সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
জিটিএ সিক্স মুক্তির আগে টানা গেম খেলার প্রবণতা নিয়ে দম্পতিদের মধ্যে সচেতনতার পরামর্শ দিয়েছেন আইনজীবীরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
জিটিএ সিক্স গেম নিয়ে দাম্পত্য কলহের শঙ্কা, সতর্কবার্তা দিলেন মার্কিন আইনজীবীরা

বিশ্বজুড়ে গেমারদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ১৯ নভেম্বর মুক্তি পাচ্ছে জনপ্রিয় ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো সিক্স বা জিটিএ সিক্স। গেমটি ঘিরে গেমারদের তীব্র উন্মাদনার মধ্যেই এক ব্যতিক্রমী সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিবাহবিচ্ছেদ ও পারিবারিক আইনজীবীরা। তাদের মতে, গেমটি নিয়ে টানা কয়েক দিন ব্যস্ত থাকলে অনেক দম্পতির সম্পর্কে মানসিক দূরত্ব ও টানাপোড়েন তৈরি হতে পারে। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আনউইন্ড মিডিয়ার সাম্প্রতিক এক জরিপে অংশ নেওয়া ১ হাজার ৩৪৭ জন মার্কিন গেমারের মধ্যে ২১ শতাংশ জানিয়েছেন, গেমটির কারণে সঙ্গীকে হারানোর আশঙ্কা নিয়ে তাদের জীবনসঙ্গীরা এরই মধ্যে ঠাট্টা করেছেন। এ ছাড়া ১৭ শতাংশ গেমার স্বীকার করেছেন, গেমটি খেলতে কতটা সময় ব্যয় করবেন তা নিয়ে সঙ্গীর সঙ্গে তাদের তর্কও হয়েছে। এমনকি এক সপ্তাহ আগে খেলার সুযোগ পেলে ৫৩ শতাংশ গেমার অ্যালকোহল এবং ২১ শতাংশ গেমার সঙ্গীর সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা ত্যাগ করতেও রাজি বলে জরিপে মত দিয়েছেন।   গেমটি ঘিরে এই উন্মাদনা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে এক দম্পতির রসিক চুক্তিকে কেন্দ্র করে। ৩৪ বছর বয়সী কনটেন্ট নির্মাতা জুলিয়ান টে এবং তার ২৬ বছর বয়সী স্ত্রী লিসা চ্যান জিটিএ সিক্স মুক্তির পর টানা ১০ দিন গেম খেলার জন্য একটি মজার চুক্তিপত্রে সই করে অনলাইনে শেয়ার করেছেন। ওই চুক্তি অনুযায়ী, ১৯ নভেম্বর থেকে ১০ দিন জুলিয়ান যতক্ষণ খুশি গেম খেলতে পারবেন, তাকে কেউ বিরক্ত করতে পারবে না এবং বাস্তব জীবনের অন্যান্য অনুরোধ তিনি আপাতত পাশে সরিয়ে রাখতে পারবেন। তবে নিউজউইককে লিসা চ্যান স্পষ্ট করেছেন, পুরো বিষয়টিই ছিল নিছক মজা ও বিনোদনের উদ্দেশ্যে করা। মানুষ বিষয়টিকে এতটা গুরুত্ব সহকারে নেবে তা তারা ভাবেননি বলে জানিয়েছেন লিসা। প্রায় চার বছর ধরে একসঙ্গে থাকা এই দম্পতি একে অপরের শখ ও অবসর কাটানোর ধরন ভালোভাবেই বোঝেন।   তবে সবার ক্ষেত্রে বিষয়টি এতটা সহজ নাও হতে পারে বলে মনে করছেন পারিবারিক আইন বিশেষজ্ঞরা। নিউ জার্সির লিন্ডাবারি ল গ্রুপের অংশীদার নিকোল এ কোবিস নিউজউইককে জানান, মূল সমস্যা ভিডিও গেম নয়, বরং কোনো শখ যখন জীবনসঙ্গীর সঙ্গে কাটানো সময় ও মানসিক বন্ধনের জায়গা দখল করে নেয়, তখনই সংকট শুরু হয়। তার ভাষায়, একই বাড়িতে পাশাপাশি সোফায় বসে থেকেও দুজন মানুষ মানসিকভাবে বহু দূরে সরে যেতে পারেন। একজন সঙ্গী যখন ভিডিও গেমে ডুবে থাকেন এবং সংসারের সমস্ত মানসিক দায়ভার অন্যজনের ওপর চাপিয়ে দেন, তখন সেই একাকিত্ব দাম্পত্য কলহের মতোই ক্ষতিকর হয়ে ওঠে। কোবিসের মতে, কোনো শখ কখনোই সংসার থেকে পালানোর মাধ্যম হওয়া উচিত নয়। জীবনসঙ্গীর বদলে অনলাইন গেমিং কমিউনিটিতে মানসিক সান্নিধ্য খোঁজার প্রবণতা দাম্পত্য জীবনে গভীর শূন্যতা তৈরি করে।   সময় দেওয়ার পাশাপাশি গেমের পেছনে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণেও সংসারে অশান্তি বাড়তে পারে বলে সতর্ক করেছেন ট্রায়াঙ্গেল স্মার্ট ডিভোর্সের প্রতিষ্ঠাতা ও আইনজীবী জেনি ব্র্যাডলি। তিনি জানান, গেমিং ডিভাইস, গেমের ভেতরের বিভিন্ন কেনাকাটা, সাবস্ক্রিপশন এবং যন্ত্রাংশ হালনাগাদ করতে গিয়ে একটি সাধারণ শখ অনেক সময় অত্যন্ত ব্যয়বহুল অভ্যাসে পরিণত হয়, যা পারিবারিক বাজেটে চাপ সৃষ্টি করে। অবশ্য গলফ খেলা বা অতিরিক্ত কেনাকাটার মতো অন্যান্য শখের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা যায়। ব্র্যাডলির ধারণা, জিটিএ সিক্স মুক্তির পরপরই হঠাৎ করে বিবাহবিচ্ছেদের হিড়িক পড়ে যাবে না, কারণ বড় ধরনের দাম্পত্য সংকট সাধারণত দীর্ঘ সময় ধরে তৈরি হয়। তবে কেউ যদি নিজের প্রকৃত পরিবারের চেয়ে গেমের ভার্চুয়াল জগৎ লস স্যান্টোসে বেশি সময় ও অর্থ ব্যয় করেন, তবে তা সম্পর্কের জন্য বড় সতর্কসংকেত।   এই পরিস্থিতিতে দম্পতিদের মধ্যে খোলামেলা যোগাযোগ এবং পারস্পরিক বোঝাপড়াকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। লিসা চ্যানের মতে, বিষয়টি গেমের চেয়েও বেশি নির্ভর করে স্বামী-স্ত্রী কীভাবে নিজেদের প্রত্যাশাগুলো একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেন তার ওপর। হেমব্রি বেল ল ফার্মের প্রতিষ্ঠাতা হানা হেমব্রি বেলও এই মতের সঙ্গে একমত হয়ে জানান, যেকোনো সম্পর্কে ভারসাম্য বজায় রাখাই আসল কথা। নিজের পছন্দের শখ থাকা বা কোনো বিষয় নিয়ে উচ্ছ্বসিত হওয়ায় কোনো দোষ নেই। কোনো ব্যক্তির জীবনসঙ্গী যদি আগে থেকেই গেম ভালোবাসেন, তবে হঠাৎ করে তাকে অপরাধবোধে ভোগানো উচিত নয় বলে পরামর্শ দিয়েছেন তিনি। বরং সেই সময়টাতে সঙ্গীর সঙ্গে খেলায় যোগ দেওয়া, নিজের জন্য ভিন্ন কোনো পরিকল্পনা করা কিংবা নিজের পছন্দের অন্য কোনো শখে সময় কাটানোর মাধ্যমে সম্পর্কের সুস্থতা বজায় রাখা সম্ভব।   সূত্র: নিউজউইক

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ২০:৫৪
তল্লাশি চালিয়ে মিশিগানের ফার্মেসি মালিক আলী নাসেরদিনের বাসা থেকে জব্দ করা অবৈধভাবে বিতরণের জন্য প্রস্তুত ওষুধ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মিশিগানে ৫৬ লাখ ডলারের স্বাস্থ্যসেবা জালিয়াতিতে ফার্মেসি মালিকের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির ৫৬ লাখ ডলারের বেশি অর্থ জালিয়াতি এবং অবৈধভাবে ব্যথানাশক ওষুধ বিতরণের দায়ে এক ফার্মেসি মালিককে ৮২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আলী নাসেরদিয়ান (৩২) নামের ওই ব্যক্তিকে কারাভোগের পর আরও তিন বছর নজরদারির অধীনে থাকতে হবে। বুধবার (১৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে। জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে গত ৭ অক্টোবর গ্রেপ্তারের পর থেকেই তিনি আটক ছিলেন।   আদালতের নথি অনুযায়ী, ডিয়ারবর্ন হাইটসের বাসিন্দা নাসেরদিয়ান মেডিকেয়ার, মেডিকেইড এবং ব্লু ক্রস ব্লু শিল্ড অব মিশিগানের কাছ থেকে ৫৬ লাখ ডলারের বেশি অর্থ হাতিয়ে নেন। ডেট্রয়েট মহানগর এলাকার তিনটি ফার্মেসিতে ফার্মেসি টেকনিশিয়ান হিসেবে কাজ করার পাশাপাশি একটি ফার্মেসির মালিক ছিলেন তিনি। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এই জালিয়াতি চালানো হয়। এ কাজে তাঁর সহযোগী ছিলেন ফার্মাসিস্ট ইশাইয়া ওকোহ।   তদন্তে উঠে এসেছে, চিকিৎসকের অনুমোদন ছাড়াই ওষুধের ভুয়া ব্যবস্থাপত্র তৈরি করে বিভিন্ন স্বাস্থ্যসেবা কর্মসূচিতে অর্থ পরিশোধের দাবি পাঠাতেন তাঁরা। যেসব ওষুধের জন্য বিল করা হতো, সেগুলো অনেক ক্ষেত্রে চিকিৎসক লিখে দেননি, এমনকি রোগীদের কাছেও সরবরাহ করা হয়নি। জালিয়াতি আড়াল করতে চিকিৎসকদের নামে নকল প্রেসক্রিপশন ব্যবহার করা হতো। সংশ্লিষ্ট রোগীরা অনেক সময় ওই ব্যবস্থাপত্রে উল্লেখ করা চিকিৎসকের কাছেও কখনো যাননি।   শুধু স্বাস্থ্যসেবা কর্মসূচিতে জালিয়াতিই নয়, নাসেরদিয়ানের বিরুদ্ধে অবৈধভাবে অক্সিকোডোন বিতরণের অভিযোগও প্রমাণিত হয়েছে। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি নগদ অর্থের বিনিময়ে মাদক কারবারিদের কাছে এই ওষুধ সরবরাহ করতেন। ওষুধগুলো চিকিৎসকের বৈধ ব্যবস্থাপত্রে দেওয়া হয়েছে কি না, কিংবা রোগীর প্রকৃত চিকিৎসার প্রয়োজন রয়েছে কি না, তা বিবেচনা করা হতো না। তাঁর বাসায় তল্লাশি চালিয়ে জালিয়াতি ও অবৈধ ওষুধ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেন তদন্তকারীরা।   ২০২৬ সালের এপ্রিলে নাসেরদিয়ান স্বাস্থ্যসেবা জালিয়াতির ষড়যন্ত্র এবং অবৈধভাবে বিতরণের উদ্দেশ্যে অক্সিকোডোন রাখার অভিযোগে দোষ স্বীকার করেন। এ মামলায় তাঁর সহযোগী ফার্মাসিস্ট ইশাইয়া ওকোহকে ২০২৫ সালের ডিসেম্বরে ছয় বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়েছিল। ফলে একই জালিয়াতি ও অবৈধ ওষুধ বিতরণ কার্যক্রমে জড়িত দুই ব্যক্তির বিরুদ্ধেই কারাদণ্ডের রায় কার্যকর হয়েছে।   কারাদণ্ডের পাশাপাশি নাসেরদিয়ানের প্রায় ১২ লাখ ডলারের অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে ৫৬ লাখ ৩৬ হাজার ৭২১ ডলার ৮৯ সেন্টের ব্যক্তিগত আর্থিক দায়ও নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগকে ৩৬ লাখ ৫৪ হাজার ৮৯৫ ডলার ৬৫ সেন্ট এবং ব্লু ক্রস ব্লু শিল্ড অব মিশিগানকে ২১ হাজার ৪২৮ ডলার ৯৩ সেন্ট ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।   মামলাটি তদন্ত করেছে এফবিআইয়ের ডেট্রয়েট কার্যালয়, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় এবং ডিয়ারবর্ন পুলিশ বিভাগ। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থ আত্মসাৎ শুধু করদাতাদের আর্থিক ক্ষতিই করে না, বরং চিকিৎসাব্যবস্থার ওপর চাপ বাড়ায় এবং স্বাস্থ্যসেবার ব্যয় বৃদ্ধিতেও ভূমিকা রাখে। একই সঙ্গে প্রেসক্রিপশনভিত্তিক নিয়ন্ত্রিত ওষুধ অবৈধভাবে ছড়িয়ে পড়া জননিরাপত্তার জন্যও ঝুঁকি তৈরি করে।   সূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ২০:৩১
একসময় গির্জা হিসেবে ব্যবহৃত ভবনটিতে এখন নামাজ আদায় করছেন লাতিনো মুসলিমরা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
বন্ধ হয়ে যাওয়া গির্জায় গড়ে উঠল যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলের প্রথম লাতিনো মসজিদ

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপশহর বারউইনে একসময়কার গির্জা এখন লাতিনো মুসলিমদের মিলনকেন্দ্র। স্প্যানিশ ভাষাভাষী মুসলিম ও ইসলাম গ্রহণ করা লাতিনোদের জন্য সেখানে গড়ে উঠেছে ওজালা ইসলামিক সেন্টার। চলতি বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজানের প্রথম দিনে মসজিদটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এটি মধ্য-পশ্চিমাঞ্চলীয় যুক্তরাষ্ট্রের প্রথম লাতিনো-নেতৃত্বাধীন মসজিদ হিসেবে পরিচিতি পেয়েছে। ধর্মীয় পরিচয়ের পাশাপাশি নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রেখে ইসলাম চর্চার সুযোগ তৈরি করাই প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য।   শিকাগো অঞ্চলে দীর্ঘদিন ধরেই ইসলাম গ্রহণ করা লাতিনোদের জন্য নিজেদের সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধর্মীয় পরিবেশ ও সামাজিক যোগাযোগের সুযোগ সীমিত ছিল। এমন অভিজ্ঞতা থেকেই উদ্যোগটি নেন মসজিদটির প্রতিষ্ঠাতা ও ইমাম ক্রিস্টোফার আবদুল করিম পাভলিচেক এবং রাউল গনসালেস। পুয়ের্তো রিকান বংশোদ্ভূত গনসালেস ছোটবেলায় পেন্টেকস্টাল খ্রিস্টান পরিবেশে বেড়ে ওঠেন। ২৬ বছর আগে ইসলাম গ্রহণের পর দীর্ঘদিন তিনি নিজের মতো অন্য লাতিনো মুসলিমদের খুঁজেছেন। পরে পাভলিচেকের সঙ্গে পরিচয়ের পর স্প্যানিশ ভাষাভাষী মুসলিমদের জন্য স্থায়ী একটি ধর্মীয় কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেন তাঁরা।   মসজিদটিতে আরবি, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়। ফলে লাতিনো মুসলিমরা নিজেদের পরিচিত ভাষায় ধর্মীয় আলোচনা, শিক্ষা ও ইবাদতে অংশ নিতে পারছেন। এখানে শুধু লাতিনো মুসলিমরাই নন, বিভিন্ন জাতিগোষ্ঠী ও সাংস্কৃতিক পটভূমি থেকে ইসলাম গ্রহণ করা মানুষও আসছেন। ডমিনিকান প্রজাতন্ত্রে জন্ম নেওয়া নেলসন হুলিও-পোলাঙ্কো তাঁদের একজন। ক্যাথলিক পরিবারে বেড়ে ওঠা এই ব্যক্তি জানান, মসজিদে এসে স্প্যানিশ ভাষায় অন্য মুসলিমদের সঙ্গে কথা বলতে পারা তাঁকে আপন একটি সামাজিক পরিবেশ দিয়েছে।   এমন উদ্যোগের সময়েই যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির নতুন পূর্বাভাস প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার। ১৮ নভেম্বর প্রকাশিত সংস্থাটির গবেষণা অনুযায়ী, বর্তমান জনসংখ্যাগত প্রবণতা অব্যাহত থাকলে উত্তর আমেরিকায় মুসলিম জনসংখ্যা ২০২০ সালের প্রায় ৬০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ২ কোটিতে পৌঁছাতে পারে। অর্থাৎ পাঁচ দশকে এই সংখ্যা তিন গুণেরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যা প্রায় ৯০ লাখ বাড়তে পারে এবং ২০৭০ সালে দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ মুসলিম হতে পারেন। অভিবাসন, জন্মহার এবং তুলনামূলক তরুণ জনসংখ্যাকে এই বৃদ্ধির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।   লাতিনো মুসলিমদের উপস্থিতির দিক থেকেও ইলিনয় অঙ্গরাজ্য উল্লেখযোগ্য। ২০২২ সালে ইনস্টিটিউট ফর সোশ্যাল পলিসি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং এবং ইউনিভার্সিটি অব ইলিনয় শিকাগোর যৌথ গবেষণায় দেখা যায়, অঙ্গরাজ্যটিতে ৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষ নিজেদের মুসলিম হিসেবে পরিচয় দেন। তাঁদের মধ্যে প্রায় ৮ শতাংশ হিস্পানিক বা লাতিনো বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে মাথাপিছু মুসলিম জনসংখ্যার হারও ইলিনয়ে সর্বোচ্চ বলে ওই গবেষণায় উল্লেখ করা হয়।   কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের শিকাগো শাখার নির্বাহী পরিচালক আহমেদ রেহাবের পর্যবেক্ষণ, তরুণ নারী ও ইসলাম গ্রহণ করা লাতিনোদের মধ্যে মুসলিম সম্প্রদায়ের বিকাশ বিশেষভাবে লক্ষণীয়। তাঁর মতে, অনেক মুসলিমই জানেন না যে লাতিনো জনগোষ্ঠী দেশটির মুসলিম সম্প্রদায়ের দ্রুত বিকাশমান অংশগুলোর একটি। অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণের অভিজ্ঞতাও এই সম্প্রদায়ের বিস্তারে ভূমিকা রাখছে। ফলে শুধু অভিবাসন বা জন্মহার দিয়ে যুক্তরাষ্ট্রে মুসলিম জনসংখ্যার পরিবর্তন ব্যাখ্যা করা সম্ভব নয়।   ওজালা ইসলামিক সেন্টারের ভবনটিরও রয়েছে দীর্ঘ ইতিহাস। শিকাগো হিস্ট্রি মিউজিয়ামের তথ্য অনুযায়ী, ১৯০০ সাউথ ওক পার্ক অ্যাভিনিউয়ের এই ভবনটি ৭৭ বছর ধরে ফার্স্ট রিফর্মড চার্চ অব বারউইন হিসেবে ব্যবহৃত হয়েছে। পরবর্তী সময়ে গির্জার কার্যক্রম বন্ধ হয়ে গেলে ভবনটি মুসলিম কমিউনিটির স্থায়ী ধর্মীয় কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। ওজালার প্রতিষ্ঠাতারা মনে করেন, পুরোনো ধর্মীয় স্থাপনাকে নতুন একটি সম্প্রদায়ের উপাসনালয়ে রূপান্তরিত করা শিকাগোর বহুসাংস্কৃতিক ইতিহাসেরই অংশ।   বর্তমানে বারউইনের ছয় মাইল এলাকার মধ্যে এটিই একমাত্র মসজিদ বলে জানিয়েছেন ইমাম পাভলিচেক। এ কারণে দূরদূরান্ত থেকেও মুসল্লিরা সেখানে নামাজ পড়তে আসেন। সম্প্রদায়ের সদস্যসংখ্যা বাড়তে থাকায় শিকাগোর পিলসেন এলাকায় আরেকটি ইসলামিক সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও করছে কর্তৃপক্ষ। মসজিদটির প্রতিষ্ঠাতারা চান, নতুন প্রজন্মের লাতিনো মুসলিমরা যেন একই সঙ্গে নিজেদের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত হয়ে বেড়ে ওঠার সুযোগ পায়।   সূত্র: শিকাগো সান-টাইমস, পিউ রিসার্চ সেন্টার

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ২০:২০
সিনেটে শপথ অনুষ্ঠানে পবিত্র কোরআন ব্যবহারের পরিকল্পনা করছেন আবদুল এল-সায়েদ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
পবিত্র কোরআন হাতে শপথ নিয়ে মার্কিন সিনেটে ইতিহাস গড়তে যাচ্ছেন আবদুল এল-সায়েদ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন এক নজির গড়তে যাচ্ছেন মিশিগান থেকে নির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদ। আগামী জানুয়ারিতে সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণের সময় পবিত্র কোরআন হাতে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। তাঁর এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সিনেটর কোরআন হাতে শপথ নেওয়ার ঘটনা ঘটবে। তবে কোন কোরআনটি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।   সম্প্রতি যুক্তরাষ্ট্রের জাতীয় গণমাধ্যম এনপিআরকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানান এল-সায়েদ। তিনি বলেন, সম্ভবত কোরআন হাতেই শপথ নেবেন। এ ক্ষেত্রে দুটি ঐতিহাসিক কপি তাঁর বিবেচনায় রয়েছে। প্রথমটি যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআন। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে সংরক্ষিত একটি প্রাচীন কোরআন। কোনটি বেছে নেবেন, তা এখনো ঠিক করেননি তিনি।   টমাস জেফারসনের সংগ্রহে থাকা কোরআনটির ইতিহাসও বেশ পুরোনো। ১৭৬৪ সালে লন্ডনে প্রকাশিত আরবি থেকে ইংরেজিতে অনূদিত দুই খণ্ডের এই কোরআনটি ১৭৬৫ সালে সংগ্রহ করেছিলেন জেফারসন। পরবর্তী সময়ে ১৮১৫ সালে নিজের বিশাল গ্রন্থসংগ্রহের সঙ্গে বইটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাছে বিক্রি করেন তিনি। বর্তমানে এটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের লাইব্রেরিতে সংরক্ষিত রয়েছে।   এর আগে ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রথম মুসলিম সদস্য কিথ এলিসন শপথ অনুষ্ঠানের একটি আনুষ্ঠানিক আয়োজনে জেফারসনের সেই কোরআন ব্যবহার করে ইতিহাস তৈরি করেছিলেন। মিনেসোটা থেকে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি এই ঐতিহাসিক কপিটি ব্যবহারের অনুরোধ জানান। তবে সেটি ছিল আনুষ্ঠানিক শপথের প্রতীকী আয়োজন। এবার এল-সায়েদের সম্ভাব্য উদ্যোগ সেই ইতিহাসকে সিনেটের পর্যায়ে নিয়ে যেতে পারে।   এল-সায়েদ সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন, শপথ অনুষ্ঠানে কোন ধর্মগ্রন্থ ব্যবহার করছেন, সেটিই মূল বিষয় নয়। তাঁর অঙ্গীকার থাকবে যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি। দেশটির সিনেটের নিয়ম অনুযায়ী, নতুন সদস্যদের সংবিধান রক্ষার শপথ নিতে হয়। তবে শপথের সময় বাইবেল, কোরআন কিংবা অন্য কোনো ধর্মীয় গ্রন্থ হাতে রাখা বাধ্যতামূলক নয়। এটি মূলত ব্যক্তিগত বিশ্বাস ও ঐতিহ্যের প্রতিফলন।   গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে পরিচিতি পান। মিশিগানে জন্ম নেওয়া এই রাজনীতিবিদের বাবা-মা মিশরীয় অভিবাসী। তাঁর নির্বাচনী প্রচারণায় স্বাস্থ্যসেবা সংস্কার, রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি নিয়ে অবস্থান বিশেষ গুরুত্ব পেয়েছিল।   তবে নির্বাচনী প্রচারণার সময় থেকেই ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থানের কারণে তাঁকে বিভিন্ন সমালোচনা ও বিদ্বেষমূলক মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। কোরআন হাতে শপথ নেওয়ার সম্ভাবনার কথা প্রকাশের পরও কয়েকজন রক্ষণশীল ভাষ্যকার ও ইসরায়েলপন্থী সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যক্তিত্ব তাঁর সিদ্ধান্তের সমালোচনা করেছেন। অন্যদিকে, তাঁর নির্বাচনী বিজয়কে মুসলিম আমেরিকান ও প্রগতিশীল রাজনীতির সমর্থকেরা ঐতিহাসিক অর্জন হিসেবে দেখছেন।   আগামী জানুয়ারিতে শপথ গ্রহণের মধ্য দিয়ে সিনেটে নতুন দায়িত্ব শুরু করবেন এল-সায়েদ। তাঁর কোরআন হাতে শপথ নেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে ধর্মীয় বৈচিত্র্য ও সাংবিধানিক অধিকারের আলোচনায় নতুন একটি অধ্যায় যুক্ত হবে।   সংবাদসূত্র: এনপিআর, দ্য নিউ আরব

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৯:৫২
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুন, উদ্ধার করেও বাঁচানো গেল না ৮ বছরের শিশুকে

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের নিউ বেডফোর্ড শহরে একটি জ্বলন্ত অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার হওয়ার পর ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে রিভেট স্ট্রিটের একটি তিনতলা ভবনে (ট্রিপল ডেকার) এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভবনটির দ্বিতীয় তলা থেকে গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে সেন্ট লুকস হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। বুধবার অঙ্গরাজ্যের ফায়ার মার্শাল শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন, তবে তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।   নিউ বেডফোর্ড ফায়ার সার্ভিসের প্রধান ব্রায়ান মেদেইরোস জানান, মঙ্গলবার বিকেল ৪টার পর ভবনটির নিচতলায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করছিলেন কয়েকজন ঠিকাদার। হঠাৎ ফায়ার অ্যালার্ম বেজে উঠলে তারা দ্বিতীয় তলা থেকে ধোঁয়া বের হতে দেখেন। তারা অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলেও ঘন ধোঁয়া ও তীব্র তাপে পিছু হটতে বাধ্য হন।   পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্বিতীয় ও তৃতীয় তলায় তল্লাশি চালান এবং দ্বিতীয় তলা থেকে শিশুটিকে উদ্ধার করেন। ভবনের অন্য সব বাসিন্দাকে নিরাপদে পাওয়া গেছে। তবে ঠিক কীভাবে এবং কোথা থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো জানা যায়নি।   শিশুটির অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফায়ার চিফ মেদেইরোস জানান, ভেতরে কেউ আটকা পড়ে আছে কি না তা নিশ্চিত না হওয়া সত্ত্বেও ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর পাশাপাশি উদ্ধারকাজ চালিয়েছেন। বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, "নিউ বেডফোর্ডের প্রতিটি ফায়ারফাইটার আজ শিশুটির জন্য প্রার্থনা করছেন। কোনো পরিবারেরই এমন শোক সহ্য করা উচিত নয়; এটি আমাদের কমিউনিটির জন্য এক অপূরণীয় ও মর্মান্তিক ক্ষতি।"   অঙ্গরাজ্যের ফায়ার মার্শাল জন ডেভাইন জানিয়েছেন, গত দেড় বছরেরও বেশি সময়ের মধ্যে ম্যাসাচুসেটসে অগ্নিকাণ্ডে কোনো শিশুর মৃত্যুর এটিই প্রথম ঘটনা। তিনি আক্ষেপ করে বলেন, "এমনকি একটি মৃত্যুও অনেক বেশি।" অন্যদিকে, নিউ বেডফোর্ডের মেয়র জন মিচেল এক শোকবার্তায় নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একজন অভিভাবক হিসেবে পরিবারের এই অসহনীয় যন্ত্রণা অনুভব করার কথা উল্লেখ করে তিনি আগুন নিয়ন্ত্রণে দ্রুত ঝাঁপিয়ে পড়া ফায়ার সার্ভিস ও জরুরি চিকিৎসাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৮:৬
ফ্লোরিডায় বন্যায় ধসে পড়ল ঐতিহাসিক সিনাগগের ছাদ, উদ্ধার হলোকাস্ট যুগের তোরাহ
ফ্লোরিডায় বন্যায় ধসে পড়ল ঐতিহাসিক সিনাগগের ছাদ, উদ্ধার হলোকাস্ট যুগের তোরাহ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হলিউডে প্রবল বর্ষণ ও বন্যার কবলে পড়ে ১৯৬০-এর দশকে নির্মিত একটি ঐতিহাসিক সিনাগগের ছাদ ধসে পড়েছে। বুধবার ব্রোওয়ার্ড কাউন্টির ১৪০০ নর্থ ৪৬তম অ্যাভিনিউয়ে অবস্থিত ‘টেম্পল সিনাই’ (Temple Sinai) নামের ওই উপাসনালয়ে এই ঘটনা ঘটে।   কয়েক দশকের ঝড় এবং একাধিক শক্তিশালী হারিকেন মোকাবিলা করে টিকে থাকা ভবনটি এবারের তীব্র বৃষ্টিপাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দুর্ঘটনার সময় উপাসনালয়ের ভেতরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই নগর কর্তৃপক্ষ ভবনটি এবং এর সংলগ্ন স্কুলটিকে অনিরাপদ ঘোষণা করে নোটিশ টাঙিয়ে দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় ছাদের আরও অংশ ধসে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।   মোবাইল ফোনে ধারণ করা এবং ড্রোন ফুটেজে দেখা গেছে, ছাদের বড় অংশ এবং এর ওপর বসানো ভারী যন্ত্রপাতি ভেঙে উপাসনালয়ের ভেতরে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সিনাগগের এক প্রতিনিধি জানান, নজিরবিহীন ভারী বৃষ্টি, শিলাবৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে ছাদে প্রচুর পানি জমে অতিরিক্ত ওজন তৈরি হয়েছিল, যা ছাদ ধসের মূল কারণ হতে পারে। বন্যার ভয়াবহতায় খোদ সিনাগগের রাব্বিও (ধর্মগুরু) বিপাকে পড়েছিলেন। তিনি জানান, চারপাশে পানি বেড়ে যাওয়ায় সারারাত তিনি নিজের গাড়ির ভেতর আটকা ছিলেন; পানির উচ্চতা এতটাই বেশি ছিল যে উদ্ধারকারী ট্রাকও তার কাছে পৌঁছাতে পারেনি।   এই ব্যাপক ধ্বংসযজ্ঞের মাঝেও উপাসনালয়টির সবচেয়ে মূল্যবান ধর্মীয় নিদর্শনগুলোর একটি—ইউরোপের হলোকাস্ট থেকে রক্ষা পাওয়া একটি প্রাচীন ‘তোরাহ’ (ইহুদি ধর্মগ্রন্থ)—উদ্ধার করতে সক্ষম হয়েছেন রাব্বি। সাধারণত হলোকাস্ট স্মরণসভার মতো বিশেষ অনুষ্ঠানগুলোতে এই পবিত্র গ্রন্থটি বের করা হয়। রাব্বি বলেন, "এই তোরাহ ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলো থেকে টিকে আছে এবং এটি আমাদের কাছে অত্যন্ত অমূল্য। ধ্বংসস্তূপের ভেতরে ঢুকে সবার আগে এটিই আমি উদ্ধার করতে পেরেছি।"   ভবনটি অনিরাপদ ঘোষণা করায় এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে টেম্পল সিনাইয়ের অনুসারীরা। নগর পরিদর্শকের উদ্বেগের কথা উল্লেখ করে রাব্বি জানান, ভবনটি আদৌ মেরামতযোগ্য কি না তা নিয়ে তিনি সন্দিহান। তবে নিজেদের কমিউনিটির মনোবল অত্যন্ত দৃঢ় বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আগামী শুক্রবার সন্ধ্যা থেকে ইহুদিদের সাপ্তাহিক পবিত্র দিন ‘সাবাথ’ শুরু হতে যাওয়ায় কোথায় প্রার্থনা অনুষ্ঠিত হবে, তা নিয়ে ভাবছেন সিনাগগের নেতারা।   পাশাপাশি স্কুল ভবনটিও অনিরাপদ ঘোষিত হওয়ায় শিশুদের পড়াশোনা কোথায় চলবে, তা নিয়েও নতুন করে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবক ও কর্তৃপক্ষ।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৭:৪২
কিংবদন্তি ফুটবলার ও স্টাইল আইকন ডেভিড বেকহ্যাম
গ্যাস স্টেশনে সস্তায় বিক্রি বেকহ্যামের পারফিউম, ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্নের অভিযোগে ৪১ মিলিয়ন ডলারের মামলা

নিজের নামের বিলাসবহুল পারফিউম গ্যাস স্টেশন ও সস্তা ডিসকাউন্ট স্টোরে বিক্রির অভিযোগে জার্মান প্রসাধনী প্রতিষ্ঠান ‘কোটি’ (Coty)-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কিংবদন্তি ফুটবলার ও স্টাইল আইকন ডেভিড বেকহ্যাম। বেকহ্যামের বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ডিবি ভেঞ্চারস’ (DB Ventures) নিউইয়র্ক সুপ্রিম কোর্টে এই মামলা করেছে। লাইসেন্সিং চুক্তি লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটির কাছে অন্তত ৪ কোটি ১০ লাখ (৪১ মিলিয়ন) মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।   মামলার নথিতে ডিবি ভেঞ্চারস উল্লেখ করেছে, ডেভিড বেকহ্যামের বিশ্বখ্যাত ব্র্যান্ডটি উৎকর্ষতা, আভিজাত্য এবং দৈনন্দিন বিলাসিতার প্রতীক। জার্মান প্রতিষ্ঠান কোটি বেকহ্যাম ব্র্যান্ডের ‘ক্লাসিক’, ‘ইনস্টিংক্ট’, ‘ইন্টিমেটলি’ ও ‘এক্সকুইজিট লেদার’-এর মতো পারফিউম ও প্রসাধনী তৈরি ও বাজারজাত করে। কিন্তু সম্প্রতি দেখা গেছে, এসব বিলাসবহুল পণ্য গ্যাস স্টেশনের বার্গেন বিন এবং ব্রিটিশ বাজেট রিটেইলার ‘পাউন্ডল্যান্ড’-এ অত্যন্ত কম দামে বিক্রি করা হচ্ছে।   আইনজীবীদের অভিযোগ, ‘হতাশা ও লোভের’ বশবর্তী হয়ে কোটি এসব পণ্য ডলার স্টোরের দামে বিক্রি হতে দিয়েছে, যা ডেভিড বেকহ্যামের ব্র্যান্ডকে সস্তা ও ডিসকাউন্ট পণ্যের সঙ্গে জুড়ে দিয়ে সুনাম ক্ষুণ্ন করেছে।   অন্যদিকে, গত এপ্রিলে দায়ের করা এই মামলাটি খারিজ করার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছে কোটি। প্রতিষ্ঠানটির দাবি, এই মামলার বিচার করার এখতিয়ার নিউইয়র্ক আদালতের নেই। তারা পাল্টা অভিযোগ করে বলেছে, বর্তমান লাইসেন্সিং চুক্তি থেকে আগেভাগেই বেরিয়ে গিয়ে ‘ইন্টারপারফামস’ (Interparfums) নামের অন্য একটি কোম্পানিকে বেকহ্যামের চুক্তি হস্তান্তর করার অজুহাত হিসেবেই এই মামলাটি সাজানো হয়েছে।   মঙ্গলবার বার্তা সংস্থা এপিকে দেওয়া এক বিবৃতিতে কোটি জানিয়েছে, তারা এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করছে এবং চলমান আইনি বিষয় হওয়ায় এ নিয়ে আর কোনো মন্তব্য করবে না। এদিকে, ডিবি ভেঞ্চারসের মূল প্রতিষ্ঠান ‘অথেনটিক ব্র্যান্ডস’ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।   ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা এবং ইংল্যান্ড জাতীয় দলের সাবেক অধিনায়ক ফুটবল মাঠের সাফল্যকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ফুটবল ক্লাব ইন্টার মায়ামির সহ-মালিক। গত বছর ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে নাইটহুড উপাধি পেয়ে তিনি ‘স্যার ডেভিড’ হিসেবে ভূষিত হন।   ফ্যাশন ডিজাইনার ভিক্টোরিয়া বেকহ্যামের সঙ্গে চার সন্তানের জনক এই তারকার মোট সম্পদের পরিমাণ চলতি বছরের সানডে টাইমস রিচ লিস্ট অনুযায়ী প্রায় ১.২ বিলিয়ন পাউন্ড বা ১৫৮ কোটি মার্কিন ডলার।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৭:২৬
নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা
নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা

নিউইয়র্ক অঙ্গরাজ্যের হাইস্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১০ হাজার ডলারের শিক্ষাবৃত্তি ঘোষণা করেছে ‘এনওয়াই হোম কেয়ার সার্ভিসেস ইনক’। ২০২৭ সালে কলেজে ভর্তি হতে ইচ্ছুক ১০ জন মেধাবী শিক্ষার্থীকে ১ হাজার ডলার করে এই আর্থিক সহায়তা প্রদান করা হবে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে নিউইয়র্ক স্টেটে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত এবং আগামী বছর কলেজে উচ্চশিক্ষা শুরু করতে আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ ডিসেম্বর ২০২৬।   এনওয়াই হোম কেয়ার সার্ভিসেস ইনকের হেড অব ব্র্যান্ডিং অ্যান্ড কমিউনিকেশনস ফারহানা মোহাইমিন জানিয়েছেন, শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং কলেজজীবনের শুরুতে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেধাবী ও উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চায় প্রতিষ্ঠানটি। উচ্চশিক্ষার ক্রমবর্ধমান ব্যয়ের এই সময়ে এই বৃত্তি কলেজে ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীদের প্রাথমিক আর্থিক চাপ কিছুটা হলেও কমাতে সহায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।   এই বৃত্তি সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) একটি ভিডিও বার্তা প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কমিউনিটির বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এই সুযোগের তথ্য সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, নির্বাচনের মানদণ্ড ও বিস্তারিত আবেদন পদ্ধতি জানতে আগ্রহীদের প্রতিষ্ঠানটির ওয়েবসাইট (www.nyhcs.org) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৭:০
যুক্তরাষ্ট্রের অভিজাত বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেলেন যশোরের রাসেল I গ্রাফিক্স: আমেরিকা বাংলা
যুক্তরাষ্ট্রের অভিজাত বিশ্ববিদ্যালয়ে কোটি টাকার ফুল ফান্ডেড পিএইচডির সুযোগ পেলেন যশোরের রাসেল

আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার অঙ্গনে মেধা ও অধ্যবসায়ের অনন্য স্বাক্ষর রেখেছেন বাংলাদেশের তরুণ প্রকৌশলী বি. এম. রাসেল। যশোরের এই কৃতী সন্তান সম্প্রতি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ১২টি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপসহ ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির যোগ্যতা অর্জন করেন।   সব অফারের মধ্য থেকে তিনি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম অভিজাত ‘এএইউ আর১ প্রাইভেট রিসার্চ ইউনিভার্সিটি’ হিসেবে পরিচিত নিউ অরলিন্সের টুলেন ইউনিভার্সিটিকে। শতভাগ অর্থায়নসহ পিএইচডি ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যুক্ত হওয়া রাসেল ২০২৬ সালের ১০ আগস্ট থেকে সেখানে গবেষণা শুরু করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের ‘রিসার্চ অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে দায়িত্ব পালন করছেন।   অ্যাসোসিয়েশন অব আমেরিকান ইউনিভার্সিটিস (AAU)-এর সদস্য এবং অত্যন্ত প্রতিযোগিতামূলক এই প্রতিষ্ঠানে সরাসরি পিএইচডি গবেষণার সুযোগ পাওয়া সহজ ছিল না। বিশ্বজুড়ে জমা পড়া অগণিত আবেদনের মধ্য থেকে প্রারম্ভিক মনোনয়ন পাওয়ার পর চূড়ান্ত বাছাইয়ের জন্য রাসেলকে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের সিনিয়র সায়েন্টিস্ট ও পিএইচডি সুপারভাইজারের যৌথ বোর্ডের মুখোমুখি হতে হয়।   তিনটি আলাদা দিনে তিনটি পৃথক ধাপে নিবিড় ও গভীর প্রযুক্তিগত সাক্ষাৎকারের (ইন্টারভিউ) পর অবশেষে কাঙ্ক্ষিত ‘ফাইনাল সিলেকশন মেইল’ হাতে পান তিনি। তাঁর এই পিএইচডি প্রোগ্রামটি সিভিল অ্যান্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের সমন্বয়ে একটি বিশেষায়িত গবেষণাক্ষেত্র। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (LLMs) এবং এনভায়রনমেন্টাল ডেটা সায়েন্স ব্যবহার করে বন্যা ঝুঁকি মূল্যায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় কার্যকর মডেল তৈরির ওপর গবেষণা করছেন।   যুক্তরাষ্ট্রের অত্যন্ত ব্যয়বহুল এই ডক্টরেট প্রোগ্রামের সম্পূর্ণ খরচ বহন করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বাংলাদেশি মুদ্রায় যার বাৎসরিক পরিমাণ প্রায় ১ কোটি ৩৪ লাখ টাকা। এই পূর্ণাঙ্গ অর্থায়নের আওতায় রয়েছে শতভাগ টিউশন ফি মওকুফ, স্বাস্থ্যবিমা ও নানাবিধ একাডেমিক সুবিধা। এর পাশাপাশি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের অংশ হিসেবে তিনি মাসিক গবেষণা বেতন পাচ্ছেন, যা যুক্তরাষ্ট্রে তাঁর জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়তা করছে।   এর আগেও আন্তর্জাতিক শিক্ষার্থী হিসেবে সাফল্যের ধারাবাহিকতা দেখিয়েছেন প্রকৌশলী বি. এম. রাসেল। ভারত সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ‘এসআইআই স্কলারশিপ স্কিম’-এর আওতায় পূর্ণাঙ্গ বৃত্তি নিয়ে তিনি ভারতের ভুবনেশ্বরের কেআইআইটি (KIIT) বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে স্নাতক সম্পন্ন করেন।   ২০২৫ সালের মার্চে একাডেমিক কার্যক্রম শেষ করে মে মাসে সমাবর্তনের মাধ্যমে প্রথম শ্রেণিতে বি.টেক ডিগ্রি অর্জন করেন তিনি। শিক্ষাজীবনের শেষ দুই সেমিস্টারে বাংলাদেশের ৪.০০ গ্রেডিং স্কেলে ৪.০০-এর মধ্যে ৪.০০ সমমানের ফলাফল অর্জন করেন রাসেল। দেশে ফিরে তিনি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নিবন্ধিত প্রকৌশলী ও অ্যাসোসিয়েট মেম্বার হিসেবে তালিকাভুক্ত হন।   উল্লেখ্য, স্নাতক শেষ করার আগেই তিনি যুক্তরাষ্ট্রের চারটি বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ মাস্টার্সের সুযোগ পেয়েছিলেন; তবে উচ্চতর গবেষণাকে অগ্রাধিকার দিয়ে শেষ পর্যন্ত পূর্ণ অর্থায়নসহ সরাসরি পিএইচডি প্রোগ্রামেই যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৬:৫০
বাংলাদেশি গবেষক ড. সৈয়দ বাহাউদ্দিন আলম
বুয়েট থেকে ক্যামব্রিজ, এবার মার্কিন এআই প্রতিনিধি দলে বাংলাদেশি গবেষক ড. বাহাউদ্দিন আলম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক, এরপর যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বিশেষজ্ঞ হিসেবে ভিয়েতনামে অংশ নিয়েছেন বাংলাদেশি গবেষক ড. সৈয়দ বাহাউদ্দিন আলম। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উদ্যোগে গঠিত প্রতিনিধি দলে তাঁকে এআই বিশেষজ্ঞ হিসেবে নির্বাচন করা হয়।   ভিয়েতনামে বিভিন্ন আলোচনায় এআই, উন্নত প্রকৌশল, ডিজিটাল রূপান্তর, শিক্ষা এবং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর কর্মশক্তি গড়ে তোলার বিষয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।   যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা-শ্যাম্পেইনের নিউক্লিয়ার, প্লাজমা অ্যান্ড রেডিওলজিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. আলমের এই অংশগ্রহণকে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের শিক্ষা ও প্রযুক্তি সহযোগিতার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয়টি।   বিশ্ববিদ্যালয়ের ৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এআই গবেষণায় তাঁর বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতেই তাঁকে প্রতিনিধি দলের জন্য নির্বাচন করা হয়। ভিয়েতনামের কর্মশক্তি উন্নয়নের অগ্রাধিকার এবং যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম কৌশলগত অংশীদারত্বের বৃহত্তর উদ্যোগেও তাঁর অংশগ্রহণ ভূমিকা রাখবে।   হ্যানয়ে ‘ডিজিটাল যুগে শিক্ষা ও কর্মশক্তি উন্নয়ন’ শীর্ষক দ্বিপক্ষীয় সেমিনারে বক্তব্য দেন ড. আলম। সেখানে প্রকৌশল শিক্ষার পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল টুইন প্রযুক্তি যুক্ত করার সম্ভাবনা তুলে ধরেন তিনি। ডিজিটাল টুইন হলো কোনো বাস্তব যন্ত্র, অবকাঠামো বা ব্যবস্থার তথ্যনির্ভর ভার্চুয়াল প্রতিরূপ, যার মাধ্যমে বাস্তব ব্যবস্থার কার্যক্রম পর্যবেক্ষণ, বিশ্লেষণ এবং সম্ভাব্য পরিস্থিতি যাচাই করা যায়। উন্নত প্রকৌশল, জ্বালানি এবং পারমাণবিক বিদ্যুৎ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহার সম্ভব।   প্রতিনিধি দলের অংশ হিসেবে তিনি ভিয়েতনামের শিক্ষা ও প্রশিক্ষণ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের আলোচনাতেও অংশ নেন। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা, শিক্ষক বিনিময়, নতুন প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যতের কর্মশক্তি তৈরির বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়। ভিয়েতনামের শিক্ষা ও প্রশিক্ষণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ফাম কোয়াং হুং মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভিয়েতনামে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স কোর্টনি বিলে।   ড. বাহাউদ্দিন আলমের শিক্ষাজীবনের শুরু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। ২০১১ সালে বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে নিউক্লিয়ার এনার্জিতে এমফিল এবং ২০১৮ সালে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি সম্পন্ন করেন।   বর্তমানে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি গবেষণায় যুক্ত রয়েছেন তিনি। তাঁর গবেষণার প্রধান ক্ষেত্র কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল টুইন, বৈজ্ঞানিক গণনা এবং পারমাণবিক ও জ্বালানি ব্যবস্থায় উন্নত প্রযুক্তির ব্যবহার।   গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননা পেয়েছেন ড. আলম। ২০২৫ সালে তিনি যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের ‘ডিস্টিংগুইশড আর্লি ক্যারিয়ার অ্যাওয়ার্ড’ অর্জন করেন। একই বছর উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং খাতে অবদানের জন্য পান ‘এইচপিসিওয়্যার এডিটরস চয়েস অ্যাওয়ার্ড’।   ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশনের মর্যাদাপূর্ণ ‘ক্যারিয়ার অ্যাওয়ার্ড’ এবং আমেরিকান নিউক্লিয়ার সোসাইটির ‘টেড কুইন আর্লি ক্যারিয়ার অ্যাওয়ার্ড’ও অর্জন করেন তিনি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের ‘ফ্রন্টিয়ার্স অব ইঞ্জিনিয়ারিং’ কর্মসূচিতেও নির্বাচিত হন।   বৈজ্ঞানিক গবেষণায় ফাউন্ডেশন মডেলের ভবিষ্যৎ ব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমিজ অব সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিনের ১১ সদস্যের একটি কমিটিতেও রয়েছেন ড. আলম। এই কমিটি বৈজ্ঞানিক আবিষ্কার ও উদ্ভাবনে ফাউন্ডেশন মডেলের সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের জন্য সংশ্লিষ্ট সুপারিশ নিয়ে কাজ করছে।   পাশাপাশি ২০২৭ সালের ইউএস-আরব ফ্রন্টিয়ার্স অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিন সিম্পোজিয়ামেও যুক্তরাষ্ট্রের নির্বাচিত অংশগ্রহণকারী হিসেবে তাঁর নাম রয়েছে।   ইলিনয় বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, হোয়াইট হাউসের জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা কর্মপরিকল্পনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়ায় তাঁকে জাতীয় পর্যায়ের এআই নেতা ও বিশেষজ্ঞ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এটি যুক্তরাষ্ট্র সরকারের কোনো আনুষ্ঠানিক পদে নিয়োগ নয়; বরং এআই গবেষণায় তাঁর ভূমিকা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন।   বুয়েট থেকে শুরু করে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং যুক্তরাষ্ট্রের একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও শিক্ষকতার পাশাপাশি আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতায় অংশগ্রহণ—ড. বাহাউদ্দিন আলমের এই পথচলা বাংলাদেশের প্রকৌশল ও গবেষণা অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। তাঁর কাজ বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক জ্বালানি প্রযুক্তির সংযোগস্থলে নতুন গবেষণার সম্ভাবনা তৈরি করছে।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৬:১২
যুক্তরাষ্ট্রের মাটিতে রাশিয়ার পতাকা ওড়ালেন ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের মাটিতে রাশিয়ার পতাকা ওড়ালেন ট্রাম্পের নিয়োগ দেওয়া কর্মকর্তা

যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেশনে অবস্থিত ‘মিলেনিয়াম গেট মিউজিয়াম’-এর বিশাল স্মারক তোরণে রাশিয়ার একটি বড় পতাকা স্থাপন করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে ব্যাপক বিস্ময়ের সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রে অবস্থিত রুশ দূতাবাস জানিয়েছে, গত সপ্তাহে ৬৬ বছর বয়সে মৃত্যুবরণ করা যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার দারচিয়েভের প্রতি শ্রদ্ধা জানাতেই ট্রাম্প প্রশাসনের একটি ফেডারেল সংস্থার প্রধানের অনুরোধে এই পতাকাটি টাঙানো হয়েছে।   ওয়াশিংটনে রুশ দূতাবাসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের অভিজ্ঞ কূটনীতিক আলেকজান্ডার দারচিয়েভ ২০২৫ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২৪ সালের শেষের দিকে আনাতোলি আন্তোনভ দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর দারচিয়েভ তাঁর স্থলাভিষিক্ত হন।   এর আগে তিনি রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ও উত্তর আটলান্টিক বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন। এছাড়াও তিনি কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূত এবং ওয়াশিংটন দূতাবাসে মিনিস্টার-কাউন্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।   সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে রুশ দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘কমিশন অব ফাইন আর্টস’-এর প্রেসিডেন্ট এবং আটলান্টার স্থানীয় বাসিন্দা রডনি মিমস কুক জুনিয়রের সঙ্গে দারচিয়েভের একাধিকবার সাক্ষাৎ হয়েছিল। তাঁরা দুজন মিলে দুই দেশের মধ্যে ‘সাংস্কৃতিক ও মানবিক সম্পর্ক পুনরুদ্ধার’ সংক্রান্ত বেশ কয়েকটি প্রকল্পে একসঙ্গে কাজ করেছেন।   প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উভয় মেয়াদেই কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পাওয়া রডনি কুকই আটলান্টার ওই জাদুঘরে রুশ পতাকা স্থাপনের অনুরোধ জানান। এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে রুশ দূতাবাস লিখেছে, “আমাদের আমেরিকান সহকর্মীর এই সহমর্মিতা ও বন্ধুত্বপূর্ণ সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৫:৫৪
নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ
নিউইয়র্কের বাসিন্দাদের জন্য বিনামূল্যে সাংবাদিকতায় মাস্টার্সের সুযোগ দিচ্ছে কিউনি

নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাসিন্দাদের জন্য কোনো ধরনের ঋণের বোঝা ছাড়াই সাংবাদিকতায় স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রি অর্জনের সুবর্ণ সুযোগ ঘোষণা করেছে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক (কিউনি)। বিশ্ববিদ্যালয়টির ক্রেগ নিউমার্ক গ্র্যাজুয়েট স্কুল অব জার্নালিজম (নিউমার্ক জে-স্কুল) জানিয়েছে, ২০২৭ সালের ‘ফল’ (Fall) সেশনে ভর্তিকৃত নিউইয়র্ক অঙ্গরাজ্যের যোগ্য বাসিন্দাদের সম্পূর্ণ টিউশন ফি এবং বাধ্যতামূলক অন্যান্য ফি বহন করবে প্রতিষ্ঠানটি।   আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অগ্রাধিকারভিত্তিক (প্রায়োরিটি) আবেদনের সুযোগ থাকছে। পাশাপাশি নিউইয়র্কের বাসিন্দা হোন বা না হোন, ২০২৭ সালের ফল সেশনের সব আবেদনকারীর জন্য ৭৫ ডলারের আবেদন ফি সম্পূর্ণ মওকুফ করা হয়েছে।   এই টিউশন-মুক্ত সুবিধাটি নিউইয়র্ক সিটিতে পরিচালিত প্রতিষ্ঠানটির দুটি সরাসরি (ইন-পার্সন) মাস্টার্স প্রোগ্রামের ক্ষেত্রে প্রযোজ্য হবে—‘এম.এ. ইন জার্নালিজম’ এবং ‘এম.এ. ইন এনগেজমেন্ট জার্নালিজম’। তিনটি সেমিস্টারে বিভক্ত ১৬ মাস মেয়াদি এই প্রোগ্রামগুলোতে (ঐচ্ছিক চতুর্থ সেমিস্টারসহ) টিউশন সুবিধা ধরে রাখতে শিক্ষার্থীদের পূর্ণকালীন (ফুল-টাইম) হিসেবে ভর্তি থাকতে হবে।   কিউনি-র ২০২৫–২৬ শিক্ষাবর্ষের হিসাব অনুযায়ী, নিউইয়র্কের বাসিন্দাদের জন্য এই প্রোগ্রামের তিন সেমিস্টারের মোট টিউশন ও ফি প্রায় ১৮ হাজার ৬০৯ ডলার, যা এই উদ্যোগের ফলে সম্পূর্ণ সাশ্রয় হবে। তবে আসন নিশ্চিত করতে এককালীন ২৫০ ডলারের এনরোলমেন্ট ডিপোজিট, আবাসন ও জীবনযাত্রার খরচ, বইপত্র, স্বাস্থ্যবিমা, যাতায়াত এবং প্রয়োজনীয় ইংরেজি দক্ষতা পরীক্ষার খরচ শিক্ষার্থীদের নিজেদেরই বহন করতে হবে।   বিনামূল্যে এই শিক্ষাসুবিধা পেতে হলে ক্লাস শুরুর প্রথম দিনের মধ্যেই আবেদনকারীকে কিউনি-র নিউইয়র্ক স্টেট রেসিডেন্সি বা বসবাসের শর্ত পূরণ করতে হবে। শর্ত অনুযায়ী, শিক্ষার্থীকে মার্কিন নাগরিক, স্থায়ী বাসিন্দা অথবা বৈধ অভিবাসন মর্যাদার অধিকারী হতে হবে, ক্লাস শুরুর আগে টানা ১২ মাস নিউইয়র্ক অঙ্গরাজ্যে বসবাস করতে হবে এবং স্থায়ীভাবে সেখানে থাকার ইচ্ছা প্রমাণ করতে হবে।   কিউনি যেহেতু পরবর্তীতে রেসিডেন্সি অনুমোদন বা অর্থ ফেরত দেয় না, তাই নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় কাগজপত্রসহ রেসিডেন্সি ফর্ম জমা দেওয়া জরুরি। আবেদনের জন্য একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সুপারিশপত্র, পার্সোনাল স্টেটমেন্ট, জীবনবৃত্তান্ত (রিজিউমি) এবং লেখার নমুনা জমা দিতে হবে; সেই সঙ্গে আবেদন শুরুর চার কার্যদিবসের মধ্যে অনলাইন ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।   অগ্রাধিকারভিত্তিক আবেদনের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০২৬ এবং সাধারণ আবেদনের শেষ তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়েছে। একটি আবেদনের মাধ্যমেই ভর্তি ও বৃত্তি উভয়ের জন্য বিবেচিত হওয়া যাবে; আর নিউইয়র্কের বাইরের ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও আংশিক থেকে পূর্ণ টিউশন বৃত্তির সুযোগ থাকছে।   ২০২৪ সালে ‘ক্রেগ নিউমার্ক ফিলানথ্রপিস’ থেকে প্রাপ্ত ১ কোটি ডলারের অনুদানের ধারাবাহিকতায় ধাপে ধাপে মাস্টার্স প্রোগ্রামগুলোকে টিউশন-মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিল নিউমার্ক জে-স্কুল। নিউইয়র্কবাসীদের জন্য বিনামূল্যে পড়াশোনার এই ঘোষণাটি ভবিষ্যতে সব শিক্ষার্থীর জন্যই টিউশন-মুক্ত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একটি বড় পদক্ষেপ। আগ্রহীদের সরাসরি তথ্য জানার সুযোগ করে দিতে ১৯ নভেম্বর বৃহস্পতিবার ম্যানহাটনে (২১৯ ওয়েস্ট ৪০তম স্ট্রিট) বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে ‘ফল ওপেন হাউস’-এর আয়োজন করা হয়েছে।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৫:৪২
কূটনীতিতে নতুন চমক: ট্রাম্পকে স্বাগত জানিয়ে আবারও আলোচনায় চীনের ফার্স্ট লেডি
কূটনীতিতে নতুন চমক: ট্রাম্পকে স্বাগত জানিয়ে আবারও আলোচনায় চীনের ফার্স্ট লেডি

বিশ্ব রাজনীতি ও কূটনীতির মঞ্চে সফট পাওয়ার বা মৃদু শক্তির এক অনন্য নজির স্থাপন করলেন চীনের ফার্স্ট লেডি পং লিউয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক উচ্চপর্যায়ের কূটনৈতিক সাক্ষাতে নিজের সাবলীল ইংরেজি ভাষা এবং মার্জিত ব্যক্তিত্ব দিয়ে তিনি বিশ্ব মিডিয়া ও আন্তর্জাতিক মহলের মনোযোগ কেড়েছেন।   গত কয়েক বছর ধরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার জটিল কূটনৈতিক সম্পর্ক যখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে, ঠিক তখনই দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠকে ফার্স্ট লেডি পং লিউয়ানের সরব উপস্থিতি ও কূটনৈতিক শিষ্টাচার নতুন মাত্রা যোগ করেছে।    বিশ্লেষকদের মতে, তার এই সাবলীল যোগাযোগ দক্ষতা দুই দেশের মধ্যকার বরফ গলাতে এবং পারস্পরিক বোঝাপড়ায় ইতিবাচক ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে চীনের সাংস্কৃতিক ও ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে তিনি সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। এবারের এই বিশেষ মুহূর্তেও তার ব্যতিক্রমী উপস্থাপনা বিশ্ব গণমাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৫:২৬
পর্তুগালের রাজপরিবারের কাছ থেকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান
পর্তুগালের রাজপরিবারের কাছ থেকে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেলেন ড. সবুর খান

বাংলাদেশের শিক্ষা ও উদ্যোক্তা খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘নাইট অব দ্য ক্রাউন রয়্যাল’ সম্মাননা পেয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. মো. সবুর খান। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার সাভারে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে পর্তুগালের রাজপরিবারের সদস্য এবং ডাচেস অব কোইমব্রা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগাঞ্জা তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই স্বীকৃতি পাওয়া প্রথম বাংলাদেশি ড. সবুর খান।   রাজকীয় এই অনুষ্ঠানে ডাচেস অব কোইমব্রার সঙ্গে উপস্থিত ছিলেন ডিউক অব কোইমব্রা দুয়ার্তে মারিয়া দে সুসা আরাউজো মার্টিন্স এবং পর্তুগাল ও যুক্তরাজ্যের একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল।   সফরকালে তাঁরা ড্যাফোডিল স্মার্ট সিটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা কার্যক্রম, অবকাঠামো এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।   বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, প্রযুক্তি, উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরির উদ্যোগ সম্পর্কেও তাঁদের অবহিত করা হয়। সফরের অংশ হিসেবে ড. সবুর খান ও ডাচেস অব কোইমব্রা যৌথভাবে একটি স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন।   অনুষ্ঠানে ড. সবুর খানের হাতে সম্মাননা তুলে দেওয়ার পাশাপাশি তাঁকে বাংলাদেশে গ্লোবাল ফেয়ার পে চার্টারের অ্যাম্বাসেডর হিসেবেও স্বীকৃতি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ড. সবুর খান এবং আন্তর্জাতিক প্রতিনিধিদলের প্রধান স্যার শেখ আলিউর রহমানও বক্তব্য রাখেন।   ডাচেস অব কোইমব্রা তাঁর বক্তব্যে আন্তর্জাতিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময় এবং বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের গুরুত্ব তুলে ধরেন।   রাজকীয় সফরের আরেকটি উল্লেখযোগ্য আয়োজন ছিল বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নতুন প্রশিক্ষণকেন্দ্র ‘কোজিনহা রিয়েল–দ্য রয়েল লাউঞ্জ’-এর উদ্বোধন। ডাচেস অব কোইমব্রা এটি উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্থাপনায় শিক্ষার্থীরা আন্তর্জাতিক রান্নার পদ্ধতি, খাদ্যসংস্কৃতি এবং হসপিটালিটি ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণের সুযোগ পাবেন।   এর মাধ্যমে তাঁদের পেশাগত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি বাংলাদেশ ও পর্তুগালের খাদ্য ও আতিথেয়তা সংস্কৃতির পরিচিতি তুলে ধরার পরিকল্পনা রয়েছে।   ড. সবুর খানের এই স্বীকৃতিকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত একজন উচ্চশিক্ষা খাতের সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর দীর্ঘদিনের পরিকল্পনা, নেতৃত্ব ও উদ্যোক্তা মানসিকতার প্রশংসা করেন। তাঁর মতে, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের সুযোগই নয়, বরং অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ব্যবসা শুরু, সামাজিক সমস্যা সমাধান এবং নতুন কর্মসংস্থান তৈরির সুযোগও দেওয়ার চেষ্টা করা হচ্ছে।   বিশ্ববিদ্যালয়ের নতুন রয়েল লাউঞ্জও শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা অর্জনের সেই উদ্যোগের একটি উদাহরণ।   বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশা, পর্তুগালের রাজপরিবারের সদস্যের এই সফর বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে শিক্ষা, গবেষণা, সংস্কৃতি এবং আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৫:৫
দিন দিন বাড়ছে মেয়র মামদানির জনপ্রিয়তা, এবার প্রশংসায় ভাসালেন ইহুদিরাও
দিন দিন বাড়ছে মেয়র মামদানির জনপ্রিয়তা, এবার প্রশংসায় ভাসালেন ইহুদিরাও

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সরকারি খাদ্য কর্মসূচিগুলোতে ধর্মীয় বিধিনিষেধ মেনে ‘কোশার’ (ইহুদি ধর্মীয় রীতি অনুযায়ী হালাল) এবং ‘হালাল’ খাবার নিশ্চিত করতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মেয়র জোহরান মামদানি। সরকারিভাবে সরবরাহ করা খাবারগুলোকে আরও ‘ধর্মীয়ভাবে অন্তর্ভুক্তিমূলক’ করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।   মামদানির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভূয়সী প্রশংসা করেছে নিউইয়র্কের বিভিন্ন ইহুদি সংগঠন, যাদের সাথে প্রায়ই মেয়রের মতবিরোধ দেখা যায়।   সিটি হলের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিউইয়র্ক সিটির বিভিন্ন সংস্থা প্রতি বছর শিক্ষার্থী, হাসপাতালের রোগী, প্রবীণ নাগরিক এবং গৃহহীনদের আশ্রয়কেন্দ্রের বাসিন্দাদের মাঝে ২২ কোটিরও বেশি (২২০ মিলিয়ন) খাবার ও নাশতা সরবরাহ করে থাকে।   নতুন এই নির্বাহী আদেশের ফলে শহরের ‘অফিস অব ফুড পলিসি’-কে আগামী এক বছরের মধ্যে একটি নতুন নীতিমালা তৈরি করতে হবে, যা ধর্মীয় খাদ্যাভ্যাসের বিধিনিষেধ মেনে চলার ক্ষেত্রে সর্বোত্তম পদ্ধতি নির্ধারণ করবে।   বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে অনুরোধের ভিত্তিতে কিছু ধর্মীয় খাবারের ব্যবস্থা থাকলেও নতুন এই নির্দেশিকা ধর্মীয় গোষ্ঠীগুলোর জন্য খাবার সহজলভ্য করার ক্ষেত্রে একটি ‘আরও সামঞ্জস্যপূর্ণ ও স্থায়ী পদ্ধতি’ গড়ে তুলবে।   মেয়রের এই সিদ্ধান্তের প্রশংসা করে ইউজেএ-ফেডারেশন অব নিউইয়র্কের (UJA-Federation of New York) প্রতিনিধি ড্যানিয়েল রোজেনথাল বলেন, “যেসব নিউইয়র্কবাসী শহরের সরকারি কর্মসূচি ও সেবার ওপর নির্ভরশীল, তাদের অনেকের জন্যই ধর্মীয় বিধিনিষেধ মেনে চলা খাবারের সহজলভ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সিটি হলকে ধন্যবাদ জানাই।”   অ্যাগুদাথ ইসরায়েল অব আমেরিকার (Agudath Israel of America) রাব্বি ইয়েরুচিম সিলবার বলেন, “সব নিউইয়র্কবাসীরই সমান সেবা পাওয়ার অধিকার রয়েছে। সিটি প্রশাসনের পরিচালিত খাদ্য কর্মসূচিতে কোশার খাবার সরবরাহের এই পরিকল্পনাকে আমরা সাধুবাদ জানাই।” সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৪:২৮
যুক্তরাষ্ট্রে থানার সামনেই পুলিশ কর্মকর্তাকে পিটবুল লেলিয়ে দিয়ে কামড়ালেন নারী
যুক্তরাষ্ট্রে থানার সামনেই পুলিশ কর্মকর্তাকে পিটবুল লেলিয়ে দিয়ে কামড়ালেন নারী, গ্রেপ্তার অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের স্কিড রো এলাকার কাছে এক ধস্তাধস্তির সময় পুলিশ কর্মকর্তার ওপর পিটবুল প্রজাতির কুকুর লেলিয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সম্প্রতি ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ওই নারীর নির্দেশে কুকুরটি লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্টের (এলএপিডি) এক সার্জেন্টের পা ও কুঁচকিতে কামড়ে ধরেছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সিক্সথ ও ওয়াল স্ট্রিটের কাছে একটি পুলিশ স্টেশনের ঠিক সামনেই এই নাটকীয় ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।   এলএপিডি সূত্রে জানা গেছে, সেন্ট্রাল এরিয়ার ওই সার্জেন্ট ওয়াল স্ট্রিট দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে এক নারী ও পুরুষকে একটি পিটবুল নিয়ে ধস্তাধস্তি করতে দেখেন। বিষয়টি তদন্তের জন্য তিনি তাদের আলাদা হতে বলেন। এ সময় ওই পুরুষ ব্যক্তি চিৎকার করে দাবি করেন যে কুকুরটি তার, কিন্তু নারীটি পুলিশের নির্দেশ অমান্য করে কুকুরের দড়ি ধরে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন।   পুলিশ কর্মকর্তা তাকে আটকানোর চেষ্টা করলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এলএপিডি লেফটেন্যান্ট এলপিডিও ওরোজকো জানান, ধস্তাধস্তির এক পর্যায়ে অভিযুক্ত নারী কুকুরটিকে কর্মকর্তার ওপর আক্রমণ করার নির্দেশ দেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই পুরুষ ব্যক্তি বারবার কুকুরটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও নারীটি চিৎকার করে কুকুরটিকে ছেড়ে দিতে বলেন। একপর্যায়ে কুকুরটি পুলিশ কর্মকর্তার পায়ে ও কুঁচকিতে কামড়ে দেয় এবং নারীটি কুকুর নিয়ে পালানোর চেষ্টা করলে কর্মকর্তা তাকে ধাওয়া করেন।   ঘটনার পরপরই ওই নারীকে গ্রেপ্তার করা হয় এবং প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার (অ্যাসল্ট উইথ আ ডেডলি ওয়েপন) অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় ইতিমধ্যেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে এবং তিনি বর্তমানে আদালতে হাজিরার অপেক্ষায় রয়েছেন।   অন্যদিকে, আহত পুলিশ কর্মকর্তাকে লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান, যেখান থেকে চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ভিডিও করা এক প্রত্যক্ষদর্শী জানান, পরিস্থিতি কর্মকর্তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় চরম বিশৃঙ্খলা তৈরি হয় এবং থানার ঠিক সামনেই এমন ঘটনা ঘটতে দেখে তিনি হতবাক হয়ে যান।   পরবর্তীতে পিটবুল কুকুরটিকে উদ্ধার করে ‘লস অ্যাঞ্জেলেস অ্যানিমেল সার্ভিসেস’-এর কাছে হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, সংস্থাটি বর্তমানে পশুদের ইউথানেশিয়া বা যন্ত্রণাহীন মৃত্যুদণ্ড দেওয়ার হার ব্যাপকভাবে বেড়ে যাওয়ার চাপের মধ্যে রয়েছে। সরকারি প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে সংস্থাটি ২ হাজার ১৭২টি কুকুর ও বিড়ালকে ইউথানেশিয়া দিয়েছে, যা গত বছরের একই সময়ের (১ হাজার ৬৩০টি) তুলনায় ৩৩ শতাংশ বেশি।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৪:৭
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় স্বস্তি, এফ-১ ভিসার চার বছরের সীমাবদ্ধতা বাতিল আদালতে
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় স্বস্তি, এফ-১ ভিসার চার বছরের সীমাবদ্ধতা বাতিল আদালতে

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থী এবং দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর। এফ-১ শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রচলিত ডিউরেশন অব স্ট্যাটাস (ডি/এস) ব্যবস্থা বাতিল করে নির্দিষ্ট সময়সীমা চালুর যে নতুন বিধি করেছিল দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস), তা সম্পূর্ণভাবে বাতিল করেছেন ফেডারেল আদালত।   গত ১৬ নভেম্বর ম্যাসাচুসেটসের ফেডারেল জেলা আদালত এ রায় দেন। এর ফলে শিক্ষার্থীদের জন্য আগের অবস্থানকালীন নিয়ম বহাল থাকছে। চার বছরের নির্দিষ্ট সময়সীমা, অতিরিক্ত অবস্থানের জন্য ইউএসসিআইএসের কাছে নতুন করে আবেদন এবং বিশ্ববিদ্যালয় পরিবর্তনের ক্ষেত্রে প্রস্তাবিত বিধিনিষেধ আর কার্যকর হচ্ছে না।   চলতি বছরের ১৭ জুলাই ডিএইচএস নতুন একটি চূড়ান্ত বিধি প্রকাশ করে। এতে এফ-১ শিক্ষার্থীদের সাধারণত সর্বোচ্চ চার বছরের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি দেওয়ার পরিকল্পনা ছিল। কোনো শিক্ষার্থীর ব্যাচেলরস, মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রাম চার বছরের বেশি সময় চললে অতিরিক্ত অবস্থানের জন্য ইউএসসিআইএসের কাছে ফর্ম আই-৫৩৯ জমা দিয়ে এক্সটেনশনের আবেদন করতে হতো।   পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবর্তন, মেজর পরিবর্তন এবং পরবর্তী ডিগ্রি প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ছিল। এমনকি পড়াশোনা শেষ হওয়ার পর প্রচলিত ৬০ দিনের গ্রেস পিরিয়ড কমিয়ে ৩০ দিন করার বিধানও রাখা হয়েছিল।   ডিএইচএসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার্স (এনএএফএসএ), প্রেসিডেন্টস অ্যালায়েন্স অন হায়ার এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন এবং কয়েকটি শিক্ষা ও শ্রমিক সংগঠন। বাদীপক্ষের যুক্তি ছিল, নতুন বিধি প্রণয়নের ক্ষেত্রে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি এবং শিক্ষার্থীদের ওপর এর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নেয়নি। এর আগে ১৪ সেপ্টেম্বর আদালত নতুন বিধিটির কার্যকারিতা দেশব্যাপী সাময়িকভাবে স্থগিত করেছিলেন। পরে ১৬ নভেম্বর বিচারক এফ. ডেনিস সেলর বাদীপক্ষের আবেদন মঞ্জুর এবং সরকারের আবেদন প্রত্যাখ্যান করে পুরো চূড়ান্ত বিধিটি বাতিল করেন।   আদালতের রায়ের ফলে এফ-১ শিক্ষার্থীদের জন্য আগের ডিউরেশন অব স্ট্যাটাস ব্যবস্থা বহাল থাকছে। অর্থাৎ, শিক্ষার্থীরা তাদের অনুমোদিত একাডেমিক প্রোগ্রামের শর্ত পূরণ করে এবং অভিবাসন আইন মেনে যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থান বজায় রাখতে পারবেন। শুধু চার বছরের সময়সীমা শেষ হওয়ার কারণে অতিরিক্ত অবস্থানের জন্য ইউএসসিআইএসের কাছে নতুন করে আবেদন করতে হবে না।   বিশ্ববিদ্যালয় পরিবর্তন, মেজর পরিবর্তন কিংবা ব্যাচেলরস থেকে মাস্টার্স এবং মাস্টার্স থেকে পিএইচডিতে যাওয়ার ক্ষেত্রেও নতুন বিধির অতিরিক্ত সীমাবদ্ধতা কার্যকর হচ্ছে না। পাশাপাশি যোগ্য শিক্ষার্থীদের জন্য প্রচলিত ৬০ দিনের গ্রেস পিরিয়ড এবং ওপিটি ও স্টেম ওপিটির বিদ্যমান নিয়মও বহাল রয়েছে। তবে গ্রেস পিরিয়ডে কাজ করার অনুমতি থাকে না এবং শিক্ষার্থীদের নিজ নিজ অভিবাসন শর্ত মেনে চলতে হবে।   আদালতের রায়ের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক দপ্তরগুলো আগের ডিউরেশন অব স্ট্যাটাস ব্যবস্থা বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেছে। শিক্ষার্থীদের আপাতত নতুন করে ইউএসসিআইএসের কাছে অবস্থান বাড়ানোর আবেদন করার প্রয়োজন নেই। তবে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী দপ্তরের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।   বাংলাদেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্যও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চার বছরের বেশি সময় লাগতে পারে এমন একাডেমিক প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহীদের জন্য প্রস্তাবিত সময়সীমা ও অতিরিক্ত আবেদনের বাধ্যবাধকতা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত দূর হয়েছে। তবে এই রায়ের অর্থ ভিসা পাওয়া বা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা নয়। শিক্ষার্থীদের ভিসা, এসইভিআইএস এবং অভিবাসন আইনের প্রচলিত শর্ত পূরণ করতে হবে।   এদিকে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার সুযোগ রয়েছে। তবে শুধু আপিল করলেই বাতিল হওয়া বিধি স্বয়ংক্রিয়ভাবে আবার কার্যকর হবে না। এর জন্য উচ্চতর আদালতের পৃথক স্থগিতাদেশ বা পরবর্তী আইনি সিদ্ধান্ত প্রয়োজন হবে। ১৮ নভেম্বর পর্যন্ত আদালতের রায় অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আগের ডিউরেশন অব স্ট্যাটাস ব্যবস্থাই বহাল রয়েছে।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৩:৪৪
জীবন বাঁচাতে পারে ‘মল প্রতিস্থাপন’, তবে টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না দাতা
জীবন বাঁচাতে পারে ‘মল প্রতিস্থাপন’, তবে টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না দাতা

চিকিৎসাবিজ্ঞানে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ‘মল প্রতিস্থাপন’ বা ফিক্যাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্ল্যান্ট (এফএমটি)। জটিল অন্ত্রের সংক্রমণসহ নানা রোগের চিকিৎসায় সুস্থ মানুষের মল থেকে সংগৃহীত উপকারী ব্যাকটেরিয়া অসুস্থ রোগীর অন্ত্রে প্রতিস্থাপন করা হচ্ছে। তবে চাইলেই যে কেউ এই মল দান করতে পারেন না। বিশেষজ্ঞদের মতে, বিশ্বের মোট জনসংখ্যার ৩ শতাংশেরও কম মানুষের মল দানের উপযোগী। আর যাঁদের মল চিকিৎসায় সবচেয়ে বেশি কার্যকর, সেই ‘সুপার পুপার’ বা সেরা দাতার সংখ্যা আরও নগণ্য।   ২০১৩ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের এনওয়াইইউ ল্যাঙ্গোন হেলথের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যাডাম ফায়ে তখন চতুর্থ বর্ষের মেডিকেল শিক্ষার্থী। সে সময় ‘ক্লস্ট্রিডিওইডস ডিফিসিল’ (সি. ডিফিসিল) নামক এক ভয়াবহ ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত এক বৃদ্ধ রোগীর চিকিৎসার দায়িত্ব পড়ে তাঁর ওপর।   অ্যান্টিবায়োটিক প্রতিরোধী এই ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে রোগীর অন্ত্রে সুস্থ মানুষের মল প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সে সময় পর্যাপ্ত স্টুল ব্যাংক (মল সংরক্ষণাগার) ছিল না এবং রোগীর স্বজনরাও মল দানে রাজি হননি। অবশেষে অ্যাডাম ফায়ে নিজেই মল দান করেন। লবণাক্ত পানির সঙ্গে মিশিয়ে পরিশোধিত সেই মল কোলোনোস্কোপির মাধ্যমে ওই বৃদ্ধার অন্ত্রে প্রবেশ করানো হয়। এরপর তিনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন এবং আর কখনোই ওই সংক্রমণে আক্রান্ত হননি।   বর্তমানে অন্ত্রের অণুজীব বা গাট মাইক্রোবায়োম নিয়ে গবেষণা বহুগুণ বেড়েছে। ‘সি. ডিফিসিল’ সংক্রমণের চিকিৎসায় মল প্রতিস্থাপন ইতোমধ্যে অনুমোদিত। এছাড়া ইরিটেবল বাওয়েল সিনড্রোম (আইবিএস), ডায়াবেটিস, অটিজম, অস্টিওপরোসিস, এমনকি মানসিক রোগ ও স্মৃতিভ্রংশের চিকিৎসায় এর কার্যকারিতা নিয়ে বিশ্বজুড়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। কোলোনোস্কোপি ছাড়াও বিশেষ ক্যাপসুল বা পিলের মাধ্যমেও এখন এই চিকিৎসা দেওয়া হচ্ছে।   কীভাবে বাছাই করা হয় মল দাতা? নিউ ইয়র্কের ওয়েইল কর্নেল মেডিসিনের গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট কার্ল ক্রফোর্ড জানান, মল দাতা নির্বাচনের প্রক্রিয়াটি অঙ্গদাতার (যেমন—কিডনি দাতা) মতোই অত্যন্ত কঠোর। দাতাকে সুস্বাস্থ্যের সর্বোচ্চ শিখরে থাকতে হয়।   দাতা হতে হলে প্রথমেই দীর্ঘ স্বাস্থ্য জরিপ ও সাক্ষাৎকারের মুখোমুখি হতে হয়। এরপর রক্ত ও মলের বিস্তারিত পরীক্ষার মাধ্যমে ৩০টিরও বেশি রোগজীবাণু, পরজীবী ও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার উপস্থিতি যাচাই করা হয়। কিছু ক্লিনিকে কোভিড-১৯ ও ফ্লু পরীক্ষাও বাধ্যতামূলক। কারণ, মলের মাধ্যমে ই. কোলাইসহ নানা সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি থাকে। এছাড়া অটোইমিউন ডিজঅর্ডার বা মানসিক রোগের ইতিহাস থাকলেও দাতা হওয়া যায় না।   টরন্টো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট সুসান পাউটানেন জানান, সম্ভাব্য দাতারা কোনো ওষুধ বা ভিটামিন সাপ্লিমেন্ট নিচ্ছেন কি না, তা খতিয়ে দেখা হয়। এমনকি আগের সপ্তাহে বাদাম বা অ্যালার্জি উদ্রেককারী কোনো খাবার খেয়েছেন কি না, সেটিও নথিভুক্ত রাখা হয়। সাধারণত ১৮ থেকে ৪৮ বছর বয়সী ও ছিপছিপে গড়নের মানুষদের দাতা হিসেবে অগ্রাধিকার দেওয়া হয়। এক গবেষণায় দেখা গেছে, স্থূলকায় দাতার মল গ্রহণের পর এক ছিপছিপে নারীও স্থূলতায় আক্রান্ত হয়েছিলেন। এছাড়া দাতাদের আঁশযুক্ত খাবার, ফলমূল ও শাকসবজি খাওয়ার পাশাপাশি মদ্যপান, ঘুম ও ভ্রমণের বিষয়েও কঠোর নিয়ম মানতে হয়।   কার্ল ক্রফোর্ডের অভিজ্ঞতা অনুযায়ী, প্রাথমিক বাছাইয়ে মাত্র ৩ শতাংশ মানুষ উত্তীর্ণ হন এবং নিয়মিত দানের যোগ্য বিবেচিত হন তারও অর্ধেক। অন্যদিকে, টরন্টোর সংক্রামক রোগ বিশেষজ্ঞ সুসি হোতা জানান, তাঁদের পরীক্ষায় মাত্র ১ দশমিক ৬ শতাংশ মানুষ প্রাথমিক ধাপ পার হন এবং নিয়মিত দাতা হিসেবে টিকে থাকেন মাত্র ০ দশমিক ৬ শতাংশ। যুক্তরাষ্ট্রে নিয়মিত মল দাতাদের প্রতিবার দানের বিনিময়ে ২৫ থেকে ১০০ ডলার পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হয়।   কারা এই ‘সুপার পুপার’? গবেষণায় দেখা গেছে, সাধারণ যোগ্য দাতাদের তুলনায় কিছু বিশেষ দাতার মল রোগীদের দ্রুত সুস্থ করে তুলতে অভাবনীয় ভূমিকা রাখে। ২০১৫ সালের এক গবেষণায় দেখা যায়, অন্ত্রের প্রদাহজনিত রোগ 'আলসারেটিভ কোলাইটিস'-এ আক্রান্ত ৩৮ জন রোগীর মধ্যে ৯ জন সুস্থ হয়েছিলেন, যাঁদের মধ্যে ৭ জনই পেয়েছিলেন একই দাতার মল।   বিজ্ঞানীদের মতে, এই ‘সুপার পুপার’দের অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা ও বৈচিত্র্য অনেক বেশি থাকে। বিশেষ করে তাঁদের মলে ‘ফিক্যালিব্যাকটেরিয়াম প্রুসনিটজি’ নামক এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা অন্ত্রের প্রদাহ কমায় এবং অন্ত্রের ভেতরের স্তরকে সুরক্ষা দেয়।   ভবিষ্যতের চিকিৎসা ও শঙ্কা: মল প্রতিস্থাপন পদ্ধতিটি এখনো পুরোপুরি নির্ভুল নয় বলে মনে করেন লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা বেন্টারকিয়া। তাঁর মতে, যেহেতু এর মাধ্যমে অণুজীবের পুরো একটি বাস্তুতন্ত্র স্থানান্তর করা হয়, তাই দাতা ও গ্রহীতা ভেদে ফলাফল ভিন্ন হতে পারে।   তবে বিজ্ঞানীরা এখন মলের পরিবর্তে ল্যাবে তৈরি নির্দিষ্ট উপকারী ব্যাকটেরিয়াসমৃদ্ধ পিল বা ওষুধ তৈরির দিকে ঝুঁকছেন। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের এফডিএ (FDA) অনুমোদিত ‘রেবায়োটা’ এবং ‘ভাউস্ট’ নামক দুটি ওষুধ বাজারে এসেছে, যা মানুষের মল থেকে সংগৃহীত উপকারী ব্যাকটেরিয়া দিয়ে তৈরি।   তবে আধুনিক জীবনযাপন ও অতি-প্রক্রিয়াজাত (আল্ট্রা-প্রসেসড) খাবারের কারণে মানুষের অন্ত্রের প্রাকৃতিক অণুজীবের বৈচিত্র্য কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন কার্ল ক্রফোর্ড। তিনি অন্ত্রের এই অণুজীবগুলোকে ক্রান্তীয় রেইনফরেস্ট বা চিরহরিৎ বনের বিরল ওষুধি উদ্ভিদের সঙ্গে তুলনা করে বলেন, ভবিষ্যতের নানা জটিল রোগ মোকাবিলায় আমাদের অন্ত্রের এই অমূল্য সম্পদগুলোকে রক্ষা করা জরুরি। সূত্র: বিবিসি।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৩:২৯
৫১ বছর বয়সী ভুক্তভোগী চালক মোহাম্মদ ইউসুফ
যুক্তরাষ্ট্রে ‘মোহাম্মদ’ নামের কারণে উবার চালককে সিটবেল্টে শ্বাসরোধ করে হ ত্যাচেষ্টা, আটক যাত্রী

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসের কাছে এক সোমালি-আমেরিকান উবার চালককে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করে এবং তার নিজের গাড়ির নিচে চাপা দিয়ে রাস্তার পাশের খাদে ফেলে যাওয়ার ঘটনায় এক যাত্রীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।   ৫১ বছর বয়সী ভুক্তভোগী চালক মোহাম্মদ ইউসুফ বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এই নৃশংস হামলায় তার পাঁজর ও পা ভেঙে গেছে, মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে এবং ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি শরীরের ভেতরে ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। আদালতের নথি অনুযায়ী, অভিযুক্ত ২৫ বছর বয়সী যাত্রী সামিত অপূর্ব প্যাটেল হামলার আগে ইউসুফকে বলেছিলেন যে তিনি ‘মোহাম্মদ’ নামটি পছন্দ করেন না। মঙ্গলবার প্যাটেলের বিরুদ্ধে সেকেন্ড-ডিগ্রি হত্যাচেষ্টা এবং গাড়ি ছিনতাইয়ের অভিযোগ গঠন করা হয়েছে।   আদালতের নথিপত্রে জানা যায়, গত শনিবার রাত প্রায় ১টার দিকে মিনিয়াপোলিসের একটি বারের কাছ থেকে প্যাটেলকে গাড়িতে তোলেন ইউসুফ, যার গন্তব্য ছিল পার্শ্ববর্তী হপকিন্স এলাকায়। সে সময় ইউসুফ তার ভাইয়ের (যিনি নিজেও একজন উবার চালক) সঙ্গে ফোনে কথা বলছিলেন। ইউসুফের ভাই পুলিশকে জানান, তিনি ফোনের অপর প্রান্ত থেকে যাত্রীকে বলতে শোনেন যে তার ‘মোহাম্মদ’ নামটি পছন্দ নয়। এর কিছুক্ষণ পরই তিনি ইউসুফকে সোমালি ভাষায় চিৎকার করে বলতে শোনেন যে, তাকে সিটবেল্ট দিয়ে শ্বাসরোধ করা হচ্ছে এবং গাড়িচাপা দেওয়া হচ্ছে।   হামলার পর প্যাটেল নিজেই ইউসুফের গাড়ি চালিয়ে বাড়ি ফেরেন। তাকে মাতাল ও মারমুখী অবস্থায় দেখে তার বাবা-মা উদ্বিগ্ন হয়ে ৯১১-এ কল করেন। পুলিশ প্যাটেলের বাড়িতে গিয়ে ড্রাইভওয়েতে ইউসুফের ক্ষতিগ্রস্ত গাড়িটি দেখতে পায়, যার ভেতরে চালকের সিটবেল্ট ছেঁড়া ছিল এবং ইউসুফের ভাইয়ের সঙ্গে ফোনকলটি তখনো চালু ছিল। পরে ইউসুফের স্মার্টওয়াচের লোকেশন ডেটা এবং থার্মাল ইমেজিং ড্রোন ব্যবহার করে রাস্তার পাশের একটি ঝোপঝাড়যুক্ত খাদ থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পুলিশ।   হেনেপিন কাউন্টির অ্যাটর্নি মেরি মরিয়ার্টি জানিয়েছেন, প্যাটেলের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও গাড়ি ছিনতাইয়ের অভিযোগ আনা হলেও এই হামলাটি জাতিগত বা ধর্মীয় বিদ্বেষপ্রসূত ছিল—তা প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ এখনো পাওয়া যায়নি। তবে এই সিদ্ধান্ত ভুক্তভোগী পরিবার ও সোমালি কমিউনিটির কষ্টকে কোনোভাবেই খাটো করে না বলে তিনি মন্তব্য করেন।   ইউসুফের বড় ছেলে মোস্তফা ওসমান (২৭) জানান, তার বাবার ইতিমধ্যে পাঁচটি অস্ত্রোপচার হয়েছে এবং অবস্থা এখনো আশঙ্কাজনক। ১৯৯৩ সালে যুক্তরাষ্ট্রে আসা ইউসুফ দীর্ঘদিন ধরে অত্যন্ত ধৈর্য ও সহানুভূতির সঙ্গে ট্যাক্সি ও উবার চালিয়ে আসছেন। এদিকে, এই বর্বরোচিত ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযুক্ত যাত্রীকে নিজেদের প্ল্যাটফর্ম থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে উবার কর্তৃপক্ষ এবং ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে।   এই নৃশংস হামলার ঘটনায় মিনেসোটায় বসবাসরত যুক্তরাষ্ট্রের বৃহত্তম সোমালি কমিউনিটির মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (কেয়ার)-এর মিনেসোটা শাখার নির্বাহী পরিচালক জাইলানি হুসেইন বলেন, দীর্ঘ দিন ধরে চলা অপপ্রচার এবং বিদ্বেষমূলক বক্তব্যের কারণে তাদের কমিউনিটি প্রতিনিয়ত হুমকির মুখে রয়েছে।   সম্প্রতি ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান ‘অপারেশন মেট্রো সার্জ’ এবং সোমালি অভিবাসীদের নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতিবাচক মন্তব্যের পর এই ভীতি আরও বেড়েছে। এক দশকেরও বেশি সময় ধরে টুইন সিটিতে রাইড-শেয়ারিং গাড়ি চালানো মহিউদ্দিন ইউসুফ জানান, শনিবারের ঘটনার পর তিনি রাতের বেলায় গাড়ি চালানো কমিয়ে দিয়েছেন এবং নিরাপত্তার জন্য গাড়িতে তৃতীয় ক্যামেরা লাগিয়েছেন; এমনকি তার অনেক বন্ধু ভয়ে গাড়ি চালানোই বন্ধ করে দিয়েছেন।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১৩:৯
ট্রাম্পের দুই ছেলে, জামাতা ও জেডি ভ্যান্সকে তদন্তের আওতায় আনতে চান ডেমোক্র্যাটরা
ট্রাম্পের দুই ছেলে, জামাতা ও জেডি ভ্যান্সকে তদন্তের আওতায় আনতে চান ডেমোক্র্যাটরা

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) ওভারসাইট কমিটির সম্ভাব্য পরবর্তী চেয়ারম্যান এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট নেতা রবার্ট গার্সিয়া নতুন কংগ্রেস শুরু হওয়ার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিবার এবং হোয়াইট হাউসের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ব্যাপক তদন্তের প্রস্তুতি শুরু করেছেন।   বুধবার (১৮ নভেম্বর) সকালে তিনি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ ১২ জন ব্যক্তির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে সম্ভাব্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তদন্তের স্বার্থে সব ধরনের নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। চিঠিপ্রাপ্তদের তালিকায় রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার, গ্রিসে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল এবং হোয়াইট হাউসের বর্তমান চিফ অব স্টাফ স্টিফেন মিলার।   ট্রাম্পের দুই ছেলেকে পাঠানো চিঠিতে গার্সিয়া উল্লেখ করেন, সাধারণ আমেরিকানরা যখন জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সঙ্গে লড়াই করছেন, তখন সম্ভাব্য দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ট্রাম্প পরিবারের কাছে বিলিয়ন বিলিয়ন ডলার যাওয়ার বিষয়টি ওভারসাইট কমিটির ডেমোক্র্যাটরা খতিয়ে দেখছে। মূলত ‘ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল’ নামক একটি ক্রিপ্টোকারেন্সি কোম্পানিতে ট্রাম্পের ছেলেদের অংশীদারিত্ব নিয়ে স্বার্থের সংঘাতের (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) অভিযোগ তদন্ত করা হবে, যার টোকেন বিক্রি থেকে প্রেসিডেন্ট ২৩ কোটি ৬০ লাখ ডলার আয় করেছেন বলে দাবি করা হয়েছে।   অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে নিজের অবস্থান ব্যবহার করে ব্যক্তিগত বিনিয়োগ প্রতিষ্ঠান ‘অ্যাফিনিটি পার্টনার্স’-কে লাভবান করার অভিযোগ অস্বীকার করেছেন জ্যারেড কুশনার। তার আইনজীবী চ্যাড মিজেলে এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে বলেন, কুশনার কোনো পারিশ্রমিক ছাড়াই আমেরিকার স্বার্থ রক্ষায় এবং যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পকে সহায়তা করতে নিজের সফল ব্যবসা থেকে স্বেচ্ছায় সরে এসেছিলেন।   তদন্তের আওতায় হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প প্রশাসনের গণবিতাড়ন (ম্যাস ডিপোর্টেশন) অভিযানে আইনবহির্ভূত আচরণের অভিযোগ তুলে জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের কথিত দুর্নীতি, সাবেক হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম, সাবেক চিফ অব স্টাফ সুজি ওয়াইলস, অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এবং ফেডারেল ব্যুরো অব প্রিজনসের পরিচালক উইলিয়াম কে. মার্শালকেও নথি সংরক্ষণের চিঠি দেওয়া হয়েছে।   জেফরি এপস্টেইন ও তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েল সংক্রান্ত লাখ লাখ নথি প্রকাশের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্তগুলো খতিয়ে দেখতেই ওয়াইলস, ব্ল্যাঞ্চ ও মার্শালকে তদন্তের আওতায় আনা হয়েছে। এছাড়া, ‘ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল’-এর প্রধান নির্বাহী ক্যাথরিন টাউনসেন্ডের বিরুদ্ধেও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে ৬০ কোটি ডলার সংগ্রহের অভিযোগ তদন্ত করা হবে।   ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়ের পর থেকেই ১২০তম কংগ্রেসে ওভারসাইট কমিটির নেতৃত্ব পাওয়ার পথে থাকা গার্সিয়া আক্রমণাত্মক তদন্তের ইঙ্গিত দিয়েছিলেন। তার দাবি, এই তদন্তগুলো ভবিষ্যতে সব আমেরিকানের কল্যাণে আইন প্রণয়নের ভিত্তি তৈরি করবে।   তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের এই তদন্তের উদ্যোগকে ‘সর্বোচ্চ পর্যায়ের চাঁদাবাজি’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরেই ব্যবসায়িক ক্ষেত্রে যেকোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। অধিকাংশ রিপাবলিকান নেতাও হোয়াইট হাউসের পাশে দাঁড়িয়ে দাবি করেছেন যে, প্রশাসন সম্পূর্ণ আইন মেনেই কাজ করেছে। আগামী কংগ্রেসে প্রতিনিধি পরিষদের সম্ভাব্য সংখ্যালঘু নেতা জিম জর্ডান ডেমোক্র্যাটদের এই পদক্ষেপের বিরুদ্ধে রিপাবলিকানদের প্রধান মুখপাত্র হিসেবে লড়াই চালাবেন বলে ধারণা করা হচ্ছে।  

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ১২:৪৭