সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ইউরোপে নিজের নতুন দেশ প্রতিষ্ঠা করে ২১ বছরের তরুণ পেলেন জাতিসংঘ সদর দপ্তরে সম্মাননা

সামিয়া ইসলাম প্রকাশ: অক্টোবর ২৬, ২০২৬ ২:১৩
ব্রিটিশ তরুণ ড্যানিয়েল জ্যাকসন
ব্রিটিশ তরুণ ড্যানিয়েল জ্যাকসন

মাত্র ১৪ বছর বয়সে বন্ধুদের নিয়ে একটি নতুন দেশ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন ব্রিটিশ তরুণ ড্যানিয়েল জ্যাকসন। নিজেকে সেই দেশের প্রেসিডেন্টও ঘোষণা করেন তিনি। সাত বছর পর ২১ বছর বয়সে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন এই তরুণ। গত ৯ অক্টোবর জাতিসংঘ সদর দপ্তরের ডেলিগেটস ডাইনিং রুমে তাঁর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। তবে এটি জাতিসংঘের নিজস্ব কোনো পুরস্কার নয়। সম্মাননাটি দিয়েছে ইনস্টিটিউট অব পাবলিক পলিসি অ্যান্ড ডিপ্লোম্যাসি রিসার্চ (আইপিপিডিআর) নামের একটি বেসরকারি সংস্থা।

 

ব্রিটিশ ও অস্ট্রেলীয় নাগরিকত্বের অধিকারী ড্যানিয়েল জ্যাকসন ইংল্যান্ডের কেন্টের ডোভার শহরের বাসিন্দা। ইউরোপের বলকান অঞ্চলে ক্রোয়েশিয়া ও সার্বিয়ার সীমান্তবর্তী একটি ভূখণ্ডকে নিজের দেশ হিসেবে ঘোষণা করে আলোচনায় আসেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত দেশের নাম ‘ফ্রি রিপাবলিক অব ভারডিস’। দেশটির আয়তন মাত্র শূন্য দশমিক ৫০১ বর্গকিলোমিটার, যা প্রায় ১২৫ একর। জ্যাকসনের দাবি, পৃথিবীর অন্যতম ক্ষুদ্র রাষ্ট্র হিসেবে ভারডিসকে প্রতিষ্ঠা করাই তাঁর লক্ষ্য। যদিও এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে কোনো স্বীকৃত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায়নি ভারডিস।

 

ঘটনার শুরু ২০১৯ সালে। মাত্র ১৪ বছর বয়সে বন্ধুদের সঙ্গে মানচিত্র ঘাঁটতে গিয়ে ড্যানিয়েল জানতে পারেন, ক্রোয়েশিয়া ও সার্বিয়ার মধ্যবর্তী দানিয়ুব নদীর তীরে কয়েকটি ছোট ভূখণ্ড নিয়ে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে। এসব এলাকার একটি মানচিত্রে ‘পকেট থ্রি’ নামে পরিচিত। জ্যাকসনের দাবি, ওই জমির মালিকানা ক্রোয়েশিয়া কিংবা সার্বিয়া কেউই নিজেদের বলে স্বীকার করে না। এই যুক্তিতে ২০১৯ সালের ৩০ মে তিনি ভূখণ্ডটিকে স্বাধীন দেশ ঘোষণা করেন এবং নিজেকে প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

 

প্রথমে বিষয়টি ছিল কয়েকজন কিশোরের পরীক্ষামূলক উদ্যোগ। কিন্তু সময়ের সঙ্গে সেটিকে একটি রাষ্ট্রীয় কাঠামো দেওয়ার চেষ্টা শুরু করেন ড্যানিয়েল। ভারডিসের জন্য আলাদা জাতীয় পতাকা, সংবিধান, আইন, মন্ত্রিসভা, জাতীয় প্রতীক এবং পাসপোর্ট তৈরি করা হয়েছে। ইংরেজি, ক্রোয়েশীয় ও সার্বীয় ভাষাকে দেশটির সরকারি ভাষা হিসেবে নির্ধারণ করা হয়েছে। মুদ্রা হিসেবে ব্যবহার করা হচ্ছে ইউরো। ভারডিস কর্তৃপক্ষের দাবি, তাদের প্রায় ৪০০ জন নাগরিক রয়েছেন এবং প্রতি মাসে এক হাজারের বেশি মানুষ নাগরিকত্বের বিষয়ে আগ্রহ প্রকাশ করে যোগাযোগ করেন।

তবে নিজের ঘোষণা করা দেশের ভূখণ্ডে প্রবেশ করাই এখন ড্যানিয়েলের জন্য বড় চ্যালেঞ্জ। ২০২৩ সালে কয়েকজন সহযোগীকে নিয়ে সেখানে বসতি স্থাপনের চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু ক্রোয়েশিয়ার সীমান্ত পুলিশ তাঁদের আটক করে এলাকা থেকে সরিয়ে দেয়। পরে ড্যানিয়েলের ক্রোয়েশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। ক্রোয়েশীয় কর্তৃপক্ষের অবস্থান হলো, ওই এলাকায় বসতি স্থাপনের চেষ্টা সীমান্ত নিরাপত্তা বিধির পরিপন্থী। অন্যদিকে ড্যানিয়েল এই নিষেধাজ্ঞাকে অন্যায্য দাবি করে আসছেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যের ডোভার ও সার্বিয়ার নোভি সাদে প্রতিষ্ঠিত প্রতিনিধি কার্যালয়ের মাধ্যমে ভারডিসের কার্যক্রম পরিচালনা করছেন।

এত বাধার মধ্যেও নিজের উদ্যোগ থেকে সরে আসেননি ড্যানিয়েল। সম্প্রতি আফ্রিকার আইভরি কোস্টে একটি প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেয় তাঁর প্রতিষ্ঠিত ভারডিস। সংগঠনটির প্রকাশিত তথ্য অনুযায়ী, বিদ্যালয়ের শৌচাগার ও পানির কূপ সংস্কার এবং শিক্ষার্থীদের স্কুলব্যাগ সরবরাহে তারা সহযোগিতা করেছে। মানবিক এই কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ নিউইয়র্কে আয়োজিত হিউম্যানিটারিয়ান প্লাটিনাম লিডারশিপ অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সম্মাননা পান ড্যানিয়েল।

 

অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের পর নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। ব্রিটিশ সংবাদ সংস্থা এসডব্লিউএনএসকে ড্যানিয়েল জানান, এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপস্থিতিতে সম্মাননা গ্রহণ করা তাঁর জন্য একদিকে আনন্দের, অন্যদিকে কিছুটা অস্বস্তিকর অভিজ্ঞতা ছিল। মাত্র ২১ বছর বয়সে আন্তর্জাতিক পর্যায়ের এমন আয়োজনে অংশ নেওয়ার সঙ্গে এখনো নিজেকে মানিয়ে নিচ্ছেন বলে জানান তিনি। তাঁর ভাষায়, ভারডিস প্রতিষ্ঠার চিন্তাটি প্রথমে বন্ধুদের সঙ্গে ছোট একটি পরীক্ষা হিসেবে শুরু হয়েছিল। কিন্তু সেটি যে এত মানুষের আগ্রহ তৈরি করবে, তা তখন কল্পনাও করেননি।

একই সফরে ভারডিসের মানবিক কার্যক্রমবিষয়ক প্রতিনিধি জেফ্রি লি নিউইয়র্কে একটি যুবসমাবেশে বক্তব্য দেন বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে। সেখানে মানবিক সহায়তা, তরুণদের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়। ড্যানিয়েলের মতে, এসব আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের প্রতিনিধি ও সংগঠনের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হচ্ছে। ভবিষ্যতে ভারডিসের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পথেও এই যোগাযোগ কাজে লাগবে বলে আশা করছেন তিনি।

 

তবে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা পাওয়ার অর্থ ভারডিসকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে, এমন নয়। পুরস্কার প্রদানকারী আইপিপিডিআর একটি স্বতন্ত্র বেসরকারি সংস্থা। জাতিসংঘের ভবনে অনুষ্ঠান আয়োজন এবং জাতিসংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি সম্পূর্ণ আলাদা বিষয়। আন্তর্জাতিক আইনের অধীনে ভারডিসের স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা প্রতিষ্ঠিত হয়নি। ফলে ড্যানিয়েল নিজেকে প্রেসিডেন্ট দাবি করলেও তাঁর নেতৃত্বাধীন ভূখণ্ড এখনো একটি স্বঘোষিত ক্ষুদ্র রাষ্ট্র বা মাইক্রোনেশন হিসেবেই পরিচিত।

 

বর্তমানে ড্যানিয়েল জ্যাকসন নিজের পুরো সময় ভারডিসের কার্যক্রমে ব্যয় করছেন। আগে তিনি অনলাইন গেম রোবলক্সের জন্য ভার্চুয়াল জগৎ তৈরির কাজ করতেন। এখন আন্তর্জাতিক যোগাযোগ, নাগরিকত্ব আবেদন এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাই তাঁর প্রধান কাজ। মাত্র ১৪ বছর বয়সে শুরু হওয়া উদ্যোগকে বাস্তব রাষ্ট্রে রূপ দেওয়ার স্বপ্ন দেখছেন এই তরুণ। তবে তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে রয়েছে ভূখণ্ডের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক স্বীকৃতির প্রশ্ন।
 


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
স্পেনে জামিনে মুক্তির পর যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শ নিয়ে অভিযোগ তুললেন জেমস ‘ফার্গি’ চেম্বার্স। ছবি: সংগৃহীত
যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স

স্পেনের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পাওয়ার পর মার্কিন অধিকারকর্মী ও গণমাধ্যম উত্তরাধিকারী জেমস ‘ফার্গি’ চেম্বার্স অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শকে চরমপন্থা হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেছেন, কেবল মতপ্রকাশ ও মানবিক সহায়তার কারণে তাঁকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের ভিত্তিতে স্পেনে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন। সাম্প্রতিক সময়ে প্রত্যর্পণ সংক্রান্ত নথির অনুবাদে বড় ধরনের অসঙ্গতি ও পরিবর্তনের বিষয়টি সামনে এলে স্পেনের জাতীয় আদালত তাঁর প্রত্যর্পণের সিদ্ধান্ত স্থগিত করে এবং তাঁকে জামিনে মুক্তি দেয়।   মুক্তির পর প্রতিক্রিয়ায় চেম্বার্স বলেন, বিশ্বজুড়ে যারা নিজেদের মতামত তুলে ধরতে চান, তাঁদের জন্য এই মামলাটি মানবাধিকারের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ফিলিস্তিনে যা ঘটছে এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য যুদ্ধ ও বৈশ্বিক সংকটের সত্যতা কেউ কেড়ে নিতে পারবে না। কারাগারে কাটানো দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, অনিশ্চয়তা ও ভয়ের মধ্যেও তিনি নিজের নির্দোষ থাকার বিশ্বাসে অটল ছিলেন।   মার্কিন কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী, চেম্বার্স কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসাব থেকে তিউনিসিয়ায়—যেখানে তিনি তখন বসবাস করতেন—৭৫ লাখ মার্কিন ডলার স্থানান্তর করেছিলেন, যা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সহায়তায় ব্যবহৃত হওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে চেম্বার্সের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি এবং তিনি কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা সহিংসতায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।   চেম্বার্সের আইনজীবী ও পরিবারের সদস্যরা দাবি করেছেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এবং মানবিক ত্রাণ কার্যক্রমে অর্থ সহায়তা দেওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে। উল্লেখ্য, তিনি অতীতে ফিলিস্তিনের মানবিক সহায়তা কার্যক্রমে বিপুল অর্থ অনুদান দিয়েছেন, যার মধ্যে উত্তর গাজায় বেকারি স্থাপন, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র নির্মাণ এবং বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র পরিচালনার মতো উদ্যোগও রয়েছে।   স্পেনের আদালতের প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে চেম্বার্স আশা প্রকাশ করেছেন যে, আবেগপূর্ণ মন্তব্য বা ভিন্নমতের বদলে কেবল তথ্য ও প্রমাণের ভিত্তিতেই বিষয়টির নিষ্পত্তি হবে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও সক্রিয়তার ওপর নজরদারি এবং আইনি কড়াকড়ি নিয়ে মানবাধিকার মহলে ব্যাপক আলোচনা চলছে।   সূত্র: আল জাজিরা   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:৫৭
শেখ হাসিনার ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকে দায়ী থাকতে হবে বলে সতর্কবার্তা মাইকেল রুবিনের। ছবি: সংগৃহীত

হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার

গাজার যুদ্ধের চিত্র তুলে ধরতে গিয়ে নিহত সাংবাদিক মরিয়ম দাগ্গা মরণোত্তর ‘ররি পেক’ পুরস্কার পেলেন। ছবি: সংগৃহীত

মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক

ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা
শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

শ্রীলঙ্কার দীর্ঘ গৃহযুদ্ধের এক প্রায়-বিস্মৃত অধ্যায়ের দুই ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে ৩৬ বছর ধরে বেঁচে আছেন ফৌজুল হিনায়া (৬০)। ১৯৯০ সালের জুলাই মাসে কুরুক্কলমাদামের কাছে তামিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এলটিটিইর গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁর ভাই ফৌজুল আমির। সে সময় ৬০ থেকে প্রায় ১৫০ জন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। সম্প্রতি কুরুক্কলমাদামের একটি গণকবরে আদালত-নিযুক্ত প্রত্নতাত্ত্বিক দলের খননকাজ দীর্ঘদিনের সেই ক্ষতে নতুন করে আশার আলো জাগিয়েছে।   ভুক্তভোগী পরিবারগুলোর মতে, ১৯৯০ সালের কুরুক্কলমাদাম হত্যাকাণ্ড ছিল শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি বড় বাঁক বদলের মুহূর্ত। এর আগে পর্যন্ত এলটিটিই মূলত লড়াইয়ের তহবিল সংগ্রহের জন্য মুসলিমদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। কিন্তু এরপর তারা সরাসরি রক্তপাতের পথ বেছে নেয়। ঠিক এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে পূর্বাঞ্চলীয় শহর কাত্তানকুডি ও ইরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই   সেই ভয়াবহ সময়ে নিখোঁজ হন হিনায়ার আরেক ভাইও। পরিবারের শোকের দিনে পাশে থাকতে বাড়ি ফেরার কয়েক দিনের মধ্যেই তিনি বাত্তিকালোয়া শহর থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনতে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু এলটিটিই তাঁকে অপহরণ করে এবং এরপর আর কোনো খোঁজ মেলেনি; তাঁকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে।   অন্যদিকে, ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি স্মরণ করেন উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে মুসলিমদের উচ্ছেদের মর্মান্তিক অভিজ্ঞতা। ভারতীয় সেনাবাহিনী চলে যাওয়ার পর ১৯৯০ সালের শুরুতে তামিল ও মুসলিমরা মিলেমিশে এক পরিবারের মতোই নিজ নিজ গ্রামে ফিরেছিলেন। কিন্তু ওই বছরের অক্টোবরে এলটিটিই উত্তরাঞ্চলের মুসলিম গ্রামবাসীদের জড়ো করে মাত্র দুই দিনের মধ্যে প্রদেশ ছাড়ার নির্দেশ দেয়। রিজনি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৫ শতাংশ, যেখানে তামিল ছিলেন ৯০ শতাংশেরও বেশি। ১৯৯০ সালের অক্টোবরে আনুমানিক ৭৫ হাজার থেকে ১ লাখ মুসলিমকে জোরপূর্বক ওই প্রদেশ থেকে বিতাড়িত করা হয়।   তবে দীর্ঘ বঞ্চনা ও ট্রমা সত্ত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরার আশা ছাড়েননি রিজনি। তাঁর ভাষায়, তামিল ও মুসলিমদের মধ্যে বরাবরই সুসম্পর্ক থাকবে এবং মুসলিমরা উচ্ছেদের ঘটনা ভুলবে না, কিন্তু এলটিটিই যা করেছে সে জন্য সাধারণ তামিলদের দোষারোপ করা হবে না।   কুরুক্কলমাদামের গণকবর খননকে সত্য উদ্ঘাটন ও মানসিক প্রশান্তির একটি পথ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফারুক নামের এক সংশ্লিষ্ট ব্যক্তি জানান, কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবি নিরীহ মানুষ হত্যা কিংবা পরিবারকে বাস্তুচ্যুত করার যুক্তি হতে পারে না। তিনি কর্তৃপক্ষের কাছে একটি যথাযথ ও স্বাধীন তদন্তের প্রত্যাশা করেছেন, যাতে নিহতদের পরিচয় শনাক্ত করা যায় এবং গণকবর থেকে উঠে আসা তথ্যগুলো প্রতিষ্ঠিত হয়।    পাশাপাশি উত্তরাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া মুসলিম পরিবারগুলোর মর্যাদার সাথে ফেরা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। অন্যদিকে ফৌজের মতে, কুরুক্কলমাদামে কর্তৃপক্ষ কীভাবে পরবর্তী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করবে শ্রীলঙ্কার মুসলিমরা বহু প্রতীক্ষিত উত্তরগুলো শেষ পর্যন্ত পাবে কি না। সূত্র: আল জাজিরা।   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:৫৭
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস

ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের  ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি

মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি, প্রজন্ম ধরে অধিকারহীন ফিলিস্তিনি পরিবারগুলো

স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ
স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ

স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো প্রায় ১ লাখ সাবেক ও রিজার্ভ সেনাকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি)। ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি ও সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি জোরদার করতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছে লন্ডন।   চিঠিতে সাবেক সেনাসদস্যদের বর্তমান যোগাযোগের ঠিকানা হালনাগাদ করার পাশাপাশি তাদের বর্তমান পেশা ও দক্ষতা সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে। বিশেষ করে সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, গোয়েন্দা এবং যোগাযোগ খাতে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।   যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের আওতায় ২০২৭ সালের বসন্তে নির্ধারিত ন্যাটোর বড় সামরিক মহড়া ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন আগ্রহী রিজার্ভ সদস্যরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংসদীয় তথ্য অনুযায়ী, এ ধরনের মহড়ায় সর্বোচ্চ প্রায় ১ হাজার স্ট্র্যাটেজিক রিজার্ভ সদস্যকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।   তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই চিঠি তাৎক্ষণিক কোনো সামরিক তলব বা মোতায়েনের সংকেত নয়। সাবেক সেনা বা ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো সক্রিয় দায়িত্বে ফিরিয়ে আনা হবে না, তবে এই প্রস্তুতি প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং সংঘাতের ঝুঁকি কমাতে সহায়ক হবে।   ২০২৫ সালের যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনায় রিজার্ভ বাহিনীর ভূমিকা শক্তিশালী করা এবং বৃহত্তর সামাজিক অংশগ্রহণের মাধ্যমে প্রতিরক্ষা জোরদার করার সুপারিশ করা হয়েছিল। ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, রাশিয়া বরাবরই ন্যাটো সদস্য রাষ্ট্রের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে এসেছে এবং সীমান্তের কাছে ন্যাটোর সামরিক তৎপরতা বৃদ্ধিকে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর কারণ হিসেবে অভিহিত করেছে। সূত্র: লাও দং নিউজ।   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:২৮
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

চীন-পাকিস্তানের যৌথ কৃত্রিম উপগ্রহ নেটওয়ার্ক

ভারতের সামরিক স্থাপনায় নজরদারিতে চীন-পাকিস্তানের যৌথ কৃত্রিম উপগ্রহ নেটওয়ার্ক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...