ছাদে সৌরবিদ্যুৎ বসিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিলেই ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা প্রণোদনা
বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজের বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করে বাড়তি আয় করার সুযোগ দিচ্ছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করলে প্রতি ইউনিটের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে প্রণোদনা পাওয়া যাবে। এ সুবিধা পেতে হলে নির্ধারিত সময়সীমা ও কারিগরি শর্ত পূরণ করতে হবে।
বিদ্যুৎ বিভাগ গত ১ সেপ্টেম্বর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, নেট মিটারিং নির্দেশিকা-২০২৫ অনুসরণ করে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে যোগ্য ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করে জাতীয় গ্রিডে উদ্বৃত্ত বিদ্যুৎ সরবরাহ শুরু করলে পরবর্তী তিন বছর এ প্রণোদনা পাওয়া যাবে। অর্থাৎ, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা দেওয়া হবে। বিশেষ এই সুবিধা ব্যাটারিসহ নির্ধারিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার জন্য প্রযোজ্য। নির্ধারিত সময়ের পরে স্থাপন করা ব্যবস্থার ক্ষেত্রে এ বিশেষ প্রণোদনা পাওয়া যাবে না।
প্রণোদনার অর্থ গ্রাহকের ব্যাংক হিসাব অথবা অনুমোদিত মোবাইল আর্থিক সেবার হিসাবে জমা দেওয়া হবে। প্রতি তিন মাস পরপর অর্থ পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে। কোনো অবস্থাতেই নগদ অর্থ দেওয়া হবে না। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো গ্রাহকের তথ্য, জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণ এবং প্রণোদনাসহ বিদ্যুতের মূল্যের হিসাব সংরক্ষণ করবে।
এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো। ছাদে সৌর প্যানেল বসালে দিনের বেলায় উৎপাদিত বিদ্যুৎ সরাসরি নিজস্ব কাজে ব্যবহার করা যায়। এতে গ্রিড থেকে কেনা বিদ্যুতের ওপর নির্ভরতা কমতে পারে। উৎপাদিত বিদ্যুৎ নিজস্ব চাহিদা পূরণের পরও অবশিষ্ট থাকলে নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা যায়।
নেট মিটারিংয়ে দ্বিমুখী মিটারের সাহায্যে গ্রিড থেকে নেওয়া এবং গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের হিসাব রাখা হয়। ফলে গ্রাহক নিজের উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করার পাশাপাশি উদ্বৃত্ত বিদ্যুতের হিসাবও পান। তবে কতটুকু বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা হচ্ছে, তার ওপর ভিত্তি করেই প্রণোদনার হিসাব নির্ধারিত হবে।
সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সম্ভাব্য খরচ ও উৎপাদন সম্পর্কে ধারণা পেতে বিদ্যুৎ বিভাগের রুফটপ সোলার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। ছাদের মোট আয়তন এবং ব্যবহারযোগ্য জায়গার তথ্য দিলে এ ক্যালকুলেটরের মাধ্যমে সম্ভাব্য সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষমতা, উৎপাদন এবং খরচ-লাভের প্রাথমিক হিসাব জানা সম্ভব।
ক্যালকুলেটরের উদাহরণ অনুযায়ী, ২ হাজার বর্গফুটের একটি আবাসিক ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে মাসে গড়ে ১ হাজার ৮৩৩ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এ হিসাবে বছরে উৎপাদন হতে পারে প্রায় ২১ হাজার ৯৯৬ ইউনিট। তবে প্রকৃত উৎপাদন ছাদের ব্যবহারযোগ্য জায়গা, সৌর প্যানেলের সক্ষমতা, সূর্যালোক এবং অন্যান্য কারিগরি বিষয়ের ওপর নির্ভর করবে।
সৌরবিদ্যুৎ স্থাপনের ক্ষেত্রে গ্রাহকেরা তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর সহায়তা নিতে পারবেন। এসব প্রতিষ্ঠান ছাদের উপযোগিতা যাচাই, সৌর প্যানেল ও ব্যাটারি স্থাপন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণে সহায়তা করতে পারে। ব্যাটারি থাকলে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণ করে প্রয়োজনের সময় ব্যবহার করা সম্ভব। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও উপযুক্ত ব্যাকআপ ব্যবস্থার মাধ্যমে সংরক্ষিত বিদ্যুৎ ব্যবহার করা যেতে পারে।
তবে সৌর প্যানেল, ব্যাটারি, ইনভার্টার, মিটারসহ ব্যবস্থাটির সব সরঞ্জাম বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) নির্ধারিত কারিগরি মানদণ্ড মেনে স্থাপন করতে হবে। এ বিষয়ে সহায়তা দিতে বিদ্যুৎ বিভাগ ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার চালু করেছে। পাশাপাশি বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয় থেকেও প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়া যাবে।
ছাদভিত্তিক সৌরবিদ্যুতের প্রসার বাড়াতে সরকার গত ১৯ অক্টোবর ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬’ জারি করেছে। এতে সর্বোচ্চ পাঁচ মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ রাখা হয়েছে। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও স্থানীয় সরকার প্রতিষ্ঠান, সরকারি কোম্পানি এবং বেসরকারি স্থাপনাতেও এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা যাবে। বাসাবাড়ির ছাদ, আঙিনা, পরিত্যক্ত জমি, জলাশয় ও চা বাগানের পাশাপাশি বাণিজ্যিক ও শিল্প স্থাপনার ছাদেও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুযোগ রয়েছে। ভাসমান সৌরবিদ্যুৎ এবং কৃষিকাজের সঙ্গে সমন্বিত সৌরবিদ্যুৎ ব্যবস্থাও অধ্যাদেশের আওতায় এসেছে।
এ অধ্যাদেশে বেসরকারি বিনিয়োগের জন্য দুটি মডেল রাখা হয়েছে। ওপেক্স মডেলে বিনিয়োগকারী নিজ খরচে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও পরিচালনা করবেন। চুক্তি অনুযায়ী গ্রাহক উৎপাদিত বিদ্যুতের জন্য মূল্য পরিশোধ করবেন। অন্যদিকে, ক্যাপেক্স মডেলে নিজস্ব অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। প্রকল্প বাস্তবায়ন সহজ করতে নির্দিষ্ট শর্তে পাঁচ কোটি টাকা পর্যন্ত পণ্য ও সেবা কেনার ক্ষেত্রে সীমিত দরপত্র পদ্ধতির সুযোগও রাখা হয়েছে।
অধ্যাদেশে সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও সরঞ্জাম সুরক্ষায় বিভিন্ন অপরাধের শাস্তিও নির্ধারণ করা হয়েছে। সৌরবিদ্যুৎ বা যন্ত্রাংশ চুরি, চোরাই সরঞ্জাম কেনাবেচা কিংবা হেফাজতে রাখার অপরাধে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। সৌর প্যানেল বা যন্ত্রাংশ ভাঙচুর কিংবা ক্ষতিসাধনের জন্য সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড অথবা পাঁচ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রয়েছে। অনুমতি ছাড়া অবৈধ সংযোগ স্থাপন এবং স্থাপন, পরিদর্শন বা রক্ষণাবেক্ষণের কাজে বাধা দেওয়ার ক্ষেত্রেও শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে।
জ্বালানি বিশেষজ্ঞ হাসান মেহেদী মনে করেন, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে আয়ের সুযোগ তৈরি করা সরকারের ইতিবাচক উদ্যোগ। তবে এর সুফল পেতে ব্যাপক প্রচার-প্রচারণার পাশাপাশি প্রণোদনার মেয়াদ বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা উচিত। তাঁর মতে, নেট মিটারিং সংযোগ পেতে বিদ্যমান জটিলতা দূর করা জরুরি। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোকে এক মাসের মধ্যে সংযোগ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া গেলে কর্মসূচির কার্যকারিতা বাড়তে পারে। একই সঙ্গে প্রণোদনার মেয়াদ শেষ হওয়ার পর সরকার কীভাবে উদ্বৃত্ত বিদ্যুৎ কিনবে, সে বিষয়ে আগেভাগে স্পষ্ট নীতিমালা থাকা প্রয়োজন।
বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা জানান, বিদ্যুতের চাহিদা পূরণে জীবাশ্ম জ্বালানির পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো জরুরি। এ কারণে সরকারি প্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে বাধ্যবাধকতা আরোপের পাশাপাশি বেসরকারি গ্রাহকদেরও এ ব্যবস্থায় উৎসাহিত করা হচ্ছে। সৌরবিদ্যুৎ ব্যবস্থার সরঞ্জাম আমদানিতে শুল্ক ১৭ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার উদ্যোগের কথাও উল্লেখ করা হয়েছে।
সরকারের প্রত্যাশা, নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণ ও বাড়তি বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আয়ের সুযোগ সাধারণ গ্রাহকদের সৌরবিদ্যুৎ ব্যবস্থায় আগ্রহী করবে। তবে কর্মসূচির সফলতা নির্ভর করবে সময়মতো সংযোগ পাওয়া, কারিগরি মান বজায় রাখা, প্রণোদনার অর্থ নিয়মিত পরিশোধ এবং ভবিষ্যতে উদ্বৃত্ত বিদ্যুতের মূল্য নির্ধারণের নীতির ওপর।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ
View moreভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চেন ইয়ং (৪১) নামের ওই চীনা নাগরিক ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে নারীদের আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীর ক্ষেত্রে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন তাঁর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাঁর সন্ধানে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তাঁর বড় বোনকে ফোন করে জানান, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে চেন ইয়ংয়ের বিরুদ্ধে আরও একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠে আসে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, এসব ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ২৫ নভেম্বর বিকেলে চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর আদালতে জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, চেন ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি। সূত্র: যুগান্তর 871-এসএ
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল
আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি
নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী
ইতালিতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় জুনাইদ আহমেদ (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দেশটির বারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মাত্র দুই মাস আগে ইতালিতে পৌঁছেছিলেন তিনি। নিহত জুনাইদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেন। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন কলেজপড়ুয়া এই যুবক। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন জুনাইদ। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদের আরেক ভাই ইতালিতে এবং অন্য ভাই কুয়েতে বসবাস করছেন। নিহতের মামাতো ভাই নিশান মিয়া জানান, পরিবারের জন্য ভালো কিছু করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। বাবা-মা যেন শেষবারের মতো সন্তানকে দেখতে পারেন, সে জন্য দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ জানিয়েছেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। 871 এসএ
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি
বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে
ভুয়া ভিডিও ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নারীর ওপর হামলার দাবি, আসলে কি ঘটেছিল?
নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত কয়েক দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। পরিবারের বরাতে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। শুটিং ইউনিটের সদস্যদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে চিকিৎসকদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সোহেল খান। ‘৪২০’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’ ও ‘জংলি’সহ বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার। অভিনয়জগতের সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। সংবাদসূত্র: চ্যানেল আই 871-এসএ
ভাঙা ভাড়া ঘরে বসবাস, তবু পরের সম্পদে লোভ নেই! ৩ ভরি সোনা ফিরিয়ে সততার দৃষ্টান্ত চানাচুর বিক্রেতার
১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়

