ক্যালিফোর্নিয়ার যে ৫টি পর্যটনস্থলে সবচেয়ে বেশি প্রাণ হারান দর্শনার্থীরা, সেখানে ভুল করলেই বিপদ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। মরুভূমি, পাহাড়, সমুদ্রসৈকত ও জাতীয় উদ্যানের বৈচিত্র্যে প্রতিবছর লাখো মানুষ সেখানে ভ্রমণ করেন। তবে মনোমুগ্ধকর সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে কিছু মারাত্মক ঝুঁকিপূর্ণ স্থান, যেখানে অসতর্কতা বা প্রতিকূল পরিবেশের কারণে বহু পর্যটক প্রাণ হারিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির রিয়েল এস্টেট ব্যবসায়ী লিন্ডসি মারিনো অঙ্গরাজ্যের এমন পাঁচটি পর্যটনস্থানের কথা তুলে ধরেন, যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি দুর্ঘটনা ও মৃত্যুর ঘটনাতেও পরিচিত। তালিকায় রয়েছে ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের দুটি বিখ্যাত স্থানও।
মার্কিন ন্যাশনাল পার্ক সার্ভিসের তথ্য, গবেষণা প্রতিবেদন এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের সঙ্গে মারিনোর উল্লেখ করা ঘটনাগুলোর মিল পাওয়া যায়।
প্রথমেই রয়েছে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক। প্রায় ৩৪ লাখ একরজুড়ে বিস্তৃত এই মরুভূমি পৃথিবীর অন্যতম উষ্ণ স্থান হিসেবে পরিচিত। মারিনোর ভাষায়, এখানে সবচেয়ে বড় বিপদ শুধু প্রচণ্ড গরম নয়, বরং অল্প সময়ের মধ্যেই একটি ছোট সমস্যা জীবন-মরণ পরিস্থিতিতে পরিণত হতে পারে। গাড়ির টায়ার পাংচার হওয়া বা ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ার মতো ঘটনাও তীব্র গরমে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এতে পানিশূন্যতা, অতিরিক্ত ক্লান্তি এবং হিট স্ট্রোকের ঝুঁকি দ্রুত বেড়ে যায়।
২০২৪ সালে ডেথ ভ্যালি দিয়ে যাওয়ার সময় তীব্র গরমে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। একটি গবেষণা অনুযায়ী, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে এই পার্কে অন্তত ৬৮ জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ গড়ে বছরে প্রায় চারজন। ন্যাশনাল পার্ক সার্ভিসের তথ্যে দেখা যায়, সাম্প্রতিক বছরগুলোতে এখানে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে সড়ক দুর্ঘটনায়। এছাড়া অতিরিক্ত গরমজনিত অসুস্থতাও উল্লেখযোগ্য সংখ্যক মৃত্যুর কারণ।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইয়োসেমিটি ন্যাশনাল পার্কের বিখ্যাত হাফ ডোম। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮ হাজার ৮০০ ফুট উঁচু এই গ্রানাইট শৃঙ্গ ট্রেকারদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। শীর্ষে পৌঁছাতে প্রায় ১৪ থেকে ১৬ মাইল পথ হাঁটতে হয় এবং শেষ অংশে ইস্পাতের তার ধরে খাড়া ঢাল বেয়ে উঠতে হয়।
চমৎকার দৃশ্যের জন্য পরিচিত হলেও এই পথ অত্যন্ত বিপজ্জনক। বিভিন্ন তথ্য অনুযায়ী, ১৯৪৮ সালের পর থেকে হাফ ডোমের কেবল অংশ ও শীর্ষ এলাকায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। পার্ক কর্তৃপক্ষের পরামর্শ, বৃষ্টি, ভেজা পাথর বা বজ্রঝড়ের সময় কখনোই কেবল বেয়ে ওঠা উচিত নয়। কারণ ভেজা পাথর ও বজ্রপাত মুহূর্তেই প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
ইয়োসেমিটির আরেকটি ঝুঁকিপূর্ণ স্থান নেভাডা ফলস। প্রায় ৫৯৪ ফুট উঁচু এই জলপ্রপাত গত দুই দশকে একাধিক প্রাণহানির সাক্ষী হয়েছে।
চলতি বছরের জুনে ২২ বছর বয়সী এক পর্যটক জলপ্রপাতের কাছে পড়ে গিয়ে মারা যান। এর আগে ২০১৮ সালে এক ইসরায়েলি পর্যটক ছবি তুলতে গিয়ে খাদের কিনারা থেকে পড়ে প্রাণ হারান। ২০১৩ সালে স্যাক্রামেন্টোর ১৯ বছর বয়সী এক তরুণ জলপ্রপাতের ওপরে স্রোতে ভেসে নিচে পড়ে মারা যান।
এ কারণে সেখানে বড় সতর্কবার্তাও টানানো রয়েছে। তাতে বলা হয়েছে, জলপ্রপাতের ওপরে পানিতে নামা বা পিচ্ছিল পাথরের ধারে যাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ প্রবল স্রোত মুহূর্তের মধ্যে কাউকে জলপ্রপাতের কিনারায় নিয়ে যেতে পারে এবং নিচে পড়ে গেলে বেঁচে থাকার সম্ভাবনা অত্যন্ত কম।
ইয়োসেমিটিতে শুধু জলপ্রপাতই নয়, গাছও কখনো কখনো প্রাণঘাতী হয়ে উঠতে পারে। গত মাসে পার্কের টুয়োলামনি গ্রোভ এলাকায় হাঁটার সময় একটি বিশাল সিকোইয়া গাছের ডাল ভেঙে পড়ে এক গুগল প্রকৌশলীর মৃত্যু হয়।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে সান ফ্রান্সিসকোর ওশান বিচ। বাহ্যিকভাবে এটি শান্ত ও সুন্দর সৈকত মনে হলেও স্থানীয়দের কাছে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শক্তিশালী রিপ কারেন্ট, বরফশীতল পানি এবং হঠাৎ সৃষ্টি হওয়া বিশাল ঢেউয়ের কারণে বহু মানুষ এখানে প্রাণ হারিয়েছেন।
শুধু ১৯৯৮ সালেই এই সৈকতে সাতজনের মৃত্যু হয়। এছাড়া ২০১৪ থেকে ২০২০ সালের মধ্যে আরও অন্তত আটজনের মৃত্যুর তথ্য প্রকাশিত হয়েছে। চলতি বছরের জুনেও অস্বাভাবিক বড় ঢেউয়ের আঘাতে এক সার্ফারের মৃত্যু হয়।
সবশেষে রয়েছে মাউন্ট হুইটনি। ১৪ হাজার ৫০৫ ফুট উচ্চতার এই পর্বত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। প্রতিবছর হাজারো পর্বতারোহী এখানে ওঠেন। তবে বিশেষজ্ঞদের মতে, শীর্ষে পৌঁছানোর চেয়ে নিচে নেমে আসার পথই বেশি বিপজ্জনক।
উচ্চতাজনিত অসুস্থতা, বিকেলের আকস্মিক ঝড়, হিমশীতল আবহাওয়া এবং অতিরিক্ত ক্লান্তি অনেক সময় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। গড়ে প্রতি বছর এক থেকে দুইজন এখানে প্রাণ হারান। ২০২২ সালে চারজন পর্বতারোহীর মৃত্যু হয়েছিল। আর চলতি বছরের জানুয়ারিতে এক পর্বতারোহী সঙ্গী ফিরে গেলেও একাই আরোহণ চালিয়ে যান এবং পরে তার মরদেহ উদ্ধার করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ক্যালিফোর্নিয়ার এসব স্থান প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত হলেও নিরাপত্তা নির্দেশনা মেনে চলা, আবহাওয়ার পূর্বাভাস দেখা এবং ঝুঁকিপূর্ণ আচরণ এড়িয়ে চলাই নিরাপদ ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বিভিন্ন পাবলিক স্কুলে চাকরির নতুন সুযোগ তৈরি হয়েছে। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য স্কুল এইড (School Aide) পদে একাধিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলস কর্তৃপক্ষ। শিশুদের সঙ্গে কাজ করতে আগ্রহীদের জন্য এসব পদে আবেদনের সুযোগ রয়েছে। নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল জব পোর্টালে ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বেশ কয়েকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন ও ম্যানহাটনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে এই তালিকায়। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কুল ডিস্ট্রিক্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে: 1. পিএস ১১৫ আলেকজান্ডার হামবোল্ট 2. ব্রঙ্কস কোলাবোরেটিভ হাই স্কুল 3. আইএস ৩৯২ 4. পিএস ১১১ অ্যাডলফ এস. অকস 5. ডিস্ট্রিক্ট ২৭, কুইন্স 6. ডিস্ট্রিক্ট ২০, ব্রুকলিন 7. ডিস্ট্রিক্ট ২৫, কুইন্স 8. বেচেস্টার মিডল স্কুল 9. ব্রঙ্কসউড প্রেপ একাডেমি 10. ডিস্ট্রিক্ট ১২, ব্রঙ্কস 11. পিএস ০৫৮ 12. পিএস ০৮৯ 13. পারফর্মিং আর্টস অ্যান্ড টেকনিক্যাল হাই স্কুল এ ছাড়া পিএস ১৯৭ দ্য ওশান স্কুলে সুপারভাইজিং স্কুল এইড পদেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কী কী দায়িত্ব পালন করতে হয়? স্কুল এইডদের প্রধান দায়িত্ব শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রমে সহযোগিতা করা এবং বিদ্যালয়ের পরিবেশ সুশৃঙ্খল রাখতে সহায়তা করা। পদভেদে দায়িত্বের মধ্যে রয়েছে: শিক্ষার্থীদের দেখাশোনা করা। শিক্ষকদের দৈনন্দিন কাজে সহযোগিতা করা। দুপুরের খাবারের সময় শিক্ষার্থীদের সহায়তা করা। স্কুলের করিডর, ক্যাফেটেরিয়া ও খেলার মাঠে শিক্ষার্থীদের তত্ত্বাবধান করা। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করা। আবেদনের যোগ্যতা পদ ও শিক্ষাপ্রতিষ্ঠানভেদে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার শর্ত ভিন্ন হতে পারে। কিছু পদের ক্ষেত্রে হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি প্রয়োজন হতে পারে। শিশুদের সঙ্গে কাজ করার দক্ষতা, যোগাযোগের সক্ষমতা এবং দায়িত্বশীলতা গুরুত্বপূর্ণ। নিয়োগের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড চেক ও ফিঙ্গারপ্রিন্টিংয়ের প্রয়োজন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা শর্তগুলো যাচাই করতে হবে। বেতন ও কর্মঘণ্টা পদ, কর্মঘণ্টা ও নিয়োগের শর্ত অনুযায়ী বেতন ভিন্ন হতে পারে। সংশ্লিষ্ট স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বেতন, কর্মঘণ্টা ও অন্যান্য সুযোগ-সুবিধার তথ্য জেনে নিতে পারবেন আবেদনকারীরা। যেভাবে আবেদন করবেন নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Careers’ বিভাগ থেকে ‘Job Opportunities’ নির্বাচন করতে হবে। এরপর ‘School Aide’ লিখে অনুসন্ধান করলে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পাওয়া যাবে। পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি থেকে আবেদনের পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্যতা ও সময়সীমা দেখে আবেদন করতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়মিত হালনাগাদ করা হয়। তাই কোনো পদে আবেদন গ্রহণ বন্ধ হয়েছে কি না, তা আবেদনের আগে নিশ্চিত হতে হবে। সূত্র: নিউইয়র্ক সিটি পাবলিক স্কুলসের অফিসিয়াল জব পোর্টাল 871/এসএ
ইরানে বিজয় ‘হাতের নাগালে’, তেহরানকে যুদ্ধের অবসানে চুক্তির আহ্বান জানালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে ১০ কোটি ডলার ফেরত দিতে সম্মত শেইন, জেনে নিন বিস্তারিত
থ্যাংকসগিভিংয়ে যুক্তরাষ্ট্রের দুই উপকূলে ঝড়, বাতিল ৪০০টির বেশি ফ্লাইট
যুক্তরাষ্ট্রে হেলথকেয়ার খাতে ক্যারিয়ার গড়তে চিকিৎসক বা নার্স হওয়াই একমাত্র পথ নয়। হাসপাতাল, ক্লিনিক, জরুরি চিকিৎসাকেন্দ্র ও মেডিকেল অফিসে এমন বেশ কিছু প্রশাসনিক ও কারিগরি পদ রয়েছে, যেখানে দীর্ঘমেয়াদি ডিগ্রি ছাড়াই কাজ শুরু করার সুযোগ পাওয়া যায়। কিছু পদের জন্য হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি এবং চাকরির পর প্রশিক্ষণই যথেষ্ট। আবার কিছু পদের জন্য কয়েক মাসের বিশেষ প্রশিক্ষণ কিংবা পেশাগত সনদ প্রয়োজন হয়। বিশেষ করে যারা যুক্তরাষ্ট্রে নতুন এসেছেন, ক্যারিয়ার পরিবর্তন করতে চান অথবা তুলনামূলক কম সময়ে চাকরির বাজারে প্রবেশ করতে চান, তাঁদের জন্য এসব পেশা হতে পারে সম্ভাবনাময় বিকল্প। ১. মেডিকেল রিসেপশনিস্ট বা ফ্রন্ট ডেস্ক হাসপাতাল, ক্লিনিক কিংবা চিকিৎসকের অফিসে রোগীদের অভ্যর্থনা জানানো, অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ, ফোনকল গ্রহণ এবং রোগীর পরিচয় ও স্বাস্থ্যবিমার কার্ড যাচাই করা তাঁদের প্রধান দায়িত্ব। কিছু প্রতিষ্ঠানে রোগীর কাছ থেকে কো-পে সংগ্রহ এবং রোগীর রেকর্ড হালনাগাদ রাখার কাজও করতে হয়। সাধারণত হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে এ পেশায় আবেদন করা যায়। ভালো যোগাযোগ দক্ষতা, কম্পিউটার পরিচালনা এবং গ্রাহকসেবার অভিজ্ঞতা বাড়তি সুবিধা দেয়। অনেক ক্ষেত্রে চাকরিতে যোগ দেওয়ার পরই প্রশিক্ষণ দেওয়া হয়। ১. পেশেন্ট অ্যাকসেস বা রেজিস্ট্রেশন রিপ্রেজেন্টেটিভ হাসপাতালে রোগীর নিবন্ধন, ব্যক্তিগত তথ্য সংগ্রহ, স্বাস্থ্যবিমা যাচাই এবং বিলিংয়ের প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করা এই পদের কাজ। হাসপাতালের জরুরি বিভাগ, জরুরি চিকিৎসাকেন্দ্র ও অন্যান্য বিভাগে তাঁদের প্রয়োজন হয়। এটি তুলনামূলকভাবে প্রবেশপর্যায়ের একটি পেশা। তবে প্রতিষ্ঠানভেদে পূর্ব অভিজ্ঞতা বা বিশেষ প্রশিক্ষণ চাওয়া হতে পারে। এ ক্ষেত্রে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেলথকেয়ার অ্যাকসেস ম্যানেজমেন্টের (ন্যাহাম) সিএইচএএ সনদ পেশাগত দক্ষতার স্বীকৃতি দিতে পারে। ১. মেডিকেল বিলিং স্পেশালিস্ট রোগীর চিকিৎসাসেবা শেষে সংশ্লিষ্ট স্বাস্থ্যবিমা কোম্পানির কাছে বিল বা ক্লেইম পাঠানো, পেমেন্টের হিসাব রাখা এবং কোনো ক্লেইম বাতিল বা প্রত্যাখ্যাত হলে তার কারণ খুঁজে প্রয়োজনীয় সংশোধন করা এই পেশার প্রধান কাজ। এ ক্ষেত্রে আমেরিকান একাডেমি অব প্রফেশনাল কোডারসের (এএপিসি) সিপিবি অথবা ন্যাশনাল হেলথকেয়ার অ্যাসোসিয়েশনের (এনএইচএ) সিবিসিএস সনদ নেওয়ার সুযোগ রয়েছে। প্রশিক্ষণের মেয়াদ প্রতিষ্ঠান ও কোর্সের ধরন অনুযায়ী ভিন্ন হয়। উদাহরণ হিসেবে এএপিসির নিজস্ব স্বনির্ধারিত প্রশিক্ষণ কোর্স গড়ে চার মাস বা তার কম সময়ে শেষ করা যায় বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। ১. মেডিকেল কোডার চিকিৎসকের নোট, রোগীর চিকিৎসার বিবরণ ও বিভিন্ন পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে নির্দিষ্ট মেডিকেল কোড নির্ধারণ করেন মেডিকেল কোডাররা। এ কাজে আইসিডি-১০-সিএম, সিপিটি ও এইচসিপিসিএস কোড ব্যবহার করা হয়। কোডে ভুল থাকলে স্বাস্থ্যবিমার ক্লেইমে সমস্যা তৈরি হতে পারে। এএপিসির সিপিসি এবং আমেরিকান হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের (এএইচআইএমএ) সিসিএ ও সিসিএস পরিচিত পেশাগত সনদ। তবে সিসিএ নতুনদের জন্য উপযোগী হলেও সিসিএস সাধারণত অভিজ্ঞ কোডারদের জন্য বেশি উপযুক্ত। প্রশিক্ষণ ও প্রস্তুতির সময় শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিক্ষার্থীর পূর্ব অভিজ্ঞতার ওপর নির্ভর করে। ১. মেডিকেল রেকর্ডস বা হেলথ ইনফরমেশন ক্লার্ক রোগীদের ইলেকট্রনিক হেলথ রেকর্ড সংরক্ষণ, তথ্য হালনাগাদ, প্রয়োজনীয় নথি খুঁজে বের করা এবং অনুমোদিত ব্যক্তির কাছে রেকর্ড সরবরাহ করা এই পদের দায়িত্ব। রোগীর ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা এবং স্বাস্থ্যতথ্য সুরক্ষাসংক্রান্ত নিয়ম মেনে চলাও গুরুত্বপূর্ণ। কিছু পদে হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে প্রবেশের সুযোগ রয়েছে। তবে বিশেষায়িত কাজে উচ্চমাধ্যমিক-পরবর্তী সনদ বা অ্যাসোসিয়েট ডিগ্রি প্রয়োজন হতে পারে। এএইচআইএমএর আরএইচআইটি সনদ পেতে সিএএইচআইআইএম-স্বীকৃত হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট প্রোগ্রামের অ্যাসোসিয়েট ডিগ্রি পর্যায়ের শিক্ষাগত যোগ্যতা পূরণ করতে হয়। ১. হেলথ ইউনিট কো-অর্ডিনেটর হাসপাতালের নির্দিষ্ট ইউনিটে নার্সদের স্টেশনে কাজ করেন হেলথ ইউনিট কো-অর্ডিনেটররা। চিকিৎসকদের নির্দেশনাসংক্রান্ত তথ্য নথিভুক্ত করা, পরীক্ষার সময়সূচি সমন্বয়, ফোনকল গ্রহণ এবং রোগীর কাগজপত্র ব্যবস্থাপনা তাঁদের কাজের অংশ। হাইস্কুল ডিপ্লোমা বা জিইডি দিয়ে এ পেশার জন্য প্রস্তুতি নেওয়া যায়। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব হেলথ ইউনিট কো-অর্ডিনেটরসের (নাহুক) সিএইচইউসি সনদও রয়েছে। তবে পরীক্ষায় অংশ নিতে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, প্রশিক্ষণ অথবা একই ধরনের দায়িত্ব পালনের যোগ্যতা প্রয়োজন। ১. স্টেরাইল প্রসেসিং টেকনিশিয়ান অস্ত্রোপচারে ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার, জীবাণুমুক্ত, পরীক্ষা ও প্যাকেজিং করার দায়িত্ব পালন করেন এই টেকনিশিয়ানরা। হাসপাতাল ও সার্জারি সেন্টারে রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে হেলথকেয়ার স্টেরাইল প্রসেসিং অ্যাসোসিয়েশনের (এইচএসপিএ) সিআরসিএসটি এবং সিবিএসপিডির সিএসপিডিটি সনদ পরিচিত। বিশেষ করে সিআরসিএসটি পেতে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি ৪০০ ঘণ্টার হাতে-কলমে কাজের অভিজ্ঞতা বাধ্যতামূলক। পরীক্ষা দেওয়ার আগে অথবা উত্তীর্ণ হওয়ার পর ছয় মাসের মধ্যে এই অভিজ্ঞতা সম্পন্ন করা যায়। ক্যারিয়ারে সামনে এগোনোর সুযোগ এসব পেশায় অভিজ্ঞতা অর্জনের পর দায়িত্ব ও দক্ষতা অনুযায়ী উচ্চতর পদে যাওয়ার সুযোগ রয়েছে। ফ্রন্ট ডেস্ক থেকে অফিস ব্যবস্থাপনা, পেশেন্ট অ্যাকসেস থেকে হাসপাতাল প্রশাসন, মেডিকেল বিলিং থেকে রেভিনিউ সাইকেল ম্যানেজমেন্ট এবং মেডিকেল কোডিং থেকে অডিটিং ও কমপ্লায়েন্সের মতো ক্ষেত্রে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। একইভাবে মেডিকেল রেকর্ডস থেকে আরএইচআইটি সনদ অর্জনের মাধ্যমে হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্টে এগোনো যায়। স্টেরাইল প্রসেসিং থেকে সার্জিক্যাল টেকনোলজি কিংবা নার্সিংয়ে যেতে চাইলে অবশ্য আলাদা শিক্ষাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও লাইসেন্সের প্রয়োজন হবে। শুরু করার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হেলথকেয়ারে প্রবেশের জন্য সবাইকে নার্সিং বা মেডিকেল স্কুলে পড়তে হয় না। নন-ক্লিনিক্যাল ও সহায়ক পেশাগুলোও ক্যারিয়ার শুরুর বাস্তব সুযোগ তৈরি করতে পারে। তবে সব পদে একই যোগ্যতা বা প্রশিক্ষণ প্রয়োজন হয় না। কোনো কোনো পদে পেশাগত সনদ ঐচ্ছিক, আবার কোনো নিয়োগদাতা সেটিকে অগ্রাধিকার দিতে পারেন। কোর্সে ভর্তি হওয়ার আগে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের নিয়ম, নিয়োগদাতার যোগ্যতা, সনদের শর্ত এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বীকৃতি যাচাই করা জরুরি। শুধু দ্রুত সনদ পাওয়ার প্রতিশ্রুতি দেখে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়া উচিত নয়। প্রশিক্ষণের খরচ, পরীক্ষার ফি এবং চাকরির বাস্তব সুযোগ বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। সূত্র: যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো 871/এসএ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার রাস্তায় লোমহীন রহস্যময় প্রাণীর দেখা, কৌতূহল ও উদ্বেগে স্থানীয়রা
যুক্তরাষ্ট্রে জন্মহার কমার পেছনে গাড়ির সিটকে দায়ী করে কেটি মিলারের অদ্ভুত ব্যাখ্যা
২০২৬ সালে সাশ্রয়ী মূল্যে বাড়ি কেনার সেরা ৫ মার্কিন অঙ্গরাজ্যের নতুন তালিকা প্রকাশ
সন্তানের ভরণপোষণের অর্থ বকেয়া থাকলে এবার আরও বেশি মার্কিন নাগরিকের পাসপোর্ট বাতিলের মুখে পড়তে হবে। আগামী ৩০ নভেম্বর থেকে নতুন ধাপে ১০ হাজার ডলার বা তার বেশি ভরণপোষণ বকেয়া থাকা অভিভাবকদের বিরুদ্ধে পাসপোর্ট বাতিলের ব্যবস্থা সম্প্রসারণ করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নতুন এই পদক্ষেপের ফলে দেশটির যেসব নাগরিকের আদালত নির্ধারিত সন্তান ভরণপোষণের অর্থ দীর্ঘদিন ধরে অপরিশোধিত রয়েছে, তাঁদের আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ সীমিত হয়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রায় তিন দশক পুরোনো একটি ফেডারেল আইনের আওতায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৯৯৬ সালে প্রণীত পার্সোনাল রেসপনসিবিলিটি অ্যান্ড ওয়ার্ক অপরচুনিটি রিকনসিলিয়েশন অ্যাক্টের মাধ্যমে সন্তান ভরণপোষণের অর্থ পরিশোধে বাধ্য করতে পাসপোর্ট আটকে দেওয়া বা বাতিলের বিধান চালু হয়। পরে ২০০৫ সালে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে বকেয়ার সীমা কমিয়ে ২ হাজার ৫০০ ডলার করা হয়। তবে দীর্ঘদিন এই আইন মূলত নতুন পাসপোর্টের আবেদন বা নবায়নের ক্ষেত্রে প্রয়োগ করা হতো। ২০২৬ সালের মে মাস থেকে বিদ্যমান পাসপোর্টও সক্রিয়ভাবে বাতিলের উদ্যোগ জোরদার করে ট্রাম্প প্রশাসন। এ বছরের ৮ মে প্রথম ধাপে ১ লাখ ডলারের বেশি ভরণপোষণ বকেয়া থাকা ব্যক্তিদের পাসপোর্ট বাতিল শুরু হয়। এরপর পর্যায়ক্রমে এই সীমা কমানো হয়। জুনে ৭৫ হাজার ও ৫০ হাজার ডলারের বকেয়া, জুলাইয়ে ৪০ হাজার ডলার, আগস্টে ২৫ হাজার ডলার এবং অক্টোবরে ১৫ হাজার ডলারের বকেয়া থাকা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়। এবার সপ্তম ধাপে ৩০ নভেম্বর থেকে ১০ হাজার ডলারের সীমায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। অ্যাসোসিয়েটেড প্রেসের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, প্রথম পর্যায়েই প্রায় ২ হাজার ৭০০ পাসপোর্টধারী এই ব্যবস্থার আওতায় পড়েছিলেন। এই প্রক্রিয়ায় অঙ্গরাজ্যগুলোর শিশু ভরণপোষণ আদায়কারী সংস্থাগুলো প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বকেয়া অর্থের তথ্য সংগ্রহ করে। পরে সেই তথ্য যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরের অধীন শিশু ভরণপোষণ প্রয়োগকারী কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে তথ্য পৌঁছায় পররাষ্ট্র দপ্তরে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির বিদ্যমান পাসপোর্ট বাতিল করা কিংবা নতুন পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যানের ব্যবস্থা নেওয়া হয়। একাধিক অঙ্গরাজ্যে ভরণপোষণের অর্থ বকেয়া থাকলেও সম্মিলিত বকেয়ার পরিমাণ নির্ধারিত সীমায় পৌঁছালে সংশ্লিষ্ট ব্যক্তি এই ব্যবস্থার আওতায় আসতে পারেন। পাসপোর্ট বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি আন্তর্জাতিক ভ্রমণের জন্য সেটি আর ব্যবহার করতে পারবেন না। এমনকি বকেয়া অর্থ পরিশোধ করলেও পুরোনো পাসপোর্টের বৈধতা স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রথমে সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের শিশু ভরণপোষণ আদায়কারী সংস্থার কাছে বকেয়া পরিশোধ করতে হবে। এরপর অঙ্গরাজ্য কর্তৃপক্ষ স্বাস্থ্য ও মানবসেবা দপ্তরকে অর্থ পরিশোধের তথ্য জানাবে। যাচাই শেষে ওই দপ্তর সংশ্লিষ্ট ব্যক্তির নাম বকেয়ার তালিকা থেকে সরানোর তথ্য পররাষ্ট্র দপ্তরে পাঠাবে। এই যাচাই প্রক্রিয়ায় কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগতে পারে। বিদেশে অবস্থানরত কোনো মার্কিন নাগরিকের পাসপোর্ট বাতিল হলেও তাঁর দেশে ফেরার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে বকেয়া অর্থ পরিশোধের পাশাপাশি নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে যোগাযোগ করতে হবে। স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করার আগপর্যন্ত তাঁকে কেবল যুক্তরাষ্ট্রে সরাসরি ফিরে যাওয়ার জন্য সীমিত মেয়াদের পাসপোর্ট দেওয়া হতে পারে। বাতিল হওয়া পুরোনো পাসপোর্ট দিয়ে অন্য কোনো দেশে যাতায়াতের সুযোগ থাকবে না। তবে এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এক অঙ্গরাজ্য থেকে অন্য অঙ্গরাজ্যে যাতায়াত বন্ধ করে না। কারণ, দেশের অভ্যন্তরীণ ভ্রমণের জন্য সাধারণত পাসপোর্ট প্রয়োজন হয় না। মূলত আন্তর্জাতিক ভ্রমণ নিয়ন্ত্রণ এবং সন্তান ভরণপোষণের বকেয়া অর্থ আদায় নিশ্চিত করাই এই কর্মসূচির উদ্দেশ্য। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২ হাজার ৫০০ ডলারের বেশি বকেয়া থাকলে নতুন পাসপোর্ট ইস্যু আটকে দেওয়া বা বিদ্যমান পাসপোর্ট বাতিল করার আইনি ক্ষমতা তাদের রয়েছে। ফলে ৩০ নভেম্বরের নতুন ধাপ কার্যকর হলেও মূল আইনি সীমা অপরিবর্তিত থাকছে। সূত্র: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), মিনেসোটা ডিপার্টমেন্ট অব চিলড্রেন, ইয়ুথ অ্যান্ড ফ্যামিলিজ। 872 আইজেট
কারাগারে ফেরার পথে পুলিশের গাড়ি নিয়ে পলালেন অন্তঃসত্ত্বা মার্কিন নারী
মামদানি এসআরজি বিলুপ্তির পরিকল্পনা করছেন, সেই ইউনিটের পক্ষেই দাঁড়ালেন বিক্ষোভের মুখে পড়া ইহুদি ব্যবসায়ী

