সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
অপরাধ

রামিসার মতো অপ্রতিম হত্যারও দ্রুত বিচার করা হবে: জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ২০, ২০২৬ ৬:৩৯
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যার মতোই দ্রুততম সময়ে শেষ করার আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুলিশ আইনানুগ সব প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত অভিযোগপত্র দাখিল করবে এবং বিচার বিভাগ মামলাটিকে গুরুত্ব দিয়ে দ্রুত বিচার শেষ করার উদ্যোগ নেবে। 

 

অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। সে কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। এরপর আর বাড়িতে ফেরেনি। নিখোঁজ হওয়ার প্রায় ২২ থেকে ২৪ ঘণ্টা পর শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সালমানপুর এলাকার সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের একটি নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

 

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর দ্রুত তদন্ত শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। তাঁর ভাষ্য অনুযায়ী, নিখোঁজের পর ১২ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হলেও পরে আরও একজনকে আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি। তবে আদালতে চূড়ান্তভাবে অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের আইনগতভাবে অভিযুক্ত হিসেবেই বিবেচনা করা হবে। 

 

তদন্তের গুরুত্বপূর্ণ একটি সূত্র ছিল অপ্রতিমের মায়ের আইফোন। পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়ার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে আটক করা হয় এবং একটি বাড়িতে অভিযান চালিয়ে অপ্রতিমের সঙ্গে থাকা আইফোন উদ্ধার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীও জানিয়েছেন, ফোনটি প্রধান সন্দেহভাজন তুহিনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। 

 

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বয়স যাচাই করা হচ্ছে। তাঁদের মধ্যে দুজনের বয়স ১৮ বছরের বেশি এবং একজনের বয়স ১৮ বছরের কম হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করে বয়স নিশ্চিত করা হচ্ছে। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, তদন্তে তাদের সঙ্গে অপ্রতিমের পরিচয় ও বন্ধুত্বের বিষয়টিও উঠে এসেছে এবং কয়েকজন অপ্রতিমের চেয়ে পাঁচ থেকে ১০ বছর বয়সে বড়। এ ঘটনায় কিশোর অপরাধচক্রের সংশ্লিষ্টতার দিকটিও খতিয়ে দেখা হচ্ছে। 

 

মামলার তদন্তে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, পুলিশ অন্যান্য আইনানুগ কার্যক্রমের পাশাপাশি আসামিদের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার বিষয়টি দেখছে। একই সঙ্গে ফরেনসিকসহ তদন্তের অন্যান্য কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে অপ্রতিমের মরদেহ দাফন করা হয়েছে। 

 

অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে নামেন। তাঁরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় পৌনে দুই ঘণ্টা পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। 

 

স্বরাষ্ট্রমন্ত্রী অপ্রতিম হত্যার বিচার দ্রুত শেষ করার প্রসঙ্গে রামিসা হত্যার মামলার উদাহরণ দেন। চলতি বছরের মে মাসে রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলাটি মাত্র ছয় কার্যদিবসে বিচারিক আদালতে নিষ্পত্তি করে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল উচ্চ আদালতের প্রক্রিয়ায় যায়। 

 

রোববারের বক্তব্যে অপ্রতিম হত্যার ক্ষেত্রেও একই ধরনের দ্রুত বিচারিক অগ্রগতি হবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, বিচার করবে আদালত; সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে সহযোগিতা করবে। তদন্ত শেষে অভিযোগপত্র দাখিলের পর বিচার বিভাগ মামলাটিকে গুরুত্ব দিলে দ্রুত বিচার সম্পন্ন করা সম্ভব হবে বলে তিনি আশা করেন। 

 

অপ্রতিম হত্যাকাণ্ডে পুলিশের দ্রুত পদক্ষেপ এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারের বিষয়টিও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, গুরুতর অপরাধের পেছনে মাদকসহ বিভিন্ন সামাজিক কারণ থাকতে পারে। এসব অপরাধ প্রতিরোধে স্কুল পর্যায়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমসহ সচেতনতামূলক উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

অপরাধ

View more
ভয়াবহ নির্যাতনের শিকার কোটি কোটি নারী
বিশ্বে প্রতি ঘণ্টায় পাঁচ নারী হত্যা, ভয়াবহ নির্যাতনের শিকার কোটি কোটি নারী

বিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা ও হত্যার ঘটনা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। জাতিসংঘের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে বিশ্বে প্রায় ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে।   ২৪ নভেম্বর প্রকাশিত জাতিসংঘের নারী সংস্থা এবং মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু ইচ্ছাকৃত হত্যার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশকে হত্যা করেছেন স্বামী, সঙ্গী অথবা পরিবারের সদস্যরা।   প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। আফ্রিকায় এ ধরনের হত্যার সংখ্যা সবচেয়ে বেশি। এরপর রয়েছে এশিয়া, আমেরিকা, ইউরোপ ও ওশেনিয়া। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের ১৯ নভেম্বর প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রায় ৮৪ কোটি নারী জীবনের কোনো না কোনো সময়ে ঘনিষ্ঠ সঙ্গীর শারীরিক বা যৌন সহিংসতা কিংবা অন্য ব্যক্তির যৌন সহিংসতার শিকার হয়েছেন। অর্থাৎ প্রতি তিনজন নারীর প্রায় একজন এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু গত ১২ মাসেই ৩১ কোটি ৬০ লাখ নারী ঘনিষ্ঠ সঙ্গীর শারীরিক অথবা যৌন সহিংসতার শিকার হয়েছেন। গত দুই দশকে নারীর প্রতি সহিংসতা কমানোর অগ্রগতি অত্যন্ত ধীর। এ ক্ষেত্রে বার্ষিক অগ্রগতির হার মাত্র শূন্য দশমিক ২ শতাংশ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, নারীর প্রতি সহিংসতা শুধু শারীরিক আঘাত বা হত্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে যৌন নির্যাতন, পারিবারিক নির্যাতন, মানসিক নিপীড়ন এবং নিরাপত্তাহীনতা। অনেক নারী সামাজিক চাপ, ভয় ও লোকলজ্জার কারণে নির্যাতনের ঘটনা প্রকাশ করেন না কিংবা আইনি সহায়তা নিতে পারেন না।   জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাগুলো নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ, অপরাধীদের জবাবদিহির আওতায় আনা, ভুক্তভোগীদের আইনি ও চিকিৎসাসেবা দেওয়া এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। তথ্যসূত্র: জাতিসংঘের নারী সংস্থা, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৫:৪১
ইরানে হত্যার শিকার ১৬ বছর বয়সী কিশোরী জাহরা জেদ্দি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

বিচ্ছেদ চাওয়ায় ইরানে বাল্যবিয়ের শিকার ১৬ বছরের কিশোরীকে হত্যা, পরে যুবকের আত্মহত্যা

আদালত প্রাঙ্গণে আইসিইর অভিযান

আদালত প্রাঙ্গণে আইসিইর অভিযান, ১১০০ আটকের ঘটনায় তোলপাড়

পুরোনো মামলার তথ্যেই বিমানবন্দরে আটক হচ্ছেন

পুরোনো মামলার তথ্যেই বিমানবন্দরে আটক হচ্ছেন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের গ্রিন কার্ডধারীরাও

আদালতের নির্দেশে মুক্তির পরই অভিবাসীকে ফের গ্রেপ্তার
আদালতের নির্দেশে মুক্তির পরই অভিবাসীকে ফের গ্রেপ্তার, আইসের বিরুদ্ধে ক্ষুব্ধ বিচারক

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে আদালতের নির্দেশে মুক্তি পাওয়া এক অভিবাসীকে আটককেন্দ্র থেকে বের হওয়ার পরপরই আবার গ্রেপ্তার করার ঘটনায় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইস) কর্মকর্তাদের আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছেন এক ফেডারেল বিচারক। ১৮ নভেম্বর দেওয়া এক আদেশে বিচারক শার্লট সুইনি বলেন, আদালতের নির্দেশে মুক্তি পাওয়া ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পুনরায় আটক করার এই পদ্ধতি আদালতের আদেশকে কার্যত উপহাসে পরিণত করেছে।   ঘটনাটি ঘটে রামন কুইন্তেরো আলভারেজ নামের এক অভিবাসীর ক্ষেত্রে। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আটক অবস্থায় তিনি আদালতে আবেদন করে মুক্তির নির্দেশ পান। কিন্তু ২৭ অক্টোবর আটককেন্দ্র থেকে মুক্তি পাওয়ার পরপরই আইসের কর্মকর্তারা তাঁকে আবার গ্রেপ্তার করেন। বিষয়টি আদালতের নজরে আসার পর বিচারক এ বিষয়ে শুনানি করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেন।   আদালতের নথি ও কলোরাডো পাবলিক রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় সপ্তাহে অঙ্গরাজ্যটিতে অন্তত ১৮ জন অভিবাসীকে আদালতের নির্দেশে মুক্তি দেওয়ার পর আবার আটক করা হয়েছে, অথবা তাঁদের আইনসম্মত মুক্তি বিলম্বিত হয়েছে। অভিবাসন আইনজীবীদের ধারণা, আইনি সহায়তা ছাড়া নিজের পক্ষে মামলা পরিচালনা করা ব্যক্তিদের ঘটনাও বিবেচনায় এলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।   শুনানিতে আইসের কর্মকর্তারা জানান, কিছু ক্ষেত্রে তাঁদের ধারণা ছিল, অপরাধসংক্রান্ত তথ্য বা নথিপত্রের কারণে মুক্তির পর আবার গ্রেপ্তার করা সম্ভব। তবে বিচারক বলেন, আদালতের নির্দিষ্ট মুক্তির আদেশের পর কাউকে সাময়িকভাবে বাইরে এনে আবার আটক করাকে আদেশ পালন বলা যায় না।   বিচারক সুইনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করলেও অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেননি। কারণ, শুনানিতে আইসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শপথ করে জানান, আদালতের নির্দেশে মুক্তি পাওয়া ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পুনরায় গ্রেপ্তারের এই পদ্ধতি বন্ধ করা হয়েছে। বিচারক এই পরিবর্তনকে আদালত অবমাননার পরিস্থিতি সংশোধনের পদক্ষেপ হিসেবে বিবেচনা করেন।   তবে এই আদেশের অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্রজুড়ে আইসের সব ধরনের পুনরায় গ্রেপ্তারের ক্ষমতা বন্ধ হয়ে গেছে। মামলাটি মূলত কলোরাডোর নির্দিষ্ট আদালতের মুক্তির নির্দেশ অমান্য করার ঘটনাকে কেন্দ্র করে। আদালতের বক্তব্য হলো, কোনো সরকারি সংস্থাও ফেডারেল আদালতের বৈধ আদেশ অমান্য করতে পারে না।   ঘটনাটি যুক্তরাষ্ট্রে অভিবাসন আটক, আদালতের নির্দেশ এবং অভিবাসীদের আইনি অধিকার নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে যেসব অভিবাসী আটক অবস্থায় আদালতের মাধ্যমে মুক্তির আবেদন করছেন, তাঁদের ক্ষেত্রে বিচারিক আদেশ যথাযথভাবে কার্যকর করার বিষয়টি আবার সামনে এসেছে।সংবাদসূত্র : রয়টার্স

প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ৬:৫৫
অভিবাসী শিশুদের ৭২ ঘণ্টার বদলে এক মাস পর্যন্ত আটক রাখার অভিযোগ

যুক্তরাষ্ট্রে অভিবাসী শিশুদের ৭২ ঘণ্টার বদলে এক মাস পর্যন্ত আটক রাখার অভিযোগ

মিনেসোটা অঙ্গরাজ্যে যাত্রীর হামলায় গুরুতর আহত হয়েছেন সোমালি বংশোদ্ভূত এক উবারচালক

মিনেসোটায় উবারচালক মোহাম্মদ ইউসূফ কে মারধর করে গাড়িচাপা, কোমায় পাঁচ সন্তানের বাবা

দরিদ্রের খাদ্যসহায়তা জালিয়াতির অভিযোগে ৬৩ মামলার মুখে তারকা মার্সিডিজ রেশার্ড নিউ

ইনস্টাগ্রামে কোটি অনুসারী, বিলাসী জীবনযাপন, দরিদ্রের খাদ্যসহায়তা জালিয়াতির অভিযোগে ৬৩ মামলা

অনলাইনে ভুয়া পরিচয়ে কিশোরীদের সঙ্গে প্রতারণার দায়ে যুক্তরাজ্যের আদালতে ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজীর ৩০ বছরের কারাদণ্ড হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
প্রেমের ফাঁদে ফেলে ৭০ মেয়ের সঙ্গে প্রতারণা, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের জেল

যুক্তরাজ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে অন্তত ৭০ শিশু-কিশোরীকে যৌন শোষণ ও ব্ল্যাকমেইলের ঘটনায় ভারতীয় এক শিক্ষার্থীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম বিলাল কাজী। ২৭ বছর বয়সী এই ভারতীয় নাগরিক ব্রিটেনে উচ্চশিক্ষা গ্রহণ করছিলেন। নিজেকে ১৪ বছর বয়সী ব্রিটিশ কিশোর পরিচয় দিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন তিনি। পরে তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন মানসিক চাপে রাখতেন।   শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের চেস্টার ক্রাউন কোর্টে বিলাল কাজীকে এই সাজা দেওয়া হয়। ব্রিটিশ ক্রাউন প্রসিকিউশন সার্ভিস ও চেশায়ার পুলিশের তথ্য অনুযায়ী, কাজী এর আগে শিশুদের বিরুদ্ধে ৩৭টি যৌন অপরাধের অভিযোগ স্বীকার করেন। এর মধ্যে ৩৩টি অপরাধের জন্য তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি মুক্তির পর আরও আট বছর বিশেষ নজরদারির অধীনে থাকতে হবে তাঁকে। তাঁর বিরুদ্ধে যৌন ক্ষতি প্রতিরোধ ও ভুক্তভোগীদের সুরক্ষায় অতিরিক্ত আদালতের আদেশও দেওয়া হয়েছে।   ভারতের মুম্বাইয়ের বাসিন্দা বিলাল কাজী যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব চেস্টারে পড়াশোনা করতেন। পরে বার্মিংহামে গিয়ে রসায়ন বিষয়ে উচ্চশিক্ষা চালিয়ে যান। তদন্তকারীরা জানান, ২০২১ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত তিনি স্ন্যাপচ্যাট, রোবলক্স ও উইঙ্কের মতো অনলাইন প্ল্যাটফর্মে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। নিজের আসল পরিচয় গোপন করে 'রিস' নামে একটি ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করতেন তিনি। অন্য এক কিশোরের ছবি ব্যবহার করে নিজেকে সমবয়সী ব্রিটিশ ছেলে হিসেবে পরিচয় দিতেন।   পুলিশের তদন্তে উঠে এসেছে, প্রথমে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের কথা বলে শিশু-কিশোরীদের বিশ্বাস অর্জন করতেন কাজী। এরপর তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠাতে চাপ দিতেন। কেউ রাজি না হলে আগে পাঠানো ছবি অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। কয়েকজন ভুক্তভোগীর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটে। চেশায়ার পুলিশ জানিয়েছে, অনেক ভুক্তভোগী দীর্ঘ সময় ধরে ভয়ে ছিলেন। তাঁদের কেউ কেউ বিশ্বাস করতেন, তাঁরা সত্যিকারের প্রেমের সম্পর্কে রয়েছেন।   ২০২১ সালের নভেম্বরে ১৩ বছর বয়সী এক কিশোরীর অভিযোগের মাধ্যমে ঘটনাটি প্রথম পুলিশের নজরে আসে। পরে ২০২২ সালের মে মাসে চেশায়ার পুলিশের অনলাইন শিশু নির্যাতন তদন্ত দল মামলার দায়িত্ব নেয়। তদন্তে ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীর তথ্য পাওয়া যায়। তাঁদের মধ্যে যুক্তরাজ্যের ২৮টি পুলিশ এলাকার মোট ৭০ জনকে শনাক্ত করা সম্ভব হয়। অপরাধের সময় শনাক্ত হওয়া ভুক্তভোগীদের বয়স ছিল ১১ থেকে ১৭ বছরের মধ্যে। তবে বিচারিক নথিতে ১০ বছর বয়সী শিশুর বিরুদ্ধেও অপরাধের তথ্য রয়েছে। তদন্তের একপর্যায়ে যুক্তরাজ্য ছেড়ে চলে যাওয়া কাজীকে ২০২৩ সালের জুলাইয়ে হিথ্রো বিমানবন্দরে ফেরার পর গ্রেপ্তার করা হয়।   গ্রেপ্তারের পর তাঁর ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে বিপুল পরিমাণ অবৈধ ছবি ও ভিডিও উদ্ধার করেন তদন্তকারীরা। চেশায়ার পুলিশের তদন্তে চার শতাধিক এবং বার্মিংহামে আরও পাঁচ শতাধিক ছবি ও ভিডিও পাওয়া যায়। আদালতে জানানো হয়, তাঁর অপরাধের কারণে অনেক ভুক্তভোগী দীর্ঘস্থায়ী মানসিক সমস্যায় পড়েছেন। কারও মধ্যে উদ্বেগ, ভয় এবং স্বাভাবিক সামাজিক জীবনযাপনে অসুবিধা দেখা দিয়েছে। বিচারক স্টিভেন এভারেট অপরাধের ব্যাপকতা ও ভুক্তভোগীদের ওপর এর প্রভাব বিবেচনা করে কঠোর সাজা ঘোষণা করেন।   চেশায়ার পুলিশের গোয়েন্দা কর্মকর্তা জর্জিয়া হিউজ জানান, এটি তাঁদের পরিচালিত সবচেয়ে বড় অনলাইন শিশু যৌন শোষণসংক্রান্ত তদন্তগুলোর একটি। বহু পুলিশ ইউনিটের সমন্বয়ে দীর্ঘদিন কাজ করে ভুক্তভোগীদের শনাক্ত করা হয়েছে। তাঁর মতে, অনলাইনে সংঘটিত অপরাধের ক্ষতি বাস্তব জীবনের অপরাধের চেয়ে কম, এমন ধারণা ভুল। এসব ঘটনা শিশুদের আত্মবিশ্বাস, নিরাপত্তাবোধ এবং মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তদন্তকারী কর্মকর্তারা অভিভাবকদের সন্তানদের অনলাইন কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার এবং অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ঝুঁকি নিয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছেন।   সংবাদসূত্র: Cheshire Constabulary, Crown Prosecution Service

প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬ ২২:১৮
ব্রঙ্কসের অ্যাপার্টমেন্টে মিলল ২৬ বছর বয়সী নারীর মরদেহ

এক সপ্তাহ ধরে দুর্গন্ধ, ব্রঙ্কসের অ্যাপার্টমেন্টে মিলল ২৬ বছর বয়সী নারীর মরদেহ

এফবিআই

আফগানদের যুক্তরাষ্ট্রে নিতে এক দশক ধরে ভিসা জালিয়াতির অভিযোগ, সিয়াটলে গ্রেপ্তার এক ব্যক্তি

অভিযুক্ত বিলাল কাজি

যুক্তরাজ্যে ৭০ কিশোরীকে অনলাইনে যৌন নির্যাতন ও ব্ল্যাকমেইল, ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের কারাদণ্ড

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...