- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসেলে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সম্মানে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস উদ্ধৃত করে ওমানের মানুষের প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। বুধবার, ২১ অক্টোবরের ওই অনুষ্ঠানে তিনি ওমানিদের সৌজন্যবোধ ও সহনশীলতার কথা তুলে ধরেন। রাজা চার্লস বলেন, মহানবী (সা.) ওমানের মানুষের চরিত্র সম্পর্কে প্রশংসাসূচক মন্তব্য করেছিলেন। তাঁর বক্তব্যে উঠে আসে, ওমানের মানুষের কাছে গেলে তারা কাউকে গালিগালাজ বা শারীরিকভাবে আঘাত করত না। ওমানের সুলতানের যুক্তরাজ্য সফর উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে রানি ক্যামিলা এবং দুই দেশের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। রাজা চার্লসের উদ্ধৃত হাদিসটি সহিহ মুসলিমের সাহাবিদের মর্যাদাসংক্রান্ত অধ্যায়ে ওমানের মানুষের গুণাবলি প্রসঙ্গে বর্ণিত হয়েছে। হাদিসটির বর্ণনায় এসেছে, মহানবী (সা.) এক ব্যক্তিকে আরবের একটি গোত্রের কাছে পাঠিয়েছিলেন। সেখানে তাঁকে গালিগালাজ ও মারধর করা হলে তিনি ফিরে এসে বিষয়টি জানান। তখন মহানবী (সা.) বলেন, ওই ব্যক্তি যদি ওমানের মানুষের কাছে যেতেন, তাহলে তারা তাঁকে গালিগালাজ বা মারধর করত না। রাজা চার্লস তাঁর বক্তব্যে এই বাণী উল্লেখ করে ওমানের মানুষের দীর্ঘদিনের সুনাম ও শান্তিপ্রিয়তার প্রতি সম্মান জানান। নৈশভোজে দেওয়া বক্তব্যে ব্রিটিশ রাজা যুক্তরাজ্য ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বের কথাও স্মরণ করেন। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক বহু শতাব্দী ধরে বাণিজ্য, কূটনীতি, প্রতিরক্ষা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। ভারত মহাসাগরকেন্দ্রিক সামুদ্রিক বাণিজ্যে ওমানের ঐতিহাসিক ভূমিকার কথাও তুলে ধরেন তিনি। চার্লসের মতে, আঞ্চলিক সংঘাতের সময় বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ চালু রাখা এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সচল রাখতে ওমানের প্রচেষ্টা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে দেশটির ভূমিকার প্রশংসা করেন তিনি। ওমানের সুলতান হাইথাম বিন তারিক ১৯ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে পৌঁছান। পরদিন উইন্ডসর ক্যাসেলে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান রাজা চার্লস ও রানি ক্যামিলা। এই সফর ১৯৮২ সালের পর ওমানের কোনো সুলতানের প্রথম রাষ্ট্রীয় সফর। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করা এবং ভবিষ্যতে বাণিজ্য, প্রতিরক্ষা ও কূটনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি সফরের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। রাজা চার্লস তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন, দুই দেশের বন্ধুত্ব ভবিষ্যতেও অটুট থাকবে এবং পরবর্তী প্রজন্মের মধ্যেও এই সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে। সূত্র: ওমান অবজারভার
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে রাসায়নিক প্রকৌশলে পিএইচডি করেছেন। তাঁর গবেষণার উল্লেখও করেছে ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদানকারী কমিটি। অথচ দুই বছর ধরে চাকরির খোঁজে ২ হাজার ৩০০টির বেশি আবেদন করেও স্থায়ী কাজ পাননি ৩০ বছর বয়সী জ্যাক ওয়েইস। যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের সল্টলেক সিটির এই বাসিন্দা এখন বাবা-মায়ের বাড়িতে থাকছেন। গবেষণাগার ও জাতীয় গবেষণা প্রতিষ্ঠানের ফেলোশিপ থেকে শুরু করে সফটওয়্যার প্রকৌশলীর পদ, এমনকি খাবার তৈরির কাজেও আবেদন করেছেন তিনি। তবু অধিকাংশ ক্ষেত্রে কোনো উত্তর পাননি, আর কিছু আবেদন শেষ হয়েছে প্রত্যাখ্যানের মধ্য দিয়ে। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে তাঁর এই দীর্ঘ চাকরির লড়াইয়ের চিত্র উঠে এসেছে। ওয়েইসের শিক্ষাজীবনের রেকর্ড ছিল বেশ উজ্জ্বল। তিনি রাইস বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সম্মানসূচক ফল নিয়ে স্নাতক সম্পন্ন করেন। পরে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন, যা শেষ হয় ২০২৪ সালে। তাঁর গবেষণার বিষয় ছিল বরফ তৈরির রাসায়নিক প্রক্রিয়া এবং অণুর পারস্পরিক ক্রিয়া। ২০২৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ঘোষণার সময় বৈজ্ঞানিক গবেষণায় যন্ত্রশিক্ষার প্রয়োগের উদাহরণ হিসেবে তাঁর গবেষণার উল্লেখ করা হয়। তবে এই উল্লেখের অর্থ ওয়েইস নিজে নোবেল পুরস্কার পেয়েছেন, এমন নয়। এত ভালো শিক্ষাগত যোগ্যতা ও গবেষণার অভিজ্ঞতা থাকার পরও পছন্দের ক্ষেত্রে চাকরি না পাওয়ায় শেষ পর্যন্ত তাঁকে নিজের বিশেষায়িত ক্ষেত্রের বাইরেও কাজ খুঁজতে হয়েছে। প্রথম দিকে ওষুধশিল্পের গবেষণাগার এবং জাতীয় গবেষণাপ্রতিষ্ঠানের উচ্চতর গবেষণা বৃত্তিতে কাজ পাওয়ার চেষ্টা করেছিলেন ওয়েইস। কিন্তু অধিকাংশ আবেদনের কোনো জবাব আসেনি। পরে সফটওয়্যার প্রকৌশলসহ বিভিন্ন খাতের চাকরিতে আবেদন করেন। প্রিন্সটন ও রাইস বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেও উল্লেখযোগ্য সুযোগ পাননি। একপর্যায়ে হিমায়িত কাঁকড়ার কেক তৈরি ও বিক্রি করে এমন একটি প্রতিষ্ঠানে খাবার প্রস্তুতের কাজেও আবেদন করেন তিনি। উচ্চশিক্ষিত একজন গবেষকের চাকরি খোঁজার পরিধি কতটা বিস্তৃত হতে পারে, তাঁর অভিজ্ঞতা তারই উদাহরণ। ২০২৬ সালের জানুয়ারিতে অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে অল্প সময়ের জন্য কাজ পেয়েছিলেন ওয়েইস। মারকর নামের প্রতিষ্ঠানটির হয়ে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রশিক্ষণের জন্য রাসায়নিক প্রকৌশলবিষয়ক প্রশ্ন তৈরি করতেন, মডেলের উত্তর যাচাই করতেন এবং সেগুলো আরও উন্নত করতে সহায়তা করতেন। ঘণ্টাপ্রতি ৭০ ডলার পারিশ্রমিক পেলেও কাজের পরিমাণ নিয়মিত ছিল না। কোনো সপ্তাহে ২০ ঘণ্টা কাজ পেতেন, আবার কোনো সপ্তাহে তা নেমে আসত মাত্র চার ঘণ্টায়। পরে কাজ কমতে কমতে একপর্যায়ে বন্ধ হয়ে যায়। ফলে ওই সুযোগও তাঁর জন্য স্থায়ী আয়ের ব্যবস্থা করতে পারেনি। দীর্ঘদিন চাকরি না পাওয়ার অভিজ্ঞতা ওয়েইসের পরিবারকেও বিস্মিত করেছে। তাঁর বাবা জন ওয়েইস একজন চিকিৎসক। ছেলের মেধা, শিক্ষাগত যোগ্যতা ও গবেষণার অভিজ্ঞতা থাকার পরও কেন তিনি কাজ পাচ্ছেন না, তা বুঝে উঠতে পারছেন না পরিবার। এদিকে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে সামগ্রিক বেকারত্বের হার তুলনামূলক কম থাকলেও চাকরিপ্রার্থীদের অনেকেই নিয়োগ পেতে সমস্যার কথা বলছেন। প্রায় ২১৮ জন চাকরিপ্রার্থীর ওপর পরিচালিত একটি জরিপে ৬১ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, চাকরির আবেদন করার পর নিয়োগদাতাদের কাছ থেকে কোনো উত্তর না পাওয়ার বিষয়টি তাঁদের উদ্বিগ্ন করে। তীব্র প্রতিযোগিতা, বয়সভিত্তিক বৈষম্যের আশঙ্কা এবং নিয়োগপ্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও উদ্বেগ রয়েছে। এখন বিকল্প পেশার কথাও ভাবছেন ওয়েইস। আগামী নভেম্বরে আইন বিষয়ে পড়ার জন্য প্রয়োজনীয় ভর্তি পরীক্ষা দেওয়ার পরিকল্পনা করেছেন তিনি। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এমন একটি চালকবিহীন উড়োজাহাজ তৈরির ধারণা নিয়ে কাজ করছেন, যাতে লাগানো এলইডি লেজারের সাহায্যে মির্টল স্পার্জ নামের ক্ষতিকর আগ্রাসী আগাছা ধ্বংস করা যায়। সরকারি বিভিন্ন সংস্থার কাছে নীতিমালা পরিবর্তনের প্রস্তাবও জমা দিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, প্রচলিত চাকরির বাইরে নিজস্ব উদ্যোগের মাধ্যমে নিজের দক্ষতার ব্যবহার ঘটানোর সুযোগ তৈরি করা সম্ভব। দুই হাজারের বেশি আবেদন করেও স্থায়ী চাকরি না পাওয়া ওয়েইসের অভিজ্ঞতা তাই শুধু একজন গবেষকের ব্যক্তিগত সংকট নয়, বরং উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের মধ্যে ব্যবধান নিয়েও নতুন করে প্রশ্ন তুলছে। সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য ইন্ডিপেনডেন্ট।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে ইসলামিক স্টেট (আইএস) থেকে সামরিক প্রশিক্ষণ নেওয়ার অভিযোগে ২৭ বছর বয়সী হালিমা সালমানের বিচার চলছে। তিনি যুক্তরাষ্ট্রে আইএসের কথিত নারী সদস্য হিসেবে পূর্ণাঙ্গ ফেডারেল বিচারের মুখোমুখি হওয়া প্রথম নারী বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। প্রসিকিউটরদের দাবি, কিশোরী বয়সে পরিবারের সঙ্গে সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রিত এলাকায় যাওয়ার পর তিনি সংগঠনটির একটি নারী ইউনিটের কাছ থেকে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেন। তবে হালিমা আদালতে বলেছেন, তাঁর বাবা তাঁকে সিরিয়ায় নিয়ে গিয়েছিলেন এবং পরে আইএস যোদ্ধার সঙ্গে বিয়েতে বাধ্য করেছিলেন। তিনি সংগঠনটির আদর্শ সমর্থন করেন না বলেও দাবি করেছেন। ব্রুকলিনে জন্ম নেওয়া হালিমার বাবা তুরস্কের নাগরিক এবং মা মার্কিন নাগরিক। আদালতে দেওয়া তাঁর সাক্ষ্য অনুযায়ী, ২০১৬ সালের সেপ্টেম্বরে তাঁর বাবা পরিবারের সদস্যদের নিয়ে তুরস্কে যান। এর কয়েক মাস পর তাঁদের সিরিয়ায় আইএসের নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাওয়া হয়। তখন হালিমার বয়স ছিল ১৭ বছর। পরবর্তী সময়ে ১৮ বছর বয়সে আইএস যোদ্ধা আবু আলীকে বিয়ে করেন তিনি। হালিমার ভাষ্য, এই বিয়েতে তাঁর সম্মতি ছিল না। বিয়ের সময় তাঁর বাবাকে পাঁচ হাজার ডলার দেন ওই যোদ্ধার পরিবারের সদস্যরা বলে আদালতে জানিয়েছেন তিনি। হালিমা আরও বলেন, ওই পরিস্থিতিতে তিনি ভীত ছিলেন এবং নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগছিলেন। মামলায় প্রসিকিউটররা আদালতে একটি ভিডিও উপস্থাপন করেছেন, যেখানে হালিমাকে সিরিয়ায় তাঁর স্বামীর বাড়িতে একে-৪৭ রাইফেল হাতে দেখা যায়। তাঁদের দাবি, আইএসের নুসাইবাহ কাতিবা নামের নারী ইউনিট তাঁকে অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিয়েছিল। এ ছাড়া, আবু আলীর ফোন থেকে উদ্ধার করা একটি হাতে লেখা নথির ছবিও প্রমাণ হিসেবে দেখানো হয়েছে। প্রসিকিউটরদের ভাষ্য, নথিটি আইএসের পক্ষ থেকে দেওয়া প্রশিক্ষণসংক্রান্ত সনদ, যেখানে হালিমার কালাশনিকভ রাইফেল ব্যবহারের যোগ্যতার কথা উল্লেখ রয়েছে। তবে হালিমার আইনজীবীরা নথিটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং প্রশিক্ষণের প্রকৃতি, সময়কাল ও স্থান সম্পর্কে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত প্রমাণ দেওয়া হয়নি বলে যুক্তি দিয়েছেন। আদালতে নিজের পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে হালিমা বলেছেন, সিরিয়ায় তাঁর জীবন ছিল কঠোর নিয়ন্ত্রণের মধ্যে। কোথায় যাবেন, কী খাবেন, এমনকি কখন বাইরে বের হবেন, সে বিষয়েও তাঁর স্বাধীনতা ছিল না বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, আইএসের নিয়ন্ত্রিত এলাকা থেকে বেরিয়ে আসাও অত্যন্ত বিপজ্জনক ছিল। সেখানে প্রায় দুই বছর থাকার পর তিনি কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বন্দিশিবিরে প্রায় পাঁচ বছর কাটান। ২০১৯ সালে আইএসের নিয়ন্ত্রণাধীন শেষ অঞ্চলগুলোর পতনের পর সংগঠনটির সদস্যদের পরিবারের অনেক নারী ও শিশুকে এসব শিবিরে রাখা হয়েছিল। হালিমার দাবি, তিনি বহুবার যুক্তরাষ্ট্রে ফেরার আবেদন করেছিলেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সিরিয়া থেকে দেশে ফিরিয়ে আনার একটি উদ্যোগের অংশ হিসেবে হালিমা ও তাঁর পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে ফেরেন। নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পাঁচ লাখ ডলারের জামিনে নিউ হ্যাম্পশায়ারে আত্মীয়দের সঙ্গে বসবাস করছেন তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি জেনেশুনে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠনের কাছ থেকে সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। তাঁর পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে এ ঘটনায় কোনো অভিযোগ আনা হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বুধবার, ২১ অক্টোবর, মামলার সমাপনী বক্তব্যে সরকারি কৌঁসুলিরা হালিমার বিরুদ্ধে আনা অভিযোগের পক্ষে ভিডিও ও নথির বিষয়গুলো তুলে ধরেন। অন্যদিকে, তাঁর আইনজীবীরা বলেছেন, আইএসের এলাকায় অবস্থান করা বা একজন যোদ্ধাকে বিয়ে করার বিষয়টিই সামরিক প্রশিক্ষণ নেওয়ার অপরাধ প্রমাণ করে না। মামলার রায় এখনো ঘোষণা করা হয়নি। বৃহস্পতিবার, ২২ অক্টোবর, প্রতিরক্ষাপক্ষের সমাপনী বক্তব্যের পর বিচারকদের আলোচনার মাধ্যমে রায় নির্ধারণের কথা রয়েছে। এই মামলার ফলাফল নির্ভর করবে হালিমা জেনেশুনে আইএসের কাছ থেকে সামরিক প্রশিক্ষণ নিয়েছিলেন কি না, সে বিষয়ে উপস্থাপিত প্রমাণ বিচারকরা কীভাবে মূল্যায়ন করেন তার ওপর। সূত্র: নিউইয়র্ক পোস্ট, কোর্টহাউস নিউজ সার্ভিস।
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের সেন্ট পলে চালক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় নিয়ন্ত্রণহীন হয়ে যাওয়া একটি স্কুলবাস থামিয়ে প্রায় ২০ শিশুকে রক্ষা করেছেন ২৭ বছর বয়সী এব্রো আহমেদ। গত সোমবার, ১৯ অক্টোবর, একটি দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসটির দরজা খোলা দেখে তাঁর সন্দেহ হয়। ভেতরে তাকিয়ে চালককে খিঁচুনির মতো উপসর্গে আক্রান্ত হতে দেখে তিনি দ্রুত বাসটির দিকে ছুটে যান। চলন্ত বাসে উঠে জরুরি ব্রেক টেনে সেটি থামান তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজকে আহমেদ জানান, শিশুদের নিরাপত্তার কথা ভেবেই তিনি ঝুঁকি নিয়ে এই পদক্ষেপ নেন। ঘটনার একটি ভিডিও স্থানীয় দোকান ইয়া ব্রিকস স্ন্যাকস অ্যান্ড টোব্যাকোর নজরদারি ক্যামেরায় ধরা পড়ে। ভিডিওতে আহমেদকে বাসটির দিকে দৌড়ে গিয়ে তাতে উঠতে দেখা যায়। তাঁর ভাষ্য অনুযায়ী, বাসের ভেতরে তখন কয়েকজন শিশু আতঙ্কে চিৎকার করছিল, আবার কেউ কেউ শান্ত থাকার চেষ্টা করছিল। সামনের আসনে বসা দুই ছাত্রীও তাঁকে পরিস্থিতি সামলাতে সাহায্য করে। নিজের ফোন ও চশমা তাদের একজনের কাছে রেখে তিনি বাসটি থামানোর কাজে মনোযোগ দেন। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। আহমেদ জানিয়েছেন, এমন জরুরি পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে দীর্ঘদিনের চিকিৎসাবিষয়ক টেলিভিশন ধারাবাহিক ‘গ্রে’স অ্যানাটমি’ থেকেও কিছুটা অনুপ্রেরণা পেয়েছেন তিনি। তাঁর মতে, ধারাবাহিকটি থেকে অপ্রত্যাশিত পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া জানাতে হয়, সে বিষয়ে কিছু ধারণা পাওয়া যায়। তবে তাঁর কোনো চিকিৎসাবিষয়ক প্রশিক্ষণ রয়েছে বলে জানা যায়নি। এবিসি নিউজকে তিনি বলেন, শিশুদের জীবন রক্ষার বিষয়টি তাঁর কাছে দায়িত্বের মতো মনে হয়েছিল। এমনকি এ কাজে নিজের জীবন ঝুঁকিতে পড়লেও তাঁর কাছে তা সার্থক হতো বলে মন্তব্য করেন তিনি। সেন্ট পলের সরকারি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, বাসটিতে চালকের চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি তৈরি হয়েছিল। খবর পেয়ে ঘটনাস্থলে চিকিৎসাকর্মীরা পৌঁছান। এ ঘটনায় কোনো শিক্ষার্থী বা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পরে বাসের শিক্ষার্থীদের অন্য একটি বাসে তুলে বাড়িতে পাঠানো হয়। ঘটনার পরদিন মঙ্গলবার শিক্ষার্থীদের মানসিক অবস্থার খোঁজ নেন স্কুলের পরামর্শকেরা। বাসটিতে ব্যাটল ক্রিক মিডল স্কুলের শিক্ষার্থীরা ছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। সূত্র: এবিসি নিউজ, সিবিএস মিনেসোটা।
ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া এবং ফেসবুকে ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় নিজেদের ভূমিকা সম্পর্কে ভুল ধারণা তৈরির দায়ে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩ লাখ ৫ হাজার কোটি টাকা, প্রতি ডলার ১২২ টাকা ধরে। গত ২১ অক্টোবর বিচারক ফ্রান্সিস জে. ম্যাথিউ এ আদেশ দেন। যুক্তরাষ্ট্রের কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এটি অন্যতম বৃহৎ আর্থিক দণ্ড। তবে মেটা রায়ের বিরুদ্ধে আপিল করার প্রস্তুতি নিচ্ছে। মামলাটির সূত্রপাত ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য রাজনৈতিক প্রচারে ব্যবহারের ঘটনায়। যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা তৃতীয় পক্ষের একটি অ্যাপের মাধ্যমে বিপুলসংখ্যক ফেসবুক ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করেছিল। অভিযোগ অনুযায়ী, এসব তথ্য ব্যবহারকারীদের সম্মতি ছাড়াই রাজনৈতিক প্রচারের কাজে ব্যবহার করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর ফেসবুকের তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহারের পদ্ধতি নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়। এর জেরেই ২০২১ সালে নিউ মেক্সিকো অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলা করে। মামলায় নিউ মেক্সিকোর পক্ষ থেকে বলা হয়, ফেসবুক ব্যবহারকারীদের কাছে তাদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা এবং সেই তথ্য কারা ব্যবহার করতে পারে, সে বিষয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। পাশাপাশি প্ল্যাটফর্মে ভুয়া তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য মোকাবিলায় প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলা হয়। গত সেপ্টেম্বরে বিচারকদের নয়, বরং বিচারিক কার্যক্রমে অংশ নেওয়া জুরিরা মেটার বিরুদ্ধে রায় দেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী, নিউ মেক্সিকোর ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করে প্রতিষ্ঠানটি মোট ৪ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার ৭২৫টি ক্ষেত্রে বিভ্রান্তিকর বক্তব্য বা আচরণ করেছে। প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে। জুরির রায়ের পর জরিমানার পরিমাণ নির্ধারণ করেন বিচারক ম্যাথিউ। আইন অনুযায়ী প্রতিটি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ জরিমানা হিসাব করলে মোট অর্থের পরিমাণ ২১৯ বিলিয়ন ডলারেরও বেশি দাঁড়াত। তবে আদালত সেই অঙ্ক কমিয়ে ২৫ বিলিয়ন ডলার নির্ধারণ করেন। বিচারকের আদেশে জরিমানার অর্থ পরিশোধ না হওয়া পর্যন্ত বছরে ১৫ শতাংশ হারে সুদ যোগ হওয়ার কথাও রয়েছে। ফলে আপিলের মাধ্যমে রায় পরিবর্তন না হলে মেটার আর্থিক দায় আরও বাড়তে পারে। মেটার প্রধান আইন কর্মকর্তা সি জে মাহোনি এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, এই জরিমানা নিউ মেক্সিকোতে প্রতিষ্ঠানটির ব্যবসা পরিচালনা প্রায় অসম্ভব করে তুলতে পারে। তিনি আরও দাবি করেন, মামলাটির মাধ্যমে অনলাইনে মানুষ কী বলতে পারবে, তা নিয়ন্ত্রণের নতুন নিয়ম কার্যকর করার চেষ্টা হচ্ছে। মেটা আপিলে জয়ী হওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বলেও জানান তিনি। অন্যদিকে, নিউ মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল রাউল তোরেজের দপ্তর এই রায়কে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। মেটার বিরুদ্ধে এটিই একমাত্র বড় মামলা নয়। চলতি বছরের আগস্টে শিশু ও কিশোরদের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের করা পৃথক মামলার নিষ্পত্তিতে প্রতিষ্ঠানটি ১৮ বিলিয়ন ডলারের সমঝোতায় পৌঁছায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া নিউ মেক্সিকোতেই শিশুদের নিরাপত্তা নিয়ে পৃথক মামলায় মেটার বিরুদ্ধে আর্থিক দণ্ড দেওয়া হয়েছে। সর্বশেষ ২৫ বিলিয়ন ডলারের রায় কার্যকর থাকবে কি না, তা এখন আপিল প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। সূত্র: নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের বিচার বিভাগ, রয়টার্স, দ্য ওয়াশিংটন পোস্ট।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ভুয়া বিয়ের আয়োজন করে অভিবাসীদের গ্রিন কার্ড পাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে জেনিফার গনজালেজ নামে এক মার্কিন নারীর বিরুদ্ধে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে এই কার্যক্রম চালিয়ে তিনি প্রায় ৬০ লাখ ডলার আয় করেছেন বলে তদন্তে উঠে এসেছে। প্রতিটি বিয়ের ব্যবস্থা করে তিনি ৩৮ হাজার থেকে ৪০ হাজার ডলার পর্যন্ত নিতেন। বছরে প্রায় ১৮ থেকে ২০টি বিয়ের আয়োজন করা হতো বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে। গত ২১ অক্টোবর এ ঘটনায় গনজালেজসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনার কথা জানায় ম্যাসাচুসেটসের ফেডারেল আইনজীবীদের দপ্তর। মার্কিন কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গনজালেজের পরিচালিত ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন মর্যাদা পেতে আগ্রহী বিদেশি নাগরিকদের সঙ্গে মার্কিন নাগরিকদের বিয়ে দেওয়া হতো। এসব বিয়ের উদ্দেশ্য ছিল দাম্পত্য সম্পর্ক প্রতিষ্ঠা নয়, বরং বিয়ের কাগজপত্র ব্যবহার করে স্থায়ী বসবাসের অনুমতিপত্র বা গ্রিন কার্ড পাওয়ার আবেদন করা। এ কাজে গনজালেজ কয়েকজন মার্কিন নাগরিককে অর্থের বিনিময়ে বিয়েতে রাজি করাতেন। তাঁর কর্মীরা বিয়ের ছবি তুলতেন, একসঙ্গে ঘোরাফেরার ছবি রাখতেন এবং সম্পর্কটি প্রকৃত বলে প্রমাণ করার মতো নথি তৈরিতে সহায়তা করতেন বলে অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, এসব নথি ব্যবহার করে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবার কাছে আবেদন জমা দেওয়া হতো। মামলায় গনজালেজের পাশাপাশি আরও পাঁচজনের নাম এসেছে। তাঁরা হলেন এরিকা ড্যানিয়েলস, ক্রেইসে আলেহান্দ্রো, আমারা পিউ, জেসিকা টাভারেস ও জেলিন হিল। অভিযোগ অনুযায়ী, ড্যানিয়েলস, আলেহান্দ্রো, টাভারেস ও হিল অর্থের বিনিময়ে গনজালেজের গ্রাহকদের বিয়ে করতেন। অন্যদিকে, পিউ তাঁর প্রতিষ্ঠানে সচিব হিসেবে কাজ করতেন। তদন্তের অংশ হিসেবে অন্তত দুটি বিয়ের ছবি আদালতের নথিতে যুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, কোনো কোনো ক্ষেত্রে বিচ্ছেদের পর অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্য বিদেশি নাগরিককে বিয়ে করতেন, যাতে একই পদ্ধতিতে আরও আবেদন করা যায়। তদন্তকারীরা আরও জানিয়েছেন, গ্রাহকদের সঙ্গে যোগাযোগের সময় গনজালেজ বিয়েকে প্রকৃত সম্পর্ক হিসেবে দেখানোর বিভিন্ন কৌশল শেখাতেন। এর মধ্যে যৌথ ব্যাংক হিসাব খোলা, জীবনবিমা করা এবং দম্পতি হিসেবে ছবি তোলার মতো বিষয় ছিল। অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি এক গ্রাহকের কাছ থেকে বিয়ের ব্যবস্থা করার জন্য অগ্রিম তিন হাজার ডলার নিয়েছিলেন। অর্থ লেনদেন আড়াল করতে সেটিকে ঋণের চুক্তি হিসেবে দেখানোর নির্দেশ দেওয়ার কথাও নথিতে রয়েছে। এ ছাড়া, বিয়ে বজায় রাখার জন্য সংশ্লিষ্ট মার্কিন নাগরিক বা তাঁদের ঘনিষ্ঠ কাউকে মাসে ৫০০ ডলার করে দেওয়ার ব্যবস্থাও ছিল বলে তদন্তকারীদের দাবি। মার্কিন অ্যাটর্নি লিয়া ফোলির ভাষ্য অনুযায়ী, গনজালেজ কথিত এই কার্যক্রম থেকে পাওয়া অর্থের একটি অংশ ডোমিনিকান প্রজাতন্ত্রে ব্যবসা ও জমি কেনার কাজে বিনিয়োগ করেছিলেন। তদন্তের সময় এক সহযোগী সাক্ষীর সঙ্গে তাঁর কথোপকথন রেকর্ড করা হয়। সেখানে তিনি ম্যাসাচুসেটসে অভিবাসীদের জন্য বিভিন্ন সহায়তা পাওয়া যায় বলে উল্লেখ করেছিলেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে। ফোলির দাবি, ২০২৪ সালের শেষ দিকে ডোনাল্ড ট্রাম্পের পুনরায় প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনার কারণে তিনি ভুয়া বিয়ের আয়োজন কমিয়ে দেন এবং ২০২৫ সালে কার্যক্রম বন্ধ করেন। তবে এসব বক্তব্য ও অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া বাকি। এ ঘটনায় সরকারি খাদ্যসহায়তা কর্মসূচি থেকেও অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। প্রসিকিউটরদের দাবি, ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত গনজালেজ যুক্তরাষ্ট্রের সম্পূরক পুষ্টি সহায়তা কর্মসূচি বা এসএনএপি থেকে এক লাখ ২৪ হাজার ডলারের বেশি পেয়েছেন। আবেদনে নিজের কথিত ব্যবসার আয় ও পরিবারের সদস্যদের তথ্য গোপন করার অভিযোগও আনা হয়েছে। ২১ অক্টোবর গনজালেজ, পিউ, টাভারেসসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অপর অভিযুক্ত হিল আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত অপরাধে আগে থেকেই অঙ্গরাজ্যের কারাগারে রয়েছেন। মামলাটির তদন্ত চলছে এবং অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্ত সবাই আইন অনুযায়ী নির্দোষ বলে বিবেচিত হবেন। সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, ফক্স নিউজ।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট আইনপ্রণেতা ইলহান ওমরকে তিরস্কার এবং দুটি গুরুত্বপূর্ণ কমিটি থেকে সরানোর প্রস্তাব আটকে দিতে ডেমোক্র্যাটদের সঙ্গে ভোট দিয়েছেন চার রিপাবলিকান সদস্য। ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটে ২১৪-২১৩ ব্যবধানে প্রস্তাবটি আলোচনার বাইরে রাখার সিদ্ধান্ত পাস হয়। রিপাবলিকান চার সদস্য হলেন মাইক ফ্লাড, জেফ হার্ড, টম ম্যাকক্লিনটক ও কোরি মিলস। তাঁদের ভোটের কারণে মাত্র এক ভোটের ব্যবধানে প্রস্তাবটি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার উদ্যোগ ব্যর্থ হয়। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সরকারি ভোটের নথিতে এ তথ্য উঠে এসেছে। প্রস্তাবটি উত্থাপন করেছিলেন সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি ন্যান্সি মেস। এতে মিনেসোটার প্রতিনিধি ইলহান ওমরকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি শিক্ষা ও কর্মসংস্থানবিষয়ক কমিটি এবং বাজেট কমিটি থেকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। রক্ষণশীল রাজনৈতিক কর্মী চার্লি কার্কের মৃত্যুর পর ওমরের মন্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পুনরায় প্রকাশ করাকে কেন্দ্র করে এই উদ্যোগ নেওয়া হয়। মেসের অভিযোগ ছিল, ওমরের বক্তব্য কার্কের মৃত্যু নিয়ে অসম্মানজনক মনোভাব প্রকাশ করেছে। তবে ভোটের মাধ্যমে প্রতিনিধি পরিষদ প্রস্তাবটি আর এগিয়ে না নেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রস্তাবটি আটকে দেওয়ার পক্ষে ২১৪ জন ভোট দেন, বিপক্ষে ভোট দেন ২১৩ জন। পক্ষে ভোট দেওয়া সদস্যদের মধ্যে ছিলেন ২১০ জন ডেমোক্র্যাট এবং চারজন রিপাবলিকান। অন্যদিকে, ভোটে অংশ নেওয়া ২১৩ জন বিপক্ষে অবস্থান নেন, যাঁদের সবাই রিপাবলিকান। পাঁচজন সদস্য ভোট দেননি। চার রিপাবলিকানের সমর্থন ছাড়া ফলাফল ভিন্ন হতে পারত এবং প্রস্তাবটি পরবর্তী পর্যায়ে যাওয়ার সুযোগ পেত। এই ভোটে মূলত প্রস্তাবটি বিবেচনা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়, সরাসরি ইলহান ওমরকে তিরস্কার করার পক্ষে বা বিপক্ষে চূড়ান্ত ভোট হয়নি। চার রিপাবলিকানের অবস্থানের পেছনে প্রক্রিয়াগত ও নীতিগত যুক্তিও উঠে আসে। ক্যালিফোর্নিয়ার প্রতিনিধি টম ম্যাকক্লিনটক মতপ্রকাশের স্বাধীনতার বিষয়টি সামনে আনেন। তাঁর বক্তব্য অনুযায়ী, ওমরের মন্তব্যের কঠোর সমালোচনা করা যেতে পারে, কিন্তু আপত্তিকর বক্তব্যও সাংবিধানিকভাবে সুরক্ষিত মতপ্রকাশের আওতায় থাকতে পারে। অন্যদিকে, নেব্রাস্কার প্রতিনিধি মাইক ফ্লাড বিষয়টি আনুষ্ঠানিক শাস্তিমূলক পদক্ষেপে নেওয়ার আগে প্রতিনিধি পরিষদের নীতিশাস্ত্রবিষয়ক কমিটির মাধ্যমে তদন্ত ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের পক্ষে অবস্থান নেন। ফলে ভোটটি শুধু ওমরের মন্তব্য ঘিরে বিতর্কেই সীমাবদ্ধ ছিল না, বরং আইনপ্রণেতাদের বক্তব্যের স্বাধীনতা এবং তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন সামনে আনে। চার্লি কার্ক ছিলেন যুক্তরাষ্ট্রের একজন পরিচিত রক্ষণশীল রাজনৈতিক কর্মী। ২০২৫ সালের ১০ সেপ্টেম্বর ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক অনুষ্ঠানে গুলিতে নিহত হন তিনি। তাঁর মৃত্যুর পর রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়। ইলহান ওমর কার্কের কিছু রাজনৈতিক অবস্থান ও বক্তব্যের সমালোচনা করেছিলেন, যা রিপাবলিকানদের একাংশের ক্ষোভের কারণ হয়। সেই প্রেক্ষাপটে ন্যান্সি মেসের আনা প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে ওঠে। তবে ভোটের ফলাফলে স্পষ্ট হয়, রিপাবলিকান দলের সব সদস্য এ বিষয়ে একই অবস্থান নেননি। ইলহান ওমর মিনেসোটা থেকে নির্বাচিত ডেমোক্র্যাট প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রগতিশীল রাজনীতির পরিচিত মুখ। তাঁর বিরুদ্ধে তিরস্কারের প্রস্তাব আটকে যাওয়ায় দুটি কমিটিতে তাঁর সদস্যপদ বহাল রাখার উদ্যোগটি সফল হয়। ঘটনাটি প্রতিনিধি পরিষদে দলীয় বিভাজনের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক বক্তব্যের জবাবদিহি নিয়ে চলমান বিতর্ককেও সামনে এনেছে। সূত্র: যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ক্লার্কের দপ্তর, অ্যাসোসিয়েটেড প্রেস।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ এক ডোরড্যাশ চালককে পিটিয়ে হত্যার পর তার লাশ টেসলা গাড়ির ডিকিতে (ট্রাংক) লুকিয়ে রাখার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই হত্যাকাণ্ডের তিন মাস পর ৩৯ বছর বয়সী ম্যানুয়েল সালসেদা নামের এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল (সিএইচপি) জানিয়েছে, গত ৯ জুলাই মার্সিড কাউন্টির ১৫২ নম্বর স্টেট রুটের পাশে একটি টেসলা সেডান গাড়ির ভেতর থেকে ৪২ বছর বয়সী হ্যাভিয়ের বেসেরিল জুনিয়রের মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে তার পরিবার তাকে নিখোঁজ বলে পুলিশের কাছে রিপোর্ট করেছিল। লাশ উদ্ধারের পর থেকেই এটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে মাঠে নামে পুলিশ। তদন্তে জানা যায়, টেসলার ডিকিতে লাশ রাখার আগে হ্যাভিয়েরকে নির্মমভাবে শারীরিকভাবে লাঞ্ছিত বা পিটিয়ে হত্যা করা হয়। দীর্ঘ তিন মাসের শ্বাসরুদ্ধকর তদন্ত শেষে নজরদারি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য আলামতের ভিত্তিতে পুলিশ ম্যানুয়েল সালসেদাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে। তদন্তকারীরা জানতে পারেন, আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিতে ঘাতক সালসেদা একাধিক ছদ্মনাম ব্যবহার করে আসছিলেন। অবশেষে গত ১১ অক্টোবর বে এরিয়ার বেশ কয়েকটি কাউন্টিতে টানা তল্লাশির পর উডল্যান্ডের ৫ নম্বর ইন্টারস্টেট হাইওয়ে সংলগ্ন একটি গ্যাস স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সিএইচপির সেন্ট্রাল ডিভিশন মেজর ক্রাইম ইউনিটের এই সফল অভিযানের পর গত ২০ অক্টোবর মার্সিড কাউন্টির সুপিরিয়র কোর্টে সালসেদার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। সিএইচপি প্রধান ড্যামন গিলমোর জানিয়েছেন, অপরাধীকে বিচারের আওতায় আনতে তাদের গোয়েন্দারা একাধিক কাউন্টিতে দিনরাত এক করে শারীরিক প্রমাণ ও আলামত সংগ্রহ করেছেন। চাঞ্চল্যকর এই হত্যারহস্যের জট খুলতে এবং ঘটনার সময়কার কোনো সূত্র পেতে পুলিশ টেসলা গাড়ির অনবোর্ড কম্পিউটার সিস্টেম ও ভিডিও ডেটাও নিবিড়ভাবে বিশ্লেষণ করেছে বলে জানা গেছে।
বাংলাদেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার টন উচ্চমানের গম চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে মোট ২ লাখ ২০ হাজার টন গম কেনার চুক্তি হয়েছিল, যার একটি বড় অংশ হিসেবে এই বিপুল পরিমাণ গম ইতোমধ্যে দেশে এসে পৌঁছাল। গত বুধবার (২১ অক্টোবর) ঢাকার মার্কিন দূতাবাস তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে। মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, পুষ্টিগুণসমৃদ্ধ এই আমেরিকান গম বাংলাদেশের অভ্যন্তরীণ খাদ্যনিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি, বৃহৎ এই বাণিজ্যিক লেনদেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যিক অংশীদারত্ব এবং অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী ও সুদৃঢ় করে তুলবে বলে আশাবাদ ব্যক্ত করেছে দূতাবাস কর্তৃপক্ষ।
বিয়ের প্রচলিত প্রথা ভেঙে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন এক ব্রাজিলীয় নারী কম্পিউটার ইঞ্জিনিয়ার। জীবনের অন্যতম বিশেষ দিনটিতে নিজের পাশে দাঁড়ানোর জন্য তিনি কোনো মেয়ে বন্ধুকে নয়, বরং বেছে নিয়েছেন তার পাঁচজন ঘনিষ্ঠ ছেলে বন্ধুকে। প্রথাগতভাবে 'ব্রাইডসমেইড' হিসেবে মেয়েদের রাখার নিয়ম থাকলেও, এই তরুণী তার পাঁচ ছেলে বন্ধুকে সঙ্গে নিয়ে প্রমাণ করেছেন যে—সত্যিকারের বন্ধুত্বের কোনো লিঙ্গভেদ নেই। পেশাগত জীবনে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের মতো একটি পুরুষ-প্রধান খাতে কাজ করার সুবাদে মেয়েদের চেয়ে ছেলেদের সাথেই তার বেশি সখ্যতা ও বন্ধুত্ব গড়ে ওঠে। তাই প্রথাগত নিয়ম মেনে চলার বদলে, জীবনের প্রতিটি পদক্ষেপে যারা তাকে সবচেয়ে বেশি সমর্থন জুগিয়েছেন, সেই কাছের মানুষদেরই তিনি বিয়ের আসরে নিজের পাশে চেয়েছিলেন। ব্যতিক্রমী এই বিয়ের গল্পটি বিশ্বজুড়ে নেটিজেনদের মন জয় করেছে এবং মনে করিয়ে দিচ্ছে যে, সামাজিক প্রথার চেয়ে জীবনের বিশেষ মুহূর্তগুলোতে প্রিয় ও ভরসার মানুষদের উপস্থিতিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের পোস্টাল সার্ভিসে (ইউএসপিএস) ১২ কোটি ৬০ লাখ ডলারের বিশাল আর্থিক জালিয়াতির ঘটনায় জড়িত এক পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ফাহিম আকরাম নামের ৩৩ বছর বয়সী ওই যুবককে ১০ দিনের টানা অভিযানের পর পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্ত সংস্থা গ্রেপ্তার করতে সক্ষম হয়। আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৩ সাল থেকে একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ৫১ লাখেরও বেশি জাল মার্কিন শিপিং লেবেল বিক্রি করে আসছিলেন তিনি। এই বিপুল পরিমাণ জালিয়াতির অর্থ লেনদেনের জন্য অভিযুক্ত ফাহিম তার পরিবারের সদস্যদের নামে থাকা ১৬টি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন বলে নিশ্চিত করেছে পাকিস্তানের তদন্ত সংস্থা। ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নির কার্যালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি ফেডারেল গ্র্যান্ড জুরি ফাহিম আকরামকে 'লেবেলসব্যাংক ডটকম' (LabelsBank.com) নামের একটি অননুমোদিত ওয়েবসাইট পরিচালনার দায়ে অভিযুক্ত করেছে। মার্কিন অ্যাটর্নি জেসন এ. রেডিং কুইনোনেস জানান, ফাহিমের প্রতারণার কৌশলটি ছিল অত্যন্ত সহজ কিন্তু ব্যাপক। প্যাকেজের ওজন, আকার বা গন্তব্য যাই হোক না কেন, অনলাইনে মাত্র ২ ডলারের বিনিময়ে এই ভুয়া লেবেলগুলো বিক্রি করা হতো। এর ফলে গ্রাহকরা বৈধ পোস্টাল চার্জ ফাঁকি দেওয়ার সুযোগ পেতেন, যা মার্কিন ডাক বিভাগের বিপুল রাজস্ব ঘাটতি এবং অতিরিক্ত শিপিং খরচের কারণ হয়ে দাঁড়ায়। পোস্টাল পরিদর্শকদের মতে, ৫ হাজার ২০০ জনেরও বেশি মানুষ এই ওয়েবসাইট থেকে ভুয়া শিপিং লেবেল কিনেছেন। এরই মধ্যে আদালতের নির্দেশে ওয়েবসাইটটি জব্দ করে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। পোস্টাল ইন্সপেকশন সার্ভিসের মিয়ামি বিভাগের পরিদর্শক ব্লাদিসমির রোজো এই জালিয়াতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তাদের নজরদারি শুধু দেশের সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক অপরাধী চক্র যারা এই ধরনের ভুয়া পোস্টেজ বা ডাকটিকিটের ব্যবসা করছে, তাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা এবং ভুয়া পোস্টেজ লেবেল তৈরি ও বিক্রির ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগে ফাহিম আকরামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতে দোষী সাব্যস্ত হলে ভুয়া লেবেল বিক্রির দায়ে তার সর্বোচ্চ পাঁচ বছর এবং প্রতিটি ওয়্যার ফ্রড বা ইলেকট্রনিক প্রতারণার অভিযোগে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
যুক্তরাষ্ট্রের জুয়াব কাউন্টিতে হাইওয়েতে গাড়ি চালানোর সময় পর্নোগ্রাফি দেখার কারণে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটানোর অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। গত জুনে ঘটা ওই মর্মান্তিক দুর্ঘটনায় এক যাত্রীর প্রাণহানি ঘটে। অভিযুক্ত ৪৪ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ক্রিস্টিন চাওয়ের বিরুদ্ধে ‘সেকেন্ড-ডিগ্রি ফেলোনি অটোমোবাইল হোমিসাইড’ বা গাড়ি দ্বারা হত্যার গুরুতর অভিযোগ গঠন করা হয়েছে। গত ১২ জুন ২০২৬ তারিখে আই-১৫ (I-15) হাইওয়েতে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। সেখানে সড়ক মেরামতের কাজ চলায় স্বাভাবিকভাবেই অন্যান্য গাড়ির গতি কিছুটা ধীর ছিল। মামলার নথি অনুযায়ী, সামনের দুটি গাড়ি গতি কমালেও ক্রিস্টিন চাওয়ের চালিত তৃতীয় গাড়িটি পেছনের গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এর ফলে পেছনের গাড়িটি ছিটকে সামনের গাড়িকে ধাক্কা দেয় এবং তিনটি গাড়িই একসঙ্গে রাস্তার বাইরে চলে যায়। পেছনের গাড়িতে থাকা এক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কাছে ক্রিস্টিন নিজের দোষ স্বীকার করেছিলেন। তদন্তকারীরা ঘটনাস্থলে গাড়ির কোনো ব্রেক মার্ক পাননি, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে সংঘর্ষের আগে তিনি গাড়ির গতি কমানোর কোনো চেষ্টাই করেননি। পরবর্তীতে আদালতের ওয়ারেন্ট নিয়ে ক্রিস্টিনের মোবাইল ফোন তল্লাশি করে পুলিশ। ফোন পরীক্ষার পর তদন্তকারীরা জানান, ভয়াবহ ওই দুর্ঘটনার দুই মিনিটেরও কম সময় আগে তিনি একটি সুপরিচিত পর্নোগ্রাফিক ওয়েবসাইটে প্রবেশ করেছিলেন। এই তথ্যের ভিত্তিতেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে (এনওয়াইইউ) স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপ ও আর্থিক সহায়তার দারুণ সুযোগ রয়েছে। মেধাভিত্তিক বৃত্তি, বিভাগীয় অনুদান এবং বিশেষ ফেলোশিপের মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই সুবিধা পেতে পারেন। তবে বিশ্ববিদ্যালয়ের সব স্নাতকোত্তর প্রোগ্রামে সম্পূর্ণ অর্থায়নের সুযোগ না থাকায় আবেদনের আগে শিক্ষার্থীদের নিজ নিজ পছন্দের প্রোগ্রামের শর্তাবলি ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব প্রফেশনাল স্টাডিজের (এনওয়াইইউ এসপিএস) ২০২৬–২৭ শিক্ষাবর্ষের ‘ডিস্টিংগুইশড স্কলারস অ্যাওয়ার্ড’-এর আওতায় মেধাভিত্তিক বৃত্তির সুযোগ রয়েছে। এই স্কলারশিপে নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরে ৭ হাজার থেকে ১১ হাজার মার্কিন ডলার পর্যন্ত সহায়তা পাবেন। ভর্তির আবেদনের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে, ফলে এর জন্য আলাদা কোনো আবেদনের প্রয়োজন নেই। অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের টিশ স্কুল অব দ্য আর্টসের নির্দিষ্ট কিছু প্রোগ্রামে ‘করিগান ফেলোশিপ’-এর মতো সুবিধাও রয়েছে। এই ফেলোশিপের আওতায় সম্পূর্ণ টিউশন ফি, স্বাস্থ্যবিমা, ৯ মাসের জীবনযাত্রার উপবৃত্তি, অতিরিক্ত ১ হাজার ডলারের অনুদান এবং ২ হাজার ডলারের আবাসন সহায়তাসহ ব্যাপক আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। স্কুল ও প্রোগ্রামভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে। এনওয়াইইউ এসপিএসের বসন্তকালীন ২০২৭ সেমিস্টারের চূড়ান্ত আবেদনের শেষ তারিখ ১৫ নভেম্বর ২০২৬। গ্রীষ্মকালীন সেমিস্টারের নিয়মিত আবেদন ১৫ জানুয়ারি এবং চূড়ান্ত আবেদন ১৫ মার্চ ২০২৭ পর্যন্ত করা যাবে। এছাড়া, শরৎকালীন ভর্তির প্রথম অগ্রাধিকার সময়সীমা ১ নভেম্বর ২০২৬ এবং নিয়মিত আবেদনের শেষ তারিখ ১ মে ২০২৭। ভর্তিচ্ছু বাংলাদেশি আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি দক্ষতার প্রমাণপত্র, পার্সোনাল স্টেটমেন্ট, সুপারিশপত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। ভিসা প্রক্রিয়ার জটিলতা এড়াতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে রেখে দ্রুত আবেদন করার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্রুকলিনে বাংলাদেশি রেস্তোরাঁকর্মী মোহাম্মদ ইউসুফ রাজুকে গুলি করে হত্যার ঘটনায় জেসাস অ্যাকোস্টা নামের এক ব্যক্তির বিরুদ্ধে ১১ দফা অভিযোগ গঠন করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে প্রথম ও দ্বিতীয় ডিগ্রির হত্যা, হত্যাচেষ্টা, বেআইনি হামলা এবং ডাকাতির চেষ্টার মতো গুরুতর অপরাধ রয়েছে। মামলার অভিযোগপত্র থেকে জানা যায়, গত ২২ আগস্ট রাতে ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার ৮৪২ রকওয়ে অ্যাভিনিউতে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন 'আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিজ্জা' নামের রেস্তোরাঁয় এই সশস্ত্র হামলার ঘটনা ঘটে। সেখানে কর্মরত ৪৪ বছর বয়সী ইউসুফকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ সময় ৩৯ বছর বয়সী রাসেল নামের অপর এক কর্মীও পায়ে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। নৃশংস এই হত্যাকাণ্ডের পর পুলিশি তল্লাশি শেষে গত ২৯ আগস্ট ব্রঙ্কসের একটি পার্ক থেকে অভিযুক্ত জেসাস অ্যাকোস্টাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে জামিন অযোগ্য অবস্থায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চাঞ্চল্যকর এই হত্যা মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ ডিসেম্বর। নির্মম এই হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদ ইউসুফ রাজুর দেশের বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগরে। উন্নত জীবনের আশায় তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেও তার স্ত্রী ও দুই সন্তান বর্তমানে বাংলাদেশেই বসবাস করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবারে এখন শোকের মাতম চলছে।
জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে এবার থেকে বিজ্ঞাপন দেখতে পাবেন ব্যবহারকারীরা। সম্প্রতি নিজেদের প্রাইভেসি পলিসি বা গোপনীয়তা নীতি আপডেট করার ঘোষণা দিয়েছে এর মূল প্রতিষ্ঠান ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চ্যাটজিপিটির 'ফ্রি' (Free) এবং 'গো' (Go) প্ল্যানের ব্যবহারকারীদের চ্যাটবক্সে এখন থেকে বিভিন্ন স্পনসর্ড বিজ্ঞাপন দেখানো হবে। তবে যারা প্লাস, প্রো, এন্টারপ্রাইজ, বিজনেস এবং এডুকেশন প্ল্যানের মতো প্রিমিয়াম সাবস্ক্রিপশন ব্যবহার করেন, তাদের কোনো বিজ্ঞাপন দেখতে হবে না। ব্যবহারকারীদের মনে স্বস্তি দিয়ে ওপেনএআই স্পষ্ট জানিয়েছে, এই বিজ্ঞাপনগুলো কোনোভাবেই চ্যাটজিপিটির উত্তরের ওপর প্রভাব ফেলবে না। বিজ্ঞাপনগুলোকে মূল উত্তর থেকে আলাদা রাখতে স্পষ্টভাবে ‘স্পনসর্ড’ লেবেল যুক্ত করা থাকবে। ব্যবহারকারীর চ্যাটের প্রাসঙ্গিকতা এবং পূর্ববর্তী বিজ্ঞাপনে ক্লিকের ওপর ভিত্তি করে পার্সোনালাইজড বা ব্যক্তিগতকৃত বিজ্ঞাপন দেখানো হবে, যা ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গ্রাহকদের ব্যক্তিগত তথ্য এবং কথোপকথন সম্পূর্ণ গোপন ও সুরক্ষিত থাকবে। ওপেনএআই নিশ্চিত করেছে যে, বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যবহারকারীর চ্যাট হিস্ট্রি, মেমরি বা ব্যক্তিগত কোনো তথ্য শেয়ার করা হবে না। বিজ্ঞাপনদাতারা কেবল তাদের বিজ্ঞাপনের মোট ভিউ বা ক্লিকের মতো সামগ্রিক পারফরম্যান্সের তথ্যই দেখতে পাবেন। এই নতুন আপডেটের মাধ্যমে ওপেনএআই বিনামূল্যে ব্যবহারকারীদের জন্য সেবা চালু রাখার পাশাপাশি নিজেদের আয়ের নতুন একটি পথ তৈরি করতে যাচ্ছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কারাগারে বন্দী ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামীদের চিকিৎসাসেবা সীমিত করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন নীতিটি তাৎক্ষণিকভাবে কার্যকরের আবেদন প্রত্যাখ্যান করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। বুধবার দেওয়া এই আদেশের ফলে নিম্ন আদালতের দেওয়া চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার নির্দেশই আপাতত বহাল থাকছে। তবে এই আদেশের পক্ষে সুপ্রিম কোর্ট বিস্তারিত কোনো আইনি ব্যাখ্যা দেয়নি। রক্ষণশীল বিচারপতি স্যামুয়েল অ্যালিটো এবং ক্ল্যারেন্স থমাস এই নীতি কার্যকরের পক্ষে মত দিলেও বাকি বিচারপতিদের সিদ্ধান্তে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগটি আপাতত আটকে গেল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নির্বাহী আদেশের পর কেন্দ্রীয় কারা ব্যুরো এই নতুন চিকিৎসা নীতি গ্রহণ করেছিল। নীতিটির মূল উদ্দেশ্য ছিল, ট্রান্সজেন্ডার বন্দীদের লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার, হরমোন থেরাপি এবং মেকআপ বা পরচুলা ব্যবহারের মতো সামাজিক সুবিধাগুলো বন্ধ করা, যাতে সরকারি তহবিলের অর্থ এ ধরনের কাজে ব্যয় না হয়। তবে তাদের মানসিক স্বাস্থ্যসেবা অব্যাহত রাখার কথা বলা হয়েছিল। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল, এই ধরনের চিকিৎসাসেবা কারাগারের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। কিন্তু ট্রান্সজেন্ডার বন্দীদের আইনজীবীরা এই নীতির বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ জানালে মার্কিন ডিস্ট্রিক্ট জজ রয়েস ল্যাম্বার্থ চিকিৎসাসেবা অব্যাহত রাখার নির্দেশ দেন। তিনি তার রায়ে উল্লেখ করেন, জেন্ডার ডিসফোরিয়ার সঠিক চিকিৎসা না হলে তা বন্দীদের মধ্যে তীব্র বিষণ্ণতা, উদ্বেগ এবং আত্মহত্যার প্রবণতার মতো মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে। আদালতের নথি অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৬০০ জন ট্রান্সজেন্ডার বন্দী হরমোন থেরাপি গ্রহণ করছিলেন। হঠাৎ এই সেবা বন্ধ করে দিলে তা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে বলে আইনজীবীরা যুক্তি দেখান। এছাড়া, গত ৩০ বছর ধরে ট্রান্সজেন্ডার বন্দীদের হরমোন থেরাপি দেওয়ার কারণে কারাগারে কোনো নিরাপত্তা সমস্যা তৈরি হয়েছে, এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণও সরকার দাখিল করতে পারেনি। যদিও এর আগে ট্রান্সজেন্ডার তরুণদের চিকিৎসায় নিষেধাজ্ঞা এবং নারীদের খেলাধুলায় তাদের অংশগ্রহণে বিধিনিষেধ আরোপের ক্ষেত্রে রক্ষণশীল সংখ্যাগরিষ্ঠ সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের পক্ষেই রায় দিয়েছিল, তবে এবার বন্দীদের মানবাধিকার ও স্বাস্থ্যগত ঝুঁকির বিষয়টিকেই তারা বেশি গুরুত্ব দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
খাবার ডেলিভারি সেবায় ডোরড্যাশ ও উবার ইটসের মতো প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোকে কড়া প্রতিযোগিতায় ফেলতে নতুন একটি অ্যাপ চালু করার ঘোষণা দিয়েছে রেস্তোরাঁর অর্ডারিং সফটওয়্যার কোম্পানি 'ওলো' (Olo)। নতুন এই গ্রাহকমুখী অ্যাপটির সবচেয়ে বড় চমক হলো ‘জিরো মেন্যু মার্কআপ’। অর্থাৎ, সরাসরি রেস্তোরাঁয় বসে খেলে গ্রাহকদের খাবারের যে দাম দিতে হয়, ওলোর অ্যাপে অর্ডার করলেও সেই একই দাম পরিশোধ করতে হবে। সাধারণত অন্যান্য থার্ড-পার্টি ডেলিভারি অ্যাপগুলো রেস্তোরাঁর মূল দামের চেয়ে বেশ চড়া মূল্যে খাবার বিক্রি করে থাকে। ওলোর দাবি, তাদের এই ইন-স্টোর প্রাইসিং বা মূল দামের সুবিধা গ্রহণ করে গ্রাহকরা প্রতিটি অর্ডারে ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত অর্থ সাশ্রয় করতে পারবেন। কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও সিইও নোয়াহ গ্লাস জানান, এই উদ্যোগটি ভোক্তাদের জন্য যেমন একটি দারুণ অভিজ্ঞতা তৈরি করবে, তেমনি রেস্তোরাঁগুলোর জন্যও এটি একটি টেকসই মডেল হিসেবে কাজ করবে। এর ফলে মেন্যুর দাম অকারণে বাড়বে না এবং রেস্তোরাঁ ও গ্রাহকের মাঝে কোনো অদৃশ্য দেয়াল থাকবে না। বর্তমান সময়ে মানুষ অন্যান্য খাতের বাজেট কমালেও খাবার ডেলিভারির পেছনে প্রচুর অর্থ ব্যয় করেন। তাই অ্যাপের নিজস্ব মার্কআপ ও ডেলিভারি চার্জ গ্রাহকদের বারবার অর্ডার করার ক্ষেত্রে বড় প্রভাব ফেলে। এই বাজারে ডোরড্যাশ, উবার ইটস এমনকি ওয়ালমার্টের মতো জায়ান্টরাও যখন নিজেদের ডেলিভারি সেবা সম্প্রসারণ করছে, ঠিক তখনই ওলোর এই মূল্য-সাশ্রয়ী মডেল বাজারকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ২০০৫ সালে স্মার্টফোন যুগের আগে টেক্সট মেসেজের মাধ্যমে রেস্তোরাঁয় অর্ডার করার সুবিধা দিয়ে ওলো তাদের যাত্রা শুরু করেছিল। বর্তমানে কোম্পানিটি প্রায় ৮০০টি রেস্তোরাঁ ব্র্যান্ডের মাধ্যমে প্রতিদিন প্রায় ৩৫ লাখ অর্ডার সফলভাবে পরিচালনা করছে। চমকপ্রদ বিষয় হলো, খাবার ডেলিভারির জন্য ওলোর নিজস্ব কোনো রাইডার বা কর্মী বাহিনী নেই। এর পরিবর্তে তারা নিজেদের অত্যাধুনিক ডিসপ্যাচ সার্ভিস ব্যবহার করে গ্রাবহাবের (Grubhub) মতো অন্যান্য থার্ড-পার্টি ডেলিভারি পার্টনারদের অপশনগুলো তুলনা করে। এরপর খরচ ও গতির ওপর ভিত্তি করে তারা গ্রাহকের জন্য সবচেয়ে সাশ্রয়ী ও দ্রুততম অপশনটি বেছে নেয়। প্রাথমিকভাবে ফাইভ গাইজ (Five Guys) এবং ডেভস হট চিকেন-সহ (Dave's Hot Chicken) প্রায় ২৫০টি নামিদামি রেস্তোরাঁ থেকে গ্রাহকরা ওলোর নতুন এই ডেলিভারি অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করার সুযোগ পাবেন।
যুক্তরাষ্ট্রের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত রাখার বিতর্কিত নীতি অবৈধ ঘোষণা করে দেওয়া নিম্ন আদালতের রায় বহাল রেখেছে দেশটির আপিল আদালত। তবে ওই নীতির কারণে বাতিল হওয়া ভিসার আবেদনগুলো পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালত যে নির্দেশ দিয়েছিল, তার ওপর সাময়িক স্থগিতাদেশ দেওয়া হয়েছে। গত ১৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সার্কিট আপিল আদালতের দেওয়া এই আদেশের ফলে ভিসা-সংক্রান্ত আইনি প্রক্রিয়ায় নতুন জটিলতার সৃষ্টি হয়েছে। সরকারের করা স্থগিতাদেশের আবেদনটি বর্তমানে তিন বিচারকের একটি প্যানেলে পাঠানো হয়েছে এবং তারা পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পূর্বে প্রত্যাখ্যাত আবেদনগুলোর আইনি অবস্থান আপাতত অনিশ্চিতই থাকছে। গত ২১ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল আদালত ‘ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (ক্লিনিক) বনাম রুবিও’ মামলার রায়ে ভিসা স্থগিতাদেশ নীতিকে মার্কিন সরকারের আইনগত ক্ষমতার সীমা লঙ্ঘন বলে অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে ২৪ আগস্ট আদালত ওই নীতির কারণে বাতিল হওয়া আবেদনগুলো পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ফেরত পাঠানোর নির্দেশ দেয়। এই ৭৫টি দেশের তালিকায় বাংলাদেশের নামও অন্তর্ভুক্ত ছিল এবং ২৮ আগস্ট মার্কিন পররাষ্ট্র দপ্তরের হালনাগাদ তথ্যে জানানো হয়েছিল যে, ২১ আগস্ট থেকে ওই নীতি আর কার্যকর নেই। তবে আপিল আদালতের নতুন আদেশের ফলে নীতিটি অবৈধ হিসেবে বাতিল থাকলেও, প্রত্যাখ্যাত ভিসা আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিবেচনার সুযোগ আপাতত স্থগিত হয়ে গেল। এই আইনি টানাপোড়েনের মধ্যে ভিসা প্রত্যাখ্যানের কারণগুলো আলাদাভাবে মূল্যায়নের ওপর জোর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে আবেদনকারীর আর্থিক সামর্থ্যের ওপর ভিত্তি করে ভবিষ্যতে সরকারের ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কায় ‘পাবলিক চার্জ’ বা ২১২(এ)(৪) ধারায় ভিসা প্রত্যাখ্যান এবং ২২১(জি) ধারায় প্রশাসনিক প্রক্রিয়া বা অতিরিক্ত কাগজপত্রের জন্য ভিসা স্থগিতের বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। তাই আপিল আদালতের সর্বশেষ আদেশের অর্থ এই নয় যে, সব বাংলাদেশি অভিবাসী ভিসা আবেদন নতুন করে স্থগিত হয়ে গেছে কিংবা পাবলিক চার্জের কারণে প্রত্যাখ্যাত আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে প্রত্যেক আবেদনকারীকে তাদের ভিসা প্রত্যাখ্যানপত্রের ধারা, প্রকৃত কারণ ও দূতাবাসের নির্দিষ্ট নির্দেশনা বিবেচনা করেই পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করতে হবে।
স্ত্রীর অফিসের বাইরেই পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছিলেন স্বামী। অফিসের বাইরে তাঁকে দেখতে পেয়ে আর নিজেকে সামলে রাখতে পারলেন না স্ত্রী। দ্রুত বাইরে এসে স্বামীকে জড়িয়ে ধরলেন, দিলেন চুমু। স্বামীকে ঘিরে স্ত্রীর এমন ভালোবাসার মুহূর্ত আশপাশের মানুষের নজর কাড়ে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া দেখা যায়। সামাজিক মাধ্যমে প্রচারিত বর্ণনা অনুযায়ী, ওই নারী যে অফিসে চাকরি করেন, তার বাইরেই পরিচ্ছন্নতার কাজ করছিলেন তাঁর স্বামী। স্বামী সেখানে কাজ করছেন, বিষয়টি আগে তাঁর জানা ছিল না বলে বর্ণনায় উল্লেখ করা হয়েছে। পরে বাইরে স্বামীকে দেখতে পেয়ে তিনি কর্মস্থল থেকে বেরিয়ে আসেন। এরপর তাঁকে আলিঙ্গন করে চুমু দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করেন। ঘটনাটি প্রত্যক্ষ করা আশপাশের মানুষের কাছে মুহূর্তটি আবেগঘন হয়ে ওঠে বলে সামাজিক মাধ্যমে প্রচারিত বর্ণনায় উঠে এসেছে। স্বামীর পেশা পরিচ্ছন্নতাকর্মী হলেও স্ত্রীর ভালোবাসা প্রকাশে কোনো সংকোচ দেখা যায়নি। বরং প্রিয় মানুষটিকে সামনে পেয়ে তাঁর কাছে ছুটে যাওয়া এবং সবার সামনে জড়িয়ে ধরার দৃশ্য মানুষের মনোযোগ আকর্ষণ করেছে। ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমে ভালোবাসা, দাম্পত্য সম্পর্ক এবং শ্রমজীবী মানুষের মর্যাদা নিয়ে আলোচনা শুরু হয়েছে। পরিচ্ছন্নতাকর্মীরা প্রতিদিনের জীবনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও অনেক ক্ষেত্রে তাঁদের পেশাকে সামাজিকভাবে কম মর্যাদার চোখে দেখা হয়। এমন প্রেক্ষাপটে স্বামীর প্রতি স্ত্রীর প্রকাশ্য ভালোবাসার এই মুহূর্তটি অনেকের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বর্ণনায় দম্পতির নাম, ঘটনাস্থল ও ঘটনার নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি। ফলে ঘটনাটির বিস্তারিত পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রচারিত বর্ণনায় স্ত্রীর এই স্বতঃস্ফূর্ত ভালোবাসার প্রকাশই মানুষের আবেগ ও আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ এবং একসময়ের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠক এনামুল হক ইনাম বর্তমানে দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইস) হাতে আটক রয়েছেন। একসময় যিনি প্রবাসীদের বিপদে-আপদে সবার আগে এগিয়ে আসতেন, আজ তার এই দুঃসময়ে কমিউনিটির পক্ষ থেকে কোনো প্রতিবাদ বা মুক্তির দাবি চোখে পড়ছে না। প্রকাশ্য কোনো সমাবেশ বা মানববন্ধন তো দূরের কথা, ঘনিষ্ঠজনরাও এখন নিশ্চুপ। গত ১৪ অক্টোবর নিউইয়র্কের বাফেলো এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর থেকে তার সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না এবং ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে আইসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্যও পাওয়া যায়নি। এই ঘটনা নিউইয়র্কের বাংলাদেশি সমাজের এক অস্বস্তিকর ও ভীতিজনক বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। প্রায় ৪২ বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো এনামুল হক দীর্ঘদিন নিউইয়র্কের জামাইকায় বসবাস করেছেন। নব্বইয়ের দশকে তিনি বাংলাদেশ থেকে ফেরদৌস ওয়াহিদ, কুমার বিশ্বজিতের মতো জনপ্রিয় তারকাদের নিয়ে গিয়ে যুক্তরাষ্ট্রে জমজমাট সব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন। কয়েক বছর আগে তিনি ভার্জিনিয়া হয়ে বাফেলোতে স্থায়ী হন। পরিচিতজনদের ধারণা, দীর্ঘদিনের বসবাস সত্ত্বেও তার অভিবাসন নথিপত্রে হয়তো কোনো জটিলতা ছিল। তবে এই আটকের ঘটনায় সবচেয়ে বেশি নজরে এসেছে বাংলাদেশি কমিউনিটির অভূতপূর্ব নীরবতা। অতীতে কোনো বাংলাদেশি আটক হলে আইনি সহায়তা, অর্থ সংগ্রহ বা মানববন্ধনের মতো উদ্যোগ দেখা গেলেও বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে অভিবাসন নীতি কঠোরভাবে প্রয়োগ এবং আইসের ক্রমবর্ধমান অভিযানের কারণে প্রবাসীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই ভয় পাচ্ছেন, প্রকাশ্যে কারও পাশে দাঁড়ালে নিজেদের বা পরিবারের অভিবাসন প্রক্রিয়ায় নতুন কোনো জটিলতা তৈরি হতে পারে। কেবল এনামুল হকই নন, সম্প্রতি বাফেলো এলাকায় আরও কয়েকজন বাংলাদেশি আইসের হাতে আটক হয়েছেন। এদের মধ্যে ক্যানমোর অ্যাভিনিউয়ের রেস্তোরাঁ ব্যবসায়ী বাবু এবং গ্রিন কার্ডধারী জাকির হোসেনের নামও উঠে এসেছে, যদিও জাকিরকে পরে ছেড়ে দেওয়া হয়। সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৬ সালের জুলাই মাসেই আপস্টেট নিউইয়র্কে ৬০০-এর বেশি এবং পুরো অঙ্গরাজ্যে প্রায় দেড় হাজার মানুষকে গ্রেপ্তার করেছে আইস। উদ্বেগের বিষয় হলো, গ্রেপ্তার হওয়া এসব মানুষের বড় অংশেরই কোনো অপরাধমূলক অতীত নেই। আইসের অভিযান এখন শুধু আগে থেকে বহিষ্কারাদেশ পাওয়া ব্যক্তিদের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং যাদের আইনি প্রক্রিয়া চলমান, তারাও গ্রেপ্তারের শিকার হচ্ছেন। এমন পরিস্থিতিতে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতার ঐতিহ্য আজ অস্তিত্ব সংকটে। বিপদে মানুষের পাশে দাঁড়ানোর চিরায়ত সংস্কৃতি এখন অভিবাসন আতঙ্কের কাছে অনেকটাই অসহায় হয়ে পড়েছে।