সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা জালিয়াতি ও মানবপাচার রোধে ট্রাম্প প্রশাসনের ‘মেজর ইনভেস্টিগেশন’ শুরু

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: জুলাই ৯, ২০২৬ ২১:৫২
এইচ-১বি ভিসা জালিয়াতির অভিযোগে বড় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ। ছবি: সংগৃহীত
এইচ-১বি ভিসা জালিয়াতির অভিযোগে বড় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের এইচ-১বি কর্মসংস্থানভিত্তিক ভিসা কর্মসূচিতে জালিয়াতির অভিযোগ তদন্তে বড় পরিসরের অভিযান শুরু করেছে দেশটির শ্রম বিভাগ (Department of Labor)। একই সঙ্গে বিদেশি কর্মী নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট মানব পাচার এবং শ্রমিক শোষণের অভিযোগও তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

মঙ্গলবার (৮ জুলাই) এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ এবং বিভাগের মহাপরিদর্শকের (Inspector General) কার্যালয় জানায়, তদন্তে এইচ-১বি ভিসা কর্মসূচির পাশাপাশি প্রোগ্রাম ইলেকট্রনিক রিভিউ ম্যানেজমেন্ট (PERM) ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে। কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ডের প্রাথমিক ধাপে এই ব্যবস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হয়।

 

বিবৃতিতে বলা হয়, তদন্তে এমন বহু অভিযোগের তথ্য পাওয়া গেছে যেখানে কিছু নিয়োগকর্তা এবং শ্রমিক সরবরাহকারী প্রতিষ্ঠান ভুয়া আবেদন জমা দিয়েছে, বিদেশি কর্মীদের কাছ থেকে জোরপূর্বক বেতনের একটি অংশ ফেরত নিয়েছে এবং কম মজুরির বিদেশি শ্রমিক নিয়োগের মাধ্যমে মার্কিন শ্রমবাজারে অন্যায্য প্রতিযোগিতার পরিবেশ তৈরি করেছে।

 

শ্রম বিভাগের মতে, এই ধরনের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রে শ্রমিক সংকট মোকাবিলার জন্য তৈরি সরকারি কর্মসূচির উদ্দেশ্যকে ব্যাহত করছে এবং অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে মার্কিন কর্মসংস্থানের ক্ষতি করছে।

তদন্তের অংশ হিসেবে শ্রম বিভাগ যুক্তরাষ্ট্রের কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে, যদি কেউ মনে করেন এইচ-১বি বা PERM কর্মসূচির জালিয়াতির কারণে তিনি চাকরি হারিয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে যেন তা কর্তৃপক্ষকে জানান। একই সঙ্গে বিদেশি কর্মীদেরও জোরপূর্বক শ্রম, প্রতারণামূলক নিয়োগ বা অন্য কোনো ধরনের শোষণের শিকার হলে অভিযোগ দায়ের করার আহ্বান জানানো হয়েছে।

 

শ্রম বিভাগের মহাপরিদর্শক অ্যান্থনি ডি'এসপোসিটো ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে কয়েক ডজন সমন জারি করা হয়েছে। তবে চলমান তদন্তের স্বার্থে তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।

ডি'এসপোসিটো বলেন, এই ধরনের জালিয়াতি শুধু অভিবাসন আইন লঙ্ঘনের বিষয় নয়, অনেক ক্ষেত্রে তা সংঘবদ্ধ অপরাধ ও মানব পাচারের সঙ্গেও সম্পর্কিত। তার দাবি, কিছু ক্ষেত্রে বিদেশি শ্রমিক নিয়োগের আড়ালে আন্তর্জাতিক অপরাধচক্রও সক্রিয় রয়েছে।

 

তিনি আরও বলেন, তদন্ত কেবল কারখানা বা সাধারণ শ্রমিক নিয়োগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। স্বাস্থ্যসেবা খাতসহ বিভিন্ন পেশায় কর্মরত ব্যক্তিদের নিয়োগ প্রক্রিয়াও খতিয়ে দেখা হবে।

শ্রম বিভাগ জানিয়েছে, এই তদন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ঘোষিত জালিয়াতি প্রতিরোধ টাস্কফোর্সের কার্যক্রমের অংশ।

 

এইচ-১বি ভিসা হলো যুক্তরাষ্ট্রের একটি অ-অভিবাসী কর্মসংস্থানভিত্তিক ভিসা, যার মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানগুলো বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি কর্মীকে সাধারণত তিন বছরের জন্য নিয়োগ দিতে পারে। প্রয়োজন হলে এই মেয়াদ ছয় বছর পর্যন্ত বাড়ানো যায়। ১৯৯০ সালের ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট-এর আওতায় চালু হওয়া এই কর্মসূচি সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে উঠেছে। সমালোচকদের অভিযোগ, কিছু প্রতিষ্ঠান যোগ্য মার্কিন কর্মীদের পরিবর্তে কম খরচে বিদেশি কর্মী নিয়োগে এই কর্মসূচির অপব্যবহার করে।

 

অন্যদিকে, PERM ব্যবস্থা কর্মসংস্থানভিত্তিক ইবি-২ এবং ইবি-৩ গ্রিন কার্ডের আবেদনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। এর মাধ্যমে শ্রম বিভাগ যাচাই করে সংশ্লিষ্ট পদে যোগ্য, আগ্রহী ও উপলভ্য মার্কিন কর্মী রয়েছে কি না।

পিউ রিসার্চ সেন্টার-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, এইচ-১বি ভিসাধারীদের মধ্যে প্রায় ৭৩ শতাংশই ভারতের নাগরিক। দ্বিতীয় সর্বোচ্চ ১২ শতাংশ ভিসাধারীর জন্ম চীনে।

 

যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ বলেছে, তদন্তে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন লঙ্ঘনের প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার পথ কার্যত বন্ধ: শেষ আশা সুপ্রিম কোর্টের রায়
যুক্তরাষ্ট্রে আশ্রয় প্রার্থনার পথ কার্যত বন্ধ: শেষ আশা সুপ্রিম কোর্টের রায়

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির ফলে যুক্তরাষ্ট্রে আশ্রয় (অ্যাসাইলাম) প্রার্থনার পথ কার্যত বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে নির্যাতন ও বিপদ থেকে বাঁচতে পালিয়ে আসা মানুষের জন্য যে আশ্রয়ের দরজা খোলা ছিল, তা এখন বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এই নিষেধাজ্ঞা ও নীতিগত পরিবর্তন বহাল রাখার একতরফা ক্ষমতা প্রেসিডেন্টের রয়েছে কি না—তা খতিয়ে দেখতে এখন মার্কিন সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছেন অভিবাসন আইনজীবী ও অধিকারকর্মীরা।   গত প্রায় দুই বছরে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয় প্রার্থনা নিষিদ্ধ করেছে এবং বিচারাধীন হাজার হাজার আবেদন বাতিল করেছে। সমালোচকদের মতে, ব্যাপক এই অভিবাসন সংস্কার, গণহারে বরখাস্ত এবং নতুন আইনি কৌশলের কারণে আশ্রয় পাওয়ার সুযোগ প্রায় শেষ হয়ে গেছে। আগামী ডিসেম্বরে মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা প্রশাসনের আরেকটি কৌশল পর্যালোচনা করবেন, যার আওতায় আশ্রয়প্রার্থীদের এমন তৃতীয় দেশে পাঠানো হচ্ছে যারা আবেদন প্রক্রিয়াকরণে সম্মত হয়েছে—যদিও এসব দেশের কয়েকটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এবং সেগুলো আবেদনকারীদের নিজ দেশে ফেরত না পাঠানোর নিশ্চয়তা দিতে পারে না।   অভিবাসন আইনজীবী মাধবী নারায়ণন আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রক্রিয়াগত প্রতিবন্ধকতা তৈরি করে কীভাবে অনাগরিকদের ন্যায্য আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করা যায়, সে বিষয়েই জোর দেওয়া হচ্ছে। তাঁর মতে, অনেক মক্কেলের জন্য সুপ্রিম কোর্টের রায় জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের পদক্ষেপের সমর্থকরা আশা করছেন সর্বোচ্চ আদালত প্রশাসনের অবস্থানেই থাকবেন। প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রক্ষণশীল থিংক ট্যাংক হেরিটেজ ফাউন্ডেশনের সাইমন হ্যাঙ্কিনসন মনে করেন, অধিকাংশ আশ্রয়প্রার্থী ব্যবস্থার অপব্যবহার করছেন এবং যুক্তরাষ্ট্রের আইনে আশ্রয় পাওয়ার যোগ্য নন। তাঁর দাবি, মেক্সিকো হয়ে আসা এসব মানুষের অনেকেই মূলত কাজের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন।   নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর চলতি বছর যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে বর্ডার পেট্রোলের হাতে আটকের সংখ্যা সংস্থাটির ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে এর মধ্যেও সক্রিয় আবেদন থাকা লাখ লাখ মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন এবং সুপ্রিম কোর্ট আবারও আশ্রয়ের দুয়ার খুলে দেবেন—এই আশায় বুক বেঁধে আছেন। সূত্র: এনপিআর। 873 DN

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ৯:৫১
নিউইয়র্ক-লস অ্যাঞ্জেলেসকে পেছনে ফেলে, যুক্তরাষ্ট্রে বসবাসে পছন্দের শীর্ষে মিনিয়াপোলিস

নিউইয়র্ক-লস অ্যাঞ্জেলেসকে পেছনে ফেলে, যুক্তরাষ্ট্রে বসবাসে পছন্দের শীর্ষে মিনিয়াপোলিস

জার্মানিতে শিশু ছাড়া পার্কে প্রবেশ ও বেঞ্চে বসে কাঁদায় এক নারীকে ২৫ ইউরো জরিমানা

জার্মানিতে শিশু ছাড়া পার্কে প্রবেশ ও বেঞ্চে বসে কাঁদায় এক নারীকে ২৫ ইউরো জরিমানা

থ্যাংকসগিভিংয়ের ঝড়ে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

থ্যাংকসগিভিংয়ের ঝড়ে যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎহীন

নিউইয়র্ক সিটির বিভিন্ন পাবলিক স্কুলে ‘স্কুল এইড’ পদে নিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত
নিউইয়র্কের বিভিন্ন পাবলিক স্কুলে চাকরির সুযোগ, স্কুল এইড পদে নিয়োগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বিভিন্ন পাবলিক স্কুলে চাকরির নতুন সুযোগ তৈরি হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য স্কুল এইড (School Aide) পদে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলস কর্তৃপক্ষ। শিশুদের সঙ্গে কাজ করতে আগ্রহীদের জন্য এসব পদে আবেদনের সুযোগ রয়েছে।   নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল জব পোর্টালে ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বেশ কয়েকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন ও ম্যানহাটনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।   যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কুল ডিস্ট্রিক্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: 1. পিএস ১১৫ আলেকজান্ডার হামবোল্ট 2. ব্রঙ্কস কোলাবোরেটিভ হাই স্কুল 3. আইএস ৩৯২ 4. পিএস ১১১ অ্যাডলফ এস. অকস 5. ডিস্ট্রিক্ট ২৭, কুইন্স 6. ডিস্ট্রিক্ট ২০, ব্রুকলিন 7. ডিস্ট্রিক্ট ২৫, কুইন্স 8. বেচেস্টার মিডল স্কুল 9. ব্রঙ্কসউড প্রেপ একাডেমি 10. ডিস্ট্রিক্ট ১২, ব্রঙ্কস 11. পিএস ০৫৮ 12. পিএস ০৮৯ 13. পারফর্মিং আর্টস অ্যান্ড টেকনিক্যাল হাই স্কুল   এ ছাড়া পিএস ১৯৭ দ্য ওশান স্কুলে সুপারভাইজিং স্কুল এইড পদেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।   কী কী দায়িত্ব পালন করতে হয়? স্কুল এইডদের প্রধান দায়িত্ব শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রমে সহযোগিতা করা এবং বিদ্যালয়ের পরিবেশ সুশৃঙ্খল রাখতে সহায়তা করা।   পদভেদে দায়িত্বের মধ্যে রয়েছে: শিক্ষার্থীদের দেখাশোনা করা। শিক্ষকদের দৈনন্দিন কাজে সহযোগিতা করা। দুপুরের খাবারের সময় শিক্ষার্থীদের সহায়তা করা। স্কুলের করিডর, ক্যাফেটেরিয়া ও খেলার মাঠে শিক্ষার্থীদের তত্ত্বাবধান করা। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা।   আবেদনের যোগ্যতা পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শর্ত ভিন্ন হতে পারে। কিছু পদের ক্ষেত্রে হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি প্রয়োজন হতে পারে। শিশুদের সঙ্গে কাজ করার দক্ষতা, যোগাযোগের সক্ষমতা এবং দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ।   নিয়োগের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক ও ফিঙ্গারপ্রিন্টিংয়ের প্রয়োজন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো যাচাই করতে হবে।   বেতন ও কর্মঘণ্টা পদ, কর্মঘণ্টা ও নিয়োগের শর্ত অনুযায়ী বেতন ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বেতন, কর্মঘণ্টা ও অন্যান্য সুযোগ-সুবিধার তথ্য জেনে নিতে পারবেন আবেদনকারীরা।   যেভাবে আবেদন করবেন নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Careers’ বিভাগ থেকে ‘Job Opportunities’ নির্বাচন করতে হবে। এরপর ‘School Aide’ লিখে অনুসন্ধান করলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাওয়া যাবে।   পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি থেকে আবেদনের পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্যতা ও সময়সীমা দেখে আবেদন করতে হবে।   নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। তাই কোনো পদে আবেদন গ্রহণ বন্ধ হয়েছে কি না, তা আবেদনের আগে নিশ্চিত হতে হবে।   সূত্র: নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল জব পোর্টাল   871/এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১:৩৫
ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিজয় ‘হাতের নাগালে’ দাবি করে চুক্তির সুযোগের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানে বিজয় ‘হাতের নাগালে’, তেহরানকে যুদ্ধের অবসানে চুক্তির আহ্বান জানালেন ট্রাম্প

গ্রাহক বিভ্রান্তি ও রিভিউ গোপনের অভিযোগ নিষ্পত্তিতে ১০ কোটি ডলার দেবে ফ্যাশন ব্র্যান্ড শেইন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ১০ কোটি ডলার ফেরত দিতে সম্মত শেইন, জেনে নিন বিস্তারিত

শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ছুটিতে চার শতাধিক ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো যাত্রী। ছবি: সংগৃহীত

থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রের দুই উপকূলে ঝড়, বাতিল ৪০০টির বেশি ফ্লাইট

চিকিৎসক বা নার্স না হয়েও দীর্ঘমেয়াদি ডিগ্রি ছাড়া যুক্তরাষ্ট্রের হেলথকেয়ার খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত
ডাক্তার বা নার্স না হয়েও আমেরিকায় হেলথকেয়ারে দ্রুত ক্যারিয়ার শুরুর ৭টি পথ, জেনে নিন বিস্তারিত

যুক্তরাষ্ট্রে হেলথকেয়ার খাতে ক্যারিয়ার গড়তে চিকিৎসক বা নার্স হওয়াই একমাত্র পথ নয়। হাসপাতাল, ক্লিনিক, জরুরি চিকিৎসাকেন্দ্র ও মেডিকেল অফিসে এমন বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি পদ রয়েছে, যেখানে দীর্ঘমেয়াদি ডিগ্রি ছাড়াই কাজ শুরু করার সুযোগ পাওয়া যায়। কিছু পদের জন্য হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি এবং চাকরির পর প্রশিক্ষণই যথেষ্ট। আবার কিছু পদের জন্য কয়েক মাসের বিশেষ প্রশিক্ষণ কিংবা পেশাগত সনদ প্রয়োজন হয়।   বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে নতুন এসেছেন, ক্যারিয়ার পরিবর্তন করতে চান অথবা তুলনামূলক কম সময়ে চাকরির বাজারে প্রবেশ করতে চান, তাঁদের জন্য এসব পেশা হতে পারে সম্ভাবনাময় বিকল্প।   ১. মেডিকেল রিসেপশনিস্ট বা ফ্রন্ট ডেস্ক হাসপাতাল, ক্লিনিক কিংবা চিকিৎসকের অফিসে রোগীদের অভ্যর্থনা জানানো, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, ফোনকল গ্রহণ এবং রোগীর পরিচয় ও স্বাস্থ্যবিমার কার্ড যাচাই করা তাঁদের প্রধান দায়িত্ব। কিছু প্রতিষ্ঠানে রোগীর কাছ থেকে কো-পে সংগ্রহ এবং রোগীর রেকর্ড হালনাগাদ রাখার কাজও করতে হয়।   সাধারণত হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে এ পেশায় আবেদন করা যায়। ভালো যোগাযোগ দক্ষতা, কম্পিউটার পরিচালনা এবং গ্রাহকসেবার অভিজ্ঞতা বাড়তি সুবিধা দেয়। অনেক ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার পরই প্রশিক্ষণ দেওয়া হয়।   ১. পেশেন্ট অ্যাকসেস বা রেজিস্ট্রেশন রিপ্রেজেন্টেটিভ হাসপাতালে রোগীর নিবন্ধন, ব্যক্তিগত তথ্য সংগ্রহ, স্বাস্থ্যবিমা যাচাই এবং বিলিংয়ের প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা এই পদের কাজ। হাসপাতালের জরুরি বিভাগ, জরুরি চিকিৎসাকেন্দ্র ও অন্যান্য বিভাগে তাঁদের প্রয়োজন হয়।   এটি তুলনামূলকভাবে প্রবেশপর্যায়ের একটি পেশা। তবে প্রতিষ্ঠানভেদে পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ প্রশিক্ষণ চাওয়া হতে পারে। এ ক্ষেত্রে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেলথকেয়ার অ্যাকসেস ম্যানেজমেন্টের (ন্যাহাম) সিএইচএএ সনদ পেশাগত দক্ষতার স্বীকৃতি দিতে পারে।   ১. মেডিকেল বিলিং স্পেশালিস্ট রোগীর চিকিৎসাসেবা শেষে সংশ্লিষ্ট স্বাস্থ্যবিমা কোম্পানির কাছে বিল বা ক্লেইম পাঠানো, পেমেন্টের হিসাব রাখা এবং কোনো ক্লেইম বাতিল বা প্রত্যাখ্যাত হলে তার কারণ খুঁজে প্রয়োজনীয় সংশোধন করা এই পেশার প্রধান কাজ।   এ ক্ষেত্রে আমেরিকান একাডেমি অব প্রফেশনাল কোডারসের (এএপিসি) সিপিবি অথবা ন্যাশনাল হেলথকেয়ার অ্যাসোসিয়েশনের (এনএইচএ) সিবিসিএস সনদ নেওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণের মেয়াদ প্রতিষ্ঠান ও কোর্সের ধরন অনুযায়ী ভিন্ন হয়। উদাহরণ হিসেবে এএপিসির নিজস্ব স্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স গড়ে চার মাস বা তার কম সময়ে শেষ করা যায় বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।   ১. মেডিকেল কোডার চিকিৎসকের নোট, রোগীর চিকিৎসার বিবরণ ও বিভিন্ন পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট মেডিকেল কোড নির্ধারণ করেন মেডিকেল কোডাররা। এ কাজে আইসিডি-১০-সিএম, সিপিটি ও এইচসিপিসিএস কোড ব্যবহার করা হয়। কোডে ভুল থাকলে স্বাস্থ্যবিমার ক্লেইমে সমস্যা তৈরি হতে পারে।   এএপিসির সিপিসি এবং আমেরিকান হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (এএইচআইএমএ) সিসিএ ও সিসিএস পরিচিত পেশাগত সনদ। তবে সিসিএ নতুনদের জন্য উপযোগী হলেও সিসিএস সাধারণত অভিজ্ঞ কোডারদের জন্য বেশি উপযুক্ত। প্রশিক্ষণ ও প্রস্তুতির সময় শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার ওপর নির্ভর করে।   ১. মেডিকেল রেকর্ডস বা হেলথ ইনফরমেশন ক্লার্ক রোগীদের ইলেকট্রনিক হেলথ রেকর্ড সংরক্ষণ, তথ্য হালনাগাদ, প্রয়োজনীয় নথি খুঁজে বের করা এবং অনুমোদিত ব্যক্তির কাছে রেকর্ড সরবরাহ করা এই পদের দায়িত্ব। রোগীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং স্বাস্থ্যতথ্য সুরক্ষাসংক্রান্ত নিয়ম মেনে চলাও গুরুত্বপূর্ণ।   কিছু পদে হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে প্রবেশের সুযোগ রয়েছে। তবে বিশেষায়িত কাজে উচ্চমাধ্যমিক-পরবর্তী সনদ বা অ্যাসোসিয়েট ডিগ্রি প্রয়োজন হতে পারে। এএইচআইএমএর আরএইচআইটি সনদ পেতে সিএএইচআইআইএম-স্বীকৃত হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিগ্রি পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হয়।   ১. হেলথ ইউনিট কো-অর্ডিনেটর হাসপাতালের নির্দিষ্ট ইউনিটে নার্সদের স্টেশনে কাজ করেন হেলথ ইউনিট কো-অর্ডিনেটররা। চিকিৎসকদের নির্দেশনাসংক্রান্ত তথ্য নথিভুক্ত করা, পরীক্ষার সময়সূচি সমন্বয়, ফোনকল গ্রহণ এবং রোগীর কাগজপত্র ব্যবস্থাপনা তাঁদের কাজের অংশ।   হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে এ পেশার জন্য প্রস্তুতি নেওয়া যায়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেলথ ইউনিট কো-অর্ডিনেটরসের (নাহুক) সিএইচইউসি সনদও রয়েছে। তবে পরীক্ষায় অংশ নিতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ অথবা একই ধরনের দায়িত্ব পালনের যোগ্যতা প্রয়োজন।   ১. স্টেরাইল প্রসেসিং টেকনিশিয়ান অস্ত্রোপচারে ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার, জীবাণুমুক্ত, পরীক্ষা ও প্যাকেজিং করার দায়িত্ব পালন করেন এই টেকনিশিয়ানরা। হাসপাতাল ও সার্জারি সেন্টারে রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।   এ ক্ষেত্রে হেলথকেয়ার স্টেরাইল প্রসেসিং অ্যাসোসিয়েশনের (এইচএসপিএ) সিআরসিএসটি এবং সিবিএসপিডির সিএসপিডিটি সনদ পরিচিত। বিশেষ করে সিআরসিএসটি পেতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ৪০০ ঘণ্টার হাতে-কলমে কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। পরীক্ষা দেওয়ার আগে অথবা উত্তীর্ণ হওয়ার পর ছয় মাসের মধ্যে এই অভিজ্ঞতা সম্পন্ন করা যায়।   ক্যারিয়ারে সামনে এগোনোর সুযোগ এসব পেশায় অভিজ্ঞতা অর্জনের পর দায়িত্ব ও দক্ষতা অনুযায়ী উচ্চতর পদে যাওয়ার সুযোগ রয়েছে। ফ্রন্ট ডেস্ক থেকে অফিস ব্যবস্থাপনা, পেশেন্ট অ্যাকসেস থেকে হাসপাতাল প্রশাসন, মেডিকেল বিলিং থেকে রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট এবং মেডিকেল কোডিং থেকে অডিটিং ও কমপ্লায়েন্সের মতো ক্ষেত্রে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।   একইভাবে মেডিকেল রেকর্ডস থেকে আরএইচআইটি সনদ অর্জনের মাধ্যমে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্টে এগোনো যায়। স্টেরাইল প্রসেসিং থেকে সার্জিক্যাল টেকনোলজি কিংবা নার্সিংয়ে যেতে চাইলে অবশ্য আলাদা শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও লাইসেন্সের প্রয়োজন হবে।   শুরু করার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হেলথকেয়ারে প্রবেশের জন্য সবাইকে নার্সিং বা মেডিকেল স্কুলে পড়তে হয় না। নন-ক্লিনিক্যাল ও সহায়ক পেশাগুলোও ক্যারিয়ার শুরুর বাস্তব সুযোগ তৈরি করতে পারে। তবে সব পদে একই যোগ্যতা বা প্রশিক্ষণ প্রয়োজন হয় না। কোনো কোনো পদে পেশাগত সনদ ঐচ্ছিক, আবার কোনো নিয়োগদাতা সেটিকে অগ্রাধিকার দিতে পারেন।   কোর্সে ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিয়ম, নিয়োগদাতার যোগ্যতা, সনদের শর্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি যাচাই করা জরুরি। শুধু দ্রুত সনদ পাওয়ার প্রতিশ্রুতি দেখে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত নয়। প্রশিক্ষণের খরচ, পরীক্ষার ফি এবং চাকরির বাস্তব সুযোগ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।   সূত্র: যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো   871/এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১:৭
ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের মিশন হিলস এলাকার রাস্তায় লোমহীন এই অসুস্থ প্রাণীটিকে হাঁটতে দেখা যায়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় লোমহীন রহস্যময় প্রাণীর দেখা, কৌতূহল ও উদ্বেগে স্থানীয়রা

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলারের মতে, গাড়ির সিটের জটিলতাই যুক্তরাষ্ট্রে জন্মহার কমার অন্যতম কারণ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে জন্মহার কমার পেছনে গাড়ির সিটকে দায়ী করে কেটি মিলারের অদ্ভুত ব্যাখ্যা

রিয়েলটর ডটকমের ২০২৬ সালের প্রতিবেদনে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা মার্কিন অঙ্গরাজ্য হিসেবে শীর্ষে উঠেছে ইন্ডিয়ানা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২০২৬ সালে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা ৫ মার্কিন অঙ্গরাজ্যের নতুন তালিকা প্রকাশ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...