আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি স্বীকৃতি পেল পলাশ-ইভানা অভিনীত ‘মিস্টার বাদল’
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পাওয়া ‘মিস্টার বাদল’ এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুটি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেছে। সুইডেনে অনুষ্ঠিত ‘সিটি ফিল্ম ফেস্টিভ্যাল স্টকহোম ২০২৬’-এ চলচ্চিত্রটির নির্মাতা আশরাফুজ্জামান সেরা পরিচালকের (বেস্ট ডিরেক্টর) পুরস্কার জিতে নিয়েছেন। একই সঙ্গে কানাডার ‘১১তম কানাডা ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ কনটেন্টটি ‘অফিসিয়াল সিলেকশন’ হিসেবে জায়গা করে নিয়েছে।
আশরাফুজ্জামানের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এই কনটেন্টটি সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, পারসা ইভানা, সৈয়দ জামান শাওন, নিকিতা সাহা, আবু হেনা রনি ও খায়রুল আলম টিপুসহ আরও অনেকে।
চলচ্চিত্রটির গল্প এগিয়েছে জিয়াউল হক পলাশের একটি স্টেজ পারফরম্যান্সকে কেন্দ্র করে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়ের চরিত্রে সৈয়দ জামান শাওনের উপস্থিতিতে গল্পে যুক্ত হয় অতীতের স্মৃতি, আনন্দ-বেদনা ও নস্টালজিয়া। প্রথম ক্লাইম্যাক্সের পর ‘রিতা’ চরিত্রে পর্দায় হাজির হন পারসা ইভানা।
তাঁর অভিনীত চরিত্রটির একটি সংলাপ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটকে বেশ জনপ্রিয়তা পেয়েছে। গল্পের পরতে পরতে থাকা একাধিক ক্লাইম্যাক্স ও চরিত্রের বাঁকবদল কাহিনিতে এক ভিন্ন মাত্রা যোগ করেছে। বিশেষ করে কমেডি, রোম্যান্স ও আবেগঘন দৃশ্যে ‘বাদল’ চরিত্রে পলাশের অনবদ্য অভিনয় দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে।
অভিনয়ের পাশাপাশি কারিগরি নির্মাণেও ‘মিস্টার বাদল’ মুন্সিয়ানা দেখিয়েছে। সিনেমাটোগ্রাফি, এডিটিং ও কালার গ্রেডিংয়ের দারুণ সমন্বয়ে গল্পের আবহ সুন্দরভাবে ফুটে উঠেছে। সজিব দাশের করা ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) গল্পের বিভিন্ন মুহূর্তকে আরও প্রাণবন্ত করে তুলেছে। সার্বিকভাবে, আন্তর্জাতিক উৎসবের এই জোড়া স্বীকৃতি নির্মাতা আশরাফুজ্জামান ও পুরো টিমের জন্য এক বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreজার্মানিতে উচ্চশিক্ষা বা কারিগরি প্রশিক্ষণ শেষ করা বিদেশি শিক্ষার্থীদের জন্য স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে। দেশটিতে পড়াশোনা শেষে দক্ষ কর্মী হিসেবে অন্তত দুই বছর কাজ এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারলে স্থায়ী বসবাসের অনুমতি বা সেটেলমেন্ট পারমিটের জন্য আবেদন করা যায়। জার্মানির অভিবাসন আইনের ১৮সি ধারায় এ বিশেষ সুবিধার বিধান রয়েছে। জার্মানির সরকারি দক্ষ কর্মী বিষয়ক ওয়েবসাইট ‘মেক ইট ইন জার্মানি’তে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে উচ্চশিক্ষা অথবা স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ সফলভাবে শেষ করা বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের ক্ষেত্রে অপেক্ষার সময় তুলনামূলক কম। তবে শুধু পড়াশোনা শেষ করলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করতে হবে। স্থায়ী বসবাসের জন্য পাঁচটি প্রধান শর্ত ১. দুই বছর দক্ষ কর্মী হিসেবে কাজ: আবেদনকারীকে জার্মানির দক্ষ কর্মী হিসেবে কাজের অনুমতিসহ (রেসিডেন্স পারমিট) অন্তত দুই বছর থাকতে হবে। এ ক্ষেত্রে অভিবাসন আইনের ১৮এ, ১৮বি, ১৮ডি অথবা ১৮জি ধারার আওতাভুক্ত অনুমতি থাকতে হবে। ২. অনুমোদিত পেশায় কর্মরত থাকা: আবেদনকারীকে এমন একটি চাকরিতে নিয়োজিত থাকতে হবে, যা তাঁর বর্তমান রেসিডেন্স পারমিটের আওতায় অনুমোদিত। ৩. ২৪ মাস পেনশন অবদান: জার্মানির সরকারি পেনশন বিমা ব্যবস্থায় অন্তত ২৪ মাসের অবদান থাকতে হবে। ৪. জার্মান ভাষায় দক্ষতা: ইউরোপীয় ভাষাগত দক্ষতার মানদণ্ড অনুযায়ী জার্মান ভাষায় অন্তত বি১ পর্যায়ের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি দেশটির আইন, সামাজিক ব্যবস্থা ও জীবনযাপন সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। সাধারণত ‘লিভিং ইন জার্মানি’ পরীক্ষার মাধ্যমে এ জ্ঞান যাচাই করা হয়। ৫. পর্যাপ্ত আবাসন: আবেদনকারীকে নিজের এবং পরিবারের সদস্যদের বসবাসের জন্য পর্যাপ্ত আবাসনের প্রমাণ দিতে হবে। পড়াশোনা শেষে চাকরি খোঁজার সুযোগ জার্মানিতে পড়াশোনা শেষ করার পর বিদেশি শিক্ষার্থীরা যোগ্যতাসম্পন্ন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ১৮ মাসের রেসিডেন্স পারমিট পেতে পারেন। এ সময়ে তাঁরা যেকোনো ধরনের কাজ করার সুযোগ পান। তবে এ সুবিধার জন্য পড়াশোনা শেষ করার প্রমাণ, স্বাস্থ্যবিমা এবং নিজের জীবনযাত্রার ব্যয় বহনের সক্ষমতা দেখাতে হয়।এদিকে, পাঁচটি শর্তের পাশাপাশি আবেদনকারীর আর্থিক সক্ষমতা, স্বাস্থ্যবিমা এবং অপরাধসংক্রান্ত রেকর্ডের মতো সাধারণ আইনি বিষয়ও যাচাই হতে পারে। বার্লিনের সরকারি আবেদন নির্দেশিকায় এসব বিষয় আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। আবেদন করতে হবে সংশ্লিষ্ট এলাকার বিদেশি নাগরিকবিষয়ক দপ্তরে। উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিকে জার্মানির নতুন ঘোষণা হিসেবে উপস্থাপন করা হলেও এটি নতুন কোনো অভিবাসন আইন নয়। জার্মানির বিদ্যমান অভিবাসন আইনে দেশটিতে পড়াশোনা বা কারিগরি প্রশিক্ষণ শেষ করা দক্ষ কর্মীদের জন্য এ বিশেষ সুবিধা আগে থেকেই রয়েছে। সংবাদ সূত্র German Residence Act, Berlin Service Portal ৮৭৬টিআর
তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান, ২০৮ কোটি রুপির উপহারে চমকে দিলেন দম্পতি
কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য
যুক্তরাজ্য ছাড়লেন ৮৫ হাজার ভারতীয়, দেশত্যাগীদের তালিকায় শীর্ষে ভারত
ভারতের মূলধারার প্ল্যাটফর্ম ও স্ট্রিমিং সাইটে নিষেধাজ্ঞা থাকলেও দেশটিতে পাকিস্তানি নাটক ও সংগীতের জনপ্রিয়তা থামছে না। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন), সামাজিক যোগাযোগমাধ্যম এবং গোপন বা ঘরোয়া স্ক্রিনিংয়ের মাধ্যমে ভারতীয় দর্শকেরা এসব কনটেন্ট দেখছেন এবং আলোচনা করছেন। সম্প্রতি নয়াদিল্লিতে পাকিস্তানি রোমান্টিক নাটক ‘দার-এ-নিজাত’-এর একটি স্ক্রিনিং আয়োজন করেন সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান। সর্বোচ্চ ৪৫ জনের জন্য আয়োজিত ওই ঘরোয়া অনুষ্ঠানে অংশ নিতে ৭০০টির বেশি আবেদন জমা পড়ে। নাটকটির মূল চরিত্র ‘আবু বকর’কে ঘিরে ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতি সপ্তাহান্তে ক্লিপ আদান-প্রদান ও আলোচনায় মেতে উঠছেন দর্শকেরা। উর্দু প্রবাদের আদলে ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’ (ধৈর্যের ফল নয়, আবু বকর চাই)—এমন স্লোগানও জনপ্রিয় হয়ে উঠেছে ভক্তদের মাঝে। জনপ্রিয়তা বাড়লেও প্রশাসনের নজরদারিও চলছে সমানতালে। পোস্টার দেখে জানতে পারার পর ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে আসন্ন সপ্তাহান্তে নির্ধারিত অন্তত দুটি স্ক্রিনিং বাতিল করা হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। ওই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। স্বল্পস্থায়ী চার দিনের সামরিক সংঘাতের পর যুদ্ধবিরতি হলেও জাতীয় নিরাপত্তার যুক্তিতে ২০২৫ সালের মে মাস থেকে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানি গান, চলচ্চিত্র ও নাটক নিষিদ্ধ করে নয়াদিল্লি। সম্প্রতি নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ নিয়েও আপত্তি ও নিষেধাজ্ঞার চাপ তৈরি হয়েছে। তবে প্রযুক্তিগত বাস্তবতায় এই নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর করা কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুযায়ী ইউটিউবে পাকিস্তানি চ্যানেলগুলো জিও-ব্লক করা হলেও ভিপিএন ব্যবহার করে কিংবা ডাউনলোডের পর স্থানীয় অ্যাকাউন্ট থেকে পুনরায় আপলোডের মাধ্যমে দর্শকেরা কনটেন্টগুলো দেখছেন। পর্যবেক্ষক সংস্থা টপ১০ভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরানোর নির্দেশ দেওয়ার দিন ভারতে ভিপিএন অনুসন্ধান ৭২ শতাংশ বেড়ে যায়। পাকিস্তানি বিনোদন মাধ্যম এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জিরজিস সেজা জানান, পাকিস্তানি চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতের। তাঁর মতে, বর্তমান সময়ে কনটেন্টে প্রবেশ কঠিন করা গেলেও তা পুরোপুরি বন্ধ করা যায় না। এর আগে ‘তেরে বিন’ ও ‘কাভি মে কাভি তুম’-এর মতো নাটকও ভারতে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। আয়োজক ও বিশ্লেষকদের মতে, গল্প বলার ধরন, বাস্তবসম্মত উপস্থাপনা এবং সাংস্কৃতিক সাদৃশ্য ভারতীয় দর্শকদের আকৃষ্ট করছে। দিল্লির নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মা মনে করেন, ডিজিটাল মাধ্যমে কনটেন্টের সহজলভ্যতা প্রচলিত ধারণা ভাঙতে সহায়তা করছে। অন্যদিকে পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া মন্তব্য করেন, প্রযুক্তির অগ্রগতির যুগে সীমান্ত ও নিষেধাজ্ঞা অনেক ক্ষেত্রেই অকার্যকর হয়ে পড়ে এবং দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মাঝেও সংস্কৃতি একটি বড় সংযোগসূত্র হিসেবে কাজ করছে। সূত্র: আল জাজিরা। 873 ডিএন
কাশ্মীরে ১১ হাজার নারী যৌ ন নির্যা তনের শিকার, সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ
রেনিয়াম মিশিয়ে বাড়ানো হচ্ছে স্বর্ণের ওজন, ধরা পড়ছে না যন্ত্রেও!
নিজের বাবাকে মাসে ২ লাখ রুপি বেতন দেন রাউল, এবার পুতিনের সঙ্গে সেলফিতে ভাইরাল
কানাডার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় দীর্ঘ অপেক্ষার চিত্র আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। অস্ত্রোপচার, চিকিৎসা পদ্ধতি, ডায়াগনস্টিক স্ক্যান ও বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষায় থাকা অবস্থায় ২০২৫-২৬ অর্থবছরে দেশটিতে অন্তত ২৯ হাজার ৪৬৮ জন রোগীর মৃত্যু হয়েছে। গবেষণা সংস্থা সেকেন্ড স্ট্রিট ডট অর্গ এর নতুন এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির ২৫ নভেম্বর প্রকাশিত ‘ডাইড অন আ ওয়েটিং লিস্ট’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা শনাক্ত করা হয়েছে। ২০১৮ সালের এপ্রিল থেকে হিসাব করলে এ ধরনের নথিভুক্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৯২-এর বেশি। প্রতিবেদন অনুযায়ী, গত অর্থবছরে অস্ত্রোপচার ও বিভিন্ন চিকিৎসা পদ্ধতির অপেক্ষায় থাকা ৫ হাজার ৯৩১ জন এবং ডায়াগনস্টিক স্ক্যান ও বিশেষজ্ঞ চিকিৎসাসংক্রান্ত অপেক্ষার তালিকায় থাকা ২৩ হাজার ৫৩৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তবে দেশটির সব স্বাস্থ্য কর্তৃপক্ষ এ ধরনের তথ্য নিয়মিত সংগ্রহ বা প্রকাশ করে না। ফলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। প্রাদেশিক হিসাবের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর তথ্য পাওয়া গেছে কুইবেকে। সেখানে ১১ হাজার ৫৪৮ জনের মৃত্যুর তথ্য নথিভুক্ত হয়েছে। অন্টারিওতে এ সংখ্যা ১০ হাজার ৩৭৬ এবং ব্রিটিশ কলাম্বিয়ায় ৪ হাজার ৩৬৫। তবে বিভিন্ন প্রদেশের তথ্য সংগ্রহের পদ্ধতি ও পরিধিতে পার্থক্য থাকায় এসব সংখ্যার সরাসরি তুলনা সতর্কতার সঙ্গে করতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগের বছরের তুলনায় অস্ত্রোপচারের অপেক্ষার তালিকায় মৃত্যুর সংখ্যা ১৭ দশমিক ৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে ডায়াগনস্টিক স্ক্যানের অপেক্ষায় মৃত্যুর সংখ্যা কমেছে ২ দশমিক ৮ শতাংশ। যেসব স্বাস্থ্য কর্তৃপক্ষ দুই বছরেই তথ্য দিয়েছে, শুধু তাদের হিসাব তুলনা করলে সামগ্রিক মৃত্যুর সংখ্যা বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ। তবে প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে। অপেক্ষার তালিকায় থাকা অবস্থায় রোগীর মৃত্যু হয়েছে বলেই চিকিৎসায় দেরি সরাসরি মৃত্যুর কারণ ছিল, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এতে হৃদ্যন্ত্রের অস্ত্রোপচারের মতো জীবনরক্ষাকারী চিকিৎসার পাশাপাশি চোখের ছানি বা হাড়ের অস্ত্রোপচারের মতো চিকিৎসার অপেক্ষায় থাকা রোগীদের মৃত্যুর তথ্যও অন্তর্ভুক্ত রয়েছে। সেকেন্ড স্ট্রিট ডট অর্গের মতে, স্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত অপেক্ষার তালিকায় থাকা অবস্থায় রোগীদের মৃত্যুর তথ্য নিয়মিত সংগ্রহ, বিশ্লেষণ ও জনসমক্ষে প্রকাশ করা। এতে স্বাস্থ্যসেবা ব্যবস্থার দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা এবং চিকিৎসা পেতে দীর্ঘ অপেক্ষার সমস্যা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে। সূত্র: সেকেন্ড স্ট্রিট ডট অর্গ 871-এসএ
সাইবার হামলার শিকার আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি, বন্ধ কনটেন্ট প্ল্যাটফর্ম
মেয়ের বিয়েতে নাচতে নাচতেই বাবার মৃত্যু! বোনের বিয়ে ও বিদায় সম্পন্ন না হওয়া পর্যন্ত গোপন রাখলেন ২ ভাই

