এপেক সম্মেলনে পুতিনের সাথে রহস্যময় ‘পারমাণবিক ব্রিফকেস’, কী থাকে এতে?
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন। এই বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগমনের সময় সবার নজর কেড়েছে তার নিরাপত্তারক্ষীদের হাতে থাকা রহস্যময় এক কালো ব্রিফকেস।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সম্মেলনস্থলে পুতিনের সফরসঙ্গী এক রুশ নৌ-কর্মকর্তাকে বিশেষ ওই ব্রিফকেসটি বহন করতে দেখা যায়। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ক্যামেরা ওই কর্মকর্তার দিকে জুম করলে প্রতিবেদক ইয়েভজেনি পপভ ব্রিফকেসটির দিকে ইঙ্গিত করে দর্শকদের বলেন, ‘এটিই সেই পারমাণবিক ব্রিফকেস’। জবাবে ওই নৌ-কর্মকর্তাও হেসে নিশ্চিত করেন যে, এটিই রাশিয়ার পারমাণবিক অস্ত্রভান্ডারে প্রেসিডেন্টের সরাসরি প্রবেশাধিকারের মাধ্যম, যা ‘চেগেট’ (Cheget) নামে পরিচিত।
মার্কিন প্রেসিডেন্টের কাছেও অনুরূপ একটি ব্রিফকেস থাকে, যা ‘নিউক্লিয়ার ফুটবল’ নামে পরিচিত। তবে শেনজেন সফরে মার্কিন প্রেসিডেন্টের সাথে এটি এখনো দেখা যায়নি। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন কোনো ব্রিফকেস বহন করেন কি না, তা স্পষ্ট নয়।
পারমাণবিক ব্রিফকেস আসলে কী?
পারমাণবিক ব্রিফকেস হলো বিশেষভাবে তৈরি একটি যোগাযোগ যন্ত্র, যা সরাসরি দেশের সামরিক কমান্ড সিস্টেমের সাথে যুক্ত থাকে। এর মাধ্যমে একজন রাষ্ট্রপ্রধান বিশ্বের যেকোনো প্রান্তে বসে পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন। স্নায়ুযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ব্যবস্থার উদ্ভব হয়, যাতে খুব অল্প সময়ের নোটিশে নেতারা পারমাণবিক হামলার সিদ্ধান্ত নিতে পারেন। তবে সিনেমায় দেখানো লাল বোতামে চাপ দিলেই ক্ষেপণাস্ত্র ছোড়া হবে—বিষয়টি মোটেও তেমন নয়। ব্রিফকেস থেকে সংকেত পাঠানোর পর তা কার্যকর করতে সামরিক কর্মকর্তা ও বিশাল যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন হয়।
যুক্তরাষ্ট্রের ‘ফুটবল’ ও রাশিয়ার ‘চেগেট’-এর পার্থক্য
যুক্তরাষ্ট্রের ‘নিউক্লিয়ার ফুটবল’-এর ইতিহাস ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটেরও আগের। ১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি দায়িত্ব নেওয়ার আগের দিন বিদায়ী প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ার তাকে এই যন্ত্র সম্পর্কে অবহিত করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের কাছে ‘বিস্কুট’ নামে একটি বিশেষ কার্ডও থাকে, যাতে প্রেসিডেন্টের পরিচয় যাচাইয়ের গোপন কোড লেখা থাকে। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য ভাইস প্রেসিডেন্টের কাছেও একটি ‘ব্যাকআপ ফুটবল’ থাকে। মার্কিন আইন অনুযায়ী, কেবল প্রেসিডেন্টই পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিতে পারেন।
অন্যদিকে, ককেশাস পর্বতমালার একটি শৃঙ্গের নামানুসারে রাশিয়ার ব্রিফকেসটির নাম রাখা হয়েছে ‘চেগেট’। ১৯৮৩ সালে সোভিয়েত আমলে এটি চালু হয়। ঐতিহ্যগতভাবে একজন রুশ নৌ-কর্মকর্তা প্রেসিডেন্টের এই ব্রিফকেসটি বহন করেন। আধুনিক চেগেট সরাসরি রাশিয়ার কেন্দ্রীয় সামরিক কমান্ডের সাথে যুক্ত এবং এটি ‘কাজবেক’ (Kazbek) কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। রাশিয়ায় এমন তিনটি ব্রিফকেস রয়েছে বলে ধারণা করা হয়—যার একটি প্রেসিডেন্ট, একটি প্রতিরক্ষামন্ত্রী এবং অপরটি চিফ অব দ্য জেনারেল স্টাফের কাছে থাকে। এটি কেবল হামলার নির্দেশ পাঠাতে পারে, সরাসরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে না।
নেতারা কেন এটি সাথে নিয়ে ঘোরেন?
তাত্ত্বিকভাবে, যেকোনো সময়—প্রেসিডেন্ট বিমানে থাকা অবস্থায়, কোনো সম্মেলনে কিংবা হোটেলে ঘুমিয়ে থাকা অবস্থায়—প্রতিপক্ষের পারমাণবিক হামলা শুরু হতে পারে। তাই নেতা যেখানেই থাকুন না কেন, তাৎক্ষণিক পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রাখতেই এই ব্রিফকেস সাথে রাখা হয়। আন্তর্জাতিক রাজনীতিতে একে ‘ডিটারেন্স’ বা প্রতিরোধক ক্ষমতা বলা হয়; অর্থাৎ প্রতিপক্ষ যেন জানে যে হামলা চালালে তারাও পাল্টা আঘাতের মুখে পড়বে।
তবে সম্মেলনে পুতিনের এই ব্রিফকেস প্রদর্শনকে নিছক রাজনৈতিক নাটক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবনের মতে, ক্রেমলিন-সমর্থিত টেলিভিশন চ্যানেলে এটি ফলাও করে দেখানোর পেছনে বিশেষ বার্তা রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা চীনের তুলনায় রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা আগের মতো নেই। তাই বিশ্বমঞ্চে রাশিয়া এখনো একটি পরাশক্তি এবং আলোচনার টেবিলে তাদের গুরুত্ব কমেনি—তা বোঝাতেই পুতিন এটি প্রদর্শন করেছেন।
অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের ব্যবস্থা
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) তথ্যমতে, বিশ্বে বর্তমানে নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশ রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ব্রিফকেস সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গেলেও অন্যান্য দেশের ব্যবস্থা অনেকটাই গোপন।
যুক্তরাজ্যে কেবল প্রধানমন্ত্রীই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে পারেন। দায়িত্ব গ্রহণের পর প্রত্যেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজ হাতে চারটি ‘লেটারস অব লাস্ট রিসোর্ট’ বা শেষ অবলম্বনের চিঠি লেখেন, যা পারমাণবিক সাবমেরিন কমান্ডারদের কাছে সংরক্ষিত থাকে। সরকার ধ্বংস হয়ে গেলে কী করতে হবে, সেই নির্দেশনা এতে লেখা থাকে। ফ্রান্সে এই একচ্ছত্র ক্ষমতা প্রেসিডেন্টের হাতে ন্যস্ত।
চীন ‘প্রথমে ব্যবহার নয়’ (No First Use) নীতি অনুসরণ করে, অর্থাৎ আক্রান্ত না হলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। ভারত সরকারের তথ্যমতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিউক্লিয়ার কমান্ড অথরিটির পলিটিক্যাল কাউন্সিল এই অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারে। এ ছাড়া পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও তাদের নেতারা এমন কোনো ব্রিফকেস বহন করেন কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: আল জাজিরা
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreস্পেনের কারাগার থেকে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি পাওয়ার পর মার্কিন অধিকারকর্মী ও গণমাধ্যম উত্তরাধিকারী জেমস ‘ফার্গি’ চেম্বার্স অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী ও ফিলিস্তিনপন্থী মতাদর্শকে চরমপন্থা হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে ভিত্তিহীন আখ্যা দিয়ে তিনি বলেছেন, কেবল মতপ্রকাশ ও মানবিক সহায়তার কারণে তাঁকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের ভিত্তিতে স্পেনে গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি কারাগারে ছিলেন। সাম্প্রতিক সময়ে প্রত্যর্পণ সংক্রান্ত নথির অনুবাদে বড় ধরনের অসঙ্গতি ও পরিবর্তনের বিষয়টি সামনে এলে স্পেনের জাতীয় আদালত তাঁর প্রত্যর্পণের সিদ্ধান্ত স্থগিত করে এবং তাঁকে জামিনে মুক্তি দেয়। মুক্তির পর প্রতিক্রিয়ায় চেম্বার্স বলেন, বিশ্বজুড়ে যারা নিজেদের মতামত তুলে ধরতে চান, তাঁদের জন্য এই মামলাটি মানবাধিকারের প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ফিলিস্তিনে যা ঘটছে এবং এর সঙ্গে যুক্ত অন্যান্য যুদ্ধ ও বৈশ্বিক সংকটের সত্যতা কেউ কেড়ে নিতে পারবে না। কারাগারে কাটানো দিনগুলোর কথা স্মরণ করে তিনি জানান, অনিশ্চয়তা ও ভয়ের মধ্যেও তিনি নিজের নির্দোষ থাকার বিশ্বাসে অটল ছিলেন। মার্কিন কৌঁসুলিদের অভিযোগ অনুযায়ী, চেম্বার্স কয়েক বছর আগে যুক্তরাষ্ট্রের ব্যাংক হিসাব থেকে তিউনিসিয়ায়—যেখানে তিনি তখন বসবাস করতেন—৭৫ লাখ মার্কিন ডলার স্থানান্তর করেছিলেন, যা ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সহায়তায় ব্যবহৃত হওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে চেম্বার্সের বিরুদ্ধে সন্ত্রাসবাদের সরাসরি কোনো অভিযোগ আনা হয়নি এবং তিনি কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ড বা সহিংসতায় জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন। চেম্বার্সের আইনজীবী ও পরিবারের সদস্যরা দাবি করেছেন, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়া এবং মানবিক ত্রাণ কার্যক্রমে অর্থ সহায়তা দেওয়ার কারণেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে হয়রানি করা হচ্ছে। উল্লেখ্য, তিনি অতীতে ফিলিস্তিনের মানবিক সহায়তা কার্যক্রমে বিপুল অর্থ অনুদান দিয়েছেন, যার মধ্যে উত্তর গাজায় বেকারি স্থাপন, পানি বিশুদ্ধকরণ কেন্দ্র নির্মাণ এবং বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র পরিচালনার মতো উদ্যোগও রয়েছে। স্পেনের আদালতের প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করে চেম্বার্স আশা প্রকাশ করেছেন যে, আবেগপূর্ণ মন্তব্য বা ভিন্নমতের বদলে কেবল তথ্য ও প্রমাণের ভিত্তিতেই বিষয়টির নিষ্পত্তি হবে। এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ও সক্রিয়তার ওপর নজরদারি এবং আইনি কড়াকড়ি নিয়ে মানবাধিকার মহলে ব্যাপক আলোচনা চলছে। সূত্র: আল জাজিরা 873 ডিএন
হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার
মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক
ভারতে নেতার মেয়ের বিয়েতে ১০ কি.মি. যানজট, ঘোড়দৌড় দেখতে বিদ্যুতের টাওয়ারেও উঠলেন দর্শকরা
শ্রীলঙ্কার দীর্ঘ গৃহযুদ্ধের এক প্রায়-বিস্মৃত অধ্যায়ের দুই ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে ৩৬ বছর ধরে বেঁচে আছেন ফৌজুল হিনায়া (৬০)। ১৯৯০ সালের জুলাই মাসে কুরুক্কলমাদামের কাছে তামিল বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এলটিটিইর গুলিতে প্রাণ হারিয়েছিলেন তাঁর ভাই ফৌজুল আমির। সে সময় ৬০ থেকে প্রায় ১৫০ জন মুসলিমকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে ধারণা করা হয়। সম্প্রতি কুরুক্কলমাদামের একটি গণকবরে আদালত-নিযুক্ত প্রত্নতাত্ত্বিক দলের খননকাজ দীর্ঘদিনের সেই ক্ষতে নতুন করে আশার আলো জাগিয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর মতে, ১৯৯০ সালের কুরুক্কলমাদাম হত্যাকাণ্ড ছিল শ্রীলঙ্কার মুসলিম জনগোষ্ঠীর জন্য একটি বড় বাঁক বদলের মুহূর্ত। এর আগে পর্যন্ত এলটিটিই মূলত লড়াইয়ের তহবিল সংগ্রহের জন্য মুসলিমদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত। কিন্তু এরপর তারা সরাসরি রক্তপাতের পথ বেছে নেয়। ঠিক এক মাস পর, ১৯৯০ সালের আগস্টে পূর্বাঞ্চলীয় শহর কাত্তানকুডি ও ইরাভুরের দুটি মসজিদে হামলা চালিয়ে অন্তত ৩০০ মুসলিমকে হত্যা করে এলটিটিই সেই ভয়াবহ সময়ে নিখোঁজ হন হিনায়ার আরেক ভাইও। পরিবারের শোকের দিনে পাশে থাকতে বাড়ি ফেরার কয়েক দিনের মধ্যেই তিনি বাত্তিকালোয়া শহর থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আনতে ঠেলাগাড়ি নিয়ে বেরিয়েছিলেন। কিন্তু এলটিটিই তাঁকে অপহরণ করে এবং এরপর আর কোনো খোঁজ মেলেনি; তাঁকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে। অন্যদিকে, ৫৯ বছর বয়সী মোহাম্মদ রিজনি স্মরণ করেন উত্তরাঞ্চলীয় প্রদেশ থেকে মুসলিমদের উচ্ছেদের মর্মান্তিক অভিজ্ঞতা। ভারতীয় সেনাবাহিনী চলে যাওয়ার পর ১৯৯০ সালের শুরুতে তামিল ও মুসলিমরা মিলেমিশে এক পরিবারের মতোই নিজ নিজ গ্রামে ফিরেছিলেন। কিন্তু ওই বছরের অক্টোবরে এলটিটিই উত্তরাঞ্চলের মুসলিম গ্রামবাসীদের জড়ো করে মাত্র দুই দিনের মধ্যে প্রদেশ ছাড়ার নির্দেশ দেয়। রিজনি জানান, উত্তরাঞ্চলীয় প্রদেশে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র ৫ শতাংশ, যেখানে তামিল ছিলেন ৯০ শতাংশেরও বেশি। ১৯৯০ সালের অক্টোবরে আনুমানিক ৭৫ হাজার থেকে ১ লাখ মুসলিমকে জোরপূর্বক ওই প্রদেশ থেকে বিতাড়িত করা হয়। তবে দীর্ঘ বঞ্চনা ও ট্রমা সত্ত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতি ফেরার আশা ছাড়েননি রিজনি। তাঁর ভাষায়, তামিল ও মুসলিমদের মধ্যে বরাবরই সুসম্পর্ক থাকবে এবং মুসলিমরা উচ্ছেদের ঘটনা ভুলবে না, কিন্তু এলটিটিই যা করেছে সে জন্য সাধারণ তামিলদের দোষারোপ করা হবে না। কুরুক্কলমাদামের গণকবর খননকে সত্য উদ্ঘাটন ও মানসিক প্রশান্তির একটি পথ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফারুক নামের এক সংশ্লিষ্ট ব্যক্তি জানান, কোনো রাজনৈতিক সংগ্রাম বা জাতিগত দাবি নিরীহ মানুষ হত্যা কিংবা পরিবারকে বাস্তুচ্যুত করার যুক্তি হতে পারে না। তিনি কর্তৃপক্ষের কাছে একটি যথাযথ ও স্বাধীন তদন্তের প্রত্যাশা করেছেন, যাতে নিহতদের পরিচয় শনাক্ত করা যায় এবং গণকবর থেকে উঠে আসা তথ্যগুলো প্রতিষ্ঠিত হয়। পাশাপাশি উত্তরাঞ্চল থেকে উচ্ছেদ হওয়া মুসলিম পরিবারগুলোর মর্যাদার সাথে ফেরা ও পুনর্বাসন নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। অন্যদিকে ফৌজের মতে, কুরুক্কলমাদামে কর্তৃপক্ষ কীভাবে পরবর্তী পদক্ষেপ নেয়, তার ওপরই নির্ভর করবে শ্রীলঙ্কার মুসলিমরা বহু প্রতীক্ষিত উত্তরগুলো শেষ পর্যন্ত পাবে কি না। সূত্র: আল জাজিরা। 873 ডিএন
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার
শতাব্দীর আলোচিত ডিভোর্স ! বিলিয়নিয়ারের ৭০ কোটি ডলারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন সাবেক স্ত্রী
মিসরে জন্মেও নাগরিকত্ব পাননি, প্রজন্ম ধরে অধিকারহীন ফিলিস্তিনি পরিবারগুলো
স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো প্রায় ১ লাখ সাবেক ও রিজার্ভ সেনাকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি)। ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি ও সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি জোরদার করতে সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছে লন্ডন। চিঠিতে সাবেক সেনাসদস্যদের বর্তমান যোগাযোগের ঠিকানা হালনাগাদ করার পাশাপাশি তাদের বর্তমান পেশা ও দক্ষতা সম্পর্কে তথ্য দিতে বলা হয়েছে। বিশেষ করে সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, গোয়েন্দা এবং যোগাযোগ খাতে তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে সামরিক প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নেওয়ার সুযোগও রাখা হয়েছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগের আওতায় ২০২৭ সালের বসন্তে নির্ধারিত ন্যাটোর বড় সামরিক মহড়া ‘স্টেডফাস্ট ডিফেন্ডার’-এ অংশ নেওয়ার সুযোগ পাবেন আগ্রহী রিজার্ভ সদস্যরা। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক সংসদীয় তথ্য অনুযায়ী, এ ধরনের মহড়ায় সর্বোচ্চ প্রায় ১ হাজার স্ট্র্যাটেজিক রিজার্ভ সদস্যকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, এই চিঠি তাৎক্ষণিক কোনো সামরিক তলব বা মোতায়েনের সংকেত নয়। সাবেক সেনা বা ভেটেরান্স বিষয়ক মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো সক্রিয় দায়িত্বে ফিরিয়ে আনা হবে না, তবে এই প্রস্তুতি প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং সংঘাতের ঝুঁকি কমাতে সহায়ক হবে। ২০২৫ সালের যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যালোচনায় রিজার্ভ বাহিনীর ভূমিকা শক্তিশালী করা এবং বৃহত্তর সামাজিক অংশগ্রহণের মাধ্যমে প্রতিরক্ষা জোরদার করার সুপারিশ করা হয়েছিল। ন্যাটো ও রাশিয়ার মধ্যে উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে যুক্তরাজ্য এই পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে, রাশিয়া বরাবরই ন্যাটো সদস্য রাষ্ট্রের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে এসেছে এবং সীমান্তের কাছে ন্যাটোর সামরিক তৎপরতা বৃদ্ধিকে আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর কারণ হিসেবে অভিহিত করেছে। সূত্র: লাও দং নিউজ। 873 ডিএন
যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরানে একক সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি বাহিনী
আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন

