সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে মৃত্যুর মুখ থেকে উদ্ধার ১১১ বাংলাদেশি, মিশর থেকে ফিরবেন দেশে

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৫, ২০২৬ ৯:৫১
ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি বর্তমানে মিশরে অবস্থান করছেন। ছবি: সংগৃহীত
ভূমধ্যসাগরে উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি বর্তমানে মিশরে অবস্থান করছেন। ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে অনিয়মিত পথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে ভয়াবহ ঝড়ের কবলে পড়ে মৃত্যুর মুখ থেকে উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশি এখন মিশরে অবস্থান করছেন। গত ১৪ সেপ্টেম্বর পৃথক তিনটি নৌযানে বিপদের মুখে পড়ার পর বিভিন্ন বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে। বর্তমানে তাদের মধ্যে ৫৮ জন মিশরের পোর্ট সাঈদ এবং ৫৩ জন দামিয়াতের নিরাপত্তা কেন্দ্রে রয়েছেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে তাদের বাংলাদেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

মিশরে বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের একজন কর্মকর্তা ৩ ও ৪ অক্টোবর পোর্ট সাঈদ ও দামিয়াতে গিয়ে উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে কথা বলেন। তাদের সমুদ্রযাত্রা, দুর্ঘটনা এবং উদ্ধারের বিস্তারিত তথ্য সংগ্রহের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগও করে দেওয়া হয়।

 

পোর্ট সাঈদে থাকা ৫৫ বাংলাদেশি জানিয়েছেন, ১৪ সেপ্টেম্বর তারা লিবিয়ার তবরুক উপকূল থেকে একটি রাবারের নৌকায় গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেন। কয়েক ঘণ্টার মধ্যেই নৌকাটি প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে। প্রায় এক রাত ও এক দিন তারা উত্তাল সমুদ্রে ভাসতে থাকেন। একপর্যায়ে তারা ‘কিংস্টন’ নামের একটি বাণিজ্যিক জাহাজের কাছে সাহায্যের সংকেত পাঠান।

 

বিপদসংকেত পাওয়ার পর জাহাজটি মিশরের সামুদ্রিক উদ্ধার সমন্বয় কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে এবং বাংলাদেশিদের উদ্ধার করে। পরে ১৭ সেপ্টেম্বর রাতে তাদের পোর্ট সাঈদ বন্দরে নিয়ে যাওয়া হয়।

 

একই নিরাপত্তা কেন্দ্রে থাকা আরও তিন বাংলাদেশি জানিয়েছেন, তারা বাংলাদেশি, মিশরীয় ও সুদানি নাগরিকসহ মোট ৫৬ জন যাত্রী নিয়ে তবরুক থেকে আরেকটি নৌকায় যাত্রা করেছিলেন। সমুদ্রে প্রবেশের পর ওই নৌকাও ভয়াবহ ঝড়ের কবলে পড়ে। প্রায় দুই দিন ভেসে থাকার পর নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায় এবং ছিদ্র দিয়ে পানি ঢুকতে শুরু করে।

 

এ অবস্থায় যাত্রীরা জরুরি বিপদসংকেত পাঠালে ‘এমএসসি ভার্জিনিয়া’ নামের একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার অভিযানে এগিয়ে আসে। ওই জাহাজ তিন বাংলাদেশিসহ মোট ১৭ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে উদ্ধার হওয়া বাংলাদেশিদের দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটিতে থাকা আরও ৩৯ যাত্রী তখন থেকে নিখোঁজ রয়েছেন। তাদের বর্তমান অবস্থার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

 

দামিয়াতে থাকা ৫৩ বাংলাদেশির অভিজ্ঞতা ছিল আরও ভয়াবহ। তারা জানিয়েছেন, একই দিন তবরুক থেকে ৫৩ বাংলাদেশি ও ১৪ সুদানি নাগরিকসহ মোট ৬৭ জন একটি রাবারের নৌকায় যাত্রা করেন। সমুদ্রে প্রবেশের পরই নৌকাটি ঝড়ের মধ্যে পড়ে এবং একপর্যায়ে ভেতরে দ্রুত পানি ঢুকতে শুরু করে।

 

ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হলে যাত্রীরা আশপাশের জাহাজ ও সংশ্লিষ্ট উদ্ধার কর্তৃপক্ষের কাছে একাধিক জরুরি সংকেত পাঠান। পরে নেদারল্যান্ডসভিত্তিক ওয়াগেনবর্গ শিপিংয়ের ‘আইজেবর্গ’ নামের একটি বাণিজ্যিক জাহাজ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

 

উদ্ধার হওয়া বাংলাদেশিরা জানিয়েছেন, জাহাজটি আর প্রায় ১০ মিনিট দেরিতে পৌঁছালে নৌকায় থাকা সবার জীবন ঝুঁকিতে পড়তে পারত। তাদের ভাষ্য অনুযায়ী, নৌকার ভেতরে পানি বাড়ছিল এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল।

 

বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশির কেউই মিশরকে গন্তব্য হিসেবে বেছে নেননি। তাদের লক্ষ্য ছিল লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশ করা। কিন্তু ঝড়, নৌযানের যান্ত্রিক ত্রুটি ও পানি ঢুকে পড়ার কারণে তাদের যাত্রা ভয়াবহ বিপদের মধ্যে পড়ে।

 

দূতাবাস জানিয়েছে, উদ্ধার হওয়া বাংলাদেশিদের বিষয়ে স্থানীয় পুলিশ, নিরাপত্তা সংস্থা, ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তাদের প্রয়োজনীয় কনস্যুলার সহায়তাও দেওয়া হচ্ছে।

 

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম ১১১ বাংলাদেশির কায়রো থেকে ঢাকা ফেরার টিকিট দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে বলে দূতাবাসের কর্মকর্তার বরাতে জানা গেছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পর তাদের দেশে ফেরানো হবে।

 

যাদের কাছে বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের মধ্যে কয়েকজন ইতোমধ্যে দেশে ফিরে গেছেন। বাকিদের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করে পর্যায়ক্রমে বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

এই ঘটনা আবারও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়মিত পথে ইউরোপে যাওয়ার ভয়াবহ ঝুঁকি সামনে এনেছে। অতিরিক্ত যাত্রীবোঝাই ও অনিরাপদ রাবারের নৌকা, প্রতিকূল আবহাওয়া এবং উদ্ধার পেতে বিলম্বের কারণে এই রুটে যাত্রা প্রায়ই প্রাণঘাতী হয়ে ওঠে।

 

মিশরে বাংলাদেশ দূতাবাসও মানবপাচারকারী এবং অনিয়মিত অভিবাসনে সহায়তাকারী চক্রের প্রলোভনে পড়ে এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রায় না যাওয়ার বিষয়ে সতর্ক করেছে। উদ্ধার হওয়া ১১১ বাংলাদেশির ঘটনা দেখিয়ে দিয়েছে, ইউরোপে পৌঁছানোর স্বপ্নে শুরু হওয়া কয়েক ঘণ্টার সমুদ্রযাত্রা মুহূর্তেই জীবন-মৃত্যুর লড়াইয়ে পরিণত হতে পারে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
স্পেনে জামিনে মুক্তির পর যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শ নিয়ে অভিযোগ তুললেন জেমস ‘ফার্গি’ চেম্বার্স। ছবি: সংগৃহীত
যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স

স্পেনের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পাওয়ার পর মার্কিন অধিকারকর্মী ও গণমাধ্যম উত্তরাধিকারী জেমস ‘ফার্গি’ চেম্বার্স অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শকে চরমপন্থা হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেছেন, কেবল মতপ্রকাশ ও মানবিক সহায়তার কারণে তাঁকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের ভিত্তিতে স্পেনে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন। সাম্প্রতিক সময়ে প্রত্যর্পণ সংক্রান্ত নথির অনুবাদে বড় ধরনের অসঙ্গতি ও পরিবর্তনের বিষয়টি সামনে এলে স্পেনের জাতীয় আদালত তাঁর প্রত্যর্পণের সিদ্ধান্ত স্থগিত করে এবং তাঁকে জামিনে মুক্তি দেয়।   মুক্তির পর প্রতিক্রিয়ায় চেম্বার্স বলেন, বিশ্বজুড়ে যারা নিজেদের মতামত তুলে ধরতে চান, তাঁদের জন্য এই মামলাটি মানবাধিকারের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ফিলিস্তিনে যা ঘটছে এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য যুদ্ধ ও বৈশ্বিক সংকটের সত্যতা কেউ কেড়ে নিতে পারবে না। কারাগারে কাটানো দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, অনিশ্চয়তা ও ভয়ের মধ্যেও তিনি নিজের নির্দোষ থাকার বিশ্বাসে অটল ছিলেন।   মার্কিন কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী, চেম্বার্স কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসাব থেকে তিউনিসিয়ায়—যেখানে তিনি তখন বসবাস করতেন—৭৫ লাখ মার্কিন ডলার স্থানান্তর করেছিলেন, যা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সহায়তায় ব্যবহৃত হওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে চেম্বার্সের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি এবং তিনি কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা সহিংসতায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।   চেম্বার্সের আইনজীবী ও পরিবারের সদস্যরা দাবি করেছেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এবং মানবিক ত্রাণ কার্যক্রমে অর্থ সহায়তা দেওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে। উল্লেখ্য, তিনি অতীতে ফিলিস্তিনের মানবিক সহায়তা কার্যক্রমে বিপুল অর্থ অনুদান দিয়েছেন, যার মধ্যে উত্তর গাজায় বেকারি স্থাপন, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র নির্মাণ এবং বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র পরিচালনার মতো উদ্যোগও রয়েছে।   স্পেনের আদালতের প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে চেম্বার্স আশা প্রকাশ করেছেন যে, আবেগপূর্ণ মন্তব্য বা ভিন্নমতের বদলে কেবল তথ্য ও প্রমাণের ভিত্তিতেই বিষয়টির নিষ্পত্তি হবে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও সক্রিয়তার ওপর নজরদারি এবং আইনি কড়াকড়ি নিয়ে মানবাধিকার মহলে ব্যাপক আলোচনা চলছে।   সূত্র: আল জাজিরা   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:৫৭
শেখ হাসিনার ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকে দায়ী থাকতে হবে বলে সতর্কবার্তা মাইকেল রুবিনের। ছবি: সংগৃহীত

হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার

গাজার যুদ্ধের চিত্র তুলে ধরতে গিয়ে নিহত সাংবাদিক মরিয়ম দাগ্গা মরণোত্তর ‘ররি পেক’ পুরস্কার পেলেন। ছবি: সংগৃহীত

মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক

ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা
শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

শ্রীলঙ্কার দীর্ঘ গৃহযুদ্ধের এক প্রায়-বিস্মৃত অধ্যায়ের দুই ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে ৩৬ বছর ধরে বেঁচে আছেন ফৌজুল হিনায়া (৬০)। ১৯৯০ সালের জুলাই মাসে কুরুক্কলমাদামের কাছে তামিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এলটিটিইর গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁর ভাই ফৌজুল আমির। সে সময় ৬০ থেকে প্রায় ১৫০ জন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। সম্প্রতি কুরুক্কলমাদামের একটি গণকবরে আদালত-নিযুক্ত প্রত্নতাত্ত্বিক দলের খননকাজ দীর্ঘদিনের সেই ক্ষতে নতুন করে আশার আলো জাগিয়েছে।   ভুক্তভোগী পরিবারগুলোর মতে, ১৯৯০ সালের কুরুক্কলমাদাম হত্যাকাণ্ড ছিল শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি বড় বাঁক বদলের মুহূর্ত। এর আগে পর্যন্ত এলটিটিই মূলত লড়াইয়ের তহবিল সংগ্রহের জন্য মুসলিমদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। কিন্তু এরপর তারা সরাসরি রক্তপাতের পথ বেছে নেয়। ঠিক এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে পূর্বাঞ্চলীয় শহর কাত্তানকুডি ও ইরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই   সেই ভয়াবহ সময়ে নিখোঁজ হন হিনায়ার আরেক ভাইও। পরিবারের শোকের দিনে পাশে থাকতে বাড়ি ফেরার কয়েক দিনের মধ্যেই তিনি বাত্তিকালোয়া শহর থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনতে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু এলটিটিই তাঁকে অপহরণ করে এবং এরপর আর কোনো খোঁজ মেলেনি; তাঁকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে।   অন্যদিকে, ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি স্মরণ করেন উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে মুসলিমদের উচ্ছেদের মর্মান্তিক অভিজ্ঞতা। ভারতীয় সেনাবাহিনী চলে যাওয়ার পর ১৯৯০ সালের শুরুতে তামিল ও মুসলিমরা মিলেমিশে এক পরিবারের মতোই নিজ নিজ গ্রামে ফিরেছিলেন। কিন্তু ওই বছরের অক্টোবরে এলটিটিই উত্তরাঞ্চলের মুসলিম গ্রামবাসীদের জড়ো করে মাত্র দুই দিনের মধ্যে প্রদেশ ছাড়ার নির্দেশ দেয়। রিজনি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৫ শতাংশ, যেখানে তামিল ছিলেন ৯০ শতাংশেরও বেশি। ১৯৯০ সালের অক্টোবরে আনুমানিক ৭৫ হাজার থেকে ১ লাখ মুসলিমকে জোরপূর্বক ওই প্রদেশ থেকে বিতাড়িত করা হয়।   তবে দীর্ঘ বঞ্চনা ও ট্রমা সত্ত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরার আশা ছাড়েননি রিজনি। তাঁর ভাষায়, তামিল ও মুসলিমদের মধ্যে বরাবরই সুসম্পর্ক থাকবে এবং মুসলিমরা উচ্ছেদের ঘটনা ভুলবে না, কিন্তু এলটিটিই যা করেছে সে জন্য সাধারণ তামিলদের দোষারোপ করা হবে না।   কুরুক্কলমাদামের গণকবর খননকে সত্য উদ্ঘাটন ও মানসিক প্রশান্তির একটি পথ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফারুক নামের এক সংশ্লিষ্ট ব্যক্তি জানান, কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবি নিরীহ মানুষ হত্যা কিংবা পরিবারকে বাস্তুচ্যুত করার যুক্তি হতে পারে না। তিনি কর্তৃপক্ষের কাছে একটি যথাযথ ও স্বাধীন তদন্তের প্রত্যাশা করেছেন, যাতে নিহতদের পরিচয় শনাক্ত করা যায় এবং গণকবর থেকে উঠে আসা তথ্যগুলো প্রতিষ্ঠিত হয়।    পাশাপাশি উত্তরাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া মুসলিম পরিবারগুলোর মর্যাদার সাথে ফেরা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। অন্যদিকে ফৌজের মতে, কুরুক্কলমাদামে কর্তৃপক্ষ কীভাবে পরবর্তী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করবে শ্রীলঙ্কার মুসলিমরা বহু প্রতীক্ষিত উত্তরগুলো শেষ পর্যন্ত পাবে কি না। সূত্র: আল জাজিরা।   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:৫৭
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস

ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের  ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি

মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি, প্রজন্ম ধরে অধিকারহীন ফিলিস্তিনি পরিবারগুলো

স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ
স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ

স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো প্রায় ১ লাখ সাবেক ও রিজার্ভ সেনাকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি)। ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি ও সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি জোরদার করতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছে লন্ডন।   চিঠিতে সাবেক সেনাসদস্যদের বর্তমান যোগাযোগের ঠিকানা হালনাগাদ করার পাশাপাশি তাদের বর্তমান পেশা ও দক্ষতা সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে। বিশেষ করে সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, গোয়েন্দা এবং যোগাযোগ খাতে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।   যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের আওতায় ২০২৭ সালের বসন্তে নির্ধারিত ন্যাটোর বড় সামরিক মহড়া ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন আগ্রহী রিজার্ভ সদস্যরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংসদীয় তথ্য অনুযায়ী, এ ধরনের মহড়ায় সর্বোচ্চ প্রায় ১ হাজার স্ট্র্যাটেজিক রিজার্ভ সদস্যকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।   তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই চিঠি তাৎক্ষণিক কোনো সামরিক তলব বা মোতায়েনের সংকেত নয়। সাবেক সেনা বা ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো সক্রিয় দায়িত্বে ফিরিয়ে আনা হবে না, তবে এই প্রস্তুতি প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং সংঘাতের ঝুঁকি কমাতে সহায়ক হবে।   ২০২৫ সালের যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনায় রিজার্ভ বাহিনীর ভূমিকা শক্তিশালী করা এবং বৃহত্তর সামাজিক অংশগ্রহণের মাধ্যমে প্রতিরক্ষা জোরদার করার সুপারিশ করা হয়েছিল। ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, রাশিয়া বরাবরই ন্যাটো সদস্য রাষ্ট্রের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে এসেছে এবং সীমান্তের কাছে ন্যাটোর সামরিক তৎপরতা বৃদ্ধিকে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর কারণ হিসেবে অভিহিত করেছে। সূত্র: লাও দং নিউজ।   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:২৮
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

চীন-পাকিস্তানের যৌথ কৃত্রিম উপগ্রহ নেটওয়ার্ক

ভারতের সামরিক স্থাপনায় নজরদারিতে চীন-পাকিস্তানের যৌথ কৃত্রিম উপগ্রহ নেটওয়ার্ক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...