সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

আমেরিকার রাস্তায় ঘুরছে ইসরায়েলি ‘স্পাই ভ্যান’, নজরদারিতে থাকতে পারে আপনার ফোন

বিশেষ প্রতিবেদন প্রকাশ: জুলাই ১৭, ২০২৬ ২৩:২
ফ্যালকোনেট প্রযুক্তিসংবলিত নজরদারি গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন বিতর্ক। ছবি: সংগৃহীত
ফ্যালকোনেট প্রযুক্তিসংবলিত নজরদারি গাড়ি নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন বিতর্ক। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পৌঁছেছে ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান কগনাইট তৈরি অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা ‘ফ্যালকোনেট’। শেভ্রোলেট তাহো এসইউভিতে স্থাপিত এই প্রযুক্তি ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। বিশেষজ্ঞদের একাংশের আশঙ্কা, এটি অপরাধ তদন্তে সহায়ক হলেও নিরপরাধ মানুষের ব্যক্তিগত গোপনীয়তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

 

ফোর্বসের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, ফ্যালকোনেট মূলত একটি ‘সেল-সাইট সিমুলেটর’। এটি নিজেকে মোবাইল ফোনের একটি বৈধ সেল টাওয়ার হিসেবে পরিচয় দেয়। এর আওতায় থাকা মোবাইল ফোনগুলো সাময়িকভাবে এই কৃত্রিম টাওয়ারের সঙ্গে সংযুক্ত হতে পারে। এর মাধ্যমে তদন্তকারীরা নির্দিষ্ট ডিভাইসের অবস্থান শনাক্তসহ বিভিন্ন প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করতে পারেন। প্রযুক্তিটি বহু বছর ধরে ব্যবহৃত ‘স্টিংরে’ সিস্টেমের উন্নত সংস্করণ হিসেবে বিবেচিত হচ্ছে। 

 

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি প্রায় ৪৫ লাখ ডলার ব্যয়ে চারটি ফ্যালকোনেট-সজ্জিত শেভ্রোলেট তাহো সংগ্রহ করেছে। একই প্রযুক্তি ইতোমধ্যে নিউইয়র্ক স্টেট পুলিশ, ফ্লোরিডা ডিপার্টমেন্ট অব ল’ এনফোর্সমেন্ট এবং নিউ মেক্সিকোর অ্যালবুকার্ক পুলিশও কিনেছে। ফলে এটি ভবিষ্যতের কোনো পরিকল্পনা নয়; প্রযুক্তিটি ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন আইনশৃঙ্খলা সংস্থার ব্যবহারে এসেছে। 

 

কগনাইটের তথ্য অনুযায়ী, এই প্রযুক্তি শুধু গাড়িতেই নয়, ব্যাকপ্যাক বা হেলিকপ্টারেও বহন করা যায়। প্রতিষ্ঠানটির দাবি, মাত্র কয়েক মিনিটে এটি চালু করা সম্ভব এবং এক মিনিটে হাজারো মোবাইল ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। 

 

তবে প্রযুক্তিটি ঘিরে উদ্বেগও কম নয়। নাগরিক স্বাধীনতা নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন বলছে, এ ধরনের সিস্টেম শুধু সন্দেহভাজন ব্যক্তির নয়, আশপাশে থাকা নিরপরাধ মানুষের মোবাইল ফোন থেকেও তথ্য সংগ্রহ করতে পারে। এতে ব্যক্তিগত গোপনীয়তা ও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। 

 

সম্প্রতি ওহাইওর এক বিচারক এমন একটি আবেদন প্রত্যাখ্যান করেন, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী একটি নির্দিষ্ট এলাকায় হাজারো মানুষের মোবাইল ফোনের তথ্য সংগ্রহের অনুমতি চেয়েছিল। বিচারকের পর্যবেক্ষণ ছিল, এমন অনুমতি দিলে নিরপরাধ নাগরিকদের চলাফেরাও নির্বিচারে নজরদারির আওতায় চলে আসতে পারে। 

 

অন্যদিকে, নিউইয়র্ক স্টেট পুলিশের একজন মুখপাত্র ফোর্বসকে জানিয়েছেন, অপহরণ বা জীবনহানির মতো জরুরি পরিস্থিতিতে আদালতের পরোয়ানা ছাড়াও এই প্রযুক্তি ব্যবহার করা হতে পারে। তবে সাধারণ ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়েই এটি ব্যবহারের কথা বলা হয়েছে। 

 

কগনাইটের অতীত কার্যক্রম নিয়েও বিতর্ক রয়েছে। ২০২৪ সালে ব্রাজিলে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নজরদারিতে তাদের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ ওঠে। এর আগে মেটাও অভিযোগ করেছিল, সাংবাদিক ও রাজনীতিবিদদের সম্পর্কে তথ্য সংগ্রহে কগনাইট-সংশ্লিষ্ট নেটওয়ার্ক শতাধিক ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট পরিচালনা করেছিল। কোম্পানিটির পূর্বসূরি প্রতিষ্ঠান ভেরিন্টের বিরুদ্ধেও মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিতর্কিত কয়েকটি দেশে নজরদারি প্রযুক্তি বিক্রির অভিযোগ রয়েছে। 

 

বর্তমানে কগনাইট বিশ্বের ১০০টিরও বেশি দেশের সরকারি সংস্থার সঙ্গে কাজ করার দাবি করে। প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রেও তাদের নজরদারি ও তথ্য বিশ্লেষণ প্রযুক্তির বাজার সম্প্রসারণ করছে। 

 

বিশেষজ্ঞদের মতে, আধুনিক অপরাধ তদন্ত ও জাতীয় নিরাপত্তায় উন্নত প্রযুক্তির প্রয়োজনীয়তা থাকলেও, এর ব্যবহার যেন আইনের সীমার মধ্যে থাকে এবং নিরপরাধ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা অযথা ক্ষুণ্ন না হয়, সেটিই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রে ‘স্পাই ভ্যান’ ঘিরে শুরু হওয়া বিতর্ক মূলত সেই প্রশ্নকেই সামনে এনে দিয়েছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
গ্রাহক বিভ্রান্তি ও রিভিউ গোপনের অভিযোগ নিষ্পত্তিতে ১০ কোটি ডলার দেবে ফ্যাশন ব্র্যান্ড শেইন। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ১০ কোটি ডলার ফেরত দিতে সম্মত শেইন, জেনে নিন বিস্তারিত

যুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করা, পণ্য সরবরাহে প্রতিশ্রুতি ভঙ্গ এবং নেতিবাচক রিভিউ গোপনের অভিযোগ নিষ্পত্তিতে ১০ কোটি ডলার দিতে সম্মত হয়েছে জনপ্রিয় অনলাইন ফ্যাশন প্রতিষ্ঠান শেইন (SHEIN)। এই অর্থ প্রতিষ্ঠানটির কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতিপূরণ দিতে ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি)।   গত ২৪ নভেম্বর এফটিসি ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে মামলা ও প্রস্তাবিত সমঝোতার নথি দাখিল করে। পরদিন বুধবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স ১৩ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।   এফটিসির অভিযোগ, দ্রুত পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করলেও শেইন অনেক ক্ষেত্রে তা রক্ষা করেনি। হাজার হাজার গ্রাহক নির্ধারিত সময়ের কয়েক দিন, সপ্তাহ কিংবা মাস পর পণ্য হাতে পেয়েছেন। এমনকি অনেকে অর্ডার করা পণ্য পাননি। এসব সমস্যার সমাধানে গ্রাহকদের পর্যাপ্ত সহযোগিতাও দেওয়া হয়নি।   আদালতের নথি অনুযায়ী, প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রায় ১০ লাখ প্যাকেজ পাঠায় শেইন। অথচ ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন গ্রাহকদের ফোনে সেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটিতে মাত্র পাঁচজন কর্মী ছিলেন। গ্রাহকদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁদের ফোন নম্বরও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।   পণ্যের রিভিউ নিয়েও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এফটিসি জানিয়েছে, শেইন ইতিবাচক রিভিউ প্রকাশ করলেও পণ্যের মান নিয়ে গ্রাহকদের নেতিবাচক মন্তব্য গোপন বা মুছে ফেলত।   এ ছাড়া তুলার উৎপত্তিস্থল এবং সরবরাহকারীদের শ্রমমান নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে উৎপাদিত বলে দাবি করা কিছু তুলা প্রকৃতপক্ষে চীন থেকে এসেছে বলে জানিয়েছে এফটিসি। কিছু পণ্যে ব্যবহৃত তুলার উৎসও শনাক্ত করা যায়নি।   প্রস্তাবিত সমঝোতার শর্ত অনুযায়ী, পণ্য সরবরাহের সময় নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেওয়া, নেতিবাচক রিভিউ গোপন এবং সরবরাহকারীদের সম্পর্কে ভিত্তিহীন দাবি করা থেকে বিরত থাকতে হবে শেইনকে। পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নত করতে হবে।   তবে শেইনের একজন মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, এই সমঝোতার অর্থ অভিযোগের দায় স্বীকার করা নয়। এফটিসির কিছু অভিযোগের সঙ্গে প্রতিষ্ঠানটি একমত নয়। তা সত্ত্বেও গ্রাহকসেবা ও আইন মেনে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে আরও উন্নতি করতে সম্মত হয়েছে প্রতিষ্ঠানটি।   চীনে প্রতিষ্ঠিত ও বর্তমানে সিঙ্গাপুরভিত্তিক শেইন যুক্তরাষ্ট্রের ফাস্ট ফ্যাশন বাজারের প্রায় অর্ধেক দখল করে আছে। কম দামে পোশাক ও ফ্যাশনসামগ্রী বিক্রির কারণে মার্কিন গ্রাহকদের কাছে প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়।   প্রস্তাবিত সমঝোতা কার্যকর হতে ফেডারেল বিচারকের অনুমোদন প্রয়োজন। ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা কবে এবং কীভাবে ক্ষতিপূরণ পাবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।   সূত্র: ফক্স ১৩   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ০:৪৩
শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ছুটিতে চার শতাধিক ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো যাত্রী। ছবি: সংগৃহীত

থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রের দুই উপকূলে ঝড়, বাতিল ৪০০টির বেশি ফ্লাইট

চিকিৎসক বা নার্স না হয়েও দীর্ঘমেয়াদি ডিগ্রি ছাড়া যুক্তরাষ্ট্রের হেলথকেয়ার খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত

ডাক্তার বা নার্স না হয়েও আমেরিকায় হেলথকেয়ারে দ্রুত ক্যারিয়ার শুরুর ৭টি পথ, জেনে নিন বিস্তারিত

ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের মিশন হিলস এলাকার রাস্তায় লোমহীন এই অসুস্থ প্রাণীটিকে হাঁটতে দেখা যায়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় লোমহীন রহস্যময় প্রাণীর দেখা, কৌতূহল ও উদ্বেগে স্থানীয়রা

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলারের মতে, গাড়ির সিটের জটিলতাই যুক্তরাষ্ট্রে জন্মহার কমার অন্যতম কারণ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রে জন্মহার কমার পেছনে গাড়ির সিটকে দায়ী করে কেটি মিলারের অদ্ভুত ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার পেছনে গাড়িতে শিশুদের নিরাপত্তার জন্য ব্যবহৃত বিশেষ আসন বা কার সিটের বাড়তি ঝামেলাকেও দায়ী করেছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলার। তাঁর দাবি, গাড়িতে একাধিক শিশুর জন্য নিরাপত্তা আসন বসানো, জায়গার সংকট এবং ভ্রমণের সময় এসব আসন ব্যবস্থাপনার জটিলতা মাতৃত্বকে কঠিন করে তুলছে। এ কারণে অনেক পরিবার বেশি সন্তান নেওয়ার সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে। তবে তাঁর এই বক্তব্যের পক্ষে কোনো গবেষণাভিত্তিক পরিসংখ্যান উপস্থাপন করা হয়নি।   বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কেটি মিলার লেখেন, জন্মহার কমানোর সবচেয়ে দ্রুত উপায় হলো গাড়িতে আরও বেশি শিশু নিরাপত্তা আসন বাধ্যতামূলক করা। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে আগামী বছরের জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া নতুন আইন নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তাঁর ভাষ্য, গাড়ির আসনের প্রস্থ, সিট বেল্টের সংযোগব্যবস্থা এবং ভ্রমণের সময় শিশুদের আসন ব্যবস্থাপনা মায়েদের জন্য বাড়তি জটিলতা তৈরি করে। সন্তান নেওয়ার সংখ্যা নির্ধারণেও এসব বিষয় ভূমিকা রাখছে বলে মনে করেন তিনি।   ক্যালিফোর্নিয়ার নতুন আইন অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে আট থেকে ১৬ বছর বয়সী শিশুদের সাধারণ সিট বেল্ট ব্যবহারের ক্ষেত্রে পাঁচ ধাপের একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় শিশুকে গাড়ির আসনে পিঠ সোজা করে বসতে হবে, হাঁটু আসনের কিনারা পর্যন্ত ভাঁজ করতে হবে এবং কাঁধের বেল্ট বুকের মাঝ বরাবর সঠিকভাবে বসতে হবে। একই সঙ্গে কোমরের বেল্ট উরুর ওপর নিচু অবস্থানে থাকতে হবে এবং পুরো যাত্রায় এভাবে বসে থাকার সক্ষমতা থাকতে হবে। এসব শর্ত পূরণ না হলে উপযুক্ত শিশু নিরাপত্তা আসন বা বুস্টার সিট ব্যবহার করতে হবে। তবে আইনটির উদ্দেশ্য শিশুদের সড়ক নিরাপত্তা নিশ্চিত করা।   কেটি মিলার নিজেও চার সন্তানের মা। তিনি দীর্ঘদিন ধরে নারীদের, বিশেষ করে রক্ষণশীল রাজনৈতিক মতাদর্শের নারীদের, তুলনামূলক কম বয়সে বিয়ে ও সন্তান নেওয়ার বিষয়ে উৎসাহ দিয়ে আসছেন। গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আরেক পোস্টে তিনি মন্তব্য করেছিলেন, অনেক নারী কর্মজীবনে প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ছুটতে গিয়ে সন্তান নেওয়ার উপযুক্ত সময় পার করে ফেলছেন। তাঁর মতে, সমাজে বেশি শিশুর উপস্থিতি বাড়লে অন্য পরিবারও সন্তান নিতে উৎসাহিত হবে।   যুক্তরাষ্ট্রে জন্মহার কমার বিষয়টি অবশ্য কয়েক বছর ধরেই আলোচনায় রয়েছে। দেশটির রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) চূড়ান্ত পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ৩৬ লাখ ১২ হাজার ১২টি শিশুর জন্ম হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় ১ শতাংশেরও কম। অন্যদিকে, এনপিআরের জনসংখ্যাবিষয়ক প্রতিবেদক ব্রায়ান মান পিবিএস নিউজআওয়ারকে জানিয়েছেন, সন্তান নেওয়ার সিদ্ধান্তে বাড়ির উচ্চমূল্য, আবাসন ব্যয়, শিশু পরিচর্যার ক্রমবর্ধমান খরচ এবং সামাজিক পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে।   বিশেষজ্ঞদের মতে, বর্তমানে অনেক নারী উচ্চশিক্ষা গ্রহণ, কর্মজীবন গড়ে তোলা এবং আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ফলে মাতৃত্বের বয়সও আগের তুলনায় বাড়ছে। কেটি মিলার গাড়ির শিশু নিরাপত্তা আসনকে জন্মহার কমার একটি কারণ হিসেবে দেখলেও যুক্তরাষ্ট্রের জন্মহারের সামগ্রিক প্রবণতা ব্যাখ্যা করতে আবাসন, অর্থনীতি, শিশু পরিচর্যার ব্যয় ও সামাজিক পরিবর্তনের মতো বিষয়গুলোও বিবেচনায় নেওয়া প্রয়োজন।   সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ২১:৫০
রিয়েলটর ডটকমের ২০২৬ সালের প্রতিবেদনে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা মার্কিন অঙ্গরাজ্য হিসেবে শীর্ষে উঠেছে ইন্ডিয়ানা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২০২৬ সালে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা ৫ মার্কিন অঙ্গরাজ্যের নতুন তালিকা প্রকাশ

সন্তানের ভরণপোষণের বকেয়া ১০ হাজার ডলার ছাড়ালেই মার্কিন নাগরিকদের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সন্তানের ভরণপোষণের ১০ হাজার ডলার বকেয়া থাকলে বাতিল হবে মার্কিন পাসপোর্ট

কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি নিয়ে পলালেন অন্তঃসত্ত্বা মার্কিন নারী

কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি নিয়ে পলালেন অন্তঃসত্ত্বা মার্কিন নারী

মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী
মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী

নিউইয়র্কের ব্রুকলিনের মিডউড এলাকায় অবস্থিত কোশার রেস্তোরাঁ ‘এসেন এনওয়াই ডেলি’র সামনে বিক্ষোভ ও পাল্টা বিক্ষোভের ঘটনার পর এনওয়াইপিডি’র স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ বা এসআরজি’র প্রশংসা করেছেন রেস্তোরাঁটির মালিক ৩৫ বছর বয়সী মাইকেল জ্যাকোবোভিটজ।   মেয়র জোহরান মামদানি এই বিশেষ ইউনিট বিলুপ্ত করার পরিকল্পনা করলেও বুধবার রাতে অস্থিরতা নিয়ন্ত্রণে এসআরজি সদস্যদের হস্তক্ষেপ না থাকলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারত বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এসআরজি সদস্যরা কোনো সামাজিক বৈষম্য বা বাছবিচার না করে সবাইকে সুরক্ষা দিতে কাজ করেন এবং দুষ্কৃতকারীদের হাত থেকে মানুষকে বাঁচাতে তাদের উপস্থিতি জরুরি।   রেস্তোরাঁটিকে লক্ষ্যবস্তু বানানোর ঘটনায় বিক্ষোভকারীদের তীব্র সমালোচনা করে জ্যাকোবোভিটজ বলেন, একটি স্থানীয় খাবারের দোকানকে এভাবে নিশানা বানানোর কোনো যৌক্তিকতা নেই। এর পেছনে ইহুদিবিদ্বেষের ছোঁয়া রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি।   ব্রুকলিনকে আমেরিকার ইহুদি জনগোষ্ঠীর কেন্দ্রস্থল উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, কী কারণে সেখানে গিয়ে অস্থিরতা তৈরি করা হচ্ছে। তার ভাষায়, যাদের জীবনে করার মতো আর কিছু নেই, তারাই নতুন করে বিশৃঙ্খলা ও প্রতিবাদের জায়গা খোঁজে—তাদের বরং একটি কাজ খুঁজে নেওয়া ও নিজেদের জীবন গোছানো উচিত। স্থানীয় ক্রেতা ৩২ বছর বয়সী জেফ লেবোও বিক্ষোভকারীদের এই পদক্ষেপকে অযৌক্তিক ও হয়রানিমূলক বলে মন্তব্য করেছেন।   এই সংঘাতের সূত্রপাত হয়েছিল ইসরায়েলি ব্রোকারেজ প্রতিষ্ঠান ক্যাপিটআইএল-এর একটি ব্যক্তিগত আয়োজনকে কেন্দ্র করে। বিক্ষোভ আয়োজক সংগঠন ‘প্যালেস্টাইন রাইট টু রিটার্ন কোয়ালিশন অব নিউইয়র্ক অ্যান্ড নিউ জার্সি’ বা পাল-আওদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করে, একটি জায়নবাদী রিয়েল এস্টেট সংস্থা দখলকৃত পশ্চিম তীরের বসতিতে জমি বিক্রির আয়োজন করেছে।   তবে ক্যাপিটআইএল এই অভিযোগ অস্বীকার করে জানায়, পশ্চিম তীরের কোনো জমি নয়, বরং জেরুজালেম, নেতানিয়া ও হার্জলিয়ার সম্পত্তি নিয়ে তথ্য দিতেই ওই আয়োজন করা হয়েছিল। জ্যাকোবোভিটজের ভাষ্য অনুযায়ী, কয়েক সপ্তাহ আগে বুক করা প্রায় ৪০ জনের ওই ব্যক্তিগত নৈশভোজের বিষয়ে সোমবার থেকেই তিনি বিক্ষোভের সতর্কবার্তা পেতে শুরু করেন এবং আয়োজকের সঙ্গে কথা বলে জানতে পারেন এটি কেবল একটি রিয়েল এস্টেট উপস্থাপনা ছিল।   অন্যদিকে, বিক্ষোভ দমনে এসআরজি’র ব্যবহার এবং মেয়র মামদানির অবস্থানের সমালোচনা করেছে পাল-আওদা। এক বিবৃতিতে সংগঠনটি অভিযোগ করে, মেয়রের এসআরজি বিলুপ্তির ঘোষণার পরপরই এই ইউনিটের সদস্যদের কঠোর আচরণ দেখা গেছে এবং বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে।   সিটি হলের তথ্য অনুযায়ী, এসআরজি’র স্থলে বেসামরিক নেতৃত্বাধীন কমিউনিটি ডায়ালগ অ্যান্ড ডি-এস্কেলেশন ডিভিশন এবং ৩০ সদস্যের ফার্স্ট অ্যামেন্ডমেন্ট সাপোর্ট টিম গঠনের পাশাপাশি পেট্রোল সার্ভিসেস ব্যুরোর অধীনে ভিড় নিয়ন্ত্রণে প্রশিক্ষিত নতুন পেট্রোল সাপোর্ট ডিভিশন চালু করা হবে। এনওয়াইপিডি’র এক মুখপাত্র জানিয়েছেন, বুধবার রাতের মতো একই পরিস্থিতিতে ভবিষ্যতে পেট্রোল সাপোর্ট ডিভিশন একইভাবে সাড়া দেবে।

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১৮:৩৮
মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প

মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম

যুক্তরাষ্ট্র ছাড়ুন, নয়তো চাকরি ছাড়ুন: আইবিএম কর্মীদের তিন সপ্তাহের আলটিমেটাম

সাবেক বৌদ্ধ ভিক্ষু তাবি থিয়ানথং

একসময় ছিলেন বৌদ্ধ ভিক্ষু, এবার নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর হলেন তাবি

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...