শ্রমবাজার দ্রুত খুলে দিতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর, আরও বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াকে বাংলাদেশি কর্মীদের জন্য তাদের শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার এবং আরও বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং মালয়েশিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর বিষয়ও উত্থাপন করেছেন।
সোমবার (২২ জুন) মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পারদানা পুত্রা’য় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী, পেশাজীবী এবং উদ্যোক্তারা দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করছেন। তাদের অবদান আমাদের উভয় দেশের অর্থনীতি ও সমাজের জন্য কল্যাণকর। আমি মান্যবর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ করেছি যেন আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনা করা হয় এবং যত দ্রুত সম্ভব শ্রমবাজার উন্মুক্ত করা হয়।”
তারেক রহমান বলেন, বৈঠকে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের প্রত্যাবাসনের বিষয়গুলোও আলোচনা হয়েছে। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং সাশ্রয়ী। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কর্মীদের ব্যয়ও হ্রাস পাবে। এ বিষয়ে উভয় প্রধানমন্ত্রী একমত হয়েছেন বলেও জানান তিনি।
বৈঠকের পর দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবিলায় গবেষণা ও সক্ষমতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বিনিয়োগসংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ দলিল বিনিময় করা হয়। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এসব দলিল বিনিময় করেন।
পরে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী জানান, বৈঠকে বিভিন্ন দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, “আমরা দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির ওপর মতবিনিময় করেছি। আজ আমরা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক জোরদারে আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। আমরা উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যৌথ কমিশন বৈঠক এবং দ্বিপাক্ষিক পরামর্শসহ বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছি।”
তারেক রহমান জানান, আলোচনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, কৃষি প্রক্রিয়াকরণ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি এবং সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন উচ্চমূল্যের খাত স্থান পেয়েছে।
দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়কে স্বাগত জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি’ নিয়ে আলোচনা এগিয়ে নিতে একমত হয়েছে। বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ এবং বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হচ্ছে উল্লেখ করে তিনি মালয়েশিয়ার ব্যবসায়ীদের সম্ভাবনাগুলো খতিয়ে দেখার আহ্বান জানান।
রাজনৈতিক প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিএনপি শক্তিশালী ম্যান্ডেট লাভ করেছে। তিনি বলেন, “জনগণের বিপুল সমর্থনে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনেছি। আমাদের এখনকার অগ্রাধিকার হলো কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করা।”
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি।
তারেক রহমান বলেন, বৈঠকে আঞ্চলিক সহযোগিতার বিষয়ও গুরুত্ব পেয়েছে। বাংলাদেশ আসিয়ানের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ চায় এবং ‘আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করে। একই সঙ্গে বাংলাদেশ আরসিইপিতে যোগ দিতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি। এ ক্ষেত্রে মালয়েশিয়ার সমর্থনের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
উভয় প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ বিভিন্ন বৈশ্বিক ইস্যু নিয়ে মতবিনিময় করেন। তারেক রহমান বলেন, “আমরা জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতাকে সমর্থন করায় আমি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাই।”
দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এসব উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, “আমি আত্মবিশ্বাসী যে আজকের আলোচনা বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচনা করবে। আমরা আঞ্চলিক শান্তি এবং একটি অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থার জন্য নিবিড়ভাবে কাজ করতে উন্মুখ।”
বক্তৃতায় প্রধানমন্ত্রী ১৯৭৯ সালের এপ্রিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মালয়েশিয়া সফরের কথা স্মরণ করেন। তিনি বলেন, ওই সফর রাজনৈতিক সম্পর্ককে শক্তিশালী করেছিল এবং দুই দেশের শ্রম সহযোগিতার ভিত্তি স্থাপন করেছিল। এ ছাড়া ১৯৯৩ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মালয়েশিয়া সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সফর দুই দেশের বন্ধুত্বকে আরও গভীর করেছিল এবং সহযোগিতার পরিধি বাড়িয়েছিল।
তারেক রহমান জানান, ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথম যে কয়েকটি ফোনকল তিনি পেয়েছিলেন, তার মধ্যে অন্যতম ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ফোন।
তিনি বলেন, “তিনি আমাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি তাঁর আমন্ত্রণ গ্রহণ করতে পেরে সম্মানিত বোধ করছি। প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম বিদেশ সফরে এখানে আসতে পেরে আমি ও আমার স্ত্রী অত্যন্ত আনন্দিত।”
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। মালয়েশিয়াকে বাংলাদেশের একটি বিশ্বস্ত ও দীর্ঘস্থায়ী অংশীদার হিসেবে উল্লেখ করে তিনি দেশটির সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
সংবাদ সম্মেলনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জোবায়দা রহমান এবং বাংলাদেশ প্রতিনিধি দল আনোয়ার ইব্রাহিমের সরকারি বাসভবন ‘সেরি পারদানা কমপ্লেক্স’-এ রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেন। সেখানে মালয়েশিয়ার শিল্পীরা বাংলা ও মালয় ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
এর আগে সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী ‘পারদানা পুত্রা’য় পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। আনোয়ার ইব্রাহিম এবং তার স্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল তাকে স্বাগত জানান। মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
পরে উভয় প্রধানমন্ত্রী নিজ নিজ মন্ত্রিসভার সদস্য ও কর্মকর্তাদের একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে রোববার রাতে কুয়ালালামপুর পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ
View moreভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চেন ইয়ং (৪১) নামের ওই চীনা নাগরিক ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে নারীদের আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীর ক্ষেত্রে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন তাঁর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাঁর সন্ধানে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তাঁর বড় বোনকে ফোন করে জানান, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে চেন ইয়ংয়ের বিরুদ্ধে আরও একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠে আসে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, এসব ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ২৫ নভেম্বর বিকেলে চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর আদালতে জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, চেন ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি। সূত্র: যুগান্তর 871-এসএ
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল
আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি
নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী
ইতালিতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় জুনাইদ আহমেদ (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দেশটির বারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মাত্র দুই মাস আগে ইতালিতে পৌঁছেছিলেন তিনি। নিহত জুনাইদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেন। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন কলেজপড়ুয়া এই যুবক। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন জুনাইদ। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদের আরেক ভাই ইতালিতে এবং অন্য ভাই কুয়েতে বসবাস করছেন। নিহতের মামাতো ভাই নিশান মিয়া জানান, পরিবারের জন্য ভালো কিছু করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। বাবা-মা যেন শেষবারের মতো সন্তানকে দেখতে পারেন, সে জন্য দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ জানিয়েছেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। 871 এসএ
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি
বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে
ভুয়া ভিডিও ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নারীর ওপর হামলার দাবি, আসলে কি ঘটেছিল?
নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত কয়েক দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। পরিবারের বরাতে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। শুটিং ইউনিটের সদস্যদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে চিকিৎসকদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সোহেল খান। ‘৪২০’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’ ও ‘জংলি’সহ বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার। অভিনয়জগতের সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। সংবাদসূত্র: চ্যানেল আই 871-এসএ
ভাঙা ভাড়া ঘরে বসবাস, তবু পরের সম্পদে লোভ নেই! ৩ ভরি সোনা ফিরিয়ে সততার দৃষ্টান্ত চানাচুর বিক্রেতার
১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়

