এক ক্লিকও নয়, শুধু ই-মেইল খুললেই হ্যাক! রুশ সাইবার হামলা নিয়ে যুক্তরাষ্ট্র ও ডজন মিত্র দেশ সতর্কতায়
রাশিয়ার রাষ্ট্রসমর্থিত হ্যাকারদের নতুন এক সাইবার কৌশল নিয়ে যৌথ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র এবং এক ডজনের বেশি মিত্র দেশ।
তাদের দাবি, Laundry Bear নামে পরিচিত একটি রুশ হ্যাকার গোষ্ঠী জনপ্রিয় Zimbra Collaboration Suite-এর একটি নিরাপত্তা দুর্বলতা ব্যবহার করে ব্যবহারকারীদের ই-মেইল অ্যাকাউন্টে অনুপ্রবেশ করেছে।
এই হামলার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, ভুক্তভোগীদের কোনো লিংকে ক্লিক করা, সংযুক্তি (Attachment) ডাউনলোড করা কিংবা পাসওয়ার্ড দেওয়ারও প্রয়োজন হয়নি। কেবল ক্ষতিকর ই-মেইলটি খুললেই হ্যাকাররা সফটওয়্যারের দুর্বলতা কাজে লাগিয়ে অ্যাকাউন্টে প্রবেশ করতে সক্ষম হয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Proofpoint এই কৌশলকে “হাফ-ক্লিক এক্সপ্লয়েট” নামে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, এটি এমন এক ধরনের হামলা, যেখানে কোনো সামাজিক প্রকৌশল (Social Engineering) ব্যবহার না করেই ব্যবহারকারীর অ্যাকাউন্টে অনুপ্রবেশ সম্ভব হয়েছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, নেদারল্যান্ডস, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্রসহ ইউরোপের একাধিক দেশের গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা সংস্থা ৩১ পৃষ্ঠার একটি যৌথ সতর্কতা প্রকাশ করে এই তথ্য জানিয়েছে।
তাদের মতে, হামলাকারীরা প্রথমে ইউক্রেনকে লক্ষ্যবস্তু বানিয়ে এই পদ্ধতি পরীক্ষা করে। পরে একই কৌশলে যুক্তরাষ্ট্র ও ন্যাটোভুক্ত দেশগুলোর সরকারি, সামরিক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ব্যবহারকারীদের লক্ষ্য করা হয়।
যুক্তরাজ্যের নিরাপত্তামন্ত্রী ড্যান জারভিস বলেছেন, ইউক্রেনের ভুক্তভোগীদের ওপর এই কৌশল পরীক্ষা চালিয়ে পরে ন্যাটো দেশগুলোকে লক্ষ্যবস্তু বানানো অত্যন্ত উদ্বেগজনক।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, Laundry Bear রাশিয়ার নিরাপত্তা সংস্থার হয়ে কাজ করা একাধিক হ্যাকার গোষ্ঠীর অন্যতম। সম্প্রতি যুক্তরাষ্ট্রে দায়ের করা একটি অভিযোগপত্রে গোষ্ঠীটির সঙ্গে রাশিয়ার সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান Yutek-NN-এর সংশ্লিষ্টতার কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে Zimbra সফটওয়্যারের যে নিরাপত্তা ত্রুটি ব্যবহার করে হামলা চালানো হয়েছে, সেটি ইতোমধ্যে নিরাপত্তা হালনাগাদের (Patch) মাধ্যমে ঠিক করা হয়েছে। তবে যেসব প্রতিষ্ঠান এখনো সফটওয়্যার হালনাগাদ করেনি, তারা এখনো ঝুঁকিতে রয়েছে।
সাইবার নিরাপত্তা সংস্থাগুলো সরকারি দপ্তর, সামরিক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং Zimbra ব্যবহারকারী সব প্রতিষ্ঠানের প্রতি দ্রুত সফটওয়্যার আপডেট, নিরাপত্তা পর্যবেক্ষণ জোরদার এবং সন্দেহজনক কার্যক্রম পরীক্ষা করার আহ্বান জানিয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে হেলথকেয়ার খাতে ক্যারিয়ার গড়তে চিকিৎসক বা নার্স হওয়াই একমাত্র পথ নয়। হাসপাতাল, ক্লিনিক, জরুরি চিকিৎসাকেন্দ্র ও মেডিকেল অফিসে এমন বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি পদ রয়েছে, যেখানে দীর্ঘমেয়াদি ডিগ্রি ছাড়াই কাজ শুরু করার সুযোগ পাওয়া যায়। কিছু পদের জন্য হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি এবং চাকরির পর প্রশিক্ষণই যথেষ্ট। আবার কিছু পদের জন্য কয়েক মাসের বিশেষ প্রশিক্ষণ কিংবা পেশাগত সনদ প্রয়োজন হয়। বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে নতুন এসেছেন, ক্যারিয়ার পরিবর্তন করতে চান অথবা তুলনামূলক কম সময়ে চাকরির বাজারে প্রবেশ করতে চান, তাঁদের জন্য এসব পেশা হতে পারে সম্ভাবনাময় বিকল্প। ১. মেডিকেল রিসেপশনিস্ট বা ফ্রন্ট ডেস্ক হাসপাতাল, ক্লিনিক কিংবা চিকিৎসকের অফিসে রোগীদের অভ্যর্থনা জানানো, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, ফোনকল গ্রহণ এবং রোগীর পরিচয় ও স্বাস্থ্যবিমার কার্ড যাচাই করা তাঁদের প্রধান দায়িত্ব। কিছু প্রতিষ্ঠানে রোগীর কাছ থেকে কো-পে সংগ্রহ এবং রোগীর রেকর্ড হালনাগাদ রাখার কাজও করতে হয়। সাধারণত হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে এ পেশায় আবেদন করা যায়। ভালো যোগাযোগ দক্ষতা, কম্পিউটার পরিচালনা এবং গ্রাহকসেবার অভিজ্ঞতা বাড়তি সুবিধা দেয়। অনেক ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার পরই প্রশিক্ষণ দেওয়া হয়। ১. পেশেন্ট অ্যাকসেস বা রেজিস্ট্রেশন রিপ্রেজেন্টেটিভ হাসপাতালে রোগীর নিবন্ধন, ব্যক্তিগত তথ্য সংগ্রহ, স্বাস্থ্যবিমা যাচাই এবং বিলিংয়ের প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা এই পদের কাজ। হাসপাতালের জরুরি বিভাগ, জরুরি চিকিৎসাকেন্দ্র ও অন্যান্য বিভাগে তাঁদের প্রয়োজন হয়। এটি তুলনামূলকভাবে প্রবেশপর্যায়ের একটি পেশা। তবে প্রতিষ্ঠানভেদে পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ প্রশিক্ষণ চাওয়া হতে পারে। এ ক্ষেত্রে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেলথকেয়ার অ্যাকসেস ম্যানেজমেন্টের (ন্যাহাম) সিএইচএএ সনদ পেশাগত দক্ষতার স্বীকৃতি দিতে পারে। ১. মেডিকেল বিলিং স্পেশালিস্ট রোগীর চিকিৎসাসেবা শেষে সংশ্লিষ্ট স্বাস্থ্যবিমা কোম্পানির কাছে বিল বা ক্লেইম পাঠানো, পেমেন্টের হিসাব রাখা এবং কোনো ক্লেইম বাতিল বা প্রত্যাখ্যাত হলে তার কারণ খুঁজে প্রয়োজনীয় সংশোধন করা এই পেশার প্রধান কাজ। এ ক্ষেত্রে আমেরিকান একাডেমি অব প্রফেশনাল কোডারসের (এএপিসি) সিপিবি অথবা ন্যাশনাল হেলথকেয়ার অ্যাসোসিয়েশনের (এনএইচএ) সিবিসিএস সনদ নেওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণের মেয়াদ প্রতিষ্ঠান ও কোর্সের ধরন অনুযায়ী ভিন্ন হয়। উদাহরণ হিসেবে এএপিসির নিজস্ব স্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স গড়ে চার মাস বা তার কম সময়ে শেষ করা যায় বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। ১. মেডিকেল কোডার চিকিৎসকের নোট, রোগীর চিকিৎসার বিবরণ ও বিভিন্ন পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট মেডিকেল কোড নির্ধারণ করেন মেডিকেল কোডাররা। এ কাজে আইসিডি-১০-সিএম, সিপিটি ও এইচসিপিসিএস কোড ব্যবহার করা হয়। কোডে ভুল থাকলে স্বাস্থ্যবিমার ক্লেইমে সমস্যা তৈরি হতে পারে। এএপিসির সিপিসি এবং আমেরিকান হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (এএইচআইএমএ) সিসিএ ও সিসিএস পরিচিত পেশাগত সনদ। তবে সিসিএ নতুনদের জন্য উপযোগী হলেও সিসিএস সাধারণত অভিজ্ঞ কোডারদের জন্য বেশি উপযুক্ত। প্রশিক্ষণ ও প্রস্তুতির সময় শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার ওপর নির্ভর করে। ১. মেডিকেল রেকর্ডস বা হেলথ ইনফরমেশন ক্লার্ক রোগীদের ইলেকট্রনিক হেলথ রেকর্ড সংরক্ষণ, তথ্য হালনাগাদ, প্রয়োজনীয় নথি খুঁজে বের করা এবং অনুমোদিত ব্যক্তির কাছে রেকর্ড সরবরাহ করা এই পদের দায়িত্ব। রোগীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং স্বাস্থ্যতথ্য সুরক্ষাসংক্রান্ত নিয়ম মেনে চলাও গুরুত্বপূর্ণ। কিছু পদে হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে প্রবেশের সুযোগ রয়েছে। তবে বিশেষায়িত কাজে উচ্চমাধ্যমিক-পরবর্তী সনদ বা অ্যাসোসিয়েট ডিগ্রি প্রয়োজন হতে পারে। এএইচআইএমএর আরএইচআইটি সনদ পেতে সিএএইচআইআইএম-স্বীকৃত হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিগ্রি পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হয়। ১. হেলথ ইউনিট কো-অর্ডিনেটর হাসপাতালের নির্দিষ্ট ইউনিটে নার্সদের স্টেশনে কাজ করেন হেলথ ইউনিট কো-অর্ডিনেটররা। চিকিৎসকদের নির্দেশনাসংক্রান্ত তথ্য নথিভুক্ত করা, পরীক্ষার সময়সূচি সমন্বয়, ফোনকল গ্রহণ এবং রোগীর কাগজপত্র ব্যবস্থাপনা তাঁদের কাজের অংশ। হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে এ পেশার জন্য প্রস্তুতি নেওয়া যায়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেলথ ইউনিট কো-অর্ডিনেটরসের (নাহুক) সিএইচইউসি সনদও রয়েছে। তবে পরীক্ষায় অংশ নিতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ অথবা একই ধরনের দায়িত্ব পালনের যোগ্যতা প্রয়োজন। ১. স্টেরাইল প্রসেসিং টেকনিশিয়ান অস্ত্রোপচারে ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার, জীবাণুমুক্ত, পরীক্ষা ও প্যাকেজিং করার দায়িত্ব পালন করেন এই টেকনিশিয়ানরা। হাসপাতাল ও সার্জারি সেন্টারে রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে হেলথকেয়ার স্টেরাইল প্রসেসিং অ্যাসোসিয়েশনের (এইচএসপিএ) সিআরসিএসটি এবং সিবিএসপিডির সিএসপিডিটি সনদ পরিচিত। বিশেষ করে সিআরসিএসটি পেতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ৪০০ ঘণ্টার হাতে-কলমে কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। পরীক্ষা দেওয়ার আগে অথবা উত্তীর্ণ হওয়ার পর ছয় মাসের মধ্যে এই অভিজ্ঞতা সম্পন্ন করা যায়। ক্যারিয়ারে সামনে এগোনোর সুযোগ এসব পেশায় অভিজ্ঞতা অর্জনের পর দায়িত্ব ও দক্ষতা অনুযায়ী উচ্চতর পদে যাওয়ার সুযোগ রয়েছে। ফ্রন্ট ডেস্ক থেকে অফিস ব্যবস্থাপনা, পেশেন্ট অ্যাকসেস থেকে হাসপাতাল প্রশাসন, মেডিকেল বিলিং থেকে রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট এবং মেডিকেল কোডিং থেকে অডিটিং ও কমপ্লায়েন্সের মতো ক্ষেত্রে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। একইভাবে মেডিকেল রেকর্ডস থেকে আরএইচআইটি সনদ অর্জনের মাধ্যমে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্টে এগোনো যায়। স্টেরাইল প্রসেসিং থেকে সার্জিক্যাল টেকনোলজি কিংবা নার্সিংয়ে যেতে চাইলে অবশ্য আলাদা শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও লাইসেন্সের প্রয়োজন হবে। শুরু করার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হেলথকেয়ারে প্রবেশের জন্য সবাইকে নার্সিং বা মেডিকেল স্কুলে পড়তে হয় না। নন-ক্লিনিক্যাল ও সহায়ক পেশাগুলোও ক্যারিয়ার শুরুর বাস্তব সুযোগ তৈরি করতে পারে। তবে সব পদে একই যোগ্যতা বা প্রশিক্ষণ প্রয়োজন হয় না। কোনো কোনো পদে পেশাগত সনদ ঐচ্ছিক, আবার কোনো নিয়োগদাতা সেটিকে অগ্রাধিকার দিতে পারেন। কোর্সে ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিয়ম, নিয়োগদাতার যোগ্যতা, সনদের শর্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি যাচাই করা জরুরি। শুধু দ্রুত সনদ পাওয়ার প্রতিশ্রুতি দেখে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত নয়। প্রশিক্ষণের খরচ, পরীক্ষার ফি এবং চাকরির বাস্তব সুযোগ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। সূত্র: যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো 871 এসএ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় লোমহীন রহস্যময় প্রাণীর দেখা, কৌতূহল ও উদ্বেগে স্থানীয়রা
যুক্তরাষ্ট্রে জন্মহার কমার পেছনে গাড়ির সিটকে দায়ী করে কেটি মিলারের অদ্ভুত ব্যাখ্যা
২০২৬ সালে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা ৫ মার্কিন অঙ্গরাজ্যের নতুন তালিকা প্রকাশ
সন্তানের ভরণপোষণের অর্থ বকেয়া থাকলে এবার আরও বেশি মার্কিন নাগরিকের পাসপোর্ট বাতিলের মুখে পড়তে হবে। আগামী ৩০ নভেম্বর থেকে নতুন ধাপে ১০ হাজার ডলার বা তার বেশি ভরণপোষণ বকেয়া থাকা অভিভাবকদের বিরুদ্ধে পাসপোর্ট বাতিলের ব্যবস্থা সম্প্রসারণ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নতুন এই পদক্ষেপের ফলে দেশটির যেসব নাগরিকের আদালত নির্ধারিত সন্তান ভরণপোষণের অর্থ দীর্ঘদিন ধরে অপরিশোধিত রয়েছে, তাঁদের আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ সীমিত হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রায় তিন দশক পুরোনো একটি ফেডারেল আইনের আওতায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৯৯৬ সালে প্রণীত পার্সোনাল রেসপনসিবিলিটি অ্যান্ড ওয়ার্ক অপরচুনিটি রিকনসিলিয়েশন অ্যাক্টের মাধ্যমে সন্তান ভরণপোষণের অর্থ পরিশোধে বাধ্য করতে পাসপোর্ট আটকে দেওয়া বা বাতিলের বিধান চালু হয়। পরে ২০০৫ সালে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বকেয়ার সীমা কমিয়ে ২ হাজার ৫০০ ডলার করা হয়। তবে দীর্ঘদিন এই আইন মূলত নতুন পাসপোর্টের আবেদন বা নবায়নের ক্ষেত্রে প্রয়োগ করা হতো। ২০২৬ সালের মে মাস থেকে বিদ্যমান পাসপোর্টও সক্রিয়ভাবে বাতিলের উদ্যোগ জোরদার করে ট্রাম্প প্রশাসন। এ বছরের ৮ মে প্রথম ধাপে ১ লাখ ডলারের বেশি ভরণপোষণ বকেয়া থাকা ব্যক্তিদের পাসপোর্ট বাতিল শুরু হয়। এরপর পর্যায়ক্রমে এই সীমা কমানো হয়। জুনে ৭৫ হাজার ও ৫০ হাজার ডলারের বকেয়া, জুলাইয়ে ৪০ হাজার ডলার, আগস্টে ২৫ হাজার ডলার এবং অক্টোবরে ১৫ হাজার ডলারের বকেয়া থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। এবার সপ্তম ধাপে ৩০ নভেম্বর থেকে ১০ হাজার ডলারের সীমায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথম পর্যায়েই প্রায় ২ হাজার ৭০০ পাসপোর্টধারী এই ব্যবস্থার আওতায় পড়েছিলেন। এই প্রক্রিয়ায় অঙ্গরাজ্যগুলোর শিশু ভরণপোষণ আদায়কারী সংস্থাগুলো প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বকেয়া অর্থের তথ্য সংগ্রহ করে। পরে সেই তথ্য যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের অধীন শিশু ভরণপোষণ প্রয়োগকারী কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে তথ্য পৌঁছায় পররাষ্ট্র দপ্তরে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির বিদ্যমান পাসপোর্ট বাতিল করা কিংবা নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যানের ব্যবস্থা নেওয়া হয়। একাধিক অঙ্গরাজ্যে ভরণপোষণের অর্থ বকেয়া থাকলেও সম্মিলিত বকেয়ার পরিমাণ নির্ধারিত সীমায় পৌঁছালে সংশ্লিষ্ট ব্যক্তি এই ব্যবস্থার আওতায় আসতে পারেন। পাসপোর্ট বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি আন্তর্জাতিক ভ্রমণের জন্য সেটি আর ব্যবহার করতে পারবেন না। এমনকি বকেয়া অর্থ পরিশোধ করলেও পুরোনো পাসপোর্টের বৈধতা স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রথমে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের শিশু ভরণপোষণ আদায়কারী সংস্থার কাছে বকেয়া পরিশোধ করতে হবে। এরপর অঙ্গরাজ্য কর্তৃপক্ষ স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরকে অর্থ পরিশোধের তথ্য জানাবে। যাচাই শেষে ওই দপ্তর সংশ্লিষ্ট ব্যক্তির নাম বকেয়ার তালিকা থেকে সরানোর তথ্য পররাষ্ট্র দপ্তরে পাঠাবে। এই যাচাই প্রক্রিয়ায় কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। বিদেশে অবস্থানরত কোনো মার্কিন নাগরিকের পাসপোর্ট বাতিল হলেও তাঁর দেশে ফেরার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে বকেয়া অর্থ পরিশোধের পাশাপাশি নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করার আগপর্যন্ত তাঁকে কেবল যুক্তরাষ্ট্রে সরাসরি ফিরে যাওয়ার জন্য সীমিত মেয়াদের পাসপোর্ট দেওয়া হতে পারে। বাতিল হওয়া পুরোনো পাসপোর্ট দিয়ে অন্য কোনো দেশে যাতায়াতের সুযোগ থাকবে না। তবে এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে যাতায়াত বন্ধ করে না। কারণ, দেশের অভ্যন্তরীণ ভ্রমণের জন্য সাধারণত পাসপোর্ট প্রয়োজন হয় না। মূলত আন্তর্জাতিক ভ্রমণ নিয়ন্ত্রণ এবং সন্তান ভরণপোষণের বকেয়া অর্থ আদায় নিশ্চিত করাই এই কর্মসূচির উদ্দেশ্য। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২ হাজার ৫০০ ডলারের বেশি বকেয়া থাকলে নতুন পাসপোর্ট ইস্যু আটকে দেওয়া বা বিদ্যমান পাসপোর্ট বাতিল করার আইনি ক্ষমতা তাদের রয়েছে। ফলে ৩০ নভেম্বরের নতুন ধাপ কার্যকর হলেও মূল আইনি সীমা অপরিবর্তিত থাকছে। সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), মিনেসোটা ডিপার্টমেন্ট অব চিলড্রেন, ইয়ুথ অ্যান্ড ফ্যামিলিজ। 872 আইজেট
কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি নিয়ে পলালেন অন্তঃসত্ত্বা মার্কিন নারী
মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী
মিনেসোটার জালিয়াতি ও ইলহান ওমরকে ঘিরে বিতর্কের পর সোমালিদের কড়া বার্তা দিলেন ট্রাম্প
প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের কনসাল্টিং বিভাগের বেশিরভাগ পদে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্তের পর যুক্তরাষ্ট্রে কর্মরত সংশ্লিষ্ট কর্মীদের তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে প্রতিষ্ঠানটির কোনো পদে স্থানান্তরিত হবেন নাকি চাকরি ছেড়ে দেবেন। যারা বিদেশে স্থানান্তরিত না হয়ে চাকরি ছাড়ার পথ বেছে নেবেন, তাদের তিন মাসের সেভারেন্স বা বিদায়কালীন ভাতা দেওয়া হবে এবং ৩১ ডিসেম্বর ২০২৬ হবে তাদের শেষ কর্মদিবস। রেস্ট অব ওয়ার্ল্ড ও দ্য ইকোনমিক টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অনেক কর্মী তাদের ম্যানেজারের সঙ্গে ওয়ান-অন-ওয়ান ‘ক্যারিয়ার আলোচনা’র মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়ে জানতে পেরেছেন। আইবিএম কনসাল্টিং প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় বিভাগ, যেখানে বিশ্বজুড়ে দেড় লাখেরও বেশি কর্মী কাজ করেন। তবে এই নীতিগত পরিবর্তন আইবিএমের সব ব্যবসায়িক ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়; কেবল কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদের ক্ষেত্রেই ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করা হয়েছে। এ বিষয়ে এক বক্তব্যে আইবিএমের একজন মুখপাত্র জানিয়েছেন, দক্ষতার সহজলভ্যতা এবং গ্রাহকদের চাহিদায় পরিবর্তনের কারণেই তারা আইবিএম কনসাল্টিংয়ের বেশিরভাগ পদের ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ড স্পনসরশিপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। বিদেশে স্থানান্তরের সুযোগের ক্ষেত্রে ভারতই প্রধান গন্তব্য হিসেবে সামনে আসছে। ১৯ নভেম্বর আইবিএমের ক্যারিয়ার পোর্টালে যুক্তরাষ্ট্রের বাইরে কনসাল্টিং খাতে ১ হাজার ২৭৮টি শূন্য পদের তালিকা দেখা গেছে, যার মধ্যে ১ হাজার ১২৫টিই ছিল ভারতে। এছাড়া সিঙ্গাপুরে ২৩টি এবং যুক্তরাজ্যে ১৮টি পদ ছিল, আর যুক্তরাষ্ট্রে ছিল ৮৯টি শূন্য পদ। তবে কতজন কর্মী এই সিদ্ধান্তে সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিংবা স্থানান্তরিত কর্মীদের বেতন-ভাতার শর্ত কী হবে, সে বিষয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কোনো সংখ্যা প্রকাশ করেনি। কর্মীদের একাংশের আশঙ্কা, যুক্তরাষ্ট্র থেকে ভারতে স্থানান্তরিত হলে বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের মুখে পড়তে হতে পারে। বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের ভিসা নীতি কঠোর হওয়া এবং প্রযুক্তি খাতের নিয়োগ ও পরিচালনা কাঠামোতে পরিবর্তনের প্রেক্ষাপটে এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে কর্মরত বিদেশি পেশাজীবীদের বড় একটি অংশ এইচ-১বি ভিসা ও এমপ্লয়মেন্ট-ভিত্তিক গ্রিন কার্ডের ওপর নির্ভরশীল। বিশেষ করে ভারতীয় পেশাজীবীরা মার্কিন এইচ-১বি ভিসার বড় অংশ পেয়ে থাকেন এবং গ্রিন কার্ডের দীর্ঘ অপেক্ষার তালিকায় থাকেন। ফলে স্পনসরশিপ বন্ধ ও স্বল্প সময়ের মধ্যে বিকল্প বেছে নেওয়ার এই নির্দেশনা সংশ্লিষ্ট কর্মীদের ক্যারিয়ার ও অভিবাসন পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
একসময় ছিলেন বৌদ্ধ ভিক্ষু, এবার নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর হলেন তাবি
সামান্য কথার প্রতিবাদে ঘুষি-লাথি, নিউইয়র্ক সাবওয়েতে যাত্রীর জীবন সংকটে

