স্কুলের ওয়েবসাইটের ছবি থেকেই যৌন ডিপফেক, এরপরই চাঁদাবাজির ফাঁদ!
যুক্তরাজ্যের বিভিন্ন স্কুলকে লক্ষ্য করে শিক্ষার্থীদের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে যৌনধর্মী ডিপফেক ছবি তৈরি করছে অপরাধী চক্র। পরে এসব ছবি ব্যবহার করে স্কুল কর্তৃপক্ষকে ব্ল্যাকমেইল করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করা হচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রায় অর্ধেক স্কুলপ্রধান জানিয়েছেন, শিক্ষার্থীদের ছবি ক্ষতিকর কাজে ব্যবহার করা হয়েছে। এর মধ্যে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের ঘটনাও রয়েছে। একই সঙ্গে অর্ধেকের বেশি স্কুলপ্রধান আশঙ্কা প্রকাশ করেছেন, স্কুলের ওয়েবসাইটে প্রকাশিত শিক্ষার্থীদের ছবিও এআইয়ের অপব্যবহারের ঝুঁকিতে রয়েছে।
শিশু নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে শিশুদের যৌনধর্মী ডিপফেক ছবি তৈরির ঘটনা এখন ‘মহামারি’র মতো ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতিতে স্কুলগুলোও অপরাধীদের টার্গেটে পরিণত হচ্ছে।
এআইভিত্তিক শিশু সুরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আইডোসের উদ্যোগে পরিচালিত ‘ইন প্লেইন সাইট’ শীর্ষক প্রতিবেদনের জন্য যুক্তরাজ্যের ৫০০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের ওপর জরিপ চালানো হয়। এতে দেখা গেছে, ৪৯ শতাংশ শিক্ষক শিক্ষার্থীদের ছবি অপব্যবহার, বিকৃত করা বা চাঁদাবাজির চেষ্টার অন্তত একটি ঘটনার মুখোমুখি হয়েছেন।
এ ছাড়া ৫৪ শতাংশ শিক্ষক জানিয়েছেন, স্কুলের প্রকাশিত ছবিগুলো এআইয়ের অপব্যবহারের শিকার হতে পারে—এ নিয়ে তাদের ব্যক্তিগত উদ্বেগ রয়েছে। ৪৫ শতাংশ শিক্ষক জানিয়েছেন, শিক্ষার্থীদের ছবি অপব্যবহারের অভিযোগে তাদের স্কুলে অভিভাবকদের কাছ থেকে সরাসরি অভিযোগও এসেছে।
যুক্তরাজ্যের সাবেক জাতীয় শিশু সুরক্ষা পুলিশিং প্রধান সাইমন বেইলি বলেন, সংগঠিত অপরাধী চক্রগুলো স্কুলপ্রধানদের এমনভাবে টার্গেট করছে, যাতে তাদের ওপর থাকা চাপ ও দুর্বলতার জায়গাগুলো তারা কাজে লাগাতে পারে।
তিনি বলেন, অনেক স্কুলপ্রধানই প্রতিষ্ঠানের সুনাম রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেন। অপরাধীরা এই স্বাভাবিক প্রবণতাকেই কাজে লাগাচ্ছে। তার আশঙ্কা, অনেক স্কুল এমন ঘটনার শিকার হলেও তা কর্তৃপক্ষকে জানাচ্ছে না; বরং বিষয়টি নিজেদের মধ্যেই সামলানোর চেষ্টা করছে। ফলে প্রকৃত পরিস্থিতি এখনো পুরোপুরি জানা যাচ্ছে না।
আইডোসের প্রতিষ্ঠাতা ক্যারোল অসবোর্ন বলেন, শুধু অপরাধী চক্রই নয়, যৌন অপরাধীরাও স্কুলের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ব্যবহার করে শিশুদের যৌন নির্যাতনের ভুয়া ছবি তৈরি করছে। এমনকি শিশুরাও অন্য শিশু এবং শিক্ষকদের ছবি ব্যবহার করে ডিপফেক তৈরি করছে।
অসবোর্ন বলেন, এসব ঘটনা যে বাড়ছে তা তিনি জানতেন, তবে এত বেশি স্কুল এর শিকার হয়েছে—জরিপের ফল দেখে তিনি নিজেই বিস্মিত হয়েছেন। তার মতে, অনেক স্কুল এখনো মনে করছে তাদের সঙ্গে এমন কিছু ঘটবে না। কিন্তু বাস্তবতা হলো, এসব ঘটনা ইতোমধ্যে ঘটছে এবং স্কুলগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিতে হবে।
এর আগে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এবং ইন্টারনেট ওয়াচ ফাউন্ডেশন (আইডব্লিউএফ) অভিভাবকদের সন্তানদের ছবি অনলাইনে প্রকাশের বিষয়ে সতর্ক করেছিল।
আইডব্লিউএফের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড্যান সেক্সটন বলেন, শিশুদের ছবি অনলাইনে প্রকাশ না করতে অভিভাবকদের পরামর্শ দেওয়া তার জন্যও অস্বস্তিকর। তবে অনলাইনে প্রকাশিত ছবির অপব্যবহার ঠেকানোর কার্যকর সুরক্ষা ব্যবস্থা না থাকায় সতর্ক থাকা ছাড়া আপাতত আর কোনো বিকল্প দেখছেন না তিনি।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreদীর্ঘ ছয় দশকেরও বেশি সময় পর মৃত্যুদণ্ডের বিধান ফিরিয়ে এনেছে ইসরায়েল, যা কেবল ফিলিস্তিনিদের ক্ষেত্রেই কার্যকর হবে। ইসরায়েলি মানবাধিকার ও নির্যাতনবিরোধী সংস্থা ‘পাবলিক কমিটি অ্যাগেইনস্ট টর্চার ইন ইসরায়েল’ (পিসিএটিআই)-এর প্রকাশিত এক নতুন প্রতিবেদনে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, নির্যাতনের মুখে আদায় করা জবানবন্দির ভিত্তিতে শত শত ফিলিস্তিনি বন্দি এখন সরাসরি মৃত্যুদণ্ড বা ফাঁসির ঝুঁকিতে রয়েছেন। এই আইনের প্রথম শিকার হতে পারেন ৩৭ বছর বয়সী ফিলিস্তিনি যুবক কাদরি সামারা, যাঁকে গত সেপ্টেম্বরে অধিকৃত পশ্চিম তীরে এক ইসরায়েলি বসতি স্থাপনকারীকে হত্যার সন্দেহে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, ইসরায়েলে সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল ১৯৬২ সালে, নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ আইখম্যানের ক্ষেত্রে। গত মার্চ মাসে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে পাস হওয়া নতুন আইনে জাতীয়তাবাদী উদ্দেশ্যে হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডকে বাধ্যতামূলক বা প্রধান শাস্তি হিসেবে নির্ধারণ করা হয়েছে। আইনের ভাষায় ‘ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকার করা’ কিংবা পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর কর্তৃত্ব না মানাকে জাতীয়তাবাদী উদ্দেশ্য হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, পশ্চিম তীরের বাসিন্দাদের ক্ষেত্রে এই আইনের আওতা থেকে ‘ইসরায়েলি নাগরিক বা ইসরায়েলি বাসিন্দাদের’ বাদ রাখা হয়েছে—যা আইনটিকে চরম বৈষম্যমূলক ও বর্ণবাদী রূপ দিয়েছে বলে মানবাধিকার কর্মীরা উল্লেখ করেছেন। বর্তমানে জেরুজালেমের একটি আটককেন্দ্রে থাকা কাদরি সামারাকে তাঁর আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না; এমনকি বিচার শুরু হওয়ার আগেই বিস্ফোরক দিয়ে তাঁর পারিবারিক বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু পশ্চিম তীরের বন্দিরাই নন, গত ৭ অক্টোবরের হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক শত শত গাজাবাসীও একই ধরনের মৃত্যুঝুঁকিতে পড়েছেন। গত মে মাসে ইসরায়েলি আইনপ্রণেতারা তাঁদের বিচারের জন্য বিশেষ মৃত্যুদণ্ড ট্রাইব্যুনাল গঠনের আরেকটি আইন পাস করেছেন। এই আইনে রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত জুনিয়র বিচারকদের প্রচলিত সাক্ষ্য আইন ও বিচারিক প্রক্রিয়া উপেক্ষা করার, এমনকি আসামির অনুপস্থিতিতেই শুনানি করে মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। পিসিএটিআইয়ের নির্বাহী পরিচালক সারি বাশি জানান, গত তিন বছরে ইসরায়েলি কর্তৃপক্ষ হাজার হাজার ফিলিস্তিনিকে আটক করে পরিবার ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সাক্ষাৎ থেকে বঞ্চিত রেখেছে। পিসিএটিআইয়ের প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেতের জিজ্ঞাসাবাদে অনাহার, চিকিৎসাবঞ্চনা, ঘুম থেকে বঞ্চিত রাখা, হাড়ভাঙা মারধর, বৈদ্যুতিক শক, সিগারেটের ছ্যাঁকা এবং যৌন নির্যাতনের মতো ভয়াবহ নিপীড়নের শিকার হয়ে বন্দিরা মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য হন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হেফাজতে অন্তত ১০৩ জন ফিলিস্তিনি বন্দির মৃত্যু হয়েছে। অথচ ২০০৭ সাল থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবের পক্ষে ভোট দিয়ে আসা ইসরায়েলের এই আকস্মিক অবস্থান পরিবর্তন বৈশ্বিক মানবাধিকার অগ্রগতিকে পিছিয়ে দেবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। গত মাসে অনুষ্ঠিত অমীমাংসিত নির্বাচনের পর ইসরায়েলে যে নতুন সরকারই গঠিত হোক না কেন, অবিলম্বে এই বৈষম্যমূলক মৃত্যুদণ্ড আইন বাতিল করার জোর দাবি জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো।
রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য
ইরান যুদ্ধের তহবিল বন্ধে তৎপর ডেমোক্র্যাটরা, চাপে ট্রাম্প প্রশাসন
‘কারও অনুমোদনের পরোয়া করি না’, পারমাণবিক অস্ত্র কারখানা ঘুরে কিমের হুঁশিয়ারি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সতর্কবার্তা এবং মেক্সিকোর ওপর বড় ধরনের অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি সত্ত্বেও মেক্সিকো ভূখণ্ড অতিক্রম করে যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে প্রায় ১ হাজার অভিবাসীর দুটি পৃথক বহর বা ‘ক্যারাভান’। ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ২০০ অভিবাসীর একটি দল দক্ষিণ মেক্সিকো থেকে যাত্রা শুরু করেছে এবং প্রায় ৮০০ জনের অপর একটি বড় দল আরও উত্তরের দিকে মার্কিন সীমান্তের কাছাকাছি পৌঁছানোর আশায় এগিয়ে চলেছে। এর আগে গত ২০ নভেম্বর মধ্য আমেরিকার দেশগুলো থেকে আসা প্রায় ২৫০ অভিবাসীর আরেকটি বহর গুয়াতেমালা সীমান্তের সেতু পার হয়ে দক্ষিণ মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের তাপাচুলা শহরে প্রবেশ করে। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, তরুণ ও শিশুসহ পরিবার নিয়ে হেঁটে মেক্সিকোতে প্রবেশ করা ওই অভিবাসীদের সে সময় মেক্সিকান কর্তৃপক্ষ কোনো বাধা দেয়নি। সাম্প্রতিক মার্কিন মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য সাফল্য এবং রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পর থেকেই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টায় অভিবাসী বহরের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। এএফপি জানিয়েছে, নির্বাচনের পর থেকে এ পর্যন্ত প্রায় ছয়টি অভিবাসী বহর মেক্সিকোতে প্রবেশ করেছে। এই বহরে থাকা বেশ কয়েকজন অভিবাসী এএফপিকে জানিয়েছেন যে, তাঁরা আগে যুক্তরাষ্ট্রেই বসবাস করতেন, কিন্তু মার্কিন অভিবাসন ও শুল্ক সংস্থা (আইস)-এর অভিযানে তাঁদের নিজ দেশে বিতাড়িত করা হয়েছিল। তাঁদেরই একজন ৩১ বছর বয়সী হন্ডুরাসের নাগরিক সাবা নাজেরা, যিনি হিউস্টনে থাকা তাঁর নবজাতক কন্যার সঙ্গে পুনর্মিলিত হওয়ার আশায় আবারও যুক্তরাষ্ট্রে ফিরছেন। তিনি জানান, আইসের অভিযানে মেয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনাই তাঁকে এই দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রায় নামতে বাধ্য করেছে। এদিকে, অভিবাসী বহরগুলোকে মার্কিন সীমান্তের দিকে অগ্রসর হওয়া থেকে রুখতে মেক্সিকো সরকার ব্যর্থ হলে দেশটির পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করার হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতীতে মেক্সিকান কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড দিয়ে কিংবা মেক্সিকোতেই আশ্রয় আবেদনের সুযোগ দিয়ে কিছু বড় বহরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল। তবে বর্তমানে প্রায় ১০০ অভিবাসীর আরও একটি দল মেক্সিকোর ওয়াক্সাকা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হওয়ায় গুয়াতেমালা সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো অভিবাসন কূটনীতি নিয়ে নতুন করে উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে। 875 আইকিউ
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বিপাকে হাজারো ভারতীয়, দেশ ছাড়ার বিকল্প দিচ্ছে আইবিএম
ইতালিতে বাংলাদেশসহ ৩৮ দেশের ওয়ার্কিং ভিসার সুযোগ, আগামী দুই বছরে প্রায় ৫ লাখ নিয়োগের সম্ভাবনা
ডেনমার্কে স্থায়ী বসবাস ছাড়াই নাগরিকত্বের সুযোগ, বিশেষ সুবিধা পাবেন ৭ শ্রেণির অভিবাসন প্রত্যাশী
রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্ভাব্য যুদ্ধ বা জাতীয় সংকটের সময় তাঁদের পুনরায় সামরিক দায়িত্বে নিয়োজিত করার প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটির লেবার সরকার। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম এত ব্যাপক পরিসরে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্কাই নিউজ, দ্য টাইমস ও এলবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ স্থল, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের কাছে এসব চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট তিন বাহিনীর প্রধানদের স্বাক্ষর করা চিঠিতে প্রাপকদের বর্তমান ঠিকানা, যোগাযোগের তথ্য, পেশা ও দক্ষতার বিবরণ হালনাগাদ করতে বলা হয়েছে। পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের স্বেচ্ছায় প্রশিক্ষণ ও সামরিক মহড়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর স্টেডফাস্ট ডিফেন্ডার সামরিক মহড়াও রয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্কাই নিউজকে জানিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটি একটি যুক্তিসংগত ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ। যুক্তরাজ্য ও তার মিত্রদের সামনে নিরাপত্তাঝুঁকি বাড়ছে। তবে এই উদ্যোগের অর্থ এই নয় যে যুক্তরাজ্য অবিলম্বে কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে। এর আগে স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, আগামী এক হাজার দিনের মধ্যে সম্ভাব্য যুদ্ধ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে যুক্তরাজ্যকে। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনে যুদ্ধে জয়লাভের প্রস্তুতি নেওয়াকে নিজের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। বর্তমানে ব্রিটিশ স্থলবাহিনীতে প্রায় ৭৩ হাজার সক্রিয় সেনাসদস্য রয়েছেন। সম্ভাব্য বড় ধরনের সংঘাত মোকাবিলায় নিয়মিত সামরিক বাহিনীর পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের নিয়ে গঠিত স্ট্র্যাটেজিক রিজার্ভকে আরও কার্যকর করতে চাইছে সরকার। তবে সাবেক সামরিক সদস্যদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো পুনরায় সামরিক দায়িত্বে ফিরতে হবে না। এই চিঠি কোনো আনুষ্ঠানিক সামরিক মোতায়েনের নির্দেশ নয়। সাধারণ নাগরিকদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের ঘোষণাও দেওয়া হয়নি। সূত্র: স্কাই নিউজ 871 এসএ
যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স
হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার

