যাতায়াতের রাস্তা নেই, চার প্রতিবন্ধী ভাই-বোনের জীবন কাটছে চরম দুর্ভোগে
মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর গ্রামের এক পরিবারে আট ভাই-বোনের মধ্যে চারজনই খর্বাকৃতির। তাঁদের মধ্যে দুই ভাই কিছুটা হাঁটাচলা করতে পারলেও দুই বোন দাঁড়াতে পারেন না। খাওয়াদাওয়া থেকে শুরু করে দৈনন্দিন কাজ—সবকিছুর জন্যই অন্যের সাহায্যের প্রয়োজন হয় তাঁদের। এর ওপর বাড়িতে যাতায়াতের উপযুক্ত রাস্তা না থাকায় তাঁদের জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছে।
শারীরিক সীমাবদ্ধতার পাশাপাশি চলাচলের এই সংকট পরিবারটির স্বাভাবিক জীবনযাপনকে কঠিন করে তুলেছে। বিশেষ করে দুই বোনকে বাড়ির বাইরে নেওয়া কিংবা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পরিবারের সদস্যদের পড়তে হয় বিপাকে।
এই চার ভাই-বোন হলেন মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের ভাটবাউর গ্রামের মৃত হযরত আলী ও জহুরা বেগমের সন্তান মোছা. হাবিয়া (৬৪), মোছা. মেহেরজান (৫৮), ইজ্জত আলী (৫২) ও সিরাজ আলী (৪৮)। তাঁদের বাবা-মায়ের আট সন্তানের মধ্যে পাঁচ মেয়ে ও তিন ছেলে। বাকি চার ভাই-বোন ছবিয়া বেগম (৬১), আফেলা বেগম (৫৫), লিটন মিয়া (৪৬) ও দাপালি বেগম (৪২)।
পরিবারের সদস্যদের ভাষ্য, চার ভাই-বোন জন্মগতভাবে খর্বাকৃতির ছিলেন না। শৈশবে অসুস্থ হওয়ার পর তাঁদের শারীরিক সমস্যার সূত্রপাত হয়। মা জহুরা বেগম জানান, প্রথম সন্তান হাবিয়ার বয়স যখন সাত বছর, তখন তিনি জ্বরে আক্রান্ত হন। জ্বর সেরে যাওয়ার কয়েক দিন পর হাঁটাচলায় অস্বাভাবিকতা দেখা দেয়। পরে কবিরাজের কাছে চিকিৎসা করিয়েও কোনো উন্নতি হয়নি।
অন্য তিন সন্তানের ক্ষেত্রেও সাত থেকে আট বছর বয়সে হঠাৎ অসুস্থ হওয়ার পর হাঁটাচলায় সমস্যা দেখা দেয়। সময়ের সঙ্গে তাঁদের দুজনের চলাফেরার সক্ষমতা এতটাই সীমিত হয়ে পড়ে যে তাঁরা এখন দাঁড়াতেও পারেন না।
সন্তানদের শারীরিক অবস্থার কারণে গ্রামের মানুষের নানা কটূক্তিও সহ্য করতে হয়েছে জহুরা বেগমকে। তাঁর কথায়, বাড়ির বাইরে বের হলে মানুষ তাঁকে নিয়ে ঠাট্টা করত, এখনো করে।
পরিবারটির দুর্ভোগের কথা তুলে ধরে মেহেরজান বলেন, তাঁদের কষ্টের খোঁজ কেউ নেন না। প্রতিবন্ধী হওয়ায় পরিবারের বোঝা হয়ে আছেন বলে তাঁর মনে হয়। হুইলচেয়ারে করে বাইরে নিয়ে যাওয়ার মতো রাস্তাও নেই। নানা দিক থেকে তাঁদের কষ্ট পোহাতে হচ্ছে।
পরিবারটির বসবাসের জায়গায় পৌঁছাতে ভাটবাউর বাজারের পাকা সড়কের পাশের কয়েকটি বাড়ির ওপর দিয়ে যেতে হয়। সরেজমিনে দেখা যায়, হাবিয়া ও মেহেরজানকে ঘর থেকে বাইরে আনতে তাঁদের মা ও ভাই লিটন মিয়াকে কোলে তুলে নিতে হয়। পরিবারের অন্য সদস্যরা তাঁদের খাওয়ান। এমনকি প্রাকৃতিক কাজ সারতেও তাঁদের অন্যের সহায়তা নিতে হয়।
অন্যদিকে, খর্বাকৃতির হলেও ইজ্জত আলী ও সিরাজ আলী কিছুটা স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারেন। তাঁরা ভাটবাউর বাজারে সড়কের পাশে খোলা আকাশের নিচে পান-সিগারেটের দোকান চালান। তবে সেখান থেকে তাঁদের আয় খুবই সামান্য।
পরিবারের প্রধান উপার্জনের উৎসের মধ্যে রয়েছে এই দোকানের আয়, জমির ফসল এবং সরকারি প্রতিবন্ধী ভাতা। প্রায় দুই বছর ধরে চার ভাই-বোন সরকারি ভাতা পাচ্ছেন। তবে এই সহায়তায় সংসারের প্রয়োজন মেটানো কঠিন হয়ে পড়ে।
মানিকগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুশিয়া আক্তার জানান, চার ভাই-বোনের প্রত্যেককে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়। প্রতি তিন মাসে তাঁরা ৩ হাজার টাকা করে পান। এ ছাড়া প্রতিবন্ধী দুই ভাইকে একটি ট্রাইসাইকেলও দেওয়া হয়েছে। ভবিষ্যতে ক্ষুদ্র ব্যবসা করার জন্য তাঁদের ঋণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
পরিবারটির আর্থিক সংকটের সঙ্গে জড়িয়ে আছে সন্তানদের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ। ইজ্জত আলীর দুই ছেলে ইয়াসির আরাফাত (২২) ও আলিফ আহম্মেদ (২০) উচ্চমাধ্যমিক পাস করেছেন। তাঁরা সুস্থ ও স্বাভাবিক। তবে অভাবের সংসারে বড় ছেলে আরাফাত সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন। ইজ্জত আলীর আশা, ছেলের সরকারি চাকরি হলে পরিবারের আর্থিক চাপ কিছুটা কমবে।
ইজ্জত আলী বিয়ে করলেও অন্য তিন ভাই-বোনের বিয়ে হয়নি। তাঁরা একই বাড়িতে থাকেন। সুস্থ চার ভাই-বোনের মধ্যে তিন মেয়ে ও এক ছেলের বিয়ে দিয়েছেন জহুরা বেগম। বর্তমানে প্রতিবন্ধী চার সন্তান, এক ছেলে, দুই পুত্রবধূ ও দুই নাতিকে নিয়ে তাঁর সংসার।
পরিবারটির সদস্যরা জানান, বাড়িতে যাতায়াতের রাস্তা না থাকায় তাঁদের দুর্ভোগের শেষ নেই। দুই বোনকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলেও সহজে বের করা যায় না। প্রায় দুই বছর আগে প্রতিবেশীদের সহায়তায় রাস্তায় কিছু মাটি ফেলা হয়েছিল। কিন্তু অর্থের অভাবে পরে আর কাজ এগোয়নি। সরকারি কোনো প্রকল্পের মাধ্যমে রাস্তাটি নির্মাণ করা গেলে অন্তত হুইলচেয়ারে করে দুই বোনকে বাড়ির বাইরে আনা-নেওয়া সম্ভব হতো।
স্থানীয় বাসিন্দা ও সমাজসেবক আমজাদ হোসেন বলেন, পরিবারটির চার সদস্যের শারীরিক সীমাবদ্ধতার কারণে তাঁদের দৈনন্দিন জীবন এমনিতেই কঠিন। তার ওপর বাড়ি থেকে বের হওয়ার রাস্তা না থাকায় সমস্যা আরও বেড়েছে। শুধু এই পরিবার নয়, আশপাশের অন্তত আরও ১০টি পরিবার চলাচলের রাস্তা না থাকায় অন্যের বাড়ির ওপর দিয়ে যাতায়াত করে।
মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিন জানান, পরিবারটির পরিস্থিতি খোঁজ নিয়ে দেখা হবে। প্রতিবন্ধী এই পরিবারসহ আশপাশের অন্য পরিবারগুলোর চলাচলের সুবিধার জন্য রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
সম্প্রতি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে পরিবারটিকে একটি সেলাই মেশিন ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির অংশ হিসেবে বন্ধুসভার সদস্যরা তাঁদের বাড়িতে গিয়ে এসব উপহার তুলে দেন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ
View moreভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চেন ইয়ং (৪১) নামের ওই চীনা নাগরিক ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে নারীদের আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীর ক্ষেত্রে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন তাঁর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাঁর সন্ধানে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তাঁর বড় বোনকে ফোন করে জানান, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে চেন ইয়ংয়ের বিরুদ্ধে আরও একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠে আসে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, এসব ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ২৫ নভেম্বর বিকেলে চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর আদালতে জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, চেন ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি। সূত্র: যুগান্তর 871-এসএ
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল
আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি
নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী
ইতালিতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় জুনাইদ আহমেদ (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দেশটির বারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মাত্র দুই মাস আগে ইতালিতে পৌঁছেছিলেন তিনি। নিহত জুনাইদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেন। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন কলেজপড়ুয়া এই যুবক। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন জুনাইদ। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদের আরেক ভাই ইতালিতে এবং অন্য ভাই কুয়েতে বসবাস করছেন। নিহতের মামাতো ভাই নিশান মিয়া জানান, পরিবারের জন্য ভালো কিছু করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। বাবা-মা যেন শেষবারের মতো সন্তানকে দেখতে পারেন, সে জন্য দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ জানিয়েছেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। 871 এসএ
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি
বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে
ভুয়া ভিডিও ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নারীর ওপর হামলার দাবি, আসলে কি ঘটেছিল?
নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত কয়েক দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। পরিবারের বরাতে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। শুটিং ইউনিটের সদস্যদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে চিকিৎসকদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সোহেল খান। ‘৪২০’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’ ও ‘জংলি’সহ বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার। অভিনয়জগতের সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। সংবাদসূত্র: চ্যানেল আই 871-এসএ
ভাঙা ভাড়া ঘরে বসবাস, তবু পরের সম্পদে লোভ নেই! ৩ ভরি সোনা ফিরিয়ে সততার দৃষ্টান্ত চানাচুর বিক্রেতার
১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়

