ইসরায়েলে প্রথম দুই বছর নেতানিয়াহু, পরে ক্ষমতার ভাগ পাবেন আইজেনকোট
ইসরায়েলে নতুন সরকার গঠনের অচলাবস্থা কাটাতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধী নেতা গাদি আইজেনকোটের মধ্যে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাব অনুযায়ী, প্রথম দুই বছর প্রধানমন্ত্রী থাকবেন নেতানিয়াহু। এরপর বাকি মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন আইজেনকোট। তবে এটি এখনো কোনো চূড়ান্ত সমঝোতা নয়। বরং নেতানিয়াহুর ঘনিষ্ঠ রাজনৈতিক মহলের একটি সম্ভাব্য পরিকল্পনা।
ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের ২৯ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে কোনো রাজনৈতিক জোট একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এর অংশ হিসেবে নেতানিয়াহুর লিকুদ পার্টির কয়েকজন নেতা আইজেনকোটকে সরকারে আনার উদ্যোগ নিচ্ছেন।
প্রস্তাবের একটি সংস্করণে বলা হয়েছে, নেতানিয়াহু প্রথম দুই বছর ক্ষমতায় থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্যসংক্রান্ত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো এগিয়ে নিতে চান। বিশেষ করে ইরানসংক্রান্ত নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নেতৃত্ব দেওয়ার বিষয়টি তাঁর রাজনৈতিক সহযোগীরা গুরুত্ব দিচ্ছেন। এরপর প্রধানমন্ত্রীর দায়িত্ব আইজেনকোটের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে বিকল্প আরেকটি প্রস্তাবে প্রধানমন্ত্রী পদ ভাগাভাগির পরিবর্তে আইজেনকোটকে সরকারের গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা বলা হয়েছে। নেতানিয়াহু শেষ পর্যন্ত কোন প্রস্তাবে সম্মত হবেন, তা এখনো স্পষ্ট নয়।
এদিকে ইসরায়েলের চ্যানেল ১৪-এর প্রতিবেদনে আরও একটি সম্ভাব্য সমঝোতার কথা উঠে এসেছে। সেখানে দাবি করা হয়, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এমন একটি ব্যবস্থা এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, যার আওতায় নেতানিয়াহু দুই বছর প্রধানমন্ত্রী থাকার পর রাজনীতি থেকে অবসর নেবেন এবং তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলোতে পূর্ণ ক্ষমা পাবেন।
তবে প্রেসিডেন্ট হারজগের কার্যালয় এই দাবি সরাসরি অস্বীকার করেছে। কার্যালয়ের পক্ষ থেকে প্রতিবেদনটিকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, আনুষ্ঠানিক নির্বাচনী ফলাফল হাতে পাওয়ার পর সাংবিধানিক নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন প্রেসিডেন্ট।
নতুন সরকার গঠনের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পার্লামেন্টের আসনসংখ্যা। ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসনের সমর্থন প্রয়োজন। কিন্তু নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট কিংবা আইজেনকোটের বিরোধী জোট, কোনো পক্ষই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
নির্বাচনের পর প্রকাশিত ফলাফলে নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা থেকে পিছিয়ে রয়েছে। অন্যদিকে আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোটও এককভাবে সরকার গঠনের অবস্থানে নেই। আরব দলগুলোর উল্লেখযোগ্য আসন পাওয়ায় সরকার গঠনের রাজনৈতিক হিসাব আরও জটিল হয়ে উঠেছে।
এই পরিস্থিতিতে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা সামনে এসেছে। তবে প্রস্তাবিত সরকারে কারা অংশ নেবেন, তা নিয়েও মতপার্থক্য রয়েছে। নেতানিয়াহুর ঘনিষ্ঠ মহলের একটি পরিকল্পনায় আইজেনকোটের পাশাপাশি ইতামার বেন গভির ও বেজালেল স্মোট্রিচকে সরকারে রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে অতি রক্ষণশীল ইহুদি ধর্মীয় দলগুলোকে প্রাথমিক পর্যায়ে জোটের বাইরে রাখার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
তবে ক্ষমতা ভাগাভাগির এই পরিকল্পনা বাস্তবায়নের পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা আইজেনকোটের নিজের অবস্থান। তিনি আগেই স্পষ্ট জানিয়েছেন, নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে যোগ দেবেন না। এমনকি পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার ব্যবস্থাতেও তিনি অংশ নিতে রাজি নন।
২১ অক্টোবর ইসরায়েলি রেডিও ১০৩ এফএমকে দেওয়া সাক্ষাৎকারে আইজেনকোট বলেন, নেতানিয়াহুর অধীনে ক্ষমতা ভাগাভাগির কোনো ব্যবস্থায় তিনি থাকবেন না। এমন পরিস্থিতি তৈরি হলে সরকার থেকে পদত্যাগ করবেন বলেও জানান তিনি।
আইজেনকোটের আপত্তির অন্যতম কারণ ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঘিরে নেতানিয়াহুর সরকারের ভূমিকা। ওই হামলার সময়কার নিরাপত্তা ব্যর্থতার রাজনৈতিক দায় নেতানিয়াহুর ওপর বর্তায় বলে মনে করেন তিনি।
সাবেক সেনাপ্রধান আইজেনকোট অবশ্য এর আগে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জরুরি সরকারে অংশ নিয়েছিলেন। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর বেনি গ্যান্টজের সঙ্গে তিনি সেই সরকারে যোগ দেন। পরে ২০২৪ সালের জুনে যুদ্ধ পরিচালনা ও যুদ্ধপরবর্তী পরিকল্পনা নিয়ে মতবিরোধের কারণে তাঁরা সরকার থেকে বেরিয়ে আসেন।
নেতানিয়াহুর জন্য নতুন সরকার গঠন করতে না পারার ঝুঁকিও রয়েছে। কোনো পক্ষ সংখ্যাগরিষ্ঠ সমর্থন নিশ্চিত করতে ব্যর্থ হলে ইসরায়েলকে আবার নির্বাচনের দিকে যেতে হতে পারে। অতীতেও দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে অল্প সময়ের ব্যবধানে একাধিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব রাজনৈতিক আলোচনায় থাকলেও দুই নেতার মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তির ঘোষণা আসেনি। আইজেনকোট তাঁর আগের অবস্থান পরিবর্তন করবেন কি না, সেটিও অনিশ্চিত।
ফলে প্রথম দুই বছর নেতানিয়াহু এবং পরবর্তী সময়ে আইজেনকোটের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি আপাতত একটি রাজনৈতিক প্রস্তাব হিসেবেই রয়েছে। নতুন সরকার গঠনের আলোচনা কোন দিকে এগোয়, তার ওপর নির্ভর করছে ইসরায়েলের পরবর্তী রাজনৈতিক নেতৃত্বের ভবিষ্যৎ।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreস্পেনের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পাওয়ার পর মার্কিন অধিকারকর্মী ও গণমাধ্যম উত্তরাধিকারী জেমস ‘ফার্গি’ চেম্বার্স অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শকে চরমপন্থা হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেছেন, কেবল মতপ্রকাশ ও মানবিক সহায়তার কারণে তাঁকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের ভিত্তিতে স্পেনে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন। সাম্প্রতিক সময়ে প্রত্যর্পণ সংক্রান্ত নথির অনুবাদে বড় ধরনের অসঙ্গতি ও পরিবর্তনের বিষয়টি সামনে এলে স্পেনের জাতীয় আদালত তাঁর প্রত্যর্পণের সিদ্ধান্ত স্থগিত করে এবং তাঁকে জামিনে মুক্তি দেয়। মুক্তির পর প্রতিক্রিয়ায় চেম্বার্স বলেন, বিশ্বজুড়ে যারা নিজেদের মতামত তুলে ধরতে চান, তাঁদের জন্য এই মামলাটি মানবাধিকারের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ফিলিস্তিনে যা ঘটছে এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য যুদ্ধ ও বৈশ্বিক সংকটের সত্যতা কেউ কেড়ে নিতে পারবে না। কারাগারে কাটানো দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, অনিশ্চয়তা ও ভয়ের মধ্যেও তিনি নিজের নির্দোষ থাকার বিশ্বাসে অটল ছিলেন। মার্কিন কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী, চেম্বার্স কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসাব থেকে তিউনিসিয়ায়—যেখানে তিনি তখন বসবাস করতেন—৭৫ লাখ মার্কিন ডলার স্থানান্তর করেছিলেন, যা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সহায়তায় ব্যবহৃত হওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে চেম্বার্সের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি এবং তিনি কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা সহিংসতায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। চেম্বার্সের আইনজীবী ও পরিবারের সদস্যরা দাবি করেছেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এবং মানবিক ত্রাণ কার্যক্রমে অর্থ সহায়তা দেওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে। উল্লেখ্য, তিনি অতীতে ফিলিস্তিনের মানবিক সহায়তা কার্যক্রমে বিপুল অর্থ অনুদান দিয়েছেন, যার মধ্যে উত্তর গাজায় বেকারি স্থাপন, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র নির্মাণ এবং বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র পরিচালনার মতো উদ্যোগও রয়েছে। স্পেনের আদালতের প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে চেম্বার্স আশা প্রকাশ করেছেন যে, আবেগপূর্ণ মন্তব্য বা ভিন্নমতের বদলে কেবল তথ্য ও প্রমাণের ভিত্তিতেই বিষয়টির নিষ্পত্তি হবে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও সক্রিয়তার ওপর নজরদারি এবং আইনি কড়াকড়ি নিয়ে মানবাধিকার মহলে ব্যাপক আলোচনা চলছে। সূত্র: আল জাজিরা 873 ডিএন
হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার
মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক
ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা
শ্রীলঙ্কার দীর্ঘ গৃহযুদ্ধের এক প্রায়-বিস্মৃত অধ্যায়ের দুই ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে ৩৬ বছর ধরে বেঁচে আছেন ফৌজুল হিনায়া (৬০)। ১৯৯০ সালের জুলাই মাসে কুরুক্কলমাদামের কাছে তামিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এলটিটিইর গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁর ভাই ফৌজুল আমির। সে সময় ৬০ থেকে প্রায় ১৫০ জন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। সম্প্রতি কুরুক্কলমাদামের একটি গণকবরে আদালত-নিযুক্ত প্রত্নতাত্ত্বিক দলের খননকাজ দীর্ঘদিনের সেই ক্ষতে নতুন করে আশার আলো জাগিয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর মতে, ১৯৯০ সালের কুরুক্কলমাদাম হত্যাকাণ্ড ছিল শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি বড় বাঁক বদলের মুহূর্ত। এর আগে পর্যন্ত এলটিটিই মূলত লড়াইয়ের তহবিল সংগ্রহের জন্য মুসলিমদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। কিন্তু এরপর তারা সরাসরি রক্তপাতের পথ বেছে নেয়। ঠিক এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে পূর্বাঞ্চলীয় শহর কাত্তানকুডি ও ইরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই সেই ভয়াবহ সময়ে নিখোঁজ হন হিনায়ার আরেক ভাইও। পরিবারের শোকের দিনে পাশে থাকতে বাড়ি ফেরার কয়েক দিনের মধ্যেই তিনি বাত্তিকালোয়া শহর থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনতে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু এলটিটিই তাঁকে অপহরণ করে এবং এরপর আর কোনো খোঁজ মেলেনি; তাঁকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। অন্যদিকে, ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি স্মরণ করেন উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে মুসলিমদের উচ্ছেদের মর্মান্তিক অভিজ্ঞতা। ভারতীয় সেনাবাহিনী চলে যাওয়ার পর ১৯৯০ সালের শুরুতে তামিল ও মুসলিমরা মিলেমিশে এক পরিবারের মতোই নিজ নিজ গ্রামে ফিরেছিলেন। কিন্তু ওই বছরের অক্টোবরে এলটিটিই উত্তরাঞ্চলের মুসলিম গ্রামবাসীদের জড়ো করে মাত্র দুই দিনের মধ্যে প্রদেশ ছাড়ার নির্দেশ দেয়। রিজনি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৫ শতাংশ, যেখানে তামিল ছিলেন ৯০ শতাংশেরও বেশি। ১৯৯০ সালের অক্টোবরে আনুমানিক ৭৫ হাজার থেকে ১ লাখ মুসলিমকে জোরপূর্বক ওই প্রদেশ থেকে বিতাড়িত করা হয়। তবে দীর্ঘ বঞ্চনা ও ট্রমা সত্ত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরার আশা ছাড়েননি রিজনি। তাঁর ভাষায়, তামিল ও মুসলিমদের মধ্যে বরাবরই সুসম্পর্ক থাকবে এবং মুসলিমরা উচ্ছেদের ঘটনা ভুলবে না, কিন্তু এলটিটিই যা করেছে সে জন্য সাধারণ তামিলদের দোষারোপ করা হবে না। কুরুক্কলমাদামের গণকবর খননকে সত্য উদ্ঘাটন ও মানসিক প্রশান্তির একটি পথ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফারুক নামের এক সংশ্লিষ্ট ব্যক্তি জানান, কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবি নিরীহ মানুষ হত্যা কিংবা পরিবারকে বাস্তুচ্যুত করার যুক্তি হতে পারে না। তিনি কর্তৃপক্ষের কাছে একটি যথাযথ ও স্বাধীন তদন্তের প্রত্যাশা করেছেন, যাতে নিহতদের পরিচয় শনাক্ত করা যায় এবং গণকবর থেকে উঠে আসা তথ্যগুলো প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি উত্তরাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া মুসলিম পরিবারগুলোর মর্যাদার সাথে ফেরা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। অন্যদিকে ফৌজের মতে, কুরুক্কলমাদামে কর্তৃপক্ষ কীভাবে পরবর্তী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করবে শ্রীলঙ্কার মুসলিমরা বহু প্রতীক্ষিত উত্তরগুলো শেষ পর্যন্ত পাবে কি না। সূত্র: আল জাজিরা। 873 ডিএন
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার
শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী
মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি, প্রজন্ম ধরে অধিকারহীন ফিলিস্তিনি পরিবারগুলো
স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো প্রায় ১ লাখ সাবেক ও রিজার্ভ সেনাকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি)। ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি ও সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি জোরদার করতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছে লন্ডন। চিঠিতে সাবেক সেনাসদস্যদের বর্তমান যোগাযোগের ঠিকানা হালনাগাদ করার পাশাপাশি তাদের বর্তমান পেশা ও দক্ষতা সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে। বিশেষ করে সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, গোয়েন্দা এবং যোগাযোগ খাতে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের আওতায় ২০২৭ সালের বসন্তে নির্ধারিত ন্যাটোর বড় সামরিক মহড়া ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন আগ্রহী রিজার্ভ সদস্যরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংসদীয় তথ্য অনুযায়ী, এ ধরনের মহড়ায় সর্বোচ্চ প্রায় ১ হাজার স্ট্র্যাটেজিক রিজার্ভ সদস্যকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই চিঠি তাৎক্ষণিক কোনো সামরিক তলব বা মোতায়েনের সংকেত নয়। সাবেক সেনা বা ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো সক্রিয় দায়িত্বে ফিরিয়ে আনা হবে না, তবে এই প্রস্তুতি প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং সংঘাতের ঝুঁকি কমাতে সহায়ক হবে। ২০২৫ সালের যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনায় রিজার্ভ বাহিনীর ভূমিকা শক্তিশালী করা এবং বৃহত্তর সামাজিক অংশগ্রহণের মাধ্যমে প্রতিরক্ষা জোরদার করার সুপারিশ করা হয়েছিল। ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, রাশিয়া বরাবরই ন্যাটো সদস্য রাষ্ট্রের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে এসেছে এবং সীমান্তের কাছে ন্যাটোর সামরিক তৎপরতা বৃদ্ধিকে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর কারণ হিসেবে অভিহিত করেছে। সূত্র: লাও দং নিউজ। 873 ডিএন
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী
আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

