সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ভয়াবহ চক্রান্ত ফাঁস, যেভাবে ইরানি জেনারেলকে অপহরণ ও নির্যাতন করে হত্যা করে মোসাদ

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১২:১
বাঁয়ে আলিরেজা আসগারি এবং ডানে আবদুল্লাহ সাবেরি। ছবি: সংগৃহীত
বাঁয়ে আলিরেজা আসগারি এবং ডানে আবদুল্লাহ সাবেরি। ছবি: সংগৃহীত

নিখোঁজ ইসরায়েলি পাইলট রন আরাদের সন্ধানে গত দুই দশকে সিরিয়া ও তুরস্ক থেকে ইরানের দুই শীর্ষ জেনারেলকে অপহরণ করেছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। দীর্ঘ তদন্ত শেষে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রকাশিত এক চাঞ্চল্যকর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

 

প্রতিবেদন অনুযায়ী, ২০০৬ সালে তুরস্কের ইস্তাম্বুল থেকে অপহৃত ইরানি জেনারেল আলিরেজা আসগারিকে জিজ্ঞাসাবাদ শেষে হত্যা করে কৃষ্ণসাগরে মরদেহ ফেলে দেয় মোসাদ। অন্যদিকে, ২০২১ সালে সিরিয়ার দামেস্ক থেকে ফ্রিজ বহনের বড় কার্ডবোর্ড বাক্সে ভরে অপহরণ করা হয়েছিল আরেক জেনারেল আবদুল্লাহ সাবেরিকে, যাকে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ছেড়ে দেওয়া হয়।

 

নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, এই অভিযানের প্রথম দিকের শিকার হন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের সাবেক জেনারেল এবং দেশটির সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আসগারি। ২০০৬ সালের ডিসেম্বরে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছে তাকসিম এলাকার সেলান হোটেলে ওঠেন আসগারি। এর কিছুক্ষণ পরই মোসাদ এজেন্টরা তাকে অপহরণ করে।

 

ঘটনার কয়েক বছর পর ইরান আসগারির বিষয়ে তথ্য চাইলে ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন প্রতিনিধিদের জানান, আরাদের বিষয়ে আসগারির কাছে তথ্য আছে—এমন ভুল ধারণা থেকে তাকে কয়েক সপ্তাহ ধরে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়েছিল। পরবর্তীতে মোসাদ নিশ্চিত হয় যে, ওই পাইলটের ব্যাপারে আসগারি কিছুই জানতেন না। তা সত্ত্বেও মোসাদ এজেন্টরা তাকে হত্যা করে মরদেহ কৃষ্ণ সাগরে ফেলে দেয়। সে সময় মোসাদের প্রধান ছিলেন মেইর দাগান এবং ২০০৭ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন এহুদ ওলমার্ট। একজন শীর্ষ ইরানি কর্মকর্তাকে হত্যার মতো সিদ্ধান্তে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রীর অনুমোদন ছিল বলে ধারণা করা হয়।

 

অন্যদিকে, ইরানের নিজস্ব তদন্তেও বেরিয়ে আসে যে, ইস্তাম্বুলের হোটেল কক্ষের তালা ভেঙে আসগারিকে চেতনানাশক প্রয়োগ করে অপহরণ করা হয়েছিল এবং অপহরণে ব্যবহৃত গাড়িটি কৃষ্ণ সাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।

 

এতদিন আসগারির ভাগ্য নিয়ে নানা রহস্য ও গুঞ্জন প্রচলিত ছিল। ২০২৪ সালে ইরানবিরোধী একটি সংবাদমাধ্যম দাবি করেছিল যে, আসগারি ২০০৫ সালে থাইল্যান্ড থেকে মার্কিন গোয়েন্দাদের হয়ে কাজ শুরু করেন এবং নতুন পরিচয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে সাম্প্রতিক এই অনুসন্ধানী প্রতিবেদন সেই দাবিকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছে।

 

ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের ইরান শাখার সাবেক প্রধান ড্যানি সিট্রিনোভিচ এই ঘটনাকে ইসরায়েলের ‘ভুল বাজি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, রন আরাদ নিখোঁজ হওয়ার পেছনে ইরান দায়ী—ইসরায়েলের এমন ভুল ধারণা থেকেই আসগারিকে অপহরণ করা হয়েছিল। কিন্তু সব মূল্যায়ন বলছে, ১৯৮৮ সালেই আরাদ নিহত হন এবং তাকে কখনোই ইরানে নেওয়া হয়নি। ফলে আসগারিকে অপহরণ ও হত্যা করেও ইসরায়েল কোনো তথ্য পায়নি।

 

অন্যদিকে, ২০২১ সালে দামেস্কে প্রাতঃভ্রমণে বের হলে দুই ব্যক্তি মালামাল পরিবহনের ছদ্মবেশে ফ্রিজের একটি বিশাল কার্ডবোর্ড বাক্স নিয়ে জেনারেল আবদুল্লাহ সাবেরির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ আক্রমণ করে তাকে বাক্সবন্দি করে গাড়িতে তুলে নেয়। তাকে তেল আবিবে নিয়ে রন আরাদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো তথ্য না মেলায় পরবর্তীতে তাকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি রাস্তায় সামান্য কিছু অর্থ ও ইরানি দূতাবাসের ফোন নম্বর দিয়ে ছেড়ে দেওয়া হয়। ২০২৫ সালের অক্টোবরে মোসাদের সাথে সংশ্লিষ্ট একটি ফার্সি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকেও সাবেরিকে অপহরণের বিষয়টি ইঙ্গিতপূর্ণভাবে স্বীকার করা হয়েছিল।

 

ইরানকেন্দ্রিক এই অভিযানগুলো ব্যর্থ হওয়ার পর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তাদের নজর লেবাননের দিকে ঘুরিয়ে নেয়। ২০২৫ সালের শেষদিকে লেবাননের সাবেক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আহমদ শুকরকে অপহরণ করে মোসাদ। ১৯৮৮ সালে রন আরাদকে পাহারা দেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তিদের একজন ছিলেন শুকর। ইসরায়েলি কর্মকর্তাদের বর্তমান ধারণা, ১৯৮৮ সালে ইসরায়েলি সেনাদের সাথে লড়াইয়ে শুকরের ভাই নিহত হওয়ার প্রতিশোধ নিতেই রন আরাদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই তথ্যের সূত্র ধরে ২০২৬ সালের মার্চ মাসে লেবাননের নবী শিট এলাকায় ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে একটি কবরস্থানে খননকাজ চালালেও আরাদের দেহাবশেষ খুঁজে পায়নি। ওই অভিযানে কয়েক ডজন লেবানিজ নাগরিক প্রাণ হারান।

 

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াইনেট


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
রাশিয়ার সঙ্গে উত্তেজনার জেরে প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
স্নায়ুযুদ্ধের পর প্রথমবার সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিতে প্রায় ১ লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠাল যুক্তরাজ্য

রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্ভাব্য যুদ্ধ বা জাতীয় সংকটের সময় তাঁদের পুনরায় সামরিক দায়িত্বে নিয়োজিত করার প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটির লেবার সরকার। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম এত ব্যাপক পরিসরে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।   বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্কাই নিউজ, দ্য টাইমস ও এলবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ স্থল, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের কাছে এসব চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট তিন বাহিনীর প্রধানদের স্বাক্ষর করা চিঠিতে প্রাপকদের বর্তমান ঠিকানা, যোগাযোগের তথ্য, পেশা ও দক্ষতার বিবরণ হালনাগাদ করতে বলা হয়েছে।   পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের স্বেচ্ছায় প্রশিক্ষণ ও সামরিক মহড়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর স্টেডফাস্ট ডিফেন্ডার সামরিক মহড়াও রয়েছে।   ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্কাই নিউজকে জানিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটি একটি যুক্তিসংগত ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ। যুক্তরাজ্য ও তার মিত্রদের সামনে নিরাপত্তাঝুঁকি বাড়ছে। তবে এই উদ্যোগের অর্থ এই নয় যে যুক্তরাজ্য অবিলম্বে কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে।   এর আগে স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, আগামী এক হাজার দিনের মধ্যে সম্ভাব্য যুদ্ধ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে যুক্তরাজ্যকে। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনে যুদ্ধে জয়লাভের প্রস্তুতি নেওয়াকে নিজের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি।   বর্তমানে ব্রিটিশ স্থলবাহিনীতে প্রায় ৭৩ হাজার সক্রিয় সেনাসদস্য রয়েছেন। সম্ভাব্য বড় ধরনের সংঘাত মোকাবিলায় নিয়মিত সামরিক বাহিনীর পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের নিয়ে গঠিত স্ট্র্যাটেজিক রিজার্ভকে আরও কার্যকর করতে চাইছে সরকার।   তবে সাবেক সামরিক সদস্যদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো পুনরায় সামরিক দায়িত্বে ফিরতে হবে না। এই চিঠি কোনো আনুষ্ঠানিক সামরিক মোতায়েনের নির্দেশ নয়। সাধারণ নাগরিকদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের ঘোষণাও দেওয়া হয়নি।    সূত্র: স্কাই নিউজ   871 এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ১০:১৬
স্পেনে জামিনে মুক্তির পর যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শ নিয়ে অভিযোগ তুললেন জেমস ‘ফার্গি’ চেম্বার্স। ছবি: সংগৃহীত

যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স

শেখ হাসিনার ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকে দায়ী থাকতে হবে বলে সতর্কবার্তা মাইকেল রুবিনের। ছবি: সংগৃহীত

হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার

গাজার যুদ্ধের চিত্র তুলে ধরতে গিয়ে নিহত সাংবাদিক মরিয়ম দাগ্গা মরণোত্তর ‘ররি পেক’ পুরস্কার পেলেন। ছবি: সংগৃহীত

মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক

ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা
ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

ভারতের বিহার রাজ্যের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়েতে লাখো মানুষের সমাগমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বুধবার (২৫ নভেম্বর) পাটনা জেলার নদওয়ান গ্রামে আয়োজিত এই বিয়েকে কেন্দ্র করে ১০ কিলোমিটারের বেশি সড়কে যানবাহন আটকে পড়ে। অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাঝুঁকির কারণে বিয়ের অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনালও স্থগিত করা হয়।   ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মেয়ের বিয়েতে সর্বসাধারণকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনন্ত সিং। স্থানীয় হিসাব অনুযায়ী, অনুষ্ঠানে পাঁচ লাখের বেশি মানুষের সমাগম ঘটে। তবে উপস্থিতির সঠিক সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।   বিয়ের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। এতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে ঘোড়া ও ঘোড়সওয়াররা অংশ নেন। বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয় মাহিন্দ্রা থার গাড়ি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ছিল মোটরসাইকেল ও স্কুটার।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘোড়দৌড় দেখতে জীবনের ঝুঁকি নিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের টাওয়ারে উঠেছেন বহু দর্শক। অনেকে আশপাশের গাছেও উঠে পড়েন। একপর্যায়ে দর্শকদের ভিড় প্রতিযোগিতার মাঠে ঢুকে পড়লে নিরাপত্তার স্বার্থে আয়োজকেরা খেলা বন্ধ করে দেন। ফাইনাল ২৬ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।   অন্যদিকে, তীব্র যানজটে আটকা পড়ে বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারের গাড়িবহরও। বরযাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই গাড়ি ছেড়ে হেঁটে অনুষ্ঠানস্থলের দিকে রওনা হন।   ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে অতিথিদের জন্য দেড় শতাধিক পদের খাবারের ব্যবস্থা করা হয়। গুরুত্বপূর্ণ অতিথিদের যাতায়াতের জন্য তৈরি করা হয় পাঁচটি হেলিপ্যাড। অনুষ্ঠানে রাজনৈতিক ও বিনোদন জগতের বিভিন্ন ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন।   অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছে ঋষিকেশ কুমারের। তিনি ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কমান্ড্যান্ট রণবিজয় কুমার সিংয়ের ছেলে। জমকালো আয়োজনের পাশাপাশি নজিরবিহীন জনসমাগম ও নিরাপত্তাঝুঁকির কারণে বিয়েটি ভারতজুড়ে আলোচনায় এসেছে। সূত্র: India News   871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৭:৬
শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস

ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের  ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি
মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি, প্রজন্ম ধরে অধিকারহীন ফিলিস্তিনি পরিবারগুলো

মিসরের একটি গ্রামে বসবাসকারী ফিলিস্তিনি পরিবারগুলোর কাছে স্বাভাবিক জীবন এখনো অধরা। কয়েক দশক ধরে দেশটিতে বসবাস করলেও তাঁদের অনেকেই নাগরিকত্ব, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, এই অনিশ্চয়তা শুধু একটি প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নেই; পরিবারের পরবর্তী প্রজন্মও একই পরিস্থিতির মধ্য দিয়ে বড় হচ্ছে।   বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের শারকিয়া প্রদেশের গেজিরেত ফাদেল গ্রামে প্রায় চার হাজার ফিলিস্তিনির বসবাস। তাঁদের অনেকের পূর্বপুরুষ ১৯৪৮ সালে ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হয়ে মিসরে আশ্রয় নিয়েছিলেন। গ্রামটির ৯০ বছর বয়সী শাম্মা আবু হুসেইন সেই সময়ের জীবিত প্রত্যক্ষদর্শীদের একজন। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সংঘাতের সময় তাঁর পরিবার দক্ষিণ ফিলিস্তিনের বিরশেবা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়। পালানোর সময় কয়েক দিন খাবার ও পানি ছাড়া পথ চলতে হয়েছিল তাঁদের। সেই যাত্রায় নিজের মাকেও হারান তিনি।   ফিলিস্তিনিরা ১৯৪৮ সালের এই বাস্তুচ্যুতির ঘটনাকে ‘নাকবা’ বা মহাবিপর্যয় হিসেবে স্মরণ করেন। প্রায় আট দশক পেরিয়ে গেলেও সেই বাস্তুচ্যুতির প্রভাব কাটেনি শাম্মার পরিবারের। তাঁর সন্তান, নাতি-নাতনি ও পরবর্তী প্রজন্মের অনেকেই মিসরেই জন্মেছেন। কিন্তু সরকারি কাগজপত্রের ক্ষেত্রে তাঁদের এখনো বিদেশি হিসেবে বিবেচনা করা হয়।   গ্রামটির ৬৩ বছর বয়সী কৃষিশ্রমিক সেলমি সোলাইমান আল-নামুলি বলেন, তাঁর নিজের জন্ম মিসরে, তাঁর বাবার জন্মও মিসরে। এমনকি তাঁর সন্তানদেরও জন্ম এই দেশে। তারপরও সরকারি নথিপত্রে তাঁকে বিদেশি হিসেবে বিবেচনা করা হয়। তিনি জানান, বসবাসের অনুমতিপত্র নবায়নের জন্য ডলারে ফি পরিশোধ, সন্তানদের শিক্ষার খরচ এবং অন্যান্য প্রশাসনিক ব্যয় বহন করতে গিয়ে তাঁর পরিবারকে কঠিন আর্থিক চাপের মুখে পড়তে হচ্ছে। আর্থিক সংকটের কারণে মেধাবী মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর স্বপ্নও পূরণ করতে পারেননি তিনি।   একই গ্রামের ২৫ বছর বয়সী ফারিদ খালেদ আল-নামুলির জীবনেও রয়েছে এমন অভিজ্ঞতা। পড়াশোনা চালিয়ে যাওয়ার আগ্রহ থাকলেও প্রয়োজনীয় কাগজপত্র ও প্রশাসনিক জটিলতার কারণে তাঁকে উচ্চশিক্ষার স্বপ্ন ছেড়ে দিতে হয়েছে। পরে গ্রামের একটি পোশাকের দোকানে কাজ শুরু করেন তিনি।ফিলিস্তিনি শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা বাদিলের কর্মকর্তা লুবনা শোমালির মতে, এ ধরনের সমস্যার মুখোমুখি শুধু গেজিরেত ফাদেল গ্রামের বাসিন্দারাই নন। মিসরের বিভিন্ন এলাকায় বসবাসরত ফিলিস্তিনি পরিবারগুলোর মধ্যেও একই ধরনের সংকট রয়েছে।   গবেষকদের ধারণা, সাম্প্রতিক গাজা যুদ্ধ শুরুর আগে বিভিন্ন সংঘাতে বাস্তুচ্যুত প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি মিসরে বসবাস করছিলেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর পর আরও বহু ফিলিস্তিনি সেখানে আশ্রয় নিয়েছেন। মিসরের সাবেক প্রেসিডেন্ট গামাল আবদেল নাসেরের শাসনামলে দেশটিতে বসবাসরত ফিলিস্তিনিরা শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে তুলনামূলক বেশি সুযোগ পেতেন। তবে ১৯৭৮ সালে ইসরায়েলের সঙ্গে মিসরের শান্তিচুক্তি এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহের পর তাঁদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ কঠোর হতে থাকে।   মিসরের পরবর্তী সরকারগুলো ফিলিস্তিনিদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়ে এসেছে। তাদের যুক্তি, ফিলিস্তিনিদের মিসরের নাগরিকত্ব দেওয়া হলে নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে, মিসরীয় কর্মকর্তারা বিভিন্ন সময়ে জানিয়েছেন, দেশটি ফিলিস্তিনি শরণার্থীদের চিকিৎসা ও শিক্ষার সুযোগ দিয়ে আসছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে স্থায়ীভাবে উচ্ছেদের প্রচেষ্টার বিরোধিতা করে আসছে মিসর।   তবে গেজিরেত ফাদেল গ্রামের বাসিন্দাদের কাছে এখন সবচেয়ে বড় চাওয়া হলো সন্তানদের ভালোভাবে পড়াশোনা করানো, সম্মানজনক কর্মসংস্থান পাওয়া এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা। ৯০ বছর বয়সী শাম্মা আবু হুসেইন এখনো নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার আশা ছাড়েননি। তাঁর কাছে ফিলিস্তিন শুধু পূর্বপুরুষের স্মৃতি নয়, হারিয়ে যাওয়া নিজের জীবনেরও একটি অংশ। সংবাদসূত্র: বার্তা সংস্থা এএফপি। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:২৯
স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ

স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...