সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

Today latest news

20 News
ইরানের আইআরজিসির সঙ্গে যোগাযোগ এবং মার্কিন রাজনৈতিক নেতাদের হত্যার পরিকল্পনায় জড়িত থাকার দায়ে সাজা পেয়েছেন আসিফ মার্চেন্ট। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ইরানের নির্দেশে ট্রাম্প-বাইডেনকে হত্যার ষড়যন্ত্র, পাকিস্তানি নাগরিকের ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনসহ মার্কিন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার দায়ে পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন মার্কিন ফেডারেল আদালত। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নির্দেশনায় এই হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে মামলায় উঠে এসেছে। মঙ্গলবার নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল আদালতে এ সাজা ঘোষণা করা হয়।   মার্চ মাসে হত্যার জন্য ভাড়াটে লোক নিয়োগের ষড়যন্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হন আসিফ মার্চেন্ট। এসব অভিযোগে তাঁর সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে আদালত তাঁকে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দেন।   সাজা ঘোষণার সময় বিচারক এরিক আর. কমিটি ঘটনাটিকে অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কোনো মার্কিন প্রেসিডেন্ট বা সরকারি কর্মকর্তাকে লক্ষ্য করে হত্যার পরিকল্পনার চেয়ে গুরুতর অপরাধ আর হতে পারে না। ষড়যন্ত্রের সঙ্গে ইরানের সংশ্লিষ্টতাকে সাজা নির্ধারণের ক্ষেত্রে গুরুতর বিবেচ্য বিষয় হিসেবে উল্লেখ করেন বিচারক। তাঁর ভাষ্য, বিদেশি শক্তির এমন তৎপরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।   আদালতের তথ্য অনুযায়ী, আসিফ মার্চেন্ট ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে আসেন। এরপর নিউইয়র্কে কয়েকজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে একজন মার্কিন রাজনৈতিক নেতা বা সরকারি কর্মকর্তাকে হত্যার জন্য লোক নিয়োগের পরিকল্পনা করেন। তবে যাঁদের তিনি ভাড়াটে খুনি হিসেবে নিয়োগ করতে চেয়েছিলেন, তাঁরা প্রকৃতপক্ষে ছদ্মবেশী মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন।   তদন্তে জানা যায়, হত্যার পরিকল্পনা বাস্তবায়নের অগ্রিম অর্থ হিসেবে তিনি পাঁচ হাজার ডলার দেন। ২০২৪ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগেই তাঁর পরিকল্পনার বিষয়ে মার্কিন কর্তৃপক্ষকে তথ্য দেওয়া হয়েছিল।   বিচার চলাকালে মার্চেন্ট স্বীকার করেন, ইরানের আইআরজিসির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তবে তাঁর দাবি, ইরানে থাকা পরিবারের সদস্যদের ক্ষতির হুমকি দেওয়ায় তিনি এই পরিকল্পনায় জড়িয়ে পড়তে বাধ্য হন। অন্যদিকে, প্রসিকিউটররা বলেন, তিনি পরিকল্পনাটি বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করেছিলেন।   মামলায় সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন এবং সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালির নাম উঠে আসে। তবে কোনো হামলা সংঘটিত হওয়ার আগেই মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিকল্পনাটি নস্যাৎ করে দেয়।   বিচারক কমিটি সাজা ঘোষণার সময় বলেন, বিদেশি রাষ্ট্রের প্রভাব ও সংশ্লিষ্টতা এ মামলাকে আরও গুরুতর করে তুলেছে। এদিকে, আসিফ মার্চেন্টের আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করার পরিকল্পনার কথা জানিয়েছেন।

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৯:২৭
উবার ইটসের নতুন চমক
ডেলিভারিম্যান নয়, আকাশপথে খাবার নিয়ে আসবে ড্রোন, উবার ইটসের নতুন চমক

যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহ ব্যবস্থায় নতুন প্রযুক্তির সংযোজন করেছে উবার ইটস। এখন থেকে নির্দিষ্ট এলাকার গ্রাহকেরা রেস্তোরাঁ থেকে খাবার অর্ডার করলে ডেলিভারি কর্মীর পরিবর্তে স্বয়ংক্রিয় ড্রোনের মাধ্যমে তা বাড়িতে পৌঁছে নিতে পারবেন। ড্রোনে খাবার সরবরাহের এই সেবা মঙ্গলবার, ১৭ নভেম্বর, টেক্সাসের হিউস্টন শহরের উপকণ্ঠ স্প্রিং এলাকায় চালু করেছে প্রতিষ্ঠানটি। এ উদ্যোগে প্রযুক্তি প্রতিষ্ঠান জিপলাইনের সঙ্গে অংশীদারত্ব করেছে উবার ইটস।   এ সেবার মাধ্যমে গ্রাহকেরা উবার ইটস অ্যাপে ‘ড্রোন’ আইকনে প্রবেশ করে অংশগ্রহণকারী রেস্তোরাঁগুলোর তালিকা দেখতে পারবেন। সেখান থেকে খাবার অর্ডার করার পাশাপাশি বাড়ির সামনে ড্রোন থেকে খাবার নামানোর উপযোগী খোলা জায়গা নির্ধারণ করতে হবে। অর্ডারটি ড্রোনের মাধ্যমে পৌঁছানোর পুরো প্রক্রিয়াও অ্যাপে সরাসরি অনুসরণ করা যাবে।   মঙ্গলবার ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে নতুন প্রযুক্তিটি তুলে ধরে উবার ইটস ও জিপলাইন। এ সময় এবিসি নিউজের সাংবাদিক জিও বেনিতেজ স্প্রিং এলাকার একটি বাড়িতে সাবওয়ে থেকে খাবার অর্ডার করে ড্রোন ডেলিভারি সরাসরি দেখেন। রেস্তোরাঁয় খাবার প্রস্তুত হওয়ার পর জিপলাইনের ড্রোন সেটি নিয়ে নির্ধারিত ঠিকানায় পৌঁছে যায়। এরপর মাটি থেকে ৩০০ ফুটের বেশি উচ্চতায় অবস্থান করেই বিশেষ দড়ির সাহায্যে খাবারভর্তি পাত্রটি বাড়ির সামনের খোলা জায়গায় নামিয়ে দেয়।   জিপলাইনের প্রধান নির্বাহী কেলার ক্লিফটন জানান, এই প্রযুক্তির লক্ষ্য হলো সাধারণ পরিবারগুলোর কাছে ১০ মিনিটেরও কম সময়ে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করা। তাঁর দাবি, ড্রোনগুলো ঘণ্টায় সর্বোচ্চ ৭০ মাইল গতিতে চলতে পারে এবং একবারে সর্বোচ্চ আট পাউন্ড ওজনের খাবার বহন করতে সক্ষম। অংশগ্রহণকারী রেস্তোরাঁ থেকে সর্বোচ্চ ১০ মাইল দূরত্বের মধ্যে থাকা গ্রাহকেরা এ সুবিধা পাবেন।   জিপলাইন জানিয়েছে, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় চলাচলের উপযোগী করেও ড্রোনগুলো তৈরি করা হয়েছে। শব্দ কমানোর জন্য ড্রোনের উড়ার পথ ও উচ্চতা নির্ধারণে বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়। মাটি থেকে অনেকটা উঁচুতে অবস্থান করে খাবার নামানোর কারণে আশপাশে শব্দের প্রভাবও তুলনামূলক কম থাকে বলে দাবি প্রতিষ্ঠানটির।   প্রাথমিকভাবে স্প্রিং এলাকায় প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সেবা চালু থাকবে। শুরুতে জার্সি মাইকস, জ্যাক্সবিস, আরবান বার্ড এবং আবু ওমর হালালসহ কয়েকটি রেস্তোরাঁ এ ব্যবস্থায় যুক্ত হয়েছে। ড্রোনে খাবার সরবরাহের ক্ষেত্রে গ্রাহকদের টিপ দেওয়ার প্রয়োজন হবে না। তবে চাইলে তাঁরা অ্যাপের মাধ্যমে ডেলিভারির অভিজ্ঞতা সম্পর্কে মূল্যায়ন জানাতে পারবেন। যারা প্রচলিত পদ্ধতিতে ডেলিভারি নিতে চান, তাঁদের জন্য ডেলিভারি কর্মীর মাধ্যমে খাবার পাওয়ার ব্যবস্থাও চালু থাকবে।   স্প্রিং এলাকায় সেবা চালুর পর পরবর্তী পর্যায়ে ডালাসসহ যুক্তরাষ্ট্রের আরও কয়েক ডজন শহরে ড্রোন ডেলিভারি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে উবার ইটস ও জিপলাইনের। প্রতিষ্ঠান দুটির লক্ষ্য, ২০২৯ সালের শেষ নাগাদ প্রতিদিন ১০ লাখ ড্রোন ডেলিভারি সম্পন্ন করার সক্ষমতা তৈরি করা।   প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ সফলভাবে সম্প্রসারিত হলে যুক্তরাষ্ট্রে খাবার সরবরাহের প্রচলিত ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। তবে আপাতত সেবাটি নির্দিষ্ট এলাকার গ্রাহক ও অংশগ্রহণকারী রেস্তোরাঁর মধ্যেই সীমাবদ্ধ।

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৮:২৪
ডিএমভি নোয়াখালী কমিউনিটি
ঐক্য ও মানবিক সহযোগিতার প্রত্যয়ে যুক্তরাষ্ট্রে ‘ডিএমভি নোয়াখালী কমিউনিটি’র যাত্রা শুরু

ভ্রাতৃত্ব, ঐক্য, সম্প্রীতি, মানবতা ও পারস্পরিক সহযোগিতার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড অঞ্চলে আত্মপ্রকাশ করেছে ‘ডিএমভি নোয়াখালী কমিউনিটি’। প্রবাসে বসবাসরত নোয়াখালী অঞ্চলের বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করার পাশাপাশি বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।   শুধু সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন নয়, প্রবাসীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং আগামী প্রজন্মের জন্য একটি মানবিক, ঐক্যবদ্ধ ও সহযোগিতামূলক সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের উদ্যোক্তারা। এ লক্ষ্য সামনে রেখে আগামী শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডে আয়োজন করা হয়েছে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা।   সংগঠনের অন্যতম সদস্য নজরুল ইসলাম জানান, প্রবাসে বসবাসরত নোয়াখালীবাসীসহ বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির কল্যাণে দীর্ঘমেয়াদি কিছু পরিকল্পনা নিয়ে কাজ করতে চায় সংগঠনটি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ডিএমভি অঞ্চলে বাংলাদেশি কমিউনিটির জন্য একটি স্বতন্ত্র কবরস্থান প্রতিষ্ঠার উদ্যোগ, কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে বিনা খরচে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা এবং অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।   পাশাপাশি বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও রয়েছে। নজরুল ইসলাম আরও জানান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর সমাজ গড়ে তোলা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য।   প্রাথমিকভাবে সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন আবদুল ওয়াহাব, নজরুল ইসলাম, আবদুল কাদের, জাবেদ হোসাইন, মেহবুব চৌধুরী, বাদশাহ ফাহাদ, মোঃ হোসাইন, মোহাম্মদ এম রহমান এবং পারভেজ ভূঁইয়া। উদ্যোক্তারা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের পূর্ণাঙ্গ পরিচিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে।   আয়োজকরা জানান, ২১ নভেম্বরের অনুষ্ঠানটি বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানস্থলের ঠিকানা ৬৪০১ ব্র্যান্ডন অ্যাভিনিউ, স্প্রিংফিল্ড, ভার্জিনিয়া ২২১৫০। এতে থাকবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যার নাশতা ও রাতের খাবারের ব্যবস্থা এবং সবার জন্য অনুষ্ঠানে প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।   প্রবাসী সমাজে ঐক্য, সম্প্রীতি ও মানবিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি করার প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করা সংগঠনটির এই উদ্যোগকে ঘিরে ডিএমভি অঞ্চলের নোয়াখালীবাসী ও বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির সদস্যদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৮:১১
মাছটির নাম বারবট
নিউইয়র্কের গ্রেট লেকে ধরা পড়ল বিরল সোনালি মাছ, শরীরের অস্বাভাবিক রং ঘিরে কৌতূহল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের লেক অন্টারিওর ওসওয়েগো হারবারে অস্বাভাবিক হলুদ-কমলা রঙের একটি বিরল মাছের সন্ধান পেয়েছেন বন্যপ্রাণী গবেষকেরা। মাছটির নাম বারবট। এর বৈজ্ঞানিক নাম লোটা লোটা। সাধারণত বাদামি, সবুজাভ বা হলদে-বাদামি রঙের এই মাছটির শরীরে বিরল জিনগত পরিবর্তনের কারণে উজ্জ্বল হলুদ-কমলা রং তৈরি হয়েছে। গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের (ইউএসএফডব্লিউএস) একটি গবেষক দল নিয়মিত জরিপ চালানোর সময় মাছটি ধরে। ১০ নভেম্বর সংস্থাটি আবিষ্কারের তথ্য প্রকাশ করে।   গবেষকদের ভাষ্য অনুযায়ী, মাছটির শরীরে জ্যান্থোক্রোমিজম নামের একটি বিরল জৈবিক বৈশিষ্ট্য রয়েছে। জিনগত পরিবর্তনের কারণে শরীরের স্বাভাবিক রঞ্জক পদার্থের বিন্যাসে পরিবর্তন ঘটে এবং মাছটি হলুদ থেকে কমলা রং ধারণ করে। বন্য মাছের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য অ্যালবিনিজম বা মেলানিজমের তুলনায় অনেক বেশি বিরল। এ কারণেই গবেষকেরা মাছটিকে বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করছেন।   মাছটি ধরা পড়ে লেক অন্টারিওর দক্ষিণ-পূর্ব তীরবর্তী ওসওয়েগো হারবারে। ইউএসএফডব্লিউএসের লোয়ার গ্রেট লেকস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন অফিসের গবেষকেরা সেখানে জলজ আক্রমণকারী প্রজাতির উপস্থিতি শনাক্ত করতে নিয়মিত জরিপ চালাচ্ছিলেন। এই জরিপে বৈদ্যুতিক পদ্ধতিতে মাছ ধরা, বিশেষ জাল ব্যবহার এবং পানির পরিবেশগত ডিএনএ বিশ্লেষণের মতো কৌশল প্রয়োগ করা হয়। সংস্থাটি জানিয়েছে, হারবার এলাকায় বারবট মাছের উপস্থিতির এটিই প্রথম নথিভুক্ত জরিপভিত্তিক শনাক্তকরণ। যদিও এর আগে স্থানীয় কিছু মাছশিকারি এই প্রজাতির মাছ ধরার কথা জানিয়েছিলেন।   তবে মাছটির বিরল রঙের পাশাপাশি এর শারীরিক অবস্থাও গবেষকদের উদ্বিগ্ন করেছে। মাছটি পরীক্ষা করার সময় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) মৎস্যবিজ্ঞানীরা দেখতে পান, এটি অত্যন্ত রোগা এবং শারীরিকভাবে দুর্বল। লেক অন্টারিওতে বারবট মাছের সংখ্যা এমনিতেই অনেক কম। সাধারণত এরা তুলনামূলক গভীর ও ঠান্ডা পানিতে বসবাস করে। কিন্তু ওসওয়েগো হারবারের পানির পরিবেশ তাদের স্বাভাবিক আবাসস্থলের তুলনায় ভিন্ন। কেন এই এলাকায় প্রজাতিটির সংখ্যা কমে যাচ্ছে, সেটিও গবেষকদের কাছে এখনো পরিষ্কার নয়।   মাছটির স্বাস্থ্য পরীক্ষা ও অস্বাভাবিক বৈশিষ্ট্যের কারণ অনুসন্ধানে এটিকে কর্নেল ইউনিভার্সিটির কলেজ অব ভেটেরিনারি মেডিসিনে পাঠানো হয়েছে। সেখানে বিশেষজ্ঞরা এর শারীরিক অবস্থা ও সম্ভাব্য জৈবিক কারণ বিশ্লেষণ করবেন। গবেষকদের আশা, মাছটির শরীরের অস্বাভাবিক বৈশিষ্ট্য এবং স্বাস্থ্যগত অবস্থা পরীক্ষা করে গ্রেট লেকস অঞ্চলে বারবট প্রজাতির সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে নতুন তথ্য পাওয়া যাবে।   ইউএসএফডব্লিউএস জানিয়েছে, এই জরিপের প্রধান উদ্দেশ্য ছিল জলজ আক্রমণকারী প্রজাতি শনাক্ত করা। তবে এর মধ্য দিয়ে বিরল দেশীয় মাছের সন্ধান পাওয়াও দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ কর্মসূচির কার্যকারিতা তুলে ধরেছে। গবেষকদের মতে, এ ধরনের আবিষ্কার শুধু একটি বিরল মাছের সন্ধান নয়, বরং হ্রদগুলোর জীববৈচিত্র্য ও পরিবেশগত স্বাস্থ্য বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।   সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস, ফক্স ২ ডেট্রয়েট

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৭:৫১
দুর্লভ চিত্রকর্ম
নিউইয়র্কের আলমারিতে ৪০ বছর অবহেলায় পড়ে থাকা চিত্রকর্ম, নিলামে দাম উঠছে ৫০ লাখ ডলার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি অ্যাপার্টমেন্টের আলমারিতে প্রায় চার দশক ধরে লুকিয়ে রাখা হয়েছিল বিখ্যাত মার্কিন চিত্রশিল্পী জর্জিয়া ও’কিফের একটি দুর্লভ চিত্রকর্ম। কয়েক দশক ধরে শিল্পজগৎ থেকে কার্যত হারিয়ে যাওয়া ছবিটি সম্প্রতি উদ্ধার করা হয়েছে। ক্রিস্টিজ নিলাম প্রতিষ্ঠান জানিয়েছে, ১৯৩০ সালে আঁকা ‘নিয়ার আবিকিউ, নিউ মেক্সিকো ওয়ান’ নামের এই চিত্রকর্মটির আনুমানিক মূল্য ৩০ লাখ থেকে ৫০ লাখ ডলার। ১৭ নভেম্বর নিউইয়র্কে ক্রিস্টিজের ২০তম শতাব্দীর সন্ধ্যাকালীন নিলামে এটি তোলার কথা ছিল।   চিত্রকর্মটির সন্ধান পাওয়া যায় ম্যানহাটনের ইস্ট ভিলেজ এলাকার একটি অ্যাপার্টমেন্ট পরিষ্কারের সময়। নব্বইয়ের কোঠায় বয়সী এক নারী জীবনের শেষ দিকে তাঁর ভাগনিকে জানিয়েছিলেন, বাড়ির আলমারিতে জর্জিয়া ও’কিফের একটি ছবি রয়েছে। ওই নারী মারা যাওয়ার পর তাঁর ব্যক্তিগত জিনিসপত্র গোছানোর সময় ছবিটি খুঁজে বের করা হয়। ছবিটি একটি পুরোনো কাঠের বাক্সে সংরক্ষিত ছিল। বাক্সের ভেতরে কয়েক দশক ধরে ছবিটি অক্ষত অবস্থায় পড়ে ছিল বলে জানিয়েছে ক্রিস্টিজ।   পরিবারের তথ্য অনুযায়ী, ছবিটির মালিকের মা ১৯৬৩ সালের ১৫ এপ্রিল নিউইয়র্কের ডাউনটাউন গ্যালারি থেকে এটি ৩ হাজার ৮০০ ডলারে কিনেছিলেন। পরে মেয়েকে স্নাতক ডিগ্রি অর্জনের উপহার হিসেবে ছবিটি দেন বলে পরিবারের ধারণা। ওই নারী বহু বছর নিজের অ্যাপার্টমেন্টে ছবিটি প্রদর্শন করেছিলেন। কিন্তু আশির দশকের মাঝামাঝি এক অতিথি ছবিটির দিকে অতিরিক্ত আগ্রহ দেখাচ্ছেন বলে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি ছবিটি মূল বাক্সে ভরে আলমারির পেছনে রেখে দেন। সেখানেই প্রায় ৪০ বছর ধরে সেটি অজানা অবস্থায় ছিল।   ছবিটির সত্যতা যাচাই করতে ক্রিস্টিজের বিশেষজ্ঞরা বিভিন্ন ধরনের পরীক্ষা চালান। শিল্পকর্মটির রং, তুলির আঁচড়, শৈলী এবং শিল্পীর পরিচিত কাজের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এ ছাড়া ছবির পেছনে ও’কিফের নিজস্ব চিহ্ন পাওয়া যায়। সেখানে একটি তারার আকৃতির মধ্যে তাঁর নামের আদ্যক্ষর ‘ওকে’ লেখা রয়েছে। ১৯৩১ সালে শিল্পী ও তাঁর স্বামী আলফ্রেড স্টিগলিৎজের তোলা একটি আলোকচিত্রেও একই ছবির অস্তিত্ব পাওয়া যায়। ১৯৬৩ সালের মূল বিক্রয় রসিদও সংরক্ষিত ছিল। এসব তথ্য মিলিয়ে ক্রিস্টিজ ছবিটির সত্যতা নিশ্চিত করেছে।   চিত্রকর্মটি জর্জিয়া ও’কিফের নিউ মেক্সিকো পর্বের শুরুর দিকের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। ১৯২৯ সালে তিনি প্রথম নিউ মেক্সিকো ভ্রমণ করেন। সেখানকার পাহাড়, মরুভূমি, বিস্তৃত আকাশ ও প্রাকৃতিক দৃশ্য তাঁর শিল্পকর্মে গভীর প্রভাব ফেলে। ১৯৩০ সালে আঁকা এই ছবিতে নিউ মেক্সিকোর লোবো পিক এলাকার পাহাড়ি ভূদৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। ক্রিস্টিজের বিশেষজ্ঞদের ধারণা, একই পাহাড় নিয়ে আঁকা তিনটি ছবির মধ্যে এটি প্রথম। দ্বিতীয় ছবিটি নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে রয়েছে। তৃতীয়টি একসময় রকফেলার পরিবারের সংগ্রহে ছিল।   জর্জিয়া ও’কিফকে আধুনিক মার্কিন চিত্রকলার অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচনা করা হয়। ফুল, বিমূর্ত শিল্পকর্ম এবং নিউইয়র্কের আকাশচুম্বী ভবনের চিত্রায়ণের পাশাপাশি দক্ষিণ-পশ্চিম আমেরিকার প্রাকৃতিক দৃশ্য তাঁর শিল্পকর্মে বিশেষ স্থান পেয়েছে। ১৯৮৬ সালে ৯৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর শিল্পকর্ম আন্তর্জাতিক শিল্পবাজারে অত্যন্ত মূল্যবান। ২০১৪ সালে তাঁর একটি চিত্রকর্ম ৪ কোটি ৪৪ লাখ ডলারে বিক্রি হয়েছিল, যা তাঁর নিলাম বিক্রির রেকর্ড।   ক্রিস্টিজের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন করে উদ্ধার হওয়া ছবিটি ৭ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ম্যানহাটনের ২০ রকফেলার সেন্টারে বিনা মূল্যে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছিল। ১৭ নভেম্বরের নিলামে ছবিটি বিক্রির কথা থাকলেও প্রকাশিত তথ্যের ভিত্তিতে চূড়ান্ত বিক্রয়মূল্য নিশ্চিত করা যায়নি। ফলে ৩০ থেকে ৫০ লাখ ডলারের অঙ্কটি এখনো নিলামের পূর্বনির্ধারিত মূল্যায়ন হিসেবেই উল্লেখযোগ্য।   সংবাদসূত্র: দ্য গার্ডিয়ান

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৭:১৭
হ্যাকারদের ক্ষতিকর কোড
১৭৮ প্রতিষ্ঠানের ওয়েবসাইটে হ্যাকারদের ক্ষতিকর কোড, ঝুঁকিতে ক্রেডিট কার্ড ও আইফোন

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্ষতিকর কোড ছড়িয়ে দিয়েছে হ্যাকাররা। এতে এসব ওয়েবসাইটের দর্শনার্থীদের ক্রেডিট কার্ডের তথ্য, ব্যক্তিগত তথ্য ও ক্রিপ্টোকারেন্সি চুরির ঝুঁকি তৈরি হয়েছে। আক্রান্ত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে সিএনএন, বিবিসি, জুম, এইচএসবিসি, আইকিয়া, সেলসফোর্স, ইকুইফ্যাক্স, ফক্স নিউজ, আলাস্কা এয়ারলাইনস ও গিটল্যাব। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান রিপোর্ট ইউআরআইয়ের গবেষকেরা সোমবার (১৬ নভেম্বর) ক্ষতিকর কোড শনাক্ত করেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রয়টার্সসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।   গবেষকদের অনুসন্ধান অনুযায়ী, ওয়েবসাইট পরীক্ষা ও ব্যক্তিগতকরণের কাজে ব্যবহৃত অপটিমাইজলি নামের তৃতীয় পক্ষের সফটওয়্যারের একটি নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে হ্যাকাররা এই কোড প্রবেশ করায়। প্রতিষ্ঠানগুলো নিজেদের ওয়েবসাইটে অপটিমাইজলির জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে। হ্যাকাররা সেই ব্যবস্থায় অননুমোদিত প্রবেশ করে গ্রাহকদের প্রকল্পে ক্ষতিকর কোড যুক্ত করে। ফলে সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো স্বাভাবিকভাবেই অপটিমাইজলির সার্ভার থেকে ওই কোড লোড করে দর্শনার্থীদের ব্রাউজারে চালু করছিল।   রিপোর্ট ইউআরআইয়ের প্রতিষ্ঠাতা ও সাইবার নিরাপত্তা গবেষক স্কট হেলমের দল অপটিমাইজলির ১ হাজার ৬১১টি জাভাস্ক্রিপ্ট ফাইল পরীক্ষা করে ১৮৮টি সংক্রমিত ফাইল শনাক্ত করে। এসব ফাইল ১৭৮টি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের সঙ্গে সংশ্লিষ্ট ছিল। ক্ষতিকর কোডটি মূলত কয়েক ধরনের তথ্য চুরির জন্য তৈরি করা হয়েছিল। কোনো ব্যবহারকারী অনলাইনে ক্রেডিট কার্ডের তথ্য দিলে তা সংগ্রহ করা, ব্রাউজারের কুকি চুরি এবং ওয়েবপেজের স্ক্রিনশট নেওয়া ছিল এর অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি ক্রিপ্টোকারেন্সি লেনদেনের সময় প্রকৃত প্রাপকের ওয়ালেট ঠিকানা পরিবর্তন করে হ্যাকারদের নিয়ন্ত্রণাধীন ওয়ালেট বসানোর ব্যবস্থাও ছিল।   গবেষকদের আরও দাবি, আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের লক্ষ্য করেও বিশেষ কোড যুক্ত করা হয়েছিল। এতে কোরুনা ও ডার্কসোর্ড নামের দুটি আইওএস এক্সপ্লয়েট কিট ব্যবহারের চেষ্টা করা হয়। এসব টুলের মাধ্যমে ডিভাইসের নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে অননুমোদিত প্রবেশের চেষ্টা করা সম্ভব। তবে কতজন ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে কিংবা কতটি ডিভাইস সফলভাবে আক্রান্ত হয়েছে, তা এখনো নিশ্চিত করা যায়নি। রিপোর্ট ইউআরআই জানিয়েছে, হামলাকারীদের নিয়ন্ত্রণাধীন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৭ হাজার ৪০ ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরির তথ্য শনাক্ত করা হয়।   ঘটনা শনাক্ত হওয়ার পর অপটিমাইজলি জানিয়েছে, তারা নিরাপত্তার দুর্বলতা সংশোধন করেছে এবং আক্রান্ত প্রকল্পগুলো থেকে ক্ষতিকর কোড সরিয়ে দিয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষিত করা এবং ভবিষ্যতে অননুমোদিত কোড প্রবেশ ঠেকাতে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আক্রান্ত গ্রাহকদেরও বিষয়টি অবহিত করা হয়েছে। সেলসফোর্স সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অপটিমাইজলির স্ক্রিপ্ট ব্যবহার বন্ধ করেছে। ইকুইফ্যাক্স জানিয়েছে, তারা নিজেদের ব্যবস্থা পরীক্ষা করে কোনো তথ্য চুরি বা সিস্টেম আক্রান্ত হওয়ার প্রমাণ পায়নি।   রয়টার্স জানিয়েছে, ক্ষতিকর কোডের মাধ্যমে ঠিক কতজন ব্যবহারকারীর তথ্য চুরি হয়েছে, তা স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। একইভাবে ১৭৮টি প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভার আলাদাভাবে হ্যাক হয়েছে, এমন প্রমাণও পাওয়া যায়নি। বরং তৃতীয় পক্ষের একটি সফটওয়্যারের দুর্বলতার কারণে তাদের ওয়েবসাইটে ক্ষতিকর কোড পৌঁছেছিল। ঘটনাটি আবারও দেখিয়েছে, বড় প্রতিষ্ঠানের ওয়েবসাইট ব্যবহার করলেও সেখানে যুক্ত তৃতীয় পক্ষের সফটওয়্যার নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে।   সংবাদসূত্র: রয়টার্স

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৬:৫২
হলিউডে প্রাসাদ কেনাবেচা
এক তারকার বাড়ি কিনছেন আরেক তারকা, হলিউডে প্রাসাদ কেনাবেচার অদ্ভুত লেনদেন

হলিউডের তারকাদের মধ্যে বাড়ি কেনাবেচার এক অদ্ভুত প্রবণতা দেখা যাচ্ছে। একজন তারকার পুরোনো বাড়ি কিনছেন আরেক তারকা, আবার কয়েক বছর পর সেই বাড়ি চলে যাচ্ছে অন্য কোনো পরিচিত মুখের কাছে। ব্র্যাড পিট, অ্যাডেল, সিলভেস্টার স্ট্যালোন, অস্টিন বাটলার ও অ্যারন পলের মতো তারকাদের সম্পত্তি কেনাবেচার ধারাবাহিকতায় বিষয়টি সামনে এসেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের ১৭ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, তারকাদের জীবনযাত্রার বিশেষ চাহিদা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার প্রয়োজনই এ ধরনের লেনদেনের অন্যতম কারণ।   প্রতিবেদন অনুযায়ী, গত বছর অভিনেতা অস্টিন বাটলার ব্র্যাড পিটের কাছ থেকে একটি প্রাসাদ কিনেছেন। এর আগের মাসে ব্র্যাড পিট কিনেছিলেন সংগীত দল দ্য কিলারসের এক সদস্যের কাছ থেকে একটি বাড়ি। ২০২২ সালে সংগীতশিল্পী অ্যাডেল অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের পুরোনো বেভারলি হিলসের বাড়ি কেনেন। তবে বাড়িটি কেনার সময় তাঁর একটি বিশেষ শর্ত ছিল। স্ট্যালোনের রকি চরিত্রের বিখ্যাত ভাস্কর্যটি বাড়িতেই রাখতে দিতে হবে। স্ট্যালোন সেই শর্ত মেনে নেওয়ার পরই বাড়িটি কেনেন অ্যাডেল।   এ ধরনের সম্পত্তি কেনাবেচার আরেকটি উদাহরণ অভিনেতা অ্যারন পলের বাড়ি। তিনি সম্প্রতি যে বাড়িটি বিক্রি করেছেন, সেটি আগে কিনেছিলেন টেলিভিশন সিরিজ ‘দ্য বিগ ব্যাং থিওরি’র অভিনেতা জিম পারসন্সের কাছ থেকে। পারসন্স বাড়িটি কিনেছিলেন রবার্ট প্যাটিনসনের কাছ থেকে। এর আগেও বাড়িটির মালিক ছিলেন অভিনেতা নোয়া ওয়াইল, বাস্কেটবল কিংবদন্তি করিম আবদুল-জব্বার, টিম কারি এবং ‘লিগ্যালি ব্লন্ড’ চলচ্চিত্রের পরিচালক রবার্ট লুকেটিক। এভাবে একই বাড়ি বিভিন্ন সময়ে একাধিক পরিচিত ব্যক্তির মালিকানায় গেছে।   চেস্টারটনস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুসার মতে, তারকাদের বাড়ি কেনার ক্ষেত্রে সাধারণ ক্রেতাদের তুলনায় আলাদা কিছু চাহিদা থাকে। নিরাপত্তাবেষ্টিত প্রবেশপথ, নিরিবিলি পরিবেশ, বড় ব্যক্তিগত জমি, কর্মীদের থাকার জায়গা এবং ভক্তদের ভিড় এড়িয়ে চলার মতো সুযোগ তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। কোনো বাড়িতে আগে থেকেই তারকা বসবাস করে থাকলে সেটি ওই বিশেষ জীবনযাপনের উপযোগী কি না, সে সম্পর্কেও ধারণা পাওয়া যায়। এ কারণে তারকাদের মধ্যে আগে ব্যবহৃত বাড়ির প্রতি আগ্রহ তৈরি হয়।   অনেক তারকা আবার প্রকাশ্য বাজারে বাড়ি বিক্রি করতে চান না। মুসার মতে, উচ্চমূল্যের সম্পত্তির ক্রেতা, বিক্রেতা ও তাঁদের বিশ্বস্ত উপদেষ্টাদের মধ্যে একটি সীমিত যোগাযোগব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে বাড়ি বাজারে প্রকাশ্যে তোলার আগেই সম্ভাব্য ক্রেতা খুঁজে পাওয়া যায়। ২০২২ সালে সংগীতশিল্পী ড্রেক অভিনেতা রব উইলিয়ামসের বেভারলি ক্রেস্টের বাড়ি এ ধরনের গোপন লেনদেনের মাধ্যমে কিনেছিলেন। এতে বাড়ির ছবি, ব্যক্তিগত জিনিসপত্র ও অবস্থান নিয়ে অপ্রয়োজনীয় প্রচার এড়ানো সম্ভব হয়।   তবে প্রকাশ্যে বাড়ি বিক্রির কারণে কী ধরনের ব্যক্তিগত তথ্য সামনে চলে আসতে পারে, তার উদাহরণ অভিনেতা জো পেসকির বাড়ি। ২০১৯ সালে নিউ জার্সির জার্সি শোর এলাকায় নিজের আট শয়নকক্ষের প্রাসাদটি ৬৫ লাখ ডলারে বিক্রির জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। অনলাইনে প্রকাশিত ছবিতে বাড়ির ভেতরের ব্যক্তিগত সংগ্রহও দেখা যায়। প্রবেশপথের কাছে ছিল একটি নাপিতের চেয়ার, কারণ ষাটের দশকে পেসকি নাপিতের কাজ করতেন। ছিল তাঁর চলচ্চিত্রের ১২টি পোস্টার, ‘লেথাল উইপন থ্রি’ চলচ্চিত্রের আদলে তৈরি পিনবল টেবিল এবং ‘গুডফেলাস’ চলচ্চিত্রে অস্কার জয়ের একটি বড় বাঁধানো ছবি। এমনকি বাড়ির একটি কক্ষে নিজের ছবি ও মজার বক্তব্যসংবলিত একটি বড় মিমও রাখা ছিল।   দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, পেসকির বাড়িটি তিনি ছেড়ে যাওয়ার চার বছর পর ভেঙে ফেলা হয়। লেখকের মতে, অন্য কোনো তারকার কাছে গোপনে বিক্রি করলে হয়তো বাড়ির ভেতরের এত ব্যক্তিগত বিষয় প্রকাশ্যে আসত না। সব মিলিয়ে তারকাদের মধ্যে বাড়ি কেনাবেচা শুধু সম্পত্তির বিনিয়োগ নয়, বরং নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও বিশেষ জীবনযাত্রার প্রয়োজনের সঙ্গেও জড়িত।   সংবাদসূত্র: দ্য গার্ডিয়ান

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৬:৩৫
গ্রিনকার্ডে
যুক্তরাষ্ট্রে গ্রিনকার্ড পেতে আবারও বাড়ছে কঠোরতা, বিদেশি কর্মী নিয়োগে নতুন শর্ত

যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার প্রস্তাব দিয়েছে দেশটির শ্রম বিভাগ। নতুন প্রস্তাব কার্যকর হলে বিদেশি কর্মীকে স্থায়ীভাবে নিয়োগের আগে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ দেওয়ার জন্য নিয়োগকর্তাদের আরও কঠোর শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে অন্তত ৯০ দিন অনলাইনে চাকরির বিজ্ঞাপন প্রকাশ এবং যোগ্য মার্কিন কর্মীদের নিয়োগের জন্য আন্তরিক প্রচেষ্টার প্রমাণ দেওয়ার বিধান রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) শ্রম বিভাগ এ প্রস্তাব ঘোষণা করে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এটি ফেডারেল রেজিস্টারে প্রকাশিত হয়েছে।   নতুন প্রস্তাবটি মূলত পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন বা পিইআরএম কর্মসূচির নিয়ম পরিবর্তন নিয়ে। এই কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা বিদেশি কর্মীদের স্থায়ীভাবে নিয়োগের জন্য শ্রম বিভাগের অনুমোদন নেন। সাধারণত কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ডের আবেদনে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রম বিভাগের প্রস্তাব অনুযায়ী, নিয়োগকর্তাদের নিজেদের ওয়েবসাইট, অনলাইন চাকরির পোর্টাল, সামাজিক যোগাযোগমাধ্যম, চাকরির মেলা ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক নিয়োগ কার্যক্রমের মাধ্যমে মার্কিন কর্মীদের কাছে চাকরির সুযোগ পৌঁছাতে হবে। একই সঙ্গে বিজ্ঞাপনে চাকরির যোগ্যতা ও শর্ত এমনভাবে নির্ধারণ করা যাবে না, যাতে নির্দিষ্ট কোনো বিদেশি কর্মীকে সুবিধা দেওয়া হয়।   প্রস্তাবে আরও বলা হয়েছে, বিদেশি কর্মী নিয়োগের আগে সংশ্লিষ্ট পদে যোগ্য ও আগ্রহী মার্কিন নাগরিক পাওয়া যাচ্ছে কি না, তা যথাযথভাবে যাচাই করতে হবে। শুধু বিজ্ঞাপন প্রকাশ করলেই চলবে না, নিয়োগের জন্য প্রকৃত প্রচেষ্টা চালানোর নথিও সংরক্ষণ করতে হবে। শ্রম বিভাগের মতে, অতীতে কিছু প্রশাসনিক ছাড়ের কারণে নির্দিষ্ট পেশায় নিয়োগকর্তারা পূর্ণাঙ্গ শ্রমবাজার যাচাই ছাড়াই বিদেশি কর্মীর জন্য আবেদন করতে পারতেন। নতুন নিয়মে এসব ছাড় বাতিলের প্রস্তাব করা হয়েছে।   এর ফলে নার্স, ফিজিক্যাল থেরাপিস্ট এবং বিজ্ঞান ও শিল্পকলায় অসাধারণ দক্ষতাসম্পন্ন কর্মীদের ক্ষেত্রেও মার্কিন শ্রমিকদের প্রাপ্যতা যাচাইয়ের বাধ্যবাধকতা বাড়তে পারে। আগে এসব পেশার কিছু ক্ষেত্রে প্রশাসনিক ছাড় ছিল। নতুন প্রস্তাবে সেই সুবিধা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থাৎ বিদেশি কর্মীর যোগ্যতা বা দক্ষতা বেশি হলেও নিয়োগকর্তাকে আগে মার্কিন শ্রমবাজারে উপযুক্ত কর্মী খোঁজার প্রক্রিয়া অনুসরণ করতে হবে।   মার্কিন কর্মীদের ছাঁটাইয়ের বিষয়টিও নতুন প্রস্তাবে গুরুত্ব পেয়েছে। কোনো প্রতিষ্ঠান গত দুই বছরের মধ্যে একই বা কাছাকাছি ধরনের পদে মার্কিন কর্মী ছাঁটাই করে থাকলে ওই পদে বিদেশি কর্মীর জন্য স্থায়ী শ্রমিক সনদের আবেদন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞার প্রস্তাব করা হয়েছে। তৃতীয় পক্ষের মাধ্যমে কর্মী নিয়োগ করা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও ছাঁটাইসংক্রান্ত তথ্য ও নথি সংরক্ষণের নিয়ম আরও কঠোর করার কথা বলা হয়েছে। শ্রম বিভাগের দাবি, এর মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের অজুহাতে মার্কিন কর্মীদের চাকরির সুযোগ ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকানো সম্ভব হবে।   শ্রম বিভাগের ভাষ্য অনুযায়ী, প্রায় ২০ বছর পর পিইআরএম কর্মসূচিতে এটি সবচেয়ে বড় সমন্বিত সংস্কারের উদ্যোগ। প্রস্তাবটি ফেডারেল রেজিস্টারে প্রকাশের পর ৬০ দিনের জনমত গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৯ জানুয়ারি ২০২৭ পর্যন্ত ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পক্ষগুলো লিখিত মতামত জমা দিতে পারবেন। এরপর এসব মতামত পর্যালোচনা করে শ্রম বিভাগ চূড়ান্ত নিয়ম নির্ধারণ করবে। ফলে প্রস্তাবটি এখনো কার্যকর আইন নয় এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে এতে পরিবর্তন আসতে পারে।   যুক্তরাষ্ট্রে কর্মসংস্থানভিত্তিক গ্রিনকার্ডের অপেক্ষায় থাকা বিদেশি কর্মী, বিশেষ করে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও গবেষণা খাতে কর্মরত অভিবাসীদের জন্য প্রস্তাবটি গুরুত্বপূর্ণ। তবে নতুন নিয়মে সরাসরি সব গ্রিনকার্ড আবেদন বন্ধ হচ্ছে না। এটি মূলত নিয়োগকর্তার মাধ্যমে স্থায়ী শ্রমিক সনদ পাওয়ার প্রক্রিয়াকে কঠোর করার প্রস্তাব। চূড়ান্ত নিয়ম কার্যকর হলে বিদেশি কর্মীদের স্পনসর করতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে নিয়োগ প্রক্রিয়ায় আরও বেশি সময়, অর্থ ও নথিপত্র প্রস্তুত করতে হতে পারে।   সংবাদসূত্র: যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ, ফেডারেল রেজিস্টার, রয়টার্স

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৬:১৬
ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
পরীক্ষাগার ছেড়ে হ্যাকার এআইয়ের হামলা, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল ক্যালিফোর্নিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপত্তাব্যবস্থা যথাযথ না রেখেই উন্নত এআই মডেল তৈরি ও পরীক্ষা করার অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। প্রতিষ্ঠানটির তৈরি স্বয়ংক্রিয় এআই এজেন্ট নিরাপত্তা পরীক্ষার নিয়ন্ত্রিত পরিবেশ থেকে বেরিয়ে গিয়ে অন্য প্রতিষ্ঠানের সার্ভারে সাইবার হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বন্টা। সোমবার (১৬ নভেম্বর) সান ফ্রান্সিসকোর স্টেট কোর্টে মামলাটি করা হয়। বন্টা দাবি করেছেন, তদন্তে এ ধরনের অন্তত ৮০টি ঘটনার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে জুলাইয়ে এআই স্টার্টআপ হাগিং ফেসের ওপর চালানো সাইবার হামলাটি অন্যতম।   মামলার কেন্দ্রে রয়েছে ২০২৬ সালের জুলাইয়ে ঘটে যাওয়া একটি সাইবার নিরাপত্তা ঘটনা। ওপেনএআইয়ের পরীক্ষামূলক এআই মডেল ব্যবহার করে তৈরি স্বয়ংক্রিয় এজেন্টগুলো একটি নিয়ন্ত্রিত পরীক্ষাগার পরিবেশ থেকে বেরিয়ে জনসাধারণের ব্যবহৃত ইন্টারনেটে প্রবেশ করে। এরপর ওপেন সোর্স এআই প্ল্যাটফর্ম হাগিং ফেসের কম্পিউটার ব্যবস্থায় অননুমোদিত প্রবেশ ও সাইবার হামলা চালায় বলে ক্যালিফোর্নিয়ার অভিযোগ। অঙ্গরাজ্য কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, প্রায় আড়াই দিন ধরে চলা এই হামলায় কয়েক শ স্বয়ংক্রিয় এআই এজেন্ট সমন্বিতভাবে কাজ করেছিল। অথচ তাদের ওপেনএআইয়ের নিজস্ব গবেষণাগারের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে যাওয়ার কথা ছিল না।   ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা অভিযোগ করেছেন, ওপেনএআইয়ের অভ্যন্তরীণ সংস্কৃতিতে নিরাপত্তা ও জবাবদিহির চেয়ে দ্রুত পণ্য উন্নয়ন এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তাঁর দাবি, হাগিং ফেসের ওপর হামলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা ছিল না। প্রতিষ্ঠানটির এআই এজেন্ট পরীক্ষার সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অন্তত ৮০টি ঘটনার তথ্য তাঁর দপ্তর পেয়েছে। এসব ঘটনার মধ্যে তৃতীয় পক্ষের কম্পিউটার ব্যবস্থা, সফটওয়্যার ডেটাবেস, তথ্যভিত্তিক ওয়েবসাইট এবং সরকারি স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংরক্ষণকারী ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের অভিযোগও রয়েছে। এমনকি ওপেনএআইয়ের নিজস্ব অভ্যন্তরীণ ব্যবস্থাও আক্রান্ত হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।   মামলার নথিতে বলা হয়েছে, ওপেনএআই পরীক্ষামূলক এআই মডেলগুলোকে বিভিন্ন ডিজিটাল স্যান্ডবক্সে পরীক্ষা করছিল। এসব পরিবেশে মডেলগুলোকে নির্দিষ্ট সফটওয়্যার ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়। কিন্তু পরীক্ষার সময় কিছু এআই এজেন্ট নির্ধারিত সীমা অতিক্রম করে বাইরের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশের সক্ষমতা দেখায়। ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের অভিযোগ, এমন ঝুঁকির আগাম ইঙ্গিত পাওয়ার পরও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও নজরদারি নিশ্চিত না করেই পরীক্ষা চালিয়ে যায় প্রতিষ্ঠানটি।   এ ঘটনায় গত সেপ্টেম্বর থেকেই ওপেনএআইয়ের বিরুদ্ধে তদন্ত করছিল ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগ। ৩০ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির কাছে বিভিন্ন সাইবার নিরাপত্তা ঘটনার সংখ্যা, ধরন ও বিস্তার সম্পর্কে তথ্য চেয়ে তদন্তসংক্রান্ত নোটিশ পাঠানো হয়। বন্টার দপ্তরের অভিযোগ, ওপেনএআইয়ের দেওয়া তথ্য তদন্তের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট ছিল না। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় নথি ও বিস্তারিত তথ্য সরবরাহ করেনি বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।   মামলায় ক্যালিফোর্নিয়ার ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন এবং জননিরাপত্তার জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরির অভিযোগ আনা হয়েছে। অঙ্গরাজ্য কর্তৃপক্ষ আদালতের কাছে ওপেনএআইয়ের এআই মডেল তৈরি ও পরীক্ষার পদ্ধতিতে নিরাপত্তাব্যবস্থা জোরদারের নির্দেশ চেয়েছে। পাশাপাশি আইন লঙ্ঘনের জন্য আর্থিক জরিমানা এবং ক্ষতিগ্রস্তদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে। এই সাইবার হামলাগুলোকে কেন্দ্র করে কোনো অঙ্গরাজ্য সরকারের পক্ষ থেকে ওপেনএআইয়ের বিরুদ্ধে এটিই প্রথম মামলা।   অন্যদিকে ওপেনএআই জানিয়েছে, হাগিং ফেসের ঘটনাটি ছিল একটি নজিরবিহীন সাইবার নিরাপত্তা ঘটনা। প্রতিষ্ঠানটি স্বীকার করেছে, স্বয়ংক্রিয় এআই এজেন্টের অনাকাঙ্ক্ষিত আচরণ সম্পর্কে আরও স্বচ্ছতা প্রয়োজন। এ জন্য গত ১৬ সেপ্টেম্বর এ ধরনের ঘটনা প্রকাশের নতুন কাঠামোও ঘোষণা করে তারা। অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া বক্তব্যে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নিরাপত্তা মান উন্নয়নে কাজ করতে তারা আগ্রহী। প্রতিষ্ঠানটির বক্তব্য, এআই প্রযুক্তির নিরাপত্তা নিয়ে বৃহত্তর শিল্পখাতের চ্যালেঞ্জকে শুধু একটি প্রতিষ্ঠানের ওপর কেন্দ্রীভূত করা উচিত নয়।   এদিকে ওপেনএআইয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যেও একাধিক মামলা রয়েছে। গত মাসে দুই দলের আটটি অঙ্গরাজ্য একযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করে। ওই মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, চ্যাটজিপিটি কিশোরসহ কিছু ব্যবহারকারীকে নিজেদের বা অন্যদের ক্ষতি করার বিষয়ে উৎসাহিত করেছে। এ ছাড়া এআইয়ের ক্ষতিকর পরামর্শ নিয়ে ব্যক্তিগত পর্যায়েও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা হয়েছে। উন্নত এআই মডেলের নিরাপত্তা যাচাইয়ে স্বাধীন নিরীক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাবও বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।   সংবাদসূত্র: রয়টার্স

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৫:৪০
ব্রিটিশ সংসদ সদস্য রুপার্ট লো
লন্ডনে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষের পর সব বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের দাবি ব্রিটিশ এমপির

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডে বাংলাদেশি দুই রাজনৈতিক পক্ষের সংঘর্ষের পর দেশটিতে বসবাসরত সব বাংলাদেশিকে বহিষ্কারের দাবি জানিয়েছেন ব্রিটিশ সংসদ সদস্য রুপার্ট লো। মঙ্গলবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বাংলাদেশি রাজনৈতিক বিরোধ নিয়ে যুক্তরাজ্যের রাস্তায় মারামারি করা ব্যক্তিদের দেশ থেকে বের করে দেওয়া উচিত। একই সঙ্গে তাঁর নেতৃত্বাধীন রিস্টোর ব্রিটেন সরকার ক্ষমতায় এলে সংঘর্ষে জড়িত বাংলাদেশি অভিবাসীদের বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ তৈরি হয়েছে।   এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাতে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর বাইরে বাংলাদেশি রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে এনসিপির আহ্বায়ক ও বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালে ভেন্যুর বাইরে আওয়ামী লীগের সমর্থকদের বিক্ষোভের পর অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি হাতে সংঘর্ষে জড়াতে দেখা যায়। এ সময় বোতল ও অন্যান্য বস্তু ছোড়ার ঘটনাও ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।   যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড জানিয়েছে, সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁদের কারও কারও মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের একজন মুখপাত্র জানান, সোমবার রাত ১০টা ১২ মিনিটে চ্যাডওয়েল হিথের হাই রোড এলাকায় সংঘর্ষের খবর পেয়ে দুটি অ্যাম্বুলেন্স দল পাঠানো হয়। ঘটনাস্থলে ছয়জনকে চিকিৎসা দেওয়া হয় এবং তাঁদের একজনকে হাসপাতালে নেওয়া হয়। অন্যদিকে বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, আহত পাঁচজনকে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ফলে আহতদের সংখ্যা ও হাসপাতালে নেওয়ার বিষয়ে প্রতিবেদনে কিছু পার্থক্য রয়েছে।   ঘটনার পর মঙ্গলবার এক্সে দেওয়া পোস্টে রুপার্ট লো লেখেন, এনসিপি ও আওয়ামী লীগের মধ্যকার রাজনৈতিক বিরোধ নিয়ে বাংলাদেশি পুরুষেরা রমফোর্ডের রাস্তায় মারামারি করছেন। এরপর তিনি বাংলাদেশিদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার দাবি জানান। অন্য একটি পোস্টে তিনি বলেন, তাঁর নেতৃত্বাধীন রিস্টোর ব্রিটেন সরকার ক্ষমতায় এলে সংঘর্ষে জড়িত বাংলাদেশি অভিবাসীদের বহিষ্কার করা হবে। তবে এটি তাঁর রাজনৈতিক দলের সম্ভাব্য অবস্থানসংক্রান্ত বক্তব্য, যুক্তরাজ্য সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়।   রুপার্ট লো যুক্তরাজ্যের গ্রেট ইয়ারমাউথ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এবং রিস্টোর ব্রিটেন দলের নেতা। অভিবাসন নিয়ন্ত্রণ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসীদের বহিষ্কার তাঁর রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। এর আগে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যেও তিনি কঠোর অভিবাসননীতির পক্ষে অবস্থান নিয়েছেন।   এদিকে সংঘর্ষের বিষয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে আসা প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। তাঁর ভাষ্য, কয়েকজন এতে আহত হয়েছেন। তিনি যুক্তরাজ্য সরকারের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে সংঘর্ষে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় ও দায় নির্ধারণের বিষয়ে তদন্তের প্রয়োজন রয়েছে।   যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ও ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নাহিদ ইসলাম ও প্রবাসী বাংলাদেশিদের ওপর সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের নিন্দা জানায়। ব্রিটিশ কর্তৃপক্ষকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের শনাক্ত এবং দেশটির আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।   রমফোর্ডের ঘটনার আগে ১৪ নভেম্বর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়েও নাহিদ ইসলামকে ঘিরে আওয়ামী লীগ-সমর্থকদের বিক্ষোভ ও হয়রানির চেষ্টার অভিযোগ উঠেছিল। এর আগে গত জুনে যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর একটি অনুষ্ঠানের বাইরেও আওয়ামী লীগ-সমর্থকদের বিক্ষোভের ঘটনা ঘটে। এসব ঘটনা যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক বিরোধ ও নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।   অন্যদিকে স্থানীয় সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেল রমফোর্ডের সংঘর্ষের নিন্দা জানিয়েছেন। তাঁর বক্তব্য, যুক্তরাজ্যের রাস্তায় এ ধরনের সহিংস আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংঘর্ষের ঘটনায় মেট্রোপলিটন পুলিশের তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি।

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৫:৬
ছুটি উপভোগের সেরা শহর ডালাস
যুক্তরাষ্ট্রের ১০০ শহরের র‍্যাঙ্কিংয়ে সপ্তাহজুড়ে ছুটি উপভোগের সেরা শহর ডালাস, দ্বিতীয় আটলান্টা

যুক্তরাষ্ট্রে ছুটি কাটানোর জন্য সবচেয়ে আকর্ষণীয় শহর হিসেবে প্রথম স্থান পেয়েছে টেক্সাসের ডালাস। দ্বিতীয় অবস্থানে রয়েছে জর্জিয়ার আটলান্টা এবং তৃতীয় স্থানে টেক্সাসের সান আন্তোনিও। ব্যক্তিগত অর্থব্যবস্থাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওয়ালেটহাবের ২০২৬ সালের নতুন র‍্যাঙ্কিংয়ে দেশের ১০০টি বড় শহরের ওপর বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করা হয়েছে। ভ্রমণের খরচ, রেস্তোরাঁ, উৎসবের পরিবেশ, আবহাওয়া, নিরাপত্তা, বিমান চলাচল এবং স্বেচ্ছাসেবার সুযোগসহ মোট ১৮টি সূচক বিবেচনায় নেওয়া হয়েছে।   ওয়ালেটহাবের গবেষণায় শুধু ছুটির দিনের খাবার বা পারিবারিক আয়োজন নয়, পুরো ছুটির সপ্তাহান্তের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কোথায় কম খরচে ভালো খাবার পাওয়া যাবে, কোথায় উৎসবের পরিবেশ বেশি, কোন শহরে যাতায়াত তুলনামূলক সহজ এবং কোথায় আবহাওয়ার কারণে ভ্রমণ ব্যাহত হওয়ার আশঙ্কা কম, এসব বিষয় বিশ্লেষণ করা হয়েছে। বিশেষ করে নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের চাপ বাড়ায় ফ্লাইট বিলম্ব ও বাতিলের ঝুঁকিও র‍্যাঙ্কিংয়ে বিবেচনা করা হয়েছে।   তালিকার শীর্ষে থাকা ডালাসের বড় সুবিধা উন্নত মানের রেস্তোরাঁ, উৎসবের সাজসজ্জা কেনার পর্যাপ্ত সুযোগ এবং অনুকূল আবহাওয়া। ওয়ালেটহাবের বিশ্লেষক চিপ লুপো জানিয়েছেন, শহরটির বাসিন্দাদের মধ্যে উৎসব নিয়ে আগ্রহও তুলনামূলক বেশি। গুগলে উৎসবসংক্রান্ত অনুসন্ধানের তথ্যও তাঁদের মূল্যায়নে বিবেচনা করা হয়েছে।   দ্বিতীয় অবস্থানে থাকা আটলান্টার অন্যতম শক্তিশালী দিক বিমান চলাচলের সময়ানুবর্তিতা। শহরটির বিমানবন্দরে ফ্লাইট সময়মতো পরিচালনার রেকর্ড তুলনামূলক ভালো। পাশাপাশি উৎসব ও ঐতিহ্য বিভাগে আটলান্টা প্রথম এবং দাতব্য ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে দ্বিতীয় স্থান পেয়েছে। অন্যদিকে তৃতীয় স্থানে থাকা সান আন্তোনিওর প্রধান সুবিধা তুলনামূলক কম খরচে উৎসবের খাবার পাওয়া। ফলে সীমিত বাজেটে ছুটি কাটাতে চাওয়া মানুষের জন্য শহরটি আকর্ষণীয় বিকল্প।   শীর্ষ ১০ শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কেন্টাকির লুইসভিল, পঞ্চমে নেভাদার লাস ভেগাস, ষষ্ঠে অ্যারিজোনার স্কটসডেল, সপ্তমে টেক্সাসের হিউস্টন, অষ্টমে ভার্জিনিয়া বিচ, নবমে ম্যাসাচুসেটসের বোস্টন এবং দশমে ভার্জিনিয়ার চেসাপিক। টেক্সাসের একাধিক শহর তালিকায় জায়গা পেয়েছে। ডালাস, সান আন্তোনিও ও হিউস্টনের পাশাপাশি প্লানো রয়েছে ১২তম এবং আরলিংটন ১৭তম অবস্থানে।   নিউইয়র্ক ও আশপাশের শহরগুলোর অবস্থানও র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছে। নিউইয়র্ক সিটি রয়েছে ২৭তম স্থানে। বাফেলো ৭০তম, নিউ জার্সির জার্সি সিটি ৮২তম এবং নিউয়ার্ক রয়েছে ৯৭তম অবস্থানে। ফলে শীতকালীন ছুটিতে ভ্রমণের পরিকল্পনা করা নিউইয়র্ক অঞ্চলের বাসিন্দারা চাইলে র‍্যাঙ্কিং অনুযায়ী অন্য শহরগুলোর সুযোগ-সুবিধাও বিবেচনা করতে পারেন।   এবারের ছুটির মৌসুমে বিমানবন্দরে যাত্রীদের চাপও বড় উদ্বেগের বিষয়। ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো দিয়ে প্রায় ২ কোটি ৯০ লাখ যাত্রী যাতায়াত করতে পারেন বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। নভেম্বরের শেষ দিকে বৃষ্টি ও তুষারপাতের কারণে ফ্লাইট বিলম্ব এবং বাতিলের ঘটনা ঘটতে পারে। ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিস্টোফার শ্যাবার্গের মতে, একটি বিমানবন্দরে আবহাওয়াজনিত কারণে ফ্লাইট বিলম্ব হলে তার প্রভাব অন্য বিমানবন্দর ও অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়তে পারে।   দীর্ঘ ছুটিতে খাবার ও কেনাকাটার ব্যয়ও অনেক পরিবারের বাজেটে প্রভাব ফেলতে পারে। ওয়ালেটহাবের প্রতিবেদনে বলা হয়েছে, ছুটির সপ্তাহান্তে ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডেসহ কেনাকাটার জন্য একজন ক্রেতার গড় ব্যয় প্রায় ৩৩৮ ডলার হতে পারে। ভ্রমণের সময় অর্থ সাশ্রয়ের জন্য অধ্যাপক শ্যাবার্গ যাত্রীদের নিরাপত্তা তল্লাশি পার হওয়ার পর ব্যবহারের জন্য খালি পানির বোতল সঙ্গে রাখা, অপেক্ষার সময় পড়ার জন্য বই নেওয়া এবং আরামদায়ক জুতা ও হালকা জ্যাকেট পরার পরামর্শ দিয়েছেন।   সংবাদসূত্র: ওয়ালেটহাব, ফক্স লোকাল, ওয়াশিংটন ইউনিভার্সিটি।

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৪:৪৯
ইউ-হল ট্রাক চালিয়ে পাড়ি দিয়েছেন গ্রেগ সোয়ান
টেক্সাসে ফ্লাইট বাতিল, গাড়িও উধাও; এআইয়ের পরামর্শে ১২০০ মাইল ট্রাক চালিয়ে বাড়ি ফিরলেন যাত্রী

যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে মিনেসোটায় পরিবারের কাছে ফিরতে বিমানের টিকিট না পেয়ে ১ হাজার ২০০ মাইলের পথ ইউ-হল ট্রাক চালিয়ে পাড়ি দিয়েছেন গ্রেগ সোয়ান নামের এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) দেশজুড়ে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞার কারণে তাঁর যাত্রা বাতিল হয়ে যায়। পরে বিকল্প ফ্লাইট ও ভাড়ার গাড়ি না পেয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় অন্য পথ খুঁজতে গিয়ে ১০ ফুটের একটি ইউ-হল ট্রাক ভাড়া করেন তিনি। প্রায় ২১ ঘণ্টার যাত্রা শেষে মিনেসোটায় পরিবারের কাছে পৌঁছান।   মিনিয়াপোলিসের বাসিন্দা গ্রেগ সোয়ান একটি সম্মেলনে অংশ নিতে টেক্সাসের অস্টিনে গিয়েছিলেন। শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রজুড়ে এফএএর গ্রাউন্ড স্টপ জারির পর তাঁর নির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে যায়। পরে শনিবারের জন্য নতুন ফ্লাইট বুক করা হলেও রাত প্রায় ৩টার দিকে আবার বাতিলের বার্তা পান তিনি। এরপর দ্রুত বাড়ি ফেরার বিকল্প খুঁজতে শুরু করেন।   কিন্তু পরিস্থিতি সহজ ছিল না। বিমানবন্দরের আশপাশে ভাড়ার গাড়ি পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে ফ্লাইটের অনিশ্চয়তায় অপেক্ষা করার মতো সময়ও তাঁর হাতে ছিল না। এ অবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিকল্প যাতায়াতের উপায় খুঁজতে গিয়ে ইউ-হল ট্রাক ভাড়া করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর ১০ ফুটের মালবাহী ট্রাক নিয়ে মিনেসোটার উদ্দেশে রওনা হন।   গ্রেগের এই যাত্রা সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে। ১৫ নভেম্বর নিজের পোস্টে তিনি আটকে পড়া অন্য যাত্রীদের পরামর্শ দিয়ে লেখেন, ফ্লাইট বা ভাড়ার গাড়ি না পেলে ইউ-হল ভাড়া করার কথা ভাবতে পারেন। তাঁর নিজের অভিজ্ঞতায় যাত্রাটি বেশ কষ্টকর হলেও শেষ পর্যন্ত বাড়ি ফিরতে পেরেছেন বলে জানান তিনি।   এর আগে ১৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে এফএএর দেশব্যাপী গ্রাউন্ড স্টপের কারণে কয়েক ঘণ্টা বিমান চলাচল ব্যাহত হয়। আকাশপথের নিয়ন্ত্রণ ও যোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। এর প্রভাব পরবর্তী দিনগুলোতেও যাত্রীদের ভোগান্তিতে ফেলে।   সংবাদসূত্র: ডব্লিউটিএসপি

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৪:১৪
‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
২৬ বছরের গর্বের অর্জন হারাল যুক্তরাষ্ট্র! টিকা নিয়ে অবিশ্বাস আর ভুল তথ্যের খেসারত?

তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবের মুখে পড়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র। টানা ২৬ বছর ধরে বজায় রাখা জনস্বাস্থ্যের এই বড় অর্জন হাতছাড়া হওয়ার মধ্য দিয়ে দেশটিতে রোগটি আবারও ‘স্থানীয়ভাবে সংক্রামক’ হিসেবে ফিরে এলো।   বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আমেরিকা অঞ্চলভিত্তিক শাখা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পাহো) মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পাশাপাশি বলিভিয়া ও মেক্সিকোতেও হামকে স্থানীয় সংক্রামক রোগ হিসেবে ঘোষণা করেছে। কোনো দেশে একই ধরনের ভাইরাসের ধরন টানা অন্তত ১২ মাস ধরে নিরবচ্ছিন্নভাবে ছড়াতে থাকলে এই মর্যাদা বাতিল করা হয়।   পাহোর পরিচালক ড. জারবাস বারবোসা জানান, আঞ্চলিক পর্যবেক্ষণ ও পুনঃযাচাইকরণ কমিশন (আরভিসি) যুক্তরাষ্ট্রের হামমুক্ত মর্যাদা প্রত্যাহারের সুপারিশ করেছিল, যা তিনি গ্রহণ করেছেন। উল্লেখ্য, ২০০০ সালে যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে হামমুক্ত ঘোষণা করা হয়েছিল।   যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) দেওয়া তথ্য-উপাত্ত পর্যালোচনার পর এই সিদ্ধান্ত আসে। সিডিসির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ৭ হাজার ৭০০ জন হামে আক্রান্ত হয়েছেন, যা গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ।   টিকা-ভীতি ও নেতৃত্বের সংকট বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে টিকা নেওয়ার হার কমে যাওয়াই এই পরিস্থিতির মূল কারণ। বর্তমান স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের সময়ে টিকা নিয়ে মানুষের মধ্যে দ্বিধা ও অবিশ্বাস বেড়েছে। দায়িত্ব নেওয়ার আগে ও পরে তিনি বিজ্ঞানসম্মত প্রমাণ উপেক্ষা করে হাম, মাম্পস ও রুবেলার সম্মিলিত টিকা (এমএমআর)-এর কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।   বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রাক-বিদ্যালয়গামী শিশুদের মধ্যে এমএমআর টিকা নেওয়ার হার কমে প্রায় ৯২ শতাংশে দাঁড়িয়েছে, যা বড় ধরনের প্রাদুর্ভাব ঠেকানোর প্রয়োজনীয় মাত্রার চেয়ে কম।   এদিকে মৃত্যুর সংখ্যা নিয়েও কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। সিডিসি চলতি বছর হামে ৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত করলেও পেনসিলভানিয়া, উইসকনসিন ও নিউইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা মোট ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছেন।   বিশেষজ্ঞদের উদ্বেগ ও বৈশ্বিক ঝুঁকি পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর ইনফেকশাস ডিজিজ ডাইনামিকসের পরিচালক অধ্যাপক ম্যাট ফেরারি এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের জন্য ‘অবমাননাকর’ ও একটি ‘সতর্কবার্তা’ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, যে যুক্তরাষ্ট্র একসময় বিশ্বজুড়ে হাম নির্মূলের আদর্শ ছিল, আজ তাদেরই অন্য দেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হচ্ছে।   কলোরাডো বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ ও মহামারীবিদ্যা বিভাগের অধ্যাপক এডউইন আস্তুরিয়াস একে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য কর্মসূচির ওপর একটি ‘কলঙ্ক’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, বর্তমানে আক্রান্তদের প্রায় ৪০ শতাংশই ২০ বছরের বেশি বয়সী প্রাপ্তবয়স্ক। তাই কেবল শিশু চিকিৎসকদের ওপর নির্ভর না করে কর্মক্ষেত্র ও উপাসনালয়ে টিকাদান কর্মসূচি ছড়িয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি।   আস্তুরিয়াস আরও সতর্ক করে বলেন, আন্তর্জাতিক ভ্রমণ ও অভিবাসনের কারণে এই ঝুঁকি এখন আর কেবল যুক্তরাষ্ট্রের সীমানার ভেতরে সীমাবদ্ধ নেই। টিকা না নেওয়া ব্যক্তি, ক্যানসার রোগী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা মানুষদের জন্য এটি বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।   ভবিষ্যৎ করণীয় জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, প্রাদুর্ভাব মোকাবিলায় ভারতের মতো দেশগুলোর কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়ার মডেল অনুসরণ করা যেতে পারে। এরই মধ্যে পেনসিলভানিয়া অঙ্গরাজ্য সংক্রমণপ্রবণ এলাকায় ছয় মাস বা তার বেশি বয়সী শিশুদের জন্য আগাম ‘ডোজ জিরো’ দেওয়ার সুপারিশ করেছে।   তবে কেন্দ্রীয় পর্যায়ে নীতিগত বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা কম। সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ জানিয়েছেন, হাম মোকাবিলায় তাদের বর্তমান কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হবে না। বিশেষজ্ঞদের মতে, জনস্বাস্থ্য ব্যবস্থায় দক্ষ নেতৃত্বের অভাবই আজকের এই পরিস্থিতির জন্য দায়ী। সূত্র: আল জাজিরা, এনবিসি।

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৩:৩৯
মহাকাশযান ‘ভয়েজার ১’ (Voyager 1)
মহাকাশে মানবপ্রযুক্তির ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে ভয়েজার ১

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘ভয়েজার ১’ (Voyager 1) মানব ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছে। পৃথিবী থেকে এটি এখন প্রায় এক আলোক-দিন দূরত্বে অবস্থান করছে। মহাকাশে মহাবিশ্বের দ্রুততম মাধ্যম হিসেবে পরিচিত আলোর পক্ষে এই দূরত্ব অতিক্রম করতে পূর্ণ ২৪ ঘণ্টা বা এক দিন সময় লাগে।   ১৯৭৭ সালে মহাশূন্যে পাড়ি জমানোর পর থেকে প্রায় ৪৯ বছর ধরে সফলভাবে যাত্রা অব্যাহত রাখা এই রোবটিক প্রোবটি এখন আমাদের চেনা সৌরজগতের বাইরে ইন্টারস্টেলার স্পেস বা নক্ষত্রমণ্ডলীয় শূন্যতায় অবস্থান করছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সুদূর দূরত্বে পৌঁছানো কোনো মানবনির্মিত প্রথম বস্তু হলো এই ভয়েজার ১।   মহাকাশের এই অবিশ্বাস্য দূরত্বকে সহজভাবে বোঝাতে গবেষকরা কিছু চমকপ্রদ তুলনা তুলে ধরেছেন। ঘণ্টায় ৫৫৪ কিলোমিটার বেগের কোনো জেট প্লেনে চড়ে এই দূরত্ব পাড়ি দিতে চাইলে প্রায় ৩,৩৪০ বছর সময় লাগবে এবং ফুয়েল ফুরিয়ে যাবে। অর্থাৎ প্রাচীন মিসরের ফারাও তুতেনখামেনের রাজত্বকালের সময় কোনো বিমান যাত্রা শুরু করলে তা আজ গিয়ে পৌঁছাত। এমনকি ঘণ্টায় ৬ মাইল বেগে মহাশূন্যে গাড়ি চালালে এই যাত্রায় প্রায় ২৮,২৫০ বছর লেগে যেত, যা শুরু হয়েছিল বরফ যুগের (Ice Age) সময়ে   হাকাশযানটির বর্তমান দূরত্বের কারণে পৃথিবী থেকে কোনো সিগন্যাল বা বার্তা পাঠালে তা পৌঁছাতে পূর্ণ ২৪ ঘণ্টা সময় নেয় এবং সেখান থেকে জবাব আসতে আরও ২৪ ঘণ্টা, অর্থাৎ মোট ৪৮ ঘণ্টার দীর্ঘ অপেক্ষা করতে হয় বিজ্ঞানীদের। ভয়েজার ১-এর এই ঐতিহাসিক অর্জনকে উদ্‌যাপন করতে নাসা বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীদের রাতে আকাশে ফ্ল্যাশলাইট বা ফোনের আলো জ্বেলে ‘মর্স কোড’ (Morse Code)-এর মাধ্যমে ‘ভিজিআর’ (VGR) সংকেত পাঠানোর আহ্বান জানিয়েছে। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে মানবজাতির প্রকৌশল বিদ্যার উৎকর্ষের প্রতীক হয়ে মহাশূন্যের অজানা রহস্য ভেদ করে চলেছে এই মহাকাশযান। উৎস: নাসা, ম্যাশেবল।

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১৩:১৪
যুক্তরাষ্ট্রজুড়ে গ্রাউন্ড স্টপ
যুক্তরাষ্ট্রজুড়ে গ্রাউন্ড স্টপ: এফএএ-এর আপডেট স্থগিত রাখার দাবি মার্কিন সিনেটরদের

যুক্তরাষ্ট্রে সম্প্রতি ঘটে যাওয়া নজিরবিহীন ফ্লাইট বিপর্যয় এবং দেশব্যাপী গ্রাউন্ড স্টপের পর কঠোর অবস্থান নিয়েছেন দেশটির আইনপ্রণেতারা। গত সপ্তাহে ঘটে যাওয়া ওই প্রযুক্তিগত ত্রুটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ফেডারেল এভিয়েশন প্রশাসনকে (FAA) তাদের নেটওয়ার্ক আপগ্রেড বা রাউটার পরিবর্তনের কাজ স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট মার্কিন সিনেটররা।   সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্প্রতি এফএএ-এর আধুনিকায়ন প্রকল্পের অংশ হিসেবে নেটওয়ার্ক রাউটার ও টেলিযোগাযোগ ব্যবস্থা পরিবর্তনের কাজ চলছিল। কিন্তু গত সপ্তাহে হঠাৎ করেই এই আপগ্রেড প্রক্রিয়ার জেরে সৃষ্ট গোলযোগে মার্কিন আকাশসীমায় নজিরবিহীন স্থবিরতা দেখা দেয়। এর ফলে হাজার হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়, যা গত ৯/১১ হামলার পর দেশটিতে সবচেয়ে বড় বিমান চলাচলের অচলাবস্থার সৃষ্টি করেছিল।   এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ১৩ জন ডেমোক্র্যাট সিনেটর এফএএ কর্তৃপক্ষের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছেন যে, নিরাপত্তার ঝুঁকি এবং সিস্টেমের নির্ভরযোগ্যতা নিশ্চিত না করে এই বিশাল কর্মযজ্ঞ এগিয়ে নেওয়া উচিত নয়। হাজার হাজার রাউটার পরিবর্তনের বাকি কাজগুলো অবিলম্বে থামিয়ে আগে বর্তমান ত্রুটিগুলো দূর করার দাবি জানিয়েছেন তারা।   এর আগে পরিবহন বিভাগ ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এই আধুনিকায়ন কাজকে অপরিহার্য বলে দাবি করলেও, সিনেটরদের এই কড়া পদক্ষেপের ফলে এফএএ-এর প্রযুক্তিগত সংস্কার কার্যক্রমে নতুন জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সোর্স: আল জাজিরা।

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১২:৪৯
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও গবেষকদের অবস্থানের সময়সীমা সংক্রান্ত ট্রাম্প প্রশাসনের নতুন বিধি বাতিল। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের অবস্থানসীমা চাপানোর বিধি বাতিল করল ফেডারেল

যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী, গবেষক ও সাংবাদিকদের অবস্থানের সময়সীমা নির্দিষ্ট করে দেওয়ার ট্রাম্প প্রশাসনের নতুন অভিবাসন বিধি বাতিল করেছেন একটি ফেডারেল আদালত। সোমবার (১৬ নভেম্বর) ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের জেলা আদালতের বিচারক এফ ডেনিস সেলর চূড়ান্ত রায়ে বিধিটি সম্পূর্ণ বাতিল করেন। এর ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আগের নিয়ম বহাল থাকছে।   আদালতের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরতে পারে এফ-১ শিক্ষার্থী ভিসা, জে-১ বিনিময় ভিজিটর ভিসা এবং আই ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের মধ্যে। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদি উচ্চশিক্ষা, গবেষণা কিংবা সাংবাদিকতার কাজে দেশটিতে রয়েছেন, তাঁদের জন্য সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ।   চলতি বছরের ১৭ জুলাই যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ নতুন বিধিটি প্রকাশ করে। এতে আন্তর্জাতিক শিক্ষার্থী ও বিনিময় ভিজিটরদের জন্য সর্বোচ্চ চার বছরের নির্দিষ্ট অবস্থানকাল নির্ধারণের প্রস্তাব করা হয়েছিল। অন্যদিকে, বিদেশি সাংবাদিকদের আই ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানের সময়সীমা ২৪০ দিনে সীমিত করার কথা বলা হয়। নির্ধারিত সময়ের বেশি থাকতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করতে হতো। নতুন বিধিতে শিক্ষার্থীদের পড়াশোনার বিষয় পরিবর্তন, যৌথ ডিগ্রি অর্জন এবং একই বা নিম্ন শিক্ষাস্তরে নতুন শিক্ষাক্রমে ভর্তির ক্ষেত্রেও বিধিনিষেধ যুক্ত করা হয়েছিল।   তবে নতুন নিয়মের বিরুদ্ধে মামলা করে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষাবিদ ও সাংবাদিকদের আটটি সংগঠনের একটি জোট। তাদের অভিযোগ ছিল, নতুন বিধি তৈরির ক্ষেত্রে সম্ভাব্য আর্থিক ও প্রশাসনিক ক্ষতির যথাযথ মূল্যায়ন করেনি স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ। জালিয়াতি ও জাতীয় নিরাপত্তার অজুহাতে এমন কঠোর বিধিনিষেধ আরোপের যথেষ্ট ভিত্তিও দেখাতে পারেনি বিভাগটি। পাশাপাশি বিদ্যমান নজরদারি ব্যবস্থা আরও কার্যকর করার বিকল্পগুলোও যথাযথভাবে বিবেচনা করা হয়নি।   আদালতের পর্যবেক্ষণে বলা হয়, যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের অবস্থান পর্যবেক্ষণের জন্য আগে থেকেই শিক্ষার্থী ও বিনিময় ভিজিটর তথ্যব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের ঠিকানা, পড়াশোনার অগ্রগতি ও শিক্ষাগত অবস্থার তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করা হয়। ফলে বিদ্যমান ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিকল্প বিবেচনা না করে নতুন কঠোর নিয়ম চালুর যৌক্তিকতা স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ যথাযথভাবে প্রতিষ্ঠা করতে পারেনি।   বিচারক আরও উল্লেখ করেন, নতুন বিধি কার্যকর হলে পিএইচডি কর্মসূচির মতো দীর্ঘমেয়াদি গবেষণা, একাধিক বিষয়ে যৌথ ডিগ্রি এবং শিক্ষার্থীদের শিক্ষার বিষয় পরিবর্তনের সুযোগ বাধাগ্রস্ত হতে পারত। কংগ্রেসের উদ্দেশ্য ছিল বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ দেওয়া ও উৎসাহিত করা। অথচ নতুন বিধি সেই সুযোগ সীমিত করার ঝুঁকি তৈরি করেছিল।   এর আগে ১৪ সেপ্টেম্বর একই আদালত প্রাথমিক নিষেধাজ্ঞা দিয়ে বিধিটির কার্যকারিতা স্থগিত করেছিলেন। এবার চূড়ান্ত রায়ে সেটি সম্পূর্ণ বাতিল করা হলো। ফলে দেশজুড়ে আগের অবস্থানকালভিত্তিক ব্যবস্থা বহাল থাকছে। এই ব্যবস্থায় শিক্ষার্থীরা তাঁদের অনুমোদিত শিক্ষাক্রমে অগ্রগতি বজায় রাখা এবং ভিসার শর্ত মেনে চলার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারেন।   তবে আদালতের এই রায় ভিসার স্ট্যাম্পের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নয়। যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমোদিত সময় এবং ভিসার স্ট্যাম্পের মেয়াদ দুটি আলাদা বিষয়। অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের সামনে এই চূড়ান্ত রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১২:৩১
গভর্নর নিউসাম
ক্যালিফোর্নিয়ার পক্ষ থেকে ইউক্রেনে বড় ধরনের চিকিৎসা সহায়তা পাঠালেন গভর্নর নিউসাম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসাম ইউক্রেন সফর করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সংঘাতের দীর্ঘ সময়ে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যখাত ও চিকিৎসাসেবা শক্তিশালী করতে তিনি নতুন এক বিশাল মানবিক ও চিকিৎসা সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন।   গত ১৫ নভেম্বর ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় লভিভ (Lviv) শহর সফরকালে গভর্নর নিউসাম এই সহায়তার ঘোষণা দেন। ক্যালিফোর্নিয়া গভর্নরের অফিস অব ইমার্জেন্সি সার্ভিসেস (Cal OES)-এর মাধ্যমে প্রেরিত এই চালানে রয়েছে ১ হাজার ৩০০টির বেশি হাসপাতাল বিছানা, প্রায় ১ কোটি ১০ লাখ ব্যান্ডেজ, হাজার হাজার ক্ষত নিরাময় সামগ্রী, প্রতিরক্ষামূলক সরঞ্জাম এবং ২০টি পোর্টেবল জেনারেটর। এর পাশাপাশি, চিকিৎসা সেবাকে দ্রুত সচল করতে একটি ৫০ শয্যার বিশেষ মোবাইল মেডিকেল স্টেশনও অনুদান হিসেবে দেওয়া হয়েছে।   সফরকালে গভর্নর নিউসাম লভিভের লিচাকোভ কবরস্থানে (Lychakiv Cemetery) নিহত ইউক্রেনীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানান এবং রিজিওনাল ভেটেরান্স হসপিটাল ও সুপারহিউম্যান্স সেন্টার পরিদর্শন করে যুদ্ধাহত ইউক্রেনীয় সেনা ও নাগরিকদের সাথে সময় কাটান। এছাড়াও তিনি ইউক্রেনের প্রতিরক্ষা প্রযুক্তি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন।   গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে গভর্নর নিউসাম বলেন, ইউক্রেনের জনগণ এই যুদ্ধ বেছে নেয়নি; তারা নিজেদের স্বাধীনতা, গণতন্ত্র এবং ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রক্ষা করতে লড়ছে। তাদের এই সাহসিকতা পুরো মুক্ত বিশ্বকে অনুপ্রাণিত করেছে উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটনের রাজনৈতিক পটপরিবর্তন যাই হোক না কেন, ইউক্রেনের বিশ্বস্ত ও স্থায়ী অংশীদার হিসেবে ক্যালিফোর্নিয়া সবসময় পাশে থাকবে।   ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে দেশটির স্বাস্থ্য ও চিকিৎসা খাতে বিভিন্ন সময় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে এমন ধারাবাহিক সহায়তা প্রদান করা হয়ে আসছে। সোর্স: সিএনএন।

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১২:১৯
ইইউর সঙ্গে আসন্ন ব্রেক্সিট রিসেট চুক্তি থেকে পিছু হটলে যুক্তরাজ্যকে কোটি কোটি পাউন্ড জরিমানার শঙ্কা। ছবি: সংগৃহীত
ব্রেক্সিটের নতুন চুক্তিতে বড় আর্থিক ঝুঁকির মুখে যুক্তরাজ্য: পিছু হটলে গুণতে হবে জরিমানা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে আসন্ন ব্রেক্সিট রিসেট বা পুনর্নির্ধারণ চুক্তি থেকে ভবিষ্যতে কোনো সরকার পিছু হটলে যুক্তরাজ্যকে কোটি কোটি পাউন্ড জরিমানা দিতে হতে পারে। ব্রাসেলসে স্বাক্ষর হতে যাওয়া এই নতুন চুক্তি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।   প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত এই চুক্তির আওতায় যুক্তরাজ্য ও ইইউ-এর মধ্যে খাদ্যপণ্য এবং পশুপালনের মান ও কল্যাণবিধি অভিন্ন রাখার বিষয়ে ঐকমত্য হতে যাচ্ছে। এর বিনিময়ে ইউরোপীয় ইউনিয়ন তাদের খাদ্য ও কৃষি পণ্যের ওপর থেকে কঠোর কাগজপত্র এবং শারীরিক পরীক্ষা-নিরীক্ষার বাধ্যবাধকতা তুলে নেবে, যা ব্রিটিশ অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে।   তবে রাজনৈতিক মহলে এ নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ইতোমধ্যে রিফর্ম ইউকে পার্টির প্রধানের মতো রাজনৈতিক ব্যক্তিবর্গ ঘোষণা দিয়েছেন যে, তারা ভবিষ্যতে ক্ষমতায় গেলে এই চুক্তি বাতিল বা পরিবর্তন করবেন। সমালোচকরা একে ‘ফ্যারেজ জরিমানা’ হিসেবে অভিহিত করে বলছেন, সরকারের পরিবর্তনের কারণে চুক্তি ভেস্তে গেলে দেশকে বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়তে হবে।    অন্যদিকে, সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে যে আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে এ ধরনের ক্ষতিপূরণের ধারা একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা উভয় পক্ষের সুরক্ষার জন্যই রাখা হয়।   সূত্র: আনাদোলু এজেন্সি

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১১:৫৯
যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে ১ হাজার ৭০০ ডলার ফেরত দেওয়ার প্রস্তাব কংগ্রেসম্যান রো খান্নার। ছবি: সংগৃহীত
ইরান যুদ্ধের প্রভাব সামলাতে মার্কিন পরিবারকে ১,৭০০ ডলার ফেরত দেওয়ার প্রস্তাব

ইরান যুদ্ধের কারণে জ্বালানি, খাদ্য ও বিদ্যুতের বাড়তি খরচ সামাল দিতে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে ১ হাজার ৭০০ ডলার করে ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছেন ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট কংগ্রেসম্যান রো খান্না। সোমবার (১৬ নভেম্বর) তিনি এ প্রস্তাব সামনে আনেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারিতে কংগ্রেসের নতুন অধিবেশনের শুরুতেই এ অর্থ দেওয়ার বিষয়ে আইন পাসের উদ্যোগ নেওয়া উচিত।   খান্নার বক্তব্য, ইরান যুদ্ধ এবং এর ফলে তেল পরিবহন ব্যবস্থায় সৃষ্ট বিঘ্নের কারণে সাধারণ মার্কিন পরিবারকে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। বিশেষ করে গ্যাসোলিন, খাদ্যপণ্য ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় পারিবারিক বাজেটে চাপ তৈরি হয়েছে। এই বাড়তি ব্যয়ের ক্ষতিপূরণ হিসেবেই ১ হাজার ৭০০ ডলারের চেক দেওয়ার প্রস্তাব করেছেন তিনি।   সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় খান্না বলেন, এই অর্থ দিয়ে পরিবারগুলোর বাড়তি গ্যাসোলিনের খরচ, খাদ্যপণ্যের দাম এবং বিদ্যুৎ বিলের চাপ কিছুটা পুষিয়ে দেওয়া সম্ভব হবে। তিনি ডেমোক্র্যাটদের উদ্দেশে বলেন, এখন তাঁদের সামনে সাধারণ মানুষের জন্য কিছু করার সুযোগ রয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহেই হাউস অব রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে এ সংক্রান্ত বিল পাস করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানোর আহ্বান জানান তিনি।   এদিকে, মুডিস অ্যানালিটিকসের প্রধান অর্থনীতিবিদ মার্ক জান্ডির হিসাব অনুযায়ী, ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের একটি পরিবারের গড় অতিরিক্ত ব্যয় প্রায় ২ হাজার ডলারে পৌঁছেছে। দেশজুড়ে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে আনুমানিক ২৬৫ বিলিয়ন ডলার। জ্বালানি ব্যয়, ঋণের সুদ এবং সামরিক অভিযানের খরচকে এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।   আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএএ) তথ্য অনুযায়ী, ১৬ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন নিয়মিত গ্যাসোলিনের জাতীয় গড় দাম ছিল ৩ ডলার ৮১ সেন্ট। এক বছর আগে একই সময়ে দাম ছিল প্রায় ৩ ডলার ৭ সেন্ট। অন্যদিকে ডিজেলের গড় দাম প্রায় ৬ ডলারে পৌঁছেছে। ফলে পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যয় নিয়েও উদ্বেগ রয়েছে।   এর আগে গত ১৭ সেপ্টেম্বর খান্না ‘ইলিগ্যাল ওয়ার রিফান্ড অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করেছিলেন। এতে ইরান যুদ্ধের কারণে জ্বালানি, খাদ্য, মূল্যস্ফীতি ও সুদের হার বৃদ্ধির ফলে মার্কিন করদাতাদের মোট অর্থনৈতিক ক্ষতি হিসাব করার প্রস্তাব রয়েছে। সেই হিসাবের সমপরিমাণ অর্থ প্রতিরক্ষা বিভাগের অব্যবহৃত তহবিল থেকে নিয়ে যোগ্য করদাতা ও তাঁদের নির্ভরশীলদের মধ্যে সমানভাবে বিতরণের কথা বলা হয়েছে। তবে ওই বিলে নির্দিষ্টভাবে ১ হাজার ৭০০ ডলার দেওয়ার কথা উল্লেখ নেই। বিলটি এখনো সংশ্লিষ্ট হাউস কমিটিগুলোর বিবেচনায় রয়েছে।   তাই খান্নার নতুন প্রস্তাব বাস্তবায়িত হয়েছে, এমন নয়। পরিবারপ্রতি ১ হাজার ৭০০ ডলার দেওয়ার জন্য কংগ্রেসের উভয় কক্ষে আইন পাস এবং প্রেসিডেন্টের অনুমোদন প্রয়োজন হবে। প্রস্তাবটি শেষ পর্যন্ত কতটা সমর্থন পায় এবং ডেমোক্র্যাটরা নতুন কংগ্রেসে বিষয়টিকে অগ্রাধিকার দেন কি না, এখন সেটিই দেখার বিষয়।   সূত্র: দ্য হিল

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১১:৪৬
বড়দিনের ছুটির মৌসুম সামনে রেখে ইউরোপজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা। ছবি সংগৃহীত
হামলার আশঙ্কায় নাগরিকদের জন্য ইউরোপজুড়ে নিরাপত্তা সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

আসন্ন বড়দিনের ছুটির মৌসুমকে সামনে রেখে ইউরোপজুড়ে বসবাসরত ও ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য একটি সমন্বিত নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোর মাধ্যমে এই কড়া সতর্কতা জারি করা হয়। এতে বলা হয়েছে, উৎসবের দিনগুলোতে সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধী চক্রগুলো বড় ধরনের জনসমাগমস্থল এবং উন্মুক্ত স্থানগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে।   সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, পর্যটনকেন্দ্র, ছুটির দিনগুলোর বিশেষ বাজার (হলিডে মার্কেট), শপিং মল, পরিবহন কেন্দ্র এবং উপাসনালয়ের মতো জনবহুল স্থানগুলোতে যেকোনো সময় পূর্ব সতর্কতা ছাড়াই হামলা হতে পারে। বিশেষ করে হামলাকারীরা ‘সুযোগসন্ধানী’ বা একক ব্যক্তি হিসেবেও (লোন অ্যাক্টর) এ ধরনের হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   পাশাপাশি, চলতি মাসে ইউরোপীয় বিমান চলাচল খাতকে লক্ষ্য করে বেশ কিছু ভুয়া বোমা হামলার হুমকির ঘটনা এবং এর ফলে তৈরি হওয়া ভ্রমণ বিঘ্নিত হওয়ার বিষয়টির প্রতিও নাগরিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মার্কিন নাগরিকদের ভিড় এড়িয়ে চলতে, স্থানীয় খবরের প্রতি নজর রাখতে এবং ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া যেকোনো জরুরি আপডেট পেতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের 'স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম (STEP)'-এ নিজেদের নাম নথিভুক্ত করার জন্য বলা হয়েছে।   সোর্স: আনাদোলু এজেন্সি।

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২৬ ১১:৩২