জয়পুরহাটে ব্যানারে জিয়াউর রহমানের ছবি নেই, ‘জাতির পিতা’ বলাকে কেন্দ্র করে হট্টগোল
জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানারে না থাকা এবং শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ সম্বোধন করা নিয়ে দুই দফা হট্টগোলের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এতে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পর সভা শুরু হয়। অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। অন্যদিকে ব্যানারসংক্রান্ত ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন জেলা প্রশাসক আল-মামুন মিয়া।
শনিবার সকাল ১০টায় আলোচনা সভা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনুষ্ঠানের ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন বিএনপির নেতা-কর্মীরা। নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানে উপস্থিত হন প্রধান অতিথি প্রতিমন্ত্রী আব্দুল বারী। তাঁকে বিষয়টি জানানো হলে তিনি মঞ্চে উঠতে অস্বীকৃতি জানান। পরে জেলা প্রশাসকসহ অন্য কর্মকর্তারা মঞ্চে গিয়ে জিয়াউর রহমানের ছবি-সংবলিত একটি পোস্টার স্কচটেপ দিয়ে ব্যানারে সাঁটিয়ে দেন। এরপর প্রতিমন্ত্রী মঞ্চে ওঠেন এবং প্রায় আধা ঘণ্টা দেরিতে সভার কার্যক্রম শুরু হয়।
তবে অনুষ্ঠান শুরু হওয়ার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দিচ্ছিলেন জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসান। বক্তব্যের একপর্যায়ে তিনি একাধিকবার শেখ মুজিবুর রহমানকে ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ বলে সম্বোধন করেন। এতে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ উত্তেজিত হয়ে মঞ্চের ডায়াসের দিকে এগিয়ে যান। একপর্যায়ে বক্তাকে ডায়াস থেকে সরিয়ে দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয় এবং আলোচনা সভা আবার শুরু হয়।
ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব। তাঁর অভিযোগ, প্রশাসনের ভেতরে এখনো এমন কিছু ব্যক্তি রয়েছেন, যাঁরা সরকারের কর্মকাণ্ড বিতর্কিত করতে চান। জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানও ঘটনাটিকে দুঃখজনক বলে মন্তব্য করেন। তাঁদের বক্তব্য, দীর্ঘ ১৯ বছর পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হচ্ছে। অথচ সেই অনুষ্ঠানের ব্যানারেই দিবসটির সঙ্গে সংশ্লিষ্ট জিয়াউর রহমানের ছবি না থাকা গ্রহণযোগ্য নয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী অনুষ্ঠানের আয়োজনে একাধিক ত্রুটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ঘটনাটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখতে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে তদন্তের নির্দেশ দেন তিনি। অন্যদিকে জেলা প্রশাসক আল-মামুন মিয়া জানান, ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করে ব্যানার তৈরি করা হয়েছিল। এই ত্রুটির জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে দুঃখ প্রকাশ করেন।
জেলা প্রশাসনের আয়োজিত এই আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, সিভিল সার্জন আল-মামুন, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং মুক্তিযোদ্ধা দলের নেতাসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানের ব্যানার তৈরি এবং বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পেছনে কোনো ইচ্ছাকৃত ভূমিকা ছিল কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র : স্টার নিউজ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
বাংলাদেশ
View moreভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে টিকটকের মাধ্যমে নারীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখানোর অভিযোগ উঠেছে চীনা নাগরিক চেন ইয়ংয়ের বিরুদ্ধে। মাত্র তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। ভুয়া বিয়ের কাগজপত্র তৈরি করে নারীদের ঢাকার বিভিন্ন বাসায় আটকে রেখে ধর্ষণের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সর্বশেষ মানিকগঞ্জের ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চেন ইয়ং (৪১) নামের ওই চীনা নাগরিক ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ব্যবহার করে বিভিন্ন কিশোরী ও অবিবাহিত নারীর সঙ্গে পরিচিত হতেন। একপর্যায়ে তাঁদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে বিয়ের প্রস্তাব দিতেন। বিশ্বাস অর্জনের জন্য স্ট্যাম্পে বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করতেন। পরে ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় নিয়ে নারীদের আটকে রেখে ধর্ষণ করতেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ ঘটনাটি ঘটে মানিকগঞ্জের এক স্কুলছাত্রীর ক্ষেত্রে। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ১৪ বছর বয়সী ওই শিক্ষার্থী গত ১৭ নভেম্বর স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়। পরদিন তাঁর বাবা মানিকগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তাঁর সন্ধানে তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ২৪ নভেম্বর রাতে ওই শিক্ষার্থী তাঁর বড় বোনকে ফোন করে জানান, টিকটকের মাধ্যমে চেন ইয়ংয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। পরে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁকে মানিকগঞ্জের একটি রেস্তোরাঁ থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এরপর উত্তরার একটি ভাড়া বাসায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বড় বোনের দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় রাজধানীর উত্তরা পূর্ব থানার ৪ নম্বর সেক্টরের একটি বাসার অবস্থান শনাক্ত করে মানিকগঞ্জ সদর থানা-পুলিশ। সেখানে অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং চেন ইয়ংকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি চীনা পাসপোর্ট ও দুটি মুঠোফোন জব্দ করা হয়। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে চেন ইয়ংয়ের বিরুদ্ধে আরও একাধিক নারীর সঙ্গে একই ধরনের প্রতারণার অভিযোগ উঠে আসে। গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে গত তিন মাসে অন্তত ১৫ নারীকে বিয়ে করার তথ্য পেয়েছে পুলিশ। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন বয়সী একাধিক নারী ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের মধ্যে সাভারের এক নারীও চেন ইয়ংকে নিজের স্বামী বলে দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা চেন ইয়ংকে প্রধান আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পুলিশ বলছে, এসব ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ২৫ নভেম্বর বিকেলে চেন ইয়ংকে মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দোলন বিশ্বাস তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর আদালতে জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরে তাঁকে পরিবারের জিম্মায় দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, চেন ইয়ংয়ের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি। সূত্র: যুগান্তর 871-এসএ
বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপের স্বপ্ন? জেনে নিন প্রফেসরদের ইমেইল করার সঠিক কৌশল
আড়াই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, বিনা খরচে যাচ্ছেন ১১২ বাংলাদেশি
নামের পদবি ফকির হওয়ায় কটূক্তি, হেলিকপ্টারে নববধূকে নিয়ে গ্রামে ফিরলেন ফ্রান্সপ্রবাসী
ইতালিতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে গাড়ির ধাক্কায় জুনাইদ আহমেদ (২৩) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে দেশটির বারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উন্নত জীবনের আশায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মাত্র দুই মাস আগে ইতালিতে পৌঁছেছিলেন তিনি। নিহত জুনাইদ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগরের তাতারকান্দা এলাকার মো. রেনু মিয়ার ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মামাতো ভাই মো. নিশান মিয়া। মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে কয়েকটি দেশ ঘুরে লিবিয়ায় পৌঁছান জুনাইদ। সেখানে দীর্ঘদিন অবস্থানের পর প্রায় দুই মাস আগে ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেন। সম্প্রতি দেশটির একটি প্রতিষ্ঠানে কাজে যোগ দিয়েছিলেন কলেজপড়ুয়া এই যুবক। পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে কর্মস্থল থেকে সাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন জুনাইদ। পথে পেছন থেকে একটি প্রাইভেটকার তাঁকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তিন ভাই ও এক বোনের মধ্যে জুনাইদের আরেক ভাই ইতালিতে এবং অন্য ভাই কুয়েতে বসবাস করছেন। নিহতের মামাতো ভাই নিশান মিয়া জানান, পরিবারের জন্য ভালো কিছু করা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল জুনাইদের। বাবা-মা যেন শেষবারের মতো সন্তানকে দেখতে পারেন, সে জন্য দ্রুত তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন স্বজনেরা। ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদ জানিয়েছেন, ইতালিতে সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি তিনি অবগত হয়েছেন। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। 871 এসএ
বিকেল ৫টার পর ভিক্ষা করলেই ১,৫০০ টাকা জরিমানা, ফকির সমিতি সভাপতির হুঁশিয়ারি
বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর থেকে
ভুয়া ভিডিও ছড়িয়ে বাংলাদেশে হিন্দু নারীর ওপর হামলার দাবি, আসলে কি ঘটেছিল?
নাটক ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়ায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গত কয়েক দিন ধরে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। পরিবারের বরাতে চ্যানেল আই অনলাইন জানিয়েছে, শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। শুটিং ইউনিটের সদস্যদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, গত ১৯ নভেম্বর থেকে বগুড়ায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিচ্ছিলেন তিনি। বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য প্রস্তুতি নেওয়ার সময়ই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে চিকিৎসকদের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। দীর্ঘ অভিনয়জীবনে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন সোহেল খান। ‘৪২০’, ‘দেশা: দ্য লিডার’, ‘পরবাসিনী’ ও ‘জংলি’সহ বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চ্যানেল আই পরিবার। অভিনয়জগতের সহকর্মীরাও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। সংবাদসূত্র: চ্যানেল আই 871-এসএ
ভাঙা ভাড়া ঘরে বসবাস, তবু পরের সম্পদে লোভ নেই! ৩ ভরি সোনা ফিরিয়ে সততার দৃষ্টান্ত চানাচুর বিক্রেতার
১১ বছর আগে করা সালাউদ্দিন কাদের চৌধুরীর সেই ভবিষ্যদ্বাণী আবারও আলোচনায়

