যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র ছাড়াই আবেদনের সুযোগ
যুক্তরাজ্যে চাকরির নিয়োগ প্রস্তাব ছাড়াই কাজ ও বসবাসের সুযোগ দিচ্ছে দেশটির বিশেষ অভিবাসন কর্মসূচি ‘হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল’ (এইচপিআই) ভিসা। ২০২৬ সালের নতুন বৈশ্বিক বিশ্ববিদ্যালয়ের তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট সময়ের মধ্যে ডিগ্রি অর্জনকারী যোগ্য গ্র্যাজুয়েটরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর (হোম অফিস) প্রকাশিত তালিকায় এ তথ্য উঠে এসেছে।
২০২৬ সালের ৪ নভেম্বর হালনাগাদ করা তালিকাটি ১ নভেম্বর ২০২৬ থেকে ৩১ অক্টোবর ২০২৭ সালের মধ্যে ডিগ্রি অর্জনকারীদের জন্য প্রযোজ্য। যুক্তরাষ্ট্রের পাশাপাশি অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, চীনসহ বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ও এতে রয়েছে। দেশভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৩৪টি বিশ্ববিদ্যালয় নিয়ে তালিকায় এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত ৩৪টি বিশ্ববিদ্যালয়
১. Boston University
২. Brown University
৩. California Institute of Technology (Caltech)
৪. Carnegie Mellon University
৫. Columbia University
৬. Cornell University
৭. Duke University
৮. Harvard University
৯. Johns Hopkins University
১০. Massachusetts Institute of Technology (MIT)
১১. New York University (NYU)
১২. Northwestern University
১৩. Ohio State University, Columbus
১৪. Princeton University
১৫. Purdue University – West Lafayette
১৬. Stanford University
১৭. The University of Texas at Austin
১৮. University of California, Berkeley
১৯. University of California, Irvine
২০. University of California, Los Angeles (UCLA)
২১. University of California, San Diego
২২. University of California, Santa Barbara
২৩. University of Chicago
২৪. University of Illinois at Urbana-Champaign
২৫. University of Michigan-Ann Arbor
২৬. University of Minnesota
২৭. University of North Carolina at Chapel Hill
২৮. University of Pennsylvania
২৯. University of Southern California
৩০. University of Washington
৩১. University of Wisconsin-Madison
৩২. Vanderbilt University
৩৩. Washington University in St Louis
৩৪. Yale University।
কী এই এইচপিআই ভিসা?
হাই পটেনশিয়াল ইন্ডিভিজুয়াল (HPI) ভিসা মূলত বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী মেধাবী গ্র্যাজুয়েটদের যুক্তরাজ্যে কাজ ও ক্যারিয়ার গড়ার সুযোগ দিতে চালু করা হয়েছে। প্রচলিত অনেক ওয়ার্ক ভিসার মতো এ ক্ষেত্রে আগে থেকে কোনো চাকরির প্রস্তাব কিংবা নিয়োগকর্তার স্পনসরশিপ প্রয়োজন হয় না। সফল আবেদনকারীরা যুক্তরাজ্যে গিয়ে চাকরি খুঁজতে, কাজ করতে কিংবা স্বনিয়োজিত পেশায় যুক্ত হতে পারবেন। তবে পেশাদার খেলোয়াড় বা ক্রীড়া প্রশিক্ষক হিসেবে কাজ করার অনুমতি নেই।এই ভিসার মেয়াদ ডিগ্রির ধরনের ওপর নির্ভর করে। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা দুই বছর এবং পিএইচডি বা সমমানের ডক্টরেট ডিগ্রিধারীরা তিন বছরের অনুমতি পেতে পারেন। তবে এই ভিসা সরাসরি স্থায়ীভাবে বসবাসের সুযোগ বা স্থায়ী নাগরিকত্বের পথ নয়।
আবেদনের জন্য যেসব শর্ত পূরণ করতে হবে
শুধু তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করলেই এই ভিসা পাওয়া যাবে না। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে এবং আবেদনের আগের পাঁচ বছরের মধ্যে যোগ্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করতে হবে। ডিগ্রিটি যুক্তরাজ্যের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের সমমানের কি না, তা Ecctis-এর মাধ্যমে যাচাই করাতে হবে।এ ছাড়া ইংরেজি ভাষায় অন্তত B2 পর্যায়ের দক্ষতা প্রমাণ করতে হবে। আবেদনকারীর আর্থিক সক্ষমতাও থাকতে হবে। সাধারণত যুক্তরাজ্যে অন্তত ১২ মাস বৈধ ভিসায় অবস্থান না করলে নিজের খরচ চালানোর জন্য ব্যাংকে কমপক্ষে ১ হাজার ২৭০ পাউন্ড ২৮ দিন ধরে থাকার প্রমাণ দিতে হয়।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে বছর ডিগ্রি অর্জন করা হয়েছে, সেই বছরের বিশ্ববিদ্যালয় তালিকায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম থাকতে হবে। অর্থাৎ ২০২৬ সালের তালিকায় কোনো বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেই আগের পাঁচ বছরের সব গ্র্যাজুয়েট স্বয়ংক্রিয়ভাবে যোগ্য হবেন না। ডিগ্রি অর্জনের বছর অনুযায়ী সংশ্লিষ্ট তালিকা যাচাই করতে হবে।যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের নিয়ম অনুযায়ী, এইচপিআই ভিসায় বছরে সর্বোচ্চ ৮ হাজার আবেদনের সীমা রয়েছে। একজন ব্যক্তি এই ভিসার জন্য একবারই আবেদন করতে পারবেন। আগে যুক্তরাজ্যের Graduate visa বা Doctorate Extension Scheme-এর সুবিধা নিয়ে থাকলেও এইচপিআই ভিসার আবেদনে বিধিনিষেধ রয়েছে।যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। যোগ্য বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত সময়ের মধ্যে ডিগ্রি অর্জন এবং অন্যান্য শর্ত পূরণ করতে পারলে তাঁরাও চাকরির প্রস্তাব ছাড়াই যুক্তরাজ্যে কাজ ও বসবাসের এই সুযোগের জন্য আবেদন করতে পারবেন।
সংবাদ সূত্র
যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তর, HPI Visa Eligibility Guidelines।
৮৭৬ টিআর
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreকিউবার গুয়ানতানামো বে নৌঘাঁটিতে অভিবাসীদের স্থানান্তর ও আটক রাখার অভিযানে ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি ব্যয় করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। অথচ ২০২৫ সালে অভিযান শুরুর পর থেকে সেখানে আটক রাখা হয়েছে মাত্র ৮৪৯ জন অভিবাসীকে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের মহাপরিদর্শকের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে শুরু হওয়া ‘অপারেশন সাউদার্ন গার্ড’-এ এখন পর্যন্ত ৮ কোটি ১৫ লাখ ডলারের বেশি অর্থ বরাদ্দ দিয়েছে পেন্টাগন। প্রাথমিক পরিকল্পনায় গুয়ানতানামো বে ঘাঁটিতে কয়েক হাজার, এমনকি ৩০ হাজার অভিবাসীকে আটকে রাখার প্রস্তুতি নেওয়া হলেও বাস্তবে সেখানে সর্বোচ্চ ৩৯৯ জনের থাকার সক্ষমতা ছিল। ২০২৫ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত গুরুতর অপরাধে অভিযুক্ত অভিবাসীদের আটকের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, গুয়ানতানামো বে-তে ৩০ হাজার মানুষকে আটকে রাখার মতো জায়গা রয়েছে। এতে অভিবাসী আটকের সক্ষমতা তাৎক্ষণিকভাবে দ্বিগুণ করা সম্ভব হবে বলেও জানিয়েছিলেন তিনি। তবে শুরু থেকেই এই পরিকল্পনার বাস্তবায়ন সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন জানিয়েছিল, নব্বইয়ের দশকে গুয়ানতানামো বে-তে ৩০ হাজার মানুষের থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে সেই সক্ষমতা আর নেই। তা সত্ত্বেও সেখানে তাঁবু স্থাপন এবং শত শত সামরিক সদস্য মোতায়েন করা হয়। প্রতিরক্ষা দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের ৩ সেপ্টেম্বর ঘাঁটিটিতে মাত্র আটজন অভিবাসী আটক ছিলেন। ওই সময় স্বরাষ্ট্র দপ্তরের অভিযান পরিচালনায় সেখানে প্রায় ৩৫০ জন মার্কিন সামরিক সদস্য দায়িত্ব পালন করছিলেন। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আটক অভিবাসীদের সেখানে থাকার গড় সময় ছিল সাত দিন। তবে নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা এবং উড়োজাহাজের সময়সূচি নিয়ে জটিলতার কারণে কারও কারও অবস্থানের সময় বেড়েছে। একজন অভিবাসীকে স্থানান্তরের আগে সর্বোচ্চ ১০২ দিন সেখানে আটকে রাখা হয়েছিল। প্রতিবেদনে অভিযানের অর্থ ব্যয়ের বিস্তারিত খাত তুলে ধরা হয়নি। তবে বরাদ্দের সবচেয়ে বড় অংশ ব্যয় করেছে মার্কিন স্থলবাহিনী। সংশ্লিষ্ট এক সূত্রের দাবি, অভিযান শুরুর আগে পর্যাপ্ত পরিকল্পনা করা হয়নি। ফলে কার্যক্রম শুরু হওয়ার পর পরিকল্পনার ঘাটতি পূরণের চেষ্টা করতে হয়েছে। এর আগে অভিবাসীদের গুয়ানতানামো বে-তে নেওয়ার জন্য প্রায় ২ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক উড়োজাহাজ ব্যবহারের সমালোচনা করেছিলেন ডেমোক্র্যাটরা। প্রতিটি উড্ডয়ন ঘণ্টায় এসব উড়োজাহাজ পরিচালনার ব্যয় ছিল ২৬ হাজার ২৭৭ ডলার। সিনেটর এলিজাবেথ ওয়ারেন এই অভিযানকে রাজনৈতিক প্রদর্শনী বলে সমালোচনা করেছিলেন। এ ছাড়া ট্রাম্প প্রশাসন যাদের সবচেয়ে বিপজ্জনক অপরাধী অভিবাসী হিসেবে চিহ্নিত করছে, তাঁদের অনেকেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাসকারী, কর্মরত এবং পরিবারসহ জীবনযাপন করা আইন মেনে চলা মানুষ বলে দাবি করেছেন ডেমোক্র্যাট ও অভিবাসী অধিকারকর্মীরা। সূত্র: আনাদোলু এজেন্সি
যুক্তরাজ্যের এইচপিআই ভিসার তালিকায় যুক্তরাষ্ট্রের ৩৪ বিশ্ববিদ্যালয়, নিয়োগপত্র ছাড়াই আবেদনের সুযোগ
অস্ট্রেলিয়ায় স্পনসরশিপ ভিত্তিক ৪৮২-ওয়ার্ক -ভিসা'য় শীর্ষে শেফ, তালিকায় রয়েছে ১৫ পেশা
ইরানের বন্দর ছাড়তেই জাহাজে মার্কিন হামলা, অচল করে দিল সামরিক বাহিনী
বিশ্বখ্যাত বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলভিএমএইচ (LVMH)-এর ভবিষ্যৎ নেতৃত্ব ও উত্তরসূরি নির্ধারণ নিয়ে ফ্রান্সের সবচেয়ে ধনী পরিবার আর্নো পরিবারে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার গুঞ্জন জোরালো হয়ে উঠেছে। লুই ভুইটন, ডিওর, টিফানি অ্যান্ড কোং এবং মোয়েত অ্যান্ড শ্যান্ডনের মতো নামিদামি ব্র্যান্ডের মালিক এই সাম্রাজ্যের প্রধান বার্নার্ড আর্নোর পাঁচ সন্তানকে ঘিরে এই উত্তরাধিকার বিতর্ক চলছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বার্নার্ড আর্নোর সন্তানদের ‘আধুনিক যুগের ফরাসি রাজপরিবার’ হিসেবে অভিহিত করা হচ্ছে। ফ্রান্সের ব্যবসা-বাণিজ্য ও সামাজিক পরিমণ্ডলে তাদের ব্যাপক প্রভাব এবং নিজস্ব বলয় থাকার কারণেই এমন তুলনা করা হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ছোটবেলা থেকেই আর্নো যেমন তার বাবার পারিবারিক ব্যবসা পরিদর্শনে যেতেন, তেমনি তিনি নিজেও নিয়মিত তার সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে বিলাসবহুল দোকানগুলো পরিদর্শন করতেন এবং বিশেষ করে কনিষ্ঠ তিন সন্তানকে এই বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য প্রস্তুত করেছেন। ৭৭ বছর বয়সী বার্নার্ড আর্নো ১৯৮৯ সাল থেকে এলভিএমএইচ-এর নেতৃত্ব দিয়ে আসছেন। তার পাঁচ সন্তানই বর্তমানে প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও শীর্ষ পদে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে ডেলফিন আর্নো ক্রিশ্চিয়ান ডিওর কৌচারের দায়িত্বে এবং অ্যান্টোইন ডিওর হোল্ডিং কোম্পানির পাশাপাশি এলভিএমএইচ-এর ভাবমূর্তি ও যোগাযোগ বিভাগ তদারকি করছেন। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কাউকে চূড়ান্ত উত্তরসূরি ঘোষণা করা হয়নি। এদিকে, পারিবারিক নিয়ন্ত্রণ আরও সুসংহত করতে হোল্ডিং কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে আর্নো পরিবার। প্রস্তাবিত একীভূতকরণ পরিকল্পনা অনুযায়ী, পারিবারিক হোল্ডিং কোম্পানি আগাশে এবং ক্রিশ্চিয়ান ডিওরকে একত্রিত করে একটি নতুন কাঠামো দাঁড় করানো হচ্ছে, যার মাধ্যমে এলভিএমএইচ-এর বড় অংশের শেয়ার ও ভোটাধিকার পরিবারের নিয়ন্ত্রণে থাকবে। এই কাঠামোগত পরিবর্তনের ফলে পারিবারিক হোল্ডিং কোম্পানির ব্যবস্থাপক হিসেবে বার্নার্ড আর্নোর দায়িত্ব পালনের বয়সসীমা ৯৫ বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে, যদিও এলভিএমএইচ-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী হিসেবে বয়সসীমা ৮৫ বছরই থাকছে। আগামী ৩০ ডিসেম্বর শেয়ারহোল্ডারদের বৈঠকে এই পুনর্গঠন প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। বিলাসবহুল পণ্যের বাজারে প্রবৃদ্ধির চাপ ও শেয়ারবাজারে ওঠানামার প্রেক্ষাপটে পারিবারিক কোনো বিভাজন প্রতিষ্ঠানকে দুর্বল করে দিতে পারে—এ বিষয়ে বার্নার্ড আর্নো সচেতন। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে তিনি দাবি করেছেন যে তার পরিবার বা সন্তানদের মধ্যে কোনো বিভেদ নেই এবং পাঁচজন দৃঢ় ব্যক্তিত্বের মানুষ একই প্রতিষ্ঠানে কাজ করলেও তা কোনো নাটকীয় রূপ নেবে না। সূত্র: দ্য গার্ডিয়ান। 873 ডিএন
গাজায় এমএসএফের চিকিৎসাকেন্দ্রে ইসরায়েলি হামলায় দুই কর্মী নিহত, আন্তর্জাতিক মহলে নিন্দা
ইতালিতে মুসলিম শিক্ষার্থীদের জন্য নতুন বিধিনিষেধ, স্কুলে নিষিদ্ধ বোরকা-নিকাব
‘সর্বশেষ স্বাধীনতা যোদ্ধা’ নিহত হওয়ার দাবি ভারতের, তবে আসলে কী ঘটছে কাশ্মীরে?
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভেতরে মতবিরোধ প্রকাশ্যে এসেছে। যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের পরিচালক জো কেন্ট। ২০২৬ সালের ১৭ মার্চ তিনি পদত্যাগের ঘোষণা দেন। তাঁর এই সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের জাতীয় নিরাপত্তা ও ইরান নীতি নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করে। পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা চিঠিতে জো কেন্ট বলেন, তিনি বিবেকের কাছে দায়বদ্ধ থেকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারছেন না। তাঁর দাবি, ইরান যুক্তরাষ্ট্রের জন্য আসন্ন বা তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করেনি। বরং ইসরায়েলি কর্মকর্তাদের চাপ এবং যুক্তরাষ্ট্রের ভেতরে ইসরায়েলপন্থী প্রভাবশালী গোষ্ঠীর কারণে এই যুদ্ধে জড়িয়েছে ওয়াশিংটন। কেন্ট তাঁর চিঠিতে ট্রাম্পের আগের নির্বাচনী প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন। তাঁর মতে, ট্রাম্প একসময় মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে না ফেলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এসব যুদ্ধে মার্কিন সেনাদের প্রাণহানি ঘটে এবং দেশের অর্থনৈতিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, পরবর্তী প্রজন্মের মার্কিন নাগরিকদের এমন একটি যুদ্ধে পাঠানো উচিত নয়, যেখানে দেশের জনগণের জন্য সুস্পষ্ট কোনো উপকার নেই এবং মার্কিন সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়ে। জো কেন্ট যুক্তরাষ্ট্রের জাতীয় সন্ত্রাসবিরোধী কেন্দ্রের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এই সংস্থার কাজ হলো সন্ত্রাসী হুমকি শনাক্ত, বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে তথ্য সমন্বয় করা। প্রেসিডেন্ট ও জাতীয় গোয়েন্দা পরিচালকের কাছে সন্ত্রাসবিরোধী বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার দায়িত্বও এই সংস্থার। সাবেক মার্কিন সেনা কর্মকর্তা কেন্টের পদত্যাগের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নিরাপত্তার বিষয়ে কেন্টের অবস্থান দুর্বল ছিল। তাঁর মতে, ইরান যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল এবং সেই কারণেই সামরিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটও কেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, পদত্যাগপত্রে একাধিক ভুল দাবি করা হয়েছে। ট্রাম্পের কাছে ইরানের সম্ভাব্য হামলার বিষয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ ছিল বলেও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়। জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডও জানান, যুক্তরাষ্ট্রের জন্য কোনো হুমকি আসন্ন কি না, তা নির্ধারণের দায়িত্ব প্রেসিডেন্টের। ট্রাম্প গোয়েন্দা তথ্য পর্যালোচনা করেই ইরানকে হুমকি হিসেবে বিবেচনা করে ব্যবস্থা নিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। অন্যদিকে, মার্কিন সিনেটের গোয়েন্দাবিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য মার্ক ওয়ার্নার কেন্টের বক্তব্যের একটি গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে একমত পোষণ করেন। তাঁর মতে, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর আগে যুক্তরাষ্ট্রের সামনে তাৎক্ষণিক হুমকির পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ ছিল কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। জো কেন্টের ব্যক্তিগত জীবনও তাঁর যুদ্ধবিরোধী অবস্থানের সঙ্গে সম্পর্কিত। তাঁর স্ত্রী শ্যানন কেন্ট ২০১৯ সালে সিরিয়ায় ইসলামিক স্টেটের আত্মঘাতী বোমা হামলায় নিহত হন। তিনি মার্কিন নৌবাহিনীর একজন কর্মকর্তা ছিলেন। স্ত্রীর মৃত্যুর অভিজ্ঞতা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সামরিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা উল্লেখ করে কেন্ট বারবার দীর্ঘস্থায়ী বিদেশি যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার বিরোধিতা করেছেন। কেন্টের পদত্যাগের ঘটনাকে ট্রাম্প প্রশাসনের ভেতরে ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ট্রাম্পের ঘনিষ্ঠ রাজনৈতিক সমর্থকদের মধ্যেও বিদেশে সামরিক হস্তক্ষেপ নিয়ে মতপার্থক্য রয়েছে বলে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। তবে কেন্টের অভিযোগ এবং হোয়াইট হাউসের বক্তব্যের মধ্যে স্পষ্ট বিরোধ রয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক হুমকি ছিল কি না এবং সামরিক অভিযান শুরুর সিদ্ধান্তের পেছনে কী ধরনের গোয়েন্দা তথ্য ছিল, তা নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, রয়টার্স, আলজাজিরা, সিবিএস নিউজ। 874 এসকিউ
সীমান্তে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গোপন তৎপরতা ও 'প্ল্যান এ, বি, সি, ডি'র নেপথ্যে কী?
‘এআই সুপারপাওয়ার’ হতে চায় ইসরায়েল! কীভাবে নিজেদের প্রযুক্তি ও সামরিক শক্তি বাড়াচ্ছে দেশটি?

