স্নাতক শেষে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেলেন শাবিপ্রবি শিক্ষার্থী সাদিয়া
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করা সাদিয়া রহমান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ইউটায় সরাসরি পিএইচডি করার সুযোগ পেয়েছেন। পূর্ণ অর্থায়নের আওতায় তিনি বিশ্ববিদ্যালয়টির সমাজবিজ্ঞান ও ক্রিমিনোলজি বিভাগে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবেও কাজ করবেন।
২০১৯–২০ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর পিএইচডি কার্যক্রম শুরু হবে ২০২৬ সালের ফল সেমিস্টারে। ইউনিভার্সিটি অব ইউটার প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, আগামী ২৪ আগস্ট সেমিস্টারের ক্লাস শুরু হবে। সব প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হলে আগস্টের প্রথম সপ্তাহে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে সাদিয়ার।
সাদিয়া জানান, উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের ১০টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলেন। এর মধ্যে পাঁচটি বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির প্রস্তাব পেয়েছেন। আরও একটি বিশ্ববিদ্যালয়ের অপেক্ষমাণ তালিকায় রয়েছেন তিনি। শেষ পর্যন্ত গবেষণার সুযোগ ও আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করে ইউনিভার্সিটি অব ইউটাকে বেছে নিয়েছেন।
ইউনিভার্সিটি অব ইউটার সমাজবিজ্ঞান পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, পিএইচডিতে ভর্তির আবেদনগুলো স্বয়ংক্রিয়ভাবে অর্থায়নের জন্য বিবেচিত হয়। ভর্তি হওয়া শিক্ষার্থীদের যোগ্যতা ও গবেষণার আগ্রহ অনুযায়ী সাধারণত গবেষণা বা শিক্ষা সহকারী হিসেবে কাজের সুযোগ দেওয়া হয়। অর্থায়নের মধ্যে বৃত্তি, টিউশন ফি মওকুফ এবং ভর্তুকিযুক্ত স্বাস্থ্যবিমার মতো সুবিধা থাকতে পারে।
স্নাতকে সাদিয়ার সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৩.৭০। পড়াশোনার পাশাপাশি প্রতিটি কোর্সে গবেষণাসংশ্লিষ্ট কাজ, টার্ম পেপার, সেমিনার পেপার ও চূড়ান্ত বর্ষের গবেষণা প্রকল্পে গুরুত্ব দিয়েছেন তিনি। তার তিনটি গবেষণাপত্র বর্তমানে আন্তর্জাতিক জার্নালে পর্যালোচনাধীন রয়েছে।
বিভাগসংশ্লিষ্টদের ভাষ্য, শাবিপ্রবির সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে স্নাতক শেষ করেই সরাসরি বিদেশে পিএইচডি করার সুযোগ পাওয়ার ঘটনা এটিই প্রথম।
এই অর্জনের পেছনে রয়েছে সাদিয়ার দীর্ঘ সংগ্রাম ও প্রয়াত বাবার একটি অপূর্ণ স্বপ্ন। সাদিয়া বলেন, “আমি অত্যন্ত খুশি। আমার বাবার স্বপ্ন ছিল, আমি যেন ডাক্তার হই। ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০১৭ সালে তিনি মারা যান। অনেক চেষ্টা করেও আমি মেডিকেলে ভর্তির সুযোগ পাইনি। তবে পরবর্তী সময়ে কঠোর পরিশ্রম ও একাগ্রতার কারণে যুক্তরাষ্ট্রে পিএইচডি করার সুযোগ পেয়েছি।”
পিএইচডি সম্পন্ন করে বাবার স্বপ্নকে অন্যভাবে পূরণ করতে চান জানিয়ে তিনি বলেন, “আমি আন্তরিকতার সঙ্গে ডিগ্রিটি সম্পন্ন করতে চাই, যেন একদিন নামের আগে ‘ডক্টর’ শব্দটি যোগ করতে পারি। এতে আমার বাবার আত্মা হয়তো খুশি হবে। বাবার মৃত্যুর পর আমাদের তিন বোনকে বড় করতে আম্মাও অনেক সংগ্রাম করেছেন। আমি তার মুখেও হাসি ফোটাতে চাই।”
স্নাতক শেষ করেই পিএইচডির সুযোগ পাওয়ার প্রস্তুতি সম্পর্কে সাদিয়া বলেন, বিশ্ববিদ্যালয়জীবনের শুরু থেকেই গবেষণাসংশ্লিষ্ট কাজগুলো তিনি নিষ্ঠার সঙ্গে করেছেন। গবেষণার নকশা তৈরি, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের পাশাপাশি প্রয়োজনীয় বিভিন্ন গবেষণা সরঞ্জাম এবং বিশ্লেষণধর্মী সফটওয়্যার ব্যবহারের দক্ষতা অর্জন করেছেন।
আবেদনের সময় নিজের গবেষণার আগ্রহ ও ভবিষ্যৎ লক্ষ্য স্পষ্টভাবে তুলে ধরে একটি শক্তিশালী স্টেটমেন্ট অব পারপাস প্রস্তুত করেছিলেন তিনি। শিক্ষকদের সুপারিশপত্র এবং গবেষণার অভিজ্ঞতাও তার আবেদনকে শক্তিশালী করেছে বলে মনে করেন সাদিয়া।
তিনি বলেন, “আমার তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক স্যার যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমি সেভাবেই কাজ করার চেষ্টা করেছি। আমার তিনটি গবেষণাপত্র আন্তর্জাতিক জার্নালে পর্যালোচনাধীন রয়েছে। গবেষণায় সহায়ক বিভিন্ন পদ্ধতি ও সফটওয়্যার ব্যবহারের জ্ঞানও অর্জন করেছি। ভালো স্টেটমেন্ট অব পারপাস এবং শক্তিশালী সুপারিশপত্র আমার আবেদনকে এগিয়ে দিয়েছে।”
নিজের সাফল্যের জন্য পরিবার, শিক্ষক, স্বামী, জ্যেষ্ঠ শিক্ষার্থী ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানান সাদিয়া। তিনি বলেন, এই দীর্ঘ প্রস্তুতির পথে বিভিন্ন সময়ে তাদের পরামর্শ, উৎসাহ ও সহযোগিতা তাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে।
সাদিয়ার অর্জন সম্পর্কে অধ্যাপক আতিকুল হক বলেন, “তার লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা খুবই স্পষ্ট। আমি তাকে যেভাবে কাজ করতে বলেছি, সে একাগ্রতা ও আন্তরিকতার সঙ্গে সেভাবে কাজ করেছে। স্নাতক শেষ করার সময়ই তার তিনটি গবেষণাপত্র ভালো জার্নালে পর্যালোচনাধীন থাকা প্রমাণ করে, গবেষণার জন্য তার প্রয়োজনীয় আগ্রহ ও সক্ষমতা রয়েছে। এই অর্জন তার ধারাবাহিক পরিশ্রমের ফল। আমি তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।”
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
শিক্ষা
View moreযুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থানের মেয়াদ সর্বোচ্চ চার বছরে সীমাবদ্ধ করার ট্রাম্প প্রশাসনের পরিকল্পনা বাতিল করেছেন দেশটির একটি ফেডারেল আদালত। এতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর ম্যাসাচুসেটসের ফেডারেল আদালতের বিচারক এফ ডেনিস সেলর ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নিয়ম বাতিল করেন। আদালতের সিদ্ধান্তের ফলে বিদেশি শিক্ষার্থীদের জন্য আগে থেকে চালু থাকা অবস্থানের মেয়াদসংক্রান্ত নিয়ম বহাল রয়েছে। ট্রাম্প প্রশাসনের নতুন নিয়ম অনুযায়ী, এফ-১ শিক্ষার্থী এবং জে-১ বিনিময় কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে আসা ব্যক্তিদের অবস্থানের মেয়াদ সাধারণত সর্বোচ্চ চার বছর নির্ধারণ করার পরিকল্পনা ছিল। চার বছরের বেশি সময় ধরে পড়াশোনা বা গবেষণা চালাতে হলে তাঁদের নতুন করে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতো। এতে বিশেষ করে পিএইচডি শিক্ষার্থী, গবেষক এবং দীর্ঘমেয়াদি উচ্চশিক্ষা কর্মসূচিতে অংশ নেওয়া বিদেশিদের অতিরিক্ত প্রশাসনিক জটিলতায় পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। প্রস্তাবিত নিয়মে পড়াশোনা শেষ করার পর এফ-১ শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য প্রচলিত ৬০ দিনের সময় কমিয়ে ৩০ দিন করার পরিকল্পনাও ছিল। তবে আদালতের রায়ে ওই নিয়ম বাতিল হওয়ায় আগের ডিউরেশন অব স্ট্যাটাস ব্যবস্থা বহাল রয়েছে। অর্থাৎ এফ-১ শিক্ষার্থীরা তাঁদের অনুমোদিত শিক্ষাক্রমে নিবন্ধিত থাকা এবং ভিসার অন্যান্য শর্ত মেনে চলার ভিত্তিতে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন। শুধু চার বছর পূর্ণ হওয়ার কারণে তাঁদের অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে না। আদালতের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীরাও উপকৃত হতে পারেন। বিশেষ করে যাঁরা স্নাতকোত্তর, পিএইচডি কিংবা দীর্ঘমেয়াদি গবেষণায় যুক্ত রয়েছেন, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ স্বস্তির খবর। এদিকে ১৭ নভেম্বর একই আদালত আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাঠ্যক্রমের অংশ হিসেবে ইন্টার্নশিপ করার সুযোগ বা কারিকুলার প্র্যাকটিক্যাল ট্রেনিং (সিপিটি) নিয়ে শিক্ষা ও শ্রমিক সংগঠনগুলোর করা মামলায় ফেডারেল সরকারের নতুন বিধিনিষেধসংক্রান্ত নির্দেশনা সাময়িকভাবে আটকে দেন। ফলে শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ নিয়েও কিছুটা স্বস্তি তৈরি হয়েছে। তবে এই সিদ্ধান্তকে সব ধরনের সিপিটি অনুমোদনের স্বয়ংক্রিয় নিশ্চয়তা হিসেবে দেখা যাবে না। আদালতের নথিতে বলা হয়েছে, সরকার নতুন নিয়ম চালুর পক্ষে যথেষ্ট আইনি যুক্তি উপস্থাপন করতে পারেনি। বিচারক বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনে প্রশাসনের যুক্তি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে শিক্ষার্থীদের মনে রাখতে হবে, আদালতের এই রায় ভিসার মেয়াদ, পড়াশোনার অনুমতি কিংবা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় না। শিক্ষার্থীদের অবশ্যই বৈধ এফ-১ বা জে-১ অবস্থান বজায় রাখতে হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে। সরকারের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করা হতে পারে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার পরিকল্পনা করছেন এমন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। কারণ নতুন নিয়ম কার্যকর হলে দীর্ঘমেয়াদি শিক্ষাক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের অতিরিক্ত আবেদন, সময় ও অর্থ ব্যয়ের আশঙ্কা ছিল। সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি আদালতের নথি। 874 এসকিউ
জিপিএ কমলেই বন্ধ হতে পারে সরকারি শিক্ষা সহায়তা, ঝুঁকিতে ১৮ লাখ শিক্ষার্থী
উচ্চশিক্ষায় পুরুষদের ছাড়িয়ে গেলেন নারীরা, বৈশ্বিক হার ৪৭ বনাম ৪১ শতাংশ
পড়াশোনার জন্য ঋণ নিচ্ছেন যারা, তাদের জন্য নতুন বিল আনলেন মার্কিন আইনপ্রণেতারা
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর ভর্তি উল্লেখযোগ্যভাবে কমেছে। ভিসা প্রক্রিয়ার জটিলতা, ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ, পড়াশোনার বাড়তি ব্যয় এবং অভিবাসন নীতির অনিশ্চয়তার কারণে অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের পরিবর্তে অন্য দেশে উচ্চশিক্ষার সুযোগ খুঁজছেন। ২২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে এ পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশনের ২০২৬ সালের শরৎকালীন প্রাথমিক জরিপ অনুযায়ী, ২০২৬ সালের শরৎ সেমিস্টারে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথমবার ভর্তি হওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কমেছে। এর আগের বছরও নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছিল ১৮ শতাংশ। জরিপে অংশ নেওয়া ৮০৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, সামগ্রিকভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৯ শতাংশ। স্নাতক পর্যায়ে শিক্ষার্থী কমেছে ৩ শতাংশ এবং স্নাতকোত্তর পর্যায়ে কমেছে ১৫ শতাংশ। পড়াশোনা শেষে ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ বা ওপিটি কর্মসূচিতে অংশ নেওয়া বিদেশি শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৬ শতাংশ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কাছে শিক্ষার্থী কমে যাওয়ার কারণ জানতে চাইলে ৮৮ শতাংশ প্রতিষ্ঠান ভিসা আবেদন প্রক্রিয়াকে একটি বড় কারণ হিসেবে উল্লেখ করেছে। ৭০ শতাংশ প্রতিষ্ঠান ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধ এবং ৬০ শতাংশ প্রতিষ্ঠান অন্য দেশে পড়াশোনার সুযোগ বেছে নেওয়ার বিষয়টি উল্লেখ করেছে। এ ছাড়া ৪৫ শতাংশ প্রতিষ্ঠান শিক্ষার ব্যয়কে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে। এর প্রভাব বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থার ওপরও পড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশ্ববিদ্যালয়টির কর্মকর্তাদের হিসাবে, এতে প্রতিষ্ঠানটির প্রায় ২০ লাখ থেকে ৪০ লাখ ডলারের আর্থিক প্রভাব পড়তে পারে। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, শিক্ষার্থী ভিসা, টিউশন ফি, থাকা-খাওয়ার খরচ এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ—সবকিছু বিবেচনা করতে হয়। বিশেষ করে স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহীদের জন্য নতুন পরিসংখ্যানটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। তবে এই জরিপে বাংলাদেশি শিক্ষার্থীদের আলাদা ভর্তি-পরিসংখ্যান প্রকাশ করা হয়নি। তাই ১৫ শতাংশ হ্রাসকে শুধু বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা কমে যাওয়া হিসেবে দেখার সুযোগ নেই। যুক্তরাষ্ট্র এখনো আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম প্রধান গন্তব্য। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে উচ্চশিক্ষার জন্য দেশ নির্বাচন, ভিসা প্রস্তুতি এবং পড়াশোনা শেষে কাজের পরিকল্পনা করার ক্ষেত্রে শিক্ষার্থীদের আরও সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান।
নিউ ইয়র্কে ৫০ হাজার ডলার পর্যন্ত শিক্ষাঋণ মওকুফের ঘোষণা, আবেদন চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত
ইইউ-যুক্তরাজ্য চুক্তি সম্পন্ন, টিউশন ফি নিয়ে মতবিরোধের জেরে থেকে যাচ্ছে আশঙ্কা
পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত থাকার সুযোগ, বিদেশি শিক্ষার্থীদের পক্ষে আদালতের রায়
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশটির কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬ সালের শরৎকালীন শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কমেছে। একই সময়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে পড়তে আসা নতুন আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৫ শতাংশ। ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) প্রকাশিত নতুন জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৬ সালের ১৬ নভেম্বর প্রকাশিত জরিপে যুক্তরাষ্ট্রের ৮০৯টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রাথমিক চিত্র তুলে ধরেছে। জরিপ অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সবচেয়ে বড় পতন দেখা গেছে স্নাতকোত্তর পর্যায়ে। এ পর্যায়ে শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১৫ শতাংশ। স্নাতক পর্যায়ে কমেছে ৩ শতাংশ। পাশাপাশি পড়াশোনা শেষে ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ বা অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচিতে অংশ নেওয়া আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যাও কমেছে ৬ শতাংশ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই পতনের পেছনে কয়েকটি কারণ উল্লেখ করেছে। জরিপে অংশ নেওয়া ৮৮ শতাংশ প্রতিষ্ঠান ভিসা আবেদন প্রক্রিয়াকে বড় বাধা হিসেবে চিহ্নিত করেছে। ৭০ শতাংশ প্রতিষ্ঠান ভ্রমণসংক্রান্ত বিধিনিষেধের কথা জানিয়েছে। এ ছাড়া অন্যান্য দেশে পড়াশোনার সুযোগ বেছে নেওয়া এবং যুক্তরাষ্ট্রে শিক্ষার বাড়তি খরচও শিক্ষার্থী কমার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে। যুক্তরাষ্ট্রে পড়াশোনার খরচ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বরাবরই বড় বিষয়। বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, বাসাভাড়া, খাবার, স্বাস্থ্যবিমা, যাতায়াত এবং অন্যান্য জীবনযাত্রার ব্যয় মিলিয়ে একজন শিক্ষার্থীর জন্য উল্লেখযোগ্য অর্থের প্রয়োজন হয়। এর সঙ্গে ভিসা প্রক্রিয়ার অনিশ্চয়তা যুক্ত হলে অনেক শিক্ষার্থী বিকল্প দেশ বিবেচনা করছেন। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও এই পরিস্থিতি গুরুত্বপূর্ণ। তবে জরিপে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি ৯ শতাংশ কমেছে—এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ৯ শতাংশের পরিসংখ্যানটি যুক্তরাষ্ট্রের সামগ্রিক আন্তর্জাতিক শিক্ষার্থীসংখ্যার পতন নির্দেশ করে। তাই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে আগ্রহীদের ক্ষেত্রে সরাসরি একই হারে ভর্তি কমেছে বলে ধরে নেওয়া ঠিক হবে না। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে কাজ করার সুযোগ নিয়েও শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। ওপিটি কর্মসূচির মাধ্যমে যোগ্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাঁদের পড়াশোনার সঙ্গে সম্পর্কিত কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। প্রযুক্তি, প্রকৌশল ও বিজ্ঞানের নির্দিষ্ট বিষয়ে পড়া শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় কাজের সুযোগও রয়েছে। আইআইইর জরিপে দেখা গেছে, ৯৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ধারণা, ওপিটি কর্মসূচির সুযোগ সীমিত করা হলে আন্তর্জাতিক শিক্ষার্থীরা অন্য দেশে পড়াশোনার কথা বিবেচনা করতে পারেন। ফলে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোও বিদেশি শিক্ষার্থী ধরে রাখা নিয়ে চিন্তিত। আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ার অর্থনৈতিক প্রভাবও রয়েছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার্সের (এনএএফএসএ) হিসাব অনুযায়ী, ২০২৬ সালের শরৎকালে আন্তর্জাতিক শিক্ষার্থী কমে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রায় ২৪০ কোটি ডলারের সম্ভাব্য ক্ষতি এবং ৩১ হাজারের বেশি চাকরির সমপরিমাণ কর্মসংস্থান কমার প্রভাব পড়তে পারে। তবে যুক্তরাষ্ট্র এখনো বিশ্বের অন্যতম প্রধান উচ্চশিক্ষার গন্তব্য। দেশটির অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থী আকর্ষণে নতুন উদ্যোগ চালিয়ে যাচ্ছে। জরিপে ৮১ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, বিদেশি শিক্ষার্থী নিয়োগ তাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে শিক্ষার্থী আকর্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক বাংলাদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় নির্বাচন, বৃত্তির সুযোগ, টিউশন ফি, ভিসার নিয়ম এবং পড়াশোনা শেষে কাজের সুযোগ সম্পর্কে আবেদন করার আগে হালনাগাদ তথ্য যাচাই করা প্রয়োজন। কারণ ভর্তি পেলেই ভিসা নিশ্চিত হয় না এবং পড়াশোনা শেষে চাকরিও নিশ্চিত নয়।সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
প্রথম চেষ্টাতেই এসিটি ও স্যাট পরীক্ষায় শতভাগ নম্বর পেয়ে চমক দেখালেন মার্কিন শিক্ষার্থী
দিনাজপুর থেকে যুক্তরাষ্ট্রে, পিএইচডি গবেষণার চূড়ান্ত ধাপ সম্পন্ন করলেন আসাদুর রহমান রামিন

