সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নিউইয়র্ক আর একমাত্র গন্তব্য নয়, বাংলাদেশিদের নতুন পছন্দের ১০ অঙ্গরাজ্য

নুরুল্লাহ সাইদ প্রকাশ: জুলাই ১৮, ২০২৬ ১০:২৪
ছবি: স্বপ্নের আমেরিকা এখন শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ নয়
ছবি: স্বপ্নের আমেরিকা এখন শুধু নিউইয়র্কেই সীমাবদ্ধ নয়

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সবচেয়ে বড় আবাস এখনো নিউইয়র্ক। তবে গত কয়েক বছরে বাড়িভাড়া, বাড়ির মূল্য, সম্পত্তি কর, গাড়ির বীমা, ডে-কেয়ার, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এবং সামগ্রিক জীবনযাত্রার ব্যয় দ্রুত বেড়ে যাওয়ায় অনেক বাংলাদেশি পরিবার নিউইয়র্ক ছেড়ে অন্য অঙ্গরাজ্যে স্থায়ীভাবে বসবাস শুরু করছেন। বিশেষ করে যারা প্রথম বাড়ি কিনতে চান, সন্তানদের ভালো স্কুলে পড়াতে চান কিংবা অবসরের পর তুলনামূলক শান্ত ও সাশ্রয়ী জীবন কাটাতে চান, তাদের মধ্যে এই প্রবণতা স্পষ্ট।

 

যুক্তরাষ্ট্রের জনশুমারি ব্যুরো, আবাসন বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান এবং বিভিন্ন রিয়েল এস্টেট সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, নিউইয়র্কের তুলনায় দক্ষিণ ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বাড়ির দাম উল্লেখযোগ্যভাবে কম। একই সঙ্গে এসব এলাকায় কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, মুসলিম কমিউনিটি এবং বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানও দ্রুত সম্প্রসারিত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বসতির মানচিত্রে বড় পরিবর্তন দেখা যাচ্ছে।

 

আমেরিকা বাংলার বিশ্লেষণে আবাসন ব্যয়, মধ্যম পারিবারিক আয়, চাকরির সুযোগ, বাংলাদেশি কমিউনিটি, মসজিদ, ইসলামিক স্কুল, হালাল ব্যবসা, সন্তানের শিক্ষার পরিবেশ এবং নিউইয়র্কের সঙ্গে যোগাযোগের সুবিধা বিবেচনা করে বাংলাদেশি পরিবারের জন্য সবচেয়ে উপযোগী ১০টি অঙ্গরাজ্যের চিত্র তুলে ধরা হলো।

 

জর্জিয়া: দক্ষিণের নিউইয়র্ক

বাংলাদেশি পরিবারের কাছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় গন্তব্যগুলোর একটি জর্জিয়া। আটলান্টা মেট্রো এলাকার ডুলুথ, লিলবার্ন, ডোরাভিল, চ্যাম্বলি, টাকার, নরক্রস, আলফারেটা, কামিং ও ডিকেটর গত এক দশকে বাংলাদেশি কমিউনিটি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

 

অঙ্গরাজ্যটিতে মধ্যম পারিবারিক আয় প্রায় ৮০ হাজার ডলার এবং একটি বাড়ির মধ্যম মূল্য প্রায় ৩৯০ থেকে ৪১০ হাজার ডলারের মধ্যে। নিউইয়র্কে যে দামে একটি ছোট কনডো কেনা যায় না, সেই অর্থে জর্জিয়ায় অনেক ক্ষেত্রে চার বা পাঁচ বেডরুমের বাড়ি কেনা সম্ভব।

 

বাংলাদেশি ব্যবসার ক্ষেত্রেও জর্জিয়া এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। আটলান্টা মেট্রো এলাকায় অসংখ্য বাংলাদেশি গ্রোসারি, হালাল সুপারমার্কেট, মাছ-মাংসের দোকান, রেস্টুরেন্ট, ট্রাভেল এজেন্সি, চিকিৎসক, আইনজীবী এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। অনেক বাংলাদেশি মার্কেট সপ্তাহের সাত দিন গভীর রাত পর্যন্ত খোলা থাকে, এমনকি কিছু এলাকায় ২৪ ঘণ্টা সেবাও দেওয়া হয়।

 

ধর্মীয় পরিবেশও সমৃদ্ধ। আটলান্টা অঞ্চলে ডজনখানেক বড় মসজিদ, ইসলামিক সেন্টার, ফুল-টাইম ইসলামিক স্কুল, হিফজ প্রোগ্রাম এবং সানডে মাদ্রাসা রয়েছে। ঈদ জামাত, রমজানের ইফতার, ইসলামিক কনফারেন্স এবং বাংলাদেশি কমিউনিটির সামাজিক অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হয়।

 

এ কারণেই অনেক বাংলাদেশি এখন আটলান্টাকে অনানুষ্ঠানিকভাবে “দক্ষিণের নিউইয়র্ক” বলে উল্লেখ করেন।

 

ফ্লোরিডা: বাংলাদেশের আবহাওয়ার কাছাকাছি, অবসরজীবনের নতুন গন্তব্য

নিউইয়র্ক থেকে স্থানান্তরিত হওয়া বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় গন্তব্য এখন ফ্লোরিডা। ট্যাম্পা, অরল্যান্ডো, কিসিমি, জ্যাকসনভিল ও মায়ামিতে বাংলাদেশি কমিউনিটি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

 

ফ্লোরিডায় ব্যক্তিগত আয়ের ওপর কোনো অঙ্গরাজ্য কর নেই। মধ্যম পারিবারিক আয় প্রায় ৭৫ হাজার ডলার এবং একটি বাড়ির মধ্যম মূল্য প্রায় ৪২০ হাজার ডলার ।

 

বাংলাদেশি পরিবারের কাছে ফ্লোরিডার সবচেয়ে বড় আকর্ষণ এর আবহাওয়া। বছরের অধিকাংশ সময় উষ্ণ ও আর্দ্র জলবায়ু বিরাজ করায় অনেকেই এটিকে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে তুলনা করেন। এখানকার প্রকৃতি, সবুজ পরিবেশ এবং দীর্ঘ গ্রীষ্মকাল নতুন অভিবাসীদের সহজে মানিয়ে নিতে সাহায্য করে।

 

ফ্লোরিডায় আম, কাঁঠাল, কলা, পেঁপে, পেয়ারা, নারিকেল, লিচুসহ বিভিন্ন উষ্ণমণ্ডলীয় ফলের চাষ হয় এবং স্থানীয় বাজারে সহজেই পাওয়া যায় এমনকি অনেক বাংলাদেশি পরিবারের ব্যাকয়ার্ডে এসব ফলমূলের বাগান রয়েছে। যারা এই অঙ্গরাজ্যে থাকেন তারা মনে করেন, খাবার ও আবহাওয়ার দিক থেকে ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের অন্য অনেক অঙ্গরাজ্যের তুলনায় বাংলাদেশের কাছাকাছি অনুভূতি দেয়।

 

অবসরপ্রাপ্তদের কাছেও ফ্লোরিডা অত্যন্ত জনপ্রিয়। রাজ্য আয়কর না থাকা, উষ্ণ আবহাওয়া এবং উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে অনেক বাংলাদেশি সিনিয়র নাগরিক অবসরের পর এখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা করছেন।

 

ট্যাম্পা, অরল্যান্ডো ও জ্যাকসনভিলে বর্তমানে একাধিক মসজিদ, ইসলামিক সেন্টার, ফুল-টাইম ইসলামিক স্কুল, উইকএন্ড মাদ্রাসা, হালাল মার্কেট এবং বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।

 

টেক্সাস: চাকরি ও কর সুবিধার বড় কেন্দ্র

ডালাস, হিউস্টন, প্লানো, আরভিং, অস্টিন ও সুগার ল্যান্ডে বাংলাদেশি কমিউনিটি দ্রুত সম্প্রসারিত হচ্ছে।

 

মধ্যম পারিবারিক আয় প্রায় ৮০ হাজার ডলার। একটি বাড়ির মধ্যম মূল্য প্রায় ৩৪০ থেকে ৩৬০ হাজার ডলার। ব্যক্তিগত আয়ের ওপর কোনো অঙ্গরাজ্য কর না থাকায় অনেক পরিবার টেক্সাসকে দীর্ঘমেয়াদি বসবাসের জন্য বেছে নিচ্ছেন।

 

প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, নির্মাণ এবং ব্যবসায়িক খাতে প্রচুর কর্মসংস্থান রয়েছে। পাশাপাশি ইসলামিক সেন্টার, ইসলামিক একাডেমি, মসজিদ, হালাল সুপারমার্কেট এবং বাংলাদেশি ব্যবসা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

 

নিউ জার্সি: নিউইয়র্কের সবচেয়ে কাছের বিকল্প

যারা নিউইয়র্কে চাকরি বা ব্যবসা বজায় রাখতে চান কিন্তু বসবাসের জন্য তুলনামূলক স্বস্তিদায়ক পরিবেশ খুঁজছেন, তাদের জন্য নিউ জার্সি অন্যতম সেরা বিকল্প।

 

জার্সি সিটি, প্যাটারসন, এডিসন, উডব্রিজ ও নর্থ ব্রান্সউইকে শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি রয়েছে। প্রতিদিন হাজারো মানুষ নিউইয়র্কে যাতায়াত করেন। অসংখ্য মসজিদ, ইসলামিক স্কুল, বাংলাদেশি গ্রোসারি, রেস্টুরেন্ট এবং কমিউনিটি সংগঠনের কারণে নতুন অভিবাসীদের জন্য এখানকার পরিবেশ বেশ পরিচিত।

 

মেরিল্যান্ড: নিউইয়র্কের কাছাকাছি, চাকরির বড় বাজার

বাল্টিমোর, সিলভার স্প্রিং, এলিকট সিটি ও ডিসি মেট্রো এলাকায় বাংলাদেশি কমিউনিটি দ্রুত বাড়ছে।

 

মধ্যম পারিবারিক আয় এক লাখ ডলারের বেশি, যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চগুলোর মধ্যে অন্যতম। স্বাস্থ্যসেবা, বায়োটেক, শিক্ষা, সরকারি সংস্থা এবং ফেডারেল কন্ট্রাক্টিং খাতে প্রচুর কর্মসংস্থান রয়েছে। বাল্টিমোর থেকে কয়েক ঘণ্টার ড্রাইভেই নিউইয়র্কে পৌঁছানো যায়।

 

এখানেও বাংলাদেশি গ্রোসারি, হালাল ব্যবসা, ইসলামিক সেন্টার ও মসজিদের সংখ্যা বাড়ছে।

 

নর্থ ক্যারোলাইনা: প্রযুক্তি খাতের নতুন গন্তব্য

র্যালি, ক্যারি, মরিসভিল ও শার্লটে তথ্যপ্রযুক্তি, গবেষণা ও স্বাস্থ্যসেবা খাতের চাকরির কারণে বাংলাদেশি পেশাজীবীদের সংখ্যা বাড়ছে। ভালো পাবলিক স্কুল, তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয় এবং ক্রমবর্ধমান মুসলিম কমিউনিটি এই অঙ্গরাজ্যকে পরিবারগুলোর কাছে জনপ্রিয় করে তুলেছে।

 

মিশিগান: পুরোনো বাংলাদেশি কমিউনিটির শক্ত ঘাঁটি

হ্যামট্রাম্যাক, ট্রয়, ক্যান্টন ও ওয়ারেনে বহু বছর ধরেই বাংলাদেশি ও মুসলিম কমিউনিটি শক্ত অবস্থান তৈরি করেছে। মধ্যম বাড়ির মূল্য প্রায় ২৬০ হাজার ডলার, যা তালিকার অনেক অঙ্গরাজ্যের তুলনায় কম। মসজিদ, ইসলামিক স্কুল, হিফজ মাদ্রাসা, হালাল মার্কেট এবং বাংলাদেশি রেস্টুরেন্ট সহজেই পাওয়া যায়।

 

পেনসিলভানিয়া: কম খরচে নিউইয়র্কের কাছাকাছি

ফিলাডেলফিয়া, হ্যারিসবার্গ ও পিটসবার্গে বাংলাদেশি কমিউনিটি ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। মধ্যম বাড়ির মূল্য প্রায় ৩০০ হাজার ডলারের কাছাকাছি। নিউইয়র্কের তুলনায় আবাসন ব্যয় অনেক কম হওয়ায় অনেক পরিবার এই অঙ্গরাজ্য বেছে নিচ্ছেন।

 

ভার্জিনিয়া: উচ্চ আয় ও উন্নত শিক্ষা

ফেয়ারফ্যাক্স, অ্যাশবার্ন, আলেকজান্দ্রিয়া ও উডব্রিজ এলাকায় তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং ফেডারেল সরকারের চাকরির বড় বাজার রয়েছে। মধ্যম পারিবারিক আয় ১ লাখ ডলারের কাছাকাছি। উন্নত পাবলিক স্কুল, ইসলামিক স্কুল এবং শক্তিশালী মুসলিম কমিউনিটির কারণে বাংলাদেশি পেশাজীবীদের কাছে এটি একটি আকর্ষণীয় অঙ্গরাজ্য।

 

মিনেসোটা: নিরাপদ পরিবেশ ও ইসলামিক কমিউনিটি

মিনিয়াপোলিস, ব্লুমিংটন ও ইডেন প্রেইরিতে শক্তিশালী মুসলিম কমিউনিটি, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং নিরাপদ পরিবেশের কারণে বাংলাদেশি পরিবারের আগ্রহ বাড়ছে। সোমালি, দক্ষিণ এশীয় ও অন্যান্য মুসলিম কমিউনিটির উপস্থিতির কারণে অসংখ্য মসজিদ, ইসলামিক সেন্টার, হালাল ব্যবসা এবং ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে।

 

বিশেষজ্ঞদের মতে, নতুন অঙ্গরাজ্যে যাওয়ার আগে শুধু বাড়ির দাম বা ভাড়া নয়, চাকরির সুযোগ, সন্তানের স্কুল, স্বাস্থ্যসেবা, সম্পত্তি কর, গাড়ি ও বাড়ির বীমা, নিকটস্থ মসজিদ, ইসলামিক স্কুল, বাংলাদেশি গ্রোসারি এবং কমিউনিটি সাপোর্ট—সবকিছু একসঙ্গে বিবেচনা করা উচিত।

 

এক সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের স্বপ্নের ঠিকানা ছিল শুধু নিউইয়র্ক। কিন্তু সময় বদলেছে। আজ জর্জিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ জার্সি, মেরিল্যান্ড, নর্থ ক্যারোলাইনা, মিশিগান, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া ও মিনেসোটায় দ্রুত গড়ে উঠছে নতুন বাংলাদেশি জনপদ। ফলে অনেক প্রবাসী এখন মনে করছেন, আমেরিকায় ভালো জীবন মানেই শুধু নিউইয়র্ক নয়; বরং যেখানে কম খরচে নিজের বাড়ি, সন্তানের জন্য ভালো স্কুল, শক্তিশালী বাংলাদেশি ও মুসলিম কমিউনিটি এবং উন্নত জীবনযাত্রার সুযোগ রয়েছে, সেখানেই তৈরি হচ্ছে আগামী দিনের নতুন প্রবাসী বাংলাদেশ।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
নিউইয়র্ক সিটির বিভিন্ন পাবলিক স্কুলে ‘স্কুল এইড’ পদে নিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত
নিউইয়র্কের বিভিন্ন পাবলিক স্কুলে চাকরির সুযোগ, স্কুল এইড পদে নিয়োগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বিভিন্ন পাবলিক স্কুলে চাকরির নতুন সুযোগ তৈরি হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য স্কুল এইড (School Aide) পদে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলস কর্তৃপক্ষ। শিশুদের সঙ্গে কাজ করতে আগ্রহীদের জন্য এসব পদে আবেদনের সুযোগ রয়েছে।   নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল জব পোর্টালে ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বেশ কয়েকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন ও ম্যানহাটনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়।   যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কুল ডিস্ট্রিক্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: 1. পিএস ১১৫ আলেকজান্ডার হামবোল্ট 2. ব্রঙ্কস কোলাবোরেটিভ হাই স্কুল 3. আইএস ৩৯২ 4. পিএস ১১১ অ্যাডলফ এস. অকস 5. ডিস্ট্রিক্ট ২৭, কুইন্স 6. ডিস্ট্রিক্ট ২০, ব্রুকলিন 7. ডিস্ট্রিক্ট ২৫, কুইন্স 8. বেচেস্টার মিডল স্কুল 9. ব্রঙ্কসউড প্রেপ একাডেমি 10. ডিস্ট্রিক্ট ১২, ব্রঙ্কস 11. পিএস ০৫৮ 12. পিএস ০৮৯ 13. পারফর্মিং আর্টস অ্যান্ড টেকনিক্যাল হাই স্কুল   এ ছাড়া পিএস ১৯৭ দ্য ওশান স্কুলে সুপারভাইজিং স্কুল এইড পদেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।   কী কী দায়িত্ব পালন করতে হয়? স্কুল এইডদের প্রধান দায়িত্ব শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রমে সহযোগিতা করা এবং বিদ্যালয়ের পরিবেশ সুশৃঙ্খল রাখতে সহায়তা করা।   পদভেদে দায়িত্বের মধ্যে রয়েছে: শিক্ষার্থীদের দেখাশোনা করা। শিক্ষকদের দৈনন্দিন কাজে সহযোগিতা করা। দুপুরের খাবারের সময় শিক্ষার্থীদের সহায়তা করা। স্কুলের করিডর, ক্যাফেটেরিয়া ও খেলার মাঠে শিক্ষার্থীদের তত্ত্বাবধান করা। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা।   আবেদনের যোগ্যতা পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শর্ত ভিন্ন হতে পারে। কিছু পদের ক্ষেত্রে হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি প্রয়োজন হতে পারে। শিশুদের সঙ্গে কাজ করার দক্ষতা, যোগাযোগের সক্ষমতা এবং দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ।   নিয়োগের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক ও ফিঙ্গারপ্রিন্টিংয়ের প্রয়োজন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো যাচাই করতে হবে।   বেতন ও কর্মঘণ্টা পদ, কর্মঘণ্টা ও নিয়োগের শর্ত অনুযায়ী বেতন ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বেতন, কর্মঘণ্টা ও অন্যান্য সুযোগ-সুবিধার তথ্য জেনে নিতে পারবেন আবেদনকারীরা।   যেভাবে আবেদন করবেন নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Careers’ বিভাগ থেকে ‘Job Opportunities’ নির্বাচন করতে হবে। এরপর ‘School Aide’ লিখে অনুসন্ধান করলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাওয়া যাবে।   পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি থেকে আবেদনের পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্যতা ও সময়সীমা দেখে আবেদন করতে হবে।   নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। তাই কোনো পদে আবেদন গ্রহণ বন্ধ হয়েছে কি না, তা আবেদনের আগে নিশ্চিত হতে হবে।   সূত্র: নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল জব পোর্টাল   871/এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১:৩৫
ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিজয় ‘হাতের নাগালে’ দাবি করে চুক্তির সুযোগের কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরানে বিজয় ‘হাতের নাগালে’, তেহরানকে যুদ্ধের অবসানে চুক্তির আহ্বান জানালেন ট্রাম্প

গ্রাহক বিভ্রান্তি ও রিভিউ গোপনের অভিযোগ নিষ্পত্তিতে ১০ কোটি ডলার দেবে ফ্যাশন ব্র্যান্ড শেইন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ১০ কোটি ডলার ফেরত দিতে সম্মত শেইন, জেনে নিন বিস্তারিত

শক্তিশালী ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিংয়ের ছুটিতে চার শতাধিক ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো যাত্রী। ছবি: সংগৃহীত

থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রের দুই উপকূলে ঝড়, বাতিল ৪০০টির বেশি ফ্লাইট

চিকিৎসক বা নার্স না হয়েও দীর্ঘমেয়াদি ডিগ্রি ছাড়া যুক্তরাষ্ট্রের হেলথকেয়ার খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত
ডাক্তার বা নার্স না হয়েও আমেরিকায় হেলথকেয়ারে দ্রুত ক্যারিয়ার শুরুর ৭টি পথ, জেনে নিন বিস্তারিত

যুক্তরাষ্ট্রে হেলথকেয়ার খাতে ক্যারিয়ার গড়তে চিকিৎসক বা নার্স হওয়াই একমাত্র পথ নয়। হাসপাতাল, ক্লিনিক, জরুরি চিকিৎসাকেন্দ্র ও মেডিকেল অফিসে এমন বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি পদ রয়েছে, যেখানে দীর্ঘমেয়াদি ডিগ্রি ছাড়াই কাজ শুরু করার সুযোগ পাওয়া যায়। কিছু পদের জন্য হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি এবং চাকরির পর প্রশিক্ষণই যথেষ্ট। আবার কিছু পদের জন্য কয়েক মাসের বিশেষ প্রশিক্ষণ কিংবা পেশাগত সনদ প্রয়োজন হয়।   বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে নতুন এসেছেন, ক্যারিয়ার পরিবর্তন করতে চান অথবা তুলনামূলক কম সময়ে চাকরির বাজারে প্রবেশ করতে চান, তাঁদের জন্য এসব পেশা হতে পারে সম্ভাবনাময় বিকল্প।   ১. মেডিকেল রিসেপশনিস্ট বা ফ্রন্ট ডেস্ক হাসপাতাল, ক্লিনিক কিংবা চিকিৎসকের অফিসে রোগীদের অভ্যর্থনা জানানো, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, ফোনকল গ্রহণ এবং রোগীর পরিচয় ও স্বাস্থ্যবিমার কার্ড যাচাই করা তাঁদের প্রধান দায়িত্ব। কিছু প্রতিষ্ঠানে রোগীর কাছ থেকে কো-পে সংগ্রহ এবং রোগীর রেকর্ড হালনাগাদ রাখার কাজও করতে হয়।   সাধারণত হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে এ পেশায় আবেদন করা যায়। ভালো যোগাযোগ দক্ষতা, কম্পিউটার পরিচালনা এবং গ্রাহকসেবার অভিজ্ঞতা বাড়তি সুবিধা দেয়। অনেক ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার পরই প্রশিক্ষণ দেওয়া হয়।   ১. পেশেন্ট অ্যাকসেস বা রেজিস্ট্রেশন রিপ্রেজেন্টেটিভ হাসপাতালে রোগীর নিবন্ধন, ব্যক্তিগত তথ্য সংগ্রহ, স্বাস্থ্যবিমা যাচাই এবং বিলিংয়ের প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা এই পদের কাজ। হাসপাতালের জরুরি বিভাগ, জরুরি চিকিৎসাকেন্দ্র ও অন্যান্য বিভাগে তাঁদের প্রয়োজন হয়।   এটি তুলনামূলকভাবে প্রবেশপর্যায়ের একটি পেশা। তবে প্রতিষ্ঠানভেদে পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ প্রশিক্ষণ চাওয়া হতে পারে। এ ক্ষেত্রে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেলথকেয়ার অ্যাকসেস ম্যানেজমেন্টের (ন্যাহাম) সিএইচএএ সনদ পেশাগত দক্ষতার স্বীকৃতি দিতে পারে।   ১. মেডিকেল বিলিং স্পেশালিস্ট রোগীর চিকিৎসাসেবা শেষে সংশ্লিষ্ট স্বাস্থ্যবিমা কোম্পানির কাছে বিল বা ক্লেইম পাঠানো, পেমেন্টের হিসাব রাখা এবং কোনো ক্লেইম বাতিল বা প্রত্যাখ্যাত হলে তার কারণ খুঁজে প্রয়োজনীয় সংশোধন করা এই পেশার প্রধান কাজ।   এ ক্ষেত্রে আমেরিকান একাডেমি অব প্রফেশনাল কোডারসের (এএপিসি) সিপিবি অথবা ন্যাশনাল হেলথকেয়ার অ্যাসোসিয়েশনের (এনএইচএ) সিবিসিএস সনদ নেওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণের মেয়াদ প্রতিষ্ঠান ও কোর্সের ধরন অনুযায়ী ভিন্ন হয়। উদাহরণ হিসেবে এএপিসির নিজস্ব স্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স গড়ে চার মাস বা তার কম সময়ে শেষ করা যায় বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।   ১. মেডিকেল কোডার চিকিৎসকের নোট, রোগীর চিকিৎসার বিবরণ ও বিভিন্ন পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট মেডিকেল কোড নির্ধারণ করেন মেডিকেল কোডাররা। এ কাজে আইসিডি-১০-সিএম, সিপিটি ও এইচসিপিসিএস কোড ব্যবহার করা হয়। কোডে ভুল থাকলে স্বাস্থ্যবিমার ক্লেইমে সমস্যা তৈরি হতে পারে।   এএপিসির সিপিসি এবং আমেরিকান হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (এএইচআইএমএ) সিসিএ ও সিসিএস পরিচিত পেশাগত সনদ। তবে সিসিএ নতুনদের জন্য উপযোগী হলেও সিসিএস সাধারণত অভিজ্ঞ কোডারদের জন্য বেশি উপযুক্ত। প্রশিক্ষণ ও প্রস্তুতির সময় শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার ওপর নির্ভর করে।   ১. মেডিকেল রেকর্ডস বা হেলথ ইনফরমেশন ক্লার্ক রোগীদের ইলেকট্রনিক হেলথ রেকর্ড সংরক্ষণ, তথ্য হালনাগাদ, প্রয়োজনীয় নথি খুঁজে বের করা এবং অনুমোদিত ব্যক্তির কাছে রেকর্ড সরবরাহ করা এই পদের দায়িত্ব। রোগীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং স্বাস্থ্যতথ্য সুরক্ষাসংক্রান্ত নিয়ম মেনে চলাও গুরুত্বপূর্ণ।   কিছু পদে হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে প্রবেশের সুযোগ রয়েছে। তবে বিশেষায়িত কাজে উচ্চমাধ্যমিক-পরবর্তী সনদ বা অ্যাসোসিয়েট ডিগ্রি প্রয়োজন হতে পারে। এএইচআইএমএর আরএইচআইটি সনদ পেতে সিএএইচআইআইএম-স্বীকৃত হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিগ্রি পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হয়।   ১. হেলথ ইউনিট কো-অর্ডিনেটর হাসপাতালের নির্দিষ্ট ইউনিটে নার্সদের স্টেশনে কাজ করেন হেলথ ইউনিট কো-অর্ডিনেটররা। চিকিৎসকদের নির্দেশনাসংক্রান্ত তথ্য নথিভুক্ত করা, পরীক্ষার সময়সূচি সমন্বয়, ফোনকল গ্রহণ এবং রোগীর কাগজপত্র ব্যবস্থাপনা তাঁদের কাজের অংশ।   হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে এ পেশার জন্য প্রস্তুতি নেওয়া যায়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেলথ ইউনিট কো-অর্ডিনেটরসের (নাহুক) সিএইচইউসি সনদও রয়েছে। তবে পরীক্ষায় অংশ নিতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ অথবা একই ধরনের দায়িত্ব পালনের যোগ্যতা প্রয়োজন।   ১. স্টেরাইল প্রসেসিং টেকনিশিয়ান অস্ত্রোপচারে ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার, জীবাণুমুক্ত, পরীক্ষা ও প্যাকেজিং করার দায়িত্ব পালন করেন এই টেকনিশিয়ানরা। হাসপাতাল ও সার্জারি সেন্টারে রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।   এ ক্ষেত্রে হেলথকেয়ার স্টেরাইল প্রসেসিং অ্যাসোসিয়েশনের (এইচএসপিএ) সিআরসিএসটি এবং সিবিএসপিডির সিএসপিডিটি সনদ পরিচিত। বিশেষ করে সিআরসিএসটি পেতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ৪০০ ঘণ্টার হাতে-কলমে কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। পরীক্ষা দেওয়ার আগে অথবা উত্তীর্ণ হওয়ার পর ছয় মাসের মধ্যে এই অভিজ্ঞতা সম্পন্ন করা যায়।   ক্যারিয়ারে সামনে এগোনোর সুযোগ এসব পেশায় অভিজ্ঞতা অর্জনের পর দায়িত্ব ও দক্ষতা অনুযায়ী উচ্চতর পদে যাওয়ার সুযোগ রয়েছে। ফ্রন্ট ডেস্ক থেকে অফিস ব্যবস্থাপনা, পেশেন্ট অ্যাকসেস থেকে হাসপাতাল প্রশাসন, মেডিকেল বিলিং থেকে রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট এবং মেডিকেল কোডিং থেকে অডিটিং ও কমপ্লায়েন্সের মতো ক্ষেত্রে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে।   একইভাবে মেডিকেল রেকর্ডস থেকে আরএইচআইটি সনদ অর্জনের মাধ্যমে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্টে এগোনো যায়। স্টেরাইল প্রসেসিং থেকে সার্জিক্যাল টেকনোলজি কিংবা নার্সিংয়ে যেতে চাইলে অবশ্য আলাদা শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও লাইসেন্সের প্রয়োজন হবে।   শুরু করার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হেলথকেয়ারে প্রবেশের জন্য সবাইকে নার্সিং বা মেডিকেল স্কুলে পড়তে হয় না। নন-ক্লিনিক্যাল ও সহায়ক পেশাগুলোও ক্যারিয়ার শুরুর বাস্তব সুযোগ তৈরি করতে পারে। তবে সব পদে একই যোগ্যতা বা প্রশিক্ষণ প্রয়োজন হয় না। কোনো কোনো পদে পেশাগত সনদ ঐচ্ছিক, আবার কোনো নিয়োগদাতা সেটিকে অগ্রাধিকার দিতে পারেন।   কোর্সে ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিয়ম, নিয়োগদাতার যোগ্যতা, সনদের শর্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি যাচাই করা জরুরি। শুধু দ্রুত সনদ পাওয়ার প্রতিশ্রুতি দেখে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত নয়। প্রশিক্ষণের খরচ, পরীক্ষার ফি এবং চাকরির বাস্তব সুযোগ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ।   সূত্র: যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো   871/এসএ

প্রকাশ: নভেম্বর ২৭, ২০২৬ ১:৭
ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের মিশন হিলস এলাকার রাস্তায় লোমহীন এই অসুস্থ প্রাণীটিকে হাঁটতে দেখা যায়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় লোমহীন রহস্যময় প্রাণীর দেখা, কৌতূহল ও উদ্বেগে স্থানীয়রা

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলারের মতে, গাড়ির সিটের জটিলতাই যুক্তরাষ্ট্রে জন্মহার কমার অন্যতম কারণ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে জন্মহার কমার পেছনে গাড়ির সিটকে দায়ী করে কেটি মিলারের অদ্ভুত ব্যাখ্যা

রিয়েলটর ডটকমের ২০২৬ সালের প্রতিবেদনে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা মার্কিন অঙ্গরাজ্য হিসেবে শীর্ষে উঠেছে ইন্ডিয়ানা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২০২৬ সালে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা ৫ মার্কিন অঙ্গরাজ্যের নতুন তালিকা প্রকাশ

সন্তানের ভরণপোষণের বকেয়া ১০ হাজার ডলার ছাড়ালেই মার্কিন নাগরিকদের পাসপোর্ট বাতিল করবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
সন্তানের ভরণপোষণের ১০ হাজার ডলার বকেয়া থাকলে বাতিল হবে মার্কিন পাসপোর্ট

সন্তানের ভরণপোষণের অর্থ বকেয়া থাকলে এবার আরও বেশি মার্কিন নাগরিকের পাসপোর্ট বাতিলের মুখে পড়তে হবে। আগামী ৩০ নভেম্বর থেকে নতুন ধাপে ১০ হাজার ডলার বা তার বেশি ভরণপোষণ বকেয়া থাকা অভিভাবকদের বিরুদ্ধে পাসপোর্ট বাতিলের ব্যবস্থা সম্প্রসারণ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নতুন এই পদক্ষেপের ফলে দেশটির যেসব নাগরিকের আদালত নির্ধারিত সন্তান ভরণপোষণের অর্থ দীর্ঘদিন ধরে অপরিশোধিত রয়েছে, তাঁদের আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ সীমিত হয়ে যেতে পারে।   যুক্তরাষ্ট্রের প্রায় তিন দশক পুরোনো একটি ফেডারেল আইনের আওতায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৯৯৬ সালে প্রণীত পার্সোনাল রেসপনসিবিলিটি অ্যান্ড ওয়ার্ক অপরচুনিটি রিকনসিলিয়েশন অ্যাক্টের মাধ্যমে সন্তান ভরণপোষণের অর্থ পরিশোধে বাধ্য করতে পাসপোর্ট আটকে দেওয়া বা বাতিলের বিধান চালু হয়। পরে ২০০৫ সালে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বকেয়ার সীমা কমিয়ে ২ হাজার ৫০০ ডলার করা হয়। তবে দীর্ঘদিন এই আইন মূলত নতুন পাসপোর্টের আবেদন বা নবায়নের ক্ষেত্রে প্রয়োগ করা হতো। ২০২৬ সালের মে মাস থেকে বিদ্যমান পাসপোর্টও সক্রিয়ভাবে বাতিলের উদ্যোগ জোরদার করে ট্রাম্প প্রশাসন।   এ বছরের ৮ মে প্রথম ধাপে ১ লাখ ডলারের বেশি ভরণপোষণ বকেয়া থাকা ব্যক্তিদের পাসপোর্ট বাতিল শুরু হয়। এরপর পর্যায়ক্রমে এই সীমা কমানো হয়। জুনে ৭৫ হাজার ও ৫০ হাজার ডলারের বকেয়া, জুলাইয়ে ৪০ হাজার ডলার, আগস্টে ২৫ হাজার ডলার এবং অক্টোবরে ১৫ হাজার ডলারের বকেয়া থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। এবার সপ্তম ধাপে ৩০ নভেম্বর থেকে ১০ হাজার ডলারের সীমায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথম পর্যায়েই প্রায় ২ হাজার ৭০০ পাসপোর্টধারী এই ব্যবস্থার আওতায় পড়েছিলেন।   এই প্রক্রিয়ায় অঙ্গরাজ্যগুলোর শিশু ভরণপোষণ আদায়কারী সংস্থাগুলো প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বকেয়া অর্থের তথ্য সংগ্রহ করে। পরে সেই তথ্য যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের অধীন শিশু ভরণপোষণ প্রয়োগকারী কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে তথ্য পৌঁছায় পররাষ্ট্র দপ্তরে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির বিদ্যমান পাসপোর্ট বাতিল করা কিংবা নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যানের ব্যবস্থা নেওয়া হয়। একাধিক অঙ্গরাজ্যে ভরণপোষণের অর্থ বকেয়া থাকলেও সম্মিলিত বকেয়ার পরিমাণ নির্ধারিত সীমায় পৌঁছালে সংশ্লিষ্ট ব্যক্তি এই ব্যবস্থার আওতায় আসতে পারেন।   পাসপোর্ট বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি আন্তর্জাতিক ভ্রমণের জন্য সেটি আর ব্যবহার করতে পারবেন না। এমনকি বকেয়া অর্থ পরিশোধ করলেও পুরোনো পাসপোর্টের বৈধতা স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রথমে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের শিশু ভরণপোষণ আদায়কারী সংস্থার কাছে বকেয়া পরিশোধ করতে হবে। এরপর অঙ্গরাজ্য কর্তৃপক্ষ স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরকে অর্থ পরিশোধের তথ্য জানাবে। যাচাই শেষে ওই দপ্তর সংশ্লিষ্ট ব্যক্তির নাম বকেয়ার তালিকা থেকে সরানোর তথ্য পররাষ্ট্র দপ্তরে পাঠাবে। এই যাচাই প্রক্রিয়ায় কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে।   বিদেশে অবস্থানরত কোনো মার্কিন নাগরিকের পাসপোর্ট বাতিল হলেও তাঁর দেশে ফেরার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে বকেয়া অর্থ পরিশোধের পাশাপাশি নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করার আগপর্যন্ত তাঁকে কেবল যুক্তরাষ্ট্রে সরাসরি ফিরে যাওয়ার জন্য সীমিত মেয়াদের পাসপোর্ট দেওয়া হতে পারে। বাতিল হওয়া পুরোনো পাসপোর্ট দিয়ে অন্য কোনো দেশে যাতায়াতের সুযোগ থাকবে না।   তবে এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে যাতায়াত বন্ধ করে না। কারণ, দেশের অভ্যন্তরীণ ভ্রমণের জন্য সাধারণত পাসপোর্ট প্রয়োজন হয় না। মূলত আন্তর্জাতিক ভ্রমণ নিয়ন্ত্রণ এবং সন্তান ভরণপোষণের বকেয়া অর্থ আদায় নিশ্চিত করাই এই কর্মসূচির উদ্দেশ্য। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২ হাজার ৫০০ ডলারের বেশি বকেয়া থাকলে নতুন পাসপোর্ট ইস্যু আটকে দেওয়া বা বিদ্যমান পাসপোর্ট বাতিল করার আইনি ক্ষমতা তাদের রয়েছে। ফলে ৩০ নভেম্বরের নতুন ধাপ কার্যকর হলেও মূল আইনি সীমা অপরিবর্তিত থাকছে।   সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), মিনেসোটা ডিপার্টমেন্ট অব চিলড্রেন, ইয়ুথ অ্যান্ড ফ্যামিলিজ। 872 আইজেট

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ২০:৪৬
কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি নিয়ে পলালেন অন্তঃসত্ত্বা মার্কিন নারী

কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি নিয়ে পলালেন অন্তঃসত্ত্বা মার্কিন নারী

মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী

মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী

মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প

মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...