সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ফ্লোরিডাকে পেছনে ফেলে অবসরজীবনের নতুন ঠিকানা হয়ে উঠছে ডেলাওয়্যারের সমুদ্রতীরবর্তী শহরগুলো। ছবি: সংগৃহীত
ফ্লোরিডা নয়, কম কর আর সমুদ্রসৈকতের টানে ডেলাওয়্যারে ছুটছেন অবসরপ্রাপ্ত আমেরিকানরা

যুক্তরাষ্ট্রে অবসরজীবন কাটানোর জনপ্রিয় গন্তব্য হিসেবে দীর্ঘদিন ধরেই ফ্লোরিডার নাম সবার আগে আসে। উষ্ণ আবহাওয়া, তুলনামূলক কম জীবনযাত্রার খরচ ও সমুদ্রসৈকতের কারণে দেশটির দক্ষিণাঞ্চল বহু বছর ধরে অবসরপ্রাপ্তদের আকর্ষণ করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে সেই চিত্র কিছুটা বদলাচ্ছে। ফ্লোরিডার বাড়তি আবাসন ব্যয় ও জীবনযাত্রার খরচের কারণে অনেক বয়স্ক মার্কিন নাগরিক এখন নতুন ঠিকানা হিসেবে বেছে নিচ্ছেন ডেলাওয়্যারকে।   বিশেষ করে ডেলাওয়্যারের দক্ষিণাঞ্চলের সাসেক্স কাউন্টি অবসরপ্রাপ্তদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের পর থেকে সাসেক্স কাউন্টিতে ৪০ হাজারের বেশি মানুষ বসতি গড়েছেন। এতে কাউন্টিটির জনসংখ্যা প্রায় ১৭ শতাংশ বেড়েছে, যা একই সময়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির হারের প্রায় পাঁচ গুণ।   এই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সবচেয়ে বেশি বাড়ছে বয়স্ক বাসিন্দাদের সংখ্যা। প্রতিবেদনে বলা হয়েছে, ডেলাওয়্যারে ৬৫ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ২৩ শতাংশ বেড়েছে, যা দেশটির অঙ্গরাজ্যগুলোর মধ্যে সর্বোচ্চ বৃদ্ধির হার। এর পেছনে সাসেক্স কাউন্টিতে অবসরপ্রাপ্তদের ব্যাপক আগমন অন্যতম কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   সাসেক্স কাউন্টির জনপ্রিয় শহরগুলোর মধ্যে রয়েছে লুইস ও রেহোবোথ বিচ। সমুদ্রের কাছাকাছি অবস্থান, ছোট শহরের পরিবেশ এবং তুলনামূলক কম করের কারণে এসব এলাকায় অবসরপ্রাপ্তদের আগ্রহ বাড়ছে। নিউইয়র্কের লং আইল্যান্ডের বাসিন্দা ৬০ বছর বয়সী অ্যানেট বাবিচও তাদের একজন। বহু বছর নিউইয়র্কে থাকার পর অবসরজীবনের জন্য নতুন জায়গা খুঁজতে গিয়ে তিনি ডেলাওয়্যারের দিকে নজর দেন। ফ্লোরিডার গরম আবহাওয়া তার পছন্দ নয় বলেও তিনি জানিয়েছেন।   ব্লুমবার্গকে বাবিচ বলেন, গ্রীষ্মকালে ফ্লোরিডায় থাকার অভিজ্ঞতা তার কাছে খুব একটা স্বস্তিদায়ক মনে হয়নি। পরে অবসর কাটানোর জন্য ভালো জায়গা খুঁজতে গিয়ে তিনি ডেলাওয়্যারের উপকূলীয় শহর লুইসের সন্ধান পান। ২০১৮ সালে সেখানে গিয়ে বাড়ি খোঁজার সময় এক আবাসন এজেন্ট তাকে উপকূলের কাছের আরও সাশ্রয়ী এলাকা মিল্টনে নিয়ে যান। ঐতিহাসিক বাড়ি, সমুদ্রসৈকতের কাছাকাছি অবস্থান এবং তুলনামূলক কম দামের কারণে জায়গাটি তার পছন্দ হয়ে যায়। শেষ পর্যন্ত তিনি ও তার সঙ্গী সেখানে একটি বাড়ি কেনার সিদ্ধান্ত নেন।   বাবিচের ভাষায়, নিউইয়র্কের তুলনায় ডেলাওয়্যারের বাড়িটির দাম ছিল অবিশ্বাস্যভাবে কম। ডেলাওয়্যারকে আকর্ষণীয় করে তুলছে করব্যবস্থাও। অঙ্গরাজ্যটিতে আয়কর রয়েছে, তবে রাজ্য বা স্থানীয় বিক্রয় কর নেই। ডেলাওয়্যার সরকারের তথ্য অনুযায়ী, সামাজিক নিরাপত্তা ও রেলপথ অবসরভাতা থেকে পাওয়া আয় রাজ্য আয়করের আওতায় পড়ে না। ৬০ বছর বা তার বেশি বয়সীদের জন্য নির্দিষ্ট অবসরকালীন আয় থেকেও সর্বোচ্চ ১২ হাজার ৫০০ ডলার পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে।   বিশেষ করে নিউইয়র্ক ও নিউ জার্সির মতো উচ্চ করের অঙ্গরাজ্য থেকে আসা বাড়ির মালিকদের কাছে সম্পত্তি করের পার্থক্যটি বড় আকর্ষণ হয়ে উঠেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে আর্থিক পরিকল্পনাবিদ ব্র্যাড ট্রাভিস জুনিয়রের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নিউ জার্সি থেকে আসা কিছু বাড়ির মালিক বছরে প্রায় ১৮ হাজার ডলারের সম্পত্তি করের পরিবর্তে ডেলাওয়্যারে প্রায় ১ হাজার ৫০০ ডলারের কাছাকাছি কর দিতে পারেন।   তবে ডেলাওয়্যারেও এই দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কিছু নেতিবাচক প্রভাব দেখা দিতে শুরু করেছে। সমুদ্রসৈকতের দিকে যাওয়া সড়কে যানজট বাড়ছে। একই সঙ্গে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া কঠিন হয়ে উঠছে। নতুন বাসিন্দাদের কারণে আবাসন ও জমির চাহিদা বাড়ায় স্থানীয়ভাবে জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে।   জনসংখ্যার বয়সের চিত্রেও পরিবর্তন স্পষ্ট। যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আমেরিকান কমিউনিটি সার্ভে হিসাবে সাসেক্স কাউন্টির জনসংখ্যা ছিল প্রায় ২ লাখ ৭১ হাজার। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে কাউন্টিটির মধ্যম বয়স বেড়ে ৫৩ দশমিক ২ বছরে দাঁড়িয়েছে। ২০১৫ সালের তুলনায় এটি প্রায় পাঁচ বছর বেশি এবং জাতীয় গড়ের চেয়ে প্রায় ১৪ বছর বেশি।   এই পরিবর্তনের প্রভাব স্থানীয় স্বাস্থ্যসেবাতেও পড়ছে। ৭৯ বছর বয়সী জো পিকা ব্লুমবার্গকে জানিয়েছেন, এলাকায় বসবাসের সঙ্গে যানজট ও দৈনন্দিন নানা ঝামেলা বেড়েছে। তিনি কোলনোস্কপি করানোর জন্য নয় মাস অপেক্ষা করেছেন, দাঁতের চিকিৎসার জন্য অপেক্ষা করতে হয়েছে ১৮ মাস এবং চর্মরোগ বিশেষজ্ঞের কাছে যেতে প্রায় ৪০ মাইল দূরে যেতে হয়েছে।   পিকা বর্তমানে সাসেক্স প্রিজারভেশন কোয়ালিশনের নেতৃত্ব দিচ্ছেন। সংগঠনটি এলাকায় অতিরিক্ত উন্নয়ন ও দ্রুত জনসংখ্যা বৃদ্ধির গতি কমানোর চেষ্টা করছে। তবে এর মধ্যেও রয়েছে এক ধরনের বৈপরীত্য। কারণ পিকা ও তার স্ত্রী নিজেরাই মাত্র চার বছর আগে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন।   নতুন বাসিন্দাদের আগমন শুধু স্বাস্থ্যসেবা বা যানজটের ওপরই চাপ তৈরি করছে না, বদলে দিচ্ছে স্থানীয় আবাসন ব্যবস্থাও। বয়স্ক বাসিন্দাদের বাড়তি চাহিদা পূরণ করতে নির্মাতারা সমুদ্রতীরের বাইরে কৃষিজমির দিকে এগিয়ে যাচ্ছেন। সেখানে গড়ে উঠছে নতুন আবাসিক এলাকা, যার অনেকগুলোই ৫৫ বছর বা তার বেশি বয়সী বাসিন্দাদের লক্ষ্য করে তৈরি করা হচ্ছে।   এর ফলে স্থানীয়দের মধ্যে আরেকটি উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত উন্নয়ন ও নতুন আবাসন প্রকল্পের কারণে ডেলাওয়্যারের ছোট শহরের স্বাভাবিক পরিবেশ ও পুরোনো বৈশিষ্ট্য হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। অবসরপ্রাপ্তদের কাছে জায়গাটির আকর্ষণ অবশ্য কমছে না। বাবিচের মতো অনেকেই নিউইয়র্কের বন্ধু ও পরিচিতদের ডেলাওয়্যারে আসতে উৎসাহিত করছেন। বাবিচ জানিয়েছেন, তার প্রায় এক ডজন নিউইয়র্কের বন্ধু পরে ডেলাওয়্যারে চলে এসেছেন।   তাদের একজন স্কট রিচার্ডসন, যিনি তার স্বামীকে নিয়ে ডেলাওয়্যারে বসতি গড়েছেন। ব্লুমবার্গকে তিনি বলেন, জায়গাটির পরিবেশ শান্ত, ধীরগতির এবং বন্ধুত্বপূর্ণ। তার কাছে ডেলাওয়্যারকে কখনো কখনো মনে হয়, যেন স্থলভাগে ভেসে থাকা একটি প্রমোদতরী। তবে এই জনপ্রিয়তার মধ্যেই ডেলাওয়্যারের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। কম কর, তুলনামূলক সাশ্রয়ী আবাসন ও সমুদ্রসৈকতের আকর্ষণে যে অবসরপ্রাপ্তরা এখানে আসছেন, তাদের সংখ্যা বাড়তে থাকলে স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ, আবাসন এবং স্থানীয় কর্মসংস্থানের ওপর চাপ আরও বাড়তে পারে।   ডেলাওয়্যারের এই পরিবর্তন তাই শুধু অবসরপ্রাপ্তদের নতুন ঠিকানা খোঁজার গল্প নয়। এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ জনসংখ্যা স্থানান্তরেরও একটি বড় উদাহরণ, যেখানে ফ্লোরিডার মতো দীর্ঘদিনের জনপ্রিয় অবসর গন্তব্যের বাইরে তুলনামূলক ছোট অঙ্গরাজ্য ও উপকূলীয় শহরগুলো নতুন করে গুরুত্ব পাচ্ছে।   সূত্র: ব্লুমবার্গ, যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো ও ডেলাওয়্যার রাজ্য সরকার।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ২০:৫২
১৬ মাসে প্রাণ গেল অন্তত ৮ বাংলাদেশির
স্বপ্নের আমেরিকায় এসেও পূর্ণ হলো না স্বপ্ন, ১৬ মাসে প্রাণ গেল অন্তত ৮ বাংলাদেশির

যুক্তরাষ্ট্রে নতুন জীবন, জীবিকা কিংবা উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমানো অন্তত আটজন বাংলাদেশি গত ১৬ মাসে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন। ফ্লোরিডা, নিউইয়র্ক, পেনসিলভানিয়া ও টেনেসির মতো অঙ্গরাজ্যগুলোতে ঘটে যাওয়া এসব ঘটনায় কেউ কর্মস্থলে, কেউ দায়িত্ব পালন করতে গিয়ে, আবার কেউ নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।   নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন ও আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যের ভিত্তিতে ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা শনাক্ত করা হয়েছে। যদিও এসব ঘটনার পেছনে বাংলাদেশিদের লক্ষ্য করে কোনো সংঘবদ্ধ হামলার প্রমাণ পাওয়া যায়নি, তবে একের পর এক এমন মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।   এই প্রাণহানির শুরুটা হয়েছিল ফ্লোরিডায়। ২০২৫ সালের মে মাসে মাউন্ট ডোরায় ৪৪ বছর বয়সী মনিকা ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে তাকে হত্যার অভিযোগে তার ভাশুর শাহিদুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।   অন্যদিকে, চলতি বছরের এপ্রিলে ফ্লোরিডার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হওয়ার পর তাদের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এই জোড়া খুনের অভিযোগে তাদের সাবেক রুমমেটকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে, গত এপ্রিলে ফ্লোরিডার ফোর্ট মায়ার্সে একটি গ্যাস স্টেশনে কর্মরত ৫১ বছর বয়সী বাংলাদেশি নারী নিলুফা ইয়াসমিন এক দুর্বৃত্তের হাতুড়ির আঘাতে নির্মমভাবে নিহত হন।   নিউইয়র্কেও একাধিক বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে ম্যানহাটনের একটি ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের সময় বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সাহসী অফিসার দিদারুল ইসলাম। মৃত্যুকালে তিনি তার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও দুই সন্তান রেখে যান।   এছাড়া, গত ২৩ আগস্ট ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকায় একটি রেস্তোরাঁয় কর্মরত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৪৪ বছর বয়সী ইউসুফ রাজু। একই ঘটনায় রাসেল নামের আরেক বাংলাদেশি পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এর আগে জুলাই মাসে ব্রুকলিনেই ছোটখাটো এক সড়ক দুর্ঘটনার বিরোধ মেটাতে গিয়ে মুখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ট্যাক্সিচালক রুহুল আমিন নাসির।   পেনসিলভানিয়া ও টেনেসিতেও বাংলাদেশিদের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত ৭ জুলাই ফিলাডেলফিয়ায় 'ডোরড্যাশ' অ্যাপে খাবার ডেলিভারি করতে গিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরের গুলিতে নিহত হন মো. মাহফুজুল হক। ৪৩ বছর বয়সী এই ব্যক্তি বাংলাদেশে পেশায় একজন চিকিৎসক ছিলেন।   অন্যদিকে, গত ২৩ আগস্ট টেনেসির বেলস এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি ও হত্যার শিকার হন বাংলাদেশি অভিবাসী শাহেদ রানা মোহসিন।   এই আটটি মৃত্যুর পেছনে কোনো অভিন্ন কারণ নেই। পারিবারিক বিরোধ, কর্মস্থলে ডাকাতি বা আকস্মিক বন্দুক হামলার মতো ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে এসব ঘটনা ঘটেছে। তাই একে বাংলাদেশিদের বিরুদ্ধে পরিকল্পিত বা ধারাবাহিক হামলা বলার সুযোগ নেই।   তবে রেস্তোরাঁ, গ্যাস স্টেশন, খাবার ডেলিভারি বা ট্যাক্সি চালানোর মতো পেশায় যুক্ত প্রবাসীদের প্রতিনিয়ত অপরিচিত মানুষদের সঙ্গে কাজ করতে হয় বলে তাদের ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকি ক্রমশ বাড়ছে। এই আটটি মৃত্যু শুধু আটটি পরিবারের স্বপ্নভঙ্গই নয়, বরং স্বপ্নের দেশে নিরাপদ জীবনের প্রত্যাশাকে ঘিরে এক বড় প্রশ্নের জন্ম দিয়েছে।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ২০:৩
দীর্ঘ ২৭ বছর পর বিচারের মুখোমুখি ৯/১১ হা মলার মাস্টারমাইন্ড  খালিদ শেখ মোহাম্মদ
দীর্ঘ ২৭ বছর পর বিচারের মুখোমুখি ৯/১১ হা মলার মাস্টারমাইন্ড খালিদ শেখ মোহাম্মদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ভয়াবহ নাইন-ইলেভেন (৯/১১) হামলার স্বঘোষিত ‘মূল হোতা’ খালিদ শেখ মোহাম্মদের বিচারকাজ শুরু হতে যাচ্ছে ২০২৮ সালের জুন মাসে।   বুধবার এক সামরিক বিচারকের দেওয়া আদেশের মাধ্যমে দীর্ঘ প্রায় ২৭ বছর পর এই হামলার বিচারিক প্রক্রিয়া শুরুর চূড়ান্ত দিনক্ষণ নির্ধারিত হলো।   সামরিক বিচারক এয়ারফোর্স লেফটেন্যান্ট কর্নেল মাইকেল শ্রামা ঘোষণা দিয়েছেন যে, আগামী ২০২৮ সালের ৫ জুন, সোমবার থেকে এই মামলার আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে,।   এর আগে সরকারি কৌঁসুলিরা ২০২৭ সালের জানুয়ারিতে বিচার শুরুর আবেদন জানালেও বিচারক তা নাকচ করে দেন এবং নতুন এই তারিখ নির্ধারণ করেন।   খালিদ শেখ মোহাম্মদকে ২০০৩ সালে গ্রেপ্তার করা হয় এবং ২০০৬ সালের সেপ্টেম্বর থেকে তাকে কিউবার গুয়ান্তানামো বে-র মার্কিন সামরিক কারাগারে বন্দি রাখা হয়েছে,।   দীর্ঘদিন ধরে নানা আইনি জটিলতা এবং সিআইএ-র জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের অভিযোগের কারণে এই বিচার প্রক্রিয়া বারবার বিলম্বিত হয়েছে।   অবশেষে নতুন এই আদেশের মাধ্যমে হামলায় নিহতদের পরিবারগুলোর দীর্ঘ প্রতীক্ষিত এক আইনি সমাধানের পথ সুগম হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৯:১৫
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিসহ দুজনকে গুলি করে হ ত্যা, পলাতক ঘাতকের খোঁজে পুলিশ
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিসহ দুজনকে গুলি করে হ ত্যা, পলাতক ঘাতকের খোঁজে পুলিশ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে কয়েক দিনের ব্যবধানে ঘটে যাওয়া দুটি পৃথক ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন এক ঘাতক এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। ব্রুকলিন ও ব্রঙ্কসে সংঘটিত এই জোড়া খুনের সঙ্গে ৩১ বছর বয়সী যিশুস আকোস্তা নামের এক ব্যক্তি জড়িত বলে নিশ্চিত করেছে নিউইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি)। ভয়ংকর এই বন্দুকধারী বর্তমানে পলাতক থাকায় শহরজুড়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।   পুলিশ ও স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, প্রথম মর্মান্তিক ঘটনাটি ঘটে গত রবিবার ব্রুকলিনের ব্রাউনসভিল এলাকার একটি রেস্তোরাঁয়। সেখানে আকস্মিক সশস্ত্র হামলায় ৪৪ বছর বয়সী এক বাংলাদেশি-আমেরিকান কর্মী মাথায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান এবং অপর একজন পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।   এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র দুদিনের ব্যবধানে মঙ্গলবার ভোরে ব্রঙ্কসের ইস্ট ১৪৯ স্ট্রিটের একটি বডেগায় (দোকান) ফের হামলা চালানো হয়। সেখানে এক বন্দুকধারী ৩৩ বছর বয়সী এক ক্রেতাকে সরাসরি বুকে গুলি করে হত্যার পর ক্যাশ কাউন্টার থেকে অর্থ লুট করে নির্বিঘ্নে পালিয়ে যায়।   তদন্তকারী কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস, ব্রুকলিনের রেস্তোরাঁ ও ব্রঙ্কসের বডেগায় সংঘটিত দুটি ঘটনাতেই একই ব্যক্তি জড়িত। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এনওয়াইপিডি জানিয়েছে, সন্দেহভাজন যিশুস আকোস্তা অত্যন্ত বিপজ্জনক।   সে এর আগেও অস্ত্র রাখা ও হামলার অভিযোগে দীর্ঘ ১০ বছর কারাভোগের পর সম্প্রতি গত এপ্রিলে প্যারোলে মুক্তি পেয়েছিল। তাকে ধরতে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে এবং যেকোনো তথ্য দিয়ে সহায়তার জন্য সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। পলাতক এই ঘাতককে ধরতে ইউনাইটেড বডগেস অব আমেরিকা ৫ হাজার ডলার পুরস্কার ঘোষণাও করেছে।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৮:৪৯
নাসা, ফেডারেল রিজার্ভ ও সিনেটে চীনা হ্যাকারদের হা মলা
নাসা, ফেডারেল রিজার্ভ ও সিনেটে চীনা হ্যাকারদের হা মলা, পাল্টা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, মহাকাশ গবেষণা সংস্থা নাসা, কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ এবং সিনেটসহ অত্যন্ত সংবেদনশীল একাধিক সরকারি সংস্থায় চীনা হ্যাকারদের বড় ধরনের অনুপ্রবেশ ও সাইবার হামলার তথ্য প্রকাশ্যে এসেছে। বুধবার মার্কিন কর্তৃপক্ষ দাবি করেছে, তারা চীনা হ্যাকারদের একটি বিশাল সাইবার অভিযান সফলভাবে নস্যাৎ করেছে।   মার্কিন বিচার বিভাগের এক বিবৃতিতে জানানো হয়েছে, হ্যাকিং কার্যক্রমে ব্যবহৃত 'কিউস্ক্যান' (QScan) এবং 'কিউটিরউটার' (QTRouter) নামের দুটি প্ল্যাটফর্মের ডোমেইন তারা জব্দ করেছে।   আদালতের নথিতে বলা হয়েছে, হ্যাকারদের লক্ষ্যবস্তুর তালিকায় ইউএস ডিপার্টমেন্ট অব এনার্জি, ডিপার্টমেন্ট অব হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস, ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ) ছাড়াও যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চারটি বেসরকারি প্রতিষ্ঠান ছিল।   মার্কিন বিচার বিভাগের দাবি অনুযায়ী, এই হ্যাকিং প্ল্যাটফর্মগুলো মূলত চীনের নানজিংভিত্তিক প্রতিষ্ঠান 'নানজিং শিনজিউওয়েই নেটওয়ার্ক টেকনোলজি কোম্পানি' পরিচালনা করত। এই টেক প্রতিষ্ঠানের গ্রাহক তালিকায় চীনের বেসামরিক গোয়েন্দা সংস্থা 'মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি' এবং সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) যুক্ত রয়েছে।   তবে চীনা কর্তৃপক্ষ সবসময়ই হ্যাকিংয়ের এমন অভিযোগ অস্বীকার করে আসছে এবং ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।   তদন্ত নথির তথ্য অনুযায়ী, এই হ্যাকার চক্রটি অন্তত ২০১৮ সাল থেকে নিজস্ব প্রযুক্তির টুলস ব্যবহার করে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল নেটওয়ার্কে আঘাত হেনে আসছে। ২০১৯ সালের আগস্টে ভিপিএনের দুর্বলতাকে কাজে লাগিয়ে নাসার নেটওয়ার্কে প্রবেশের ব্যর্থ চেষ্টা চালিয়েছিল তারা।   পরবর্তীতে ২০২৪ সালের সেপ্টেম্বরে এনার্জি ডিপার্টমেন্টের তিনটি ল্যাবরেটরি, এনআইএইচ, স্বাস্থ্য বিভাগের একটি সংস্থা এবং যুক্তরাষ্ট্রের একটি সিকিউরিটি ডিভাইস প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নেটওয়ার্কে অবৈধভাবে অনুপ্রবেশ করতে সক্ষম হয় হ্যাকাররা।   সাম্প্রতিক বছরগুলোতে চীনা সংযোগ থাকা সাইবার হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চীনের সরকারি সংস্থাগুলোর পক্ষে অনেক বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়মিতভাবে এই ধরনের উচ্চমাত্রার সাইবার অনুপ্রবেশ ঘটাচ্ছে। সাইবার নিরাপত্তা সংস্থা সেন্টিনেলওয়ানের বিশ্লেষক ডাকোটা ক্যারি জানান, গত এক দশকে এই ধরনের আক্রমণাত্মক সেবা প্রদানকারী বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।   মার্কিন গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ওপর একের পর এক সাইবার হামলার এই ঘটনা ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যকার চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৮:৩০
ক্যালিফোর্নিয়ার শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ ব্যবহারের আহ্বান নিউসমের
ক্যালিফোর্নিয়ার শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ ব্যবহারের আহ্বান নিউসমের

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সাধারণত ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা গেলেও, শিশুদের ভবিষ্যতের প্রশ্নে এক অনন্য নজির স্থাপন করেছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট গভর্নর গ্যাভিন নিউসম।   সম্প্রতি অঙ্গরাজ্যটির শিশুদের শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য তিনি 'ক্যালিফোর্নিয়া গোল্ডেন স্টার্ট চ্যালেঞ্জ' নামের একটি উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো 'ক্যালকিডস' (CalKIDS) প্রোগ্রামের প্রচার ও প্রসারে কাজ করা, যার মাধ্যমে যোগ্য শিশুরা তাদের উচ্চশিক্ষা বা ক্যারিয়ার গড়ার জন্য সর্বোচ্চ দেড় হাজার ডলার পর্যন্ত সরকারি আর্থিক সুবিধা পেয়ে থাকে। ২০২২ সালে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নিজস্ব অর্থায়নে এই যুগান্তকারী কর্মসূচিটি চালু করা হয়েছিল।   সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, ক্যালিফোর্নিয়ার এই কর্মসূচির পাশাপাশি রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালু করা ফেডারেল 'ট্রাম্প অ্যাকাউন্ট' ব্যবহারেরও জোরালো প্রচার চালাচ্ছেন নিউসম।   সম্প্রতি এক সংবাদ সম্মেলনে রাজনৈতিক বিভেদ ভুলে ট্রাম্পের এই উদ্যোগের প্রশংসাও করেন তিনি। নিউসম স্পষ্ট জানিয়ে দেন, এই বিষয়গুলো কোনো দলীয় রাজনীতির অংশ নয়। সাধারণ মানুষকে সচেতন করতে তিনি বলেন, ট্রাম্প অ্যাকাউন্টের অর্থ ট্রাম্পের ব্যক্তিগত কোনো অর্থ নয়, বরং এটি নাগরিকদের সন্তানদের ভবিষ্যতের জন্য বরাদ্দকৃত টাকা।   বর্তমানে ক্যালিফোর্নিয়া সরকার ৬০ লাখেরও বেশি ক্যালকিডস অ্যাকাউন্টের জন্য ২ দশমিক ৩ বিলিয়ন ডলারেরও বেশি অর্থায়ন করেছে, তবে এখন পর্যন্ত মাত্র ১০ লাখ পরিবার এই তহবিলের সুবিধা গ্রহণ করেছে।   গভর্নর গ্যাভিন নিউসমের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হলেও কিছু সমালোচনাও রয়েছে। প্যাসিফিক রিসার্চ ইনস্টিটিউটের ল্যান্স ইজুমির মতো বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন যে, কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি (K-12) পর্যন্ত শিক্ষার্থীদের জন্য শিক্ষা সঞ্চয় অ্যাকাউন্টের (ESA) ক্ষেত্রে নিউসম কেন বরাবরই বিরোধিতা করেন।   ক্যালিফোর্নিয়ার অনেক পাবলিক স্কুল শিশুদের মৌলিক শিক্ষা প্রদানে পিছিয়ে পড়ায় কম বয়সেই এই ধরনের সঞ্চয় অ্যাকাউন্টের সুবিধা দেওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।   তবে সব বিতর্ক ছাপিয়ে ক্যালিফোর্নিয়া প্রশাসন এখন সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের নেতাদেরও ক্যালকিডস এবং ফেডারেল অ্যাকাউন্টগুলোতে অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৮:৩
পাকিস্তানে হাসপাতালের এসির কম্প্রেসার বি স্ফোরণ, আগুনে পুড়ে ১৪ নবজাতকের মৃ ত্যু
পাকিস্তানে হাসপাতালের এসির কম্প্রেসার বি স্ফোরণ, আগুনে পুড়ে ১৪ নবজাতকের মৃ ত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি প্রধান সরকারি হাসপাতালের নার্সারিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।   হাসপাতাল কর্তৃপক্ষ এবং সরকারের পক্ষ থেকে নিহতের এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ওই নার্সারিতে অন্তত ১৫ জন নবজাতক ছিল, যাদের মধ্যে কেবল একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।   উদ্ধারকর্মী ও হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, বুধবার সকাল পৌনে ৭টার দিকে গাইনোকোলজি ওয়ার্ডের নার্সারির ভেতরে থাকা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) কম্প্রেসার বিস্ফোরিত হয়ে এই আগুনের সূত্রপাত হয়।   খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধারকারী দল সেখানে শীতলীকরণ বা কুলিং প্রক্রিয়া শুরু করে। এই হৃদয়বিদারক দৃশ্য সম্পর্কে হাসপাতালের জ্যেষ্ঠ নার্স নরীন খান এক সাক্ষাৎকারে বলেন, "ওয়ার্ডের ভেতরের দৃশ্য সহ্য করার মতো নয়। পৃথিবীতে মাত্র এক বা দুদিন আগে চোখ মেলা ১৪টি শিশু এভাবে মারা গেল।"   এই মর্মান্তিক ঘটনায় গোটা পাকিস্তানে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি তীব্র শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী একে 'অপূরণীয় ক্ষতি' আখ্যা দিয়ে ঘটনার তাৎক্ষণিক তদন্তের নির্দেশ দিয়েছেন।   পাশাপাশি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এবং নবজাতক ওয়ার্ডগুলোতে কার্যকর অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।   ঘটনার প্রকৃত কারণ, আগুন ছড়িয়ে পড়ার মাত্রা এবং হাসপাতালের জরুরি প্রস্তুতি খতিয়ে দেখতে ইসলামাবাদের জেলা ম্যাজিস্ট্রেট একটি বহুমুখী তথ্যানুসন্ধান কমিটি গঠন করেছেন, যাদের ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।   এদিকে, নিষ্পাপ সন্তানদের হারিয়ে হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। সন্তানহারা মোহাম্মদ সামি নামের এক মা জানান, মাত্র তিন দিন আগে জন্ম নেওয়া তার শিশুটিকে ওই নার্সারিতে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছিল।   কাঁদতে কাঁদতে তিনি বলেন, "আমি কী বলব বা কাকে দোষ দেব জানি না, আমি আমার সন্তানকে হারিয়েছি।" আমির আব্বাসি নামের আরেক ব্যক্তি তার সদ্যোজাত ভাতিজাকে হারানোর শোক প্রকাশ করে বলেন, "গতকালই আমি তার নরম মুখ ও হাত ছুঁয়েছিলাম, আর আজ সে শুধুই ছাই।"   পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মুস্তফা কামাল জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে তদন্ত তদারকি করতে করাচি থেকে ইসলামাবাদে যাচ্ছেন।   হাসপাতালের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শিশুদের মরদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার বলে জানান তিনি।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৭:৪২
নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির আহ্বান মেয়র মামদানির
নিউইয়র্কে ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতির আহ্বান মেয়র মামদানির

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নিউইয়র্ক সিটি এবং বিশ্বজুড়ে বসবাসরত বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এই মোবারকবাদ জানান।   নিজের আবেগঘন বার্তায় মেয়র বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর শেখানো করুণা, বদান্যতা এবং ন্যায়বিচারের মহান আদর্শের কথা গভীরভাবে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, চৌদ্দ শতাব্দীরও বেশি সময় ধরে এই নীতিগুলো গোটা বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করে আসছে।   যুক্তরাষ্ট্রের সবচেয়ে বৈচিত্র্যময় শহরের নেতা হিসেবে বিভিন্ন প্রধান ধর্মীয় উৎসবগুলোতে এমন শুভেচ্ছা বার্তা দেওয়া তাঁর দায়িত্বের একটি স্বাভাবিক অংশ হলেও, মেয়র মামদানি এই উৎসবটিকে নিউইয়র্কবাসীর দৈনন্দিন জীবনের সাথে সরাসরি সংযুক্ত করেছেন।   তিনি জোর দিয়ে বলেন, সমাজের নানা বৈচিত্র্যকে আপন করে নেওয়া এবং স্থানীয় মানুষের নিঃস্বার্থ সেবা করার মধ্য দিয়েই একটি শহর সাংস্কৃতিকভাবে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে।   নিউইয়র্ক সিটি হলের মতো গুরুত্বপূর্ণ একটি প্রশাসনিক জায়গা থেকে নিজেদের ধর্মীয় ঐতিহ্যের এমন প্রকাশ্য সম্মান ও স্বীকৃতি সেখানকার মুসলিম বাসিন্দাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মেয়রের এই আন্তরিক শুভেচ্ছা বার্তা শহরটিতে বসবাসরত মুসলিমদের মাঝে এক গভীর আত্মবিশ্বাস ও স্বস্তিদায়ক আপনত্বের অনুভূতি তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৭:২৫
নিউইয়র্কে ১৫ বছরের কিশোরকে মাথায় গু লি করে হ ত্যা, পুলিশের কাছে আত্মসমর্পণ ১৬ বছরের কিশোরের
নিউইয়র্কে ১৫ বছরের কিশোরকে মাথায় গু লি করে হ ত্যা, পুলিশের কাছে আত্মসমর্পণ ১৬ বছরের কিশোরের

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে ১৫ বছর বয়সী কিশোর রাইলি বিলিংসলিকে গুলি করে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে কালভিন ভেলোজ নামের ১৬ বছর বয়সী আরেক কিশোর। মর্মান্তিক এই খুনের ঘটনায় মঙ্গলবার কালভিনের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করেছে পুলিশ।   গত ১২ আগস্ট বিকেল ৫টা ২০ মিনিটের দিকে কিংসব্রিজ হাইটসের ওয়েস্ট ১৯৭ স্ট্রিটের কাছে ক্ল্যাফলিন অ্যাভিনিউয়ের একটি অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, কালভিন তার ব্যাকপ্যাক থেকে একটি .৪৫ ক্যালিবারের আগ্নেয়াস্ত্র বের করে এবং "আমি কিছু ব্যথা দিতে যাচ্ছি" (I'm going to throw some pain) বলে হুংকার দিয়ে রাইলিকে মাথায় গুলি করে।   নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) চিফ অব ডিটেকটিভস জোসেফ কেনি জানান, ওই সময় রাইলিসহ একদল কিশোর একটি বেডরুমে আড্ডা দিচ্ছিল। হঠাৎ কালভিন তার বন্দুক বের করে ম্যাগাজিন লোড করে সরাসরি রাইলির মাথায় গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।   রাইলির কোনো অপরাধমূলক রেকর্ড ছিল না বলেও নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় ওই অ্যাপার্টমেন্টে থাকা ১৩ বছর বয়সী অপর এক কিশোরও আহত হয়। গুলি প্রথমে দেয়ালে লেগে ছিটকে তার বুকে আঘাত করে। বর্তমানে সে হাসপাতালে স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। তদন্তকারী কর্মকর্তাদের মতে, এটি কোনো দুর্ঘটনা ছিল না, বরং কালভিনের উদ্দেশ্যই ছিল কাউকে গুলি করা।   এদিকে, নিহত রাইলির শোকার্ত দাদি এলেইন রজার্স কালভিনের আত্মসমর্পণের খবর শুনে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ওই তরুণ যে কারণেই আত্মসমর্পণ করুক না কেন, এটি অন্তত কিছুটা স্বস্তিদায়ক; তবে তিনি জানতে চান কেন তার নাতিকে এভাবে হত্যা করা হলো।   পুলিশ কালভিনকে 'বুলিং' প্রবণ ও বদমেজাজি হিসেবে উল্লেখ করে জানিয়েছে, সে এর আগেও এক কিশোরকে পুড়িয়ে আহত করেছিল, যদিও ওই ঘটনাটি আনুষ্ঠানিকভাবে পুলিশকে জানানো হয়নি।   কালভিনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অনিচ্ছাকৃত নরহত্যা এবং বেআইনি অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। নিহত রাইলির দাদি এখন তার নাতির হত্যার ন্যায়বিচার দাবি করেছেন।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৭:৮
ট্রাম্পের শুল্কযুদ্ধে যুক্তরাষ্ট্রে কমছে কানাডীয় পর্যটক, ক্ষতির মুখে ১৫ অঙ্গরাজ্য I কোলাজ: আমেরিকা বাংলা
ট্রাম্পের শুল্কযুদ্ধে যুক্তরাষ্ট্রে কমছে কানাডীয় পর্যটক, ক্ষতির মুখে ১৫ অঙ্গরাজ্য

যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কানাডীয় পর্যটকরা। ২০২৫ সালে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর থেকে কানাডীয় পণ্য ও সেবার ওপর চড়া শুল্ক আরোপ এবং কানাডাকে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য বানানোর মতো বিতর্কিত মন্তব্যের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।   সম্প্রতি কানাডার মদ ও হকি সরঞ্জামসহ বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। আগামী ১ জানুয়ারি থেকে কানাডায় তৈরি স্টিল এবং অটো পার্টসের ওপর আরও ৫০ শতাংশ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন ট্রাম্প। এর কড়া জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও সমপরিমাণ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।   দুই দেশের এই বাণিজ্য যুদ্ধের বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের পর্যটন খাতে, যেখানে ২০২৫ সাল থেকে কানাডীয় পর্যটকদের স্থলপথে আগমন ৩৩ দশমিক ৯ শতাংশ কমে গেছে।   কানাডীয় পর্যটকদের এই বিশাল ঘাটতির কারণে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যের অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। স্ট্যাটিস্টিকস কানাডার তথ্যমতে, গত বছর কানাডীয়রা যুক্তরাষ্ট্রে তাদের প্রমোদভ্রমণ অনেকটাই কমিয়ে দিয়েছেন।   সম্প্রতি ট্যুরিজম ইকোনমিকস নামের একটি সংস্থার গবেষণায় পর্যটক কমার কারণে সম্ভাব্য আর্থিক ক্ষতির একটি হিসাব প্রকাশ করা হয়েছে। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে কানাডীয় দর্শনার্থীদের ব্যয় হ্রাসের প্রাক্কলন এবং সেন্সাস ব্যুরোর জনসংখ্যার তথ্য বিশ্লেষণ করে সংস্থাটি দেখিয়েছে, এই পর্যটক খরার কারণে যুক্তরাষ্ট্রে মাথাপিছু সম্ভাব্য গড় আর্থিক ক্ষতি হবে ১১ ডলার।   তবে এর মধ্যে ১৪টি অঙ্গরাজ্য ও রাজধানী ওয়াশিংটন ডিসিসহ মোট ১৫টি স্থানের ক্ষতি জাতীয় গড়ের চেয়েও অনেক বেশি হবে বলে ধারণা করা হচ্ছে, যা তাদের অর্থনীতিতে কানাডীয় পর্যটকদের ওপর প্রবল নির্ভরশীলতারই ইঙ্গিত দেয়।   ক্ষতির শিকার হওয়া এই ১৫টি স্থানের তালিকায় সবচেয়ে শোচনীয় অবস্থায় রয়েছে আলাস্কা। কানাডার সঙ্গে সবচেয়ে বড় (১,৫৩৮ মাইল) সীমান্ত থাকা এই অঙ্গরাজ্যটি মাথাপিছু ১১৪ ডলার ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে, যা তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নেভাডার (৭৭ ডলার) ক্ষতির প্রায় দ্বিগুণ।   এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে রাজধানী ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া (ওয়াশিংটন ডিসি) এবং চতুর্থ স্থানে রয়েছে কানাডা থেকে প্রায় আড়াই হাজার মাইল দূরে অবস্থিত হাওয়াই (৪৫ ডলার)। অর্থাৎ, কেবল সীমান্তবর্তী অঞ্চল নয়, বরং কানাডীয় পর্যটকদের কাছে জনপ্রিয় অন্যান্য দূরবর্তী অঙ্গরাজ্যগুলোও এই বাণিজ্য উত্তেজনার চরম মূল্য চোকাচ্ছে।   তালিকায় থাকা অন্যান্য ক্ষতিগ্রস্ত অঙ্গরাজ্যের মধ্যে রয়েছে ভার্মন্ট (মাথাপিছু ক্ষতি ৩৭ ডলার), মেইন (৩২ ডলার), ক্যালিফোর্নিয়া (৩১ ডলার) ও ফ্লোরিডা (২৩ ডলার)।   ফ্লোরিডার মতো অঙ্গরাজ্যের শীর্ষ আন্তর্জাতিক দর্শনার্থী আগে কানাডিয়ানরাই ছিলেন। এছাড়া অ্যারিজোনা (২২ ডলার), নর্থ ডাকোটা (১৮ ডলার), নিউইয়র্ক (১৫ ডলার), ওরেগন ও মন্টানা (উভয়ই ১৪ ডলার), নিউ হ্যাম্পশায়ার (১৩ ডলার) এবং ম্যাসাচুসেটস (১২ ডলার) অঙ্গরাজ্যও এই ক্ষতির তালিকায় স্থান পেয়েছে।   পর্যটন খাত সংশ্লিষ্টরা মনে করছেন, দুই দেশের মধ্যে রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের দ্রুত উন্নতি না হলে যুক্তরাষ্ট্রের এই আর্থিক ক্ষতির পরিমাণ ভবিষ্যতেও বাড়তে থাকবে।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৬:৫১
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৪৭ মার্কিন পর্যটকসহ নিখোঁজ শত শত, প্রাণহানি ১৫৭ জনের
নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৪৭ মার্কিন পর্যটকসহ নিখোঁজ শত শত, প্রাণহানি ১৫৭ জনের

নেপালের উত্তরাঞ্চলীয় রসুয়া জেলায় তিব্বত সীমান্তের কাছে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৫৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও শত শত মানুষ নিখোঁজ রয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে আঘাত হানা এই প্রাকৃতিক বিপর্যয়ে নেপালের পুলিশ ১৫৭ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে, অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া তাদের ভূখণ্ডে তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে।   নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মতে, রসুয়াগড়ি সীমান্ত চৌকি থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-পূর্বে একটি বিশাল ভূমিধসের কারণে এই আকস্মিক বন্যার সূত্রপাত হয়।   যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এটি ৫.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিধস ছিল, যা প্রাথমিকভাবে ভুলবশত ৪.৪ মাত্রার ভূমিকম্প হিসেবে রেকর্ড করা হয়েছিল।   ভয়াবহ এই বিপর্যয়ে অন্তত ৪০৩ জন বিদেশি নাগরিক এবং ৯৩ জন নেপালি পর্যটক নিখোঁজ রয়েছেন বলে নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে অন্তত ৪৭ জন যুক্তরাষ্ট্রের পর্যটক রয়েছেন।   ফিশটেইল ট্যুরস অ্যান্ড ট্রাভেল নামের একটি নেপালি পর্যটন সংস্থা নিশ্চিত করেছে যে, নিখোঁজ তিন মার্কিন নাগরিক তাদের ব্যবস্থাপনায় ভ্রমণ করছিলেন। এছাড়াও নিখোঁজদের তালিকায় ভারত, মালয়েশিয়া, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসের পর্যটকরা রয়েছেন।   নেপালের পর্যটন বোর্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্ষতিগ্রস্ত অঞ্চলে থাকা পর্যটকদের অবস্থান ও নিরাপত্তা নিশ্চিতে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে।   বিপর্যয়ের পরপরই নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। উদ্ধারকাজে ইতোমধ্যে ৬৫৬ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে।   তবে নেপালের পর্যটন বোর্ডের মুখপাত্র জানিয়েছেন, কাঠমান্ডু ও বন্যাকবলিত এলাকার মধ্যবর্তী অঞ্চলে বৈরী আবহাওয়ার কারণে তিনটি সামরিক হেলিকপ্টার উদ্ধারকাজে গিয়েও ফিরে আসতে বাধ্য হয়েছে।   আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে দ্রুততম সময়ে আকাশপথে উদ্ধারকাজ পুনরায় শুরু করার আশা করছে কর্তৃপক্ষ। এদিকে, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ও কাঠমান্ডুস্থ মার্কিন দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জরুরি প্রয়োজনে তাদের নাগরিকদের দূতাবাসের সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছে।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৬:২০
মার্কিন কর্মীদের চাকরি রক্ষায় এইচ-১বি ভিসা বাতিলের জোরালো দাবি তুললেন রিপাবলিকান কংগ্রেসম্যান
মার্কিন কর্মীদের চাকরি রক্ষায় এইচ-১বি ভিসা বাতিলের জোরালো দাবি তুললেন রিপাবলিকান কংগ্রেসম্যান

যুক্তরাষ্ট্রে বিদেশি দক্ষ কর্মীদের জন্য বহুল প্রচলিত এইচ-ওয়ানবি (H-1B) ভিসা প্রোগ্রাম পুরোপুরি বাতিল করার দাবি ফের জোরদার হয়েছে। ফক্স নিউজের উপস্থাপিকা লরা ইনগ্রাহাম এবং ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি গ্রেগ স্টিউবি সম্প্রতি এই ভিসা বাতিলের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন।   তাদের অভিযোগ, এই ভিসা ব্যবস্থার কারণে আমেরিকান কর্মীরা চাকরি হারাচ্ছেন এবং দেশীয় শ্রমিকদের স্বার্থ চরমভাবে ক্ষুণ্ন হচ্ছে। এরই মাঝে মার্কিন প্রশাসন এইচ-ওয়ানবি ভিসাকে আরও ব্যয়বহুল করতে নতুন এক বিশাল ফি আরোপের পথে হাঁটছে।   ফক্স নিউজের ‘দ্য ইনগ্রাহাম অ্যাঙ্গেল’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে গ্রেগ স্টিউবি জানান, তার প্রস্তাবিত বিলটি পাস হলে এইচ-ওয়ানবি প্রোগ্রামটি একেবারে বাতিল হয়ে যাবে।   প্রমাণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি ও বিনোদন প্রতিষ্ঠানগুলোর কর্মী ছাঁটাইয়ের বিষয়টি তুলে ধরেন। স্টিউবি উল্লেখ করেন, মাইক্রোসফট ১৬ হাজার আমেরিকান কর্মীকে ছাঁটাই করার পর এইচ-ওয়ানবি ভিসায় ৯ হাজার নতুন কর্মী নিয়োগ দিয়েছে।   একইভাবে, ডিজনি ২৫০ জন আমেরিকানকে চাকরিচ্যুত করে উল্টো তাদের দিয়েই এইচ-ওয়ানবি ভিসায় আসা নতুন বিদেশি কর্মীদের প্রশিক্ষণ দিতে বাধ্য করেছে বলে তিনি অভিযোগ করেন।   দেশীয় শ্রমিকদের এই শোষণের অবসান ঘটাতে স্টিউবি চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘এক্সাইল অ্যাক্ট’ (EXILE Act) নামের একটি বিল উত্থাপন করেছেন। এদিকে লরা ইনগ্রাহাম স্মরণ করিয়ে দেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ২০১৬ সালে দায়িত্ব গ্রহণের আগে এই ভিসা বাতিল করার পক্ষে জোরালো বক্তব্য রেখেছিলেন।   আইনপ্রণেতাদের এই ভিসা বাতিলের দাবির মধ্যেই যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) এইচ-ওয়ানবি ভিসার জন্য নতুন একটি বিশাল ফি আরোপের প্রস্তাব দিয়েছে।   প্রস্তাবে বলা হয়েছে, ক্যাপ-সাবজেক্ট অর্থাৎ নির্দিষ্ট কোটার আওতাভুক্ত প্রতিটি এইচ-ওয়ানবি পিটিশনের জন্য আবেদনকারীকে ১ লাখ ৩ হাজার ২৬৫ মার্কিন ডলার ফি প্রদান করতে হবে। এই ফি বিদ্যমান অন্যান্য স্বাভাবিক চার্জের অতিরিক্ত হিসেবে ধার্য করা হবে।   ডিএইচএস-এর অনুমান, বার্ষিক ৮৫ হাজার ক্যাপ-সাবজেক্ট পিটিশনের ওপর ভিত্তি করে এই নতুন ফি থেকে সরকারের প্রতি বছর প্রায় ৮.৮ বিলিয়ন ডলার রাজস্ব আয় হবে। এই প্রস্তাবের বিষয়ে আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে জনসাধারণের মতামত দেওয়ার সুযোগ রাখা হয়েছে।   এই প্রস্তাবনা এইচ-ওয়ানবি ভিসা নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিয়েছে। ভিসা ব্যবস্থার সমর্থকরা মনে করেন, এই প্রোগ্রামটি মার্কিন কোম্পানিগুলোকে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষায়িত দক্ষ কর্মী নিয়োগে সাহায্য করে।   অন্যদিকে, সমালোচকদের দাবি, কোম্পানিগুলো সস্তায় কর্মী নিয়োগের জন্য এই ভিসার অপব্যবহার করছে এবং দেশীয় শ্রমিকদের প্রতিস্থাপন করছে। প্রশাসনের এই বিপুল ফি আরোপের প্রস্তাব এবং কংগ্রেসের ভিসা বাতিলের প্রচেষ্টা মূলত যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কর্মসংস্থান ব্যবস্থাকে ঢেলে সাজানোর দুটি ভিন্ন রূপ হিসেবেই দেখা হচ্ছে।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৫:৫৮
চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪
চেয়ারে বসা নিয়ে রাবির দুই বিভাগের দফায় দফায় সংঘর্ষ, আহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী আহত হয়েছে বলে জানিয়েছেন রাবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক।   মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের পেছনে এবং দুই বিভাগের একাডেমিক ভবনে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।   আহতরা হলেন- রসায়ন বিভাগের ফেরদৌস হাসান, সাজিদুর, নোমান ও সামিন। তাদের মধ্যে গুরুতর আহত ফেরদৌস হাসান ও সাজিদুরকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।   প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে, টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।   পরে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও বিরোধ মেটেনি। একপর্যায়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থী নবাব আবদুল লতিফ হলের পেছনে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মারধর করেন। এতে রসায়ন বিভাগের দুই শিক্ষার্থী আহত হন।   এর জেরে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের একাডেমিক ভবন রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে হামলা ও ভাঙচুর করেন।   এ সময় ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করেন। এতে রসায়ন বিভাগের আরও দুই শিক্ষার্থী আহত হন। পরে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা রসায়ন বিভাগের একাডেমিক ভবন জাবির ইবনে হাইয়ান ভবনে হামলা ও ভাঙচুর চালান।   এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষে রসায়ন বিভাগের ফেরদৌস হাসানসহ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’   রাবি মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক জানান, আমরা গুরুতর আহত অবস্থায় চারজনকে পেয়েছি। তাঁদের মধ্যে দুজনের অবস্থা একটু আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দ্রুততার সঙ্গে আমরা অ্যাম্বুলেন্সে করে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।   এদিকে ঘটনার বিষয়ে জানতে দুই বিভাগের সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৫:৩১
দুই সপ্তাহ আইসিই হেফাজতে থাকার পর জামিন পেলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষিকা
দুই সপ্তাহ আইসিই হেফাজতে থাকার পর অবশেষে বাড়ি ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত শিক্ষিকা

দীর্ঘ প্রায় দুই সপ্তাহ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে থাকার পর অবশেষে বাড়ি ফিরছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষিকা ভেঙ্কটা নরসমাম্বা ভাসামশেট্টি। একজন ইমিগ্রেশন বিচারক তার সাড়ে সাত হাজার ডলারের জামিন মঞ্জুর করেছেন।   ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ভেঙ্কটাকে 'পলাতক হওয়ার ঝুঁকিপূর্ণ' হিসেবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত এই রায় দেন।   নর্থ ক্যারোলিনার স্টেট সিনেটর জে চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে  দেওয়া এক পোস্টে মুক্তির খবরটি নিশ্চিত করে লেখেন, "ভেঙ্কটা বাড়ি ফিরছেন।" তার ভার্চুয়াল জামিন শুনানিতে ৫০ জনেরও বেশি স্বজন ও সহকর্মী অংশ নেন এবং তার মুক্তির দাবিতে খোলা একটি পিটিশনে আট হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেছিলেন।   ভেঙ্কটার এই আইনি জটিলতার শুরু হয় ২০২২ সালে। অসুস্থ বাবাকে দেখতে সেসময় তিনি ভারতে গিয়েছিলেন, কিন্তু সেখানে কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় যুক্তরাষ্ট্রে ফিরতে তার ছয় মাসের বেশি সময় লেগে যায়।    এরপরই ডিএইচএস অভিযোগ তোলে যে, দীর্ঘসময় দেশের বাইরে থাকায় তিনি তার বৈধ স্থায়ী বাসিন্দার (গ্রিন কার্ড) মর্যাদা হারিয়েছেন। গত ১৯ মে একজন ইমিগ্রেশন বিচারক প্রমাণের অভাবে সরকারের এই অভিযোগ খারিজ করে দেন এবং তাকে স্থায়ী বাসিন্দা হিসেবে থাকার অনুমতি দেন। তা সত্ত্বেও আইসিই কর্তৃপক্ষ তাকে নিয়মিত হাজিরা দেওয়ার নির্দেশ বহাল রাখে।   সবশেষ গত ১১ আগস্ট মেয়েকে নিয়ে শার্লটের আইসিই অফিসে হাজিরা দিতে গেলে ভেঙ্কটাকে আকস্মিকভাবে হেফাজতে নেওয়া হয়। পরে তাকে জর্জিয়ার আরউইন কাউন্টি ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়।   সেখানে এই বয়স্ক নারীর স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগ দেখা দেয়। তার পরিবারের অভিযোগ, গুরুতর ইনসুলিন-নির্ভর ডায়াবেটিসে আক্রান্ত হওয়া সত্ত্বেও বন্দিদশায় তাকে পর্যাপ্ত চিকিৎসাসেবা ও উপযুক্ত খাবার দেওয়া হয়নি।   ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো ভেঙ্কটা ২০১৩ সালে গ্রিন কার্ড পান। নর্থ ক্যারোলিনায় দীর্ঘ তিন দশক ধরে বসবাস করা এই নারী ওয়েক কাউন্টির পাবলিক স্কুলে শিক্ষকতা করতেন এবং তার দুই মেয়ে ও নাতি-নাতনিরা যুক্তরাষ্ট্রের নাগরিক।   অবশেষে জামিন পাওয়ায় পরিবারের কাছে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি। এই রায়ে স্বস্তি প্রকাশ করে সিনেটর জে চৌধুরী বলেন, এই দুঃস্বপ্নের অবসান হওয়ায় তিনি আনন্দিত, তবে ভেঙ্কটা বা অন্য কারও সঙ্গেই এমন অবিচার হওয়া উচিত হয়নি।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৫:২২
মসজিদে হা মলার হুমকি দিয়ে ২৮ মাসের কারাদণ্ড পেলেন ২১ বছর বয়সী ইহুদি যুবক
মসজিদে হা মলার হুমকি দিয়ে ২৮ মাসের কারাদণ্ড পেলেন ২১ বছর বয়সী ইহুদি যুবক

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে একটি সিনাগগে প্রাণঘাতী হামলার জেরে দুটি মসজিদে ফোন করে হত্যার হুমকি দেওয়ার অপরাধে গ্যাব্রিয়েল লেভি নামের ২১ বছর বয়সী এক যুবককে ২৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার লিডস ক্রাউন আদালতে হত্যার হুমকির বিষয়টি স্বীকার করার পর বিচারক তাকে দুই বছরেরও বেশি সময়ের এই সাজা প্রদান করেন।   ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) জানিয়েছে, ২০২৫ সালের ৪ অক্টোবর বিকেলে ম্যানচেস্টারের চিথাম হিলের আল-সুন্নাহ মসজিদে বেনামে ফোন করেন লেভি।   ফোন ধরা ব্যক্তিকে উদ্দেশ্য করে তিনি বলেন, "আমি তোমাদের মসজিদে এসে তোমাদের হত্যা করব।"   একই দিন বিকেলে তিনি ম্যানচেস্টারের ইকরা মসজিদেও ফোন করে সেখানকার এক কর্মীকে বলেন, "আমি তোমাকে হত্যা করব, মুসলিম।" গ্রেপ্তারের পর ইহুদি ধর্মাবলম্বী এই যুবক পুলিশকে জানান, মাত্র দুদিন আগে ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার প্রতিক্রিয়া হিসেবে তিনি এই ফোন কলগুলো করেছিলেন। পরবর্তীতে তার মোবাইল ফোন তল্লাশি করে ইসলামোফোবিক ও বর্ণবাদী ঘৃণামূলক বার্তাও পায় পুলিশ।   এর আগে, গত ২ অক্টোবর ইহুদিদের পবিত্র দিন 'ইয়োম কিপুর' চলাকালে ক্রাম্পসালের হিটন পার্ক হিব্রু কনগ্রেগেশন সিনাগগে ভয়াবহ ওই হামলাটি ঘটে। জিহাদ আল-শামি নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তি গাড়ি নিয়ে সিনাগগের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভুয়া আত্মঘাতী বেল্ট পরে ছুরি দিয়ে হামলা চালায়।   পরে সশস্ত্র পুলিশের গুলিতে সে নিহত হয়। ওই হামলায় দুজন পুণ্যার্থী প্রাণ হারান। ৬৬ বছর বয়সী মেলভিন ক্রাভিটজ আল-শামির ছুরিকাঘাতে এবং ৫৩ বছর বয়সী আদ্রিয়ান ডলবি ঘটনাস্থলে মোতায়েন করা এক পুলিশ কর্মকর্তার ভুল গুলিতে বুকে আঘাত পেয়ে মারা যান।   এই মামলার রায়ের বিষয়ে সিনিয়র ক্রাউন প্রসিকিউটর আমির সাজাদ বলেন, নিজের দায়িত্ব পালনের সময় কাউকে হত্যার হুমকি দিয়ে আতঙ্কিত করার অধিকার কারও নেই।   গ্যাব্রিয়েল লেভি যখন বেপরোয়াভাবে ফোন করে এই হুমকিগুলো দিচ্ছিলেন, তখন তিনি একবারও ভাবেননি অপর প্রান্তে কে আছেন। হত্যার হুমকি এবং ইসলামোফোবিক যেকোনো ঘৃণামূলক অপরাধকে আইনিভাবে সব সময়ই অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে সতর্ক করেন তিনি।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৪:৪০
নিজের অটিস্টিক সন্তানকে গ্যারেজে আটকে হ ত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন
অটিস্টিক সন্তানকে হাড়কাঁপানো শীতে গ্যারেজে আটকে হ ত্যার দায়ে সাবেক পুলিশ কর্মকর্তার যাবজ্জীবন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে তীব্র শীতের রাতে নিজের আট বছর বয়সী অটিস্টিক ছেলে থমাস ভালভাকে গরমবিহীন গ্যারেজে আটকে রেখে হত্যার দায়ে মাইকেল ভালভা নামের এক সাবেক এনওয়াইপিডি (NYPD) কর্মকর্তাকে ২৫ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।   ২০২০ সালের জানুয়ারিতে ঘটা অমানবিক এই ঘটনার পর হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়। পরবর্তীতে আদালতে এই ঘটনাকে দ্বিতীয় ডিগ্রির হত্যা হিসেবে প্রমাণ করা হয়েছে।   আদালতের তথ্যমতে, সাফোক কাউন্টির সেন্টার মোরিশেস এলাকায় বসবাসরত ওই পরিবারে থমাস ও তার বড় ভাই অ্যান্থনিকে নিয়মিত হিটারবিহীন ঠান্ডা গ্যারেজে ঘুমাতে বাধ্য করা হতো। ২০২০ সালের ১৭ জানুয়ারি রাতে বাইরের তাপমাত্রা প্রায় ১৯ ডিগ্রি ফারেনহাইটে নেমে যায়।   ওই হাড়কাঁপানো শীতে টানা ১৬ ঘণ্টা গ্যারেজে আটকে থাকার কারণে গুরুতর হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয় থমাস। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জানান, তার শরীরের অভ্যন্তরীণ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছিল মাত্র ৭৬ দশমিক ১ ডিগ্রি ফারেনহাইটে, যা একজন মানুষের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে প্রায় ২০ ডিগ্রি কম।   ঘটনার পর নিজেকে বাঁচাতে মাইকেল ভালভা পুলিশকে ফোন করে মিথ্যা তথ্য দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন, তার ছেলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছে এবং শ্বাস নিচ্ছে কি না তা তিনি বুঝতে পারছেন না।   তবে পুলিশি তদন্তে থমাসের মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসে এবং প্রসিকিউটররা আদালতে প্রমাণ করেন যে শিশু দুটির ওপর দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল।   ২০২২ সালের নভেম্বরে জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে এবং ডিসেম্বরে বিচারক উইলিয়াম কনডন তাকে এই সর্বোচ্চ সাজা প্রদান করেন। এই নির্মম হত্যাকাণ্ডে মাইকেলের তৎকালীন বাগদত্তা অ্যাঞ্জেলা পোলিনাকেও ২০২৩ সালে সমপরিমাণ সাজা দেওয়া হয়েছে।   সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, থমাসের মৃত্যুর আগে থেকেই পরিবারটির ওপর শিশু সুরক্ষা কর্তৃপক্ষের (সিপিএস) নজরদারি ছিল। তা সত্ত্বেও এমন মর্মান্তিক মৃত্যু ঠেকাতে না পারায় চাইল্ড প্রোটেক্টিভ সার্ভিসেসের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।   ২০২৪ সালে প্রকাশিত এক বিশেষ গ্র্যান্ড জুরি তদন্ত প্রতিবেদনে সংস্থাটির চরম ব্যর্থতার কথা উঠে আসে, যার ফলে কাউন্টি কর্তৃপক্ষ শিশু সুরক্ষা ব্যবস্থায় একাধিক সংস্কার ও নজরদারি বাড়াতে বাধ্য হয়। মর্মান্তিক এই ঘটনাটি গোটা যুক্তরাষ্ট্রে শিশু নির্যাতন প্রতিরোধ ও সরকারি সংস্থাগুলোর জবাবদিহিতা নিয়ে এক গভীর ও গুরুত্বপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৪:২২
যুক্তরাষ্ট্রের প্রথম হাইস্পিড ‘বুলেট ট্রেন’ প্রকল্পে অর্থসংকট, মাঝপথে থেমে যাওয়ার আশঙ্কা
যুক্তরাষ্ট্রের প্রথম হাইস্পিড ‘বুলেট ট্রেন’ প্রকল্পে অর্থসংকট, মাঝপথে থেমে যাওয়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের প্রথম পূর্ণাঙ্গ হাইস্পিড রেল প্রকল্প ক্যালিফোর্নিয়া হাইস্পিড রেল এখন বড় ধরনের অর্থসংকটে পড়েছে। নতুন অর্থায়ন না হলে প্রকল্পটির বর্তমান অর্থ ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যেই শেষ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন প্রকল্পটির ইন্সপেক্টর জেনারেল বেঞ্জামিন বেলন্যাপ।   ৩১ জুলাই গভর্নর গ্যাভিন নিউজম এবং ক্যালিফোর্নিয়া স্টেট আইনসভার নেতাদের কাছে পাঠানো এক পর্যালোচনা প্রতিবেদনে বেলন্যাপ প্রকল্পটির অর্থায়ন ও ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।   তার প্রতিবেদনে বলা হয়, চলমান নির্মাণকাজ চালিয়ে যেতে আগামী কয়েক বছরে বড় ধরনের অর্থের ঘাটতি তৈরি হতে পারে। শুধু ২০২৭-২৮ অর্থবছরেই মার্সেড থেকে বেকার্সফিল্ড অংশের নির্মাণকাজ চালিয়ে যেতে অতিরিক্ত প্রায় ২.২ বিলিয়ন ডলার প্রয়োজন হতে পারে।   ক্যালিফোর্নিয়া হাইস্পিড রেল অথরিটি জানিয়েছে, প্রকল্পটির প্রথম ধাপে সান ফ্রান্সিসকো থেকে লস অ্যাঞ্জেলেস ও আনাহেইম পর্যন্ত সংযোগ গড়ে তোলার লক্ষ্য রয়েছে।   তবে বর্তমানে নির্মাণের মূল কাজ চলছে সেন্ট্রাল ভ্যালির মার্সেড থেকে বেকার্সফিল্ড অংশে। অথরিটির ২০২৬ সালের বিজনেস প্ল্যানে প্রকল্পের এই অংশকে অগ্রাধিকার দিয়ে দ্রুত সেবা চালুর পরিকল্পনা তুলে ধরা হয়েছে।   প্রকল্পটির ব্যয়ও বছরের পর বছর বেড়েছে। বিভিন্ন হিসাব অনুযায়ী পুরো প্রথম ধাপের সম্ভাব্য ব্যয় ১২৬ বিলিয়ন ডলার থেকে সর্বোচ্চ ২৩১ বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।   পুরো প্রকল্পের কার্যক্রম চালুর সময়সীমাও অনেক পিছিয়েছে, যা এখন প্রায় ২০৩৯ বা ২০৪০ সালের দিকে গিয়ে ঠেকেছে।   অর্থসংকটের পাশাপাশি প্রকল্পটির বিলম্ব ও নির্মাণ ব্যয় নিয়েও প্রশ্ন উঠেছে। ইন্সপেক্টর জেনারেলের পর্যালোচনায় প্রকল্পের ব্যয়, সময়সূচি এবং অর্থায়নের ঝুঁকি নিয়ে আইনপ্রণেতাদের আরও স্বচ্ছ তথ্য দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।   বেলন্যাপ অভিযোগ করেছেন, প্রকল্পের কিছু মৌলিক তথ্য যথেষ্ট স্পষ্টভাবে উপস্থাপন করা হয়নি, যা আইনপ্রণেতাদের কার্যকর নজরদারিকে বাধাগ্রস্ত করছে।   তবে প্রকল্পটি এখনো বন্ধ হয়ে যায়নি। ক্যালিফোর্নিয়া হাইস্পিড রেল অথরিটি ২০২৬ সালের বিজনেস প্ল্যানে নতুন অর্থায়ন, সম্ভাব্য বেসরকারি বিনিয়োগ এবং ভবিষ্যৎ রাজস্বের বিভিন্ন উৎস ব্যবহার করে প্রকল্প এগিয়ে নেওয়ার পরিকল্পনা জানিয়েছে। একই সঙ্গে সেন্ট্রাল ভ্যালিতে নির্মাণকাজও অব্যাহত রয়েছে।   ক্যালিফোর্নিয়ার এই প্রকল্পকে যুক্তরাষ্ট্রের প্রথম ‘true high-speed rail system’ হিসেবে তুলে ধরছে হাইস্পিড রেল অথরিটি। পরিকল্পনা অনুযায়ী ট্রেনগুলো ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ২২০ মাইল গতিতে চলতে পারবে। জুন ২০২৬-এ কর্তৃপক্ষ দেশের প্রথম হাইস্পিড রেল ট্র্যাক ও সিস্টেম নির্মাণের জন্য একটি টিম অনুমোদনের কথাও জানিয়েছে।   অর্থাৎ প্রকল্পটি এখনো নির্মাণাধীন এবং পুরোপুরি থেমে যায়নি। তবে নতুন অর্থের ব্যবস্থা না হলে ২০২৭ সালের শেষ নাগাদ বর্তমান অর্থ শেষ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের বহু প্রতীক্ষিত এই হাইস্পিড ‘বুলেট ট্রেন’ প্রকল্পের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে নতুন অর্থায়ন নিশ্চিত করার ওপর।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৪:৫
খন্দকার জামিল, মর্টগেজ লোন অফিসার, ইজারা ইসলামিক ফাইন্যান্স
ইজারা ইসলামিক ফাইন্যান্স কীভাবে কাজ করে, প্রচলিত মর্টগেজের সঙ্গে পার্থক্য কোথায়

যুক্তরাষ্ট্রে মুসলিমদের মধ্যে শরিয়াহসম্মত হোম ফাইন্যান্সিং নিয়ে আগ্রহ বাড়ছে। প্রচলিত মর্টগেজের বিকল্প হিসেবে কয়েকটি প্রতিষ্ঠান ইসলামিক শরিয়া ভিত্তিক লোন নিয়ে কাজ করে তার মধ্যে ইজারা ইসলামিক ফাইন্যান্স একটি প্রতিষ্ঠান, যেখানে প্রচলিত সুদভিত্তিক লোনের পরিবর্তে লিজ বা ভাড়াভিত্তিক ব্যবস্থা অনুসরণ করা হয়।   ইজারার একটি প্রচলিত কাঠামো হলো ‘লিজ টু ওন’ বা ‘লিজ টু পারচেজ’, যেখানে ফাইন্যান্সিং প্রতিষ্ঠানের মালিকানাধীন সম্পত্তি গ্রাহকের কাছে লিজ দেওয়া হয় এবং চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তীতে মালিকানা হস্তান্তরের ব্যবস্থা থাকে।    প্রচলিত মর্টগেজে একজন ক্রেতা ব্যাংক বা লেন্ডারের কাছ থেকে অর্থ লোন নিয়ে বাড়ি কেনেন এবং সেই টাকার ওপর ইন্টারেস্ট পরিশোধ করেন। অন্যদিকে, ইজারা কাঠামোতে সম্পত্তির মালিকানা ও লিজের সম্পর্ককে কেন্দ্র করে মাসিক পেমেন্ট নির্ধারণ করা হয়। তবে ইজারা ফাইন্যান্সের নির্দিষ্ট কাঠামো প্রতিষ্ঠানভেদে ভিন্ন হতে পারে।   ইজারা ইসলামিক ফাইন্যান্স এবং প্রচলিত মর্টগেজের পার্থক্য সম্পর্কে ইজারা লোন নিয়ে কাজ করা ফাইন্যান্সিং অফিসার খন্দকার জামিল বলেন, “রেগুলার মর্টগেজে যখন আপনি বাড়ি কেনেন, ওই বাড়িতে আপনার ইন্টারেস্ট ইনভলভ থাকে।   অর্থাৎ আপনি ধরেন ৫০০,০০০ ডলার লোন নিলেন, প্রতি মাসে আপনাকে যে পেমেন্ট করতে হবে, তার একটি অংশ যাবে ৫০০,০০০ ডলারের লোনের অংশ হিসেবে, আর বাকিটা যাবে ইন্টারেস্ট হিসেবে।”   ইজারা পদ্ধতি সম্পর্কে খন্দকার জামিল বলেন, “ইজারা ইসলামী ফাইন্যান্স হচ্ছে লিজ টু ওন পদ্ধতি। এখানে ইন্টারেস্ট বিষয়টি ইনভলভ থাকে না। এটা কাজ করে এরকম যে ইজারা একটা ট্রাস্ট গঠন করে, বাড়ির মালিকানা থাকে ট্রাস্টের নামে এবং আপনি একজন টেন্যান্ট হিসেবে বাড়িতে বসবাস করেন।”   তিনি আরও বলেন, “প্রতি মাসে আপনি যে পেমেন্ট দেবেন, পেমেন্টের একটি অংশ লোনের অংশ হিসেবে যাবে আর বাকিটা রেন্ট হিসেবে যাবে। এখানে আপনি ইন্টারেস্ট পেমেন্ট করছেন না। এখানে আপনি রেন্টের মাধ্যমে প্রফিটটা পে করছেন।”   ইজারা কাঠামোর ক্ষেত্রে সম্পত্তির মালিকানা, লিজের শর্ত এবং মালিকানা হস্তান্তরের প্রক্রিয়া চুক্তির ধরন অনুযায়ী নির্ধারিত হয়।   সাধারণ ইজারা নীতিতে ফাইন্যান্সিং প্রতিষ্ঠান বা লেসর সম্পত্তির মালিক হিসেবে সেটি গ্রাহকের কাছে লিজ দেয়। লিজ টু ওনকাঠামোয় পরবর্তীতে নির্দিষ্ট শর্ত পূরণের মাধ্যমে সম্পত্তির মালিকানা গ্রাহকের কাছে হস্তান্তরের ব্যবস্থা থাকে।    খন্দকার জামিলের ব্যাখ্যায়, দুই ব্যবস্থার মূল পার্থক্য হলো প্রচলিত মর্টগেজে ঋণের ওপর ইন্টারেস্ট পরিশোধ করা হয়, আর ইজারা কাঠামোয় সম্পত্তি ব্যবহারের জন্য রেন্টভিত্তিক পেমেন্টের মাধ্যমে ফাইন্যান্সিং ব্যবস্থা পরিচালিত হয়।   তবে কোনো নির্দিষ্ট ইজারা ফাইন্যান্সিং পণ্য শরিয়াহসম্মত কি না, তা নির্ধারণ করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চুক্তির সম্পূর্ণ কাঠামো, মালিকানা ব্যবস্থা, রেন্ট, প্রফিট এবং অন্যান্য শর্ত আলাদাভাবে পর্যালোচনা করা প্রয়োজন।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৩:৫৪
জন্মের আগে গর্ভপাত চেয়েছিলেন ক্যালিফোর্নিয়ার দম্পতি, জন্মের পর সেই শিশুরই অভিভাবকত্ব দাবি
জন্মের আগে গর্ভপাত চেয়েছিলেন ক্যালিফোর্নিয়ার দম্পতি, জন্মের পর সেই শিশুরই অভিভাবকত্ব দাবি

গর্ভের শিশুর গুরুতর হৃদ্‌যন্ত্রের ত্রুটি ধরা পড়ার পর গর্ভপাত চেয়েছিলেন ক্যালিফোর্নিয়ার এক দম্পতি। কিন্তু তাদের সারোগেট মা ম্যাককেনা ওয়েস্ট সেই সিদ্ধান্তে রাজি না হয়ে টেক্সাসে চলে যান এবং শেষ পর্যন্ত শিশুটির জন্ম দেন।   এখন সেই শিশুই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, আর জন্মের পর তাকে নিজেদের সন্তান হিসেবে নিয়ে অভিভাবকত্বের অধিকার প্রতিষ্ঠায় আদালতে লড়ছেন ক্যালিফোর্নিয়ার দম্পতি নওশীন গিলকার ও ওমর আহমেদ।    ডালাসের একটি আদালতে মঙ্গলবার অনুষ্ঠিত শুনানিতে গিলকার ও আহমেদ দাবি করেন, তারা শিশুটির জেনেটিক বাবা-মা এবং শিশুটির চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাদেরই।   অন্যদিকে সারোগেট ম্যাককেনা ওয়েস্টের আইনজীবীরা আদালতে তার পক্ষে শিশুটির একক কনজারভেটরশিপ বা অভিভাবকত্ব চেয়েছেন, যাতে তিনি শিশুটির চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নিতে পারেন। আদালত মঙ্গলবার চূড়ান্ত কাস্টডি বা অভিভাবকত্বের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি।    ঘটনার শুরু গর্ভাবস্থার প্রায় ২০ সপ্তাহে। তখন পরীক্ষায় দেখা যায়, শিশুটির হাইপোপ্লাস্টিক লেফট হার্ট সিনড্রোম বা HLHS রয়েছে। এটি একটি গুরুতর জন্মগত হৃদ্‌যন্ত্রের ত্রুটি, যেখানে হৃদ্‌যন্ত্রের বাম পাশ স্বাভাবিকভাবে বিকশিত হয় না এবং শরীরে স্বাভাবিক রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। চিকিৎসা না হলে এ ধরনের অবস্থায় জন্মের পর অল্প সময়ের মধ্যেই শিশুর মৃত্যু হতে পারে।    শিশুটির এই জটিলতা জানার পর গিলকার ও আহমেদ গর্ভপাতের সিদ্ধান্ত নেন বলে আদালতের নথি ও শুনানিতে উঠে এসেছে। ওয়েস্টও আদালতে স্বীকার করেছেন, ২৩ সপ্তাহের গর্ভাবস্থায় তিনি দম্পতির অনুরোধে গর্ভপাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন।   তবে শেষ পর্যন্ত তিনি গর্ভপাত করাতে রাজি হননি। তার দাবি, শিশুটির বেঁচে থাকার এবং দীর্ঘ জীবন পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে তিনি বিশ্বাস করতেন। এরপর তিনি আলাস্কা থেকে টেক্সাসে চলে যান, যেখানে শিশুটির জন্ম হয়।    ১২ আগস্ট টেক্সাসে শিশুটির জন্মের পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। গিলকার ও আহমেদ শিশুটির নাম রেখেছেন রুমি। অন্যদিকে ওয়েস্ট শিশুটিকে গ্যাব্রিয়েল নামে ডাকেন।   শিশুটির গুরুতর হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে জন্মের পর দ্রুত চিকিৎসা প্রয়োজন হয়। পরে তার প্রথম বড় ধরনের হার্ট সার্জারি করা হয়। চিকিৎসকদের মতে, HLHS আক্রান্ত শিশুদের জন্য একাধিক ধাপে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।    বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে। আদালতে গিলকার জানান, অস্ত্রোপচারের পর শিশুটির অবস্থা উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে এবং তাকে শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। আদালতে তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, শিশুটি তাদের সন্তান এবং তারা তাকে হারাতে চান না।    অন্যদিকে ওয়েস্টের আইনজীবীরা প্রশ্ন তুলেছেন, গর্ভাবস্থায় শিশুটির গুরুতর অসুস্থতার খবর পাওয়ার পর যে দম্পতি গর্ভপাত চেয়েছিলেন, তারা এখন শিশুটির জীবনরক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের যুক্তি, শিশুটির চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ওয়েস্টের কনজারভেটরশিপ থাকা উচিত।   শুনানিতে ওয়েস্টের আইনজীবী এমনও জানান, দম্পতি যদি শিশুটির প্রয়োজনীয় সার্জারি ও জীবনরক্ষাকারী চিকিৎসা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকার বিষয়টি স্পষ্ট করেন, তাহলে ওয়েস্ট তার কাস্টডি দাবি প্রত্যাহার করতে পারেন।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৩:২৩
হামলার শিকার কায়লা হেইস
‘আর কাউকে চুমু দিতে দেব না’ বলেই প্রেমিকার ঠোঁট কামড়ে ছিঁ ড়ে ফেললেন প্রেমিক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনায় প্রেমের সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর সাবেক প্রেমিকের ভয়াবহ হামলার শিকার হন কায়লা হেইস। ২০১৭ সালের ২১ অক্টোবর সিম্পসনভিল শহরে সম্পর্ক নিয়ে কথা বলতে সাবেক প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানে সম্পর্ক পুনরায় শুরু করতে অস্বীকৃতি জানালে ওই ব্যক্তি তাকে জোর করে চুমু দেওয়ার চেষ্টা করেন এবং তার নিচের ঠোঁটে এমনভাবে কামড় দেন যে ঠোঁটের বড় একটি অংশ ছিঁড়ে যায়।   তখন কায়লার বয়স ছিল ১৯ বছর। হামলার পর তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জরুরি প্লাস্টিক সার্জারি করে ঠোঁট পুনর্গঠনের চেষ্টা করেন। কিন্তু ক্ষত এতটাই গুরুতর ছিল যে ছিঁড়ে যাওয়া অংশটি পুনরায় জোড়া লাগানো সম্ভব হয়নি। চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী, হামলার ফলে তার মুখে স্থায়ী দাগ এবং মুখের নড়াচড়ায় সীমাবদ্ধতা তৈরি হয়।   কায়লা পরে জানান, সম্পর্কের সময় তার সাবেক প্রেমিকের আচরণ ছিল নিয়ন্ত্রণমূলক ও অস্বাস্থ্যকর। সম্পর্ক শেষ করার পরও তিনি শেষবারের মতো বিষয়টি নিয়ে কথা বলতে দেখা করতে রাজি হয়েছিলেন। কিন্তু সেই সাক্ষাৎই তার জীবনে ভয়াবহ অভিজ্ঞতা হয়ে দাঁড়ায়।   হামলার পর শুধু শারীরিক ক্ষত নয়, গভীর মানসিক আঘাতের সঙ্গেও লড়তে হয় কায়লাকে। নিজের চেহারার পরিবর্তন মেনে নেওয়া এবং মানুষের সামনে দাঁড়ানোর আত্মবিশ্বাস ফিরে পাওয়া তার জন্য কঠিন হয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে একাধিক অস্ত্রোপচার ও পুনর্গঠনমূলক চিকিৎসার মধ্য দিয়ে যেতে হয়। একপর্যায়ে তাকে কলেজের পড়াশোনাও বন্ধ করতে হয়েছিল এবং তার বৃত্তি হারানোর কথাও তিনি জানিয়েছিলেন।    এই হামলার ঘটনায় সাবেক প্রেমিক শেথ অ্যারন ফ্লুরি ২০১৮ সালের অক্টোবরে গুরুতর ধরনের হামলার অভিযোগে দোষ স্বীকার করেন। আদালত তাকে ১২ বছরের কারাদণ্ড দেয়। সাজা ঘোষণার সময় প্রসিকিউটর ওয়াল্ট উইলকিন্স বলেন, ঘটনাটি দেখিয়েছে কীভাবে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে সহিংসতা খুব দ্রুত ভয়াবহ পর্যায়ে পৌঁছাতে পারে। ফ্লুরিকে অন্তত ৮৫ শতাংশ সাজা ভোগ করতে হবে বলে জানানো হয়েছিল।    তবে সেই ঘটনার পর কায়লার জীবন শুধু চিকিৎসা আর আঘাতের স্মৃতিতে আটকে থাকেনি। নিজের অভিজ্ঞতা প্রকাশ্যে তুলে ধরে তিনি পারিবারিক সহিংসতার শিকার অন্য মানুষদের সচেতন করার কাজ শুরু করেন। পরে লেখক আলিসা ডিভাইনের সঙ্গে যৌথভাবে নিজের অভিজ্ঞতা নিয়ে ‘শি রাইজেস’ নামে একটি বইয়েও তার গল্প তুলে ধরা হয়।    কায়লার অভিজ্ঞতা থেকে উঠে আসে আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা। নিয়ন্ত্রণমূলক আচরণ, ভয় দেখানো কিংবা সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তকে সম্মান না করার মতো আচরণকে শুরুতেই গুরুত্ব দেওয়া জরুরি। কারণ ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যকার সহিংসতা অনেক সময় ধীরে ধীরে বাড়তে বাড়তে গুরুতর হামলায় রূপ নিতে পারে।   ভয়াবহ সেই হামলার পরও কায়লা নিজের জীবনকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন। নিজের শারীরিক ও মানসিক ক্ষতকে আড়াল না করে বরং সেই অভিজ্ঞতাকেই অন্যদের পাশে দাঁড়ানোর শক্তিতে পরিণত করেছেন তিনি। তার গল্প এখন পারিবারিক সহিংসতার বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং নির্যাতনের শিকার মানুষদের সহায়তা নেওয়ার গুরুত্ব বোঝানোর একটি উদাহরণ হয়ে উঠেছে।

প্রকাশ : আগস্ট ২৬, ২০২৬ ১৩:৩৬