যুক্তরাজ্যে বৈধ কাগজপত্র থাকা স্বত্তেও বাংলাদেশি নানু মিয়াকে হাতকড়া পরিয়ে গ্রেপ্তার, পরে মুক্তি
যুক্তরাজ্যে বৈধভাবে কাজ করার অনুমতি থাকার পরও অভিবাসন কর্মকর্তাদের হাতে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি কর্মী নানু মিয়া। দেশটির কর্নওয়ালের ক্যামবোর্ন শহরের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাঁকে হাতকড়া পরিয়ে পুলিশের ভ্যানে তুলে নেওয়া হয়। পরে তাঁর বোন পরিচয়পত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে কাগজপত্র যাচাই করে তাঁকে মুক্তি দেওয়া হয়। গত অক্টোবরের এ ঘটনা সামনে এসেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের যৌথ অনুসন্ধানে। সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে দেশটিতে অভিবাসন অভিযানের নামে পরোয়ানা ছাড়া তল্লাশি, ভুলভাবে গ্রেপ্তার এবং বৈধ কর্মীদের হয়রানির অভিযোগ।
৪০ বছর বয়সী নানু মিয়া ক্যামবোর্নের সুলতানজ নামের একটি ভারতীয় রেস্তোরাঁয় খাবার প্যাকেট করার কাজ করেন। অক্টোবরের এক শুক্রবার সন্ধ্যায় রেস্তোরাঁয় ক্রেতারা খাবার খাওয়ার সময় দুটি সাধারণ ভ্যানে করে প্রায় ২০ জন অভিবাসন কর্মকর্তা সেখানে হাজির হন। রেস্তোরাঁর মালিক সামসু আলীর অভিযোগ, কর্মকর্তাদের কাছে কোনো তল্লাশি পরোয়ানা ছিল না। তাঁরা ভেতরে ঢুকে কর্মীদের পরিচয় জানতে চান। এ সময় আতঙ্কে কয়েকজন কর্মী রান্নাঘর এবং সামনের ও পেছনের দরজার দিকে ছুটে যান। নানু মিয়া নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করলেও ইংরেজিতে দক্ষ না হওয়ায় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে সমস্যায় পড়েন। তিনি একজন দোভাষীর সহায়তা চান। কিন্তু তাঁকে গুগল ট্রান্সলেট ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়। নিজের নাম লিখে দেওয়ার চেষ্টাও করেন তিনি। একপর্যায়ে কর্মকর্তারা তাঁকে হাতকড়া পরিয়ে ভ্যানে তুলে নেন। অ্যাজমায় আক্রান্ত নানু মিয়া আতঙ্কিত হয়ে শ্বাসকষ্টেও ভুগছিলেন বলে অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রেস্তোরাঁর মালিক সামসু আলী তখন কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করেন, নানু মিয়ার যুক্তরাজ্যে কাজ করার বৈধ অনুমতি রয়েছে। তাঁর স্ত্রী একজন কেয়ার ওয়ার্কার এবং স্ত্রীর ওপর নির্ভরশীল পরিবারের সদস্য হিসেবে নানু মিয়া সেখানে কাজ করার অনুমতি পেয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সামসু আলী নানু মিয়ার বোনের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে তাঁর বোন দ্রুত পরিচয়পত্র নিয়ে রেস্তোরাঁয় পৌঁছান। এরপর কর্মকর্তারা সরকারি তথ্যভান্ডারে পুনরায় তাঁর পরিচয় যাচাই করে বৈধভাবে কাজ করার অনুমতির বিষয়টি নিশ্চিত হন। পরে তাঁকে মুক্তি দেওয়া হয়। তবে এ ঘটনার মানসিক প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেননি নানু মিয়া। অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের পর থেকে তিনি প্রায়ই জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন, অভিবাসন কর্মকর্তারা আবার ফিরে আসছেন কি না। অন্যদিকে রেস্তোরাঁর মালিকের দাবি, সেখানে কোনো কর্মীর অভিবাসন আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া না গেলেও অভিযানের পর ক্রেতার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। স্থানীয় একটি ফেসবুক গ্রুপে ঘটনাটি নিয়ে বর্ণবাদী ও হুমকিমূলক মন্তব্যও করা হয়েছে। ছয় বছর ধরে গড়ে তোলা ব্যবসার এমন পরিস্থিতিতে তিনি মানসিক চাপের মধ্যে রয়েছেন।
এদিকে দ্য গার্ডিয়ান ও ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজমের যৌথ অনুসন্ধানে যুক্তরাজ্যের অভিবাসন অভিযান নিয়ে আরও বিস্তৃত তথ্য উঠে এসেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালের কাছে তথ্য অধিকার আইনে করা আবেদনের জবাবে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাজ্যে মোট ২৩ হাজার ৫৩৮টি অভিবাসনসংক্রান্ত অভিযান ও যাচাই কার্যক্রম পরিচালিত হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ৬৪টির বেশি কার্যক্রম চালানো হয়েছে। এসব কার্যক্রমের মধ্যে ১৫ হাজার ৫৭৮টিতে কাউকে গ্রেপ্তার করা হয়নি। শতাংশের হিসাবে যা ৬৬ দশমিক ১ শতাংশ। কর্মস্থল, বাসাবাড়ি ও বিভিন্ন জনসমাগমস্থলে পরিচালিত এসব অভিযানে অনেক ক্ষেত্রে কোনো গ্রেপ্তার না হওয়ায় গোয়েন্দা তথ্যের যথার্থতা এবং অভিযান পরিচালনার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। অনুসন্ধানে আরও দেখা গেছে, যেসব অভিযানে কোনো স্থাপনায় প্রবেশ করা হয়েছে, তার মাত্র ২৫ দশমিক ৮১ শতাংশ ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রায় তিন-চতুর্থাংশ ক্ষেত্রে প্রবেশের জন্য পরোয়ানার পরিবর্তে অন্য আইনগত ক্ষমতা বা সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতির ওপর নির্ভর করেছেন কর্মকর্তারা। তবে যুক্তরাজ্যের আইন অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে পরোয়ানা ছাড়াও বৈধভাবে কোনো স্থাপনায় প্রবেশের সুযোগ রয়েছে। ফলে পরোয়ানা না থাকলেই কোনো অভিযান বেআইনি হয়ে যায় না।
অনুসন্ধানে আরও জানা গেছে, ২০২৫ সালে সম্ভাব্য অভিবাসন আইন লঙ্ঘনের বিষয়ে পাওয়া তথ্যের প্রায় ৮৯ শতাংশ এসেছে সাধারণ মানুষ অথবা বেনামে অভিযোগ গ্রহণকারী সংস্থা ক্রাইমস্টপার্সের মাধ্যমে। পুলিশের কাছ থেকে এসেছে প্রায় ২ শতাংশ তথ্য। যুক্তরাজ্যের সাবেক অভিবাসন কর্মকর্তা কেভিন বার্কার অভিযোগ করেছেন, অনেক সময় দুর্বল কিংবা যাচাই না করা অভিযোগের ভিত্তিতেও অভিযান পরিচালনা করা হয়। তাঁর মতে, পুরোনো বা অসমর্থিত তথ্য দিয়ে তল্লাশি পরোয়ানা পাওয়ার উপযুক্ত ভিত্তি তৈরি না হলেও কর্মকর্তারা কখনো কখনো অভিযান চালিয়ে থাকেন। এদিকে যুক্তরাজ্যের গ্রিন পার্টির উপনেতা মোথিন আলী পরোয়ানার ব্যবহার কমে যাওয়াকে উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন। তাঁর অভিযোগ, এ ধরনের অভিযান মানুষের অধিকার ক্ষুণ্ন করার পাশাপাশি সংখ্যালঘু ও অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে ভীতি তৈরি করছে। তিনি যথাযথ কারণ ছাড়া অভিযান বন্ধ এবং মানুষের আইনগত অধিকার সুরক্ষার আহ্বান জানিয়েছেন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দাবি, অভিযান পরিচালনার আগে গোয়েন্দা তথ্য ও সম্ভাব্য ঝুঁকি যথাযথভাবে যাচাই করা হয় এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করা হয়।
যুক্তরাজ্যে লেবার পার্টি সরকার গঠনের পর অবৈধভাবে কাজ করার অভিযোগে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে অভিযান ও গ্রেপ্তার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত অবৈধভাবে কাজ করার অভিযোগে ১৭ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। আগের দুই বছরের তুলনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়েছে ১২২ শতাংশ। একই সময়ে অভিবাসন অভিযানের সংখ্যা ১১১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের নেতৃত্বে অবৈধ কর্মসংস্থান বন্ধ এবং অভিবাসন আইন বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সরকারের দাবি, অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করতে এসব অভিযান প্রয়োজন। অন্যদিকে মানবাধিকারকর্মী ও অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, আইন প্রয়োগের পাশাপাশি নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করা জরুরি। বাংলাদেশি নানু মিয়ার ঘটনাটি সেই বিতর্ককে আরও সামনে এনেছে। বৈধভাবে কাজ করার অনুমতি থাকা সত্ত্বেও তাঁকে গ্রেপ্তার এবং পরে পরিচয় যাচাই করে ছেড়ে দেওয়ার ঘটনা অভিবাসন অভিযানে সঠিক তথ্য যাচাই, ভাষাগত সহায়তা ও কর্মীদের অধিকার সুরক্ষার গুরুত্ব তুলে ধরেছে।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, দ্য ব্যুরো অব ইনভেস্টিগেটিভ জার্নালিজম।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreরাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্ভাব্য যুদ্ধ বা জাতীয় সংকটের সময় তাঁদের পুনরায় সামরিক দায়িত্বে নিয়োজিত করার প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটির লেবার সরকার। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম এত ব্যাপক পরিসরে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্কাই নিউজ, দ্য টাইমস ও এলবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ স্থল, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের কাছে এসব চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট তিন বাহিনীর প্রধানদের স্বাক্ষর করা চিঠিতে প্রাপকদের বর্তমান ঠিকানা, যোগাযোগের তথ্য, পেশা ও দক্ষতার বিবরণ হালনাগাদ করতে বলা হয়েছে। পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের স্বেচ্ছায় প্রশিক্ষণ ও সামরিক মহড়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর স্টেডফাস্ট ডিফেন্ডার সামরিক মহড়াও রয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্কাই নিউজকে জানিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটি একটি যুক্তিসংগত ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ। যুক্তরাজ্য ও তার মিত্রদের সামনে নিরাপত্তাঝুঁকি বাড়ছে। তবে এই উদ্যোগের অর্থ এই নয় যে যুক্তরাজ্য অবিলম্বে কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে। এর আগে স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, আগামী এক হাজার দিনের মধ্যে সম্ভাব্য যুদ্ধ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে যুক্তরাজ্যকে। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনে যুদ্ধে জয়লাভের প্রস্তুতি নেওয়াকে নিজের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। বর্তমানে ব্রিটিশ স্থলবাহিনীতে প্রায় ৭৩ হাজার সক্রিয় সেনাসদস্য রয়েছেন। সম্ভাব্য বড় ধরনের সংঘাত মোকাবিলায় নিয়মিত সামরিক বাহিনীর পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের নিয়ে গঠিত স্ট্র্যাটেজিক রিজার্ভকে আরও কার্যকর করতে চাইছে সরকার। তবে সাবেক সামরিক সদস্যদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো পুনরায় সামরিক দায়িত্বে ফিরতে হবে না। এই চিঠি কোনো আনুষ্ঠানিক সামরিক মোতায়েনের নির্দেশ নয়। সাধারণ নাগরিকদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের ঘোষণাও দেওয়া হয়নি। সূত্র: স্কাই নিউজ 871 এসএ
যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স
হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার
মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক
ভারতের বিহার রাজ্যের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়েতে লাখো মানুষের সমাগমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বুধবার (২৫ নভেম্বর) পাটনা জেলার নদওয়ান গ্রামে আয়োজিত এই বিয়েকে কেন্দ্র করে ১০ কিলোমিটারের বেশি সড়কে যানবাহন আটকে পড়ে। অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাঝুঁকির কারণে বিয়ের অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনালও স্থগিত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মেয়ের বিয়েতে সর্বসাধারণকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনন্ত সিং। স্থানীয় হিসাব অনুযায়ী, অনুষ্ঠানে পাঁচ লাখের বেশি মানুষের সমাগম ঘটে। তবে উপস্থিতির সঠিক সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিয়ের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। এতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে ঘোড়া ও ঘোড়সওয়াররা অংশ নেন। বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয় মাহিন্দ্রা থার গাড়ি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ছিল মোটরসাইকেল ও স্কুটার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘোড়দৌড় দেখতে জীবনের ঝুঁকি নিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের টাওয়ারে উঠেছেন বহু দর্শক। অনেকে আশপাশের গাছেও উঠে পড়েন। একপর্যায়ে দর্শকদের ভিড় প্রতিযোগিতার মাঠে ঢুকে পড়লে নিরাপত্তার স্বার্থে আয়োজকেরা খেলা বন্ধ করে দেন। ফাইনাল ২৬ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, তীব্র যানজটে আটকা পড়ে বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারের গাড়িবহরও। বরযাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই গাড়ি ছেড়ে হেঁটে অনুষ্ঠানস্থলের দিকে রওনা হন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে অতিথিদের জন্য দেড় শতাধিক পদের খাবারের ব্যবস্থা করা হয়। গুরুত্বপূর্ণ অতিথিদের যাতায়াতের জন্য তৈরি করা হয় পাঁচটি হেলিপ্যাড। অনুষ্ঠানে রাজনৈতিক ও বিনোদন জগতের বিভিন্ন ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছে ঋষিকেশ কুমারের। তিনি ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কমান্ড্যান্ট রণবিজয় কুমার সিংয়ের ছেলে। জমকালো আয়োজনের পাশাপাশি নজিরবিহীন জনসমাগম ও নিরাপত্তাঝুঁকির কারণে বিয়েটি ভারতজুড়ে আলোচনায় এসেছে। সূত্র: India News 871-এসএ
শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার
শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী
মিসরের একটি গ্রামে বসবাসকারী ফিলিস্তিনি পরিবারগুলোর কাছে স্বাভাবিক জীবন এখনো অধরা। কয়েক দশক ধরে দেশটিতে বসবাস করলেও তাঁদের অনেকেই নাগরিকত্ব, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, এই অনিশ্চয়তা শুধু একটি প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নেই; পরিবারের পরবর্তী প্রজন্মও একই পরিস্থিতির মধ্য দিয়ে বড় হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের শারকিয়া প্রদেশের গেজিরেত ফাদেল গ্রামে প্রায় চার হাজার ফিলিস্তিনির বসবাস। তাঁদের অনেকের পূর্বপুরুষ ১৯৪৮ সালে ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হয়ে মিসরে আশ্রয় নিয়েছিলেন। গ্রামটির ৯০ বছর বয়সী শাম্মা আবু হুসেইন সেই সময়ের জীবিত প্রত্যক্ষদর্শীদের একজন। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘাতের সময় তাঁর পরিবার দক্ষিণ ফিলিস্তিনের বিরশেবা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। পালানোর সময় কয়েক দিন খাবার ও পানি ছাড়া পথ চলতে হয়েছিল তাঁদের। সেই যাত্রায় নিজের মাকেও হারান তিনি। ফিলিস্তিনিরা ১৯৪৮ সালের এই বাস্তুচ্যুতির ঘটনাকে ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করেন। প্রায় আট দশক পেরিয়ে গেলেও সেই বাস্তুচ্যুতির প্রভাব কাটেনি শাম্মার পরিবারের। তাঁর সন্তান, নাতি-নাতনি ও পরবর্তী প্রজন্মের অনেকেই মিসরেই জন্মেছেন। কিন্তু সরকারি কাগজপত্রের ক্ষেত্রে তাঁদের এখনো বিদেশি হিসেবে বিবেচনা করা হয়। গ্রামটির ৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক সেলমি সোলাইমান আল-নামুলি বলেন, তাঁর নিজের জন্ম মিসরে, তাঁর বাবার জন্মও মিসরে। এমনকি তাঁর সন্তানদেরও জন্ম এই দেশে। তারপরও সরকারি নথিপত্রে তাঁকে বিদেশি হিসেবে বিবেচনা করা হয়। তিনি জানান, বসবাসের অনুমতিপত্র নবায়নের জন্য ডলারে ফি পরিশোধ, সন্তানদের শিক্ষার খরচ এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় বহন করতে গিয়ে তাঁর পরিবারকে কঠিন আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। আর্থিক সংকটের কারণে মেধাবী মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্নও পূরণ করতে পারেননি তিনি। একই গ্রামের ২৫ বছর বয়সী ফারিদ খালেদ আল-নামুলির জীবনেও রয়েছে এমন অভিজ্ঞতা। পড়াশোনা চালিয়ে যাওয়ার আগ্রহ থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র ও প্রশাসনিক জটিলতার কারণে তাঁকে উচ্চশিক্ষার স্বপ্ন ছেড়ে দিতে হয়েছে। পরে গ্রামের একটি পোশাকের দোকানে কাজ শুরু করেন তিনি।ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাদিলের কর্মকর্তা লুবনা শোমালির মতে, এ ধরনের সমস্যার মুখোমুখি শুধু গেজিরেত ফাদেল গ্রামের বাসিন্দারাই নন। মিসরের বিভিন্ন এলাকায় বসবাসরত ফিলিস্তিনি পরিবারগুলোর মধ্যেও একই ধরনের সংকট রয়েছে। গবেষকদের ধারণা, সাম্প্রতিক গাজা যুদ্ধ শুরুর আগে বিভিন্ন সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিসরে বসবাস করছিলেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর আরও বহু ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন। মিসরের সাবেক প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের শাসনামলে দেশটিতে বসবাসরত ফিলিস্তিনিরা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে তুলনামূলক বেশি সুযোগ পেতেন। তবে ১৯৭৮ সালে ইসরায়েলের সঙ্গে মিসরের শান্তিচুক্তি এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের পর তাঁদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ কঠোর হতে থাকে। মিসরের পরবর্তী সরকারগুলো ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে এসেছে। তাদের যুক্তি, ফিলিস্তিনিদের মিসরের নাগরিকত্ব দেওয়া হলে নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে, মিসরীয় কর্মকর্তারা বিভিন্ন সময়ে জানিয়েছেন, দেশটি ফিলিস্তিনি শরণার্থীদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ দিয়ে আসছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে স্থায়ীভাবে উচ্ছেদের প্রচেষ্টার বিরোধিতা করে আসছে মিসর। তবে গেজিরেত ফাদেল গ্রামের বাসিন্দাদের কাছে এখন সবচেয়ে বড় চাওয়া হলো সন্তানদের ভালোভাবে পড়াশোনা করানো, সম্মানজনক কর্মসংস্থান পাওয়া এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। ৯০ বছর বয়সী শাম্মা আবু হুসেইন এখনো নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আশা ছাড়েননি। তাঁর কাছে ফিলিস্তিন শুধু পূর্বপুরুষের স্মৃতি নয়, হারিয়ে যাওয়া নিজের জীবনেরও একটি অংশ। সংবাদসূত্র: বার্তা সংস্থা এএফপি। 874 এসকিউ
স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

