রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড
পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় দেশটির নিরাপত্তা উদ্বেগ বেড়েছে। সর্বশেষ পরিস্থিতিতে রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার শর্তসাপেক্ষ অনুমতি পেয়েও গুলি চালায়নি ন্যাটোর অধীনে দায়িত্ব পালন করা সুইডিশ যুদ্ধবিমানের পাইলট। খারাপ আবহাওয়ার কারণে লক্ষ্যবস্তুটি নিশ্চিতভাবে শনাক্ত করতে না পারায় অস্ত্র ব্যবহার করা সম্ভব হয়নি। এর মধ্যে নতুন করে রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করায় যুক্তরাষ্ট্রের কাছে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েনের দাবি আবারও জোরালো করেছে ওয়ারশ।
ফক্স নিউজের ২৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়, গত চার দিনের মধ্যে দুই দফায় রাশিয়ার সামরিক উড়োজাহাজ ও ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে। এর প্রথম ঘটনা ঘটে ২০ নভেম্বর রাতে। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলার সময় তিনটি রুশ ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। প্রথম দিকে এগুলোর মধ্যে দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন থাকার ধারণা করা হলেও পরে পোলিশ প্রসিকিউটররা তিনটি স্থান থেকেই রুশ খ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ শনাক্ত করেন। দেশটির লুবলিন অঞ্চলের নোভি লিপোভিয়েচ এবং পডকারপাস্কি অঞ্চলের রুদনিক নাদ সানেম ও মোলোদিচ এলাকায় এসব ধ্বংসাবশেষ পাওয়া যায়।
ওই ঘটনার সময় ন্যাটোর অধীনে দায়িত্ব পালন করছিল সুইডিশ বিমানবাহিনীর জেএএস-৩৯ গ্রিপেন যুদ্ধবিমান। পোল্যান্ডের সশস্ত্র বাহিনীর অপারেশনাল কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইরেনিউশ নোভাকের বরাত দিয়ে কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানায়, একটি সন্দেহভাজন রুশ খ-১০১ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য সুইডিশ পাইলটকে শর্তসাপেক্ষ অনুমতি দেওয়া হয়েছিল। জার্মানির উডেমে অবস্থিত ন্যাটোর সম্মিলিত আকাশ অভিযান কেন্দ্র থেকে এই অনুমতি আসে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে পাইলটটি লক্ষ্যবস্তুটি চোখে কিংবা বিমানের বিশেষ শনাক্তকরণ যন্ত্রের সাহায্যে নিশ্চিত করতে পারেননি। ফলে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি।
এরপর ২৩ নভেম্বর গভীর রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার নতুন হামলার সময় আরেকটি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে। পোলিশ সামরিক বাহিনী জানায়, ড্রোনটি কিছু সময় দেশটির আকাশসীমায় অবস্থান করে। সেটিকে ভূপাতিত করার অনুমতি থাকলেও ড্রোনটি পূর্বদিকে গতিপথ পরিবর্তন করায় গুলি চালানো হয়নি। জনবহুল এলাকায় ড্রোনটি ভূপাতিত করলে ধ্বংসাবশেষ পড়ে বেসামরিক মানুষের প্রাণহানি ও সম্পদের ক্ষতি হতে পারে, এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পোল্যান্ডের উপপ্রতিরক্ষামন্ত্রী পাওয়েল জালেভস্কি বলেছেন, ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তাদের ধারণা, এটি পরিকল্পিতভাবে করা হয়েছে।
পরপর এসব ঘটনার পর ন্যাটোও পোল্যান্ডের প্রতিরক্ষা জোরদারে উদ্যোগ নিয়েছে। ২৩ নভেম্বর পোল্যান্ডের অনুরোধে ব্রাসেলসে ন্যাটোর উত্তর আটলান্টিক কাউন্সিলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ এবং পূর্বাঞ্চলীয় সীমান্তের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর ন্যাটোর ইউরোপীয় মিত্রবাহিনীর সর্বোচ্চ কমান্ডার পোল্যান্ডে একটি আকাশপথে আগাম সতর্কতা ও নিয়ন্ত্রণব্যবস্থার উড়োজাহাজ বা এওয়াকস মোতায়েনের অনুমোদন দেন। এই উড়োজাহাজের বিশেষ রাডারের মাধ্যমে অনেক দূর থেকে আকাশপথের সম্ভাব্য হুমকি শনাক্ত ও পর্যবেক্ষণ করা যায়।
এদিকে পোল্যান্ডের ওয়াশিংটনস্থ ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বগদান ক্লিচ জানিয়েছেন, তিনি হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদকে সাম্প্রতিক আকাশসীমা লঙ্ঘনের ঘটনা সম্পর্কে অবহিত করেছেন। ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুশ ক্ষেপণাস্ত্রের অনুপ্রবেশ নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার কথা জানান। একই সঙ্গে পোল্যান্ডে স্থায়ীভাবে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টিও আবার তুলে ধরেন। তার মতে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতিতে দেশটির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি গুরুত্বপূর্ণ।
পোল্যান্ডে মার্কিন সেনাদের স্থায়ী উপস্থিতির বিষয়টি অবশ্য নতুন নয়। সেপ্টেম্বরে দেশটির উপপ্রতিরক্ষামন্ত্রী স্তানিস্লাভ ভজিয়ন্তেক জানিয়েছিলেন, দীর্ঘমেয়াদে পোল্যান্ডে প্রায় ১৫ হাজার মার্কিন সেনা রাখার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে চার থেকে পাঁচ হাজার সেনা স্থায়ী ঘাঁটিতে এবং বাকিরা পালাক্রমে দায়িত্ব পালন করতে পারেন। বর্তমানে দুই দেশের মধ্যে সামরিক উপস্থিতি বাড়ানো এবং নতুন অবকাঠামো নির্মাণ নিয়ে আলোচনা চলছে। তবে স্থায়ী মার্কিন সামরিক ঘাঁটি প্রতিষ্ঠার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো ওয়াশিংটনের হাতে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া ও ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় পোল্যান্ড এখন নিজেদের আকাশসীমা ও পূর্ব সীমান্তের নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে চাইছে।
সংবাদসূত্র: রয়টার্স, ফক্স নিউজ ও পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
872 আইজেট
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বিশ্ব
View moreচীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস গড়েছেন পাকিস্তানের ৪০ বছর বয়সী সাবেক বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী। বুধবার (২৫ নভেম্বর) চীনের শেনঝৌ-২৪ মহাকাশযানে করে তিনি দুই চীনা নভোচারী তাং হংবো ও উ ইয়ের সঙ্গে স্টেশনে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে জিশান হলেন মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি এবং তিয়াংগংয়ে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতেও বিদেশি নভোচারীর অংশগ্রহণের ক্ষেত্রে এটি প্রথম ঘটনা। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৮ মিনিটে লং মার্চ-২এফ রকেটের সাহায্যে শেনঝৌ-২৪ মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের প্রায় ছয় ঘণ্টা পর স্থানীয় সময় দুপুর ২টা ৩৫ মিনিটে তিন নভোচারী তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই অবস্থানরত শেনঝৌ-২৩ অভিযানের নভোচারীরা নতুন দলকে স্বাগত জানান। পুরো অভিযানটি চীন ও পাকিস্তানের দীর্ঘদিনের মহাকাশ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে। জিশান আলী এ অভিযানে মহাকাশযানে বহন করা বৈজ্ঞানিক সরঞ্জাম ও পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন। তিনি তিয়াংগং স্টেশনে প্রায় ৫ থেকে ১০ দিন অবস্থান করবেন বলে জানিয়েছে রয়টার্স। এরপর শেনঝৌ-২৩ মহাকাশযানে করে দুই চীনা নভোচারীর সঙ্গে পৃথিবীতে ফিরবেন তিনি। অর্থাৎ, চীনা নভোচারীদের নিয়মিত ছয় মাসের অভিযানের অংশ হিসেবে নয়, বরং স্বল্পমেয়াদি যৌথ মহাকাশ অভিযানে অংশ নিচ্ছেন পাকিস্তানের এই নভোচারী। মহাকাশে অবস্থানকালে তিনি চীন ও পাকিস্তানের যৌথ বৈজ্ঞানিক গবেষণায় অংশ নেবেন। চীনের মানববাহী মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, উপকরণবিজ্ঞান ও জীবপ্রযুক্তি খাতে চারটি যৌথ গবেষণা প্রকল্প পরিচালিত হবে। এর মধ্যে রয়েছে মহাকাশযানে ব্যবহৃত স্ব-নিরাময়যোগ্য কার্বন-ফাইবার উপাদানের ক্ষুদ্র ফাটল নিজে থেকে মেরামত করার সক্ষমতা পরীক্ষা। পাশাপাশি আলোকসংশ্লেষণকারী সায়ানোব্যাকটেরিয়া নিয়েও পরীক্ষা চালানো হবে। এসব গবেষণা ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি ও দীর্ঘমেয়াদি অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে। এই অভিযানের প্রস্তুতি নিতে বেইজিংয়ে টানা সাত মাস প্রশিক্ষণ নিয়েছেন জিশান আলী। মহাকাশযান ও স্টেশনের কার্যক্রম পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং চীনা ভাষায় যোগাযোগের বিষয়ে তাঁকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। অভিযানের আগে সংবাদ সম্মেলনে জিশান বলেন, তাঁর এই মহাকাশযাত্রা শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো পাকিস্তানের প্রতিনিধিত্ব করার বিষয়। নিজের কাঁধে দেশের নাম ও কোটি মানুষের প্রত্যাশা বহন করছেন বলেও উল্লেখ করেন তিনি। চীন ও পাকিস্তানের মহাকাশ সহযোগিতার আনুষ্ঠানিক ভিত্তি আরও শক্তিশালী হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। ওই সময় পাকিস্তানি নভোচারীকে চীনের মহাকাশ স্টেশনে পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় ২০২৬ সালের এপ্রিলে পাকিস্তানের দুই বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী ও খুররম দাউদকে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। তাঁরা দুজনই চীনে প্রশিক্ষণ নেন। শেষ পর্যন্ত শেনঝৌ-২৪ অভিযানের জন্য জিশান আলীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। জিশানের এই অর্জনে পাকিস্তানের সরকারি পর্যায়ে ব্যাপক উৎসাহ দেখা গেছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক অভিনন্দন বার্তায় বলেন, এটি শুধু একজন নভোচারীর যাত্রা নয়, বরং পাকিস্তানের ২৪ কোটি মানুষের পাশাপাশি দেশটির তরুণ প্রজন্ম, বিজ্ঞানী ও তাঁদের স্বপ্নের যাত্রা। অন্যদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এ উপলক্ষে অভিনন্দন বার্তা বিনিময় করেছেন। শি জিনপিং দুই দেশের নভোচারীদের যৌথ মহাকাশ অভিযানকে দীর্ঘদিনের বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতার গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে উল্লেখ করেন। মহাকাশে মুসলিম বিশ্বের অংশগ্রহণ অবশ্য জিশানের মাধ্যমে শুরু হয়নি। এর আগে সৌদি আরব, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের নভোচারীরাও মহাকাশ অভিযানে অংশ নিয়েছেন। ১৯৮৫ সালে সৌদি আরবের প্রিন্স সুলতান বিন সালমান প্রথম মুসলিম নভোচারী হিসেবে মহাকাশে যান। তবে পাকিস্তানের প্রথম মহাকাশযাত্রী এবং চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করা প্রথম বিদেশি নভোচারী হিসেবে জিশান আলীর এই অর্জন দেশটির মহাকাশ গবেষণা ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। তথ্যসূত্র: রয়টার্স ও চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
তুরস্কে ১২ দিনের ব্যবধানে দ্বিতীয় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫
রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিতের অনুমতি পেল ন্যাটোর যুদ্ধবিমান, স্থায়ী মার্কিন সেনা চায় পোল্যান্ড
আফগানিস্তানে মেয়ের নিরাপত্তা ও স্বাধীনতার জন্য ১০ বছর ছেলের বেশে বড় করেন বাবা
ক্যাথলিক খ্রিস্টানদের প্রয়াত ধর্মগুরু পোপ ফ্রান্সিস তাঁর জীবদ্দশায় তিনবার শয়তান এবং একবার ‘নরকের দরজা’ দেখেছিলেন বলে দাবি করেছেন। সম্প্রতি প্রকাশিত তাঁর ব্যক্তিগত ডায়েরির কিছু অংশে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। মঙ্গলবার প্রকাশিত ‘দ্য প্রাইভেট ডায়েরি অব পোপ ফ্রান্সিস’ শীর্ষক বইয়ে ২০২১ সালের একটি লেখায় তিনি শয়তানের তিনটি দর্শনের কথা উল্লেখ করেন। ডায়েরির তথ্যমতে, তিনি প্রথমবার একটি গাড়ির ভেতর থেকে, দ্বিতীয়বার প্রার্থনা চলাকালীন গির্জার গায়কদলের মঞ্চে এবং তৃতীয়বার ভ্যাটিকান কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকের সময় শয়তানকে দেখতে পান। একটি অভিজ্ঞতার স্মৃতিচারণ করে পোপ ফ্রান্সিস লিখেছেন, "আমি তাঁর (শয়তানের) কণ্ঠের সেই প্রচণ্ড কর্কশ ভাব ভুলতে পারি না।" শয়তানের ভয়ংকর চোখের বর্ণনা দিয়ে তিনি লেখেন, "সে আমার দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে ছিল... যা আগের বারের চেয়েও তীব্র ছিল। চোখগুলো ছিল আগুনের ঝলকানির মতো।" বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকাকালীন একটি কার্মেলাইট চ্যাপেলের ভেতরে দ্বিতীয়বার এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন বলে জানান তিনি। এছাড়া ২০১৮ সালের জুন মাসে ঘুমানোর প্রস্তুতি নেওয়ার সময় তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেছেন। সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি লেখেন, "আমি কিছুক্ষণ তাকিয়ে ছিলাম, এবং এটি আমাকে ভীত করে তুলেছিল। আমি আত্মরক্ষার অস্ত্র হিসেবে জপমালা (রোজারি) হাতে তুলে নিয়েছিলাম। নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক, কারণ সেখান থেকে আগুনের শিখা ছিটকে এসে পুড়িয়ে দিতে পারে।" ১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এই ডায়েরিতে ২০১৮ সালে চিলি সফর নিয়েও নিজের অনুশোচনার কথা প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। সে সময় এক যাজকের যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক বিশপের পক্ষ নেওয়ায় বিশ্বজুড়ে সমালোচিত হয়েছিলেন তিনি। পরবর্তীতে পোপ ক্ষমা চান এবং চিলির সব বিশপকে রোমে তলব করেন, যেখানে তাঁরা সবাই পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন। ২০২১ সালের এক লেখায় তিনি চিলির সেই পরিস্থিতি নিয়ে নিজেকে 'বিধ্বস্ত' বলে উল্লেখ করেন এবং স্বীকার করেন যে বিষয়টি যে এতটা গুরুতর ছিল, তা তিনি শুরুতে বুঝতে পারেননি। ভ্যাটিকানের ডিকাস্ট্রি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথের প্রধান ও ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ এই ডায়েরিগুলো সম্পাদনা করেছেন। ১৯৬০-এর দশকের পর এই প্রথম কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি জনসমক্ষে প্রকাশিত হলো। উল্লেখ্য, পোপ ফ্রান্সিস ২০১৩ সালে ক্যাথলিক চার্চের প্রধান নির্বাচিত হন এবং ১২ বছর দায়িত্ব পালনের পর ২০২৫ সালের এপ্রিলে ৮৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। সূত্র: বিবিসি 873/ডিএন
ইরানের হাতে আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র! ট্রাম্পের যুদ্ধ পরিকল্পনা কি তবে ভেস্তে যাচ্ছে?
মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠাচ্ছে রাশিয়া! কায়েম হবে একচ্ছত্র ক্ষমতা
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান আলী
পর্তুগালে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেতে বিদেশিদের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নতুন সুযোগ চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা এআইএমএ (AIMA)। এখন থেকে নির্দিষ্ট যোগ্যতা পূরণকারী বিদেশিরা সংস্থাটির অনলাইন যোগাযোগ ফরম ব্যবহার করে স্থায়ী বসবাসের অনুমতির জন্য সরাসরি সাক্ষাতের সময় চেয়ে আবেদন করতে পারবেন। গত ৫ নভেম্বর ২০২৬ থেকে এই নতুন সুবিধা চালু হয়েছে। পর্তুগালে দীর্ঘদিন ধরে বৈধভাবে বসবাস করছেন, এমন অভিবাসীদের জন্য প্রক্রিয়াটি সহজ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এআইএমএর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ব্যবস্থাটি পর্তুগালের অভিবাসন আইন ২৩/২০০৭-এর ৮০ নম্বর ধারার আওতায় স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার জন্য প্রযোজ্য। আবেদন করতে আগ্রহীদের প্রথমে এআইএমএর অনলাইন যোগাযোগ ফরমে প্রবেশ করতে হবে। সেখানে ‘রেসিডেন্স পারমিট’ বিষয়টি নির্বাচন করে ‘স্থায়ী বসবাসের অনুমতি প্রদানের জন্য অ্যাপয়েন্টমেন্টের আবেদন’ উপবিষয়টি বেছে নিতে হবে। তবে এই সুবিধা সবার জন্য নয়। আবেদনকারীকে অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে অস্থায়ী বসবাসের অনুমতিধারী হতে হবে। পাশাপাশি গত পাঁচ বছরে এমন কোনো অপরাধে দণ্ডিত হওয়া যাবে না, যার একক বা সম্মিলিত কারাদণ্ডের মেয়াদ এক বছরের বেশি। আবেদনকারীর পর্যাপ্ত জীবিকা নির্বাহের ব্যবস্থা, আবাসনের নিশ্চয়তা, পর্তুগিজ ভাষার প্রাথমিক জ্ঞান এবং কর ও সামাজিক নিরাপত্তা খাতে নিয়মিত আর্থিক দায় পরিশোধের প্রমাণ থাকতে হবে। আবেদনের সময় দুটি গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হবে। প্রথমত, বৈধ বসবাসের অনুমতিপত্রের ডিজিটাল কপি। দ্বিতীয়ত, অন্তত পাঁচ বছর ধরে পর্তুগালে বৈধভাবে বসবাসের প্রমাণ। আগের বসবাসের অনুমতিপত্র, সামাজিক নিরাপত্তা খাতে চাঁদা জমার বিবরণী অথবা আয়কর রিটার্নের কপি দিয়ে এ প্রমাণ দেওয়া যেতে পারে। এআইএমএ জানিয়েছে, একই উদ্দেশ্যে একাধিক আবেদন করা যাবে না। একটি আবেদন জমা দেওয়ার পর সেটির নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে হবে। আগের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় নতুন করে একই আবেদন পাঠালে তা বিবেচনা করা হবে না। নির্ধারিত যোগ্যতা পূরণ না হলে কিংবা আবেদনের উদ্দেশ্য ৮০ নম্বর ধারার আওতায় না পড়লে সেই অনুরোধও গ্রহণ করা হবে না। তবে নতুন এই সুবিধা স্থায়ী বসবাসের অনুমতিপত্র নবায়নের জন্য নয়। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের স্থায়ী বসবাসের সনদ এবং তাঁদের পরিবারের সদস্যদের স্থায়ী বসবাসের কার্ডের আবেদনও এর আওতায় পড়বে না। এসব সেবা আগের মতোই এআইএমএর রিনিউয়ালস পোর্টালের মাধ্যমে পরিচালিত হবে। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, অনলাইনে ফরম জমা দিলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। এটি মূলত সরাসরি সাক্ষাতের সময় পাওয়ার প্রাথমিক ধাপ। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর নির্ধারিত এআইএমএ কার্যালয়ে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আবেদনপত্র ও অন্যান্য নথি জমা দিতে হবে। এরপর কর্তৃপক্ষ যাচাই-বাছাই করে স্থায়ী বসবাসের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেবে। পর্তুগালে বসবাসরত বাংলাদেশিসহ অন্যান্য দেশের অভিবাসীদের জন্যও এ পরিবর্তন গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে যাঁরা পাঁচ বছর বা তার বেশি সময় ধরে বৈধভাবে দেশটিতে বসবাস করছেন, তাঁরা নিজেদের যোগ্যতা যাচাই করে নতুন অনলাইন ব্যবস্থায় অ্যাপয়েন্টমেন্টের আবেদন করতে পারবেন। সংবাদসূত্র: পর্তুগালের অভিবাসন সংস্থা এআইএমএ, লেজিট ডট এনজি।
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া
যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানের আদালতের

