গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস করল বাদীপক্ষ
রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের (২৪) মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে আসামিপক্ষের ৯ লাখ টাকায় আপস হয়েছে। আপসনামায় সই করে আসামিদের জামিন বা খালাসে আপত্তি না থাকার কথাও জানিয়েছে নিহতের পরিবার। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, সড়ক পরিবহন আইনের এ ধরনের মামলা আপসযোগ্য নয় এবং দুই পক্ষের সমঝোতা আদালত গ্রহণ করতে বাধ্য নয়।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কে। মেহেদী ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর উপস্থিত লোকজন গাড়িটির চালকের আসন থেকে বের হওয়া ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করে পুলিশের কাছে দেয়। জিজ্ঞাসাবাদের পর ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছিল। পরে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে বুধবার তাকে গ্রেপ্তার করে গুলশান থানা-পুলিশ।
মেহেদীর বড় ভাই মোক্তাদীর ইসলাম বুধবার গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলার এজাহারে গাড়িচালক হিসেবে আকাশ মারক নামে একজনকে আসামি করা হয়। তবে তদন্ত কর্মকর্তা আদালতকে জানিয়েছেন, আশপাশের সিসিটিভি ফুটেজে ঘটনার পর গাড়ির ড্রাইভিং সিটের দরজা দিয়ে ওই কিশোরকে বের হতে দেখা গেছে এবং তদন্তে তার সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কিশোরকে ঢাকার শিশু আদালত-৮-এ হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা এসআই মো. আরেফিন ইসলাম তাকে সংশোধনাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে কিশোরের পক্ষে আইনজীবী মো. আলমগীর হোসেন জামিন চান। শুনানি শেষে বিচারক মো. আব্দুল মোক্তাদির জামিন না দিয়ে তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
আসামিপক্ষের আইনজীবীর ভাষ্য অনুযায়ী, নিহত মেহেদী শ্রবণ ও বাক্প্রতিবন্ধী ছিলেন। দুই পরিবারের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে মোট ৯ লাখ টাকায় সমঝোতা হয়েছে। এর মধ্যে দাফন-কাফন ও ধর্মীয় আনুষ্ঠানিকতার জন্য এক লাখ এবং মেহেদীর বৃদ্ধ বাবা-মায়ের ভবিষ্যতের কথা বিবেচনা করে আরও আট লাখ টাকা দেওয়া হয়েছে।
আপসনামায় মামলাটি প্রত্যাহারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া এবং কিশোর ও মামলায় নাম থাকা গাড়িচালক আকাশ মারকের জামিনের বিষয়ে বাদীপক্ষের অনাপত্তির কথা রয়েছে। নিহত মেহেদীর ভাই ও মামলার বাদী মোক্তাদীর ইসলামও আপস হওয়ার কথা স্বীকার করেছেন, যদিও টাকার পরিমাণ সম্পর্কে তিনি তার মামার কাছে জানতে বলেন।
তবে এই আপসের পরও মামলার তদন্ত থেমে যাচ্ছে না। তদন্ত কর্মকর্তা এসআই আরেফিন ইসলাম জানিয়েছেন, দুই পক্ষের সমঝোতা তদন্তে প্রভাব ফেলবে না এবং পুলিশ তাদের মতো করে তদন্ত চালিয়ে যাবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদের বক্তব্য অনুযায়ী, সড়ক পরিবহন আইনে দায়ের করা এ মামলা আপসযোগ্য নয়। ফলে বাদী ও আসামিপক্ষ নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছালেও আদালত সেই সমঝোতা গ্রহণ করতে বাধ্য নয়। মামলার তদন্ত শেষে কার কী ভূমিকা ছিল, সেটি আইনি প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
অপরাধ
View moreবিশ্বজুড়ে নারীর প্রতি সহিংসতা ও হত্যার ঘটনা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। জাতিসংঘের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৫ সালে বিশ্বে প্রায় ৪৭ হাজার নারী ও কন্যাশিশু তাঁদের ঘনিষ্ঠ সঙ্গী অথবা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। ২৪ নভেম্বর প্রকাশিত জাতিসংঘের নারী সংস্থা এবং মাদক ও অপরাধবিষয়ক দপ্তরের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার নারী ও কন্যাশিশু ইচ্ছাকৃত হত্যার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশকে হত্যা করেছেন স্বামী, সঙ্গী অথবা পরিবারের সদস্যরা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ১২৯ জন নারী ও কন্যাশিশু ঘনিষ্ঠ সঙ্গী কিংবা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। আফ্রিকায় এ ধরনের হত্যার সংখ্যা সবচেয়ে বেশি। এরপর রয়েছে এশিয়া, আমেরিকা, ইউরোপ ও ওশেনিয়া। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২৫ সালের ১৯ নভেম্বর প্রকাশিত আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রায় ৮৪ কোটি নারী জীবনের কোনো না কোনো সময়ে ঘনিষ্ঠ সঙ্গীর শারীরিক বা যৌন সহিংসতা কিংবা অন্য ব্যক্তির যৌন সহিংসতার শিকার হয়েছেন। অর্থাৎ প্রতি তিনজন নারীর প্রায় একজন এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু গত ১২ মাসেই ৩১ কোটি ৬০ লাখ নারী ঘনিষ্ঠ সঙ্গীর শারীরিক অথবা যৌন সহিংসতার শিকার হয়েছেন। গত দুই দশকে নারীর প্রতি সহিংসতা কমানোর অগ্রগতি অত্যন্ত ধীর। এ ক্ষেত্রে বার্ষিক অগ্রগতির হার মাত্র শূন্য দশমিক ২ শতাংশ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, নারীর প্রতি সহিংসতা শুধু শারীরিক আঘাত বা হত্যার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে যৌন নির্যাতন, পারিবারিক নির্যাতন, মানসিক নিপীড়ন এবং নিরাপত্তাহীনতা। অনেক নারী সামাজিক চাপ, ভয় ও লোকলজ্জার কারণে নির্যাতনের ঘটনা প্রকাশ করেন না কিংবা আইনি সহায়তা নিতে পারেন না। জাতিসংঘ সংশ্লিষ্ট সংস্থাগুলো নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারিবারিক সহিংসতা প্রতিরোধ, অপরাধীদের জবাবদিহির আওতায় আনা, ভুক্তভোগীদের আইনি ও চিকিৎসাসেবা দেওয়া এবং সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে। তথ্যসূত্র: জাতিসংঘের নারী সংস্থা, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 874 এসকিউ
বিচ্ছেদ চাওয়ায় ইরানে বাল্যবিয়ের শিকার ১৬ বছরের কিশোরীকে হত্যা, পরে যুবকের আত্মহত্যা
আদালত প্রাঙ্গণে আইসিইর অভিযান, ১১০০ আটকের ঘটনায় তোলপাড়
পুরোনো মামলার তথ্যেই বিমানবন্দরে আটক হচ্ছেন যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের গ্রিন কার্ডধারীরাও
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে আদালতের নির্দেশে মুক্তি পাওয়া এক অভিবাসীকে আটককেন্দ্র থেকে বের হওয়ার পরপরই আবার গ্রেপ্তার করার ঘটনায় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার (আইস) কর্মকর্তাদের আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করেছেন এক ফেডারেল বিচারক। ১৮ নভেম্বর দেওয়া এক আদেশে বিচারক শার্লট সুইনি বলেন, আদালতের নির্দেশে মুক্তি পাওয়া ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পুনরায় আটক করার এই পদ্ধতি আদালতের আদেশকে কার্যত উপহাসে পরিণত করেছে। ঘটনাটি ঘটে রামন কুইন্তেরো আলভারেজ নামের এক অভিবাসীর ক্ষেত্রে। তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। আটক অবস্থায় তিনি আদালতে আবেদন করে মুক্তির নির্দেশ পান। কিন্তু ২৭ অক্টোবর আটককেন্দ্র থেকে মুক্তি পাওয়ার পরপরই আইসের কর্মকর্তারা তাঁকে আবার গ্রেপ্তার করেন। বিষয়টি আদালতের নজরে আসার পর বিচারক এ বিষয়ে শুনানি করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য নেন। আদালতের নথি ও কলোরাডো পাবলিক রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় সপ্তাহে অঙ্গরাজ্যটিতে অন্তত ১৮ জন অভিবাসীকে আদালতের নির্দেশে মুক্তি দেওয়ার পর আবার আটক করা হয়েছে, অথবা তাঁদের আইনসম্মত মুক্তি বিলম্বিত হয়েছে। অভিবাসন আইনজীবীদের ধারণা, আইনি সহায়তা ছাড়া নিজের পক্ষে মামলা পরিচালনা করা ব্যক্তিদের ঘটনাও বিবেচনায় এলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। শুনানিতে আইসের কর্মকর্তারা জানান, কিছু ক্ষেত্রে তাঁদের ধারণা ছিল, অপরাধসংক্রান্ত তথ্য বা নথিপত্রের কারণে মুক্তির পর আবার গ্রেপ্তার করা সম্ভব। তবে বিচারক বলেন, আদালতের নির্দিষ্ট মুক্তির আদেশের পর কাউকে সাময়িকভাবে বাইরে এনে আবার আটক করাকে আদেশ পালন বলা যায় না। বিচারক সুইনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আদালত অবমাননার দায়ে অভিযুক্ত করলেও অতিরিক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেননি। কারণ, শুনানিতে আইসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শপথ করে জানান, আদালতের নির্দেশে মুক্তি পাওয়া ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে পুনরায় গ্রেপ্তারের এই পদ্ধতি বন্ধ করা হয়েছে। বিচারক এই পরিবর্তনকে আদালত অবমাননার পরিস্থিতি সংশোধনের পদক্ষেপ হিসেবে বিবেচনা করেন। তবে এই আদেশের অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্রজুড়ে আইসের সব ধরনের পুনরায় গ্রেপ্তারের ক্ষমতা বন্ধ হয়ে গেছে। মামলাটি মূলত কলোরাডোর নির্দিষ্ট আদালতের মুক্তির নির্দেশ অমান্য করার ঘটনাকে কেন্দ্র করে। আদালতের বক্তব্য হলো, কোনো সরকারি সংস্থাও ফেডারেল আদালতের বৈধ আদেশ অমান্য করতে পারে না। ঘটনাটি যুক্তরাষ্ট্রে অভিবাসন আটক, আদালতের নির্দেশ এবং অভিবাসীদের আইনি অধিকার নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে যেসব অভিবাসী আটক অবস্থায় আদালতের মাধ্যমে মুক্তির আবেদন করছেন, তাঁদের ক্ষেত্রে বিচারিক আদেশ যথাযথভাবে কার্যকর করার বিষয়টি আবার সামনে এসেছে।সংবাদসূত্র : রয়টার্স
যুক্তরাষ্ট্রে অভিবাসী শিশুদের ৭২ ঘণ্টার বদলে এক মাস পর্যন্ত আটক রাখার অভিযোগ
মিনেসোটায় উবারচালক মোহাম্মদ ইউসূফ কে মারধর করে গাড়িচাপা, কোমায় পাঁচ সন্তানের বাবা
ইনস্টাগ্রামে কোটি অনুসারী, বিলাসী জীবনযাপন, দরিদ্রের খাদ্যসহায়তা জালিয়াতির অভিযোগে ৬৩ মামলা
যুক্তরাজ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে অন্তত ৭০ শিশু-কিশোরীকে যৌন শোষণ ও ব্ল্যাকমেইলের ঘটনায় ভারতীয় এক শিক্ষার্থীকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত ব্যক্তির নাম বিলাল কাজী। ২৭ বছর বয়সী এই ভারতীয় নাগরিক ব্রিটেনে উচ্চশিক্ষা গ্রহণ করছিলেন। নিজেকে ১৪ বছর বয়সী ব্রিটিশ কিশোর পরিচয় দিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন তিনি। পরে তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন মানসিক চাপে রাখতেন। শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের চেস্টার ক্রাউন কোর্টে বিলাল কাজীকে এই সাজা দেওয়া হয়। ব্রিটিশ ক্রাউন প্রসিকিউশন সার্ভিস ও চেশায়ার পুলিশের তথ্য অনুযায়ী, কাজী এর আগে শিশুদের বিরুদ্ধে ৩৭টি যৌন অপরাধের অভিযোগ স্বীকার করেন। এর মধ্যে ৩৩টি অপরাধের জন্য তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি মুক্তির পর আরও আট বছর বিশেষ নজরদারির অধীনে থাকতে হবে তাঁকে। তাঁর বিরুদ্ধে যৌন ক্ষতি প্রতিরোধ ও ভুক্তভোগীদের সুরক্ষায় অতিরিক্ত আদালতের আদেশও দেওয়া হয়েছে। ভারতের মুম্বাইয়ের বাসিন্দা বিলাল কাজী যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব চেস্টারে পড়াশোনা করতেন। পরে বার্মিংহামে গিয়ে রসায়ন বিষয়ে উচ্চশিক্ষা চালিয়ে যান। তদন্তকারীরা জানান, ২০২১ সালের আগস্ট থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত তিনি স্ন্যাপচ্যাট, রোবলক্স ও উইঙ্কের মতো অনলাইন প্ল্যাটফর্মে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের লক্ষ্যবস্তু বানিয়েছিলেন। নিজের আসল পরিচয় গোপন করে 'রিস' নামে একটি ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করতেন তিনি। অন্য এক কিশোরের ছবি ব্যবহার করে নিজেকে সমবয়সী ব্রিটিশ ছেলে হিসেবে পরিচয় দিতেন। পুলিশের তদন্তে উঠে এসেছে, প্রথমে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কের কথা বলে শিশু-কিশোরীদের বিশ্বাস অর্জন করতেন কাজী। এরপর তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও পাঠাতে চাপ দিতেন। কেউ রাজি না হলে আগে পাঠানো ছবি অন্যদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন। কয়েকজন ভুক্তভোগীর সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টেও অননুমোদিত প্রবেশের ঘটনা ঘটে। চেশায়ার পুলিশ জানিয়েছে, অনেক ভুক্তভোগী দীর্ঘ সময় ধরে ভয়ে ছিলেন। তাঁদের কেউ কেউ বিশ্বাস করতেন, তাঁরা সত্যিকারের প্রেমের সম্পর্কে রয়েছেন। ২০২১ সালের নভেম্বরে ১৩ বছর বয়সী এক কিশোরীর অভিযোগের মাধ্যমে ঘটনাটি প্রথম পুলিশের নজরে আসে। পরে ২০২২ সালের মে মাসে চেশায়ার পুলিশের অনলাইন শিশু নির্যাতন তদন্ত দল মামলার দায়িত্ব নেয়। তদন্তে ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীর তথ্য পাওয়া যায়। তাঁদের মধ্যে যুক্তরাজ্যের ২৮টি পুলিশ এলাকার মোট ৭০ জনকে শনাক্ত করা সম্ভব হয়। অপরাধের সময় শনাক্ত হওয়া ভুক্তভোগীদের বয়স ছিল ১১ থেকে ১৭ বছরের মধ্যে। তবে বিচারিক নথিতে ১০ বছর বয়সী শিশুর বিরুদ্ধেও অপরাধের তথ্য রয়েছে। তদন্তের একপর্যায়ে যুক্তরাজ্য ছেড়ে চলে যাওয়া কাজীকে ২০২৩ সালের জুলাইয়ে হিথ্রো বিমানবন্দরে ফেরার পর গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁর ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে বিপুল পরিমাণ অবৈধ ছবি ও ভিডিও উদ্ধার করেন তদন্তকারীরা। চেশায়ার পুলিশের তদন্তে চার শতাধিক এবং বার্মিংহামে আরও পাঁচ শতাধিক ছবি ও ভিডিও পাওয়া যায়। আদালতে জানানো হয়, তাঁর অপরাধের কারণে অনেক ভুক্তভোগী দীর্ঘস্থায়ী মানসিক সমস্যায় পড়েছেন। কারও মধ্যে উদ্বেগ, ভয় এবং স্বাভাবিক সামাজিক জীবনযাপনে অসুবিধা দেখা দিয়েছে। বিচারক স্টিভেন এভারেট অপরাধের ব্যাপকতা ও ভুক্তভোগীদের ওপর এর প্রভাব বিবেচনা করে কঠোর সাজা ঘোষণা করেন। চেশায়ার পুলিশের গোয়েন্দা কর্মকর্তা জর্জিয়া হিউজ জানান, এটি তাঁদের পরিচালিত সবচেয়ে বড় অনলাইন শিশু যৌন শোষণসংক্রান্ত তদন্তগুলোর একটি। বহু পুলিশ ইউনিটের সমন্বয়ে দীর্ঘদিন কাজ করে ভুক্তভোগীদের শনাক্ত করা হয়েছে। তাঁর মতে, অনলাইনে সংঘটিত অপরাধের ক্ষতি বাস্তব জীবনের অপরাধের চেয়ে কম, এমন ধারণা ভুল। এসব ঘটনা শিশুদের আত্মবিশ্বাস, নিরাপত্তাবোধ এবং মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে। তদন্তকারী কর্মকর্তারা অভিভাবকদের সন্তানদের অনলাইন কার্যক্রম সম্পর্কে সচেতন থাকার এবং অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের ঝুঁকি নিয়ে আলোচনা করার পরামর্শ দিয়েছেন। সংবাদসূত্র: Cheshire Constabulary, Crown Prosecution Service
এক সপ্তাহ ধরে দুর্গন্ধ, ব্রঙ্কসের অ্যাপার্টমেন্টে মিলল ২৬ বছর বয়সী নারীর মরদেহ
আফগানদের যুক্তরাষ্ট্রে নিতে এক দশক ধরে ভিসা জালিয়াতির অভিযোগ, সিয়াটলে গ্রেপ্তার এক ব্যক্তি

