সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ক্যালিফোর্নিয়ায় অভিবাসন কর্মকর্তাদের অভিযান পর্যবেক্ষণ ও ভিডিও ধারণ করার সময় মার্কিন নাগরিক আটক। ছবি সংগৃহীত
ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা নারীকে মাটিতে ফেলে আইসিইর গ্রেপ্তার, নির্যাতনের অভিযোগে ভিডিও প্রকাশ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অভিবাসন কর্মকর্তাদের অভিযান পর্যবেক্ষণ ও ভিডিও ধারণ করতে গিয়ে আইসিইর হাতে আটক হয়েছেন ১২ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক মার্কিন নাগরিক। অভিযোগ উঠেছে, তাঁকে পেপার স্প্রে করার পর মাটিতে উপুড় করে ফেলে হাতকড়া পরান কর্মকর্তারা। ঘটনার ভিডিও প্রকাশের পর অভিবাসন কর্মকর্তাদের বলপ্রয়োগের ধরন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।   গত রোববার (১৫ নভেম্বর) ক্যালিফোর্নিয়ার মোডেস্টো শহরের স্ট্যানিসলাস কাউন্টি কারাগারের বাইরে এ ঘটনা ঘটে। আটক নারীর নাম লিজবেথ ভার্গাস আন্দ্রাদে। ২৩ বছর বয়সী এই নারী যুক্তরাষ্ট্রের নাগরিক এবং স্থানীয়ভাবে অভিবাসন কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণকারী একটি স্বেচ্ছাসেবী দলের সঙ্গে যুক্ত।   এবিসি নিউজ ও সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন কারাগারের বাইরে আইসিই কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন লিজবেথ, তাঁর স্বামী অ্যাডলফো তালাভেরা আলভারাদো এবং পরিবারের অন্য সদস্যরা। একপর্যায়ে কর্মকর্তারা তাঁর ননদের গাড়ি থামিয়ে ভেতরে থাকা এক ব্যক্তিকে আটক করার চেষ্টা করেন। তখন লিজবেথ ও তাঁর স্বামী মোবাইল ফোনে ঘটনাটি ধারণ করতে শুরু করেন।   প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কর্মকর্তারা লিজবেথকে আটক করার চেষ্টা করছেন। এ সময় তিনি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে একজন কর্মকর্তা তাঁর দিকে পেপার স্প্রে ব্যবহার করেন। এরপর কয়েকজন কর্মকর্তা তাঁকে মাটিতে ফেলে হাতকড়া পরান। তখন তাঁর পেট মাটির সঙ্গে লেগে ছিল।   ভিডিওতে লিজবেথের স্বামীকে কর্মকর্তাদের উদ্দেশে বলতে শোনা যায়, তাঁর স্ত্রী অন্তঃসত্ত্বা। কিন্তু এরপরও তাঁকে মাটিতে ফেলে আটক করার দৃশ্য দেখা যায়। ঘটনাটি নিয়ে লিজবেথ ও তাঁর আইনজীবী কর্মকর্তাদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন।   লিজবেথের দাবি, ঘটনার শুরুতে একজন কর্মকর্তা পেছনে সরে এসে তাঁর সঙ্গে ধাক্কা খান। এরপর ওই কর্মকর্তা তাঁকে আঘাত করার অভিযোগ করেন। লিজবেথ সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি ঘটনাটি মোবাইলে ধারণ করছিলেন এবং কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন।   আটকের পর তাঁকে ক্যালিফোর্নিয়ার স্টকটনে আইসিইর একটি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা আটক রাখার পর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে তাঁর গর্ভের শিশুর কোনো ক্ষতি হয়নি বলে জানান। পরে কোনো অভিযোগ ছাড়াই তাঁকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন তাঁর আইনজীবী প্যাট্রিক কোলাসিনস্কি।   তবে ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের বক্তব্য ভিন্ন। সংস্থাটির দাবি, লিজবেথ একজন ব্যক্তিকে গ্রেপ্তারের সরকারি কার্যক্রমে বাধা দিয়েছিলেন। কর্মকর্তারা আইন অনুযায়ী দায়িত্ব পালন করছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন বলে দাবি করেছে সংস্থাটি।   অন্যদিকে লিজবেথের আইনজীবী এই বক্তব্যের বিরোধিতা করেছেন। তাঁর মতে, ভিডিওতে কর্মকর্তাদের আচরণ এবং একজন অন্তঃসত্ত্বা নারীর বিরুদ্ধে বলপ্রয়োগের যৌক্তিকতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।   স্ট্যানিসলাস কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, ঘটনাটি তাদের কারাগারের বাইরে ঘটলেও লিজবেথকে আটক করার অভিযানে স্থানীয় শেরিফের কর্মকর্তারা অংশ নেননি।   এ ঘটনায় এখন পর্যন্ত লিজবেথের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি বলে তাঁর আইনজীবী জানিয়েছেন। তবে আইসিই কর্মকর্তাদের আচরণের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।   যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান ঘিরে সাধারণ নাগরিকদের সঙ্গে ফেডারেল কর্মকর্তাদের সংঘাত এবং বলপ্রয়োগের অভিযোগ নিয়ে চলমান বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এই ঘটনা। বিশেষ করে একজন অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে আটকের সময় ব্যবহৃত বলপ্রয়োগের মাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁর আইনজীবী ও স্থানীয় বাসিন্দারা।   সূত্র: এবিসি নিউজ

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৮:৫১
রাজধানীর বসুন্ধরার বাসা থেকে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক। ছবি: সংগৃহীত
হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া সাবেক খতিব রুহুল আমিন বসুন্ধরার বাসা থেকে আটক

রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসা থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি মো. রুহুল আমিনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি।   বুধবার সন্ধ্যায় তাঁর আটকের খবর প্রকাশ করে বিডি২৪লাইভ। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, রাজধানীর বসুন্ধরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। আজকালের খবরও একটি গোয়েন্দা সংস্থার সূত্রের বরাতে তাঁর আটকের তথ্য জানিয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।   মুফতি রুহুল আমিন ২০২২ সালের ৩১ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর পর্যন্ত তিনি এ পদে ছিলেন। ২০১৮ সালে কওমি মাদরাসার সনদের সরকারি স্বীকৃতি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে তিনি ব্যাপক আলোচনার জন্ম দেন।   ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এর প্রায় দেড় মাস পর, ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের ইমামতি ও খুতবা দেওয়াকে কেন্দ্র করে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হন এবং মসজিদের ভেতরে ভাঙচুরের ঘটনা ঘটে।   ওই ঘটনার পর পল্টন থানায় মামলা হয়। সংঘর্ষের দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তাঁকে জাতীয় মসজিদের খতিবের পদ থেকে অপসারণ করা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   তবে বুধবার তাঁকে কোন মামলায় বা কী অভিযোগে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত পদক্ষেপ সম্পর্কেও আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।   সূত্র: বিডি২৪লাইভ, আজকালের খবর

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৮:৪৩
ইতালিতে ইহুদিবিদ্বেষ প্রতিরোধে আইন পাস, ইসরায়েলের সমালোচনা সীমিত হওয়ার আশংকা ঘিরে বিতর্ক
ইতালিতে ইহুদিবিদ্বেষ প্রতিরোধে আইন পাস, ইসরায়েলের সমালোচনা সীমিত হওয়ার আশংকা ঘিরে বিতর্ক

ইহুদিবিদ্বেষ প্রতিরোধে নতুন আইন পাস করেছে ইতালির পার্লামেন্ট। তবে আইনটিতে ইসরায়েলের সমালোচনার কিছু ধরনকে ইহুদিবিদ্বেষ হিসেবে বিবেচনার সুযোগ থাকায় দেশটিতে বিতর্ক তৈরি হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোর আশঙ্কা, এই আইন ব্যবহার করে ইসরায়েল সরকারের নীতির সমালোচনা এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে আন্দোলন সীমিত করা হতে পারে।   মঙ্গলবার (১৭ নভেম্বর) ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে ১৪৭ ভোটে আইনটি অনুমোদন পায়। বিপক্ষে ভোট দেন ৯৩ জন আইনপ্রণেতা এবং পাঁচজন ভোটদানে বিরত থাকেন। এর মধ্য দিয়ে আইনটির চূড়ান্ত সংসদীয় অনুমোদন সম্পন্ন হয়।    অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইনে ইন্টারন্যাশনাল হলোকাস্ট রিমেমব্রেন্স অ্যালায়েন্সের (আইএইচআরএ) ইহুদিবিদ্বেষসংক্রান্ত সংজ্ঞাকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে। এই সংজ্ঞায় ইহুদিদের প্রতি ঘৃণা ও বৈষম্যের পাশাপাশি ইসরায়েল রাষ্ট্রকে কেন্দ্র করে কিছু বক্তব্য ও আচরণকে ইহুদিবিদ্বেষের উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।   এর মধ্যে ইহুদিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার অস্বীকার করা, ইসরায়েলের বর্তমান নীতির সঙ্গে নাৎসি জার্মানির নীতির তুলনা করা এবং ইসরায়েল সরকারের কর্মকাণ্ডের জন্য সব ইহুদিকে সম্মিলিতভাবে দায়ী করার মতো বিষয় রয়েছে।   তবে সংজ্ঞাটিতে এটিও বলা হয়েছে, অন্য যেকোনো দেশের মতো ইসরায়েলের সমালোচনা করলেই তা ইহুদিবিদ্বেষ হিসেবে বিবেচিত হবে না।   ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন মধ্যডানপন্থী জোট সরকার বলছে, দেশটিতে ইহুদিবিদ্বেষ ও ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্য বেড়ে যাওয়ায় নতুন আইন প্রয়োজন হয়ে পড়েছে। সরকারের দাবি, আইনটির উদ্দেশ্য ইহুদি জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা, রাজনৈতিক মতপ্রকাশ বন্ধ করা নয়।   আইনটিতে নতুন কোনো ফৌজদারি অপরাধ বা শাস্তির বিধান রাখা হয়নি। বরং বিদ্যমান আইনি কাঠামোর মধ্যে ইহুদিবিদ্বেষ প্রতিরোধের কার্যক্রম জোরদার করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আওতায় তিন বছরের জাতীয় কৌশল, বিদ্বেষমূলক ঘটনা পর্যবেক্ষণ, অনলাইনে ঘৃণামূলক বক্তব্য মোকাবিলা এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনার বিধান রয়েছে।   তবে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আইনটির কঠোর সমালোচনা করেছে। সংগঠনটির মতে, আইএইচআরএর সংজ্ঞার কিছু উদাহরণ এমনভাবে প্রয়োগ করা হতে পারে, যাতে ইসরায়েলের নীতির বৈধ সমালোচনাও সীমিত হয়ে পড়ে।   অ্যামনেস্টির জ্যেষ্ঠ কর্মকর্তা এরিকা গুয়েভারা রোসাস বলেছেন, নতুন আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে আন্দোলনের ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।   ইতালির বিরোধী রাজনৈতিক দলগুলোর একাংশও একই আশঙ্কা প্রকাশ করেছে। গ্রিন-লেফট অ্যালায়েন্সের নেতা অ্যাঞ্জেলো বোনেল্লি অভিযোগ করেছেন, ইহুদিবিদ্বেষ প্রতিরোধের নামে সরকার ইসরায়েলের সমালোচনা সীমিত করার সুযোগ তৈরি করছে।   অন্যদিকে আইনটির সমর্থকেরা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তাঁদের বক্তব্য, ইসরায়েল সরকারের সিদ্ধান্তের সমালোচনা এবং ইহুদি জনগোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো এক বিষয় নয়। নতুন আইনও এই পার্থক্য অস্বীকার করে না।   ইতালির ইহুদিবিদ্বেষ পর্যবেক্ষণকারী সংস্থা সিডিইসি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৯৬৩টি ইহুদিবিদ্বেষমূলক ঘটনা নথিভুক্ত হয়েছে। এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৬ সালেও এ ধরনের ঘটনার সংখ্যা উচ্চ পর্যায়ে রয়েছে বলে গবেষকেরা জানিয়েছেন।   গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ফিলিস্তিনিদের অধিকার নিয়ে ইউরোপজুড়ে চলমান আন্দোলনের মধ্যে আইনটি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এর ফলে ইহুদিবিদ্বেষ প্রতিরোধ এবং রাজনৈতিক মতপ্রকাশের স্বাধীনতার মধ্যে ভারসাম্য কীভাবে বজায় রাখা হবে, সেই প্রশ্ন সামনে এসেছে।   সংবাদসূত্র:  অ্যাসোসিয়েটেড প্রেস, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৮:৩৫
কানেকটিকাটে স্বাস্থ্যবিমা হারানোর সময় পিছোল
কানেকটিকাটে স্বাস্থ্যবিমা হারানোর সময় পিছোল, ছয় মাস বাড়তি সুযোগ

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচির নতুন কর্মসংস্থানসংক্রান্ত নিয়ম কার্যকর হলেও তা পূরণ করতে না পারা নির্দিষ্ট সদস্যদের চিকিৎসা সুবিধা হারানোর সময় ছয় মাস পিছিয়ে দেওয়া হয়েছে। ফলে ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন নিয়ম শুরু হলেও শর্ত পূরণে ব্যর্থ হওয়ার কারণে ৩০ জুনের আগে তাঁদের স্বাস্থ্যবিমা বাতিল করা হবে না।   কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্ট এবং অঙ্গরাজ্যের সমাজসেবা বিভাগের কমিশনার আন্দ্রেয়া বার্টন রিভস ১৬ নভেম্বর এ সিদ্ধান্তের কথা জানান। ১৭ নভেম্বর কানেকটিকাট পাবলিক এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। নতুন নিয়মটি মূলত কানেকটিকাটের হুস্কি ডি নামের সরকারি স্বাস্থ্যবিমা কর্মসূচির আওতাভুক্ত সদস্যদের জন্য প্রযোজ্য। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই কর্মসূচির আওতায় থাকা যোগ্য সদস্যদের স্বাস্থ্যবিমা ধরে রাখতে মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ করতে হবে অথবা কমপক্ষে ৫৮০ ডলার আয় করতে হবে।   তবে শুধু চাকরি করলেই শর্ত পূরণ হবে, এমন নয়। মাসে অন্তত ৮০ ঘণ্টা পড়াশোনা, স্বেচ্ছাসেবা অথবা অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশ নেওয়ার সুযোগ রয়েছে। ফেডারেল সরকারের দেওয়া ছয় মাসের বিশেষ ছাড় গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কানেকটিকাট। এর ফলে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত নতুন কর্মসংস্থানসংক্রান্ত শর্ত পূরণ করতে না পারলেও অন্য যোগ্যতা বজায় রাখা সদস্যদের শুধু এ কারণে স্বাস্থ্যবিমা হারাতে হবে না।   এই সিদ্ধান্ত নিম্ন আয়ের পরিবার, চাকরি খুঁজছেন এমন মানুষ এবং নিয়মিত কাজ করতে না পারা সদস্যদের জন্য সাময়িক স্বস্তি দিতে পারে। তবে এই ছাড় স্থায়ী নয়। ২০২৭ সালের ১ জুলাই থেকে কর্মসংস্থানসংক্রান্ত শর্ত পূরণ না করলে এবং কোনো বিশেষ ছাড়ের আওতায় না থাকলে সংশ্লিষ্ট সদস্যদের স্বাস্থ্যবিমা হারানোর ঝুঁকি তৈরি হতে পারে।   কানেকটিকাটের বাসিন্দাদের তাই নিজেদের সরকারি স্বাস্থ্যবিমার সদস্যপদ, কাজ বা প্রশিক্ষণের যোগ্যতা এবং বিশেষ ছাড় পাওয়ার সুযোগ আগে থেকেই যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। সংবাদসূত্র: কানেকটিকাট পাবলিক, কানেকটিকাট মিরর এবং কানেকটিকাট অঙ্গরাজ্যের সরকারি ঘোষণা।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৮:১৭
৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান কুড়াল দিয়ে ভাঙচুর, আইরিশ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ
৬ কোটি ডলারের মার্কিন সামরিক বিমান কুড়াল দিয়ে ভাঙচুর, আইরিশ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ

আয়ারল্যান্ডের একটি বিমানবন্দরে প্রায় ৬ কোটি ডলার মূল্যের মার্কিন সামরিক বিমান ভাঙচুর করে অকেজো করার অভিযোগে ৪৮ বছর বয়সী এক আইরিশ নাগরিকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম দাইথি ও'কোরেইন, যিনি ডেভিড কারান নামেও পরিচিত। মার্কিন প্রসিকিউটরদের দাবি, কয়েক মাস ধরে পরিকল্পনা করে তিনি বিমানটিতে প্রবেশ করেন এবং কুঠারসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ব্যাপক ক্ষতি করেন।   মঙ্গলবার (১৭ নভেম্বর) নিউ ইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রকাশ করা হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, গত ১১ এপ্রিল আয়ারল্যান্ডের কাউন্টি ক্লেয়ারের শ্যানন বিমানবন্দরে ঘটনাটি ঘটে। বিমানটি ছিল মার্কিন এয়ার ন্যাশনাল গার্ডের সি-১৩০ হারকিউলিস সামরিক পরিবহন বিমান।   আদালতের অভিযোগপত্র অনুযায়ী, ১১ এপ্রিল ভোরে বিমানবন্দরের নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে ভেতরে প্রবেশ করেন ও'কোরেইন। এরপর রানওয়ের পাশের ট্যাক্সিওয়েতে রাখা সামরিক বিমানটির পেছনের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকেন। সেখানে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে দরজা আটকে দেন তিনি।   প্রসিকিউটরদের অভিযোগ, বিমানের ভেতরে প্রবেশের পর তিনি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক তার, হাইড্রোলিক লাইন ও অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত করেন। ককপিটের সব পরিমাপক যন্ত্র ভেঙে ফেলেন এবং বিমানের বাতাস চলাচলের নালিতেও ছিদ্র করেন।   অভিযোগপত্রে আরও বলা হয়েছে, বিমানের অ্যালুমিনিয়াম কাঠামো ক্ষতিগ্রস্ত করতে গ্যালিয়াম নামের ক্ষয়কারী ধাতুও সঙ্গে নিয়েছিলেন তিনি। এই পদার্থ অ্যালুমিনিয়ামের কাঠামোগত শক্তি নষ্ট করতে পারে।   কয়েক ঘণ্টা পর বিমানের ক্রুরা ফিরে এসে ককপিটের জানালা দিয়ে ভেতরে একজনকে দেখতে পান। তাঁরা দ্রুত বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের খবর দেন।   প্রসিকিউটরদের দাবি, নিরাপত্তাকর্মীরা পৌঁছানোর আগেই অভিযুক্ত ব্যক্তি বিমানের ছাদের একটি পথ দিয়ে বাইরে বেরিয়ে আসেন। এরপর কুঠার দিয়ে বিমানের বাইরের অংশে আঘাত করেন। একই সঙ্গে জ্বালানি ট্যাংকের ভেতরে ধাতব বলসহ বিভিন্ন বস্তু ও অজ্ঞাত পদার্থ ঢেলে দেন।   পরে ঘটনাস্থলে পৌঁছে আইরিশ পুলিশ তাঁকে আটক করে। আয়ারল্যান্ডেও তাঁর বিরুদ্ধে সম্পত্তির ক্ষতিসাধন ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগ আনা হয়।   মার্কিন বিচার বিভাগের দাবি, এই ঘটনা আকস্মিক কোনো ভাঙচুর ছিল না। অভিযুক্ত ব্যক্তি কয়েক মাস ধরে বিমানটির কাঠামো, নিরাপত্তাব্যবস্থা এবং অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন। সামরিক বিমানের গতিবিধি পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ অ্যাপের সাবস্ক্রিপশনও নিয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।   যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) নিউ ইয়র্ক কার্যালয়ের কর্মকর্তা জেমস বার্নাকল বলেছেন, তাঁদের তদন্ত অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি পরিকল্পিতভাবে সামরিক বিমানটির গুরুত্বপূর্ণ অংশগুলো ক্ষতিগ্রস্ত করার প্রস্তুতি নিয়েছিলেন।   মার্কিন কর্তৃপক্ষের দাবি, ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে প্রায় ৬ কোটি ডলার মূল্যের বিমানটি আর সামরিক উড্ডয়নে ব্যবহার করা যাবে না।   অন্যদিকে অভিযুক্তের সমর্থকেরা তাঁকে একজন শান্তিকর্মী হিসেবে বর্ণনা করেছেন। তাঁদের দাবি, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে মার্কিন সমর্থনের প্রতিবাদ জানাতেই তিনি এ কাজ করেছেন। তবে এটি সমর্থকদের বক্তব্য, আদালতে প্রতিষ্ঠিত উদ্দেশ্য নয়।   মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, ও'কোরেইনের বিরুদ্ধে সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।   বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের হেফাজতে নেই। নতুন অভিযোগের বিষয়ে মার্কিন আদালতে তাঁর হাজিরার তারিখও নির্ধারণ করা হয়নি।   তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো এখনো আদালতে প্রমাণিত হয়নি। আইন অনুযায়ী দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তিনি নির্দোষ হিসেবে বিবেচিত হবেন।   সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, অ্যাসোসিয়েটেড প্রেস, দ্য ইন্ডিপেনডেন্ট, সিএনএন

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৮:১৩
কিলিন ভিলাতে হবে ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক: কেন বেছে নেওয়া হল এ অবকাশ কেন্দ্র
কিলিন ভিলাতে হবে ট্রাম্প, শি ও পুতিনের বৈঠক: কেন বেছে নেওয়া হল এ অবকাশ কেন্দ্র

আন্তর্জাতিক রাজনীতিতে এক অভূতপূর্ব মোড় নিতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৈঠকে বসতে চলেছেন। তবে প্রচলিত প্রথাগত কোনো বিশাল আন্তর্জাতিক সম্মেলন কক্ষে নয়, বরং চীনের প্রযুক্তিগত কেন্দ্র শেনজেনের একটি অত্যন্ত গোপনীয় ও কঠোর নিরাপত্তাবেষ্টিত পাঁচতারকা অবকাশ কেন্দ্র 'কিলিন ভিলা'-তে এই তিন পরাশক্তির শীর্ষ বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।   চলতি এপেকের (APEC) মূল সম্মেলনের আনুষ্ঠানিকতা ও ভিড় এড়িয়ে কেন এই অতি গোপনীয় ভিলাটিকে বেছে নেওয়া হলো, তা নিয়ে বিশ্বজুড়ে কৌতূহল তৈরি হয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই রুদ্ধদ্বার বৈঠকের ব্যাপ্তি মাত্র এক ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। বড় কোনো আনুষ্ঠানিক মঞ্চের কঠোর প্রটোকল এবং মিডিয়ার অতিরিক্ত কৌতূহল এড়িয়ে নিরিবিলিতে বৈশ্বিক নিরাপত্তা, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ, ইউক্রেন যুদ্ধ এবং বাণিজ্য জটিলতা নিয়ে সরাসরি দরকষাকষির জন্য এই লো-প্রোফাইল স্থানটি বেছে নেওয়া হয়েছে।   ঐতিহাসিকভাবেও কিলিন ভিলাটি অত্যন্ত সংবেদনশীল ও উচ্চপর্যায়ের গোপন বৈঠকের জন্য পরিচিত। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও গোপন সফরে বিশ্বনেতারা এই ভিলাটি ব্যবহার করেছেন। মূল সম্মেলন ভেন্যুর কোলাহল থেকে দূরে একান্ত পরিবেশে এই তিন নেতার বৈঠক বৈশ্বিক ভূ-রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।   ২০ বছর আগে উত্তর কোরিয়ার সাবেক নেতা কিম জং ইল যে গোপন ভিলায় চীনের সংস্কার ও উন্মুক্তকরণের সাফল্য দেখতে এসেছিলেন, সেই স্থানটিই এখন বিশ্বের তিন পারমাণবিক পরাশক্তির কূটনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ১৯৯৭ সাল থেকেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিআইপি) আতিথেয়তার জন্য কিলিন ভিলা এক বিশ্বস্ত নাম। লেক বা হ্রদঘেরা এই রিসোর্টটির অত্যন্ত গোপনীয় ও নিরিবিলি পরিবেশ নেতাদের ওপর কোনো বাড়তি চাপ তৈরি করে না। ফলে বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো বড় ঘোষণা না এলেও আলোচনার পরিবেশ স্বাভাবিক ও চাপমুক্ত থাকে।   ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিতব্য এই এপেক সম্মেলনকে ঘিরে গোটা শেনজেন শহরজুড়ে নেওয়া হয়েছে নজিরবিহীন ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশ্লেষকরা এই সম্মেলনকে ১৯৪৫ সালের ঐতিহাসিক ইয়াল্টা কনফারেন্সের সাথে তুলনা করছেন, যেখানে বিশ্বশক্তিগুলোর দরকষাকষিতে ইউক্রেন বা কোরিয়ান উপদ্বীপের মতো বৈশ্বিক নিরাপত্তা ইস্যুগুলো বড় কোনো দরকষাকষির হাতিয়ার হয়ে দাঁড়াতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন অনেকে। বর্তমান এই সম্মেলনে বাণিজ্য যুদ্ধবিরতি, শুল্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।   নিরাপত্তা নিশ্চিত করতে শেনজেন শহরের বিভিন্ন পয়েন্টে মোবাইল সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ড্রোন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এমনকি ভেন্যুর আশপাশের বাসিন্দাদের নিজ বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য আর্থিক প্রণোদনার ব্যবস্থাও করেছে স্থানীয় কর্তৃপক্ষ। সম্মেলনে গুগল, বোয়িং এবং বাইডুসহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ও করপোরেট প্রতিষ্ঠানের নির্বাহীরা অংশ নিচ্ছেন। তবে বৈশ্বিক এই কূটনৈতিক মোড় ঘোরানো বৈঠকে শেষ পর্যন্ত কোনো যৌথ বিবৃতি আসবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৭:৫১
হরমুজ প্রণালিতে হামলার পর গ্যাসবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, আহত ১১ সহ নিখোঁজ ১
হরমুজ প্রণালিতে হামলার পর গ্যাসবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন, আহত ১১ সহ নিখোঁজ ১

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে হামলার শিকার হয়ে ভয়াবহ আগুনে পুড়েছে একটি গ্যাসবাহী ট্যাংকার। পানামার পতাকাবাহী ‘তারা গ্যাস’ নামের জাহাজটিতে হামলার ঘটনায় অন্তত ১১ জন আহত এবং একজন নাবিক নিখোঁজ হয়েছেন। জাহাজটির অন্য নাবিকদের উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ওমানের উপকূলের কাছে এ ঘটনা ঘটে।   বুধবার (১৮ নভেম্বর)  ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রকাশিত ভিডিওতে জাহাজটির একটি অংশ থেকে বিশাল আগুনের শিখা এবং ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। তবে ভিডিওটি ধারণের সুনির্দিষ্ট সময় স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।   ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় সাত নটিক্যাল মাইল উত্তরে জাহাজটিতে হামলা হয়। প্রথম আঘাতে জাহাজটি চলাচলের সক্ষমতা হারায়। পরে দ্বিতীয়বার আঘাতের পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে।   সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, অজ্ঞাত একটি প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজটির নাবিকেরা সেটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করেন। তবে হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরন কিংবা কারা হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।   ওমানের জরুরি সেবাদানকারী কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি থেকে ২৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ একজনের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে জাহাজের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট উদ্ধারকারী দল।   সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জ্বালানি পরিবহন প্রতিষ্ঠান এডিএনওসি লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেস জানিয়েছে, তাদের কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজ হামলার শিকার হয়েছে। এতে একজন নিখোঁজ এবং ১১ জন আহত হয়েছেন।   এই হামলার মধ্যেই ইরানের কেশম দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। ইরানি কর্মকর্তাদের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার দ্বীপটির কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। একজন মার্কিন কর্মকর্তা পরে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে ওই হামলার কথা উল্লেখ করেন।   এর আগে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছিল ইরান। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে এবং এতে মার্কিন সেনা বা সামরিক সরঞ্জামের কোনো ক্ষতি হয়নি।   এদিকে ইরানের নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালির আশপাশে একাধিক তেলবাহী জাহাজ সামুদ্রিক মাইনে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে এসব দাবির সবগুলো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীও হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলীয় নৌপথে মাইন থাকার দাবি প্রত্যাখ্যান করেছে।   হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। পারস্য উপসাগরের তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর জন্য এই নৌপথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের মধ্যে সেখানে ধারাবাহিক হামলা আন্তর্জাতিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।   তবে তারা গ্যাস জাহাজে হামলার সঙ্গে কেশম দ্বীপে মার্কিন অভিযানের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হামলার পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি পর্যালোচনা করছে।   সংবাদসূত্র:  দ্য ইন্ডিপেনডেন্ট, ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস, সিবিএস নিউজ

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৭:৪৭
অভিবাসী শিশুদের ৭২ ঘণ্টার বদলে এক মাস পর্যন্ত আটক রাখার অভিযোগ
যুক্তরাষ্ট্রে অভিবাসী শিশুদের ৭২ ঘণ্টার বদলে এক মাস পর্যন্ত আটক রাখার অভিযোগ

যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর সাময়িক আটককেন্দ্রে অভিবাসী শিশুদের নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি দিন আটকে রাখার অভিযোগ উঠেছে। কোনো কোনো শিশুকে সেখানে কয়েক সপ্তাহ, এমনকি এক মাস পর্যন্ত রাখা হচ্ছে বলে দাবি করেছেন শিশু অধিকার নিয়ে কাজ করা আইনজীবীরা।   অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের ডেল রিও, লারেডো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে আটক থাকা কয়েকটি পরিবারের অভিজ্ঞতা তুলে ধরেছেন আইনজীবীরা। তাঁদের অভিযোগ, অনেক অভিভাবক আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাননি। কেউ কেউ পাঁচ মিনিটেরও কম সময় ফোনে কথা বলতে পেরেছেন।   শিশুদের আটকের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে আইনজীবীদের একটি আদালত-অনুমোদিত সমঝোতা রয়েছে, যা ‘ফ্লোরেস সেটেলমেন্ট’ নামে পরিচিত। এই সমঝোতা অনুযায়ী, সীমান্তরক্ষী বাহিনীর সাময়িক কেন্দ্রে শিশুদের সর্বোচ্চ ৭২ ঘণ্টা রাখার সুযোগ রয়েছে। কিন্তু আইনজীবীদের দাবি, বাস্তবে অনেক শিশুকে এর চেয়ে দীর্ঘ সময় সেখানে থাকতে হচ্ছে।   আটক থাকা কয়েকজন অভিভাবকের বর্ণনা অনুযায়ী, শিশুদের রাখা হচ্ছে ঠান্ডা ঘরে, যেখানে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখা যায় না। দিন-রাত আলো জ্বালিয়ে রাখা হয়। রাতে ঘুমানোর জন্য দেওয়া হয় পাতলা বিছানা ও জরুরি ব্যবহারের কম্বল।   এক মা জানিয়েছেন, তাঁর শিশুর শরীরে বিছানার পাতলা মাদুরের কারণে ফুসকুড়ি দেখা দেয়। পরে শিশুকে নিজের বুকের ওপর শুইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেন তিনি। আরেক মা জানান, তাঁর চার বছর বয়সী শিশু প্রতিদিন প্রায় ২৩ ঘণ্টা আটক কক্ষে থাকতে বাধ্য হয়েছে। দুই সপ্তাহের মধ্যে শিশুটির ওজন কমে যায় এবং কথা বলায় জড়তা দেখা দেয়। গত ১৩ নভেম্বর তিনটি শিশু অধিকার সংগঠন আদালতে আবেদন করে। আটক শিশুদের আইনজীবীর সঙ্গে যোগাযোগের অধিকার নিশ্চিত করতে আদালতের কাছে বিদ্যমান সমঝোতার ব্যাখ্যা চেয়েছে তারা।   এদিকে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এপি-র প্রশ্নের জবাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ফ্লোরেস সমঝোতা বাতিলের জন্য সরকারের একটি আপিলও আদালতে বিচারাধীন রয়েছে। আইনজীবীদের অভিযোগ প্রমাণিত হলে তা অভিবাসী শিশুদের আটক ব্যবস্থাপনা ও তাদের আইনি অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি। সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৭:৪১
নিউইয়র্কে অভিবাসন জটিলতায় সরকারি বাসাভাড়া সহায়তা হারানোর ঝুঁকিতে পরিবার
নিউইয়র্কে অভিবাসন জটিলতায় সরকারি বাসাভাড়া সহায়তা হারানোর ঝুঁকিতে পরিবার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পরিবারের সদস্যদের অভিবাসন অবস্থার কারণে সরকারি বাসাভাড়া সহায়তা হারানোর ঝুঁকিতে পড়তে পারেন কিছু পরিবার। দেশটির আবাসন ও নগর উন্নয়ন বিভাগ (এইচইউডি) নতুন একটি নিয়ম চূড়ান্ত করেছে, যা কার্যকর হলে সরকারি আবাসন সুবিধা গ্রহণকারী পরিবারের সদস্যদের নাগরিকত্ব অথবা নির্দিষ্ট যোগ্য অভিবাসন অবস্থার প্রমাণ দিতে হবে।   নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম সিটি লিমিটসের ১৬ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নিয়মটি ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে সরকারি আবাসন প্রকল্প এবং সেকশন এইট ভাউচার সুবিধা গ্রহণকারী মিশ্র অভিবাসন অবস্থার পরিবারগুলো প্রভাবিত হতে পারে।   মিশ্র অভিবাসন অবস্থার পরিবার বলতে এমন পরিবারকে বোঝায়, যেখানে কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক বা সরকারি আবাসন সহায়তার জন্য যোগ্য অভিবাসন অবস্থায় রয়েছেন, কিন্তু পরিবারের অন্য কোনো সদস্য সেই সুবিধার জন্য যোগ্য নন। বর্তমান ব্যবস্থায় এ ধরনের পরিবার একসঙ্গে বসবাস করতে পারে। তবে পরিবারের যোগ্য সদস্যদের অনুপাতে সরকারি ভাড়ার সহায়তা নির্ধারণ করা হয়। নতুন নিয়মে পরিবারের প্রত্যেক সদস্যের নাগরিকত্ব অথবা যোগ্য অভিবাসন অবস্থার প্রমাণ যাচাইয়ের বিষয়টি গুরুত্ব পাবে।   নিউইয়র্কের ২০১৯ সালের সরকারি হিসাব অনুযায়ী, সে সময় সরকারি আবাসন ও সেকশন এইট কর্মসূচিতে প্রায় ২ হাজার ৮০০টি মিশ্র অভিবাসন অবস্থার পরিবার ছিল। এসব পরিবারে প্রায় ১১ হাজার ৪০০ মানুষ বসবাস করতেন, যাদের মধ্যে প্রায় ৪ হাজার ৯০০ জন শিশু। সিটি লিমিটসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশজুড়ে প্রায় ২০ হাজার পরিবার নতুন নিয়মের কারণে আবাসন সহায়তা হারানোর ঝুঁকিতে রয়েছে। নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে এ ধরনের পরিবার রয়েছে।   নতুন নিয়মের প্রভাব শুধু অনিয়মিত অভিবাসন অবস্থায় থাকা ব্যক্তিদের ওপরই পড়বে, এমন নয়। বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও কিছু অভিবাসন শ্রেণির মানুষ সরকারি আবাসন সহায়তার জন্য যোগ্য নাও হতে পারেন। আবাসন ও অভিবাসন অধিকার নিয়ে কাজ করা সংস্থাগুলোর আশঙ্কা, নতুন নিয়মের কারণে কিছু পরিবারকে আবাসন সুবিধা ধরে রাখতে পরিবারের সদস্যদের আলাদা থাকার সিদ্ধান্ত নিতে হতে পারে। এতে শিশুদের জীবন, পড়াশোনা এবং পারিবারিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।   নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নতুন নিয়মের বিরোধিতা করেছেন। শহর প্রশাসন বাসিন্দাদের আবাসন সুবিধা রক্ষায় সম্ভাব্য আইনি ও প্রশাসনিক পদক্ষেপ পর্যালোচনা করছে। আবাসন আইনজীবীদের মতে, নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে বাসিন্দাদের আতঙ্কিত হয়ে বাসা ছেড়ে দেওয়া উচিত নয়। প্রত্যেক পরিবারের অভিবাসন অবস্থা, আবাসন কর্মসূচি এবং যোগ্যতা আলাদাভাবে বিবেচনা করা হবে।   নিউইয়র্কে বসবাসকারী বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা সরকারি আবাসন, সেকশন এইট ভাউচার অথবা ভর্তুকিযুক্ত বাসাভাড়ার সুবিধা নিচ্ছেন, তাদের নিজেদের কাগজপত্র যাচাই করা এবং প্রয়োজনে অভিবাসন ও আবাসন আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনীয় যোগাযোগ: যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ: https://www.hud.gov/ নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি: https://www.nyc.gov/nycha নিউইয়র্কে বিনা মূল্যে আইনি সহায়তার তথ্য: https://www.lawhelpny.org/ সংবাদসূত্র: সিটি লিমিটস, বুশউইক ডেইলি।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৭:৩২
ডয়েচে ব্যাংকের গোপন নথি ফাঁস: ট্রাম্প, এপস্টাইন ও রুশ সংযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য
ডয়েচে ব্যাংকের গোপন নথি ফাঁস: ট্রাম্প, এপস্টাইন ও রুশ সংযোগ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ডয়েচে ব্যাংক (Deutsche Bank)-এর প্রায় দেড় কোটিরও বেশি গোপন নথি ফাঁসের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। “ইনসাইড ডয়েচে ব্যাংক” শিরোনামে প্রকাশিত এই গোপন নথিপত্রগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টাইন এবং রুশ ধনী ও অভিজাত ব্যক্তিদের সাথে ব্যাংকটির বিতর্কিত লেনদেন ও গোপন সম্পর্কের চাঞ্চল্যকর তথ্য ফাঁস হয়েছে।   বিশ্বের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক দল এই বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করেছে। ফাঁস হওয়া এই নথিগুলোতে দেখা গেছে, ব্যাংকটি উচ্চঝুঁকি এবং মানি লন্ডারিংয়ের সতর্কতা বারবার অবজ্ঞা করে বিশ্বজুড়ে ক্ষমতাধর ও বিতর্কিত ব্যক্তিদের পক্ষে নিজেদের কমপ্লায়েন্স বা নিয়মকানুন শিথিল করেছিল।   ফাঁস হওয়া তথ্যের অন্যতম প্রধান দিকগুলো নিচে তুলে ধরা হলো:   জেফরি এপস্টাইনের সাথে লেনদেন: নথি অনুযায়ী, সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টাইনের সাথে ব্যাংকটির দীর্ঘ ও গভীর ব্যবসায়িক সম্পর্কের নতুন তথ্য সামনে এসেছে। ডয়েচে ব্যাংক প্রায় ৫৮ কোটি ২০ লাখ ডলারের সন্দেহজনক লেনদেন প্রক্রিয়া করেছিল বলে নথিতে উল্লেখ রয়েছে, যা ইতিপূর্বে জানা যাওয়ার পরিমাণের চেয়ে অনেক বেশি।   ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স ফাইল ফাঁস: ট্রাম্প যখন তার প্রথম মেয়াদে হোয়াইট হাউসে ছিলেন, সে সময় ডয়েচে ব্যাংকের এক কর্মীর ভুলে ট্রাম্পের গোপনীয় আর্থিক ও ট্যাক্স সংক্রান্ত নথিপত্র ভুলবশত অন্য এক গ্রাহকের অ্যাকাউন্ট্যান্টের কাছে চলে গিয়েছিল। বিষয়টি জানাজানি হলেও ব্যাংক কর্তৃপক্ষ তা হোয়াইট হাউস থেকে গোপন রেখেছিল। এই তথ্য ফাঁসের ঘটনায় ডোনাল্ড ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে এটিকে অবৈধ বলে মন্তব্য করেছেন।   রাশিয়ার সাথে বাণিজ্যিক আঁতাত: ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ঠিক আগমুহূর্ত পর্যন্ত ডয়েচে ব্যাংক কীভাবে রুশ কুশীলব ও অলিগার্চদের সাথে তাদের ব্যবসা সম্প্রসারণের চেষ্টা চালিয়েছিল, তার অভ্যন্তরীণ প্রমাণও এই নথিতে পাওয়া গেছে। ব্যাংকটির প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান সেয়িং (Christian Sewing)-এর নেতৃত্বাধীন একটি কার্যনির্বাহী দল এই কৌশলের সাথে যুক্ত ছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে।   এই বিশাল কেলেঙ্কারির পর ডয়েচে ব্যাংকের শেয়ারের দামে ধস নেমেছে এবং জার্মানি ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর পক্ষ থেকে ব্যাংকের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর কড়া নজরদারি ও স্বচ্ছতা দাবি করা হয়েছে। এদিকে ডয়েচে ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ফাঁস হওয়া বিষয়গুলোর বেশিরভাগই অতীতের এবং বর্তমান ব্যবস্থাপনা কমপ্লায়েন্স উন্নত করতে কোটি কোটি ইউরো বিনিয়োগ করেছে। সোর্স: আল জাজিরা।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৭:২৪
বিনা মূল্যে খাবার বিতরণ করছে সান ডিয়েগো কাউন্টি
খাদ্য সহায়তা কমায় বিপাকে পরিবার, বিনা মূল্যে খাবার বিতরণ করছে সান ডিয়েগো কাউন্টি

যুক্তরাষ্ট্রে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি থেকে লাখ লাখ মানুষ বাদ পড়ায় খাদ্যসংকটে পড়েছে বহু পরিবার। এমন পরিস্থিতিতে ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো কাউন্টিতে আর্থিকভাবে দুর্বল পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে স্থানীয় প্রশাসন ও খাদ্য সহায়তা সংস্থাগুলো। বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে শাকসবজি, ফলমূল, টিনজাত খাবারসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।   ১৬ নভেম্বর প্রকাশিত ন্যাশনাল পাবলিক রেডিওর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি এসএনএপিতে সুবিধাভোগীর সংখ্যা গত এক বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। নতুন যোগ্যতার শর্ত, কাজের বাধ্যবাধকতা এবং আবেদনসংক্রান্ত কাগজপত্রের জটিলতার কারণে অনেক মানুষ খাদ্য সহায়তা হারিয়েছেন।   প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ৫০ লাখ মানুষ ফেডারেল খাদ্য সহায়তা হারিয়েছেন। সান ডিয়েগো কাউন্টিতেও ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় ২০২৬ সালের সেপ্টেম্বরে এসএনএপি সুবিধাভোগীর সংখ্যা ৩৬ হাজার কমেছে। এ পরিস্থিতিতে সান ডিয়েগো কাউন্টি প্রশাসন ফিডিং সান ডিয়েগো এবং সান ডিয়েগো ফুড ব্যাংকের সঙ্গে যৌথভাবে বিনা মূল্যে খাবার বিতরণ শুরু করে। গত আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত এসব কার্যক্রমে প্রায় ৭০ হাজার পাউন্ড খাবার বিতরণ করা হয়েছে। এতে উপকৃত হয়েছেন ৫ হাজার ২০০-এর বেশি মানুষ।   খাবার নিতে আসা মানুষের মধ্যে নিম্ন আয়ের পরিবার, প্রবীণ নাগরিক, শিশুদের অভিভাবক এবং সাবেক সেনাসদস্যরাও রয়েছেন। খাদ্যসামগ্রীর পাশাপাশি অনেক পরিবারকে শিশুদের ডায়াপারও দেওয়া হচ্ছে। খাদ্য বিতরণের পাশাপাশি সরকারি কর্মীরা সুবিধাভোগীদের এসএনএপি আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র এবং খাদ্য সহায়তা পেতে যেসব সমস্যা হচ্ছে, সেগুলো সমাধানের বিষয়ে পরামর্শ দিচ্ছেন।   প্রতিবেদনে এমন একজন নারীর অভিজ্ঞতাও তুলে ধরা হয়েছে, যার খাদ্য সহায়তার অর্থ কাগজপত্রের জটিলতার কারণে সময়মতো পৌঁছায়নি। পরে তিনি বিনা মূল্যে খাবার সংগ্রহের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীদের কাছ থেকে নিজের আবেদনসংক্রান্ত সমস্যার সমাধানে সহায়তা পান।   যুক্তরাষ্ট্রের সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির নাম এসএনএপি। এই কর্মসূচির আওতায় যোগ্য নিম্ন আয়ের ব্যক্তি ও পরিবার নির্দিষ্ট অর্থের খাদ্যসামগ্রী কিনতে পারেন। তবে নতুন নিয়ম ও যোগ্যতার শর্ত পরিবর্তনের কারণে অনেক সুবিধাভোগীকে নতুন করে আবেদন, কাজের সময়সংক্রান্ত তথ্য এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হচ্ছে।   সান ডিয়েগো কাউন্টির পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যেও খাদ্য সহায়তার চাহিদা বাড়ছে। স্থানীয় খাদ্য ব্যাংক ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলো সরকারি সহায়তা হারানো পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী বাংলাদেশি অভিবাসীসহ অন্য বাসিন্দারাও নিজেদের যোগ্যতা অনুযায়ী খাদ্য সহায়তার জন্য আবেদন করতে পারেন। সরকারি ক্যালফ্রেশ কর্মসূচির ওয়েবসাইটে আবেদন ও যোগ্যতার বিস্তারিত তথ্য পাওয়া যাবে।   খাদ্য সহায়তার প্রয়োজন হলে যোগাযোগ করুন: ক্যালিফোর্নিয়ার সরকারি খাদ্য সহায়তা: https://www.cdss.ca.gov/calfresh সান ডিয়েগোতে বিনা মূল্যে খাবারের স্থান খুঁজতে: https://feedingsandiego.org/find-food/ সান ডিয়েগো কাউন্টির খাদ্য সহায়তা: https://www.sandiegocounty.gov/ ২১১ জরুরি সামাজিক সহায়তা: ২১১ নম্বরে ফোন করুন। সংবাদসূত্র: এনপিআর, সান ডিয়েগো কাউন্টি প্রশাসন।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৭:৩
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন করে দুটি মাইলফলক গড়ল ঐতিহাসিক মক্কা ক্লক টাওয়ার
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন করে দুটি মাইলফলক গড়ল ঐতিহাসিক মক্কা ক্লক টাওয়ার

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অবস্থিত বিখ্যাত মক্কা ক্লক টাওয়ার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নতুন দুটি বিশ্বরেকর্ড অর্জন করেছে। রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটস-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, টাওয়ারের অভ্যন্তরে অবস্থিত জাদুঘর এবং আউটডোর অবজারভেশন ডেক বা পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম এই অনন্য গৌরব অর্জন করেছে।   নতুন এই স্বীকৃতি অনুযায়ী, মক্কা ক্লক টাওয়ারের ভেতরের জাদুঘরটি (The Clock Tower Museum) ৪২৬.৮৭৫ মিটার উচ্চতায় অবস্থিত হওয়ায় এটি বিশ্বের কোনো ভবনের ভেতরে থাকা সবচেয়ে উঁচু জাদুঘরের স্বীকৃতি লাভ করেছে। এই জাদুঘরে মহাকাশ বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান এবং টাইম মেজারিং বা সময় পরিমাপের ইতিহাস সম্পর্কিত বিভিন্ন প্রাচীন ও আধুনিক নিদর্শন সংরক্ষিত রয়েছে।   পাশাপাশি, টাওয়ারটির ৫৬০.৮৭৫ মিটার উঁচুতে অবস্থিত আউটডোর অবজারভেশন ডেকটি বিশ্বের সবচেয়ে উঁচু আউটডোর পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম হিসেবে রেকর্ড গড়েছে। এই ডেক থেকে পবিত্র মসজিদুল হারাম এবং পুরো মক্কা শহরের অভূতপূর্ব ও প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যায়। এই অর্জনগুলো সৌদি ভিশন ২০৩০-এর সাথে সামঞ্জস্য রেখে মক্কার ঐতিহাসিক ও স্থাপত্যের নিদর্শনগুলোকে বিশ্ববাসীর সামনে আরও সুউচ্চ মর্যাদায় তুলে ধরার একটি অংশ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সূত্র: টাইমস অব রিয়াদ।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৬:৪৯
আইসিইর হাতে মা আটক
আইসিইর হাতে মা আটক, দুই শিশুকে নিয়ে একাই বাবার জীবনযুদ্ধ

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের চেলসি শহরে এক অভিবাসী পরিবারের জীবনে নেমে এসেছে কঠিন সময়। মাকে অভিবাসন কর্তৃপক্ষ আটক করার পর দুই সন্তানকে নিয়ে একাই সংসার সামলাচ্ছেন সৎবাবা মার্টিন গুরফিঙ্কিয়েল। কাজ, সন্তানদের স্কুল, রান্না, ঘরের দায়িত্ব এবং স্ত্রীর মুক্তির জন্য আইনি লড়াই—সবকিছু একসঙ্গে সামলাতে হচ্ছে তাঁকে। মার্কিন সংবাদমাধ্যম ডব্লিউবিইউআরের ১৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে পরিবারটির এই মানবিক গল্প।   প্রতিবেদন অনুযায়ী, মার্টিনের স্ত্রী মেলানি টিনোকোকে গত ১ অক্টোবর ম্যাসাচুসেটসের বোস্টনের একটি টার্গেট দোকানে ঘটে যাওয়া ঘটনার পর আটক করা হয়। মার্টিনের ভাষ্য অনুযায়ী, একটি ভুল বোঝাবুঝির ঘটনায় তাঁর স্ত্রীকে দোকানের নিরাপত্তাকর্মীরা আটকে রাখেন। পরে বোস্টন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সেদিন রাতেই পুলিশ স্টেশন থেকে বের হওয়ার সময় অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) কর্মকর্তারা তাঁকে হেফাজতে নেন।   এরপর থেকেই পরিবারের দায়িত্ব এসে পড়ে মার্টিনের কাঁধে। তাঁর স্ত্রীর আগের সংসারের দুই সন্তান—সাত বছর বয়সী এমিলিয়ানো ও ১২ বছর বয়সী এমিলিয়ানা—এখন তাঁর কাছেই রয়েছে। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সন্তানদের স্কুলে পৌঁছে দেওয়া, খাবার তৈরি, ঘরের কাজ এবং পরিবারের খরচ চালাতে উপার্জনের চেষ্টা করছেন তিনি। পাশাপাশি স্ত্রীর অভিবাসন মামলার আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখছেন।   স্ত্রীর অনুপস্থিতিতে সন্তানদের জন্মদিনও আগের মতো আনন্দের হয়ে উঠছে না। প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রীর আটক হওয়ার পরদিন ছিল মেয়ে এমিলিয়ানার জন্মদিন। সেই বিশেষ দিনে মেয়ের স্কুলে কেক নিয়ে গিয়েছিলেন মার্টিন। কিন্তু পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি তখন পাশে ছিলেন না। মার্টিন বলেন, তিনি কখনো ভাবেননি একসঙ্গে মা ও বাবার দায়িত্ব পালন করতে হবে। চার ঘণ্টার মতো ঘুমিয়ে প্রতিদিন নতুন করে লড়াই শুরু করতে হচ্ছে তাঁকে। তাঁর ভাষায়, বাইরে থেকে পরিস্থিতি যতটা স্বাভাবিক মনে হয়, ভেতরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।   অন্যদিকে, আটক অবস্থায় থাকা মেলানিও সন্তানদের দেখতে না পারার কষ্টের কথা জানিয়েছেন। তাঁর ভাষায়, সন্তানদের কাছ থেকে দূরে থাকা অসহনীয়। প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত মেলানি নিউ হ্যাম্পশায়ারের একটি আটককেন্দ্রে ছিলেন। তাঁর আইনজীবীরা অভিবাসন মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুক্তির আবেদন করেছেন। তবে ফেডারেল প্রসিকিউটররা ২০২৫ সালের লেকেন রাইলি আইনের বিধান উল্লেখ করে তাঁর আটক রাখার পক্ষে অবস্থান নিয়েছেন।   মার্টিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। তাঁর স্ত্রী মেলানির কাজের অনুমতি এবং আশ্রয়ের আবেদন রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরিবারের ভবিষ্যৎ এখন আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। এই ঘটনা শুধু একটি পরিবারের ব্যক্তিগত সংকট নয়; যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির প্রভাব কীভাবে শিশুদের দৈনন্দিন জীবন, শিক্ষা ও মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে, সেটিও সামনে এনেছে।   ম্যাসাচুসেটসে অভিবাসন কর্তৃপক্ষের হাতে মা-বাবা আটক হওয়ার পর সন্তানদের দেখাশোনার দায়িত্ব নিয়ে বিপাকে পড়ছেন এমন আরও অনেক পরিবার। সামাজিক কর্মীদের মতে, অভিভাবকের হঠাৎ অনুপস্থিতি শিশুদের নিরাপত্তাবোধ, পড়াশোনা এবং মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।    একটি পরিবারের কাছে সবচেয়ে বড় চাওয়া হয়তো খুব সাধারণ—সন্তানদের পাশে মা-বাবা দুজনের উপস্থিতি। কিন্তু অভিবাসনসংক্রান্ত আইনি জটিলতায় অনেক শিশুর সেই স্বাভাবিক জীবনই অনিশ্চিত হয়ে পড়ছে। সংবাদসূত্র: ডব্লিউবিইউআর নিউজ।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৬:৪২
ইউরোপীয় বিলাসবহুল ব্র্যান্ডের পোশাকে বরফের বুকে কিমের কন্যা; দাম জানলে চমকে উঠবেন!
ইউরোপীয় বিলাসবহুল ব্র্যান্ডের পোশাকে বরফের বুকে কিমের কন্যা; দাম জানলে চমকে উঠবেন!

বাজারমূল্য বিশ্লেষণে দেখা গেছে, রোসিনিওলের নারীদের স্কি জ্যাকেটের দাম প্রায় ২৮০ থেকে ৫৮০ পাউন্ড (৪ লাখ ৯০ হাজার থেকে ১০ লাখ ২০ হাজার দক্ষিণ কোরীয় ওন) এবং সালোমনের প্যান্টের দাম ১৬০ থেকে ৭০০ মার্কিন ডলারের মধ্যে। অন্যদিকে, সুইস ব্র্যান্ড স্টকলির স্কিগুলোর দাম ১ হাজার ১০০ ডলারেরও বেশি। সব মিলিয়ে ১৩ বছর বয়সী কিম জু আয়ের এই স্কি পোশাক ও সরঞ্জামের দাম সাধারণ উত্তর কোরীয় নাগরিকদের পুরো বছরের আয়ের চেয়েও অনেক বেশি।   উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কিশোরী কন্যা কিম জু আয়ের পরা স্কি পোশাকের আকাশছোঁয়া দাম নিয়ে আন্তর্জাতিক ও দক্ষিণ কোরীয় গণমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। সম্প্রতি চীন সীমান্তের কাছে মাউন্ট পেকতুর পাদদেশে সামজিয়ন সিটি পর্যটন অঞ্চল পরিদর্শনে গিয়ে বাবার সঙ্গে স্কি করার সময় তার এই বিলাসবহুল পোশাক নজর কাড়ে।   উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা প্রকাশিত ছবিতে কিম জু আয়ের পোশাকের লোগো বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা ধারণা করছেন, তিনি ইউরোপীয় নামী ব্র্যান্ডের স্কি সরঞ্জাম ব্যবহার করেছেন। তার সাদা জ্যাকেটের হাতায় থাকা ত্রিভুজাকার লোগো দেখে এটি ফরাসি বিলাসবহুল ব্র্যান্ড ‘রোসিনিওল’ (Rossignol) এবং ট্রাউজারে থাকা ‘এস’ (S) চিহ্ন দেখে সেটি ‘সালোমন’ (Salomon) ব্র্যান্ডের বলে মনে করা হচ্ছে। এছাড়া তার হাতে থাকা স্কি ও পোলগুলো সুইস ব্র্যান্ড ‘স্টকলি’র (Stockli) বলে ধারণা করা হচ্ছে।   বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী, উত্তর কোরিয়ার নাগরিকদের গড় বাৎসরিক আয় দক্ষিণ কোরিয়ার নাগরিকদের আয়ের মাত্র ৪ শতাংশ। সাম্প্রতিক এক হিসাবে দেখা গেছে, উত্তর কোরিয়ায় গড় বেতন মাত্র ১১০ মার্কিন ডলার (প্রায় ১ লাখ ওন)। দেশের সাধারণ মানুষের এমন অর্থনৈতিক দৈন্যদশার বিপরীতে শাসক পরিবারের এই বিলাসবহুল জীবনযাপন নিয়ে তাই নতুন করে প্রশ্ন উঠেছে।   গত রোববার ও সোমবার সামজিয়ন সিটি পর্যটন অঞ্চলের নির্মাণকাজ পরিদর্শনকালে বাবার সঙ্গে ছিলেন জু আয়ে। সেখানে কিম জং উন বলেন, বিপ্লবের এই পবিত্র স্থানে নির্মিত প্রতিটি স্থাপনা, তা আকারে যত ছোটই হোক না কেন, আমাদের জাতির এক অনন্য ও ঐতিহাসিক সৃষ্টি।   ২০২২ সালে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুষ্ঠানে বাবার হাত ধরে প্রথমবারের মতো জনসম্মুখে আসেন কিম জু আয়ে। এরপর থেকে রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তার নিয়মিত উপস্থিতি দেখে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা ধারণা করছে, কিম জং উন তাকেই পরবর্তী উত্তরসূরি হিসেবে গড়ে তুলছেন। উল্লেখ্য, সুইজারল্যান্ডের বার্নের একটি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করার সুবাদে কিম জং উন নিজেও ছোটবেলা থেকেই স্কিইংয়ে বেশ পারদর্শী। সূত্র: দ্য কোরিয়া হেরাল্ড।  

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৬:৩২
বাসা, খাবার ও চাকরির সহায়তা খুঁজছেন মানুষ
কানেকটিকাটে বাসা, খাবার ও চাকরির সহায়তা খুঁজছেন হাজারো মানুষ

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বাসস্থান, খাবার, চাকরি, চিকিৎসা ও অন্যান্য জরুরি প্রয়োজনের সহায়তা খুঁজতে মানুষের যোগাযোগ বেড়েছে। রাজ্যটির ইউনাইটেড ওয়ে পরিচালিত ২১১ সেবায় ২০২৬ অর্থবছরে ১৮ লাখের বেশি সহায়তার অনুরোধ এসেছে।   কানেকটিকাটের ২১১ সেবা সাধারণ মানুষের জন্য বিভিন্ন সামাজিক ও জরুরি সহায়তার তথ্য পাওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে ফোন করে বাসস্থান, আশ্রয়কেন্দ্র, খাবার, বিদ্যুৎ ও গ্যাসের বিল, চাকরি, চিকিৎসা, যাতায়াত এবং শিশুদের দেখাশোনার সহায়তা সম্পর্কে জানতে পারেন বাসিন্দারা।   প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ অর্থবছরে শুধু বাসস্থান ও আশ্রয়সংক্রান্ত সহায়তার জন্য ৬ লাখ ১৪ হাজারের বেশি অনুরোধ এসেছে। খাবারের সহায়তা চেয়ে যোগাযোগ করেছেন ২ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ।   এ ছাড়া চাকরি খোঁজা, বিদ্যুৎ ও গ্যাসের বিল পরিশোধ, স্বাস্থ্যসেবা, পরিবহন এবং শিশুদের যত্নসংক্রান্ত সহায়তার জন্যও মানুষ যোগাযোগ করেছেন। এই সেবার মাধ্যমে বাসিন্দারা জানতে পারেন কোন প্রতিষ্ঠানে কী ধরনের সহায়তা পাওয়া যায়, কারা আবেদন করতে পারবেন, কী কী কাগজপত্র প্রয়োজন এবং কোথায় যোগাযোগ করতে হবে।   বিশেষ করে যারা নতুন করে কানেকটিকাটে বসবাস শুরু করেছেন, আর্থিক সংকটে রয়েছেন কিংবা জরুরি বাসস্থান ও খাবারের ব্যবস্থা করতে সমস্যায় পড়েছেন, তাদের জন্য এ সেবা কার্যকর হতে পারে।   কানেকটিকাটের বাসিন্দারা ২১১ নম্বরে ফোন করে অথবা www.211ct.org ওয়েবসাইট ব্যবহার করে বিভিন্ন সহায়তার খোঁজ নিতে পারেন। এই সেবা বিনামূল্যে তথ্য ও সহায়তার পথ দেখায়। তবে প্রত্যেক আবেদনকারী সরাসরি অর্থ বা বাসস্থান পাবেন, এমন নিশ্চয়তা নেই। সহায়তা পাওয়া নির্ভর করে সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা ও প্রাপ্যতার ওপর। যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার মধ্যে স্থানীয় পর্যায়ে এ ধরনের সহায়তা সেবার গুরুত্ব আরও বাড়ছে।জরুরি যোগাযোগ: ২১১ নম্বর ওয়েবসাইট: https://www.211ct.org সংবাদসূত্র: সিটি ইনসাইডার।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৬:১৭
গভীর রাতে কেঁপে উঠল ইউরোপের ১৭টি দেশ! ক্ষেপণাস্ত্র হামলা ভেবে আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দারা
গভীর রাতে কেঁপে উঠল ইউরোপের ১৭টি দেশ! ক্ষেপণাস্ত্র হামলা ভেবে আতঙ্কে ঘর ছাড়লেন বাসিন্দারা

ইউক্রেনসহ পূর্ব ও দক্ষিণ-পূর্ব ইউরোপের ১৭টি দেশে গভীর রাতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় রাত আনুমানিক ২টা ৪৯ মিনিটের দিকে গুগল প্লে সার্ভিসেসের স্বয়ংক্রিয় সতর্কবার্তায় প্রাথমিক অবস্থায় রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পূর্বাভাস দিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়।   সতর্কবার্তার মানচিত্র অনুযায়ী, এই ভূকম্পন অনুভূত হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে— রোমানিয়া, ইউক্রেন, মলদোভা প্রজাতন্ত্র, বুলগেরিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, তুরস্ক, গ্রিস, হাঙ্গেরি, কসোভো, মন্টিনিগ্রো, পোল্যান্ড, রাশিয়া, স্লোভাকিয়া, সার্বিয়া, উত্তর মেসিডোনিয়া এবং আলবেনিয়া।   ভূমিকম্পের তীব্রতায় রোমানিয়ার রাজধানী বুখারেস্ট কেঁপে ওঠে। এ ছাড়া সীমান্তবর্তী দেশ ইউক্রেনের কিয়েভ, ওডেসা, পোলতাভা, ভিনিতসিয়া, কিরোভোহরাদ, মাইকোলাইভ, চেরকাসি এবং দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও কম্পন অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।   হঠাৎ মাটির তলদেশ থেকে ভেসে আসা বিকট শব্দ ও মোবাইলে বেজে ওঠা জরুরি সতর্কবার্তায় দুই দেশের বাসিন্দাদের মধ্যেই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয়রা জানান, শুরুতে তারা ভেবেছিলেন এটি হয়তো কোনো ক্ষেপণাস্ত্র হামলা। মূলত এই কম্পনের ঠিক আগের দিনই কিয়েভের গুরুত্বপূর্ণ সেতুগুলোতে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা এবং পাল্টা পদক্ষেপ হিসেবে কের্চ প্রণালীর ওপর অবস্থিত ক্রিমিয়া সেতুর একাংশে ইউক্রেনের বড় ধরনের হামলার ঘটনার কারণে সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের আতঙ্ক তীব্র ছিল।   মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রোমানিয়ার ভ্রান্সিয়া ভূকম্পন অঞ্চলে এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৩০ দশমিক ৮ কিলোমিটার। প্রাথমিক পরিমাপে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৫ ধারণা করা হলেও চূড়ান্ত পর্যবেক্ষণে এর মাত্রা ৫ দশমিক ৩ থেকে ৫ দশমিক ৬-এর মধ্যে ছিল বলে জানানো হয়েছে।   পূর্ব কার্পেথিয়ান পর্বতমালার তীক্ষ্ণ বাঁকে অবস্থিত ভ্রান্সিয়া অঞ্চলটি ইউরোপের অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত, যেখানে প্রায়ই গভীর কেন্দ্রবিশিষ্ট ভূমিকম্প হয়ে থাকে। তবে ভূমিকম্পের সব পরিমাপ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং পরবর্তীতে তা আরও সংশোধন করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্র: ইউএসজিএস।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৬:১৭
ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলন আত্মবিশ্বাসী ও ক্লান্ত ট্রাম্প: আলোচনায় অতিরিক্ত ৫ মিনিট
ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলন আত্মবিশ্বাসী ও ক্লান্ত ট্রাম্প: আলোচনায় অতিরিক্ত ৫ মিনিট

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান (ASEAN) শীর্ষ সম্মেলন এবং কূটনৈতিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি বিশ্ব রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে দলের বড় ধরনের ধাক্কার পর এটিই ট্রাম্পের প্রথম বিদেশ সফর। তবে সব জল্পনা পেরিয়ে ম্যানিলার আসরে তাকে বেশ আত্মবিশ্বাসী এবং একই সাথে কিছুটা ক্লান্ত অবয়বে দেখা গেছে।   সফরের শুরুতেই ম্যানিলার সোলাইরে রিসোর্ট হোটেলে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজের সাথে নির্ধারিত কর্মসূচির বাইরেও অতিরিক্ত ৫ মিনিট ফটোসেশনে অংশ নেন ট্রাম্প।   আন্তর্জাতিক মঞ্চে নিজের আধিপত্য এবং শক্তি প্রদর্শনের অংশ হিসেবেই তিনি এই অতিরিক্ত সময় ব্যয় করেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দক্ষিণ চীন সাগরে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং আঞ্চলিক বাণিজ্যের নানা জটিলতার মধ্যেই ওয়াশিংটনের সাথে আঞ্চলিক মিত্রদের সম্পর্ক জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই সফরে।   বিশ্লেষকদের মতে, ম্যানিলার এই কূটনৈতিক ব্যস্ততা মূলত সামনে শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিনের সাথে আসন্ন উচ্চপর্যায়ের বৈঠকের আগে ট্রাম্পের শারীরিক ও মানসিক শক্তির সঞ্চয় কিংবা প্রস্তুতিরই একটি অংশ। বিশ্বমঞ্চে নিজের অবস্থান পোক্ত করতে ট্রাম্প কতটা মরিয়া, ম্যানিলার এই পাঁচ অতিরিক্ত মিনিট এবং তার শরীরী ভাষাই সেটি স্পষ্ট করে তুলেছে। সূত্র: এসসিএমপি।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৬:৯
সৌদি আরবের মাটিতে হুথিদের নিয়ন্ত্রণ
সৌদি আরবের ভূখণ্ডে ইয়েমেনের হুথিদের নিয়ন্ত্রণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

সৌদি আরবের ভূখণ্ডের একটি অংশ ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দখলে রয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের আলোচিত সাংবাদিক ও রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসন। তাঁর এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।   সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত এক পডকাস্ট অনুষ্ঠানে মার্কিন ভূরাজনৈতিক বিশ্লেষক ব্র্যান্ডন জে ওয়েইচার্টের সঙ্গে আলোচনার সময় কার্লসন এ দাবি করেন। তিনি বলেন, হুথিরা বর্তমানে সৌদি রাজতন্ত্রের জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠেছে। এমনকি সৌদি আরবের ভূখণ্ডের একটি অংশে তাদের অবস্থান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।   আলোচনায় কার্লসন বলেন, হুথিরা সৌদি আরবকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলছে। তাদের সৌদি ভূখণ্ডে উপস্থিতির বিষয়টি যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমে যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।   এ সময় ব্র্যান্ডন জে ওয়েইচার্টের কাছে সৌদি ভূখণ্ডে হুথি যোদ্ধাদের উপস্থিতি সম্পর্কে জানতে চান কার্লসন। জবাবে ওয়েইচার্ট বলেন, তাঁর বিশ্বাস, সৌদি ভূখণ্ডে হুথি যোদ্ধাদের উপস্থিতি রয়েছে।   তবে কার্লসন ও ওয়েইচার্টের এই বক্তব্যের পক্ষে নির্দিষ্ট কোনো এলাকা, দখল করা ভূখণ্ডের পরিমাণ কিংবা সামরিক অবস্থানের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ফলে সৌদি আরবের কোনো অংশ বর্তমানে হুথিদের স্থায়ী নিয়ন্ত্রণে রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   এর আগে গত ৩ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায়, পশ্চিমা ও আরব কর্মকর্তাদের বরাত দিয়ে সৌদি আরবের সীমান্তবর্তী এলাকায় হুথি যোদ্ধাদের ছোট আকারের স্থল অভিযান ও সীমান্ত চৌকিতে হামলার তথ্য পাওয়া গেছে। অক্টোবরের শেষ দিকেও এমন অভিযান চালানোর কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়।   অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হুথিদের সামরিক অগ্রগতির কারণে সৌদি আরব সমর্থিত বাহিনী কয়েকটি এলাকা থেকে পিছিয়ে পড়েছে। বিশেষ করে লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিসংলগ্ন এলাকায় হুথিদের অগ্রগতি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করেছে।   হুথিরা ইয়েমেনের একটি শক্তিশালী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী। ২০১৪ সালে দেশটির রাজধানী সানা দখলের পর থেকে তারা ইয়েমেনের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে আসছে। গোষ্ঠীটির সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে ইরানের সহায়তার অভিযোগ দীর্ঘদিনের।   সৌদি আরব ২০১৫ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সামরিক জোটের নেতৃত্বে দেশটিতে অভিযান শুরু করে। দীর্ঘ সংঘাতের পর ২০২২ সালে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক সময়ে নতুন করে উত্তেজনা বেড়েছে।   বিশেষ করে লোহিত সাগরের নৌপথ, বাব আল-মান্দেব প্রণালি এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোকে ঘিরে নিরাপত্তা পরিস্থিতি আন্তর্জাতিক মহলের নজরে এসেছে। এসব গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা তৈরি হলে এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি পরিবহনেও প্রভাব পড়তে পারে।   কার্লসন আলোচনায় আরও প্রশ্ন তোলেন, হুথিদের সামরিক তৎপরতার পেছনে ইরানের পাশাপাশি অন্য কোনো শক্তির ভূমিকা রয়েছে কি না। তাঁর মতে, গোষ্ঠীটির সামরিক কার্যক্রমের পেছনে কারা কাজ করছে, সেটি আরও গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।   তবে সৌদি আরবের ভূখণ্ড হুথিদের স্থায়ী দখলে থাকার বিষয়ে এখন পর্যন্ত স্বাধীনভাবে যাচাই করা কোনো পূর্ণাঙ্গ প্রমাণ পাওয়া যায়নি। সীমান্তে হামলা বা সাময়িক অনুপ্রবেশের ঘটনা এবং কোনো ভূখণ্ড দীর্ঘমেয়াদে দখলে রাখার বিষয় দুটি এক নয়।   টাকার কার্লসনের বক্তব্য এবং সাম্প্রতিক সীমান্ত সংঘাতের তথ্য নতুন করে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত আবারও বড় আকার ধারণ করলে পুরো উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে।সংবাদসূত্র: মিডল ইস্ট আই, রয়টার্স।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৫:৫২
অভ্যর্থনা জানাতে রানওয়েতে হাজির স্বয়ং সি চিন পিং! কূটনৈতিক প্রথা ভেঙে জড়িয়ে ধরলেন ট্রাম্পকে
অভ্যর্থনা জানাতে রানওয়েতে হাজির স্বয়ং সি চিন পিং! কূটনৈতিক প্রথা ভেঙে জড়িয়ে ধরলেন ট্রাম্পকে

কূটনৈতিক প্রথা ভেঙে চীনের শেনজেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। বুধবার (১৮ নভেম্বর) এয়ার ফোর্স ওয়ান থেকে নামার পরপরই রানওয়েতে সি চিন পিং নিজে উপস্থিত হয়ে ট্রাম্পের সঙ্গে করমর্দন করেন এবং তাঁকে জড়িয়ে ধরেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ঐতিহাসিক ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনের ঠিক একদিন আগে দুই পরাশক্তির নেতার এমন বিরল ও আন্তরিক আলিঙ্গন বিশ্ব রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।   সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানাতে বিমানবন্দরে সি চিন পিংয়ের উপস্থিতি খুবই বিরল। এমনকি একই দিনে পুতিনকে স্বাগত জানাতে তিনি কমিউনিস্ট পার্টির পঞ্চম শীর্ষ নেতাকে পাঠিয়েছিলেন এবং গত মে মাসে ট্রাম্পের বেইজিং সফরে ভাইস প্রেসিডেন্টকে পাঠিয়েছিলেন। তবে গত সেপ্টেম্বরে ওয়াশিংটনের অদূরে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সি চিন পিংকে ট্রাম্প নিজে উপস্থিত হয়ে যে বিরল সম্মান দেখিয়েছিলেন—যা ১৯৬২ সালের পর কোনো বিদেশি নেতার জন্য প্রথম ছিল—সি চিন পিংয়ের এই আকস্মিক অভ্যর্থনাকে তারই প্রতিদান হিসেবে দেখা হচ্ছে।   বার্ষিক এপেক (APEC) সম্মেলনে যোগ দিতে হংকংয়ের উত্তরে চীনের দ্রুত বর্ধনশীল শহর শেনজেনে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। এপেক সম্মেলনের পাশাপাশি তিনি সি চিন পিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইতিহাসের প্রথম ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেবেন। ওয়াশিংটন ত্যাগের আগে ট্রাম্প জানিয়েছেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের পাশাপাশি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ নিরসন এবং ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধে তিন পরাশক্তি কীভাবে একসঙ্গে কাজ করতে পারে, তা নিয়ে এই বৈঠকে আলোচনা হবে।   ত্রিপক্ষীয় বৈঠকের আগে বৃহস্পতিবার ট্রাম্প ও সি চিন পিংয়ের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বছরের বাণিজ্য যুদ্ধের পর চলমান বাণিজ্য উত্তেজনা এবং চীন কর্তৃক বিরল খনিজ ও চুম্বক রপ্তানি সীমিত রাখার বিষয়টি এই বৈঠকে গুরুত্ব পাবে। এ ছাড়া এনভিডিয়ার (Nvidia) সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে কথিত চীনা গুপ্তচরবৃত্তির কেলেঙ্কারির বিষয়টিও ট্রাম্প তুলতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন, যদিও এতে চীন অপমানিত বোধ করতে পারে বলে তিনি কিছুটা দ্বিধায় রয়েছেন।   ট্রাম্পের এই ঝটিকা সফরে স্পেসএক্স ও টেসলার প্রধান ইলন মাস্কও কিছু অনুষ্ঠানে অংশ নেবেন, তবে তাঁর সুনির্দিষ্ট ভূমিকা কী হবে তা এখনো স্পষ্ট নয়। বিশ্বের তিনটি বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি চুক্তির ব্যাপারে ট্রাম্প তাঁর প্রথম মেয়াদ থেকেই আগ্রহী ছিলেন। পাশাপাশি এই সফরে আরও চমকের ইঙ্গিত দিয়ে ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনও সেখানে উপস্থিত হতে পারেন—যা হবে ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর তাঁদের প্রথম সাক্ষাৎ। সূত্র: নিউইয়র্ক পোস্ট।  

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৫:৩২
আজই অ্যাকাউন্ট চালু করুন
আজই অ্যাকাউন্ট চালু করুন, আগেভাগে জানুন ২০২৭ সালে কত বাড়বে আপনার ভাতা

যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদের আগামী বছরের বাড়তি অর্থের পরিমাণ আগেভাগে অনলাইনে দেখার সুযোগ পেতে আজ ১৮ নভেম্বরের মধ্যে ব্যক্তিগত অ্যাকাউন্ট চালু করে ইলেকট্রনিক নোটিফিকেশন ব্যবস্থা সক্রিয় করতে হবে। সামাজিক নিরাপত্তা প্রশাসনের (এসএসএ) ঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাকাউন্ট তৈরি ও কাগজবিহীন নোটিশ গ্রহণের ব্যবস্থা চালু করলে ২০২৭ সালের জীবনযাত্রার ব্যয় সমন্বয় বা কোলা (COLA) বৃদ্ধির ব্যক্তিগত তথ্য অনলাইনে আগে দেখা যাবে।   ২০২৭ সালে যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা ও সম্পূরক নিরাপত্তা আয় (এসএসআই) সুবিধা ৩ দশমিক ৬ শতাংশ বাড়ানো হয়েছে। সামাজিক নিরাপত্তা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, এই বৃদ্ধির ফলে অবসর ভাতা গ্রহণকারীদের গড়ে মাসে প্রায় ৭৫ ডলার বেশি পাওয়ার কথা। নতুন বর্ধিত অর্থ ২০২৭ সালের জানুয়ারি থেকে সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদের জন্য কার্যকর হবে।   প্রায় ৭ কোটি ২০ লাখ সামাজিক নিরাপত্তা সুবিধাভোগী আগামী জানুয়ারি থেকে এই বৃদ্ধি পাবেন। অন্যদিকে, প্রায় ৭৩ লাখ এসএসআই সুবিধাভোগীর বাড়তি অর্থ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। কেউ সামাজিক নিরাপত্তা ও এসএসআই উভয় সুবিধা পেলে দুই কর্মসূচির অর্থের হিসাব আলাদা হতে পারে।   সামাজিক নিরাপত্তা প্রশাসন জানিয়েছে, যাঁদের ব্যক্তিগত ‘মাই সোশ্যাল সিকিউরিটি’ অ্যাকাউন্ট রয়েছে এবং যাঁরা কাগজবিহীন নোটিশ গ্রহণের ব্যবস্থা চালু করেছেন, তাঁরা নভেম্বরের শেষ দিকে অনলাইনে নতুন ভাতার বিস্তারিত দেখতে পারবেন। এই নোটিশে ব্যক্তিগতভাবে কত টাকা বাড়বে, নতুন মাসিক অর্থের পরিমাণ কত হবে এবং কোনো অর্থ কর্তন থাকলে তার তথ্যও উল্লেখ থাকবে।   যাঁদের এখনো অনলাইন অ্যাকাউন্ট নেই, তাঁদের ১৮ নভেম্বরের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে কাগজবিহীন নোটিশ গ্রহণের ব্যবস্থা চালু করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করা যাবে সামাজিক নিরাপত্তা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে: www.ssa.gov/myaccount   যাঁরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন নোটিশের ব্যবস্থা চালু করবেন না, তাঁদের নতুন ভাতার তথ্য ডিসেম্বর মাসে ডাকযোগে পাঠানো হবে। ফলে অনলাইনে আগেভাগে তথ্য দেখার সুযোগ পেতে আজকের সময়সীমা গুরুত্বপূর্ণ। ২০২৭ সালের এই ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের অংশ। আইন অনুযায়ী, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রাখতে সামাজিক নিরাপত্তা ও এসএসআই সুবিধায় প্রতিবছর এই সমন্বয় করা হয়। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের ভোক্তা মূল্যসূচকের ভিত্তিতে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।   সামাজিক নিরাপত্তা সুবিধাভোগীদের জন্য নতুন বছরের বাড়তি অর্থের পরিমাণ জানা গুরুত্বপূর্ণ, কারণ এই অর্থ তাঁদের বাসাভাড়া, খাবার, চিকিৎসা, পরিবহন ও দৈনন্দিন খরচের পরিকল্পনায় সহায়তা করে। সূত্র: যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা প্রশাসন (এসএসএ)।

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২৬ ৫:২৭