সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
নেপালে আকস্মিক বন্যায় নিহত ৬২৬
নেপালে আকস্মিক বন্যায় নিহত ৬২৬, আন্তর্জাতিক উদ্ধার সহায়তা ফিরিয়ে দিল সরকার

নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬২৬ জনে দাঁড়িয়েছে। শনিবার পর্যন্ত দুই দেশে প্রায় আড়াই হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। দুর্যোগের চতুর্থ দিনে উদ্ধার অভিযান চললেও বৈরী আবহাওয়ায় তা ব্যাহত হচ্ছে।    নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে মৃতের সংখ্যা ৬২৬ জনে পৌঁছেছে এবং ২ হাজার ৪২৬ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিব্বতে চীনা কর্তৃপক্ষ সাতজনের মৃত্যুর খবর জানিয়েছে এবং আরও ৫৫৪ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে বিদেশি নাগরিক, পর্যটক, শ্রমিক ও তীর্থযাত্রীও রয়েছেন।    গত বুধবার হিমালয়ের উচ্চাঞ্চলে হিমবাহ, বরফ, পাথর ও মাটির বিশাল স্তর ধসে নদীপথে নেমে আসার পর এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। প্রবল স্রোত ও কাদামাটির ঢল নেপালের রাসুয়া, নুয়াকোটসহ বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। এতে ঘরবাড়ি, সড়ক, সেতু, স্কুল, হাসপাতাল ও জলবিদ্যুৎকেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।    নেপালের উদ্ধারকারীরা এখনো দুর্গত এলাকাগুলোতে আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করছেন। বিশেষ করে রাসুয়া জেলার আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি কাদায় ভরা টানেলে শতাধিক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অতিরিক্ত কাদার স্তর ও হেলিকপ্টার অবতরণের উপযোগী জায়গার সংকটে উদ্ধারকাজ ধীরগতিতে চলছে।    দুর্যোগের পর পাহাড়ি এলাকায় নতুন একটি হ্রদ তৈরি হওয়ায় দ্বিতীয় দফায় বন্যার আশঙ্কাও দেখা দিয়েছিল। এ কারণে একপর্যায়ে উদ্ধার অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে পানির উচ্চতা কমতে থাকায় ঝুঁকি কিছুটা কমেছে বলে কর্তৃপক্ষ জানায়। তবে পাহাড়ি হ্রদ ও নদীগুলোর পরিস্থিতি এখনো নজরদারিতে রাখা হয়েছে।    নেপাল সাধারণ অনুসন্ধান ও উদ্ধারকাজে বিদেশি দল পাঠানোর প্রস্তাব গ্রহণ না করলেও বিশেষায়িত প্রযুক্তিগত সহায়তা চেয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিসির খানাল জানিয়েছেন, প্লাবিত টানেলে আটকে পড়াদের উদ্ধার, মরদেহ শনাক্তে ডিএনএ পরীক্ষা এবং মরদেহ সংরক্ষণের মতো ক্ষেত্রে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা প্রয়োজন।    ভারত, চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ কয়েকটি দেশ উদ্ধার ও সহায়তার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া যোগাযোগব্যবস্থা পুনরুদ্ধারে ভারত ও চীনের কাছে অস্থায়ী সেতু সরবরাহের অনুরোধ করেছে নেপাল।    এদিকে দুর্গত এলাকায় উদ্ধারকাজের পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসনের প্রস্তুতিও শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগে বিপুল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারপর্ব শেষ হওয়ার পরও নেপালের সামনে দীর্ঘমেয়াদি পুনর্গঠনের বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে।  

প্রকাশ : আগস্ট ২৯, ২০২৬ ৩:৩৫
ছবি: এনটিভি
মাইক্রোসফটের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেন নীলফামারীর সোহান

বিশ্বের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে প্রায় চার বছর কাজের পর এবার মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন নীলফামারীর ডোমার উপজেলার আল নাসিরুল্লাহ সিদ্দিকী সোহান। ২৬ আগস্ট নিজের ফেসবুক পোস্টে মাইক্রোসফটে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন তিনি।    সোহান ডোমার পৌর শহরের পল্টনপাড়া এলাকার হামিদার রহমান ও উম্মে আয়েশা সিদ্দিকার ছেলে। নিজের পোস্টে তিনি নতুন কর্মস্থলে যোগ দেওয়ার আনন্দের কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন।    শিক্ষাজীবনে সোহান ২০১১ সালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩ সালে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ থেকে ২০১৮ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন।    স্নাতক শেষ করে দেশে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন সোহান। অরবিটেকস বাংলাদেশে প্রায় ১১ মাস এবং স্যামসাংয়ে প্রায় এক বছর কাজ করার পর ২০২০ সালে উচ্চশিক্ষার জন্য জার্মানিতে যান। সেখানে টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডর্টমুন্ডে ডেটা সায়েন্সে স্নাতকোত্তর পড়ার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরির জন্য আবেদন করতে থাকেন।    এরপর গুগলের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিয়ে সফল হন তিনি। ২০২২ সালের শেষ দিকে গুগলের পোল্যান্ড অফিসে সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মজীবন শুরু করেন। প্রায় তিন বছর নয় মাস গুগলে কাজ করার পর ২৪ আগস্ট মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।    প্রযুক্তি খাতে সোহানের এই অগ্রযাত্রায় বড় ভাই শাহেদ শাহরিয়ারের দিকনির্দেশনার কথাও উঠে এসেছে। শাহেদ নিজেও গুগলের ডাবলিন অফিসে কর্মরত বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।   ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন সোহানের নতুন কর্মস্থলে যোগ দেওয়ার খবরে আনন্দ প্রকাশ করে তাকে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসেবে উল্লেখ করেছেন। তার সাফল্যে পরিবার, নিজ এলাকা এবং সাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যেও আনন্দের সৃষ্টি হয়েছে। সূএ: এন টিভি

প্রকাশ : আগস্ট ২৯, ২০২৬ ৩:২৭
হেয়ার ক্লিপেই লুকিয়ে বড় বিপদ! দুর্ঘটনায় খুলিতে ঢুকে যেতে পারে ক্লিপের দাঁত, চিকিৎসকদের সতর্কতা
হেয়ার ক্লিপেই লুকিয়ে বড় বিপদ! দুর্ঘটনায় খুলিতে ঢুকে যেতে পারে ক্লিপের দাঁত, চিকিৎসকদের সতর্কতা

ফ্যাশনে জনপ্রিয় ক্ল’ ক্লিপ গাড়ি দুর্ঘটনার সময় গুরুতর মাথা ও ঘাড়ের আঘাতের কারণ হতে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের জরুরি বিভাগের চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে চিকিৎসকদের এক আলোচনায় বিষয়টি সামনে আসে। তাদের মতে, দুর্ঘটনার সময় মাথা জোরে সিটের হেডরেস্টে আঘাত করলে মাথার পেছনে লাগানো ক্ল’ ক্লিপের দাঁত বা শক্ত অংশ মাথার ত্বকে ঢুকে যেতে পারে।   জরুরি চিকিৎসক ডোরিয়ান ও’লিয়ারি জানান, সড়ক দুর্ঘটনায় মাথা জোরে পেছনের দিকে ছিটকে গেলে ধাতব ক্ল’ ক্লিপ মাথা, ঘাড় ও মাথার ত্বরে গুরুতর আঘাত করতে পারে। এমনকি ক্লিপ মাথার ত্বকে আটকে গিয়ে গভীর ক্ষত তৈরি করতে পারে এবং সেটি অপসারণে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।   একজন অবসরপ্রাপ্ত আইসিইউ নার্সও একই ধরনের ঝুঁকির কথা জানিয়েছেন। দুর্ঘটনার সময় ক্ল’ ক্লিপ মাথার খুলিতে ঢুকে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি। আর একজন ডেথ ইনভেস্টিগেটর জানিয়েছেন, গাড়ি চালানোর সময় তিনি নিজে কখনো ক্ল’ ক্লিপ পরেন না।   এই আশঙ্কার পেছনে বাস্তব ঘটনার উদাহরণও রয়েছে। ২০২৩ সালে যুক্তরাজ্যের ১৯ বছর বয়সী শিক্ষার্থী জিনা পানেসার একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তার গাড়ি উল্টে যাওয়ার সময় মাথায় থাকা চুলের ক্লিপটি মাথায় ঢুকে যায়। এতে তার মাথার খুলি, মুখ ও চোখের চারপাশে গুরুতর আঘাত লাগে।   অস্ট্রেলিয়াতেও একই ধরনের আরেকটি ঘটনা সামনে এসেছে। ২২ বছর বয়সী ফ্যাশন ইনফ্লুয়েন্সার এল্লা কার্টার গাড়ি দুর্ঘটনায় প্লাস্টিকের ক্ল’ ক্লিপ পরা অবস্থায় গুরুতর কনকাশনে আক্রান্ত হন। তিনি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে বিষয়টি নিয়ে সতর্ক করেন।   ক্ল’ ক্লিপ মূলত দ্রুত চুল বাঁধার সুবিধার জন্য ব্যবহৃত একটি জনপ্রিয় অনুষঙ্গ। ১৯৮০-এর দশক থেকেই এর ব্যবহার রয়েছে। সাম্প্রতিক সময়ে নব্বইয়ের দশক ও দুই হাজার দশকের ফ্যাশনের জনপ্রিয়তার সঙ্গে এটি আবারও তরুণদের মধ্যে ব্যাপকভাবে ফিরে এসেছে।   তবে চিকিৎসকদের সতর্কতা মূলত গাড়িতে ক্ল’ ক্লিপ ব্যবহারের ঝুঁকি নিয়ে। দুর্ঘটনার সময় মাথা ও হেডরেস্টের মাঝখানে শক্ত কোনো বস্তু থাকলে সেটি আঘাতের মাত্রা বাড়াতে পারে। তাই গাড়ি চালানো বা যাত্রার সময় এ ধরনের শক্ত ক্লিপের পরিবর্তে নিরাপদ বিকল্প ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা।

প্রকাশ : আগস্ট ২৯, ২০২৬ ৩:১
নেপালের ভয়াবহ বন্যায় এই বাড়িটাই প্রাণ বাঁচাল বহু মানুষের
নেপালের ভয়াবহ বন্যায় এই বাড়িটাই প্রাণ বাঁচাল বহু মানুষের, অলৌকিকভাবে রক্ষা

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের মধ্যে একটি ভবনে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার, ২৬ আগস্ট, ভোতে কোশি নদী এলাকায় ভয়াবহ বন্যার পর চারদিকে পানি ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে তারা ওই ভবনে আশ্রয় নিতে বাধ্য হন। পরে উদ্ধারকারীরা তাদের নিরাপদে বের করে আনেন।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনটির চারপাশে প্রবল স্রোতে পানি ও কাদা ছুটে যাচ্ছে। আশপাশের এলাকা ভয়াবহভাবে প্লাবিত হলেও ভবনটি টিকে থাকায় ভেতরে থাকা মানুষগুলো সাময়িকভাবে নিরাপদ আশ্রয় পান।   নেপালের সরকারি তথ্য অনুযায়ী, বন্যার পর দেশটির নিরাপত্তা বাহিনী ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলো ব্যাপক উদ্ধার অভিযান চালাচ্ছে। ২৮ আগস্ট পর্যন্ত নদী থেকে ৫৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দা ও বিদেশি পর্যটকসহ বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।    রসুয়া জেলায় উদ্ধার অভিযান চালিয়ে বন্যায় আটকে পড়া ১ হাজার ৫৪৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে নেপাল পুলিশ। এর মধ্যে রসুয়া থেকে ৬৪৪ জন, নুওয়াকোট থেকে ৮৯৮ জন এবং ধাদিং থেকে তিনজনকে উদ্ধার করা হয়েছে।    ভয়াবহ এই বন্যায় ঘরবাড়ি, সড়ক, সেতু ও জলবিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় অনেক সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজও কঠিন হয়ে পড়েছে। হেলিকপ্টারের পাশাপাশি স্থলপথে উদ্ধারকারী দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে।    নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার ঝুঁকি এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, চিকিৎসা ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। ফলে ভয়াবহ ধ্বংসযজ্ঞের মধ্যেও ওই ভবনে আশ্রয় নেওয়া মানুষগুলোর নিরাপদে উদ্ধার হওয়ার ঘটনাটি এখন স্বস্তির একটি খবর হয়ে এসেছে।

প্রকাশ : আগস্ট ২৯, ২০২৬ ২:৪৫
বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি ট্রাম্পের
বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি ট্রাম্পের! ভেনেজুয়েলার বিপুল তেল মজুদে এখন ট্রাম্পের নিয়ন্ত্রণে

যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে বিশাল এক তেল চুক্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার, ২৮ আগস্ট, ট্রাম্প জানান, চুক্তির আওতায় ভেনেজুয়েলার ৬৫ বিলিয়নের বেশি ব্যারেল প্রমাণিত তেল মজুদের ওপর যুক্তরাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ নিয়ন্ত্রণ পাবে। ট্রাম্প এটিকে বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় তেল চুক্তি হিসেবে বর্ণনা করেছেন।   ট্রাম্পের দাবি, চুক্তিটি মার্কিন করদাতাদের কোনো অর্থ ব্যয় ছাড়াই করা হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের জ্বালানি মজুদ বাড়বে এবং ভবিষ্যতে দেশটিতে জ্বালানির দাম কমতেও পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তবে চুক্তির পূর্ণাঙ্গ আইনি ও বাণিজ্যিক কাঠামো এখনো প্রকাশ করা হয়নি।   ট্রাম্প জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের আলোচনার মাধ্যমে চুক্তিটি সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ভেনেজুয়েলার ১৭টি গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রে নতুন করে উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম চালানো হবে।   ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজও চুক্তিটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তার সরকারের হিসাবে, তেল খাতে ১০০ বিলিয়ন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আসতে পারে। এর মাধ্যমে ভেনেজুয়েলা ২০৯ বিলিয়ন ডলারের বেশি কর রাজস্ব পেতে পারে বলেও জানানো হয়েছে।   বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত তেল মজুদ রয়েছে ভেনেজুয়েলায়। যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেলের মজুদ রয়েছে, যা বিশ্বের মোট প্রমাণিত তেল মজুদের প্রায় ১৭ শতাংশ। বিপুল তেল মজুদ থাকা সত্ত্বেও পুরোনো অবকাঠামো, বিনিয়োগের ঘাটতি এবং দীর্ঘদিনের সংকটের কারণে দেশটির তেল উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।   এদিকে, যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম নিয়ে চাপ এবং মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন এই চুক্তির ঘোষণা এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্র তার কৌশলগত তেল মজুদ পুনরায় পূরণের উদ্যোগও চালিয়ে যাচ্ছে। ফলে ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদে দীর্ঘমেয়াদি প্রবেশাধিকার যুক্তরাষ্ট্রের জন্য অর্থনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।   তবে চুক্তিটি বাস্তবায়নে ভেনেজুয়েলার আইন ও সাংবিধানিক কাঠামো নিয়ে প্রশ্ন রয়েছে। দেশটির তেল খাতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। সাম্প্রতিক সংস্কারের মাধ্যমে যৌথ উদ্যোগ ও উৎপাদন অংশীদারত্বের সুযোগ বাড়ানো হলেও নতুন চুক্তির বাস্তবায়নে আরও আইনি প্রক্রিয়া প্রয়োজন হতে পারে।   এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তৎকালীন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হন এবং তাকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এরপর থেকেই ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার তেল শিল্পে মার্কিন বিনিয়োগ বাড়ানো এবং দেশটির অপরিশোধিত তেলের সরবরাহ পুনরুদ্ধারের উদ্যোগ জোরদার করে।   তবে নতুন চুক্তির সুফল মার্কিন ভোক্তারা কত দ্রুত পাবেন, তা এখনই নিশ্চিত নয়। তেলক্ষেত্র উন্নয়ন, অবকাঠামো সংস্কার এবং উৎপাদন বাড়াতে সময় লাগবে। ফলে চুক্তিটি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ এবং ভেনেজুয়েলার অর্থনীতিতে কতটা পরিবর্তন আনতে পারে, তা নির্ভর করবে চুক্তির বাস্তবায়ন, বিনিয়োগ এবং তেল উৎপাদন বাড়ানোর গতির ওপর।

প্রকাশ : আগস্ট ২৯, ২০২৬ ১:৩৭
ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন
ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন

বিশ্ব ফুটবলের বহুল আলোচিত ফিফা দুর্নীতি কেলেঙ্কারি মামলায় আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার স্পোর্টস মার্কেটিং ব্যবসায়ী হুগো জিনকিস ও তার ছেলে মারিয়ানো জিনকিস। বৃহস্পতিবার নিউইয়র্কের ফেডারেল আদালতে হাজির হয়ে তারা মার্কিন প্রসিকিউটরদের সঙ্গে ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্টে পৌঁছান। সমঝোতার আওতায় তারা ৫ কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত করতে রাজি হয়েছেন, যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬০০ কোটি টাকার বেশি।   হুগো ও মারিয়ানো জিনকিস আর্জেন্টিনাভিত্তিক স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান ফুল প্লের নিয়ন্ত্রক ছিলেন। মার্কিন আদালতের নথি অনুযায়ী, তারা আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের লাভজনক মিডিয়া ও মার্কেটিং স্বত্ব পাওয়ার চেষ্টা করেছিলেন।   সমঝোতার আওতায় জিনকিস বাবা-ছেলে স্বীকার করেছেন, তারা ফিফা, দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের কর্মকর্তাদের প্রভাবিত করতে কোটি কোটি ডলারের বাণিজ্যিক ঘুষ দিয়েছিলেন। এসব অর্থের বিনিময়ে বিভিন্ন ফুটবল টুর্নামেন্টের সম্প্রচার ও বিপণনস্বত্ব পাওয়ার সুবিধা নেওয়া হয়েছিল।   মামলার নথিতে বলা হয়েছে, বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকার মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার মিডিয়া ও মার্কেটিং স্বত্ব পাওয়ার ক্ষেত্রে ঘুষের অর্থ ব্যবহার করা হয়েছিল। ফুল প্লের ব্যবসায়িক স্বার্থ এগিয়ে নিতে ফুটবল কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে এ ধরনের লেনদেন চলেছিল বলে মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ।   তবে এবারের সমঝোতার ফলে তাদের বিরুদ্ধে থাকা মামলাটি সরাসরি বিচারে যাবে না। ডিফার্ড প্রসিকিউশন অ্যাগ্রিমেন্ট অনুযায়ী, নির্ধারিত শর্তগুলো মেনে চললে ২০২৭ সালের সেপ্টেম্বরে তাদের বিরুদ্ধে থাকা প্রতারণার অভিযোগ প্রত্যাহার করার কথা রয়েছে। তারা বর্তমানে বন্ডে মুক্ত থাকবেন।   ফিফা কেলেঙ্কারির সূত্রপাত ২০১৫ সালে। ওই বছর সুইজারল্যান্ডের জুরিখে ফিফার কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন তদন্তের অংশ হিসেবে অভিযান চালানো হলে আন্তর্জাতিক ফুটবলের ভেতরে দীর্ঘদিনের ঘুষ ও দুর্নীতির অভিযোগ বিশ্বজুড়ে আলোচনায় আসে। এরপর ফিফা ও বিভিন্ন আঞ্চলিক ফুটবল সংস্থার একাধিক কর্মকর্তা এবং স্পোর্টস মার্কেটিং ব্যবসায়ীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা, গ্রেপ্তার, দোষ স্বীকার ও সাজা দেওয়ার ঘটনা ঘটে।   মার্কিন বিচার বিভাগের নথিতে হুগো ও মারিয়ানো জিনকিসকে ফুল প্লের নিয়ন্ত্রক হিসেবে উল্লেখ করা হয়েছিল। তাদের বিরুদ্ধে ২০১৫ সালে র‍্যাকেটিয়ারিং ষড়যন্ত্র, তারের মাধ্যমে প্রতারণার ষড়যন্ত্র এবং অর্থপাচারের ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগ আনা হয়।   এক দশকেরও বেশি সময় ধরে চলা এই মামলার সর্বশেষ সমঝোতায় জিনকিস বাবা-ছেলের বিরুদ্ধে আনা অভিযোগের নিষ্পত্তির পথ তৈরি হলো। একই সঙ্গে তাদের স্বীকারোক্তি আন্তর্জাতিক ফুটবলের বাণিজ্যিক স্বত্ব ঘিরে দীর্ঘদিনের ঘুষের নেটওয়ার্ক নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে নতুন করে গুরুত্ব তৈরি করেছে।

প্রকাশ : আগস্ট ২৯, ২০২৬ ১:১১
নিউইয়র্কে ফ্রিতে ইংলিশ ও সিটিজেনশিপ প্রস্তুতির ক্লাস
নিউইয়র্কে ফ্রিতে ইংলিশ ও সিটিজেনশিপ প্রস্তুতির ক্লাস, বাংলাদেশিদের জন্য সুযোগ

নিউইয়র্কে ইংরেজিতে কথা বলা, পড়া ও লেখার দক্ষতা বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি নিতে বিনামূল্যে বিভিন্ন ক্লাস করার সুযোগ রয়েছে। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি, কুইন্স পাবলিক লাইব্রেরি এবং নিউইয়র্ক সিটি সরকারের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সরাসরি ও অনলাইনে এসব ক্লাস পরিচালিত হচ্ছে। কিছু কর্মসূচিতে ইমিগ্রেশন স্ট্যাটাস বাধা নয়।   নিউইয়র্ক সিটির মেয়রের অভিবাসীবিষয়ক দপ্তরের ‘উই স্পিক এনওয়াইসি’ কর্মসূচির মাধ্যমে ১৬ বছর বা তার বেশি বয়সী নিউইয়র্কবাসী বিনামূল্যে ইংলিশ শেখার সুযোগ পান। নিউইয়র্কের পাঁচ বরোর বিভিন্ন স্থানে সরাসরি ক্লাসের পাশাপাশি অনলাইনেও শেখার সুযোগ রয়েছে।   নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতেও বিনামূল্যে ইংলিশ শেখার বিভিন্ন ক্লাস চালু রয়েছে। একেবারে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাস রয়েছে। কিছু ধারাবাহিক ক্লাসে ভর্তি হওয়ার আগে ইংলিশ দক্ষতার মূল্যায়ন করা হতে পারে। আবার কিছু ক্লাসে নির্দিষ্ট বয়স এবং নিউইয়র্ক সিটির সঙ্গে বসবাস, কাজ বা পড়াশোনার সম্পর্কের শর্ত থাকতে পারে। তাই সব ক্লাসের যোগ্যতা এক নয়।   নাগরিকত্বের প্রস্তুতির জন্যও রয়েছে আলাদা ব্যবস্থা। নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির নাগরিকত্ব প্রস্তুতি ও যুক্তরাষ্ট্রের ইতিহাস বিষয়ক ক্লাসে দেশটির ইতিহাস, সরকারব্যবস্থা, নাগরিকত্ব পরীক্ষার প্রশ্ন এবং নাগরিকত্বের সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় ইংলিশ অনুশীলন করানো হয়।   কুইন্স পাবলিক লাইব্রেরির প্রাপ্তবয়স্ক শিক্ষার্থীদের কর্মসূচিতেও বিভিন্ন পর্যায়ের ইংলিশ ভাষার ক্লাস রয়েছে। এসব ক্লাস সরাসরি এবং ভার্চুয়াল দুইভাবেই করা যায়। সাধারণভাবে ১৭ বছর বা তার বেশি বয়সী এবং ইংলিশ যাদের মাতৃভাষা নয়, তারা এসব ক্লাসের জন্য আবেদন করতে পারেন। তবে নির্দিষ্ট ক্লাসের যোগ্যতা আলাদা হতে পারে।   এ ছাড়া নিউইয়র্ক সিটির যুব ও কমিউনিটি উন্নয়ন বিভাগের আওতায় প্রাপ্তবয়স্কদের জন্য ইংলিশ ও সাক্ষরতা শিক্ষার বিভিন্ন বিনামূল্যের কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচিতে বয়সের পাশাপাশি আয়, শিক্ষাগত অবস্থা বা অন্য কিছু যোগ্যতার শর্ত থাকতে পারে।   গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুধু ইমিগ্রেশন স্ট্যাটাস বা বয়সের ভিত্তিতে সব ক্লাসে ভর্তি হওয়া যাবে এমন নয়। কোন ক্লাসে কারা আবেদন করতে পারবেন, ক্লাসটি সরাসরি নাকি অনলাইনে হবে, কখন শুরু হবে এবং আসন খালি আছে কি না, তা সংশ্লিষ্ট লাইব্রেরি বা কর্মসূচির সর্বশেষ তথ্য দেখে নিশ্চিত হওয়া উচিত।   ইংলিশ শেখার আগ্রহীরা নিজেদের কাছের পাবলিক লাইব্রেরিতে যোগাযোগ করতে পারেন। নিউইয়র্ক সিটির ৩১১ নম্বরেও বিনামূল্যের ইংলিশ ক্লাস, নাগরিকত্বের প্রস্তুতি এবং অভিবাসী সহায়তা কর্মসূচি সম্পর্কে তথ্য পাওয়া যায়।   ক্লাসের সময়সূচি, বয়সসীমা, ভর্তি প্রক্রিয়া ও যোগ্যতার শর্ত সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা নিউইয়র্ক সিটি সরকারের সর্বশেষ তথ্য যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ।

প্রকাশ : আগস্ট ২৯, ২০২৬ ১:০
ট্রাম্পের নামে থাকা সড়কের নাম বদলাতে ‘টাকো অ্যাভিনিউ’ চায় কানাডা
ট্রাম্পের নামে থাকা সড়কের নাম বদলাতে ‘টাকো অ্যাভিনিউ’ চায় কানাডা

কানাডার রাজধানী অটোয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে থাকা একটি সড়কের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সিটি কাউন্সিল। বুধবার সর্বসম্মত ভোটে কাউন্সিল ট্রাম্প অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের প্রক্রিয়ার প্রথম ধাপ এগিয়ে নেয়। সম্ভাব্য নতুন নামের তালিকায় রয়েছে ‘ওবামা অ্যাভিনিউ’, ‘কানাডা অ্যাভিনিউ’, ‘অন্টারিও অ্যাভিনিউ’ এবং ব্যতিক্রমীভাবে ‘টাকো অ্যাভিনিউ’।   অটোয়ার সেন্ট্রাল পার্ক এলাকায় থাকা আবাসিক সড়কটির নাম প্রায় ২৫ বছর ধরে ট্রাম্প অ্যাভিনিউ। এলাকাটির অন্যান্য সড়কের নামও নিউইয়র্কের বিভিন্ন স্থান বা পরিচিতির সঙ্গে যুক্ত, যেমন স্ট্যাটেন ওয়ে, ম্যাডিসন পার্ক ও গথাম প্রাইভেট।   কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বাড়তে থাকা এবং কানাডাকে নিয়ে ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের পর স্থানীয় কয়েকজন কাউন্সিলর সড়কটির নাম নিয়ে আপত্তি তুলেছেন। তাদের কেউ কেউ মনে করছেন, অটোয়ার কোনো সড়ক ট্রাম্পের নামে থাকা এখন বিব্রতকর।   অটোয়া সিটি কাউন্সিলর টিম টিয়ার্নির দেওয়া তথ্য অনুযায়ী, নতুন নাম হিসেবে আরও যেসব প্রস্তাব এসেছে তার মধ্যে রয়েছে বিউভার অ্যাভিনিউ, কানাডা গুজ অ্যাভিনিউ, পেলোসি অ্যাভিনিউ, গালফ অব মেক্সিকো অ্যাভিনিউ এবং রোজি ও’ডনেল অ্যাভিনিউ। ‘টাকো অ্যাভিনিউ’ নামটি মূলত ট্রাম্পকে নিয়ে ব্যবহৃত একটি রাজনৈতিক শব্দবন্ধ ‘Trump Always Chickens Out’-এর সংক্ষিপ্ত রূপ TACO থেকে এসেছে।   নাম পরিবর্তনের প্রক্রিয়া অবশ্য এখনই চূড়ান্ত হচ্ছে না। সড়কটির অর্ধেকের বেশি বাসিন্দাকে নাম পরিবর্তনের পক্ষে ভোট দিতে হবে। এরপর নতুন নাম নিয়ে আলাদা করে জনসম্পৃক্ততা ও পর্যালোচনার প্রক্রিয়া হবে। অটোয়ার পৌর নির্বাচন অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায়, এর আগে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই।   ট্রাম্প অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। ২০২১ সালে সড়কটির ৬২টি পরিবারের মধ্যে নাম পরিবর্তন নিয়ে ভোট হয়েছিল। তখন ২১টি পরিবার পরিবর্তনের পক্ষে এবং ২১টি বিপক্ষে ভোট দেয়। আরও ২০টি পরিবার ভোট দেয়নি। কাউন্সিলর টিয়ার্নির মতে, যারা নাম পরিবর্তনের বিরোধিতা করেছিলেন, তাদের সবাই ট্রাম্পের সমর্থক ছিলেন এমন নয়। ঠিকানা, নথিপত্রসহ বিভিন্ন তথ্য পরিবর্তনের ঝামেলার কারণেও কেউ কেউ বিরোধিতা করেছিলেন।   এবার লেক অন্টারিওর নাম পরিবর্তন নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপের পর বিষয়টি আবার সামনে এসেছে। ২৭ আগস্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে লেক অন্টারিওকে ‘লেক আমেরিকা’ নামে উল্লেখ করার নির্দেশ দেন। এর আগে তিনি গালফ অব মেক্সিকোর নাম যুক্তরাষ্ট্রের সরকারি ব্যবহারে ‘গালফ অব আমেরিকা’ করার উদ্যোগ নিয়েছিলেন।   কাউন্সিলর টিয়ার্নি অবশ্য বলেছেন, নাম নিয়ে পাল্টাপাল্টি পদক্ষেপের চেয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য ও শুল্ক বিরোধই এখন বেশি গুরুত্বপূর্ণ। তাঁর মতে, নাম পরিবর্তনের বিতর্ক যেন দুই দেশের বড় ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক উত্তেজনা থেকে মনোযোগ সরিয়ে না দেয়।

প্রকাশ : আগস্ট ২৯, ২০২৬ ০:১৯
মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। ছবি: সংগৃহীত
৬০% কর্মী ছাঁটাই করে এআই বসানোর পরিকল্পনা জাকারবার্গের, কর্মীদের ক্ষোভে শেষ পর্যন্ত পিছু হটলেন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে মেটার কর্মীদের বড় একটি অংশের কাজ করিয়ে নেওয়ার উচ্চাভিলাষী পরিকল্পনা শেষ পর্যন্ত বড় ধাক্কায় পড়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা কিছু দলের কর্মীসংখ্যা সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত কমিয়ে ছোট, দক্ষ দল দিয়ে এআই-নির্ভর কাজ পরিচালনার পরিকল্পনা করেছিল। তবে কর্মীদের তীব্র অসন্তোষ, এআইয়ের প্রত্যাশিত উৎপাদনশীলতা না পাওয়া এবং প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত নানা সমস্যার কারণে পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাতিল করা হয়েছে।   রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে অভ্যন্তরীণ নথি, কর্মীদের পোস্ট ও রেকর্ডিং এবং মেটার কার্যক্রম সম্পর্কে অবগত ২০ জনের বেশি মানুষের সঙ্গে কথোপকথনের ভিত্তিতে এই তথ্য উঠে এসেছে। মেটা পরে রয়টার্সকে Project OT নামে ওই উদ্যোগের অস্তিত্ব নিশ্চিত করেছে। Project OT নামটি Organization Transformation বা সাংগঠনিক রূপান্তর থেকে নেওয়া। চলতি বছরের শুরুতে মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ও তাঁর শীর্ষ কর্মকর্তারা প্রতিষ্ঠানটিকে আরও বেশি এআইনির্ভর করার পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেন। পরিকল্পনার মূল ধারণা ছিল, বর্তমানে হাজার হাজার কর্মী যে দৈনন্দিন কাজ করেন, তার বড় একটি অংশ ভবিষ্যতে এআই এজেন্টের মাধ্যমে সম্পন্ন করা হবে।   এই ব্যবস্থায় বড় দলের পরিবর্তে ছোট ও অত্যন্ত দক্ষ মানবকর্মীদের দল এআই ব্যবস্থাগুলো তদারক করবে। অভ্যন্তরীণ নথিতে এমন একটি কাঠামোর কথা বলা হয়, যেখানে ১০ থেকে ২০ জনের একটি দলকে কমিয়ে তিন থেকে পাঁচজনের দলে পরিণত করা হতে পারে। বাকি কাজ সামলানোর দায়িত্ব পড়বে এআইয়ের ওপর। তবে এটি মেটার পুরো কর্মীসংখ্যা ৬০ শতাংশ কমানোর পরিকল্পনা ছিল না। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি বিবেচনার অংশ হিসেবে কিছু দলের আকার সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত কমানোর পরিকল্পনা করা হয়েছিল। মেটাও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এটি ছিল সম্ভাব্য পুনর্গঠন, কর্মী পুনর্বিন্যাস, খালি পদ বন্ধ এবং ছাঁটাইয়ের বিভিন্ন পরিস্থিতি নিয়ে করা পরিকল্পনা। সব পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়নি।   পরিকল্পনা অনুযায়ী, পুনর্গঠনটি দুই ধাপে করার কথা ছিল। প্রথম ধাপের ছাঁটাই মে মাসে এবং দ্বিতীয় ধাপের আরেকটি বড় পরিবর্তন নভেম্বর মাসে করার পরিকল্পনা ছিল। এর পাশাপাশি খালি পদগুলো বন্ধ করে দেওয়া এবং যেসব কর্মীকে কম দক্ষ বলে মনে করা হতো, তাদের বাদ দেওয়ার বিষয়ও বিবেচনায় ছিল। মে মাসে অবশ্য মেটা কর্মী কমানোর প্রথম ধাপ বাস্তবায়ন করে। প্রতিষ্ঠানটি প্রায় ১০ শতাংশ কর্মী ছাঁটাই করে। কিন্তু দ্বিতীয় ধাপটি শেষ পর্যন্ত আর এগোয়নি। রয়টার্সের তথ্য অনুযায়ী, মে মাসে প্রথম দফার ছাঁটাইয়ের কয়েক ঘণ্টা আগেই জাকারবার্গ ও শীর্ষ কর্মকর্তারা নভেম্বরের পরবর্তী দফার পরিকল্পনা বাতিল করার সিদ্ধান্ত নেন।   পরিকল্পনা প্রকাশ্যে আসার পর মেটার কর্মীদের মধ্যেও ব্যাপক অসন্তোষ তৈরি হয়। অনেক কর্মী মনে করতে শুরু করেন, এআইকে কাজে যুক্ত করার প্রকৃত উদ্দেশ্য তাদের কাজের প্রয়োজনীয়তা কমিয়ে দেওয়া। অভ্যন্তরীণ এক জরিপে কর্মীদের মনোভাবের সূচক ৭৪ শতাংশ ইতিবাচক থেকে ৫৫ শতাংশে নেমে যায় বলে রয়টার্স জানিয়েছে। এআই প্রশিক্ষণের জন্য কর্মীদের কম্পিউটার ও অন্যান্য ডিভাইসে নজরদারি বা কাজের তথ্য সংগ্রহের ব্যবস্থাও অসন্তোষ বাড়িয়ে দেয়। কর্মীদের মধ্যে কেউ কেউ অভ্যন্তরীণ যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন এবং কোম্পানির শীর্ষ কর্মকর্তাদের সিদ্ধান্ত নিয়ে ব্যঙ্গও করেন।   এদিকে মেটার এআই ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। কোম্পানির পরিকল্পনার কেন্দ্রে থাকা এআই এজেন্টগুলো প্রত্যাশা অনুযায়ী উৎপাদনশীলতা বাড়াতে পারেনি বলে অভ্যন্তরীণ আলোচনায় উঠে আসে। কর্মীরা এআই ব্যবহার করে বেশি কোড তৈরি করতে পারলেও সামগ্রিক উৎপাদনশীলতা একই অনুপাতে বাড়েনি বলে বিভিন্ন অভ্যন্তরীণ তথ্য ও আলোচনায় ইঙ্গিত পাওয়া যায়। প্রযুক্তিগত সমস্যাও পরিকল্পনাটিকে চাপে ফেলে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এআই এজেন্টের ওপর অতিরিক্ত নির্ভরতার সঙ্গে বিভিন্ন প্রযুক্তিগত ও নিরাপত্তাজনিত ঘটনার সংখ্যা বেড়ে যায়। সেবায় বিঘ্ন এবং সম্ভাব্য তথ্য ফাঁসের মতো ঘটনাও নিয়ে উদ্বেগ তৈরি হয়। ফলে এআইকে দ্রুত কর্মীদের বিকল্প হিসেবে ব্যবহার করার পরিকল্পনার বাস্তব সক্ষমতা নিয়ে মেটার ভেতরেই প্রশ্ন ওঠে।   এই পরিস্থিতিতে জাকারবার্গও তাঁর অবস্থানে পরিবর্তন আনেন। জুলাইয়ে এক অভ্যন্তরীণ সভায় তিনি বলেন, এআই এজেন্ট প্রযুক্তি তাঁর প্রত্যাশা অনুযায়ী দ্রুত এগোয়নি। এরপর মেটা এআইকে মানুষের বিকল্প হিসেবে তুলে ধরার বদলে মানুষের সক্ষমতা বাড়ানোর ওপর বেশি গুরুত্ব দেওয়ার বার্তা দিতে শুরু করে। জাকারবার্গ এক অভ্যন্তরীণ পোস্টে বলেন, মেটা মানুষের ক্ষমতায়ন এবং নতুন প্রযুক্তির শক্তি কোটি কোটি মানুষের হাতে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছে, শুধু কাজ স্বয়ংক্রিয় করার ওপর নয়।   তবে এআই নিয়ে মেটার উচ্চাকাঙ্ক্ষা এতে থেমে যায়নি। বরং প্রতিষ্ঠানটি এআই অবকাঠামো ও প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ অব্যাহত রেখেছে। সমস্যা হয়েছে মূলত এআইকে ব্যবহার করে দ্রুত কর্মীদের সংখ্যা কমিয়ে দেওয়ার পরিকল্পনার বাস্তবায়নে। মেটা রয়টার্সকে জানিয়েছে, Project OT ছিল খরচ কমানো, দলের কাঠামো পুনর্বিন্যাস এবং কর্মীদের নতুন অগ্রাধিকারপ্রাপ্ত কাজে স্থানান্তরের একটি উদ্যোগ। প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে হাজার হাজার কর্মীকে নতুন গঠিত বিভিন্ন দলে গুরুত্বপূর্ণ কাজে স্থানান্তর করা হয়েছে। তবে সম্ভাব্য সব পরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি এবং পুরো কর্মীবাহিনীর ৬০ শতাংশ ছাঁটাই করার কোনো সিদ্ধান্ত কখনো নেওয়া হয়নি।   বিশেষজ্ঞদের কাছে ঘটনাটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অন্য একটি কারণে। প্রযুক্তি খাতের বড় প্রতিষ্ঠানগুলো যখন দ্রুত এআইনির্ভর কর্মপরিবেশ তৈরির দিকে এগোচ্ছে, তখন মেটার অভিজ্ঞতা দেখিয়ে দিচ্ছে যে শুধু প্রযুক্তিগত সক্ষমতা থাকলেই বড় পরিসরে মানুষের কাজ এআই দিয়ে প্রতিস্থাপন করা সহজ নয়। কর্মীদের আস্থা, প্রযুক্তির নির্ভরযোগ্যতা, নিরাপত্তা এবং বাস্তবে উৎপাদনশীলতা কতটা বাড়ছে, এসব বিষয়ও সমান গুরুত্বপূর্ণ।   মেটার Project OT শেষ পর্যন্ত পুরোপুরি বাস্তবায়িত না হলেও এ ঘটনা ভবিষ্যতের কর্মসংস্থান নিয়ে বড় একটি প্রশ্ন সামনে এনেছে। এআই কি মানুষের কাজ কেড়ে নেবে, নাকি মানুষকে আরও দক্ষ করে তুলবে, সেই বিতর্কের মাঝেই বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের এই পরীক্ষার ফল এখন শিল্পখাতের জন্যও গুরুত্বপূর্ণ নজির হয়ে উঠেছে।   সূত্র: রয়টার্স

প্রকাশ : আগস্ট ২৮, ২০২৬ ২৩:৫৯
ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুত চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধের ছয় মাসে যুক্তরাষ্ট্রের তেল মজুত ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুত চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। ২১ আগস্ট শেষ হওয়া সপ্তাহের হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জরুরি তেল মজুতে এখন রয়েছে ২৮ কোটি ৯৭ লাখ ব্যারেল অপরিশোধিত তেল।   মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, এই পরিমাণ ২০২৩ সালে রেকর্ড হওয়া ৩৪ কোটি ৬৮ লাখ ব্যারেলের আগের ৪০ বছরের সর্বনিম্ন অবস্থাকেও ছাড়িয়ে গেছে। অর্থাৎ এবার দেশটির কৌশলগত তেল মজুত আরও নিচে নেমেছে। ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুতে ছিল ৪১ কোটি ৫৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল। যুদ্ধ শুরুর পর ছয় মাসে সেখান থেকে ১২ কোটি ৫৭ লাখ ব্যারেল তেল ব্যবহার করা হয়েছে।   যুদ্ধের শুরুতেই তেলের সরবরাহ নিয়ে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বিশ্বের তেল ও তরল জ্বালানির প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে সেখানে সরবরাহ ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও জ্বালানি সরবরাহ উভয়ের ওপরই চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এই পরিস্থিতিতে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র তার কৌশলগত মজুত থেকে বিপুল পরিমাণ তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়।   গত ১১ মার্চ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্বালানি বিভাগকে কৌশলগত পেট্রোলিয়াম মজুত থেকে ১৭ কোটি ২০ লাখ ব্যারেল তেল ছাড়ার অনুমতি দেন। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট জানান, প্রায় ১২০ দিনের মধ্যে এই তেল সরবরাহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ ছিল আন্তর্জাতিক জ্বালানি সংস্থার ৩২ সদস্য দেশের সমন্বিত পদক্ষেপের অংশ। ওই সময় সংস্থাটির সদস্য দেশগুলো সম্মিলিতভাবে তাদের জরুরি মজুত থেকে মোট ৪০ কোটি ব্যারেল তেল ও পরিশোধিত জ্বালানি বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেয়। লক্ষ্য ছিল যুদ্ধের কারণে তৈরি হওয়া সরবরাহ সংকট সামাল দেওয়া এবং জ্বালানির দাম কমানোর চেষ্টা করা।   যুক্তরাষ্ট্রের কৌশলগত পেট্রোলিয়াম মজুত মূলত বড় ধরনের জ্বালানি সংকট, সরবরাহ ব্যাহত হওয়া কিংবা জাতীয় নিরাপত্তাজনিত জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য রাখা হয়। সাবেক প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের সময়ে এই মজুত ব্যবস্থা তৈরি করা হয়। টেক্সাস ও লুইজিয়ানা অঙ্গরাজ্যের উপকূলীয় এলাকায় ভূগর্ভস্থ লবণের গুহায় এসব অপরিশোধিত তেল সংরক্ষণ করা হয়। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এর আগে বড় আকারে এই মজুত ব্যবহার করেছিল ২০২২ সালে। রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে গেলে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় ১৮ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার অনুমোদন দেন। ওই সময় মজুত নেমে ৩৪ কোটি ৬৮ লাখ ব্যারেলে পৌঁছেছিল, যা সে সময় প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল।   এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেছে। যুদ্ধ শুরুর আগে ৪১ কোটি ৫৪ লাখ ব্যারেল থেকে মজুত কমে ২৮ কোটি ৯৭ লাখ ব্যারেলে নেমে আসায় যুক্তরাষ্ট্রের হাতে থাকা জরুরি তেলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে মার্কিন প্রশাসন জানিয়েছে, মজুত পুনরায় পূরণ করার পরিকল্পনাও রয়েছে। মার্চে জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেছিলেন, আগামী এক বছরের মধ্যে প্রায় ২০ কোটি ব্যারেল তেল যোগ করে মজুত পুনর্গঠন করার ব্যবস্থা করা হয়েছে। তাঁর দাবি ছিল, যে পরিমাণ তেল বের করা হবে, তার চেয়েও বেশি তেল পরবর্তীতে মজুতে ফিরিয়ে আনা হবে।   তবে কৌশলগত মজুত থেকে দ্রুত তেল বের করা গেলেও তা একই গতিতে আবার পূরণ করা সহজ নয়। তাই বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে একদিকে যুদ্ধ ও আন্তর্জাতিক সরবরাহ সংকট সামাল দিতে হচ্ছে, অন্যদিকে ভবিষ্যতের জরুরি পরিস্থিতির জন্য পর্যাপ্ত তেল মজুত রাখার বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালির ওপর চাপ এবং আন্তর্জাতিক তেল সরবরাহে বিঘ্নের আশঙ্কা এখনো বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম বড় উদ্বেগ। এর মধ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত মজুত চার দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ায় দেশটির জ্বালানি নিরাপত্তা ও ভবিষ্যৎ মজুত পুনর্গঠন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।   সূত্র: কেসিআরএ

প্রকাশ : আগস্ট ২৮, ২০২৬ ২৩:৩৯
নেপালে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন ১০৫ বছর বয়সী ওই বৃদ্ধা। ছবি: সংগৃহীত
নেপালে ধ্বংসস্তূপের নিচ থেকে ২৪ ঘণ্টা পর ১০৫ বছরের বৃদ্ধা জীবিত উদ্ধার

নেপালে এক অবিশ্বাস্য উদ্ধারের ঘটনা ঘটেছে। নিজের ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে টানা ২৪ ঘণ্টা আটকে থাকার পর ১০৫ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার এই ঘটনাকে এক সত্যিকারের অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন সবাই।   গত ২৮ আগস্ট আলেকজান্ডার লোপেজের করা এক প্রতিবেদন থেকে জানা যায়, চোখের পলকেই ওই বৃদ্ধার বাড়িটি ধসে পড়েছিল। চারপাশের সব কিছু মাটির সঙ্গে মিশে গেলেও ধ্বংসস্তূপের নিচে একটি ছোট্ট ফাঁকা জায়গায় আটকে ছিলেন তিনি। জায়গাটি এতটাই ছোট ছিল যে সেখানে শ্বাস নেওয়াও তার জন্য কষ্টকর হয়ে দাঁড়িয়েছিল।   এই অবস্থায় টানা ২৪ ঘণ্টা তিনি সেখানে একেবারে নিথর হয়ে পড়ে ছিলেন। বাইরে তখন উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের এক একটি স্তর সাবধানে সরিয়ে তাকে খুঁজছিল। তারা জানতেন না যে নিচে কোনো জীবিত মানুষ আছেন নাকি কেবল একটি মৃতদেহ পাওয়া যাবে। বুকের ওপর ধসে পড়া বাড়ির বিশাল ওজন নিয়ে বৃদ্ধা কেবল অপেক্ষাই করছিলেন। তার চিৎকার করার কোনো শক্তি ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে তার বেঁচে থাকার আশাও ক্ষীণ হয়ে আসছিল।   উদ্ধারকর্মীরা সেন্সরের মাধ্যমে ক্ষীণ প্রাণের স্পন্দন শনাক্ত করে তাদের কাজ চালিয়ে যান। বৃদ্ধার যেন কোনো আঘাত না লাগে, সে জন্য শেষ কয়েক মিটার তারা কোনো ভারী যন্ত্রপাতি ব্যবহার না করে খালি হাতেই মাটি ও ইটপাথর সরানোর কাজ করেন।   অবশেষে যখন ধ্বংসস্তূপের শেষ ব্লকটি সরানো হয়, তখন উদ্ধারকর্মীরা দেখতে পান যে এক শতাব্দীরও বেশি সময় পার করা ওই বৃদ্ধা তখনও বেঁচে আছেন এবং তার জ্ঞান রয়েছে। জীবনের ১০৫টি বছর পার করে এসে তিনি গত ২৪ ঘণ্টা মৃত্যুর যতটা কাছাকাছি ছিলেন, এর আগে হয়তো কখনোই এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হননি তিনি। নেপালের মতো দুর্যোগপ্রবণ এলাকায় এমন সফল উদ্ধার অভিযান মানুষের মনে নতুন করে আশার সঞ্চার করেছে।   সূত্র: আলেকজান্ডার লোপেজের প্রতিবেদন

প্রকাশ : আগস্ট ২৮, ২০২৬ ২৩:২৩
গাড়ি দুর্ঘটনার সময় শক্ত চুলের ক্লিপ মাথায় গুরুতর আঘাতের কারণ হতে পারে। ছবি: সংগৃহীত
চুলে ক্লিপ পরে গাড়িতে যাতায়াত, দুর্ঘটনার সময় এটি মাথার খুলি পর্যন্ত ঢুকে যেতে পারে

গাড়িতে ওঠার সময় চুল বাঁধার জনপ্রিয় ক্লিপ ব্যবহার নিয়ে সতর্ক করেছেন জরুরি বিভাগের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। তাদের মতে, গাড়ি দুর্ঘটনার সময় মাথা পেছনের দিকে জোরে ধাক্কা খেলে শক্ত ধরনের দাঁতযুক্ত চুলের ক্লিপ মাথার ত্বকে ঢুকে গুরুতর আঘাতের কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে ক্লিপটি মাথার ত্বকে আটকে গিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণের প্রয়োজনও হতে পারে।   সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে জরুরি বিভাগের চিকিৎসক ও নার্সদের নিয়ে একটি আলোচনায় দৈনন্দিন জীবনের কোন কোন ঝুঁকিপূর্ণ কাজ তারা নিজেরা এড়িয়ে চলেন, তা নিয়ে আলোচনা হয়। সেখানে মোটরসাইকেল চালানো, নিরাপত্তা জাল ছাড়া ট্রাম্পোলিন ব্যবহার এবং দ্রুতগতিতে বৈদ্যুতিক স্কুটার চালানোর মতো বিষয় উঠে আসে। এর পাশাপাশি গাড়িতে চুলের ক্লিপ পরে থাকার বিষয়টিও চিকিৎসকদের আলোচনায় আসে। বিশেষ করে পেছনের দিকে বড় দাঁতযুক্ত চুলের ক্লিপ পরে গাড়িতে বসার ঝুঁকির কথা তুলে ধরেন তারা। এসব ক্লিপ সাধারণত মাথার পেছনে এমন জায়গায় থাকে, যেখানে গাড়ি দুর্ঘটনার সময় মাথা সিট বা হেডরেস্টের দিকে জোরে ধাক্কা খেতে পারে।   চিকিৎসক ডোরিয়ান ও'লিয়ারি এক ইনস্টাগ্রাম ভিডিওর বর্ণনায় বলেন, সড়ক দুর্ঘটনার সময় মাথা জোরে পেছনের দিকে চলে গেলে ধাতব চুলের ক্লিপ মাথা, ঘাড় ও মাথার ত্বরে আঘাত করতে পারে। তার মতে, ক্লিপ মাথার ত্বকে ঢুকে যেতে পারে, কেটে যাওয়ার মতো ক্ষত তৈরি করতে পারে এবং পরে অস্ত্রোপচারের মাধ্যমে সেটি বের করতে হতে পারে। একজন অবসরপ্রাপ্ত নিবিড় পরিচর্যা বিভাগের নার্সও একই ধরনের সতর্কতা জানিয়েছেন। তার ভাষ্য, গাড়ি দুর্ঘটনার সময় শক্ত ক্লিপ মাথার ভেতর পর্যন্ত ঢুকে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। একজন মৃত্যুর কারণ অনুসন্ধানকারীও জানান, তিনি গাড়ি চালানোর সময় কখনো এ ধরনের ক্লিপ পরবেন না।   চুলের এই ক্লিপের জনপ্রিয়তা অবশ্য নতুন নয়। ১৯৮০-এর দশক থেকেই চুল দ্রুত গুছিয়ে রাখার জন্য এ ধরনের ক্লিপ ব্যবহৃত হয়ে আসছে। সাম্প্রতিক বছরগুলোতে পুরোনো ফ্যাশনের পুনরুত্থান এবং ওয়াই-টু-কে ধাঁচের পোশাক ও সাজসজ্জার জনপ্রিয়তার সঙ্গে নতুন প্রজন্মের মধ্যেও এটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। অভিনেত্রী ও মডেল হেইলি বিবার এবং কেন্ডাল জেনারকেও এ ধরনের ক্লিপ ব্যবহার করতে দেখা গেছে। তবে গাড়িতে ব্যবহারের ক্ষেত্রে ঝুঁকির বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা। কারণ দুর্ঘটনার সময় শরীরের সঙ্গে গাড়ির ভেতরের শক্ত কোনো বস্তু আটকে গেলে সেটি অতিরিক্ত আঘাতের কারণ হতে পারে।   এর বাস্তব উদাহরণও রয়েছে। ২০২৩ সালে যুক্তরাজ্যের ১৯ বছর বয়সী জিনা পানেসার গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন। ডার্বিশায়ারে গাড়ি চালানোর সময় তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খেয়ে উল্টে যায়। তখন তার চুলে একটি দাঁতযুক্ত ক্লিপ লাগানো ছিল। সংঘর্ষের সময় ক্লিপটি মাথার পেছনে ঢুকে যায়। পরে হাসপাতালে সেটি অপসারণ করা হয়। দুর্ঘটনায় তার মাথা থেকে ভ্রু পর্যন্ত প্রায় ৩০ সেন্টিমিটার দীর্ঘ ক্ষত তৈরি হয়েছিল। পানেসার পরে অন্য গাড়িচালকদেরও গাড়িতে ওঠার আগে এ ধরনের ক্লিপ খুলে ফেলার পরামর্শ দেন। চুল বাঁধার প্রয়োজন হলে তিনি রাবারের ব্যান্ড ব্যবহারের কথা বলেন। তার নিজের অভিজ্ঞতা ছিল, দুর্ঘটনার সময় ক্লিপটি মাথার পেছনে আটকে যাওয়ার পর তিনি গুরুতর বিপদের আশঙ্কা করেছিলেন।   চীনের সিচুয়ান প্রদেশেও এ ধরনের ঘটনার খবর পাওয়া গেছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এক নারী গাড়ি দুর্ঘটনার পর মাথার ত্বকে দাঁতযুক্ত চুলের ক্লিপ আটকে যাওয়ায় হাসপাতালে চিকিৎসা নেন। চিকিৎসকেরা প্রায় ১০ মিনিটের চেষ্টায় সেটি বের করেন। চিকিৎসক তিয়ান ফেংমিং জানিয়েছিলেন, ক্লিপটি মাথার খুলিতে পৌঁছে গেলে মস্তিষ্কে রক্তক্ষরণ বা অন্য জটিলতা ঠেকাতে নিউরোসার্জারির প্রয়োজন হতে পারত। তবে এ বিষয়ে একটি বিষয় মনে রাখা জরুরি। চুলের ক্লিপ ব্যবহার করলেই গুরুতর আঘাত হবে, এমন নয়। চিকিৎসকদের সতর্কতার মূল বিষয় হলো গাড়ি দুর্ঘটনার মতো উচ্চঝুঁকির পরিস্থিতিতে মাথার পেছনে শক্ত কোনো বস্তু থাকা। জরুরি চিকিৎসাবিষয়ক বিশেষজ্ঞদের মধ্যেও ঝুঁকির মাত্রা নিয়ে কিছুটা মতভেদ রয়েছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন, এ ধরনের আঘাত সম্ভব হলেও তা তুলনামূলকভাবে বিরল এবং গাড়ির দুর্ঘটনায় আরও বড় ঝুঁকি তৈরি করে অন্য কারণগুলো, যেমন নিরাপত্তাহীন বস্তু বা মনোযোগের ঘাটতি।   তাই গাড়ি চালানোর সময় বা যাত্রার ক্ষেত্রে চুলের পেছনে শক্ত ও বড় ক্লিপ ব্যবহার না করাই নিরাপদ বলে পরামর্শ দেওয়া হচ্ছে। চুল বাঁধার প্রয়োজন হলে তুলনামূলক নরম রাবার ব্যান্ড বা এমন কোনো উপকরণ ব্যবহার করা যেতে পারে, যা মাথার পেছনে শক্তভাবে বেরিয়ে থাকে না। দৈনন্দিন ব্যবহারের একটি সাধারণ ফ্যাশন সামগ্রী কীভাবে দুর্ঘটনার সময় অতিরিক্ত আঘাতের কারণ হতে পারে, সাম্প্রতিক এই আলোচনা সেটিই সামনে এনেছে। বিশেষ করে গাড়িতে দীর্ঘ সময় যাতায়াত করা ব্যক্তিদের জন্য চুলের সাজসজ্জার পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যকর্মীরা।   সংবাদসূত্র: নিউইয়র্ক পোস্ট, চ্যানেল নিউজএশিয়া, ৭নিউজ ও দ্য স্ট্যান্ডার্ড।

প্রকাশ : আগস্ট ২৮, ২০২৬ ২২:৪৯
স্কুল গাইডে ওসামা বিন লাদেনের লেখা অন্তর্ভুক্তির অভিযোগ ঘিরে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত
৯/১১ হামলার দায় ইসরায়েলের, বিন লাদেনের লেখা পড়ার পরামর্শ: সেই স্কুল গাইড সরাল মার্কিন মুসলিম সংগঠন কেয়ার

যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিক অধিকার ও অধিকারভিত্তিক সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস বা সিএআইআর তাদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ‘ব্যাক-টু-স্কুল’ গাইড প্রকাশের পর নতুন করে বিতর্কের মুখে পড়েছে। গাইডের সঙ্গে যুক্ত একটি ৯/১১ বিষয়ক পাঠ্যক্রমে হামলার পেছনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির ভূমিকার ওপর জোর দেওয়া এবং আল-কায়েদার প্রতিষ্ঠাতা ও ৯/১১ হামলার মূল পরিকল্পনাকারী ওসামা বিন লাদেনের লেখা ‘লেটার টু আমেরিকা’কে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহায়ক পাঠ্য হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে।   ২৮ আগস্ট নিউইয়র্ক পোস্ট এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সংবাদমাধ্যমটির দাবি, গাইডে যুক্ত বিতর্কিত ৯/১১ বিষয়ক উপকরণটি পরে সরিয়ে নেওয়া হয়েছে। সিএআইআর লিংক সরানোর বিষয়টি সরাসরি অস্বীকার করেনি। তবে সংগঠনটি নিউইয়র্ক পোস্টকে আগের একটি নথিতে পরিবর্তন আনার বিষয়ে একটি নোটের দিকে নির্দেশ করেছে।   অন্যদিকে সিএআইআর তাদের ২৪ আগস্টের আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছিল, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ সামনে রেখে তারা শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের জন্য একটি ‘ব্যাক-টু-স্কুল রিসোর্স গাইড’ প্রকাশ করেছে। এতে স্কুলে মুসলিম শিক্ষার্থীদের অধিকার, হয়রানি ও বৈষম্য, ৯/১১ ও গাজা নিয়ে শ্রেণিকক্ষের আলোচনা এবং নামাজ, পোশাক ও খাবারসংক্রান্ত ধর্মীয় সুবিধা পাওয়ার বিষয়ে তথ্য ও ব্যবহারিক নির্দেশনা রয়েছে।   তবে বিতর্কের কেন্দ্রে থাকা ‘মুসলিম স্টাডিজ কারিকুলাম’ মূলত একটি পুরোনো শিক্ষাসামগ্রী, যা সিএআইআর-এনজে ও ‘টিচিং হোয়াইল মুসলিম’ যৌথভাবে তৈরি করেছিল। ২০২২ সালে সিএআইআর-এনজে জানিয়েছিল, ৯/১১ নিয়ে শ্রেণিকক্ষে আলোচনার সময় মুসলিম শিক্ষার্থীদের ওপর বৈষম্য ও হয়রানি কমানো এবং ঘটনাটির পরবর্তী প্রভাব বোঝাতে এই পাঠ্যক্রম তৈরি করা হয়েছে।   পাঠ্যক্রমটির একটি অনলাইন কপিতে বলা হয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। সেখানে হামলার প্রেক্ষাপট হিসেবে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, পারস্য উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে। নথিতে একই সঙ্গে হামলার পর মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য, বিদ্বেষ এবং নাগরিক অধিকার সংকুচিত হওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে।   নথিতে ৯/১১ হামলার জন্য আল-কায়েদার ভূমিকা উল্লেখ করা হলেও, সমালোচকদের অভিযোগ, সেখানে হামলাকারীদের সরাসরি ‘ইসলামপন্থী সন্ত্রাসী’ হিসেবে বর্ণনা না করে ঘটনাটির রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণেই নতুন করে প্রশ্ন উঠেছে, এমন একটি পাঠ্যক্রম স্কুলশিক্ষার্থীদের জন্য কতটা ভারসাম্যপূর্ণ।   বিতর্ক আরও বাড়ে ‘লেটার টু আমেরিকা’কে উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুপারিশ করা পাঠ্যের তালিকায় রাখার বিষয়টি সামনে আসার পর। এটি ওসামা বিন লাদেনের ২০০২ সালের একটি চিঠি, যেখানে তিনি ৯/১১ হামলার পক্ষে নিজের যুক্তি তুলে ধরেছিলেন। পাঠ্যক্রমের অনলাইন সংস্করণে দ্য গার্ডিয়ানের প্রকাশিত ওই লেখার পূর্ণাঙ্গ সংস্করণের দিকে শিক্ষার্থীদের নির্দেশ করা হয়েছিল।   পাঠ্যক্রমে ওসামা বিন লাদেনকে ১৯৮০-এর দশকে আফগানিস্তানে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে লড়াই করা বিদ্রোহীদের একজন হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, আফগানিস্তানে সোভিয়েতবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের সমর্থন করেছিল এবং ওই সময় বিন লাদেনও সেখানে ছিলেন। সমালোচকদের মতে, এই বর্ণনা তার পরবর্তী ভূমিকা ও ৯/১১ হামলার সঙ্গে তার সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দেয় না।   পাঠ্যক্রমের সুপারিশের তালিকায় ‘ভি ফর ভেনডেটা’ চলচ্চিত্রের নামও রয়েছে। এ ছাড়া ৯/১১, ইসলামবিদ্বেষ, মুসলিমদের ওপর হামলা এবং যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী যুদ্ধের প্রভাব নিয়ে বিভিন্ন বই, তথ্যচিত্র ও অন্যান্য শিক্ষাসামগ্রীর উল্লেখ রয়েছে।   তবে সিএআইআরের বক্তব্যে বিষয়টির আরেকটি দিকও রয়েছে। সংগঠনটি বলছে, ৯/১১ নিয়ে স্কুলে আলোচনা হলে মুসলিম শিক্ষার্থীদের মধ্যে অনেক সময় হয়রানি ও বিদ্বেষের ঘটনা বাড়ে। তাদের ২০২৬ সালের ব্যাক-টু-স্কুল প্রচারণায় এই বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। সংগঠনের দাবি, ২০২৫ সালে দেশজুড়ে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য ও অধিকার লঙ্ঘনের ৮ হাজার ৬৮৩টি অভিযোগ তারা নথিভুক্ত করেছে, যা তাদের হিসাব অনুযায়ী ১৯৯৬ সালে এ ধরনের তথ্য সংগ্রহ শুরুর পর এক বছরে সর্বোচ্চ।   সিএআইআরের জাতীয় গবেষণা ও অ্যাডভোকেসি পরিচালক কোরি সেলর বলেন, শিক্ষার্থীদের ধর্ম পালনের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং হয়রানি থেকে সুরক্ষা সম্পর্কে জানানো জরুরি। সংগঠনটি বিশেষ করে ৯/১১ ও মধ্যপ্রাচ্যের সংঘাত নিয়ে শ্রেণিকক্ষের আলোচনার সময় মুসলিম শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে।   অন্যদিকে, ৯/১১ হামলায় স্বজন হারানো পরিবার এবং ইহুদি কমিউনিটির কিছু নেতা পাঠ্যক্রমটির তীব্র সমালোচনা করেছেন। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে ৯/১১ হামলায় মাকে হারানো নিকোলাস হারোস জুনিয়র বলেন, ইসরায়েলের ৯/১১ হামলার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। তিনি পাঠ্যসামগ্রীটির ব্যাখ্যাকে ‘প্রচারমূলক’ বলে সমালোচনা করেন।   ইউনাইটেড জিউইশ টিচার্সের সভাপতি মোশে স্পার্নও সিএআইআরের সমালোচনা করেছেন। তার অভিযোগ, পাঠ্যক্রমে ৯/১১ হামলাকারীদের সন্ত্রাসী হিসেবে যথাযথভাবে উল্লেখ করা হয়নি এবং বিন লাদেনের লেখা শিক্ষার্থীদের পড়ার জন্য দেওয়া হয়েছে। তিনি এটিকে শিক্ষামূলক অন্তর্ভুক্তির বদলে ক্ষতিকর প্রচারণা হিসেবে অভিহিত করেন।   ৯/১১ হামলার পেছনে আল-কায়েদার ভূমিকা নিয়ে কোনো বিতর্ক নেই। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার সদস্যরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে হামলা চালায়। নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার এবং পেন্টাগন হামলার প্রধান লক্ষ্য ছিল। প্রায় ৩ হাজার মানুষ এতে নিহত হন।   তবে হামলার পর যুক্তরাষ্ট্রের নীতিগত প্রতিক্রিয়া, মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য এবং সন্ত্রাসবিরোধী যুদ্ধের প্রভাব নিয়ে আলাদা ঐতিহাসিক ও রাজনৈতিক বিতর্ক রয়েছে। সিএআইআরের পাঠ্যক্রমে মূলত সেই পরবর্তী প্রভাবের ওপর জোর দেওয়া হয়েছে। সংগঠনটির ২০২২ সালের বক্তব্যেও বলা হয়েছিল, ৯/১১ নিয়ে শিক্ষার্থীদের এমনভাবে শেখানো দরকার, যাতে ঘটনাটির পাশাপাশি মুসলিমদের ওপর পরবর্তী বৈষম্য ও নাগরিক অধিকারসংক্রান্ত বিষয়গুলোও বোঝা যায়।   এই বিতর্কের মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ৯/১১-এর মতো একটি সন্ত্রাসী হামলা নিয়ে শিক্ষার্থীদের কীভাবে ইতিহাস, সন্ত্রাসবাদের কারণ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি এবং মুসলিমদের ওপর পরবর্তী প্রভাব একসঙ্গে শেখানো হবে। একটি পক্ষ মনে করছে, শুধু হামলার ঘটনা বললে পরবর্তী বৈষম্যের ইতিহাস বাদ পড়ে যায়। অন্য পক্ষের আশঙ্কা, রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে হামলার দায় ও সন্ত্রাসীদের ভূমিকা অস্পষ্ট করা হলে শিক্ষার্থীরা ঘটনাটির পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ ইতিহাস থেকে বঞ্চিত হতে পারে।   সিএআইআরের ২০২৬-২৭ সালের গাইড নিয়ে বিতর্ক তাই শুধু একটি লিংক সরিয়ে নেওয়ার ঘটনা নয়। এটি যুক্তরাষ্ট্রের স্কুলে ৯/১১, ইসলামবিদ্বেষ, মুসলিম পরিচয়, মধ্যপ্রাচ্যের রাজনীতি এবং সন্ত্রাসবাদ কীভাবে পড়ানো হবে, সেই দীর্ঘদিনের বিতর্ককেও আবার সামনে নিয়ে এসেছে। সংবাদসূত্র: নিউইয়র্ক পোস্ট, কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস, সিএআইআর-নিউ জার্সি ও টিচিং হোয়াইল মুসলিম।

প্রকাশ : আগস্ট ২৮, ২০২৬ ২২:২৫
নতুন মসজিদ নির্মাণ প্রকল্পে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে মসজিদ আল-রহমান। ছবি: সংগৃহীত
জর্জিয়ায় নতুন মসজিদ নির্মাণে ২.৯ মিলিয়ন ডলারের তহবিল সংগ্রহে বাংলাদেশিদের এগিয়ে আসার আহ্বান

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার কামিং এলাকায় ক্রমবর্ধমান মুসলিম কমিউনিটির জন্য নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদ আল-রহমানের এই প্রকল্প বাস্তবায়নে জমি ক্রয়ে মোট ২.৯ মিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ১,০৩৩,৬১৬ ডলার সংগ্রহ হয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে জমি কেনার ক্লোজিং সম্পন্ন করতে বাকি অর্থ সংগ্রহের চেষ্টা চলছে।   নতুন মসজিদের জন্য ১৩০০ Peachtree Parkway এ ৭.৫ একর জমি কেনার চুক্তি হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সেখানে ৩০০টির বেশি পার্কিং স্পেস, একটি মাল্টিপারপাস হল এবং ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগসহ নতুন মসজিদ নির্মাণ করা হবে।   মসজিদ কর্তৃপক্ষ জানায়, বর্তমানে প্রতি জুমায় ৫০০ এর বেশি মুসল্লি নামাজ আদায় করেন। বর্তমান স্থানে জায়গা ও পার্কিং সংকট ক্রমেই বাড়ছে। বিশেষ করে রমজানে নারীদের জন্য পর্যাপ্ত জায়গা এবং বয়স্কদের জন্য অ্যাক্সেসিবল সুবিধারও ঘাটতি রয়েছে। নতুন মসজিদে এসব বিষয় বিবেচনায় রেখে সুবিধা তৈরির পরিকল্পনা করা হয়েছে। শিশু ও তরুণদের জন্য থাকবে আলাদা কার্যক্রম এবং আউটডোর স্পোর্টসের সুযোগ।   নতুন মসজিদ নির্মাণের পাশাপাশি ১২৩৫ Peachtree Parkway এ অবস্থিত বর্তমান ভবনটিকে একটি ফুল-টাইম ইসলামিক স্কুল হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। স্কুলটি স্বাধীনভাবে পরিচালিত হবে।   তহবিল সংগ্রহে বাংলাদেশি কমিউনিটির প্রতিও বিশেষ আহ্বান জানানো হয়েছে। মসজিদ কমিউনিটির পক্ষ থেকে আমেরিকা বাংলাকে জানানো হয়, এটি কোনো একক দেশের মানুষের মসজিদ নয়। বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়সহ বিভিন্ন দেশের মুসলিমদের সমন্বয়ে এখানে একটি বৃহৎ কমিউনিটি গড়ে উঠেছে।   বাংলাদেশি কমিউনিটির যার যতটুকু সামর্থ্য আছে, সাধ্যমতো দান করার পাশাপাশি যারা প্রকল্পটি সম্পর্কে জানেন না, তাদেরও বিষয়টি জানিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।   প্রচারাভিযানে ১০০ ডলারকে একটি ইট, ১,০০০ ডলারকে একটি নামাজের স্থান বা মুসাল্লা, ৬,০০০ ডলারকে একটি পার্কিং স্পেস এবং ২৫,০০০ ডলারকে একটি ক্লাসরুমের প্রতীকী অনুদান হিসেবে তুলে ধরা হয়েছে। এককালীন অনুদানের পাশাপাশি মাসিক ভিত্তিতেও দানের সুযোগ রয়েছে।   মসজিদ কর্তৃপক্ষের লক্ষ্য, নতুন এই প্রকল্পের মাধ্যমে শুধু বর্তমান স্থান সংকটের সমাধান নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্থায়ী ইসলামিক ও কমিউনিটি প্রতিষ্ঠান গড়ে তোলা। ৩১ আগস্টের ক্লোজিং সামনে রেখে বাংলাদেশিসহ বৃহত্তর মুসলিম কমিউনিটির সবাইকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।   মসজিদ প্রকল্পটি সরাসরি দেখতে এবং অনুদান দিতে নিচের লিংকে ক্লিক করুন: https://cummingcommunitycenter.com

প্রকাশ : আগস্ট ২৮, ২০২৬ ২২:১২
বাবার এমন অভিনব কৌশলের পরও ছেলের গেম খেলার সময় খুব একটা কমেনি। ছবি: সংগৃহীত
চাকরি ছেড়ে সারাদিন গেম খেলায় মগ্ন ছেলে, গেমে তাকে হারাতে পেশাদার গেমার ভাড়া করলেন বাবা

সন্তানের ভিডিও গেমের আসক্তি নিয়ে বর্তমান বিশ্বের প্রায় সব অভিভাবকই কমবেশি চিন্তিত থাকেন। সন্তানকে গেম থেকে দূরে রাখতে বাবা মায়েরা বকাঝকা থেকে শুরু করে ডিভাইস কেড়ে নেওয়ার মতো অনেক কিছুই করে থাকেন। তবে চীনের এক বাবা তার বেকার ছেলেকে গেমের নেশা থেকে বের করে কাজে ফেরাতে এমন এক অভিনব কৌশল বেছে নিয়েছেন, যা শুনে যে কেউ অবাক হবেন। ছেলেকে গেমের ভার্চুয়াল জগতে প্রতিনিয়ত হত্যা করার জন্য রীতিমতো পেশাদার গেমার বা খেলোয়াড় ভাড়া করেছিলেন তিনি।   চীনের বাসিন্দা ২৩ বছর বয়সী তরুণ জিয়াও ফেং। কিছুদিন আগে তিনি তার চাকরি ছেড়ে দেন। এরপর থেকে সারাদিন ভিডিও গেম খেলাতেই মগ্ন থাকতেন তিনি। তার বাবার অভিযোগ ছিল, ছেলে সারাদিন অনলাইনে গেম খেলে সময় নষ্ট করছে এবং নতুন কোনো চাকরি খোঁজার ব্যাপারে তার কোনো তাগিদই নেই। ছেলেকে স্বাভাবিকভাবে বুঝিয়ে কোনো লাভ না হওয়ায় শেষ পর্যন্ত ওই ব্যক্তি এক ভিন্নধর্মী পরিকল্পনা করেন।   তিনি ভেবেছিলেন, ছেলেকে যখন গেম থেকে বের করে আনা যাচ্ছে না, তখন তাকেই ওই গেমের ভেতরে প্রবেশ করতে হবে। তবে নিজে গেম খেলা শুরু করার বদলে তিনি অন্য পথ ধরেন। তিনি ছেলের চেয়েও অনেক বেশি দক্ষ ও উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন পেশাদার গেমারকে অর্থের বিনিময়ে নিয়োগ দেন। তাদের কাজ ছিল একটাই, জিয়াও ফেং যখনই গেমে লগ ইন করবেন, তখনই তাকে খুঁজে বের করে গেমের ভেতরেই হত্যা করা।   ওই বাবার মূল পরিকল্পনা ছিল, বারবার গেমে হেরে গিয়ে বা খুন হয়ে ছেলে হতাশ হয়ে পড়বে। এক পর্যায়ে গেমের প্রতি তার আগ্রহ নষ্ট হয়ে যাবে এবং সে বাধ্য হয়ে আবারও কাজের প্রতি মনোযোগী হবে।   তবে বাবার এই গোপন পরিকল্পনা খুব বেশিদিন চাপা থাকেনি। জিয়াও ফেং বুঝতে পারেন যে গেমের ভেতরে অদ্ভুত কিছু একটা ঘটছে। তিনি লক্ষ্য করেন, তিনি যখনই গেম খেলতে ঢুকছেন, তখনই নির্দিষ্ট কিছু উচ্চ পর্যায়ের খেলোয়াড় তাকে টার্গেট করে আক্রমণ করছে। এক পর্যায়ে তিনি আবিষ্কার করেন যে এই ডিজিটাল গুপ্তঘাতকদের পেছনে আসলে তার নিজের বাবাই রয়েছেন।   বাবার এই কাণ্ড জানার পর জিয়াও ফেং তাকে নিজের চাকরি ছাড়ার পেছনের আসল কারণটি বুঝিয়ে বলেন। তিনি বাবাকে জানান, সারাজীবন গেম খেলার জন্য তিনি চাকরি ছাড়েননি। মূলত নিজের মনের মতো কোনো কাজ না পাওয়ার কারণেই তিনি আপাতত বেকার বসে আছেন এবং সময় কাটাচ্ছেন।   তবে বাবার এই সুপরিকল্পিত এবং ব্যয়বহুল কৌশল শেষ পর্যন্ত খুব একটা কাজে আসেনি। পেশাদার গেমার লেলিয়ে দেওয়ার পরও জিয়াও ফেং স্ক্রিনের সামনে কাটানো সময় খুব একটা কমিয়েছেন বলে প্রমাণ পাওয়া যায়নি। তবুও ওই বাবা অন্তত এটুকু ভেবে সান্ত্বনা পেতে পারেন যে ছেলের নেশা ছাড়ানোর জন্য তিনি সম্ভাব্য সব চেষ্টাই করেছেন। ডিভাইস কেড়ে নেওয়ার সুযোগ না থাকায় গেমের ভেতরেই ছেলের জীবন অতিষ্ঠ করে তোলার এই ঘটনাটি এখন নেট দুনিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।   সংবাদসূত্র: দ্য এপক টাইমস, কেএসএল, দ্য গার্ডিয়ান ও অন্যান্য সমসাময়িক প্রতিবেদন।

প্রকাশ : আগস্ট ২৮, ২০২৬ ২১:৪০
প্রসূতি মায়েদের শারীরিক ও মানসিক সুস্থতায় কাজ করেন ডুলা বা প্রসূতি সহায়করা। ছবি: সংগৃহীত
মাতৃমৃত্যু কমাতে নিউইয়র্কের নতুন উদ্যোগ, ২০২৭ থেকে সিটি কর্মীদের স্বাস্থ্যবিমায় যুক্ত হচ্ছে প্রসূতি সহায়তা

নিউইয়র্ক সিটি প্রশাসন নতুন বাবা ও মা হতে যাওয়া নাগরিকদের জন্য প্রসূতি সহায়তা বা ডুলা সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। প্রথম ধাপে খোদ নগর প্রশাসনের কর্মীদের জন্যই এই সুবিধা চালু করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম পিক্স১১ এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ডুলা মূলত এমন এক ধরনের পেশাদার সেবা, যেখানে গর্ভাবস্থায়, প্রসবের সময় এবং প্রসবের পর একজন প্রসূতি মাকে শারীরিক ও মানসিক সমর্থন দেওয়া হয়।   নিউইয়র্ক সিটির কর্মীদের স্বাস্থ্যবিমা প্রদানকারী প্রতিষ্ঠান মেট্রোপ্লাসহেলথ জানিয়েছে, ২০২৭ সাল থেকে তাদের বিমা পরিকল্পনায় ডুলা বা প্রসূতি সহায়কদের সেবা অন্তর্ভুক্ত করা হবে। বিমা কোম্পানির তথ্য অনুযায়ী, নতুন এই সুবিধার আওতায় সন্তান জন্মদানের আগে বা পরে মোট আটবার স্বাস্থ্য পরীক্ষা এবং সন্তান প্রসবের সময় সরাসরি একজন প্রসূতি সহায়কের উপস্থিতি নিশ্চিত করা হবে। এই পদক্ষেপটি মাতৃস্বাস্থ্য সুরক্ষায় একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।   সম্প্রতি নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, শহরের পরিচালিত ছয়টি হাসপাতাল সন্তান প্রসবের সময় ডুলা সেবা দেওয়ার জন্য একটি বিশেষ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে। গত কয়েক বছরে নিউইয়র্ক সিটির হাসপাতালগুলোতে এই সেবার চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে, গত ছয় বছরে হাসপাতালগুলো থেকে ডুলা বা প্রসূতি সহায়কের কাছে রেফার করার হার আগের তুলনায় ছয় গুণ বেড়েছে।   স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক ডেপুটি মেয়র ডা. হেলেন আর্তেয়াগা এই উদ্যোগের সামাজিক গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেন, সামাজিকভাবে পরিচালিত ডুলা বা প্রসূতি সহায়তা কর্মসূচিগুলো সন্তান প্রত্যাশী পরিবারগুলোর মানসিক, আবেগিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করতে সাহায্য করে। বিশেষ করে কৃষ্ণাঙ্গ ও লাতিনো সম্প্রদায়, যারা দীর্ঘদিন ধরে গভীর বৈষম্য এবং উদ্বেগজনক হারে মাতৃমৃত্যুর শিকার, তাদের জন্য এই সেবাটি অত্যন্ত জরুরি।   ন্যাশনাল হেলথ ল প্রোগ্রামের তথ্য অনুযায়ী, অন্যান্য উচ্চ আয়ের দেশগুলোর তুলনায় যুক্তরাষ্ট্রে মাতৃমৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি। চিকিৎসাবিজ্ঞানীরা মনে করেন, ডুলা বা প্রসূতি সহায়কদের যুক্ত করার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত হয় এবং মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হয়।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মাত্র দুটি অঙ্গরাজ্যে বেসরকারি বিমা কোম্পানিগুলোর জন্য ডুলা সেবা অন্তর্ভুক্ত করার আইনি বাধ্যবাধকতা ছিল। তবে বর্তমানে অন্যান্য অঙ্গরাজ্যগুলোও একই ধরনের ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে।

প্রকাশ : আগস্ট ২৮, ২০২৬ ২১:২৩
ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের লাগেজ তল্লাশি করছেন সিবিপি কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে লাগেজে মিলল ৯০ হাজার ডলারের নিষিদ্ধ মাদক, গ্রেপ্তার দুই

যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন বা সিবিপি সম্প্রতি ওয়াশিংটন ডুলস আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক 'খাট' জব্দ করেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই নিজেদের লাগেজে করে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   গত ২৮ আগস্ট সিবিপি জানায়, ২০ আগস্টের এক তল্লাশিতে ৭৬৪ পাউন্ড খাট জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ৯০ হাজার মার্কিন ডলার। মরক্কোর কাসাব্লাঙ্কা থেকে আসা জর্জিয়ার বাসিন্দা ৩৩ বছর বয়সী ডোরিয়ান ল্যামিন চাম এবং ফ্রান্সের প্যারিস থেকে আসা নিউইয়র্কের বাসিন্দা ৩৩ বছর বয়সী দামা জাওয়ারা এই মাদক পাচারের চেষ্টা করছিলেন। সিবিপির তথ্যমতে, তাদের দুজনের কাছেই সাতটি করে চেকড ব্যাগ এবং একটি করে ক্যারি অন ব্যাগ ছিল। প্রাথমিক পরীক্ষায় ব্যাগগুলোতে থাকা পদার্থগুলো খাট বা ক্যাথিনন হিসেবে শনাক্ত হয়। পরবর্তীতে ভার্জিনিয়া স্টেট পুলিশ ওই দুই যাত্রীর বিরুদ্ধে মাদক পরিবহন এবং বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখার অভিযোগে মামলা দায়ের করে।   এই ঘটনার ঠিক কয়েকদিন আগে ১৪ আগস্ট একই বিমানবন্দরে আরেকটি বড় ধরনের চালান ধরা পড়ে। সিবিপির ২০ আগস্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্যারিস থেকে আসা ২৫ বছর বয়সী নিউইয়র্কের বাসিন্দা মোহাম্মদ দিয়াওয়ারা তার আটটি চেকড ব্যাগে করে প্রায় ৩৬৮ পাউন্ড খাট পাচারের চেষ্টা করেন। যার বাজারমূল্য ছিল ৪৪ হাজার ডলার। তল্লাশিতে ধরা পড়ার পর মেট্রোপলিটন ওয়াশিংটন এয়ারপোর্টস অথরিটি বা এমডব্লিউএএ তাকে গ্রেপ্তার করে এবং তার বিরুদ্ধেও একই ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়।   ওয়াশিংটন ডিসি এলাকার সিবিপির পোর্ট ডিরেক্টর ক্রিস্টিন ওয়াফ মাদক পাচারকারীদের সতর্ক করে একটি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন, মাদক পাচারকারী চক্রগুলো এই অবৈধ জিনিসগুলো বহনের জন্য যে সামান্য পরিমাণ অর্থ দেয়, ধরা পড়ার পর তার চেয়ে অনেক কঠিন শাস্তির মুখে পড়তে হবে। তিনি এই সাহসী অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের প্রশংসা করেন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সহযোগী সংস্থাগুলোর ভূমিকার কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান।   যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডিইএ জানিয়েছে, খাট মূলত পূর্ব আফ্রিকা এবং আরব উপদ্বীপে জন্মায় এমন এক ধরনের উদ্ভিদের পাতা। এটি তামাকের মতো চিবিয়ে খাওয়া হয়, যা মানুষের স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। এটি থেকে পেস্ট বা চা তৈরি করে এবং ধূমপানের মাধ্যমেও সেবন করা যায়। এর প্রভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি, অমূলক ভয়, দুঃস্বপ্ন এবং অতিসক্রিয়তার মতো মানসিক সমস্যা দেখা দেয়। ১৯৯৩ সাল থেকে যুক্তরাষ্ট্র সরকার এটিকে 'শিডিউল ওয়ান' বা সর্বোচ্চ মাত্রার নিষিদ্ধ মাদকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।   চলতি বছর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে খাট জব্দের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে। সিবিপির তথ্য অনুযায়ী, ২০২৬ অর্থবছরের জুলাই মাস পর্যন্ত যে পরিমাণ খাট জব্দ করা হয়েছে, তা পুরো ২০২৪ অর্থবছরের মোট জব্দের চেয়েও অনেক বেশি। শুধুমাত্র আগস্ট মাসেই সিবিপি সাড়ে তিন হাজার পাউন্ডের বেশি খাট জব্দ করেছে, যা আগের বছরের রেকর্ড ছাড়িয়ে গেছে। মেরিল্যান্ডের বাল্টিমোর ওয়াশিংটন আন্তর্জাতিক বিমানবন্দরেও এ ধরনের কয়েকটি চালান ধরা পড়েছে বলে জানিয়েছে সংস্থাটি।   আফ্রিকার কয়েকটি দেশে এটি বৈধ হলেও যুক্তরাষ্ট্রে এর প্রবেশ সম্পূর্ণ বেআইনি এবং এর জন্য অপরাধীদের দীর্ঘ মেয়াদে কারাদণ্ড ভোগ করতে হতে পারে।   সূত্র: দ্য ট্রাভেল

প্রকাশ : আগস্ট ২৮, ২০২৬ ২০:৫৯
ম্যাডেলিন ডেলি ও তার ১১ মাস বয়সী শিশু বাসিল স্টোনার। ছবি: সংগৃহীত
বাবার হেফাজতে সন্তানকে দিতে অস্বীকৃতি, ১১ মাসের ছেলেকে গুলি করে হত্যা করলেন মা

যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে নিজের ১১ মাস বয়সী শিশুপুত্রকে গুলি করে হত্যা করেছেন ৩৬ বছর বয়সী এক নারী। শিশুটির বাবার কাছে যেন কোনোভাবেই তার সন্তানের কাস্টডি বা হেফাজত না যায়, তা নিশ্চিত করতেই তিনি এই ভয়ংকর পথ বেছে নেন। সম্প্রতি আদালতে দোষ স্বীকার করার পর ওই নারীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে। পুলিশি জেরার মুখে ওই পাষণ্ড মা জানিয়েছেন, তার কাছে এই হত্যাকাণ্ডের সিদ্ধান্তটি পুরোপুরি সার্থক মনে হয়েছে।   মার্কিন সংবাদমাধ্যম কাউবয় স্টেট ডেইলি ও পুলিশের একটি এফিডেভিট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্ত ওই মায়ের নাম ম্যাডেলিন ভেরোনিক ডেলি। তার ১১ মাস বয়সী সন্তানের নাম ছিল বাসিল স্টোনার। ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের ২৩ ডিসেম্বর। তবে সম্প্রতি ম্যাডেলিন আদালতে ফার্স্ট ডিগ্রি মার্ডার বা প্রথম মাত্রার খুনের দায় স্বীকার করেছেন। প্রসিকিউটররা জানিয়েছেন, এই অপরাধের জন্য তার সর্বোচ্চ সাজা হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।   তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, আদালতের নির্দেশ অমান্য করে শিশুটিকে ওয়াইওমিং থেকে অপহরণ করে নিউ মেক্সিকোতে নিয়ে এসেছিলেন ম্যাডেলিন। আদালত এর আগে শিশুটির বাবা জেক স্টোনারকে জরুরি ভিত্তিতে সন্তানকে নিজের কাছে রাখার অধিকার দিয়েছিলেন। জেক পুলিশকে জানান, তিনি সবশেষ গত ২৮ সেপ্টেম্বর তার ছেলেকে দেখেছিলেন।   অপহরণের পর থেকেই ম্যাডেলিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে ছিলেন। অবশেষে নিউ মেক্সিকোর সিলভার সিটির কাছে একটি চাকরির জন্য আবেদন করলে ব্যাকগ্রাউন্ড চেকে তার নামে থাকা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি সামনে আসে। এর সূত্র ধরেই গ্রান্ট কাউন্টি শেরিফ অফিস ২৩ ডিসেম্বর একটি আরভি বা রিক্রিয়েশনাল ভেহিকেল পার্কের সন্ধান পায়, যেখানে ম্যাডেলিন আত্মগোপন করে ছিলেন।   পুলিশ সেখানে পৌঁছালে ম্যাডেলিনকে দৌড়ে একটি আরভির ভেতরে ঢুকতে দেখা যায়। ভেতরে প্রবেশের জন্য পরোয়ানার অপেক্ষায় থাকার সময় পুলিশ পুরো আরভিটি ঘিরে ফেলে। ঠিক তখনই ভেতর থেকে একটি গুলির শব্দ শোনা যায়। কর্মকর্তারা দ্রুত ভেতরে প্রবেশ করে দেখতে পান, ম্যাডেলিন একটি নাইন এমএম হ্যান্ডগান দিয়ে শিশু বাসিলকে গুলি করে হত্যা করেছেন। গ্রেপ্তারের পর জানা যায়, সন্তানকে হত্যার পর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তাকে নিবৃত্ত করতে সক্ষম হয়।   পুলিশের জিজ্ঞাসাবাদে ম্যাডেলিন জানান, তিনি তার ছেলেকে নিরাপদ রাখতেই এমনটি করেছেন। শিশুটির বাবা ও তার পরিবার যেন কখনোই শিশুটিকে দেখতে না পায়, সে জন্য এই হত্যা তার কাছে সার্থক মনে হয়েছে। পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে তিনি বলেন, তিনি কোনোভাবেই চাইছিলেন না তার শিশু সন্তান মাসে দুবার নেব্রাস্কা ও ওয়াইওমিংয়ের মধ্যে টানাটানির শিকার হোক।   পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এগিয়ে আসতে দেখে তার মনে কী চলছিল, তখন তিনি সোজাসাপ্টা উত্তর দেন, জেক যেন বাসিলকে না পায়। ম্যাডেলিন আরও কিছু ভিত্তিহীন দাবি করে বলেন, তিনি শিশুটিকে নিয়ে ট্রেইলার থেকে বের হলে শিশুটি বিপদে পড়ত। তার দাবি, শিশুটির বাবা আর্থিকভাবে, শারীরিকভাবে বা মানসিকভাবে কখনোই ছেলের কোনো দায়িত্ব নিতে চাননি। তবে পুলিশ জানিয়েছে, তার এসব দাবির সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।   বর্তমানে এই নির্মম হত্যাকাণ্ডের বিচারকাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রসিকিউটররা আশা করছেন, নিজ সন্তানকে হত্যার দায়ে ম্যাডেলিনের যাবজ্জীবন কারাদণ্ড নিশ্চিত করা হবে।

প্রকাশ : আগস্ট ২৮, ২০২৬ ২০:৪৫
ক্যালিফোর্নিয়ায় ৮১ লাখ ডলারের ট্যাক্স রিফান্ড ও সামাজিক সুরক্ষার চেক জালিয়াতি, গ্রেপ্তার র‍্যাপার
ক্যালিফোর্নিয়ায় ৮১ লাখ ডলারের ট্যাক্স রিফান্ড ও সামাজিক সুরক্ষার চেক জালিয়াতি, গ্রেপ্তার র‍্যাপার

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৮.১ মিলিয়ন বা ৮১ লাখ ডলারের এক বিশাল চেক জালিয়াতির অভিযোগে অ্যাডা উইলিয়াম ওবায়ুয়ানা নামের এক উদীয়মান র‍্যাপারকে গ্রেপ্তার করা হয়েছে। "কোল্ডহার্টেডএসি" (ColdheartedAC) এবং "এসি" (AC) নামে পরিচিত এই র‍্যাপারসহ তিনজনের বিরুদ্ধে ২৫টি ভিন্ন ভিন্ন অভিযোগে ফেডারেল গ্র্যান্ড জুরিতে অভিযোগ গঠন করা হয়েছে।   মার্কিন বিচার বিভাগ (ডিওজে) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, এই চক্রটি আট মিলিয়নেরও বেশি মূল্যের অন্তত ৫০টি চুরি যাওয়া ইউএস ট্রেজারি চেক নিজেদের দখলে রেখেছিল এবং ক্যালিফোর্নিয়ার বিভিন্ন ঋণদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে সেগুলো ভাঙানোর চেষ্টা করেছিল।   অভিযোগপত্রে বলা হয়েছে, ওবায়ুয়ানা এবং তার দুই সহযোগী—ওয়েস্টমিনস্টারের অ্যালবার্ট টাই ভু (২৮) এবং সান দিয়েগোর ক্যাসান্দ্রা মারি মুরিলো (৩১)—চুরি করা চেকগুলো সংগ্রহ করে সেগুলোতে নকল স্বাক্ষর, নাম এবং ঠিকানা বসিয়ে জালিয়াতি করত।   এই চক্রটি অর্থ আত্মসাতের উদ্দেশ্যে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিল এবং ভুক্তভোগীদের নাম ও তথ্যের আদলে নকল ব্যবসায়িক নথিপত্র তৈরি করত। পরবর্তীতে চুরি করা সেই অর্থ লস অ্যাঞ্জেলেস, অরেঞ্জ এবং সান দিয়েগো কাউন্টির বিভিন্ন ব্যাংক ও ক্রেডিট ইউনিয়নে জমা করা হতো।   প্রসিকিউটররা জানিয়েছেন, ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত ওবায়ুয়ানা ৩ লাখ ৮২ হাজার ১০৯ ডলার মূল্যের অন্তত তিনটি ট্রেজারি ট্যাক্স রিফান্ডের চেক ভাঙানোর চেষ্টা করেন। এর মধ্যে তিনি একটি চেক সফলভাবে ভাঙিয়ে ২ লাখ ২৯ হাজার ১০৯ ডলার তুলেও নেন।   বিচার বিভাগ আরও জানায়, ২০২৩ সালের ডিসেম্বরে ওশানসাইডে ওবায়ুয়ানার গাড়ি থেকে ৬.১ মিলিয়ন ডলার মূল্যের ১০০টিরও বেশি চুরি করা ও জাল চেক উদ্ধার করা হয়। এর মধ্যে ট্যাক্স রিফান্ড, প্রবীণ ভাতা এবং সামাজিক সুরক্ষার সুবিধা সংক্রান্ত ২.৫ মিলিয়ন ডলার মূল্যের ৪৮টি চুরি করা ইউএস ট্রেজারি চেক ছিল। তার দখলে থাকা এই চেকগুলোর মধ্যে ৮টি সফলভাবে ভাঙিয়ে মোট ১.৭ মিলিয়ন ডলার আত্মসাৎ করা হয়েছিল।   গত বুধবার লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে ওবায়ুয়ানাকে প্রথমবারের মতো হাজির করা হয়। বর্তমানে তিনি ফেডারেল কাস্টডিতে রয়েছেন এবং শুক্রবার তার রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে। ৩১ বছর বয়সী এই র‍্যাপারের বিরুদ্ধে নয়টি ব্যাংক জালিয়াতি, তিনটি চুরি করা ট্রেজারি চেক সরবরাহ এবং একটি গুরুতর পরিচয় চুরির অভিযোগ আনা হয়েছে।   এছাড়া তার সহযোগী ভু-এর বিরুদ্ধে চুরি করা ট্রেজারি চেক সরবরাহ, অর্থ পাচার এবং পরিচয় চুরির মোট ১১টি এবং মুরিলোর বিরুদ্ধে একটি চেক চুরির অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রকাশ : আগস্ট ২৮, ২০২৬ ১৯:৫৬
যুক্তরাষ্ট্রে নির্মাণসামগ্রীর দাম ৬.৭% বৃদ্ধি, চাপে আবাসন খাত ও নতুন বাড়ির বাজার
যুক্তরাষ্ট্রে নির্মাণসামগ্রীর দাম ৬.৭% বৃদ্ধি, চাপে আবাসন খাত ও নতুন বাড়ির বাজার

যুক্তরাষ্ট্রে বাড়ি তৈরির প্রধান সামগ্রীগুলোর দাম গত এক বছরে গড়ে ৬.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের জুলাই মাসের ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হোম্বিল্ডার্স বা এনএএইচবি/ওয়েলস ফার্গো হাউজিং মার্কেট ইনডেক্স (HMI)-এর সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে এই আশঙ্কাজনক তথ্য।   জরিপে অংশগ্রহণকারী প্রায় ৭২.৯ শতাংশ নির্মাতা জানিয়েছেন যে, গত এক বছরে তাদের নির্মাণসামগ্রীর খরচ ১৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে ২৮.৪ শতাংশের খরচ বেড়েছে ৫ থেকে ৯.৯৯ শতাংশ পর্যন্ত, এবং ২২.১ শতাংশের ক্ষেত্রে এই হার ছিল ১০ থেকে ১৪.৯৯ শতাংশ।   এই মূল্যবৃদ্ধির সবচেয়ে বড় শিকার হচ্ছেন ছোট ও স্বাধীন নির্মাতারা। এইচএমআই জরিপে দেখা গেছে, ২০২৫ সালে যারা পাঁচটি বা তার কম বাড়ি নির্মাণ শুরু করেছিলেন, তাদের নির্মাণসামগ্রীর খরচ গড়ে ৯.১ শতাংশ বেড়েছে। অন্যদিকে, যারা ১০০টি বা তার বেশি বাড়ি তৈরি করেছেন, তাদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ছিল মাত্র ১.৮ শতাংশ।   এনএএইচবি-এর ‘আই অন হাউজিং’ ব্লগের পল এমরথের মতে, বড় নির্মাতারা দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে সরবরাহকারীদের কাছ থেকে আগে থেকেই বিশাল পরিমাণ সামগ্রী মজুত করে রাখতে পারেন বলে তারা এই মূল্যবৃদ্ধির প্রভাব থেকে অনেকটাই বেঁচে যান।   তবে লস অ্যাঞ্জেলেসভিত্তিক ওয়েস্ট এন্ড কনস্ট্রাকশনের সিইও ক্ল্যাট মনে করেন, ছোট নির্মাতারাও সরবরাহকারীদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলে আগে থেকেই দাম নির্ধারণ করে এই সংকট কিছুটা হলেও মোকাবিলা করতে পারেন।   আবাসন খাতে একদিকে যেমন নির্মাণ ব্যয় বাড়ছে, অন্যদিকে নতুন বাড়ির বিক্রিও ক্রমশ কমছে। ইউএস সেন্সাস ব্যুরো এবং হাউজিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে নতুন বাড়ির মধ্যম বিক্রি মূল্য (Median Sales Price) ২.৩ শতাংশ কমে ৩ লাখ ৯৩ হাজার ৮০০ ডলারে নেমে এসেছে, যা ২০২১ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন।   একই সাথে জুলাই মাসে নতুন বাড়ির চুক্তি স্বাক্ষরের হারও আগের মাসের তুলনায় ১০.৫ শতাংশ কমেছে। এর ফলে একক পরিবারের জন্য নতুন বাড়ি তৈরির হারও (Single-family housing starts) জুন মাসের তুলনায় ৯.৯ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৭ শতাংশ কমেছে।   রিয়েলটর ডট কমের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জোয়েল বার্নার বলেন, "ক্রেতাদের জন্য এটি নতুন বাড়ি কেনার একটি দারুণ সুযোগ হলেও, নির্মাতাদের জন্য বাড়ি তৈরি করে বিক্রি করাটা এখন বেশ কঠিন। একদিকে শুল্ক, শ্রমিক সংকট এবং জিনিসপত্রের দাম বাড়ছে, অন্যদিকে ক্রেতারাও ছাড়ের দাবি করছেন।   এর ফলে নির্মাতাদের মুনাফার হার উভয় দিক থেকেই সংকুচিত হচ্ছে।" বিক্রি কমে যাওয়ায় অনেক নির্মাতা এখন ক্রেতা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাড়ি নির্মাণ শেষ করতে চাইছেন না।

প্রকাশ : আগস্ট ২৮, ২০২৬ ১৯:২৭