ইরান যুদ্ধের আগুনে পুড়ছে মার্কিন অর্থভাণ্ডার, ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় টানা ১১তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। রাজধানী তেহরানসহ দেশটির দক্ষিণ, পশ্চিম, উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্বাঞ্চলের একাধিক এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সময়ে ইরান যুদ্ধের বর্তমান ও সম্ভাব্য ব্যয় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে কংগ্রেসকে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, মঙ্গলবার রাতের অভিযান শেষ হয়েছে। হামলায় ইরানের সামরিক অভিযান পরিচালনা কেন্দ্র, সামুদ্রিক সামরিক সক্ষমতা, বিমান হ্যাঙ্গার, ড্রোন সংরক্ষণাগার এবং সামরিক সরবরাহ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়।
সেন্টকমের ভাষ্য, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা আরও দুর্বল করতেই এসব হামলা চালানো হয়েছে। সংস্থাটি দাবি করেছে, গত তিন মাসে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলকারী ৩০টির বেশি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা করেছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, এসব হামলায় শত শত নাবিকের জীবন ঝুঁকিতে পড়েছে এবং নৌ চলাচলের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে চলমান সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
সংস্থাটির তথ্য অনুযায়ী, মে মাসের শুরু থেকে মার্কিন বাহিনী প্রায় ৯০০টি বাণিজ্যিক জাহাজ এবং ৪৫ কোটি ব্যারেল অপরিশোধিত তেল নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রমে সহায়তা করেছে।
ইরানের আধা-সরকারি ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের বেহবাহান ও ওমিদিয়েহ শহরের আশপাশে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে প্রকাশিত খবরে বলা হয়, উত্তর-পশ্চিমাঞ্চলীয় তাবরিজ শহরের উপকণ্ঠে একটি সামরিক স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
দক্ষিণাঞ্চলীয় বুশেহর শহরেও অন্তত দুটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শহরটিতে ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। তবে ওই কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক স্থাপনায় হামলার খবর পাওয়া গিয়েছিল। ইরানের যৌথ সামরিক সদর দপ্তর খাতাম আল-আনবিয়া সতর্ক করেছে, পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা অব্যাহত থাকলে সংঘাতের পরিধি আরও বিস্তৃত হতে পারে।
হামাদান প্রদেশের কাবুদারাহাং এলাকা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশেও হামলার খবর পাওয়া গেছে। বন্দরনগরী কোনারাক ও চাবাহারের আকাশে যুদ্ধবিমান দেখা গেছে এবং কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে।
এদিকে ওয়াশিংটনে কংগ্রেসের শুনানিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান যুদ্ধের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই হিসাবে ইতোমধ্যে হওয়া ব্যয়ের পাশাপাশি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সম্ভাব্য খরচও অন্তর্ভুক্ত রয়েছে।
তবে পেন্টাগন কীভাবে এই হিসাব নির্ধারণ করেছে, তার বিস্তারিত প্রকাশ করা হয়নি। এর আগে ট্রাম্প প্রশাসনের একটি হিসাবে যুদ্ধের প্রথম ছয় দিনেই অন্তত ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ব্যয়ের কথা বলা হয়েছিল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে কংগ্রেসের কাছে অতিরিক্ত প্রায় ৯০ বিলিয়ন ডলার চেয়েছেন, যার বড় অংশ ইরান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত। এ নিয়ে কংগ্রেসে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের কয়েকজন আইনপ্রণেতা অভিযোগ করেছেন, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরুর পর থেকে প্রশাসন যুদ্ধের লক্ষ্য, পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কংগ্রেসকে যথেষ্ট তথ্য দেয়নি।
চলমান যুদ্ধ পেন্টাগনের প্রায় এক ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেটের ওপরও চাপ সৃষ্টি করেছে। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন শুনানিতে বলেন, সামরিক সদস্যদের বেতন দেওয়া সম্ভব হলেও রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ভবিষ্যৎ সামরিক সক্ষমতায় বিনিয়োগ চালিয়ে যাওয়া কঠিন হয়ে উঠতে পারে।
হেগসেথ কংগ্রেসকে ইরান যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের পাশাপাশি ২০২৭ অর্থবছরের জন্য এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট অনুমোদনের আহ্বান জানিয়েছেন।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নাজুক যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর উভয় পক্ষই প্রায় প্রতিদিন পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির পাশাপাশি বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ বাড়ছে।
বুধবার এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম এক দশমিক এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০১ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম এক শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ১৬ ডলারে উঠেছে।
হরমুজ প্রণালি ও লোহিত সাগরের নৌপথ ঘিরে ঝুঁকি বাড়ায় তেলবাহী জাহাজের চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে জ্বালানি পরিবহনের সময় ও ব্যয় আরও বাড়তে পারে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreনিজের নতুন পারমাণবিক অস্ত্রভান্ডার প্রদর্শন করে বিশ্বশক্তিগুলোকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) প্রকাশিত নতুন ছবিতে কিম জং উন এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের দুটি পারমাণবিক উৎপাদন কারখানায় ওয়ারহেড বা পারমাণবিক বোমা পরীক্ষা করতে দেখা গেছে। এ ছাড়া তিনি নতুন উদ্বোধন হওয়া একটি পারমাণবিক স্থাপনাও ঘুরে দেখেন, যেখানে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম উৎপাদনের সেন্ট্রিফিউজ যন্ত্রপাতির সারি দেখা গেছে। কোরীয় উপদ্বীপে প্রতিনিয়ত ধেয়ে আসা বহুমুখী পারমাণবিক হুমকি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা প্রস্তুতি নিশ্চিত করতেই তিনি সশরীরে এসব স্থাপনা পরিদর্শন করেছেন বলে দাবি করেন কিম। বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে দেশের জন্য সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করে তিনি সাফ জানিয়ে দেন, পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি কখনোই কারও স্বীকৃতি বা অনুমোদনের প্রত্যাশা করবে না। ইরানে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কিম জং উনের এই অনমনীয় অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা—যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সরকার পরিবর্তন এবং দেশটিকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে সামরিক অভিযান চালাচ্ছে। ইরানের কট্টরপন্থীরাও যুক্তি দিচ্ছেন যে, ভবিষ্যতের হামলা ঠেকাতে পারমাণবিক অস্ত্রের কোনো বিকল্প নেই। এরই মধ্যে নিজেদের পারমাণবিক সক্ষমতা নিয়ে যেকোনো সন্দেহ দূর করতেই উত্তর কোরিয়া এই নতুন ছবিগুলো প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে। এক বিবৃতিতে কিম জং উন বলেন, যতদিন পর্যন্ত আধিপত্য বিস্তারের হাতিয়ার হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহারকারী শত্রুশক্তি বিদ্যমান থাকবে, ততদিন উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ধারণ একটি সম্পূর্ণ অপরিবর্তনীয় সিদ্ধান্ত হয়ে থাকবে। এই বাস্তবতাকে অস্বীকার করা কেবল ব্যর্থতারই নামান্তর বলে তিনি মন্তব্য করেন। উত্তর কোরিয়ার পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা অস্বীকার করার যেকোনো প্রচেষ্টা সরাসরি ‘যুদ্ধ ঘোষণার শামিল’ হবে বলেও সতর্ক করে দেন তিনি। পাশাপাশি বিভিন্ন ধরনের সামরিক অভিযানের জন্য বহুমুখী ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটানোর ওপর এখন তাঁর বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানান কিম। এই কর্মসূচির অংশ হিসেবে উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো নির্মিত একটি নৌ-পারমাণবিক রিঅ্যাক্টর (naval nuclear reaction) উৎপাদন কেন্দ্র পরিদর্শনের ছবিও প্রকাশ করেছে কেসিএনএ। 875 আইকিউ
আইসের হাতে বিতাড়িত হয়েও ফিরতে চান যুক্তরাষ্ট্রে, সীমান্তের পথে প্রায় ১ হাজার অভিবাসী
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বিপাকে হাজারো ভারতীয়, দেশ ছাড়ার বিকল্প দিচ্ছে আইবিএম
ইতালিতে বাংলাদেশসহ ৩৮ দেশের ওয়ার্কিং ভিসার সুযোগ, আগামী দুই বছরে প্রায় ৫ লাখ নিয়োগের সম্ভাবনা
ডেনমার্কে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সাধারণত স্থায়ী বসবাসের অনুমতি (পারমানেন্ট রেসিডেন্স পারমিট) থাকা বাধ্যতামূলক। তবে নির্দিষ্ট সাত শ্রেণির বিদেশি নাগরিক এ শর্ত থেকে ছাড় পান। ফলে যোগ্যতা অনুযায়ী তাঁরা স্থায়ী বসবাসের অনুমতি ছাড়াই ডেনিশ নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। ডেনমার্ক সরকারের জীবনযাপন ও নাগরিকত্ববিষয়ক সরকারি তথ্য পোর্টাল ‘লাইফ ইন ডেনমার্ক’-এর তথ্য অনুযায়ী, নাগরিকত্বের সাধারণ নিয়মে আবেদনকারীকে নাগরিকত্ব অনুমোদনের আইন পাসের সময় অন্তত দুই বছর ধরে স্থায়ী বসবাসের অনুমতি থাকতে হয়। স্বীকৃত শরণার্থী ও রাষ্ট্রহীন ব্যক্তিদের ক্ষেত্রে এ সময়সীমা এক বছর। তবে সাতটি বিশেষ শ্রেণির আবেদনকারীর ক্ষেত্রে স্থায়ী বসবাসের অনুমতির এই শর্ত প্রযোজ্য নয়। ১. নর্ডিক দেশের নাগরিক: ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে ও সুইডেনের নাগরিক। ২. সাবেক ডেনিশ নাগরিক: যাঁরা আগে ডেনমার্কের নাগরিক ছিলেন। ৩. ডেনিশ বংশোদ্ভূত ব্যক্তি: যাঁদের ডেনিশ বংশপরিচয় রয়েছে। ৪. জার্মানির দক্ষিণ শ্লেসভিগের ডেনিশ সংখ্যালঘু সম্প্রদায়: ওই অঞ্চলের ডেনিশ সংখ্যালঘু জনগোষ্ঠীর সদস্যরা। ৫. ডেনিশ নাগরিকের বিদেশে কর্মরত স্বামী বা স্ত্রী: যাঁরা ডেনমার্কের স্বার্থসংশ্লিষ্ট কাজে নিয়োজিত ডেনিশ স্বামী বা স্ত্রীর সঙ্গে বিদেশে বসবাস করছেন। ৬. ১৯৬১ থেকে ১৯৭৮ সালের মধ্যে ডেনিশ মায়ের ঘরে জন্ম নেওয়া ব্যক্তি: যাঁরা মায়ের পক্ষ থেকে নির্ধারিত সময়ে নাগরিকত্বের ঘোষণা দেওয়া হলে ডেনিশ নাগরিক হতে পারতেন। ৭. অভিভাবক ছাড়া নাগরিকত্বের আবেদনকারী শিশু: নির্দিষ্ট শর্ত পূরণকারী শিশুরা। সরকারি নির্দেশনায় আরও বলা হয়েছে, স্থায়ী বসবাসের অনুমতির শর্ত থেকে ছাড় পেলেও অধিকাংশ আবেদনকারীর ক্ষেত্রে ডেনমার্কে বসবাসের শর্ত বহাল থাকে। তবে ডেনিশ নাগরিকের কাজের কারণে বিদেশে থাকা স্বামী বা স্ত্রী, নির্দিষ্ট সময়ের মধ্যে ডেনিশ মায়ের ঘরে জন্ম নেওয়া ব্যক্তি এবং নির্দিষ্ট শ্রেণির শিশুদের ক্ষেত্রে বসবাসের শর্তেও ছাড় রয়েছে।এ ছাড়া নাগরিকত্ব পাওয়ার জন্য আর্থিক স্বনির্ভরতা, ডেনিশ ভাষাজ্ঞান, দেশটির ইতিহাস ও সমাজ সম্পর্কে জ্ঞান এবং অপরাধসংক্রান্ত শর্তসহ অন্যান্য যোগ্যতা পূরণ করতে হয়। শুধু স্থায়ী বসবাসের অনুমতি না থাকলেই নাগরিকত্ব পাওয়া যায় না। আবেদন প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য: ডেনমার্কের অভিবাসন ও সংহতি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, নাগরিকত্ব প্রদানের নতুন শর্ত নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত সাধারণ ন্যাচারালাইজেশন আবেদনগুলোর প্রক্রিয়া স্থগিত রয়েছে। তবে ডেনমার্কে জন্ম নেওয়া রাষ্ট্রহীন শিশু এবং নির্দিষ্ট শ্রেণির শিশুদের আবেদন প্রক্রিয়া চালু রয়েছে। ফলে সাত শ্রেণির ছাড়ের তালিকাকে এখনই সবার জন্য আবেদন প্রক্রিয়া চালু থাকার ঘোষণা হিসেবে দেখার সুযোগ নেই। সংবাদ সূত্র: Life in Denmark, Denmark Ministry of Immigration and Integration 876TR
স্নায়ুযুদ্ধের পর প্রথমবার সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে প্রায় ১ লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠাল যুক্তরাজ্য
যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স
হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার
গাজার যুদ্ধে মানবিক বিপর্যয় ও বাস্তবচিত্র তুলে ধরতে গিয়ে প্রাণ হারানো ফিলিস্তিনি ফ্রিল্যান্স সাংবাদিক ও আলোকচিত্রী মরিয়ম দাগ্গা (মরিয়ম আবু দাগ্গা) মরণোত্তর মর্যাদাপূর্ণ ‘ররি পেক’ পুরস্কার অর্জন করেছেন। অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর হয়ে কাজ করা তার দুই সহকর্মীর সঙ্গে যৌথভাবে তিনি এ সম্মাননা পেয়েছেন। ররি পেক ট্রাস্টের বিবৃতি অনুযায়ী, গাজা যুদ্ধের মানবিক মূল্য ও দুর্ভোগের শক্তিশালী প্রতিবেদনের স্বীকৃতিস্বরূপ মরিয়ম দাগ্গা এবং তার এপি সহকর্মী আবদেল করিম হানা ও জেহাদ আলশরাফিকে এই পুরস্কার দেওয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকেই মরিয়ম এপির হয়ে কাজ করছিলেন এবং ব্যক্তিগত নানা শোক ও ঝুঁকি সত্ত্বেও নিরবচ্ছিন্নভাবে সংবাদ ও ছবি সংগ্রহ করে গেছেন। ৩৩ বছর বয়সী এই সাংবাদিক ২০২৫ সালের আগস্টে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। ওই হামলায় আরও চারজন সাংবাদিকসহ মোট ২২ জন প্রাণ হারান। পুরস্কার প্রদান অনুষ্ঠানে এপির নির্বাহী সম্পাদক জুলি পেস বলেন, সাংবাদিকরা চরম ব্যক্তিগত ঝুঁকি নিয়ে ঘটনা নথিবদ্ধ করে জনগণকে জানানোর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি মরিয়মসহ এই সংঘাত ও অন্যান্য সংঘাতে নিহত সব সাংবাদিকের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের মৃত্যুর ঘটনার জবাবদিহি ও সত্য উদ্ঘাটনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে মরিয়মের ঘনিষ্ঠ সহকর্মী ও সাংবাদিকদের বক্তব্যে উঠে আসে যুদ্ধক্ষেত্রে কাজ করার কঠিন বাস্তবতা। ক্ষুধার্ত থেকেও ক্ষুধার্ত মানুষের গল্প বলা, নিজের নিরাপদ আশ্রয় না থাকলেও বাস্তুচ্যুত পরিবারের পাশে দাঁড়ানো এবং প্রিয়জনদের নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যেও কাজ চালিয়ে যাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরেন তারা। একটি সন্তানের জননী মরিয়ম একসময় ভাবতেন, তাদের পাঠানো ছবিগুলো আদৌ কারও কাছে পৌঁছাচ্ছে কি না বা কোনো পরিবর্তন আনছে কি না—আজকের এই স্বীকৃতি সেই প্রশ্নেরই উত্তর বলে মন্তব্য করেন এক সহকর্মী। উল্লেখ্য, ১৯৯৩ সালে মস্কোয় দায়িত্ব পালনকালে নিহত ভিডিও সাংবাদিক ররি পেকের স্মরণে ১৯৯৫ সাল থেকে বিশ্বজুড়ে ফ্রিল্যান্স ভিডিও সাংবাদিকদের সাহসিকতা ও অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়ে আসছে। এ বছর ফটোসাংবাদিকতা বিভাগে প্রথমবারের মতো দেওয়া ররি পেক পুরস্কার পেয়েছেন ফরাসি আলোকচিত্রী রবিন তুতেঁজ। সুদানের দারফুর সংঘাত কাভার করা সুদানি ফ্রিল্যান্স আলোকচিত্রী ও ভিডিও সাংবাদিক আহমেদ মোহামেদ আবদাল্লা একই বিভাগে সংক্ষিপ্ত তালিকায় থাকলেও ভিসা না পাওয়ায় লন্ডনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি; তবে ভিডিও বার্তায় তিনি অবরুদ্ধ মানুষের চরম দুর্দশার চিত্র তুলে ধরেন। সূত্র: দ্য গার্ডিয়ান 873 ডিএন
ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা
শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

