ধ্বংসস্তূপের মাঝেও ভালোবাসার জয়, গাজায় একসঙ্গে বিয়ে করলেন ২৫০ যুগল
ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি। কেউ হারিয়েছেন মা, কেউ পরিবারের অন্য সদস্যদের। বাস্তুচ্যুত জীবনের অনিশ্চয়তা আর স্বজন হারানোর বেদনা নিয়েই নতুন জীবনের স্বপ্ন দেখছেন ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতির মধ্যেই যুদ্ধবিধ্বস্ত গাজায় একসঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ২৫০ ফিলিস্তিনি যুগল। ধ্বংসপ্রাপ্ত ভবন ও বাস্তুচ্যুত মানুষের তাঁবুর পাশে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই গণবিয়ে। সংযুক্ত আরব আমিরাতের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘ড্রেস অব জয়-৩’।
শুক্রবার (৬ নভেম্বর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়, গাজা সিটির সমুদ্র উপকূলবর্তী সি ক্লাবে এই গণবিয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন ২৫০ বর ও ২৫০ কনে। দীর্ঘদিনের যুদ্ধ ও মানবিক সংকটের মধ্যে এমন আয়োজনে নবদম্পতি এবং তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে আনন্দের পাশাপাশি আবেগঘন পরিবেশ তৈরি হয়।
বিয়ের শোভাযাত্রায় অংশ নেয় কয়েক ডজন গাড়ি। ফিলিস্তিনের পতাকা, ফুল ও লাল ফিতা দিয়ে সাজানো গাড়িগুলো ধ্বংসপ্রাপ্ত ভবনের পাশ দিয়ে উপকূলীয় সড়ক ধরে অনুষ্ঠানস্থলে পৌঁছায়। রাস্তার দুই পাশে ছিল যুদ্ধের ক্ষতচিহ্ন এবং বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী তাঁবু।
অনুষ্ঠানে বরদের পরনে ছিল বিয়ের পোশাক। অন্যদিকে কনেরা সেজেছিলেন সাদা পোশাকের সঙ্গে ফিলিস্তিনের ঐতিহ্যবাহী রঙিন নকশার পোশাকে। মাথায় সোনালি অলংকার, হাতে ফুলের তোড়া এবং ঐতিহ্যবাহী সূচিকর্ম করা আবরণে তাঁদের দেখা যায়। যুদ্ধবিধ্বস্ত পরিবেশের মধ্যেও বিয়ের আনুষ্ঠানিকতায় ছিল উৎসবের আবহ।
সংযুক্ত আরব আমিরাতের আল-ফারিস আল-শাহম-৩ অপারেশন সাপোর্ট কমিটি এবং সাকর বিন মোহাম্মদ আল কাসিমি চ্যারিটেবল অ্যান্ড হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় এই গণবিয়ের আয়োজন করা হয়। গাজার কঠিন জীবনযাত্রার কারণে যেসব তরুণ-তরুণীর পক্ষে বিয়ের খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে, তাঁদের সহায়তা করাই ছিল উদ্যোগটির উদ্দেশ্য।
গণবিয়েতে অংশ নেওয়া বর সাঈদ আল-নাজ্জার জানান, ইসরাইলি হামলায় তাঁদের পরিবারের বাড়ি ধ্বংস হয়ে গেছে। বর্তমানে তাঁরা জাবালিয়া শরণার্থী শিবিরের ইয়েলো লাইনের কাছে একটি তাঁবুতে বসবাস করছেন। আয়োজকদের লটারিতে নির্বাচিত হয়ে বিয়েতে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।
আনাদোলুকে সাঈদ বলেন, ‘এই আনন্দ শুধু একজন বর কিংবা ২৫০ বরের নয়, এটি পুরো গাজার মানুষের আনন্দ।’ তাঁর ভাষায়, ইসরাইলি হামলায় অসংখ্য মানুষ বাড়িঘর হারিয়ে তাঁবুতে আশ্রয় নিয়েছেন। নিজের পরিবারেরও থাকার মতো অন্য কোনো জায়গা নেই।
অন্যদিকে গণবিয়েতে অংশ নেওয়া মুনির আল-তাতারির আনন্দের সঙ্গে মিশে ছিল মাকে হারানোর বেদনা। যুদ্ধের সময় ইসরাইলি হামলায় তাঁর মা ও পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হন। একই হামলায় তাঁদের বাড়িটিও ধ্বংস হয়ে যায়।
জীবনের বিশেষ এই দিনে মাকে পাশে পাওয়ার ইচ্ছা ছিল মুনিরের। কিন্তু সেই ইচ্ছা পূরণ হয়নি। মায়ের অনুপস্থিতি নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতায় অংশ নেন তিনি। মুনির বলেন, ‘গাজায় অবরোধ ও যুদ্ধের মধ্যেও আমরা আনন্দ করব এবং আমাদের হৃদয়ে আবারও আশার সঞ্চার করব।’
গণবিয়েতে অংশ নেওয়া আরেক বর মোহাম্মদ কুওয়াইদির সামনেও রয়েছে নতুন সংসার শুরু করার কঠিন বাস্তবতা। ইসরাইলি হামলায় বাড়ি হারানোর পর নতুন করে বাড়ি ভাড়া নেওয়া কিংবা কেনার সামর্থ্য নেই তাঁর। ফলে বিয়ের পর স্ত্রীকে নিয়ে তাঁবুতেই সংসার শুরু করতে হবে।
কুওয়াইদি জানান, গাজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তরুণদের জন্য বিয়ে করা আরও কঠিন হয়ে পড়েছে। বিয়ের পর কোথায় থাকবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা একটি তাঁবুতে বসবাস করব।’
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘ড্রেস অব জয়-৩’ গণবিয়েতে অংশ নিতে আবেদন করেছিলেন ১১ হাজার ৬২২ জন। নিবন্ধন ও যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় শর্ত পূরণ করায় ১ হাজার ৩৩৫ জন চূড়ান্ত লটারিতে অংশ নেওয়ার সুযোগ পান। সেখান থেকে নির্বাচিত ২৫০ বর তাঁদের কনেদের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।
আল-ফারিস আল-শাহম-৩ অপারেশন সাপোর্ট কমিটির সভাপতি মোহাম্মদ এরবি জানান, ৫০০ মানুষের এই গণবিয়ে দীর্ঘদিনের যুদ্ধ ও দুর্ভোগের মধ্যেও নতুন জীবন শুরুর আকাঙ্ক্ষাকে তুলে ধরেছে। ফিলিস্তিনি তরুণদের মনে আশা জাগানো এবং তাঁদের পরিবার গঠনে সহায়তা করাই এই উদ্যোগের লক্ষ্য।
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সামরিক অভিযানে গাজার আবাসিক এলাকাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের সংকটের মধ্যেই তাঁদের দৈনন্দিন জীবন কাটছে।
এমন পরিস্থিতিতে ২৫০ যুগলের গণবিয়ে গাজার মানুষের জীবনে সাময়িক আনন্দের উপলক্ষ তৈরি করেছে। তবে নতুন সংসার শুরু করলেও অনেক নবদম্পতির সামনে রয়ে গেছে আশ্রয়, জীবিকা ও নিরাপত্তার অনিশ্চয়তা। ধ্বংসস্তূপের পাশে বিয়ের আয়োজন তাই একই সঙ্গে আনন্দ, স্বজন হারানোর বেদনা এবং নতুন জীবনের স্বপ্নের গল্প হয়ে উঠেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreস্পেনের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পাওয়ার পর মার্কিন অধিকারকর্মী ও গণমাধ্যম উত্তরাধিকারী জেমস ‘ফার্গি’ চেম্বার্স অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শকে চরমপন্থা হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেছেন, কেবল মতপ্রকাশ ও মানবিক সহায়তার কারণে তাঁকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের ভিত্তিতে স্পেনে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন। সাম্প্রতিক সময়ে প্রত্যর্পণ সংক্রান্ত নথির অনুবাদে বড় ধরনের অসঙ্গতি ও পরিবর্তনের বিষয়টি সামনে এলে স্পেনের জাতীয় আদালত তাঁর প্রত্যর্পণের সিদ্ধান্ত স্থগিত করে এবং তাঁকে জামিনে মুক্তি দেয়। মুক্তির পর প্রতিক্রিয়ায় চেম্বার্স বলেন, বিশ্বজুড়ে যারা নিজেদের মতামত তুলে ধরতে চান, তাঁদের জন্য এই মামলাটি মানবাধিকারের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ফিলিস্তিনে যা ঘটছে এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য যুদ্ধ ও বৈশ্বিক সংকটের সত্যতা কেউ কেড়ে নিতে পারবে না। কারাগারে কাটানো দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, অনিশ্চয়তা ও ভয়ের মধ্যেও তিনি নিজের নির্দোষ থাকার বিশ্বাসে অটল ছিলেন। মার্কিন কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী, চেম্বার্স কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসাব থেকে তিউনিসিয়ায়—যেখানে তিনি তখন বসবাস করতেন—৭৫ লাখ মার্কিন ডলার স্থানান্তর করেছিলেন, যা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সহায়তায় ব্যবহৃত হওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে চেম্বার্সের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি এবং তিনি কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা সহিংসতায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। চেম্বার্সের আইনজীবী ও পরিবারের সদস্যরা দাবি করেছেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এবং মানবিক ত্রাণ কার্যক্রমে অর্থ সহায়তা দেওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে। উল্লেখ্য, তিনি অতীতে ফিলিস্তিনের মানবিক সহায়তা কার্যক্রমে বিপুল অর্থ অনুদান দিয়েছেন, যার মধ্যে উত্তর গাজায় বেকারি স্থাপন, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র নির্মাণ এবং বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র পরিচালনার মতো উদ্যোগও রয়েছে। স্পেনের আদালতের প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে চেম্বার্স আশা প্রকাশ করেছেন যে, আবেগপূর্ণ মন্তব্য বা ভিন্নমতের বদলে কেবল তথ্য ও প্রমাণের ভিত্তিতেই বিষয়টির নিষ্পত্তি হবে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও সক্রিয়তার ওপর নজরদারি এবং আইনি কড়াকড়ি নিয়ে মানবাধিকার মহলে ব্যাপক আলোচনা চলছে। সূত্র: আল জাজিরা 873 ডিএন
হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার
মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক
ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা
শ্রীলঙ্কার দীর্ঘ গৃহযুদ্ধের এক প্রায়-বিস্মৃত অধ্যায়ের দুই ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে ৩৬ বছর ধরে বেঁচে আছেন ফৌজুল হিনায়া (৬০)। ১৯৯০ সালের জুলাই মাসে কুরুক্কলমাদামের কাছে তামিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এলটিটিইর গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁর ভাই ফৌজুল আমির। সে সময় ৬০ থেকে প্রায় ১৫০ জন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। সম্প্রতি কুরুক্কলমাদামের একটি গণকবরে আদালত-নিযুক্ত প্রত্নতাত্ত্বিক দলের খননকাজ দীর্ঘদিনের সেই ক্ষতে নতুন করে আশার আলো জাগিয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর মতে, ১৯৯০ সালের কুরুক্কলমাদাম হত্যাকাণ্ড ছিল শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি বড় বাঁক বদলের মুহূর্ত। এর আগে পর্যন্ত এলটিটিই মূলত লড়াইয়ের তহবিল সংগ্রহের জন্য মুসলিমদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। কিন্তু এরপর তারা সরাসরি রক্তপাতের পথ বেছে নেয়। ঠিক এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে পূর্বাঞ্চলীয় শহর কাত্তানকুডি ও ইরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই সেই ভয়াবহ সময়ে নিখোঁজ হন হিনায়ার আরেক ভাইও। পরিবারের শোকের দিনে পাশে থাকতে বাড়ি ফেরার কয়েক দিনের মধ্যেই তিনি বাত্তিকালোয়া শহর থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনতে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু এলটিটিই তাঁকে অপহরণ করে এবং এরপর আর কোনো খোঁজ মেলেনি; তাঁকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। অন্যদিকে, ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি স্মরণ করেন উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে মুসলিমদের উচ্ছেদের মর্মান্তিক অভিজ্ঞতা। ভারতীয় সেনাবাহিনী চলে যাওয়ার পর ১৯৯০ সালের শুরুতে তামিল ও মুসলিমরা মিলেমিশে এক পরিবারের মতোই নিজ নিজ গ্রামে ফিরেছিলেন। কিন্তু ওই বছরের অক্টোবরে এলটিটিই উত্তরাঞ্চলের মুসলিম গ্রামবাসীদের জড়ো করে মাত্র দুই দিনের মধ্যে প্রদেশ ছাড়ার নির্দেশ দেয়। রিজনি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৫ শতাংশ, যেখানে তামিল ছিলেন ৯০ শতাংশেরও বেশি। ১৯৯০ সালের অক্টোবরে আনুমানিক ৭৫ হাজার থেকে ১ লাখ মুসলিমকে জোরপূর্বক ওই প্রদেশ থেকে বিতাড়িত করা হয়। তবে দীর্ঘ বঞ্চনা ও ট্রমা সত্ত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরার আশা ছাড়েননি রিজনি। তাঁর ভাষায়, তামিল ও মুসলিমদের মধ্যে বরাবরই সুসম্পর্ক থাকবে এবং মুসলিমরা উচ্ছেদের ঘটনা ভুলবে না, কিন্তু এলটিটিই যা করেছে সে জন্য সাধারণ তামিলদের দোষারোপ করা হবে না। কুরুক্কলমাদামের গণকবর খননকে সত্য উদ্ঘাটন ও মানসিক প্রশান্তির একটি পথ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফারুক নামের এক সংশ্লিষ্ট ব্যক্তি জানান, কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবি নিরীহ মানুষ হত্যা কিংবা পরিবারকে বাস্তুচ্যুত করার যুক্তি হতে পারে না। তিনি কর্তৃপক্ষের কাছে একটি যথাযথ ও স্বাধীন তদন্তের প্রত্যাশা করেছেন, যাতে নিহতদের পরিচয় শনাক্ত করা যায় এবং গণকবর থেকে উঠে আসা তথ্যগুলো প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি উত্তরাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া মুসলিম পরিবারগুলোর মর্যাদার সাথে ফেরা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। অন্যদিকে ফৌজের মতে, কুরুক্কলমাদামে কর্তৃপক্ষ কীভাবে পরবর্তী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করবে শ্রীলঙ্কার মুসলিমরা বহু প্রতীক্ষিত উত্তরগুলো শেষ পর্যন্ত পাবে কি না। সূত্র: আল জাজিরা। 873 ডিএন
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার
শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী
মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি, প্রজন্ম ধরে অধিকারহীন ফিলিস্তিনি পরিবারগুলো
স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো প্রায় ১ লাখ সাবেক ও রিজার্ভ সেনাকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি)। ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি ও সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি জোরদার করতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছে লন্ডন। চিঠিতে সাবেক সেনাসদস্যদের বর্তমান যোগাযোগের ঠিকানা হালনাগাদ করার পাশাপাশি তাদের বর্তমান পেশা ও দক্ষতা সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে। বিশেষ করে সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, গোয়েন্দা এবং যোগাযোগ খাতে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের আওতায় ২০২৭ সালের বসন্তে নির্ধারিত ন্যাটোর বড় সামরিক মহড়া ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন আগ্রহী রিজার্ভ সদস্যরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংসদীয় তথ্য অনুযায়ী, এ ধরনের মহড়ায় সর্বোচ্চ প্রায় ১ হাজার স্ট্র্যাটেজিক রিজার্ভ সদস্যকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই চিঠি তাৎক্ষণিক কোনো সামরিক তলব বা মোতায়েনের সংকেত নয়। সাবেক সেনা বা ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো সক্রিয় দায়িত্বে ফিরিয়ে আনা হবে না, তবে এই প্রস্তুতি প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং সংঘাতের ঝুঁকি কমাতে সহায়ক হবে। ২০২৫ সালের যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনায় রিজার্ভ বাহিনীর ভূমিকা শক্তিশালী করা এবং বৃহত্তর সামাজিক অংশগ্রহণের মাধ্যমে প্রতিরক্ষা জোরদার করার সুপারিশ করা হয়েছিল। ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, রাশিয়া বরাবরই ন্যাটো সদস্য রাষ্ট্রের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে এসেছে এবং সীমান্তের কাছে ন্যাটোর সামরিক তৎপরতা বৃদ্ধিকে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর কারণ হিসেবে অভিহিত করেছে। সূত্র: লাও দং নিউজ। 873 ডিএন
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী
আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

