- প্রচ্ছদ
- Latest news
Today latest news
20 News
যুক্তরাষ্ট্রে করদাতাদের ব্যক্তিগত তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে দেওয়ার নীতিতে বড় বাধা তৈরি হয়েছে। মঙ্গলবার ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া সার্কিটের ফেডারেল আপিল কোর্ট আইআরএসের এমন একটি নীতি বন্ধ রাখার আগের আদালতের আদেশ বহাল রেখেছে। ওই নীতির মাধ্যমে আইসিই যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধতা নিয়ে সন্দেহ থাকা প্রায় ১২ লাখ ৮০ হাজার মানুষের সর্বশেষ ঠিকানা চেয়েছিল। আদালতের রায়ে বলা হয়েছে, ২০২৫ সালে আইআরএস প্রায় ৪৭ হাজার করদাতার ঠিকানা আইসিইকে দিয়েছিল। আপিল কোর্টের তিন বিচারকের বেঞ্চ বলেছে, তথ্য দেওয়ার যে পদ্ধতি আইআরএস ব্যবহার করেছিল, তা ফেডারেল আইনের নির্ধারিত শর্ত পূরণ করেনি। আইআরএস ও আইসিইর মধ্যে করা একটি চুক্তির আওতায় ২০২৫ সালের জুলাই থেকে আইসিই করদাতাদের সর্বশেষ জানা ঠিকানা চাওয়া শুরু করে। আইসিইর অনুরোধে এমন ব্যক্তিদের তথ্যও ছিল, যাদের যুক্তরাষ্ট্রে থাকার বৈধতা নিয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের প্রশ্ন ছিল। মামলাটি করা সংগঠনগুলোর অভিযোগ ছিল, করদাতার তথ্যের গোপনীয়তা রক্ষায় ফেডারেল আইনে যে কঠোর নিয়ম রয়েছে, আইআরএসের নতুন পদ্ধতিতে তা পাশ কাটানো হয়েছে। আদালতও বলেছে, তথ্য দেওয়ার প্রক্রিয়ায় প্রতিটি ব্যক্তির তথ্য আলাদাভাবে যাচাই করার প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না। এই রায়ের গুরুত্ব অভিবাসী কমিউনিটির জন্যও রয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনেক ইমিগ্র্যান্ট নিয়মিত ট্যাক্স ফাইল করেন। ফেডারেল আইনে সাধারণভাবে আইআরএসের কাছে থাকা করদাতার তথ্য গোপন রাখার ওপর কঠোর সুরক্ষা রয়েছে। আপিল কোর্টের সিদ্ধান্ত সেই সুরক্ষার সীমা এবং সরকারের তথ্য ব্যবহারের ক্ষমতা নিয়ে নতুন করে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এনেছে। তবে আদালতের রায়ের অর্থ এই নয় যে আইআরএস কোনো পরিস্থিতিতেই ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে তথ্য শেয়ার করতে পারবে না। নির্দিষ্ট আইনি শর্ত পূরণ হলে কর সংক্রান্ত কিছু তথ্য শেয়ার করার সুযোগ রয়েছে। মঙ্গলবারের রায়ের মূল বিষয় হলো, আইসিইর জন্য ঠিকানা সংগ্রহ ও শেয়ার করার যে নির্দিষ্ট পদ্ধতি আইআরএস ২০২৫ সালে চালু করেছিল, সেটি ফেডারেল আইন অনুযায়ী বৈধ ছিল না। এখন এই সিদ্ধান্তের পর আইআরএস ও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে। মঙ্গলবারের রায়ের মাধ্যমে আপিল কোর্ট আপাতত ওই তথ্য শেয়ারিং নীতির ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে।
মঙ্গলবার ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের প্রায় ২৭ দশমিক ৬ বিলিয়ন ডলারের পণ্যে নতুন পাল্টা ট্যারিফ কার্যকর করেছে কানাডা। পণ্যভেদে এই শুল্কের হার ১৫, ২৫ ও ৫০ শতাংশ। কানাডার সরকারি তালিকায় স্টিল ও অ্যালুমিনিয়াম, ডেইরি, অ্যাপ্লায়েন্স, কৃষি সরঞ্জাম, পাল্প ও পেপার, প্লাস্টিক এবং ইলেকট্রনিকসসহ বিভিন্ন পণ্য রয়েছে। তবে এই ট্যারিফ সরাসরি আমেরিকান ভোক্তার ওপর বসানো হয়নি। কানাডায় এসব মার্কিন পণ্য আমদানি করার সময় কানাডার ব্যবসায়ীদের বাড়তি শুল্ক দিতে হবে। ফলে প্রথম চাপ পড়বে কানাডার বাজারে পণ্য বিক্রি করা মার্কিন কোম্পানিগুলোর ওপর। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যারিফের কারণে কানাডায় মার্কিন পণ্যের দাম বাড়লে কিছু পণ্যের চাহিদা কমতে পারে এবং এতে মার্কিন ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে স্টিল, অ্যালুমিনিয়াম, ফার্নিচার, পোশাক ও ইলেকট্রনিকসের মতো খাত এখন নজরে রয়েছে। কিছু পণ্যে ট্যারিফ ৫০ শতাংশ পর্যন্ত হওয়ায় কানাডার বাজারে মার্কিন পণ্যের প্রতিযোগিতা কঠিন হতে পারে। এর প্রভাব কি আমেরিকান চাকরিতেও পড়তে পারে? এখনই বড় ধরনের চাকরি হারানোর কোনো প্রমাণ নেই। তবে কানাডার বাজারে কোনো মার্কিন কোম্পানির বিক্রি দীর্ঘদিন কমে গেলে উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানে চাপ তৈরি হতে পারে। বিশেষ করে কানাডার বাজারের ওপর বেশি নির্ভরশীল কোম্পানিগুলো তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে থাকবে। এর মধ্যেই বাণিজ্য উত্তেজনার আরেকটি উদাহরণ সামনে এসেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার বিমান নির্মাতা বোম্বার্ডিয়ারকে যুক্তরাষ্ট্রে বিমান বিক্রি বন্ধের হুমকি দিয়েছেন, যদি কোম্পানিটি উৎপাদন যুক্তরাষ্ট্রে না নেয়। জবাবে বোম্বার্ডিয়ার জানিয়েছে, তাদের ৪৭টি অঙ্গরাজ্যে প্রায় ২ হাজার ৮০০ মার্কিন সরবরাহকারী রয়েছে এবং যুক্তরাষ্ট্রে তাদের উল্লেখযোগ্য কর্মী ও উৎপাদন কার্যক্রম রয়েছে। অর্থাৎ কানাডার পাল্টা ট্যারিফের প্রভাব শুধু দুই দেশের সীমান্তের ওপারে পণ্যের দামের মধ্যেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। বাণিজ্য সংঘাত দীর্ঘ হলে আমেরিকান কোম্পানির বিক্রি, উৎপাদন এবং কিছু ক্ষেত্রে চাকরির ওপরও চাপ তৈরি হতে পারে। তবে এই মুহূর্তে আমেরিকানদের জন্য সবচেয়ে বড় প্রশ্ন হলো, দুই দেশ আবার আলোচনায় ফিরবে, নাকি পাল্টাপাল্টি ট্যারিফ আরও বাড়বে। সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত নির্ধারণ করবে এই বাণিজ্য সংঘাতের অর্থনৈতিক প্রভাব কতটা গভীর হবে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা নাইন-ইলেভেনের (৯/১১) আসন্ন ২৫তম বার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউসের নিকটবর্তী এলিপসে বক্তব্য দেওয়ার সময় নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের ওই অনুষ্ঠানে তিনি নিজের প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের প্রশংসার পাশাপাশি দাবি করেন, হামলার পরপরই তিনি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ধ্বংসস্তূপে (গ্রাউন্ড জিরো) উপস্থিত ছিলেন। সেখানে ধসে পড়ার ঝুঁকিতে থাকা একটি ভবন থেকে দুজন শক্তিশালী দমকলকর্মী তাকে আক্ষরিক অর্থেই তুলে নিয়ে দৌড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিলেন। ভাষণে ট্রাম্প দাবি করেন, হামলার পরপর তিনি যখন ঘটনাস্থলে ছিলেন, তখন কাছাকাছি থাকা ইউএস স্টিল বিল্ডিংটি মারাত্মকভাবে মড়মড় শব্দ করছিল এবং সবার ধারণা ছিল সেটি যেকোনো মুহূর্তে ধসে পড়বে। ঠিক তখনই দুজন বিশালদেহী দমকলকর্মী তাকে বগলদাবা করে তুলে নিয়ে দৌড়াতে শুরু করেন। ট্রাম্প বলেন, "আমি তাদের বলেছিলাম আমি নিজেই দৌড়াতে পারি, কিন্তু তারা ছিলেন অসাধারণ।" শুধু তাই নয়, নিজের নির্মাণাধীন প্রকল্প থেকে উদ্ধারকর্মীদের একটি বড় দল পাঠিয়েছিলেন বলেও দাবি করেন তিনি। যদিও সেদিনের প্রথম সাড়াদানকারী উদ্ধারকর্মীরা বরাবরই বলে আসছেন, তারা কখনোই ট্রাম্পকে সেখানে দেখেননি। ২০১৬ সালের নির্বাচনি প্রচারণাতেও তিনি এমন একটি গল্প শুনিয়েছিলেন। সমালোচকদের মতে, প্রতি বছরই হামলার বার্ষিকী এলেই নিজেকে এই মর্মান্তিক ঘটনার সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। ভাষণের শেষের দিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দাবি করেন যে, শেয়ার বাজার ও কর্মসংস্থানের দিক থেকে দেশটি এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আগামী শুক্রবার হামলার মূল বার্ষিকীতে তিনি পেন্টাগনে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখবেন। তবে নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে চার সাবেক মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতিতে যে প্রধান স্মরণসভাটি অনুষ্ঠিত হবে, সেখানে তিনি যোগ দেবেন না। তার পরিবর্তে সেখানে উপস্থিত থাকবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে নিজের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে একটি আবেগঘন ও ব্যক্তিগত বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় ৮৩ বছর বয়সী এই নেতা পুরুষদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান, যাতে প্রাথমিক পর্যায়েই রোগ নির্ণয় করা সম্ভব হয়। হোয়াইট হাউস ছাড়ার পর গত বছর তিনি নিজের ক্যান্সার আক্রান্ত হওয়ার খবরটি জনসমক্ষে প্রকাশ করেছিলেন। বাইডেন জানান, যখন তার ক্যান্সার ধরা পড়ে, তখন তা ইতোমধ্যে হাড়ে ছড়িয়ে পড়েছিল। তবে তিনি জোর দিয়ে বলেন, প্রাথমিক পর্যায়ে প্রোস্টেট ক্যান্সার শনাক্ত করা গেলে পাঁচ বছর পর্যন্ত বেঁচে থাকার সম্ভাবনা প্রায় শতভাগ। নিজের সফল চিকিৎসার জন্য সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তিনি উল্লেখ করেন, গত শরতে নেওয়া রেডিয়েশন থেরাপি প্রত্যাশিতভাবেই কাজ করেছে। চিকিৎসক দলের দক্ষতা, আন্তরিকতা ও মমতায় মুগ্ধ বাইডেন জানান, তাদের নিরলস সহযোগিতার কারণেই তিনি আগামী নভেম্বরে নির্বাচনের পর প্রকাশের অপেক্ষায় থাকা নিজের আত্মজীবনীর কাজ শেষ করতে পারছেন। গত অক্টোবরে তার চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে সেসময় বাইডেনের ছেলে হান্টার বাইডেন তার বাবার শারীরিক অবস্থাকে 'অত্যন্ত দুর্বল' বলে উল্লেখ করেছিলেন এবং সঠিক সময়ে রোগ নির্ণয় করতে না পারায় হোয়াইট হাউসের চিকিৎসকদের তীব্র সমালোচনা করেছিলেন জিল বাইডেন। যদিও সাধারণত বাইডেনের বয়সীদের ক্ষেত্রে এই রোগের পরীক্ষা খুব একটা করা হয় না। নিজের এই কঠিন অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর আশা ব্যক্ত করেছেন জো বাইডেন। তিনি সবাইকে দ্বিধা ঝেড়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার এবং নিজেদের ও প্রিয়জনদের খাতিরে স্বাস্থ্য নিয়ে অবহেলা না করার পরামর্শ দিয়েছেন। এদিকে, আগামী শুক্রবার নাইন-ইলেভেন (৯/১১) সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে লোয়ার ম্যানহাটনের গ্রাউন্ড জিরোতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশের সঙ্গে জো বাইডেনেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
সম্প্রতি চীনে আয়োজিত ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে রোবটদের নাচানাচি ও স্প্রিন্টের মতো নৈপুণ্য বিশ্ববাসীর নজর কেড়েছিল। তবে এই বিনোদনের আড়ালে লুকিয়ে আছে অন্য এক সামরিক লক্ষ্য। চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এই অত্যাধুনিক প্রযুক্তিকে গবেষণাগার থেকে সরাসরি সামরিক প্রশিক্ষণ মাঠে নিয়ে আসার তাগিদ দিচ্ছে। শতাধিক চীনা সামরিক ক্রয় নোটিশ, গবেষণা ও সরকারি নথির ভিত্তিতে রয়টার্স জানিয়েছে, চীনের প্রতিরক্ষা খাত হিউম্যানয়েড রোবটের সামরিক ব্যবহার নিয়ে ব্যাপক কাজ করছে এবং ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে এদের মোতায়েনের পরিকল্পনা সাজাচ্ছে। গত কয়েক বছরে, বিশেষ করে ২০২৫ এবং ২০২৬ সালে এই গবেষণায় অভাবনীয় গতি এসেছে। বর্তমানে চীনা সামরিক প্রতিষ্ঠানগুলো যুদ্ধক্ষেত্রের নানা চাহিদার বিপরীতে রোবটগুলোর কার্যকারিতা পরীক্ষা করছে। ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি (এনইউডিটি)-এর গবেষকদের একটি ধারণাপত্রে বলা হয়েছে, আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে শহুরে যুদ্ধে অংশ নিতে পারবে এসব অত্যাধুনিক রোবট। পদাতিক বাহিনীর পাশাপাশি কাজ করে শত্রুর দখলে থাকা বহুতল ভবনে তল্লাশি চালানো ও ঝুঁকিপূর্ণ মিশনে এগুলো ব্যবহৃত হতে পারে। শুধু তাই নয়, চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান নোরিনকোর তৈরি 'ফুসি' (Fuxi)-এর মতো হিউম্যানয়েড রোবটগুলো যেকোনো আবহাওয়ায় নজরদারি, টহল এবং বিপজ্জনক মিশনে অংশ নিতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। মানুষের প্রাণহানি কমানোর লক্ষ্যেই মূলত রিমোট কন্ট্রোল ও স্বয়ংক্রিয় প্রযুক্তির এই রোবটগুলোর ওপর জোর দেওয়া হচ্ছে। বর্তমানের বৈশ্বিক হিউম্যানয়েড রোবট চালানের প্রায় ৯৫ শতাংশই চীনের দখলে, যা তাদের এই সামরিক রূপান্তরকে আরও ত্বরান্বিত করেছে। মার্কিন সেনাবাহিনীও সামরিক কাজে ব্যবহারের জন্য রোবট তৈরি নিয়ে কাজ করছে, তবে এক্ষেত্রে তারা চীনের চেয়ে অনেকটাই পিছিয়ে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ড্রোনের মতো স্বয়ংক্রিয় অস্ত্রের সাফল্য বিশ্বজুড়েই রোবট সেনার কদর বাড়িয়েছে। তবে যুদ্ধক্ষেত্রে রোবটের ব্যবহার নিয়ে নৈতিক ও প্রযুক্তিগত চ্যালেঞ্জও রয়েছে। বিশেষ করে সাধারণ নাগরিক ও যোদ্ধাদের মধ্যে পার্থক্য করা কিংবা আত্মসমর্পণের সংকেত বোঝার ক্ষেত্রে স্বয়ংক্রিয় অস্ত্রের সীমাবদ্ধতা নিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক রেডক্রস। এসব বাধা পেরিয়ে উৎপাদন ব্যয় কমানো সম্ভব হলে খুব শিগগিরই রণাঙ্গনে চীনা রোবট সেনার আধিপত্য দেখা যেতে পারে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের প্রেমিকাকে গুলি করে হত্যার পর একটি হোটেলে পুলিশের সঙ্গে দীর্ঘ কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস গোলাগুলিতে জড়িয়েছেন এক ব্যক্তি। টড ওয়েগরিখ (৫৩) নামের ওই ব্যক্তিকে ওয়েস্ট পাম বিচ এলাকার 'দ্য বেন হোটেল' থেকে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডারের অভিযোগ এনেছে পাম বিচ কাউন্টি শেরিফ অফিস (পিবিএসও)। পুলিশ জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর শুক্রবার টড ওয়েগরিখ তার প্রেমিকাকে হত্যার পর বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের ফোন এবং টেক্সট মেসেজ করে খুনের বিষয়টি জানান। তবে তিনি কোথায় পালিয়ে গেছেন, সে বিষয়ে কাউকে কিছু বলেননি। ওই মেসেজ ও ফোন পেয়ে অন্তত চারজন ব্যক্তি তাৎক্ষণিকভাবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করেন। খবর পেয়ে শেরিফ অফিসের কর্মকর্তারা লক্সাহ্যাচি এলাকার ট্যাঙ্গেলড অরচার্ড ট্রেসের ১৪০০ ব্লকের ওই বাড়িতে পৌঁছান। সেখানে তারা মূল দরজার ঠিক ভেতরেই একাধিক গুলির আঘাতসহ এক নারীর মরদেহ উদ্ধার করেন। বাড়িটির আশপাশেও গোলাগুলির আলামত পাওয়া যায়। তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে যে, ঘাতক টড ওয়েস্ট পাম বিচ শহরের কেন্দ্রস্থলে অবস্থিত দ্য বেন হোটেলে অবস্থান করছেন। পুলিশ তাকে ফোনে আত্মসমর্পণ করার জন্য দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে বোঝানোর চেষ্টা করলেও তিনি রাজি হননি। পরে সোয়াট (SWAT) টিমের সদস্যরা হোটেলের সপ্তম তলায় অবস্থিত তার রুমে ঢোকার চেষ্টা করলে তিনি পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গ্যাস নিক্ষেপ করে এবং অবশেষে তাকে অক্ষত অবস্থায় গ্রেপ্তার করতে সক্ষম হয়। এই গোলাগুলির ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা বা ওই সন্দেহভাজন আহত হননি। গ্রেপ্তারের পর টড ওয়েগরিখ পুলিশের কাছে নিজের প্রেমিকাকে হত্যার দায় স্বীকার করেছেন। তাকে পাম বিচ কাউন্টির কারাগারে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের নাসাউ কাউন্টিতে বসবাসরত আফগান শরণার্থীদের বিনামূল্যে কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সরকারি অর্থায়নে একটি নতুন কর্মসূচি চালু করা হয়েছে। এই অত্যন্ত জরুরি কর্মসূচির জন্য নিউইয়র্ক স্টেট অফিস অব মেন্টাল হেলথ ২ লাখ মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে। এই তহবিলের মাধ্যমে শরণার্থীদের বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরীক্ষা, মূল্যায়ন, রোগ নির্ণয় এবং চিকিৎসাসহ সার্বিক পরিচর্যার সমন্বয় করা হবে। ভাষা যেন কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সেজন্য এই সেবার আওতায় বিনামূল্যে অনুবাদক সুবিধাও রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জোরপূর্বক বাস্তুচ্যুতি, ধর্মীয় ও জাতিগত নিপীড়ন এবং স্বজন হারানোর মতো ভয়াবহ ট্রমার মধ্য দিয়ে যাওয়া আফগানদের মানসিক সুরক্ষা দিতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ দুই দশকের সম্পৃক্ততার পর ২০২১ সালে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সময় বাইডেন প্রশাসন 'অপারেশন অ্যালিস ওয়েলকাম' নামের একটি উদ্যোগ গ্রহণ করেছিল। এর অধীনে হাজার হাজার আফগান নাগরিককে যুক্তরাষ্ট্রে এনে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। তবে ২০২৫ সালে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এই কর্মসূচিসহ বিশ্বের বিভিন্ন দেশের জন্য প্রচলিত বেশ কয়েকটি শরণার্থী পুনর্বাসন কর্মসূচি স্থগিত করে দেয়। ফলে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী অনেক আফগান নাগরিক চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যান। মানসিক চিকিৎসার পাশাপাশি এই নতুন কর্মসূচির আওতায় স্বাস্থ্য শিক্ষা, মানসিক স্বাস্থ্যবিষয়ক সচেতনতামূলক উপকরণ সরবরাহ এবং সুস্থতাভিত্তিক বিভিন্ন দলবদ্ধ কার্যক্রমও পরিচালনা করা হবে। সিএন গাইডেন্সের আওতাধীন এই কর্মসূচির পরিচালক কেইশা গ্রাহাম-উইলসন বলেন, এই শরণার্থীদের অনেকেই নিজেদের দেশে তীব্র মানসিক আঘাতের শিকার হয়েছেন এবং যুক্তরাষ্ট্রে আসার দীর্ঘ সময় পরও সেই ট্রমা বয়ে বেড়াচ্ছেন। তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য হলো তাদেরকে এমন একটি সহানুভূতিশীল ও সংস্কৃতিবান্ধব সহায়তা প্রদান করা, যা তাদের মানসিক ক্ষত সারিয়ে নতুন পরিবেশে ঘুরে দাঁড়াতে এবং একটি পরিপূর্ণ জীবন গড়তে সাহায্য করবে।
অ্যামেরিকায় বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের পেশাগত অর্জন, অভিজ্ঞতা ও সম্ভাবনা তুলে ধরতে মিশিগানের ডিট্রইটে অনুষ্ঠিত হতে যাচ্ছে, অ্যামেরিকান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস—আবিয়ার ২০২৬ সালের দ্বিবার্ষিক কনভেনশন ও সেমিনার। এ উপলক্ষে মিশিগানের স্টার্লিং হাইটসে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর ডিট্রইট ডাউনটাউনের রেনেসাঁ সেন্টার ও হান্টিংটন প্লেইসে অনুষ্ঠিত হবে তিন দিনের এই আয়োজন। মিশিগানের ডিট্রইটে অনুষ্ঠিত হতে যাওয়া- আবিয়ার ২০২৬ সালের দ্বিবার্ষিক কনভেনশন ও সেমিনারে নর্থ অ্যামেরিকা, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রকৌশলী, স্থপতি, শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীরা সপরিবারে অংশ নেবেন। অন্যতম আকর্ষণ হিসেবে থাকবে ক্যারিয়ার ও স্টেম ফেয়ার। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষা এবং পেশায় আগ্রহী শিক্ষার্থী- তরুণদের জন্য ক্যারিয়ার ও পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন সেশন থাকবে বলে জানান, আবিয়ার প্রেসিডেন্ট মনির জামান ও সেক্রেটারি সাদেক রহমান। পাশাপাশি বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের মধ্যে নেটওয়ার্কিং এবং নতুন প্রজন্মের জন্য সম্ভাবনার দ্বার উন্মুক্ত করতেও গুরুত্ব দিচ্ছেন আয়োজকরা। তিন দিনের আয়োজনে থাকবে মিট অ্যান্ড গ্রিট, গালা ডিনার ও সানসেট রিভার ক্রুয। সংগঠনটির মিশিগান চ্যাপ্টারের প্রেসিডেন্ট ফয়েজুল মোমেন জানান, এ সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সামিনা চৌধুরী, দিলশাদ নাহার কণা, প্রতীক হাসান ও ইমরানসহ বাংলাদেশের বেশ কয়েকজন জনপ্রিয় শিল্পী। আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশি-অ্যামেরিকান প্রকৌশলী ও স্থপতিদের পেশাগত সাফল্য, উদ্ভাবন ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে প্রকৌশল, স্থাপত্য ও স্টেম পেশায় উৎসাহিত করতেও ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার ড. নাজমুল হাসান শাহীন, জাকিরুল হক, গোলাম মর্তুজা, মাহমুদ সালাম, কাজী সোহেল আহমেদ ও মৌলি আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মায়ামি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যামাজনের একটি কার্গো বিমান দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিচয় প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ। একই সঙ্গে দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত আরও জোরদার করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বা এনটিএসবি। রোববার দুপুরে পুয়ের্তো রিকোর সান হুয়ান থেকে মায়ামিতে আসা বোয়িং ৭৬৭-৩০০ বিমানটি রানওয়েতে অবতরণের সময় নির্ধারিত অংশের বাইরে চলে যায়। বিমানটি রানওয়ের শেষ প্রান্ত থেকে প্রায় ১ হাজার ৩০০ ফুট এগিয়ে গিয়ে প্রথমে একটি ভ্যানে ধাক্কা দেয়। পরে বিমানবন্দরের সীমানার বেড়া ভেঙে পাশের সড়কে গিয়ে একটি গাড়িতেও আঘাত করে। মায়ামি-ডেড শেরিফ রোজি কর্দেরো-স্টুটজ মঙ্গলবার নিহত পাঁচজনের পরিচয় প্রকাশ করেন। তারা হলেন ৫৫ বছর বয়সী রোলান্ডো আলেমান লিওন, ৫৩ বছর বয়সী ইয়োয়েল রদ্রিগেজ নারানহো, ৭৫ বছর বয়সী হুলিও সি. পিনেদা, ৫৩ বছর বয়সী কার্লোস আকোস্তা ফাহার্দো এবং ৪৭ বছর বয়সী হাভিয়েরকিস রেইস কেভেদো। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, পাঁচজনই প্রফেশনাল ওশান সার্ভিস কর্পোরেশনের কর্মী ছিলেন। বিমান পরিষ্কার করার কাজে ব্যবহৃত একটি ভ্যানে তারা ছিলেন। ওই ভ্যানে মোট সাতজন ছিলেন। দুর্ঘটনায় আরও পাঁচজন আহত হন। তাদের মধ্যে তিনজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। দুইজনের অবস্থা গুরুতর বা সংকটজনক। আরেকজনের অবস্থা স্থিতিশীল। বিমানে থাকা পাইলট ও সহকারী পাইলটও আহত হয়েছিলেন। তবে চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এনটিএসবি’র ৩২ সদস্যের একটি তদন্তকারী দল বিমানটির গতি, আবহাওয়া, বিমানের যান্ত্রিক অবস্থা, পাইলটদের সিদ্ধান্ত এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের ভূমিকা খতিয়ে দেখছে। তদন্তে বিমানের ফ্লাইট ডাটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করা হয়েছে। এগুলো সাধারণভাবে ব্ল্যাক বক্স নামে পরিচিত। এসব রেকর্ডার বিশ্লেষণ করে দুর্ঘটনার ঠিক আগে বিমানের গতি, অবস্থান এবং ককপিটে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। রানওয়ের শেষ প্রান্তে বিমান থামানোর জন্য অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, সেটিও তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। মায়ামি বিমানবন্দরে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস অ্যারেস্টিং সিস্টেম বা ইমাস নেই। রানওয়ের শেষে থাকা এই বিশেষ ব্যবস্থাটি দ্রুতগতির বিমানকে থামাতে সাহায্য করতে পারে। তবে মায়ামি বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, বিমানবন্দরটি বর্তমানে ফেডারেল নিরাপত্তা নিয়ম মেনেই পরিচালিত হচ্ছে। তদন্তকারীরা এখনো দুর্ঘটনার চূড়ান্ত কারণ ঘোষণা করেননি। তাই পাইলটের ভুল, আবহাওয়া বা অন্য কোনো নির্দিষ্ট কারণকে এখনই দুর্ঘটনার জন্য দায়ী করা হচ্ছে না। ব্ল্যাক বক্সের তথ্যসহ তদন্তের পরবর্তী ধাপগুলো থেকেই দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
বাহামাসের উপকূলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের মিয়ামির একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। সোমবার দুপুরে বাহামাসের আন্দ্রোস দ্বীপের উপকূল থেকে প্রায় ১৫ মাইল দূরে সাগরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কোস্টগার্ড ও স্থানীয় কর্তৃপক্ষের যৌথ অভিযানে সমুদ্র থেকে ওই চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন ৮০ বছর বয়সী মারিও লামার সিনিয়র, তার ৭৯ বছর বয়সী স্ত্রী লিলি লামার এবং তাদের দুই নাতি-নাতনি ২৮ বছর বয়সী সোফি সোসা ও ২২ বছর বয়সী ক্রিশ্চিয়ান সোসা। বিমানটি ফ্লোরিডার ওপা-লোকা এলাকায় অবস্থিত মিয়ামি এক্সিকিউটিভ বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল। শোকাহত পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত মারিও লামার নিজে বিমানটি চালাচ্ছিলেন। তিনি একজন অত্যন্ত দক্ষ পাইলট ছিলেন এবং বিমান চালনায় তার ৪০ বছরেরও বেশি সময়ের বাস্তব অভিজ্ঞতা ছিল। রয়্যাল বাহামাস ডিফেন্স ফোর্স সোমবার দুপুর ২টার দিকে প্রথম এই দুর্ঘটনার খবর পায় এবং তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজের জন্য মার্কিন কোস্টগার্ডের সহায়তা তলব করে। কোস্টগার্ডের দেওয়া তথ্যমতে, দুপুর আড়াইটার ঠিক আগেই ছোট বিমানটি সাগরে আছড়ে পড়ে। তবে একজন অভিজ্ঞ পাইলট থাকার পরও ঠিক কী কারণে এই আকস্মিক বিমান দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।
কিশোরগঞ্জে দুই যুগ আগে সংঘটিত ডাকাতি ও জোড়া হত্যার মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ১০৪ বছর বয়সী নুর মোহাম্মদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার চতুর্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন নুর মোহাম্মদ। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নুর মোহাম্মদের আইনজীবী জানান, তার মক্কেলের বয়স ১০৪ বছর। তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত। নিয়মিত চিকিৎসা ও ওষুধ সেবন করতে হয় তাকে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আপিলের শর্তে জামিনের আবেদন করা হয়েছিল। মামলার নথি অনুযায়ী, ২০০০ সালের ৩০ ডিসেম্বর রাতে কিশোরগঞ্জের বড় বাজার এলাকায় ফেরদৌসের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় মোশাররফ হোসেন ও আবদুল কবির নামে দুজনকে হত্যা করা হয়। ডাকাতরা দোকানের সিন্দুক থেকে প্রায় সাড়ে ১২ লাখ টাকা ও ১১০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়। এ ঘটনায় দোকানের মালিক ফেরদৌস কিশোরগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০০২ সালের ১৩ ফেব্রুয়ারি ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৩ সালের ১৬ নভেম্বর মামলার রায় ঘোষণা করা হয়। ওই রায়ে নুর মোহাম্মদসহ আটজনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। বিচার চলাকালে হারিছ মিয়া নামে এক আসামির মৃত্যু হয়। পরবর্তীতে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষে ২০০৭ সালের ১৯ আগস্ট উচ্চ আদালত বিভিন্ন আসামির সাজা পরিবর্তন করেন। ওই পর্যায়ে নুর মোহাম্মদের মৃত্যুদণ্ড কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মামলার নথি অনুযায়ী, রায়ের সময়ও নুর মোহাম্মদ পলাতক ছিলেন। এর আগে তিনি আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছিলেন। পরে জামিনে গিয়ে আত্মগোপনে চলে যান। দীর্ঘ সময় পর মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন। বয়স ও অসুস্থতার বিষয়টি বিবেচনায় নিয়ে জামিন চাওয়া হলেও আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেটার তৈরি 'স্মার্ট গ্লাস' বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চশমা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নিউইয়র্ক পুলিশের কাউন্টার-টেররিজম ইউনিট সম্প্রতি তাদের কর্মকর্তাদের উদ্দেশ্যে জারি করা এক অভ্যন্তরীণ মেমোতে 'রে-ব্যান মেটা গ্লাস'-কে নতুন "নিরাপত্তা ও কাউন্টার-ইন্টেলিজেন্স ঝুঁকি" হিসেবে আখ্যায়িত করেছে। সাধারণ চশমার মতো দেখতে এই ডিভাইসে থাকা ক্ষুদ্র ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহার করে অপরাধীরা বা গ্রেফতারকৃত ব্যক্তিরা পুলিশ স্টেশন এবং কারাগারের ভেতরের স্পর্শকাতর তথ্য গোপনে ধারণ করতে পারে বলে সতর্ক করা হয়েছে। 'প্রপার্টি অব দ্য পিপল' নামের একটি অলাভজনক সংস্থার প্রকাশ করা নথিতে দেখা গেছে, মেইন থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিভিন্ন রাজ্যের পুলিশ কর্মকর্তারা এই প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বিগ্ন। তাদের আশঙ্কা, সাধারণ মানুষের পাশাপাশি অপরাধী ও সন্ত্রাসীরাও এই চশমার মাধ্যমে পুলিশি স্থাপনার লেআউট, নজরদারি ক্যামেরার অবস্থান এবং টহল ব্যবস্থার গোপন তথ্য সংগ্রহ করে বড় ধরনের নাশকতা চালাতে পারে। দৃষ্টান্ত হিসেবে মেমোটিতে ২০২৫ সালের জুলাই মাসে টিকটকে প্রকাশিত একটি ভিডিওর কথা উল্লেখ করা হয়েছে; যেখানে এক ব্যক্তি মেটা গ্লাস ব্যবহার করে সাউথ ক্যারোলিনার একটি ডিটেনশন সেন্টারের ভেতরের শোচনীয় অবস্থা গোপনে ধারণ করে প্রকাশ করে দিয়েছিলেন। নিরাপত্তার এই ঝুঁকির কারণে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ইতোমধ্যে তাদের ফেডারেল ওয়ার্কস্পেসে কর্মীদের মেটা গ্লাস পরা নিষিদ্ধ করেছে। অন্যদিকে মেটা কর্তৃপক্ষের দাবি, তাদের চশমাগুলো গোপনে রেকর্ডিংয়ের জন্য তৈরি হয়নি; বরং ছবি বা ভিডিও ধারণ করার সময় ডিভাইসে থাকা একটি উজ্জ্বল সাদা এলইডি আলো জ্বলে ওঠে যা বন্ধ করার কোনো উপায় নেই। তবে ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, পুলিশ যখন সাধারণ মানুষের ওপর সার্বক্ষণিক নজরদারি চালায় তখন সেটি বৈধ থাকে, কিন্তু জনগণ যখন পুলিশের কর্মকাণ্ড রেকর্ড করতে সক্ষম হয়, তখনই তারা একে 'নিরাপত্তা ঝুঁকি' বলে অভিহিত করে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি দলকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা—এমন দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউ দিল্লি পোস্ট। সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন দেশের কূটনীতিক ও সাবেক কূটনীতিকদের নিয়ে একটি আন্তর্জাতিক পর্যবেক্ষক দল গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে। প্রতিবেদনটির দাবি অনুযায়ী, ওই পর্যবেক্ষক দলে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন সাবেক কূটনীতিককেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তাদের উপস্থিতিতে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়টি নিয়ে আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নিউ দিল্লি পোস্ট আরও দাবি করেছে, বাংলাদেশের সাবেক জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলৎস সম্প্রতি ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ওই সাক্ষাতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে নিয়ে বাংলাদেশে ফেরার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে বলেও সংবাদমাধ্যমটি দাবি করেছে। প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়াকে আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণযোগ্য ও গ্রহণযোগ্য করার একটি কৌশল হতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো কর্মপরিকল্পনা, সম্ভাব্য সময়সূচি কিংবা পর্যবেক্ষক দলের সদস্যদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এদিকে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি বিষয়। তার প্রত্যাবর্তনকে ঘিরে রাজনৈতিক পরিস্থিতি, আইনগত বিষয় এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময়ে নানা আলোচনা হয়েছে। ফলে নতুন এই দাবিটি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও এর সত্যতা নিশ্চিত হওয়ার জন্য আরও নির্ভরযোগ্য ও স্বাধীন সূত্রের প্রয়োজন রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শেখ হাসিনা নিজে, আওয়ামী লীগ কিংবা পিটার ফারেনহোলৎসের পক্ষ থেকে এ ধরনের কোনো পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। একই সঙ্গে নিউ দিল্লি পোস্টের এই দাবিটি অন্য কোনো প্রতিষ্ঠিত আন্তর্জাতিক বা বাংলাদেশি সংবাদমাধ্যম স্বাধীনভাবে যাচাই করে নিশ্চিত করেনি। ফলে আপাতত শেখ হাসিনার আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গে বাংলাদেশে ফেরার বিষয়টিকে একটি সংবাদমাধ্যমের দাবি হিসেবে দেখা হচ্ছে, নিশ্চিত সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য এবং আরও নির্ভরযোগ্য সূত্রের তথ্য সামনে এলে বিষয়টি পরিষ্কার হতে পারে। সূত্র: নিউ দিল্লি পোস্ট
বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক মাইলফলক তৈরি করে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। সদ্য সমাপ্ত ৮০তম অধিবেশনের বিদায়ী সভাপতি আন্নালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হলেন বাংলাদেশের এই অভিজ্ঞ কূটনীতিক। এর আগে বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায় এক মিডিয়া ব্রিফিংয়ে অংশ নিয়ে আগামী এক বছর বৈশ্বিক এই ফোরামে নিজের কর্মপরিকল্পনা ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি। শপথ গ্রহণের পর আজ বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভায় তিনি সভাপতিত্ব করবেন। বিগত চার দশক পর এটি বাংলাদেশের জন্য এক অভাবনীয় কূটনৈতিক অর্জন। উল্লেখ্য, এর আগে ১৯৮৬-৮৭ সালে ৪১তম অধিবেশনে প্রথম বাংলাদেশি হিসেবে এই মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন প্রয়াত হুমায়ূন রশীদ চৌধুরী। দীর্ঘ সময় পর বিশ্বমঞ্চের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ফোরামে বাংলাদেশের এই প্রত্যাবর্তন আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ও দৃশ্যমানতাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত ২ জুন অনুষ্ঠিত এক গোপন ব্যালট নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। চার দশকের বেশি সময়ের কূটনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন ড. রহমান এমন এক সময়ে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করলেন, যখন বিশ্বব্যাপী সংঘাত, জলবায়ু সংকট, মানবাধিকার ইস্যু এবং জাতিসংঘের সংস্কারের মতো বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐক্যের তীব্র প্রয়োজন। আগামী এক বছর তিনি বিশ্বশান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং উদীয়মান প্রযুক্তির সুশাসনের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে বৈশ্বিক এই ফোরামের নেতৃত্ব দেবেন।
যুক্তরাষ্ট্রে সোশ্যাল সিকিউরিটি সুবিধার পূর্ণ অবসরের বয়স ২০২৬ সালে নতুন ধাপে পৌঁছেছে। সামাজিক নিরাপত্তা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে ৬২ বছর বয়সে পৌঁছানো ব্যক্তিদের পূর্ণ অবসরের বয়স ৬৭ বছর। তবে এর অর্থ এই নয় যে ৬৭ বছরের আগে অবসর নেওয়া যাবে না। ৬২ বছর বয়স থেকেই সোশ্যাল সিকিউটি সুবিধা নেওয়া যায়, কিন্তু পূর্ণ অবসরের বয়সের আগে সুবিধা নিলে মাসিক অর্থ স্থায়ীভাবে কমে যায়। পূর্ণ অবসরের বয়স নির্ধারণ করা হয় একজন ব্যক্তির জন্মসাল অনুযায়ী। ১৯৪৩ থেকে ১৯৫৪ সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিদের পূর্ণ অবসরের বয়স ৬৬ বছর। এরপর জন্মসাল অনুযায়ী বয়স ধাপে ধাপে বাড়তে থাকে। ১৯৫৫ সালে জন্ম নেওয়া ব্যক্তিদের পূর্ণ অবসরের বয়স ৬৬ বছর ২ মাস, ১৯৫৬ সালে জন্ম নেওয়াদের ৬৬ বছর ৪ মাস এবং ১৯৫৭ সালে জন্ম নেওয়াদের ৬৬ বছর ৬ মাস। এই ধারাবাহিকতায় ১৯৫৮ সালে জন্ম নেওয়া ব্যক্তিদের পূর্ণ অবসরের বয়স ৬৬ বছর ৮ মাস এবং ১৯৫৯ সালে জন্ম নেওয়া ব্যক্তিদের ৬৬ বছর ১০ মাস। ১৯৬০ সালে বা তার পরে জন্ম নেওয়া ব্যক্তিদের ক্ষেত্রে পূর্ণ অবসরের বয়স ৬৭ বছর। অর্থাৎ ২০২৬ সালে এই দীর্ঘদিনের ধাপে ধাপে বাড়ার প্রক্রিয়া ৬৭ বছর বয়সে এসে পৌঁছেছে। তবে ৬২ বছর বয়সে সোশ্যাল সিকিউরিটি সুবিধা নেওয়ার সুযোগ এখনও রয়েছে। সামাজিক নিরাপত্তা প্রশাসনের হিসাবে, ১৯৬০ সালে বা তার পরে জন্ম নেওয়া কেউ ৬২ বছর বয়সে অবসর সুবিধা নেওয়া শুরু করলে পূর্ণ সুবিধার তুলনায় তার মাসিক অর্থ প্রায় ৩০ শতাংশ কমে যেতে পারে। উদাহরণ হিসেবে, পূর্ণ অবসরের বয়সে ১ হাজার ডলার পাওয়ার যোগ্য কেউ ৬২ বছর বয়সে সুবিধা নেওয়া শুরু করলে প্রায় ৭০০ ডলার পেতে পারেন। অন্যদিকে, পূর্ণ অবসরের বয়স পার হওয়ার পরও কেউ চাইলে সোশ্যাল সিকিউটি সুবিধা নেওয়া শুরু করতে পারেন। ৭০ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করলে বিলম্বিত অবসর সুবিধার কারণে মাসিক অর্থ বাড়ে। সামাজিক নিরাপত্তা প্রশাসন জানিয়েছে, পূর্ণ অবসরের বয়সের পর ৭০ বছর পর্যন্ত সুবিধা নেওয়া বিলম্বিত করলে মাসিক সুবিধার পরিমাণ বাড়তে থাকে। অবসরের বয়স নিয়ে এই পরিবর্তন আসলে ১৯৮৩ সালের সামাজিক নিরাপত্তা সংশোধনের মাধ্যমে শুরু হওয়া দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার অংশ। নির্দিষ্ট জন্মসালের মানুষের পূর্ণ অবসরের বয়স কয়েক ধাপে বাড়িয়ে ৬৭ বছরে নেওয়া হয়েছে। ফলে ২০২৬ সালের পরিবর্তনকে হঠাৎ করে সবার অবসরের বয়স বাড়িয়ে দেওয়ার নতুন সিদ্ধান্ত হিসেবে দেখা ঠিক নয়। ২০২৬ সালে সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় আরও কিছু অর্থনৈতিক পরিবর্তন কার্যকর হয়েছে। সামাজিক নিরাপত্তা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জন্য জীবনযাত্রার ব্যয় সমন্বয় বা কোলা ২ দশমিক ৮ শতাংশ বাড়ানো হয়েছে। একই সঙ্গে সোশ্যাল সিকিউরিটি করের আওতাভুক্ত সর্বোচ্চ আয় ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলারে উন্নীত হয়েছে। পূর্ণ অবসরের বয়সে পৌঁছানোর আগে যারা কাজ চালিয়ে যাচ্ছেন এবং একই সঙ্গে সোশ্যাল সিকিউরিটি সুবিধা নিচ্ছেন, তাদের ক্ষেত্রেও আয়ের সীমা রয়েছে। ২০২৬ সালে পূর্ণ অবসরের বয়সের নিচে থাকা ব্যক্তিদের জন্য নির্দিষ্ট সীমার বেশি আয় হলে সুবিধার একটি অংশ কেটে রাখা হতে পারে। তবে পূর্ণ অবসরের বয়সে পৌঁছানোর পর পুরো বছর কাজ করলেও আয়ের ওপর এই সীমা থাকে না। সামাজিক নিরাপত্তা সুবিধা কখন নেওয়া শুরু করা হবে, তা তাই অবসর পরিকল্পনায় গুরুত্বপূর্ণ বিষয়। ৬২ বছর বয়সে সুবিধা নেওয়া শুরু করলে দ্রুত অর্থ পাওয়া যায়, কিন্তু মাসিক অর্থ কমে যায়। পূর্ণ অবসরের বয়স পর্যন্ত অপেক্ষা করলে পুরো সুবিধা পাওয়ার সুযোগ থাকে। আবার ৭০ বছর পর্যন্ত অপেক্ষা করলে মাসিক সুবিধা আরও বাড়তে পারে। ফলে প্রত্যেক ব্যক্তির জন্মসাল ও আর্থিক পরিস্থিতি অনুযায়ী সুবিধা নেওয়ার সময় নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। সূত্র: কেটিএলএ
যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের আর্থিক ধাক্কা আসতে যাচ্ছে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এইচ-১বি ভিসার জন্য নতুন করে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার ফি আরোপের প্রস্তাব দিয়েছে। এর আগে আরোপিত ১ লাখ ডলারের ফি এবং নতুন প্রস্তাবিত ফি—উভয়ই যদি একসঙ্গে কার্যকর হয়, তবে একজন বিদেশি কর্মীকে স্পন্সর করতে মার্কিন নিয়োগদাতাদের ২ লাখ ডলারেরও বেশি গুনতে হবে। উচ্চতর ডিগ্রির ক্ষেত্রে ছাড়প্রাপ্ত আবেদনসহ বার্ষিক কোটার আওতাধীন সকল এইচ-১বি পিটিশনের ক্ষেত্রেই এই নতুন ফি প্রযোজ্য হবে। বিদ্যমান ফাইলিং ফি এবং অন্যান্য খরচের সঙ্গে সম্পূর্ণ অতিরিক্ত হিসেবে এই বিপুল অর্থ পরিশোধ করতে হবে নিয়োগদাতাদের। এই প্রস্তাব মার্কিন নিয়োগদাতা প্রতিষ্ঠানগুলোর ওপর, বিশেষ করে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও অন্যান্য বিশেষায়িত খাতে মারাত্মক প্রভাব ফেলতে পারে। এইচ-১বি ভিসার সিংহভাগ অনুমোদন যেহেতু ভারতীয় নাগরিকরাই পেয়ে থাকেন, তাই এই নিয়মের ফলে মার্কিন টেক জায়ান্টগুলোর পাশাপাশি ভারতীয় পেশাজীবীরা আনুপাতিক হারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। ডিএইচএস জানিয়েছে, প্রস্তাবিত এই ফি-এর মাধ্যমে সংগৃহীত কোটি কোটি ডলার রাজস্ব হিসেবে সরকারের অভিবাসন ব্যবস্থা পরিচালনার ব্যয়ভার মেটাতে ব্যবহার করা হবে। বিচার বিভাগ, পররাষ্ট্র দফতর এবং শ্রম বিভাগের অভিবাসন সংশ্লিষ্ট কাজের খরচও এই খাত থেকে নির্বাহ করা হবে। ট্রাম্প প্রশাসনের এইচ-১বি কর্মসূচি ঢেলে সাজানো এবং বিদেশি কর্মী নিয়োগের খরচ বাড়ানোর ধারাবাহিক আইনি পদক্ষেপেরই অংশ এই নতুন প্রস্তাব। তবে নতুন এই ফি এখনই কার্যকর হচ্ছে না। ডিএইচএস প্রস্তাবটিকে একটি খসড়া নিয়ম হিসেবে প্রকাশ করেছে এবং আগামী ২৪ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত এটি জনসাধারণের মতামতের জন্য উন্মুক্ত রেখেছে। এই সময়ের মধ্যে প্রাপ্ত মতামতগুলো পর্যালোচনা করে চূড়ান্ত নিয়ম জারির পরই কেবল এটি বাস্তবায়িত হতে পারে। এদিকে, আগের ১ লাখ ডলারের ফি নিয়ে ইতোমধ্যে আদালতে আইনি লড়াই চলছে। আইনি এই জটিলতা এবং নতুন ফি-এর প্রস্তাব মিলে মার্কিন নিয়োগদাতা ও বিদেশি পেশাজীবীদের জন্য এইচ-১বি ভিসার ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে।
যুক্তরাষ্ট্রের সংবিধান পরিষ্কার পানির অধিকার নিশ্চিত করে না বলে রায় দিয়েছে দেশটির পঞ্চম সার্কিট আপিল আদালত। ৪ সেপ্টেম্বর দেওয়া রায়ে আদালত মিসিসিপির জ্যাকসন শহরের বাসিন্দাদের করা একটি মামলা খারিজের সিদ্ধান্ত বহাল রাখে। মামলায় বাসিন্দারা অভিযোগ করেছিলেন, শহর কর্তৃপক্ষের ব্যবস্থাপনার কারণে তাদের পানিতে সীসা দূষণ ছড়ায় এবং কর্মকর্তারা পানি নিরাপদ বলে ভুল তথ্য দেন। মামলাটি করেছিলেন প্রিসিলা স্টার্লিং, রেইন বেকার, শন মিলার ও জন বেনেট। তারা জ্যাকসন শহর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করেন। বাদীদের অভিযোগ ছিল, শহরের পানি ব্যবস্থাপনায় নানা ত্রুটির কারণে পানিতে সীসা, ই-কোলাই ও অন্যান্য ব্যাকটেরিয়া পাওয়া যায়। পাশাপাশি শহর কর্তৃপক্ষ দূষণের বিষয়টি জানার পরও বাসিন্দাদের পানি নিরাপদ বলে আশ্বস্ত করেছিল বলে তারা দাবি করেন। বাদীপক্ষ যুক্তি দিয়েছিল, সীসা দূষিত পানি পান করতে বাধ্য হওয়া তাদের শারীরিক অখণ্ডতার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে। তারা যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর যথাযথ আইনি প্রক্রিয়া সংক্রান্ত ধারার অধীনে এই দাবি তুলে মামলা করে। তবে আদালতের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা এই যুক্তি গ্রহণ করেননি। আদালত বলেছে, দূষিত পানির সংস্পর্শকে শারীরিক অখণ্ডতার সাংবিধানিক অধিকারের আওতায় নেওয়ার মতো দেশের ইতিহাস বা সুপ্রিম কোর্টের কোনো নজির নেই। বিচারপতি কার্ট এঙ্গেলহার্ডটের নেতৃত্বে দেওয়া সংখ্যাগরিষ্ঠ মতামতে বলা হয়, সংবিধান সরকারের প্রতিটি ভুলের প্রতিকার নিশ্চিত করে না। আদালতের মতে, পৌরসভা পানি সরবরাহ করলেও সংবিধান সেই সেবা নির্দিষ্ট মানে দেওয়ার বাধ্যবাধকতা তৈরি করে না। সীসা দূষিত পানির কারণে যে ক্ষতির অভিযোগ করা হয়েছে, সেটিকে জোরপূর্বক অস্ত্রোপচার, অনিচ্ছাকৃত ওষুধ প্রয়োগ বা শারীরিক হামলার মতো শারীরিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘনের সঙ্গে তুলনা করা যায় না। আদালত একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে জনস্বাস্থ্য সংকটের সময় সত্য তথ্য পাওয়ার দাবিকেও সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়নি। মামলার বাদীরা অভিযোগ করেছিলেন, পানি দূষিত হওয়ার বিষয়টি জানার পরও কর্মকর্তারা বাসিন্দাদের পানি নিরাপদ বলে জানিয়েছিলেন। আদালত বলেছে, সরকারি কর্মকর্তাদের এমন বক্তব্যের বিরুদ্ধে ক্ষতিপূরণ পাওয়ার মতো কোনো সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি। জ্যাকসনের পানি সংকট নিয়ে এই বিরোধের সূত্রপাত বহু বছরের সমস্যাকে ঘিরে। আদালতের নথি অনুযায়ী, শহরের পানি ব্যবস্থায় সীসা ও ব্যাকটেরিয়া থাকার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময়ে পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এবং বাসিন্দাদের পানি ফুটিয়ে পান করার নির্দেশনাও দেওয়া হয়েছিল। বাদীরা দাবি করেন, শহরের বিভিন্ন সিদ্ধান্ত ও নিষ্ক্রিয়তার কারণে পানিতে সীসা মিশেছে এবং পরে কর্মকর্তারা পানি নিরাপদ বলে ভুল আশ্বাস দিয়েছেন। তবে আদালত বলেছে, পানি দূষণের সমস্যা মোকাবিলায় অন্যান্য সরকারি ও আইনি ব্যবস্থা রয়েছে। মিসিসিপি অঙ্গরাজ্য এবং কেন্দ্রীয় সরকার জ্যাকসনের পানি ব্যবস্থার মান উন্নয়নে দীর্ঘদিন ধরে নজরদারি, তদন্ত ও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আদালতের মতে, এসব ব্যবস্থা এবং অন্যান্য আইনি পথের মাধ্যমে পানির দূষণ মোকাবিলা করা সম্ভব হলেও এই নির্দিষ্ট অভিযোগকে সাংবিধানিক অধিকার লঙ্ঘন হিসেবে দেখার সুযোগ নেই। রায়ে আরও বলা হয়, এই মামলায় বাদীরা এমন কোনো সুপ্রিম কোর্টের নজির বা শক্তিশালী আইনি ভিত্তি দেখাতে পারেননি, যা সরকারি কর্মকর্তাদের কর্মকাণ্ডের কারণে সীসা দূষিত পানির সংস্পর্শে আসাকে প্রতিষ্ঠিত সাংবিধানিক অধিকার হিসেবে স্বীকৃতি দেয়। ফলে পঞ্চম সার্কিটের পূর্ণ বেঞ্চ নিম্ন আদালতের মামলা খারিজের সিদ্ধান্ত বহাল রাখে। আদালতের এই সিদ্ধান্ত অবশ্য যুক্তরাষ্ট্রের সব অঙ্গরাজ্যে নিরাপদ পানির অধিকার বাতিল করে না। রায়টি নির্দিষ্টভাবে মিসিসিপির জ্যাকসন শহরের পানি দূষণ নিয়ে করা মামলায় সংবিধানের অধীনে অধিকার দাবির বিষয়ে দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে পানি নিরাপত্তা নিয়ে আলাদা আইন ও সুরক্ষা ব্যবস্থা রয়েছে। এই রায়ের মূল বিষয় হলো, জ্যাকসনের ওই মামলায় পরিষ্কার বা সীসামুক্ত পানিকে ফেডারেল সংবিধানের অধীনে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। সূত্র: ইউএসএ টুডে
যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ২৫ বছর বয়সী ব্রায়ান হোসে মোরালেস গার্সিয়াকে মেক্সিকোয় ডিপোর্ট করার পর প্রায় চার মাসের আইনি লড়াই শেষে আবার যুক্তরাষ্ট্রে ফিরতে দেওয়া হয়েছে। টেক্সাসে একটি ট্রাফিক থামানোর ঘটনার পর তিনি অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে যান এবং পরে ৭ এপ্রিল তাকে মেক্সিকোয় পাঠানো হয়। পরে তার আইনজীবীরা তার যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের প্রমাণ সামনে এনে দেশে ফেরানোর জন্য আইনি পদক্ষেপ নেন। মোরালেস গার্সিয়ার জন্ম ডেনভারে। তবে শৈশবের বড় একটি সময় তিনি মেক্সিকোয় কাটিয়েছেন। ২০২৫ সালের জানুয়ারিতে কাজের উদ্দেশ্যে তিনি আবার যুক্তরাষ্ট্রে ফেরেন। যুক্তরাষ্ট্রে থাকার সময় তিনি নির্মাণকাজসহ বিভিন্ন ধরনের কাজ করেন। পরে টেক্সাসে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপনের কাজ করছিলেন তিনি। এপ্রিল মাসে ফ্রেডেরিক্সবার্গের কাছে বসকে সঙ্গে নিয়ে একটি গাড়িতে করে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় টেক্সাসের এক রাজ্য পুলিশ কর্মকর্তা তাদের গাড়ি থামান। অভিযোগ ছিল গাড়ির জানালার কাচে অতিরিক্ত কালো রং করা নিয়ে। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় কোনো টিকিট দেওয়া হয়নি। এরপর মোরালেস গার্সিয়াকে কয়েকটি আটককেন্দ্রে নেওয়া হয় এবং অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে রাখা হয়। মোরালেস গার্সিয়া তখন নিজেকে যুক্তরাষ্ট্রের নাগরিক বলে দাবি করেন এবং তার নাগরিকত্বের প্রমাণ দেখানোর কথা জানান। তার আইনজীবীর অভিযোগ, আটক থাকার সময় তাকে শারীরিকভাবে হয়রানি করা হয় এবং কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়। চার দিন বিভিন্ন হেফাজতকেন্দ্রে থাকার পর তাকে মেক্সিকোয় পাঠানো হয়। সরকারপক্ষ অবশ্য আদালতে দাবি করেছে, মোরালেস গার্সিয়া শুরুতে নিজেকে মেক্সিকোয় জন্ম নেওয়া ব্যক্তি হিসেবে পরিচয় দিয়েছিলেন এবং স্বেচ্ছায় মেক্সিকোয় ফেরার কাগজপত্রে স্বাক্ষর করেছিলেন। মেক্সিকোয় যাওয়ার পর তার আইনজীবীরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের বিষয়টি সামনে এনে ফেডারেল আদালতে মামলা করেন। তারা যুক্তি দেন, মোরালেস গার্সিয়া ডেনভারে জন্মেছেন এবং তার কাছে যুক্তরাষ্ট্রের জন্মসনদ রয়েছে। অন্যদিকে সরকারপক্ষ মেক্সিকোর কিছু নথির কথা তুলে ধরে, যেখানে তার নামের বানান ও জন্মতারিখে পার্থক্য রয়েছে। এসব নথিতে তার জন্মস্থানও মেক্সিকোর জাকাতেকাস হিসেবে উল্লেখ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার সময় দুই দেশের নথিতে থাকা তথ্যের এই পার্থক্য নিয়ে বিরোধ তৈরি হয়। তার আইনজীবীদের দাবি, মেক্সিকোয় তার জন্ম নিবন্ধনের সময় তথ্যের ভুল হয়েছিল। কয়েক মাস ধরে নথিপত্র ও জন্মসংক্রান্ত তথ্য যাচাইয়ের পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ফিরে আসার সুযোগ পান মোরালেস গার্সিয়া। আগস্টের শেষ দিকে মেক্সিকোর আগুয়াসকালিয়েন্তেস থেকে বাসে করে তিনি সীমান্তের দিকে যান। ৩০ আগস্ট সীমান্তে পৌঁছানোর পর তার কলোরাডোর জন্মসনদ গ্রহণ করা হয় এবং তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। প্রায় পাঁচ মাস দেশের বাইরে থাকার পর তিনি আবার যুক্তরাষ্ট্রে ফেরেন। দেশে ফেরার পর তার আইনজীবীরা তাকে একটি কফি শপে নিয়ে যান। তবে দেশে ফিরলেও পুরো ঘটনার মানসিক চাপ কাটেনি বলে জানিয়েছেন মোরালেস গার্সিয়া। তার ভাষ্য অনুযায়ী, তাকে চেহারা ও ইংরেজিতে কথা বলতে না পারার কারণে বিচার করা হয়েছিল বলে তিনি মনে করেন। ভবিষ্যতে আবার কোনো পুলিশি তল্লাশির মুখে পড়লে একই ধরনের পরিস্থিতির আশঙ্কাও রয়েছে তার। এদিকে তাকে মেক্সিকোয় পাঠানোর ঘটনায় দায়বদ্ধতা নির্ধারণ ও ক্ষতিপূরণের দাবিতে করা মামলাটি এখনও চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলো নিয়মিতভাবে কতজন নাগরিককে অভিবাসন ব্যবস্থার আওতায় আটক বা বহিষ্কার করেছে, তার পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করে না। সরকারি হিসাব পর্যালোচনা করে অতীতেও এমন ঘটনায় যুক্তরাষ্ট্রের নাগরিকদের আটক ও বহিষ্কারের নজির পাওয়া গেছে। মোরালেস গার্সিয়ার ঘটনাটি সেই বিতর্ককে আবারও সামনে এনেছে। সূত্র: ইউএসএ টুডে
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় পারস্য উপসাগরীয় দেশগুলো নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি হরমুজ প্রণালির বিকল্প পথ খুঁজছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতারের কর্মকর্তারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর জন্য কৌশলগতভাবে নিজেদের সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে নিরাপত্তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল এসব দেশ এখন দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও তুরস্কের মতো অন্যান্য দেশের সঙ্গেও সামরিক সহযোগিতা বাড়াচ্ছে। আবুধাবিতে অনুষ্ঠিত হিলি ফোরাম ২০২৬-এ সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ বলেন, উপসাগরীয় দেশগুলোর জন্য কৌশলগত স্বায়ত্তশাসন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এর অর্থ যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের ও আস্থাভিত্তিক অংশীদারত্ব সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ এবং শক্তির উৎস হিসেবে থাকবে। নিজেদের সক্ষমতা বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব বজায় রাখা পরস্পরবিরোধী নয় বলেও তিনি জানান। গারগাশ বলেন, ইরান তাদের প্রতিবেশী দেশ এবং কোনো এক পর্যায়ে দেশটির সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের পথ খুঁজে বের করতে হবে। ভৌগোলিক বাস্তবতার কারণে ইরানের সঙ্গে যোগাযোগের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। তবে প্রয়োজনীয় ও কার্যকর সম্পর্ক পুনর্গঠন করা এবং ভেঙে যাওয়া আস্থা পুনর্গঠন করা এক বিষয় নয়। তার মতে, সম্পর্ক পুনর্গঠন প্রয়োজনীয় হলেও আস্থা ফিরিয়ে আনা অনেক বেশি কঠিন হবে। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় যুক্তরাষ্ট্রের জন্যও পরিস্থিতি সামলানো কঠিন হয়ে উঠেছে। ওয়াশিংটন ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের চেষ্টা করছে। একই সময়ে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি ও জনগণের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় মার্কিন চাপের প্রভাব যেন তাদের ওপর বড় ধরনের ক্ষতি না করে, সেটিও বিবেচনায় রাখতে হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরান সীমিত পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, তারা ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে। এর একটি ছিল দেশটির প্রধান তেল টার্মিনাল খার্গ দ্বীপের কাছে। এর আগে ইরান দুটি মার্কিন নৌযানের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে, নতুন করে ব্যাপক সামরিক অভিযান চালানোর সম্ভাবনা কম। এর পরিবর্তে নৌ অবরোধ ও একাধিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের ওপর চাপ বাড়িয়ে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াসহ বিভিন্ন বিষয়ে ছাড় আদায়ের চেষ্টা করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, অর্থনৈতিক চাপ ইরানকে নতি স্বীকারে বাধ্য করবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। ইরানি কর্মকর্তারাও সাম্প্রতিক নিষেধাজ্ঞার কারণে অর্থনীতিতে চাপের কথা স্বীকার করেছেন। কিন্তু আলোচনায় আগ্রহ বাড়ানোর পরিবর্তে দেশটি হামলা ও কঠোর বক্তব্য আরও বাড়িয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির উপদেষ্টা মাজেদ আল-আনসারি বলেন, সংকটটি ধীরে ধীরে নতুন স্বাভাবিক পরিস্থিতিতে পরিণত হওয়ার আশঙ্কাই এখন বড় হুমকি। তার মতে, পরিস্থিতিকে আর শুরু ও শেষের নির্দিষ্ট সময়সীমা থাকা সাময়িক সংকট হিসেবে দেখা হচ্ছে না। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের নতুন নিষেধাজ্ঞা কর্মসূচি ইরানের ওপর কাঙ্ক্ষিত প্রভাব ফেলবে কি না, তা নিশ্চিত নয়। কারণ ইরান দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা মোকাবিলা করে আসছে এবং নতুন চাপ উল্টো দেশটির মানুষের মধ্যে ঐক্য বাড়াতে পারে। যুদ্ধ শেষ করার ক্ষেত্রেও বড় বাধা রয়েছে বলে মনে করেন আল-আনসারি। তার মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কিংবা ইরান, কোনো পক্ষই যুদ্ধে নিজেদের ব্যর্থ হিসেবে দেখাতে চায় না। ফলে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য ফল নির্ধারণ করে যুদ্ধ শেষ করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, অঞ্চলে আন্তর্জাতিক বাহিনী ও যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত জোট গুরুত্বপূর্ণ হলেও তা যথেষ্ট নয়। নিরাপত্তার ক্ষেত্রে স্বনির্ভরতাই সামনে এগিয়ে যাওয়ার পথ বলে তিনি মন্তব্য করেন। যুদ্ধের প্রভাব শুধু উপসাগরীয় অঞ্চলেই সীমাবদ্ধ নেই। হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় বিশ্বজুড়ে খাদ্য, জ্বালানি ও সার পণ্যের দাম বেড়েছে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ওমান হরমুজ প্রণালির বাইরে থাকা বন্দর ব্যবহার করে তেল রপ্তানি এবং অন্যান্য পণ্য আমদানি চালিয়ে যেতে পারছে। অন্যদিকে কুয়েত, কাতার ও বাহরাইনের মতো দেশগুলো বেশি সমস্যায় পড়েছে, কারণ তাদের এমন স্থলসীমান্ত নেই, যার মাধ্যমে হরমুজ প্রণালি এড়িয়ে সহজে পণ্য পরিবহন করা যায়। কাতারের ক্ষেত্রে পরিস্থিতির প্রভাব আরও স্পষ্ট হয়েছে। আল-আনসারি বলেন, একটি ড্রোন হামলার মাধ্যমে ইরান কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় ৭০ শতাংশ অচল করে দিতে সক্ষম হয়েছিল। কাতারের এই গ্যাস সরবরাহ বিশ্বের মোট তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশের সমান। যুদ্ধ থেকে সামুদ্রিক শক্তির সীমাবদ্ধতাও স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল জন ডব্লিউ. মিলার। তিনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড ও পঞ্চম নৌবহরের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী স্থল ও সমুদ্রে ইরানের উল্লেখযোগ্য লক্ষ্যবস্তু ধ্বংসে সাফল্য পেলেও ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এখনও হরমুজ প্রণালিতে পৌঁছাতে পারছে। মিলার বলেন, সামরিক সাফল্য থাকলেও এর সীমাবদ্ধতাও রয়েছে। তিনি সোমালিয়ার জলদস্যুদের উদাহরণ দিয়ে বলেন, ছোট নৌযান ব্যবহার করেও তারা বড় পণ্যবাহী জাহাজ দখল করে জিম্মি করতে এবং মুক্তিপণ দাবি করতে সক্ষম হয়েছিল। তার মতে, সামরিক দৃষ্টিকোণ থেকে এখন কী করা সম্ভব, তা নতুন করে বিবেচনা করতে হবে। হুমকি শুধু হরমুজ প্রণালিতেই সীমাবদ্ধ নয়, বাব আল-মান্দাব প্রণালিতেও রয়েছে। ওই এলাকাতেও হুথি বিদ্রোহীদের হামলা বাড়ছে। সূত্র: ওয়াশিংটন পোস্ট
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবন ও সৃজনশীলতা প্রতিযোগিতা ‘বোর্নিও আন্তর্জাতিক উদ্ভাবন ও সৃজনশীলতা প্রতিযোগিতা (বিআইআইসিসি) ২০২৬’-এর আন্তর্জাতিক পর্বে জোড়া সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের তরুণ উদ্ভাবক আব্দুল্লাহ আলিম। নিজের উদ্ভাবনী প্রকল্প ‘বিন টু বেনিফিট’-এর জন্য তিনি প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন বিআইআইসিসি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পরিবেশ পুরস্কার। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংসভিত্তিক প্রকল্প আব্দুল্লাহ আলিমের উদ্ভাবিত ‘বিন টু বেনিফিট’ মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা, বিভিন্ন ধরনের সেন্সর এবং ইন্টারনেট অব থিংস (আইওটি) প্রযুক্তিনির্ভর একটি স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা মডেল। প্রকল্পটির মাধ্যমে স্মার্ট ডাস্টবিনে জমা হওয়া বর্জ্যের পরিমাণ স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করা, মোবাইল অ্যাপের মাধ্যমে ডাস্টবিনের অবস্থান ও তথ্য অনুসরণ করা এবং উৎস পর্যায়েই বর্জ্য পৃথকীকরণের ব্যবস্থা করার ধারণা তুলে ধরা হয়েছে। এ ছাড়া সাধারণ মানুষকে সঠিকভাবে বর্জ্য ফেলতে উৎসাহিত করতে প্রকল্পটিতে ‘গ্রিন কয়েন’ পুরস্কার ব্যবস্থা রাখা হয়েছে। এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনায় অংশগ্রহণকারী নাগরিকদের পুরস্কৃত করার পাশাপাশি পরিবেশবান্ধব আচরণে উৎসাহিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ের সাফল্যের পর আন্তর্জাতিক স্বীকৃতি এর আগে বিআইআইসিসি ২০২৬-এর জাতীয় পর্যায়েও ‘বিন টু বেনিফিট’ প্রকল্পের জন্য স্বর্ণপদক অর্জন করেন আব্দুল্লাহ আলিম। জাতীয় পর্যায়ের এই সাফল্যের ধারাবাহিকতায় তিনি আন্তর্জাতিক পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান। আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদকের পাশাপাশি পরিবেশবিষয়ক পুরস্কার অর্জন তাঁর প্রকল্পের প্রযুক্তিগত উদ্ভাবনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সম্ভাব্য অবদানকেও স্বীকৃতি দিয়েছে। তরুণ উদ্ভাবকের প্রতিক্রিয়া আন্তর্জাতিক পর্যায়ে এই অর্জন প্রসঙ্গে আব্দুল্লাহ আলিম বলেন, “এই অর্জন কেবল আমার একার নয়, এটি বাংলাদেশের প্রতিটি তরুণের স্বপ্ন, সাহস ও সম্ভাবনার প্রতিফলন।” আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরতে পেরে গর্বিত উল্লেখ করে তিনি বলেন, সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে দেশের তরুণরা প্রযুক্তির মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবেন। ‘বিন টু বেনিফিট’ প্রকল্পে প্রযুক্তি, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক অংশগ্রহণকে একসঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে। মালয়েশিয়ার আন্তর্জাতিক প্রতিযোগিতায় পাওয়া এই স্বীকৃতি বাংলাদেশের তরুণদের উদ্ভাবনী সম্ভাবনাকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার আরেকটি দৃষ্টান্ত হয়ে উঠেছে।