সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত ছোট্ট অথচ বিশ্বের অন্যতম ধনী দেশ লিচেনস্টাইন
পুরো দেশে একটিই কারাগার, বন্দী মাত্র ১১ জন—সবাই বিদেশি নাগরিক

ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত ছোট্ট অথচ বিশ্বের অন্যতম ধনী দেশ লিচেনস্টাইন। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝে মাত্র ১৬০ বর্গকিলোমিটার আয়তনের এই দেশটি যেন এক রূপকথার রাজ্য। মাত্র ৪১ হাজার জনসংখ্যার এই দেশটিতে মাথাপিছু আয় প্রায় ২ লাখ ১ হাজার ১১২ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকার সমান।   তবে বিপুল সম্পদের চেয়েও দেশটি বিশ্বজুড়ে বেশি সমাদৃত এর অভাবনীয় নিরাপত্তা ও শান্তিময় পরিবেশের জন্য। অবাক করা বিষয় হলো, লিচেনস্টাইনের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পুরো দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে তাদের পুলিশ বাহিনী।   দেশটিতে অপরাধের হার এতটাই কম যে, পুরো রাষ্ট্রের জন্য কারাগার রয়েছে মাত্র একটি। রাজধানী ফাডুৎসে অবস্থিত এই একমাত্র কারাগারটির সর্বোচ্চ ধারণক্ষমতা মাত্র ২০ জন। ওয়ার্ল্ড প্রিজন ব্রিফের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে ওই কারাগারে বন্দির সংখ্যা ছিল মাত্র ১১ জন এবং আশ্চর্যের বিষয় হলো, তাদের প্রত্যেকেই ছিলেন বিদেশি নাগরিক।   তবে এর পেছনে একটি আইনি কারণও রয়েছে। লিচেনস্টাইনের নিয়ম অনুযায়ী, কোনো অপরাধীর যদি দুই বছরের বেশি মেয়াদের কারাদণ্ড হয়, তবে তাকে দেশের কারাগারে রাখা হয় না। প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী দীর্ঘমেয়াদি সাজাপ্রাপ্ত সেসব বন্দিদের অস্ট্রিয়া অথবা সুইজারল্যান্ডের উন্নত পাহারাবেষ্টিত কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।   ভৌগোলিক অবস্থানগত কারণে লিচেনস্টাইনে নিজস্ব কোনো বিমানবন্দর বা সমুদ্রবন্দর নেই। আন্তর্জাতিক যাতায়াতের জন্য দেশটির নাগরিকদের মূলত সুইজারল্যান্ডের জুরিখ বিমানবন্দরের ওপরই নির্ভর করতে হয়। অপরাধমুক্ত শান্তিময় সমাজব্যবস্থা, প্রাকৃতিক সৌন্দর্য এবং উচ্চ জীবনযাত্রার মান দেশটিকে বিশ্বের বুকে এক অনন্য ও আদর্শ রাষ্ট্রের মর্যাদা দিয়েছে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১৬:১৭
নিউইয়র্কে কর্মক্ষেত্রে ওজুর জায়গা না পেয়ে কিচেন সিঙ্কেই ওজু মুসলিম কর্মীর
নিউইয়র্কে কর্মক্ষেত্রে ওজুর জায়গা না পেয়ে কিচেন সিঙ্কেই ওজু মুসলিম কর্মীর, ভিডিও ঘিরে বিতর্ক

নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড ফেরিতে অবস্থিত 'ডানকিন ডোনাটস'-এর একটি আউটলেটে এক মুসলিম কর্মীর ওজু করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কর্মক্ষেত্রে ধর্মীয় অধিকার নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, ওই কর্মী নামাজের প্রস্তুতির অংশ হিসেবে কাউন্টারের পেছনের কিচেন সিঙ্কে নিজের পা পরিষ্কার করছেন এবং নিচে একটি জায়নামাজ বিছানো রয়েছে।   কর্মক্ষেত্রে ইবাদত পালনের জন্য নির্দিষ্ট কোনো স্থান বা ওজুর সুব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই তাকে এই জায়গাটি বেছে নিতে হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর আমেরিকায় কর্মরত মুসলিমদের প্রতিদিনের লড়াই এবং তাদের ধর্মীয় অধিকারের প্রতি অনেক নিয়োগকর্তার উদাসীনতার বিষয়টি নতুন করে সামনে এসেছে।   ইসলাম ধর্মে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা বাধ্যতামূলক এবং এর পূর্বশর্ত হিসেবে ওজু বা পবিত্রতা অর্জন করা অপরিহার্য। ওজুর নিয়মানুযায়ী হাত, মুখ ও মাথা মাসেহ করার পাশাপাশি পা ধোয়াও একটি অবিচ্ছেদ্য অংশ। ভিডিওতে স্পষ্টতই বোঝা যায় যে, ওই কর্মী চরম প্রতিকূল পরিবেশেও তার ধর্মীয় বাধ্যবাধকতার প্রতি কতটা নিবেদিত ছিলেন।   অনলাইনে কেউ কেউ খাবার তৈরির স্থানে পা ধোয়ার বিষয়টিকে কেন্দ্র করে স্বাস্থ্যবিধির প্রশ্ন তুললেও, বিপুলসংখ্যক মানুষ ওই কর্মীর পক্ষে দাঁড়িয়েছেন। সচেতন নেটিজেনরা বলছেন, একজন ধর্মপ্রাণ কর্মীকে কেন এমন পরিস্থিতিতে পড়তে হবে, তার দায়ভার কর্তৃপক্ষেরও নেওয়া উচিত। যদি আউটলেটটিতে কর্মীদের জন্য আলাদা ওয়াশরুম বা ইবাদতের নির্দিষ্ট স্থান থাকত, তবে তাকে এমন আপস করতে হতো না।   নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ ও ফেরি পরিচালনাকারী সংস্থা ইতোমধ্যে খাদ্য নিরাপত্তার বিষয়টি সামনে এনে তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার প্রেক্ষাপটে সহানুভূতিশীল সাধারণ মানুষ ডানকিন ডোনাটসসহ অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর প্রতি আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে, কেবল শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াই এর সুষ্ঠু সমাধান নয়, বরং মুসলিম কর্মীদের জন্য 'উপযুক্ত ধর্মীয় সুবিধা' বা রিলিজিয়াস অ্যাকোমোডেশন নিশ্চিত করা উচিত।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১৫:৫৮
নিউইয়র্কে ফ্রি বাসের প্রতিশ্রুতি অধরা, আপাতত ২০ শতাংশ গতি বাড়িয়ে যাত্রীদের সময় বাঁচাতে মামদানির উদ্যোগ
নিউইয়র্কে ফ্রি বাসের প্রতিশ্রুতি অধরা, আপাতত ২০ শতাংশ গতি বাড়িয়ে যাত্রীদের সময় বাঁচাতে মামদানির উদ্যোগ

নিউইয়র্ক সিটিতে বাসে যাতায়াতের ক্ষেত্রে যাত্রীদের আর কোনো ভাড়া গুনতে হবে না—নির্বাচনী প্রচারণায় মেয়র জোহরান মামদানির দেওয়া অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল এটি। কিন্তু ক্ষমতায় আসার পর তার সেই বহুল আলোচিত 'ফ্রি বাস' বা বিনামূল্যের বাস পরিষেবা চালুর পরিকল্পনাটি এখনো বাস্তবায়নের পথে আটকে আছে।   তবে বাসের ভাড়া মওকুফ করার বিষয়টি বিলম্বিত হলেও, যাত্রীদের মূল্যবান সময় বাঁচাতে এবং বাস পরিষেবা উন্নত করতে বিশাল এক কর্মযজ্ঞ শুরু করেছে বর্তমান সিটি প্রশাসন। সিটি কর্মকর্তারা জানিয়েছেন, বাস সম্পূর্ণ ফ্রি করার বিষয়টি নিয়ে বর্তমানে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি (এমটিএ) এবং অ্যালবানির স্টেট প্রশাসনের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত রয়েছে।   এরই মধ্যে নিউইয়র্ক সিটির অপারেশনস বিষয়ক ডেপুটি মেয়র জুলিয়া কারসন জানিয়েছেন, মামদানি প্রশাসনের মূল প্রতিশ্রুতির অংশ হিসেবে দ্রুতগতির বাস পরিষেবা নিশ্চিত করার কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই লক্ষ্য পূরণে 'নেক্সট স্টপ: ফাস্ট বাসেস, বেটার সার্ভিস' শীর্ষক একটি নতুন কর্মসূচি চালু করা হয়েছে।   এই মেগা পরিকল্পনার আওতায় সিটির পাঁচ বরোর অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ বাস করিডরে ব্যাপক কাঠামোগত পরিবর্তন আনা হবে। প্রশাসন লক্ষ্য নির্ধারণ করেছে যে, এর মাধ্যমে বাসের গতি প্রায় ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে, যা একজন যাত্রীর প্রতিটি যাত্রায় গড়ে অন্তত ছয় মিনিট সময় সাশ্রয় করবে।   এর পাশাপাশি সিটির ১৭০টিরও বেশি বাস রুটের সার্বিক উন্নয়ন, নতুন বাস লেন তৈরি, বাস স্টপগুলোর আধুনিকায়ন এবং যাত্রী ওঠানামার ব্যবস্থাকে আরও দ্রুত ও নিরবচ্ছিন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় এসব অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরুও হয়ে গেছে।   তবে নিউইয়র্ক সিটির সব বাসের ভাড়া পুরোপুরি তুলে দেওয়ার বিষয়টি প্রশাসনিকভাবে বেশ জটিল। কারণ বাস পরিচালনার দায়িত্বে থাকা এমটিএ মূলত স্টেট নিয়ন্ত্রিত একটি সংস্থা। ফলে বাসের ভাড়া মওকুফ করতে হলে অ্যালবানির চূড়ান্ত অনুমোদন, বিপুল পরিমাণ প্রয়োজনীয় অর্থায়ন এবং এমটিএ-এর পূর্ণাঙ্গ সহযোগিতা অপরিহার্য।   মামদানি প্রশাসন আশ্বস্ত করেছে যে, এই চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের আলোচনা চলমান রয়েছে। তবে ঠিক কবে নাগাদ নগরবাসী সম্পূর্ণ বিনামূল্যে বাসে যাতায়াতের সুবিধা পাবেন, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সময়সূচি বা দিনক্ষণ ঘোষণা করা হয়নি। তাই নিউইয়র্কবাসীর জন্য আপাতত বাস্তবতা হলো, সম্পূর্ণ ফ্রি বাসের জন্য তাদের অপেক্ষা আরও দীর্ঘ হতে পারে; তবে দ্রুতগতির বাসের যে প্রতিশ্রুতি প্রশাসন দিয়েছিল, সেটি ইতোমধ্যে বাস্তবায়নের পথে বেশ কিছুটা এগিয়েছে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১৫:৩৬
যুক্তরাষ্ট্রে সাড়ে ৭ মিলিয়ন ডলার প্রতারণা করে কাতার পালানোর সময় কানাডায় গ্রেপ্তার ভারতীয় তরুণ
যুক্তরাষ্ট্রে সাড়ে ৭ মিলিয়ন ডলার প্রতারণা করে কাতার পালানোর সময় কানাডায় গ্রেপ্তার ভারতীয় তরুণ

যুক্তরাষ্ট্রে সাড়ে ৭ মিলিয়ন ডলারের এক বিশাল প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এক ভারতীয় তরুণ কাতার পালিয়ে যাওয়ার ঠিক আগমুহূর্তে কানাডায় গ্রেফতার হয়েছেন। ২১ বছর বয়সী জয় সুনীলভারতী গোস্বামী নামের গুজরাটের এই বাসিন্দা মার্কিন আদালত থেকে জামিন পাওয়ার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেন।   তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করতেন এবং বয়স্ক নাগরিকদের টার্গেট করে গড়ে ওঠা একটি বিস্তৃত ইন্টারনেট ও টেলিফোনভিত্তিক প্রতারণা চক্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। জামিন পেয়ে তিনি সীমান্ত পার হয়ে কানাডায় প্রবেশ করেন এবং সেখান থেকে দোহা যাওয়ার টিকিট কাটেন, কিন্তু টরন্টো বিমানবন্দরে তাকে আটকে দেয় কানাডীয় কর্তৃপক্ষ।   মার্কিন তদন্তকারী কর্মকর্তাদের মতে, এই প্রতারক চক্রটি মূলত বয়স্ক নাগরিকদের ফোন করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ও ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার ভয় দেখাতো। এরপর তাদের বোঝানো হতো যে, নিজেদের সম্পদ রক্ষা করতে হলে সেগুলো দ্রুত নগদ অর্থ, স্বর্ণ বা গিফট কার্ডে রূপান্তর করতে হবে।   নিজেদের আইনপ্রয়োগকারী সংস্থার সদস্য হিসেবে পরিচয় দিয়ে তারা ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করত এবং সম্পদগুলো হস্তান্তরে বাধ্য করত। নগদ অর্থ ও স্বর্ণ সংগ্রহ করার জন্য চক্রটি 'মানি মিউল' বা বাহক ব্যবহার করত এবং অভিযোগ রয়েছে যে, জয় গোস্বামী ঠিক এই কাজটিই করতেন। নিউইয়র্ক ও নিউ জার্সিতে কমপক্ষে ৯ জন বয়স্ক ব্যক্তির কাছ থেকে তিনি ব্যক্তিগতভাবে অর্থ ও স্বর্ণ সংগ্রহ করেছেন বলে তদন্তে উঠে এসেছে।   ৫৯ থেকে ৮৭ বছর বয়সী এই ভুক্তভোগীরা সম্মিলিতভাবে প্রায় সাড়ে ৭ মিলিয়ন ডলার খুইয়েছেন।   মার্কিন অ্যাটর্নি অফিস জানিয়েছে, তদন্তকারীরা গোস্বামীর ব্যাংক লেনদেনের তথ্যও খতিয়ে দেখেছেন, যেখানে ২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত তার অ্যাকাউন্টে ৯০ হাজার ডলারের বেশি নগদ অর্থ জমা পড়ার প্রমাণ পাওয়া গেছে। তদন্তকারীদের ধারণা, প্রতারণা চক্রের হয়ে কাজ করার বিনিময়েই তিনি এই বিপুল পরিমাণ অর্থ পেয়েছিলেন।   গত ১৭ আগস্ট মার্কিন আদালতে হাজির হওয়ার পর তাকে শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছিল। কিন্তু পরের দিন সকালেই তিনি কানাডায় পালিয়ে যান। অবশেষে মার্কিন কর্তৃপক্ষের অনুরোধে গত ২০ আগস্ট তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে বিচার বিভাগ ও আন্তর্জাতিক সংস্থাগুলো যৌথভাবে কাজ করছে। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১৫:১৯
মার্কিন সেনাবাহিনীতে যৌ ন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি সদস্য, পেন্টাগনের রিপোর্টে উদ্বেগ I ছবি: সংগৃহীত
মার্কিন সেনাবাহিনীতে যৌ ন নিপীড়নের শিকার ২০ হাজারের বেশি সদস্য, পেন্টাগনের রিপোর্টে উদ্বেগ

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে যৌন নিপীড়ন ও হয়রানির হার গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে এখনো এই সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) প্রকাশিত মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ২০২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে জানানো হয়েছে, এই বছরে আনুমানিক ২০ হাজার ৪৯২ জন সামরিক সদস্য অনিচ্ছাকৃত যৌন সংস্পর্শ বা নিপীড়নের শিকার হয়েছেন।   দুই বছর আগের পরিসংখ্যানের তুলনায় এই সংখ্যা প্রায় সাড়ে আট হাজার কম। মার্কিন কংগ্রেসের নির্দেশনায় পরিচালিত কর্মক্ষেত্রের অভিজ্ঞতা জরিপের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে সামরিক বাহিনীতে লিঙ্গভিত্তিক বৈষম্য এবং হয়রানির প্রকৃত চিত্র তুলে ধরা হয়েছে।   প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সক্রিয় নারী ও পুরুষ—উভয় সদস্যের ক্ষেত্রেই যৌন নিপীড়নের হার দৃশ্যমানভাবে কমেছে। নারী সদস্যদের মধ্যে ২০২৩ সালে যেখানে যৌন নিপীড়নের হার ছিল ৬ দশমিক ৮ শতাংশ, ২০২৫ সালে তা কমে ৪ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।   একইভাবে পুরুষ সদস্যদের ক্ষেত্রে এই হার ১ দশমিক ৩ শতাংশ থেকে কমে ১ শতাংশে নেমে এসেছে। শুধু নিপীড়ন নয়, সামরিক বাহিনীতে সার্বিক যৌন হয়রানির ঘটনাও আগের তুলনায় হ্রাস পেয়েছে। ২০২৩ সালে প্রায় ২৪ দশমিক ৭ শতাংশ নারী সদস্য হয়রানির শিকার হলেও ২০২৫ সালে তা ১৭ দশমিক ৫ শতাংশে নেমেছে। পুরুষদের ক্ষেত্রে এটি ৫ দশমিক ৮ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৪ শতাংশ হয়েছে।   আশার কথা হলো, নিপীড়নের শিকার হওয়ার পর তা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রবণতা সামরিক সদস্যদের মধ্যে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে যেখানে মাত্র ২৫ শতাংশ ঘটনা সরকারি প্রক্রিয়ায় রিপোর্ট করা হতো, ২০২৫ সালে তা বেড়ে ৩৩ শতাংশে উন্নীত হয়েছে।   মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে, অভিযোগ জানানোর এই বৃদ্ধি অত্যন্ত ইতিবাচক একটি দিক। এর ফলে ভুক্তভোগীরা প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক সহায়তা ও পুনর্বাসন সেবা সহজে পাচ্ছেন। পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের দ্রুত জবাবদিহির আওতায় আনাও সম্ভব হচ্ছে।   মার্কিন প্রতিরক্ষা দপ্তরের জনবল ও প্রস্তুতিবিষয়ক আন্ডার সেক্রেটারি অ্যান্থনি জে. টাটা এই প্রসঙ্গে বলেন, মর্যাদা, সম্মান ও শৃঙ্খলাই হলো সামরিক বাহিনীর মূল ভিত্তি। যৌন নিপীড়ন ও হয়রানির মতো ঘটনা এসব মূল্যবোধকে চরমভাবে ক্ষুণ্ন করে এবং বাহিনীর সার্বিক কার্যক্রমকে হুমকির মুখে ফেলে।   উল্লেখ্য, প্রতিবেদনে উল্লেখিত ২০ হাজার ৪৯২ জনের হিসাবটি শুধুমাত্র আনুষ্ঠানিক অভিযোগ নয়, বরং জরিপের মাধ্যমে উঠে আসা একটি প্রাক্কলন। এই পরিসংখ্যানে এমন অনেক ঘটনার কথাও যুক্ত রয়েছে, যা কখনোই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। হার কমার এই ইতিবাচক খবরের পরও বিপুলসংখ্যক সদস্যের এমন তিক্ত অভিজ্ঞতার শিকার হওয়ার বিষয়টি মার্কিন সামরিক প্রশাসনের জন্য এক বড় উদ্বেগের কারণ হিসেবেই থেকে যাচ্ছে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১৪:৫৯
সমুদ্রসৈকতে বসার জায়গা নিয়ে বিবাদ, সৈকতকর্মীর হা মলায় প্রাণ গেল ২৭ বছরের তরুণীর
সমুদ্রসৈকতে বসার জায়গা নিয়ে বিবাদ, সৈকতকর্মীর হা মলায় প্রাণ গেল ২৭ বছরের তরুণীর

মিসরের আলেকজান্দ্রিয়ায় সমুদ্রসৈকতে বসার জায়গা নিয়ে বিতর্কের জেরে মর্মান্তিক এক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিজের ১৫ বছর বয়সী ছোট ভাইকে বাঁচাতে গিয়ে এক সৈকতকর্মীর হামলায় প্রাণ হারিয়েছেন ২৭ বছর বয়সী এক নারী।   ছুটির দিনে পরিবারের সঙ্গে সাগরের তীরে কাটানো আনন্দঘন মুহূর্তটি মুহূর্তেই রূপ নেয় এক বিষাদময় ট্র্যাজেডিতে। এই ঘটনার পরপরই আলেকজান্দ্রিয়া শহরের সমুদ্রসৈকতগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।   প্রাথমিক তদন্তের তথ্যানুযায়ী, পশ্চিম আলেকজান্দ্রিয়ার আগামি এলাকার ক্যানারি বিচে পানির কাছাকাছি বসার জায়গা নিয়ে ঘটনার সূত্রপাত। নিহতের ১৫ বছর বয়সী ছোট ভাইয়ের সঙ্গে ১৭ বছর বয়সী এক সৈকতকর্মীর বসার স্থান নিয়ে তর্কাতর্কি শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।   ওই নারী তার সন্তান ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সৈকতে অবস্থান করছিলেন। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দুইজনকে ছাড়াতে এগিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, এ সময় অভিযুক্ত কর্মী ওই নারীর চুল ধরে টান দেন এবং বুকে ধাক্কা মারেন। এতে তিনি উপুড় হয়ে পড়ে গেলে, সৈকতের ছাতার একটি কাঠের খুঁটি দিয়ে তার মাথায় সজোরে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।   ঘটনার পরপরই নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং তার মৃত্যুর পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছেন সরকারি কৌঁসুলিরা। আলেকজান্দ্রিয়ার প্রসিকিউটররা সন্দেহভাজন ১৭ বছর বয়সী ওই কিশোর কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন।   তবে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার ক্ষেত্রে আইনি প্রক্রিয়াগুলো সতর্কতার সঙ্গে পালন করা হচ্ছে। এছাড়া একটি সরকারি হাসপাতালে সন্দেহভাজনের শারীরিক পরীক্ষা ও নিহতের চূড়ান্ত ফরেনসিক রিপোর্ট দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে এবং সৈকতের আশপাশের সিসিটিভি ফুটেজ নিবিড়ভাবে খতিয়ে দেখছে।   এই মর্মান্তিক ঘটনার পর আলেকজান্দ্রিয়া গভর্নরেট ওই সৈকত পরিচালনাকারীর চুক্তি বাতিলের আইনি প্রক্রিয়া শুরু করেছে। আলেকজান্দ্রিয়ার গভর্নর আহমেদ খালেদ হাসান সাঈদ শহরের সব সৈকতে নজরদারি ও নিরাপত্তা কঠোর করার নির্দেশ দিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী, সৈকত পরিচালনাকারীদের তাদের কর্মীদের অনুমোদিত তালিকা জমা দিতে হবে।   পাশাপাশি, নিয়োগের আগেই কর্মীদের অপরাধের রেকর্ড বা ব্যাকগ্রাউন্ড চেক এবং স্বাস্থ্যগত সনদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে সৈকতগুলোতে আকস্মিক পরিদর্শন বাড়ানোরও নির্দেশ দিয়েছেন শীর্ষ কর্মকর্তারা।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১৪:৩৩
ভারতে বিয়ের আসর ছেড়ে অসুস্থ কর্মীর চিকিৎসা দিলেন চিকিৎসক কনে
ভারতে বিয়ের আসর ছেড়ে অসুস্থ কর্মীর চিকিৎসা দিলেন চিকিৎসক কনে

ভারতের কেরালায় এক চিকিৎসক কনে নিজের বিয়ের অনুষ্ঠানে এমন এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন, যা বর্তমানে নেট দুনিয়ায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। বিয়ের আনন্দ-উৎসব চলাকালেই হঠাৎ ক্যাটারিংয়ের দুই কর্মী অসুস্থ হয়ে পড়লে নিজের বিয়ের আনুষ্ঠানিকতা থামিয়ে ত্বরিত তাদের সাহায্যে ছুটে যান ডা. শিরিন সুবায়ের। তার এই উপস্থিত বুদ্ধি ও পেশাদারিত্বের কারণে বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই ওই দুই কর্মী প্রাথমিক চিকিৎসা পান।   জানা গেছে, বিয়ের অনুষ্ঠানে কাজ করার সময় হঠাৎ করেই ক্যাটারিংয়ের এক কর্মীর নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং অন্য আরেকজন কর্মী মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম হন। এমন জরুরি পরিস্থিতিতে নিজের বিয়ের জমকালো সাজ বা উৎসবের কথা বিন্দুমাত্র চিন্তা না করে একজন চিকিৎসক হিসেবে নিজের দায়িত্ব পালন করেন ডা. শিরিন।   তিনি যেহেতু জরুরি চিকিৎসা বিভাগের (ইমার্জেন্সি মেডিসিন) একজন চিকিৎসক, তাই তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামলে নিয়ে নিজের দক্ষতা কাজে লাগিয়ে ওই দুই কর্মীকে ফার্স্ট এইড বা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।   বিয়ের সাজে কনের এই মানবিক পদক্ষেপের একটি ভিডিও মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা এই চিকিৎসক কনের প্রশংসায় পঞ্চমুখ হলেও, ডা. শিরিন সুবায়ের নিজে বিষয়টিকে খুবই স্বাভাবিকভাবে নিয়েছেন। এই প্রশংসনীয় কাজের বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে জানান, এটি কেবলই একজন চিকিৎসক হিসেবে তার কর্তব্য ছিল, এর চেয়ে বেশি কিছু নয়।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১৪:১১
ইমিগ্রেশনে জালিয়াতি ঠেকাতে ১০০ মিলিয়ন ডলারের নতুন প্রযুক্তি আনছে ইউএসসিআইএস
ইমিগ্রেশনে জালিয়াতি ঠেকাতে ১০০ মিলিয়ন ডলারের নতুন প্রযুক্তি আনছে ইউএসসিআইএস

যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন ব্যবস্থায় আবেদনকারীদের পরিচয় যাচাই ও শনাক্তকরণ প্রক্রিয়া আরও নির্ভুল, গতিশীল ও ব্যক্তি-কেন্দ্রিক করতে ১০০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যয়ের একটি বৃহৎ প্রযুক্তি প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (USCIS)।   'ইমিগ্রেশন বায়োমেট্রিকস অ্যান্ড আইডেন্টিটি সার্ভিসেস' বা আইবিআইএস (IBIS) নামের এই প্রকল্পের মাধ্যমে মেশিন লার্নিং, ক্লাউড অ্যাপ্লিকেশন, উন্নত ডেটা অ্যানালিটিকস এবং এনটিটি রেজোলিউশন প্রযুক্তির একটি শক্তিশালী অবকাঠামো গড়ে তোলা হবে।   ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির (DHS) অধিগ্রহণ পরিকল্পনা অনুযায়ী, আগামী ২২ অক্টোবর এ সংক্রান্ত দরপত্র প্রকাশ করা হতে পারে এবং ২০২৭ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে। এই চুক্তির মেয়াদ ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।   ইউএসসিআইএস আইবিআইএস (IBIS)-কে সম্পূর্ণ নতুন কোনো বায়োমেট্রিক ডেটাবেজ হিসেবে সংজ্ঞায়িত করেনি, বরং এটিকে সংস্থাটির পরিচয় ব্যবস্থাপনা, অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং ও তথ্য বিশ্লেষণের একটি সমন্বিত ক্লাউডভিত্তিক আধুনিক আইটি সমাধান হিসেবে তুলে ধরেছে।   এর অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো 'এনটিটি রেজোলিউশন' প্রযুক্তি, যার মাধ্যমে নামের বানান, জন্মতারিখ বা অন্যান্য তথ্যের ভিন্নতা সত্ত্বেও সরকারি বিভিন্ন নথি বিশ্লেষণ করে একই আবেদনকারীকে নিখুঁতভাবে শনাক্ত করা সম্ভব হবে। আধুনিক এই ব্যবস্থার উন্নয়ন, ক্লাউড অ্যাপ্লিকেশন পরিচালনা, তথ্যপ্রযুক্তিগত নিরাপত্তা এবং সিস্টেমের সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে নির্বাচিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপর।   এই মেগা প্রকল্পের পাশাপাশি দূর থেকেই আবেদনকারীদের পরিচয়পত্র ও কাজের অনুমতির নথি যাচাই করতে ৫ থেকে ১০ মিলিয়ন ডলারের আলাদা বাণিজ্যিক সফটওয়্যার সংগ্রহের উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এর মাধ্যমে ফেসিয়াল রিকগনিশন, নথির বারকোড ও মেশিন-রিডেবল জোন যাচাই এবং অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (OCR)-এর মতো সুবিধার সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে তথ্য বিশ্লেষণ করা যাবে, যা প্রচলিত সরাসরি নথিপত্র পরীক্ষার ওপর নির্ভরতা কমাবে।   একই সঙ্গে কাগজভিত্তিক আবেদন থেকে ধাপে ধাপে পুরোপুরি ডিজিটাল প্রক্রিয়ায় যাওয়ার পথ তৈরি করছে সংস্থাটি। গত ১১ আগস্ট কার্যকর হওয়া নতুন নিয়মের আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন ফর্ম অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক করার ক্ষমতা পেয়েছে ইউএসসিআইএস, যা বছরে প্রায় ৬০ লাখ আবেদনকারীকে প্রভাবিত করতে পারে।   সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, ডিজিটাল প্রক্রিয়ায় তথ্য সংগ্রহ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও বায়োমেট্রিক প্রযুক্তির সমন্বিত ব্যবহার ইমিগ্রেশন জালিয়াতি রোধ, স্বয়ংক্রিয় ব্যাকগ্রাউন্ড যাচাই এবং জাতীয় নিরাপত্তা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১৩:৫০
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুগলের নতুন অফার, মিলবে ৪০০ জিবি স্টোরেজ ও এআই সুবিধা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গুগলের নতুন অফার, মিলবে ৪০০ জিবি স্টোরেজ ও এআই সুবিধা

বাংলাদেশের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয় এক নতুন স্টুডেন্ট অফার নিয়ে এসেছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। নতুন এই অফারের আওতায় যোগ্য শিক্ষার্থীরা পুরো ১২ মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে গুগল এআই প্লাস ব্যবহারের সুযোগ পাবেন।   এর সঙ্গে থাকছে ৪০০ জিবি ক্লাউড স্টোরেজ, যা ব্যবহারকারীরা তাদের জিমেইল, গুগল ড্রাইভ এবং গুগল ফটোসে স্বচ্ছন্দে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি জেমিনির বর্ধিত ব্যবহারসীমা এবং পড়াশোনা ও গবেষণায় সহায়ক অত্যাধুনিক সব কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধাও উপভোগ করতে পারবেন শিক্ষার্থীরা।   বর্তমানে বাংলাদেশের জন্য গুগল এআই প্লাস পরিকল্পনার আওতায় এই এক বছরের বিনামূল্যের সুবিধাটি দেওয়া হচ্ছে। গুগল এআই প্রো-এর ১২ মাসের বিনামূল্যের সুবিধাটি বর্তমানে কেবল যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত থাকলেও, বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে গুগল এআই প্রো ও ইউটিউব প্রিমিয়ামের সাধারণ শিক্ষার্থী সুবিধাগুলো গ্রহণ করতে পারবেন।   গুগলের শর্তানুযায়ী, এই অফারটি পেতে হলে শিক্ষার্থীর বয়স কমপক্ষে ১৬ বছর হতে হবে এবং বাংলাদেশের কোনো স্বীকৃত উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ থাকতে হবে। ব্যক্তিগত গুগল অ্যাকাউন্ট ও পেমেন্ট পদ্ধতি যুক্ত করে নির্দিষ্ট যাচাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের পরিচয় নিশ্চিত করতে হবে। শুধুমাত্র পরিচয়পত্র বা ফি জমার রসিদই নয়, চূড়ান্ত অনুমোদন নির্ভর করবে গুগলের নিজস্ব যাচাই প্রক্রিয়ার ওপর।   অফারটি সক্রিয় করতে শিক্ষার্থীদের প্রথমে গুগল ওয়ানের স্টুডেন্ট অফার পেজে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবস্ক্রিপশন চালু করতে হবে। অফারটি বিনামূল্যের হলেও সাবস্ক্রিপশন চালুর সময় পেমেন্ট কার্ড যুক্ত করার প্রয়োজন হতে পারে। তাই ১২ মাসের মেয়াদ শেষে স্বয়ংক্রিয়ভাবে পেইড সাবস্ক্রিপশন চালু হয়ে অর্থ কেটে নেওয়ার সম্ভাবনা থাকায়, ব্যবহারকারীদের সতর্কতার সঙ্গে শর্তাবলি পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।   এছাড়া, বিভিন্ন মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের যে তথ্য প্রচারিত হচ্ছে, তা সবার ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য কি না সেটি গুগলের বর্তমান শর্ত থেকে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। তাই সাবস্ক্রাইব করার সময় প্রদর্শিত মূল্য ও মেয়াদ যাচাই করে নেওয়াই শ্রেয়। ক্লাউড স্টোরেজ ও এআই টুলের এই সমন্বিত উদ্যোগটি মূলত শিক্ষার্থীদের গবেষণা, ডেটা বিশ্লেষণ, প্রেজেন্টেশন ও ডিজিটাল কনটেন্ট তৈরির কাজকে আরও সহজ ও গতিশীল করে তুলবে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১৩:৩৭
কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান তেহরানের
কাতারে আটক ইরানি পাইলটদের দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান তেহরানের

কাতারে আটক থাকা ইরানি পাইলটদের শারীরিক অবস্থা চরম সংকটাপন্ন বলে দাবি করেছে তেহরান। অবিলম্বে তাদের সমুদ্র থেকে সরিয়ে স্থলভাগের কোনো উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের জোর দাবি জানিয়েছে ইরান। শনিবার (২২ আগস্ট) ইরানের সশস্ত্র বাহিনীর নিখোঁজ ব্যক্তি অনুসন্ধান কমিটির কমান্ডার মোহাম্মদ বাঘেরজাদেহ এই উদ্বেগ প্রকাশ করেন।   পাইলটদের বর্তমান অবস্থানটি চিকিৎসা দেওয়ার জন্য একেবারেই উপযুক্ত নয় উল্লেখ করে, তাদের জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার আওতায় আনতে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।   ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাত দিয়ে জানা যায়, অসুস্থ ও আহত এই বন্দিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে কাতারে একটি 'এয়ার অ্যাম্বুলেন্স' পাঠানোর উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন বাঘেরজাদেহ। তবে এই পাইলটদের আটকের বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে বেশ কিছু অস্পষ্টতা ও মতবিরোধ রয়েছে।   গত সপ্তাহেই দোহা তাদের হেফাজতে কোনো জীবিত ইরানি পাইলট থাকার কথা সরাসরি অস্বীকার করেছিল। কাতারের দাবি ছিল, বছরের শুরুতে আকাশসীমা লঙ্ঘনের পর যোগাযোগের চেষ্টা করা হলেও পাইলটদের দিক থেকে কোনো সাড়া মেলেনি।   এমনকি নিহত এক পাইলটের মরদেহ হস্তান্তর এবং উদ্ধার অভিযানের তথ্য পর্যালোচনার জন্য তেহরানকে আমন্ত্রণ জানানো হলেও সে সময় ইরানের দিক থেকে কোনো দৃশ্যমান সাড়া পায়নি দোহা।   এদিকে, সম্প্রতি পাইলট ইস্যু নিয়ে আলোচনার জন্য ইরানি প্রতিনিধি দলকে কাতার সফরের প্রস্তাব উন্মুক্ত রেখেছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। দোহার এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও ইরানি কর্মকর্তা বাঘেরজাদেহ অভিযোগ করেছেন যে, তাদের বিমান বাহিনীর একটি বিশেষজ্ঞ ও তথ্যানুসন্ধানকারী দল কয়েক মাস ধরে কাতারে যাওয়ার অপেক্ষায় রয়েছে।   কিন্তু কাতারি কর্মকর্তাদের অসহযোগিতা ও দীর্ঘসূত্রিতার কারণে তদন্ত কার্যক্রম বারবার ব্যাহত হচ্ছে। এখন দুই দেশের কূটনৈতিক সমঝোতার ওপরই নির্ভর করছে আটকে পড়া এই পাইলটদের ভাগ্য ও পুরো ঘটনার সুষ্ঠু তদন্তের ভবিষ্যৎ।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১৩:২১
চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক আয়োজনে যোগ দিতে ভার্জিনিয়ার পথে নকীব খান ও প্রতীক হাসান। ছবি: সংগৃহীত
ভার্জিনিয়ার মেজবানে যোগ দিতে পথে নকীব খান ও প্রতীক হাসান, এয়ারপোর্টে অপেক্ষার ছবি ফেসবুকে

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক আয়োজনে যোগ দিতে ভার্জিনিয়ার পথে রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী নকীব খান ও প্রতীক হাসান। নিউইয়র্কের LaGuardia Airport-এর লবিতে অপেক্ষারত অবস্থায় দুই শিল্পীর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তা নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।   প্রতীক হাসান তার ফেসবুক পোস্টে নকীব খানের সঙ্গে তোলা ছবিটি প্রকাশ করেছেন। ছবিতে দুজনকে এয়ারপোর্টের লাউঞ্জে পাশাপাশি বসে থাকতে দেখা যায়। তারা নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে রয়েছেন।   আগামীকাল ২৩ আগস্ট, রোববার, ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ার Fort Hunt Park-এর Shelter A-001-এ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক আয়োজন। বাংলাদেশি-আমেরিকান আইটি পিপলস অর্গানাইজেশন বা বাইটপোর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।   আয়োজনের অন্যতম প্রধান আকর্ষণ বাংলাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী নকীব খানের লাইভ পারফরম্যান্স। তার সঙ্গে মঞ্চে গান পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী প্রতীক হাসানসহ আরও কয়েকজন শিল্পী। বৃহত্তর ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকায় নকীব খানের এই লাইভ পরিবেশনা ঘিরে এরই মধ্যে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।   আয়োজকদের তথ্য অনুযায়ী, মেজবানের পাশাপাশি অনুষ্ঠানে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো, বিভিন্ন গেমস এবং র‍্যাফেল ড্র। র‍্যাফেল ড্রতে হীরার আংটি, ল্যাপটপ ও টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে।   বাইটপোর প্রেসিডেন্ট সামছুদ্দীন মাহমুদ ও ইভেন্ট কো-অর্ডিনেটর স্যাম রিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের আয়োজনকে আগের বছরের তুলনায় আরও বড় পরিসরে করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবার ও বন্ধুদের নিয়ে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এটি একটি বড় কমিউনিটি মিলনমেলায় পরিণত হবে বলে আশা করছেন আয়োজকরা।   এদিকে শিল্পীদের আগমন উপলক্ষে আজ শনিবার বিকেলে ভার্জিনিয়ার উডব্রিজে একটি বিশেষ মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সেখানে আয়োজক, স্পন্সর ও শিল্পীদের উপস্থিত থাকার কথা রয়েছে।   চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি খাবারের স্বাদ, দেশের জনপ্রিয় শিল্পীদের সরাসরি সংগীত পরিবেশনা এবং নানা সাংস্কৃতিক আয়োজন মিলিয়ে এবারের মেজবানকে ঘিরে উত্তর ভার্জিনিয়ার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১৩:০
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। শনিবার (২২ আগস্ট) দূতাবাসের এক ফেসবুক পোস্টে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর এই শুভেচ্ছা জানানো হয়।    অভিনন্দন বার্তায় মার্কিন দূতাবাস জানায়, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে আগ্রহী যুক্তরাষ্ট্র।   এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল। তাঁর প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ পান ৮৮ ভোট। মোট ৩৪৩টি ভোট পড়েছিল।    শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে শপথ নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাঁকে শপথ পড়ান।    মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর তিনি দলের মহাসচিবসহ দলীয় পদ থেকে সরে দাঁড়ান। তাঁর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এক নেতার নতুন সাংবিধানিক অধ্যায়ের সূচনা হলো।   মার্কিন দূতাবাসের অভিনন্দন বার্তায় বিশেষভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশার কথা উল্লেখ করা হয়েছে। এর ফলে নতুন সরকারের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহের বিষয়টি স্পষ্ট হয়েছে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১২:৫৩
যুক্তরাজ্যের বোর্নমাউথে এক নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় দোষী সাব্যস্ত সিরীয় তরুণ মোহাম্মদ আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
সমুদ্রসৈকতের টয়লেটে তরুণীকে যৌন নিপীড়ন, সিরীয় শরণার্থীর ৬ বছরের জেল

যুক্তরাজ্যের বোর্নমাউথে এক নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনায় সিরীয় তরুণ মোহাম্মদ আবদুল্লাহকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। ২০২৫ সালের ৬ জুলাই ভোরে সমুদ্রসৈকতের কাছে একটি অস্থায়ী টয়লেটে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। মামলার শুনানিতে আবদুল্লাহ দাবি করেছিলেন, তাদের মধ্যে যৌন সম্পর্কটি সম্মতিতে হয়েছিল। তবে বোর্নমাউথ ক্রাউন কোর্টের জুরি তাকে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করেন।    আদালতে বলা হয়, ঘটনার রাতে ওই নারী এক বন্ধুর সঙ্গে বাইরে ছিলেন। পরে তারা আলাদা হয়ে গেলে তিনি বাড়ি ফেরার জন্য সমুদ্রসৈকত ধরে হাঁটছিলেন। তার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ায় ট্যাক্সি ডাকতেও সমস্যায় পড়েন তিনি।   এ সময় আবদুল্লাহ ও তার সঙ্গে থাকা কয়েকজনের সঙ্গে ওই নারীর দেখা হয়। বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে আবদুল্লাহ তাকে বৈদ্যুতিক বাইকে তুলে নেন। প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, কিছু দূর যাওয়ার পর তিনি তাকে একটি অস্থায়ী টয়লেটের কাছে নিয়ে যান। সেখানে প্রথমে যৌন নিপীড়ন এবং পরে টয়লেটের ভেতরে ধর্ষণের ঘটনা ঘটে।   আদালতে আরও জানানো হয়, ঘটনার পর ওই নারী জুতা খুলে দৌড়ে পালিয়ে সাহায্য চান। পরে এক পথচারীর ফোন ব্যবহার করে মায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং পুলিশকে খবর দেন। প্রত্যক্ষদর্শীদের একজন তাকে ঘটনার পর অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় দেখেছিলেন বলে আদালতে জানান।   আবদুল্লাহ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ওই নারী নিজেই তার সঙ্গে ঘনিষ্ঠ হতে চেয়েছিলেন এবং তাদের যৌন সম্পর্ক সম্মতিতে হয়েছিল। তবে জুরি তার বক্তব্য গ্রহণ করেননি এবং তাকে দোষী সাব্যস্ত করেন।    মোহাম্মদ আবদুল্লাহ ২০২৩ সালে সিরিয়া থেকে যুক্তরাজ্যে আসেন। তিনি পারিবারিক পুনর্মিলন কর্মসূচির আওতায় যুক্তরাজ্যে থাকার অনুমতি পান এবং পরে স্থায়ীভাবে থাকার অধিকারও দেওয়া হয়।    আদালত তাকে হেফাজতে পাঠিয়েছেন। বিচারক রবার্ট পসন জানিয়েছেন, তার বিরুদ্ধে কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী শুনানিতে সাজা নির্ধারণ করা হবে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১২:৩৯
কানাডা সরকার ২০২৬ সালে প্রধান দুটি অস্থায়ী কর্মসূচির আওতায় মোট ২ লাখ ৩০ হাজার বিদেশি কর্মী নেবে। ছবি: সংগৃহীত
২০২৬ সালে ২ লাখ ৩০ হাজার বিদেশি কর্মী নেবে কানাডা, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ

কানাডা সরকার ২০২৬ সালে দুটি প্রধান অস্থায়ী কর্মসূচির আওতায় মোট ২ লাখ ৩০ হাজার বিদেশি কর্মী নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এর মধ্যে ৬০ হাজার কর্মী নেওয়া হবে টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের মাধ্যমে এবং ১ লাখ ৭০ হাজার কর্মী নেওয়া হবে ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রামের আওতায়।   এই পরিকল্পনার ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের জন্য কানাডায় কাজের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আবেদনকারীদের সংশ্লিষ্ট কর্মসূচির অভিবাসন ও চাকরিসংক্রান্ত শর্ত পূরণ করতে হবে। শুধু কর্মী নেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেই কোনো ব্যক্তির চাকরি বা ভিসা নিশ্চিত হয় না।   এদিকে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে কিছু নিয়মেও পরিবর্তন এনেছে কানাডা। বিশেষ করে একাধিক ছোট কর্মস্থল থাকা ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট শর্ত পূরণ করলে আগের তুলনায় বেশি কম মজুরির অস্থায়ী বিদেশি কর্মী নিয়োগের সুযোগ পেতে পারে। নতুন হিসাব পদ্ধতিতে পুরো প্রতিষ্ঠানের মোট কর্মীর সংখ্যা বিবেচনার পরিবর্তে প্রতিটি যোগ্য কর্মস্থল আলাদাভাবে বিবেচনা করা হবে।   কোনো কর্মস্থলে ১০ জনের কম কর্মী থাকলে সাধারণ খাতে একজন কম মজুরির অস্থায়ী বিদেশি কর্মী নিয়োগ করা যেতে পারে। আর স্বাস্থ্যসেবা, নির্মাণ ও খাদ্য উৎপাদনের মতো নির্দিষ্ট চাহিদাসম্পন্ন খাতে একই ধরনের ছোট কর্মস্থলে সর্বোচ্চ দুইজন পর্যন্ত নিয়োগের সুযোগ থাকতে পারে।   তবে নিয়ম পরিবর্তন হলেও নিয়োগদাতারা ইচ্ছেমতো বিদেশি কর্মী নিয়োগ করতে পারবেন না। টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রামের আওতায় কম মজুরির কর্মী নিয়োগের আগে সাধারণত শ্রমবাজারের প্রভাব মূল্যায়ন নিতে হবে। এর মাধ্যমে কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের মধ্যে ওই কাজের জন্য উপযুক্ত কর্মী পাওয়া যাচ্ছে কি না, তা যাচাই করা হয়।   অন্যদিকে, ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম সাধারণত শ্রমবাজারের প্রভাব মূল্যায়ন ছাড়াই বিদেশি কর্মীদের কানাডায় কাজের সুযোগ দেয়। এই কর্মসূচিতে কানাডার অর্থনীতি, সংস্কৃতি বা অন্যান্য বৃহত্তর স্বার্থে উপকারী হিসেবে বিবেচিত বিভিন্ন ধরনের কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ২০২৬ সালের মোট ২ লাখ ৩০ হাজার কর্মীর লক্ষ্যমাত্রার মধ্যে এই কর্মসূচির অংশই সবচেয়ে বড়।   কানাডার নতুন হিসাব অনুযায়ী, ২০২৬ সালে মোট ২ লাখ ৩০ হাজার অস্থায়ী বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দক্ষ ও যোগ্য কর্মীদের জন্য কানাডার শ্রমবাজারে সুযোগ তৈরি হতে পারে। তবে প্রতিটি আবেদনকারীকে সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা, চাকরির শর্ত এবং কানাডার অভিবাসন আইন মেনে আবেদন করতে হবে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১২:৩১
মার্কিন তালিকা থেকে বাদ পড়ার ফলে আন্তর্জাতিক অর্থনীতিতে পুনঃএকীভূত হওয়ার পথ সুগম হবে সিরিয়ার। ছবি: সংগৃহীত
সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে সিরিয়াকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র

সিরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র’ তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়ার প্রক্রিয়া শনিবার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশটির ওপর থাকা বিস্তৃত মার্কিন নিষেধাজ্ঞা শিথিল এবং আন্তর্জাতিক অর্থনীতিতে সিরিয়ার পুনঃএকীভূত হওয়ার পথে থাকা বড় একটি আইনি বাধা দূর হতে পারে।   মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র দ্য নিউ আরবকে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর জুলাইয়ের সুপারিশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। রুবিওর মূল্যায়ন ছিল, তালিকা থেকে বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় আইনি ও রাজনৈতিক শর্ত সিরিয়া পূরণ করেছে।   ১৯৭৯ সাল থেকে সিরিয়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকায় রয়েছে। এই তালিকাভুক্তির কারণে দেশটির ওপর বিভিন্ন অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা এবং অন্যান্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে।    তালিকা থেকে বাদ পড়লে সিরিয়ার সঙ্গে আন্তর্জাতিক ব্যবসা, বিনিয়োগ ও আর্থিক লেনদেন বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। দেশটির দীর্ঘদিনের অর্থনৈতিক বিচ্ছিন্নতা কমিয়ে পুনর্গঠন ও বৈশ্বিক অর্থনীতিতে ফেরার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।   তবে তালিকা থেকে সিরিয়ার নাম বাদ গেলেই যুক্তরাষ্ট্রের সব ধরনের নিষেধাজ্ঞা একসঙ্গে উঠে যাবে না। বিভিন্ন আইন ও নির্বাহী আদেশের আওতায় থাকা পৃথক নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা আলাদাভাবে বহাল থাকতে পারে।   সিরিয়াকে এখনো নিরাপত্তার দিক থেকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সর্বশেষ ট্রাভেল অ্যাডভাইজরিতে সিরিয়ায় ভ্রমণ না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং দেশটিতে সন্ত্রাসবাদ, সংঘাত, অপহরণ ও অন্যান্য নিরাপত্তাঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।    ফলে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি সিরিয়ার জন্য বড় কূটনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিলেও, দেশটির আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনৈতিক পুনর্গঠনের পথে আরও কিছু বিধিনিষেধ ও চ্যালেঞ্জ রয়ে যাবে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১২:১৪
ফরিদপুরে নিজ বাড়ির ছাদে ইলেকট্রিশিয়ানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শক আবীর হোসেনের মৃত্যু। ছবি: সংগৃহীত
ইলেকট্রিশিয়ানকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ পরিদর্শকের মৃত্যু

ফরিদপুর শহরে নিজ বাড়ির ছাদে বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট এক ইলেকট্রিশিয়ানকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আবীর হোসেন (৫৫) নামে এক পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে শহরের গোয়ালচামট এলাকার খোদাবক্স রোডে নিজের নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে।   নিহত আবীর হোসেন শরীয়তপুরের নড়িয়া সার্কেল অফিসে পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তাঁর পৈতৃক বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর গ্রামে। তিনি ওই গ্রামের আবু বকর মোল্লার ছেলে। কর্মস্থল থেকে ছুটি নিয়ে গত বৃহস্পতিবার ফরিদপুরের নিজ বাড়িতে এসেছিলেন তিনি।   পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে আবীর হোসেনের নতুন বাড়ির ছাদে বৈদ্যুতিক সংযোগের কাজ চলছিল। এ সময় ইলেকট্রিশিয়ান আবদুল আজিজ (২৫) হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি দেখে তাকে উদ্ধারের জন্য দ্রুত এগিয়ে যান আবীর হোসেন। এ সময় তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।   পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আবীর হোসেনকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত আবদুল আজিজ বর্তমানে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।   ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিজের নতুন বাড়ির ছাদে বৈদ্যুতিক কাজ চলার সময় দুর্ঘটনায় পুলিশ পরিদর্শক আবীর হোসেনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১২:৩
যুক্তরাষ্ট্রে বাবার মৃত্যুর পর সেখানেই কম খরচে শেষকৃত্য সম্পন্ন করেছিলেন এক ব্যক্তি। ছবি: সংগৃহীত
টাকা বাঁচাতে যুক্তরাষ্ট্রেই বাবার শেষকৃত্য, চার বছর পর আফসোস ‘কেন তাকে দেশে নিয়ে যেতে পারলাম না’

যুক্তরাষ্ট্রে বাবার মৃত্যুর পর কম খরচে সেখানেই তাঁর শেষকৃত্য করেছিলেন এক ব্যক্তি। কিন্তু চার বছর পর সেই সিদ্ধান্তই তার মনে গভীর অনুশোচনা তৈরি করেছে। এখন তার মনে বারবার প্রশ্ন জাগে, কেন বাবার মরদেহ নিজ দেশ পুয়ের্তো রিকোতে নিয়ে গিয়ে শেষকৃত্য করতে পারলেন না।   সম্প্রতি নিউজউইকে প্রকাশিত এক ব্যক্তিগত অভিজ্ঞতার লেখায় ওই ব্যক্তি বাবার মৃত্যু, শেষকৃত্য এবং পরবর্তী সময়ের অনুশোচনার কথা তুলে ধরেছেন।   ওই ব্যক্তি জানান, ২০২২ সালের জুনে তার বাবা মারা যান। বাবার মৃত্যুর সময় তিনি পেনসিলভানিয়া থেকে জর্জিয়ার দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এর আগের দিন বাবার নার্সিংহোম থেকে তাকে জানানো হয়েছিল, তার বাবা জীবনের শেষ পর্যায়ে রয়েছেন।   বাবার মৃত্যুর পর যুক্তরাষ্ট্রেই কম খরচে তাঁর ক্রিমেশন বা দাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে খরচ হয়েছিল ১ হাজার ডলারেরও কম। তখন অর্থনৈতিক দিক বিবেচনায় সিদ্ধান্তটি তার কাছে যুক্তিসঙ্গত মনে হয়েছিল।   কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাবার শেষকৃত্য নিয়ে তার ভাবনা বদলে যায়।   তার বাবা জীবনের বড় একটি সময় পুয়ের্তো রিকোর লোইজা এলাকায় কাটিয়েছেন। সেখানেই ছিল তার শিকড় এবং নিজের একটি বাড়িও ছিল। তাই চার বছর পর এখন ছেলের মনে হচ্ছে, বাবার শেষকৃত্য পুয়ের্তো রিকোতে করা হলে হয়তো তার মনে এই আফসোস থাকত না।   নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি মূলত দেখাতে চেয়েছেন, প্রিয়জনের মৃত্যুর পর শেষকৃত্য শুধু অর্থের হিসাবের বিষয় নয়। পরিবারের শিকড়, সংস্কৃতি, স্মৃতি এবং প্রিয়জনকে শেষবারের মতো নিজের জায়গায় ফিরিয়ে নেওয়ার আকাঙ্ক্ষাও সিদ্ধান্তটির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকে।   বাবার মৃত্যুর সময় নেওয়া সিদ্ধান্তটি তখন হয়তো অর্থনৈতিকভাবে সহজ ছিল। কিন্তু চার বছর পর সেই সিদ্ধান্তের মানসিক মূল্যই তার কাছে বড় হয়ে উঠেছে। বাবাকে দেশে নিয়ে গিয়ে শেষ বিদায় জানাতে না পারার আক্ষেপ এখনো তাকে তাড়া করে।   নিউজউইকে প্রকাশিত এই ব্যক্তিগত লেখাটি মূলত একজন সন্তানের শোক, পারিবারিক শিকড় এবং মৃত্যুর পর নেওয়া সিদ্ধান্ত নিয়ে দীর্ঘস্থায়ী অনুশোচনার একটি মানবিক গল্প।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১১:৫৭
স্কটিশ পার্লামেন্টের সদস্য মার্টিন ডে কেরালার বিখ্যাত গুরুয়ায়ুর মন্দিরে বিয়ে করেছেন। ছবি: সংগৃহীত
স্কটিশ পার্লামেন্ট সদস্যের কেরালার মন্দিরে বিয়ে, পূরণ হলো দীর্ঘদিনের ইচ্ছা

স্কটিশ পার্লামেন্টের সদস্য মার্টিন ডে কেরালার ত্রিশূরের বিখ্যাত গুরুয়ায়ুর মন্দিরে মালয়ালি সঙ্গী নিধিন চন্দের সঙ্গে ঐতিহ্যবাহী রীতিতে বিয়ে করেছেন। যুক্তরাজ্যে বিয়ের আইনি নিবন্ধনের প্রায় নয় বছর পর মঙ্গলবার গুরুয়ায়ুর মন্দিরে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। নিধিনের দীর্ঘদিনের ইচ্ছা ছিল গুরুয়ায়ুর মন্দিরে বিয়ে করা।   মন্দিরে সকাল ১১টার দিকে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ স্বজন ও বন্ধুরা উপস্থিত ছিলেন। নিধিনের ২২ বছর বয়সী ছেলে ভেদিক শঙ্করও অনুষ্ঠানে অংশ নেন। মন্দিরের আনুষ্ঠানিকতা শেষে পুষ্পাঞ্জলি অডিটোরিয়ামে বিয়ের পরবর্তী আয়োজন করা হয়। অনুষ্ঠানের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে আলোচনায় আসে।    পিরাভোমের বাসিন্দা নিধিন ২০০৮ সালে উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট ভিসায় যুক্তরাজ্যে যান। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষে তিনি আইটি ম্যানেজমেন্টে মাস্টার্স করেন এবং পরে পিএইচডিও সম্পন্ন করেন।    যুক্তরাজ্যে থাকার সময় বিদেশি শিক্ষার্থীদের ভিসা সংক্রান্ত বিভিন্ন পরিবর্তনের প্রভাব তার ওপরও পড়ে। এরপর তিনি ভারতীয় শিক্ষার্থীদের সমস্যাগুলো যুক্তরাজ্যের পার্লামেন্টে তুলে ধরতে সক্রিয়ভাবে কাজ করেন এবং পার্লামেন্টারি কমিটির কাছেও বিষয়গুলো উপস্থাপন করেন। সেই সময়ই তৎকালীন ব্রিটিশ এমপি মার্টিন ডের সঙ্গে তার পরিচয় হয়।    ২০১৬ সালে তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়। পরে যুক্তরাজ্যেই তাদের বিয়ে নিবন্ধিত হয়। তবে নিধিনের ইচ্ছা ছিল গুরুয়ায়ুর মন্দিরে ঐতিহ্যবাহী রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা। দীর্ঘ অপেক্ষার পর সেই ইচ্ছা এবার পূরণ হলো। কেরালায় মার্টিনের আগের সফরগুলোতে বন্যা, কোভিড মহামারি ও পারিবারিক নানা কারণে গুরুয়ায়ুরে যাওয়া সম্ভব হয়নি বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।    মার্টিন ডে এর আগে তিন মেয়াদে প্রায় নয় বছর যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য ছিলেন। বর্তমানে তিনি স্কটিশ পার্লামেন্টের সদস্য এবং ভারতের সঙ্গে সম্পর্কিত একটি সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১১:৪৭
যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার এগিয়ে নিতে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রিই একমাত্র পথ নয়। ছবি: সংগৃহীত
৬ মাসে শেখা যায় এমন ১০ দক্ষতা, যা যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে কাজে লাগতে পারে

যুক্তরাষ্ট্রে ক্যারিয়ার এগিয়ে নিতে শুধু ডিগ্রিই একমাত্র পথ নয়। নির্দিষ্ট কিছু কারিগরি ও পেশাগত দক্ষতা অর্জন করেও নতুন চাকরির সুযোগ তৈরি করা সম্ভব। তবে কোনো একটি দক্ষতা শিখলেই ছয় মাসের মধ্যে নির্দিষ্ট বেতন বা চাকরি নিশ্চিত হবে, এমন দাবি বাস্তবসম্মত নয়। বেতন, প্রশিক্ষণের সময়, লাইসেন্স এবং চাকরির চাহিদা অঙ্গরাজ্য, শহর, নিয়োগদাতা ও ব্যক্তির অভিজ্ঞতা অনুযায়ী পরিবর্তিত হয়।   নতুনদের জন্য তাই এমন দক্ষতা বেছে নেওয়া গুরুত্বপূর্ণ, যেগুলোর বাস্তব কর্মক্ষেত্রে ব্যবহার রয়েছে এবং প্রশিক্ষণ বা সনদের মাধ্যমে ধীরে ধীরে উন্নত করা যায়।   ১. ফর্কলিফট পরিচালনা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা ওয়্যারহাউস ও পণ্য বিতরণকেন্দ্রে ফর্কলিফট পরিচালনার দক্ষতার চাহিদা রয়েছে। পণ্য ওঠানো, নামানো ও সরানোর পাশাপাশি নিরাপদভাবে যন্ত্রপাতি ব্যবহারের প্রশিক্ষণও গুরুত্বপূর্ণ।   তবে শুধু অনলাইনে ভিডিও দেখে ফর্কলিফট চালানো শেখা যথেষ্ট নয়। নিয়োগদাতার প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ ও কর্মক্ষেত্রে দক্ষতা যাচাই লাগতে পারে। কর্মক্ষেত্রের নিরাপত্তা বিধি অনুযায়ী ফর্কলিফট অপারেটরদের নির্দিষ্ট প্রশিক্ষণ ও দক্ষতা যাচাইয়ের প্রয়োজন রয়েছে।   ২. বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্সের প্রস্তুতি বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স বা সিডিএল অর্জন করতে পারলে ট্রাক ড্রাইভিংসহ পরিবহন খাতে নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে শুধু সিডিএল পারমিট পেলেই সব ধরনের ট্রাক চালানো যায় না। পূর্ণ সিডিএল পেতে লিখিত পরীক্ষা, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং প্রযোজ্য দক্ষতা পরীক্ষার ধাপ রয়েছে।   যারা দীর্ঘমেয়াদে ড্রাইভিং পেশায় যেতে চান, তাদের জন্য সিডিএল প্রস্তুতি একটি বাস্তব ক্যারিয়ার দক্ষতা হতে পারে। কোন ধরনের সিডিএল বা অতিরিক্ত অনুমোদন প্রয়োজন হবে, তা কাঙ্ক্ষিত কাজের ওপর নির্ভর করে।   ৩. তথ্যপ্রযুক্তি সহায়তা কম্পিউটার ও প্রযুক্তিতে আগ্রহ থাকলে তথ্যপ্রযুক্তি সহায়তা বা আইটি সাপোর্ট একটি সম্ভাব্য ক্যারিয়ার পথ। কম্পিউটারের সমস্যা সমাধান, সফটওয়্যার ইনস্টলেশন, ব্যবহারকারীকে প্রযুক্তিগত সহায়তা এবং নেটওয়ার্কের মৌলিক বিষয় শেখা এই দক্ষতার অংশ।   তবে আইটি সাপোর্ট শিখলেই সরাসরি উচ্চ বেতনের চাকরি নিশ্চিত নয়। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কম্পিউটার ব্যবহারকারী সহায়তা বিশেষজ্ঞদের মধ্যম বার্ষিক বেতন ছিল ৬০ হাজার ৩৪০ ডলার। কিছু ক্ষেত্রে কলেজ পর্যায়ের পড়াশোনার পাশাপাশি প্রাসঙ্গিক তথ্যপ্রযুক্তি সনদ থাকলেও চাকরির সুযোগ তৈরি হতে পারে।   ৪. স্বাস্থ্যসেবা সহকারী হিসেবে প্রশিক্ষণ স্বাস্থ্যসেবা খাতে কাজ করতে চাইলে নার্সিং সহকারী বা অন্যান্য সহায়ক পেশার প্রশিক্ষণ বিবেচনা করা যেতে পারে। তবে এই ধরনের চাকরিতে অঙ্গরাজ্যভেদে অনুমোদিত প্রশিক্ষণ, পরীক্ষা বা অন্যান্য যোগ্যতা প্রয়োজন হতে পারে।   যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর পূর্বাভাস অনুযায়ী, ২০২৪ থেকে ২০৩৪ সালের মধ্যে স্বাস্থ্যসেবা ও সামাজিক সহায়তা খাতে উল্লেখযোগ্য কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যসেবা সহায়ক পেশাগুলোর ক্ষেত্রেও চাহিদা বাড়ার সম্ভাবনা রয়েছে।   ৫. ওয়েল্ডিং কারিগরি পেশায় যেতে চাইলে ওয়েল্ডিং একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। বিশেষ করে মিগ ওয়েল্ডিংসহ বিভিন্ন ধরনের ওয়েল্ডিং শেখার মাধ্যমে উৎপাদন, নির্মাণ ও অন্যান্য শিল্প খাতে কাজের জন্য প্রস্তুতি নেওয়া যায়।   তবে ওয়েল্ডিং শিখলেই নির্দিষ্ট ঘণ্টাপ্রতি বেতন নিশ্চিত নয়। বেতন নির্ভর করে অভিজ্ঞতা, সনদ, শ্রমিক ইউনিয়ন, নিয়োগদাতা এবং এলাকার ওপর। ট্রেড স্কুল, কমিউনিটি কলেজ বা অনুমোদিত প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণ নেওয়া বেশি কার্যকর।   ৬. রিয়েল এস্টেট রিয়েল এস্টেট পেশায় যেতে চাইলে প্রথমে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের লাইসেন্সের নিয়ম জানতে হবে। প্রতিটি অঙ্গরাজ্যের শিক্ষাগত যোগ্যতা, কোর্স, পরীক্ষা এবং লাইসেন্সের নিয়ম এক নয়।   এই পেশায় সাধারণ চাকরির মতো নির্দিষ্ট মাসিক বেতন নাও থাকতে পারে। আয় অনেক ক্ষেত্রে কমিশনভিত্তিক হয়। একটি বাড়ি বিক্রি করলেই নির্দিষ্ট অঙ্কের কমিশন পাওয়া যাবে, এমন নিশ্চয়তাও নেই। তাই লাইসেন্স নেওয়ার পাশাপাশি বিপণন, গ্রাহকসেবা এবং স্থানীয় আবাসন বাজার সম্পর্কে জ্ঞান প্রয়োজন।   ৭. হিসাবরক্ষণ ও কুইকবুকস ছোট ব্যবসা, রেস্টুরেন্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাব পরিচালনার জন্য হিসাবরক্ষণ বা বুককিপিং দক্ষতা কাজে লাগতে পারে। আয়-ব্যয়ের হিসাব রাখা, চালান, পেমেন্ট এবং আর্থিক রেকর্ড ব্যবস্থাপনার মতো কাজ এই দক্ষতার মধ্যে পড়ে।   কুইকবুকসের মতো হিসাবরক্ষণ সফটওয়্যার শেখা বাড়তি সুবিধা দিতে পারে। তবে কাজ পাওয়ার ক্ষেত্রে সফটওয়্যার ব্যবহারের পাশাপাশি হিসাববিজ্ঞানের মৌলিক জ্ঞান এবং নির্ভুলভাবে হিসাব পরিচালনার দক্ষতাও গুরুত্বপূর্ণ।   ৮. এইচভিএসি হিটিং, ভেন্টিলেশন ও এয়ার কন্ডিশনিং বা এইচভিএসি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কারিগরি ক্ষেত্র। ঘরবাড়ি ও বাণিজ্যিক ভবনের হিটিং ও কুলিং ব্যবস্থা স্থাপন, রক্ষণাবেক্ষণ এবং মেরামতের কাজে এই দক্ষতা ব্যবহার হয়।   এইচভিএসি পেশায় যেতে হলে শুধু কয়েকটি অনলাইন ভিডিও দেখার চেয়ে হাতে-কলমে প্রশিক্ষণ ও শিক্ষানবিশ কর্মসূচি বেশি কার্যকর। কিছু কাজে অতিরিক্ত লাইসেন্স বা সনদেরও প্রয়োজন হতে পারে।   ৯. বাণিজ্যিক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ সাধারণ পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বাণিজ্যিক ভবনের মেঝে পরিচর্যা, কার্পেট পরিষ্কার এবং বিভিন্ন যন্ত্র পরিচালনার মতো বিশেষ দক্ষতা অর্জন করলে ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজের সুযোগ তৈরি হতে পারে।   এই কাজে ব্যবহৃত মেশিন ও রাসায়নিক নিরাপদভাবে পরিচালনা শেখা গুরুত্বপূর্ণ। অনলাইনে প্রাথমিক ধারণা পাওয়া গেলেও বাস্তব প্রশিক্ষণ ছাড়া পেশাদারভাবে কাজ শুরু করা ঝুঁকিপূর্ণ হতে পারে। নিজের ব্যবসা শুরু করতে চাইলে স্থানীয় ব্যবসায়িক লাইসেন্স, বীমা এবং অন্যান্য প্রয়োজনীয় নিয়মও যাচাই করতে হবে।   ১০. ডিজিটাল বিপণন ও ভিডিও সম্পাদনা ছোট ব্যবসার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট, ভিডিও, গ্রাফিক ডিজাইন ও ডিজিটাল বিপণনের কাজের সুযোগ রয়েছে। ক্যানভা, ক্যাপকাট বা অন্যান্য সফটওয়্যার দিয়ে প্রাথমিক কাজ শেখা তুলনামূলক সহজ হলেও পেশাদার পর্যায়ে যেতে হলে কনটেন্ট কৌশল, বিজ্ঞাপন, তথ্য বিশ্লেষণ এবং গ্রাহকের সঙ্গে যোগাযোগের মতো দক্ষতাও প্রয়োজন।   অনলাইনে বিনামূল্যে বা কম খরচের কোর্স দিয়ে শুরু করা যায়। পরে নিজের কাজের নমুনা বা পোর্টফোলিও তৈরি করে স্থানীয় ব্যবসা কিংবা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহক খোঁজা যেতে পারে।   কীভাবে শুরু করবেন? একসঙ্গে ১০টি দক্ষতা শেখার চেষ্টা না করে নিজের বর্তমান অভিজ্ঞতা, সময়, অর্থ এবং আগ্রহ অনুযায়ী একটি ক্ষেত্র বেছে নেওয়া ভালো। প্রতিদিন নিয়মিত সময় দেওয়ার পাশাপাশি বাস্তব অনুশীলন ও ছোট প্রকল্প তৈরি করলে দক্ষতা দ্রুত বাড়তে পারে।   যারা শারীরিক ও কারিগরি কাজে আগ্রহী, তারা এইচভিএসি, ওয়েল্ডিং বা ফর্কলিফট পরিচালনা বিবেচনা করতে পারেন। ড্রাইভিংয়ে আগ্রহ থাকলে সিডিএল একটি দীর্ঘমেয়াদি পথ হতে পারে। কম্পিউটারে কাজ করতে চাইলে আইটি সাপোর্ট, বুককিপিং বা ডিজিটাল বিপণন শেখা যেতে পারে। আর স্বাস্থ্যসেবায় ক্যারিয়ার গড়তে চাইলে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অঙ্গরাজ্যের নিয়ম যাচাই করে নার্সিং সহকারীর মতো পেশা বিবেচনা করা যায়।   যুক্তরাষ্ট্রের চাকরির বাজারে দক্ষতা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে কোনো একটি অনলাইন কোর্স শেষ করলেই নির্দিষ্ট বেতন বা চাকরি নিশ্চিত হয় না। শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৪ থেকে ২০৩৪ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে দ্রুত বাড়তে থাকা পেশাগুলোর মধ্যে বায়ু টারবাইন সার্ভিস টেকনিশিয়ান, সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী, নার্স প্র্যাকটিশনার, তথ্যবিজ্ঞানী এবং তথ্যনিরাপত্তা বিশ্লেষকের মতো পেশা রয়েছে। এসব পেশার অনেকগুলোর জন্য অতিরিক্ত শিক্ষা বা বিশেষায়িত প্রশিক্ষণ প্রয়োজন।   তাই নতুন দক্ষতা শেখার সময় শুধু দ্রুত বেশি বেতনের আশ্বাসের দিকে না তাকিয়ে সংশ্লিষ্ট পেশার যোগ্যতা, লাইসেন্স, প্রশিক্ষণের খরচ, স্থানীয় চাকরির চাহিদা এবং ভবিষ্যৎ সম্ভাবনাও বিবেচনা করা জরুরি। সঠিক দক্ষতা ধীরে ধীরে গড়ে তুলতে পারলে বর্তমান চাকরি থেকে আরও ভালো ক্যারিয়ারের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১১:৪১
চালকদের অ্যাকাউন্ট বন্ধের কারণে রাইড শেয়ারিং অ্যাপ উবারকে ৯৬৬ মিলিয়ন ডলার জরিমানা। ছবি: সংগৃহীত
ড্রাইভারদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করায় উবারকে ৯৬৬ মিলিয়ন ডলার জরিমানা

ড্রাইভারদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় করায় উবারকে ৯৬৬ মিলিয়ন ডলার জরিমানা করেছে নেদারল্যান্ডসের ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ। ১৭ আগস্ট দেওয়া সিদ্ধান্তে কর্তৃপক্ষ জানায়, উবার পর্যাপ্তভাবে না জানিয়ে এবং মানবীয় পর্যালোচনা ছাড়াই স্বয়ংক্রিয় ব্যবস্থায় ড্রাইভারদের অ্যাকাউন্ট বন্ধ করেছে। শুক্রবার নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ সিদ্ধান্তটি নিশ্চিত করে।   উবারের বিরুদ্ধে আরোপ করা জরিমানার পরিমাণ ৮২৫ মিলিয়ন ইউরো, যা প্রায় ৯৬৬ মিলিয়ন ডলারের সমান। ইউরোপের সাধারণ তথ্য সুরক্ষা বিধিমালার আওতায় এটি এখন পর্যন্ত দ্বিতীয় বৃহত্তম জরিমানা। এর আগে ২০২৩ সালে আয়ারল্যান্ডে মেটাকে ১ দশমিক ২ বিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল।   নেদারল্যান্ডসের ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের উপপ্রধান মনিক ভারডিয়ার বলেন, উবার সতর্কতা বা মানবীয় সম্পৃক্ততা ছাড়াই ড্রাইভারদের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে। এর ফলে ড্রাইভাররা হঠাৎ করে তাদের আয়ের উৎস হারিয়েছেন। বড় ধরনের প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত কোনো কম্পিউটারের এককভাবে নেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।   উবার অবশ্য এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়। কোম্পানিটির একজন মুখপাত্র জানিয়েছেন, তারা সিদ্ধান্ত এবং জরিমানার পরিমাণকে অযৌক্তিক মনে করছে। উবারের দাবি, তারা ড্রাইভারদের অধিকারকে গুরুত্ব দেয় এবং তাদের নীতিতে মানবীয় পর্যালোচনার পাশাপাশি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট স্থগিতের বিরুদ্ধে আপত্তি জানানোর সুযোগ রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে।   ঘটনাগুলো ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ইউরোপে ঘটেছে। একটি ফরাসি অভিযোগের সূত্র ধরে বিষয়টি তদন্তের আওতায় আসে। উবারের ইউরোপীয় সদর দপ্তর নেদারল্যান্ডসে হওয়ায় বিষয়টি দেশটির ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের অধীনে তদন্ত করা হয়।   উবার প্রতারণার সন্দেহে কিছু ড্রাইভারের অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করেছিল। এর মধ্যে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য অপ্রয়োজনীয় পথে যাওয়া অথবা যাত্রা শেষ করার ইচ্ছা না থাকা সত্ত্বেও ভ্রমণ গ্রহণ করার মতো বিষয় ছিল। উবার জানিয়েছে, এসব স্থগিতাদেশ সাধারণত স্বল্প সময়ের জন্য ছিল এবং মানবীয় পর্যালোচনা ছাড়া স্থায়ীভাবে অ্যাকাউন্ট বন্ধ করা হতো না।   তবে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে, কম গ্রাহক রেটিং পাওয়া কিছু ড্রাইভারের অ্যাকাউন্ট কম্পিউটারের মাধ্যমে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা হয়েছিল। উবার এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, স্থায়ীভাবে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত তারা কখনো স্বয়ংক্রিয়ভাবে নেয়নি।   উবার আরও জানিয়েছে, জরিমানার পরিমাণ অযৌক্তিক হওয়ার একটি কারণ হলো এতে ক্ষতিগ্রস্ত ড্রাইভারের সংখ্যা তুলনামূলকভাবে কম। কোম্পানির তথ্য অনুযায়ী, ২০২১ সালে ইউরোপে কম গ্রাহক রেটিংয়ের কারণে ১২৬ জন ড্রাইভারের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছিল। অন্যদিকে নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে, উবারের ২০২৫ সালের বার্ষিক আয়ের একটি অংশ হিসাব করে জরিমানার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।   ইউরোপের সাধারণ তথ্য সুরক্ষা বিধিমালা অনুযায়ী, মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এমন সিদ্ধান্ত শুধু কম্পিউটার অ্যালগরিদমের মাধ্যমে নেওয়া যাবে না। এ ধরনের সিদ্ধান্তে অর্থবহ মানবীয় পর্যালোচনা এবং সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করার সুযোগ থাকতে হবে।   সুইজারল্যান্ডভিত্তিক ডিজিটাল অধিকার সংগঠন পারসোনালডাটা ডট আইও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনটি ফরাসি উবার ড্রাইভারদের কর্মসংক্রান্ত অ্যালগরিদমিক সিদ্ধান্তের বিষয়ে তথ্য পেতে সহায়তা করেছিল। সংগঠনটির প্রতিষ্ঠাতা পল অলিভিয়ের দেহায়ে জানিয়েছেন, ড্রাইভারদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে উবারের বিরুদ্ধে একটি যৌথ মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রকাশ : আগস্ট ২২, ২০২৬ ১১:৩১