সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
চাঁদের মাটির মতো তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। ছবি: সংগৃহীত
চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য

চাঁদের পৃষ্ঠের মাটির মতো করে তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। পৃথিবীর গ্রিনহাউসে চালানো পরীক্ষায় একটি মিশ্রণে ৩০ শতাংশ কেঁচো সার যোগ করার পর গাছের বৃদ্ধি ও ফলন সাধারণ মাটিতে চাষ করা আলুর কাছাকাছি পৌঁছায়। দীর্ঘমেয়াদি চন্দ্র অভিযানে সেখানে খাদ্য উৎপাদনের সম্ভাবনা বুঝতে করা গবেষণাটি ১৯ নভেম্বর বিজ্ঞান সাময়িকী ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’তে প্রকাশিত হয়েছে।    গবেষক ডেভিড হ্যান্ডি ও আইমেরিক গোয়ারের দল চাঁদের বিভিন্ন এলাকার মাটির অনুকরণে তৈরি পাঁচ ধরনের খনিজ মিশ্রণ পরীক্ষা করেছে। তাঁরা বেছে নেন দ্রুত পরিপক্ব হওয়া লাল খোসার ‘মোডক’ জাতের আলু। ফলন তুলনার জন্য ওরেগনের হারমিস্টন এলাকার বেলে মাটিতেও একই জাতের আলু চাষ করা হয়। সব কটি পরীক্ষায় ধীরে ধীরে পুষ্টি ছাড়ে এমন সার দেওয়া হয়েছিল, যাতে নাইট্রোজেনের ঘাটতি ফলাফলকে প্রভাবিত না করে।    কেঁচো সার ছাড়া চাঁদের মাটির অনুকরণে তৈরি মিশ্রণে গাছের বৃদ্ধি ছিল সীমিত। একটি মিশ্রণে আয়তনের হিসাবে ৩০ শতাংশ কেঁচো সার যোগ করার পর কিছু নমুনায় আলুর ওজন ওরেগনের মাটিতে ফলানো আলুর সমান বা তার চেয়েও বেশি হয়েছে। তবে মিশ্রণের ধরন ও কেঁচো সারের পরিমাণ বদলালে ফলনেও পার্থক্য দেখা গেছে।    পরীক্ষাগারে উৎপাদিত আলুর রাসায়নিক উপাদানেও বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। বেশি মাত্রায় ক্ষতিকর হতে পারে এমন প্রাকৃতিক যৌগ গ্লাইকোঅ্যালকালয়েডের মাত্রা মোটামুটি একই ছিল। তবে কয়েকটি মিশ্রণে ফলানো আলুতে তামা, দস্তা ও অ্যালুমিনিয়ামের মাত্রা কিছুটা বেশি পাওয়া গেছে। দীর্ঘমেয়াদে এর প্রভাব বুঝতে আরও পরীক্ষা ও পর্যবেক্ষণের কথা বলেছেন গবেষকেরা।    চাঁদে দীর্ঘ সময় অবস্থান করতে হলে স্থানীয়ভাবে খাদ্য উৎপাদন করা গেলে পৃথিবী থেকে রসদ পাঠানোর ওপর নির্ভরতা কমবে। গোয়ারের মতে, কৃত্রিম মিশ্রণে আলুগাছের পূর্ণ জীবনচক্র সম্পন্ন হওয়া সেই লক্ষ্য অর্জনের পথে একটি ধাপ। চাঁদের প্রকৃত মাটিতে গাছের প্রতিক্রিয়া ভিন্ন হতে পারে বলে গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে। 

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ১০:৪২
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অতিসক্রিয় জেট স্ট্রিমের প্রভাবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে একের পর এক শক্তিশালী ঝড় আঘাত হানতে যাচ্ছে। ফক্স ফোরকাস্ট সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিং ছুটির পুরো সপ্তাহজুড়ে প্যাসিফিক নর্থওয়েস্ট থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত নিচু এলাকাগুলোতে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং উঁচু পার্বত্য অঞ্চলগুলো কয়েক ফুট পুরু তুষারে ঢাকা পড়বে।   মাত্র কয়েক দিন আগেই শক্তিশালী ‘অ্যাটমোস্ফিয়ারিক রিভার’ বা বায়ুমণ্ডলীয় নদীর প্রভাবে সৃষ্ট বন্যায় সান ফ্রান্সিসকোতে শতাব্দীপ্রাচীন বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে গেছে এবং লক্ষাধিক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সেই ক্ষত শুকানোর আগেই নতুন এই ঝড়ের সারি উপকূলীয় জনপদ ও ছুটিতে ঘরমুখো লাখো মানুষের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।   আবহাওয়াবিদদের তথ্যমতে, আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম ঝড়টি আঘাত হানবে, যার প্রভাবে ওয়াশিংটন অঙ্গরাজ্য থেকে শুরু করে উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। ইতোমধ্যে পানিতে টইটম্বুর হয়ে থাকা ক্যালিফোর্নিয়ার মাটিতে নতুন এই বর্ষণ আকস্মিক বন্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে।   বৃষ্টির পাশাপাশি প্রবল ঝোড়ো বাতাসের কারণে সিয়াটল-টাকোমা এবং সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ফ্লাইট বিলম্ব ও বাতিলের বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। সপ্তাহজুড়ে চলমান এই বৈরী আবহাওয়ায় সিয়েরা নেভাদা, ক্যাসকেডস এবং রকি পর্বতমালায় ভারী তুষারপাতের ফলে পার্বত্য মহাসড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়তে পারে।   স্থলভাগে ঝড়-বৃষ্টির পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সম্ভাব্য সর্বোচ্চ উচ্চতার জোয়ার বা ‘কিং টাইড’। এল নিনো পরিস্থিতি ও চন্দ্রচক্রের প্রভাবে এই জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে উপকূলীয় নিচু এলাকায় জলোচ্ছ্বাস ও তীব্র সৈকত ভাঙন ঘটাতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।   সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে সান পাবলো বে পর্যন্ত আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত উপকূলীয় বন্যার সতর্কতা (কোস্টাল ফ্লাড ওয়ার্নিং) জারি করা হয়েছে। এ ছাড়া দক্ষিণে লস অ্যাঞ্জেলেসের উত্তর অংশ থেকে সান দিয়েগো পর্যন্ত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপকূলীয় বন্যার পরামর্শক বার্তা কার্যকর থাকবে।   থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ সড়ক ও আকাশপথে ভ্রমণের প্রস্তুতি নেওয়ায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেশটির পরিবহন ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি করতে পারে। তুষারপাত ও প্লাবিত সড়কের কারণে মহাসড়কে যানজট ও ধীরগতির পাশাপাশি বিমানবন্দরগুলোতে কম দৃশ্যমানতা এবং ঝোড়ো হাওয়ার প্রভাবে ফ্লাইট বিপর্যয়ের ঢেউ পশ্চিম উপকূল ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।   বিশেষ করে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালে এখন পর্যন্ত আবহাওয়াজনিত কারণে প্রায় ১২ হাজার ৭০০টি ফ্লাইট বিলম্বিত হওয়ার পর নতুন এই ঝড় পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ১০:৩৯
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির ভ্রমণের ব্যস্ততার মধ্যেই সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় যাত্রীদের টেনেহিঁচড়ে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)। গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকা ‘আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১৩০৬’-এর বোর্ডিং চলাকালে জনাকীর্ণ জেট ব্রিজে এই নাটকীয় অভিযান চালানো হয়। আকস্মিক এই অভিযানের জেরে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি এবং বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।   ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরা এবং কোনো পরিচয়চিহ্নহীন জ্যাকেট ও খাকি প্যান্ট পরিহিত আইসিই কর্মকর্তারা অন্তত একজন নারীকে জেট ব্রিজের মেঝেতে চেপে ধরে আটক করার চেষ্টা করছেন। মাত্র কয়েক ফুট দূরে স্যুটকেস হাতে দাঁড়িয়ে থাকা হতভম্ব যাত্রীদের সামনে ওই নারী চিৎকার করে বলতে থাকেন যে তার বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র রয়েছে। তবুও কর্মকর্তারা বলপ্রয়োগ করে তাকে নিয়ন্ত্রণে নেন।   অভিযানের বিষয়ে আইসিই কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে রিকার্ডো ল্যারোন্ডো মেন্ডোজা নামের এক মেক্সিকান নাগরিককে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়েছিল। সংস্থাটির দাবি, অভিযানের সময় সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামের অপর এক যাত্রী কর্মকর্তাদের লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারেন। আইসিই আরও জানায়, হার্নান্দেজ মেজিয়াও ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবৈধভাবে দেশে অবস্থান করছিলেন এবং ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে।   এদিকে এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে আলাস্কা এয়ারলাইন্স এবং বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা পোর্ট অব সিয়াটল। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইন্স জানায়, এই অভিযানের বিষয়ে আইসিই তাদের আগে থেকে কোনো তথ্য দেয়নি।   ঘটনাটি কর্মী ও যাত্রীদের জন্য অত্যন্ত পীড়াদায়ক ছিল উল্লেখ করে সংস্থাটি জানায়, যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে তারা পোর্ট অব সিয়াটলের সঙ্গে কাজ করছে এবং সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানিয়েছে। পোর্ট অব সিয়াটলও আটক পরিবার ও সহযাত্রীদের জন্য ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে।   বিমানবন্দরের ভেতরে অভিবাসন সংস্থার এমন আগ্রাসী অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন। কোনো কূটনৈতিক রাখঢাক না রেখেই তিনি ফেডারেল সংস্থাটির এই কৌশলকে ‘চরমভাবে আমেরিকান মূল্যবোধবিরোধী’ (ডিপলি আন-আমেরিকান) বলে আখ্যায়িত করেন এবং আইসিই সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানান।

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ১০:২৩
স্নায়ুবিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত
সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী

ওয়াশিংটন ডিসিতে স্নায়ুবিজ্ঞানবিষয়ক সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভার্জিনিয়ার আর্লিংটনে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। তাঁর আইনজীবীরা আটকের বৈধতা চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে আবেদন করেছেন।    ২৪ বছর বয়সী ইভা প্রিন্সটনে স্নায়ুবিজ্ঞানে পিএইচডির তৃতীয় বর্ষে পড়ছেন। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, আটকের আগের দিন সোসাইটি ফর নিউরোসায়েন্সের বার্ষিক সম্মেলনে তিনি পোস্টারের মাধ্যমে নিজের গবেষণা উপস্থাপন করেন। পরদিন অভ্যন্তরীণ একটি ফ্লাইট ধরতে বিমানবন্দরে গেলে তাঁকে হেফাজতে নেন অভিবাসন কর্মকর্তারা।    ইভার আইনজীবী কেরি ডয়েল বিশ্ববিদ্যালয়ের সংবাদপত্রটিকে জানান, চীনে জন্ম নেওয়া ইভা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যুক্তরাষ্ট্রে আসেন। তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিচারাধীন রয়েছে বলে জানান ডয়েল। অভিবাসন আদালতে তাঁর শুনানি ২০২৮ সালের শুরুর দিকে নির্ধারিত আছে।    যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পিক্স১১কে জানিয়েছে, ২০১৬ সালের মার্চে ইভা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। বিভাগের দাবি, সে বছরের সেপ্টেম্বরে অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দেশ ছাড়েননি। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলাকালে আইসিই হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে বিভাগটি।    শুক্রবার এক ফেডারেল বিচারক নির্দেশ দেন, আটকের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় ইভাকে ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় ফেডারেল বিচারিক জেলার বাইরে নেওয়া যাবে না। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, তাঁকে ভার্জিনিয়ার শ্যান্টিলি থেকে একই অঙ্গরাজ্যের বোলিং গ্রিনে ক্যারোলাইন ডিটেনশন ফ্যাসিলিটিতে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকালে আইসিইর অনলাইন আটক তালিকায় নতুন অবস্থান দেখা যায়।    প্রিন্সটনের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি প্রিস্টলি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ইভার জন্য আইনজীবীর ব্যবস্থা করেছে। সহায়তা দিতে বিশ্ববিদ্যালয় তাঁর পরিবার, সহকর্মী ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছে।    সূত্র: দ্য ডেইলি প্রিন্সটনিয়ান

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ১০:১৫
শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা
শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের বেনাপোল সীমান্তের বিপরীতে পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় গিয়ে তাঁরা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে শেখ হাসিনার দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ বা পথ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।   ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এই সময় এবং বাংলাদেশের এনপিবি নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত পরিদর্শনে যাওয়া চার নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।   রোববার দুপুর ২টার দিকে তাঁদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তাঁরা কলকাতার উদ্দেশে রওনা হন।   তবে বৈঠকে কারা অংশ নিয়েছিলেন এবং কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।   হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য একটি পথের ওপর নির্ভর না করে বিকল্প সীমান্তপথও বিবেচনা করছেন আওয়ামী লীগের নেতারা।   এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাঁদের।   প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) ত্রিপুরায় যাওয়ার কথা রয়েছে নেতাদের। পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত সম্ভাব্য যাতায়াতের পথ পর্যবেক্ষণ করতে পারেন তাঁরা।   তবে এসব সফর ও পরিকল্পনা সম্পর্কে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি প্রকাশ করা হয়নি।   এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।   তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার বা সংশ্লিষ্ট হাইকমিশনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে যোগাযোগের উদ্দেশ্য ও অগ্রগতি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।   ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন।   বাংলাদেশ সরকার তাঁর প্রত্যর্পণ চেয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতার ঘোষণা পাওয়া যায়নি।   সম্প্রতি শেখ হাসিনার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই আওয়ামী লীগের চার নেতার সীমান্ত পরিদর্শনের খবর সামনে এলো।   সংবাদসূত্র হিন্দুস্তান টাইমস বাংলা

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ১০:৫
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে একটি সুপারমার্কেটের পার্কিং লটে গাড়িচাপায় ৮২ বছর বয়সী এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত অবৈধ অভিবাসীর বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ না আনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ। গত ১৬ মে ফ্লোরিডার পানামা সিটি বিচে অবস্থিত ‘পাবলিক্স’ গ্রোসারি স্টোরের বাইরে গাড়ি পেছনে নেওয়ার সময় ডেবোরা মারফি নামের ওই বৃদ্ধাকে চাপা দেওয়ার অভিযোগ ওঠে ২৬ বছর বয়সী ভেনেজুয়েলান নাগরিক কার্লোস সুয়ারেজ-কনট্রেরাসের বিরুদ্ধে। তবে দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে মামলা দায়ের না করার ঘোষণা দেওয়ায় নিহতের পরিবারে তীব্র ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে।   ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, কেনাকাটা শেষে সংক্ষিপ্ত বিরতির পর হাতে ব্যাগ নিয়ে নিজের গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন ডেবোরা মারফি। ঠিক সে সময় পেছন দিকে চলতে থাকা একটি ‘টয়োটা ফোররানার’ গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে চাপা দেয়। এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকে ভেনেজুয়েলা থেকে আসা নথিপত্রহীন অভিবাসী কার্লোস সুয়ারেজ-কনট্রেরাস ফৌজদারি তদন্তের আওতায় ছিলেন।   তবে ফ্লোরিডার ১৪তম জুডিশিয়াল সার্কিটের স্টেট অ্যাটর্নি ল্যারি বাসফোর্ড মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ ডিজিটাল’-কে জানিয়েছেন, এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনের মতো আইনি ভিত্তি পাওয়া যায়নি। তিনি স্বীকার করেন যে চালকের আচরণ ছিল অসতর্ক ও অবহেলাপূর্ণ, তবে প্রতিটি ট্র্যাজেডিই আইনের চোখে অপরাধ হিসেবে গণ্য হয় না। তদন্তকারীদের পর্যবেক্ষণ তুলে ধরে ওই প্রসিকিউটর আরও জানান, সুয়ারেজ-কনট্রেরাস গাড়িটি এতটা দ্রুতগতিতে পেছনে নিচ্ছিলেন না যাতে সেটিকে আইনি ভাষায় ‘বেপরোয়া ড্রাইভিং’ হিসেবে প্রমাণ করা যায়।   রাষ্ট্রপক্ষের এমন সিদ্ধান্তে চরম অসন্তোষ প্রকাশ করেছেন নিহত ডেবোরা মারফির মেয়ে অ্যামি এজ। ফক্স নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, ফ্লোরিডা অঙ্গরাজ্য কর্তৃপক্ষ তাদের মায়ের মৃত্যুর ন্যায়বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এই সিদ্ধান্তে তারা চরমভাবে প্রতারিত বোধ করছেন এবং মনে হচ্ছে যেন মাকে হারানোর শোক আবার নতুন করে ফিরে এসেছে।   দুর্ঘটনার সময় মা সম্পূর্ণ সুস্থ ছিলেন উল্লেখ করে অ্যামি এজ অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি ঘটনার পর সামান্যতম অনুশোচনাও দেখাননি। ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ওই ব্যক্তিই তার মাকে হত্যা করেছেন; দুর্ঘটনার পর তিনি গাড়ি থেকে নামেননি, সাহায্যের জন্য এগিয়ে আসেননি, এমনকি গাড়ি থামাননি পর্যন্ত—বরং পার্কিং স্পট থেকে স্বাভাবিকভাবে বের হওয়ার বদলে তিনি সরাসরি পেছনের দিকে গাড়ি চালিয়েছিলেন।

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ১০:৫
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসকারী অধ্যাপক ফিরোজুল হক চৌধুরীর ব্যাংক হিসাব থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে। ছবি: সংগৃহীত
বাংলাদেশি অধ্যাপক যুক্তরাজ্য প্রবাসী ফিরোজুল হক চৌধুরীর ব্যাংক থেকে সাড়ে ৭ কোটি টাকা উধাও

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক ফিরোজুল হক চৌধুরীর ব্যাংক হিসাব থেকে প্রায় সাড়ে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রামে মামলা হয়েছে। একুশে টেলিভিশন জানিয়েছে, ২০২৬ সালের ১ অক্টোবর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে মামলাটি করেন তাঁর ছেলে রিচার্ড চৌধুরী। মামলার ১৩ আসামির মধ্যে ফিরোজুল হকের ছোট বোন, তাঁর পরিবারের কয়েকজন সদস্য এবং ইস্টার্ন ব্যাংকের কর্মকর্তারা রয়েছেন।    চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের ফিরোজুল হক ২০১৫ সালে নোয়াখালীর চৌমুহনীতে ইস্টার্ন ব্যাংকের একটি শাখায় সঞ্চয়ী হিসাব খোলেন। ওই হিসাবের নমিনি করেন ছোট বোন ফাতেমা বেগমকে। বাদীপক্ষের দাবি, বিভিন্ন সময়ে ওই হিসাবে প্রায় সাড়ে ১০ কোটি টাকা জমা হয়েছিল। রিচার্ডের আইনজীবীর অভিযোগ, ফিরোজুল হক যুক্তরাজ্যে থাকার সময় তাঁর স্বাক্ষর জাল করে চেকের মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকা তুলে নেওয়া হয়। ব্যাংকের বিভিন্ন শাখা হয়ে ওই অর্থ কয়েকজনের হিসাবে যায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।    দৈনিক মানবজমিনের প্রতিবেদনে চেকের নথি উদ্ধৃত করে বলা হয়, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ফিরোজুল হকের হিসাব থেকে ফাতেমার হিসাবে এক কোটি টাকা স্থানান্তর করা হয়। ২০২০ সালের জুনে একই হিসাবে যায় আরও সাত লাখ ৮০ হাজার টাকা। ২০২৩ সালের জানুয়ারিতে ফাতেমার ছেলে সাকিব ইমাম চৌধুরী ও তাঁর স্ত্রীর যৌথ হিসাবে ৩১ লাখ ২৫ হাজার টাকা স্থানান্তরের তথ্যও প্রতিবেদনে উঠে আসে। কয়েকটি চেক নিষ্পত্তির আগে হিসাব খোলার সময় দেওয়া নম্বরে যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ রিচার্ডের।    মানবজমিনকে সাকিব ইমাম চৌধুরী বলেন, ফিরোজুল হকের হিসাব থেকে তাঁর হিসাবে প্রায় ৩১ লাখ টাকা এসেছিল। তবে তিনি নিজে ফিরোজুল হকের হিসাব থেকে টাকা উত্তোলনের অভিযোগ অস্বীকার করেন। তাঁর দাবি, ফাতেমা বেগমকে টাকা তোলার ক্ষমতা দিয়ে পাওয়ার অব অ্যাটর্নি দিয়েছিলেন ফিরোজুল হক।    ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বর মানবজমিনে প্রকাশিত প্রতিবাদে ইস্টার্ন ব্যাংক জানায়, ফিরোজুল হকের হিসাবে সাড়ে ১০ কোটি টাকা জমার দাবি সঠিক নয়। ব্যাংকটির দাবি, টাকা উত্তোলন, স্থানান্তর ও চেক নিষ্পত্তি ব্যাংকিং বিধি মেনেই করা হয়েছে। ব্যাংক সে সময় আরও জানায়, ফিরোজুল হকের দুটি স্থায়ী আমানত ও সঞ্চয়ী হিসাবের কিছু অর্থ স্থগিত ছিল। প্রয়োজনীয় দলিলপত্র পেলে সেগুলোর নিষ্পত্তি করা হবে।    পরিবারের ভাষ্য, ২০২৩ সালে বাংলাদেশে এসে ফিরোজুল হক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার বিল মেটাতে গিয়ে তাঁরা হিসাবের টাকার গরমিল টের পান। পরে তিনি যুক্তরাজ্যে ফিরে যান এবং ওই বছরই ম্যানচেস্টারে মারা যান। তাঁর মৃত্যুর পর পটিয়ার জমি নিয়ে বিরোধের মধ্যে জাল মৃত্যুসনদ তৈরির অভিযোগেও চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক মামলা হয়েছে বলে জানিয়েছে একুশে টেলিভিশন।  সূত্র: মানবজমিন

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ১০:৩
ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগে ৯ ডিসেম্বর বিশেষ আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। ছবি: সংগৃহীত
ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার

নিউ ইয়র্কের ব্রুকলিনে স্পেশাল অফিসার পদে নিয়োগের জন্য ৯ ডিসেম্বর বুধবার একটি আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। উডহাল হাসপাতালে অনুষ্ঠেয় এই আয়োজনে অংশ নিতে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে। পদটিতে শুরুর বার্ষিক বেতন ৪০ হাজার ৪৮০ ডলার। পাঁচ বছর পর তা বেড়ে হবে ৫৮ হাজার ৩৪৫ ডলার।    হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নিয়োগ আয়োজনের দুটি সেশন রয়েছে। প্রথমটি স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১১টা, দ্বিতীয়টি দুপুর ২টা থেকে ৩টা। আয়োজনের ঠিকানা ব্রুকলিনের ৭৬০ ব্রডওয়ে, নিউ ইয়র্ক ১১২০৬। সংস্থার ক্যারিয়ার পেজে ‘উডহাল স্পেশাল অফিসার রিক্রুটমেন্ট ইভেন্ট’ থেকে নিবন্ধন করা যাবে।    আবেদনকারীর বয়স অন্তত ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের জিইডি গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাধ্যতামূলক। চাকরিতে থাকাকালে নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরোর যেকোনো একটিতে বসবাস করতে হবে। কিছু দায়িত্বের জন্য নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বৈধ ড্রাইভার লাইসেন্সও লাগতে পারে।    অস্ত্র শনাক্তকরণ ব্যবস্থার প্রশিক্ষণ শেষ করলে স্পেশাল অফিসাররা বছরে অতিরিক্ত ৫ হাজার ডলার পাবেন। চাকরির সুবিধার মধ্যে রয়েছে পেনশন ও অবসরকালীন সঞ্চয় পরিকল্পনা। সপ্তাহে অন্তত ২০ ঘণ্টা কাজের জন্য নিয়োগ পাওয়া কর্মীরা স্বাস্থ্যসুবিধা পাবেন। বেতনসহ ছুটি প্রযোজ্য শ্রমচুক্তি অনুযায়ী নির্ধারিত হবে।    সূত্র: এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ৯:৩৩
কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’
কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’

ইরানের সঙ্গে সংঘাতের শুরুতে কুয়েতে ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহতের ঘটনায় পেন্টাগনের আসন্ন অভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদনের ফলাফল নিয়ে তীব্র অসন্তোষ ও হতাশা প্রকাশ করেছেন নিহত সেনাদের স্বজনেরা। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় ‘গোল্ড স্টার’ খ্যাত এসব পরিবারের সদস্যরা জানিয়েছেন, হামলার আগে সামরিক প্রস্তুতি এবং হামলা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে তাদের মৌলিক উদ্বেগগুলোর কোনো সন্তোষজনক জবাব মেলেনি সেনাবাহিনীর ব্রিফিংয়ে।   গত ১ মার্চ ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে কুয়েতের পোর্ট শুয়াইবায় অবস্থিত একটি মার্কিন কমান্ড পোস্টে ড্রোন হামলায় ছয়জন ইউএস আর্মি রিজার্ভ সেনা প্রাণ হারান। ইরান সংঘাতে মার্কিন বাহিনীর ওপর অন্যতম প্রাণঘাতী এই হামলার বিষয়ে দীর্ঘ প্রতীক্ষিত অভ্যন্তরীণ তদন্তের অগোপনীয় (আনক্লাসিফায়েড) ফলাফল সম্পর্কে গত এক সপ্তাহে অন্তত তিনটি নিহত সেনা পরিবারকে ব্রিফ করেছে মার্কিন সেনাবাহিনী।   ইউএস আর্মি সেন্ট্রালের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল পিটার গ্লাসের নেতৃত্বে পরিবারগুলোর নিজ নিজ এলাকার নিকটবর্তী সামরিক বা ন্যাশনাল গার্ড ঘাঁটিতে পৃথকভাবে এসব ব্রিফিং অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিক প্রতিবেদনটি এখনো জনসমক্ষে প্রকাশ করা না হলেও আগামী কয়েক দিনের মধ্যেই তা প্রকাশ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে পেন্টাগন।   প্রায় তিন ঘণ্টাব্যাপী ব্রিফিং শেষে এক নিহত সেনার স্বজন সিবিএস নিউজকে বলেন, এই আলোচনা থেকে নতুন বা স্বস্তিদায়ক কোনো উত্তরই তিনি পাননি। পরিবারগুলোর অভিযোগ, সিবিএস নিউজের আট মাসব্যাপী অনুসন্ধানে যেসব তথ্য উঠে এসেছে, পেন্টাগনের প্রতিবেদনে সেসব বিষয়ে কার্যকর কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।   ওই অনুসন্ধানে একাধিক সূত্র জানিয়েছিল যে, হামলার কয়েক সপ্তাহ আগে থেকেই ড্রোন হামলার আশঙ্কা নিয়ে বারবার সতর্ক করা হলেও সেনা কমান্ডাররা তা উপেক্ষা করেছিলেন। প্রত্যক্ষদর্শী ও সেখানে দায়িত্বরত সেনাদের মতে, ইরানের প্রধান অস্ত্র একমুখী আত্মঘাতী ড্রোন হামলা প্রতিহত করার মতো কোনো সুরক্ষিত অবকাঠামো ওই ঘাঁটিতে ছিল না।   এমনকি যুদ্ধ শুরুর আগেই মার্কিন গোয়েন্দা তথ্যে ওই স্থানটি ইরানের লক্ষ্যবস্তুর তালিকায় থাকার বিষয়টি সেনারা দেখেছিলেন এবং সেখানে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও বড় ধরনের হতাহতের ঘটনা সামাল দেওয়ার কোনো পরিকল্পনাও ছিল না।   নিহত পরিবারগুলোর এই ব্রিফিংয়ের মাত্র কয়েক দিন আগেই ওই হামলায় বেঁচে যাওয়া এক মার্কিন সেনা কর্মকর্তা কংগ্রেসে একটি হুইসেলব্লোয়ার অভিযোগ দাখিল করেছেন। মার্কিন সেনাবাহিনীর মেজর স্টিফেন র‍্যামসবটম গত ১৩ নভেম্বর প্রতিনিধি পরিষদ ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিতে জমা দেওয়া ওই অভিযোগে জানান, পোর্ট শুয়াইবার কমান্ড পোস্টে ড্রোন হামলার ঝুঁকির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সতর্ক করা হলেও সেখানে ড্রোন প্রতিরোধী কোনো বিশেষ সুরক্ষা ব্যবস্থা রাখা হয়নি।   সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে সাংবাদিক নোরা ও’ডনেলকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে র‍্যামসবটম ইউনিট কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ক্লিন্ট বার্নস এবং লজিস্টিকস তদারককারী মেজর জেনারেল জন হিনসনের বিরুদ্ধে সতর্কবার্তা উপেক্ষা করার অভিযোগ তুলে ঘটনাটির স্বাধীন তদন্ত দাবি করেন। তবে এ বিষয়ে ওই দুই কর্মকর্তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।   ব্রিফিংয়ে অংশ নেওয়া আরেকটি পরিবার জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর আগে কুয়েত থেকে অধিকাংশ সেনাকে সরিয়ে নেওয়া হলেও কেন এই ইউনিটটিকে পোর্ট শুয়াইবায় স্থানান্তর করা হয়েছিল—তা নিয়ে প্রশ্ন তুললে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং মানসিক চাপে কয়েকবার বিরতি নিতে হয়।   হামলায় নিহত মাস্টার সার্জেন্ট নিকোল অ্যামোরের স্বামী জোয়ি অ্যামোর ‘৬০ মিনিটস’-কে বলেন, যথাযথ পরিকল্পনা থাকলে হয়তো তার স্ত্রী বেঁচে যেতে পারতেন। যদিও তদন্তকারীরা তাকে জানিয়েছেন, আঘাতের তীব্রতা এতটাই বেশি ছিল যে চিকিৎসা সরঞ্জাম থাকলেও নিকোলের বেঁচে থাকার সম্ভাবনা ছিল না। এ ছাড়া পেন্টাগন গত জুন মাসেই অভ্যন্তরীণ তদন্ত শেষ করলেও নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত পরিবারগুলোকে ফলাফল না জানানোয় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনেরা।

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ৯:২০
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন থেকে ফ্লোরিডার টাম্পাগামী একটি যাত্রীবাহী বিমানে উড্ডয়নের আগে অদ্ভুত ঘটনা ঘটেছে। যাত্রীর সঙ্গে থাকা একটি পোষা বিড়াল খাঁচা থেকে বেরিয়ে বিমানের কেবিনে ঘোরাঘুরি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে রানওয়ের দিকে এগিয়ে যাওয়া বিমানটি থামাতে হয়। এতে প্রায় ১৫ মিনিট বিলম্ব হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছায় ফ্লাইটটি।   শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে।    ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ২৭০৬ বোস্টন থেকে টাম্পার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় একটি পোষা বিড়াল তার বহনযোগ্য খাঁচা থেকে বেরিয়ে পড়ে।   বিড়ালটি কেবিনে ঘোরাঘুরি শুরু করলে বিমানের কর্মীরা সেটিকে ধরার চেষ্টা করেন। এ সময় পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটি কিছুক্ষণের জন্য থামানোর অনুমতি চান।   পাইলট জানান, বিমানের কেবিনে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সেটি সামাল দিতে তাঁদের কিছু সময় প্রয়োজন।   এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটিকে নিরাপদ স্থানে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এরপর কর্মীরা বিড়ালটিকে ধরে আবার খাঁচায় ঢোকান।   পরিস্থিতি স্বাভাবিক হলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ব্যাখ্যা করেন, একটি বিড়াল খাঁচা থেকে বেরিয়ে কেবিনে ঘোরাঘুরি করছিল।   ঘটনার কথা শুনে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তা হাসতে হাসতে জানান, এমন পরিস্থিতি তাঁর কাছে নতুন। এরপর পাইলটকে শুভযাত্রা জানিয়ে মজা করে বিড়ালের ডাকের অনুকরণে ‘মিয়াও’ বলেন।   পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের এই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।   ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, বিড়ালটিকে নিরাপদে খাঁচায় ফেরানোর পর বিমানটি আবার রানওয়ের দিকে এগিয়ে যায় এবং স্বাভাবিকভাবে উড্ডয়ন করে।   ঘটনার কারণে উড্ডয়নে সাময়িক বিলম্ব হলেও ফ্লাইটটি নির্ধারিত সময়েই ফ্লোরিডার টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।   তবে বিড়ালটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল কিংবা সেটিকে ধরতে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান সংস্থা।   ডেল্টা এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করে যাত্রীরা ছোট আকারের বিড়াল ও কুকুর বিমানের কেবিনে নিতে পারেন। তবে পুরো যাত্রায় পোষা প্রাণীকে অনুমোদিত খাঁচার ভেতরে রাখতে হয়।   বিমানবন্দরে চেকইন, বিমানে ওঠা এবং ফ্লাইট চলাকালেও এই নিয়ম অনুসরণ করতে হয়। পোষা প্রাণীর খাঁচাটি সাধারণত যাত্রীর সামনের আসনের নিচে রাখার উপযোগী হতে হবে।   বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নিয়ম রয়েছে।   বোস্টনের ঘটনাটিতে কোনো যাত্রী বা প্রাণীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সাময়িক এই বিপত্তি কাটিয়ে স্বাভাবিকভাবেই যাত্রা শেষ করেছে বিমানটি।   সংবাদসূত্র ডব্লিউসিভিবি, ডেল্টা এয়ারলাইনস

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ৯:১৭
অপরাহ উইনফ্রে। ছবি: অ্যাফ্রোডাইটি-ইন-এনওয়াইসি / উইকিমিডিয়া কমন্স / সিসি বাই ২.০। ছবিটি ক্রপ করেছে আমেরিকা বাংলা
উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে দীর্ঘদিন ধরেই শিক্ষা ও মানবকল্যাণে অবদান রেখে আসছেন। তাঁর প্রতিষ্ঠিত বৃত্তি কর্মসূচির সহায়তায় আটলান্টার মোরহাউস কলেজ থেকে প্রায় ৮০০ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন। আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ১৯৮৯ সালে এই উদ্যোগ শুরু করেছিলেন তিনি।   প্রায় চার দশক ধরে চলা এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি, কলেজের অন্যান্য খরচ এবং আবাসন ব্যয়ে সহায়তা দেওয়া হয়েছে। শুধু আর্থিক সহায়তাই নয়, শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বিকাশ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগও রয়েছে এই কর্মসূচিতে।   ২০২৬ সালের ২৪ এপ্রিল মোরহাউস কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত স্নাতক-পূর্ব এক বিশেষ অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন অপরাহ উইনফ্রে। তাঁর বৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন, তাঁদের অভিজ্ঞতা শোনেন এবং দীর্ঘদিনের এই উদ্যোগ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।   মোরহাউস কলেজের এই বৃত্তি কর্মসূচিতে অপরাহর মোট আর্থিক অবদান ২ কোটি ৫০ লাখ ডলার। ২০১৯ সালে কর্মসূচির ৩০ বছর পূর্তি উপলক্ষে তিনি নতুন করে ১ কোটি ৩০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছিলেন। এর আগে ১৯৮৯ সালে ১ কোটি ২০ লাখ ডলারের প্রাথমিক বিনিয়োগের মাধ্যমে উদ্যোগটির যাত্রা শুরু হয়।   অপরাহর এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের কলেজের পড়াশোনা শেষ করতে সহায়তা করা নয়, বরং তাঁদের ভবিষ্যৎ নেতৃত্ব ও সামাজিক অবদানের জন্য প্রস্তুত করা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কমিউনিটি সার্ভিস, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রত্যাশাও রয়েছে।   একজন টেলিভিশন উপস্থাপক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেলেও অপরাহ উইনফ্রের দীর্ঘদিনের এই উদ্যোগ দেখিয়েছে, শিক্ষা ও মানবকল্যাণে ব্যক্তিগত বিনিয়োগ কীভাবে প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থীর জীবনে প্রভাব ফেলতে পারে।

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ৯:১৩
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে একটি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে চলন্ত এসইউভি থেকে এক শিশু পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গাড়ির চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে। তবে শিশুটির বয়স, আঘাতের ধরন এবং বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।   রোববার (২২ নভেম্বর) মার্কিন সংবাদমাধ্যম কেপিআরসি টু বা ক্লিক টু হিউস্টনের প্রকাশিত একটি প্রতিবেদনের  এ তথ্য জানানো হয়।   প্রতিবেদনে বলা হয়েছে, একটি বিশৃঙ্খল পরিস্থিতির সময় চলন্ত এসইউভি থেকে শিশুটি পড়ে যায়। তবে কী ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, গাড়িটি কত গতিতে চলছিল এবং শিশুটি কীভাবে বাইরে পড়ে যায়, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।   ঘটনার পর গাড়ির চালকের বিরুদ্ধে ড্রাইভিং হোয়াইল ইনটক্সিকেটেড বা ডিডব্লিউআই অভিযোগ আনা হয়েছে। টেক্সাসের আইনে অ্যালকোহল বা অন্য নেশাজাতীয় পদার্থের প্রভাবে গাড়ি চালানোর অভিযোগকে ডিডব্লিউআই বলা হয়।   এদিকে শিশুটি গাড়ির সিটবেল্ট বা চাইল্ড সেফটি সিটে নিরাপদে বসেছিল কি না, সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।   যুক্তরাষ্ট্রে শিশুদের গাড়িতে পরিবহনের সময় বয়স, উচ্চতা ও ওজন অনুযায়ী উপযুক্ত নিরাপত্তাব্যবস্থা ব্যবহারের নিয়ম রয়েছে। চলন্ত গাড়িতে শিশুর নিরাপত্তা নিশ্চিত করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।   সংবাদসূত্র কেপিআরসি টু নিউজ

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ৮:৫৪
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে প্রায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। ছবি: সংগৃহীত
রূপপুরের প্রথম পরীক্ষায় সাড়ে ৮ ঘণ্টায় জাতীয় গ্রিডে গেল প্রায় ২ কোটি টাকার বিদ্যুৎ

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে সাড়ে আট ঘণ্টায় প্রায় ২০ লাখ ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে শুরু হয় এই পরীক্ষামূলক সরবরাহ। এর মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয় গ্রিডে প্রথমবারের মতো পারমাণবিক বিদ্যুৎ যুক্ত হলো।    প্রথম দফার পরীক্ষা শেষে রাত ১১টা ৫০ মিনিটে ইউনিটটির গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, পরীক্ষার শুরুতে উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। আগামীর সময়ের প্রতিবেদন অনুযায়ী, পরীক্ষার একপর্যায়ে উৎপাদন সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াটে ওঠে। এ সময় টারবাইন, জেনারেটর ও গ্রিড সংযোগ ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রকৌশলীরা।    পরীক্ষায় উৎপাদিত বিদ্যুতের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। আগামীর সময়ের হিসাবে, প্রায় ২০ লাখ ইউনিটের প্রতিটির দাম ১০ টাকা ধরে এই অঙ্ক পাওয়া যায়। রূপপুরের বিদ্যুতের বিক্রয়মূল্য এখনো চূড়ান্ত হয়নি।    প্রকল্প পরিচালক কবীর হোসেন ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন, প্রথম দফার পরীক্ষা সফল হয়েছে। পরবর্তী পরীক্ষার ফল অনুযায়ী ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। প্রথম ইউনিটের বাণিজ্যিক সরবরাহ শুরুর আগে আরও কয়েক ধাপে যন্ত্রপাতির কার্যকারিতা ও গ্রিডে সরবরাহের স্থিতিশীলতা পরীক্ষা করা হবে।    সূত্র: আগামীর সময়

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ৮:৪৯
জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ হলো ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন
জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ হলো ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন বৈশ্বিক চুক্তি ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১। কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে স্পষ্ট অঙ্গীকার না থাকায় প্রস্তাবিত চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়নসহ কয়েকটি দেশ। দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনা এবং নির্ধারিত সময়ের অতিরিক্ত প্রায় দুই দিন দর-কষাকষির পরও দেশগুলো ঐকমত্যে পৌঁছাতে পারেনি।   রোববার (২২ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় সম্মেলনের সমাপনী অধিবেশনে চুক্তি অনুমোদনে ব্যর্থতার বিষয়টি নিশ্চিত করেন কপ-৩১ সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম।    সম্মেলনের শেষ পর্যায়ে তুরস্ক ও অস্ট্রেলিয়ার নেতৃত্বে একটি সংশোধিত চুক্তির খসড়া উপস্থাপন করা হয়। এতে বিদ্যুতের ব্যবহার বাড়ানো এবং কার্বন নিঃসরণ কমানোর কিছু লক্ষ্য রাখা হলেও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে সরাসরি কোনো নতুন অঙ্গীকার ছিল না।   বিশেষ করে খসড়ায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার পর্যায়ক্রমে কমানো কিংবা বন্ধ করার নির্দিষ্ট পরিকল্পনা উল্লেখ করা হয়নি।   এই বিষয়টি নিয়ে আপত্তি জানায় ইউরোপীয় ইউনিয়ন, পানামা, মার্শাল দ্বীপপুঞ্জসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কয়েকটি দেশ।   ইউরোপীয় ইউনিয়নের পক্ষে আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী দারা ও’ব্রায়েন জানান, জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছাড়া কোনো জলবায়ু চুক্তিকে তাঁরা সমর্থন করবেন না।   তাঁর বক্তব্য, বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম প্রধান কারণ জীবাশ্ম জ্বালানি। অথচ নতুন চুক্তিতে সেই সমস্যার মোকাবিলায় পর্যাপ্ত পদক্ষেপ নেই।   ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আরও অভিযোগ করেন, প্রস্তাবিত খসড়াটি আগের জলবায়ু সম্মেলনগুলোর অঙ্গীকারের তুলনায় দুর্বল।   অন্যদিকে পানামার প্রতিনিধিরাও চুক্তির বিরোধিতা করেন। তাঁদের বক্তব্য, জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপের পরিবর্তে দুর্বল সমঝোতা গ্রহণ করা হলে তা ভবিষ্যৎ উদ্যোগকে বাধাগ্রস্ত করবে।   দীর্ঘ আলোচনার পরও আপত্তি দূর করতে ব্যর্থ হন সম্মেলনের আয়োজকেরা।   সমাপনী অধিবেশনে কপ-৩১ সভাপতি মুরাত কুরুম স্বীকার করেন, প্রস্তাবিত চুক্তির বিষয়ে কয়েকটি দেশের আপত্তি রয়েছে এবং কোনো ঐকমত্য তৈরি হয়নি। ফলে সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো অনুমোদন করা যায়নি।   জাতিসংঘের জলবায়ু সম্মেলনে মূল সিদ্ধান্ত গ্রহণের জন্য অংশগ্রহণকারী দেশগুলোর ঐকমত্য প্রয়োজন হয়। একটি দেশও আনুষ্ঠানিক আপত্তি জানালে চুক্তি অনুমোদনের প্রক্রিয়া আটকে যেতে পারে।   এবারের সম্মেলনে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা অংশ নেন। আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসা, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থসহায়তা নিশ্চিত করা।   ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রয়োজনীয়তা নিয়ে বৈশ্বিক সমঝোতা হয়েছিল।   কিন্তু এবারের সম্মেলনে সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আরও সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণের দাবি উঠলেও দেশগুলো একমত হতে পারেনি।   প্রথম দিকের একটি খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার দ্রুত কমানোর কথা উল্লেখ ছিল। পরে সংশোধিত খসড়া থেকে সেই ভাষা বাদ দেওয়া হয়।   শেষ পর্যায়ে উপস্থাপিত প্রস্তাবেও জীবাশ্ম জ্বালানির নাম সরাসরি উল্লেখ করা হয়নি। বরং আগের সমঝোতার প্রতি সাধারণভাবে ইঙ্গিত করা হয়।   খসড়ায় ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছিল।   একই সঙ্গে কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রস্তাব ছিল। এই প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানা থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড সংগ্রহ করে সংরক্ষণের চেষ্টা করা হয়।   তবে পরিবেশবাদী সংগঠনগুলোর একটি অংশের অভিযোগ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর পরিবর্তে এই প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার দীর্ঘায়িত হতে পারে।   অন্যদিকে তেল ও গ্যাস উৎপাদনকারী কয়েকটি দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের বিরোধিতা করেছে।   জলবায়ু অর্থায়ন নিয়েও সম্মেলনে মতবিরোধ ছিল। উন্নয়নশীল ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো ক্ষয়ক্ষতি মোকাবিলা, বন্যা, খরা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের প্রস্তুতির জন্য আরও অর্থসহায়তার দাবি জানায়।   কিন্তু ধনী দেশগুলোর অর্থায়নের পরিমাণ ও দায়িত্ব নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়নি।   বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এই আলোচনা গুরুত্বপূর্ণ। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় এলাকায় লবণাক্ততা, বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়নের প্রয়োজন রয়েছে।   তবে এবারের সম্মেলনে মূল চুক্তি অনুমোদিত না হওয়ায় জীবাশ্ম জ্বালানি কমানো এবং জলবায়ু অর্থায়নের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে নতুন বৈশ্বিক অগ্রগতি বাধাগ্রস্ত হয়েছে।   এদিকে এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক জলবায়ু নীতি ও জীবাশ্ম জ্বালানি উৎপাদন নিয়ে ভিন্ন অবস্থান গ্রহণ করেছে।   জলবায়ু বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি সীমিত রাখতে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ দ্রুত কমানো প্রয়োজন। কিন্তু বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে মতবিরোধ থাকায় কার্যকর আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণ কঠিন হয়ে পড়ছে।   আগামী বছর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় কপ-৩২ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে জীবাশ্ম জ্বালানি ও জলবায়ু অর্থায়নের অমীমাংসিত বিষয়গুলো আবার আলোচনায় আসতে পারে।   সংবাদসূত্র রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস,জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো কনভেনশন

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ৮:৩৪
চলতি বছরের প্রথম নয় মাসে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুত প্রায় ৬২ টন কমেছে। ছবি: সংগৃহীত
মজুত স্বর্ণ বিক্রি করে দিচ্ছে রাশিয়া, বিশ্বজুড়ে দাম আরও কমার আভাস

চলতি বছরের প্রথম নয় মাসে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুত প্রায় ৬২ টন কমেছে। সেপ্টেম্বর শেষে ব্যাংকটির হাতে ছিল প্রায় ২ হাজার ২৬৪ টন স্বর্ণ, যা ২০১৯ সালের শেষ দিকের পর সর্বনিম্ন। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাবে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যেই ব্যাংকটি ১৯ টন স্বর্ণ বিক্রি করেছে।    রয়টার্স জানিয়েছে, রাশিয়ার সরকারি আর্থিক সঞ্চয় তহবিল ন্যাশনাল ওয়েলথ ফান্ডের পক্ষে ২০২৫ সালের নভেম্বরে বাজারে স্বর্ণ বিক্রি শুরু করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের শুরুতে ব্যাংকটির স্বর্ণের মজুত ছিল ৭ কোটি ৪৮ লাখ ট্রয় আউন্স। সেপ্টেম্বর শেষে তা নেমে আসে ৭ কোটি ২৮ লাখ ট্রয় আউন্সে।    রাশিয়া মজুত কমালেও বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা বেড়েছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম নয় মাসে কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বিক্রি বাদ দিয়ে নিট ৬৭৫ টন স্বর্ণ কিনেছে। গত বছরের একই সময়ের তুলনায় তা ৬ শতাংশ বেশি। তৃতীয় প্রান্তিকে প্রকাশ্যে জানানো কেনাকাটায় এগিয়ে ছিল চীন ও পোল্যান্ড।    এদিকে শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক লেনদেনে স্বর্ণের দাম একপর্যায়ে প্রতি ট্রয় আউন্সে ৩ হাজার ৫০২ দশমিক ৪৯ ডলারে নামে। রয়টার্সের হিসাবে, এটি ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। শুক্রবার বিকেল পর্যন্ত ওই সপ্তাহে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ।    সাম্প্রতিক দরপতনের পেছনে যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার প্রত্যাশা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শেয়ারে বিক্রির চাপের কথা জানিয়েছে রয়টার্স। বাজার বিশ্লেষকদের মতে, শেয়ারে ক্ষতি সামলাতে কিছু বিনিয়োগকারী স্বর্ণও বিক্রি করেছেন। রাশিয়ার বিক্রি সাম্প্রতিক দরপতনে কতটা ভূমিকা রেখেছে, তা প্রকাশিত তথ্য থেকে নির্ধারণ করা যায়নি।    সূত্র: কিটকো নিউজ

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ৮:৩২
‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার
‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে প্রাতর্ভ্রমণ ও দৌড়ানোর সময় ২৮ বছর বয়সী এক তরুণীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করেছেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) সাবেক এক কর্মকর্তা। ২৭ বছর বয়সী অভিযুক্ত ওই সাবেক কর্মকর্তার নাম সায়েদ মোহাসিব। বর্তমানে রাইকার্স আইল্যান্ড কারাগারে বন্দী থাকা অবস্থায় মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অকপটে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং দাবি করেন, ‘আল্লাহর নির্দেশেই’ তিনি ওই তরুণীকে হত্যা করেছেন।   পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নিহত তরুণীর নাম কেটি সুয়ারেজ (২৮), যিনি পেশায় একজন ব্যাংক টেলার ছিলেন। আসন্ন নিউইয়র্ক সিটি ম্যারাথনের প্রস্তুতির অংশ হিসেবে গত ৩০ অক্টোবর ব্রুকলিনের বাথ বিচ এলাকার ওয়াটারফ্রন্ট ধরে দৌড়াচ্ছিলেন তিনি। সে সময় কোনো পূর্বপরিচয় বা উসকানি ছাড়াই তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ঘাড়ে দুবার ছুরিকাঘাত করা হয়। পরে কেটির বাবা রক্তাক্ত ও অচেতন অবস্থায় মেয়েকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেন এবং তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন কেটি।   ‘নিউইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে সাক্ষাৎকার দেওয়ার সময় সায়েদ মোহাসিবের মুখে এক ধরনের অস্বাভাবিক হাসি ও নির্বিকার অভিব্যক্তি দেখা যায়। তিনি জানান, ঘটনার দুই দিন আগে থেকেই নাকি তিনি এমন নির্দেশ পাচ্ছিলেন এবং ৩০ অক্টোবর বাড়ি থেকে ছুরি নিয়ে বেরিয়ে সামনে থাকা কেটিকে হত্যা করেন।   হত্যাকাণ্ডের আট দিন পর অর্থাৎ ৭ নভেম্বর ব্রুকলিনের বেনসনহার্স্ট এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শুরুতে গোয়েন্দাদের কাছে হত্যার বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি দায় স্বীকার করে নেন। এমনকি নিহতের পরিবারের উদ্দেশে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে নির্বিকারভাবে ‘না’ বলে জানান, তিনি কেবল আদেশ পালন করেছেন।   আদালতের নথিপত্র ও স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএবিসি-র তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর মোহাসিব বাসায় ফিরে রক্তমাখা কাপড় ও ছুরিটি অ্যাপার্টমেন্টের বিপরীতে থাকা ময়লা ফেলার নালায় (গারবেজ শ্যুট) ফেলে দেন এবং রক্তের দাগ পরিষ্কার করেন।   এরপর তিনি বাথ বিচের পিএস ২০০ এলিমেন্টারি স্কুলে প্যারাপ্রফেশনাল হিসেবে নিজের কর্মস্থলে যোগ দেন, যেখানে সহকর্মীরা তাকে অসংলগ্ন কথাবার্তা বলতে ও অস্বাভাবিক আচরণ করতে দেখেন। কেটির মরদেহ উদ্ধারের তিন দিন পর তাকে কেবল অন্তর্বাস পরা অবস্থায় বাসা থেকে বের হতেও দেখা গিয়েছিল।   উল্লেখ্য, ২০২২ সালে মাত্র ছয় সপ্তাহ এনওয়াইপিডিতে কাজ করার পর তিনি মার্কিন মেরিন কোরে যোগ দেন, তবে মানসিকভাবে অযোগ্য বিবেচিত হওয়ায় সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়। তিন মাস পর তিনি আবারও এনওয়াইপিডিতে ফেরার চেষ্টা করলে অসংলগ্ন আচরণের কারণে তাকে বেলভিউ হাসপাতালে পাঠানো হয়েছিল।   এর আগে ২০২৪ সালেও নিজ মা ও বোনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল মোহাসিবের বিরুদ্ধে। তবে তার মা ফাতমা মোহাসিব ছেলের বিরুদ্ধে পরিবার বা প্রতিবেশীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করলেও দীর্ঘদিন ধরে ছেলের গুরুতর মানসিক সমস্যার কথা স্বীকার করেছেন।   তিনি জানান, সায়েদ একাধিকবার মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন এবং একটানা সর্বোচ্চ দুই মাস চিকিৎসাধীন ছিলেন। নিহত কেটির মা-বাবার প্রতি গভীর সমবেদনা জানিয়ে ফাতমা বলেন, তারা যেমন তাদের মেয়েকে হারিয়েছেন, তেমনি তিনিও তার ছেলেকে হারিয়েছেন। অন্যদিকে মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ কেটির মা ইয়াসিরা সুয়ারেজ বলেন, এই ঘটনায় তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। বর্তমানে সেকেন্ড-ডিগ্রি হত্যা মামলায় অভিযুক্ত সায়েদ মোহাসিবকে আগামী ৪ ডিসেম্বর আদালতে হাজির করার কথা রয়েছে।

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ৮:৩১
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
ভার্জিনিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অঙ্গরাজ্যে এ বছরের প্রথম মৃত্যুর খবর দিল স্বাস্থ্য বিভাগ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর এটিই প্রথম ঘটনা। পরিবারের গোপনীয়তা রক্ষায় শিশুটির বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ।    অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ভার্জিনিয়ায় ২২০ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশির ভাগই অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের বাসিন্দা। অধিকাংশ আক্রান্ত ব্যক্তি হামের টিকা নেননি। এপির হিসাবে, চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য হামের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১২টি মৃত্যুর কথা জানিয়েছে।    যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) হিসাবে, ১৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৮৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। এপি জানিয়েছে, ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রে এক বছরে এত বেশি রোগী শনাক্ত হয়নি। এর আগে ১৭ নভেম্বর প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানায়, সংক্রমণ আবার ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বলিভিয়া হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে।    ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম থেকে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি। হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধের এমএমআর টিকার দুই ডোজ হাম ঠেকাতে প্রায় ৯৭ শতাংশ কার্যকর।    জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে হামে আক্রান্ত কারও সংস্পর্শে এলে বা টিকা নেওয়া না থাকলে ক্লিনিক কিংবা হাসপাতালে যাওয়ার আগে ফোন করে জানাতে বলা হয়েছে, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ঠেকাতে আগেই ব্যবস্থা নেওয়া যায়।    সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ৮:২০
পবিত্র আল-আকসা
পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজের সময় গ্রেফতার তুর্কি পর্যটক, বাড়ছে রিমান্ড

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ চলাকালে সন্ত্রাসবাদে উসকানির অভিযোগে ৪৭ বছর বয়সী এক তুর্কি নারীকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ ও ‘দ্য জেরুজালেম পোস্ট’-এর প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার (২০ নভেম্বর) জেরুজালেম জেলা পুলিশের সদস্যরা ওই নারীকে আটক করেন। পর্যটক হিসেবে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আসা ৩৩ সদস্যের একটি ভ্রমণ দলের সঙ্গে তিনি জেরুজালেমে গিয়েছিলেন বলে জানা গেছে।   ইসরায়েলি পুলিশের দাবি, গ্রেফতারকৃত ওই নারী আল-আকসা প্রাঙ্গণে নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে অর্থ বিতরণ করছিলেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে সন্ত্রাসবাদে উসকানি ও সমর্থনমূলক পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই নারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রয়াত নেতা শেখ আহমেদ ইয়াসিন ও ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করেছেন এবং তাকে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে শনাক্ত করা হয়েছে।   তবে গ্রেফতারের সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ওই নারী সরাসরি কোনো উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কি না কিংবা সেখানে কোনো প্রচারসামগ্রী বিতরণ করেছিলেন কি না, সে বিষয়ে পুলিশের বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি।   আটকের পরপরই তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত মুঠোফোন ও ব্যাকপ্যাক জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ত্রাসবাদে উসকানি দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা বা উপকরণ সরবরাহ এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।   পুলিশ সূত্র জানিয়েছে, চলমান তদন্তের স্বার্থে আটকাদেশ বা রিমান্ডের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে আজ রোববার (২২ নভেম্বর) ওই নারীকে দ্বিতীয়বারের মতো জেরুজালেমের একটি আদালতে হাজির করার কথা রয়েছে। তবে নিজেদের নাগরিক গ্রেফতার হওয়ার এই ঘটনায় তুরস্ক সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ৮:১৪
পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর
পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

দক্ষিণ কোরিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে এআই ব্যবহার করে নকল ঠেকাতে বারবার নিয়ম পরিবর্তনের দায় নিয়ে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। রোববার (২২ নভেম্বর) তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন প্রেসিডেন্ট লি জে-মিয়ং। পরীক্ষা শেষ হওয়ার তিন দিন পর এই সিদ্ধান্ত এল। শিক্ষামন্ত্রী স্বীকার করেছেন, শেষ মুহূর্তের পরিবর্তন পরীক্ষার্থী ও সাধারণ মানুষের অসুবিধা তৈরি করেছে এবং যথেষ্ট আগে প্রস্তুতি নিতে না পারার সমালোচনা তিনি এড়াতে পারেন না।    ‘সুনেউং’ নামে পরিচিত কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (১৯ নভেম্বর)। দক্ষিণ কোরিয়ায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই পরীক্ষা শিক্ষার্থী ও তাঁদের পরিবারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই পরীক্ষার কয়েক দিন আগে অন্য একটি পেশাগত পরীক্ষায় প্রথম স্থান পাওয়া ব্যক্তি ক্ষুদ্র ক্যামেরা, স্মার্টফোন ও এআই ব্যবহার করে নকলের কথা স্বীকার করেন। এরপর সুনেউংয়েও একই ধরনের প্রযুক্তি ব্যবহারের আশঙ্কা নিয়ে চাপ বাড়ে শিক্ষা মন্ত্রণালয়ের ওপর। ওই নকলের স্বীকারোক্তি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ঘটনা নয়।    পরীক্ষার মাত্র দুই দিন আগে সরকার অতিরিক্ত পরীক্ষাকর্মী নিয়োগ এবং পোশাকের বোতামে লুকানো ক্ষুদ্র ক্যামেরা ঠেকাতে স্টিকার ব্যবহারের নির্দেশনা দেয়। পরদিন পরীক্ষাকক্ষে ব্যক্তিগতভাবে আনা যায়, এমন লেখার সরঞ্জামের নিয়মও বদলায়। পরীক্ষার্থী ও শিক্ষকদের অভিযোগ, এত অল্প সময়ে নতুন নির্দেশনা জানা ও বাস্তবায়ন করা কঠিন ছিল। শিক্ষক সংগঠনগুলোও শেষ মুহূর্তে বাড়তি দায়িত্ব দেওয়ার সমালোচনা করে।    পরীক্ষার দিন জমা না দেওয়া ফোন শনাক্ত করতে দেশজুড়ে তিন দফা জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। ফোন নীরব অবস্থায় থাকলেও সতর্কবার্তার শব্দ শোনা যাওয়ার ব্যবস্থা ছিল। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগে ফোন বন্ধ করে জমা দিতে এবং ব্যক্তিগত লেখার সরঞ্জাম ও পোশাকসংক্রান্ত পরিবর্তিত নিয়ম মেনে চলতে বলা হয়েছিল।    পরীক্ষার পর শিক্ষা মন্ত্রণালয় ইলেকট্রনিক ডিভাইসসংক্রান্ত ১১১টি সন্দেহজনক নিয়মভঙ্গের ঘটনা শনাক্ত হওয়ার তথ্য দেয়। এর মধ্যে জরুরি সতর্কবার্তার পর ৫৪টি, অন্য পদ্ধতিতে ৫২টি এবং পরীক্ষা চলাকালে স্মার্ট ডিভাইস ব্যবহার করতে গিয়ে পাঁচটি ঘটনা ধরা পড়ে বলে জানিয়েছে ইয়োনহাপ। আগের দিন প্রকাশিত ৯৮টি ছিল পরীক্ষা শেষ হওয়ার আগের প্রাথমিক হিসাব। তবে ১১১টি ঘটনাকেই এআই দিয়ে নকলের প্রমাণ বলা যাবে না; কর্তৃপক্ষ প্রতিটি ঘটনা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।    নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সমালোচনা বাড়ায় শিক্ষামন্ত্রীর সংসদীয় বক্তব্যও। পরীক্ষার তিন দিন আগে এক আইনপ্রণেতা জানতে চেয়েছিলেন, এআই দিয়ে নকলের সব ঘটনা শনাক্ত করার বিষয়ে তিনি নিশ্চিত কি না। জবাবে চোই নিজের বয়সের কথা উল্লেখ করে অনিশ্চয়তা প্রকাশ করেন। গুরুত্বপূর্ণ পরীক্ষার নিরাপত্তা নিয়ে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর এমন বক্তব্য পরীক্ষার্থী, শিক্ষক ও বিরোধী রাজনীতিকদের সমালোচনার মুখে পড়ে।    চোই বলেছেন, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় পরীক্ষা বড় ধরনের বিপর্যয় ছাড়াই শেষ হয়েছে। তবে প্রস্তুতিতে ঘাটতির দায়িত্ব তিনি নিয়েছেন। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, তাঁর উত্তরসূরি নিয়োগের প্রক্রিয়া নিয়ম অনুযায়ী চলবে এবং পরীক্ষাসংক্রান্ত পরবর্তী বিষয়গুলো দেখার নির্দেশ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীকে।   সংবাদসূত্র   দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ৮:৩
মেক্সিকোতে প্রসবের সময় মারা গেলেন ১৯ বছরের সোফিয়া
মেক্সিকোতে প্রসবের সময় মারা গেলেন ১৯ বছরের সোফিয়া, শেষকৃত্যের আগে পরিবার জানল, দেহে কয়েকটি অঙ্গ নেই

মেক্সিকোর মনতেরেই শহরে সিজারিয়ানের সময় জটিলতা দেখা দেওয়ার পর মারা যান ১৯ বছর বয়সী সোফিয়া কালদেরন। তাঁর নবজাতক বেঁচে যায়। গত ১৯ জুলাই মেক্সিকান সামাজিক নিরাপত্তা ইনস্টিটিউটের (আইএমএসএস) ২৩ নম্বর স্ত্রীরোগ ও প্রসূতি হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃতদেহ হস্তান্তরের আগে কয়েকটি অঙ্গ সরিয়ে রাখার কথা পরিবারকে জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত করছে নুয়েভো লেওন অঙ্গরাজ্যের প্রসিকিউটরের দপ্তর।    সোফিয়ার মা পাত্রিসিয়া হুয়ারেস স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, মৃত্যুর কারণ জানতে হাসপাতালকে ময়নাতদন্তের অনুমতি দিয়েছিলেন তাঁরা। শেষকৃত্যের প্রস্তুতির সময় সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে পরিবার জানতে পারে, সোফিয়ার দেহে হৃদ্‌যন্ত্র, যকৃৎ, অগ্ন্যাশয় ও অন্ত্রের একটি অংশ নেই। মায়ের অভিযোগ, ময়নাতদন্তের অনুমতি নেওয়ার সময় এসব অঙ্গ সরিয়ে রাখার বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি।    ঘটনার প্রায় চার মাস পর নভেম্বরে আইএমএসএস এক বিবৃতিতে জানায়, মৃত্যুর কারণ নির্ধারণে ময়নাতদন্তের পর অঙ্গগুলো শনাক্ত করে হাসপাতালের প্যাথলজি বিভাগে সংরক্ষণ করা হয়েছে। পরিবারকে যথাসময়ে স্পষ্ট তথ্য দেওয়া হয়নি বলে স্বীকার করেছে সংস্থাটি। সোফিয়ার মায়ের অনুরোধে চিকিৎসার নথির একটি অনুলিপি দেওয়ার কথাও জানিয়েছে আইএমএসএস। তদন্ত শেষ হওয়া পর্যন্ত অঙ্গগুলো হাসপাতালের হেফাজতে থাকবে। এরপর সেগুলো গ্রহণের বিষয়ে পরিবারের সিদ্ধান্তকে সম্মান করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।    নুয়েভো লেওনের উপপ্রসিকিউটর লুইস এনরিকে ওরোস্কো সুয়ারেস জানান, পরিবার আগস্টে অভিযোগ দায়ের করে। অভিযোগে চিকিৎসায় সম্ভাব্য ত্রুটির বিষয়টিও তোলা হয়েছে। তদন্তে সোফিয়ার মৃত্যুর কারণ এবং কী প্রক্রিয়ায় অঙ্গগুলো সরিয়ে সংরক্ষণ করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট হাসপাতালটি কেন্দ্রীয় সরকারের একটি সংস্থার অধীন হওয়ায় মামলার নথি কেন্দ্রীয় প্রসিকিউটরের দপ্তরে পাঠানোর বিষয়টি বিবেচনা করছে অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ। 

প্রকাশ : নভেম্বর ২২, ২০২৬ ৭:৫২