“বিএনপি মহাসচিব থেকে বাংলাদেশের মহাসচিব হয়ে যাওয়া মির্জা ফখরুল ইসলামকে মিস করবো”—আমানউল্লাহ
পোস্টের শুরুতেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পঙ্ক্তি—“যেতে নাহি দিব! হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়”—উল্লেখ করে মির্জা ফখরুলকে বিদায় জানানোর অনুভূতি তুলে ধরেন তিনি।
আমান লেখেন, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের স্মৃতিচারণের মতোই এই বিদায়ের মুহূর্তেও কান্না আসে। কারণ, এটি শুধু একটি নতুন দায়িত্বে যাওয়ার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের অসংখ্য স্মৃতি, আনন্দ-বেদনা ও রাজনৈতিক পথচলার নানা অধ্যায়।
মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দলের নেতাকর্মীদের প্রতি তার আন্তরিকতার প্রশংসা করে তিনি লেখেন, “বিগত দুঃসহ দিনগুলোতে আপনার বিরতিহীন পথচলা আর কর্মীদের প্রতি নিখাঁদ দরদ যেমন আমাদের আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে, তেমনি আপনি আমাদের মায়ার ডোরে বেঁধেছেন।”
সভা-সমাবেশে মির্জা ফখরুলের গাম্ভীর্যময় কণ্ঠ ও বক্তব্যের ধরনও স্মরণ করেন আমান। তিনি লেখেন, “সভা-সমাবেশে আপনার সেই চিরচেনা গাম্ভীর্যময় কণ্ঠ আর দারুণ বাচনভঙ্গির বক্তব্য আর শুনতে পাবো না।”
মির্জা ফখরুলের নতুন দায়িত্বের প্রসঙ্গ টেনে আমান আরও লেখেন, “আপনি ক্রমান্বয়ে বিএনপি মহাসচিব থেকে বাংলাদেশের মহাসচিব হয়ে গিয়েছেন স্যার।”
রাষ্ট্রপতি পদ নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি বলেন, অতীতে বাংলাদেশের রাষ্ট্রপতি পদকে অনেকটা আনুষ্ঠানিক বা আলংকারিক পদ হিসেবে দেখা হলেও এবার দেশের মানুষ এই পদকে নতুন গুরুত্বে অনুধাবন করবে বলে তিনি বিশ্বাস করেন।
রাজনীতির মাঠে মির্জা ফখরুলকে হারানোর অনুভূতি তুলে ধরে আমান লেখেন, “রাজনীতির মাঠে আপনাকে অনেক বেশি মিস করবো স্যার।”
পোস্টের শেষদিকে মির্জা ফখরুলের নতুন পথচলার জন্য দোয়া করেন এই ছাত্রদল নেতা। তিনি লেখেন, দলের হাইকমান্ড, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণে মির্জা ফখরুল সফল হবেন—এমন প্রার্থনা করেন তিনি।
সবশেষে আমান লেখেন, “আমরা মিস করবো কর্মীদের প্রতি একজন নিখাঁদ দরদীকে, আমরা মিস করবো বিএনপি মহাসচিব থেকে বাংলাদেশের মহাসচিব হয়ে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।”
এরপর জিয়া পরিবারের প্রতি মির্জা ফখরুলের দীর্ঘদিনের আস্থা ও ভূমিকার কথা স্মরণ করে লেখেন, “আমরা মিস করবো সংগ্রাম-সংকটে জিয়া পরিবারের আস্থাভাজন এবং খালেদা জিয়ার লগের স্যারকে। অনেক বেশি মিস করবো স্যার…”
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ
View more২০২৭ সালের হজযাত্রীদের বিমানভাড়া জনপ্রতি ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়েছে সরকার। একই সঙ্গে দেশের ৮৬ হাজারের বেশি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজারের বেশি ধর্মীয় সেবাকর্মীকে রাষ্ট্রীয় সম্মানী দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক ধর্মীয় অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজযাত্রীদের আর্থিক চাপ কমাতে বিমানভাড়া হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দায়িত্ব পালনকারীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজে জনপ্রতি বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার টাকা। ২০২৬ সালের হজে এই ভাড়া ছিল ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। ফলে জনপ্রতি বিমানভাড়া কমেছে ২৪ হাজার ৮৩০ টাকা। অন্যদিকে, ২০২৭ সালের সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এই প্যাকেজে খাবারের খরচও অন্তর্ভুক্ত রয়েছে। ধর্মীয় সেবাকর্মীদের সম্মানী কার্যক্রমের আওতায় চলতি অর্থবছরে মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধবিহার এবং ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় সেবাকর্মী এ সুবিধার আওতায় আসবেন। নীতিমালা অনুযায়ী, মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা এবং খাদেম ২ হাজার টাকা করে সম্মানী পাবেন। একইভাবে মন্দিরের পুরোহিত, বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং গির্জার যাজকদের মাসিক সম্মানী নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক পদ্ধতিতে এসব অর্থ পাঠানো হবে। কর্মসূচিটি বাস্তবায়নে চলতি অর্থবছরের বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ধর্মমন্ত্রী বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করার মাধ্যমে মসজিদের সেবায় নিয়োজিত ব্যক্তিদের পাশে দাঁড়ানো সম্ভব হবে। অনুষ্ঠানে মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের প্রতি জাতীয় শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি। মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী। মাহফিলে সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ বিশিষ্ট আলেমরা বক্তব্য দেন। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। সূত্র : আরটিভি 871-এসএ
ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে করলেন চীনা নাগরিক
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল
আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি
নামের শেষে ‘ফকির’ পদবি থাকায় ছোটবেলা থেকেই নানা কটূক্তি শুনতে হয়েছে ফ্রান্সপ্রবাসী মো. শাহিন ফকিরকে। স্বপ্ন ছিল, একদিন ব্যতিক্রমী কিছু করে সবাইকে তাক লাগিয়ে দেবেন। সেই স্বপ্ন ও মা-বাবার ইচ্ছা পূরণে ঢাকায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বুধবার (২৫ নভেম্বর) হেলিকপ্টারে নববধূকে নিয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার গ্রামের বাড়িতে ফিরেছেন তিনি। শাহিন ফকির উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সর্দার বাড়ির মো. সিরাজ ফকিরের ছেলে। দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন তিনি। এলাকায় শাহিন সর্দার নামেও পরিচিত এই প্রবাসী। নবদম্পতির আগমন ঘিরে প্রায় দুই সপ্তাহ ধরে চলছিল প্রস্তুতি। গ্রামের ধানক্ষেতের মাঝে তৈরি করা হয় অস্থায়ী হেলিপ্যাড। প্রশাসনিক অনুমতি নেওয়া, বাড়িঘর সাজানো, রাস্তাঘাট সংস্কার ও গ্রামবাসীকে আমন্ত্রণ জানানোসহ নানা আয়োজন করা হয়। ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে গ্রামের উদ্দেশে রওনা হন নবদম্পতি। তাদের দেখতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ ভিড় করেন। পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। নিজের অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’ দীর্ঘদিনের স্বপ্ন ও মা-বাবার ইচ্ছা পূরণ করতে পেরে আনন্দিত শাহিন। ব্যতিক্রমী এই আয়োজন নিয়ে বৃহস্পতিবারও এলাকায় চলছিল আলোচনা। নবদম্পতির সুখী ও সুন্দর দাম্পত্য জীবন কামনা করেছেন স্থানীয়রা। সংবাদসূত্র: আরটিভি 871-এসএ
ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছে ২ মাসের মাথায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি
বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে বাংলাদেশে মুসলিম যুবকেরা এক হিন্দু নারীর ওপর হামলা চালাচ্ছে। তবে ফ্যাক্টচেক বা তথ্য যাচাইয়ে দেখা গেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ভাইরাল হওয়া ভিডিওটি কোনো সাম্প্রদায়িক হামলার নয়, বরং এটি সুনামগঞ্জে গরু চুরির অভিযোগকে কেন্দ্র করে সংঘটিত একটি ভাঙচুরের ঘটনার। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, একদল উত্তেজিত জনতা একটি টিনের ঘর ঘেরাও করে ভাঙচুর চালাচ্ছে। এ সময় একজন নারী কোলে শিশু নিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে হামলাকারীদের উদ্দেশে চিৎকার করছেন। একপর্যায়ে এক ব্যক্তি তার কোল থেকে শিশুটিকে সরিয়ে নেন এবং লাঠিসোঁটা ও বাঁশ হাতে কয়েকজন যুবক ঘরটির টিনের বেড়া ও কাঠের কাঠামো ভেঙে ফেলেন। ভিডিওটির ওপর হিন্দি ভাষায় লেখা ছিল, ‘দেখুন বাংলাদেশে কীভাবে হিন্দুদের টার্গেট করা হচ্ছে’। এক্স (সাবেক টুইটার) এবং ফেসবুকে একাধিক আইডি থেকে ভিডিওটি শেয়ার করে সাম্প্রদায়িক উসকানিমূলক ক্যাপশন দেওয়া হয়। বিষয়টি নিয়ে অনুসন্ধান করে দেখা যায়, মূল ভিডিওটি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ২৪’-এর ইউটিউব চ্যানেলে গত ২৫ মার্চ প্রকাশিত হয়েছিল। ওই প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘চুরির অভিযোগে সুনামগঞ্জে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট’। এছাড়া দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ঘটনাটি সুনামগঞ্জ জেলার দক্ষিণ কুরশি গ্রামের। স্থানীয়দের অভিযোগ, ওই গ্রামের বাসিন্দা আলী হোসেন ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় গরু চুরির সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার দিন পাশের এলাকায় আলী হোসেনের ছেলে সাইদুল হক ও তার এক সহযোগী গরু চুরির সময় হাতেনাতে ধরা পড়েন। এই খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ গ্রামবাসী আলী হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। অনুসন্ধানে আরও নিশ্চিত হওয়া গেছে যে, ভিডিওতে কোলে শিশু নিয়ে যে নারীকে ঘর রক্ষার চেষ্টা করতে দেখা গেছে, তিনি কোনো হিন্দু নারী নন। তিনি অভিযুক্ত আলী হোসেনের মেয়ে এবং মামলার অন্যতম অভিযুক্ত তারেক মিয়ার স্ত্রী। হামলার সময় আলী হোসেন ও তার সহযোগীরা পলাতক ছিলেন। সুতরাং, গরু চুরির অভিযোগে গ্রামবাসীর ক্ষোভ ও বাড়িঘর ভাঙচুরের একটি পুরোনো ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক রূপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। সূত্র: নিউজমিটার। 873 ডিএন
বগুড়ায় শুটিং করতে গিয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা সোহেল খান
ভাঙা ভাড়া ঘরে বসবাস, তবু পরের সম্পদে লোভ নেই! ৩ ভরি সোনা ফিরিয়ে সততার দৃষ্টান্ত চানাচুর বিক্রেতার

