললেও তাদের লেখা খাতাগুলো তাদের জন্য একটি ব্যক্তিগত জগত তৈরি করেছিল। ইয়ালকুন নিষেধ অমান্য করে বইটি স্কুলে নিয়ে গিয়ে রাবিয়ার ব্যাগে তার খাতার সঙ্গে রেখে দেন। বইটির বন্ধুত্বের গল্প তাদের নিজেদের সম্পর্কের সঙ্গেও মিল খুঁজে পেতে শুরু করে।
একপর্যায়ে বইয়ের চরিত্রদের কথা বলতে বলতে তাদের নিজেদের অনুভূতিও সেই আলোচনায় মিশে যায়। ইয়ালকুন বইয়ের প্রধান চরিত্রদের উল্লেখ করে রাবিয়াকে জানান, তারও তার প্রতি অনুভূতি তৈরি হয়েছে। সেই সময় থেকেই তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। প্রায় এক বছর পর ইয়ালকুন উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে চলে যান। দূরত্ব তৈরি হলেও ফোন ও বার্তার মাধ্যমে তাদের সম্পর্ক টিকে থাকে।
তবে একসঙ্গে নতুন জীবন শুরু করতে গিয়ে তাদের সামনে বড় বাধা তৈরি হয়। রাবিয়ার পাসপোর্ট পাওয়া কঠিন হয়ে পড়ে, কারণ শিনচিয়াং কর্তৃপক্ষ উইঘুরদের পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ করত। এর মধ্যে মাথায় ওড়না পরার কারণে রাবিয়াকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগও দেওয়া হয়নি। পরে তিনি ভাষা শেখার জন্য বেইজিংয়ে চলে যান। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত তাকে নিজের শহরের কঠোর পাসপোর্ট নিয়ন্ত্রণ এড়িয়ে যাওয়ার সুযোগ করে দেয়।
ইয়ালকুন বাড়ি ছাড়ার চার বছর পর ২০১৪ সালে রাবিয়া তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছান। সেখানে তখন ইয়ালকুন পড়াশোনা করছিলেন। পরে ২০২০ সালে তারা বিয়ে করেন। তবে বিয়েতে রাবিয়ার বাবা-মা ও ভাই-বোনসহ ইয়ালকুনের বাবাও উপস্থিত থাকতে পারেননি। এরপরও তারা একসঙ্গে জীবন শুরু করেন। কিন্তু নিজ দেশে চলমান পরিস্থিতির কারণে তাদের শেষ পর্যন্ত দেশত্যাগ করে নির্বাসিত জীবন বেছে নিতে হয়।
চীনা কর্তৃপক্ষের অভিযানের কারণে তাদের পরিবারের সঙ্গেও দূরত্ব তৈরি হয়। ইয়ালকুনের বাবাসহ বিপুলসংখ্যক উইঘুরকে কোনো ধরনের যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই আটক করা হয়েছিল বলে ইয়ালকুন জানান। বিদেশে থাকা মানুষের সঙ্গে যোগাযোগের কারণে চীনা সরকারের শাস্তির আশঙ্কায় তারা পরিবারের সঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোও ভাগ করে নিতে পারতেন না।
২০২৩ সালের নভেম্বরে তাদের দুই বছর বয়সী মেয়ে দুরারোগ্য অসুস্থতায় মারা যায়। ইস্তাম্বুলের একটি কবরস্থানে মেয়েটিকে দাফন করেন তারা। মেয়েটির জীবনের সঙ্গে তার নিজ দেশের দাদা-দাদিসহ পরিবারের সদস্যদের যে স্মৃতি তৈরি হওয়ার কথা ছিল, সেটিও আর সম্ভব হয়নি। এই ঘটনাও তাদের জীবনে গভীর শোকের স্মৃতি হয়ে থাকে।
২০২৪ সালের শেষ দিকে ইয়ালকুন ও রাবিয়া লন্ডনে চলে যান। সেখানে নতুন জীবন শুরু করার সময় তারা পুরোনো স্কুলের খাতাগুলো বের করেন। এক ডজনের বেশি খাতায় একসময় গোপনে লেখা তাদের পুরোনো চিঠিগুলো পড়তে গিয়ে তারা নিজেদের দীর্ঘ পথচলার কথা আবার মনে করেন। যে নিষিদ্ধ বই তাদের কৈশোরের বন্ধুত্বকে প্রেমে পরিণত করেছিল, সেই বইয়ের মতোই তাদের জীবনেও ছিল বন্ধুত্ব, ভালোবাসা, কঠিন সময় এবং ঘুরে দাঁড়ানোর গল্প।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreমাত্র ১২ মাসে প্রায় ৮৫ হাজার ভারতীয় যুক্তরাজ্য ছেড়েছেন। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তরের (ওএনএস) সর্বশেষ অভিবাসন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্য থেকে দীর্ঘমেয়াদে চলে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি। প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ৫৫ হাজার ভারতীয় শিক্ষার্থী এবং ২৮ হাজার কর্মী যুক্তরাজ্য ছেড়েছেন। এ ছাড়া অন্যান্য ভিসা শ্রেণিতে আসা আরও ২ হাজার ভারতীয় দেশটি ছেড়েছেন। সব মিলিয়ে এই সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ হাজারে। পরিসংখ্যান বলছে, যুক্তরাজ্য ছেড়ে যাওয়া ভারতীয়দের মধ্যে প্রায় ৬৫ শতাংশ শিক্ষার্থী এবং ৩৩ শতাংশ কর্মী। অর্থাৎ দেশটি ছেড়ে যাওয়া ভারতীয়দের বড় অংশই উচ্চশিক্ষা ও চাকরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। ভারতীয়দের পর যুক্তরাজ্য ছেড়ে যাওয়ার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের নাগরিকেরা। গত এক বছরে প্রায় ৫১ হাজার চীনা নাগরিক যুক্তরাজ্য ছেড়েছেন। তবে একই সময়ে যুক্তরাজ্যে ভারতীয়দের আগমনও উল্লেখযোগ্য ছিল। ওএনএসের তথ্য অনুযায়ী, ওই ১২ মাসে প্রায় ৭৭ হাজার ভারতীয় শিক্ষাসংশ্লিষ্ট কারণে এবং ৪০ হাজার ভারতীয় কর্মসংস্থানের উদ্দেশ্যে যুক্তরাজ্যে এসেছেন। অর্থাৎ দেশটিতে ভারতীয়দের আগমন ও প্রস্থান—দুই প্রবণতাই পাশাপাশি দেখা যাচ্ছে। এদিকে যুক্তরাজ্যে সামগ্রিক অভিবাসনের পরিমাণও কমেছে। ২০২৬ সালের জুনে শেষ হওয়া ১২ মাসে দেশটিতে মোট ৭ লাখ ৩৮ হাজার মানুষ দীর্ঘমেয়াদে প্রবেশ করেছেন। আগের বছরের তুলনায় এই সংখ্যা ১৭ শতাংশ কম। একই সময়ে ৬ লাখ ৬১ হাজার মানুষ যুক্তরাজ্য ছেড়েছেন। এর ফলে দেশটিতে নিট অভিবাসন কমে দাঁড়িয়েছে ৭৭ হাজারে। ২০২৩ সালের মার্চে শেষ হওয়া বছরে এই সংখ্যা সর্বোচ্চ ৯ লাখ ৪৪ হাজারে পৌঁছেছিল। মহামারির সময় ২০২০ সাল বাদ দিলে ১৯৯৭ সালের পর এটি সর্বনিম্ন নিট অভিবাসন। শিক্ষার্থী ও বিদেশি কর্মীদের ভিসার নিয়ম কঠোর করা এবং মহামারির পর যুক্তরাজ্যে আসা অনেক শিক্ষার্থীর পড়াশোনা ও পড়াশোনা-পরবর্তী কাজের মেয়াদ শেষ হওয়া অভিবাসন কমার পেছনে ভূমিকা রেখেছে। তবে ৮৫ হাজার ভারতীয় যুক্তরাজ্য ছেড়েছেন মানেই সবাই ভারতে ফিরে গেছেন, এমন নয়। এই পরিসংখ্যানে দীর্ঘমেয়াদে যুক্তরাজ্য ছেড়ে অন্য দেশে চলে যাওয়া ভারতীয়দের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা কোন দেশে গেছেন, তা এই সংখ্যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় না। যুক্তরাজ্যের সর্বশেষ এই পরিসংখ্যান দেশটির অভিবাসন পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের যুক্তরাজ্যে আসা এবং দেশটি ছেড়ে যাওয়ার প্রবণতা নতুন করে আলোচনায় এসেছে। তথ্যসূত্র: যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান দপ্তর। 874 এসকিউ
তুমুল জনপ্রিয়তা পাকিস্তানি নাটকের, নিষেধাজ্ঞা অমান্য করেও দেখছেন ভারতীয়রা
কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার, সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সেলফি তুলে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে ভারতের কেরালার তরুণ এআই উদ্যোক্তা রাউল জন আজু। মস্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক সম্মেলন ‘এআই জার্নি ২০২৬’-এ পুতিনের সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পায় সে। পরে সেই মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিটি। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হওয়া তিন দিনব্যাপী সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশন শেষে রাউলের সঙ্গে পুতিনের সাক্ষাৎ হয়। রুশ গণমাধ্যমের প্রতিবেদনে ক্রেমলিনের প্রেস সার্ভিসের বরাত দিয়ে বলা হয়েছে, পুতিনের কাছে গিয়ে তাঁর সঙ্গে হাত মেলায় রাউল। পরে দুজন একসঙ্গে ছবিও তোলেন। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের সঙ্গেও সাক্ষাতের সুযোগ পেয়েছে সে। ইনস্টাগ্রামে ছবিটি প্রকাশ করে রাউল লিখেছে, নয় বছর বয়সে নিছক আনন্দের জন্য ভিডিও তৈরি করা থেকে শুরু করে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সেলফি তোলা পর্যন্ত তার এই যাত্রা ছিল কল্পনারও বাইরে। জীবনে এমন সুযোগ তৈরি করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে সে। ভারতে ‘এআই কিড অব ইন্ডিয়া’ নামে পরিচিত রাউল ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আগ্রহী। মাত্র নয় বছর বয়সে ভিডিও এডিটিংয়ের মাধ্যমে প্রযুক্তি জগতের সঙ্গে তার পরিচয় ঘটে। তার বাবা অ্যাডোবিতে চাকরি পাওয়ার পর প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রিমিয়াম সফটওয়্যার ব্যবহারের সুযোগ পায় সে। সেখান থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জানার আগ্রহ তৈরি হয়। পরে স্কুলের বিজ্ঞান প্রকল্পের অংশ হিসেবে ‘মিবট’ নামে একটি রোবট তৈরি করে রাউল। বর্তমানে নিজের প্রযুক্তি উদ্যোগ ‘এআই রিয়েলম টেকনোলজিস’-এর মাধ্যমে বিভিন্ন এআই টুল ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প নিয়ে কাজ করছে সে। এর মধ্যে রয়েছে থিংকক্রাফট ও রেসকিউ এআই। প্রতিষ্ঠানটিতে প্রায় ১৫ জন কর্মী কাজ করছেন। এআই প্রযুক্তি তৈরি ও প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি পেয়েছে প্রতিষ্ঠানটি। রাউলের ব্যক্তিগত জীবনের একটি বিষয়ও বেশ আলোচনায় এসেছে। সাধারণত সন্তানেরা বাবার কাছে হাতখরচ চাইলেও তার ক্ষেত্রে চিত্রটি উল্টো। রাউলের বাবা অজু জোসেফ ছেলের প্রতিষ্ঠানে কর্মরত এবং মাসে দুই লাখ ভারতীয় রুপি বেতন পান। এর আগে তিনি অ্যামাজন, অ্যাডোবি, উইপ্রো ও আইবিএমের মতো প্রতিষ্ঠানে কাজ করেছেন। নিজের বাবাকে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে রাউল বলেছে, ফোনের মাধ্যমে অনেক কিছু শেখা সম্ভব হলেও বাবার দীর্ঘদিনের কর্মজীবনের অভিজ্ঞতা ফোন থেকে পাওয়া সম্ভব নয়। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। পাশাপাশি বিষয়টি প্রতিষ্ঠানের বিপণনের জন্যও সহায়ক বলে মজা করে জানিয়েছে সে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতিসংঘের সংবাদ বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারেও নিজের প্রযুক্তি যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছিল রাউল। একই মাসে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিটে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গেও তার সাক্ষাৎ হয়। এদিকে ২৬ থেকে ২৮ নভেম্বর মস্কোয় অনুষ্ঠিত হচ্ছে এআই জার্নি ২০২৬। এতে ভারত, চীন, রাশিয়া, সার্বিয়া, ব্রাজিল, কেনিয়া, কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের প্রযুক্তিবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও সেলফি প্রকাশের মধ্য দিয়ে নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এসেছে কেরালার এই তরুণ উদ্যোক্তা। সূত্র: এনডিটিভি 871-এসএ
কানাডায় স্বাস্থ্যসেবা পেতে ১ বছরেই চিকিৎসার অপেক্ষায় প্রাণ হারিয়েছেন প্রায় ৩০ হাজার রোগী
সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম
মেয়ের বিয়েতে নাচতে নাচতেই বাবার মৃত্যু! বোনের বিয়ে ও বিদায় সম্পন্ন না হওয়া পর্যন্ত গোপন রাখলেন ২ ভাই
মহাকাশে প্রথম পাকিস্তানি নভোচারী হিসেবে ইতিহাস গড়েছেন মুহাম্মদ জিশান আলি। তাঁকে স্বাগত জানাতে চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে রাখা হয়েছে শতাধিক ধরনের হালাল খাবার। বিশেষ এই খাদ্যতালিকায় রয়েছে গরুর মাংসের নিহারি, ভেড়ার মাংসের কোরমা, ছোলার তরকারি ও বাটার চিকেনের মতো জনপ্রিয় খাবার। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন জানিয়েছে, প্রথম বিদেশি নভোচারীকে বরণ করে নিতে মহাকাশ স্টেশনে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। জিশানের ধর্মীয় খাদ্যবিধি, ব্যক্তিগত পছন্দ এবং মহাকাশে অবস্থানকালীন পুষ্টির চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে এই বিশেষ মেনু। চায়না অ্যাস্ট্রোনট রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার বিশেষভাবে সাতটি পাকিস্তানি ধাঁচের খাবার প্রস্তুত করেছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। খাবারের উপকরণ নির্বাচন থেকে শুরু করে প্রস্তুত প্রণালি পর্যন্ত হালাল খাদ্যবিধি অনুসরণ করা হয়েছে। জিশানের হলুদ ও কারির মসলার প্রতি পছন্দের বিষয়টিও গুরুত্ব দিয়েছেন গবেষকেরা। কয়েক দফা স্বাদ পরীক্ষার পর চূড়ান্ত করা হয়েছে রান্নার পদ্ধতি। শুরুতে খাদ্যতালিকায় পাকিস্তানি দুধ চা রাখা হলেও চীনে কয়েক মাসের প্রশিক্ষণ শেষে জিশানের খাবারের পছন্দে কিছুটা পরিবর্তন এসেছে। তিনি অতিরিক্ত চীনা কালো চা ও ভাত রাখার অনুরোধ করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) শেনঝৌ-২৪ মহাকাশযানে চড়ে তিয়ানগং মহাকাশ স্টেশনে পৌঁছান জিশান। তাঁর সঙ্গে রয়েছেন চীনা কমান্ডার তাং হংবো ও ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ইয়ি। উত্তর-পশ্চিম চীনের জিউচুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তাঁদের বহনকারী মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। নতুন তিন সদস্য মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর সেখানে অবস্থানরত নভোচারীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। দুই দলের সদস্যদের একসঙ্গে নিয়ে বিশেষ নৈশভোজের আয়োজন করেছে চীন। ৪০ বছর বয়সী জিশান পাকিস্তানের প্রথম মহাকাশচারী হওয়ার পাশাপাশি চীনের মহাকাশ স্টেশনে প্রবেশকারী প্রথম বিদেশি নভোচারী। মহাকাশে পাঁচ থেকে দশ দিন অবস্থানকালে তিনি বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে তাঁর পৃথিবীতে ফিরে আসার কথা রয়েছে। জিশানের এই মহাকাশযাত্রা চীন ও পাকিস্তানের মহাকাশ গবেষণা সহযোগিতায় নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: সিজিটিএন 871-এসএ
‘তোমার শরীর থেকে খুব বাজে গন্ধ আসছে’, অক্সফোর্ডের ভারতীয় শিক্ষার্থীর তিক্ত অভিজ্ঞতা
মাত্র ২০ হাজার ইউরোতে তৈরি সৌর নৌযান, এক ফোঁটা জ্বালানি ছাড়াই পাড়ি দিলেন ৫ হাজার ৭০০ কিলোমিটার

