সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
মাত্র তিন ডলার নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন পাকিস্তানি অভিবাসী কাজী মান্নান। ছবি: সংগৃহীত
আমেরিকায় ৮০ হাজারের বেশি মানুষকে নিজ রেস্টুরেন্টে বিনামূল্যে খাবার খাইয়েছেন কাজী মান্নান

মাত্র তিন ডলার নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন পাকিস্তানি অভিবাসী কাজী মান্নান। জীবিকার সন্ধানে একসময় নানা ধরনের কাজ করেছেন। পরে নিজের রেস্টুরেন্ট প্রতিষ্ঠা করে সেই ব্যবসাকেই পরিণত করেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর একটি উদ্যোগে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তাঁর প্রতিষ্ঠিত সাকিনা হালাল গ্রিলের মাধ্যমে প্রথম পাঁচ বছরেই ৮০ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে খাবার পরিবেশন করা হয় বলে ২০১৯ সালের এক প্রতিবেদনে জানিয়েছিল এনডিটিভি।   হোয়াইট হাউস থেকে কয়েক ব্লক দূরে অবস্থিত সাকিনা হালাল গ্রিল দীর্ঘদিন ধরে গৃহহীন ও আর্থিক সংকটে থাকা মানুষের কাছে পরিচিত একটি নাম। রেস্টুরেন্টটির নীতি ছিল সহজ। কারও খাবার কেনার সামর্থ্য না থাকলেও তিনি সেখানে গিয়ে খাবার খেতে পারবেন। অন্য ক্রেতাদের মতোই তাঁকে সম্মান ও আন্তরিকতার সঙ্গে খাবার পরিবেশন করা হবে।   কাজী মান্নানের এই মানবিক উদ্যোগের পেছনে রয়েছে তাঁর শৈশবের অভিজ্ঞতা। পাকিস্তানের একটি গ্রামে সাধারণ পরিবারে বেড়ে ওঠেন তিনি। ছোটবেলায় পরিবারের আর্থিক সংকট দেখেছেন কাছ থেকে। তবে অভাবের মধ্যেও তাঁর মা প্রতিবেশী ও অসহায় মানুষের জন্য বাড়তি খাবার রান্না করতেন। মায়ের সেই উদারতা তাঁকে গভীরভাবে প্রভাবিত করে। সেখান থেকেই তিনি শিখেছিলেন, নিজের কাছে খাবার থাকলে ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দেওয়া উচিত নয়।   ১৯৯৬ সালে মাত্র তিন ডলার সম্বল করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মান্নান। নতুন দেশে প্রতিষ্ঠিত হতে তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। জীবিকা নির্বাহের জন্য একাধিক কাজ করেন। দীর্ঘ পরিশ্রমের পর ২০১৩ সালে ওয়াশিংটন ডিসিতে নিজের রেস্টুরেন্ট চালু করেন। প্রয়াত মায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এর নাম রাখেন সাকিনা হালাল গ্রিল।   রেস্টুরেন্ট চালুর পর থেকেই মান্নান সিদ্ধান্ত নেন, অর্থের অভাবে কাউকে ক্ষুধার্ত অবস্থায় ফিরিয়ে দেবেন না। গৃহহীন কিংবা আর্থিক সংকটে থাকা মানুষ সেখানে এসে বিনামূল্যে খাবার খেতে পারতেন। তাঁদের পরিচয় বা আর্থিক অবস্থা নিয়ে বিব্রতকর প্রশ্ন করা হতো না। মান্নানের কাছে খাবার পরিবেশনের পাশাপাশি মানুষের মর্যাদা রক্ষা করাও ছিল গুরুত্বপূর্ণ।   ২০১৯ সালের ২১ মে প্রকাশিত এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রেস্টুরেন্টটির প্রথম পাঁচ বছরে ৮০ হাজারের বেশি বিনামূল্যের খাবার পরিবেশন করা হয়েছিল। এই উদ্যোগের কারণে স্থানীয় কমিউনিটিতে পরিচিতি পান মান্নান। তাঁর মানবিক কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়।   তবে করোনাভাইরাস মহামারির সময় বড় ধরনের আর্থিক সংকটে পড়ে রেস্টুরেন্টটি। ব্যবসা কমে যাওয়ায় বিনামূল্যে খাবার দেওয়ার কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। সে সময় রেস্টুরেন্টটি টিকিয়ে রাখতে ফান্ডরেইজিং ক্যাম্পেইন শুরু হয়। হাজারো মানুষ অনুদান দিয়ে তাঁর উদ্যোগের পাশে দাঁড়ান। ২০২০ সালের নভেম্বরে এবিসি নিউজের এক প্রতিবেদনে এই সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়।   কাজী মান্নানের উদ্যোগ দেখিয়েছে, একটি ছোট ব্যবসাও কমিউনিটির অসহায় মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তার জায়গা হয়ে উঠতে পারে। তাঁর রেস্টুরেন্টে বিনামূল্যে খাবার পরিবেশনের এই উদ্যোগ শুধু ক্ষুধা নিবারণের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং আর্থিক সংকটে থাকা মানুষকে সম্মানের সঙ্গে বেঁচে থাকার সুযোগ দেওয়ার একটি প্রচেষ্টাও ছিল।   সূত্র: এনডিটিভি

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৯:১২
ছবি: বামে: বিবেক রামাস্বামী রিপাবলিকান ডানে: অ্যামি অ্যাকটন ডেমোক্র্যাট (সংগ্রহীত)
বিপুল অর্থ ব্যয় করেও হারলেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান বিবেক রামাস্বামী

আমেরিকার ওহাইও অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে বিপুল অর্থ ব্যয় করেও জয় পাননি ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামী। তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী অ্যামি অ্যাকটন তুলনামূলক অনেক কম অর্থ ব্যয় করে নির্বাচনে জয়ী হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে অ্যাকটনের এই জয় ওহাইওর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করেছে। একই সঙ্গে দীর্ঘ ২০ বছর পর অঙ্গরাজ্যটিতে একজন ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হলেন।   নির্বাচনী প্রচারণায় অর্থ ব্যয়ের হিসাবেও দুই প্রার্থীর মধ্যে বড় ব্যবধান ছিল। এনবিসি ৪-এর প্রকাশিত নির্বাচনী অর্থায়নসংক্রান্ত তথ্য অনুযায়ী, রামাস্বামী ও তাঁর পক্ষে সংশ্লিষ্ট প্রচারণায় প্রায় ৮ কোটি ডলার ব্যয় বা বরাদ্দ করা হয়েছিল। অন্যদিকে অ্যাকটনের পক্ষে এই অঙ্ক ছিল প্রায় ৩ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ রামাস্বামীর পক্ষে ব্যয়ের পরিমাণ ছিল অ্যাকটনের তুলনায় দ্বিগুণেরও বেশি। তবে বিপুল অর্থের এই সুবিধা শেষ পর্যন্ত ভোটের ফলাফলে কাজে আসেনি।   অ্যাকটন একজন চিকিৎসক এবং ওহাইওর সাবেক স্বাস্থ্য বিভাগের পরিচালক। করোনাভাইরাস মহামারির সময় অঙ্গরাজ্যটির জনস্বাস্থ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। নির্বাচনী প্রচারণায় জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, স্বাস্থ্যসেবার সুযোগ, শিক্ষা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক সংকটকে গুরুত্ব দেন অ্যাকটন। শৈশবে কঠিন আর্থিক পরিস্থিতি ও গৃহহীনতার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। এসব বিষয় সাধারণ ভোটারদের সঙ্গে তাঁর সংযোগ তৈরিতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।   অন্যদিকে বিবেক রামাস্বামী ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট প্রার্থী। একজন ধনকুবের উদ্যোক্তা ও ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়নপ্রত্যাশী হিসেবে আগে থেকেই জাতীয় রাজনীতিতে পরিচিতি ছিল তাঁর। নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের পাশাপাশি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও রামাস্বামীর পক্ষে প্রচারণা চালান। তবে তাঁদের সমর্থন এবং বিপুল অর্থ ব্যয় করেও নির্বাচনে জয় নিশ্চিত করতে পারেননি তিনি।   নির্বাচনের শেষ পর্যায়ে দুই প্রার্থীর প্রচারণা ঘিরে বিতর্কও তৈরি হয়। বিশেষ করে অ্যাকটনের পারিবারিক অতীত নিয়ে রামাস্বামীর প্রচারশিবিরের একটি বিজ্ঞাপন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিজ্ঞাপনটিতে অ্যাকটনের বিচ্ছিন্ন থাকা মায়ের বক্তব্য ব্যবহার করা হয়েছিল। বিষয়টি নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের নেতাদের মধ্যেই সমালোচনা দেখা দেয়। নির্বাচনের আগে বিজ্ঞাপনটি প্রচার বন্ধ করে দেওয়া হয়।   অ্যামি অ্যাকটনের এই জয় শুধু একজন প্রার্থীর বিজয় নয়, ওহাইওর রাজনৈতিক ইতিহাসেও গুরুত্বপূর্ণ ঘটনা। ২০০৬ সালের পর এই প্রথম অঙ্গরাজ্যটিতে কোনো ডেমোক্র্যাট গভর্নর নির্বাচিত হলেন। একই সঙ্গে অ্যাকটন ওহাইওর ইতিহাসে জনগণের ভোটে নির্বাচিত প্রথম নারী গভর্নর হতে যাচ্ছেন। তিনি বর্তমান রিপাবলিকান গভর্নর মাইক ডিওয়াইনের স্থলাভিষিক্ত হবেন।   অ্যাসোসিয়েটেড প্রেসের নির্বাচনী পূর্বাভাস অনুযায়ী, অ্যাকটনের এই বিজয় রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ওহাইওতে ডেমোক্র্যাটদের জন্য বড় রাজনৈতিক সাফল্য। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প অঙ্গরাজ্যটিতে উল্লেখযোগ্য ব্যবধানে জয়ী হয়েছিলেন। সেই অঙ্গরাজ্যেই এবার গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীর জয় জাতীয় রাজনীতিতেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।   বিপুল অর্থ ব্যয়, প্রেসিডেন্টের সমর্থন এবং জাতীয় পর্যায়ের রাজনৈতিক পরিচিতি থাকা সত্ত্বেও রামাস্বামীর পরাজয় এবারের নির্বাচনের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছে। অন্যদিকে তুলনামূলক কম অর্থ ব্যয়ে অ্যাকটনের বিজয় আবারও দেখিয়ে দিল, নির্বাচনে অর্থ ও রাজনৈতিক প্রভাব গুরুত্বপূর্ণ হলেও শেষ পর্যন্ত ভোটারদের সমর্থনই নির্ধারণ করে দেয় কে যাবেন ক্ষমতায়।

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৮:৫৯
পর্যাপ্ত প্রমাণের অভাবে বাংলাদেশি উদ্যোক্তা মুমিনুল ইসলামের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করেছে অ্যামচ্যাম মিয়ানমার। ছবি: সংগৃহীত
৩ লাখ ডলারের দুর্নীতির অভিযোগ প্রত্যাহার, মুক্ত স্পেনের বাংলাদেশি উদ্যোক্তা মুমিনুল ইসলাম

পর্যাপ্ত প্রমাণের অভাবে বাংলাদেশি উদ্যোক্তা মুমিনুল ইসলামের বিরুদ্ধে আনা প্রায় ৩ লাখ ডলারের দুর্নীতির অভিযোগ প্রত্যাহার করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন মিয়ানমার বা অ্যামচ্যাম মিয়ানমার। অভিযোগ প্রত্যাহারের পর তাঁর বিরুদ্ধে জারি করা ইন্টারপোলের রেড নোটিসও বাতিল হয়েছে। স্পেনে গ্রেপ্তার হওয়ার পর আইনি জটিলতা কাটিয়ে মুক্তি পেয়েছেন ডিজাইন ও প্রযুক্তি প্রতিষ্ঠান মিসফিট টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা মুমিনুল ইসলাম।   বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনের বরাতে ইউএসনিউজ জানিয়েছে, মিয়ানমারের কর্তৃপক্ষের অনুরোধে গত সেপ্টেম্বরের শেষ দিকে স্পেনের বার্সেলোনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুমিনুলকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় স্ত্রী ও সন্তানদের নিয়ে ছুটি কাটাতে স্পেনে গিয়েছিলেন যুক্তরাজ্যপ্রবাসী এই বাংলাদেশি উদ্যোক্তা।   স্পেনের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ২৬ অক্টোবরের এক নথিতে জানায়, মুমিনুল ইসলামের বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হয়েছে। এর আগে অক্টোবরের শুরুতে তিনি জামিনে মুক্তি পেয়েছিলেন। অভিযোগ প্রত্যাহারের পর তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে গ্রেপ্তারসংক্রান্ত ব্যবস্থাও বাতিল হয়।   এপির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের অ্যামচ্যাম বোর্ডের অভ্যন্তরীণ বিরোধ থেকেই মামলাটির সূত্রপাত। সংগঠনটির সাবেক সভাপতি মার্কিন নাগরিক অ্যাডাম কাস্তিলো এবং সাবেক নির্বাহী পরিচালক অস্ট্রেলীয় নাগরিক ইয়ে খাউং কিয়াওয়ের বিরুদ্ধেও আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়। ওয়াশিংটনে লবিং কার্যক্রম পরিচালনার জন্য মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামের একটি মার্কিন প্রতিষ্ঠান নিয়োগকে কেন্দ্র করে এই বিরোধ তৈরি হয়।   অ্যামচ্যাম মিয়ানমারের বর্তমান বোর্ডের অভিযোগ ছিল, অনুমোদন ছাড়াই সংগঠনের নাম ব্যবহার করে প্রায় ৩ লাখ ডলারের লবিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তবে এপি নিশ্চিত করেছে, মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স ওয়াশিংটনে একাধিক বৈঠকের আয়োজন করেছিল এবং যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী অর্থপ্রদানের তথ্য প্রকাশ করেছিল। মুমিনুলের দাবি, সম্পূর্ণ অর্থ তাঁর প্রতিষ্ঠানের মার্কিন কার্যক্রম থেকে পরিশোধ করা হয়েছিল।   মিয়ানমারের কর্তৃপক্ষ পরে স্পেনের বিচার বিভাগকে জানায়, বিদেশে অবস্থানকালে মুমিনুল মূলত প্রতিষ্ঠানের ইনভয়েস ও অর্থ পরিশোধসংক্রান্ত নির্দেশনা বাস্তবায়ন করেছিলেন। তাঁর প্রত্যর্পণের পক্ষে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এই সিদ্ধান্তের ভিত্তিতেই স্পেনে তাঁর বিরুদ্ধে আইনি কার্যক্রম বন্ধ করা হয়।   এদিকে মুমিনুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারের কারণে তাঁকে ১৪ দিন আটক থাকতে হয়েছে এবং দুই শিশুকন্যার কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে হয়েছে। এতে তাঁর পরিবার মানসিক ও আর্থিক ক্ষতির পাশাপাশি সুনামহানির শিকার হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সংশ্লিষ্ট অ্যামচ্যাম কর্তৃপক্ষ ও বোর্ড সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন এই উদ্যোক্তা।   মুমিনুলের মতে, তাঁর গ্রেপ্তার আন্তর্জাতিক পুলিশি সহযোগিতাব্যবস্থার নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। অন্যদিকে ইন্টারপোল জানিয়েছে, মামলার বিস্তারিত তথ্য মিয়ানমারের কর্তৃপক্ষই দিতে পারবে। মিয়ানমারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রও মামলার বিস্তারিত বিষয়ে মন্তব্য করেননি।   সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৮:৫৩
সরকারি সুবিধা ব্যবহারে বাড়তি যাচাই
গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্য নতুন নিয়ম, সরকারি সুবিধা ব্যবহারে বাড়তি যাচাই

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদনকারীদের জন্য সরকারি সুবিধা গ্রহণের বিষয়টি নিয়ে নতুন করে সতর্কতা তৈরি হয়েছে। ২০২৬ সালের ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া নতুন নীতিমালায় নির্দিষ্ট কিছু আবেদনকারীর ক্ষেত্রে সরকারি সহায়তা গ্রহণের তথ্যসহ বিভিন্ন বিষয় বিবেচনা করার সুযোগ পেয়েছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)।   নতুন নীতিমালায় আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, আয়, পরিবারের সদস্যসংখ্যা, শিক্ষা, দক্ষতা এবং আর্থিক পরিস্থিতি বিবেচনা করা হতে পারে। সরকারি সুবিধা গ্রহণের বিষয়টিও সামগ্রিক পরিস্থিতির একটি অংশ হিসেবে পর্যালোচনা করা হতে পারে।   এর অর্থ এই নয় যে কেউ ফুড স্ট্যাম্প, স্বাস্থ্যসেবা বা অন্য কোনো সরকারি সুবিধা গ্রহণ করলেই তাঁর গ্রিন কার্ডের আবেদন বাতিল হয়ে যাবে। প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনা করার কথা বলা হয়েছে।বিশেষজ্ঞদের পরামর্শ, গ্রিন কার্ডের আবেদনকারী বা আবেদন করার পরিকল্পনা রয়েছে—এমন ব্যক্তিদের সরকারি সুবিধা গ্রহণের আগে নিজের অভিবাসন অবস্থার সঙ্গে সংশ্লিষ্ট নিয়ম বুঝে নেওয়া উচিত।   শুধু আতঙ্কিত হয়ে প্রয়োজনীয় চিকিৎসা, খাদ্যসহায়তা বা অন্যান্য সুবিধা বন্ধ করাও ঠিক হবে না।বিশেষ করে যাঁরা পরিবারভিত্তিক অথবা চাকরিভিত্তিক গ্রিন কার্ডের আবেদন করছেন, তাঁদের ক্ষেত্রে ব্যক্তিগত পরিস্থিতি অনুযায়ী অভিবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৯:০
ভবিষ্যতে অর্থ সঞ্চয়ের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যেতে পারে বলে মনে করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। ছবি: সংগৃহীত
ভবিষ্যতে টাকা জমানোর প্রয়োজন নেই, এআই সবাইকে ধনী বানিয়ে দিবে: ইলন মাস্ক

ভবিষ্যতে অর্থ সঞ্চয়ের প্রয়োজনীয়তা অনেকটাই কমে যেতে পারে বলে মনে করেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। তাঁর ধারণা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং রোবট প্রযুক্তির ব্যাপক উন্নতির ফলে একসময় মানুষের প্রয়োজনীয় পণ্য ও সেবা এত সহজলভ্য হতে পারে যে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বই বদলে যাবে।   মাস্কের এই ভাবনার মূল ভিত্তি হলো প্রযুক্তিনির্ভর উৎপাদনব্যবস্থা। তাঁর মতে, এআই ও উন্নত রোবট মানুষের পরিবর্তে বিপুল পরিমাণ কাজ করতে সক্ষম হলে উৎপাদন খরচ কমতে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধির নতুন সুযোগ তৈরি হতে পারে।   সম্প্রতি ২৯ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক বলেন, ভবিষ্যতে সুপার ইন্টেলিজেন্ট এআইয়ের মাধ্যমে বিপুল সমৃদ্ধি তৈরি হলে দীর্ঘমেয়াদের জন্য টাকা জমানোর প্রয়োজন থাকবে না। একজন ব্যবহারকারীর অর্থ ব্যয়সংক্রান্ত মন্তব্যের জবাবে তিনি এই মত প্রকাশ করেন। তাঁর বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।   এর আগে চলতি বছরের জানুয়ারিতে উদ্যোক্তা পিটার ডায়ামান্ডিসের একটি পডকাস্টে মাস্ক বলেছিলেন, আগামী ১০ থেকে ২০ বছরের জন্য রিটায়ারমেন্ট সেভিংস নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নাও থাকতে পারে। তাঁর বিশ্বাস, এআই, রোবটিকস ও জ্বালানি প্রযুক্তির অগ্রগতি মানুষের উৎপাদনক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।   মাস্ক আরও মনে করেন, ভবিষ্যতে ইউনিভার্সাল হাই ইনকাম নামে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা গড়ে উঠতে পারে, যেখানে প্রযুক্তির উৎপাদনশীলতা বৃদ্ধির সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। ফলে কাজের প্রয়োজনীয়তা কমলেও মানুষের প্রয়োজনীয় পণ্য ও সেবা পাওয়ার সুযোগ বাড়তে পারে।   তবে মাস্কের এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে একমত নন অনেক অর্থনৈতিক ও ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা বিশেষজ্ঞ। বিজনেস ইনসাইডারের সঙ্গে কথা বলা সাতজন বিশেষজ্ঞই রিটায়ারমেন্টের জন্য সঞ্চয় চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁদের মতে, প্রযুক্তির সম্ভাব্য উন্নতির ওপর নির্ভর করে বর্তমান আর্থিক পরিকল্পনা বাদ দেওয়া ঝুঁকিপূর্ণ।   বিশেষজ্ঞদের আশঙ্কা, এআইয়ের কারণে অনেক পেশায় কর্মসংস্থান কমতে পারে। নতুন প্রযুক্তির সুফল সবার কাছে সমানভাবে পৌঁছাবে কি না, সেটিও এখনো অনিশ্চিত। অন্যদিকে বাসাভাড়া, মর্টগেজ, হেলথ কেয়ার, শিক্ষা ও দৈনন্দিন খরচ মেটাতে মানুষের এখনো নিয়মিত আয়ের প্রয়োজন রয়েছে।   মাস্কের বক্তব্য মূলত ভবিষ্যতের একটি সম্ভাব্য অর্থনৈতিক ব্যবস্থার পূর্বাভাস। এআই মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে পারে বলে তিনি আশাবাদী হলেও সেই পরিবর্তন কখন এবং কীভাবে বাস্তবায়িত হবে, তা এখনো নিশ্চিত নয়।   সূত্র: বিজনেস ইনসাইডার

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৮:৪৭
কায়াক ও প্যাডেলবোর্ড নিয়ে উদ্ধার করল দুই কিশোর
বন্যার পানিতে ঘরে আটকে মা-ছেলে, কায়াক ও প্যাডেলবোর্ড নিয়ে উদ্ধার করল দুই কিশোর

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বে এলাকায় আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়েছিলেন ব্রিটানি গ্রান্ট ও তাঁর ছেলে। বাড়ির ভেতরে দ্রুত পানি ঢুকতে থাকায় প্রাণ বাঁচাতে তাঁরা রান্নাঘরের কাউন্টারের ওপর উঠে আশ্রয় নেন। তাঁদের সঙ্গে ছিল তিনটি পোষা কুকুর।   গত ২ নভেম্বরের প্রবল বৃষ্টিতে ওই এলাকার রাস্তাঘাট ও বাড়িঘর প্লাবিত হয়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলে ব্রিটানি তিনবার জরুরি নম্বরে ফোন করেন। কিন্তু বন্যার কারণে উদ্ধারকর্মীরা তখনই তাঁদের কাছে পৌঁছাতে পারছিলেন না। উপায় না পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন জানান।   সেই আবেদন চোখে পড়ে এক মায়ের। তিনি নিজের দুই কিশোর ছেলেকে বিষয়টি জানান। বিপদের কথা শুনে এক মুহূর্ত দেরি করেনি ১৫ বছর বয়সী জোনাহ মার্শাল ও তার ১৭ বছর বয়সী ভাই লুকাস মার্শাল।   জোনাহ প্রতিবেশীর কাছ থেকে একটি কায়াক ধার করে এবং লুকাস নেয় একটি প্যাডেলবোর্ড। আরেক প্রতিবেশীকে সঙ্গে নিয়ে তারা বন্যার পানির মধ্য দিয়ে ব্রিটানির বাড়ির দিকে এগিয়ে যায়।   উদ্ধার অভিযানটি সহজ ছিল না। বাড়ির ভেতরে কয়েক ঘণ্টা ধরে আটকে ছিলেন মা ও ছেলে। পানি বাড়তে থাকায় তাঁদের আতঙ্কও বাড়ছিল। কিশোর দুই ভাই পৌঁছানোর পর প্রথমে শিশুটিকে নিরাপদে বের করে আনার চেষ্টা করে। লুকাস শিশুটির সঙ্গে কথা বলে তার ভয় কমানোর চেষ্টা করে। স্কুলের কথা জিজ্ঞেস করে স্বাভাবিকভাবে কথা বলতে থাকে, যাতে আতঙ্কিত শিশুটি কিছুটা সাহস পায়।শেষ পর্যন্ত ব্রিটানি, তাঁর ছেলে এবং তিনটি পোষা কুকুরকে নিরাপদ শুকনো জায়গায় নিয়ে আসতে সক্ষম হয় তারা।   ব্রিটানি গ্রান্ট উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পুরো এলাকার মানুষ একসঙ্গে এগিয়ে এসে তাঁদের জীবন বাঁচিয়েছে। প্রতিবেশীদের সহায়তা না পেলে কী হতো, তা তিনি জানেন না। উদ্ধার হওয়ার পর মা ও ছেলে এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়েছেন।ব্রিটানির কাছে সবচেয়ে আবেগের বিষয় ছিল, যেসব প্রতিবেশীর সঙ্গে আগে কখনো পরিচয় ছিল না, তাঁরাই বিপদের সময় পাশে দাঁড়িয়েছেন। এই অভিজ্ঞতা মানুষের প্রতি তাঁর বিশ্বাস নতুন করে ফিরিয়ে দিয়েছে।   ঘটনাটি ৩ নভেম্বর স্থানীয় সংবাদমাধ্যম ক্লিকঅরল্যান্ডো প্রকাশ করে। দুই কিশোরের সাহসিকতা এবং প্রতিবেশীদের সম্মিলিত উদ্যোগ আবারও দেখিয়ে দিয়েছে, দুর্যোগের সময় মানবিক সহযোগিতা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে।

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৮:৪২
ফ্রান্সের ব্লাড ব্যাংক ও রক্তসংগ্রহ ব্যবস্থাকে লক্ষ্য করে সাইবার হামলার খবর সামনে এসেছে। ছবি: সংগৃহীত
ফ্রান্সের ব্লাড ব্যাংকে সাইবার হামলা, রক্ত সরবরাহের নিরাপত্তা নিয়ে রোগী ও চিকিৎসকদের উদ্বেগ

ফ্রান্সের ব্লাড ব্যাংক ও রক্তসংগ্রহ ব্যবস্থাকে লক্ষ্য করে সাইবার হামলার খবর সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানের প্রকাশিত প্রতিবেদনে দেশটির রক্তসংক্রান্ত স্বাস্থ্যসেবার ডিজিটাল নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টি তুলে ধরা হয়েছে। হাসপাতালের চিকিৎসা কার্যক্রমে রক্তের সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এ ধরনের হামলা স্বাস্থ্য খাতের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।   রক্তসংগ্রহ, রক্তের মজুত এবং হাসপাতালগুলোতে প্রয়োজন অনুযায়ী রক্ত পৌঁছে দেওয়ার কাজে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার রয়েছে। এসব ব্যবস্থায় অননুমোদিত প্রবেশ বা সাইবার হামলার ঘটনা ঘটলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে জরুরি অস্ত্রোপচার, দুর্ঘটনায় আহত রোগী এবং নিয়মিত রক্ত প্রয়োজন হয় এমন রোগীদের চিকিৎসায় এর প্রভাব পড়তে পারে।   ফ্রান্সে রক্তদান ও রক্ত সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সরকারি সংস্থা ফ্রেঞ্চ ব্লাড এস্টাবলিশমেন্ট বা ইএফএস। দেশজুড়ে সংগৃহীত রক্তের ব্যবস্থাপনা, পরীক্ষা ও হাসপাতালগুলোতে সরবরাহ নিশ্চিত করার দায়িত্ব রয়েছে সংস্থাটির। ফলে এই খাতের তথ্যপ্রযুক্তি অবকাঠামোর নিরাপত্তা জনস্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পর্কিত।   সাইবার অপরাধীরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ডিজিটাল ব্যবস্থায় প্রবেশ করে সংবেদনশীল তথ্য চুরি, গুরুত্বপূর্ণ ফাইল এনক্রিপ্ট কিংবা সেবা বন্ধ করে দেওয়ার চেষ্টা করতে পারে। র‍্যানসমওয়্যার হামলার ক্ষেত্রে অনেক সময় চুরি করা তথ্য প্রকাশের হুমকি দিয়ে অর্থ দাবি করা হয়।   তবে ফ্রান্সের সাম্প্রতিক ঘটনায় ঠিক কতটি ব্লাড ব্যাংক আক্রান্ত হয়েছে, কোনো ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে কি না কিংবা রক্ত সরবরাহে কতটা বিঘ্ন ঘটেছে, তা নিশ্চিত করার মতো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ছাড়া হামলার ক্ষয়ক্ষতি বা রোগীদের ওপর প্রভাব নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।   স্বাস্থ্যসেবা খাতে এ ধরনের সাইবার হামলা ঠেকাতে নিরাপদ ডেটা সংরক্ষণ, নিয়মিত ব্যাকআপ এবং জরুরি পরিস্থিতিতে বিকল্প ব্যবস্থায় সেবা চালু রাখার প্রস্তুতি গুরুত্বপূর্ণ। ফ্রান্সের এই ঘটনা হাসপাতাল ও রক্ত সরবরাহ ব্যবস্থার সাইবার নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে।

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৮:৩১
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে পদত্যাগ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। ছবি: সংগৃহীত
স্পেনে ৬৯ জন নিহতের ট্রেন দুর্ঘটনার পর পদত্যাগ করলেন পরিবহনমন্ত্রী

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর দেশটির পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে পদত্যাগ করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, মঙ্গলবার দেশটির কংগ্রেসে দেওয়া ভাষণে তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে পদত্যাগের এই তথ্য এবং দুর্ঘটনায় নিহতের সংখ্যা এখনো নির্ভরযোগ্য সরকারি সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।   প্রচারিত বিবরণ অনুযায়ী, মাদ্রিদ ও সেভিলের মধ্যবর্তী রেলপথে তোলেদো প্রদেশের উরদার কাছে দুটি ট্রেনের সংঘর্ষ ঘটে। একটি দ্রুতগতির ট্রেনের সঙ্গে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রেনের সংঘর্ষে কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং কিছু বগি ঢাল বেয়ে নিচে পড়ে যায়।   স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির পার্লামেন্টের স্থায়ী কমিটির সামনে দীর্ঘ শুনানি শেষে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে আগামী ২৯ নভেম্বরের আগাম সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত জানান তিনি। বার্তা সংস্থা রয়টার্স, এপি ও স্পেনের সংবাদ সংস্থা ইএফই তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে।   গত ২৮ অক্টোবর তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ থেকে সেভিলগামী রেলপথে দুর্ঘটনাটি ঘটে। রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির ট্রেন সামনে দাঁড়িয়ে থাকা বেসরকারি সংস্থা ইরিওর ট্রেনকে ধাক্কা দেয়। এতে ৬৯ জন নিহত এবং প্রায় ২০০ জন আহত হন।   প্রাথমিক তদন্তে জানা গেছে, রেলপথের স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর মাদ্রিদের কন্ট্রোল সেন্টার থেকে রেনফের ট্রেনটিকে আবার চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। অথচ একই লাইনে অন্য একটি ট্রেন দাঁড়িয়ে ছিল। কীভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হলো, তা তদন্ত করে দেখা হচ্ছে।   পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে পুয়েন্তে বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে দুটি এত বড় দুর্ঘটনার পর পরিবহনমন্ত্রীর দায়িত্বে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তিনি জানান, সর্বশেষ দুর্ঘটনার পরই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে দুর্ঘটনা-পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়া এবং নিরাপত্তাব্যবস্থা উন্নয়নের উদ্যোগ নিতে কিছুদিন দায়িত্ব পালন করেছেন।   এর আগে জানুয়ারিতে একই মাদ্রিদ-সেভিল রেলপথে কর্দোবা প্রদেশের আদামুজের কাছে আরেকটি দুর্ঘটনায় ৪৬ জন নিহত হন। মাত্র নয় মাসের ব্যবধানে দুটি বড় দুর্ঘটনায় মোট ১১৫ জনের প্রাণহানি স্পেনের দ্রুতগতির রেলব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।   পরিবহনমন্ত্রীর পদত্যাগের আগে সরকার রেলপথের নিরাপত্তা উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ ঘোষণা করে। এর মধ্যে কন্ট্রোল সেন্টারের কার্যক্রম উন্নত করা এবং আধুনিক ইউরোপীয় রেল সিগন্যালিং ব্যবস্থা দ্রুত চালুর পরিকল্পনা রয়েছে।   আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে পরিবহনমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের জন্য নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি করেছে।

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৮:২৫
আবারও জয়ী ডেমোক্র্যাট জন অসফ
জর্জিয়ায় সিনেট নির্বাচনে ট্রাম্প সমর্থিত প্রার্থীকে হারিয়ে আবারও জয়ী ডেমোক্র্যাট জন অসফ

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট আসনে আবারও জয় পেয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জন অসফ। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পাওয়া রিপাবলিকান প্রার্থী মাইক কলিন্সকে পরাজিত করেন তিনি। এর মধ্য দিয়ে সিনেটে নিজেদের গুরুত্বপূর্ণ একটি আসন ধরে রাখতে সক্ষম হয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। রিপাবলিকানদের শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখেও অসফের এই জয়কে দলটির বড় রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে।   বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে জন অসফকে বিজয়ী ঘোষণা করে। বুধবার (৪ নভেম্বর) ভোর পর্যন্ত পাওয়া প্রাথমিক ফলাফলে অসফ প্রায় ৫৯ শতাংশ এবং মাইক কলিন্স প্রায় ৪১ শতাংশ ভোট পেয়েছেন। প্রায় ৯৯ শতাংশ ভোট গণনার ভিত্তিতে এই ফলাফল পাওয়া গেছে। ভোটের আনুষ্ঠানিক চূড়ান্ত অনুমোদন এখনো বাকি রয়েছে।   ৩৯ বছর বয়সী জন অসফ যুক্তরাষ্ট্রের সিনেটের সর্বকনিষ্ঠ সদস্য। ২০২১ সালের বিশেষ রানঅফ নির্বাচনে জয়ী হয়ে প্রথমবার সিনেটর নির্বাচিত হন তিনি। সে সময় তাঁর বিজয় জর্জিয়ায় ডেমোক্র্যাটদের জন্য ঐতিহাসিক সাফল্য এনে দেয়। এবার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হয়ে আগামী ছয় বছরের জন্য সিনেটে নিজের অবস্থান আরও শক্তিশালী করলেন অসফ।   এবারের নির্বাচন জন অসফের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। কারণ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় প্রায় দুই শতাংশ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ফলে রিপাবলিকান পার্টি অঙ্গরাজ্যটির সিনেট আসন পুনরুদ্ধারের ব্যাপারে আশাবাদী ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক কলিন্সকে সমর্থন দেন। তবে ব্যাপক প্রচারণা এবং প্রেসিডেন্টের সমর্থন পেয়েও ভোটারদের মন জয় করতে ব্যর্থ হন কলিন্স।   নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রশাসনের অর্থনৈতিক নীতি, জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা এবং সরকারি দুর্নীতির অভিযোগকে গুরুত্ব দেন অসফ। বিশেষ করে জর্জিয়ার মধ্যবিত্ত ও কর্মজীবী পরিবারের ওপর বাড়তি খরচের চাপ নিয়ে তিনি সরব ছিলেন। অন্যদিকে মাইক কলিন্স সীমান্ত নিরাপত্তা, অভিবাসননীতি এবং রক্ষণশীল মূল্যবোধের পক্ষে প্রচারণা চালান। দুই প্রার্থীর মধ্যে রাজনৈতিক অবস্থান ও নীতিগত পার্থক্য এবারের নির্বাচনে স্পষ্ট হয়ে ওঠে।   নির্বাচনী তহবিল সংগ্রহেও প্রতিদ্বন্দ্বীর চেয়ে অনেক এগিয়ে ছিলেন অসফ। রয়টার্সের তথ্য অনুযায়ী, তিনি মাইক কলিন্সের তুলনায় প্রায় ১২ কোটি ৬০ লাখ ডলার বেশি অর্থ সংগ্রহ করেন। বিপুল অর্থনৈতিক সমর্থন এবং ধারাবাহিক প্রচারণা তাঁর নির্বাচনী অবস্থান শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।   বিজয়ের পর আটলান্টায় সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে অসফ ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, জর্জিয়ার ভোটাররা বর্তমান প্রশাসনের দুর্নীতি, অদক্ষতা ও বিভিন্ন নীতির বিরুদ্ধে অবস্থান জানিয়েছেন। একই সঙ্গে এই জয়কে দেশের রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনার সুযোগ হিসেবে উল্লেখ করেন তিনি।   জর্জিয়ায় অসফের বিজয় ডেমোক্র্যাটদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয় পাওয়া একটি অঙ্গরাজ্যে সিনেট আসন ধরে রাখা দলটির রাজনৈতিক শক্তির পরিচয় দিচ্ছে। আগামী দিনে কংগ্রেসে আইন প্রণয়ন, বাজেট এবং ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি নিয়ে রাজনৈতিক লড়াইয়ে এই জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।   সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস , জর্জিয়া পাবলিক ব্রডকাস্টিং।

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৮:১০
নতুন হিসাবে শূন্যপদ ৭৫ লাখ
বাংলাদেশিদের জন্য সুখবর, বাড়ছে চাকরির সুযোগ, নতুন হিসাবে শূন্যপদ ৭৫ লাখ

যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে নতুন করে আশার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেশটিতে চাকরির শূন্যপদ বেড়ে ৭৫ লাখ ছাড়িয়েছে। একই সঙ্গে নিয়োগের সংখ্যা বেড়েছে এবং কর্মী ছাঁটাই কমেছে। নতুন এই পরিসংখ্যান চাকরিপ্রার্থী ও কর্মসংস্থান খাতের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।   বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যানসংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের সেপ্টেম্বরে দেশটিতে চাকরির শূন্যপদ বেড়ে দাঁড়িয়েছে ৭৫ লাখ ২৩ হাজারে। আগস্টে সংশোধিত হিসাবে এই সংখ্যা ছিল ৭১ লাখ ৯০ হাজার। অর্থাৎ এক মাসে চাকরির সুযোগ বেড়েছে।অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের মে মাসের পর এটিই সর্বোচ্চ চাকরির শূন্যপদের সংখ্যা।   শুধু চাকরির বিজ্ঞপ্তি নয়, নিয়োগের ক্ষেত্রেও কিছুটা উন্নতি দেখা গেছে। সেপ্টেম্বরে বিভিন্ন প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ বাড়িয়েছে। অন্যদিকে কর্মী ছাঁটাইয়ের সংখ্যা কমে দাঁড়িয়েছে ১৬ লাখ ৪০ হাজারে, যা ২০২৫ সালের মার্চের পর সর্বনিম্ন।পেশাগত ও ব্যবসায়িক সেবা, উৎপাদনশিল্প, পরিবহন ও পণ্য সরবরাহ এবং অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগে চাকরির সুযোগ বেড়েছে।   প্রতিবেদনে আরও দেখা যায়, সেপ্টেম্বরে স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন প্রায় ৩৩ লাখ ৭০ হাজার কর্মী। শ্রমবাজারে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনার প্রতি কর্মীদের আস্থার একটি ইঙ্গিত হিসেবে এই প্রবণতাকে দেখা হয়।যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের জন্যও এই তথ্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নতুন চাকরি খুঁজছেন, চাকরি পরিবর্তন করতে চান অথবা দীর্ঘদিন ধরে কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য বিভিন্ন খাতে নতুন সুযোগ তৈরি হতে পারে।   চাকরি পাওয়া সহজ হয়ে গেছে—এমনটি নয়। নিয়োগদাতাদের চাহিদা, কাজের অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, ভাষাগত দক্ষতা এবং কাজের অনুমতির মতো বিষয় এখনো গুরুত্বপূর্ণ।চাকরির বাজারে এই উন্নতির পাশাপাশি মূল্যস্ফীতি ও উচ্চ সুদের হার ভবিষ্যতে নিয়োগের গতিকে প্রভাবিত করতে পারে।সামগ্রিকভাবে নতুন পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে কিছু ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে আগামী মাসগুলোর নিয়োগ পরিস্থিতি নির্ধারণ করবে এই অগ্রগতি কতটা স্থায়ী হয়।

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৯:৭
বিপজ্জনক বর্জ্য’ উল্লেখ করে  ট্রাম্পকে  ব্যঙ্গ করল ইরান
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়, ‘বিপজ্জনক বর্জ্য’ উল্লেখ করে ট্রাম্পকে ব্যঙ্গ করল ইরান

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পর তাঁকে নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস। বুধবার (৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এআই দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায়, চার ব্যক্তি ট্রাম্পকে তুলে একটি বড় ময়লার পাত্রে ফেলে দিচ্ছেন। পাত্রটির গায়ে লেখা রয়েছে ‘হ্যাজার্ডাস ওয়েস্ট’ বা বিপজ্জনক বর্জ্য। ভিডিওটির সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কথা উল্লেখ করে একটি হাসির ইমোজি দিয়েছে ইরানি দূতাবাস।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে  জানিয়েছে, মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির বড় সাফল্যের পরপরই ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিওতে হোয়াইট হাউসের সামনে চারজন স্যুট পরা ব্যক্তিকে ট্রাম্পের মতো দেখতে একটি চরিত্রকে বহন করতে দেখা যায়। পরে তাঁকে বিপজ্জনক বর্জ্য রাখার পাত্রে ফেলে দেওয়া হয়। তবে এটি বাস্তব কোনো ঘটনার ভিডিও নয়, বরং এআই প্রযুক্তিতে তৈরি রাজনৈতিক ব্যঙ্গচিত্র।   ইরানের দূতাবাসের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট ‘ইরান ইন ইন্ডিয়া’ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ক্যাপশনে শুধু লেখা হয়, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেক ব্যবহারকারী এটিকে ট্রাম্পের নির্বাচনী বিপর্যয় নিয়ে ইরানের কড়া বিদ্রূপ হিসেবে দেখছেন। আবার আন্তর্জাতিক কূটনীতিতে একটি দেশের প্রেসিডেন্টকে নিয়ে অন্য দেশের দূতাবাসের এমন প্রকাশ্য ব্যঙ্গের বিষয়টিও আলোচনায় এসেছে।    এবারের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদ ও সিনেট উভয় কক্ষের নিয়ন্ত্রণ অর্জন করেছে। রিপাবলিকানদের এই পরাজয় ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত এবং তার প্রভাবে জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।   এদিকে নির্বাচনের ফলাফলকে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের প্রতি জনগণের অনাস্থার প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, বিবেকের তাড়নায় হোক কিংবা জীবনযাত্রার ব্যয়ের কারণে, মার্কিন জনগণ যুদ্ধের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে। তাঁর মতে, ওয়াশিংটনের উচিত এই বার্তাকে গুরুত্ব দেওয়া।   অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও স্বীকার করেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ রিপাবলিকানদের নির্বাচনী ফলাফলে কিছুটা প্রভাব ফেলেছে। তবে ইরান ইস্যুতে নিজের সিদ্ধান্তের গুরুত্বের পক্ষেও অবস্থান নিয়েছেন তিনি। নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ফলে আগামী দুই বছরে ট্রাম্প প্রশাসনের আইন প্রণয়ন, বাজেট ও বিভিন্ন নীতি বাস্তবায়নে নতুন বাধা তৈরি হতে পারে।   যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে নির্বাচনের ফলাফল নিয়ে তেহরানের এমন প্রকাশ্য প্রতিক্রিয়া নতুন মাত্রা যোগ করেছে। তবে নির্বাচনী পরাজয়ের ফলে ট্রাম্পের প্রেসিডেন্ট পদ শেষ হচ্ছে না। তিনি নির্ধারিত মেয়াদ পর্যন্ত দায়িত্বে থাকবেন।   সংবাদসূত্র: ইন্ডিয়া টুডে,  ভারতে ইরানের দূতাবাসের অফিসিয়াল এক্স পোস্ট।

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৭:৪৯
ব্রিটেনে সম্মাননা পেলেন বাংলাদেশি রাইহানা
সপ্তাহে ৬০০ মানুষের মুখে খাবার তুলে দিয়ে ব্রিটেনে সম্মাননা পেলেন বাংলাদেশি রাইহানা

যুক্তরাজ্যে প্রতি সপ্তাহে ৬০০ জনের বেশি মানুষের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দিয়ে মর্যাদাপূর্ণ ‘প্রাইড অব ব্রিটেন’ পুরস্কারের আঞ্চলিক সম্মাননা অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সমাজসেবী রাইহানা আহমেদ। খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং খাবারের অপচয় রোধে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২৬ সালের লন্ডন ও হোম কাউন্টিজ অঞ্চলের ‘রিজিওনাল ফান্ডরেইজার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন।   রাইহানা আহমেদের পৈতৃক বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের আহমদনগর গ্রামে। যুক্তরাজ্যে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মের এই বাংলাদেশি বংশোদ্ভূত নারীর বাবা মজির উদ্দিন আহমেদ স্থানীয় বাঙালি কমিউনিটিতে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত। বাবার মানবিক কর্মকাণ্ড থেকে অনুপ্রেরণা পাওয়া রাইহানা বর্তমানে ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের সেন্ট অ্যালবানস এলাকায় বসবাস করেন। তিনি দুই সন্তানের মা।   ২০২০ সালে করোনাভাইরাস মহামারির প্রথম লকডাউনের সময় স্বামী আলের সঙ্গে অসহায় প্রতিবেশীদের খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন রাইহানা। নিজেদের বাড়ি থেকে শুরু হওয়া সেই কার্যক্রম ধীরে ধীরে বড় সামাজিক সহায়তা কর্মসূচিতে পরিণত হয়। পরে তাঁরা প্রতিষ্ঠা করেন ‘সেন্ট অ্যালবানস কমিউনিটি প্যান্ট্রি’, যা এখন শত শত মানুষের খাদ্যসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।   রাইহানার নিজের জীবনেও একসময় আর্থিক সংকট এসেছিল। গর্ভাবস্থায় গুরুতর অসুস্থতার কারণে তিনি কাজ করতে পারেননি। একই সময়ে তাঁর স্বামীও চাকরি হারিয়েছিলেন। তখন পরিবারের সহায়তায় কঠিন সময় পার করেন তাঁরা। সেই অভিজ্ঞতা থেকে সামর্থ্য ফিরে পেলে অন্যদের সাহায্য করার সিদ্ধান্ত নেন রাইহানা।   বর্তমানে তাঁর প্রতিষ্ঠিত সংগঠনটি প্রতি সপ্তাহে ৬০০ জনের বেশি মানুষকে খাদ্যসহায়তা দিচ্ছে। স্থানীয় সুপারমার্কেট, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে অসহায় পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়। জরুরি খাদ্যসামগ্রীর বাক্স, তাজা ফলমূল, শাকসবজি ও রান্না করা খাবারের পাশাপাশি স্থানীয় স্কুলশিক্ষার্থীদেরও সহায়তা দেওয়া হচ্ছে।   সংগঠনটির কার্যক্রমে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী যুক্ত রয়েছেন। বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের সহায়তায় খাবার সংগ্রহ ও বিতরণ করা হয়। আর্থিক সংকটে থাকা পরিবারগুলোর পাশাপাশি অসুস্থ, বয়স্ক এবং চলাচলে অক্ষম ব্যক্তিদের বাড়িতেও খাবার পৌঁছে দেন স্বেচ্ছাসেবীরা।   রাইহানা মনে করেন, অভাবী মানুষের আত্মসম্মান বজায় রেখে সহায়তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তাঁর পরিচালিত কমিউনিটি ফ্রিজ থেকে খাবার নিতে দীর্ঘ আবেদনপ্রক্রিয়া বা পরিচয় প্রকাশের বাধ্যবাধকতা নেই। খাদ্যসহায়তার পাশাপাশি খাবারের অপচয় কমানো এবং পরিবেশ রক্ষাকেও গুরুত্ব দেন তিনি।   সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ যুক্তরাজ্যের প্রাইড অব ব্রিটেন অ্যাওয়ার্ডের লন্ডন ও হোম কাউন্টিজ অঞ্চলের সম্মাননা পেয়েছেন রাইহানা। পুরস্কার পাওয়ার পর তিনি এই অর্জনের কৃতিত্ব দিয়েছেন সংগঠনের স্বেচ্ছাসেবীদের। তাঁর মতে, এত মানুষের পাশে দাঁড়ানো কারও একার পক্ষে সম্ভব নয়, এটি সম্মিলিত প্রচেষ্টার ফল।   সিলেটি বংশোদ্ভূত রাইহানা আহমেদের এই অর্জন ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির মানবিক ও সামাজিক অবদানের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে।   সূত্র: সেন্ট অ্যালবানস টাইমস, স্মল গুড থিংস

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৭:৩১
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিবীদ
যুক্তরাষ্ট্রের নির্বাচনে আবারও জয়ী দুই বাংলাদেশি বংশোদ্ভূত সিনেটর, কমিউনিটিতে আনন্দের জোয়ার

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আবারও জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই ডেমোক্র্যাট রাজনীতিক শেখ রহমান ও এম ডি মাসুদুর রহমান। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে জর্জিয়ার স্টেট সিনেটে নিজের আসন ধরে রেখেছেন শেখ রহমান। অন্যদিকে, কানেকটিকাটের স্টেট সিনেটে পুনর্নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান। তাঁদের এই সাফল্য প্রবাসী বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক প্রতিনিধিত্বে আরেকটি গুরুত্বপূর্ণ অর্জন।   জর্জিয়ার পঞ্চম সিনেট ডিস্ট্রিক্ট থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন শেখ রহমান। প্রাথমিক নির্বাচনী ফলাফলে তাঁর পক্ষে ৩৫ হাজারের বেশি ভোট পড়েছে। এর আগে ২০১৮ সালে প্রথমবার নির্বাচিত হয়ে জর্জিয়ার ইতিহাসে প্রথম মুসলিম স্টেট সিনেটর হিসেবে পরিচিতি পান তিনি। এরপর ধারাবাহিকভাবে নির্বাচনে জয়ী হয়ে অঙ্গরাজ্যটির রাজনীতিতে নিজের অবস্থান ধরে রেখেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত নেতা।   অন্যদিকে, কানেকটিকাটের চতুর্থ সিনেট ডিস্ট্রিক্টে রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে পরাজিত করে আবারও জয় পেয়েছেন ডেমোক্র্যাট নেতা এম ডি মাসুদুর রহমান। তিনি ২০২২ সালে প্রথমবার স্টেট সিনেটে নির্বাচিত হন। এবারের নির্বাচনে জয়ের মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির আইনসভায় আরও দুই বছর দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন তিনি।   যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত জনপ্রতিনিধিদের অংশগ্রহণ ধীরে ধীরে বিস্তৃত হচ্ছে। বিভিন্ন অঙ্গরাজ্যের আইনসভায় তাঁরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং স্থানীয় জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করছেন।   শেখ রহমান ও মাসুদুর রহমানের পুনর্নির্বাচিত হওয়ার খবর তাই শুধু তাঁদের ব্যক্তিগত রাজনৈতিক সাফল্য নয়, বৃহত্তর বাংলাদেশি আমেরিকান কমিউনিটির জন্যও তাৎপর্যপূর্ণ। তাঁদের এই অর্জন আগামী দিনে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের রাজনীতিতে অংশগ্রহণে উৎসাহ জোগাবে বলে আশা করছেন শুভাকাঙ্ক্ষীরা।   সূত্র: জর্জিয়ার প্রাথমিক নির্বাচনী ফলাফল,

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৭:২২
হঠাৎ ‘স্যরি’তে সয়লাব সোশ্যাল মিডিয়া,
হঠাৎ ‘স্যরি’তে সয়লাব সোশ্যাল মিডিয়া, নেপথ্যে রহস্য কী ?

দেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে হঠাৎ শুধু ‘স্যরি’ লিখে একটি পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। সংক্ষিপ্ত এই পোস্ট ঘিরে পাঠকদের মধ্যে তৈরি হয় কৌতূহল ও বিভ্রান্তি। কেউ ধারণা করেন পেজটি হ্যাক হয়েছে, আবার কেউ মনে করেন এটি বিশেষ কোনো প্রচারণার অংশ।   তবে শেষ পর্যন্ত জানা গেছে, প্রথম আলোর এমন রহস্যময় পোস্টের পেছনে রয়েছে প্রতিষ্ঠানটির রম্য সাময়িকী ‘রস+আলো’র একটি বিশেষ আয়োজন। পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতেই পরিকল্পিতভাবে এই প্রচারণা চালানো হয়।   পোস্টটি প্রকাশের পর ফেসবুকে নানা ধরনের মন্তব্য করেন ব্যবহারকারীরা। অনেকে জানতে চান, প্রথম আলোর মতো একটি সংবাদমাধ্যম হঠাৎ কেন ক্ষমা চাইছে। কেউ আবার বিষয়টিকে নিছক রসিকতা হিসেবে দেখেন।   ফেসবুক ব্যবহারকারী মির্জা হাসিব মন্তব্য করেন, প্রথমে তিনি ভেবেছিলেন প্রথম আলোর পেজ হ্যাক হয়েছে। পরে সম্পাদক মতিউর রহমানের পেজেও একই পোস্ট দেখে এবং রস+আলোর সাম্প্রতিক প্রচ্ছদের সঙ্গে মিল খুঁজে পেয়ে এটিকে প্রচারণার অংশ বলে ধারণা করেন।   সংবাদমাধ্যম জনবাণীর প্রতিবেদনে বলা হয়েছে, রস+আলোর বিশেষ সংখ্যার মূল বিষয় ছিল ‘আইডিয়া সংকট’। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন সংকটের সঙ্গে মিল রেখে রম্য লেখার নতুন ভাবনার সংকটকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।   রস+আলোর পক্ষ থেকে পাঠকদের জানানো হয়, উপযুক্ত আইডিয়ার অভাবে এবারের সংখ্যায় প্রত্যাশিত আনন্দ দিতে না পারায় তারা দুঃখিত। সেই ভাবনাকে কেন্দ্র করেই ফেসবুকে প্রকাশ করা হয় এক শব্দের ‘স্যরি’ পোস্ট।   অর্থাৎ, প্রথম আলোর এই পোস্ট কোনো হ্যাকিং বা প্রযুক্তিগত সমস্যার কারণে নয়। রস+আলোর বিশেষ সংখ্যার প্রচারণার অংশ হিসেবেই অভিনব কৌশলটি ব্যবহার করা হয়েছে।

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৬:৪৬
একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান এবং ওয়াশিংটনের সঙ্গে আলোচনা না করার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বুধবার (৪ নভেম্বর) দেশটির পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। এমন সামরিক তৎপরতায় কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।   আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বুধবার উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় সোন্দক এলাকা থেকে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করে। ক্ষেপণাস্ত্রগুলোর ধরন, পাল্লা এবং গতিপথ সম্পর্কে বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক কর্তৃপক্ষ যৌথভাবে তথ্য বিশ্লেষণ করছে।   গত এক মাসে এটি উত্তর কোরিয়ার চতুর্থ দফা অস্ত্র উৎক্ষেপণের ঘটনা। চলতি বছর দেশটি সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং আক্রমণকারী ড্রোনসহ বিভিন্ন অস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র ৯০০ কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করেছে।   সর্বশেষ উৎক্ষেপণের কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর সম্ভাবনা নাকচ করেন। তিনি বলেন, ওয়াশিংটন উত্তর কোরিয়ার প্রতি বৈরী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত আলোচনায় বসার প্রয়োজন দেখছে না পিয়ংইয়ং।   কিম ইয়ো জংয়ের এই বক্তব্য এসেছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলারের বেশি ডিজিটাল সম্পদ চুরির ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন অভিযোগের পর। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআই দাবি করেছে, উত্তর কোরিয়াসংশ্লিষ্ট ট্রেডারট্রেইটর নামের হ্যাকার গোষ্ঠী এই হামলা চালিয়েছে। গত বছর বাইবিট এক্সচেঞ্জ থেকে প্রায় ১৫০ কোটি ডলার চুরির ঘটনাতেও একই গোষ্ঠীকে দায়ী করেছিল সংস্থাটি।   তবে কিম ইয়ো জং মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করে একে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈরী নীতির অংশ বলে উল্লেখ করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার সুযোগ থাকলেও বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে বৈঠক করা পিয়ংইয়ংয়ের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।   এর আগে গত আগস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চলতি বছরের শেষ নাগাদ কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান তিনি। প্রথম মেয়াদে দুই নেতার মধ্যে কয়েক দফা বৈঠক হলেও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে মতবিরোধের কারণে আলোচনা স্থগিত হয়ে যায়। নতুন বৈঠকের প্রস্তাবেও এখন পর্যন্ত ইতিবাচক সাড়া দেয়নি পিয়ংইয়ং।   এদিকে মঙ্গলবার উত্তর কোরিয়া দাবি করেছে, তারা কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি নতুন ধরনের ক্লাস্টার ওয়ারহেড পরীক্ষা করেছে। দেশটির দাবি অনুযায়ী, এই অস্ত্র পাঁচ থেকে ছয় হেক্টর এলাকায় আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরও জানিয়েছে, কিম জং উন সম্প্রতি একটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ নির্মাণকেন্দ্র পরিদর্শন করে নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়েছেন।   যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান এরই মধ্যে উত্তর কোরিয়াকে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে। তবে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় অনীহার কারণে দুই পক্ষের কূটনৈতিক সম্পর্কের অচলাবস্থা আরও গভীর হচ্ছে।   সূত্র: আল জাজিরা, রয়টার্স।

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৬:২৮
মাস্কের রসিকতা
‘এবার স্পেস লেজার কাজ করেনি’, নির্বাচনে হারের পর মাস্কের রসিকতা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর নিজের ‘নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেস লেজার’ নিয়ে রসিকতা করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। নির্বাচনের দিন রিপাবলিকানদের ভোট দেওয়ার আহ্বান জানালেও ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন তিনি।   নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাস্ক লেখেন, ‘মনে হচ্ছে, এবার আমার নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেস লেজারগুলো কাজ করেনি।’ এর কয়েক ঘণ্টা আগে আরেক পোস্টে তিনি ভোটারদের উদ্দেশে লিখেছিলেন, ‘আজ লালকে ভোট দিন।’ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে লাল রং রিপাবলিকান পার্টির প্রতীক।   মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের সিনেট ও প্রতিনিধি পরিষদ, উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। নির্বাচনের ফল মেনে নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।   এবারের নির্বাচনে বিপুল অর্থ ব্যয় হয়েছে। নির্বাচনী অর্থায়ন পর্যবেক্ষণকারী সংস্থা ওপেনসিক্রেটসের পূর্বাভাস অনুযায়ী, মোট নির্বাচনী ব্যয় প্রায় ১২ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।   বিবিসির প্রতিবেদনের বরাতে জানানো হয়েছে, ব্যক্তিগত দাতাদের মধ্যে রিপাবলিকানদের পক্ষে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন ইলন মাস্ক। তাঁর ব্যয়ের পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার। বিশেষ করে টেক্সাসে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে বিপুল অর্থ দিয়েছেন তিনি।   তবে টেক্সাসের সিনেট নির্বাচনে ট্রাম্পসমর্থিত রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট জেমস টালারিকো বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে রাজ্যটিতে দীর্ঘ ৩৮ বছর পর সিনেট নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের দাবি করা হচ্ছে।   রিপাবলিকানদের পক্ষে বিপুল অর্থ ব্যয় ও প্রকাশ্য সমর্থনের পরও প্রত্যাশিত ফল না আসায় মাস্কের ‘স্পেস লেজার’ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৬:২
পিটারববরোর ক্যাবচালক শফিক আহমেদ
বিপদে পড়া নারীকে সাহায্য করে ব্রিটেনে ‘ট্যাক্সি হিরো’ হলেন বাংলাদেশি শফিক আহমেদ

যুক্তরাজ্যে বিপদে পড়া এক নারীকে সাহায্য করতে নিজের ভাড়া ছেড়ে দিয়ে ‘ট্যাক্সি হিরো’ পুরস্কার অর্জন করেছেন পিটারববরোর ক্যাবচালক শফিক আহমেদ। রাস্তায় এক নারীর গাড়ির পাংচার হওয়া টায়ার বদলে দেওয়ার পাশাপাশি দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে যাত্রী ও স্থানীয় কমিউনিটির মানুষের পাশে দাঁড়ানোর স্বীকৃতি পেয়েছেন তিনি। অ্যাকর্ন ইন্স্যুরেন্স আয়োজিত প্রতিযোগিতায় পূর্ব ইংল্যান্ড অঞ্চলের সেরা ট্যাক্সিচালক নির্বাচিত হয়েছেন শফিক।   ব্রিটিশ সংবাদমাধ্যম পিটারববোরো টেলিগ্রাফের বরাতে জানা যায়, একদিন যাত্রী তুলতে যাওয়ার পথে রাস্তায় এক নারীকে বিপদে পড়তে দেখেন শফিক। ওই নারীর গাড়ির টায়ার পাংচার হয়ে যাওয়ায় তিনি আটকা পড়েছিলেন। বিষয়টি দেখে নিজের নির্ধারিত বুকিং অন্য চালকের কাছে স্থানান্তরের ব্যবস্থা করেন শফিক, যাতে যাত্রীকে অপেক্ষা করতে না হয়। এরপর নিজেই ওই নারীর গাড়ির টায়ার বদলে দেন।   শফিক আহমেদ বলেন, তিন দশকের বেশি সময় ধরে ট্যাক্সি চালাতে গিয়ে তিনি বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে পরিচিত হয়েছেন। অনেক সময় সামান্য সহযোগিতাই বিপদে পড়া মানুষের জন্য বড় সহায়তা হয়ে ওঠে। ওই নারীকে সাহায্য করার বিনিময়ে কোনো কিছু পাওয়ার প্রত্যাশা তাঁর ছিল না।   শুধু এই একটি ঘটনাই নয়, শফিকের মনোনয়নপত্রে তাঁর দীর্ঘদিনের মানবিক কাজের কথাও উল্লেখ করা হয়েছে। আর্থিক সংকটে থাকা যাত্রীদের যাতায়াতে সহায়তা করা কিংবা মানসিকভাবে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যও তিনি পরিচিত। মনোনয়ন মূল্যায়নকারী বিচারকেরা তাঁকে অসাধারণ মানবিক গুণসম্পন্ন একজন চালক হিসেবে বর্ণনা করেছেন।   অ্যাকর্ন গ্রুপের ট্যাক্সি ইন্স্যুরেন্স বিভাগের প্রধান অ্যাশ কোকলে বলেন, নিজের আয় ছেড়ে দিয়ে অপরিচিত একজন মানুষকে সাহায্য করার পাশাপাশি নির্ধারিত যাত্রীর সময়মতো যাতায়াত নিশ্চিত করেছেন শফিক। তাঁর এমন দায়িত্বশীল ও মানবিক আচরণ অন্য চালকদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ।   যুক্তরাজ্যের ট্যাক্সিচালকদের মানবিক ও সামাজিক অবদানের স্বীকৃতি দিতে ‘অ্যাকর্ন ট্যাক্সি হিরো অ্যাওয়ার্ড’ চালু করেছে অ্যাকর্ন ইন্স্যুরেন্স। এবারের প্রতিযোগিতায় দেশজুড়ে এক হাজার ৭০০টির বেশি মনোনয়ন জমা পড়ে। সেখান থেকে ১১টি অঞ্চলের বিজয়ী নির্বাচন করা হয়েছে। শফিক আহমেদ তাঁদের একজন।   আঞ্চলিক বিজয়ী হিসেবে শফিক ১০০ পাউন্ড মূল্যের অ্যামাজন গিফট কার্ড পাবেন। একই সঙ্গে তিনি জাতীয় পর্যায়ের সেরা ট্যাক্সিচালক নির্বাচনের প্রতিযোগিতায় রয়েছেন। আগামী ১১ নভেম্বর জাতীয় বিজয়ীর নাম ঘোষণা করা হবে। বিজয়ী পাবেন এক হাজার পাউন্ড মূল্যের অ্যামাজন গিফট কার্ড ও ‘ব্রিটেনস ট্যাক্সি হিরো’ ট্রফি।   সম্মাননা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শফিক আহমেদ। তাঁর মতে, ট্যাক্সিচালকদের দৈনন্দিন কাজের বাইরেও মানুষের পাশে দাঁড়ানোর অনেক গল্প রয়েছে। সেই মানবিক কাজগুলো স্বীকৃতি পাওয়ায় তিনি আনন্দিত।   সূত্র: পিটারববোরো টেলিগ্রাফ, অ্যাকর্ন ইন্স্যুরেন্সের ট্যাক্সি হিরো অ্যাওয়ার্ড ২০২৬-এর আনুষ্ঠানিক ঘোষণা।

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৫:৩৬
ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস
নিউইয়র্কের আইনসভায় ইতিহাস গড়লেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আবের কাওয়াস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের স্টেট সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মুসলিম নারী আবের কাওয়াস। এর মধ্য দিয়ে অঙ্গরাজ্যটির আইনসভায় প্রথম ফিলিস্তিনি-আমেরিকান এবং প্রথম হিজাব পরা নারী হিসেবে ইতিহাস গড়েছেন বলে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।   নিউইয়র্ক স্টেট সিনেটের ১২তম ডিস্ট্রিক্টে প্রতিদ্বন্দ্বিতা করে ৭৫ শতাংশ ভোট পেয়েছেন কাওয়াস। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯০ শতাংশ ভোট গণনা শেষ হওয়ার পর তাঁর বিজয়ের খবর প্রকাশ করে নিউইয়র্ক টাইমস।   ব্রুকলিনে ফিলিস্তিনি অভিবাসী বাবা-মায়ের ঘরে জন্ম ও বেড়ে ওঠা আবের কাওয়াস দীর্ঘদিন ধরে সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের সঙ্গে যুক্ত। নির্বাচনী রাজনীতিতে আসার আগে ১৫ বছরের বেশি সময় শ্রমিক, অভিবাসী এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করেছেন তিনি।   নির্বাচনী প্রচারণায় কাওয়াসের প্রধান প্রতিশ্রুতি ছিল সবার জন্য স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী আবাসন, উন্নত গণপরিবহন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলা। পাশাপাশি অভিবাসীদের অধিকার রক্ষা ও যুদ্ধে সরকারি অর্থায়ন বন্ধের পক্ষেও অবস্থান নেন তিনি।   তাঁর নির্বাচনী স্লোগান ছিল ‘মর্যাদায় বিনিয়োগ, ধ্বংসের বিরুদ্ধে লড়াই’। প্রচারণায় নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি, সিনেটর বার্নি স্যান্ডার্স এবং কংগ্রেস সদস্য রাশিদা তালিবের সমর্থন পান কাওয়াস।   অভিবাসন নীতির ক্ষেত্রেও কঠোর অবস্থান রয়েছে তাঁর। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, আইসিইর সঙ্গে নিউইয়র্কের স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতা বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।   ফিলিস্তিনিদের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে সোচ্চার কাওয়াস ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিউইয়র্ক সফরের বিরুদ্ধেও বিক্ষোভে অংশ নিয়েছিলেন। ওই কর্মসূচিতে তাঁকে গ্রেপ্তার করা হলেও পরে ছেড়ে দেওয়া হয়।   নির্বাচনী এই সাফল্যের মধ্য দিয়ে নিউইয়র্কের রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত ও মুসলিম নারীদের প্রতিনিধিত্বের নতুন অধ্যায় শুরু হয়েছে। একই সঙ্গে অভিবাসী সম্প্রদায়ের অধিকার এবং সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে তাঁর ভূমিকা আগামী দিনে বিশেষ গুরুত্ব পাবে বলে প্রত্যাশা করছেন সমর্থকেরা।   সূত্র: মিডল ইস্ট আই

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৫:২২
মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমর
ট্রাম্পের সকল অভিযোগ-কটুক্তিকে পিছনে ফেলে নির্বাচনে জয়ী মুসলিম কংগ্রেসওম্যান ইলহান ওমর

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগের দাবি এবং পরিচয় জালিয়াতির অভিযোগের মধ্যেও কংগ্রেস নির্বাচনে আবারও জয়ী হয়েছেন ডেমোক্র্যাট নেতা ইলহান ওমর। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে মিনেসোটা অঙ্গরাজ্যের পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট থেকে রিপাবলিকান প্রার্থী জন নাগেলকে পরাজিত করেন তিনি। এর মাধ্যমে টানা পঞ্চম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নিজের আসন ধরে রাখলেন সোমালীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক।   ইলহান ওমরের এবারের জয় এসেছে ট্রাম্প প্রশাসনের তদন্ত ও রাজনৈতিক চাপের মধ্যে। গত অক্টোবরে তাঁর পরিচয় এবং অভিবাসনসংক্রান্ত নথি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। এরপর তাঁকে কংগ্রেস থেকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান প্রেসিডেন্ট ট্রাম্প।   গত ২১ অক্টোবর মার্কিন বিচার বিভাগের একটি আদালত-নথিতে ইলহান ওমরের নামের পাশাপাশি ‘ইলহান নুর সাঈদ এলমি’ নামটি উল্লেখ করা হয়। এর পরদিন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন, ওমর ভুয়া পরিচয়ে কংগ্রেসের সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এই অভিযোগ তুলে তিনি প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনকে ওমরের আসন শূন্য ঘোষণার আহ্বান জানান।   তবে ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইলহান ওমর। তাঁর কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, ইলহান ওমরই তাঁর প্রকৃত নাম। আদালতের নথিতে বিকল্প একটি নাম উল্লেখ করা হলেও সেটি পরিচয় জালিয়াতির প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত হয়নি। এখন পর্যন্ত কোনো আদালত তাঁকে পরিচয় জালিয়াতির দায়ে দোষী সাব্যস্ত করেননি।   এর আগে ১২ অক্টোবর ওয়াশিংটন ডিসিতে ইলহান ওমরের বাসভবনে অভিযান চালান হোমল্যান্ড সিকিউরিটির তদন্তকারীরা। তাঁর শৈশবে জমা দেওয়া অভিবাসন ও নাগরিকত্বসংক্রান্ত নথিতে সম্ভাব্য অসংগতির অভিযোগ নিয়ে তদন্ত চলছে। তদন্তকারীরা তাঁর মোবাইল ফোন, ল্যাপটপ ও পাসপোর্ট জব্দ করেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। ওমর এই অভিযানকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার ক্ষমতা ব্যবহারের উদাহরণ হিসেবে সমালোচনা করেছেন।   ইলহান ওমর ২০১৮ সালে প্রথমবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন এবং ২০১৯ সাল থেকে মিনিয়াপোলিস ও আশপাশের এলাকার প্রতিনিধিত্ব করছেন। তিনি যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত প্রথম দুই মুসলিম নারীর একজন। অভিবাসীদের অধিকার, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক সমতার পক্ষে অবস্থানের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির কড়া সমালোচক হিসেবে পরিচিত তিনি।   এবারের নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান প্রার্থী জন নাগেল, যিনি মিনেসোটা স্টেট প্যাট্রোলের সাবেক কর্মকর্তা। নাগেল নির্বাচনি প্রচারণায় সরকারি কর্মসূচিতে জালিয়াতি প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা, মেডিকেয়ার ও মেডিকেইড এবং স্বাস্থ্যবিমা সংস্কারের ওপর গুরুত্ব দেন।   গত আগস্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ৮০ শতাংশের বেশি ভোট পেয়ে দলীয় মনোনয়ন নিশ্চিত করেছিলেন ইলহান ওমর। সাধারণ নির্বাচনেও ভোটারদের সমর্থন ধরে রেখে তিনি কংগ্রেসে ফেরার পথ নিশ্চিত করেছেন। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের মেয়াদ শুরু হলে পঞ্চমবারের মতো প্রতিনিধি পরিষদের দায়িত্ব পালন করবেন তিনি।   সূত্র: সিবিএস নিউজ

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৫:১১
ডেমোক্র্যাটদের জয়ে ওবামার বার্তা
ডেমোক্র্যাটদের জয়ে ওবামার বার্তা, বিভাজন নয় ঐক্যের রাজনীতি চান মার্কিনিরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, নির্বাচনের মাধ্যমে মার্কিন জনগণ স্পষ্ট বার্তা দিয়েছে। মানুষ বিভাজনের পরিবর্তে ঐক্যের রাজনীতি এবং নিজেদের সমস্যা সমাধানে কার্যকর নেতৃত্ব চায়। মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।   বুধবার (৪ নভেম্বর) ওয়াল স্ট্রিট জার্নাল ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের ফলকে স্বাগত জানিয়ে ওবামা লিখেছেন, মার্কিন জনগণ এমন রাজনীতি চায়, যা মানুষকে বিভক্ত না করে একত্র করবে। একই সঙ্গে তারা এমন নেতৃত্ব প্রত্যাশা করে, যারা জনগণের সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবসম্মত সমাধান দিতে পারবে।   সাবেক এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে ডেমোক্র্যাট প্রার্থীদের সাহসী অংশগ্রহণের কারণেই এমন ফল সম্ভব হয়েছে। বিশেষ করে যেসব এলাকাকে দীর্ঘদিন ধরে ডেমোক্র্যাটদের জয়ের জন্য কঠিন বলে মনে করা হতো, সেসব স্থানেও প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও ব্যক্তিগত অভিজ্ঞতায় পার্থক্য থাকলেও জনসেবা এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাঁরা ঐক্যবদ্ধ ছিলেন।   নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনায় ভূমিকা রাখায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের নির্বাচনি কর্মকর্তা এবং স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানিয়েছেন ওবামা। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে তাঁদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।   প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের মেয়াদে আরও দুই বছর বাকি থাকার কথা স্মরণ করিয়ে দিয়ে ওবামা বলেন, এখন থেকেই কাজে নেমে পড়তে হবে। যেখানে পরিবর্তন আনার ক্ষমতা রয়েছে, সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি আরও ক্ষতি ঠেকানো এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতির ভিত্তি তৈরির ওপর গুরুত্ব দেন তিনি।   এদিকে মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের সাফল্য পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি।রিপাবলিকানদের কাছ থেকে সিনেট ও প্রতিনিধি পরিষদ, উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিয়েছে দলটি। কানসাস, আইওয়া, টেক্সাস ও সাউথ ক্যারোলাইনাসহ কয়েকটি রিপাবলিকান-প্রধান অঙ্গরাজ্যেও গুরুত্বপূর্ণ আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা।   নির্বাচনের প্রাথমিক ফলাফলে সিনেটে ডেমোক্র্যাটদের ৫৩টি এবং রিপাবলিকানদের ৪২টি আসন নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়। বাকি আসনগুলোর ভোট গণনা ও ফল ঘোষণার কার্যক্রম তখনো চলছিল। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২১৮ আসনের সীমা অতিক্রম করেছে।   কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ পরিবর্তনের ফলে ট্রাম্প প্রশাসনের বাকি মেয়াদে আইন প্রণয়ন, সরকারি ব্যয়ের অনুমোদন, নিয়োগ এবং প্রশাসনিক কার্যক্রমের ওপর কংগ্রেসের নজরদারিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। ডেমোক্র্যাটরা বিভিন্ন বিষয়ে তদন্ত ও শুনানির উদ্যোগ নেওয়ার সুযোগও পাবে।   নির্বাচনের ফল প্রকাশের পর ট্রাম্প ডেমোক্র্যাটদের অভিনন্দন জানিয়েছেন। তবে রিপাবলিকানদের পরাজয়কে নিজের প্রেসিডেন্সির বিরুদ্ধে গণরায় হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। তাঁর দাবি, নির্বাচনে কিছু রিপাবলিকান প্রার্থী ভোটারদের যথেষ্ট উদ্বুদ্ধ করতে পারেননি।   অন্যদিকে ওবামার বক্তব্যে নির্বাচনি সাফল্যের পাশাপাশি আগামী দুই বছরের রাজনৈতিক কর্মপরিকল্পনার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। ডেমোক্র্যাটদের প্রতি তাঁর আহ্বান, নির্বাচনের ফলকে কাজে লাগিয়ে জনগণের সমস্যা সমাধান এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু করতে হবে।   সূত্র: বারাক ওবামার এক্স পোস্ট, অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স।

প্রকাশ : নভেম্বর ৪, ২০২৬ ৪:৫২