সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

আইজেনকোট ক্ষমতায় এলে কি ফিরবে কুখ্যাত ‘দাহিয়া মতবাদ’? আতঙ্কে মধ্যপ্রাচ্য

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৮, ২০২৬ ৫:১৮
আইজেনকোট ক্ষমতায় এলে কি ফিরবে কুখ্যাত ‘দাহিয়া মতবাদ’? আতঙ্কে মধ্যপ্রাচ্য
আইজেনকোট ক্ষমতায় এলে কি ফিরবে কুখ্যাত ‘দাহিয়া মতবাদ’? আতঙ্কে মধ্যপ্রাচ্য

নির্বাচন-পরবর্তী ইসরায়েলে রাজনীতির মাঠে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরিয়ে সরকার গঠনের ডাক পেয়েছেন ‘ইয়াশার’ পার্টির প্রধান ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে আমন্ত্রণ পাওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে—আইজেনকোট প্রধানমন্ত্রীর কুরসিতে বসলে কি আবারও পূর্ণমাত্রায় কার্যকর হবে তারই উদ্ভাবিত কুখ্যাত সামরিক রণকৌশল ‘দাহিয়া মতবাদ’?

 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আরব জোট ও বিরোধী দলগুলোর সমর্থন থাকায় আইজেনকোটের পক্ষে সরকার গঠন করা খুব একটা কঠিন হবে না। তবে ক্ষমতায় বসার আগেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার তদন্তের পাশাপাশি ইরানের মদদপুষ্ট ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে পুরোপুরি নির্মূল করাই হবে তার মূল লক্ষ্য। তার এই কঠোর অবস্থানের কারণেই বিশ্বজুড়ে নতুন করে আলোচনায় এসেছে ‘দাহিয়া মতবাদ’।

 

কী এই ‘দাহিয়া মতবাদ’?

রাজনীতিতে আসার আগে ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) প্রধান ছিলেন গাদি আইজেনকোট। ২০০৬ সালে দ্বিতীয় লেবানন যুদ্ধের সময় তিনি ইসরায়েলের নর্দার্ন কমান্ডের প্রধান (মেজর জেনারেল) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সে সময় যুদ্ধে দ্রুত জয় পেতে তার নির্দেশেই দক্ষিণ বৈরুতের ‘দাহিয়া’ শহরতলিতে নজিরবিহীন বোমাবর্ষণ চালায় ইসরায়েলি বিমানবাহিনী। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় পুরো এলাকা, প্রাণ হারান অসংখ্য বেসামরিক মানুষ।

 

পরবর্তীতে ২০০৮ সালে ইসরায়েলি গণমাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্ক ‘ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ’ (আইএনএসএস)-এ অবসরপ্রাপ্ত কর্নেল গাবি সিবোনির লেখার মাধ্যমে এই রণকৌশলটি ‘দাহিয়া মতবাদ’ বা ‘দাহিয়া ডকট্রিন’ হিসেবে পরিচিতি পায়।

 

এই মতবাদের মূল কথা হলো—কোনো এলাকা থেকে ইসরায়েলের ওপর হামলা চালানো হলে সেখানে প্রতিপক্ষের তুলনায় কয়েক গুণ বেশি ও অসম বলপ্রয়োগ করা হবে। এক্ষেত্রে কেবল সামরিক ঘাঁটি নয়, বরং বেসামরিক স্থাপনা ও অবকাঠামোতেও নির্বিচার ধ্বংসযজ্ঞ চালানো হয়। উদাহরণস্বরূপ, সীমান্তবর্তী কোনো গ্রামের একটি বাড়ি থেকে গুলি ছোড়া হলে পুরো গ্রামকেই লক্ষ্যবস্তু বানিয়ে গুঁড়িয়ে দেবে ইসরায়েলি বাহিনী। এর পেছনে ইসরায়েলি সমরবিদদের যুক্তি হলো—চরম ক্ষয়ক্ষতি ও ভয়ের মুখে পড়ে স্থানীয় সাধারণ মানুষ যেন হামাস বা হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলোকে আর আশ্রয় বা সমর্থন না দেয়।

 

পুরোনো নীতি ও মানবাধিকার বিতর্ক

দ্বিতীয় লেবানন যুদ্ধের পর ২০০৮-০৯, ২০১২ এবং ২০১৪ সালে গাজায় চালানো সামরিক অভিযানেও এই মতবাদ প্রয়োগ করেছিল তেল আবিব। এমনকি চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানেও এর আংশিক প্রয়োগ দেখা গেছে বলে মনে করেন প্রতিরক্ষা বিশ্লেষকরা। তেহরানের দাবি অনুযায়ী, ওই হামলায় কয়েকশ বিদ্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রসহ হাজার হাজার বেসামরিক স্থাপনা ধ্বংস হয়েছে।

 

নির্বিচারে বেসামরিক নাগরিক ও অবকাঠামো ধ্বংসের এই নীতির কারণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনা এবং যুদ্ধাপরাধের অভিযোগের মুখে পড়েছে ইসরায়েল। তবে নিজের অবস্থান থেকে কখনোই সরে আসেননি আইজেনকোট। তার সাফ বক্তব্য, ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় এর কোনো বিকল্প নেই। তার ভাষায়, “আমাদের প্রত্যাঘাত এতটাই কঠোর হবে যে শত্রুরা তা উপেক্ষা করতে পারবে না।”

 

সাবেক এই সেনাকর্তার মতে, হামাস বা হিজবুল্লাহ জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মিশে যুদ্ধ পরিচালনা করে। তাই দীর্ঘস্থায়ী সংঘাত এড়াতে ও নিজ দেশের ক্ষয়ক্ষতি কমাতে চূড়ান্ত শক্তি প্রয়োগই একমাত্র পথ।

 

বর্তমানে গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের সাময়িক সংঘর্ষবিরতি চললেও পরিস্থিতি অত্যন্ত নাজুক। তিন বছর পেরিয়ে গেলেও হামাসকে পুরোপুরি নির্মূল করতে পারেনি তেল আবিব। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর কুরসিতে বসার পর গাদি আইজেনকোট তার পুরোনো ‘দাহিয়া মতবাদ’ প্রয়োগ করে গাজা ও মধ্যপ্রাচ্যকে নতুন কোনো মহাবিপর্যয়ের দিকে ঠেলে দেন কি না। সোর্স: ডিডব্লিউ।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
স্পেনে জামিনে মুক্তির পর যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শ নিয়ে অভিযোগ তুললেন জেমস ‘ফার্গি’ চেম্বার্স। ছবি: সংগৃহীত
যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স

স্পেনের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পাওয়ার পর মার্কিন অধিকারকর্মী ও গণমাধ্যম উত্তরাধিকারী জেমস ‘ফার্গি’ চেম্বার্স অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শকে চরমপন্থা হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেছেন, কেবল মতপ্রকাশ ও মানবিক সহায়তার কারণে তাঁকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের ভিত্তিতে স্পেনে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন। সাম্প্রতিক সময়ে প্রত্যর্পণ সংক্রান্ত নথির অনুবাদে বড় ধরনের অসঙ্গতি ও পরিবর্তনের বিষয়টি সামনে এলে স্পেনের জাতীয় আদালত তাঁর প্রত্যর্পণের সিদ্ধান্ত স্থগিত করে এবং তাঁকে জামিনে মুক্তি দেয়।   মুক্তির পর প্রতিক্রিয়ায় চেম্বার্স বলেন, বিশ্বজুড়ে যারা নিজেদের মতামত তুলে ধরতে চান, তাঁদের জন্য এই মামলাটি মানবাধিকারের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ফিলিস্তিনে যা ঘটছে এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য যুদ্ধ ও বৈশ্বিক সংকটের সত্যতা কেউ কেড়ে নিতে পারবে না। কারাগারে কাটানো দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, অনিশ্চয়তা ও ভয়ের মধ্যেও তিনি নিজের নির্দোষ থাকার বিশ্বাসে অটল ছিলেন।   মার্কিন কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী, চেম্বার্স কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসাব থেকে তিউনিসিয়ায়—যেখানে তিনি তখন বসবাস করতেন—৭৫ লাখ মার্কিন ডলার স্থানান্তর করেছিলেন, যা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সহায়তায় ব্যবহৃত হওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে চেম্বার্সের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি এবং তিনি কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা সহিংসতায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।   চেম্বার্সের আইনজীবী ও পরিবারের সদস্যরা দাবি করেছেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এবং মানবিক ত্রাণ কার্যক্রমে অর্থ সহায়তা দেওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে। উল্লেখ্য, তিনি অতীতে ফিলিস্তিনের মানবিক সহায়তা কার্যক্রমে বিপুল অর্থ অনুদান দিয়েছেন, যার মধ্যে উত্তর গাজায় বেকারি স্থাপন, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র নির্মাণ এবং বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র পরিচালনার মতো উদ্যোগও রয়েছে।   স্পেনের আদালতের প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে চেম্বার্স আশা প্রকাশ করেছেন যে, আবেগপূর্ণ মন্তব্য বা ভিন্নমতের বদলে কেবল তথ্য ও প্রমাণের ভিত্তিতেই বিষয়টির নিষ্পত্তি হবে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও সক্রিয়তার ওপর নজরদারি এবং আইনি কড়াকড়ি নিয়ে মানবাধিকার মহলে ব্যাপক আলোচনা চলছে।   সূত্র: আল জাজিরা   873 ডিএন

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৯:৫৭
শেখ হাসিনার ক্ষতি হলে তারেক রহমান ও তাঁর সরকারকে দায়ী থাকতে হবে বলে সতর্কবার্তা মাইকেল রুবিনের। ছবি: সংগৃহীত

হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার

গাজার যুদ্ধের চিত্র তুলে ধরতে গিয়ে নিহত সাংবাদিক মরিয়ম দাগ্গা মরণোত্তর ‘ররি পেক’ পুরস্কার পেলেন। ছবি: সংগৃহীত

মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক

ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা

শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা
শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা

শ্রীলঙ্কার দীর্ঘ গৃহযুদ্ধের এক প্রায়-বিস্মৃত অধ্যায়ের দুই ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে ৩৬ বছর ধরে বেঁচে আছেন ফৌজুল হিনায়া (৬০)। ১৯৯০ সালের জুলাই মাসে কুরুক্কলমাদামের কাছে তামিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এলটিটিইর গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁর ভাই ফৌজুল আমির। সে সময় ৬০ থেকে প্রায় ১৫০ জন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। সম্প্রতি কুরুক্কলমাদামের একটি গণকবরে আদালত-নিযুক্ত প্রত্নতাত্ত্বিক দলের খননকাজ দীর্ঘদিনের সেই ক্ষতে নতুন করে আশার আলো জাগিয়েছে।   ভুক্তভোগী পরিবারগুলোর মতে, ১৯৯০ সালের কুরুক্কলমাদাম হত্যাকাণ্ড ছিল শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি বড় বাঁক বদলের মুহূর্ত। এর আগে পর্যন্ত এলটিটিই মূলত লড়াইয়ের তহবিল সংগ্রহের জন্য মুসলিমদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। কিন্তু এরপর তারা সরাসরি রক্তপাতের পথ বেছে নেয়। ঠিক এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে পূর্বাঞ্চলীয় শহর কাত্তানকুডি ও ইরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই   সেই ভয়াবহ সময়ে নিখোঁজ হন হিনায়ার আরেক ভাইও। পরিবারের শোকের দিনে পাশে থাকতে বাড়ি ফেরার কয়েক দিনের মধ্যেই তিনি বাত্তিকালোয়া শহর থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনতে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু এলটিটিই তাঁকে অপহরণ করে এবং এরপর আর কোনো খোঁজ মেলেনি; তাঁকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে।   অন্যদিকে, ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি স্মরণ করেন উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে মুসলিমদের উচ্ছেদের মর্মান্তিক অভিজ্ঞতা। ভারতীয় সেনাবাহিনী চলে যাওয়ার পর ১৯৯০ সালের শুরুতে তামিল ও মুসলিমরা মিলেমিশে এক পরিবারের মতোই নিজ নিজ গ্রামে ফিরেছিলেন। কিন্তু ওই বছরের অক্টোবরে এলটিটিই উত্তরাঞ্চলের মুসলিম গ্রামবাসীদের জড়ো করে মাত্র দুই দিনের মধ্যে প্রদেশ ছাড়ার নির্দেশ দেয়। রিজনি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৫ শতাংশ, যেখানে তামিল ছিলেন ৯০ শতাংশেরও বেশি। ১৯৯০ সালের অক্টোবরে আনুমানিক ৭৫ হাজার থেকে ১ লাখ মুসলিমকে জোরপূর্বক ওই প্রদেশ থেকে বিতাড়িত করা হয়।   তবে দীর্ঘ বঞ্চনা ও ট্রমা সত্ত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরার আশা ছাড়েননি রিজনি। তাঁর ভাষায়, তামিল ও মুসলিমদের মধ্যে বরাবরই সুসম্পর্ক থাকবে এবং মুসলিমরা উচ্ছেদের ঘটনা ভুলবে না, কিন্তু এলটিটিই যা করেছে সে জন্য সাধারণ তামিলদের দোষারোপ করা হবে না।   কুরুক্কলমাদামের গণকবর খননকে সত্য উদ্ঘাটন ও মানসিক প্রশান্তির একটি পথ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফারুক নামের এক সংশ্লিষ্ট ব্যক্তি জানান, কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবি নিরীহ মানুষ হত্যা কিংবা পরিবারকে বাস্তুচ্যুত করার যুক্তি হতে পারে না। তিনি কর্তৃপক্ষের কাছে একটি যথাযথ ও স্বাধীন তদন্তের প্রত্যাশা করেছেন, যাতে নিহতদের পরিচয় শনাক্ত করা যায় এবং গণকবর থেকে উঠে আসা তথ্যগুলো প্রতিষ্ঠিত হয়।    পাশাপাশি উত্তরাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া মুসলিম পরিবারগুলোর মর্যাদার সাথে ফেরা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। অন্যদিকে ফৌজের মতে, কুরুক্কলমাদামে কর্তৃপক্ষ কীভাবে পরবর্তী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করবে শ্রীলঙ্কার মুসলিমরা বহু প্রতীক্ষিত উত্তরগুলো শেষ পর্যন্ত পাবে কি না। সূত্র: আল জাজিরা।   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:৫৭
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস

ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের  ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী

মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি

মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি, প্রজন্ম ধরে অধিকারহীন ফিলিস্তিনি পরিবারগুলো

স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ
স্নায়ুযুদ্ধের পর এই প্রথম: যুক্তরাজ্যের ১ লাখ রিজার্ভ সেনাকে যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ

স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো প্রায় ১ লাখ সাবেক ও রিজার্ভ সেনাকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি)। ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি ও সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি জোরদার করতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছে লন্ডন।   চিঠিতে সাবেক সেনাসদস্যদের বর্তমান যোগাযোগের ঠিকানা হালনাগাদ করার পাশাপাশি তাদের বর্তমান পেশা ও দক্ষতা সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে। বিশেষ করে সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, গোয়েন্দা এবং যোগাযোগ খাতে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে।   যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের আওতায় ২০২৭ সালের বসন্তে নির্ধারিত ন্যাটোর বড় সামরিক মহড়া ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন আগ্রহী রিজার্ভ সদস্যরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংসদীয় তথ্য অনুযায়ী, এ ধরনের মহড়ায় সর্বোচ্চ প্রায় ১ হাজার স্ট্র্যাটেজিক রিজার্ভ সদস্যকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।   তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই চিঠি তাৎক্ষণিক কোনো সামরিক তলব বা মোতায়েনের সংকেত নয়। সাবেক সেনা বা ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো সক্রিয় দায়িত্বে ফিরিয়ে আনা হবে না, তবে এই প্রস্তুতি প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং সংঘাতের ঝুঁকি কমাতে সহায়ক হবে।   ২০২৫ সালের যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনায় রিজার্ভ বাহিনীর ভূমিকা শক্তিশালী করা এবং বৃহত্তর সামাজিক অংশগ্রহণের মাধ্যমে প্রতিরক্ষা জোরদার করার সুপারিশ করা হয়েছিল। ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, রাশিয়া বরাবরই ন্যাটো সদস্য রাষ্ট্রের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে এসেছে এবং সীমান্তের কাছে ন্যাটোর সামরিক তৎপরতা বৃদ্ধিকে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর কারণ হিসেবে অভিহিত করেছে। সূত্র: লাও দং নিউজ।   873 ডিএন 

প্রকাশ: নভেম্বর ২৬, ২০২৬ ৬:২৮
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী

আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

চীন-পাকিস্তানের যৌথ কৃত্রিম উপগ্রহ নেটওয়ার্ক

ভারতের সামরিক স্থাপনায় নজরদারিতে চীন-পাকিস্তানের যৌথ কৃত্রিম উপগ্রহ নেটওয়ার্ক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...